Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Mobile Messenger Apps: সন্ত্রাসের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক! ১৪টি মেসেঞ্জার অ্যাপ ব্লক করল কেন্দ্র

    Mobile Messenger Apps: সন্ত্রাসের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক! ১৪টি মেসেঞ্জার অ্যাপ ব্লক করল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদ মুক্ত করতে কঠোর পদক্ষেপ কেন্দ্র সরকারের। জঙ্গিদের চ্যাট চলছিল। পাকিস্তান থেকে বার্তা গ্রহণ করে সেই বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল দেশের নানা প্রান্তে। সন্ত্রাসের জাল বিছানোর জন্য যে মোবাইল মেসেঞ্জার অ্যাপ গুলি ব্যবহার করা হয় সেগুলোকে এবার ব্লক করে দিল সরকার। দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে  ১৪টি মোবাইল মেসেঞ্জার অ্যাপ (Mobile Messenger Apps) ব্লক করল কেন্দ্র।

    নিষিদ্ধ অ্যাপগুলি কী কী?

    নিষিদ্ধ অ্যাপগুলি ব্যবহার করে বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী নিজেদের কাজকর্ম চালাচ্ছিল বলে অভিযোগ। মূলত জম্মু ও কাশ্মীরে জঙ্গি গোষ্ঠীগুলি নিজেদের সমর্থক এবং মদতদাতাদের সঙ্গে এই অ্যাপগুলির মাধ্যমে যোগাযোগ রাখত বলে অভিযোগ কেন্দ্রের। এমনকী ওই মেসেজিং অ্যাপ মারফত পাকিস্তান থেকে জঙ্গিদের কাছে নির্দেশ আসত বলে গোয়েন্দা বিভাগ সূত্রের খবর। যে ১৪টি মোবাইল অ্যাপ কেন্দ্র সরকার নিষিদ্ধ করেছে সেগুলির মধ্যে রয়েছে, ক্রিপভাইজার (Crypviser), এনিগমা (Enigma), সেফসুইস (Safeswiss), উইকরমি (Wickrme), মিডিয়াফায়ার (Mediafire), ব্রায়ার (Briar), বিচ্যাট (BChat), ন্যান্ড বক্স (Nandbox), কনিয়ন (Conion), আইএমও (IMO), এলিমেন্ট (Element), সেকেন্ড লাইন (Second Line), জঙ্গি (Zangi) এবং থ্রিমা (Threema)।

    অ্যাপগুলির খোঁজ মিলল কী করে?

    কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত একাধিক জঙ্গির মোবাইলে এই মেসেঞ্জার অ্যাপগুলি পাওয়া গিয়েছে। এরপরেই সন্দেহ হয় গোয়েন্দাদের। বস্তুত, গত কয়েক মাসে কাশ্মীরে যত জঙ্গিকে খতম করা গিয়েছে, তাদের প্রতিটি মোবাইলেই এই অ্যাপগুলি মিলেছে। জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সুপারিশে কেন্দ্র সরকারের এই পদক্ষেপ। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং ভারতীয় আইন মেনে চলে না এমন মোবাইল অ্যাপগুলির (Mobile Messenger Apps) তালিকা প্রস্তুত করা হয়েছিল। সেই অ্যাপগুলিকে নিষিদ্ধ করার জন্য আবেদন জানানো হয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রককে। ২০০০ সালের তথ্য প্রযুক্তি আইন (Information Technology Act) ৬৯এ (69A) ধারায় অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে, বলে মন্ত্রক সূত্রে খবর।

    আরও পড়ুন: কর্নাটকে মোদির কনভয়ে উড়ে এল মোবাইল ফোন! প্রশ্ন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে

    অ্যাপ সংস্থাগুলির ভারতে কোনও প্রতিনিধি নেই

    এই মেসেঞ্জার অ্যাপগুলির মাধ্যমে জম্মু-কাশ্মীরের জঙ্গি সংগঠনের নেতারা তাদের সমর্থক ও সদস্যদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছিল। কেন্দ্রের ইন্টেলিজেন্সের কাছে খবর, এই অ্যাপ সংস্থাগুলির ভারতে কোনও প্রতিনিধি নেই। কোনও অফিসও নেই। কেন্দ্রীয় গোয়েন্দারা অনেক চেষ্টা করেও এই অ্যাপ কোম্পানিগুলির কোনও প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেনি। কোথা থেকে চলছে সংস্থাগুলি, তারও হদিশ পাচ্ছে না। বন্ধ করা অ্যাপগুলির সার্ভারও কোনও একটি জায়গায় নির্দিষ্ট নয়। বিশ্বের নানা দেশে ছড়িয়ে রয়েছে। ফলে হদিশ পাওয়া মুশকিল। একই সঙ্গে এতটাই ভাল এনক্রিপশন যে, কী ধরনের মেসেজ আদানপ্রদান হচ্ছে, তা উদ্ধার করাও কঠিন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Financial Rule Change: এটিএম থেকে জিএসটি— আজ থেকে বদল হচ্ছে একাধিক নিয়মে, জানেন তো?

    Financial Rule Change: এটিএম থেকে জিএসটি— আজ থেকে বদল হচ্ছে একাধিক নিয়মে, জানেন তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি মাসের শুরুতেই আর্থিক নিয়মে (Financial Rule Change) বেশ কিছু বদল হয়, যার প্রভাব সরাসরি পড়ে আমাদের পকেটে। মে মাসের শুরু থেকে কোন কোন নিয়মে পরিবর্তন আসছে, দেখে নেওয়া যাক। GST, মিউচুয়াল ফান্ড এবং ব্যাঙ্কিং সহ অনেক জায়গায় বড় পরিবর্তন আসছে। 

    GST-এর নিয়মে কী পরিবর্তন ঘটবে?

    এখনও অবধি GST চালান তৈরি এবং আপলোড করার তারিখের জন্য কোনও সীমা নির্দিষ্ট করা ছিল না। কিন্তু এবার মে মাসের শুরু থেকেই ব্যবসায়ীদের জন্য GST নিয়মে পরিবর্তন আসতে চলেছে। নতুন নিয়ম অনুসারে, ১০০কোটি টাকার বেশি টার্নওভার সহ কোম্পানিগুলির জন্য ৭ দিনের মধ্যে চালান রেজিস্ট্রেশন পোর্টালে (IRP) লেনদেনের রশিদ আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে।

    রান্নার গ্যাসের দামের পরিবর্তন

    প্রতি মাসের শুরুতেই কেন্দ্রীয় সরকার এলপিজি, সিএনসি-পিএনজির দাম পরিবর্তন করে নতুন দাম নির্ধারণ করে। যদিও গত মাসে দেশীয় সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। কিন্তু ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯১.৫০ টাকা কমানো হয়েছিল। এবারে এলপিজির পাশাপাশি সিএনজি-পিএনজির দামেও পরিবর্তন আসতে পারে। দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে দাম পড়ছে যথাক্রমে ১,১০৩ টাকা, ১,১০২.৫ টাকা এবং ১,১১৮.৫ টাকা। অন্যদিকে কলকাতা, দিল্লি, চেন্নাই এবং মুম্বইয়ে ভর্তুকিহীন ১৯ কেজির দাম যথাক্রমে ২,১৩২ টাকা, ২,০২৮ টাকা ১,৯৮০ টাকা এবং ২,১৯২.৫ টাকা পড়ছে বলে জানা যাচ্ছে।

    মিউচুয়াল ফান্ডে কেওয়াইসি করা প্রয়োজন

    মে মাসের ১ তারিখ থেকে মিউচুয়াল ফান্ডে ই-ওয়ালেটের ক্ষেত্রে কেওয়াইসি বাধ্যতামূলক করে দিচ্ছে ভারতের বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া)। সেবির তরফে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নির্ধারিত কেওয়াইসির নিয়ম মেনে সেই ই-ওয়ালেট বজায় রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে, সেবি যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে মিউচুয়াল ফান্ডের লেনদেনের জালিয়াতি কমবে। আরও সুরক্ষিত হবে লেনদেন।

    পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে ATM -এ চার্জ দিতে হতে পারে

    পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকে এবং তারপরেও গ্রাহক এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করেন সেক্ষেত্রে ব্যাঙ্কের তরফে চার্জ করা হবে। চার্জ হিসাবে জিএসটি সহ দিতে হবে ১০ টাকা। পিএনবির তরফে জানানো হয়েছে, এটিএম লেনদেন ব্যর্থ হওয়ার পরে অভিযোগ জমা পড়ার সাতদিনের মধ্যে বিষয়টির সমাধান করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • LPG Price: সস্তা রান্নার গ্যাস! আজ থেকে কমল সিলিন্ডারের মূল্য, কলকাতায় দাম কত?

    LPG Price: সস্তা রান্নার গ্যাস! আজ থেকে কমল সিলিন্ডারের মূল্য, কলকাতায় দাম কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: হোটেল-রেস্তরাঁর রান্নার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দাম কমল আরও ১৭১.৫০ টাকা। রবিবার রাতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি মে মাসের জন্য বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার ১৭১.৫০ টাকা কমানোয় কলকাতায় সেটি কেনার খরচ দাঁড়াল ১৯৬০.৫০ টাকা। এপ্রিলেও তার দর ৮৯.৫০ টাকা কমানো হয়েছিল।

    গ্যাসের দাম কোথায়, কত!

    কলকাতায় আজ, সোমবার থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২,১৩২ টাকা থেকে কমে দাঁড়াল ১৯৬০.৫০ টাকা। এদিকে আজ থেকে দিল্লিতে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে দাঁড়াল ১৮৫৬.৫০ টাকা। এদিকে চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হল ২০২১ টাকা। মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৮০ থেকে কমে ১৮০৮ টাকা হল। এদিকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও ১৪.২ কেজি ওজনের ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিতই থেকে গেল এবারও। অর্থাৎ ১৪.২ কেজি ওজনের ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ১১২৯ টাকাই থাকছে কলকাতায়।

    আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বেলেঘাটা, পার্টি অফিসে ভাঙচুর, গুলি চালানোরও অভিযোগ

    পেট্রোল-ডিজেলের দাম কোথায়, কত!

    নিয়ম অনুসারে প্রতি মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়। মার্চ মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫০ টাকা বাড়ানো হয়েছিল। তখন অবশ্য ঘরোয়া গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়েছিল সংস্থাগুলি। যেহেতু কম দাম বাড়ানো হয়েছিল তাই এরপর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দুধাপে কমালেও গৃহস্থের ব্যবহারের গ্যাসের দাম অপরিবর্তই রাখা হয়েছে। কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৭৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.৩৩ টাকা। মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.২৪ টাকা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: কর্নাটকে মোদির কনভয়ে উড়ে এল মোবাইল ফোন! প্রশ্ন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে

    Narendra Modi: কর্নাটকে মোদির কনভয়ে উড়ে এল মোবাইল ফোন! প্রশ্ন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: রোড শো (Road Show) চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) কনভয় লক্ষ্য করে উড়ে এল মোবাইল ফোন। রবিবার বিকালে কর্নাটকের মাইসুরুতে (Mysuru) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ফের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ফোনটি প্রধানমন্ত্রীর গায়ে লাগেনি। 

    মোদি-ময় কর্নাটক

    আগামী ১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার সে রাজ্যের বিভিন্ন এলাকায় সভা করেছিলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। পরে রোড শো-ও করেন। মাইসুরুর ঐতিহ্যবাহী ‘পেটা’ এবং গেরুয়া সাল পরিহিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য নেতৃত্বের সঙ্গে একটি গাড়িতে করে জনতার উদ্দেশে হাত নাড়তে-নাড়তে এগিয়ে যাচ্ছিলেন। রাস্তার দু-পাশে দাঁড়িয়ে থাকা জনতা প্রধানমন্ত্রীর দিকে ফুল ছুড়ছিলেন। গোটা রাস্তা ভরে গিয়েছিল ফুলে। হঠাৎ করেই ফুলের সঙ্গে উড়ে আসে একটি মোবাইল ফোন। সঙ্গে সঙ্গে অবশ্য প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে এবং নিরাপত্তা আরও বাড়ান। 

    আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বেলেঘাটা, পার্টি অফিসে ভাঙচুর, গুলি চালানোরও অভিযোগ

    নিরাপত্তা নিয়ে প্রশ্ন

    প্রাথমিক তদন্তের পর কর্নাটক পুলিশের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) দিকে ফোন ছোড়েন এক বিজেপি মহিলা কর্মীই। ওই মহিলার কোনও খারাপ মতলব ছিল না। স্রেফ উত্তেজনার বশে, ভুল করে ওই মহিলা মোবাইল ছোড়েন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যরা সেই মহিলাকে ফোন ফিরিয়ে দিয়েছেন বলে দাবি পুলিশের। যখন ফোনটি মোদির পাশ দিয়ে যায় তখন তিনি হাত নাড়ছিলেন। তাঁর হাতের একেবারে পাশ দিয়ে ফোনটা বেরিয়ে গিয়ে বিশেষ গাড়ির বনেটে পড়ে। সেই বিষয়টি নজর এড়ায়নি প্রধানমন্ত্রীরও। দ্রুত এসপিজির কমান্ডোদের জানান তিনি। পুরো ঘটনার জেরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু হয়েছে। মাস কয়েক আগে এই কর্নাটকেই রোড শোয়ের সময় মোদির নিরাপত্তা বলয় ভেঙে এক ব্যক্তি ঢুকে এসেছিলেন। বছরখানেক আগে পাঞ্জাবেও মোদির নিরাপত্তা ব্যবস্থায় গলদ ধরা পড়েছিল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Air India: বান্ধবীকে ককপিটে বসিয়ে মদ্যপান, ফূর্তি! পাইলটের ‘কীর্তি’তে এয়ার ইন্ডিয়াকে শো-কজ

    Air India: বান্ধবীকে ককপিটে বসিয়ে মদ্যপান, ফূর্তি! পাইলটের ‘কীর্তি’তে এয়ার ইন্ডিয়াকে শো-কজ

    মাধ্যম নিউজ ডেস্ক: দুবাই-দিল্লি বিমানে (Air India) সুরক্ষাবিধি ভঙ্গের অভিযোগে এয়ার ইন্ডিয়ার সিইও-কে নোটিস দিল ডিজিসিএ। গত ২৭ শে ফেব্রুয়ারি দুবাই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের পাইলট তাঁর এক বান্ধবীকে ককপিটে বসান এবং সেই সঙ্গে মদ্যপান করেন বলে অভিযোগ জানিয়েছিলেন ওই বিমানেরই এক কর্মী। এই ধরনের অভিযোগ যে খুবই মারাত্মক, তা বুঝতে পারে নিয়ন্ত্রক সংস্থা। তাই সেই ঘটনাতেই কারণ দর্শাতে বলে নোটিস পাঠানো হল।

    ঘটনা কী ঘটেছিল?  

    বিমানের (Air India) মধ্যে ককপিট কক্ষে সাধারণত বিশেষ অনুমতি ছাড়া কোনও ব্যক্তির প্রবেশাধিকার থাকে না। কারণ এই কক্ষটি যাত্রীদের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত। এয়ার ইন্ডিয়ার এক চালক সুরক্ষাবিধি অমান্য করে ককপিটে তাঁর বান্ধবীকে নিয়ে মদ খেয়ে ফূর্তি করেন বলে জানা যায়। এবং এ নিয়ে ওই বিমানের এক কর্মী অভিযোগ করায় গত ২১ শে এপ্রিল এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্বেল উইলসনকে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) বিশেষ নোটিশ পাঠায়। বিমানের সুরক্ষাবিধি কীভাবে অমান্য করা হয়েছে, তা নিয়ে সংস্থার আধিকারিককে ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

    কর্তৃপক্ষের অবস্থান 

    ভারতের অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা (DGCA) বিমানের অভ্যন্তরীণ সুরক্ষার বিষয়ে নজর রাখে। বিমান পরিষেবায় (Air India) যাত্রীদের জন্য সুরক্ষাবিধির বিশেষ গুরুত্ব থাকে। এই সুরক্ষার উপর বিমান পরিষেবার সম্মানও নির্ভর করে। সেই সঙ্গে থাকে বিশ্বাসযোগ্যতা, দায়িত্ব ও কর্তব্যবোধ। তাই এই অভিযোগ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ বিনা অনুমতি এবং বিশেষ কারণ ছাড়া ককপিটে বসার আদেশ থাকে না। এক্ষেত্রে প্রাথমিকভাবে তা যে অমান্য করা হয়েছে, তা পরিষ্কার। এই বিষয় নিয়ে এয়ার ইন্ডিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যাত্রীদের একটি অংশও এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করছে। তদন্তের ফলাফল কী হয়, তাই এখন দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Snake in Flight: বিমানের ব্যাগেজে মিলল ২২টি সাপ, চেন্নাইয়ে আটক মহিলা যাত্রী

    Snake in Flight: বিমানের ব্যাগেজে মিলল ২২টি সাপ, চেন্নাইয়ে আটক মহিলা যাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: বিভিন্ন প্রজাতির ২২টি সাপ নিয়ে উঠেছিলেন বিমানে (Snake in Flight)। কুয়ালামপুর থেকে ওঠা ওই মহিলা যাত্রীকে আটকানো হল চেন্নাই বিমানবন্দরে। সেখানেই ব্যাগেজ পরীক্ষা করতে গিয়ে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড় বিমানবন্দরে থাকা শুল্ক দফতরের কর্তাদের। ব্যাগেজে মিলল বিভিন্ন প্রজাতির ২২টি সাপ। ট্যুইট-বার্তায় চেন্নাই শুল্ক বিভাগ জানিয়েছে, ২৮ তারিখে এক মহিলা যাত্রী যিনি একে ১৩ নম্বর ফ্লাইটে কুয়ালালামপুর থেকে উঠেছিলেন, তাঁকে শুল্ক দফতরের কর্তারা আটকেছেন। তাঁর ব্যাগেজ পরীক্ষা করে বিভিন্ন প্রজাতির ২২টি সাপের সন্ধান মেলে। একটি চ্যামেলিয়নও উদ্ধার হয়েছে। শুল্ক আইনে এবং বন্যপ্রাণ আইনে আটক করা হয়েছে সেগুলি।

    বিমানে সাপ (Snake in Flight)…

    জানুয়ারি মাসের প্রথম দিকেও প্রায় এরকমই একটি ঘটনা ঘটেছিল। সেবারও চেন্নাই বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত হয়েছিল ৪৫টি বল পাইথন, তিনটি মার্মোসেট, তিনটি স্টার কচ্ছপ এবং আটটা কর্ন সাপ। শুল্ক দফতরের কর্তারা জানিয়েছেন, পরিত্যক্ত দুটি ব্যাগেজ থেকে সেবার উদ্ধার হয়েছিল ওই সাপ, মার্মোসেট, স্টার কচ্ছপ এবং কর্ন সাপ। ব্যঙ্কক থেকে উঠেছিলেন ওই যাত্রী। উদ্ধার হওয়া প্রাণীগুলিকে পরের দিনই ফের ব্যাঙ্কক পাঠিয়ে দেওয়া হয়।

    আরও পড়ুুন: ‘বিজয়া দশমীর মতো উৎসবে পরিণত হয়েছে মন কি বাত’, বললেন প্রধানমন্ত্রী

    জানুয়ারি মাসেই এক মহিলা যাত্রীর হাতব্যাগ থেকে উদ্ধার হয় একটি সাপ (Snake in Flight)। ব্যাগের মধ্যে জুতো, ল্যাপটরের পাশে কুণ্ডলী পাকিয়ে শুয়ে ছিল সাপটি। বোয়া কনস্ট্রিক্টর গোত্রের ফুট চারেকের ওই সাপটি বিষধর না হলেও, শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলতে পারে। আমেরিকার ফ্লরিডা প্রদেশের ট্যাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল।

    বিমানের ককপিটে গোখরো সাপের দেখা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পাইলট রুডল্ফ ইরাসমাস। মাস কয়েক আগে আচমকাই তাঁর আসনের তলা থেকে একটি সাপকে (Snake in Flight) মুখ বাড়াতে দেখেন ওই পাইলট। বিমান তখন মাঝ আকাশে। দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন ওই পাইলট। শেষমেশ চার যাত্রী সহ নিরাপদেই অবতরণ করে বিমানটি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rahul Gandhi: মিলল না স্বস্তি, ‘মোদি’ পদবি-মামলায় মঙ্গলে ফের শুনানি রাহুলের

    Rahul Gandhi: মিলল না স্বস্তি, ‘মোদি’ পদবি-মামলায় মঙ্গলে ফের শুনানি রাহুলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মোদি’ (Modi) পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দু বছরের কারাদণ্ড দিয়েছে গুজরাটের সুরাটের নিম্ন আদালত। দু বছর কারাদণ্ড হওয়ায় সাংসদ পদ খারিজ হয় রাহুলের। তার জেরে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাহুল। শনিবার হল এই মামলার শুনানি। পরবর্তী শুনানি হবে ২ মে।

    রাহুল গান্ধী (Rahul Gandhi)…

    রাহুলের এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন গুজরাট হাইকোর্টের বিচারপতি গীতা গোপী। তাই মামলা চলে যায় বিচারপতি হেমন্ত প্রচ্ছকের এজলাসে। রাহুলের হয়ে এদিন সেখানে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, যে শুনানিতে দোষ প্রমাণিত হয়েছে, সেই শুনানির প্রক্রিয়া নিয়ে যথেষ্ঠ প্রশ্ন রয়েছে। কোনও জনপ্রতিনিধি বা সাংসদের ক্ষেত্রে দোষী সাব্যস্ত করার আনুষঙ্গিক বেশ কিছু প্রভাব রয়েছে। এর প্রভাব যেমন একদিকে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর পড়ে, তেমনই পড়ে তাঁর নির্বাচনী কেন্দ্র এবং পুনর্নির্বাচনের ওপরও।

    আরও পড়ুুন: ‘বিজয়া দশমীর মতো উৎসবে পরিণত হয়েছে মন কি বাত’, বললেন প্রধানমন্ত্রী

    রাহুলের (Rahul Gandhi) সাংসদ পদ খারিজের ব্যাপারে লোকসভা সচিবালয়ের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে রাহুলের আইনজীবী বলেন, আপনার ক্ষমতা রয়েছে বলেই আপনি যা খুশি করতে পারেন না। টেলিভিশনে অযাচিত বিভিন্ন পরামর্শ দেখে আমি অবাক। কেউ বলছেন, আমি থাকলে আট ঘণ্টার মধ্যে সাজা পুনর্বিবেচনার আর্জি দাখিল করতাম, কেউ বলছেন চব্বিশ ঘণ্টার মধ্যে আপিল করা উচিত ছিল। তিনি বলেন, সুপারসনিক আইনজীবী থাকতেই পারেন, কিন্তু আমরা তো এখানে সুপারসনিক ফাইলিং করতে আসিনি। তিনি বলেন, আমি তো মহামান্য আদালতে লাফিয়ে এসে বলতে পারি না, রায়ের অর্ধেকাংশের তর্জমা করতে পেরেছি মাত্র, তবে কালই তো সাংসদ পদ খারিজ হতে চলেছে, তাই তড়িঘড়ি আবেদন করতে এলাম।

    প্রসঙ্গত, ২৩ মার্চ সুরাটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে দোষী সাব্যস্ত হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে লোকসভার সচিবালয় রাহুলের (Rahul Gandhi) সাংসদ পদ খারিজ করে দেয়। কংগ্রেসের এতজন আইনজীবী নেতা-সাংসদ থাকা সত্ত্বেও দোষী সাব্যস্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কেন রাহুলের হয়ে কেউ সাজাকে চ্যালেঞ্জ করে মামলা করলেন না, সে প্রশ্ন তোলে বিজেপি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     
     
  • PM Modi: ‘বিজয়া দশমীর মতো  উৎসবে পরিণত হয়েছে মন কি বাত’, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: ‘বিজয়া দশমীর মতো  উৎসবে পরিণত হয়েছে মন কি বাত’, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজয়া দশমীর মতো ‘মন কি বাত’ও একটা উৎসবে পরিণত হয়েছে। রবিবার মন কি বাতের শততম পর্বের শুরুতে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর মতে, ভারতের (India) ভাল দিক, আশা-আকাঙ্খা, সদর্থক আলোচনা এবং আমজনতার অংশ গ্রহণে পূর্ণ হয়েছে এই উৎসবের বৃত্ত। ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি সরকার। তার পর থেকে আমজনতার সঙ্গে কথোপকথন করতে তিনি সূচনা করেন মন কি বাতের অনুষ্ঠান। অতি অল্প সময়েই দ্রুত জনপ্রিয়তা লাভ করে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানেরই শততম পর্ব সম্প্রচারিত হল আজ, রবিবার।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বলেন…

    এদিন অনুষ্ঠানের আগে ট্যুইট-বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, এটা সত্যিই একটা স্পেশাল জার্নি। এখানে আমরা ভারতের জনগণের সম্মিলিত চেতনা উদযাপন করেছি এবং অনুপ্রেরণামূলক জীবনযাত্রা তুলে ধরেছি। সকলকে মন কি বাতের শততম পর্ব শোনার অনুরোধও করেছেন প্রধানমন্ত্রী (PM Modi)। মন কি বাতের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কখনও যোগাভ্যাসের প্রয়োজনীয়তা নিয়ে বলেছেন, কখনও আবার মহিলাদের ক্ষমতায়নের বিষয়ে আলোচনা করেছেন। ভারতীয় সেনাদের আত্মবলিদানের প্রসঙ্গও উঠে এসেছে এই অনুষ্ঠানে।

    মন কি বাতের অনুষ্ঠানে সমাজের অতি সাধারণ মানুষও যাঁরা দেশের কল্যাণে কাজ করেছেন, তাঁদের কথাও দরাজ গলায় বলেছেন প্রধানমন্ত্রী। আলোচনা হয়েছে কখনও বিজ্ঞানে ভারতের অগ্রগতি নিয়ে, কখনও আবার ভারতের ঋদ্ধ সংস্কৃতি নিয়ে। পরিবেশ, খাদি কিংবা দেশের উন্নয়ন এ সব বিষয় নিয়েই আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। কোভিড অতিমারি কিংবা ভারতের ভ্যাকসিন আবিষ্কার, বিদেশিদের বাঁচাতে সেই ভ্যাকসিন বিতরণ এসবও উঠে এসেছে মন কি বাতের অনুষ্ঠানে।

    আরও পড়ুুন: রেড রোডে দলের সংখ্যালঘু সেলের সভা থেকে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শুভেন্দু! কী বললেন?

    এদিন প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, মন কি বাতের যে অনুষ্ঠানের সূচনা করেছিলাম, সেটা দেশে একটা নতুন ধারা তৈরি করবে। তিনি বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় যে কোনও বড় ধরনের পরিবর্তনও সম্ভব। মন কি বাতের অনুষ্ঠানে যে তিনি ওড়িশার ডি প্রকাশ রাও এবং ঝাড়খণ্ডের সঞ্জয় কাশ্যপের কথা বলেছিলেন এদিন তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। একটি ছোট চায়ের দোকানের মালিক রাও সমাজের পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদর শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। আর সঞ্জয়? শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দিতে ভ্রাম্যমাণ লাইব্রেরি নিয়ে ঘুরছেন। প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারেও দেখানো হবে মোদির মন কি বাতের শততম পর্ব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Army: স্বামী শহিদ হন গালওয়ান সংঘর্ষে, সেনায় যোগ দিয়ে চিন সীমান্তে গেলেন স্ত্রী!

    Indian Army: স্বামী শহিদ হন গালওয়ান সংঘর্ষে, সেনায় যোগ দিয়ে চিন সীমান্তে গেলেন স্ত্রী!

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২০ সালে গালওয়ানে চিনা ফৌজের হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছিলেন স্বামী নায়েক দীপক সিং। শনিবার সেই শহিদ সেনার স্ত্রী রেখা সিং লেফটেন্যান্ট হিসেবে যোগ দিলেন ভারতীয় সেনায়। তিনি পোস্টিং পেলেন পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায়। জানা গিয়েছে, গত একবছর ধরে তিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন চেন্নাইয়ে। শনিবার সেই প্রশিক্ষণ শেষে তিনি যোগ দিলেন ভারতীয় সেনায় (Indian Army)। প্রসঙ্গত, রেখার স্বামী দীপক ছিলেন, বিহার রেজিমেন্টের ষোড়শ ব্যাটেলিয়নে। ২০২১ সালে তাঁকে মরণোত্তর বীর চক্রে ভূষিত করা হয়। পরের বছরই রেখা মহিলা ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। অবশেষে তিনি যোগ দিলেন লেফটেন্যান্ট হিসেবে।

    ভারতীয় সেনায় যোগ দিয়ে রেখা কী বললেন সাংবাদিকদের?

    ভারতীয় সেনায় (Indian Army) যোগ দিয়ে রেখা সিং সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “আজ আমার প্রশিক্ষণ শেষ হল। আমি এখন থেকে লেফটেন্যান্ট পদে কাজ করব। সেনায় যোগ দিতে পেরে অত্যন্ত গর্ববোধ হচ্ছে। স্বামীর মৃত্যুর পর স্থির করেছিলাম সেনায় যোগ দেব। আজ সেই স্বপ্ন, সেই লক্ষ্যপূরণ করতে পারলাম।”

    রেখার সঙ্গে আরও ৫ জন যোগ দিলেন গোলন্দাজ বাহিনীতে 

    তবে শুধুমাত্র রেখাই নন, শনিবার একসঙ্গে পাঁচজন মহিলা আর্মি অফিসার হিসেবে গোলন্দাজ বাহিনীতে যোগ দিলেন সেনায়। তাঁরা সকলেই চেন্নাইয়ের ‘অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি’তে প্রশিক্ষণ নিয়েছেন। পাঁচ মহিলা অফিসারের মধ্যে দু’জনকে পাক সীমান্তের কাছে পোস্টিং দেওয়া হয়েছে। বাকি তিনজন (রেখা-সহ) যোগ দিচ্ছেন লাদাখে চিনের সীমান্তের কাছে। তাঁদের সঙ্গে ১৯ জন পুরুষ অফিসারও যোগ দিলেন রেজিমেন্টে। গত জানুয়ারিতে চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে জানিয়েছিলেন মহিলা অফিসারদের গোলন্দাজ বাহিনীতে নেওয়ার পরিকল্পনার কথা। পরে তাঁর প্রস্তাবে সম্মতি দেয় সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • FEMA Act: এবার বাইজুর অফিসে হানা ইডির, বাজেয়াপ্ত নথি, ডিজিটাল তথ্যও

    FEMA Act: এবার বাইজুর অফিসে হানা ইডির, বাজেয়াপ্ত নথি, ডিজিটাল তথ্যও

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার অনলাইন শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট বাইজুর (Byju) বেঙ্গালুরুর (Bengaluru) অফিসে হানা দিল ইডি (ED)। শনিবার দুপুরে বাইজুর ওই অফিসে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই ওয়েবসাইটের বিরুদ্ধে বিদেশি অনুদান সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ ওঠায় এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ইডি। সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে দ্য ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে (FEMA Act)।

    দ্য ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে (FEMA Act) অভিযোগ দায়ের…

    এদিন বেঙ্গালুরুর একটি বাসস্থান ও দুটি অফিসে অভিযান চালিয়েছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু কাগজপত্র ও নথি। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু ডিজিটাল তথ্যও। ইডির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ফেমার অধীনে ২০১১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এই সংস্থা প্রায় ২৮ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ নিয়েছে। এর পাশাপাশি ওই সংস্থা ৯ হাজার ৭৫৪ কোটি টাকা বিদেশের বিভিন্ন জায়গায় পাঠিয়েছে। বিদেশে বিনিয়োগ করা হয়েছে বলেই এই বিপুল অঙ্কের টাকা বিদেশে পাঠানো হয়েছে। ইডি আরও জানিয়েছে, বাইজুর বিরুদ্ধে অভিযোগ, ২০২০-২১ অর্থবর্ষ থেকে অর্থনৈতিক বিবৃতি তৈরি করেনি বাইজু। অ্যাকাউন্টের অডিটও করানো হয়নি। অথচ এটা বাধ্যতামূলক।

    আরও পড়ুুন: চাকরি খোয়ানো ১০ ‘অযোগ্য’ প্রাক্তন সরকারি কর্মীকে নথি সহ তলব সিবিআইয়ের

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, প্রতিবারই বাইজুর (FEMA Act) প্রতিষ্ঠাতা তথা সিইও বাইজু রবীন্দ্রন সমন এড়িয়ে গিয়েছেন। তিনি ইডির সামনে হাজিরাও দেননি। বাইজুর আইনি মুখপাত্র জানান, ইডির এই অভিযান ফেমার অধীনে নিয়মিত তদন্তের অংশ। এদিন বাইজুর তরফেও জারি করা হয়েছে বিবৃতি। তাতে বলা হয়েছে, আমরা পুরোপুরি স্বচ্ছ। কর্তৃপক্ষ আমাদের কাছে যা তথ্য চেয়েছেন, আমরা সেগুলি দিয়ে দিয়েছি। আমরা নৈতিকতা ও নিয়মানুবর্তিতার ব্যাপারে সর্বোচ্চ মান তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।

    প্রসঙ্গত, হুরুন গ্লোবাল রিট লিস্ট ২০২৩ অনুযায়ী রবীন্দ্রন বিশ্বের শিক্ষা খাতে দ্বিতীয় ধনী উদ্যোক্তা। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩.৩ বিলিয়ন ডলার। ২০১১ সালে গড়ে ওঠে সংস্থাটি (FEMA Act)। লার্নিং অ্যাপ চালু করে ২০১৫ সালে। করোনা অতিমারির সময় এদের ব্যবসা তুঙ্গে ওঠে। পরে স্কুল খুলতে শুরু করলে অ্যাপের জনপ্রিয়তা ক্রমশ কমতে থাকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share