Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Apple and Google in India: ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে ভারতে অ্যাপল ও গুগলের বিপুল বিনিয়োগ

    Apple and Google in India: ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে ভারতে অ্যাপল ও গুগলের বিপুল বিনিয়োগ

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তাকে উপেক্ষা করে ভারতের প্রতি প্রবল আস্থা প্রকাশ করেছে বিশ্বের দুই টেক জায়ান্ট অ্যাপল ও গুগল। দুই সংস্থা মিলে প্রায় ₹১.৭৭ লক্ষ কোটি টাকার বিনিয়োগ করছে ভারতে। ট্রাম্প সম্প্রতি অ্যাপলকে ভারতের পরিবর্তে যুক্তরাষ্ট্রে ব্যবসায় বেশি মনোযোগ দিতে বলেন। তবে সেই নির্দেশকে পাত্তা না দিয়ে অ্যাপল গত ছয় মাসে ভারত থেকে ১০ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ₹৮৮,৭৩০ কোটি) মূল্যের আইফোন রফতানি করেছে। অন্যদিকে, গুগলও বিশাখাপত্তনমে ১০ বিলিয়ন ডলারের একটি বিশাল ডেটা সেন্টার তৈরি করতে চলেছে।

    রফতানিতে রেকর্ড গড়ল অ্যাপল

    চলতি অর্থবর্ষের প্রথম ছয় মাসেই অ্যাপল ভারত থেকে ১০ বিলিয়ন ডলারের আইফোন রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ বেশি। ২০২৪ সালে এই সময়ে রফতানি হয়েছিল ৫.৭১ বিলিয়ন ডলারের আইফোন। শুধু সেপ্টেম্বর মাসেই অ্যাপল রফতানি করেছে ১.২৫ বিলিয়ন ডলারের আইফোন, যা গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ১৫৫ শতাংশ বেশি। তখন রফতানি ছিল মাত্র ৪৯০ মিলিয়ন ডলার। এ বছর প্রথমবারের মতো অ্যাপলের সব মডেল—প্রো (Pro), প্রো ম্যাক্স (Pro Max) এবং এয়ার (Air)—ভারতে উৎপাদনের শুরু থেকেই রফতানি হচ্ছে। এর আগে প্রো মডেলগুলো রফতানির জন্য কয়েক মাস অপেক্ষা করতে হতো। সরকারের পিএলআই (PLI) স্কিমের আওতায়, স্মার্টফোন সংস্থাগুলি নিয়মিতভাবে উৎপাদন ও রফতানি সংক্রান্ত তথ্য শেয়ার করে। সরকারি সূত্রে জানা গিয়েছে, অ্যাপলের রফতানির এই উত্থানের পেছনে অন্যতম কারণ হলো এপ্রিল মাসে টাটা ইলেকট্রনিক্সের হোসুর প্ল্যান্ট ও ফক্সকনের বেঙ্গালুরু ইউনিট চালু হওয়া।

    গুগল আনছে এশিয়ার সবচেয়ে বড় ডেটা সেন্টার

    গুগল তাদের প্রথম বৃহৎ ডেটা সেন্টার তৈরি করতে চলেছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। ১ গিগাওয়াট (GW) ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পে গুগল বিনিয়োগ করছে প্রায় ₹৮৮,৭৩০ কোটি (১০ বিলিয়ন ডলার)। এই প্রকল্পে থাকবে তিনটি সাবমেরিন কেবল, একটি কেবল ল্যান্ডিং স্টেশন এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন মেট্রো ফাইবার লাইন, যা ভারতে নতুন টেলিকম অবকাঠামো গড়ে তুলবে। প্রকল্পটির চূড়ান্ত চুক্তি ১৪ অক্টোবর দিল্লিতে হয়ে গিয়েছে। যেখানে উপস্থিত ছিলেন গুগলের শীর্ষ কর্তারা এবং অন্ধ্রপ্রদেশের আইটি ও ইলেকট্রনিক্স মন্ত্রী নারা লোকেশ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে স্টেট ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড অনুমোদন দিয়েছে বলে খবর।

    ভারতে গুগলের সর্ববৃহৎ বিনিয়োগ

    এই প্রকল্প গুগলের পক্ষ থেকে ভারতের ডিজিটাল অর্থনীতিতে এখনও পর্যন্ত সবচেয়ে বড় সরাসরি বিনিয়োগ হতে চলেছে। বর্তমানে গুগলের ১১টি দেশে ২৯টি ডেটা সেন্টার রয়েছে, যার মধ্যে রয়েছে—মার্কিন যুক্তরাষ্ট্র, তাইওয়ান, জাপান, সিঙ্গাপুর, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, বেলজিয়াম এবং চিলি। বিশাখাপত্তনম ডেটা সেন্টার হতে চলেছে এশিয়ার সবচেয়ে বড় ডেটা সেন্টার ক্লাস্টার।

    টাটার নয়া উদ্যোগ

    আইফোন তৈরিতে এমনিই চিনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আমাদের দেশ। তথ্য বলছে, চলতি অর্থবর্ষের প্রথম ৬ মাসে, অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ১০ বিলিয়ন ডলারের আইফোন রফতানি করেছে ভারত। যা গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বেড়েছে। আর এবার সেই বৃদ্ধিতে ইন্ধন যোগাতে একটি বিরাট পদক্ষেপ করেছে টাটা। জানা গিয়েছে, ভারতে তৈরি আইফোন রফতানি করে বেশ লাভবান হয়েছে অ্যাপেল। আর সেই জায়গা থেকেই তারা ভারতে উৎপাদন বাড়াতে চাইছে। আবার, ভারতে আইফোন তৈরি করে অর্থনৈতিক ভাবে উপকৃত হয়েছে টাটাও। সেই কারণেই তারা ভারতে তাদের উৎপাদন বাড়াতে চাইছে।

    টাটার পদক্ষেপে নানা ইঙ্গিত

    একটা সময় এমন ছিল যে আইফোন তৈরি হত চিনেই। তারপর বিভিন্ন কারণে চিনের উপর থেকে তাদের নির্ভরতা কমাতে চাইছে এই আমেরিকান টেক জায়ান্ট। এ ছাড়াও ভূ-রাজনৈতিক উত্তেজনা ও মার্কিন শুল্কের মতো একাধিক কারণে অ্যাপেল তাদের উৎপাদন ভারতে সরিয়ে নিয়ে আসতে আগ্রহী। আগামী বছরের মধ্যে আমেরিকায় বিক্রি হওয়া সমস্ত আইফোন যাতে ভারতের কারখানা থেকে তৈরি হয় সেটাই নিশ্চিত করতে চাইছে অ্যাপেল। বর্তমানে ভারতে তৈরি আইফোনের তিন ভাগের মধ্যে দুই ভাগ আসে ফক্সকনের কারখানা থেকে। বাকি অংশ তৈরি করে টাটা। তবে, নয়া এই প্ল্যান্ট অধিগ্রহণের পর টাটার উৎপাদন ক্ষমতা যে অনেকটাই বাড়বে সেই কথা বলার অপেক্ষা রাখে না। কাউন্টারপয়েন্ট রিসার্চের সহ-প্রতিষ্ঠাতা নিল শাহ বলছেন, চিনের মতো শক্তিশালী পরিকাঠামো গড়ে তোলা আসলে একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে, টাটার এই পদক্ষেপ কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই বছর শেষ হওয়ার আগেই আইফোনের ২৬ শতাংশই রফতানি করবে ভারত। যা এই বছরের শুরুর দিকে ছিল ২০ শতাংশের কাছাকাছি। আর টাটার এই পদক্ষেপ যেন সেদিকেই ইঙ্গিত করছে।

     

     

  • Maithili Thakur: দ্বিতীয় দফায় ১২ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি, প্রার্থী হচ্ছেন সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর

    Maithili Thakur: দ্বিতীয় দফায় ১২ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি, প্রার্থী হচ্ছেন সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবারই বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Polls) জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি (Maithili Thakur)। বুধবারও ফের তালিকা প্রকাশ করল পদ্ম শিবির। বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে এদিন ১২টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করে গেরুয়া শিবির। এই তালিকায় নাম রয়েছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুরেরও। মঙ্গলবার বিকেলেই পাটনায় রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে পদ্মশিবিরে যোগ দেন তিনি।

    প্রার্থী হচ্ছেন মৈথিলী (Maithili Thakur)

    বিহারের দ্বারভাঙা জেলার আলিনগর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মৈথিলী। এই আসনে যে তাঁকে প্রার্থী করা হতে পারে, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল মঙ্গলবারই। এদিনের প্রার্থী তালিকায় নাম রয়েছে তাঁর। গত বিধানসভা নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন বিকাশশীল ইনসান পার্টির নেতা মিস্রিলাল যাদব। পরে দল থেকে বহিষ্কৃত হয়ে ২০২২ সালে বিজেপিতে যোগ দেন তিনি। অবশ্য গত সপ্তাহেই পদ্ম-সঙ্গ ছাড়েন মিস্রিলাল। এ বার এই আসনেই পদ্ম চিহ্নে লড়ছেন মৈথিলী। প্রসঙ্গত, গত সপ্তাহেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মৈথিলী। উপস্থিত ছিলেন বিহারের দায়িত্বে থাকা বিজেপি নেতা বিনোদ তাওড়ে। মৈথিলীর সঙ্গে সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনিই। মৈথিলী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রতি আমি অত্যন্ত মুগ্ধ। বিজেপিতে আমি এসেছি সমাজের সেবা করতে এবং বিহারের উন্নয়নে অবদান রাখতে।”

    প্রার্থী হচ্ছেন প্রাক্তন এক আইপিএস-ও

    চমক রয়েছে আরও (Maithili Thakur)। বক্সার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন আইপিএস আনন্দ মিশ্রকে। সম্প্রতি ভোট কুশলী প্রশান্ত কিশোরের নবগঠিত দল ‘জন সুরাজ পার্টি’ ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। মুজফফরপুর কেন্দ্রে পদ্ম প্রার্থী হচ্ছেন রঞ্জন কুমার। এই কেন্দ্রের বিদায়ী বিধায় সুরেশ শর্মার বদলে প্রার্থী হচ্ছেন রঞ্জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৮৩টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার প্রকাশিত হয়েছিল ৭১টি কেন্দ্রের প্রার্থীর নাম। এদিন প্রকাশ করা হল আরও ১২টি কেন্দ্রের প্রার্থীর নাম। ২৪৩টি বিধানসভা কেন্দ্র বিশিষ্ট বিহারে নির্বাচন হবে দু’দফায়। এর মধ্যে ১০১টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি (Bihar Polls)। বাকিগুলিতে লড়বে এনডিএর অন্য শরিক দলগুলি (Maithili Thakur)।

  • Operation Sindoor:’৮৮ ঘণ্টায় পাকিস্তানের অস্ত্রবিরতির আবেদন’, অপারেশন সিঁদুর নিয়ে বহু অজানা তথ্য প্রকাশ্যে

    Operation Sindoor:’৮৮ ঘণ্টায় পাকিস্তানের অস্ত্রবিরতির আবেদন’, অপারেশন সিঁদুর নিয়ে বহু অজানা তথ্য প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেশন সিঁদুরের পরবর্তী সংঘর্ষে ১০০-এর বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে। সম্প্রতি এমনই অভিমত প্রকাশ করলেন ভারতের ডেপুটি চিফ অব আর্মি স্টাফ (স্ট্র্যাটেজি) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। তিনি মঙ্গলবার জানিয়েছেন, পাকিস্তানের পক্ষ থেকে যে পরিমাণ পোস্টহিউমাস পুরস্কার দেওয়া হয়েছে, তা নির্দেশ করে যে তাদের সেনা বাহিনীর প্রাণহানি লাইন অব কন্ট্রোলে (LoC) ১০০-এর বেশি ছিল। লেফটেন্যান্ট জেনারেল ঘাই দাবি করেন, পাকিস্তান নিজেরাই তাদের ক্ষতির চিত্র তুলে ধরেছে ১৪ আগস্টের ‘পোস্টহিউমাস অ্যাওয়ার্ড’ তালিকার মাধ্যমে। তিনি বলেন, “পাকিস্তান নিহত সেনাদের সংখ্যা শতাধিক ছিল, যা তারা প্রকাশ্যে স্বীকার করেনি, কিন্তু পুরস্কারের মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে।”

    প্রতিক্রিয়া অবশ্যম্ভাবী ছিল

    জেনারেল ঘাই বলেন, “এপ্রিল ২২-এ জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যু হওয়ার পর পাল্টা একটি প্রতিক্রিয়া অবশ্যম্ভাবী ছিল। এপ্রিল ২২ থেকে মে ৬-৭-এর রাত পর্যন্ত আমাদের অভিযান ক্রমশ এগোচ্ছিল। আমরা আমাদের লক্ষ্যগুলোকে অগ্রাধিকার দিয়েছিলাম। শত্রুকে বিরত রাখার জন্য সীমান্তে কিছু সতর্কমূলক ব্যবস্থা নিয়েছিলাম। সেনা, অন্যান্য সরকারী সংস্থা ও বিভাগের মধ্যে সমন্বয় ছিল।” তিনি আরও বলেন, “চূড়ান্ত লক্ষ্য নির্ধারণের জন্য আমরা বহু সম্ভাব্য লক্ষ্য যাচাই করেছি। এ সময়ই তথ্যযুদ্ধেও আমরা সক্রিয় ছিলাম। পাকিস্তানি ড্রোনগুলো বারবার ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করায় ভারতীয় বিমানবাহিনী (IAF) ব্যবস্থা নেয়।” মে ৯-১০ তারিখের রাতের রণকৌশল সম্পর্কে তিনি বলেন, “আমরা তাদের ১১টি বিমান ঘাঁটি লক্ষ্য করেছি। আটটি ঘাঁটি, তিনটি হ্যাংগার এবং চারটি রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের বিমান সম্পদ ধ্বংস হয়েছে।”

    ভারতীয় নৌবাহিনীও তখন সম্পূর্ণ সক্রিয়

    ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (DGMO) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই মঙ্গলবার এক বিস্ময়কর তথ্য প্রকাশ করে জানান, গত মে মাসে চার দিনের সামরিক সংঘর্ষের সময় পাকিস্তান যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার আগে ভারতীয় নৌবাহিনী আরব সাগরে প্রবেশ করে সম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। লেফটেন্যান্ট জেনারেল ঘাই রাষ্ট্রসঙ্ঘের ট্রুপ কনট্রিবিউটিং কান্ট্রিজ (UNTCC)-এর চিফস’ কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “ভারতীয় নৌবাহিনীও তখন সম্পূর্ণ সক্রিয় ছিল—এটি হয়তো অনেকের জানা নেই। নৌবাহিনী আরব সাগরে প্রবেশ করেছিল এবং সেই মুহূর্তে আমাদের অবস্থান ছিল কৌশলগতভাবে অনুকূল। ডিজিএমও কথা বলার আগেই আমরা সম্পূর্ণ প্রস্তুত ছিলাম।” তিনি আরও বলেন, “যদি পাকিস্তান তখন পিছু না হটত, তাহলে ফলাফল তাদের জন্য ভয়াবহ হতে পারত—শুধু সমুদ্রপথেই নয়, অন্য দিক থেকেও।”

    ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে

    লেফটেন্যান্ট জেনারেল ঘাই আরও উল্লেখ করেন, ভারতের সন্ত্রাসবিরোধী কৌশলে এখন এক “নীতিগত পরিবর্তন” এসেছে। তাঁর কথায়, “আমাদের প্রধানমন্ত্রী নিজেই এবিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন। তিনটি মূলনীতি তিনি তুলে ধরেছেন—প্রথমত, সন্ত্রাসী হামলাকে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে এবং এর কঠোর জবাব দেওয়া হবে। দ্বিতীয়ত, আমরা কখনও পারমাণবিক হুমকিতে মাথা নত করব না। তৃতীয়ত, সন্ত্রাসী ও সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের মধ্যে কোনও পার্থক্য করা হবে না।” এর আগে, জুলাই মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে জানান যে, পহেলগাঁওতে নাগরিক হত্যাকাণ্ডে জড়িত তিন সন্ত্রাসীকে নিরাপত্তা বাহিনী ‘অপারেশন মহাদেব’-এর সময় হত্যা করেছে। ঘাই বলেন, “যে দোষীরা পাহালগাঁও হামলায় জড়িত ছিল, তাদের ভারতীয় সেনা নরকের গভীরতায় গিয়ে হলেও খুঁজে বের করবে—আমরা সেটাই করেছি। আমাদের ৯৬ দিন লেগেছিল, কিন্তু আমরা তাদের বিশ্রাম নিতে দিইনি। শেষ পর্যন্ত যখন তাদের খুঁজে বের করে নির্মূল করা হয়, তখন দেখা যায় তারা পলায়ন ও অনাহারে ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রীও সংসদে এটি উল্লেখ করেছেন—তাদের মৃত্যুর মধ্য দিয়েই ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে।”

    রক্তপাতের উৎস গোপন নয়

    লেফটেন্যান্ট জেনারেল ঘাইয়ের বক্তব্যে স্পষ্ট হয় যে, ভারত এখন সন্ত্রাসবাদ মোকাবিলায় সম্পূর্ণ নতুন রণনীতি গ্রহণ করেছে—যেখানে আক্রমণের জবাব কেবল সীমান্তে নয়, তথ্যযুদ্ধ ও কূটনৈতিক ক্ষেত্রেও সমানভাবে দেওয়া হচ্ছে।ভারতের পক্ষ থেকে তিনি বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেন, “১৯৮০-এর দশক থেকে জম্মু ও কাশ্মীরে ২৮,০০০-এর বেশি সন্ত্রাসী হামলা হয়েছে। ৬০ হাজারেরও বেশি সংখ্যালঘু পরিবার — প্রায় ১ লক্ষ মানুষ — ঘরছাড়া হয়েছে। প্রাণ হারিয়েছেন ১৫ হাজার নিরীহ নাগরিক ও ৩ হাজার নিরাপত্তারক্ষী। এই রক্তপাতের উৎস গোপন নয়।”

  • India-Mongolia Relation: “আত্মিক ও আধ্যাত্মিক বন্ধন”, ভারত-মঙ্গোলিয়া দীর্ঘ সম্পর্ক নিয়ে বললেন মোদি

    India-Mongolia Relation: “আত্মিক ও আধ্যাত্মিক বন্ধন”, ভারত-মঙ্গোলিয়া দীর্ঘ সম্পর্ক নিয়ে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত সফরে এসেছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। মঙ্গলবার নয়াদিল্লিতে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উখনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। এই বৈঠকে ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে ইউরেনিয়াম সরবরাহ, ১.৭ বিলিয়ন ডলারের মেগা অয়েল রিফাইনারি এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। ছয় বছর পর এই প্রথমবার ভারত সফরে এসেছেন মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি। দুই নেতার মধ্যে বৈঠকে ডিজিটাল সমাধান, খনিজ অনুসন্ধান, ও দ্রুত প্রভাব ফেলতে সক্ষম প্রকল্প সহ ১০টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

    ভারত-মঙ্গোলিয়া চুক্তি

    মঙ্গোলিয়ার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, “মঙ্গোলিয়া আমাদের নিকট প্রতিবেশী, যদিও দুই দেশের মধ্যে সরাসরি সীমান্ত নেই। ভারতের পক্ষ থেকে মঙ্গোলিয়ার উন্নয়নে সবসময়ই দৃঢ় ও নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকব।” তিনি আরও জানান, দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বিগত দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারতের তরফে মঙ্গোলিয়া থেকে ইউরেনিয়াম, কপার, সোনা ও দস্তা আমদানিতে আগ্রহ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গোলিয়ার ইউরেনিয়াম মজুত ৯০,০০০ টনের মতো, এবং দেশটি ইতিমধ্যে ফ্রান্সের সঙ্গে বছরে ২,৫০০ টন ইউরেনিয়াম উত্তোলনের চুক্তি করেছে।

    বৃহত্তম বৈদেশিক উন্নয়ন প্রকল্প

    ভারতের বিদেশ মন্ত্রকের সচিব (পূর্ব) পি কুমারন জানান, “আমরা মঙ্গোলিয়ার সঙ্গে ইউরেনিয়াম নিয়ে অংশীদারিত্বে আগ্রহী। আগামী মাসগুলিতে আলোচনা এগোবে।” দুই নেতাই মঙ্গোল রিফাইনারি প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেন। ভারতের ১.৭ বিলিয়ন ডলারের লাইন অব ক্রেডিটে তৈরি এই রিফাইনারি ২০২৮ সালে চালু হবে এবং বছরে ১৫ লক্ষ টন বা দিনে ৩০,০০০ ব্যারেল তেল পরিশোধন করতে পারবে। প্রধানমন্ত্রী মোদি বলেন, “এটি ভারতের বৃহত্তম বৈদেশিক উন্নয়ন প্রকল্প, যেখানে ২,৫০০-রও বেশি ভারতীয় বিশেষজ্ঞ মঙ্গোলিয়ার সঙ্গে কাজ করছেন।”

    প্রতিরক্ষা ক্ষেত্রে জোর

    প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে ভারতের পক্ষ থেকে উলানবাটারে একজন প্রতিরক্ষা অধিকর্তা নিযুক্ত করা হবে। এছাড়াও দুই দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া, সীমান্ত রক্ষী বাহিনীর প্রশিক্ষণ, এবং সাইবার সুরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন সহ নানা উদ্যোগ ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, দুই দেশ নোমাডিক এলিফ্যান্ট (Nomadic Elephant) ও খান কোয়েস্ট (Khaan Quest) নামক যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ করে থাকে। ড্রোন ব্যবহারের ক্ষেত্রে প্রশিক্ষণেও আগ্রহ দেখিয়েছে মঙ্গোলিয়া। এই সফরে আরও ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে রয়েছে—অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি, মানবিক সহায়তা, খনিজ সম্পদ, সংস্কৃতি, দ্রুত প্রকল্প বাস্তবায়ন।

    ভারত-মঙ্গোলিয়া পর্যটনে জোর

    ভারতের লাদাখ অঞ্চল এবং মঙ্গোলিয়ার আরখানগাই প্রদেশের মধ্যে সহযোগিতা চুক্তিও স্বাক্ষর হয়েছে। ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে ভারত ২০২৬ সালে গৌতম বুদ্ধের দুই শিষ্যের পবিত্র অবশিষ্টাংশ মঙ্গোলিয়ায় পাঠাবে এবং মঙ্গোলিয়ান নাগরিকদের জন্য বিনামূল্যে ই-ভিসা সুবিধা চালু করবে। অন্যদিকে, রাষ্ট্রপতি খুরেলসুখ ঘোষণা করেছেন, একটি মঙ্গোলিয়ান বিমান সংস্থা শিগগিরই দিল্লি ও অমৃতসরে চার্টার্ড ফ্লাইট চালু করবে, যাতে পর্যটন বৃদ্ধি পায়। এদিন রাজধানী দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুখ উখনা-র মধ্যে প্রতিনিধি স্তরের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক আদান-প্রদান হয়। যে ক্ষেত্রগুলিতে সমঝোতা স্বাক্ষর হয়েছে তার মধ্যে রয়েছে— মানবিক সহায়তা, মঙ্গোলিয়ার ঐতিহ্যবাহী স্থাপত্য পুনরুদ্ধার, অভিবাসন, ভূতত্ত্ব ও খনিজ সম্পদ, সমবায় খাতের উন্নয়ন এবং ডিজিটাল সমাধান নিয়ে আলোচনা হয়েছে। এদিন দুই নেতা ভারত-মঙ্গোলিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিটও প্রকাশ করেন। যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী জানান, প্রতিবছর মঙ্গোলিয়ার তরুণ সাংস্কৃতিক প্রতিনিধিদের ভারত সফরের ব্যয়ভার ভারত সরকার বহন করবে।

    আত্মিক ও আধ্যাত্মিক বন্ধন

    মোদি বলেন, “ভারত ও মঙ্গোলিয়ার সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, এটি আত্মিক ও আধ্যাত্মিক বন্ধন।” তিনি উল্লেখ করেন, নালন্দা বিশ্ববিদ্যালয় মঙ্গোলিয়ায় বৌদ্ধ ধর্মের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই সূত্র ধরে নালন্দা ও গন্দান মঠ-কে সংযুক্ত করে এই ঐতিহাসিক সম্পর্ককে নতুন শক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, মঙ্গোলিয়ার উন্নয়নে ভারত সবসময় বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার ছিল। ভারতের ১.৭ বিলিয়ন মার্কিন ডলারের ঋণসীমায় নির্মীয়মাণ তেল শোধনাগার প্রকল্প মঙ্গোলিয়ার জ্বালানি নিরাপত্তায় নতুন গতি আনবে বলেও জানান তিনি। এর আগে সকালে, মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান। সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাষ্ট্রপতি ভবনে তাঁর সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজর আয়োজন করা হয়। প্রেসিডেন্ট খুরেলসুখ উখনার সঙ্গে রয়েছেন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল, যার মধ্যে রয়েছেন মন্ত্রীসভার সদস্য, সংসদ সদস্য, শীর্ষ সরকারি আধিকারিক, ব্যবসায়িক প্রতিনিধি এবং সাংস্কৃতিক প্রতিনিধিরা।

  • Malloujula Venugopal Rao: এবার আত্মসমর্পণ করলেন নিহত মাওবাদী নেতা কিষেনজির ভাই বেণুগোপালও

    Malloujula Venugopal Rao: এবার আত্মসমর্পণ করলেন নিহত মাওবাদী নেতা কিষেনজির ভাই বেণুগোপালও

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আত্মসমর্পণ করলেন নিহত মাওবাদী নেতা (Maoist Leader) কিষেনজির ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও ওরফে সোনু (Malloujula Venugopal Rao)। তিনি একা নন, এদিন তাঁর সঙ্গে আত্মসমর্পণ করেছেন আরও ৬০ মাওবাদী। বেণুগোপাল আত্মসমর্পণ করায় মাওবাদীরা হারাল দলের পলিটব্যুরো এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের এক গুরুত্বপূর্ণ সদস্যকে।

    আত্মসমর্পণ করলেন বেণুগোপালও (Malloujula Venugopal Rao)

    বেণুগোপাল ওরফে সোনু পরিচিত ছিলেন ভূপতি ওরফে রাজন ওরফে বিবেক ওরফে অভয় নামেও। দলের আদর্শিক প্রধান হওয়ার পাশাপাশি যোগাযোগ সংক্রান্ত বিষয়গুলিও দেখতেন বছর সত্তরের এই মাওবাদী নেতা। আটের দশকে তিনি যোগ দেন পিপলস ওয়ার গ্রুপে। ২০১০ সালে নিযুক্ত হন সিপিআই (মাওবাদী)-র মুখপাত্র। পশ্চিমবঙ্গের লালগড় অভিযান চলাকালীন কিষেনজির মৃত্যুর পর অভিযানের দায়িত্ব নিয়েছিলেন তিনিই। মাস কয়েক আগে আত্মসমর্পণ করেছিলেন বেণুগোপালের স্ত্রী বিমলা চন্দ সিদাম ওরফে তারাক্কা। তিনি ছিলেন পিএলজিএর কমান্ডার এবং দণ্ডকারণ্য জোনাল কমিটির নেত্রী। তাঁর আত্মসমর্পণের ১০ মাসের মধ্যেই সমাজের মূলধারায় ফিরতে চেয়ে আত্মসমর্পণ করলেন বেণুগোপালও।

    আত্মসমর্পণ করলেন আরও ৬০

    সোমবার গভীর রাতে গড়ছিরৌলিতে ৬০ জন মাওবাদী সদস্যকে নিয়ে আত্মসমর্পণ করেন বেণুগোপাল। গত সেপ্টেম্বরেই অস্ত্র সমর্পণের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তাঁর তরফে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বেণুগোপাল লিখেছিলেন, দল বাঁচাতে সশস্ত্র সংগ্রাম বন্ধ করার সময় এসেছে। গত এপ্রিল মাসেও তাঁর নাম করে একটি শান্তিবার্তা এসেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। তাতে বলা হয়েছিল, হায়দরাবাদে অনুষ্ঠিত মাওবাদী পলিটব্যুরো বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রকে শান্তি আলোচনা ও সংঘর্ষবিরতির প্রস্তাব দেওয়া হচ্ছে। সেই থেকেই বিভিন্ন মহলে জল্পনা চলছিল, শীঘ্রই আত্মসমর্পণ করতে পারেন তিনি। শেষমেশ তা-ই হল (Malloujula Venugopal Rao)।

    প্রসঙ্গত, আগামী ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্য পূরণে কোমর কষে মাঠে নামে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গনার সরকার। এই তিন রাজ্যের বিস্তীর্ণ এলাকায় মাওবাদীদের নির্মূল করতে চালানো হয় একের পর এক অভিযান। যৌথ বাহিনীর লাগাতার অভিযানে খতম হন মাওবাদীদের একাধিক শীর্ষ নেতা। তার পর থেকেই আত্মসমর্পণ করতে থাকেন একের পর (Maoist Leader) এক নেতা। সেই তালিকায় জুড়ে গেল বেণুগোপাল ও তাঁর ৬০ সহযোদ্ধার নাম (Malloujula Venugopal Rao)।

  • Bihar Assembly Elections: বিহারে প্রথম দফায় ৭১ প্রার্থীর তালিকা প্রকাশ করল বিজেপি

    Bihar Assembly Elections: বিহারে প্রথম দফায় ৭১ প্রার্থীর তালিকা প্রকাশ করল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Elections) প্রথম দফায় ৭১ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করল বিজেপি (BJP)। মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে একথা জানিয়েছে পদ্মশিবির। বিহার বিধানসভার আসন সংখ্যা ২৪৩টি। নির্বাচন হবে দু’দফায় – ৬ নভেম্বর ও ১১ নভেম্বর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক ১২ অক্টোবর জেপি নাড্ডার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় নির্বাচন কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

    কে কোন আসনে লড়ছেন (Bihar Assembly Elections)

    কেন্দ্রীয় নির্বাচন কমিটি বিহার বিধানসভা নির্বাচনের জন্য আরও বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। জানা গিয়েছে, সিওয়ান থেকে মঙ্গল পাণ্ডে, কাটিহার থেকে তারকিশোর প্রসাদ, দানাপুর থেকে রামকৃপাল যাদব, বানকিপুর থেকে নীতিন নবীন, বেতিয়া থেকে রেণু দেবী, গয়া টাউন থেকে প্রেম কুমার, জামুই থেকে শ্রেয়সী সিংহ, লখিসরাই থেকে উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা এবং তারাপুর থেকে আর এক উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী লড়াই করবেন। এই তারাপুর সম্রাটের পারিবারিক ঘাঁটি। এই কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সম্রাটের বাবা শকুনি চৌধুরী এবং মা পার্বতী দেবী। সম্রাট অবশ্য বিধায়ক নন, তিনি বিহার বিধান পরিষদের সদস্য। যে কেন্দ্রে এবার তিনি প্রার্থী হয়েছেন, গত পনের বছরেরও বেশি সময় ধরে সেটি রয়েছে নীতীশ কুমারের দল জেডিইউয়ের হাতে। এই তারাপুরেই ২০২১ সালের উপনির্বাচনেও জয়ী হয়েছিলেন জেডিইউ প্রার্থী। এবার জোটসঙ্গী বিজেপিকে ওই আসনটি ছেড়ে দিয়েছে নীতীশের দল।

    বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য

    বিহারের আর (BJP) এক উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার এবারও লড়ছেন তাঁর ঘাঁটি লখিসরাই থেকে। ২০১০ সাল থেকে পর পর তিনবার এই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন তিনি (Bihar Assembly Elections)। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল বলেন, “অনেকেই আশা করেননি যে প্রার্থীদের তালিকা এত দ্রুত প্রকাশিত হবে। প্রথমেই এনডিএ জোট আসন বণ্টনের কাজ সম্পন্ন করে। মহাগটবন্ধন এখনও আলোচনা চালাচ্ছে। অথচ এনডিএ জোট আসন বিলি চূড়ান্ত করে ফেলল। আজ ভোরেই তারা জনসমর্থন জোগাড় করার পদক্ষেপও গ্রহণ করেছে। যেমনটা আমি আগেই বলেছিলাম, এনডিএ হল পঞ্চ পাণ্ডবের মতো একটি শক্তিশালী জোট। নীতীশ কুমারের নেতৃত্বে আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রস্তুত।”

    তাওড়ের পোস্ট

    এর আগে ১২ অক্টোবর আসন্ন বিহার নির্বাচনের জন্য ক্ষমতাসীন এনডিএ তাদের আসন বিলির কথা ঘোষণা করে। জোটের তরফে জানানো হয়, বিজেপি  এবং জেডিইউ প্রত্যেকে লড়বে ১০১টি করে আসনে, এলজেপি (রামবিলাস) লড়বে ২৯টি আসনে, রাষ্ট্রীয় লোক মোর্চা প্রতিদ্বন্দ্বিতা করবে ৬টি আসনে এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা-ও (এইচএএম) ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে (Bihar Assembly Elections)। প্রসঙ্গত, এডিএর সদস্য দলগুলি হল বিজেপি, জনতা দল (ইউনাইটেড), লোক জনশক্তি পার্টি (রাম বিলাস), হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেক্যুলার) এবং রাষ্ট্রীয় লোক মোর্চা। আসন রফা চূড়ান্ত হওয়ার পর এক্স হ্যান্ডেলে বিজেপির বিহারের দায়িত্বপ্রাপ্ত নেতা বিনোদ তাওড়ে লিখেছিলেন, “সংগঠিত ও নিবেদিতপ্রাণ এনডিএ। আসন্ন বিহার (BJP) বিধানসভা নির্বাচনের জন্য এনডিএ পরিবারের সব সদস্য বন্ধুত্বপূর্ণ পরিবেশে পারস্পরিক সমঝোতার মাধ্যমে আসন বণ্টন সম্পন্ন করেছে, যা নিম্নরূপ —

    • বিজেপি – ১০১টি আসন
    • জেডিইউ – ১০১টি আসন
    • এলজেপি (রাম বিলাস) – ২৯টি আসন
    • আরএলএম – ৬টি আসন
    • এইচএএম – ৬টি আসন

    সব এনডিএ দলের নেতা ও কর্মীরা আনন্দের সঙ্গে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সবাই আবারও বিহারে এনডিএ সরকার গঠনের লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ।”

    ভোট কূশলী প্রাশান্ত কিশোরের দল

    বিহারের আসন্ন নির্বাচনে এনডিএর প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ের ময়দানে রয়েছে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি (RJD), কংগ্রেস, দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বাধীন সিপিআই (এমএল), সিপিআই, সিপিএম এবং মুকেশ সহানির বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)-র নেতৃত্বাধীন আইএনডিআই (INDI) জোট। লড়াইয়ের ময়দানে থাকছে ভোট কূশলী প্রাশান্ত কিশোরের দল জন সুরাজও। তাঁর দল লড়ছে এবারই প্রথম (Bihar Assembly Elections)।

    উল্লেখ্য যে, বিহার বিধানসভা নির্বাচনের গেজেট বিজ্ঞপ্তি জারি হবে ১০ অক্টোবর। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৭ অক্টোবর পর্যন্ত। যাচাইয়ের জন্য সময় মিলবে ১৮ তারিখ পর্যন্ত। প্রার্থীরা নাম প্রত্যাহার করতে (BJP) পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। প্রথম দফায় নির্বাচন হবে ১২১টি আসনে, দ্বিতীয় দফায় ১২২টিতে। দ্বিতীয় দফার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১৩ অক্টোবর। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২০ অক্টোবর পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৩ অক্টোবর পর্যন্ত। ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর (Bihar Assembly Elections)।

  • Google in India: আমেরিকার পর ভারতে সর্ববৃহৎ এআই হাব! এক লক্ষ ৩৩ হাজার কোটি টাকার বিনিয়োগ গুগলের

    Google in India: আমেরিকার পর ভারতে সর্ববৃহৎ এআই হাব! এক লক্ষ ৩৩ হাজার কোটি টাকার বিনিয়োগ গুগলের

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার বাইরে বৃহত্তম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) হাব খুলতে চলেছে গুগল। ভারতের প্রথম এআই হাব তৈরি হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। গুগলের (Google in India) সিইও সুন্দর পিচাই মঙ্গলবার জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। এনিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। সেই অনুযায়ী, আগামী পাঁচ বছরে ভারতের বাজারে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ এক লক্ষ ৩৩ হাজার কোটি টাকা।

    ভারতে গুগলের সর্ববৃহৎ বিনিয়োগ

    ভারতে এই হাব তৈরির পরিকল্পনাকে ‘একটি যুগান্তকারী উন্নয়ন’ বলে অভিহিত করেছেন পিচাই। গুগলের (Google in India) ভারতীয় বংশোদ্ভূত সিইও জানিয়েছেন যে, এই হাবটি গিগাওয়াট-স্কেল কম্পিউট ক্ষমতা, একটি নতুন আন্তর্জাতিক সাব-সি গেটওয়ে এবং বৃহৎ আকারের শক্তি পরিকাঠামোর সমন্বয় হিসেবে গড় উঠবে। গুগল এবং অন্ধ্রপ্রদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পরপরই পিচাই এক্স-এ পোস্ট করে লিখেছেন, “এর মাধ্যমে আমরা ভারতের বিভিন্ন সংস্থা এবং ব্যবহারকারীদের কাছে আমাদের সেরা প্রযুক্তি পৌঁছে দেব, দেশজুড়ে এআই উদ্ভাবন এবং বৃদ্ধি ত্বরান্বিত করব।” গুগল আদানি গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে এআই ডেটা সেন্টার ক্যাম্পাসটি তৈরি করবে। এটি ভারতে গুগলের সর্ববৃহৎ বিনিয়োগ।

    ভারতে এক যুগান্তকারী উন্নয়ন

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গুগল এআই হাব চালু হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স-এ শেয়ার করা একটি পোস্টে, প্রধানমন্ত্রী মোদি বলেন, “অন্ধ্রপ্রদেশের প্রাণবন্ত শহর বিশাখাপত্তনমে গুগল এআই হাব চালু হওয়ায় আমি আনন্দিত। এই বহুমুখী বিনিয়োগ, যার মধ্যে গিগাওয়াট-স্কেল ডেটা সেন্টার পরিকাঠামো অন্তর্ভুক্ত, আমাদের বিকশিত ভারত গড়ার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।” প্রধানমন্ত্রী মোদি আরও বলেন যে নতুন এআই হাব প্রযুক্তিকে গণতান্ত্রিক করতে এবং সরকারের ‘সবার জন্য এআই’ লক্ষ্যকে এগিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। “এটি প্রযুক্তিকে গণতান্ত্রিক করার ক্ষেত্রে একটি শক্তিশালী শক্তি হবে। এটি ‘সবার জন্য এআই’ নিশ্চিত করবে, আমাদের নাগরিকদের কাছে অত্যাধুনিক সরঞ্জাম পৌঁছে দেবে, আমাদের ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করবে এবং বিশ্বব্যাপী প্রযুক্তি নেতা হিসেবে ভারতের স্থান সুরক্ষিত করবে।”

    আদানিকনেক্সের সঙ্গেই চুক্তি গুগলের

    আদানি এন্টারপ্রাইস-এর অধীনে থাকা আদানিকনেক্সের সঙ্গেই চুক্তি হয়েছে গুগলের (Google in India)। আগামী পাঁচ বছরে দুই সংস্থার উদ্যোগে এআই ডেটা সেন্টার ক্যাম্পাস ও নতুন সবুজ শক্তি পরিকাঠামো উন্নয়নের জন্য এটি একটি যুগান্তকারী চুক্তি। তেমনই বলছে আদানিদের সংস্থা। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, “এই ঐতিহাসিক প্রকল্পে গুগলের সাথে অংশীদারিত্ব করতে পেরে আদানি গ্রুপ গর্বিত যা ভারতের ডিজিটাল ভূদৃশ্যের ভবিষ্যত নির্ধারণ করবে।”

    বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যে পদক্ষেপ

    গুগলের (Google in India) তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “এটি ভারত সরকারের ‘বিকশিত ভারত ২০৪৭’ ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যাতে এআই-চালিত পরিষেবার সম্প্রসারণ ত্বরান্বিত করা যায়। এই উদ্যোগ ভারত এবং আমেরিকা উভয়ের জন্যই যথেষ্ট অর্থনৈতিক ও সামাজিক সুযোগ তৈরি করবে- একই সঙ্গে এআই সক্ষমতার ক্ষেত্রে প্রজন্মগত পরিবর্তনের পথিকৃৎ হয়ে উঠবে।” গুগলের এই হাব ভারতে ডিজিটাল যুগের যাত্রার একটি নতুন অধ্যায় বলে বর্ণনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “এই ডিজিটাল পরিকাঠামো ভারতের এআই ভিশনের লক্ষ্য পূরণে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।” তিনি আরও বলেন, “ভারতে ডিজিটাল অর্থনীতিতে এআই পরিষেবা একটি নতুন দিক হিসেবে সামনে উঠে এসেছে। আমরা আমাদের যুব সমাজের বিকাশে এই নতুন পরিষেবা ব্যবহার করতে মুখিয়ে আছি।”

    ভারতের প্রথম গিগাওয়াট-স্কেল ডেটা সেন্টার

    দিল্লিতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গুগল (Google in India) ক্লাউডের সিইও থমাস কুরিয়ান বলেন, বিশাখাপত্তনমে এআই হাব ‘ভারতের ডিজিটাল ভবিষ্যতে একটি যুগান্তকারী বিনিয়োগ’। তিনি বলেন, “শিল্পে শীর্ষস্থানীয় এআই পরিকাঠামো সরবরাহ করে, আমরা ব্যবসাগুলিকে দ্রুত উদ্ভাবন করতে সক্ষম করছি এবং বৃদ্ধির জন্য সুযোগ তৈরি করছি। এই অংশীদারিত্ব ভারত ও মার্কিন সরকারের প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত করে যে এআইকে দায়িত্বশীলভাবে কাজে লাগানো এবং সমাজের কল্যাণে একে কাজে লাগানো।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন এবং অশ্বিনী বৈষ্ণব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু বলেন, “আমরা ভারতের প্রথম সত্যিকারের গিগাওয়াট-স্কেল ডেটা সেন্টার এবং ভারতে গুগলের প্রথম এআই হাবের আয়োজন করতে পেরে গর্বিত, যা রাজ্যের ব্যবসা এবং স্টার্টআপগুলির জন্য উদ্ভাবন, এআই গ্রহণ এবং দীর্ঘমেয়াদী সহায়তার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রমাণ।”

     

     

     

  • Supreme Court: সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাহুলের, ‘ভোট চুরি’ নিয়ে জনস্বার্থ মামলা শুনলই না আদালত

    Supreme Court: সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাহুলের, ‘ভোট চুরি’ নিয়ে জনস্বার্থ মামলা শুনলই না আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘ভোট চুরি’ নিয়ে সরব হয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হয়েছিল জনস্বার্থ মামলাও। সেই মামলায় হস্তক্ষেপই করল না দেশের শীর্ষ আদালত। সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের পর্যবেক্ষণ, যেখানে ইচ্ছা প্রতিকার চান। এখানে জনস্বার্থ মামলা শোনা হবে না। আবেদনকারী চাইলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন বলেও সাফ জানিয়ে দিয়েছে বেঞ্চ। মামলাকারীর আবেদন, এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিক নির্বাচন কমিশনকে। তাতেও না করে দিয়েছে বেঞ্চ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “আমরা আবেদনকারীর কথা শুনেছি। জনস্বার্থ মামলার আকারে দায়ের হওয়া এই মামলা আমরা শুনতে ইচ্ছুক নই। আবেদনকারী চাইলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন।”

    জনস্বার্থ মামলা (Supreme Court)

    দেশের শীর্ষ আদালতে যিনি দায়ের করেছিলেন জনস্বার্থ মামলা, তিনি তাতে উল্লেখ করেছিলেন রাহুলের সাংবাদিক বৈঠকের কথা। তিনি জানিয়েছেন, রাহুল ৭ অগাস্ট জানিয়েছিলেন ভোটার তালিকায় অপরাধমূলক জালিয়াতি হয়েছে। কর্নাটকের একটি লোকসভা কেন্দ্রে ‘ভোট চুরি’র অভিযোগও করেছিলেন রাহুল। আবেদনকারী জানান, সংবিধানেই অবাধ এবং স্বচ্ছ নির্বাচনের কথা বলা হয়েছে। প্রশাসনিক পদক্ষেপের কারণে সংবিধানের এই প্রাথমিক নীতি লঙ্ঘিত হতে পারে না। রাহুলের অভিযোগের প্রতিক্রিয়ায় তাঁকে এ সংক্রান্ত সমস্ত প্রামাণ্য নথি দিতে বলেন মহারাষ্ট্র এবং কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক। ১৭ অগাস্ট দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পরের সাতদিনের মধ্যে রাহুলকে হলফনামা জমা দিতে বলেন। মামলাকারী সুপ্রিম কোর্টে (Supreme Court) জমা করা নিজের আবেদনে জানান, ভোটপ্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে কমিশনকে নির্দেশ দেওয়া হোক। সেই আবেদনও শুনতে রাজি হয়নি দেশের শীর্ষ আদালত।

    রাহুলের বক্তব্য

    প্রসঙ্গত, গত অগাস্ট মাসে রাহুল বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন কমিশন ও বিজেপিকে একহাত নেন। তাঁর দাবি, ভোটে জালিয়াতি করার পাঁচটি ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। রাহুল (Rahul Gandhi) মহাদেবপুরা বিধানসভা এলাকার কংগ্রেসের তদন্তের ফলও তুলে ধরেন। এটি ওই লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। উল্লেখ্য, ওই আসনে বিজেপি ৩২ হাজার ৭০৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল (Supreme Court)।

  • Indian Army: কাশ্মীরে অনুপ্রবেশ রুখল সেনা, কুপওয়ারায় বাহিনীর গুলিতে খতম ২ জঙ্গি

    Indian Army: কাশ্মীরে অনুপ্রবেশ রুখল সেনা, কুপওয়ারায় বাহিনীর গুলিতে খতম ২ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজৌরি, অনন্তনাগের পরে এ বার কুপওয়ারা। কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে ফের সাফল্য ভারতীয় সেনার। অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়ে ২ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। সেনার তরফে জানানো হয়েছে, সোমবার রাতে কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে নিয়ন্ত্রণরেখায় অস্বাভাবিক গতিবিধি নজরে আসে প্রহরারত জওয়ানদের। তার পরেই সেখানে শুরু হয় তল্লাশি অভিযান। সে সময় বিপদ বুঝে গুলি চালাতে শুরু করে পাক জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। শুরু হয় দু’তরফের গুলির লড়াই। এখনও পর্যন্ত দুই জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। যদিও এখনও তাদের পরিচয় জানানো হয়নি। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এলাকায় আরও জঙ্গি লুকিয়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে বলে সেনাবাহিনীর অভিযান এখনও অব্যাহত রয়েছে। মাছিল সেক্টরের বিরাট এলাকা ঘিরে ফেলে চলছে তল্লাশি।

    অন্যদিকে, দুদনিয়াল সেক্টরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যার ফলে জঙ্গিদের অনুপ্রবেশ করার চেষ্টার আশঙ্কা করা হচ্ছে। সেনাকে বিভ্রান্ত করার জন্য একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটানো হচ্ছে বলে মনে করছেন সেনার পদস্থ আধিকারিকরা। তবে এখনও ওই এলাকায় জঙ্গির খোঁজ মেলেনি। তল্লাশি চালাচ্ছে সেনা এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী।

    শীতের আগে সেনা তৎপরতা তুঙ্গে

    গত কয়েকদিন ধরে এমনিতেই সীমান্ত এলাকায় তৎপরতা বাড়িয়েছে সেনা। কারণ শীত পড়ার আগেই বিপুল পরিমাণে জঙ্গিকে ভারতে পাঠানোর চেষ্টা করা হয়। শীত পড়ে গেলে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢোকা কঠিন। তাই শীত পড়ার আগে পাকিস্তানি লঞ্চপ্যাড থেকে জঙ্গিরা ভারতে ঢোকে, এমনটাই মত বিএসএফ কর্তার। সেকরণেই বিএসএফ এবং সেনাকে বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

    এর আগে, লক্ষ্মীপুজোর দিন দক্ষিণ অনন্তনাগে অপারেশন চলার সময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিখোঁজ হয়ে যান দুই প্যারা কম্যান্ডো (স্পেশাল ফোর্স) সুজয় ঘোষ ও পলাশ ঘোষ। শুক্রবার বরফ ঢাকা পাহাড় থেকে তাঁদের নিথর দেহ উদ্ধার হয়। অনন্তনাগের আলান গাডোলে এলাকার কোকেরনাগ সাব ডিভিশনের জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর আসে। সঙ্গে সঙ্গে অভিযান শুরু করে সেনা। অভিযান চলাকালীন আচমকাই স্পেশাল প্যারা ইউনিটের দুই জওয়ানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

    গত কয়েকদিনে আরও জঙ্গি নিকেশ

    সম্প্রতি, একটি যৌথ অভিযানের সময় সেনাবাহিনী এবং পুলিশ ওয়ারসান এলাকার ব্রিজথর জঙ্গলে একটি জঙ্গি ঘাঁটি আবিষ্কার করে। অভিযানের সময়, নিরাপত্তা বাহিনী দুটি একে-সিরিজ রাইফেল, চারটি রকেট লঞ্চার, বিপুল পরিমাণে গোলাবারুদ এবং অন্যান্য যুদ্ধ সামগ্রী উদ্ধার করে।

    আবার, কুলগাম জেলার গুদ্দার জঙ্গলে সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে এর আগেও একটি সংঘর্ষ হয়েছিল। সেই অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছিল। দুই সেনা জওয়ানেরও মৃত্যু হয়েছিল। নিহত জঙ্গিদের মধ্যে একজন শোপিয়ানের বাসিন্দাস নাম আমির আহমেদ দার। এই ব্যক্তি লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল এবং ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে সক্রিয় ছিল। পহেলগাম হামলার পর মুক্তিপ্রাপ্ত ১৪ জন ওয়ান্টেড জঙ্গির তালিকায় তার নাম ছিল।

  • EPFO: ১৩-র বদলে এক নিয়ম! এবার তোলা যাবে পিএফের ১০০ শতাংশ টাকা, থাকতে হবে ন্যূনতম ব্যালেন্স

    EPFO: ১৩-র বদলে এক নিয়ম! এবার তোলা যাবে পিএফের ১০০ শতাংশ টাকা, থাকতে হবে ন্যূনতম ব্যালেন্স

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মচারী ভবিষ্য নিধি তথা ইপিএফও বা এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড-এর (Employees’ Provident Fund – EPFO) নিয়মে বড় বদল আনল কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড। এবার থেকে ইপিএফের টাকা তোলার নিয়ম আরও সহজ হবে। এবার থেকে পিএফ-এ জমানো ১০০ শতাংশ টাকাই তুলতে পারবেন সদস্যরা। সোমবার অছি পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যার মাধ্যমে এবার থেকে পড়াশোনা, বিয়ে-সহ একাধিক জরুরি পরিস্থিতিতে পিএফ-র সম্পূর্ণ টাকা তুলতে পারবেন গ্রাহকরা। তবে, একই সঙ্গে নতুন কিছু শর্তও জুড়ছে, যাতে অবসরের পর হাতখালি না হয়ে যায় এবং পেনশন খাতে যথেষ্ট টাকা জমে থাকে।

    ইপিএফও-কে আরও সহজ করার সিদ্ধান্ত

    সোমবার কেন্দ্রীয় শ্রম, যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর সভাপতিত্বে বসেছিল সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্ট-র ২৩৮ তম সভা। সেখানেই ইপিএফ-র ‘উদারীকরণ’-সহ টাকা তোলার প্রক্রিয়াকে সরল করা, বিশ্বাস প্রকল্পের ঘোষণা, ইপিএফ ৩.০ – কার্যকর করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। নয়াদিল্লি সূত্রে খবর, আংশিক টাকা তোলার জন্য থাকা ১৩টি পুরনো নিয়মকেও একত্র করে একটিই নিয়ম ধার্য করা হয়েছে। যার মাধ্যমে দরকারে-অদরকারে ইপিএফও সদস্যরা নিজেদের টাকা তুলতে পারবেন। নতুন নিয়মে (EPFO new rules) তিনটি নতুন শ্রেণিতে টাকা তোলার সুযোগ থাকবে। আগে নানা ধরনের কারণে টাকা তোলার আলাদা আলাদা নিয়ম ছিল। এবার থেকে পুরো ব্যবস্থাকে সহজ করে তিনটি শ্রেণিতে আনা হয়েছে—এক, প্রয়োজনীয় খরচ— যেমন অসুস্থতা, পড়াশোনা বা ছেলেমেয়ের বিয়ে জন্য। দুই, ফ্ল্যাট বা বাড়ি কেনা বা মেরামতির জন্য এবং তিন, বিশেষ পরিস্থিতিতে কোনও কারণ না জানিয়েই টাকা তোলা যাবে।

    কোন কোন ক্ষেত্রে বদল

    ইপিএফও-র (EPFO) পরিষেবা আরও দ্রুত ও স্বচ্ছ করতে চালু হচ্ছে ‘ইপিএফও ৩.০’ প্রকল্প। এতে থাকবে আধুনিক ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থা, যার মাধ্যমে—অনেক দ্রুত টাকা তোলা যাবে। টাকা তোলার জন্য অনলাইনে আবেদন করা যাবে, বেতন থেকে সরাসরি কন্ট্রিবিউশন জমা হয়ে যাবে, ডকুমেন্টেশনের ঝক্কি কমবে। কেন্দ্র জানিয়েছে, পড়াশোনার জন্য ১০ বার সম্পূর্ণ টাকা তোলা যাবে। বিয়ের জন্য এই সুবিধা পাওয়া যাবে সর্বোচ্চ পাঁচবার। এর আগে বিয়ে ও শিক্ষার জন্য মিলিয়ে ৩ বার পর্যন্ত টাকা তোলার নিয়ম ছিল। বাড়ি তৈরির জন্য টাকা তুলতে গেলে ন্যূনতম চাকরির মেয়াদ কমিয়ে আনা হয়েছে ৫ বছর থেকে ১২ মাসে। শিক্ষা ও বিয়ের ক্ষেত্রেও ন্যূনতম চাকরির মেয়াদ ৭ বছর থেকে কমিয়ে ১২ মাস করা হয়েছে।

    অবসরের সময় একটি বড় অঙ্কের টাকা

    কেন্দ্রীয় শ্রমমন্ত্রক জানিয়েছে, নতুন নিয়মে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ২৫ শতাংশ ব্যালেন্স রাখা বাধ্যতামূলক। ইপিএফ (EPFO) অ্যাকাউন্টে মোট টাকার অন্তত ২৫ শতাংশ সবসময় রাখতে হবে সদস্যদের। সরকার বলছে, এর ফলে সদস্যরা ৮.২৫ শতাংশ হারে সুদ পেতে থাকবেন এবং জমা হবে। কখনওই সুদ পেতে কোনও অসুবিধা হবে না সংশ্লিষ্ট গ্রাহকের। আগে ইপিএফও-র টাকা তোলার ক্ষেত্রে প্রাকৃতিক বিপর্যয়, বেকারত্ব বা লকআউট ইত্যাদি কারণ জানানো বাধ্যতামূলক ছিল। এখন থেকে সেই বাধ্যবাধকতা থাকবে না।

    একটি বিশেষ কমিটি গঠন

    রিজার্ভ ব্যাঙ্কের সুপারিশ অনুযায়ী তহবিল পরিচালনা ও বিনিয়োগে সংস্কারের জন্য একটি বিশেষ কমিটি গঠন করবে ইপিএফও (EPFO)। বর্তমানে ইপিএফও-র ১৫ শতাংশ টাকা শেয়ার মার্কেটে, ৪৫–৬৫ শতাংশ সরকারি বন্ডে এবং ২০–৪৫ শতাংশ কর্পোরেট বন্ডে বিনিয়োগ হয়। আরবিআই কর্পোরেট বন্ডে বিনিয়োগের ন্যূনতম সীমা তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে। তা ছাড়া নতুন ফান্ড ম্যানেজার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। ঋণ পোর্টফোলিও পরিচালনার জন্য আগামী পাঁচ বছরের জন্য চারটি সংস্থাকে নিয়োগ করা হয়েছে— স্টেট ব্যাঙ্ক ফান্ড ম্যানেজমেন্ট, এইচডিএফসি, আদিত্য বিড়লা সান লাইফ ও ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট। এই নতুন নিয়মে সদস্যরা সহজে ও দ্রুত তাদের ইপিএফ টাকার একটি বড় অংশ তুলতে পারবেন, আবার একই সঙ্গে ভবিষ্যতের জন্য সঞ্চয়ও বজায় থাকবে। সরকার বলছে, এই পরিবর্তনের ফলে কর্মজীবী মানুষদের দৈনন্দিন জীবনে আর্থিক সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে।

    বাড়িতে বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট

    টাকা তোলার ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করার পাশাপাশি আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT)। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, এখন থেকে বাড়িতে বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট হাতে পাবেন গ্রাহকরা। তাও সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে একটি চুক্তিও করেছে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ। প্রভিডেন্ট ফান্ড পরিষেবাকে আধুনিক করতে ইপিএফও ৩.০ (EPFO 3.0) চালুর অনুমোদন মিলেছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা পিএফ বকেয়া ও জরিমানা সংক্রান্ত মামলা নিষ্পত্তি করতে চালু করা হচ্ছে ‘বিশ্বাস স্কিম’।

     

     

     

     

     

     

LinkedIn
Share