Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Jon Landau: ক্যান্সারে ভুগে প্রয়াত টাইটানিকের অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক জন ল্যান্ডিন

    Jon Landau: ক্যান্সারে ভুগে প্রয়াত টাইটানিকের অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক জন ল্যান্ডিন

    মাধ্যম নিউজ ডেস্ক: চলচ্চিত্র দুনিয়ায় শোকসংবাদ। প্রবীণ চলচ্চিত্র পরিচালক জন ল্যান্ডো (Jon Landau) প্রয়াত হয়েছেন। যিনি বিজ্ঞান কল্পকাহিনী মূলক চলচ্চিত্র ‘অ্যাভাটার’ এবং ‘টাইটানিক’-এর মতো হলিউডে সিনেমা নির্মাণ করেছিলেন। মাত্র ৬৩ বছর বয়সে জীবনাবসান হয়েছে তাঁর। এই সংবাদ প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন বিখ্যাত পরিচালক জেমস ক্যামরন। তবে কী ভাবে মারা গিয়েছেন এই পরিচালক, তা এখনও বিস্তারিত জানা যায়নি। মৃত্যুর কারণ শুধু ক্যান্সার বলা হয়েছে।

    ‘অবতার ২’-তে ব্যাপক ভূমিকা রেখেছিলেন (Jon Landau)

    জেমস ক্যামরনের চলচ্চিত্র ‘অবতার ২’ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ১৯৯৭ সালে বিখ্যাত চলচ্চিত্র টাইটানিক ছবিতেও অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। সেই সময় জনকে অনেকে অভিনন্দন জানিয়েছিলেন। তিনি তিনবার অস্কার পুরস্কার পেয়েছিলেন। একই সঙ্গে সেরা পুরস্কারও জিতে ছিলেন। এই ছবিতে তাঁর সঙ্গে জেমস ক্যামেরনেরও পূর্ণ অবদান ছিল।

    প্রোডাকশন ম্যানেজার দিয়ে কাজ শুরু (Jon Landau)

    জন কর্মজীবনে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ শুরু করেছিলেন। প্রসঙ্গত, জন ল্যান্ডিউ তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ১৯৮০ সালে। তিনি কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে চলচ্চিত্র প্রযোজক হওয়ার যাত্রা শুরু করেছিলেন। তিনি বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে বিশাল ব্যয়ের চলচ্চিত্র নির্মাণ করেন। তাঁরা ১১ বার অস্কার মনোনয়ন পেয়েছিলেন। জনের দুই ছেলে জেমি ল্যান্ডো এবং জোডি। তাঁর স্ত্রীর নাম জুলি। তাঁদের রেখে না ফেরার দেশে চলে গিয়েছেন জন।

    আরও পড়ুন: দুর্গাপুজোর প্রচলন এখানেই! বাংলাদেশের মেধস মুনির আশ্রমের জমি দখলের অভিযোগ

    পুত্রের শোক প্রকাশ

    প্রযোজকের ছেলে জেমি ল্যান্ডিউ এক বিবৃতিতে বলেছেন, “আমার বাবা আর পৃথিবীতে নেই।” অন্যদিকে, জনের মৃত্যুতে জেমস ক্যামেরন গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এই চলচ্চিত্র নির্মাতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রচুর ভক্ত। এছাড়াও হলিউডের আরও অনেক তারকা জনের মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁরা জনের (Jon Landau) পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Medosh Munir Ashram: দুর্গাপুজোর প্রচলন এখানেই! বাংলাদেশের মেধস মুনির আশ্রমের জমি দখলের অভিযোগ

    Medosh Munir Ashram: দুর্গাপুজোর প্রচলন এখানেই! বাংলাদেশের মেধস মুনির আশ্রমের জমি দখলের অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: মেধস মুনির আশ্রম (Medosh Munir Ashram) বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডাঙা পাহাড়ে অবস্থিত। প্রথম দুর্গাপুজোর (Durga Puja) প্রচলন এই আশ্রমেই হয়েছিল বলে বিশ্বাস হিন্দুদের। বাংলাদেশের হিন্দুদের পবিত্র তীর্থস্থান হল পাহাড়ের ওপর অবস্থিত মেধস মুনির আশ্রম। প্রতিবছর দুর্গাপুজোতে ভক্তদের ভিড়ে ঠাসা থাকে এই আশ্রম। শিব মন্দির, চন্ডী মন্দির সমেত অনেকগুলি মন্দিরও রয়েছে এখানে। প্রসঙ্গত, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যরা এই আশ্রমকে ভেঙে দেয়। পরবর্তীকালে এই আশ্রম পুনঃ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন স্বরূপ চৌধুরী। তিনি জানান, ৩০জন লোক নিয়োগ করা হয়েছে মন্দিরকে দেখাশোনার জন্য। অন্যদিকে, আশ্রমেরই এক সন্ন্যাসী শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজ অভিযোগ এনেছেন যে শ্রী শ্রী চণ্ডী তীর্থ ও মেধস মুনির আশ্রমের মোট জমির পরিমাণ ছিল ৬৮.১৯ একর। কিন্তু বেশ কিছু প্রভাবশালী মানুষজন নিজেদের প্রভাব খাটিয়ে এই জমি দখল করেছেন। জমি দখলের পরিমাণ ৫৫ একর।

    মেলেনি সরকারি সাহায্য (Medosh Munir Ashram)

    বোয়াখালী থেকে মন্দির যাওয়ার পথ একেবারেই দুর্গম কিন্তু তা সত্ত্বেও প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় করেন এই আশ্রমে (Medosh Munir Ashram)। আশ্রমকে ঘিরে রয়েছে অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। নির্জন ও শান্ত পরিবেশ আশ্রমের। কর্তৃপক্ষের আরও অভিযোগ, যদি যাতায়াত ব্যবস্থা উন্নত করা যেত তাহলে মন্দিরে ভক্তদের ভিড় আরও বাড়তে পারত। ভক্তদের দানের ওপর নির্ভর করেই চলে এই মন্দির, সরকারি সাহায্য মেলেনি বলেও অভিযোগ মন্দির কর্তৃপক্ষের।

    রাজা সুরথ ও সমাধি বৈশ্য

    দেবী মাহাত্ম্যে এবং মার্কণ্ডেয় পুরাণে রাজা সুরথকে চিত্রগুপ্ত বংশীয় রাজা অর্থাৎ চিত্রগুপ্তের বংশধর হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি তাঁর রাজত্ব, সম্পত্তি সবকিছুই হারিয়েছিলেন। দাস দাসী, আত্মীয় স্বজন, তাঁর পোষ্য জন্তু-জানোয়ারদের কাছেও তিনি মর্যাদা হারিয়েছিলেন বলে জানা যায়। এরা কেউ তাঁর কথা শুনতো না। অসহায় রাজা মনের দুঃখে রাজ্য ছাড়েন। যদুবংশীয় এই রাজা বৈরাগী হয়েছিলেন। রাজ্য ছাড়ার পর তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় এক বণিকের। ওই বণিকও ব্যবসায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, একেবারে দেউলিয়া হয়েছিলেন তিনি। বণিকের নাম ছিল সমাধি বৈশ্য। তাঁর নিজের পরিবার, আত্মীয় স্বজনের প্রতারণার জন্যই তিনি দেউলিয়া হয়েছিলেন বলে পুরাণে জানা যায়। একদিকে এক ভাগ্যহীন রাজা অন্যদিকে এক ভাগ্যহীন বণিক। দুজনের সাক্ষাৎ যেন দৈব নির্ধারিত ছিল। তাঁদের সঙ্গে যোগাযোগ হয় মেধস মুনির (Medosh Munir Ashram)।

    মেধস মুনির আশ্রমে দুর্গাপুজোর (Durga Puja) পৌরাণিক আখ্যান

    রাজা সুরথ এবং বণিক সমাধি বৈশ্য দুজনে মেধস মুনির শরণাপন্ন হয়ে নিজেদের ভাগ্য বিপর্যয়ের কথা মুনিকে শোনাতে থাকেন। মেধস মুনি তাঁদের দেবী মাহাত্ম্য শোনান। মহিষাসুরমর্দিনীর স্তব করে শোনান। মুনি পরামর্শ দেন, একমাত্র দুর্গতিনাশিনী মা দুর্গার আরাধনা এবং পুজো করলেই তাঁদের ভাগ্য ফিরবে। মুনির পরামর্শ মতো রাজা সুরথ ও বণিক সমাধি বৈশ্য মাটির প্রতিমা নির্মাণ করে ওই আশ্রমেই দুর্গাপুজো করেন। কথিত আছে মাতৃ আরাধনার পর রাজা সুরথ তাঁর রাজত্ব পুনরায় ফেরত পেয়েছিলেন, পরিবার পরিজনের কাছে তাঁর মর্যাদা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল। অপরদিকে বণিক সমাধি বৈশ্যও একই ভাবে সৌভাগ্যের অধিকারী হয়ে, হারানো সমস্ত কিছু ফেরত পেয়েছিলেন। এ প্রসঙ্গে বলা দরকার মেধস মুনির আশ্রমে এই পুজো বসন্ত কালে সংঘটিত হয়েছিল। শরৎকালের দুর্গাপুজো শ্রী রামচন্দ্রের অকাল বোধনের কারণে হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Masoud Pezeshkian: ইরানের নয়া প্রেসিডেন্ট হচ্ছেন মাসুদ, কেমন হবে দিল্লির সঙ্গে সম্পর্ক?

    Masoud Pezeshkian: ইরানের নয়া প্রেসিডেন্ট হচ্ছেন মাসুদ, কেমন হবে দিল্লির সঙ্গে সম্পর্ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার কট্টরপন্থার বেড়াজাল ভেঙে সংস্কারের পথে হাঁটতে চলেছে ইরান (Iran)! সম্প্রতি সে দেশে হয়েছিল প্রেসিডেন্ট নির্বাচন। জয়ী হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেস্কিয়ান (Masoud Pezeshkian)। দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল দিলেন কট্টরপন্থী সঈজ জালিলিকে। ইরানকে প্রগতিশীল দেশ হিসেবে তুলে ধরতে চাইছেন এশিয়ার এই দেশটির হবু প্রেসিডেন্ট। তাঁর জমানায় ভারত-ইরান সম্পর্কের আরও উন্নতি হবে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

    সংস্কারপন্থী প্রেসিডেন্ট (Masoud Pezeshkian)

    মাসুদ পেশায় কার্ডিয়াক সার্জেন। এই চিকিৎসক কাম রাজনীতিককেই দেশের প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন ইরানিরা। ইরানের অভ্যন্তরীণ নীতির পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কেও সংশোধন করার পক্ষে নানা সময় সওয়াল করতে দেখা গিয়েছে তাঁকে। তবে প্রেসিডেন্ট হওয়ার পর এ কাজে তিনি কতটা সফল হবেন, তা বলবে সময়। কারণ এ দেশের সর্বোচ্চ শাসক ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এতদিন পর্যন্ত প্রেসিডেন্টের চেয়ারে যিনি বসেছেন, তাঁর টিকি বাঁধা ছিল খামেনেইয়ের কাছে। তাই ঘোড়া (পড়ুন খামেনেইকে) ডিঙিয়ে নয়া প্রেসিডেন্ট (Masoud Pezeshkian) আদৌ খাস খেতে পারবেন কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছেন ইরানেরই সিংহভাগ ভোটার। তবে তাঁরাও যে সংস্কারের পথেই হাঁটতে চান, প্রেসিডেন্ট নির্বাচনের ফলেই মিলেছে তার প্রমাণ।

    ইরান-ভারত সুসম্পর্ক

    ইরান-ভারত সুসম্পর্ক দীর্ঘদিনের। অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া রয়েছে। ইরানের চাবাহার বন্দর নিয়ে দু’পক্ষে যে বোঝাপড়া হয়েছে, তার কোনও ব্যত্যয় ঘটবে না বলেই ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। অপরিশোধিত তেল আমদানিতেও সব সময় ভারতের পাশে দাঁড়িয়েছে ইরান। পশ্চিমি নিষেধাজ্ঞার মুখে পড়েও ভারতকে তেল জুগিয়ে চলেছে তারা। রাশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ভারত যে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর গড়ে তুলতে আগ্রহী, সেটিরও সংযোগস্থল হওয়ার কথা ইরান। বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রেও ভারতের পথের কাঁটা হয়ে দাঁড়াবে না ইরান।

    আর পড়ুন: সূর্যালোক ও বায়ু থেকে বোতলজাত জল উৎপাদন! বিরাট দাবি মার্কিন সংস্থার

    প্রসঙ্গত, গত ১৯ মে কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির। তার পরেই হয় অকাল নির্বাচন। যে নির্বাচনে জিতে ইরানের (Iran) প্রেসিডেন্ট হতে চলেছেন মাসুদ। ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ খাতমি সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মাসুদ। 

    ইরানের সমাজ জীবনে মাসুদ (Masoud Pezeshkian) কতটা বদল আনতে পারেন, এখন সেটাই দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Huaxi Village: গোটা বিশ্বে আকর্ষণের কেন্দ্রবিন্দু, এই গ্রামে সবার ব্যাঙ্কেই কোটি কোটি টাকা!

    Huaxi Village: গোটা বিশ্বে আকর্ষণের কেন্দ্রবিন্দু, এই গ্রামে সবার ব্যাঙ্কেই কোটি কোটি টাকা!

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে পৃথিবীর জনবহুল রাষ্ট্রের তালিকায় শীর্ষে রয়েছে চিন (China)। কিন্তু জানেন কি, এই চিনেই এমন একটি গ্রাম আছে, যা বর্তমানে গোটা পৃথিবীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে? চিনের বিভিন্ন প্রদেশে অবস্থিত গ্রামগুলির মধ্যে সবচেয়ে ধনী গ্রামের তালিকায় নাম লিখিয়েছে হুয়াক্সি (Huaxi Village)। সারা বিশ্ব জুড়েই এই গ্রাম ‘সুপার ভিলেজ’ নামে পরিচিত। গ্রামটি জিয়াংসু প্রদেশে অবস্থিত। জানা গিয়েছে, এই গ্রামে মাত্র দুই হাজার মানুষ বসবাস করেন। কিন্তু প্রতিটি বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে কোটি কোটি টাকা।

    স্বাস্থ্য, শিক্ষা সব বিনামূল্যে (Huaxi Village)

    জানা যায়, গ্রামটির সমস্ত বাসিন্দা স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে সব কিছুই পান বিনামূল্যে। এখানকার লোকেদের কাছে রয়েছে আধুনিক সুযোগ সুবিধাযুক্ত বিলাসবহুল বাড়ি আর অত্যাধুনিক প্রযুক্তির বিশ্বমানের ব্র্যান্ডেড গাড়ি, যা সাধারণত খুব কম মানুষের কাছে চোখে পড়ে। এমনকী গ্রামের প্রতিটি বাড়িতে পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কম করে হলেও দুটি করে গাড়ি আছেই, যা আবার খুবই সাধারণ ব্যাপার। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে এখানকার মানুষ খুবই সাধারণভাবে হেলিকপ্টার ব্যবহার করে থাকেন।

    গ্রামেই ৭টি বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান

    গ্রামটিতে (Huaxi Village) রয়েছে মোট সাতটি বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান। যার শেয়ার হোল্ডার বা অংশীদার এই গ্রামের বাসিন্দারাই, যা বোধহয় গোটা পৃথিবীতে শুধুমাত্র এখানেই দেখতে পাওয়া যায়। শিল্প প্রতিষ্ঠানগুলি থেকে তাঁরা বছরে প্রায় ৮০০ কোটি মার্কিন ডলার বা তারও বেশি টাকা উপার্জন করেন।

    নেই ক্লাব, মদের দোকান, নাইট ক্লাব (Huaxi Village)

    আধুনিক সভ্য সমাজের মতো সুযোগসুবিধা থাকলেও এই গ্রামে কোনও ক্লাব, মদের দোকান, নাইট ক্লাব বা পার্টি করার জন্য রেস্তোরাঁও নেই। আইফেল টাওয়ারের থেকেও উচ্চ একটি হোটেল নির্মাণ করা হয় এই গ্রামে। ২০১১ সালে এই গ্রামটির ৫০ বছর পূর্তি ছিল। সেই উপলক্ষে এখানে ৩২৮ মিটার লম্বা একটি হোটেল তৈরি করা হয়। যা আইফেল টাওয়ারের থেকেও বড়। এই হোটেলের চূড়ায় সোনা দিয়ে তৈরি একটি ষাঁড়ের ভাস্কর্য রয়েছে, যার বর্তমানে মূল্য ৪৩  মিলিয়ন ডলারেরও বেশি। এই গ্রামে আগত পর্যটকদের কাছে এই হোটেলটিকে বলা হয় হুয়াক্সির ঝুলন্ত গ্রাম।

    কীভাবে এমনটা সম্ভব হল?

    রেনবাও ১৯৯০ সালের শেষের দিকে গ্রামটিতে (Huaxi Village) বারোটি কর্পোরেশন এবং একটি শেয়ারবাজারের কার্যক্রম শুরু করেন। পাশাপাশি তিনি পোশাক এবং বিভিন্ন ধাতুর কারখানাও তৈরি করেন। তারপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। রাতারাতি গ্রামের ভাগ্য বদলে যায় এবং হুয়াক্সি বিশ্বের সবচেয়ে ধনী গ্রামে (China) পরিণত হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India UK Relation: রাজার দেশে লেবার পার্টির জয়, কোন খাতে বইবে ভারত-ব্রিটেন সম্পর্কের জল?

    India UK Relation: রাজার দেশে লেবার পার্টির জয়, কোন খাতে বইবে ভারত-ব্রিটেন সম্পর্কের জল?

    মাধ্যম নিউজ ডেস্ক: মিলে গিয়েছে প্রাক নির্বাচনী সমীক্ষা। ব্রিটেনে বিপুল ভোটে জয়ী হয়েছে লেবার পার্টি। হার হয়েছে প্রধানমন্ত্রী ঋষি সুনকের দল কনজারভেটিভ পার্টির (টোরি)। ব্রিটেনের (India UK Relation) পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন লেবার পার্টির কিয়ের স্টার্মার (Keir Starmer)।

    ভারত উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশ (India UK Relation) 

    গত কয়েক বছরে হাল খারাপ হয়েছে ব্রিটেনের অর্থনীতির। অথচ এই সময় ভারতের অর্থনীতির লেখচিত্র ঊর্ধ্বমুখী। প্রত্যাশিতভাবেই সুনক কিংবা স্টার্মার যিনিই প্রধানমন্ত্রী হবেন, তাঁকেই বজায় রেখে চলতে হবে ভারতের সঙ্গে সুসম্পর্ক। কারণ বর্তমানে ভারত উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশ। তাই সুনক হেরে গিয়ে স্টার্মার জয়ী হওয়ায়ও ভারত-ব্রিটেন সম্পর্কে বিশেষ প্রভাব পড়বে না বলেই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের ধারণা।

    ক্ষমতায় স্টার্মারের দল

    ভারতের মতো বহুদলীয় গণতন্ত্রের দেশ ব্রিটেনও। সে দেশেরই হাউস অফ কমনসে (ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার মতো) বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে স্টার্মারের দল। এক সময় ব্রিটেনের এই দলের সঙ্গে মধুর সম্পর্ক ছিল ভারতের। পরে ভাঁটা পড়ে সেই সম্পর্কে। লেবার পার্টির রাশ যখন জেরেমি করবিলের হাতে ছিল, তখনই ভারতের সঙ্গে লেবার পার্টির সম্পর্কে চিড় ধরে। ভারত সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন জেরেমি। তার জেরেই তলানিতে ঠেকে ভারতের সঙ্গে লেবার পার্টির সম্পর্ক। ফলে, ভারতের সঙ্গে লেবার পার্টির সুসম্পর্কের (India UK Relation) বাতাবরণ তৈরি করতে হবে স্টার্মারকে। কারণ নরেন্দ্র মোদির জমানায় তরতরিয়ে উঠেছে ভারতীয় অর্থনীতির গ্রাফ। ব্রিটেনকে সরিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে ভারত। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, তাই ভারতকে এড়িয়ে কিছুই করার জো নেই স্টার্মারের।

    দলীয় অবস্থান পরিবর্তনের স্টার্মার

    সে কথা ভালো করেই জানেন স্টার্মারও। তাই ২০২০ সালে লেবার পার্টির রাশ হাতে আসার পরে পরেই দলীয় অবস্থান পরিবর্তনের পথে হাঁটতে শুরু করেন ব্রিটেনের হবু প্রধানমন্ত্রী। ভারত-লেবার পার্টির সম্পর্ক মেরামত করতে তিনি প্রথমেই যে কাজটি করেছিলেন, সেটি হল প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ বাড়ানো। ব্রিটেনের নির্বাচনে প্রবাসী ভারতীয়রা একটা ফ্যাক্টর। তাই ভোট বৈতরণী ভালোভাবে পার হতে গেলে যে তাঁদের উপেক্ষা করা যাবে না, তা বুঝেই সে দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করেছিলেন স্টার্মার (India UK Relation)। দেওয়ালি এবং হোলির মতো হিন্দু-উদযাপিত উৎসবগুলিতেও যোগ দিচ্ছিলেন তিনি (Keir Starmer)। নির্বাচনী প্রচারে বেরিয়েও লেবার পার্টির এই নেতার কথায় বারংবার উঠে এসেছে বৈশ্বিক নিরাপত্তা, জয়বায়ু সুরক্ষা এবং অর্থনৈতিক নিরাপত্তার ভিত্তিতে ভারতের সঙ্গে মজবুত সম্পর্ক গড়ে তোলার কথা। ওয়াকিবহাল মহলের মতে, এটাই ‘খেয়েছেন’ প্রবাসী ভারতীয়রা। তার জেরেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়েও বেশি আসন পেয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রিত্বের হাল ধরতে চলেছেন স্টার্মার।

    আন্তর্জাতিক মঞ্চে বাড়ছে ভারতের গুরুত্ব

    কনজার্ভেটিভ পার্টির জমানায় যেখানে ব্রিটেন ক্রমশই তলিয়ে গিয়েছে, প্রায় (প্রায় বললাম এই কারণে যে কনজার্ভেটিভ পার্টি ব্রিটেন শাসন করেছে ১৪ বছর, আর মোদি ১০ বছর) সেই একই সময় ভারতের হাল ধরেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর নেতা নরেন্দ্র মোদি। তার পর থেকেই আন্তর্জাতিক মঞ্চেও ভারতের উত্থান লক্ষ্যণীয়। আন্তর্জাতিক মহলের মতে, বর্তমানে আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত (India UK Relation)। তাই ভারতের সঙ্গে ভেঙে যাওয়া সম্পর্ক দ্রুত মেরামত করাই যে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য হবে, তা বুঝেছিলেন স্টার্মার। নির্বাচনের ফল বের হওয়ার পর জনগণের উদ্দেশে দেওয়া ভাষণেও তিনি বলেছেন, “পরিবর্তনের কাজ আজ থেকেই শুরু হবে (ওয়াকিবহাল মহলের মতে, হয়ত প্রেক্ষাপট ভিন্ন, তবে তাঁর এই সংক্ষিপ্ত বাক্যে লুকিয়ে রয়েছে অনেক ইঙ্গিত। যারই একটি হল ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত।)।”

    স্টার্মারকে শুভেচ্ছা মোদির

    এদিকে, ব্রিটেনের হবু প্রধানমন্ত্রী স্টার্মারকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও মজবুত হবে।”

    স্টার্মারের লক্ষ্য

    ভারতের সঙ্গে লেবার পার্টির সম্পর্কের সেতুবন্ধন করার পাশাপাশি অভিবাসন নীতি ও বাণিজ্য চুক্তির মতো বৈদেশিক নীতিগুলিতে গুরুত্ব দেওয়াও লক্ষ্য স্টার্মারের (Keir Starmer)। অভিবাসন হ্রাসের প্রয়োজনীয়তা নিয়েও ঐক্যমত্যে আসতে হবে তাঁকে। ব্রিটেনের শিল্পক্ষেত্রে কর্মরত ভারতীয়দের অস্থায়ী ভিসার বিষয়ে আলোচনা করে ভারসাম্যমূলক আইন প্রণয়ন করাও একটি গুরুত্বপূর্ণ কাজ হবে স্টার্মারের। এফটিএ নিয়েও পদক্ষেপ করতে হবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের হবু বাসিন্দাকে। ২০২২ সালের জানুয়ারি মাসে এফটিএ নিয়ে আলোচনা শুরু হয়েছিল ভারত-ব্রিটেনের। এনিয়ে ১৪ রাউন্ড বৈঠকও হয়ে গিয়েছে। এই বিষয়টিকেও এগিয়ে নিয়ে যেতে হবে স্টার্মারকে (India UK Relation)। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র ফেলো রাহুল রায়চৌধুরী যথার্থই বলেছেন, “নয়া লেবার সরকারের কাছে ভারতের গুরুত্ব একটুও কমবে না বলেই আমার বদ্ধমূল ধারণা।”

    আর পড়ুন: ব্রিটেনের ‘হাউস অফ কমনসে’ রেকর্ড সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত, তালিকায় কারা?

    লেবার পার্টির তরফেও বলা হয়েছে, তারা ভারতের সঙ্গে নয়া কৌশলগত অংশীদারিত্ব খুঁজবে। এর মধ্যে যেমন রয়েছে এফটিএ, তেমনি রয়েছে নিরাপত্তা, শিক্ষা, প্রযুক্তি এবং অবশ্যই জলবায়ু পরিবর্তন। কিছুদিন আগে স্বয়ং স্টার্মারই (Keir Starmer) বলেছিলেন, “যখন দুটি জাতির ইতিহাস আমাদের মতোই জড়িয়ে থাকে, তখন এটি একটি দীর্ঘ ছায়া ফেলতে পারে। তবে আজকের ভারতে আমি সেই (India UK Relation) ছায়া দেখতে পাচ্ছি না।” ভারতকে যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ব্রিটেন, তার আরও প্রমাণ হল, লেবার দলের তরফে জানানো হয়েছে, নতুন সরকার গঠনের একমাসের মধ্যে ভারত সফরে আসবেন নবনিযুক্ত ব্রিট বিদেশ সচিব ডেভিড ল্যামি। গতকালই, ডেভিডকে মনোনীত করেছেন স্টার্মার। এর পরই, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ল্যামিকে অভিনন্দন-বার্তা পাঠিয়েছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UK Elections 2024: ব্রিটেনের ‘হাউস অফ কমনসে’ রেকর্ড সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত, তালিকায় কারা?

    UK Elections 2024: ব্রিটেনের ‘হাউস অফ কমনসে’ রেকর্ড সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত, তালিকায় কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবারই ব্রিটেনে (UK Elections 2024) সম্পন্ন হয় সাধারণ নির্বাচন। ভোটের ফলাফল সামনে আসতেই দেখা গিয়েছে সে দেশের পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাৎ হাউস অফ কমন্সে রেকর্ড সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীরা জয়ী হয়েছেন। কনসারভেটিভ দলের পরাজয়ের পরেও বেশ কিছু ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জিততে পেরেছেন। এখনও পর্যন্ত লেবার পার্টি ৬২৫টি আসনের মধ্যে ৪১২ টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে কনজারভেটিভরা ১২১ আসনেই থেমে গিয়েছে। পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চলেছেন ৬১ বছর বয়সী স্টারমার। ব্রিটেনে আগের নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। তৎকালীন নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ১৫ জন সাংসদ নির্বাচিত হতে পেরেছিলেন। কিন্তু ২০২৪ সালের সাধারণ নির্বাচনে দেখা যাচ্ছে ২৬ জন ভারতীয় বংশোদ্ভূত (Indian-origin MPs in UK) ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পৌঁছেছেন হাউস অফ কমন্সে (UK Elections 2024)। কনজারভেটিভ পার্টির হয়ে এখনও পর্যন্ত তাঁদের নিজেদের আসন ধরে রাখতে পেরেছেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রাভারম্যান এবং প্রীতি প্যাটেল।

    ভারতীয় বংশোদ্ভূতদের উল্লেখযোগ্য জয় (UK Elections 2024)

    গগন মহিন্দ্রা জিতেছেন সাউথ ওয়েস্ট হার্টফোর্ডশায়ার আসনটি থেকে। তিনি ছিলেন কনজারভেটিভদের প্রার্থী। সুনকের দলের অন্য এক প্রার্থী শিবানী রাজা জিতেছেন লিসেস্টার ইস্টের আসন থেকে। তাঁর প্রতিদ্বন্দী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত লেবার পার্টির প্রার্থী রাজেশ আগরওয়াল। কেয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি সব চেয়ে বেশি সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীকে (Indian-origin MPs in UK)  জেতাতে সক্ষম হয়েছে। পার্টির নেত্রী সীমা মালহোত্রা জিতেছেন ফেলথাম-হেস্টন কেন্দ্র থেকে। লেবার পার্টির ব্রিটিশ শিখ এমপি প্রীত কৌর গিল জয় পেয়েছেন কনজারভেটিভদের অশ্বির সংঘের কাছে। তানমনজিৎ সিং জিতেছেন বার্মিংহাম-এজবাস্টন আসন থেকে। এছাড়াও উল্লেখযোগ্যভাবে নবেন্দু মিশ্র জিতেছেন (UK Elections 2024) স্টকপোর্ট কেন্দ্র থেকে। অপর এক ভারতীয় বংশোদ্ভূত নাদিয়া জিতেছেন নটিংহাম ইস্ট আসন থেকে।

    প্রথমবার ব্রিটিশ পার্লামেন্টে পৌঁছলেন যাঁরা

    লেবার পার্টির তরফ থেকে প্রথমবার প্রার্থী হয়ে অন্যান্য যে সমস্ত ভারতীয় বংশোদ্ভূতরা জিতেছেন তাঁরা হলেন,  জাস আটওয়াল (ইলফোর্ড সাউথ), ব্যাগি শঙ্কর (ডার্বি সাউথ), সাতভীর কৌর (সাউথ্যাম্পটন টেস্ট), হারপ্রীত উৎপল (হাডার্সফিল্ড), ওয়ারিন্দর জুস (ওলভারহ্যাম্পটন ওয়েস্ট), গুরিন্দর জোসান (স্মেথউইক), কনিষ্ক নারায়ণ (ভ্যাল অফ গ্ল্যামরগান), সোনিয়া কুমার (ডুডলি), সুরেনা ব্র্যাকেনব্রিজ (উলভারহ্যাম্পটন নর্থ ইস্ট), কিরিথ এন্টউইসল (বোল্টন নর্থ ইস্ট), জীবন সন্ধের (লাফবরো) এবং সোজন জোসেফ (অ্যাশফোর্ড)। এঁরা প্রত্যেকেই আগামী সপ্তাহে শপথ গ্রহণ করবেন (UK Elections 2024)।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UPI: নজর অলিম্পিক্সে! এবার প্যারিসের জনপ্রিয় স্টোর ‘গালেরি লাফায়েত’-এ চালু ইউপিআই

    UPI: নজর অলিম্পিক্সে! এবার প্যারিসের জনপ্রিয় স্টোর ‘গালেরি লাফায়েত’-এ চালু ইউপিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউপিআই (UPI) সিস্টেমকে সারা বিশ্বে চালু করার লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্যারিস অলিম্পিক শুরুর আগেই সে দেশের ঐতিহাসিক ডিপার্টমেন্টাল স্টোর ‘গালেরি লাফায়েত’-এ ইউপিআই চালু করা হল। এর ফলে অলিম্পিকের সময় প্যারিসে পৌঁছনো ভারতীয় ক্রীড়াবিদ থেকে প্রশাসক এমনকী, পর্যটকদেরও বিকিকিনিতে সুবিধা হবে।

    ইউপিআই-এর স্রোতে ফ্রান্স (UPI)

    বড় শপিং মল থেকে পাড়ার পানের দোকান, সর্বত্রই এখন কিউআর কোডের উপস্থিতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জমানায় ডিজিটাল লেনদেন ছড়িয়ে পড়েছে ভারতের সর্বত্র। এবার ইউপিআই (UPI)-এর স্রোতে গা ভাসাল ফ্রান্স। আইফেল টাওয়ারে সফল লঞ্চের পর ভারত প্যারিসের ঐতিহাসিক ডিপার্টমেন্টাল স্টোর ‘গালেরি লাফায়েত’ ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) চালু করল। ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত জাভেদ আশরাফ গালেরি লাফায়েতের সিইও নিকোলাস হাউজ এবং লাইরা গ্রুপের চেয়ারম্যান অ্যালাইন লেকোর উপস্থিতিতে গালেরি লাফায়েতের স্টোরে এই প্রক্রিয়ায় লেনদেন শুরু হল ৩ জুলাই। ২৬ জুলাই থেকে এই প্রক্রিয়ায় লেনদেন করতে পারবেন সকলে।

    প্রসঙ্গত, চলতি বছরের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে ভারতে এসেছিলেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাক্রঁ। তাঁকে সঙ্গে নিয়ে জয়পুর পরিদর্শনের সময় একটি চায়ের দোকানে গিয়ে চা খেয়ে ইউপিআই (UPI) মাধ্যমে বিল মিটিয়ে সিস্টেমটি সম্পর্কে মাক্রঁকে বোঝান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এক সপ্তাহের মধ্যেই প্যারিসের আইফেল টাওয়ার দর্শনের টিকিট বুকিংয়ে ইউপিআই মাধ্যমে লেনদেন চালু হয়। এবার অলিম্পিকের কথা ভেবে প্যারিসের দোকানেও চালু হল ইউপিআই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • River Beneath Antarctic: বয়স ৪ কোটি বছর! আন্টার্কটিকায় বরফের নীচে মিলল প্রাগৈতিহাসিক নদীর খোঁজ

    River Beneath Antarctic: বয়স ৪ কোটি বছর! আন্টার্কটিকায় বরফের নীচে মিলল প্রাগৈতিহাসিক নদীর খোঁজ

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্টার্কটিকা কখনও নাতিশীতোষ্ণ অঞ্চল ছিল! তার পশ্চিমভাগ দিয়ে বয়ে যেত বিশালাকর নদী। সম্প্রতি এমনই এক নদীর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। আনুমানিক ৪ কোটি বছরের পুরনো ওই নদী।  ভূ-বিজ্ঞানী তথা সেডিমেন্টোলজিস্ট জোহান ক্লেজের নেতৃত্বে একটি দল বরফের নীচে চাপা পড়া নদীটি আবিষ্কার করেন। বরফের নীচেই সন্ধান মেলে নদীর গতিপথের।  পলির উৎপত্তির সন্ধান করে, নদীর গতিপথের মানচিত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা। ট্রান্সান্টার্কটিক পর্বতমালা থেকে আমুন্ডসেন সাগর পর্যন্ত আনুমানিক প্রায় ১,৫০০০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত ছিল এই নদী।

     আন্টার্কটিকার জলবায়ুতে  পরিবর্তন

    প্রায় ৩-৪ কোটি বছর আগে ইওসিন যুগের মাঝামাঝি থেকে শেষের দিকে আন্টার্কটিকার জলবায়ুতে এক নাটকীয় পরিবর্তন আসে। হঠাতই পৃথিবী ভিন্ন এক বায়ুমণ্ডলীয় অবস্থার সম্মুখীন হয়। কার্বন ডাই অক্সাইডের মাত্রা প্রবলভাবে বেড়ে যায়। এই গ্রিনহাউস গ্যাসের প্রভাবে আন্টার্কটিকের নাতিশীতোষ্ণ অঞ্চলটি হিমায়িত মরুভূমিতে পরিণত হয়। সম্প্রতি আবিষ্কৃত নদীটি সেই জলবায়ুর পরিবর্তনের ফলে বরফের নীচে চাপা পড়ে যায়। ২০১৭ সালে, ক্লেজেস এবং তাঁর সহকর্মীরা পশ্চিম আন্টার্কটিক বরফের নীচে সমুদ্রতলের গভীরে ড্রিল করে পললের অন্তঃসার পুনরুদ্ধার করে ওই অঞ্চলের প্রাচীনত্বের হদিশ পান। ক্রমশ নজরে আসে সেই নদীটি। 

    আরও পড়ুন: প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে কড়া বার্তা ভারতের, সীমান্ত সমস্যা মেটাতে উদ্যোগী চিন

    জীবাশ্ম পরীক্ষা করে মেলে প্রমাণ

    গবেষকরা জানান এই নদীর নীচে পলির স্তরে থাকা জীবাশ্ম, ধূলিকণা এবং স্পোরগুলি পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় দেখা গিয়েছে প্রায় ৮৫ মিলিয়ন বছর আগে মধ্য-ক্রিটেসিয়াস যুগে এখনকার আন্টার্কটিকে নাতিশীতোষ্ণ পরিবেশ ছিল। আর উপরের স্তরগুলি, ইওসিন যুগের নিদর্শন বলে মনে করেন বিশেষজ্ঞরা। গবেষকরা এখানকার পলির মধ্যে একটি স্বতন্ত্র, সূক্ষ্ম স্তরযুক্ত প্যাটার্ন খুঁজে পেয়েছেন। এই ধরনের স্ট্র্যাটিগ্রাফি একটি প্রাচীন নদী ব-দ্বীপের ইঙ্গিত দেয়, বলে দাবি গবেষকদের। বিশেষজ্ঞদের দাবি, এই নদীর জল ছিল মিষ্টি-পানের যোগ্য। নমুনায় সায়ানো-ব্যাকটেরিয়া অণুরও উপস্থিতি মিলেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India-China Relation: প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে কড়া বার্তা ভারতের, সীমান্ত সমস্যা মেটাতে উদ্যোগী চিন

    India-China Relation: প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে কড়া বার্তা ভারতের, সীমান্ত সমস্যা মেটাতে উদ্যোগী চিন

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-চিন (India-China Relation) সুস্থ সম্পর্কের ক্ষেত্রে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা দু’দেশকেই মেনে চলতে হবে।  চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই কে একথা স্পষ্ট জানিয়ে দিলেন বিদশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী অস্তানায় আয়োজিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর এক সম্মেলনে পার্শ্ববৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi)। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দু’দেশের বিদেশমন্ত্রীর এই আলোচনায় সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।

    সীমান্ত সমস্যার দ্রুত সমাধান (India-China Relation)

    বৈঠকের পরে জয়শঙ্কর (S Jaishankar) বলেন, ‘‘তিনটি নীতি ভারত এবং চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই তিন নীতি হল পারস্পরিক শ্রদ্ধা, সংবেদনশীলতা এবং স্বার্থ বজায় রাখা।’’ চিনা (India-China Relation) প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের বিদেশমন্ত্রী তথা একদলীয় চিনের শাসকদল কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ওয়াংয়ের সঙ্গে তাঁর বৈঠকে সীমান্তের বকেয়া সমস্যাগুলির দ্রুত সমাধান নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন জয়শঙ্কর। গালওয়ান পরবর্তী পর্বে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মস্কোয় এসসিও বৈঠকের সময়েই এলএসি-তে উত্তেজনা কমাতে আলোচনায় বসেছিলেন দুই বিদেশমন্ত্রী। সেই সময়ে পাঁচ দফা পরিকল্পনা নিয়ে ঐকমত্যে পৌঁছেছিলেন তাঁরা। বৃহস্পতিবারের বৈঠকে সেই পদক্ষেপগুলি সম্পর্কে পর্যালোচনাও করেন জয়শঙ্কর-ওয়াং।

    জয়শঙ্কর যা বললেন (India-China Relation)

    জয়শঙ্কর (S Jaishankar) এক্সে লিখেছেন, “আস্তানায় সিপিসি পলিটব্যুরো সদস্য এবং বিদেশমন্ত্রী ওয়াংয়ের সঙ্গে দেখা হয়েছে। সীমান্ত এলাকায় অবশিষ্ট সমস্যাগুলির দ্রুত সমাধান নিয়ে আমাদের মধ্যে আলোচনাও হয়েছে। সেই লক্ষ্যে কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মাধ্যমে প্রচেষ্টা দ্বিগুণ করতেও দুই পক্ষ সম্মত হয়েছে৷” ভারত বরাবরই বলে আসছে, সীমান্ত এলাকায় শান্তি না-থাকলে চিনের (India-China Relation) সঙ্গে তাদের সম্পর্ক কোনওভাবেই স্বাভাবিক হতে পারে না। বিদেশমন্ত্রক জানিয়েছে, “দুই মন্ত্রী উভয় পক্ষের কূটনৈতিক এবং সামরিক আধিকারিকদের বৈঠক চালিয়ে যেতে এবং দ্রুত সমস্যাগুলির সমাধানের জন্য তাদের আলোচনা এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছেন। ভারত-চিন সীমান্ত বিষয়ক পরামর্শ ও সমন্বয়ের জন্য ওয়ার্কিং মেকানিজমের (ডব্লিউএমসিসি) একটি প্রাথমিক বৈঠক করা উচিত বলেও তারা সম্মত হয়েছে ৷”বিদেশমন্ত্রক জানিয়েছে, দুই মন্ত্রী একমত হয়েছেন যে, সীমান্ত এলাকায় বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত করা দুই দেশের জন্যই ভালো নয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rishi Sunak: ব্রিটেনের ভোটে লেবার পার্টির জয়জয়কার! ‘‘আমি ক্ষমাপ্রার্থী’’, পরাজয় স্বীকার সুনকের

    Rishi Sunak: ব্রিটেনের ভোটে লেবার পার্টির জয়জয়কার! ‘‘আমি ক্ষমাপ্রার্থী’’, পরাজয় স্বীকার সুনকের

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনের সাধারণ নির্বাচনের ফল (UK Election Results) ঘোষণা শুরু হয়েছে। ভারতীয় সময় সকাল ৯টা পর্যন্ত বিরোধী দল লেবার পার্টি প্রায় ২০০ আসনে জয়ী হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে কনজারভেটিভ পার্টি এখনও পর্যন্ত (সকাল ৯টা) ২৭টি আসনে জয় পেয়েছে। আর লিবারেল ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে ৩২টি আসনে। যা ট্রেন্ড, তাতে লেবার পার্টি ৪১০ আসনে জয় পেতে পারে বলে মনে করা হচ্ছে। কনজারভেটিভ পার্টি জয় পেতে পারে ১৩১ আসনে। এই আবহে ঋষি সুনক (Rishi Sunak) সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘অত্যন্ত পরিশ্রমের পরেও অনেক কনজারভেটিভ প্রার্থীরা পরাস্ত হয়েছেন। আমি (Rishi Sunak) এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।’’

    পরাজয়ের দায় নিলেন সুনক (Rishi Sunak)

    লেবার পার্টির এই জয়ের পরে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রীর ঋষি সুনক (Rishi Sunak)। ব্রিটেনের এই নির্বাচনে ইতিমধ্যে তিনি নর্থ ইয়র্কশায়ারের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর কথায়, ‘‘লেবার পার্টি এই সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে। আমি স্যার কিয়ের স্টার্মারকে ফোন করে তাঁর দলের বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি।’’ তিনি আরও বলেন, ‘‘শান্তিপূর্ণভাবেই ক্ষমতা বদল হতে চলেছে ব্রিটেনে। আমাদের দেশে এখনও পর্যন্ত স্থিতিশীলতা বজায় (UK Election Results) রয়েছে। ব্রিটিশ নাগরিকরা আজ রাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। আমার দলের পরাজয়ের জন্য আমি দায় নিচ্ছি। অনেক কিছু শিখতে হবে আমাদের। অত্যন্ত পরিশ্রমের পরেও অনেক কনজারভেটিভ প্রার্থীরা পরাস্ত হয়েছেন। আমি (Rishi Sunak) এজন্য দুঃখিত।’’ অন্যদিকে কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা জ্যাকব রিসমগ বলেন, ‘‘এই রাত দলের জন্য খুবই হৃদয়বিদারক।’’

    ১৪ বছর পরে ক্ষমতা বদল হতে চলেছে ব্রিটেনে

    প্রসঙ্গত, ১৪ বছর পরে ক্ষমতা বদল হতে চলেছে ব্রিটেনে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম ‘হাউস অফ কমন্স’। মোট আসন রয়েছে ৬৫০টি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৩২৬টি আসন। ট্রেন্ড সত্যি হলে, প্রধানমন্ত্রী ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির চেয়ে দ্বিগুণ ভোট এবং তিন গুণ আসন নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে কিয়ের স্টার্মারের নেতৃত্বাধীন লেবার পার্টি।

    কী বলছেন কিয়ার স্টার্মার?

    সোশ্যাল মিডিয়ায় লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টার্মার হলবন ও সেন্ট প্যানক্রাস আসনে জয় পেয়েছেন। তারপর সংবাদমাধ্যমকে বলেন, ‘‘পরিবর্তন শুরু হয়েছে। এখন আমাদের দেওয়ার সময়।’’ লেবার পার্টির এই নেতা হলবন ও সেন্ট প্যানক্রাসের জয়কে বড় পাওয়া হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘‘এটা আমার বাড়ি। যেখানে আমার সন্তানেরা বড় হয়েছে। আমার স্ত্রীর জন্ম হয়েছে।’’ তাঁকে সমর্থনের জন্য পরিবারকেও ধন্যবাদ জানিয়েছেন স্টার্মার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share