Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Justin Trudeau: আরও গাড্ডায় ট্রুডো! কানাডার প্রধানমন্ত্রীকে সরাতে এবার গোপন ভোটের দাবি উঠল দলেই

    Justin Trudeau: আরও গাড্ডায় ট্রুডো! কানাডার প্রধানমন্ত্রীকে সরাতে এবার গোপন ভোটের দাবি উঠল দলেই

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও গাড্ডায় কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)! অচিরেই বোধ হয় ভারত বিরোধিতার মাশুল গুণতে হবে তাঁকে। ক্রমেই দলে সুর চড়ছে ট্রুডো বিরোধিতার। আগামী বছর সাধারণ নির্বাচন রয়েছে কানাডায়। সেই নির্বাচনে ট্রুডোর দল লিবারেল পার্টি লড়তে চায় না ট্রুডোকে সামনে রেখে। তাই ক্রমেই জোরালো হচ্ছে ট্রুডোকে সরানোর দাবি। দিন কয়েক আগেই লিবারেল পার্টির সাংসদদের একাংশ সরব হয়েছিলেন ট্রুডোর পদত্যাগের দাবিতে। এবার তাঁকে সরাতে গোপন ভোটের দাবি জানালেন তাঁরা।

    ক্ষোভ ট্রুডোর দলেই (Justin Trudeau)

    গত বছর খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুন হন কানাডায়। ওই ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন ট্রুডো। কানাডার সংসদে দাঁড়িয়ে তিনি সরাসরি তোপ দেগেছিলেন ভারতের বিরুদ্ধে। নিজ্জর খুনে ভারত-যোগের প্রমাণ চেয়েছিল নয়াদিল্লি। যদিও ট্রুডো সরকার তা দিতে পারেনি। ওই ঘটনায় তলানিতে ঠেকে ভারত-কানাডা সম্পর্ক। তা নিয়ে প্রধানমন্ত্রীর ওপর ক্ষুব্ধ ছিলেন তাঁরই দলের লোকজন।

    গোপন ভোটের দাবি

    সম্প্রতি ট্রুডো প্রকাশ্যে স্বীকার করেন, উপযুক্ত কোনও প্রমাণ ছাড়াই তিনি দোষারোপ করেছিলেন ভারতকে। তারপরেই দলে আরও কোণঠাসা হয়ে পড়েন ট্রুডো (Justin Trudeau)। ট্রুডোরই দলের ২৪ সাংসদ ‘নিজের ভবিষ্যৎ নির্ধারণ’ করতে ট্রুডোকে সময় দিয়েছিলেন ২৮ অক্টোবর পর্যন্ত। তাঁদের দাবি মেনে ট্রুডো অবশ্য পদত্যাগ করেননি। তাই এবার গোপন ভোটের দাবি তুললেন তাঁর দলের সাংসদরাই। কানাডার একটি জনপ্রিয় সংবাদপত্রের দাবি, নতুন করে লিবারেল পার্টির আরও ছজন সাংসদ সরব হয়েছেন ট্রুডোর পদত্যাগের দাবিতে।

    আরও পড়ুন: রাষ্ট্রীয় একতা দিবসে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

    সাম্প্রতিককালে দুই সুরক্ষিত আসনে হেরে যায় ট্রুডোর দল। তার পরেই ফের প্রশ্ন ওঠে ট্রুডোর নেতৃত্ব নিয়ে। সম্প্রতি এক জনমত সমীক্ষায় প্রকাশ, ট্রুডোর নেতৃত্বে নির্বাচনে গেলে ধরাশায়ী হবে লিবারেল পার্টি। ভারত-বিরোধিতার ক্ষোভের যে ধোঁয়া পুঞ্জীভূত হচ্ছিল ট্রুডোর দলের অন্দরে, জনমত সমীক্ষার ফল তাতে অক্সিজেন জোগায়। তার পরেই জোরালো হতে থাকে ট্রুডোর পদত্যাগের দাবি। সম্প্রতি এক শরিক সমর্থন প্রত্যাহার করায় ট্রুডো সরকার এমনিতেই সংখ্যালঘু। তার ওপর দলেই উঠছে পদত্যাগের দাবি। সব মিলিয়ে লেজেগোবরে দশা ট্রুডোর (Justin Trudeau)।

    ট্রুডোকে (Canada) ভারত বিরোধিতার মাশুল গুণতে হবে প্রধানমন্ত্রীর পদ খুইয়ে!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

      

  • US Elections: খোদ আমেরিকায় পোড়ানো হল ব্যালট বাক্স, নেপথ্যে কারা?

    US Elections: খোদ আমেরিকায় পোড়ানো হল ব্যালট বাক্স, নেপথ্যে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়া হল খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে (US Elections)! সংবাদ মাধ্যমের দৌলতে পশ্চিমবঙ্গে ব্যালট বক্স ছিনতাই হওয়ার খবর জেনেছে তামাম বিশ্ব। হেরে যাওয়ার ভয়ে প্রার্থীর দলবল ইভিএম ছিনিয়ে নিয়ে গিয়ে জলেও ডুবিয়ে দিয়েছে বলে খবর হয়েছে। তবে ব্যালট বাক্স পোড়ানোর (Ballot Boxes Burnt) ঘটনা বঙ্গে ঘটেছে বলে মনে করতে পারছেন না ভোট বিশেষজ্ঞদের অনেকেই। এবার সেই ঘটনাটাই ঘটল জো বাইডেনের দেশে।

    ব্যালট বক্সে আগুন (US Elections) 

    শুরু হয়ে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-পর্ব। সেই উপলক্ষে রাস্তার পাশে বসানো হয়েছে ব্যালট ড্রপ বক্স। স্থানীয় সময় সোমবার ভোরে দেখা যায়, ওয়াশিংটন এবং ওরেগনের দুটি ব্যালট ড্রপ বক্সে আগুন লাগিয়ে দিয়েছে কে বা কারা। আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে শয়ে শয়ে ব্যালট পেপার। খবর পেয়ে দ্রুত চলে আসেন প্রশাসনের লোকজন। নিভিয়ে ফেলা হয় আগুন। দক্ষিণ-পশ্চিম ওয়াশিংটনে স্থানীয় প্রশসনের উদ্যোগে ৪৭৫টির মতো আধপোড়া ব্যালট পেপার উদ্ধার হয়।

    আগুন লাগিয়েছে ইজরায়েল বিরোধীরা!

    মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট কর্তাদের অনুমান, ব্যালট ড্রপ বক্সে আগুন (US Elections) লাগিয়ে দিয়েছে ইজরায়েল বিরোধীরা। কারণ একটি জায়গা থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। তাতে লেখা, “সমস্ত ড্রপ বক্স জ্বলে যাবে। মুক্ত গাজা।” ইজরায়েল-হামাস যুদ্ধে তেল আভিভের (ইজরায়েলের রাজধানী) পাশে দাঁড়িয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পও ইজরায়েলের পাশেই। এমতাবস্থায় ব্যালট ড্রপ বক্স পোড়ানোর ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। চলতি মাসের শুরুতেই কানাডার ভ্যাঙ্কুভারেও পোড়ানো হয়েছিল ব্যালট ড্রপ বক্স।

    আরও পড়ুন: শাহি-দরবারে আর্জি বিজেপির, উপনির্বাচনে রাজ্যে আসছে আরও ১৯ কোম্পানি বাহিনী

    পরপর তিন জায়গায় ব্যালট ড্রপ বক্সে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ মার্কিন প্রশাসন। ক্লার্ক কাউন্টি অডিটর গ্রেগ কিমসে বলেন, “এটা গণতন্ত্রের ওপর প্রত্যক্ষ আঘাত।” নভেম্বরের ৫ তারিখে হবে মার্কিন প্রেসিডেন্টের মূল নির্বাচন। তার আগে এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন মার্কিন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। সূত্রের খবর, যেসব ব্যালট পেপার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। যেসব ভোটারের ব্যালট পেপার পুড়ে (Ballot Boxes Burnt) খাক হয়ে গিয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করছে বাইডেন প্রশাসন (US Elections)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: শুরু হয়ে গেল ভোটের তোড়জোড়, নয়া নির্বাচন কমিশন গড়তে সার্চ কমিটি বাংলাদেশে

    Bangladesh: শুরু হয়ে গেল ভোটের তোড়জোড়, নয়া নির্বাচন কমিশন গড়তে সার্চ কমিটি বাংলাদেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়া নির্বাচন কমিশন গড়ছে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার। সেজন্য মঙ্গলবার ছয় সদস্যের সার্চ কমিটি গড়ল ইউনূস সরকার। হাসিনা-উত্তর জমানায় (New Election Commission) দায়িত্ব নিয়েই ইউনূস জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবেন। সেই মতো এদিন সার্চ কমিটি গড়ল ইউনূস সরকার।

    আইনি উপদেষ্টার বক্তব্য (Bangladesh)

    ইউনূস সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল। দিন কয়েক আগে তিনি জানিয়েছিলেন, আগামী বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব হতে পারে। তাঁর ওই মন্তব্যের পর সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছিলেন, সংস্কার নিয়ে তাঁদের মাথাব্যথা কম। বিএনপি চায় যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা হোক। এই আবহে মঙ্গলবার সার্চ কমিটি গড়ল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

    সার্চ কমিটি

    ইউনূস সরকারের (Bangladesh) তরফে জানানো হয়েছে, ছয় সদস্যের সার্চ কমিটি নয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতিটি পদে দুজন করে ব্যক্তির নাম সুপারিশ করবে। তাঁদের মধ্যে থেকেই প্রতিটি পদের জন্য বেছে নেওয়া হবে একজন করে। সার্চ কমিটিতে সদস্য হিসেবে থাকছেন প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং রাষ্ট্রপতি মনোনীত দুই বিশিষ্ট নাগরিক।

    আরও পড়ুন: ‘‘শেষের শুরু’’! হিজবুল্লার নতুন প্রধান কাশেমকে হুঁশিয়ারি ইজরায়েলের, বার্তা ইরানকেও

    এঁদের মধ্যে একজন পিএসসির প্রাক্তন চেয়ারপার্সন জিন্নাতুননেসা তাহমিদা বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সিআর আরবার। পদাধিকারবলে সার্চ কমিটিতে থাকছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মহম্মদ নূরুল ইসলাম ও পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। এদিন সাংবাদিক বৈঠকে আসিফ বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাত্রা শুরু হল। নির্বাচন কমিশন গড়ার উদ্দেশ্যে সার্চ কমিটি গঠন করা হচ্ছে। দ্রুত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”

    এদিকে, শেখ হাসিনার দল আওয়ামি লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে উঠেপড়ে লেগেছিল ইউনূস সরকার। মঙ্গলবার সেই মামলা থেকে সরে আসেন (New Election Commission) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা (Bangladesh)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel: ‘‘শেষের শুরু’’! হিজবুল্লার নতুন প্রধান কাশেমকে হুঁশিয়ারি ইজরায়েলের, বার্তা ইরানকেও

    Israel: ‘‘শেষের শুরু’’! হিজবুল্লার নতুন প্রধান কাশেমকে হুঁশিয়ারি ইজরায়েলের, বার্তা ইরানকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: হিজবুল্লার নতুন প্রধান নঈম কাশেমকে হুমকি দিল ইজরায়েল (Israel)। পরোক্ষ ভাবে তাঁকেও খতম করার হুমকি দিয়ে রাখল তারা। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট কাশেমের উদ্দেশে বলেন, ‘‘আপনার শেষের শুরু। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, খুব বেশিদিন আর নয়।’’ শুধু কাশেমকে শেষ করা নয়, ভবিষ্যতে প্রয়োজনে  ইরানেও (Iran) হামলা চালানো হতে পারে, এমন ইঙ্গিতও দিয়ে রেখেছে ইজরায়েল।

    কে এই কাশেম

    গত ২৭ সেপ্টেম্বর বেইরুটে ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছিল হিজবুল্লার তৎকালীন প্রধান হাসান নাসরাল্লার। এরপর থেকেই তাঁর সম্ভাব্য উত্তরসূরি নিয়ে শুরু হয় জল্পনা। নাসরাল্লার মৃত্যুর পরে অন্তর্বর্তী প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন কাশেমই। শেষপর্যন্ত তাঁকেই পরবর্তী প্রধান হিসেবে বেছে নেয় হিজবুল্লার সর্বোচ্চ কমিটি শুরা কাউন্সিল। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কাশেম। ১৯৫৩ সালে লেবাননের রাজধানী বেইরুটের কেফার ফিলা গ্রামে জন্ম হয় তাঁর। ১৯৯১ সাল থেকে সংগঠনের ডেপুটি সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি। মঙ্গলবার সব জল্পনার অবসান ঘটিয়ে নাসরাল্লার উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হয়েছে কাশেমকে। তার কয়েক ঘণ্টা পরই ইয়োয়াভ সমাজমাধ্যমে কাশেমের ছবি পোস্ট করে লেখেন, ‘‘সাময়িক নিয়োগ। বেশি দিন নয়।’’ বিশ্লেষকদের মতে, ইয়োভ গ্যালান্টের বক্তব্য থেকেই স্পষ্ট যে, খুব তাড়াতাড়ি নাসরাল্লার মতোই পরিণতি হতে চলেছে হিজবোল্লার নতুন প্রধানের।

    ইরানে হামলার হুমকি

    শুধু কাশেমকে খতম করা নয়, ভবিষ্যতে ইরানেও (Iran) হামলা চালানো হতে পারে, এমন ইঙ্গিতও দিয়ে রাখল ইজরায়েল। ইজরায়েলি (Israel) সেনার প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি জানান, ইরান যদি পাল্টা হামলার কথা ভাবে, তবে ভুল করবে। তিনি বলেন, ‘‘আমাদের দিকে যদি ইরান যদি ক্ষেপণাস্ত্রের ব্যারেজ (ঝাঁক) ছোড়ে, তবে তার মাশুল চোকাতে হবে। আমরা জানি কী ভাবে আবার ইরানে পৌঁছনো যায়। এত দিন যে শক্তি প্রয়োগ করা হয়েছে, এ বার তার থেকেও বেশি শক্তি নিয়ে হামলা চালানো হবে। কোনও জায়গা ছাড়া হবে না।’’ তবে, এরইমধ্যে মঙ্গলবার লেবাননে অভিযান গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইজরায়েলি বাহিনী। আইডিএফ জানিয়েছে, লেবাননের অভিযানের লক্ষ্যপূরণ হয়ে গিয়েছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তর ভূখণ্ডে যুদ্ধ থামানোর বার্তা দিয়েছে নেতানিয়াহুর দেশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Hindus Under Attack: অস্ট্রেলিয়ায় হামলা জোড়া হিন্দু মন্দিরে, ভাঙচুর শিবলিঙ্গ, লুট প্রণামীর বাক্স

    Hindus Under Attack: অস্ট্রেলিয়ায় হামলা জোড়া হিন্দু মন্দিরে, ভাঙচুর শিবলিঙ্গ, লুট প্রণামীর বাক্স

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ায় দুটি মন্দিরে হামলার খবর সামনে এসেছে। উগ্র মৌলবাদীরা এই হামলা চালিয়েছে বলে খবর। জানা গিয়েছে, চারজন দুষ্কৃতী (Hindus under attack) একটি ব্ল্যাক হোন্ডা গাড়ি করে আসে এবং রাজধানী ক্যানবেরার (Australia) একটি হিন্দু মন্দিরের সামনে জড়ো হয়। মন্দিরের চারটি প্রণামী বাক্স তুলে নিয়ে চলে যায়। জানা গিয়েছে, এর মধ্যে একটির ওজন ছিল ২০০ কিলোগ্রাম। জানা গিয়েছে, প্রচুর পরিমাণে সেখানে ডলার ছিল। এরপরেই দুষ্কৃতীরা, ক্যানবেরার বিষ্ণু শিব মন্দিরে চলে যায়, সেখানে গর্ভগৃহে প্রবেশ করে শিব মূর্তি ভাঙচুর করে বলে অভিযোগ।

    কী বলছেন হিন্দু (Hindus under attack) সংগঠনের নেতা

    প্রসঙ্গত, এই ঘটনায় অস্ট্রেলিয়ার হিন্দু মন্দির সমিতির সহ-সভাপতি তরুণ অগস্তি বলেন, ‘‘যে ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক। মন্দিরের ওপর হামলা হয়েছে, একইসঙ্গে মন্দিরের প্রণামী বাক্স চুরি করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছি।’’ এর পাশাপাশি তিনি জানিয়েছেন, যারাই এই ধরনের জঘন্য কাজের সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক।

    মন্দিরের ওপর হামলা চলছেই (Hindus under attack)

    প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মেলবোর্নের (Australia) একটি কালীমাতা মন্দিরে ভজন কর্মসূচির আয়োজন করতে না দেওযার অভিযোগ ওঠে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলি ২০২৩ সালেই জানিয়েছিল যে, খালিস্থানপন্থীরা টার্গেট (Hindus under attack) করছে হিন্দু মন্দিরগুলিকে। হামলার ঘটনা ঘটতে থাকে কানাডাতেও। সেখানেও রাম মন্দিরের ওপর হামলা চালানো হয় ২০২৩ সালে। এর পাশাপাশি সারা বিশ্বজুড়ে হিন্দু মন্দিরগুলির ওপর হামলার ঘটনা সামনে এসেছে। পাকিস্তান, বাংলাদেশে উগ্রপন্থী মুসলমানরা হামলা চালাচ্ছে বলে অভিযোগ। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোট দাবি করেছে, ২০২২ সালে ৮৯১ জমি যা কিনা হিন্দু মন্দিরের ছিল তা জোরপূর্বক দখল করেছে উগ্রপন্থী মুসলমানরা। একইসঙ্গে ৪৮১টি হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে শুধুমাত্র ২০২২ সালেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pakistan: দূষণের মাত্রা ৭০৭! বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন লাহোর, ধোঁয়াশায় ঢেকেছে আকাশ

    Pakistan: দূষণের মাত্রা ৭০৭! বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন লাহোর, ধোঁয়াশায় ঢেকেছে আকাশ

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের (Pakistan) লাহোরের বায়ুদূষণের মাত্রা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাতাসে ধূলিকণার পরিমাণ রবিবার সকালে বিপজ্জনক মাত্রায় পৌঁছে গিয়েছে। দূষণের মাত্রা রেকর্ড হয়েছে ৭০৭। তাই বিশ্বের সবচেয়ে দূষিত শহর (Most Polluted City) হিসাবে পরিণত হয়েছে এই লাহোর। বাতাসে ঘন কালো ধূলিকণার মেঘ আচ্ছন্ন হয়ে রয়েছে। দূষণের সঙ্গে কুয়াশা মিশে বিপজ্জনক ধোঁয়াশা (ইংরেজিতে স্মগ) তৈরি হয়েছে। যা ঢেকে দিয়েছে লাহোরের আকাশ। ফলে এই অঞ্চলে শীতের বাতাস ঢুকতে বাধা পড়ছে। মানুষের জনজীবন এবং জনস্বাস্থ্য অত্যন্ত বিপদ জনক অবস্থায় পৌঁছে গিয়েছে। জঙ্গি উৎপাদনের পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ে বিশ্ববাসীর এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে পাকিস্তান। 

    ইউএস কনস্যুলেট একিউআই পরিমাপ করেছে ৭০০ (Pakistan)

    সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, লাহোর এবং তার বিভিন্ন আশেপাশের এলাকাগুলিতে উদ্বেগজনকভাবে উচ্চ এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) রিপোর্ট প্রকাশ করা হয়েছে। থকর নিয়াজ বেগ এলাকা একিউআই-এর মাত্রা ৮৭৮। জোহর টাউন এলাকায় মাত্রা ৮৯৩, সৈয়দ মারাতিব আলি রোডে ৭৫৪ এবং শাহরাহ-ই-কায়েদ-ই এলাকায় রেকর্ড হয়েছে ৬৩৩। ইউএস কনস্যুলেট ৭০০ একিউআই রেকর্ড করেছে। আবার পাকিস্তান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস রিপোর্ট করেছে একিউআই-এর পরিমাণ ৬৮৮। দূষণের এই উচ্চ স্তরগুলি লাহোরকে শুধুমাত্র পাকিস্তানের সবচেয়ে দূষিত শহর (Most Polluted City) নয়, বরং বিশ্বব্যাপী সবচেয়ে খারাপ শহর হিসেবে চিহ্নিত করেছে।  ফলে পাকিস্তানের নাগরিক জীবন কতটা আশঙ্কাজনক তা অনুমান যোগ্য।

    দৃশ্যমানতা ক্রমশ হ্রাস পাচ্ছে

    বর্তমানে লাহোরের (Pakistan) তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং আগামী দিনে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে৷ আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনওরকম সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে। শহরের জনগণকে এই দূষিত বায়ুর মধ্যেই কাটাতে হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে পাঞ্জাব এনভায়রনমেন্ট প্রোটেকশন ডিপার্টমেন্ট প্রদেশের জন্য একটি সতর্কতা জারি করেছে। তাতে বলা হয়েছে, লাহোরের গত ২৪-ঘণ্টায় গড় আইকিউআই-এর ফলে দৃশ্যমানতা ক্রমশ হ্রাস পাচ্ছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শীত ঘনিয়ে আসার মুখে, লাহোরের নিচু এলাকায় এই সমস্যা আরও জটিল করে তুলছে। ঠান্ডা বাতাসকে আটকে দেয় এই ধূলিকণার ধোয়া, যা বায়ুর গুণমানকে আরও খারাপ করে দেয়। 

    ৩১ জানুয়ারি পর্যন্ত স্কুলএম গিয়ে কর্মকাণ্ড স্থগিত

    ভয়াবহ অবস্থার পরিপ্রেক্ষিতে পাক পাঞ্জাব সরকার (Pakistan) জনস্বাস্থ্য রক্ষার জন্য জরুরি সতর্কতা জারি করেছে। লাহোরের সমস্ত স্কুলের কর্মসূচি ৩১ জানুয়ারী, ২০২৫ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। স্কুলের সময়েও পরিবর্তন করা হয়েছে। ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা ৪৫ মিনিটে স্থানান্তরিত করা হয়েছে। বাড়ি থেকে বৃদ্ধ এবং শিশুদের বের হতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে আতশবাজির উপর নিষেধাজ্ঞা জানুয়ারির শেষ পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রশাসন জানিয়েছে। জনস্বাস্থ্য জরুরি অবস্থার প্রতিক্রিয়া হিসাবে লাহোর ট্রাফিক পুলিশ মোটরসাইকেল চালকদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে, কারণ কিছু এলাকায় দৃশ্যমানতা কমতে কমতে এক কিলোমিটারে এসে ঠেকেছে। পরিবেশবিদ এবং চিকিৎসকরা শহরে প্রাকৃতিক উপাদান হিসেবে গাছপালার প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেছেন। শহরের বাসিন্দাদের মাস্ক পরতে, অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়াতে এবং বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য সতর্কতা অবলম্বনের কথা বলেছেন।

    আরও পড়ুন: মহাকুম্ভ প্যাকেজে কী কী সুবিধা মিলবে জানেন?

    ৭০ শতাংশ দূষণে নিম্নমানের যানবাহন

    পাকিস্তানের (Pakistan) স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন দেশবাসীকে। কারণ দীর্ঘস্থায়ী বিষাক্ত বাতাস ব্যাপক ভাবে শ্বাসকষ্টের সমস্যার প্রাদুর্ভাবকে বৃদ্ধি করবে। অনেক মানুষ ইতিমধ্যেই কাশি, চোখের জ্বালা, জ্বর এবং গলা ব্যথার নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ফলে যাঁদের আগে থেকে শ্বাসকষ্ট বা হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তাঁদের বাইরের কার্যকলাপ সম্পূর্ণভাবে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাকিস্তানের মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব স্বীকার করে বলেন, “ধোঁয়াশা রোধে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলছে। লাহোরের বাতাসের মান উন্নত হতে আরও ৮ থেকে ১০ বছর সময় লাগবে। তাঁর মতে, লাহোরের দূষণের পেছনে ৭০ শতাংশ দায়ী নিম্ন-মানের স্থানীয় যানবাহন, শিল্প নির্গমন, মৌসুমী ফসল পোড়ানো এবং বর্জ্য পুড়িয়ে ফেলার কারণে। শহরের ৪৫ হাজার মোটরসাইকেলের মধ্যে ১৮ হাজার বিষাক্ত ধোঁয়া নির্গত করে। সেই সঙ্গে ১ লক্ষ যানবাহন, ১২০০টি ভাটা এবং ৬০,৮০০টি শিল্প ইউনিটও ব্যাপক ভাবে দূষণ ছড়ায়।

    বৈশ্বিক দূষণের তালিকায় একটি হটস্পট হিসেবে লাহোরের (Most Polluted City) নাম উঠে এসেছে। পরিবেশ এবং বিশ্ববাসীর কাছে পাকিস্তান অত্যন্ত চিন্তার বিষয় বলে মনে করছেন ভারতীয় পরিবেশবিদরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel Iran Conflict: ইজরায়েল-ইরাক দ্বন্দ্ব, তেহরানের পাশে মুসলিম রাষ্ট্র, তেলআভিভের পাশে কারা?

    Israel Iran Conflict: ইজরায়েল-ইরাক দ্বন্দ্ব, তেহরানের পাশে মুসলিম রাষ্ট্র, তেলআভিভের পাশে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার কাকভোরে ইরানে প্রত্যাঘাত করেছে ইজরায়েল। ইরানের রাজধানী তেহরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে (Other Nations Reaction) আকাশপথে হামলা চালিয়েছে তেলআভিভ(ইজরায়েলের রাজধানী) (Israel Iran Conflict)। ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ মুসলিম দুনিয়া।

    ইরানের পাশে পাকিস্তান (Israel Iran Conflict)

    ইহুদি রাষ্ট্র ইজরায়েলের ইসলামিক রাষ্ট্রে হামলার তীব্র নিন্দা করেছে আর এক ইসলামিক রাষ্ট্র পাকিস্তান। ইসলামাবাদের (পাকিস্তানের রাজধানী) অভিযোগ, গোটা ঘটনার জন্য দায়ী ইজরায়েল। ইজরায়েল এই হামলার যোগ্য জবাব পাবে বলে হুমকি দিয়েছে ইরান। ইজরায়েলের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক রয়েছে। তবে ইসলামিক রাষ্ট্রে আঘাত হানার পর ফুঁসে উঠেছে পাকিস্তান। হামলার নিন্দা করে পাক বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইরানের ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা করছে পাকিস্তান। এই হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার রাস্তা নষ্ট করছে। এই হামলায় আঞ্চলিক শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে গেল। যা হচ্ছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী ইজরায়েল। পাকিস্তানের তরফে জানানো হয়েছে, “আমরা রাষ্ট্রসংঘের কাছে আবেদন জানাব তারা যেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় যথাযথ ভূমিকা পালন করে ও ইজরায়েলের বেপরোয়া ও অপরাধমূলক আচরণের অবসান ঘটাতে অবিলম্বে পদক্ষেপ করে।” এক্স হ্যান্ডেলে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লিখেছেন, “শান্তির পথ খুঁজতে ইরান ও তার প্রতিবেশী দেশগুলির পাশে রয়েছে পাকিস্তান। হিংসা এড়াতে সব পক্ষকে সংযম দেখানোর আবেদন জানানো হচ্ছে।”

    পাশে সৌদি আরবও

    ইসলামিক রাষ্ট্র ইরানের পাশে দাঁড়িয়েছে আর এক মুসলিম রাষ্ট্র সৌদি আরব। ইরানের সামরিক ঘাঁটিতে ইজরায়েলের হামলার তীব্র নিন্দা করেছে তারা। এক্স হ্যান্ডেলে সৌদি বিদেশ মন্ত্রকের তরফে লেখা হয়েছে, “সৌদি আরব ইজরায়েলের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি সৃষ্টি করা এই পরিস্থিতির অবনতি রোধে প্রতিশ্রুতিবদ্ধ।” ইরানের (Israel Iran Conflict) পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকও।

    আরও পড়ুন: মহাকুম্ভ প্যাকেজে কী কী সুবিধা মিলবে জানেন?

    তবে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। বাইডেন প্রশাসনের বার্তা, “আমরা ইরানকে পরিষ্কার বার্তা দিতে চাই যে তাদের তরফে কোনও রকমের প্রত্যুত্তর ইজরায়েলের প্রতিরক্ষায় বাধ্য করবে আমেরিকাকে।” ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার বলেন, “আমি স্পষ্ট করে বলছি যে নিজেকে (Other Nations Reaction) ইরানি আগ্রাসনের বিরুদ্ধে রক্ষা করার অধিকার ইজরায়েলের রয়েছে (Israel Iran Conflict)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Gurpatwant Pannun: শাহের সম্পর্কে খবর দিলে মিলবে মোটা ইনাম, ঘোষণা খালিস্তানি জঙ্গি পান্নুনের

    Gurpatwant Pannun: শাহের সম্পর্কে খবর দিলে মিলবে মোটা ইনাম, ঘোষণা খালিস্তানি জঙ্গি পান্নুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: খবর দিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) গতিবিধির। তাতেই মিলবে দশ লক্ষ মার্কিন ডলার পুরস্কার। অমিত শাহের বিদেশ সফরের আগেই ‘শিখস ফর জাস্টিস’কে ওই তথ্য দিতে পারলে পুরস্কার দেবেন খালিস্তানপন্থী জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন (Gurpatwant Pannun)।

    সিআরপিএফ স্কুল বন্ধের আহ্বান (Gurpatwant Pannun)

    ২৬ নভেম্বর থেকে সিআরপিএফ স্কুলগুলি বন্ধ করে দেওয়ার আহ্বানও জানিয়েছেন খালিস্তানপন্থী ওই জঙ্গি। ঠিক একদিন আগেই উত্তর দিল্লির রোহিণী অঞ্চলের একটি সিআরপিএফ স্কুলের বাইরে বিস্ফোরণ ঘটে। তার পরেই পান্নুনের এই বিবৃতিতে ছড়িয়েছে চাঞ্চল্য। বিস্ফোরণের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ‘খালিস্তান জিন্দাবাদ ফোর্স’ নামের একটি সংগঠন।

    পান্নুনের বক্তব্য

    ভারত-বিরোধী কাজে লিপ্ত পান্নুন। নানা সময় ভারতকে বিভিন্নভাবে হুমকিও দিয়েছে খালিস্তানপন্থী এই জঙ্গি। সেই পান্নুনই ছাত্রছাত্রী ও অভিভাবকদের সিআরপিএফ স্কুল বয়কট করার আহ্বান জানান। তাঁর বক্তব্য, এই বাহিনী নৃশংসতায় লিপ্ত। তাঁর অভিযোগ, অমৃতসরের স্বর্ণমন্দিরে হামলা, ১৯৮৪ সালের গণহত্যায় মৃত্যুদণ্ড পরিচালনা ও পঞ্জাবে শিখদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত ছিল সিআরপিএফ।

    আরও পড়ুন: প্রত্যাঘাত ইজরায়েলের! নিশানায় ইরানের সামরিক ঘাঁটিগুলি, হামলা সিরিয়াতেও

    ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ‘শিখস ফর জাস্টিস’কে। দেশ ছেড়ে পালিয়েছেন পান্নুনও (Gurpatwant Pannun)। বর্তমানে বিদেশে বসেই একের পর এক হুমকি দিয়ে চলেছেন নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের প্রধান। তিনি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু সিআরপিএফের প্রধান, তাই অমিত শাহের বিদেশ ভ্রমণ সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।” শাহের বিরুদ্ধে কানাডায় খুন হওয়া হরদীপ সিং নিজ্জরকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগ করার এবং নিউইয়র্কে একটি মার্ডার ফর হায়ার ষড়যন্ত্র করার অভিযোগও তুলেছেন তিনি। পান্নুন বলেন (Gurpatwant Pannun), “সিআরপিএফের প্রাক্তন কর্তা, পঞ্জাবের প্রাক্তন শীর্ষ পুলিশ কর্তা কেপিএস গিল এবং প্রাক্তন রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের কর্তা বিকাশ যাদব বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। পঞ্জাব এবং বিদেশে শিখদের হত্যায়ও যুক্ত ছিলেন তাঁরা।

    প্রসঙ্গত, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কার্যালয়ের সঙ্গেও তিনি কথা বলেছেন বলে সম্প্রতি দাবি করেছেন পান্নুন। সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি (Gurpatwant Pannun) বলেন, “কানাডার প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে (Amit Shah) যোগাযোগ রাখছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Bangladesh: ৮ দফা দাবিতে হিন্দুদের বিরাট গণসমাবেশ চট্টগ্রামে, ঢাকার অভিমুখে লংমার্চের ঘোষণা

    Bangladesh: ৮ দফা দাবিতে হিন্দুদের বিরাট গণসমাবেশ চট্টগ্রামে, ঢাকার অভিমুখে লংমার্চের ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) ৮ দফা দাবিতে হিন্দু সম্প্রদায়ের বিরাট গণসমাবেশ। এই সমাবেশ থেকে ঢাকার অভিমুখে লংমার্চের ঘোষণা করা হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন  বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। তিনি কট্টর মৌলবাদী ইসালামি জেহাদিদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “সনাতনীদের এদেশ থেকে উৎখাতের চেষ্টা হলে পরিণতি ভয়াবহ হবে। সনাতনীদের (Hindu Mass Gathering) উপর অত্যাচার যত হবে আমরা তত বেশি ঐক্যবদ্ধ হব। দাবি আদায়ে বিভাগ ও জেলায় সমাবেশ শেষে আমরা ঢাকা অভিমুখে লংমার্চ করব।”

    ট্রাইব্যুনাল গঠন করে হিন্দু নির্যাতনের বিচার (Bangladesh)

    শুক্রবার, বাংলাদেশে (Bangladesh) মহম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকারের সীমাহীন হিন্দু নিধনের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের লালদিঘি মাঠে গণসমাবেশ করেন নির্যাতিত হিন্দুরা। গত ৫ অগাস্ট গণভবনে ছাত্র আন্দোলনের নামে ওই দেশে রাজনৈতিক তীব্র অস্থিরতা শুরু হয়। ছাত্র আন্দোলনের নামে জামাত এবং বিএনপি সমর্থকরা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। এরপর দেশের বেশিরভাগ থানা, আওয়ামী লীগ সমর্থক সহ হিন্দুদের উপর চরম আঘাত নেমে আসে। আইনের শাসন ছিল না। অন্তর্বর্তী সরকারে সেনার শাসন থাকলেও জেলা থেকে শহর সর্বত্র হিন্দুদের বাড়ি-ঘর, দোকান, চাষের জমি সহ সম্পত্তি লুট, মন্দির ধ্বংস করা, হিন্দু নারীদের জোর তুলে নিয়ে ধর্ষণের মতো ঘটনা বহু জায়গায় ঘটেছে। এবছর হিন্দুদের বড় উৎসব দুর্গাপুজোর নানা ভাবে হামলা করেছে দুষ্কৃতীরা। চলেছে নির্বিচারে হত্যাকাণ্ড। এই অবস্থায় ভারতের কোচবিহার সীমান্তে প্রচুর শরণার্থী আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তবুও ইউনূস প্রশাসন নির্বিকার। সকল অত্যচারের বিরুদ্ধে এদিন বিরাট প্রতিবাদ সভা হয় লালদিঘিতে। সমস্ত হিন্দুরা মৌলবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন। এদিনের আট দাফ দাবির মধ্যে ছিল, ট্রাইব্যুনাল গঠন করে সংখ্যালঘু হিন্দু (Hindu Mass Gathering)  নির্যাতনের বিচার, সংখ্যালঘু কমিশন সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন এবং দুর্গাপুজায় ৫ দিন ছুটি ঘোষণা।

    এদেশ ছেড়ে কোথাও যাব না

    শুক্রবারের সমাবেশে নিপীড়িত হিন্দু (Hindu Mass Gathering) সমাজের (Bangladesh) দাবি ছিল, ‘‘আমার মাটি আমার মা এদেশ, কোথাও ছেড়ে যাব না।’’ এই স্লোগান দিয়ে হাজার হাজার নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী সহ প্রচুর মানুষ দলে দলে সমাবেশে যোগদান করেন। বেলা আড়াইটার পর থেকে চট্টগ্রাম শহর এবং বিভিন্ন জেলা, উপজেলা থেকে জনসমাগম আসতে শুরু করে। বেলা ৩টেয় লালাদিঘি মাঠ ভর্তি হয়ে আশেপাশের এলাকা ভরে যায়। বিকশিবিট থেকে শুরু করে কেসি দে রোড, জেল রোড, লাল দিঘির চারপাশ হয়ে কতোয়ালি মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়। বিক্ষোভ কর্মসূচিতে সকলের হাতেই পতাকা ফেস্টুন ছিল।

    দ্বিতীয়–তৃতীয় শ্রেণির নাগরিক নই

    এদিন বক্তা চিন্ময় কৃষ্ণ দাস বলেন, “কেউ যদি আমাদের (Bangladesh) উৎখাত করে শান্তিতে থাকার চেষ্টা করেন, তাহলে এভূমি আফগানিস্তান হবে, সিরিয়া হবে। সাম্প্রদায়িক আচরণ করে কোনও শক্তি গণতান্ত্রিক সুবিধা পাবেন না। ক্ষমতার পরিবর্তন হলেও দেশে কোনও স্থিরতা আসছে না। সহনশীলতা লুপ্ত হচ্ছে। সম্মানবোধ হারিয়ে যাচ্ছে, শিক্ষককে পদত্যাগ করানো হচ্ছে। শুধু সংখ্যালঘু পরিচয়ে ৯৩ জনকে পুলিশের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হিন্দুদের চিহ্নিত করা হচ্ছে। আমরা এই অপকর্মের বিরদ্ধে নীরব থাকতে পারব না। বাংলাদেশে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে, তাতে আমাদের আপত্তি নেই। দ্বিতীয়–তৃতীয় শ্রেণির নাগরিক নই আমরা, তাই আমাদের স্বার্থকে আঘাত করে সংবিধান সংশোধনকে মানব না। পাকিস্তানের প্রধান বিচারপতি একজন হিন্দু (Hindu Mass Gathering) হয়েছেন। আর এ দেশে একজনকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। জেএম সেন হলে মামলায় আসামিদের জামিন হয়ে গেল। আমাদের ধর্মের অনুভূতিতে আঘাত হানলে জামিন পায়। আর হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির কথা বললে গ্রেফতার করে জেলে ঢোকানো হচ্ছে। এই কাজ অত্যন্ত অন্যায়। প্রশাসন-সরকার অত্যন্ত অমানবিক আচরণ করছে।”

    আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন

    আবার পটিয়া পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ রবীশ্বরানন্দ পুরী মহারাজ বলেন, “এই মাটির (Bangladesh) স্বাধিকারের জন্য বিপ্লবী সূর্য সেনরা জীবন দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। এই আন্দোলন আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন।” একই ভাবে এদিন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজ, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী, বাঁশখালী ঋষিধামের মহন্ত সচিদানন্দ পুরী মহারাজ, কৈবল্যধামের মহারাজ কালিপদ ভট্টাচার্য, স্বামী গোপীনাথ মহারাজ প্রমুখ বক্তব্য রাখেন। ক্রমবর্ধমান হিন্দু অত্যাচারের বিরুদ্ধে একাটাই আওয়াজ, এই দেশ কাউর বাপ-দাদার নয়, আমরা দেশ ছেড়ে যাবো না।

    শুভেন্দুর প্রতিক্রিয়া

    পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী বাংলাদেশে (Bangladesh) এই প্রতিবাদ সভা সম্পর্কে বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু সনাতনী সম্প্রদায়ের (Hindu Mass Gathering) উপর আধিপত্য বিস্তার ও নিপীড়নের মধ্যেই, হিন্দুরা আজ বাংলাদেশের চট্টগ্রাম শহরের ঐতিহাসিক লাল দিঘিতে সমবেত হয়েছে। আমি সীমান্তের ওপারের আমার সনাতনী বোন ও ভাইদের আশ্বস্ত করতে চাই, এই সংকটের সময়ে আমরা আপনাদের পাশে আছি। প্রকৃতপক্ষে, সারা বিশ্বের সমগ্র সনাতন সম্প্রদায় আপনার সাথে আছে। ধৈর্য ধরে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন এবং শক্ত থাকুন।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel Iran Conflict: প্রত্যাঘাত ইজরায়েলের! নিশানায় ইরানের সামরিক ঘাঁটিগুলি, হামলা সিরিয়াতেও

    Israel Iran Conflict: প্রত্যাঘাত ইজরায়েলের! নিশানায় ইরানের সামরিক ঘাঁটিগুলি, হামলা সিরিয়াতেও

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ইরানে প্রত্যাঘাত হানল ইজরায়েল (Israel Iran Conflict)। শনিবার সকাল থেকে ইরানের রাজধানী তেহরানে আকাশপথে হামলা চালাচ্ছে ইজরায়েলি (Israel) সেনা। ইরানে হামলার কথা স্বীকারও করেছে তেল আভিভ (ইজরায়েলের রাজধানী)। তারা জানিয়েছে, তাদের প্রাথমিক লক্ষ্য ইরানের সামরিক ঘাঁটি।

    ইজরায়েলের প্রত্যাঘাত (Israel Iran Conflict)

    গত কয়েক মাস ধরে চলা ইরানের লাগাতার হামলার জবাব দিতে শুরু করল ইজরায়েল। ইরানের পাশাপাশি সিরিয়াতেও হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। ইজরায়েলি সেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “ইরান থেকে ইজরায়েলের বিরুদ্ধে মাসের পর মাস ধরে অনবরত যে আক্রমণ আসছে, তার জবাবে ইজরায়েলের সেনাবাহিনী এখন ইরানের কিছু সামরিক ঘাঁটি লক্ষ্য করে নির্দিষ্ট হামলা চালাচ্ছে।” এদিনই ইজরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে, এদিন ভোর রাত থেকে তেহরান ও সংলগ্ন এলাকায় আকাশপথে অন্তত দুটি হামলা হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতরের তরফে জারি করা এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, “আমাদের দেশকে নিরাপদে রাখতেই এই পদক্ষেপ।”

    বিস্ফোরণের আওয়াজে ঘুম ভাঙল তেহরানের

    এদিন ভারতীয় সময় ভোর ৪টে নাগাদ তেহরান ও কারাজ শহরে পর পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। পরে জানা যায়, ১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে তেল আভিভ। ইজরায়েলি সেনার (Israel Iran Conflict) মুখপাত্র ড্যানিয়েল হাঘারি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভবিষ্যতে ফের কোনও ভুল করলে এভাবেই তার জবাব দেওয়া হবে।”

    ১ অক্টোবর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। তেল আভিভ লক্ষ্য করে অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ওই সময় লেবাননে গ্রাউন্ড অপারেশন শুরু করেছিল ইজরায়েলি সেনা। তারই জবাবে ইজরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ইরান। এদিন ভোরে তারই জবাব দিল নেতানিয়াহুর দেশ।

    আরও পড়ুন: ‘‘অফিসের মাথায় জাতীয় পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগান’’, এসডিপিওকে তোপ সুকান্তর

    ইজরায়েল-ইরানের এই যুদ্ধে যুযুধান দু’পক্ষের কাছেই অস্ত্র সংবরণের আবেদন জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। এদিকে, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ইজারায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে খবর। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে (Israel) হামলা চালায় প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তার পর থেকে ক্রমশ প্রসারিত হচ্ছে যুদ্ধের পরিসর (Israel Iran Conflict)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share