Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Maharashtra Crisis: বিজেপির মাস্টারস্ট্রোক! মহারাষ্ট্রে ক্ষমতায় শিবসেনাই, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

    Maharashtra Crisis: বিজেপির মাস্টারস্ট্রোক! মহারাষ্ট্রে ক্ষমতায় শিবসেনাই, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

    মাধ্যম নিউজ ডেস্ক: দেবেন্দ্র ফড়নবিশ নন, মহারাষ্ট্রের ভাবী মুখ্যমন্ত্রীর নাম একনাথ শিন্ডে। 

    এদিন যৌথ সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করলেন দেবেন্দ্র ফড়নবিশ নিজে। তিনি বলেন, হিন্দুত্ব ও বালাসাহেবের আদর্শের পাশাপাশি, আমাদের বিধায়কদের কেন্দ্রগুলিতে উন্নয়নের অ্যাজেন্ডাকে মাথায় রেখেই একনাথকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সন্ধে সাড়ে সাতটায় নতুন মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল বিএস কোশিয়ারি।

    পরতে পরতে নাটক। প্রতি মুহূর্তে পট-পরিবর্তন। মহারাষ্ট্রের মহাসংকট যে কোনও বলিউড ছবিকেও হার খাওয়াবে। এদিন দুপুর পর্যন্ত যে খবর আসছিল, তা হল, ফড়নবিশ হবেন মুখ্যমন্ত্রী, আর একনাথ শিন্ডে হবেন উপ-মুখ্যমন্ত্রী। কিন্তু, কিছুক্ষণের মধ্যেই ফড়নবিশের ঘোষণা কার্যত সকলকে চমকে দিয়েছে। তিনি এও জানিয়ে দেন, নতুন সরকারের মন্ত্রিসভাতেও তিনি থাকছেন না। বললেন, আমি বাইরে থেকে সরকারকে সমর্থন করব। 

    তাঁকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেবেন্দ্র ফড়নবিশ ও বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানান একনাথ শিন্ডে। বললেন, এটা তাদের উদারতা। আমার থেকে তাদের সমর্থন, আসন-শক্তি বেশি। তা সত্ত্বেও আমাকে মুখ্যমন্ত্রী বানালেন। এটাই বা কে করেন? তিনি যোগ করেন, এমভিএ সরকারে কাজ করতে সমস্যা হচ্ছিল। বললেন, বালা সাহেবের হিন্দুত্বকে এগিয়ে নিয়ে যাব।

    ঘোষণার ঠিক আগেই শিন্ডে ও ফড়নবিশ একসঙ্গে গিয়ে রাজ্যপাল কোশিয়ারিরর কাছে সরকার গঠনের দাবি পেশ করেন। সেখানেই ভাবী মুখ্যমন্ত্রীকে মিষ্টিমুখ করান রাজ্যপাল। এদিকে, শিন্ডের নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হতেই রাস্তায় নেমে উৎসব পালন করতে শুরু করেন তাঁর অনুগামীরা। 

    এদিকে সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় বিজেপির ২৫ ও শিণ্ডে শিবিরের ১৩ জন পেতে পারেন মন্ত্রিত্ব। এদিন সন্ধেয় মহারাষ্ট্রে ফের বৈঠক রয়েছে বিজেপি-র। নয়া সরকার গড়ার আগে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে একাধিক বিষয়ে। কাকে কোন দফতর দেওয়া হবে, সেই নিয়েও বিশদ আলোচনা হতে চলেছে ওই বৈঠকে।

    দুসপ্তাহ ধরে টানাপোড়েনের শেষে গতকাল রাতে, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। একইসঙ্গে ছেড়ে দেন বিধান পরিষদের সদস্যপদও। জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা যে প্রমাণ করা অসম্ভব, তা কার্যত মেনে নিয়েই মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন তিনি।

  • Sanjay Raut: ইডির দফতরে হাজিরা সঞ্জয় রাউতের, চলল ১০ ঘণ্টার জেরা

    Sanjay Raut: ইডির দফতরে হাজিরা সঞ্জয় রাউতের, চলল ১০ ঘণ্টার জেরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আগেরবার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু এবার ইডির (Enforcement Directorate) জেরা এড়াতে পারলেন না শিবসেনার (Shiv Sena)  নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। শুক্রবার বেআইনি লেনদেনের মামলায় তাঁকে ১০ ঘণ্টা জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মহারাষ্ট্রে গত দুসপ্তাহের রাজনৈতিক টানাপোড়েনের অবসান হয়েছে বৃহস্পতিবার। পতন হয়েছে মহা বিকাশ আঘারি সরকারের। শিবসেনার ভবিষ্যতও প্রশ্ন চিহ্নের মুখে। আর এর মাঝেই দলের প্রথম সারির নেতা ইডির নজরে।

    আরও পড়ুন: বিজেপি কেন একনাথ শিন্ডের হাতে মহারাষ্ট্রের রাশ ছাড়ল?

    জমি দুর্নীতি মামলায় এর আগেও রাউতকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এতদিন তিনি বিভিন্ন কারণ দেখিয়ে তলব এড়িয়ে যাচ্ছিলেন। তবে একনাথ শিণ্ডের শপথের পরদিন তিনি ইডি দফতরে হাজিরা  দিয়েছেন। সঞ্জয় হাজিরা দেওয়ার আগেই আবার মহা বিকাশ আঘাড়ির আরেক নেতা তথা প্রবীণ রাজনীতিবিদ শরদ পওয়ারও (Sharad Pawar) এদিন কেন্দ্রীয় এজেন্সির নোটিস পেয়েছেন।

    [tw]


    [/tw]

    এদিন সকালেই ট্যুইট করে সঞ্জয় রাউত জানান, তিনি ইডি দফতরে হাজিরা দেবেন। শিব সেনা সমর্থকরা যাতে ইডি দফতরের সামনে জড়ো না হন, সেই অনুরোধও করেন তিনি। ইডি দফতরে গিয়ে সঞ্জয় রাউতের সাফ কথা, “আমি কাউকে ভয় পাই না। জীবনে কোনও অন্যায় করিনি। যদি আমার তলবের পিছনে রাজনীতি থাকে, তাহলেও সেটা পরে বোঝা যাবে। এখন আমার মনে হচ্ছে, আমি নিরপেক্ষ একটি এজেন্সিতে যাচ্ছি। আমি ইডিকে বিশ্বাস করি।”

    আরও পড়ুন: আয়কর দফতর ‘প্রেমপত্র’ পাঠিয়েছে, নোটিশ পেয়ে বললেন পাওয়ার

    শুক্রবার নির্ধারিত সময়ে সকাল সাড়ে এগারোটা নাগাদ দক্ষিণ মুম্বাইয়ের বালার্ড এস্টেটের ইডি দফতরে হাজিরা দেন সঞ্জয় রাউত। রাত সাড়ে নটা নাগাদ ইডি দফতর থেকে বেরোন তিনি। টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

    একটি হাউসিং কমপ্লেক্স তৈরিতে বিপুল আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ইডি দফতরে হাজিরা দিয়ে শিবসেনা সাংসদ বলেন,  তদন্তকারী সংস্থার কাজ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা। সেই কারণেই হাজিরা। আগামী দিনেও তদন্তকারী সংস্থাকে পূর্ণ সহযোগিতা করবেন বলে জানান শিবসেনা নেতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাউতের আলিবাগের আটটি জমি, দাদারের ফ্ল্যাটসহ সমস্ত সম্পত্তির খোঁজ নেন তদন্তকারী আধিকারিকরা। গত এপ্রিল মাসেই সঞ্জয় রাউতের স্ত্রীর নামে থাকা ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশ।

     

     

  • RBI on Crypto Currency: ক্রিপ্টোকারেন্সি কতটা বিপজ্জনক? আমজনতাকে সতর্ক করল আরবিআই

    RBI on Crypto Currency: ক্রিপ্টোকারেন্সি কতটা বিপজ্জনক? আমজনতাকে সতর্ক করল আরবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে (India) বর্তমানে চলছে ক্রিপ্টোকারেন্সির (Crypto Currency) রমরমা কারবার। তবে বেসরকারি এই ক্রিপ্টোকারেন্সিগুলি যে অর্থনীতির বিপদ ডেকে আনতে পারে তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রিজার্ভ ব্যাংকের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। বৃহস্পতিবার ঋণনীতি ঘোষণার পরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন শক্তিকান্তের হুঁশিয়ারি, এই সব ডিজিটাল মুদ্রা লগ্নিকারীদের পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভারতে অর্থনৈতিক এবং আর্থিক স্থিতিশীলতা ফেরাতে আরবিআইয়ের যাবতীয় চেষ্টায়ও ঢালতে পারে জল।

    আরও পড়ুন : তিন মন্ত্রে বাজিমাত, ৭.৫% অর্থনৈতিক বৃদ্ধির আশায় ভারত

    চলতি বছর বাজেটে রিজার্ভ ব্যাংকের ডিজিটাল মুদ্রা আনার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। ক্রিপ্টোকারেন্সির রমরমা ঠেকাতে বাজারে চালু বিটকয়েন, এথেরিয়ামের মতো বেসরকারি ক্রিপ্টোগুলিকে ডিজিটাল সম্পদের তকমা দিয়ে লেনদেন করও চাপানো হয়েছে। তার পরেও চলছে রমরমা কারবার। এমতাবস্থায় সেগুলি সম্পর্কে রিজার্ভ ব্যাংকের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

    তবে আরবিআইয়ের ডিজিটাল মুদ্রা কবে আসবে, সে ব্যাপারে এদিন কিছু বলেননি শক্তিকান্ত। তিনি বলেন, এ ব্যাপারে কোনও তাড়াহুড়ো করতে চাই না। খুব সতর্ক হয়ে এবং সাবধানে পরীক্ষা চালাচ্ছি আর এগোচ্ছি। কারণ এতে একাধিক ঝুঁকি আছে। সব চেয়ে বড় ঝুঁকি সাইবার নিরাপত্তা রক্ষা ও মুদ্রা জাল হওয়ার।

    আরও পড়ুন : ব্যবহার করেন ডেবিট-ক্রেডিট কার্ড! জানুন আরবিআইয়ের নয়া নিয়ম

    বেসরকারি ক্রিপ্টোকারেন্সিগুলির যে আদতে কোনও মূল্য নেই, এদিন তা জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর। বলেন, এই ক্রিপ্টোকারেন্সিগুলির বিন্দুমাত্রও মূল্য নেই। তাই এতে লগ্নি করলে যে কোনও মুহূর্তে ডুবতে হতে পারে। তিনি বলেন, লগ্নিকারীদের সাবধান করে দেওয়া আমার কর্তব্য। তাই কেউ নিজের দায়িত্বে ওই মুদ্রা কিনলে ঝুঁকির কথা মাথায় রেখেই যেন এগোন।

    বেসরকারি ক্রিপ্টোকারেন্সির বিপদ সম্পর্কে এর আগেও একাধিকবার লগ্নিকারীদের সতর্ক করে দিয়েছিলেন শক্তিকান্ত। মাস কয়েক আগেই তিনি বলেছিলেন, বেসরকারি ক্রিপ্টোকারেন্সি সবই এক। তা সে যে নামেই ডাকা হোক না কেন। ফাটকাবাজির মাধ্যমে টাকা লেনদেন ও বিনিয়োগ তাই নিজেদের ঝুঁকি নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে করা উচিত।

     

  • Maharashtra political crisis: দল বাঁচাতে কংগ্রেস-এনসিপি জোট ছাড়ার ইঙ্গিত উদ্ধবের

    Maharashtra political crisis: দল বাঁচাতে কংগ্রেস-এনসিপি জোট ছাড়ার ইঙ্গিত উদ্ধবের

    মাধ্যম নিউজ ডেস্ক: একনাথ শিন্ডের সঙ্গে সমঝোতার বার্তা দিলেন উদ্ধব ঠাকরে (Uddhab Thackrey)। শিবসেনার (Shibsena) মুখপাত্র প্রবীণ নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut) জানান, মহা বিকাশ আগাড়ি অর্থাত্‍ শিবসেনা কংগ্রেস-এনসিপির সঙ্গে জোট (Alliance) ত্যাগ করতে প্রস্তুত। তবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে ২৪ ঘণ্টার মধ্যে গুয়াহাটি থেকে বিধায়কদের মুম্বই (Mumbai) ফিরে আসতে হবে।

    মন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর প্রধান দাবিই হল, কংগ্রেস এবং এনসিপি-র সঙ্গে জোট ভেঙে বেরিয়ে আসতে হবে উদ্ধবকে। তাঁরা চান উদ্ধবই মুখ্যমন্ত্রী থাকুন। ফিরুক পুরনো জোটে। অর্থাত্‍ বিজেপির সমর্থনে সরকার চালান উদ্ধব। সম্পর্ক ছিন্ন করুন কংগ্রেস এবং এনসিপি-র সঙ্গে। তবে, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ইস্তফার আশ্বাসে তাঁর ভরসা নেই বলে জানিয়ে দিয়েছেন শিবসেনার বিদ্রোহী শিবিরের নেতা একনাথ শিন্ডে। বৃহস্পতিবার গুয়াহাটির হোটেল থেকে তিনি জানিয়েছেন, আগে কংগ্রেস-এনসিপির সঙ্গ ত্যাগ করার ঘোষণা করে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হবে উদ্ধবকে। তার পরেই সমঝোতার প্রশ্ন।

    [tw]


    [/tw]

    এরপরই শিবসেনার তরফে সঞ্জয় রাউত জানান, একনাথকে শিন্ডের নেতৃত্বাধীন বিদ্রোহীদের মুম্বই ফেরার সময়সীমা বেঁধে দিয়েছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। জানিয়েছেন আগামী ২৪ ঘণ্টায় বিদ্রোহীরা মুম্বই ফিরে তাঁর সঙ্গে আলোচনায় বসুক। জোট ছাড়তে উদ্ধব বিন্দুমাত্র দ্বিধা করবেন না। কিন্তু গুয়াহাটি (Guwahati) বসে এই নিয়ে কোনও আলোচনা হবে না। আলোচনা করতে হলে মুম্বই এসে করতে হবে, বলে দাবি উদ্ধবের।

    তবে এর পাল্টা হিসেবে শিন্ডে জানিয়ে দেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে  সমস্ত ধরনের সমঝোতার দরজা বন্ধ হয়ে গিয়েছে। শিন্ডে বলেন, “৪০ জন বিধায়ক আমাদের সঙ্গে আছেন। কে বলছে আমরা ফিরে যাব? আমাদের ফিরে যাওয়ার কোনও প্রশ্নই নেই। গাড়ি অনেকটা এগিয়ে গিয়েছে। আমরা সবকিছুই চেষ্টা করেছি কিন্তু কিছুই হয়নি। আমরা সবাই একসঙ্গে বসে সিদ্ধান্ত নেব কী করা যায়। সবার মতামত চাওয়া হবে তারপর আমরা এগোব। এটা আমার সিদ্ধান্ত নয়, সবার সিদ্ধান্ত।”

    আরও পড়ুন: দেশে সবচেয়ে বড় ব্যাঙ্ক জালিয়াতি! অভিযুক্ত ওয়াধওয়ান ভাতৃদ্বয়

    শিবসেনার জোট ছাড়া প্রসঙ্গে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গে বলেন, “অনৈতিক ও অসাংবিধানিক ভাবে মহারাষ্ট্রে সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি। রাজ্যের এই পরিস্থিতির জন্য বিজেপি দায়ী। তারা পিছন থেকে এই কাজ করাচ্ছে। এভাবেই রাষ্ট্রপতি নির্বাচনও করাবে বিজেপি।” এনসিপি নেতা জয়ন্ত পাতিল বলেন,”শিবসেনার তরফে সরকারিভাবে এমন কোনও কথা এখনও জানানো হয়নি। তারা সরকারিভাবে কিছু জানালে তবেই ভাবনা-চিন্তা করা হবে।” এনসিপি নেতা ছগন ভুজবল বলেন,”যে কোনও দল নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তবে জোট ছাড়লে শিবসেনা তা এনসিপি প্রধান শরদ পাওয়ারকে জানাত। এখনও সেরকম কোনও খবর নেই।”

  • Presidential Election: দিল্লি পৌঁছলেন দ্রৌপদী, শুক্রবার মনোনয়নপত্র জমা দেবেন

    Presidential Election: দিল্লি পৌঁছলেন দ্রৌপদী, শুক্রবার মনোনয়নপত্র জমা দেবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডের (Jharkhand) প্রাক্তন রাজ্যপাল তথা এনডিএ-র (NDA) রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) বৃহস্পতিবার ভুবনেশ্বর থেকে রাজধানী দিল্লিতে পৌঁছেছেন। তাঁকে দিল্লি (Delhi) বিমানবন্দরে স্বাগত জানান বিজেপি নেতারা। শুক্রবার রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা (File Nomination) দেবেন তিনি। তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)  এবং বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। থাকবেন  বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।

    [tw]


    [/tw]

    এদিন ভুবনেশ্বরের এমসিএল গেস্ট হাউস থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন দ্রৌপদী। এই প্রথম কোনও দলিত আদিবাসী মহিলা দেশের রাষ্ট্রপতি পদে প্রার্থী হলেন। ফলে তাঁকে নিয়ে দেশের আদিবাসী সমাজ রীতিমতো উল্লসিত। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে দলের সংসদীয় বোর্ডের বৈঠকে দ্রৌপদীর নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে চূড়ান্ত হয়। এখবর শুনে প্রথমে বিশ্বাসই করতে পারেননি দ্রৌপদী এবং তাঁর পরিবারের লোকেরা। তাই বুধবার সকালেই দ্রৌপদী চলে যান গ্রামের মন্দিরে। নিজের হাতে ঝাঁট দিয়ে পরিষ্কার করলেন ঠাকুরদালান। তারপর মাথা ঠেকিয়ে প্রণাম। সেখান থেকেই শুরু রাইসিনা হিলের দৌড়।

    আরও পড়ুন: রাষ্ট্রপতি পদে এগিয়ে দ্রৌপদী মুর্মু! ‘ঘরের মেয়ে’ কে সমর্থন নবীনের

    বছর চৌষট্টির দ্রৌপদী মুর্মু দীর্ঘদিনের রাজনীতিবিদ। রাজনৈতিক জীবন অন্তত আড়াই দশকের। দল থেকে আইনসভা, সর্বত্র বিভিন্ন পদে নানা দায়িত্ব সামলেছেন দ্রৌপদী মুর্মু। ২০০০ ও ২০০৪ সালে ওড়িশার রাইরংপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে জিতে বিধায়ক হন দ্রৌপদী মুর্মু। ওড়িশার বিজেপি-বিজেডি জোট সরকারে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলেন তিনি। ১৯৭৯ থেকে ১৯৮৩ অবধি ওড়িশার সেচ ও বিদ্যুৎ দফতরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন দ্রৌপদী মুর্মু। তারপর ১৯৯৪ থেকে ১৯৯৭ অবধি ছিলেন সাম্মানিক সহকারী শিক্ষক।১৯৯৭ সালে পুরভোটে জিতে কাউন্সিলর হন দ্রৌপদী মুর্মু। সেই সঙ্গে রাইরংপুর পুরসভার ভাইস চেয়ারপার্সনের দায়িত্বও পান তিনি।  দ্রৌপদী মুর্মু ২০১৫ থেকে ২০২১ অবধি ঝাড়খণ্ডের  রাজ্যপাল ছিলেন। রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী হিসেবে জয়লাভ করলেই তিনি হয়ে যাবেন ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি।

  • Covid-19 India Updates: দৈনিক করোনা সংক্রমণ পার ১৩ হাজার, ২৪ ঘণ্টায় মৃত ৩৮

    Covid-19 India Updates: দৈনিক করোনা সংক্রমণ পার ১৩ হাজার, ২৪ ঘণ্টায় মৃত ৩৮

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের দেশে বাড়ল দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,৩১৩ জন। এক লাফে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে ৮৩,৯৯০ জন।

    বুধবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১২,২৪৯। ফলে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৮ জন। সুতরাং মৃতের সংখ্যাও বেড়েছে। গত চার মাসের মধ্যে আজই দৈনিক সংক্রমণের হার সবচেয়ে বেশী। করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০,৯৭২ জন।

    ফলে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৪,২৭,৩৬,০২৭ জন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ০.১৯ শতাংশ বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে, দৈনিক পজিটিভিটি রেট ২.০৩ শতাংশ ও সপ্তাহে পজিটিভিটি রেট ২.৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫,২৪,৯৪১।

    আরও পড়ুন: ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, বাড়ছে উদ্বেগও, কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা?

    অন্যদিকে করোনার বাড়তে থাকা সংক্রমণের দিকে নজর রেখেই সম্ভবত গত ২৪ ঘণ্টায় করোনা টেস্ট বাড়ানো হয়েছে। এতদিনে মোট করোনা টেস্ট করা হয়েছিল ৮৫.৯৪ কোটি জনের এবং গত ২৪ ঘণ্টায় করোনা টেস্ট করা হয়েছে ৬,৫৬,৪১০ জনের। কেন্দ্রীয় মন্ত্রক অনুসারে, ভারত সরকার দ্বারা এতদিনে মোট ১৯৬.৬২ কোটি ভ্যাকসিন (Vaccine) দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: করোনায় একদিনে আক্রান্ত ১৩ হাজারেরও বেশি, স্বস্তি দিচ্ছে সুস্থতার হার

    দেশজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকলে স্বাস্থ্য মন্ত্রক থেকে কোভিডের (Covid-19) বিভিন্ন নিয়ম মানার নির্দেশ জারি করেছেন। এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan) সমস্ত রাজ্যের জন্যে চিঠিতে লিখেছেন আরটিপিসিআর (RT-PCR) টেস্টের পরিমাণ বাড়াতে হবে, এছাড়াও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, কোভিড নিয়ম ইত্যাদির দিকে বিশেষ নজর দিতে হবে। তিনি সরকারকে পাঁচ দফা নীতি (five-fold Strategy) মেনে চলারও পরামর্শ দিয়েছেন।

    অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মানসুখ মাণ্ডবিয় (Mansukh Mandaviya) আজই বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন। আবার তিনিও ফাইভ ফোল্ড স্ট্যাটেজি অর্থাৎ পরীক্ষা (Test), ট্র্যাক (Track), চিকিৎসা (Treatment), টিকাপ্রদান (Vaccination) ও সচেতনতা (Adherence) মেনে চলার পরামর্শ দিয়েছেন।

  • Indian Railways New Rules: রেলে একজনের টিকিটে যেতে পারেন অন্যজনও! জানেন সেই নিয়ম?

    Indian Railways New Rules: রেলে একজনের টিকিটে যেতে পারেন অন্যজনও! জানেন সেই নিয়ম?

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্রেন (Train) যাত্রীদের জন্য এক সুখবর নিয়ে এসেছে ভারতীয় রেল (Indian Railways)। এবার থেকে অন্যের কমফার্ম টিকিটেই যেতে পারবে অন্যজন। তবে জানতে হবে কিছু নিয়ম। অনেক সময় নানা কারণে এমন হতে পারে, যে লোক টিকিট কেটেছে, তিনি কোনও কারণে সেখানে যেতে পারবেন না, কিন্তু সেই টিকিটে তাঁর পরিবারের অন্য কেউ যেতে পারবেন, সেই টিকিটের নাম পরিবর্তন করে।

    রেলের নতুন নিয়মে তাই বলা হয়েছে যে, কোনও ব্যক্তির নামে কনফার্ম টিকিট থাকলে, সেই টিকিটে তাঁর পরিবারের অন্য সদস্য ভ্রমণ করতে পারবেন। যদিও এই নিয়মটি দীর্ঘদিন ধরে চালু থাকলেও সাধারণ মানুষ এ বিষয়ে তেমন কিছু জানেন না। তবে এই নাম পরিবর্তনের জন্য কিছু পদ্ধতি আছে সেগুলো জেনে নেওয়া যাক—

    আরও পড়ুন: পুণ্যার্থীদের জন্য সূচনা ভারত গৌরব যাত্রা ট্রেনের, যাওয়া যাবে কোথায়?

    শুধুমাত্র পরিবারের সদস্যদের জন্য

    আপনার কনফার্ম টিকিটটি আপনি অন্যের নামে করাতে পারবেন তবে সেই ব্যক্তিকে আপনার পরিবারের একজন সদস্য হতে হবে। এক্ষেত্রে যাঁর নামে টিকিট ছিল ও যাঁর নামে টিকিটটি করা হবে তাঁদের দুজনেরই সচিত্র পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক।

    ২৪ ঘণ্টা আগে আবেদন করতে হবে

    রেলের নিয়ম অনুযায়ী, নিজের টিকিট অন্য কারও নামে পরিবর্তন করতে হলে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে আবেদন করতে হবে। যদি কোনও সরকারি কর্মচারী সরকারি কাজের জন্য আবেদন করেন,  তার ক্ষেত্রেও ২৪ ঘণ্টা আগে আবেদন করা যেতে পারে। কিন্তু যদি বিয়ের কাজের জন্য আবেদন করা হয়, তবে ৪৮ ঘণ্টা আগে আবেদন করতে হবে।

    আরও পড়ুন: ৫৫ মিনিটেই দিল্লি থেকে মিরাট, কেমন দেখতে ভারতের দ্রুততম আঞ্চলিক ট্রেন!

    একবারের জন্যই নাম পরিবর্তন সম্ভব

    রেলের নিয়ম অনুসারে, কোনও ব্যক্তি তাঁর ট্রেনের টিকিটের নাম ট্রান্সফার একবারের জন্যই করতে পারবেন। অপর ব্যক্তিটি দ্বিতীয়বারের জন্য অন্য কারও নামে ট্রান্সফার করতে পারবেন না।

    ট্রেনের টিকিটের নাম ট্রান্সফারের পদ্ধতি

    কোনও টিকিটের নামের বদল করতে প্রথমে সেই টিকিটের একটি প্রিন্ট আউট নিয়ে নিকটবর্তী রেলস্টেশনে যেতে হবে। যে ব্যক্তির নামে টিকিট কনফার্ম ও যে ব্যক্তির নামে টিকিট করা হবে, দুজনেরই আধার কার্ড বা ভোটার কার্ড থাকতে হবে। এই ভাবেই স্টেশনের সংরক্ষণ কাউন্টারে গিয়ে টিকিট ট্রান্সফারের জন্য আবেদন করলে, সহজেই অন্য ব্যক্তির নামে টিকিট ট্রান্সফার হয়ে যায়। 

     

  • Udaipur Tailor Killing: উদয়পুর-হত্যাকাণ্ডে জঙ্গি যোগ! তদন্ত শুরু করল এনআইএ

    Udaipur Tailor Killing: উদয়পুর-হত্যাকাণ্ডে জঙ্গি যোগ! তদন্ত শুরু করল এনআইএ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থানের উদয়পুরে (Udaipur) কানহাইয়া লাল তেলির (Kanhaiya Lal Teli) নৃশংস হত্যাকাণ্ডের তদন্তভার গেল জাতীয় তদন্তকারী সংস্থার (National Investigation Agency)কাছে। বুধবার এনআইএ -কে  তদন্তের নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (HMO India)। স্বরাষ্ট্র মন্ত্রকর তরফে জানানো হয়, এই ঘটনায় কোনও সংগঠন বা আন্তর্জাতিক জঙ্গি-গোষ্ঠীর যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

    [tw]


    [/tw]

    প্রসঙ্গত, সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বক্তব্য সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পেশায় দরজি রাজস্থানের (Rajasthan) যুবক কানহাইয়া লাল তেলি। মঙ্গলবার দুপুরে উদয়পুরের ওই দর্জির দোকানে ঢুকে তাঁকে নৃশংসভাবে খুন করা হয়। এই ঘটনায় বুধবারও উদয়পুর–সহ রাজস্থানে উত্তেজনা রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা। সন্দেহ এই হত্যাকাণ্ডে যুক্ত থাকতে পারে জঙ্গি সংগঠন। ইতিমধ্যেই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। তাদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের পিছনে জঙ্গি যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে এনআইএ। পাশাপাশি ঘটনার তদন্ত করছে সিটও। উদয়পুর হত্যাকাণ্ডে বুধবার আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হল । 

    আরও পড়ুন: “রাজস্থান সরকারের তোষণের রাজনীতিই সাম্প্রদায়িক উসকানির মূলে”, শিরোশ্ছেদ প্রসঙ্গে বসুন্ধরা রাজে

    উদয়পুরে উত্তেজনা ছড়ানোর পিছনে রয়েছে হত্যাকাণ্ডের ভিডিও এবং দুই অভিযুক্ত মহম্মদ রিয়াজ আখতার ও মহম্মদ গোশের ভিডিও বার্তা। সেখানে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) ও বিজেপি নেত্রী নূপুর শর্মাকেও হত্যার হুমকি দেয়। রাজস্থান পুলিশের তরফে ওই ভিডিওটি সাধারণ মানুষকে দেখতে বারণ করা হয়েছে। পুলিশের তরফে বলা হয়, “এই ভিডিওটি খুনিরা আতঙ্ক ছড়ানোর জন্য করেছে। এতে উত্তেজনা ছড়াতে পারে। এটি দেখতে খুব ভয়ঙ্কর, ভিডিওটি দেখবেন না।” রাজস্থানের এডিজি  আইন – শৃঙ্খলা হাওয়া সিং ঝুমারিয়াও গণমাধ্যমে ভিডিওটি প্রচার না করার জন্য অনুরোধ করেন। 

    আরও পড়ুন: প্রকাশ্যে শিরোশ্ছেদ হিন্দু দর্জির, উত্তাল রাজস্থান, বন্ধ ইন্টারনেট

     মঙ্গলবারই রাজস্থান পুলিশের তরফে বলা হয়েছিল, কানহাইয়াকে যেভাবে খুন করা হয়েছে, তাতে অনুমান করা হচ্ছে, এই ঘটনা ব্যক্তি বিশেষের নয়, বরং এর সঙ্গে কোনও সংগঠন জড়িত রয়েছে। জঙ্গি যোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ঘটনায় আইসিস যোগ থাকতে পারে বলে অনুমান এনআইএ-র। আইসিসের মতোই খুনের ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয় খুনিরা। এই ঘটনায় জড়িতদের সঙ্গে পাকিস্তানের (Pakistan) চরমপন্থী সংগঠন দাওয়াত-ই-ইসলামির যোগ রয়েছে বলেও খবর। অশান্তি এড়াতে গোটা রাজ্যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। উদয়পুর শহরের একটা বড় অংশে কারফিউ জারি রয়েছে। একমাসের জন্য রাজস্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

  • Assam Flood: জল সামান্য কমলেও, এখনও বন্যার কবলে ২১ লক্ষ আসামবাসী, মৃত ১৩৪

    Assam Flood: জল সামান্য কমলেও, এখনও বন্যার কবলে ২১ লক্ষ আসামবাসী, মৃত ১৩৪

    মাধ্যম নিউজ ডেস্ক: একমাসের টানা বৃষ্টিতে বিপর্যস্ত আসাম (Assam Flood)। বন্যার জল সামান্য নামলেও, এখনও ২২ জেলার ২২৫৪ গ্রামে ২১ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্থ। এবারের বন্যায় এ পর্যন্ত ১৩৪ জন মানুষ জলে ডুবে বা ভূমি ধ্বসের কারণে প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় প্রাণ গিয়েছে দুই শিশুসহ মোট আট জনের। যে জেলাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে, সেগুলি হল, বাজালি, বকসা, বরপেটা, কাছার, চিরাং, দারাং, ধেমাজি, ডিমা হাসাও, গোয়াল পাড়া, গোলাঘাট, হাইলা কান্ডি, কামরূপ, কামরূপ মেট্রোপলিটন, করিমগঞ্জ, লখিমপুর, মাজুলি, মরিগাও, নওগাঁ, নলবাড়ি, শোণিতপুর, তামুলপুর এবং উদালগুড়ি। 

    রাজ্যজুড়ে এখনও ১,৯১,১৯৪ লক্ষ মানুষ ৫৩৮টি আশ্রয় শিবিরে রয়েছেন। ১৮ জেলায় ৭৪,৬৫৫ হেক্টর ফসলের জমি এখনও জলের তলায়। শতাধিক বাড়ি, রাস্তা, ব্রিজ, খাল, বাঁধ বন্যার জেরে ক্ষতিগ্রস্থ। 

    বরপেটা জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। ৬,১৪,৯৫০ জন ক্ষতিগ্রস্থ। এরপরেই রয়েছে নওগাঁ, ৫,১৩,০৬১ জন ক্ষতিগ্রস্থ। কাছার জেলায় ৪,৭৭,১৬৫ জন ক্ষতিগ্রস্থ।  

    আরও পড়ুন: আসামে বন্যায় মৃত ৮২, ক্ষতিগ্রস্ত ৪৭ লক্ষ! মুখ্যমন্ত্রীকে ফোন অমিত শাহের

    পানীয় জলের কষ্ট দেখা দিয়েছে শিলচর জেলায়। শিলচরে ভারতীয় বিমান বাহিনী আকাশ পথে ত্রাণ বিতরণ করছে। উদ্ধারকাজে সেনাবাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী হাত লাগিয়েছে।

    আনম্যানড এরিয়াল ভেইকেল (UAV) শিলচরে বন্যা কবলিত এলাকার ম্যাপ তৈরির কাজ শুরু করেছে। 

    আরও পড়ুন: অসমের চিরাংয়ে দুর্গতদের উদ্ধারে দমকল, যে কোনও মুহূর্তে ভেসে যাওয়ার আশঙ্কা

    [tw]


    [/tw]

    আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) শনিবার আকাশপথে শিলচরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এই নিয়ে তিনি দুই বার শিলচরের পরিস্থিতি পর্যবেক্ষণে যান। তিনি বন্যাকবলিত মানুষকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আসাম প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, প্রবল বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যহত হয়েছে। গত দুদিন বৃষ্টি কমায় জোড় কদমে উদ্ধারকাজ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত কয়েকদিন বৃষ্টি কমায় রাজ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সোমবার আসামের চার জেলায় আরও আটজনের মৃত্যু হয়েছে।    
     

     

LinkedIn
Share