Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • ISL 2023-24: চেন্নাইয়ের বিরুদ্ধে জয়, আইএসএলে প্লে-অফের আশা টিকিয়ে রাখল ইস্টবেঙ্গল

    ISL 2023-24: চেন্নাইয়ের বিরুদ্ধে জয়, আইএসএলে প্লে-অফের আশা টিকিয়ে রাখল ইস্টবেঙ্গল

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়ে ফিরল ইস্টবেঙ্গল। সোমবার ঘরের মাঠে তারা হারিয়ে দিল চেন্নাইয়িন এফসি-কে। ১-০ ব্যবধানে জিতে আইএসএলে প্লে-অফে যাওয়ার আশা টিকিয়ে রাখল লাল-হলুদ। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোল করেন চেন্নাইয়েরই ভূমিপুত্র নন্দকুমার। আইএসএলের প্রথম ছয়ে থাকাই লক্ষ্য কোচ কার্লোস কুয়াদ্রাতের। এই ম্যাচ জিতে ইস্টবেঙ্গল তালিকায় আটে চলে এল বেঙ্গালুরুকে টপকে।

    আক্রমণ-প্রতিআক্রমণ

    শেষ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ৮১ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ২-১ ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়েছিল ইস্টবেঙ্গলকে। যার ফলে প্লে অফে যাওযার পথে জোর ধাক্কা খেতে হয়েছিল কার্লোস কুয়াদ্রাতের দলকে। সেই হার থেকে শিক্ষা নিয়ে কিছুটা ঘুড়ে দাঁড়াল লাল-হলুদ ব্রিগেড। দিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণ চলে খেলা। ম্যাচর শুরুতেই ফ্রি কিক পেয়েছিল ইস্টবেঙ্গল। তবে ক্লেইটন গোলের মুখ খুলতে পারেননি। এরপরও ক্লেইটন, নন্দকুমার, ফোর্বসরা কয়েকবার গোলের কাছে চলে গিয়েছিল। সুযোগ পেলেই পাল্টা আক্রমণে ওঠে ফারুক-সাংওয়ানরা। কিন্তু লাল-হলুদ রক্ষণকে ভাঙতে পারেনি। প্রথমার্ধের খেলা শেষ হয় গোল শূন্যভাবে।

    জিততেই হত ইস্টবেঙ্গলকে

    দ্বিতীয়ার্ধে তিনটি বদল ইস্টবেঙ্গলের খেলায় পরিবর্তন আনে। কোচ নামান নিশু কুমারের বদলে মন্দার রাও দেশাইকে। ফেলিসিও ব্রাউনের জায়গায় নামলেন বিষ্ণু। রাকিপের পরিবর্তে নবাগত প্যান্টিচ। তাতেই আরও আক্রমণ করেছে নন্দকুমার, সিলভারা। ঘরের মাঠে সমর্থকদের সামনে একাধিক গোলে জিতলে কোচ ও ফুটবলাররাও আরও খুশিতে থাকতেন। কিন্তু গোল মিস করার প্রবণতা ও আসল সময়ে রক্ষণে কাঁপন কোচকে বাকি ম্যাচেও চিন্তায় রাখবে। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে ইস্টবেঙ্গলকে এই ম্যাচে জিততেই হত। কারণ এর পরে টানা চারটি কঠিন ম্যাচ খেলতে চলেছে তারা। ওড়িশা, গোয়া, মোহনবাগান এবং কেরলের বিরুদ্ধে খেলতে নামবে। লিগের পয়েন্ট তালিকায় প্রথম পাঁচের মধ্যে রয়েছে সবক’টি দল। এর মধ্যে মোহনবাগান বাদে বাকি সবক’টি বাইরের মাঠে খেলতে হবে লাল-হলুদকে। ফলে সবই কঠিন লড়াই। চেন্নাইয়ের বিরুদ্ধে জয় কিছুটা হলেও উদ্বুদ্ধ করবে লাল-হলুদ শিবিরকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: ‘বাজবল’-কে হারিয়ে বাজিমাত ভারতের! এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় রোহিতদের

    India vs England: ‘বাজবল’-কে হারিয়ে বাজিমাত ভারতের! এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় রোহিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্নায়ুর চাপ বাড়িয়ে শেষ পর্যন্ত রাঁচি টেস্ট জিতল ভারত। সেই সঙ্গে রোহিত শর্মার দল এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ৩-১ ব্যাবধানে পকেটে পুরে ফেলল। ঘরের মাঠে এই নিয়ে ভারত টানা ১৭টি টেস্ট সিরিজ জিতল। ইংল্যান্ডের ‘বাজবল’-কে উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে টেস্ট সিরিজ জিতল ভারত। দলের জয়ে সকল ক্রিকেটারদের কুর্নিশ জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

    দুরন্ত ভারত

    জয়ের জন্য ১৯২ রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়াল  ও ক্যাপ্টেন রোহিত শর্মা যেভাবে রবিবার শেষ বেলায় শুরু করেছিলন তাতে মনে হয়েছিল সহজেই জিতবে টিম ইন্ডিয়া। সোমবার সে ভাবেই শুরু করেছিলেন দুজনে। কিন্তু যশস্বী আউট হওয়ার পর ম্যাচের মোড় ঘুরতে শুরু করে। রজত পাতিদার, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান দ্রুত আউট হয়ে ভারতকে চাপে ফেলে দেন। আসলে রোহিত ৫৫ রানে আউট হতেই ভারতের বাকি ব্যাটসম্যানরা স্নায়ুর চাপ কাটিয়ে উঠতে পারেনি। প্রশংসা করতেই হবে শোয়েব বশিরের। পাক বংশোদ্ভূত এই স্পিনার ইংল্যান্ড শিবিরে জয়ের আশা জাগিয়ে তোলেন। একটা সময় জিততে ভারতের দরকার ছিল ৭২ রান, আর ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৫ উইকেট।

    জুয়েল জুড়েল

    রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি হাসে টিম ইন্ডিয়া। শুভমান গিলের সঙ্গে জুটিতে দলকে জেতান ধ্রুব জুরেল। অনেকে তাঁকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করছেন। কারণ মাথা ঠান্ডা রেখে ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেন তিনি। কিপিংয়েও ছাপ ফেলেছেন। প্রাক্তন্দের মতে, ভারতীয় দল সত্যি এক জুয়েল পেয়ে গিয়েছে। অনবদ্য ব্যাটিং উপহার দিয়েছেন গিল। জুরেলের থেকে তিনি অভিজ্ঞ। যা পুঁজি করে ধীরে ধীরে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। ১২৪ বলে ৫২ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। হাঁকিয়েছেন দুটি ছক্কাও। তবে ধ্রুব তাঁর প্রথম টেস্ট সিরিজে চমকে দিয়েছেন সকলকে। ৭৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। ম্যাচের সেরা হয়েছেন ধ্রুব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: কামাল তিন স্পিনারের, জয়ের দোরগোড়ায় ভারত

    India vs England: কামাল তিন স্পিনারের, জয়ের দোরগোড়ায় ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: কি বলবেন একে, মুখের গ্রাস কেড়ে নেওয়া? আজ্ঞে হ্যাঁ। ভারত-ইংল্যান্ড (India vs England) তৃতীয় ম্যাচে ইংল্যান্ড শুরুটা ভালো করলেও, ম্যাচ ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে এগিয়ে থাকলেও, ভারতের কামব্যাক ছিল দুর্দান্ত। যশস্বী জয়সওয়াল শুরুটা দাপিয়ে করেন। শেষ করেন ধ্রুব জুরেল। ৯০ রান করেছেন তিনি। এদিন কার্যত জয়ের দোরগোড়ায় রয়েছে ভারত।

    ম্যাচের তৃতীয় দিন

    রবিবার ম্যাচের তৃতীয় দিন। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৭ উইকেটে ২১৯। ধ্রুব ৩০ ও কুলদীব যাদব ১৭ রানে শেষ করেন দ্বিতীয় দিন। তৃতীয় দিনে ভারত (India vs England) নিজেদের ইনিংস শেষ করে ৩০৭ রানে। কুলদীপ ১৩১ বলে ২৮ রানের ইনিংস খেলে দেন। ধ্রুব করেন ৯০ রান।

    কামাল স্পিনারদের

    রবিবার ওপেন করতে নামেন রোহিত শর্মা ও যশস্বী। এদিন দ্বিতীয় ইনিংসে আট ওভার খেলে ভারত করে ৪০ রান। রোহিত ও যশস্বী করেন যথাক্রমে ২৪ ও ১৬ রান। জয় পেতে ভারতের প্রয়োজন ১৫২ রান। ইংল্যান্ডের দরকার ১০ উইকেট। এদিন মাঠ দাপিয়ে বেড়ান তিন বোলার। ব্রিটিশদের পাঁচটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। চারটি উইকেট নেন কুলদীপ। একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

    এদিন ইনিংসের (India vs England) পঞ্চম ওভারে জোড়া উইকেট নিয়ে শুরু করেন অশ্বিন। দুই ইনিংসেই শূন্য ওলি পোপ। জ্যাক ক্রলি ধরে খেলায় চাপে পড়ে গিয়েছিল ভারত। তবে চা পানের বিরতির পর দ্রুত চার উইকেট নেয় টিম ইন্ডিয়া। খেলা যায় ঘুরে।

    আরও পড়ুুন: ২৫ কেজি সোনা-রুপোর গয়না, এক মাসে বালক রামের আয় কত জানেন?

    ইংল্যান্ডের রান যখন ১৩৩, তখনই তারা খুইয়েছে আট উইকেট। এর মধ্যে কুলদীপ একাই নিয়েছে চার উইকেট। ফিল্ডিংয়ে দুর্দান্ত একটি ফরওয়ার্ড ডাইভিং ক্যাচ নেন সরফরাজ খান। ইংল্যান্ডের নবম উইকেট জুটি ভারতকে কিছুটা চাপে রেখেছিল। শেষমেশ অশ্বিন কট অ্যান্ড বোলে ফেরান বেন ফোকসকে। এর পর বাইশ গজে আসেন জেমস অ্যান্ডারসন। উল্টো দিকে ছিলেন শোয়েব বশির। দু বলের ব্যবধানে জিমিকে ফেরান অশ্বিন। ১৪৫ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের এখনও দু দিন রয়েছে। জিততে হলে ভারতের প্রয়োজন আরও ১৫২ রান (India vs England)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Mohun Bagan: রক্ষণাত্মক ফুটবল, ম্যাচ গোল শূন্য! ওড়িশা থাকল একেই, মোহনবাগান তিনে

    Mohun Bagan: রক্ষণাত্মক ফুটবল, ম্যাচ গোল শূন্য! ওড়িশা থাকল একেই, মোহনবাগান তিনে

    মাধ্যম নিউজ ডেস্ক: দুই স্প্যানিশ কোচের বুদ্ধির লড়াই। দুই প্রথম সারির দলের লড়াই। ৯০ মিনিট ধরে রক্ষণাত্মক ম্যাচ শেষে খেলা ড্র। কোনও রকমে ১ পয়েন্ট নিয়ে ঘরে ফিরল মোহনবাগান। আইএসএল লিগ টেবিলে এক নম্বরেই থাকল ওড়িশা। তিন নম্বরে মোহনবাগান। জয়ের হ্যাটট্রিকে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল সবুজ মেরুন শিবির। কলিঙ্গ স্টেডিয়ামে শুরু থেকেই টানটান উত্তেজনার ম্যাচ। যদিও কেউ কাউকে ছাপিয়ে যেতে পারল না। শেষ অবধি গোলশূন্য ড্র। তবে টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচ বলাই যায়। 

    গোল নষ্টের খেসারত

    দু’দলের প্রথম লক্ষ্যই ছিল গোল না খাওয়া।  গোল করতে পারল না কোনও দল। তবে ম্যাচে বেশি সুযোগ পেয়েছিল বাগান। আর্মান্দো সাদিকু সেই সব সুযোগ নষ্ট না করলে হয়তো এক নম্বরে থেকে শহরে ফিরতে পারত আন্তোনিয়ো লোপেজ হাবাসের দল।প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যেতে পারত মোহনবাগান। হ্যাটট্রিক করে ফেলতে পারতেন আর্মান্দো সাদিকু। কিন্তু পারলেন না তিনি।  গোল মিসের খেসারত দিতে হল হাবাসের দলকে। শেষমেশ সাদিকুকে তুলে কোচ নামান কামিন্সকে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি, বরং ওই বিদেশিও গোল মিস করেছেন। জেসন কামিন্সের হেড ভাল বাঁচান অমরিন্দর। নইলে নায়ক হতে পারতেন অস্ট্রেলীয় ফুটবলার।

    গোল নষ্টের খেসারত

    প্রথমার্ধে তা-ও একটু আক্রমণ প্রতি-আক্রমণের খেলা হলেও দ্বিতীয়ার্ধে পুরোটাই বন্ধ হয়ে যায়। দু’দলই মাঝমাঠে খেলতে থাকে। সে রকম ভাবে কোনও দলই আক্রমণ করতে পারছিল না। মিস্‌ পাস হচ্ছিল। ফলে খেলার ছন্দ নষ্ট হয়ে যাচ্ছিল।  টানা ১২ ম্যাচে অপরাজিত রয়েছে সাজি লোবেরোর দল। এই ম্যাচেও তারা আটকে দিল মোহনবাগানকে। তালিকায় ওড়িশা এফসি শীর্ষেই থাকল, মোহনবাগান দুই পয়েন্ট খুইয়ে তিনে চলে গেল দ্বিতীয় স্থানের বদলে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত, এখনও ১৩৪ রানে পিছিয়ে রোহিতরা

    India vs England: দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত, এখনও ১৩৪ রানে পিছিয়ে রোহিতরা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম দিনটা ভারতের হলে, দ্বিতীয় দিন ইংল্যান্ডের। তৃতীয় দিনের শুরুই বলে দেবে ম্যাচের ভবিষ্যত। আপাতত ম্যাচে এগিয় ইংল্যান্ড।  ৩৫৩ রান তাড়া করতে নেমে রীতিমতো চাপে রোহিত ব্রিগেড। দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ২১৯/৭। এখনও ১৩৪ রানে পিছিয়ে রোহিত বাহিনী। ক্রিজে কুলদীপ যাদব ও ধ্রুব জুড়েল। হাতে রয়েছে মাত্র তিন উইকেট। 

    ব্যাটিংয়ে ভরাডুবি!

    ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ভারতকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে ফের জ্বলে উঠলেন যশস্বী জয়সওয়াল। অর্ধশতরানও করলেন তরুণ ওপেনার। তাঁর ব্যাটে ভর করেই ইংল্যান্ডের রানের কাছাকাছি পৌঁছল রোহিতরা। প্রথম ইনিংসে এখনও ১৩৪ রানে পিছিয়ে ভারত। ব্যাট করতে নেমে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে চাপে পড়ে যায় ভারত। এদিন প্রথম সেশনেই রোহিতের উইকেট হারায় ভারত। মাত্র ২ রানে ফেরেন অধিনায়ক। দ্বিতীয় উইকেটে ৮২ রান যোগ করে যশস্বী জয়সওয়াল, শুভমন গিল জুটি। ভালই খেলছিলেন দু”জন। কিন্তু পার্টনারশিপ ভাঙেন শোয়েব বশির। এদিন তাঁর শিকার ৪ উইকেট।  ৬৫ বলে ৩৮ রান করে আউট হন গিল। আরও একবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ রজত পাটিদার। ৪২ বলে ১৭ রান করে ফেরেন। রাজকোটে এরকম জায়গা থেকে দলকে ম্যাচে ফিরিয়েছিলেন রোহিত-জাদেজা জুটি। কিন্তু রাঁচিতে ব্যর্থ ভারতীয় অলরাউন্ডার। দুটো ছক্কা হাঁকিয়ে শুরু করলেও ১২ রানে আবার সেই বশিরের বলে আউট হন। 

    স্পিনের ফাঁদ

    রাঁচীতে স্পিনের ফাঁদেই আটকে গেল ভারত। ইংল্যান্ডের শোয়েব বশির একাই ৪ উইকেট তুলে নেন। তাঁর বলেই বোল্ড হয়ে যান যশস্বী। তিনিই পাটীদার, জাডেজা এবং শুভমনের উইকেট তুলে নেন। শনিবারের সকালে ইংল্যান্ডের সব উইকেটই তুলে নেন জাদেজা। ম্যাচে তিনিও নেন ৪ উইকেট। আপাতত যা অবস্থা, তাতে ইংল্যান্ডের ৩৫৩ রান টপকে লিড নেওয়া কঠিন হবে ভারতের পক্ষে। রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমন অবস্থায় ভারতকে ম্যাচে ফেরাতে পারেন বোলারেরা। ধ্রুব জুরেল এবং কুলদীপ যাদব মিলে ৪২ রানের জুটি গড়েছেন। তাঁরাই ক্রিজে রয়েছেন। রবিবার শুরু করবেন তাঁরা। এই জুটিতে ইংল্যান্ডের রান টপকানোর চেষ্টা করবে ভারত। না হলে আরও বিপদ বাড়বে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • WPL 2024: শাহরুখ থেকে সৌরভ চাঁদের হাট, শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ

    WPL 2024: শাহরুখ থেকে সৌরভ চাঁদের হাট, শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের সামনে গত বারের রানার্স দিল্লি ক্যাপিটালস। উইমেন্স প্রিমিয়ার লিগের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শাহরুখ খান। ফলে কিং খান থাকায় প্রথম দিনই প্রতিযোগিতার উন্মাদনা আরও কয়ের গুণ বেড়ে যাবে। আজ, শুক্রবার ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এই অনুষ্ঠান শুরু হতে চলেছে।

    চমকপ্রদ সূচনা

    উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও পারফরম্যান্স করবেন কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্রা এবং শাহিদ কপুর। প্রথম মরশুমেই ব্যাপক সাফল্য পেয়েছিল উইমেন্স প্রিমিয়ার লিগ। শুক্রবার থেকে শুরু হতে চলেছে প্রতিযোগিতার দ্বিতীয় মরশুম। এবারই ৫টি দল নিয়েই হবে প্রতিযোগিতা। গতবারে পুরো প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল মুম্বইতে। এবার দুটি শহর দিল্লি ও বেঙ্গালুরুতে হবে প্রতিযোগিতা। ফাইনাল ১৭ মার্চ। টুর্নামেন্টের প্রথম ১১টি ম্যাচ হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। এলিমিনেটর, ফাইনাল সহ বাকি ১১টি ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। 

    চিন্নাস্বামীতে আজ তারকা সমাবেশ। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, গত বারের মতো সন্ধে ৭.৩০-এ শুরু হবে ম্যাচ। যদিও উদ্বোধনী ম্যাচের সময়ে পরিবর্তন হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ শুরু রাত ৮টায়। তার আগে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিও থাকছেন বেঙ্গালুরুতে। আর মুম্বই ডাগআউটে মেয়েদের ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী। মুম্বইয়ে যেমন রয়েছেন হরমনপ্রীত কৌর, তেমনই দিল্লি ক্যাপিটালস ব্যাটিং লাইন আপে রয়েছেন শেফালি ভার্মার মতো বিধ্বংসী ওপেনার। আর ভুললে চলবে না মেয়েদের ক্রিকেটে গ্রেটেস্ট অব অলটাইম মেগ ল্যানিংয়ের কথা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মেগ। অনেকটাই চাপমুক্ত হয়ে নামবেন দিল্লি অধিনায়ক।

    মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: হেইলি ম্যাথুজ, যস্তিকা ভাটিয়া, হরমনপ্রীত কৌর, ন্যাট সিবার, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, হুমাইরা কাজী, ইসি ওং, অমনজ্যোৎ কৌর, জিন্টিমনি কলিতা, সাইকা ইসাক

    দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: মেগ ল্যানিং, শেফালি ভার্মা, জেমিমা রডরিগজ, মারিজান কাপ, অ্যানাবেল সাদারল্যান্ড, জেস জোনাসন, অশ্বনী কুমারি, তানিয়া ভাটিয়া, শিখা পান্ডে, রাধা যাদব, তিতাস সাধু

    কখন সম্প্রচার: মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস, রাত ৮টা, জিও সিনেমায় স্ট্রিমিং, স্পোর্টস ১৮-এ সম্প্রচার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL 2024: প্রথম পর্বে মাত্র ৩টি খেলা, এপ্রিল-মে গরমে পরপর ম্যাচ! আইপিএল সূচি দেখে চিন্তায় নাইটরা

    IPL 2024: প্রথম পর্বে মাত্র ৩টি খেলা, এপ্রিল-মে গরমে পরপর ম্যাচ! আইপিএল সূচি দেখে চিন্তায় নাইটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বেজে গিয়েছে আইপিএল-এর দামামা। দেশে লোকসভা নির্বাচনের পাশাপাশি চলবে টি-২০ ক্রিকেটের মহাযজ্ঞ। লোকসভা নির্বাচনের জন্য ১৫ দিনের সূচি ঘোষণা করা হয়েছে। এরপর রয়েছে দ্বিতীয় পর্বের সূচি। প্রথম পর্বে হবে ২১টি ম্যাচ। তাতে মাত্র তিনটি খেলা রয়েছে কলকাতার। দ্বিতীয় পর্বে গ্রুপ লিগের মোট ১১টি ম্যাচ পরপর খেলতে হবে নাইটদের। অত্যধিক গরমে চোট-আঘাত-ক্লান্তি আসতে পারে ক্রিকেটারদের। তাই সূচি প্রকাশের পর খানিকটা চিন্তায় নাইট শিবির।

    গরমে ঘনঘন ম্যাচ

    দশ বছর ট্রফি হীন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ২০১৪ সালের পর থেকে একবারই মাত্র ফাইনালে খেলেছে শাহরুখ খান-জুহি চাওলার দল। ২০২১ সালে ফাইনালে উঠেও মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের (CSK) কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল নাইটদের। গতবার প্লে অফের যোগ্যতাও অর্জন করতে পারেনি। পয়েন্ট টেবিলের সাত নম্বরে শেষ করেছিল কেকেআর। এবার ট্রফি খরা কাটাতে মরিয়া নাইট শিবির। তবে এবার আইপিএল হচ্ছে দুটি ভাগে। দ্বিতীয় পর্ব হবে এপ্রিল-মে মাসে। তখন দেশে অত্যধিক গরম। এই গরমে কেকেআরকে ১১টা ম্য়াচ খেলতে হবে। যেহেতু পরের পর্বেও ১৫ দিনের কাছাকাছি সময় থাকবে তাই প্রতিটা ম্য়াচের মাঝে কম সময় পাবে নাইটরা। একে গরম, তারউপর ঘনঘন ম্য়াচ খেলতে হবে তাদের। এটাই ভাবাচ্ছে গৌতম গম্ভীরদের। প্লে-অফে উঠলে বাড়বে ম্যাচের সংখ্যা। এই দিক থেকে ভাল জায়গায় রয়েছে চেন্নাই, গুজরাট, বেঙ্গালুরু, দিল্লি। এই দলগুলো প্রথম পর্বে সবথেকে বেশি ম্য়াচ খেলবে। ফলে দ্বিতীয় পর্বে তাদের কম ম্যাচ খেলতে হবে।

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম পর্বের ম্যাচ

    ২৩ মার্চ: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। স্থান- ইডেন গার্ডেন, কলকাতা। সময়- সন্ধে ৭টা ৩০।
    ২৯ মার্চ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স। স্থান- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু। সময়- সন্ধে ৭টা ৩০।
    ৩ এপ্রিল: দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স। স্থান- ড. ওয়াইএস রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম। সময়- সন্ধে ৭টা.৩০।

    কেকেআর স্কোয়াড: নীতীশ রানা, রিংকু সিং, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জেসন রায়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক, আংক্রিশ রঘুবংশী, রমনদীপ সিং, শেরফেন রাদারফোর্ড, মনীশ পাণ্ডে, মুজিবুর রহমান, দুষ্মন্ত চামেরা, সাকিব হুসেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISL East Bengal: কঠিন হল সুপার সিক্সের লড়াই, এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের

    ISL East Bengal: কঠিন হল সুপার সিক্সের লড়াই, এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএল-এ ব্যাকফুটে ইস্টবেঙ্গল (ISL East Bengal)। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এখনও পর্যন্ত পরপর ২টি ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবারও সেই ধারা অব্যাহত। হায়দ্রাবাদ এফসি-র বিরুদ্ধে জয় পাওয়ার পর জামশেদপুর এফসি-র কাছে ১-২ হেরে গেল কার্লোস কুয়াদ্রাতের দল। এই হারের ফলে ১৫ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে আইএসএল-এ ৮ নম্বরে লাল-হলুদ। ফলে সুপার সিক্সের লড়াই অত্যন্ত কঠিন হয়ে গেল লাল-হলুদের পক্ষে। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে।

    শুরু থেকেই ছন্দহীন

    জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেকে এদিনের ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিল না ইস্টবেঙ্গল (ISL East Bengal)। লাল হলুদ জার্সি গায়ে এদিন প্রথম ম্যাচটি খেললেন আলেকজান্ডার প্যান্টিচ। তবে তেমন নজর কাড়তে পারলেন না। নন্দ কুমার গোল করলেও তাঁর এবং নওরেম মহেশের খেলা খুশি করতে পারেনি লাল হলুদ ভক্তদের। মহেশ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন। সেই সুযোগ নষ্টেরই খেসারত দিতে হয় দলকে। ঘরের মাঠে শুরু থেকে দাপট দেখায় জামশেদপুর এফসি। ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার হাভিয়ের সিভেরিও এখন জামশেদপুর এফসিতে। প্রাক্তন দল ইস্টবেঙ্গলকে প্রবল চাপে রাখেন সিভেরিও। শুরু থেকে গোলের সুযোগও বেশি তৈরি করেছে খালিদ জামিলের প্রশিক্ষণাধীন জামশেদপুর।

    প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে (ISL East Bengal) কার্যত খুঁজে পাওয়া যায়নি। শেষ দিকে জামশেদপুরের ভুলে তারা গোল দিয়ে এগিয়ে যায়। সেই গোল এবং দ্বিতীয়ার্ধে একের পর এক সুযোগ তাদের তিন পয়েন্ট এনে দিতেই পারত। কিন্তু ৮০ মিনিটে জামিলের তিন পরিবর্তন কাজে লাগল। নিখিল বারলা, তাচিকাওয়া এবং স্টেভানোভিচকে নামিয়ে দেন। পরের মিনিটেই বারলার পাস থেকে হেডে সমতা ফেরান তাচিকাওয়া। তবে জয়সূচক গোল মানজোরোর। এই ফুটবলারই আগের ম্যাচে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে দু’টি ফ্রিকিক পেয়ে দু’টিতেই গোল করেছিলেন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও তার অন্যথা হল না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL 2024: আইপিএল-এর আংশিক সূচী ঘোষিত, ১৫ দিনে ২১টি ম্যাচ, কেকেআর-এর খেলা কবে?

    IPL 2024: আইপিএল-এর আংশিক সূচী ঘোষিত, ১৫ দিনে ২১টি ম্যাচ, কেকেআর-এর খেলা কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঠিক এক মাস পরে শুরু ক্রীড়া-বিনোদনের মহাযজ্ঞ আইপিএলের ১৭তম সংস্করণ। লোকসভা নির্বাচনের কারণে বৃহস্পতিবার প্রথম ১৭ দিনের সূচি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেলে বাকি সূচি ঘোষণা করা হবে। আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ।  চেন্নাই সুপার কিংস ঘরের মাঠ চিপকে প্রথম ম্যাচে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে। আইপিএলের দ্বিতীয় দিনই নামবে কলকাতা। ইডেনে হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে নাইটরা।

    কবে কবে খেলা

    লোকসভা ভোটের জন্য অতীতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ দেশের বাইরে অনুষ্ঠিত হয়েছে। আবার ভোটের মাঝেই এদেশে আইপিএল অনুষ্ঠিত হওয়ার নজিরও রয়েছে। এবছর ভোট হলেও দেশেই নির্বিঘ্নে আইপিএল আয়োজনের কথা জানিয়েছে বিসিসিআই। ঘোষিত হয়েছে আইপিএলের আংশিক সূচি। ৭ এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে । প্রথম ম্যাচেই দেখা যাবে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির লড়াই। গত বার ট্রফি জেতার সুবাদে এ বার প্রথম ম্যাচ খেলবে চেন্নাই। তার পরে শনি এবং রবিবার, দু’দিনই দু’টি করে ম্যাচ রয়েছে। ২৩ মার্চ প্রথম ম্যাচটি হবে পাঞ্জাব এবং দিল্লির। সেই ম্যাচ মোহালিতে। রাতের ম্যাচে খেলবে কলকাতা এবং হায়দ্রাবাদ। ২৪ মার্চ রবিবার দুপুরে খেলবে রাজস্থান-লখনউ। রাতের ম্যাচে গুজরাট-মুম্বই। গুজরাট বনাম মুম্বই ম্যাচ নিয়ে এবার বাড়তি উত্তেজনা রয়েছে। কারণ রোহিত শর্মাকে সরিয়ে এবার হার্দিক পান্ডিয়াকে মুম্বই ক্যাপ্টেন হিসেবে বেছেছে। 

    কলকাতার ম্যাচ

    ২৯ মার্চ কলকাতা দ্বিতীয় ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে কেকেআর। কেকেআরের তৃতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। তবে সেই ম্যাচ কলকাতা বা দিল্লিতে নয়, হবে বিশাখাপত্তনমে। দিল্লি প্রথম দিকে নিজেদের ঘরের মাঠে খেলতে পারবে না। সেই কারণে আপাতত তাদের হোম ম্যাচ হবে বিশাখাপত্তনমে। সেই ম্যাচটি হবে ৩ এপ্রিল।

    আইপিএলে নেই শামি, লন্ডনে অস্ত্রোপচার 

    আইপিএল থেকেও ছিটকে গেলেন মহম্মদ শামি। বিশ্বকাপের পরে এখনও মাঠেই নামেননি ভারতীয় তারকা। লন্ডনে গোড়ালির চোটে অস্ত্রোপচার করাবেন শামি। শামি জানুয়ারি মাসের শেষেই লন্ডনে পৌঁছে গিয়েছিলেন। সেখানে নামী অস্থি বিশেষজ্ঞ তাঁকে একটি ইঞ্জেকশনও দিয়েছিলেন। তার মেয়াদ ছিল তিন সপ্তাহ। বলা হয়েছিল, ইঞ্জেকশনের পরে ব্যথা না কমলে অস্ত্রোপচার করাতে হবে। সেই পথেই হাঁটছেন শামি। অস্ত্রোপচারের পরে কবে তিনি মাঠে ফিরবেন, সেই নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শামিকে না পাওয়া গেলে সমস্যায় পড়বে গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়া মুম্বইতে যোগ দিয়েছেন। দলের নেতা হয়েছেন তরুণ তারকা শুভমান গিল। এবার দলের নির্ভরযোগ্য পেসারকেও পাবে না গুজরাট।

  • Paris Olympics 2024: টেবল টেনিসে ইতিহাস ভারতের! অলিম্পিক্সের টিকিট পেল পুরুষ, মহিলা দল

    Paris Olympics 2024: টেবল টেনিসে ইতিহাস ভারতের! অলিম্পিক্সের টিকিট পেল পুরুষ, মহিলা দল

    মাধ্যম নিউজ ডেস্ক: টেবল টেনিসে ইতিহাস গড়ল ভারতের পুরুষ ও মহিলাদের দল। প্রথম বার দলগত বিভাগে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছে তারা। বুসানে আইটিটিএফ বিশ্ব টেবল টেনিসের দলগত প্রতিযোগিতায় প্রি-কোয়ার্টার ফাইনালে হারলেও অলিম্পিক্সে জায়গা পাকা করে নিয়েছেন ঐহিকা মুখোপাধ্যায়েরা। তবে দুই টিমই বিশ্ব মিটের শেষ ১৬ টপকাতে পারেনি। ব়্যাঙ্কিংয়ের বিচারে প্যারিস অলিম্পিক্সে জায়গা করে নিয়েছেন মনিকা বাত্রা, সাথিয়ানরা। সরকারি ঘোষণা হবে ৪ মার্চ।

    স্বপ্নপূরণ ঐহিকাদের

    স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে বিশ্ব টেবল টেনিসের টিম ইভেন্টে নেমেছিলেন ভারতের ছেলে-মেয়েরা। শেষ পর্যন্ত তা পূরণও করে ফেললেন। প্যারিস অলিম্পিক্সে এই প্রথম টিটির টিম ইভেন্টে খেলতে দেখা যাবে ভারতকে। ছেলেদের টিমে যেমন শরথ কমল আছেন, তেমনই মেয়েদের টিমে রয়েছেন বাংলার ঐহিকা মুখোপাধ্যায়। যিনি পয়লা রাউন্ডের ম্যাচে বিশ্বের এক নম্বর প্লেয়ারকে হারিয়ে চমকে দিয়েছিলেন।  ভারতীয় টিটি ফেডারেশনের সচিব কমলেশ মেহতা বলেছেন, ‘ছেলে-মেয়েদের জন্য গর্ব হচ্ছে। চমৎকার টিম পারফরম্যান্সের জন্য এই সুযোগ এল। শুধু টিম ইভেন্টেই নয়, সিঙ্গলসে যোগ্য অর্জন করতে পারেন মনিকা বাত্রা ও সৃজা আকুলা। ছেলেদের টিমের সদস্য হরমীত দেশাই, শরথ কমল, সাথিয়ান, মানব ঠক্করের মধ্যে ঠিক হবে, কোন দু’জন খেলবেন অলিম্পিক্সের সিঙ্গলস ইভেন্টে। 

    অলিম্পিক্সের পথে

    ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে প্রথম বার টেবল টেনিসের দলগত বিভাগ অন্তর্ভুক্ত করা হয়। তার পর থেকে একটি অলিম্পিক্সেও ভারত যোগ্যতা অর্জন করতে পারেনি। অবশেষে তা হল। বুসানে ভারতের পুরুষদের দলের নেতৃত্বে ছিলেন ১০ বারের জাতীয় চ্যাম্পিয়ন শরথ কমল। কিন্তু শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ০-৩ হেরে যান তাঁরা। চিনা তাইপেইয়ের কাছে ১-৩ হারে ভারতের মহিলাদের দল। সেই দলে ছিলেন ঐহিকা। বুসানে বিশ্ব টেবল টেনিসের দলগত প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১৬টি দল। তার মধ্যে দু’টি রাউন্ড জিতলে প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা নিশ্চিত ছিল। ভারত সেটাই করে দেখিয়েছে।

    পঞ্চমবার অলিম্পিক্সের পথে শরথ

    প্যারিস অলিম্পিক্সে স্বপ্ন মুঠোয় পুরতে চলেছেন শরথ কমল। চারবার অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করেছেন দেশের হয়ে। আরও একবার তাঁকে খেলতে দেখা যাবে। পঞ্চমবার অলিম্পিক্সের টিকিট পেয়ে আপ্লুত শরথ বলেছেন, ‘এই টিমটাকে বড় হতে দেখেছি। তাদের সঙ্গে টিম ইভেন্টে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করা বিরাট ব্যাপার। আমরা একে অপরের সঙ্গে সব কিছু শেয়ার করি। টিম ইভেন্টে পদকের সম্ভাবনা থাকে। তাতেই সুযোগ পাওয়াটা সত্যিই অবিশ্বাস্য।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

LinkedIn
Share