Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • G20 Summit: দিল্লিতে শেখ হাসিনা, আজই বসছেন মোদির বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে

    G20 Summit: দিল্লিতে শেখ হাসিনা, আজই বসছেন মোদির বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামিকাল, শনিবার থেকে শুরু হচ্ছে জি২০ (G20 Summit) সম্মেলন। একদিন আগেই, অর্থাৎ আজ সকাল থেকেই ভারতে আসতে শুরু করে দিয়েছেন রাষ্ট্রনেতারা। এদিনই দিল্লি পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান। আজ বিকেলে শেখ হাসিনাকে নিজের সরকারি বাসভবনে আপ্যায়ন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই দুই রাষ্ট্রনেতার মধ্যে একাধিক বিষয়ে আলোচনা (G20 Summit 2023) হবে। 

    ‘ভারতের জামাই’ নাম উপভোগ করেন সুনক!

    হাসিনার বিমান দিল্লির মাটি ছোঁয়ার কিছুক্ষণ পরই ভারতে এসে পৌঁছন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম ভারত সফর। জি২০ সম্মেলন (G20 Summit) প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক বলেন, “সম্মেলনে অংশ নেওয়া আমার জন্য বিশেষ তাৎপর্যের। আমি একটি স্পষ্ট ফোকাস নিয়ে জি২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে চলেছি। তা হল, বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করা। আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করা।” 

    প্রসঙ্গত, নিজে ভারতীয় বংশোদ্ভূত হিন্দু হওয়ার পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেন ভারতীয় ধনকুবের তথা ইনফোসিসের কর্ণধার নারায়নমূর্তির জামাতা। সেই দিক দিয়ে তাঁকে অনেকেই তাঁকে ‘ভারতের জামাই’ বলেও সম্বোধন করেন। এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুনক বলেন, “আমি কোথাও দেখেছি যে আমাকে ভারতের জামাই বলে উল্লেখ করা হয়। এটা আমি বেশ উপভোগ করি।”

    আন্তর্জাতিক অর্থভাণ্ডার প্রধানের নাচ

    এর আগে, জি২০ সম্মেলনে (G20 Summit) অংশ নিতে এসে আলাদা করে নজর কাড়লেন আইএমএফ-এর প্রধান ক্রিসটালিনা জর্জিয়েভা।এদিন দিল্লি এয়ারপোর্টে অবতরন করার পর বিশেষভাবে তাঁকে স্বাগত জানানো হয়। সেই সময় মঞ্চে গানের তালে নাচছিলেন কিছু মহিলা। তা দেখে কিছুটা উৎসাহিত হন। পা মেলাতে দেখাতে যায় গানের তালে। সেই ছবি ট্যুইটারে (অধুনা এক্স) শেয়ার করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 

    ট্যুইটার (এক্স) হ্যান্ডলে কী জানালেন মোদি?

    এদিকে, এদিন দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, যে আজ তিনি তিন বিশেষ অতিথির সঙ্গে তাঁর বাসভবনে দ্বিপাক্ষিক আলোচনা (G20 Summit) সারবেন। এই তিনজন হলেন— মরিশাসের প্রধানমন্ত্রী কুমার জগনাথ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মোদি লেখেন, বৈঠকগুলির মাধ্যমে এই তিন রাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা করা এবং সহযোগিতাপূর্ণ উন্নয়নকে আরও শক্তিশালী করার সুযোগ মিলবে।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: জি২০ সম্মেলনস্থলে বসল ২৭ ফুটের নটরাজ, মূর্তির বিশেষত্ব বর্ণনা প্রধানমন্ত্রীর

    G20 Summit: জি২০ সম্মেলনস্থলে বসল ২৭ ফুটের নটরাজ, মূর্তির বিশেষত্ব বর্ণনা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে শুরু হচ্ছে জি২০ সম্মেলন (G20 Summit)। শুক্রবার থেকেই বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা হাজির হতে শুরু করেছেন দিল্লিতে। ইতিমধ্যে জি২০ শীর্ষ সম্মেলনকে ঘিরে সাজো সাজো রব গোটা রাজধানী জুড়ে। জানা গিয়েছে, জি২০ (G20 Summit) শীর্ষ সম্মেলনে অতিথিদের স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী মোদি। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী স্বয়ং তাঁদেরকে সম্মেলন স্থল পর্যন্ত নিয়ে আসবেন। এর পাশাপাশি অতিথিদের স্বাগত জানাতে ২৭ ফুটের দীর্ঘ নটরাজের মূর্তিও বসানো হয়েছে ঠিক ভারত মণ্ডপমের সামনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নটরাজের মূর্তির ছবিগুলি নিজের ট্যুইটার (অধুনা এক্স) হ্যান্ডেল থেকে শেয়ারও করেছেন।

    ভারত মণ্ডপমের সামনে বসেছে নটরাজের মূর্তি (G20 Summit)

    প্রসঙ্গত, নটরাজকে হিন্দু দেবতা শিবের একটি রূপ বলে বিবেচনা করা হয়। জানা গিয়েছে, বিশ্বের মধ্যে এটি সব থেকে লম্বা নটরাজের মূর্তি। এই মূর্তিকে ঘিরে রয়েছে ধর্ম, দর্শন, শিল্প সমেত বিজ্ঞানের সমন্বয় (G20 Summit)। সোনা, রুপো, কাঁচ তামা সহ আটটি ধাতু দিয়ে তৈরি হয়েছে এই মূর্তিটি। শুধুই মূর্তি তৈরি করতে খরচ হয়েছে ১০ থেকে ১২ কোটি টাকা। সাত মাসেরও বেশি সময় ধরে ১০০ জন শিল্পী মিলে তৈরি করেছেন এই মুর্তিটি। যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ট্যুইটারে লিখেছেন, ‘‘গোটা বিশ্ব যখন ভারতের দিকে তাকাবে আগামী তিন দিন এই মূর্তি ভারতের সোনার ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস ও সংস্কৃতির প্রতীক হিসেবে মূর্তমান হবে।’’ 

    চোখ ধাঁধানো সাজে সেজে উঠেছে ভারত মন্ডপম

    চোখ ধাঁধানো সাজে সেজে উঠেছে ভারত মণ্ডপম। সেখানে তৈরি হয়েছে কালচার করিডর জি২০ (G20 Summit) ডিজিটাল মিউজিয়াম। এখানে আগত রাষ্ট্রপ্রধানদের দেশের সংস্কৃতিকে তুলে ধরা হবে। এর পাশাপাশি ৪ নম্বর এবং ১৪ নম্বর হলে ডিজিটাল ইন্ডিয়া এক্সপেরিয়েন্স জোন তৈরি করা হয়েছে, এখানে ভারতের প্রযুক্তিগত শক্তি ঠিক কতটা তা দেখতে পাবেন আগত বিভিন্ন দেশের প্রতিনিধিরা। গত ৯ বছরে মোদি সরকার ডিজিটাল ইন্ডিয়াতে যে সাফল্য পেয়েছেন সেই ইউপিআই, ই সঞ্জিবনী, দিক্ষা, ভাষিনী, ওএনডিসি ইত্যাদির কথা তুলে দরা হবে। ভারত মণ্ডপমের ৩ নম্বর হলে গেলে দেখা মিলবে ক্রাফট বাজারের এখানে দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পকে তুলে ধরা হয়েছে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: জি২০ সম্মেলনের ফাঁকেই ১৫ রাষ্ট্রনেতার সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি

    G20 Summit: জি২০ সম্মেলনের ফাঁকেই ১৫ রাষ্ট্রনেতার সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামীকাল থেকে শুরু হচ্ছে জি২০ (G20 Summit) সম্মেলন। এর জন্য ভারতে ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। শনিবার ও রবিবার, রাজধানী দিল্লি হয়ে উঠবে বিশ্বনেতাদের মিলন-প্রাঙ্গণ। এই দুদিনের সম্মলনে আলোচিত হবে একাধিক বিষয়। উত্থাপন হবে একাধিক প্রস্তাব। নেওয়া হবে একাধিক সংকল্প। তবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যস্ত কর্মসূচি শুরু হয়ে যাচ্ছে একদিন আগেই। অর্থাৎ, আজ শুক্রবার থেকেই। সম্মেলনের ফাঁকে শুক্র থেকে রবি—এই তিনদিনে বিভিন্ন রাষ্ট্রেনতার সঙ্গে একাধিক বৈঠক হওয়ার কথা তাঁর। সূত্রের খবর, সম্মেলনে আগত রাষ্ট্রেনেতাদের সঙ্গে মোট ১৫টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। এক কথায়, একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

    দ্বিপাক্ষিক বৈঠকের শুরু হচ্ছে বাংলাদেশ দিয়ে

    জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদির দ্বিপাক্ষিক বৈঠকের এই সিরিজ শুরু হবে শুক্রবার বিকেলে। প্রথমেই তিনি নিজ বাসভবন, অর্থাৎ ৭ লোক কল্যাণ মার্গে (সাবেক ৭ রেস কোর্স রোড) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করবেন। অতিথি দেশ হিসেবে জি২০ সম্মেলনে (G20 Summit) হাজির বাংলাদেশ। সেখানে দুই নেতার মধ্যে বৈঠকে উঠে আসবে একাধিক দ্বিপাক্ষিক আলোচ্য বিষয়। বৈঠকে বাংলাদেশি এবং ভারতীয় টাকার মাধ্যমে লেনদেন সুগম করা, কৃষি গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে তিনটি সমঝোতাপত্র সই হতে পারে। দুই পড়শি দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বিদ্যুৎ এবং রেলপথের একাধিক প্রকল্পের উদ্বোধনও হতে পারে। 

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নৈশভোজে আলোচনা

    এর পর রাতে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানেও দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা। চিন-ভারত সংঘাতের আবহে আজকের এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আশা করা হচ্ছে, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা এবং বহুপাক্ষিক বিনিয়োগের সুযোগ নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়া, জিই জেট ইঞ্জিন এবং পারমাণবিক প্রযুক্তি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

    আগামী ২ দিন ঠাসা কর্মসূচিতে পর পর বৈঠক

    আগামিকাল, জি২০ সম্মেলনের (G20 Summit) প্রথম দিন। তারই ফাঁকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি। দ্বিতীয় দিনে, ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজে দেখা করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রঁর সঙ্গে। এর পর এরপরে তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এর্ডোগান, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গেও বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর। এর পাশাপাশি, কোমোরস, সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও নাইজেরিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক (G20 Summit 2023) করবেন বলেও খবর সূত্রের। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: আসতে শুরু করেছেন রাষ্ট্রনেতারা, দিল্লিতে এখন সাজো সাজো রব

    G20 Summit: আসতে শুরু করেছেন রাষ্ট্রনেতারা, দিল্লিতে এখন সাজো সাজো রব

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা। রাত পোহালেই শনিবার থেকে শুরু দুদিন ব্যাপী জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। প্রথমবার ভারতের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন হচ্ছে। বিশ্বের দরবারে ভারতের গরিমা অটূট রাখতে সচেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    নিরাপত্তার ঘেরাটোপে দিল্লি, চারদিকে নিশ্ছিদ্র নিরাপত্তা

    জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে আসছেন বিদেশি রাষ্ট্রনেতা ছাড়াও প্রায় ১০ হাজার বিদেশি অতিথি। সেজে উঠেছে নয়াদিল্লির প্রগতি ময়দানে সদ্য উদ্বোধন হওয়া ভারত মণ্ডপ। এখানেই হবে মূল সম্মেলন। প্রস্তুত রয়েছে রাজধানী এলাকার অভিজাত হোটেলগুলিও। যে কারণে, দিল্লিজুড়ে এখন যুদ্ধকালীন তৎপরতা ও প্রস্তুতি। বহুস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা রাজধানী চত্বর। একেবারে, মাছি গলার জো নেই! কার্যত লকডাউনে চলে গিয়েছে রাজধানী অঞ্চল।

    জি২০ সম্মেলনের (G20 Summit 2023) জন্য রাজধানী অঞ্চলের যান-চলাচলে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যাত্রীবাহী বাস, পণ্যবাহী লরি, অটো, ট্যাক্সি-সহ যাত্রী পরিবহণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকী, বন্ধ করা হয়েছে অনলাইন ডেলিভারি। শুধুমাত্র, মেডিক্যাল এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে সুনির্দিষ্ট ছাড়পত্র দেখিয়ে যেতে দেওয়া হচ্ছে। মেট্রো চালু থাকলেও, নিরাপত্তার স্বার্থে বিভিন্ন গেট বন্ধ করে রাখা হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাজধানীর সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, বাণিজ্যেক প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য দেওয়া হয়েছে নির্দেশ। 

    সন্ধ্যায় রয়েছে জোড়া বৈঠক! আজ থেকেই কর্মসূচি শুরু মোদির

    তবে, মূল সম্মেলেন (G20 Summit) শনিবার শুরু হলেও, প্রধানমন্ত্রী মোদির কর্মসূচি শুরু হচ্ছে তার একদিন আগে থেকে, অর্থাৎ আজ শুক্রবার থেকেই। এদিন বিকেলে নিজের বাসভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি। সেখানে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। এদিনই বেলা সাড়ে ১২টা নাগাদ দিল্লিতে পৌঁছচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর পর রাতে নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিশেষ দ্বিপাক্ষিক বৈঠক করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

    সন্ধ্যায় পৌঁছচ্ছেন জো বাইডেন, ঋষি সুনক, বাকিরা কে কখন আসছেন?

    জি২০ শীর্ষ সম্মেলনের (G20 Summit) জন্য ইতিমধ্যেই দেশে আসতে শুরু করে দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। কেউ আজ আসছেন, কেউ আবার আগামিকাল সকালেই আসবেন। গতকাল রাতেই ভারতে এসেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন। চলে এসেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এসেছেন আর্জেন্টনার প্রধানমন্ত্রী। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আসছেন দুপুরে। সন্ধ্যায় এসে পৌঁছবেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট এইচএইচ শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তবে, জার্মানি এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা আসবেন ৯ সেপ্টেম্বর। তবে, করোনা আক্রান্ত হওয়ায় জি২০ সম্মেলনে যোগ দিতে পারছেন না স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সাঞ্চেজ। সম্মেলনে স্পেনের প্রতিনিধি হিসেবে থাকবেন ভাইস প্রেসিডেন্ট নাদিয়া কালভিনো সান্তামারিয়া ও বিদেশমন্ত্রী জোস ম্যানুয়েল আলভারেজ।

     

    রাষ্ট্রনেতাদের অভ্যর্থনা জানানোর দায়িত্বে কারা?

    এদিকে, জি২০ সম্মেলনে (G20 Summit 2023) যোগ দিতে দেশে আগত বিভিন্ন বিদেশি রাষ্ট্রনেতাদের স্বাগত জানাতে দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে। প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানাতে যাবেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিং। চিনা প্রধানমন্ত্রী লি কিয়াংকেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির থাকবেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে অভ্যর্থনা জানাবেন কেন্দ্রীয় খাদ্য-সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে অভ্যর্থনা জানাবেন কৃষি প্রতিমন্ত্রী শোভা করান্ডলাজে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জার্দোশ।

    কোন রাষ্ট্রনেতা কোথায় থাকছেন?

    জি২০ (G20 Summit) সদস্য ও আমন্ত্রিত দেশ মিলিয়ে প্রায় ৩০টি দেশের রাষ্ট্রনেতা আসছেন। তাঁদের থাকারও এলাহি ব্যবস্থা করা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থাকবেন আইটিসি মৌর্য শেরাটন হোটেলে। মার্কিনীদের জন্য হোটেলের ৪০০টি রুম বুক করা হয়েছে। সেই সঙ্গে ব্যবস্থা করা হয়েছে বিশেষ লিফটের। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক থাকবেন শাংরি-লা হোটেলে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা থাকবেন ললিত হোটেলে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রঁ থাকবেন ক্লারিজেস হোটেলে। ইম্পেরিয়াল হোটেল হতে চলেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের অস্থায়ী বাসভবন। চিনা প্রতিনিধি দল থাকবে তাজ হোটেলে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: জি২০ শীর্ষ সম্মেলন শেষে বৃক্ষরোপণ রাষ্ট্রনেতাদের, কোন চারাগাছ রোপণ করবেন বাইডেন?

    G20 Summit: জি২০ শীর্ষ সম্মেলন শেষে বৃক্ষরোপণ রাষ্ট্রনেতাদের, কোন চারাগাছ রোপণ করবেন বাইডেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিবেশ রক্ষা এবং জলবায়ুর পরিবর্তন জি২০ গোষ্ঠীর (G20 Summit) অন্যতম অ্যাজেন্ডা। সেই থিমকে মাথায় রেখে এবার ভারতে এসে বৃক্ষরোপণ করতে দেখা যাবে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের। জানা গিয়েছে বৃক্ষরোপণ করার তালিকায় নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ সহ অন্যান্য রাষ্ট্র নেতাদের। শনিবারই শুরু হচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন। তা চলবে রবিবার পর্যন্ত। দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে জি২০ বৈঠক (G20 Summit) শেষ হওয়ার পরেই এই বৃক্ষরোপণ অনুষ্ঠিত হবে। তবে এখনও পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচির স্থান হিসেবে কোনও নাম সংবাদমাধ্যমে আসেনি। এর কারণ হিসেবে নিরাপত্তাজনিত কারণ রয়েছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

    কোন দেশ থেকে কী কী গাছ এল?

    জানা গিয়েছে, চারা গাছগুলি আসছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, ইতালি, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, আর্জেন্টিনা, চিন, জাপান এবং অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হচ্ছে চারা গাছগুলি।  ইতালি ও তুরস্ক থেকে আনা হয়েছে অলিভ গাছের চারা। বাংলাদেশ থেকে এসেছে আম গাছের চারা। সৌদি আরব থেকে এসেছে তাল গাছের চারা। আবার ভারতের কাশ্মীর থেকে এসেছে চিনার গাছের চারা। সৌদি আরব থেকে কতগুলো খেজুর গাছও নিয়ে আসা হয়েছে। আবার জার্মানি থেকে এসেছে উইন্টারলিন্ড গাছ। বেশ কিছু দেশকে এমনও দেখা যাচ্ছে যারা জি২০-র (G20 Summit) সদস্য নয় কিন্তু তারাও গাছের চারা পাঠিয়েছে। এই দেশগুলি হল সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, মরিশাস, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর এবং স্পেন।

    কে কোন গাছের চারা রোপণ করবেন?

    কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ রোপণ করবেন চিনার কাছে চারা, জানা গিয়েছে কাশ্মীর থেকে আনা হয়েছে এই গাছ। অন্যদিকে পুতিনের অনুপস্থিতিতে এই বৈঠকের যোগ দেওয়ার কথা রাশিয়ার বিদেশ মন্ত্রীর। তিনিও চিনার গাছের চারা রোপণ করবেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রোপণ করবেন জারুল গাছের চারা, বৃটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনককে রোপণ করতে দেখা যাবে উইলো গাছের চারা (G20 Summit)। কানাডার প্রধানমন্ত্রীর রোপণ করবেন অর্জুন গাছের চারা। জানা গিয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মস্তিষ্কপ্রসূত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: বাংলাদেশের পাশে থাকার বার্তা! নিজ বাসভবনেই হাসিনার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

    G20 Summit: বাংলাদেশের পাশে থাকার বার্তা! নিজ বাসভবনেই হাসিনার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি সপ্তাহের শুক্রবার বিকালে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত আসন্ন জি২০ শীর্ষ সম্মেলনে (G20 Summit) যোগ দিতে ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে প্রধানমন্ত্রীর বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে। সাধারণভাবে যে কোনও রাষ্ট্র প্রধানের সঙ্গে বৈঠক হওয়ার রীতি রয়েছে হায়দরাবাদ হাউস অথবা সাউথ ব্লকে। কিন্তু সেই প্রথা ভেঙে প্রধানমন্ত্রীর বাসভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন মোদি। 

    তিনদিনের ভারত সফরে শেখ হাসিনা

    বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, তিন দিনের ভারত সফরে শুক্রবার দিল্লিতে পৌঁছবেন শেখ হাসিনা (G20 Summit)। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে বিকাল সাড়ে পাঁচটায়। তবে মোদি-হাসিনার এই বৈঠকে নতুন কোনও চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। তবে বেশ কয়েকটি চুক্তি নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে। যার মধ্যে একটি ভারত-বাংলাদেশের রেল প্রকল্প। প্রসঙ্গত, ত্রিপুরা থেকে বাংলাদেশ পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এবার উদ্বোধনের পালা। শোনা যাচ্ছে, চলতি মাসেই সেই উদ্বোধন হবে। প্রসঙ্গত, গত অগাস্ট মাসে ব্রিকস সম্মেলনের অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়, সদস্য দেশ না হলেও সেখানে অতিথি হিসেবে হাজির ছিল বাংলাদেশ। ব্রিকস সম্মেলনের ফাঁকেও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় শেখ হাসিনার। অগাস্টের পর আবার সেপ্টেম্বের মুখোমুখি হতে চলেছেন দুই রাষ্ট্রপ্রধান।

    অতিথি দেশ হিসেবেই জি২০ সম্মেলনে হাজির থাকবে বাংলাদেশ

    প্রসঙ্গত, শনিবার সকাল থেকেই শুরু হতে চলেছে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। জি২০ গোষ্ঠীর মধ্যে বাংলাদেশ না থাকলেও অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ পেয়েছে এবং সেই সুবাদেই ভারতে আসবেন শেখ হাসিনা। প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে, সদস্য দেশ ছাড়া বাংলাদেশে এই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে। বাংলাদেশ সরকারের তরফে জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা এবং সৌদি আরবের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন শেখ হাসিনা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: রাষ্ট্রনেতাদের স্বাগত জানাতে প্রস্তুত ‘ভারত মণ্ডপম’, খাবার পরিবেশন সোনার থালায়

    G20 Summit: রাষ্ট্রনেতাদের স্বাগত জানাতে প্রস্তুত ‘ভারত মণ্ডপম’, খাবার পরিবেশন সোনার থালায়

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান। তারপরেই ভারতের মাটিতে পা রাখবেন বিশ্বের তাবড় রাষ্ট্র নেতারা। দিল্লির প্রগতি ময়দানে বসতে চলেছে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। ৯ এবং ১০ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। ৮ সেপ্টেম্বর থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা উপস্থিত হতে শুরু করবেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রত্যেক রাষ্ট্রনেতাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি শনিবারে আগত রাষ্ট্রনেতাদের সম্মানে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার।

    জি২০ শীর্ষ সম্মেলনে খুঁটিনাটি

    জানা গিয়েছে, জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit) যেদিন শুরু হবে অর্থাৎ ৯ সেপ্টেম্বর সকাল ন’টার মধ্যেই সম্মেলন স্থলে হাজির হয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই সম্মেলন স্থলকে নানাভাবে সাজানো হয়েছে। যার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। জি২০ শীর্ষ সম্মেলন স্থলের নাম দেওয়া হয়েছে ‘ভারত মণ্ডপম’। কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, ভারত মণ্ডপমে আসা রাষ্ট্রনেতাদের গাড়ি থেকে নামার সময় তাঁদের স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী। সম্মেলন স্থল পর্যন্ত তাঁদের তিনি নিয়ে আসবেন। সূত্রের খবর, অনুযায়ী জি২০ শীর্ষ সম্মেলনে (G20 Summit) হাজির থাকছেন প্রায় ৪০ জন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী। যে সমস্ত দেশগুলিতে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসতে পারছেন না সেই দেশগুলির বিদেশ মন্ত্রীরা হাজির থাকবেন প্রতিনিধি হিসেবে। প্রতিটি রাষ্ট্রপ্রধানদের প্রতিনিধি দলে থাকবেন ১৫০-২০০ থেকে সদস্য। এর পাশাপাশি থাকছে নিরাপত্তারক্ষী। সবমিলিয়ে শনিবার ও রবিবার ভারত মণ্ডপমে ১০ হাজার প্রতিনিধি জি২০ শীর্ষ সম্মেলনে হাজির থাকবেন বলে জানা গিয়েছে। রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যে সমস্ত অতিথিরা আসবেন তাঁদের জন্য থাকছে ভিউয়িং রুম। এখানে বসেই সরাসরি জি২০ শীর্ষ সম্মেলনের সম্প্রচার দেখতে পাবেন অতিথিরা। এর পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদির। প্রথম বৈঠক হওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। জানা গিয়েছে, প্রগতি ময়দানে ২০টি মিটিং রুমও তৈরি করা হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের জন্য।

    সোনা-রুপোর থালা বাটিতে খাবার পরিবেশন

    জি২০ শীর্ষ সম্মেলনকে (G20 Summit) কেন্দ্র করে সাজসাজো রব দিল্লির প্রগতি ময়দানে। আলোর মালা এবং বিভিন্ন ডেকোরেশনে ইতিমধ্যে সেজে উঠেছে ভারত মণ্ডপম। জানা গিয়েছে, আগত অতিথিদের কোনও ত্রুটি রাখতে চায় না কেন্দ্রীয় সরকার। তার জন্য একদম রাজকীয়ভাবে খাবার পরিবেশন করা হবে। অতিথিদের সোনা এবং রুপোর পাত্রে খাবার পরিবেশন করা হবে বলে জানা গিয়েছে। এই খাবার পরিবেশনের রীতিতে দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য ঝলক গোটা দুনিয়া দেখবে। প্রতিটি খাবার পাত্রেই রয়েছে কারুকার্য। মোট দু’শো জন কারিগর এই খাবার পাত্র তৈরিতে অংশগ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। কর্নাটক, বাংলা, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং উত্তরাখণ্ডের মতো রাজ্যের কারিগরের পাত্রগুলি তৈরি করেছেন। বিশেষ ধরনের ডিনার সেটও তৈরি হয়েছে এবং লবণ রাখার ট্রেতে থাকছে অশোক চক্রের ছবি। রুপোর পাত্র ছাড়াও ডিনার সেটে থাকছে সোনার প্রলেপ দেওয়া বাটি এবং চামচ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Aditya-L1: আদিত্যর ক্যামেরায় একই ফ্রেমে ধরা দিল পৃথিবী, চাঁদ! ছবি প্রকাশ করলো ইসরো

    Aditya-L1: আদিত্যর ক্যামেরায় একই ফ্রেমে ধরা দিল পৃথিবী, চাঁদ! ছবি প্রকাশ করলো ইসরো

    মাধ্যম নিউজ ডেস্ক: পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করতে করতে নিজস্বী তুলে পাঠালো আদিত্য-এল১ (Aditya-L1)। একইসঙ্গে, একটি ফ্রেমে পৃথিবী ও চাঁদের ছবিও পাঠিয়েছে ভারতের প্রথম সৌরযান (India Sun Mission)। সেই ছবি বৃহস্পতিবার প্রকাশ করেছে ইসরো। 

    আদিত্যর তোলা ছবি প্রকাশ ইসরোর

    এদিন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ট্যুইটার (অধুনা এক্স) হ্যান্ডল থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। তাতে দেখা যাচ্ছে, পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করতে করতে সেলফিও তুলছে আদিত্য-এল১ (Aditya-L1)। এরসঙ্গেই, দেখা যাচ্ছে আরেকটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিওতে পৃথিবী ও চাঁদ রয়েছে একই ফ্রেমে। ধীরে ধীরে, আঁধারে মিলিয়ে যাচ্ছে চাঁদ। একইসঙ্গে পৃথিবীর ঘূর্ণনও স্পষ্ট ধরা পড়েছে।

    গত শনিবার, ১১টা ৫০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় ১ হাজার ৪৮০ কেজি ওজনের আদিত্য-এল১ (India Sun Mission)। উৎক্ষেপণের ৬৩ মিনিট পর ইসরোর তরফে জানিয়ে দেওয়া হয়, নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত করা হয়েছে আদিত্য-এল১ উপগ্রহকে। 

    এখন কোথায় আছে আদিত্য-এল১?

    ইসরো জানিয়েছে, এখনও পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে বেরোয়নি ইসরোর সৌরযান। চন্দ্রযান ৩-এর মতোই পৃথিবীর চারদিকে পাঁচবার চক্কর কাটবে আদিত্য-এল১ (Aditya-L1)। একইসঙ্গে কক্ষপথ বদল করার মাধ্যমে প্রয়োজনীয় গতিও সঞ্চয় করে নেবে। তাতে সময় লাগবে ১৫ থেকে ১৬ দিন। এখনও পর্যন্ত দু’বার সফলভাবে কক্ষপথ বদল করেছে আদিত্য-এল১। প্রথমটি হয়েছে ৩ সেপ্টেম্বর। দ্বিতীয়টি হয়েছে ৫ সেপ্টেম্বর। এর পর আরও দুবার কক্ষপথ বদল করবে আদিত্য-এল১। 

    পঞ্চম লাফের মাধ্যমে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে পেরিয়ে গন্তব্যের উদ্দেশে পাড়ি দেবে আদিত্য-এল১ (India Sun Mission)। আদিত্য-এল১ উপগ্রহের চূড়ান্ত গন্তব্য হলো পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী ল্যাগ্রাঞ্জ-১ পয়েন্ট বা এল-১ পয়েন্ট। এটি পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরের একটি ‘হ্যালো’ পয়েন্ট। সেখানেই গিয়ে স্থায়ীভাবে থাকবে এবং সূর্যের জরিপ করবে আদিত্য-এল১ (Aditya-L1)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ৬ মাস আগেই লোকসভা ভোট! কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার?

    Lok Sabha Election 2024: ৬ মাস আগেই লোকসভা ভোট! কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘এক দেশ এক ভোট’ ইস্যুতে সংবিধান মেনে চলার বার্তা দিলেন নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচন এবং লোকসভা ভোট একসঙ্গেই করতে চায় কেন্দ্র সরকার। এ প্রসঙ্গে ইতিমধ্যে বিশেষ কমিটিও গঠন করেছে সরকার। বুধবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,  ‘‘আইনের মধ্যে থেকে আমরা নির্বাচন করতে প্রস্তুত।’’

    নির্বাচন কমিশনের অভিমত

    সামনেই মধ্য প্রদেশ বিধানসভা নির্বাচন। তার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার ভোপালে পৌঁছন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন কমিশনার বলেন,  ‘‘নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন শেষ করে ফেলাই আমাদের কাজ। জনপ্রতিনিধিত্ব আইন মেনে সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে, তা অনুযায়ী আমরা নির্বাচন সংগঠন করে থাকি।’’ একইসঙ্গে রাজীব কুমার আরও বলেন, ‘‘এই জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, সরকারের পাঁচ বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ছয় মাস আগেই নির্বাচন করা যায়। রাজ্য বিধানসভাগুলির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। সংবিধান এবং এই জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় থেকে আমরা নির্বাচন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।’’

    আরও পড়ুন: ‘‘যোগ্য জবাব দেওয়া প্রয়োজন’’! সনাতন ধর্ম বিতর্কে মুখ খুললেন মোদি

    নির্বাচন নিয়ে জল্পনা

    মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের এই মন্তব্যের পরই আবার আলোচনা শুরু হয় তাহলে কি এগিয়ে আসতে চলেছে লোকসভা ভোট? যদিও এ প্রসঙ্গে স্পষ্ট করে কিছু বলেননি রাজীব কুমার। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন (Chief Election Commissioner)।  ডিসেম্বরে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। গত প্রায় বেশ কয়েক বছর ধরেই কেন্দ্রীয় মন্ত্রীদের গলায় নানাভাবে এই এক দেশ এক নির্বাচন প্রক্রিয়ার কথা শোনা গিয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে একইসঙ্গে বিধানসভা এবং লোকসভা নির্বাচন হতে পারে দেশে। এই পদক্ষেপে একদিকে যেমন নির্বাচনের খরচ এক ধাক্কায় অনেকটা কমবে। আবার, নির্বাচিত সরকারগুলিও কাজ করার জন্য বেশি সময় পাবে। বাড়বে কেন্দ্র-রাজ্য সম্বন্বয়। আর তাই এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করছে শাসকদল। প্রসঙ্গত, আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ডাকা হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। সেই অধিবেশন চলাকালীন এই এক দেশ এক নির্বাচন প্রস্তাব আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ‘‘যোগ্য জবাব দেওয়া প্রয়োজন’’! সনাতন ধর্ম বিতর্কে মুখ খুললেন মোদি

    Narendra Modi: ‘‘যোগ্য জবাব দেওয়া প্রয়োজন’’! সনাতন ধর্ম বিতর্কে মুখ খুললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিনের বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি২০ সম্মেলনের আগে মন্ত্রীদের সঙ্গে এক প্রস্তুতি বৈঠকে কড়া বার্তা দিলেন তিনি। জানিয়ে দিলেন, এই ধরনের মন্তব্যের ‘যোগ্য জবাব দেওয়া প্রয়োজন।’ এছাড়াও ভারত বনাম ইন্ডিয়া ইস্যুতেও মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে মুখ খোলেন প্রধানমন্ত্রী।

    উদয়নিধির বিতর্কিত মন্তব্য

    উল্লেখ্য, সনাতন ধর্মকে ডেঙ্গি-ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করে এই ধর্মের বিলোপ চেয়েছেন ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন। গত সপ্তাহের শেষের দিকে ডিএমকে নেতা বলেছিলেন, ‘সনাতন (ধর্ম) হল ম্যালেরিয়া ও ডেঙ্গির মতো। তাই এটিকে শুধু বিরোধিতা করাই নয়, এটিকে পুরোপুরি নির্মূল করতে হবে।’ উদয়নিধির সেই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়। বিজেপি তরফে নাগাড়ে আক্রমণ শুরু হয় ওই মন্তব্যের প্রতিবাদে। পদ্ম শিবির থেকে দাবি করা হয়, তিনি যে মন্তব্য করেছেন তা ‘গণহত্যার ডাক দেওয়ার’ সামিল। যদিও বিজেপির সেই দাবি উড়িয়ে দিয়েছেন উদয়নিধি। তিনি নিজের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে নারাজ। 

    ইন্ডিয়া-ভারত ইস্যুতে নির্দেশ প্রধানমন্ত্রীর

    অন্যদিকে, ‘ইন্ডিয়া বনাম ভারত’ বিতর্কে বুধবার বিরোধীদের মোকাবিলার দিশানির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি বলেন, এই বিষয়ে মন্ত্রিদের কথা বলার দরকার নেই, এই ইস্যুতে সবার কথা বলার কোনও প্রয়োজন নেই। শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত, অনুমোদিতরাই এই বিষয়ে মন্তব্য করুন। তাঁর পরামর্শ, ‘এই সব বিষয় নিয়ে ইতিহাস ঘাঁটার দরকার নেই, সংবিধান মেনে বাস্তবিক দিকটি তুলে ধরুন। ইস্যুটির সমসাময়িক পরিস্থিতি নিয়েও কথা বলুন।’ 

    আরও পড়ুন: ‘‘গণতন্ত্রের মন্দিরকে নিয়ে রাজনীতি করছেন সোনিয়া’’, অভিযোগ প্রহ্লাদ জোশীর

    অস্বস্তিতে ‘ইন্ডিজোট

    প্রসঙ্গত, উদয়নিধি স্ট্যালিনের মন্তব্যে গোটা দেশ তোলপাড়। জাতীয় রাজনীতিতে এই ইস্যুকে কেন্দ্র করে বিজেপির বহু নেতাই বিপক্ষের ‘ইন্ডি’ জোটের দিকে আঙুল তুলেছেন। উদয়নিধির এমন বিতর্কিত মন্তব্য ঘিরে বেশ অস্বস্তিতে ‘ইন্ডি’ জোটের অন্যান্য দলগুলিও। এই বিষয়টি নিয়ে শিবসেনার উদ্ধবপক্ষ সমেত ‘ইন্ডি’ জোটের একাধিক দল নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। দেশজুড়ে তোলপাড়ের মাঝেই উদয়নিধি স্ট্যালিনের শিরোচ্ছেদের নিদান দেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। তাঁর কথায়, ‘আমি ওঁকে বলব, আগে সনাতন ধর্মের ইতিহাস পড়ে আসুন। তারপর এই নিয়ে বেফাঁস মন্তব্য করবেন। সনাতন ধর্ম নিয়ে উনি যা যা বলেছেন, তার জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে। নচেৎ উনি কঠোর শাস্তি পাবেন।’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share