Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Zelensky: ইটের বদলে পাটকেল! ডনেৎস্কে প্রত্যাঘাত ইউক্রেনের, গোলায় জখম ২ রুশ আধিকারিক

    Zelensky: ইটের বদলে পাটকেল! ডনেৎস্কে প্রত্যাঘাত ইউক্রেনের, গোলায় জখম ২ রুশ আধিকারিক

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়াকে (Russia) ইটের জবাব পাটকেলে দিল ইউক্রেন (Ukraine)! ভ্লাদিমির পুতিন বাহিনীর হাত থেকে অধিকৃত অঞ্চল ছিনিয়ে নিতে ডনেৎস্কে প্রত্যাঘাত করল ভলোদিমির জেলেনস্কির বাহিনী। দিন কয়েক ধরে ইউক্রেনের রাজধানী কিভে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ ফৌজ। বুধবার তারই জবাব দিল ইউক্রেন (Zelensky)। জেলেনস্কির বাহিনীর গোলাবর্ষণে গুরুতর জখম হয়েছেন রুশ প্রশাসনের দুই পদস্থ আধিকারিক। এঁরা হলেন, পুতিনের অন্যতম উপদেষ্টা তথা রাশিয়ার প্রাক্তন উপপ্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন এবং মস্কো স্বীকৃত সার্বভৌম ডনেৎস্ক পিপলস রিপাবলিকের মুখ্য প্রশাসক ভিতালি খোটসেঙ্কো। রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ডনেৎস্কের একটি হোটেলে বৈঠক করছিলেন রুশ প্রশাসনের এই দুই আধিকারিক। আচমকাই হোটেলে আছড়ে পড়ে গোলা। গুরুতর জখম হন দুজনেই।

    ডনেৎস্ক ও লুহানস্ক…

    গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আগেই ডনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল মস্কো। গত কয়েক বছর ধরে ওই দুই অঞ্চলে সক্রিয় মস্কোপন্থী সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলি। যদিও ওই অঞ্চলে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি রাশিয়া। ২০১৪ সালে দক্ষিণ ইউক্রেনের ক্রাইমিয়ায় গণভোট করিয়ে দখল নিয়েছিল মস্কো। সেই একই কায়দায় চলতি বছর সেপ্টেম্বরের গোড়ায় ইউক্রেনের ডনেৎস্ক ও লুহানস্কের পাশাপাশি জাপোরিজিয়া ও খেরসনের অধিকৃত অঞ্চলে গণভোট করিয়ে সেগুলিকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির কথা ঘোষণা করেছিল পুতিন সরকার। তাদের দাবি, ডনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন এই চার অঞ্চলের ৮০ শতাংশেরও বেশি অধিবাসী রাশিয়ার সঙ্গে সংযুক্তিকরণের পক্ষে মত দিয়েছিলেন।

    আরও পড়ুন: ৭০টিরও বেশি মিসাইল হামলা রাশিয়ার! মৃত ৪, ইউক্রেন জুড়ে ‘ব্ল্যাকআউট’

    এদিকে, বুধবারই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আন্তর্জাতিক দুনিয়ার কাছে অস্ত্র সাহায্যের আবেদন জানাতে আমেরিকা সফরে গিয়েছেন জেলেনস্কি (Zelensky)। এদিন তিনি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণও দেন। জেলেনস্কি বলেন, ইউক্রেন বেঁচে রয়েছে এবং লাথি মারছে। তিনি বলেন, ইউক্রেন তার লাইনেই রয়েছে। এবং আমরা কখনও আত্মসমর্পণ করব না। প্রসঙ্গত, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তার জেরে মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের। ব্যাপক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। যদিও এটা যুদ্ধের যুগ নয় বলে পুতিনকে বার্তা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Vande Bharat Express: বাংলাকে প্রাক-নববর্ষের উপহার প্রধানমন্ত্রীর! এ রাজ্যেও চলবে বন্দে ভারত এক্সপ্রেস, জানুন কবে

    Vande Bharat Express: বাংলাকে প্রাক-নববর্ষের উপহার প্রধানমন্ত্রীর! এ রাজ্যেও চলবে বন্দে ভারত এক্সপ্রেস, জানুন কবে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ‘মেক ইন ইন্ডিয়া’ (Make In India) স্বপ্ন বিশ্বের দরবারে পৌঁছে দিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসকে (Vande Bharat Express)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই এক্সপ্রেস ট্রেন। ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রুটে চলছে সেমি হাইস্পিডের এই ট্রেন। এবার চলবে বাংলায়ও। জানা গিয়েছে, হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটেই চলবে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসটি। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ৩০ তারিখে এই ট্রেনের যাত্রার সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেটা হলে, এটাই হবে বাংলাকে প্রধানমন্ত্রীর প্রাক নববর্ষের উপহার।

    বন্দে ভারত এক্সপ্রেস…

    প্রযুক্তিগত দিক থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ, সব দিক থেকেই বিশ্বের আধুনিক ট্রেনগুলিকে চ্যালেঞ্জ করতে পারে সেমি হাইস্পিডের বন্দে ভারত এক্সপ্রেস। দেশের স্বাধীনতার ৭৫ বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, ২০২৩ সালের ১৫ অগাস্টের মধ্যে ভারতজুড়ে চলবে ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। প্রায় সাড়ে তিন বছর আগে এ দেশে প্রথম চলে বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসী ও দিল্লির মধ্যে প্রথম ছুটেছিল এই ট্রেন। ট্রেনটির গতিবেগ বেঁধে দেওয়া হয়েছে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে রেলওয়ে ট্র্যাক ঠিক থাকলে গতিবেগ বাড়ানো যেতে পারে ১৬০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে এখন সময় লাগে ৮ থেকে ১০ ঘণ্টা। বন্দে এক্সপ্রেস এই পথই অতিক্রম করবে মাত্র ৫ থেকে ৬ ঘণ্টায়।

    আরও পড়ুন: গ্রুপ ডি নিয়োগেও মোটা টাকার লেনদেন! আজ থেকেই ইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

    বাংলায় প্রথম বন্দে ভারত এক্সপ্রেস যে চলবে, সে কথা জানান দার্জিলিংয়ের সাংসদ বিজেপির রাজু বিস্ত। শিলিগুড়ি জংশন স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংসদ বলেন, যখন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করা হবে, তখন মানুষ অনেক দ্রুত নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন। তিনি বলেন, এটা এই অঞ্চলের (উত্তরবঙ্গ) উন্নয়নের ক্ষেত্রে নয়া অধ্যায়ের সূচনা করবে। সূত্রের খবর, ট্রেনটি হাওড়া থেকে ছাড়তে চলেছে সন্ধ্যে নাগাদ।

    এদিকে, রেলমন্ত্রকের আশ্বাস, পূর্ব ভারতে অন্তত পাঁচটি রুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আগামীতে হাওড়া-রাঁচি, হাওড়া-ঝাড়সুগুদা, হাওড়া-ভুবনেশ্বর, হাওড়া-পাটনা রুটেও পরবর্তীতে চালানো হবে বন্দে ভারত এক্সপ্রেস। মন্ত্রকের এক কর্তার মতে, মূলত পর্যটক ও সময় বাঁচাতে চাওয়া ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই চালু হবে এই পরিষেবা। রেল সূত্রে খবর, কয়েকটি রুটে শতাব্দী এক্সপ্রেসের বদলে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে শতাব্দীর পাশাপাশি চলবে বন্দে ভারত এক্সপ্রেসও। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Meteorite: পৃথিবীতে প্রাণের উৎপত্তি কীভাবে, জানাবে অসমে খসে পড়া উল্কাপিণ্ড!

    Meteorite: পৃথিবীতে প্রাণের উৎপত্তি কীভাবে, জানাবে অসমে খসে পড়া উল্কাপিণ্ড!

    মাধ্যম নিউজ ডেস্ক: সাত বছর আগের এক রাতের নিকষ কালো আকাশের বুকে দেখা গিয়েছিল উজ্জ্বল আলোকখণ্ড। পরে সেটি দ্রুত গতিতে নীচের দিকে এসে সজোরে আছড়ে পড়ে মাটিতে। আসলে সেটি একটি উল্কাপিণ্ড (Meteorite)। অসমের (Assam) গোলাঘাট জেলার কামারগাঁও শহরের উপান্তে খসে পড়েছিল ওই উল্কাপিণ্ড।

    উল্কাপিণ্ড…

    সেই উল্কাপিণ্ড সংগ্রহ করে শুরু হয় গবেষণা। সেই গবেষণা থেকেই জানা গিয়েছে এই উল্কাপিণ্ডের মধ্যেই লুখিয়ে রয়েছে পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছিল কীভাবে। এই উল্কাপিণ্ডে থাকা রাসায়নিক কম্পোজিশনগুলিই সমস্যার সমাধানে বড়সড় ইঙ্গিত দেবে বলে আশা গবেষকদের। অসমের মাটিতে আছড়ে পড়া ওই উল্কাপিণ্ডের মধ্যে থাকা রাসায়নিক বিশ্লেষণ করেন জানা যাবে নক্ষত্র থেকে কীভাবে জীবনের সূচনা হয়েছিল।

    আরও পড়ুন: উচ্চশিক্ষার দরজা বন্ধ! মেয়েদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি তালিবানের

    উল্কাপিণ্ডটি নিয়ে কাজ করছেন খড়্গপুর আইআইটির একদল গবেষক। তাঁদের দাবি, ভিন সৌরজগৎ থেকে আসা উল্কাপিণ্ড বিশ্লেষণ করে জানা গিয়েছে খনিজের মধ্যে ভেসিক্যালস রয়েছে। এই প্রথম এটা জানা গেল। এটা থেকেই জানা যেতে পারে জগতে কীভাবে প্রাণের সঞ্চার হয়েছিল। কেবল খড়্গপুর আইআইটি (IIT) নয়, আইআইটির সঙ্গে যৌথভাবে এই গবেষণা করছে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় এবং আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিও। এই গবেষণালব্ধ তথ্য প্রকাশিত হয়েছে জার্নাল অফ জিওগ্রাফিক্যাল রিসার্চ প্ল্যানেটসে।

    আরও পড়ুন: হয় কোভিড-বিধি মানুন, নয়তো ভারত জোড় যাত্রা বন্ধ করুন, রাহুলকে চিঠি মাণ্ডব্যর

    গবেষকরা জেনেছেন, অসমে যে উল্কাপিণ্ডটি (Meteorite) খসে পড়েছিল, সেটা এসেছে মঙ্গল ও বৃহস্পতির অ্যাস্টোরয়েড বেল্ট থেকে। দ্রুত গতিতে ভূপৃষ্ঠে আছড়ে পড়ার সময় সেটির সঙ্গে ধাক্কা হয় কোনও গ্রহাণুর। জানা গিয়েছে, এই যে উল্কাপিণ্ডের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষ, তার ফলে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল গ্রহাণু। এরই কয়েকটি টুকরো আছড়ে পড়েছে ভূপৃষ্ঠে। অসমের কামারগাঁওয়ে যে উল্কাপিণ্ডটি আছড়ে পড়েছিল, সেটি যে গ্রহাণু থেকে এসেছিল, সেটি আকারে ৬.৪ কিলোমিটার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sundar Pichai: ভারত হবে ডিজিটাল ইকনমির সফল রফতানিকারী দেশ, বললেন সুন্দর পিচাই

    Sundar Pichai: ভারত হবে ডিজিটাল ইকনমির সফল রফতানিকারী দেশ, বললেন সুন্দর পিচাই

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রযুক্তিকে কাজে লাগিয়ে দ্রুত উন্নতি করছে ভারত (India)। গোটা বিশ্বের কাছে এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সরকারি উদ্যোগে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) এবং আধারের (AADHAAR) মতো জিনিস তৈরি করা হয়েছে। কথাগুলি বললেন গুগল এবং অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)।

    সুন্দর পিচাই বলেন…

    সম্প্রতি এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে খড়্গপুর আইআইটির এই প্রাক্তনী বলেন, দেখুন ভারত কীভাবে  ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস, আধার এবং পেমেন্টস স্ট্যাক করেছে। এবং আপনি দেখতে পাবেন একটা খোলামেলা কানেক্টেড স্ট্যাক কীভাবে কাজ করছে। তিনি বলেন, এটাই হল ইন্টারনেট। গুগল এবং অ্যালফাবেট সিইও সুন্দর পিচাইয়ের ভবিষ্যদ্বাণী, অদূর ভবিষ্যতে ভারত হবে ডিজিটাল ইকনমির সফল রফতানিকারী দেশ। তিনি আরও বলেন, ভারত সরকারের সঙ্গে গুগলের পার্টনারশিপ একটি গঠনমূলক উদ্যোগ হবে। কেন্দ্রের টেলিকম বিল, নিউ ডেটা বিল এবং রিভিশন অফ দ্য আইটি অ্যক্টের ভূয়সী প্রশংসাও করেন সুন্দর পিচাই। তিনি বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে তামাম বিশ্বের সরকার তার দেশের নাগরিকদের নিরাপত্তা ও প্রাইভেসি বজায় রাখতে পারে।

    আরও পড়ুন: হয় কোভিড-বিধি মানুন, নয়তো ভারত জোড় যাত্রা বন্ধ করুন, রাহুলকে চিঠি মাণ্ডব্যর

    প্রসঙ্গত, গুগল এবং অ্যালফাবেট সিইও (Sundar Pichai) যখন এই কথাগুলি বলছেন, তার ঠিক আগে আগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান ডেটা প্রোটেকশন বিল, টেলিকম বিল এবং ডিজিটাল ইন্ডিয়া বিল সংসদে পেশ হতে পারে চলতি অধিবেশনেই। রেলমন্ত্রী জানান, ডেটা প্রোটেকশন বিল এবং ডিজিটাল ইন্ডিয়া বিল কৃত্রিম বুদ্ধিমত্তার সেরা সুযোগ নিতে পারবে। অন্যদিকে টেলিকম বিল গ্রাহকের নিরাপত্তার ওপর আলোকপাত করবে।

    প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন সুন্দর পিচাই (Sundar Pichai)। জি-২০ রাষ্ট্রগোষ্ঠীর সভাপতির আসন পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান তিনি। পরে বলেন, আমরা এমন একটি মুক্ত এবং সম্পৃক্ত ইন্টারনেট ব্যবস্থা গড়ে তুলতে চাই, যা সকলের জন্য কাজ করবে। এর পর একটি ট্যুইট করেন সুন্দর পিচাই। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি অগ্রগতির পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PM Modi: করোনা সংক্রমণ রুখতে সক্রিয় কেন্দ্র, কলকাতায় জনসভা বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদি

    PM Modi: করোনা সংক্রমণ রুখতে সক্রিয় কেন্দ্র, কলকাতায় জনসভা বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনে কোভিড পরিস্থিতি ভয়াবহ। ভারতে সংক্রমণ যাতে বাড়তে না পারে তাই সতর্ক কেন্দ্র। দেশে ফের করোনা বিধি চালু করা হচ্ছে। করোনা সংক্রমণের আশঙ্কায় সুরক্ষার খাতিরে কলকাতার জনসভা বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিনের করোনা সংক্রমণ সংকটজনক তাই দেশেও বড় জমায়েত ফের বাতিল করার নির্দেশ দিতে পারে কেন্দ্র। ভাইরাস বিশেষজ্ঞদের মতে, করোনার নতুন ভ্যারিয়েন্ট অতি দ্রুত ছড়াতে পারে। ফলে মারাত্মক আকার নিতে পারে করোনা এমন আভাস দিচ্ছে বিশেষজ্ঞ মহল।

    বাতিল সভা, হবে অন্য কর্মসূচি 

    প্রসঙ্গত, বছর শেষের আগেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা কাউন্সিলের (National Ganga Council) বৈঠক হবে কলকাতায়। এই বৈঠকে যোগ দিতেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। ৩০ তারিখের ওই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জাতীয় গঙ্গা কাউন্সিলের সভাপতি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর সদস্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ ছাড়াও গঙ্গা কাউন্সিলের সদস্য রাজ্য হল উত্তর প্রদেশ, বিহার, উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ড। জাতীয় গঙ্গা কাউন্সিলের বৈঠকের পর বারাণসী এক্সপ্রেসওয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। এদিনই হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে এক জনসভায় যোগ দেওয়ার কথা  ছিল মোদির। একুশের বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার বাংলায় সভা করার কথা ছিল তাঁর। কিন্তু করোনা-সতর্কতার কারণে সেই সভা বাতিল করা হচ্ছে বলে খবর। তবে গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সূচনা করবেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের।

    আরও পড়ুন: করোনা পরীক্ষা ছাড়া তাজমহলে প্রবেশ নয়, নির্দেশিকা কেন্দ্রের

    সচেতন ভারত

    করোনা নিয়ে চিনের (China Corona) পরিস্থিতির উপর নজর রেখে ভারতেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। শনিবার থেকে করোনা (Corona) বিধি ফিরছে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরেই ২ শতাংশ যাত্রীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে করোনার জিনোম সিকোয়েন্সিংয়ের ওপর জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য আগেই জানিয়েছেন, এখন মূল লক্ষ্য হল কোনওভাবেই যেন করোনার নতুন ভ্যারিয়েন্ট ভারতে প্রবেশ করতে না পারে। আবার যাত্রীদের সুবিধা-অসুবিধার বিষয়টিও দেখা হচ্ছে। ইতিমধ্যে ভারতেও করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7-এ আক্রান্ত চারজনের হদিশ মিলেছে। এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। পরিস্থিতি পর্যালোচনায় আজই প্রতিটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এদিন দুপুর ৩টেয় নাগাদ এই বৈঠক হবে বলে খবর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Covid Alert: চোখ রাঙাচ্ছে করোনা, কী কী বিধি জারি করল কেন্দ্র?

    Covid Alert: চোখ রাঙাচ্ছে করোনা, কী কী বিধি জারি করল কেন্দ্র?

    মাধ্যম নিউজ ডেস্ক: চোখ রাঙাচ্ছে করোনা। চিনে ফের আছড়ে পড়েছে কোভিড (Covid Alert) ঢেউ। ভারতেও ইতিমধ্যেই সন্ধান মিলেছে করোনার নয়া প্রজাতির। ঝুঁকি এড়াতে আগাম সতর্কতা নিতে শুরু করেছে কেন্দ্র। দূরত্ববিধি মেনে চলা, মাস্ক পরা সহ নতুন কোভিড বিধি লাগু করার পাশাপাশি বিমানবন্দরেও একগুচ্ছ নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কোভিডের এই নতুন আতঙ্কে কীভাবে প্রতিক্রিয়া জানাল গোটা দেশ?  

    বিমানবন্দরে আগত প্রত্যেক যাত্রীর সঙ্গে করোনা (Covid Alert) ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র থাকতে হবে। এছাড়া আগের মতোই করোনা বিধি মেনে বিমানবন্দরে দূরত্ববিধি মেনে চলা, সকলের মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। কোনও যাত্রীর মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেট করা হবে।

    আরও পড়ুন: করোনা পরীক্ষা ছাড়া তাজমহলে প্রবেশ নয়, নির্দেশিকা কেন্দ্রের

    কোন রাজ্য কী ব্যবস্থা নিল? 

    • কর্নাটক সরকার মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে। বিশেষ করে বদ্ধ শীততাপ নিয়ন্ত্রিত ঘরে। সাধারণ জ্বর-সর্দি-কাশির ক্ষেত্রেও পরীক্ষা বাধ্যতামূলক।  
    • উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেছে করোনা (Covid Alert) পরীক্ষার রিপোর্ট ছাড়া আগ্রার তাজমহলে প্রবেশ করা যাবে না। 
    • গুজরাটে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত তিনজনের হদিশ মেলার পরেই তড়িঘড়ি বৈঠক ডেকেছে রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যজুরে এক লক্ষ কোভিড বেডের বন্দবস্ত করা হয়েছে। আপাতত গুজরাটে ২৩ জন আক্রান্তের হদিশ মিলেছে। 
    • দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ বিষয়ে বলেন, “আমি মোটেই আতঙ্কিত নই। এখন রোজ আড়াই হাজার পরীক্ষা হচ্ছে। প্রয়োজন পড়লে দৈনিক এক লক্ষ পরীক্ষা অবধি করা হবে। এই মুহূর্তে আট হাজার কোভিড বেড রয়েছে। প্রয়োজন পড়লে ছত্রিশ হাজার বেডের ব্যবস্থা করা হবে।”  
    • কেন্দ্রের নির্দেশিকার পর তৎপর পশ্চিমবঙ্গও। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এদিন বলেন, “আমরা একটি বিশেষ কমিটি গঠন করছি।” গঙ্গাসাগর মেলা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “মানুষ কী উৎসব পালন করবে না? এখনও অবধি এখানে কোনও আক্রান্তের খবর মেলেনি। আমরা মানুষকে কোভিড বিধি মেনে চলতে বলব।”
    • মহারাষ্ট্র সরকারের তরফে প্রত্যেক পুরসভাকে কোভিড পরীক্ষা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী তানাজি সাওয়ান্ত পাঁচ পয়েন্টের প্ল্যান অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। টেস্ট,ট্র্যাক, ট্রিট, ভ্যাক্সিনেট, প্রয়োজনীয় পদক্ষেপ।
    • পাঞ্জাব সরকার এখনও কোভিড-বিধি লাগু করতে রাজি নয়। স্বাস্থ্যমন্ত্রী চেতন সিং জৌরামাজরা বলেন, “আমাদের রাজ্যে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৯। ১৬ জেলায় এখনও আক্রান্তের কোনও খবর নেই।”
    • কেরল সরকার সতর্কতা জারি করার পাশাপাশি জানিয়েছে এখনও ভয়ের কোনও কারণ নেই। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Amit Shah: আপনার বয়স ও অভিজ্ঞতার দিক থেকে এটা শোভা পায় না! সৌগতকে বললেন বিরক্ত শাহ

    Amit Shah: আপনার বয়স ও অভিজ্ঞতার দিক থেকে এটা শোভা পায় না! সৌগতকে বললেন বিরক্ত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদে বক্তব্য রাখার সময় বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের আচরণে মেজাজ হারালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার লোকসভার শীতকালীন অধিবেশনে মাদক সমস্যা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিতর্ক চলাকালে তার পক্ষে অনেক বিষয় তুলে ধরা হয়, তবে এদিন বক্তব্য রাখার মাঝেই বিরক্ত হন অমিত। নেপথ্যে তৃণমূল সাংসদ সৌগত রায়। অমিত শাহের বক্তব্যের সময়ই সংসদে কথা বলতে শুরু করেন সৌগত রায়। এতেই স্বরাষ্ট্রমন্ত্রী রেগে যান। তিনি বলেন, ‘দাদা, আপনি যদি ভাষণ দিতে চান, আমি বসে যাচ্ছি। ১০ মিনিট বলুন।’ আরও রেগে গিয়ে শাহ বলেন, ‘কথার মধ্যে কথা বলার বিষয়টি আপনার বয়স ও অভিজ্ঞতার দিক থেকে শোভা পায় না।’ লোকসভায় তৃণমূল সাংসদ সৌগত রায়ের উপর তুমুল চটে এমনই বললেন অমিত শাহ। 

    এরপর যখন বিরোধী দলের এক সাংসদ জানতে চান কেন স্বরাষ্ট্রমন্ত্রী রেগে গেলন, তখন অমিত শাহ শুধু বলেন যে তিনি রাগ করেননি, তবে বিষয়টির গুরুত্ব বোঝাচ্ছিলেন।  তাঁর কথায়, “মাঝে মাঝে বড়রা ভুল করলে ছোটদের শুধরে দিতে হয়।”

    আরও পড়ুন: আসানসোলের পদপিষ্ট কাণ্ডে জিতেন্দ্রজায়া চৈতালিকে রক্ষাকবজ দিল হাইকোর্ট

    মাদক প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    মাদক ব্যবহার নিয়ে বিতর্কের সময় লোকসভায় শাহ জানান, ভারতে যে রুট ধরে মাদক পাচার করা হয়, তা চিহ্নিত করে ফেলেছে কেন্দ্রীয় সরকার। যা দেশের ৪৭২ টি জেলায় ছড়িয়ে আছে। সেইসঙ্গে মাদকের পরিবর্ত হিসেবে যে সামগ্রী ব্যবহার করা হয়, সেগুলিরও বড় অংশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আগামী দু’বছরে এমন পরিস্থিতি তৈরি হবে যে কেউ রেহাই পাবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক একটি বড় সমস্যা। মাদকের অর্থ সন্ত্রাসে ব্যবহৃত হয়। এই সমস্যার মোকাবিলা করার তিনটি উপায় আছে – সহযোগিতা, সমন্বয় এবং সহায়তা। এই লড়াইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা (মাদক) কোনও একটি সরকার বা রাজনৈতিক দল বা সরকারি এজেন্সির কোনও লড়াই নয়। এটার (মাদক) বিরুদ্ধে সার্বিকভাবে পদক্ষেপ করা উচিত।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Covid-19: লোকসভায় ফিরে এল মাস্ক! করোনা রুখতে সচেষ্ট কেন্দ্র

    Covid-19: লোকসভায় ফিরে এল মাস্ক! করোনা রুখতে সচেষ্ট কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনে দাপট দেখাচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। চিনের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারতও। চিন থেকে ভারতেও যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে, তার জন্য অতি তৎপর কেন্দ্র। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তেই তাই সংসদেও দেখা গেল সচেতনতা। রাজ্যসভায় মাস্ক পরে এলেন চেয়ারম্যান জগদীপ ধনকর (Jagdeep Dhankar)। একই সঙ্গে মাস্ক পরে থাকতে দেখা গেল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকেও (Om Birla)। উভয় কক্ষের বহু সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীর মুখেও দেখা গেল মাস্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বস্ত্রমন্ত্রী পীযূষ গয়াল-সহ অনেক মন্ত্রী, সাংসদকেই মাস্ক পরে অধিবেশনে অংশ নিতে দেখা গিয়েছে।

    সকলকে মাস্ক পরার আর্জি

    বৃহস্পতিবার করোনার (Corona) পুনঃ প্রাদুর্ভাবের আশঙ্কায় সকল সাংসদকে মাস্ক পরে থাকা ও কোভিডবিধি মেনে চলার পরামর্শ দেন উপরাষ্ট্রপতি ধনকড় ও লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা। সকলকে সাবধানতা অবলম্বন করার কথাও বলেন তাঁরা।  ভারতেও যাতে সংক্রমণের পুরনো ছবি আর ফিরে না আসে, তা নিশ্চিত করতে বুধবারই বিকেলে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) বি কে পল-সহ স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকেরা। তাঁদের সকলেরই মুখে ছিল মাস্ক। বৈঠকের শেষেও সাধারণ মানুষকে মাস্ক পরা ও করোনাবিধি অনুসরণ করে চলার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

    আরও পড়ুন: দেশে ফের কোভিড-হানার আশঙ্কা, রুখতে তৎপর কেন্দ্র, উচ্চপর্যায়ের বৈঠকে মোদি

    বুধবার কংগ্রেসের ধর্নামঞ্চেও মাস্ক পরে থাকতে দেখা গিয়েছে কংগ্রেস সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধীকেও (Sonia Gandhi)। তবে এখনও বহু সাংসদকেই বিনা মাস্কে দেখা গিয়েছে সংসদ চত্বরে। তাঁদেরও করোনা প্রতিরোধী মাস্ক পরার জন্য আর্জি জানিয়েছেন সংসদ ভবনের দুই কক্ষের সভাধ্যক্ষরা। এদিন কংগ্রেস সভাপতি তথা রাজ্য়সভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের ঘরে যে বিরোধী দলের বৈঠক বসেছিল, তাতে অধিকাংশ সাংসদেরই অরক্ষিত মুখ দেখা যায়। মাস্ক ছিল না কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, অভিনেতা পরেশ রাওয়ালের মুখেও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Coronavirus: “বড়দিনের উৎসবে মাস্ক পরুন, দূরত্ববিধি মেনে চলুন”, সংসদ থেকে বিশেষ বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

    Coronavirus: “বড়দিনের উৎসবে মাস্ক পরুন, দূরত্ববিধি মেনে চলুন”, সংসদ থেকে বিশেষ বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েকদিন ধরেই চিন-সহ এশিয়ার বেশ কিছু দেশ ফের করোনা সংক্রমণ বাড়ছে। আতঙ্ক ছড়িয়েছে এ দেশেও। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ উচ্চ পর্যায়ের বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রকের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে। এদিন সংসদে বিবৃতি পেশ করেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সংসদে তিনি বলেন, “কোভিড অতিমারি শেষ হয়ে যায়নি। সচেতন থাকুন। তবে দেশের কোভিড (Coronavirus) পরিস্থিতি নিয়ে এখনই কোনও আতঙ্কের কারণ নেই।”

    কী বললেন স্বাস্থ্যমন্ত্রী?   

    এদিন সংসদে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য আরও বলেন, “গত কয়েকদিন ধরে বিশ্বের বহু দেশে কোভিডের (Coronavirus) কেস বেড়েছে। কিন্তু ভারতে এখনও তেমন প্রভাব পড়েনি। আমরা চিনের ক্রমবর্ধমান কোভিড কেস এবং এর কারণে মৃত্যুর ওপর নজর রাখছি। স্বাস্থ্যমন্ত্রক কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে যথেষ্ট সক্রিয়। মহামারির বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে আর্থিক সহায়তা করেছে। এখনও পর্যন্ত ২২০ কোটি কোভিড ভ্যাকসিন শট দেওয়া হয়েছে। আমরা বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতির উপর নজর রাখছি এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছি। রাজ্যগুলিকে কোভিডের নতুন রূপ শনাক্ত করতে জিনোম-সিকোয়েন্সিং বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।” 

    স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “উৎসব এবং নতুন বছরের মরশুমের পরিপ্রেক্ষিতে রাজ্যগুলিকে বুস্টার ডোজ (Coronavirus) সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে মাস্ক পরতে, স্যানিটাইজার ব্যবহার করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে সচেতন করতে হবে। আমরা দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের মধ্যে র‍্যান্ডম আরটিপিসিআর স্যাম্পলিংও শুরু করেছি। আমরা মহামারি মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযথ পদক্ষেপ নিচ্ছি। আমাদের মনে রাখতে হবে কোভিড এখনও শেষ হয়ে যায়নি।”

    আরও পড়ুন: আসানসোলের পদপিষ্ট কাণ্ডে জিতেন্দ্রজায়া চৈতালিকে রক্ষাকবজ দিল হাইকোর্ট

    করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের (Coronavirus) ইতিমধ্যেই খোঁজ মিলেছে ভারতে। ওড়িশা এবং গুজরাটে মোট ৪ জনের দেহে ওমিক্রন বিএফ.৭-এর খোঁজ পাওয়া গিয়েছে। ওমিক্রনের আগের রূপের মতোই এটিও তীব্র সংক্রামক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে পর্যালোচনা বৈঠকে মূলত বুস্টার টিকাকরণে জোর দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, দেশের ৯০ শতাংশের বেশি মানুষ দু’টি টিকা নিলেও এখনও পর্যন্ত তৃতীয় টিকা বা বুস্টার নিয়েছেন মাত্র ২৭ শতাংশ।

    ভারতে ওমিক্রন বিএফ.৭ -এর (Coronavirus) প্রথম আক্রান্তের খোঁজ মেলে অক্টোবর মাসে। গুজরাটের বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে ধরা পড়ে ওই ভ্যারিয়েন্ট। এর পরে মোদির রাজ্যেই আরও এক আক্রান্তের সন্ধান মেলে। এ ছাড়া, ওড়িশায় ২ জনের দেহে ভাইরাসের সন্ধান মিলেছে। এই ভ্যারিয়েন্টের কারণে কোনও মৃত্যুর খবর মেলেনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share