Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • INS Kolkata: রুদ্ধশ্বাস অভিযান ভারতীয় নৌসেনার, সোমালিয়ার জলদস্যুদের হারিয়ে উদ্ধার জাহাজ

    INS Kolkata: রুদ্ধশ্বাস অভিযান ভারতীয় নৌসেনার, সোমালিয়ার জলদস্যুদের হারিয়ে উদ্ধার জাহাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: রোমহর্ষক অভিযান ভারতীয় নৌসেনার (Indian Navy)। সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করে অপহৃত জাহাজ উদ্ধার করল আইএনএস কলকাতা (INS Kolkata)। ৪০ ঘণ্টার লড়াই শেষে আত্মসমর্পণ করতে বাধ্য হল ৩৫ জন জলদস্যু। পণ্যবাহী জাহাজ থেকে উদ্ধার করা হয় ১৭ জন কর্মীকে। আটক করা ওই জাহাজ থেকে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রশস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। ভারতের উপকূল থেকে প্রায় ২৬০০ কিমি দূরে গভীর সমুদ্রে এই অভিযান চালিয়েছিল আইএনএস কলকাতা। 

    দুর্ধর্ষ অভিযান

    ভারতীয় নৌসেনার (Indian Navy) মুকুটে জুড়ল আরও একটি সাফল্যের পালক। ভারতীয় নৌসেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়, এম ভি রুয়েন নামক মাল্টার একটি পণ্যবাহী জাহাজকে ২০২৩ সালের ডিসেম্বর মাসে অপহরণ করেছিল সোমালিয়ার জলদস্যুরা।  সেই জাহাজকে ব্যবহার করেই অন্য জাহাজের উপরে হামলা করত দস্যুরা। গত বৃহস্পতিবারও ওই জাহাজ থেকেই বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজের উপরে হামলা করার চেষ্টা করে জলদস্যুরা। সাহায্যের বার্তা পেয়েই এগিয়ে যায় ভারতীয় নৌসেনা। শুরু হয় অভিযান। নৌসেনা জাহাজ আটকাতে, গুলি চালাতে শুরু করে জলদস্যুরা। নৌসেনার তরফে বারংবার তাদের আত্মসমর্পণ করতে বলা হলেও, অপহৃত জাহাজ নিয়ে এগিয়ে যেতে থাকে তারা। পাল্টা জবাব দেয় নৌসেনাও। 

    আটক ৩৫ জলদস্যু

    মাঝ সমুদ্রে টানা ৪০ ঘণ্টা ধরে অভিযান চালিয়েছে আইএনএস কলকাতা (INS Kolkata)। ভারতীয় নৌসেনার ড্রোন, হেলিকপ্টারের সাহায্যে ওই জাহাজে বন্দি হয়ে থাকা ১৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়। আত্মসমর্পণ করতে বাধ্য হয় ৩৫ জন জলদস্যু। নৌসেনা (Indian Navy) সূত্রে খবর, আন্তর্জাতিক আইন মেনে খুব কম বলপ্রয়োগ করেই জলদস্যুদের আটক করা হয়েছে। এই জাহাজটিকে উদ্ধার করার অপারেশনে আইএনএস কলকাতা ছাড়াও যুক্ত ছিল প্যাট্রল ভেসেল আইএনএস সুভদ্রা, পি৮আই নজরদারি বিমান। এছাড়াও বায়ুসেনার সি-১৭ বিমানের থেকে মেরিন কমান্ডোদের (মার্কোস) ‘এয়ার ড্রপ’ করা হয়েছিল। জানা গিয়েছে, ভারতের পশ্চিম উপকূলের উদ্দেশে এমভি রুয়েনকে নিয়ে রওনা হয়েছে আইএনএস কলকাতা। 

     

    আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই ভিজল কলকাতা, দিনভর কেমন থাকবে আবহাওয়া?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • RSS: ‘জাতীয় পুনরুত্থানে রাম মন্দির’, প্রস্তাব পাশ নাগপুরে আরএসএস-এর সর্বভারতীয় বৈঠকে

    RSS: ‘জাতীয় পুনরুত্থানে রাম মন্দির’, প্রস্তাব পাশ নাগপুরে আরএসএস-এর সর্বভারতীয় বৈঠকে

    মাধ্যম নিউজ ডেস্ক: নাগপুরে অনুষ্ঠিত আরএসএস-এর (RSS) অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকে ‘জাতীয় পুনরুত্থানে রাম মন্দির’ প্রস্তাব গৃহীত হল। ওই প্রস্তাবে বলা হয়েছে, ‘‘রাম মন্দিরের নির্মাণ বিশ্বের ইতিহাসে সোনালী অধ্যায়ে লেখা থাকবে।’’ ওই প্রস্তাবে আরও বলা হয়েছে, ‘‘শত বছরেরও বেশি সময় ধরে হিন্দু সমাজের সংঘর্ষ এবং আত্মত্যাগের ফলে নির্মাণ সম্ভব হয়েছে রাম মন্দিরের।’’

    রাম মন্দির আন্দোলনে যুক্ত প্রত্যেককে সম্মান জানানো হয়েছে 

    প্রস্তাবে রাম মন্দির আন্দোলনে সমাজের সেই সমস্ত ব্যক্তিকে সম্মান জানানো হয়েছে, যাঁরা রাম মন্দির নির্মাণের আন্দোলনে কোনও না কোনওভাবে যুক্ত ছিলেন (RSS)। যেমন, আইন বিশেষজ্ঞ, সংবাদমাধ্যম, গবেষক প্রভৃতি। এর পাশাপাশি স্মরণ করা হয়েছে আন্দোলন করতে গিয়ে যাঁরা নিজের প্রাণ বলিদান দিয়েছেন তাঁদেরকেও। ওই প্রস্তাবে বলা হয়েছে, ‘‘অখিল ভারতীয় প্রতিনিধি সভা (RSS) তাঁদের প্রত্যেককে শ্রদ্ধা জানাচ্ছে যাঁরা এই আন্দোলন করতে গিয়ে নিজের জীবন আহুতি দিয়েছেন।’’

    প্রস্তাবে স্থান পেয়েছে অক্ষত চাল বিতরণ কর্মসূচি 

    রাম মন্দিরের উদ্বোধনের আগে অক্ষত চাল দেশের প্রতিটি গ্রামে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় আরএসএস (RSS)। সেই কর্মসূচির সাফল্যও স্থান পেয়েছে প্রস্তাবে। প্রস্তাবে বলা হয়েছে, ‘‘সমগ্র সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন রাম মন্দিরের অক্ষত চাল বিতরণের অনুষ্ঠানে। লক্ষ লক্ষ রামভক্ত সম্পর্ক গড়ে তুলেছেন কোটি কোটি পরিবারের সঙ্গে গ্রাম এবং শহর মিলিয়ে।’’

    দেশ এবং দেশের বাইরে দীপোৎসব অনুষ্ঠান

    প্রস্তাবে আরও বলা হয়েছে, ‘‘২২ জানুয়ারি ভারতবর্ষ এবং দেশের বাইরেও প্রতিটি প্রান্তে দীপোৎসব অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গৈরিক ধ্বজ প্রত্যেক বাড়িতে উড়েছে। মন্দির এবং ধর্মস্থান গুলিতেও দেখা গিয়েছে একই চিত্র।’’ প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ‘‘প্রাণ প্রতিষ্ঠার দিনে অযোধ্যা সাক্ষী থেকেছে বিশ্বের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক নেতাদের অংশগ্রহণে। এর পাশাপাশি সমাজের অন্যান্য অনেক ক্ষেত্রের এবং অন্য বিশ্বাসের মানুষরাও সেদিন এসেছেন অযোধ্যায়।’’

    রাম মন্দিরের নির্মাণ সমাজে একটি সম্প্রীতির পরিবেশ নির্মাণ করতে পেরেছে

    ‘‘রাম মন্দিরের নির্মাণ সমাজে একটি সম্প্রীতির পরিবেশ নির্মাণ করতে পেরেছে।’’-এমনটাও উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। এর পাশাপাশি রাম মন্দিরের উদ্বোধন জাতীয় জীবনকে সংগঠিত করতে পেরেছে বলেও মত রাখা হয়েছে ওই প্রস্তাবে। শ্রী রামচন্দ্রের মূল্যবোধের উপর নির্মিত রাম মন্দিরের উদ্বোধন ভারতবর্ষের জাতীয় পুনরুত্থানের সূচনা বলে উল্লেখ করা হয়েছে ওই প্রস্তাবে। পাশাপাশি প্রস্তাবে আরও বলা হয়েছে, ‘‘রাম মন্দিরের নির্মাণের মাধ্যমে সমাজ বিদেশি শাসনের সময়ে যেভাবে আত্মবিশ্বাসের অভাবে ভুগত সেখান থেকেও বেরিয়ে আসতে পেরেছে।’’

    ভগবান রামচন্দ্র সকলের কাছে প্রেরণার স্রোত 

    ওই প্রস্তাব অনুযায়ী, ‘‘ভগবান রামচন্দ্র সকলের কাছে প্রেরণার স্রোত। ভগবান রামচন্দ্রের সুশাসন সারা পৃথিবী জুড়ে খ্যাত। রাম রাজ্যের নীতি বিশ্বব্যাপী সমাদৃত।’’ অখিল ভারতীয় প্রতিনিধি সভার মতে, ‘‘ভগবান রামের আদর্শ থেকে সকলকে প্রেরণা নেওয়া দরকার। সমাজের মধ্যে ধর্মের মূল্যবোধ জেগে ওঠা দরকার। আত্মত্যাগ, বিচারবোধ, সদিচ্ছা, সততা- এই সমস্ত কিছুই প্রতিফলিত হয় ভগবান শ্রী রামের জীবনে।’’

    ঘোষণা ৬ সহ-সরকার্যবাহের

    নাগপুরে অনুষ্ঠিত আরএসএস-এর (RSS) অখিল ভারতীয় প্রতিনিধি সভায় ফের একবার সরকার্যবাহ পদে নির্বাচিত হলেন দত্তাত্রেয় হোসাবলে। এর পাশাপাশি তিনি ৬ জন সহ-সরকার্যবাহকে নিয়োগও করেন ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত সাংগঠনিক বর্ষে। ২০২১ সালের প্রতিনিধি সভার বৈঠকে সহ-সরকার্যবাহ ছিলেন ৫ জন। এবারে তা বেড়ে ৬ হল। ৬ জন সহ-সরকার্যবাহ হলেন— কৃষ্ণ গোপাল, সি আর মুকুন্দ, অরুণ কুমার, রাম দত্ত চক্রধর, অতুল লিমায়ে এবং অলোক কুমার। মনমোহন বৈদ্য এর আগে সহ-সরকার্যবাহের দায়িত্বে ছিলেন, প্রতিনিধি সভার বৈঠকে তাঁকে দায়িত্ব মুক্ত করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: মোদিকে দেখতে বিদ্যুতের টাওয়ারে, “দয়া করে নেমে আসুন”, অনুরোধ প্রধানমন্ত্রীর

    PM Modi: মোদিকে দেখতে বিদ্যুতের টাওয়ারে, “দয়া করে নেমে আসুন”, অনুরোধ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী (PM Modi) এসেছেন। সর্বত্র ঠাঁই নাই, ঠাঁই নাই রব। অগত্যা প্রিয় প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখবেন বলে জীবনের ঝুঁকি নিয়ে  বেশ কয়েকজন তরতরিয়ে উঠে পড়লেন সমাবেশস্থল আলোকিত করতে যে অস্থায়ী টাওয়ার বানানো হয়েছিল, তাতে। ঘটনাটি নজরে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। নেমে আসতে বললেন অত্যুৎসাহী দলীয় কর্মী-সমর্থকদের। প্রধানমন্ত্রীর এই তৎপরতার জন্য এড়ানো গেল বড় ধরনের দুর্ঘটনা।

    কী বললেন প্রধানমন্ত্রী? (PM Modi)

    রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলায় এনডিএ-র প্রজাগালমে (যৌথ সমাবেশ) যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী (PM Modi) মঞ্চে ওঠা মাত্রই তাঁকে দেখতে অস্থায়ী টাওয়ারে উঠে পড়েন বেশ কয়েকজন। টাওয়ার ভেঙে পড়ার পাশাপাশি তড়িদাহতও হতে পারতেন ওঁরা। নজরে পড়া মাত্রই বক্তৃতা থামাতে বলেন জন সেনা সভাপতি পবন কল্যাণকে। মাইকের সামনে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আরে আপনারা ওখানে কী করছেন? ওখানে বিদ্যুতের তার রয়েছে। আপনাদের জীবন আমাদের কাছে অত্যন্ত দামী। দয়া করে নেমে আসুন। সংবাদ মাধ্যমের লোকজন আপনাদের ফোটো তুলে নিয়েছেন। এবার তো নেমে আসুন। এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা (পুলিশ) দয়া করে এসব লক্ষ্য করুন। যদি কোনও অঘটন ঘটে, সেটা আমাদের পক্ষে বেদনাদায়ক হবে।”

    অন্ধ্রে সমীকরণ

    এর পরেই দেখা যায়, বাধ্য ছাত্রের মতো টাওয়ার থেকে একে একে নামছেন ওই দলীয় কর্মীরা। টাওয়ার খালি হতেই নিজের আসনে ফিরে যান প্রধানমন্ত্রী। ফের বলতে শুরু করেন জন সেনা সভাপতি। ১০ বছর আগে এন চন্দ্রবাবু নাইডুর হাত ধরে অন্ধ্রপ্রদেশে পা রাখে বিজেপি। ১৪-র বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট গড়ে নির্বাচনে যায় চন্দ্রবাবুর দল টিডিপি। পরে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে মতানৈক্যের জেরে ২০১৮ সালে বিজেপি সঙ্গ ত্যাগ করে টিডিপি। তার পরের নির্বাচনে একলা চলো নীতি নেয় টিডিপি। গোহারা হারে চন্দ্রবাবুর দল। তার পর ফের বিজেপির হাত ধরে ঘুরে দাঁড়াতে চাইছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত এনটি রামা রাওয়ের জামাই চন্দ্রবাবু। টিডিপির পাশাপাশি বিজেপির হাত ধরেছে জন সেনাও (PM Modi)।

    আরও পড়ুুন: সিকিম-অরুণাচলে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন এগোল, কেন জানেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Assembly Polls 2024: সিকিম-অরুণাচলে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন এগোল, কেন জানেন?

    Assembly Polls 2024: সিকিম-অরুণাচলে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন এগোল, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাদ্যি বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের। দেশজুড়ে নির্বাচন হবে সাত দফায়। এই সময়ের মধ্যে বিধানসভা নির্বাচন (Assembly Polls 2024) হবে উত্তর-পূর্বের দুই রাজ্যে। এই রাজ্যগুলি হল, অরুণচল প্রদেশ ও সিকিম। এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে ২ জুন। রবিবার এই খবর জানিয়েছে নির্বাচন কমিশন। আগে ঠিক ছিল, লোকসভা নির্বাচনের ফল যেদিন ঘোষণা হবে, সেই ৪ জুন ফল ঘোষণা হবে এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনেরও। পরে ঠিক হয়, সিকিম, অরুণাচল প্রদেশের ফল প্রকাশ করা হবে দুদিন (Assembly Polls 2024) আগেই।

    এগিয়ে এল ফল প্রকাশের দিন (Assembly Polls 2024)

    কেন এই দুই রাজ্যের ফল প্রকাশের দিন এগিয়ে আনা হল? জানা গিয়েছে, এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের মেয়াদ শেষ হবে ২ জুন। ৪ জুন ফল ঘোষণা হলে, পরিস্থিতি দাঁড়াবে এই যে দু’দিন রাজ্যে বিধানসভাই থাকবে না। এই পরিস্থিতি এড়াতেই ফল ঘোষণার দিন এগিয়ে আনা হয়েছে। দু’তারিখই ফল ঘোষণা করা হলে রাজ্য বিধানসভাহীন হল, এমন পরিস্থিতি তৈরি হবে না। কারণ সেদিনই বিধায়ক নির্বাচিত হয়ে যাবে।

    নির্বাচন কবে?

    তবে নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন এগিয়ে নিয়ে আসা হলেও, লোকসভা নির্বাচনের যে সূচি এ রাজ্যের জন্য ঘোষণা করা হয়েছে, তার হেরফের হবে না। ১৯ এপ্রিল শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচন। ভোট হবে সাত দফায়। লোকসভার ৫৪৩টি আসনে নির্বাচন হবে। অরুণাচল প্রদেশে লোকসভার আসন ২টি। আর সিকিমে রয়েছে একটি। এই তিন আসনেই ভোট হবে ১৯ এপ্রিল, প্রথম দফায়। এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনও হবে এই দিনই।

    আরও পড়ুুন: বাকি আসনের প্রার্থী ঘোষণা শীঘ্রই? রাজ্যের ৪ শীর্ষ নেতাকে দিল্লি তলব বিজেপির

    ২০১৪-র বিধানসভা নির্বাচনে অরুণাচল প্রদেশে সরকার গড়ে কংগ্রেস। পরে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সিংহভাগ বিধায়ককে নিয়ে যোগ দেন বিজেপিতে। উনিশের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। আর উনিশের নির্বাচনে সিকিমে পঁচিশ বছরের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিংয়ের দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টকে গদিচ্যুত করে সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রধান প্রেম সিংহ তামাং (Assembly Polls 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Electoral Bond: নির্বাচনী বন্ড সংক্রান্ত বাকি তথ্যও ওয়েবসাইটে আপলোড কমিশনের

    Electoral Bond: নির্বাচনী বন্ড সংক্রান্ত বাকি তথ্যও ওয়েবসাইটে আপলোড কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, নির্বাচনী বন্ডের (Electoral Bond) নম্বর প্রকাশ্যে আনতে হবে। সেই মতো রবিবার নির্বাচনী বন্ড সংক্রান্ত বাকি তথ্যও ওয়েবসাইটে আপলোড করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছিল প্রথম দফার কিছু তথ্য।

    দ্বিতীয় দফায় কোন তথ্য প্রকাশ (Electoral Bond) 

    দ্বিতীয় দফায় যে তথ্য আপলোড করা হয়েছে, তা থেকে জানা যাচ্ছে কত টাকার নির্বাচনী বন্ড কেনা হয়েছে, তা থেকে কতগুলি বন্ড ভাঙিয়েছে রাজনৈতিক দলগুলি ইত্যাদি। বন্ড কেনার তারিখ, বন্ডের সংখ্যা, এসবিআইয়ের কোন শাখা থেকে বন্ড কেনা হয়েছিল, সেই বন্ড কোন রাজনৈতিক দল ভাঙিয়েছে, সব তথ্যই আপলোড করা হয়েছে কমিশনের তরফে দেওয়া দ্বিতীয় দফার তথ্যে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশের পর ১২ মার্চ মুখবন্ধ খামে নির্বাচন কমিশনের হাতে এসব (Electoral Bond) তথ্য তুলে দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

    মমতার দলের আয় কত?

    জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, নির্বাচনী বন্ড থেকে সব চেয়ে বেশি আয় হয়েছে সর্বভারতীয় দল বিজেপির। আঞ্চলিক দল হওয়া সত্ত্বেও বন্ড বাবদ রোজগারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী বন্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আয় করেছে ১ হাজার ৬১০ কোটি টাকা। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আর একটি সর্বভারতীয় দল কংগ্রেস। নির্বাচনী বন্ডের মাধ্যমে লাভবান হয়েছে আরও কয়েকটি আঞ্চলিক দল।

    আরও পড়ুুন: বাকি আসনের প্রার্থী ঘোষণা শীঘ্রই? রাজ্যের ৪ শীর্ষ নেতাকে দিল্লি তলব বিজেপির

    তৃণমূল কংগ্রেসের তরফে এসবিআইকে বিভিন্ন বন্ডের ইউনিক নম্বর জানাতে বলেছে। যাতে করে দল সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে পারে। মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি জানিয়েছে, নির্বাচনী বন্ড থেকে তারা কোনও অনুদান পায়নি। সিপিএম এবং সিপিআইও জানিয়েছে, নির্বাচনী বন্ডের মাধ্যমে কোনও অনুদান পায়নি তারা। তামিলনাড়ুর শাসক দল ডিএমকে নির্বাচনী বন্ডের মাধ্যমে পেয়েছে ৬৫৬.৫ কোটি টাকা। এর মধ্যে রয়েছে লটারি কিং সান্তিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিংয়ের দেওয়া ৫০৯ কোটি টাকাও। কংগ্রেস জানিয়েছে, নির্বাচন কমিশনকে এসবিআই যে তথ্য দিয়েছে, তা প্রকাশ্যে আনবে তারা। কংগ্রেসের গোয়া ইউনিট জানিয়েছে, ভাস্কো দা গামা ভিত্তিক কোম্পানি ভিএম সালগাওকরের কাছ থেকে ৩০ লাখ টাকা অনুদান (Electoral Bond) পেয়েছে তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sidhu Moose Wala: প্রয়াত সিধু মুসেওয়ালার পরিবারে খুশির হাওয়া, ভাই হল গায়কের

    Sidhu Moose Wala: প্রয়াত সিধু মুসেওয়ালার পরিবারে খুশির হাওয়া, ভাই হল গায়কের

    মাধ্যম নিউজ ডেস্ক: দু বছর আগে খুন হয়েছিলেন পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala)। ছেলের মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছিলেন তাঁর বাবা-মা। সদ্য সেই পরিবারে এসেছে খুশির হাওয়া। ভাই হয়েছে সিধুর। শনিবার ইন্সটাগ্রামে প্রয়াত এই গায়কের বাবা বলকৌর সিং নবজাতকের ছবি শেয়ার করেন। ছবির পিছনে উঁকি মারছে সিধু ফ্রেমে বাঁধানো ছবিটি।

    কী লিখলেন সিধুর বাবা? (Sidhu Moose Wala)

    বছর ষাটের বলকৌর ইন্সটাগ্রামে নবজাতকের ছবি পোস্ট করে লিখেছেন, “লক্ষাধিক মানুষ যাঁরা শুভদীপকে (সিধুর ডাক নাম) ভালোবাসতেন, তাঁদের আশীর্বাদে ঈশ্বর শুভর ছোট ভাই এসেছে। ওয়াহে গুরুর আশীর্বাদে আমাদের পরিবার সুস্থ রয়েছে। সকল শুভাকাঙ্খীকে অশেষ ধন্যবাদ।” প্রসঙ্গত, সিধুর (Sidhu Moose Wala) মা চরণ কৌর আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণ করেছিলেন।

    আইভিএফ পদ্ধতিতে সন্তান

    ২০২২ সালের ২৯ মে পঞ্জাবের মানসা জেলায় খুন হন সিধু। দুই বন্ধুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন গায়ক-রাজনীতিবিদ সিধু। আচমকাই আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে ঝাঁঝরা হয়ে যান বছর আঠাশের সিধু। এই গায়ক-রাজনীতিবিদকে খুনের দায় স্বীকার করে বিবৃতি দেয় ওয়ান্টেড গ্যাংস্টার গোল্ডি ব্রার। বর্তমানে কানাডায় ঘাঁটি গেড়েছে সে। সিধুর মায়ের বয়স পঞ্চান্ন। বাবা ষাট। সিধুর মৃত্যুর পরেই ফের সন্তান নেওয়ার চিন্তাভাবনা শুরু করেন তাঁরা। আইভিএফ পদ্ধতিতে দ্বিতীয়বার গর্ভবতী হন সিধুর মা। সিধুর কাকাই সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন সে কথা।

    আরও পড়ুুন: মোদির মুখে ইডির প্রশংসা, তির্ষক বাণ হানলেন বিরোধীদের

    সিধুর মৃত্যুর পর ইমেলে হুমকি পেয়েছিলেন তাঁর বাবা। গ্যাংস্টারদের বিরুদ্ধে কিছু বললে তাঁর প্রাণসংশয় হতে পারে – এই মর্মে হুমকি দিয়েছিল রাজস্থানের এক বাসিন্দা। সেই সময় নিরাপত্তা দেওয়া হয় প্রয়াত গায়ক তথা রাজনীতিবিদ সিধুর পরিবারকে। সিধুকে খুনের পর গ্রেফতার করা হয় ছয় শ্যুটারকে। তার পরেই তুলে নেওয়া হয় এই কংগ্রেস নেতার পরিবারের নিরাপত্তা। পরে গোল্ডিকে সন্ত্রাসবাদী ঘোষণা করে ভারত সরকার (Sidhu Moose Wala)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • AIIMS: দিল্লি এইমসে ডায়ালিসিস চলা রোগীর শরীরে সফল জোড়া কিডনি প্রতিস্থাপন

    AIIMS: দিল্লি এইমসে ডায়ালিসিস চলা রোগীর শরীরে সফল জোড়া কিডনি প্রতিস্থাপন

    মাধ্যম নিউজ ডেস্ক: রোগীর ডায়ালিসিস চলছে। বিকল হয়ে গিয়েছে দুটি কিডনিই। পরিবারের লোকজন যখন বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছেন, তখন ভগবানের দূত রূপে হাজির দিল্লি এইমসের (AIIMS) চিকিৎসকরা। ডায়ালিসিস চলাকালীনই ওই রোগীর শরীরে প্রতিস্থাপন করা হল দুটি কিডনিই।

    এইমসের সাফল্য (AIIMS) 

    এইমসের সার্জিক্যাল ডিসিপ্লিনের চিকিৎসক এবং নেফ্রোলজি ডিপার্টমেন্টের যৌথ প্রচেষ্টায় সফল হয়েছে অস্ত্রোপচার। এঁদের সঙ্গে কোলাবরেশন ছিল অর্গান রিট্রিভাল ব্যাঙ্কিং অর্গানাইজেশনের। কিডনিদাতা ৭৮ বছরের এক মহিলা। ডিসেম্বরের ১৯ তারিখে এইমসের ট্রমা সেন্টারে মাথায় একাধিক আঘাত নিয়ে ভর্তি হয়েছিলেন ওই বৃদ্ধা। পরে তাঁর ব্রেন ডেথ হয়। হাসপাতালের (AIIMS) সার্জারি বিভাগের অধ্যাপক আসুরি কৃষ্ণ বলেন, “ওই বৃদ্ধার পরিবার অঙ্গদানের বিষয়ে সম্মতি দেন।” তিনি বলেন, “চ্যালেঞ্জ ছিল দাতার বয়স। তাঁর একটি কিডনি ডায়ালিসিস চলা কোনও একজন রোগীর শরীরে যথেষ্ট নয়। তাই সিদ্ধান্ত হয়, ওঁর দুটি কিডনিই প্রতিস্থাপন করা হবে একজন রোগীর শরীরে। যাঁর শরীরে কিডনি দুটি প্রতিস্থাপন করা হয়েছে তাঁর বয়স ৫১। তাঁর জরুরি ভিত্তিতে একটা কিডনির প্রয়োজন ছিল। গত বছরের ২২ ডিসেম্বর অস্ত্রোপচার হয়। রোগীর উন্নতি হওয়ায় এতদিন পরে আমরা বিষয়টি জানাচ্ছি সংবাদ মাধ্যমে।”

    কী বলছেন চিকিৎসক?

    তিনি জানান, ওই রোগীর শরীরের ডান দিকেই প্রতিস্থাপন করা হয়েছে দুটি কিডনি, একটির ওপর আর একটি। অস্ত্রোপচারটি যে খুবই জটিল ছিল, তাও জানান তিনি। বলেন, “একটি নির্দিষ্ট জায়গার মধ্যেই দুটি কিডনি প্রতিস্থাপন করতে হয়েছে। সচরাচর একটি কিডনি প্রতিস্থাপন করা হয়। এক্ষেত্রে করা হয়েছে দুটি, তাও আবার একই জায়গায়। অস্ত্রোপচারের পর রোগীর দ্রুত উন্নতি হচ্ছে। তাঁর দুটি কিডনিই ঠিকঠাক কাজ করছে।”

    আরও পড়ুুন: ‘কাচের ঘরে বসে ঢিল মারার দরকার নেই’, অভিষেককে তোপ শুভেন্দুর

    আসুরি কৃষ্ণ বলেন, “নির্দিষ্ট সম্পদ ব্যবহার করে এই অসাধ্য সাধন হয়েছে। দেশে অঙ্গের চাহিদা ও জোগানের মধ্যে যে ফারাক রয়েছে, বয়স্ক কোনও দাতার কাছ থেকে সেগুলি পাওয়া গেলে সমস্যা অনেকটাই মেটে। অথচ ওই অঙ্গগুলি ব্রেন ডেথ হওয়া রোগীর শরীরে থাকলে নষ্ট হয়ে যেত।” জানা গিয়েছে, অপারেশনের তিন সপ্তাহের মধ্যেই ওই রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তার পর থেকে তাঁর ওপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে (AIIMS)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi: মোদির মুখে ইডির প্রশংসা, তির্ষক বাণ হানলেন বিরোধীদের

    PM Modi: মোদির মুখে ইডির প্রশংসা, তির্ষক বাণ হানলেন বিরোধীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ায় ইডির ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার এই উল্লেখযোগ্য পদক্ষেপে বিরোধীরা উদ্বিগ্ন বলেও শনিবার জানান তিনি।

    ‘জিরো টলারেন্স নীতি’ (PM Modi)

    ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৪’-এ ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমার সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। বিগত বছরগুলিতে এই লক্ষ্যে কাজ করে চলেছে আমার সরকার।” তিনি এও জানান, দুর্নীতির বিরুদ্ধে তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি সম্পূর্ণ স্বাধীন। প্রধানমন্ত্রী বলেন, “দুর্নীতির ক্ষেত্রে আমাদের আমাদের আমলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তাই যে কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই দুর্নীতির বিরুদ্ধে তদন্তে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।”

    ইডির সাফল্যের খতিয়ান

    ইডির সাফল্যের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “২০১৪ সাল পর্যন্ত পিএমএলএ-র অধীনে মামলা দায়ের হয়েছিল ১ হাজার ৮০০টি। আর গত ১০ বছরে দায়ের হয়েছে ৪ হাজার ৭০০টি মামলা। ২০১৪ সাল পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছিল মাত্র ৫ হাজার কোটি টাকা। গত ১০ বছরে তা বেড়ে হয়েছে এক লাখ কোটিরও বেশি টাকা।” এদিন বিরোধী দলগুলিকেও নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই কারণে তারা দিনরাত মোদিকে গালাগালি দিতে ব্যস্ত। এই নির্বাচনের সময় বিরোধীরা কাগজে কলমে স্বপ্ন বুনছে, অন্যদিকে মোদি স্বপ্ন ছাড়িয়ে গ্যারান্টি দিচ্ছেন।”

    আরও পড়ুুন: ‘কাচের ঘরে বসে ঢিল মারার দরকার নেই’, অভিষেককে তোপ শুভেন্দুর

    সন্ত্রাসবাদে অর্থায়ন, সাইবার ক্রাইম এবং মাদক পাচার করতে গিয়ে ইডির হাতে অনেকেই গ্রেফতার হয়েছে, এদিন তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সন্ত্রাসবাদে অর্থায়ন, মাদক পাচার, সাইবার ক্রাইম এসব ক্ষেত্রেও ইডি অনেককেই গ্রেফতার করেছে। ফাঁস করেছে অনেক বড়সড় চক্রের পর্দা। বাজেয়াপ্ত করেছে হাজার কোটি টাকারও বেশি।” তিনি বলেন, “যখন এরকম কিছু ঘটে, তখন কিছু লোকের সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তারা গেল গেল রব তোলে।” প্রধানমন্ত্রী বলেন, “এই কারণেই বিরোধীরা দিবারাত্র মোদির মুণ্ডপাত করছেন। তবে দেশ তাদের সাফ জানিয়ে দিয়েছে, বিরোধীদের এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।” প্রসঙ্গত, সংসদের বাজেট অধিবেশনেও দুর্নীতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী (PM Modi) বলেছিলেন, “দেশকা লুটা হুয়া মাল দেনা হি পড়েগা (দেশের লুট করা টাকা ফেরত দিতেই হবে)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Lok Sabha Polls 2024: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, কী করবেন নতুন ভোটাররা, জানেন?

    Lok Sabha Polls 2024: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, কী করবেন নতুন ভোটাররা, জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘোষণা হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls 2024) নির্ঘণ্ট। গোটা দেশে নির্বাচন হবে সাত দফায়। নির্বাচন শুরু হবে ১৯ এপ্রিল। শেষ হবে ১ জুন। ফল প্রকাশ হবে তারও তিনদিন পর, ৪ জুন। এবার নতুন ভোটার রয়েছে ১.৮ কোটিরও বেশি। প্রথমবারের জন্য মতদান করবেন এঁরা। তাঁরা যাতে সক্রিয়ভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, তাই তাঁদের জন্য ডিটেলইড গাইড প্রকাশ করল নির্বাচন কমিশন।

    নাম নথিভুক্তিকরণ (Lok Sabha Polls 2024)

    যাঁরা প্রথমবার নির্বাচনী (Lok Sabha Polls 2024) প্রক্রিয়ায় অংশ নেবেন, তাঁদের বয়স ১৮-১৯ বছর। কমিশন তাঁদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে নাম নথিভুক্ত করার পরামর্শ দিচ্ছে। ন্যাশনাল ভোটারর্স সার্ভিস পোর্টালে তাঁদের পূরণ করতে হবে ফর্ম ৬। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার্স বা অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার্সদের কাছে গিয়ে অফলাইনেও নাম নথিভুক্ত করতে পারেন তাঁরা। নাম নথিভুক্তিকরণের পর ভোটারদের যাচাই করে দেখতে হবে, তাঁদের নাম তালিকাভুক্ত হয়েছে কিনা। এলাকার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে কিংবা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট পরীক্ষা করে জানতে হবে তাঁদের নাম নথিভুক্ত হয়েছে কিনা।

    ভোটদান প্রক্রিয়া

    যাঁর এলাকায় যেদিন ভোটগ্রহণ হবে, প্রথম ভোটাররা সেদিন ভোটগ্রহণ কেন্দ্রে যাবেন প্রয়োজনীয় পরিচয়পত্র নিয়ে। সেই পরিচয়পত্র তিনি দেখাবেন ফার্স্ট পোলিং অফিসারকে। তিনি সেটি দেবেন সেকেন্ড পোলিং অফিসারকে। তিনি ভোটারের বাঁ হাতের তর্জনীতে কালি লাগিয়ে দেবেন। যা প্রমাণ করবে যে, ভোটার তাঁর নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরপর ভোটারকে নির্দিষ্ট একটি জায়গায় স্বাক্ষর করতে হবে কিংবা বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। তারপরেই যেখানে ইভিএম রয়েছে, সেখানে গিয়ে ভোটার যাঁকে ভোট দেবেন, সেই প্রার্থীর নাম ও প্রতীকের পাশে থাকা বোতামে চাপ দেবেন। এই সময় ‘বিপ’ শব্দ হবে। যা জানিয়ে দেবে, ভোটারের ভোট দেওয়া হয়ে গিয়েছে। ভোটার একটি কনফার্মেশন স্লিপও পাবেন। ভোট দিতে গিয়ে কোনওরকম সমস্যায় পড়লে প্রথমবার যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের কথা বলতে বলা হচ্ছে প্রসাইডিং অফিসারের সঙ্গে (Lok Sabha Polls 2024)।

    আরও পড়ুুন: লক্ষ্য স্বচ্ছ ও অবাধ নির্বাচন, ভোটারদের জন্য ২৭ অ্যাপ ও পোর্টাল চালু কমিশনের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ‘‘গণতন্ত্রের সবথেকে বড় উৎসব’’, লোকসভা নির্বাচনকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

    Lok Sabha Election 2024: ‘‘গণতন্ত্রের সবথেকে বড় উৎসব’’, লোকসভা নির্বাচনকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। শনিবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যান্ত সাত দফায় হবে নির্বাচন।  ভোট ঘোষণার পরই নিজের এক্স হ্যান্ডল থেকে এক গুচ্ছ পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৮ তম লোকসভা নির্বাচনকে স্বাগত জানিয়ে দেশবাসীকে ভোট উৎসবে মেতে ওঠার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে গত কয়েক বছরে তাঁর সরকার কী কী জনকল্যাণকর কর্মসূচি গ্রহণ করেছে তাও জানান তিনি। 

    কী বললেন প্রধানমন্ত্রী

    লোকসভা ভোটের ঘোষণার পর মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, “গণতন্ত্রের সবথেকে বড় উৎসব শুরু হয়ে গেল। জাতীয় নির্বাচন কমিশন ২০২৪ সালের লোকসভা ভোটের ঘোষণা করেছে। বিজেপি-এনডিএ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য পুরোপুরি তৈরি। ভালো প্রশাসন এবং জনতার সেবার জন্য ৯৬ কোটির বেশি ভোটারের আশীর্বাদ তৃতীয় বারের জন্য আমাদের ক্ষমতায় আনবে।” তাঁর সরকার ৪০০ আসন জিতবে বলে দাবি করে তিনি লিখেছেন, “প্রত্যেক ভারতীয় বুঝতে পারছেন সৎ, দৃঢ়প্রতিজ্ঞ এবং শক্তিশালী সরকার কত কিছু করতে পারে। আমাদের সরকারের থেকে দেশবাসীর প্রত্যাশাও অনেক বেড়েছে। সে জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে, সমাজের বিভিন্ন স্তর থেকে আওয়াজ উঠছে- এই বার, ৪০০ পার।”

    এর পরই বিরোধীদের আক্রমণ করে তিনি লিখেছেন, “এখন বিরোধীদের না আছে ইস্যু, না আছে দিকনির্দেশ। তাদের একটিই অ্যাজেন্ডা পড়ে রয়েছে- আমাদের হেনস্থা করা এবং ভোটব্যাঙ্কের রাজনীতি করা। জনতা এখন পারিবারিক মানসিকতা এবং সমাজে বিভেদের চক্রান্তকে প্রত্যাখ্যান করছে।” নাম না নিয়ে কংগ্রেসকেও আক্রমণ করে মোদি লিখেছেন, “দশকের পর দশক করে যাঁরা দেশকে শাসন করেছে গর্ত তৈরি করেছে। গত ১০ বছরে আমরা সেই গর্ত পূরণ করেছি। এই ১০ বছরে দেশবাসী আরও সমৃদ্ধ এবং আত্মনির্ভর হয়েছে।”

    তৃতীয়বারে এনডিএ সরকার কোন কোন বিষয়ে কাজ করবে, তার ইঙ্গিত দিয়ে মোদি লিখেছেন, “এনডিএ সরকারের তৃতীয় টার্মে গরিবি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই আরও জোরালো হবে। আমরা ভারতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করব। তরুণদের স্বপ্নপূরণের জন্য আমাদের চেষ্টা জারি থাকবে।”

    নাড্ডা-শাহর বার্তা

    নির্বাচন নিয়ে পোস্ট করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। তিনি এক্সে লিখেছেন, ‘‘আমি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। এই নির্বাচনই সুশাসন এবং উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যম। আমি সারা দেশের মানুষের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা প্রচুর সংখ্যায় ভোট দিতে আসুন এবং বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের ভিত আরও সুদৃঢ় করুন।’’ 

    এক্সে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লিখেছেন, ‘‘নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দেশ সুশাসন, নিরাপত্তা এবং সর্ব ক্ষেত্রে সংস্কৃতির পুনর্গঠনের ইতিহাস তৈরি হতে দেখেছে। উন্নয়নের পথে ভারতের এই যাত্রায় শান্তি বজায় রাখতে এমন ব্যক্তিকে ভোট দিন, যিনি দেশের উন্নতির জন্য কাজ করেন। এ বছর এনডিএ জোট ৪০০ আসন পার করার স্লোগান নিয়ে এগিয়েছে। আমার বিশ্বাস, দেশের মানুষ এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে আমাদের সাহায্য করবেন।’’

     

    আরও পড়ুন: দেশে ৭ দফায় ভোট, লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share