Category: বিজ্ঞান

Get updated Science and Research related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • LPG: চাপের মুখে এলপিজির সরবরাহ, বিকল্প জ্বালানি আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের

    LPG: চাপের মুখে এলপিজির সরবরাহ, বিকল্প জ্বালানি আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে বিশ্বব্যাপী এলপিজির (LPG) সরবরাহ চাপের মুখে পড়েছে। এহেন আবহে ভারতের বিজ্ঞানীরা একটি সম্ভাব্য বিকল্প জ্বালানি উদ্ভাবন করেছেন। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি, পুনের গবেষকরা সফলভাবে ডাইমিথাইল ইথার (DME) গ্যাস উৎপাদন করেছেন। অদূর ভবিষ্যতে এলপিজির বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে এই গ্যাস।

    ডিএমই গ্যাসের অনুঘটক তৈরি (LPG)

    এই গবেষক দলটির নেতৃত্ব দেন বিজ্ঞানী তিরুমালাইভামি রাজা। তাঁরা ডিএমই গ্যাস উৎপাদনের জন্য প্রয়োজনীয় একটি বিশেষ অনুঘটক তৈরি করেছেন। প্রায় দু’ দশকের গবেষণা ও পরীক্ষার পর মিলেছে সাফল্য। ১৫ মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞানীরা ইতিমধ্যেই একটি পাইলট প্ল্যান্টে প্রতিদিন প্রায় ২৫০ কেজি ডিএমই উৎপাদন শুরু করেছেন। বিশেষজ্ঞদের মতে, যদি এই প্রযুক্তি শিল্পক্ষেত্রে বাণিজ্যিকভাবে প্রয়োগ করা যায়, তাহলে প্রায় ৮ শতাংশ পর্যন্ত ডিএমই এলপিজির সঙ্গে মিশিয়ে ব্যবহার করা সম্ভব (DME Gas)। এর ফলে ভারত আমদানিকৃত এলপিজির ওপর নির্ভরতা অনেকখানি কমাতে পারবে। সরবরাহ সঙ্কটের সময় স্বস্তি পাবে। বিজ্ঞানীরা আরও জানান, ডিএমই এলপিজির তুলনায় বেশি পরিষ্কারভাবে জ্বলে এবং স্বচ্ছ শিখা তৈরি করে, যা একে পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে উপযুক্ত করে তোলে। এটি এককভাবে অথবা এলপিজির সঙ্গে মিশিয়েও গৃহস্থালি ও শিল্পক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

    এলপিজির তুলনায় সস্তা বিকল্প জ্বালানি

    গবেষকদের মতে, বৃহৎ পরিসরে উৎপাদন শুরু হলে এই জ্বালানি এলপিজির তুলনায় সস্তাও হতে পারে। তাই এটি ভোক্তাদের জন্য একটি সাশ্রয়ী বিকল্প হয়ে উঠবে। গবেষণার দীর্ঘ যাত্রা সম্পর্কে রাজা বলেন, “দু’দশক আগে আমরা এই ধরনের রসায়ন গবেষণা শুরু করি যাতে সাশ্রয়ী ও টেকসই উপায়ে ডিএমই উৎপাদন করা যায়। এই ল্যাবের মাধ্যমে আমরা তা বাস্তবায়ন করতে পেরেছি (LPG)।” তিনি জানান, গবেষণার প্রাথমিক পর্যায়ে সিনগ্যাস (syngas) – যা কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন থেকে তৈরি, থেকে ডিএমই উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। পরে মিথানল থেকে ডিএমই উৎপাদনের পরোক্ষ পদ্ধতির ওপর কাজ করা হয়।

    কী বললেন বিজ্ঞানীরা?

    রাজা জানান, তাঁর দল এমন একটি বিশেষ অনুঘটক তৈরি করেছেন যা মিথানলকে ডিএমইতে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, “এই অনুঘটকের জন্য আমরা প্রায় পাঁচটি পেটেন্ট পেয়েছি।” এই প্রযুক্তি ২০১৭ সালে শুরু হওয়া “ক্যাটালিসিস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট” মিশনের অধীনে তৈরি হয়েছে। বর্তমানে এর প্রযুক্তিগত প্রস্তুতি স্তর ৬–৭-এ পৌঁছেছে। অর্থাৎ এটি বড় পরিসরে প্রদর্শনের জন্য প্রায় প্রস্তুত। রাজা জানান, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন এবং অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের মতো বড় সংস্থার সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, “আমরা শিল্প অংশীদারদের সঙ্গে কাজ করছি… আমাদের নির্মাতা খুব শিগগিরই সরবরাহ করতে প্রস্তুত। এখন ওএনজিসির সঙ্গে আলোচনা চলছে, যারা (DME Gas) প্রতিদিন ২.৫ টন উৎপাদন ক্ষমতার একটি প্ল্যান্ট স্থাপন করতে আগ্রহী।”

    জানা গিয়েছে, একটি আধা-বাণিজ্যিক প্রদর্শনী প্ল্যান্ট সফলভাবে পরীক্ষা হয়ে গেলে, এই (LPG) প্রযুক্তিকে আরও বড় আকারে বিস্তৃত করা যাবে। রাজা বলেন, “যখন এটি যাচাই হয়ে যাবে, তখন যে কোনও আকারে সম্প্রসারণ করা সম্ভব। আমরা প্রস্তুত।”

     

  • NavIC: বন্ধ অ্যাটমিক ক্লক, সমস্যায় ‘নেভিক’ নেভিগেশন ব্যবস্থা! মহাকাশভিত্তিক দিকনির্ণয় নিয়ে নতুন ভাবনায় ইসরো

    NavIC: বন্ধ অ্যাটমিক ক্লক, সমস্যায় ‘নেভিক’ নেভিগেশন ব্যবস্থা! মহাকাশভিত্তিক দিকনির্ণয় নিয়ে নতুন ভাবনায় ইসরো

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন দিন কমছে কৃত্রিম উপগ্রহের সংখ্যা। ফলে মহাকাশভিত্তিক দিকনির্ণয় নিয়ে ঘোর সঙ্কটে ভারত! এই পরিস্থিতি চলতে থাকলে সেনার পক্ষে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে শত্রুকে নিশানা করা হবে দুষ্কর। ভারতের স্বদেশি স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা ‘নেভিক’ বড় ধাক্কার মুখে পড়েছে। ইসরো জানিয়েছে (ISRO) আইআরএনএসএস-১এফ (IRNSS-1F) স্যাটেলাইটের শেষ কার্যকর অ্যাটমিক ক্লকটি গত ১৩ মার্চ অর্থাৎ শুক্রবার বিকল হয়ে গিয়েছে। এর ফলে স্যাটেলাইটটি আর সুনির্দিষ্ট ন্যাভিগেশন পরিষেবা দিতে পারবে না।

    স্যাটেলাইটের মেয়াদ শেষের পরেই ব্যর্থতা

    ২০১৬ সালের মার্চে উৎক্ষেপণ করা আইআরএনএসএস-১এফ (IRNSS-1F) স্যাটেলাইটটি ১০ মার্চ ২০২৬-এ তার নির্ধারিত ১০ বছরের মিশন লাইফ পূর্ণ করে। তার মাত্র তিন দিন পরই এতে থাকা শেষ রুবিডিয়াম অ্যাটমিক ক্লক কাজ করা বন্ধ করে দেয়। ইসরো জানিয়েছে, স্যাটেলাইটটি কক্ষপথে সক্রিয় থাকলেও এখন থেকে এটি শুধু ওয়ান-ওয়ে ব্রডকাস্ট মেসেজিং সার্ভিস প্রদান করবে।

    ‘নেভিক’ নেটওয়ার্কে বড় সমস্যা

    ভারতের আঞ্চলিক নেভিগেশন ব্যবস্থা ‘নেভিক’ (NavIC) নির্ভরযোগ্যভাবে কাজ করার জন্য কমপক্ষে ৪টি স্যাটেলাইটে পজিশন, নেভিগেশন এবং সময় পরিষেবা থাকা প্রয়োজন। আইআরএনএসএস-১এফ (IRNSS-1F) অকেজো হওয়ায় এখন পূর্ণাঙ্গ নেভিগেশন পরিষেবা দিতে সক্ষম স্যাটেলাইটের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৩টি। ফলে ভারতের বিস্তীর্ণ অঞ্চল ও আশপাশের এলাকায় কভারেজ এবং নির্ভরযোগ্যতায় বড় ফাঁক তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    অ্যাটমিক ক্লকই মূল সমস্যা

    স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থায় অ্যাটমিক ক্লক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘড়ি স্যাটেলাইট থেকে সিগন্যাল পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে তা মাপে। এতে সামান্য ত্রুটিও অবস্থান নির্ণয়ে শত শত কিলোমিটার পর্যন্ত ভুল তৈরি করতে পারে।  আইআরএনএসএস-১এফ (IRNSS-1F)-এ মোট তিনটি রুবিডিয়াম অ্যাটমিক ক্লক ছিল। এর মধ্যে দুটি আগেই বিকল হয়ে গিয়েছিল এবং শেষ ব্যাকআপ ক্লকটিই এতদিন সিস্টেমটি চালু রেখেছিল। ২০১৩ সাল থেকে নেভিক (NavIC) কর্মসূচিতে মোট ১১টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৮টি স্যাটেলাইট নেভিগেশন পরিষেবার জন্য অকার্যকর হয়ে গিয়েছে।

    পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা

    সরকারি সূত্রে জানা গেছে, নেভিক (NavIC) ব্যবস্থার উপর নির্ভরশীল বিভিন্ন পরিষেবা—যেমন রিয়েল-টাইম ট্রেন ট্র্যাকিং, দুর্যোগ ব্যবস্থাপনা, মৎস্যজীবীদের নেভিগেশন, সামরিক অপারেশন এসব ক্ষেত্রেই প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, নতুন স্যাটেলাইট দ্রুত উৎক্ষেপণ না করা হলে ভারতের স্বদেশি নেভিগেশন ব্যবস্থার নির্ভরযোগ্যতা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

  • Inspiring Story: দেশের জন্য মন কাঁদে, মোটা অঙ্কের চাকরির হাতছানি এড়িয়ে দেশেই ফিরলেন বিশ্ববিশ্রুত বাঙালি বিজ্ঞানী

    Inspiring Story: দেশের জন্য মন কাঁদে, মোটা অঙ্কের চাকরির হাতছানি এড়িয়ে দেশেই ফিরলেন বিশ্ববিশ্রুত বাঙালি বিজ্ঞানী

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজের হরিশ্চন্দ্র রিসার্চ ইনস্টিটিউটে গিয়েছেন কখনও? গেলেই হয়তো দেখবেন, আপনার পাশ দিয়ে অতি সাধারণ পোশাক পরে সাইকেল চালিয়ে চলে গেলেন একজন মানুষ (Inspiring Story)। এই ইনস্টিটিউটের বিজ্ঞানী  তিনি। আপনি ভাবতেই পারবেন না যে আপনি পৃথিবীর অন্যতম সেরা একজন পদার্থবিদের পাশ দিয়ে চলে গেলেন, কিংবা সেই সাইকেল চালানো মানুষটি একজন কোটিপতি। ইনি প্রফেসর অশোক সেন (Indian Scientist Ashoke Sen)। একজন ভারতীয় বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কারের চেয়েও তিনগুণ বেশি অর্থমূল্যের একটি পুরস্কার পেয়েছেন, তবুও তিনি অত্যন্ত সহজ-সরল জীবন যাপন করেন।

    কলকাতায় বেড়ে ওঠা অশোকের

    ১৯৫৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন অশোক। তাঁর বাবা ছিলেন স্কটিশ চার্চ কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক। মা গৃহিণী। ছোটবেলা থেকেই তাঁদের পরিবারে বিজ্ঞানকে খুব সম্মান করা হত। ছোটবেলায় অশোক কোনও বিস্ময়কর প্রতিভাধর শিশু ছিলেন না, তিনি ছিলেন শুধুই কৌতূহলী। তিনি একাদশ শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যমের স্কুলে পড়াশোনা করেছিলেন, বোর্ডের পরীক্ষাও বাংলায় দিয়েছিলেন। কলেজে ওঠার পর তাঁকে পদার্থবিজ্ঞানের উত্তর ইংরেজিতে লেখা অনুশীলন করতে হয়, কারণ পরীক্ষাগুলি সেই ভাষায় হত। এটি সহজ ছিল না। তিনি ধীরে ধীরে শিখে নেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি একটি নতুন প্রতিষ্ঠানের কথা শোনেন, আইআইটি কানপুর। সেখানে যাওয়া মানে ছিল বাড়ি ছেড়ে অচেনা শহরে চলে যাওয়া, কিন্তু তাতে ছিল বড় সুযোগ। এক বন্ধুকে নিয়ে তিনি সেই ঝুঁকি নেন, ভর্তি হন আইআইটি কানপুরে। সেই সিদ্ধান্তই বদলে দেয় তাঁর জীবন (Inspiring Story)।

    দেশের জন্য মন কাঁদে

    আইআইটির পাঠ চুকিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিলেন তিনি। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে পিএইচডি করেন, পরে গবেষণার জন্য গিয়েছিলেন বিশ্বের নামী গবেষণাগারগুলিতে। এর মধ্যে রয়েছে ফার্মিল্যাব এবং স্ট্যানফোর্ড। তাঁর সামনে ছিল অসংখ্য সুযোগ (Indian Scientist Ashoke Sen)। তিনি চাইলে আমেরিকায় মোটা অঙ্কের বেতনের চাকরি নিয়ে স্বচ্ছন্দে জীবন কাটাতে পারতেন। কিন্তু অশোকের মন কাঁদত ভারতের জন্য। তাই বিদেশে থাকার অনেক আকর্ষণীয় প্রস্তাব পাওয়া সত্ত্বেও, তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। আটের দশকের শেষ দিকে তিনি মুম্বইয়ের টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে যোগ দেন। ১৯৯৫ সালে তিনি আসেন প্রয়াগরাজের এই প্রতিষ্ঠানে। বড় শহরের কোলাহল থেকে দূরে তিনি পুরোপুরি গবেষণার কাজে ডুবে যান।

    স্ট্রিং থিওরি

    সেই সময় বিজ্ঞানীরা স্ট্রিং থিওরি নামে একটি জটিল তত্ত্ব নিয়ে লড়াই করছিলেন, যা মহাবিশ্বের মৌলিক নিয়ম ব্যাখ্যা করার চেষ্টা করে। নয়ের দশকে প্রফেসর সেনের কাজ ছিল যুগান্তকারী। তিনি নতুন ধারণা দেন, যার মধ্যে রয়েছে বিখ্যাত ‘সেন কনজেকচার’-ও। এই ধারণা স্ট্রিং থিওরির বিভিন্ন রূপকে একসঙ্গে যুক্ত করতে সাহায্য করে (Indian Scientist Ashoke Sen)। তাঁর গবেষণা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বিজ্ঞানীরা একে “সেকেন্ড সুপারস্ট্রিং রেভেলিউশন” বলে অভিহিত করেন (Inspiring Story)। সহজ কথায়, তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের নিয়মকেই নতুনভাবে লিখতে সাহায্য করেছেন অশোক। ২০১২ সালে প্রফেসর সেন একটি ফোন কল পান, যা যে কাউকে বিস্মিত করবে। তাঁকে ‘ব্রেকথ্রু প্রাইজ ইন ফান্ডামেন্টাল ফিজিক্সে’র প্রথম বিজয়ী ঘোষণা করা হয়। পুরস্কারের অর্থ? তিন মিলিয়ন ডলার। তুলনা করলে দেখা যায়, এটি নোবেল পুরস্কারের অর্থমূল্যের প্রায় তিন গুণ। প্রতিদিন সাইকেল চালিয়ে অফিসে যাওয়া সেই অধ্যাপকই রাতারাতি হয়ে গেলেন কোটিপতি। সবাই ভাবল তাঁর জীবন বদলে যাবে। তিনি কি দামী গাড়ি কিনবেন? বড় বাড়ি বানাবেন? হয়তো বিলাসবহুল জীবন কাটাবেন?

    অচেনা অশোক

    কিন্তু তাঁরা অশোককে (Indian Scientist Ashoke Sen) চিনতেন না। তিনি পুরস্কারের বড় একটি অংশ দান করে দেন ছাত্রদের সাহায্য এবং ভারতে বৈজ্ঞানিক গবেষণার কল্যাণে। আর পরের দিনই তিনি আবার সাইকেলে চেপে তাঁর ছোট, সাধারণ অফিসে চলে যান। সেখানে তিনি আবার চক হাতে নেন এবং ব্ল্যাকবোর্ডে সমীকরণ লেখা শুরু করেন (Inspiring Story)। তাঁর কাছে আসল আনন্দ ছিল কাজের মধ্যেই, মহাবিশ্ব কীভাবে কাজ করে সেই রহস্যের সমাধান করার নিঃশব্দ আনন্দে। লাখ লাখ ডলার ছিল শুধু একটি উপায়, যাতে তরুণ বিজ্ঞানীরা তাঁদের স্বপ্ন পূরণ করতে পারেন । অশোকের গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এমন এক পৃথিবীতে যেখানে মানুষ সম্পদ আর বাহাদুরি দেখাতেই ব্যস্ত, সত্যিকারের মহত্ত্ব প্রায়ই নীরব রূপে আসে। এটি এমন এক মানুষের মধ্যে দেখা যায়, যিনি চাইলে অনেক গাড়ির মালিক হতে পারতেন (Inspiring Story) কিন্তু বেছে নেন সাইকেল, যিনি পৃথিবীর যে কোনও বোর্ডরুমে বসতে পারতেন, কিন্তু বেছে নেন ধুলোমাখা একটি ব্ল্যাকবোর্ড (Indian Scientist Ashoke Sen)।

  • Chandra Grahan 2026: রাতের আকাশে ‘ব্লাড মুন’! দোলে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখতে পাবেন কলকাতাবাসীও

    Chandra Grahan 2026: রাতের আকাশে ‘ব্লাড মুন’! দোলে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখতে পাবেন কলকাতাবাসীও

    মাধ্যম নিউজ ডেস্ক: দোল উৎসবে ২০২৬ সালে রয়েছে চন্দ্রগ্রহণের কালো ছায়া। আর এই গ্রহণ এবার ভারত থেকে দেখা যাবে। শুধু তাই নয়। কলকাতার আকাশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৬ সালের এই চন্দ্রগ্রহণই হবে বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হবে দুপুর ৩টা ২০ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। মোট ৩ ঘণ্টা ২৭ মিনিট ধরে চলেছে গ্রহণ । পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল ৪টা ৩৪ মিনিটে, যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় প্রবেশ করবে। আগামী ৩ মার্চ আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য।

    কখন কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ

    ৩ মার্চ সন্ধ্যায় কলকাতার আকাশ থেকেও দেখা যাবে চন্দ্রগ্রহণ। কলকাতায় সন্ধ্যা ৬ টায় আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। নয়া দিল্লিতে সন্ধ্যা ৬.২৬ মিনিটে, লখনউতে সন্ধ্যা ৬.১৮ মিনিটে,ভুবনেশ্বরে সন্ধ্যা ৬ টা ০৫ মিনিটে, পাটনায় সন্ধ্যা ৬. ১২ মিনিটে দেখা যাবে গ্রহণ। জয়পুরে দেখা যাবে সন্ধ্যা ৬ টা ২৮ মিনিটে, ভোপালে সন্ধ্যা ৬ টা ২৪ মিনিটে দেখা যাবে গ্রহণ। মুম্বইতে সন্ধ্যা ৬.৩০ মিনিটে, আমেদাবাদে ৬.৩৫ মিনিটে, পুনেতে ৬.৩২ মিনিটে এই গ্রহণ দেখা যাবে। বলা হচ্ছে, উত্তরপূর্বের রাজ্যগুলি থেকে খুব ভালোভাবে দেখা যাবে এই গ্রহণ। গুয়াহাটিতে বিকেল ৫ টা ৪৫ মিনিট, ডিব্রুগড়ে বিকেল ৫ টা ৪০ মিনিট, ইটানগরে বিকেল ৫ টা ৩৫ মিনিট, শিলংয়ে ৫ টা ৪০ মিনিটে দেখা যাবে গ্রহণ।

    ‘ব্লাড মুন’-এর বিরল দৃশ্য

    গ্রহণের সময় উজ্জ্বল সাদা চাঁদ খানিকটা লাল বর্ণ ধারণ করে। অনেকেই একে ‘ব্লাড মুন’ বলে থাকেন। তাও দেখা যাবে আকাশে।

    গ্রহণ শুরু – দুপুর ২:১৬টোয়
    পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু – বিকেল ৪:৩৪ টেয়
    পূর্ণ চন্দ্রগ্রহণ – বিকেল ৫:০৪ টায়
    পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ – বিকেল ৫:৩৩ টায়
    গ্রহণ শেষ – সন্ধ্যা ৬:৪৮ টায়

    সূতক-কালে কী করবেন

    জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতে সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে। পরিষ্কার আকাশ থাকলে খালি চোখেই গ্রহণ দেখা যাবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, চন্দ্রগ্রহণের সূতককাল গ্রহণ শুরুর প্রায় ৯ ঘণ্টা আগে শুরু হয়। সেই হিসেবে সূতক শুরু হবে ৩ মার্চ সকাল ৬টা ২০ মিনিটে এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সূতকের সমাপ্তি ঘটবে। যেহেতু এই গ্রহণ ভারতে দেখা যাবে, তাই সূতকের নিয়ম এখানে প্রযোজ্য হবে। সূতক ও গ্রহণের সময় কিছু নিয়ম মানার কথা বলা হয়েছে। এই সময় খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়, যদিও শিশু, বয়স্ক ও অসুস্থরা এই নিয়মের বাইরে থাকবেন। সূঁচ, কাঁচি বা ধারালো জিনিস ব্যবহার, নতুন বা শুভ কাজ শুরু, মন্দিরে প্রবেশ ও মূর্তি স্পর্শ নিষিদ্ধ বলে ধরা হয়। পাশাপাশি ঘুমানো, ভ্রমণ ও দাম্পত্য সম্পর্ক থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে, গ্রহণের সময় ভগবানের নাম জপ করা, যেমন ‘ওম নমঃ শিবায়’ বা ‘মহামৃত্যুঞ্জয় মন্ত্র’ পাঠ করা শুভ বলে মনে করা হয়। খাবারে আগে থেকেই তুলসী পাতা রাখার পরামর্শ দেওয়া হয়। রামায়ণ, গীতা বা হনুমান চালিসা পাঠ করাও এই সময় পুণ্যদায়ক বলে বিশ্বাস করা হয়। গ্রহণের আগে ও পরে স্নান করার রীতি রয়েছে। গ্রহণ শেষ হওয়ার পরপরই স্নান করে ঘর ও মন্দিরে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয়।পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী অন্ন, বস্ত্র বা অর্থ দান করাও শুভ বলে মনে করা হয়।

  • Chandra Grahan 2026: দোল পূর্ণিমায় সব থেকে বড় চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারত থেকেও

    Chandra Grahan 2026: দোল পূর্ণিমায় সব থেকে বড় চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারত থেকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে মার্চ মাসেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2026)। সাম্প্রতিক সূর্যগ্রহণ ভারতে দেখা যায়নি। তবে এবার এই দৃশ্য থেকে কেউ বঞ্চিত হচ্ছেন না। খুব কম সময়ের জন্য হলেও এই চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) প্রত্যক্ষ করতে পারবেন। ওই দিন দেশের বেশির ভাগ প্রান্ত থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ।

    চাঁদের রং হয় লালা (Chandra Grahan 2026)

    চাঁদের কোনও নিজেস্ব আলো নেই। তার উপর সূর্যের আলো পড়ে। পৃথিবীর চাঁদ এবং সূর্যের মাঝে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। এরফলে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। আর তখনই চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) হয়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হয় লাল। সেই জন্য তাকে রক্তিম চাঁদ বা ব্লাড মুনও বলা হয়। সূর্য গ্রহণ যেমন খালি চোখে দেখা যায় না, চন্দ্র গ্রহণের সময় অবশ্য তেমন কোনও ব্যাপার নেই। রাতের আকাশে খালি চোখেই দেখা যায়।

    আকাশে খালি চোখে দেখলেই দেখা যাবে

    ৩ মার্চ পৃথিবীর যে যে দিকে রাত থাকবে সেখান থেকে চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) দেখা যাবে। তবে খুব অল্প সময়ের জন্যই দেখা যাবে। জানা গিয়েছে মোট ৫ ঘণ্টা ধরে চলবে গ্রহণ। চরম সময় নির্ধারিত হয়েছে ৫৮ মিনিট ১৫ সেকেন্ড। সেই সময় আকাশে খালি চোখে দেখলেই দেখা যাবে এই গ্রহণ। তবে সব জায়গা থেকে দেখা যাবে এমনটাও নয়। আমেরিকার পশ্চিমের স্টেটগুলিতে সেই গ্রহণ দেখা যাবে ৩ মার্চ ৪ টে ৪ মিনিট থেকে ৫ টা ২ মিনিট পর্যন্ত।

    ভারতের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2026) দেখা যাবে ৩ মার্চ বিকেল ৪টে ৫৮ মিনিট থেকে। ভারতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে বিকেল ৫ টা ৩২ মিনিটে। খণ্ডগ্রাস দেখা যাবে রাত ৭ টা ৫৩ মিনিট পর্যন্ত।

    জানা গিয়েছে, যখন পূর্ণগ্রাস চলবে তখন ভারতের অনেক জায়গায় সন্ধ্যা নামবে না। সেই জন্য ওই সব জায়গায় পূর্ণগ্রাস নাও দেখা যেতে পারে। কলকাতায় ওইদিন সূর্যআস্ত হবে ৫ টা ৩৪ মিনিটে। এরপর হবে চন্দ্র গ্রহণ। পূর্ণগ্রাস পশ্চিমবঙ্গ থেকে না দেখার সম্ভাবনাই বেশি। দিল্লি এবং নয়ডায় ওইদিন চন্দ্রদোয় হবে ৬টা ২৬ মিনিটে। যদিও তার আগে থেকে গ্রহণ লেগে যাবে। সেখানেও খুব সময় ধরে গ্রহণ দেখা যাবে না। তবে আবার যে সম্পূর্ণ ভাবে বঞ্চিত হবেন এমনটাও নয়। যদি আকাশ মেঘলা থাকে তাহলে গ্রহণ দেখার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।

    চাঁদকে গ্রহণের সময় গাঢ় কালচে লাল দেখায়

    পূর্ণগ্রাসের (Lunar Eclipse) সময় চাঁদ সম্পূর্ণ ভাবে কালো হয়ে যায় না। তার বদলে কিছু কিছু অংশ লাল হয়ে যায়। পৃথিবীর বায়ুমণ্ডল যখন সূর্যের আলো গ্রহণ করে, তখন সূর্যরশ্মির লাল অংশ কম পরিমাণে প্রতিসরিত হয়। এরপর তা চাঁদের উপরে গিয়ে পড়ে। অপর দিকে সূর্যরশ্মি নীল অংশটি চার দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তাই চাঁদকে গ্রহণের (Chandra Grahan 2026) সময় গাঢ় কালচে লাল দেখা যায়।

    চন্দ্রগ্রহণের সময় (Chandra Grahan 2026)

    • চন্দ্রগ্রহণ শুরু হবে: ৩ মার্চ বেলা ৩টে ২০ মিনিটে
    • পূর্ণগ্রাস গ্রহণ শুরু: বিকেল ৪টে ৩৪ মিনিট
    • গ্রহণের মধ্যদশা: বিকেল ৫টা ৪ মিনিট
    • পূর্ণগ্রাস গ্রহণ শেষ: বিকেল ৫টা ৩৩ মিনিট
    • চন্দ্রগ্রহণ শেষ হবে: সন্ধে ৬টা ৪৭ মিনিট
    • পূর্ণগ্রাস গ্রহণ চলবে: ৫৯ মিনিট ধরে
  • PM Modi: কৃত্রিম বুদ্ধিমত্তায় চাই মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, বিশ্বকে পথ দেখাবে ভারতের ‘মানব’, কীভাবে? বোঝালেন মোদি

    PM Modi: কৃত্রিম বুদ্ধিমত্তায় চাই মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, বিশ্বকে পথ দেখাবে ভারতের ‘মানব’, কীভাবে? বোঝালেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: এআই ইমপ্যাক্ট সামিটে ‘মানব’ কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ভারতের মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আজ, বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী এই কাঠামোকে বৈশ্বিক এআই শাসনব্যবস্থা ও উন্নয়ন নিয়ে ভারতের অবস্থানের কেন্দ্রবিন্দুতে ঠাঁই দেন (Manav Vision)। দায়িত্বশীল এআই গঠনে ভারতের অবদানের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এই কাঠামো নিশ্চিত করবে যে প্রযুক্তির বিকাশ হবে শক্তিশালী নৈতিক সুরক্ষা, অন্তর্ভুক্তিমূলক প্রবেশাধিকার এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে।”

    মানব (PM Modi)

    উদ্যোগটির পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, “আজ আমি উপস্থাপন করছি এমএএনএভি (মানব)— এআইয়ের জন্য মানব দৃষ্টিভঙ্গি।” সংক্ষিপ্ত রূপটির ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী চারটি স্তম্ভ তুলে ধরেন। তিনি বলেন, “এম ফর মরাল অ্যান্ড এথিক্যাল সিস্টেমস”, “এ ফর অ্যাকাউন্টেবল গভর্নেন্স”, “এন ফর ন্যাশনাল সভারেনিটি”, “এ ফর অ্যাক্সিসেবল অ্যান্ড ইনক্লুসিভ সিস্টেমস” এবং “ভি ফর ভ্যালিড অ্যান্ড লেজিটিমেট ফ্রেমওয়ার্ক।” এই সামিটের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী একে একটি ঐতিহাসিক বৈশ্বিক অনুষ্ঠান হিসেবে বর্ণনা করেন। প্রযুক্তি পরিমণ্ডলে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের ওপরও জোর দেন তিনি (PM Modi)। প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের বৃহত্তম এআই ইমপ্যাক্ট সামিটে আপনাদের স্বাগত। এই সম্মেলন মানবজাতির এক-ষষ্ঠাংশের প্রতিনিধিত্বকারী ভারতের প্রতিফলন (Manav Vision)।”

    বৃহৎ প্রযুক্তি দক্ষতার ভান্ডার

    দেশের বিপুল জনসংখ্যা ও ডিজিটাল অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, “ভারতে রয়েছে বিশ্বের বৃহত্তম যুব জনসংখ্যা এবং অন্যতম বৃহৎ প্রযুক্তি দক্ষতার ভান্ডার, যা এআই উদ্ভাবনের জন্য দেশটিকে স্বাভাবিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।” এই সম্মেলনে ১০০-রও বেশি দেশের নেতা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী বলেন, “এটি গ্লোবাল সাউথের জন্য গর্বের বিষয় এবং প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণে উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান ভূমিকাকে প্রতিফলিত করে (PM Modi)।” তিনি তরুণ উদ্ভাবকদের ভূমিকারও উল্লেখ করেন। বলেন, “বিশ্বের যুবসমাজ দ্রুত ও আত্মবিশ্বাসের সঙ্গে এআই গ্রহণ করছে এবং এর দায়িত্ব নিজেদের হাতে নিচ্ছে।” কৃষি, নিরাপত্তা, জনসেবা ও বহুভাষিক যোগাযোগে এআইয়ের প্রয়োগকে তিনি এর বিস্তৃত প্রভাবের উদাহরণ হিসেবে তুলে ধরেন (Manav Vision)।

    প্রযুক্তিগত বিপ্লব

    এআই-কে মানব ইতিহাসের এক রূপান্তরমূলক মুহূর্ত হিসেবে ব্যাখ্যা করে মোদি একে অতীতের সেই সব প্রযুক্তিগত বিপ্লবের সঙ্গে তুলনা করেন, যেগুলি সভ্যতার গতিপথ বদলে দিয়েছিল। তিনি বলেন, “মানব ইতিহাসে কিছু সন্ধিক্ষণ উন্নয়নের দিকনির্দেশনা পুনর্নির্ধারণ করে। এই ধরনের উদ্ভাবনের পূর্ণ প্রভাব অনেক সময় পরে বোঝা যায়।” প্রধানমন্ত্রী বলেন, “আজ আমরা যে প্রভাব দেখছি, তা কেবল শুরু। এবার গতি আরও দ্রুত এবং ব্যাপ্তি নজিরবিহীন (PM Modi)।” তিনি বলেন, “এআই যেমন যন্ত্রকে আরও বুদ্ধিমান করছে, তেমনি মানব-ক্ষমতাও বাড়িয়ে দিচ্ছে। তবে মূল প্রশ্ন হল, মানবজাতি এই প্রযুক্তিকে কীভাবে ব্যবহার করবে।” প্রধানমন্ত্রী বলেন, “আসল প্রশ্ন এটি নয় যে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা কী করতে পারবে। প্রশ্ন হল, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কী করতে চাই (Manav Vision)।”

    এআই-ও এক রূপান্তরমূলক শক্তি

    রূপান্তরমূলক প্রযুক্তি সুযোগের পাশাপাশি ঝুঁকিও বয়ে আনে এআই। এ কথার উল্লেখ করে প্রধানমন্ত্রী পারমাণবিক শক্তির উদাহরণ টানেন। তিনি বলেন, “আমরা পারমাণবিক প্রযুক্তির ধ্বংসাত্মক দিকও দেখেছি, আবার মানবকল্যাণে তার অবদানও দেখেছি। এআই-ও এক রূপান্তরমূলক শক্তি।” তিনি বলেন, “প্রযুক্তিকে যন্ত্রকেন্দ্রিক নয়, মানবকেন্দ্রিক রাখতে হবে (PM Modi)।” ভারতের এআই দর্শনের ভিত্তি কল্যাণ ও অন্তর্ভুক্তির ওপর প্রতিষ্ঠিত, এ কথার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “মানুষ যেন কেবল একটি ডেটা পয়েন্ট বা কাঁচামালে পরিণত না হয়।” এআইয়ের গণতন্ত্রীকরণের মাধ্যমে একে ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে গড়ে তোলার আহ্বানও জানান তিনি। উদাহরণ দিয়ে তিনি বলেন, “জিপিএস আমাদের পথ দেখায়, কিন্তু দিক আমরা নিজেরাই বেছে নিই।” সব শেষে তিনি বলেন, “ভারতের ‘মানব’ ভিশন একবিংশ শতাব্দীতে এআইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ (Manav Vision) ভিত্তি হয়ে উঠবে।” এভাবে দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নির্ধারণে নেতৃত্ব দেওয়ায় ভারতের (PM Modi) আকাঙ্ক্ষার ইঙ্গিতও দেন প্রধানমন্ত্রী।

  • PM Modi: বৃহস্পতিবার ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    PM Modi: বৃহস্পতিবার ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর (AI Impact Summit 2026) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এই সম্মেলনের লক্ষ্য হল এআইয়ের ক্ষেত্রে ভারতকে বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং এমন এক ভবিষ্যতের কল্পনা করা, যেখানে প্রযুক্তি মানবতার অগ্রগতি সাধন করবে ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করবে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) তরফে জারি করা এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এদিন সন্ধ্যায় সম্মেলনস্থল ভারত মণ্ডপমে মোদি অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতাদের স্বাগত জানাবেন। ১৯ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর উদ্বোধন করবেন। সম্মেলনের ফাঁকে তিনি উপস্থিত একাধিক বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে মোদি (PM Modi)

    উদ্বোধনী অনুষ্ঠানে মোদির পাশাপাশি ভাষণ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ শিল্পপতিরা। এরপর অন্য নেতাদের সঙ্গে তিনি ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬ পরিদর্শন করবেন, যেখানে রয়েছে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন। জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা নাগাদ ‘লিডার্স প্লেনারি’ অধিবেশনে অংশ নেবেন মোদি। এতে রাষ্ট্রপ্রধান, মন্ত্রী এবং বহুপাক্ষিক সংস্থার প্রবীণ প্রতিনিধিরা এআই সংক্রান্ত জাতীয় ও বৈশ্বিক অগ্রাধিকার—যেমন শাসনব্যবস্থা, পরিকাঠামো এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। বিকেল সাড়ে ৫টা থেকে তিনি সিইও রাউন্ডটেবিলে অংশ নেবেন। এতে বিশ্বব্যাপী প্রযুক্তি ও শিল্পক্ষেত্রের শীর্ষ এক্সিকিউটিভরা সরকারি নেতৃত্বের সঙ্গে বিনিয়োগ, গবেষণা সহযোগিতা, সরবরাহ শৃঙ্খল এবং এআই ব্যবস্থার প্রয়োগ নিয়ে আলোচনা করবেন।

    এআই ইমপ্যাক্ট সামিট

    ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর (AI Impact Summit 2026) মূল প্রতিপাদ্য বিষয় হল ‘সর্বজন হিতায়, সর্বজন সুখায়’ (সবার কল্যাণ, সবার সুখ)। এই সম্মেলনের উদ্দেশ্যই হল এআই ক্ষেত্রে ভারতকে (PM Modi) অগ্রণী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা এবং এমন এক ভবিষ্যৎ গড়ে তোলা, যেখানে এআই মানবকল্যাণে কাজ করবে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করবে এবং পৃথিবীকে সুরক্ষিত রাখবে। সম্মেলনটি তিনটি স্তম্ভ – মানুষ (People), পৃথিবী (Planet) এবং অগ্রগতি (Progress) -এর সঙ্গে সামঞ্জস্য রেখে সাতটি কর্মদলের মাধ্যমে পরিচালিত হবে। এই দলগুলি বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের বাস্তব প্রভাব তুলে ধরার মতো সুনির্দিষ্ট ফল উপস্থাপন করবে।

    সাতটি মূল থিম

    সাতটি মূল থিম হল, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক কল্যাণে এআই, এআই সম্পদের গণতন্ত্রীকরণ, সামাজিক ক্ষমতায়নের জন্য অন্তর্ভুক্তি, নিরাপদ ও বিশ্বাসযোগ্য এআই, মানবসম্পদ উন্নয়ন, বিজ্ঞান, স্থিতিশীলতা, উদ্ভাবন ও দক্ষতা। এই সম্মেলনে ৫০০-রও বেশি বৈশ্বিক এআই নেতা অংশ নেবেন। এর মধ্যে থাকবেন প্রায় ১০০ জন সিইও এবং প্রতিষ্ঠাতা, ১৫০ জন শিক্ষাবিদ ও গবেষক, এবং ৪০০ জন সিটিও, ভাইস প্রেসিডেন্ট ও দাতব্য সংস্থার প্রতিনিধিরা। এছাড়াও ১০০-রও বেশি সরকারি প্রতিনিধি, যার মধ্যে (AI Impact Summit 2026) ২০-রও বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান এবং প্রায় ৬০ জন মন্ত্রী অংশ নেবেন (PM Modi)।

     

  • AI Summit 2026: এআই চশমা পরে ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কীভাবে কাজ করে এই ডিভাইস?

    AI Summit 2026: এআই চশমা পরে ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কীভাবে কাজ করে এই ডিভাইস?

    মাধ্যম নিউজ ডেস্ক: এআই চশমা পরে ভারত মণ্ডপমে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই শুরু হয়েছে ২০২৬ সালের ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট। এআই ডিভাইস পরে ওই সামিটে উপস্থিত হওয়ায় বিশেষভাবে নজর কাড়েন তিনি। ‘সর্বম কাজে’ (Sarvam Kaze) নামে পরিচিত এই যন্ত্রটি দেশীয় স্টার্টআপ সর্বম এআই (Sarvam AI)–এর তৈরি একটি স্বদেশি কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্য। ডিভাইসটি সামিটে তাৎক্ষণিকভাবে  আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং দায়িত্বশীল এআইয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য নীতিনির্ধারক, স্টার্টআপ ও প্রযুক্তি জগতের বিশ্বনেতাদের একত্র করেছে। সর্বম কাজে সম্পূর্ণরূপে ভারতে নকশা ও নির্মিত একটি এআই ওয়্যারেবল হিসেবে বাজারজাত করা হবে, যা প্রযুক্তিগত আত্মনির্ভরতার ক্রমবর্ধমান প্রবণতার দিকেই ইঙ্গিত করে।

    সর্বম কাজে এআই-চালিত পরিধানযোগ্য ডিভাইস (AI Summit 2026)

    সর্বম কাজে হল চশমার মতো একটি এআই-চালিত পরিধানযোগ্য ডিভাইস, যা তাৎক্ষণিকভাবে শোনে, বোঝে এবং সাড়া দেয়। ব্যবহারকারী কী দেখছেন, সেটিও এটি ধারণ ও বিশ্লেষণ করতে সক্ষম। প্রচলিত স্মার্টফোন বা কম্পিউটার-নির্ভর এআই ব্যবস্থার তুলনায় এই ডিভাইস এআইকে সরাসরি বাস্তব জগতে নিয়ে আসে—যেখানে কণ্ঠস্বরের মাধ্যমে এআই ব্যবহার করা যায় এবং ফল দেখা যায় স্ক্রিনে। জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে সংস্থাটি এতে একটি চ্যাট ফাংশন যুক্ত করবে। ডেভেলপাররাও এই প্ল্যাটফর্মে নিজেদের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, যা বিভিন্ন শিল্পখাতে নির্দিষ্ট ব্যবহারিক ক্ষেত্র তৈরি করবে। মে মাসে পণ্যটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে। ভারত মণ্ডপমে প্রদর্শনী পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বম কাজে ডিভাইস পরা অবস্থায় দেখা যায়। সর্বম এআইয়ের সহ-প্রতিষ্ঠাতা প্রত্যুষ কুমারের শেয়ার করা ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল ব্যবহার করে ডিভাইসটির তাৎক্ষণিক প্রতিক্রিয়া ক্ষমতা পরীক্ষা করছেন। এই উপস্থিতি স্টার্টআপ ও তাদের প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়িয়েছে, বিশেষ করে যখন ভারত নিজস্ব এআই ইকোসিস্টেম গড়ে তোলার দিকে এগোচ্ছে।

    সর্বম এআই

    সর্বম এআই নির্বাচিত সংস্থাগুলির মধ্যে একটি, যা ভারতীয়দের প্রয়োজন মেটাতে স্বদেশি ভিত্তিমূলক এআই মডেল তৈরি করছে। সংস্থাটি ভারতীয় ভাষাভিত্তিক বৃহৎ ভাষা মডেল (LLM) ও স্পিচ মডেল তৈরি করছে। এই মডেলগুলি ভয়েস ইন্টারফেস, নথি প্রক্রিয়াকরণ ব্যবস্থা এবং নাগরিক পরিষেবা প্ল্যাটফর্ম পরিচালনায় ব্যবহৃত হবে। সম্প্রতি স্টার্টআপটি ‘সর্বম অক্ষর’ চালু করেছে নথি ডিজিটাইজেশনের জন্য, ‘সর্বম স্টুডিও’ চালু করেছে বহুভাষিক কনটেন্ট তৈরির জন্য এবং ‘সারাস ভি৩’ নামে একটি স্পিচ রেকগনিশন মডেল উন্মোচন করেছে, যা ভারতীয় ভাষায় নির্ভুলতা বাড়াতে সাহায্য করবে।

    ‘ইন্ডিয়া এআই মিশন’

    ভারত সরকারের বৃহত্তর ‘ইন্ডিয়া এআই মিশন’-এর অংশ হিসেবে সর্বম কাজে চালু করা হয় মার্চ, ২০২৬-এ, ১০,৩৭২ কোটি টাকা ব্যয়ে। এই মিশনের আওতায় ৩৮,০০০-এরও বেশি জিপিইউ স্টার্টআপ ও গবেষকদের সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে এবং ১২টি গোষ্ঠীকে স্বদেশি বৃহৎ ভাষা মডেল নির্মাণের জন্য বেছে নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি ১৬ থেকে ২০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ এমন উদ্ভাবন প্রদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। দ্রুতগতিতে এআই রোডম্যাপ তৈরির পথে এগোতে গিয়ে ভারত ইতিমধ্যেই সর্বম কাজের মতো বিশ্বমানের স্বদেশি এআই প্রযুক্তি তৈরি করেছে।

     

  • India: এবার শত্রুদেশের উপগ্রহের ওপর নজরদারি করতে পারবে ভারত, জানুন কীভাবে?

    India: এবার শত্রুদেশের উপগ্রহের ওপর নজরদারি করতে পারবে ভারত, জানুন কীভাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের (India) দ্রুত বিকাশমান বেসরকারি মহাকাশ খাতে সৃষ্টি হল গুরুত্বপূর্ণ মাইলফলক। আহমেদাবাদভিত্তিক আজিস্তা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড তাদের এয়ারোস্পেস শাখার মাধ্যমে একটি সম্পূর্ণ দেশীয় ক্ষমতা (Orbit Spying Capability) প্রদর্শন করল। তারা এক উপগ্রহ থেকে অন্য একটি কক্ষপথে থাকা বস্তুর ছবি তুলতে পেরেছে, যা ভারতের বেসরকারি খাতে এই প্রথম এবং ভারতের স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস (SSA) জোরদার করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ক্ষমতাকে সাধারণভাবে ‘ইন-অরবিট স্নুপিং’ বলা হয়।

    পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ (India)

    নিজেদের ৮০ কিলোগ্রাম ওজনের পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ এএফআর ব্যবহার করে আজিস্তা ৩ ফেব্রুয়ারি পরিকল্পিত দুটি পরীক্ষায় সফলভাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS)-এর ছবি তোলে। আইএসএস একটি বড় ও তুলনামূলকভাবে সহজে অনুসরণযোগ্য কক্ষপথীয় বস্তু। যদিও এটি লো-আর্থ অরবিটে (LEO) অন্যতম দৃশ্যমান ও সহযোগিতাপূর্ণ লক্ষ্যবস্তু, তবুও এই সাফল্য ভারতের বেসরকারি মহাকাশ খাতের জন্য এক নতুন ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। কঠিন পরিস্থিতিতে, দিগন্তের কাছাকাছি অবস্থান ও সূর্যালোকপূর্ণ পরিবেশে, আজিস্তা দুটি স্বতন্ত্র ইমেজিং প্রচেষ্টা চালায়। প্রথমবার আইএসএসের সঙ্গে দূরত্ব ছিল প্রায় ৩০০ কিলোমিটার এবং দ্বিতীয়বার প্রায় ২৪৫ কিলোমিটার। উভয় ক্ষেত্রেই এএফআর উপগ্রহের সেন্সর অত্যন্ত নিখুঁতভাবে দ্রুতগতির আইএসএসকে অনুসরণ করে মোট ১৫টি আলাদা ফ্রেম ধারণ করে, যেখানে ইমেজিং স্যাম্পলিং ছিল প্রায় ২.২ মিটার। সংস্থার দাবি, দুটি প্রচেষ্টাই একশো ভাগ সফল হয়েছে, যা তাদের ট্র্যাকিং অ্যালগরিদম এবং ইলেক্ট্রো-অপটিক্যাল ইমেজিংয়ের নির্ভুলতাই প্রমাণ করে।

    আজিস্তার সাফল্য

    আজিস্তার কাছে এই সাফল্য শুধুমাত্র একটি প্রযুক্তিগত অর্জন নয়, বরং এটি প্রমাণ করে যে ভারতে সম্পূর্ণভাবে উন্নত দেশীয় অ্যালগরিদম, ইলেক্ট্রো-অপটিক্যাল সিস্টেম ও স্যাটেলাইট ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে কক্ষপথে থাকা বস্তু শনাক্ত ও বিশ্লেষণ করা সম্ভব। সফল পরীক্ষার পর আজিস্তার ম্যানেজিং ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি জানান, এএফআর ইতিমধ্যেই একাধিক গ্রাহককে উন্নত ইমেজিং ও রিমোট সেন্সিং পরিষেবা দিচ্ছে এবং এবার সম্পূর্ণ দেশীয় ব্যবস্থায় নন-আর্থ ইমেজিং (NEI) ক্ষমতা প্রদর্শন করেছে। তাঁর কথায়, “এই প্রযুক্তিগুলিই আমাদের এনইআই এবং এসএসএ পেলোডের মূল ভিত্তি, যা কক্ষপথে থাকা বস্তু নিখুঁতভাবে ট্র্যাক ও চরিত্রায়িত করতে সাহায্য করে (India)।” তিনি আরও জানান, ভবিষ্যতে এই প্রযুক্তি আয়ত্তে এলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণেও তা ব্যবহার করা যেতে পারে (Orbit Spying Capability)। স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, অর্থাৎ মহাকাশে থাকা বস্তু শনাক্ত করা, তাদের গতিবিধি অনুসরণ করা ও আচরণ বোঝার ক্ষমতা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ বহু দেশ এখন এমন উপগ্রহ মোতায়েন করছে, যেগুলি অন্য মহাকাশ সম্পদের খুব কাছাকাছি গিয়ে হস্তক্ষেপ, জ্যামিং বা কৌশলগত ম্যানুভার করতে পারে। লো-আর্থ অরবিটে ভিড় ও প্রতিযোগিতা বাড়ায়, পৃথিবীপৃষ্ঠে কী ঘটছে তা পর্যবেক্ষণের মতোই এখন আকাশে কী ঘটছে, সেটিও জানা সমান গুরুত্বপূর্ণ।

    উপগ্রহের সংখ্যা

    বর্তমানে ভারতের হাতে যোগাযোগ, ন্যাভিগেশন, পৃথিবী পর্যবেক্ষণ ও কৌশলগত কাজে ব্যবহৃত ৫০টিরও বেশি উপগ্রহ রয়েছে, যাদের সম্মিলিত মূল্য ৫০ হাজার কোটি টাকারও বেশি। এই সম্পদগুলিকে সুরক্ষিত রাখতে (India) কক্ষপথে থাকা অন্যান্য উপগ্রহ কী করছে, সে সম্পর্কে সময়মতো তথ্য পাওয়া অত্যন্ত জরুরি, বিশেষত ভূ-রাজনৈতিক উত্তেজনার সময়ে। যদিও ইসরো (ISRO) আগেও এই ধরনের ক্ষমতা দেখিয়েছে, যেমন সাম্প্রতিক এসপিএডিইএক্স (SPADEX) ইন-অরবিট পরীক্ষায় নিখুঁত রেন্ডেভু ও ম্যানুভারিং দেখানো হয়েছে, আজিস্তার উদ্যোগটি বেসরকারি খাতনির্ভর এক নতুন পথ খুলে দিয়েছে। আইএসএসের ছবি ধারণের মাধ্যমে এএফআর এমন একটি ভিত্তিমূলক সক্ষমতা দেখিয়েছে, যা ভবিষ্যতে আরও জটিল বা কম সহযোগিতাপূর্ণ লক্ষ্যবস্তুর নজরদারিতে কাজে লাগতে পারে (Orbit Spying Capability)। আজিস্তার এক্সিকিউটিভ ডিরেক্টর ব্রিগেডিয়ার আদর্শ ভরদ্বাজ বলেন, “এই প্রদর্শন এমন একটা সময়ে ভারতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সক্ষমতা এনে দিয়েছে, যখন মহাকাশ প্ল্যাটফর্মগুলি ক্রমেই হস্তক্ষেপের ঝুঁকিতে পড়ছে।” আইএসএসের ছবিগুলিকে তিনি “ভবিষ্যতে কী অর্জন সম্ভব, তার প্রথম প্রমাণ” বলে উল্লেখ করেন এবং বলেন, “ভারত এখন এমন এক নতুন যুগে প্রবেশ করছে, যা মহাকাশে জাতীয় স্বার্থ রক্ষায় সহায়ক হবে।”

    এএফআর

    এএফআর নিজেই একটি মাইলফলক। মাত্র ৮০ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহটি তার আকার ও কর্মক্ষমতা শ্রেণিতে (India) ভারতে প্রথম, যা সম্পূর্ণভাবে বেসরকারি শিল্প দ্বারা নকশা, নির্মাণ ও পরিচালিত। ২০২৩ সালের ১৩ জুন স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে করে ট্রান্সপোর্টার-৮ মিশনের অংশ হিসেবে এটি উৎক্ষেপণ করা হয়েছিল। কক্ষপথে ২.৫ বছর পূর্ণ করে এটি এখনও স্বাভাবিকভাবে কাজ করছে এবং আরও ২.৫ বছর মিশন আয়ু বাকি রয়েছে। এসএসএর বাইরে, এএফআর ইতিমধ্যেই নৌবাহিনীর ইমেজিং, নাইট ইমেজিং ও ভিডিও ইমেজিং মোডে বিশ্বজুড়ে বেসামরিক ও প্রতিরক্ষা গ্রাহকদের পরিষেবা দিচ্ছে। আজিস্তা স্পেস জানিয়েছে, আহমেদাবাদে তাদের আসন্ন ইলেক্ট্রো-অপটিক্যাল পেলোড উৎপাদন কেন্দ্রে এমন পরবর্তী প্রজন্মের দেশীয় পেলোড তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে আইএসএসের ছবি ২৫ সেন্টিমিটার রেজোলিউশনে তুলতে পারবে। আইএসএসের ছবি তোলা হয়তো মাত্র একটি সূচনা, কিন্তু এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ভারতের বেসরকারি মহাকাশ শিল্প ধীরে ধীরে এমন এক কৌশলগত ক্ষেত্রে প্রবেশ করছে, যা এতদিন শুধুমাত্র সরকারের দখলে ছিল, নীরবে দেশের কক্ষপথ পর্যবেক্ষণ, বিশ্লেষণ (India) ও সুরক্ষার ক্ষমতা বাড়িয়ে তুলছে (Orbit Spying Capability)।

     

  • Sunita Williams: দীর্ঘ ২৭ বছরের কেরিয়ারে ইতি, নাসা থেকে অবসর নিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশ-কন্যা সুনীতা

    Sunita Williams: দীর্ঘ ২৭ বছরের কেরিয়ারে ইতি, নাসা থেকে অবসর নিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশ-কন্যা সুনীতা

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকাশচারী হিসেবে সুদীর্ঘ কেরিয়ার। একের পর এক মাইলফলক ছুঁয়েছেন তিনি। তাঁর বিচরণ ‘মহাবিশ্বে মহাকাশে মহাকালোর মাঝে’। মহাশূন্যে মোট ৬০৮ দিন কাটিয়ে নজির গড়েছেন তিনি। এবার অবসরের পালা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস দীর্ঘ ২৭ বছরের যাত্রার পর অবসর নিলেন (Sunita Williams)। মঙ্গলবার সুনীতার অবসরের কথা ঘোষণা করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। গত ২৭ ডিসেম্বর, ৬০ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এক বিবৃতি দিয়ে নাসা তাঁর অবসরের কথা জানায়।

    ভবিষ্যৎ প্রজন্মকে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন

    নাসা জানিয়েছে, বড়দিনের পর পরই, গত ২৭ ডিসেম্বর থেকে সুনীতার (Sunita Williams Retires) অবসর কার্যকর হয়েছে। অবসর গ্রহণ করেছেন ৬০ বছর বয়সি সুনীতা। নাসার তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘মানুষের মহাকাশ অভিযানে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন সুনীতা। ভবিষ্যৎ মহাকাশ গবেষণার রূপকার তিনি। পৃথিবীর কক্ষপথের নিম্নভাগে বাণিজ্যিক অভিযানের পথ প্রশস্ত করেছেন’। নাসা কর্তা জ্যারেড আইজ্যাকম্যান তাঁর অবদানকে শ্রদ্ধা জানিয়ে বলেন, “মানববাহী মহাকাশ অভিযানে সুনীতা উইলিয়ামস একজন পথিকৃৎ। বাণিজ্যিক মহাকাশ অভিযানের পথ তৈরি করা থেকে শুরু করে আইএসএস-এ নেতৃত্ব, সব ক্ষেত্রেই তিনি ভবিষ্যৎ প্রজন্মকে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে যে ভূমিকা পালন করেছেন সুনীতা, তাতেই চন্দ্রাভিযান আর্টেমিস এবং মঙ্গল অভিযানের ভিত্তিস্থাপন হয়েছে। আগামী প্রজন্ম ওঁর থেকে অনুপ্রেরণা পাবে, স্বপ্ন দেখতে শিখবে। অবসরকালে অভিনন্দন জানাই ওঁকে। নাসা এবং দেশের যে সেবা করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ”

    শিকড় ভারতেই

    ম্যাসাচুসেটসে জন্ম হলেও সুনীতার (Sunita Williams) শিকড় ভারতের গুজরাটে। সুনীতার বাবা দীপক পান্ডিয়া পেশায় নিউরোঅ্যানাটমিস্ট। জন্ম গুজরাটের মেহসানার ঝুলাসন গ্রামে। পরে তিনি কর্মসূত্রে পাকাপাকি ভাবে আমেরিকায় চলে যান। যদিও ভারতে কখনই নিজের শিকড়কে ভুলে যাননি তিনি বা সুনীতা। স্লোভেনিয়ার বনি পান্ডিয়ার সঙ্গে বিয়ের পর আমেরিকা চলে যান দীপক। সেখানেই জন্ম সুনীতার। পদার্থবিজ্ঞানে স্নাতক সুনীতা মেলবোর্নের ফ্লরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

    নাসায় যোগদান

    এক সাক্ষাৎকারে সুনীতা (Sunita Williams) জানিয়েছিলেন তিনি আসলে পশুচিকিৎসক হতে চেয়েছিলেন। কিন্তু শেষে যোগ দিয়েছিলেন মেরিল্যান্ডের ইউএস নেভাল অ্যাকাডেমিতে। সেখানে গিয়েও প্রথম আগ্রহের বিষয় ছিল ডাইভিং। কিন্তু শেষ পর্যন্ত হয়েছিলেন একজন পাইলট অর্থাৎ বিমান চালক। সেখানেও তাঁর প্রথম পছন্দ ছিল জেট বিমান। কিন্তু তাঁর বদলে সুনীতাকে ওড়াতে দেওয়া হয় হেলিকপ্টার। হেলিকপ্টার এবং ফিক্সড-উইং পাইলট হিসাবে ৪০টি বিমানে মোট ৪,০০০ ঘণ্টারও বেশি সময় উড়ানের অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে। তবে সুনীতার জীবনের পথ বদলে দেয় জনসন স্পেস সেন্টার পরিদর্শন। স্পেস সেন্টার পরিদর্শনের সময়েই মহাকাশচারী জন ইয়ং-এর সংস্পর্শে আসেন মহাকাশ বিজ্ঞানে নজির সৃষ্টি করা এই অ্যাস্ট্রোনট। সেখান থেকেই সুনীতার স্বপ্নে হানা দেয় গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি। মহাকাশচারী প্রশিক্ষণের জন্য নাসার কাছে আবেদন পাঠালেও প্রথমবারে সফল হননি সুনীতা। কিছু যোগ্যতার অভাবে সুযোগ হারান তিনি। কিন্তু হার মানেননি মহাকাশ কন্যা। ততদিনে মহাকাশকেই নিজের মিশন বানানোর জেদ চেপে গিয়েছে তাঁর। পাইলট স্কুলে ফিরে নাসায় যোগদানের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন তিনি। অবশেষে সব বাধা পেরিয়ে ১৯৯৮ সালের জুন মাসে ১৮ তম মহাকাশচারী দলের অংশ হিসাবে নাসায় যোগ দেন সুনীতা উইলিয়ামস। তার পর বাকিটা ইতিহাস।

    মহাকাশযাত্রার মহা কাহিনী

    সুনীতার (Nasa Astronaut Sunita Williams) মহাকাশযাত্রা শুরু ২০০৬ সালের ডিসেম্বরে। ডিসকভারি শাটলে ভেসে প্রথমবার মহাকাশে পৌঁছন তিনি। এক্সপিডিশন ১৪/১৫–র ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি সেই মিশনে চারটি স্পেসওয়াক করে বিশ্বরেকর্ড গড়েন। ২০১২ সালে দ্বিতীয় মিশনে ১২৭ দিনের জন্য মহাকাশে ছিলেন এবং ওই অভিযানে তাঁকে মহাকাশ স্টেশনের কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়। ২০২৪ সালে তাঁর তৃতীয় ও শেষ মহাকাশযাত্রা ছিল বোয়িং স্টারলাইনারে চড়ে আইএসএস-এ পৌঁছনো। তাঁর সঙ্গী ছিলেন নভশ্চর বুচ উইলমোর। মাত্র ১০ দিনের জন্য পরিকল্পিত সেই মিশন শেষ পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১০ মাস ধরে আটকে যায়। অবশেষে ২০২৫ সালের মার্চে ২৮৬ দিন পর পৃথিবীতে ফেরেন তাঁরা। দীর্ঘ কর্মজীবনে মোট তিনটি মহাকাশ মিশন সম্পন্ন করেছেন সুনীতা উইলিয়ামস। মহাকাশে কাটিয়েছেন ৬০৮ দিন (608 days in space)-নাসার ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ সময়। পাশাপাশি ৬২ ঘণ্টা ৬ মিনিটে মোট ৯টি স্পেসওয়াকের রেকর্ড রয়েছে তাঁর, যা যে কোনও মহিলা মহাকাশচারীর নিরিখে সর্বাধিক (Space Mission records)। এমনকি মহাকাশে ম্যারাথন দৌড় সম্পন্ন করা প্রথম মানুষও তিনিই।

    মহাকাশ কন্যার বিদায়ী সম্ভাষণ

    স্বামী মাইকেল এবং পোষ্যদের নিয়ে সংসার সুনীতার (Sunita Williams)। তবে সুনীতা জানিয়েছেন, মহাকাশই তাঁর সবচেয়ে প্রিয় জায়গা। নিয়মের বেড়াজালে ৬০-এ পা দিতেই অবসরে মহাকাশ কন্যা। তবু আজও তাঁর বুকে বাসা বেঁধে রয়েছে আবারও ব্রহ্মাণ্ডে পাড়ি দেওয়ার স্বপ্ন তা তাঁর বিদায়ী সম্ভাষণেই স্পষ্ট। সুনীতা উইলিয়ামস বলেন, ‘‘যারা আমাকে চেনেন তাঁরা জানেন, মহাকাশ আমার সবচেয়ে প্রিয় জায়গা। নাসাতে কাজ করা এবং তিনবার মহাকাশে পাড়ি দেওয়ার সুযোগ পাওয়াটা দারুণ সম্মানের। নাসায় আমার ২৭ বছরের অসাধারণ কেরিয়ারের মূল কারণ আমার সহকর্মীদের কাছ থেকে পাওয়া অসাধারণ ভালোবাসা এবং সমর্থন।’’ এখানেই শেষ নয়, দীর্ঘ কেরিয়ারে অসংখ্য গবেষণার কাজকে স্মরণ করিয়ে তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, আধুনিক প্রযুক্তি টেকনিক, অ্যাডভান্স সায়েন্স চাঁদ ও মঙ্গল গ্রহে অনুসন্ধানের পরবর্তী ধাপগুলিকে সম্ভব করে তুলেছে। আমি আশা করি আমরা যে ভিত্তি স্থাপন করেছি তা এই সাহসী পদক্ষেপগুলিকে আরও সহজ করবে। নাসা-এর পরবর্তী প্রজেক্টগুলি নতুন করে ইতিহাস লিখুক। আমি অধীর আগ্রহে অপেক্ষা করব।’’

    ফের মহাকাশে যাওয়ার ইচ্ছা

    নিজের অবসরের প্রসঙ্গে সুনীতা হাসতে হাসতে বলেন, “আমি অবশ্যই আবার মহাকাশে যেতে চাই। কিন্তু আমার স্বামী বোধহয় আমাকে ছাড়বেন না!” ভালোবাসার টানে কিছুদিন ঘরে কাটালেও সুনীতার এই কথায় রয়েছে অন্য ইঙ্গিত? তাহলে আবার কি মহাকাশে পাড়ি জমাবেন সুনীতা? নাসা ছাড়লেও বেসরকারি সংস্থার দরজা তো খোলা। কে বলতে পারে ফের হয়ত মহাবিশ্বে পাড়ি জমাবেন মহাকাশ-কন্যা।  তাঁর রেকর্ড-বুকে হয়তো জুড়ে যাবে সবথেকে বেশি বয়সে মহাকাশে পাড়ি জমানোর নজির!

LinkedIn
Share