Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Berhampore Municipality: ৫০০ কর্মীর বকেয়া বাকি! রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

    Berhampore Municipality: ৫০০ কর্মীর বকেয়া বাকি! রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: বহরমপুর পুরসভার (Berhampore Municipality) অবসরপ্রাপ্ত ৫০০ কর্মী দীর্ঘদিন ধরেই বকেয়া মেটানোর দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেছেন তাঁরা। এই মামলায় রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। পুরসভার বকেয়া রয়েছে রাজ্যের কাছে। 

    কীভাবে সেই বকেয়া মেটানো যাবে সেই পথও বাতলে দিয়েছে হাইকোর্ট

    জানা গেছে, বহরমপুর পুরসভায় (Berhampore Municipality) রাজ্যের ২৪৭টি সম্পত্তি রয়েছে। যার মধ্যে ১৭০টি সম্পত্তিতে কর বাবদ ১১ কোটি টাকা বকেয়া রয়েছে। সেই টাকা মিটিয়ে দিলেই অবসরপ্রাপ্ত পুরকর্মীদের বকেয়া মেটানো সম্ভব বলে জানিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

    আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যের অবস্থান জানাতে হবে। পুরসভার (Berhampore Municipality) আইনজীবী অরিন্দম দাস আদালতে বলেন, রাজ্য ওই টাকা মিটিয়ে দিলে তা কর্মীদের বকেয়া মেটানোর কাজে ব্যবহার করা যাবে। বছরের পর বছর ওইসব সম্পত্তির কর বাবদ টাকা বকেয়া রয়েছে রাজ্যের কাছে। ফলে পুরসভার আয় বাড়ছে না।

    পুরসভার বকেয়া রাজ্যের কাছে

    প্রসঙ্গত, পুরসভার (Berhampore Municipality) প্রায় ৫০০ জন অবসরপ্রাপ্ত কর্মী বকেয়া গ্র্যাচুয়িটি না পাওয়ার অভিযোগ তোলেন। এই অভিযোগে বহরমপুর পুরসভায় (Berhampore Municipality) অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশ হাইকোর্টে মামলাও করেন। সেই মামলায় বহরমপুর পুরসভার তরফে হাইকোর্টে জানানো হয়, এত সংখ্যক কর্মীর বকেয়া মেটানোর মতো টাকা তাদের কাছে নেই। রাজ্যের কাছে পুরসভার অনেক টাকা বকেয়া রয়েছে। সেই টাকা মেটাচ্ছে না রাজ্য। 

    পুরসভার কর্মীরা রাজ্যের কর্মচারী নন, আদালতে জানায় রাজ্য

    যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়, পুরসভার কর্মীরা তাদের কর্মী নয়। তারপরেও তারা পেনশনের ৪০ শতাংশ পুরসভাগুলিকে ওই বাবদ মেটায়। কিন্তু গ্র্যাচুয়িটি বাবদ টাকা দেওয়া সম্ভব নয়। এরপর হাইকোর্ট রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলে। শুধু বহরমপুরই নয়, রাজ্যের বহু পুরসভার কয়েক হাজার অবসরপ্রাপ্ত কর্মী চরম সমস্যায় পড়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। এদিন পুরসভা রাজ্যের কাছে বকেয়া সংক্রান্ত হিসেব আদালতের কাছে পেশ করে। সেই হিসেব দেখেই হাইকোর্ট তাদের কাছের প্রাপ্য মিটিয়ে দেওয়ার ব্যাপারে রাজ্যের অবস্থান জানতে চায়। ওই টাকা দিয়ে পুরসভা (Berhampore Municipality) অবসপ্রাপ্ত কর্মীদের বকেয়া মেটাবে বলে আদালতে জানায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: পুরসভার নিয়োগ দুর্নীতিতেও এবার সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

    Recruitment Scam: পুরসভার নিয়োগ দুর্নীতিতেও এবার সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরসভায় নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) তদন্ত করতে পারবে সিবিআই। শুক্রবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজন মনে করলে নতুন এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই, নির্দেশ বিচারপতির। তিনি জানান, চাইলে অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে পুরসভা নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্ত করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২৮ এপ্রিল এই সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট পেশ করবে সিবিআই, নির্দেশ বিচারপতির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সহযোগিতা করতে ডিজি এবং মুখ্যসচিবকে নির্দেশ দেন তিনি। 

    সিবিআইকে নির্দেশ

    নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অন্যতম অভিযুক্ত অয়ন শীলের বাড়িতে তল্লাশির সময় পুরসভায় নিয়োগ সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার করে ইডি। এর পর জানা যায়, রাজ্যের অন্তত ৭০টি পুরসভায় নিয়োগে দুর্নীতি (Recruitment Scam) হয়েছে। যার মূল হোতা ছিলেন অয়ন শীল। নিয়োগ দুর্নীতিতে অয়ন শীল ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যও পেয়েছে ইডি। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন শ্বেতা। তাঁকে প্রায় ৫ ঘণ্টা জেরা করেন ইডির গোয়েন্দারা। ইডি সূত্রে খবর, জেরায় শ্বেতা চক্রবর্তী অন্তত ৮ জন প্রভাবশালীর নাম বলেছেন যাঁরা নিয়মিত অয়নের সঙ্গে যোগাযোগ রাখতেন। বিষয়টি সম্পর্কে সিবিআইকে জানায় ইডি। এর পর এই দুর্নীতির তদন্ত করতে চেয়ে আদালতে আবেদন করে সিবিআই। সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চাইলে তদন্ত করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    বিচারপতির  ভর্ৎসনা

    প্রসঙ্গত, এদিন অয়ন শীলের বাড়িতে উদ্ধার করা নথির তথ্য মুখবন্ধ খামে আদালতে জমা দেয় ইডি। এরপর নির্দিষ্ট কোনও পুরসভা নয়, সামগ্রিকভাবে পুর নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তভার-ই সিবিআই-এর হাতে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন রীতিমতো ভর্ৎসনার সুরে তিনি বলেন, ‘সাধারণ মানুষ মাত্র ১০ হাজার টাকা আয় করতে হিমশিম খাচ্ছেন। ১০ হাজার টাকা উপার্জনের জন্য খেটে মরছেন। আর এক-একজনের কাছে এত এত টাকা!  অর্পিতা মুখোপাধ্যায়েরদের কাছে এত টাকা আসে কোথা থেকে? একাংশ রাজনৈতিক নেতাদের কাছে কোটি কোটি টাকা! আসছে কোথা থেকে? এইসব নেতাদের ছুঁলেই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আর সাধারণ মানুষকে ছুঁয়ে দেখুন বাজারে তাদের কত দেনা আছে। সাধারণ মানুষ সব জানা উচিত। যারা এই দেশের মালিক। দুটো, চারটে, পাঁচটা ব্যাবসা থাকলেই কেউ দেশের মালিক হয়ে যায় না। দেশের আসল মালিক তার জনগণ।’ 

    আরও পড়ুন: নিয়োগ কেলেঙ্কারিকাণ্ডে আরও এক তৃণমূল বিধায়কের বাড়িতে হানা সিবিআইয়ের

    ইডির প্রশংসা

    এদিন, ইডির কাজের প্রশংসা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ‘তুলনা করলে ইডি সিবিআইয়ের থেকে ভালো ভূমিকা গ্রহণ করছে। ইডি বুদ্ধিমত্তার সঙ্গে ভালো কাজ করছে।’এদিন সিবিআই-কেও শংসাপত্র দেন বিচারপতি। তিনি জানান, শেষ দু’মাসের থেকে এখন সিবিআই ভালো পারফরম্যান্স করছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা! আজ রাতেই বৃষ্টির সম্ভাবনা?

    Weather Update: সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা! আজ রাতেই বৃষ্টির সম্ভাবনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে সুখবর শোনাল হাওয়া অফিস (Weather Update)। আজ, শুক্রবার সন্ধ্যের পর শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। এদিন সকাল থেকেই তাপমাত্রার পারদ কিছুটা নেমেছ। শুক্রবার সকাল থেকে শহরের আকাশের ভোল পাল্টেছে। চড়া রোদ উধাও হয়ে গিয়েছে। আকাশে আনাগোনা শুরু হয়েছে মেঘের। আজ রাতেই বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে।

    স্বস্তির বৃষ্টি

    গত সপ্তাহ থেকেই তাপমাত্রা ব্যাপক হারে বাড়তে শুরু করেছিল। বৃষ্টির কোনও আশা দেখাতে পারছিল না আবহাওয়া দফতর। তবে এবার হাওয়া বদলাতে শুরু করেছে। সূত্রের খবর, পশ্চিমি ঝঞ্ঝার কারণেই বৃষ্টি নামার সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত, রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কিছু জেলায় আজ থেকেই বৃষ্টি নামার আশা। মার্চে গরম থেকে রেহাই দিয়েছিল একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। এ বারও ত্রাতা তেমনই একটি ঝঞ্ঝা। মেঘ-বৃষ্টির হাত ধরে ৩-৫ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, আশ্বাস হাওয়া অফিসের। কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসে।

    আরও পড়ুুন: ‘জীবনকৃষ্ণের মোবাইলের তথ্য মিললে তৃণমূল উঠে যাবে’! কেন বললেন সুকান্ত?

    তাপপ্রবাহে ইতি

    কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েক দিন ধরে প্রবল গরমে হাঁসফাঁস করেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কলকাতাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল। তবে, আর নয়,আপাতত ইতি তাপপ্রবাহে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি। উত্তরের জেলাগুলিতেও রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘জীবনকৃষ্ণের মোবাইলের তথ্য উদ্ধার হলে তৃণমূল উঠে যাবে’! কেন বললেন সুকান্ত?

    Sukanta Majumdar: ‘জীবনকৃষ্ণের মোবাইলের তথ্য উদ্ধার হলে তৃণমূল উঠে যাবে’! কেন বললেন সুকান্ত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের পুলিশি বাধার মুখে বিজেপির (BJP) রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। দিন কয়েক আগে হাওড়ার শিবপুর যেতে বাধা দেওয়া হয়েছিল সুকান্তকে। পরে ফের বাধা পান রিষড়া যাওয়ার পথে। এবার বাধা দেওয়া হল মুর্শিদাবাদের বড়ঞা যাওয়ার পথে। নিয়োগ কেলেঙ্কারিতে (Recruitment Scam) জড়িয়েছে বড়ঞার বিধায়ক তৃণমূলের জীবনকৃষ্ণ সাহার নাম। তদন্তকারীরা আসছেন খবর পেয়েই নিজের মোবাইল পুকুরে ছুড়ে ফেলে দেন জীবন। ওয়াকিবহাল মহলের ধারণা, দলের উচ্চতর নেতৃত্বকে বাঁচাতেই ওই কাজ করেছিলেন জীবন। পুকুরে জল ছেঁচে সেই ফোন উদ্ধার করেন তদন্তকারীরা। বৃহস্পতিবার বিকেলে সেই পুকুর পরিদর্শনে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। তার আগে কান্দিতে সংবর্ধনা দেওয়া হয় তাঁকে।

    সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) বাধা পুলিশের…

    এই অনুষ্ঠান শেষেই বড়ঞার আন্দি গ্রামের উদ্দেশে রওনা দেন সুকান্ত (Sukanta Majumdar)। সেখানকার বাসস্ট্যান্ডে বিজেপি নেতাদের পথ আগলায় বড়ঞা থানার পুলিশ। ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করা হয় বিজেপি নেতাদের। বিজেপি নেতা-কর্মীরা ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি নেতাদের। বিজেপির দাবি, বড়ঞার পশ্চিমপাড়া এলাকায় একটি সভা করার জন্য পুলিশের অনুমতি মিলেছিল। শেষতক সেই অনুমতি প্রত্যাহার করে নেয় পুলিশ। বিজেপির রাজ্য সভাপতি বলেন, ১৪৪ ধারা জারি না থাকলে কোনও জনপ্রতিনিধিকে ভারতের কোনও স্থানে যেতে পুলিশ বাধা দিতে পারে না।

    আরও পড়ুুন: জনসংখ্যা সম্পদ! কিন্তু তা বাড়তি বোঝাও হয়ে দাঁড়ায়, মত মোহন ভাগবতের

    সুকান্ত (Sukanta Majumdar) বলেন, কোনও কারণ ছাড়াই পুলিশ আমাদের আটকে দিয়েছে। পুলিশ বলেছে পুকুর দেখতে গেলে পুকুরের মালিকের কাছে এনওসি আনতে হবে। তিনি বলেন, এই প্রথম আমরা দেখলাম, কেউ পুকুর পাড়ে যাবে সেজন্য এনওসি দরকার। বিজেপির রাজ্য সভাপতি বলেন, এরপর আমরা অপেক্ষায় আছি মুখ্যমন্ত্রী নোটিশ বার করবেন পুকুরে কেউ মাছ ধরতে গেলে, বাসন মাজতে গেলে, স্নান করতে গেলে এনওসি আনতে হবে, রাজ্য সরকারের কাছে ৫টাকা জমা দিতে হবে। সুকান্ত বলেন, জীবনকৃষ্ণের মোবাইল ধরা পড়ার পর পুরো রাজ্য প্রশাসন ভয়ে তটস্থ। মুখ্যমন্ত্রী ভয়ে থরথর করে কাঁপছেন। হয় পিসি নয় ভাইপো প্রতিদিন কেউ না কেউ প্রেস কনফারেন্স করছেন। সেই ভয়ের কাঁপুনি এখানেও দেখা যাচ্ছে। তিনি বলেন, জীবন কৃষ্ণ নামের তৃণমূল কংগ্রেসের জীবন ভ্রমরটা এখানেই লুকিয়ে রয়েছে। সুকান্ত বলেন, ওই মোবাইলে এমন কিছু আছে, যেটা বের হয়ে গেলে তৃণমূল কংগ্রেস দলটাই আর থাকবে না।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • DA Protest: বকেয়া মহার্ঘভাতা নিয়ে আজ সরকারি কর্মীদের সঙ্গে বৈঠক রাজ্যের

    DA Protest: বকেয়া মহার্ঘভাতা নিয়ে আজ সরকারি কর্মীদের সঙ্গে বৈঠক রাজ্যের

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিএ আন্দোলনকারীদের (DA Protest) সঙ্গে আজ, বিকেলে আলোচনায় বসতে চলেছে রাজ্য সরকার। মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে জট কাটাতে আজ নবান্নে সরকারি কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে বিকেল ৪ টে ৩০ মিনিট থেকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌরহিত্যে সেই বৈঠক শুরু হতে চলেছে। এরই মধ্যে ডিএ আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, বৈঠকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে, সেগুলি লিখিতভাবে সরকারকে দিতে হবে। 

    বৈঠকে সকলকে স্বাগত

    আদালতের নির্দেশে শহিদ মিনারে আন্দোলনরত যৌথ সংগ্রামী মঞ্চের সরকারি কর্মচারীদের তরফে ৫ জন থাকার নির্দেশ দেওয়া হয়। গতকাল সেই সংখ্যা বাড়িয়ে ৬ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।আজ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে, আরও বেশ কয়েকটি সংগঠন আলোচনায় অংশগ্রহণ করতে চেয়ে আবেদন জানিয়েছেন। যাঁরা আসতে চান সবাইকে স্বাগত। কিন্তু একটি সংগঠনের তরফে একজনই থাকতে পারবে। রাজ্যের আবেদনে সম্মতি দেয় আদালত।

    হাইকোর্টের নির্দেশে বৈঠক

    হাইকোর্টের নির্দেশ মেনে ডিএ (DA Protest) আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য সরকার। বৈঠকে থাকতে পারেন অর্থসচিবও। বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনারে লাগাতার আন্দোলনে চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। বারবার আদালতের দ্বারস্থ হয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন। ১৭ এপ্রিলের মধ্যে কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারকে বৈঠকে বসতে নির্দেশ দেওয়া হয়েছিল।  এই সময়সীমার মধ্যে ২ পক্ষের বৈঠক হয়নি। এরপর, চলতি সপ্তাহের সোমবার দ্রুত সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য রাজ্যকে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। হাইকোর্টের সেই নির্দেশ মেনে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার।

    বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ

    এই বৈঠক নিয়ে এখনই কিছু বলতে নারাজ আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘বৃহস্পতিবার নবান্ন থেকে রাজ্য সরকারের তরফে সংগ্রামী যৌথ মঞ্চকে ইমেল এবং ফোন করা হয়। কলকাতা হাইকোর্ট যে বৈঠকের নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মতো ২১ এপ্রিল বিকেল ৪ টে ৩০ মিনিট থেকে বৈঠক হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। সেই বৈঠকে আমাদের পাঁচ প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেইমতো আমাদের পাঁচ প্রতিনিধিকে নিয়েই সেই বৈঠকে হাজির থাকব আমরা। আশা করি, এই বৈঠকে সদর্থক ভূমিকা পালন করবে রাজ্য সরকার।’ আন্দোলনকারীদের (DA Protest) কথায়, বৈঠকে কী কী আলোচনা হয়েছে, তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। 

    আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর জন্য বরাদ্দ বকেয়া টাকা চেয়ে রাজ্যকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

    উল্লেখ্য ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ হারে ডিএ পান। যা অন্যান্য রাজ্যের থেকে অনেক কম বলে দাবি রাজ্য সরকারি কর্মচারীদের। সেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে ডিএ (DA Protest) পান। বকেয়া ডিএ-র দাবিতে এর আগে একাধিকবার কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তা নিয়ে সরকার ও কর্মচারীদের মধ্যে টানাপোড়েন কম হয়নি। ৮৪ দিনে পড়েছে সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন। এবার তাঁদের ডাক পড়ল আলোচনায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Home Ministry: কেন্দ্রীয় বাহিনীর জন্য বরাদ্দ বকেয়া টাকা চেয়ে রাজ্যকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

    Home Ministry: কেন্দ্রীয় বাহিনীর জন্য বরাদ্দ বকেয়া টাকা চেয়ে রাজ্যকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় বাহিনীর বকেয়া টাকা চেয়ে রাজ্যের উপর চাপ বাড়াল স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। লিখিত বার্তায় মন্ত্রক জানিয়েছে, বকেয়া থাকায় মূল অর্থের উপর জরিমানা ধার্য হয়েছে। ফলে এখন প্রায় ১৮৫২ কোটি টাকা মেটানোর কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) বারবার নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রাজ্যের যে বিপুল বকেয়া রয়েছে তা একবারও মুখে আনেননি মুখ্যমন্ত্রী।

    স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি

    স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry) থেকে যে চিঠি নবান্নে এসেছে তাতে বকেয়া মেটানোর কথা লেখা রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এই খাতে রাজ্যের কাছে বকেয়া রয়েছে প্রায় ১৮০৬ কোটি টাকা। আর একই বছরে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আরও বকেয়া হয়েছে প্রায় ২১ কোটি টাকা। স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ম অনুযায়ী, এই বকেয়া ৯০ দিনের মধ্যে মিটিয়ে না দিলে ২.৫% হারে জরিমানা করা হয়। তাতে প্রায় ৪৪ কোটি টাকা বাড়তি চেপেছে। ফলে বকেয়া টাকার অঙ্ক ১৮৫২ কোটি টাকাতে পৌঁছে গিয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে কেন্দ্র–রাজ্য কোনও পক্ষই রকারি ভাবে মন্তব্য করতে চায়নি।

    আরও পড়ুন: ভিজল ডুয়ার্স! দক্ষিণবঙ্গে আজও চলবে তাপপ্রবাহ, সব জেলায় বৃষ্টি কবে?

    নির্বাচন, আইনশৃঙ্খলা-সহ একাধিক কারণে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন হয়ে থাকে। প্রায় সব ক্ষেত্রেই বাহিনী বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ রাজ্যের কাছে দাবি করে কেন্দ্র। রাজ্য প্রশাসনিক সূত্রের বক্তব্য, রাজ্য নিজে থেকে কেন্দ্রীয় বাহিনী সাধারণত চায় না। নির্বাচন থাকলে জাতীয় নির্বাচন কমিশনের সুপারিশে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসে। এ রাজ্যে গত কয়েকটি নির্বাচনে বিপুল সংখ্যক বাহিনী পাঠানো হয়েছিল। ফলে যে কর্তৃপক্ষ বাহিনী পাঠানোর সুপারিশ করেন, তাদেরই খরচের বিষয়টা দেখা দরকার। তা রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যুক্তিযুক্ত নয়। সাম্প্রতিক কালে বাংলার বকেয়া নিয়ে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। কিন্তু রাজ্যকেও যে কেন্দ্রকে টাকা দিতে হবে তা স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) চিঠিতে স্পষ্ট। সামনে পঞ্চায়েত নির্বাচন। তারপর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সেখানে রাজ্যের পক্ষ থেকে এই বকেয়া মেটানো না হলে সেটা প্রচারের আলোয় আনা হবে, বলে দাবি বিরোধীদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: বাধা নিরাপত্তা, তাই মমতার কল রেকর্ড প্রকাশ্যে আনলেন না শুভেন্দু

    Suvendu Adhikari: বাধা নিরাপত্তা, তাই মমতার কল রেকর্ড প্রকাশ্যে আনলেন না শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি রাজ্যের বিরোধী দলনেতা। দায়িত্বশীল বিধায়কও। তাই নিরাপত্তার খাতিরে মুখ্যমন্ত্রীর কল রেকর্ড প্রকাশ্যে আনলেন না নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার তিনি বলেন, আপনি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। নিরাপত্তা সংক্রান্ত অনেক রকম ব্যাপার থাকে। নিরাপত্তার জন্যই আপনার কল রেকর্ড প্রকাশ্যে আনা যায় না। তাই আনছি না।

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)…

    মঙ্গলবার সিঙ্গুরের এক জনসভায় রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির (BJP) শুভেন্দু অধিকারী বলেছিলেন, তৃণমূলের জাতীয় দলের মর্যাদা চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে চারবার ফোন করে হাতে পায়ে ধরেছিলেন। শুভেন্দুর সেই দাবিকে মিথ্যাচার বলে দাবি করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেছিলেন, সত্যি প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব।

    এদিনই শুভেন্দু (Suvendu Adhikari) দাবি করেছিলেন, বৃহস্পতিবার দুপুরে মমতার কল রেকর্ডিং প্রকাশ্যে এনে সব ফাঁস করবেন। তবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দিকটির কথা ভেবে কল রেকর্ড প্রকাশ্যে আনলেন না রাজ্যের বিরোধী দলনেতা। যদিও তাঁর দাবি যে নিছক ভুয়ো নয়, তাও জানান শুভেন্দু। তৃণমূলকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, আপনারা আমার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন। সেই মামলা করুন। কারণ সে ক্ষেত্রে মামলার সূত্রেই মুখ্যমন্ত্রীর কল রেকর্ডিংয়ের তথ্য প্রকাশ্যে আনতে বাধ্য হবে সংশ্লিষ্ট টেলি যোগাযোগ সংস্থা।

    আরও পড়ুুন: ঈদের জন্য রেড রোড ও ময়দানের প্রস্তুতির যাবতীয় খরচ এবার করছে মমতার সরকার!

    প্রসঙ্গত, মঙ্গলবার শুভেন্দুর ওই মন্তব্যের পর বুধবারই তৃণমূলের তরফে একটি চিঠি পাঠানো হয় রাজ্যের বিরোধী দলনেতাকে। সেই চিঠির সারমর্ম হল, শুভেন্দু ওই মন্তব্য প্রত্যাহার না করলে, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিন সাংবাদিক বৈঠক করে শুভেন্দু বুঝিয়ে দিলেন, তৃণমূলের চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেন, আদালতে মামলা হলেই দুধ আর জল স্পষ্ট হয়ে যাবে। এদিন নন্দীগ্রামের বিধায়ক বলেন, আপনি প্রশাসনিক কর্ত্রী। আপনার ফোনের ডিটেল, কলের ডিটেল জনসমক্ষে আনা যায় না। আমি তা জনসমক্ষে আনতেও চাই না। একমাত্র আইন বা আদালতের হস্তক্ষেপ ছাড়া তা জনসমক্ষে আসে না।

    তিনি বলেন, আপনি মামলা করুন। ট্রাইকেও (TRAI) আমি পার্টি করব। ৪ মার্চ থেকে ১২ এপ্রিল আপনার দুটি ল্যান্ড ফোনের কল রেকর্ড আদালতের কাছে তারা দিতে বাধ্য হবে। তাহলেই দুধ ও জল স্পষ্ট হয়ে যাবে। শুভেন্দু বলেন, আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আপনিও আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: তৃণমূলের কমিটিতে চারজন সিভিক ভলান্টিয়ারের নাম! শোরগোল

    TMC: তৃণমূলের কমিটিতে চারজন সিভিক ভলান্টিয়ারের নাম! শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব বর্ধমান জেলায় তৃণমূলের (TMC) যুব এবং ব্লক কমিটিতে চারজন সিভিক ভলান্টিয়ারের নাম! এদের একজন আবার ব্লক কমিটির সভাপতি, অপর তিনজন ব্লক কমিটির সদস্য। সদ্য প্রকাশিত তৃণমূল জেলা যুব কমিটি এবং মাস কয়েক আগে প্রকাশিত তৃণমূলের ব্লক কমিটিতে কালনা ২ নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের দায়িত্বে এলাকার চার সিভিক ভলান্টিয়ারের নামের তালিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদের মধ্যে তিন সিভিক ভলান্টিয়ার কালনা থানার অধীনে কর্মরত। ওই তিনজন হলেন সঞ্জয় ঘোষ, সৈকত পূজারি এবং রেজাউল মন্ডল। বাকি একজন সৌভিক ঘোষ। ওই এলাকার তৃণমূলের ব্লক সভাপতির দাবি, নাম থাকতেই পারে। এর মধ্যে তিনি অন্যায় কিছু দেখছেন না। তিনি যাই বলুন, দলের কমিটিতে সিভিক ভলান্টিয়ারদের নাম ওঠায় অস্বস্তিতে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল। 

    কী বলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের বক্তব্য, সিভিক ভলান্টিয়ার ডিউটির পরে রাজনীতি করতেই পারে। আসলে বিরোধীদের কোনও কাজ না থাকায় তারা এই নিয়ে খোঁচাখুঁচি করছে। গণতান্ত্রিক অধিকার তো সব মানুষেরই আছে। রাজনৈতিক দল করারও স্বাধীনতা আছে। যারা সরাসরি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মচারী, তারা রাজনীতি করতে পারে না। কিন্তু সিভিক ভলান্টিয়াররা তো রাজ্য সরকারের কর্মচারী নয়। তারা মাস গেলে একটা ভাতা পায়। এরা শ্রম দেয় এবং তার বিনিময়ে সরকার তাদের কিছু মজুরি দেয়। সংবিধান বা আইনগতভাবে কোনও বাধা আছে বলে আমার মনে হয় না। বিজেপির তো পায়ের তলায় মাটি নেই। তাই যতটা সম্ভব বিব্রত করার চেষ্টা করে যাচ্ছে।

    তীব্র সমালোচনায় বিজেপি

    স্থানীয় বিজেপি নেতা বলেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। দল এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। এরা তো প্রশাসনের সঙ্গে যুক্ত। তাহলে তৃণমূল (TMC) দলের পদাধিকারী হয়ে তারা কী করে নিরপেক্ষভাবে পঞ্চায়েত ভোট পরিচালনা করবে? এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা দাবি করেছি, পঞ্চায়েত নির্বাচনে কোনও সিভিক ভলান্টিয়ারকে কাজে লাগানো যাবে না। সিভিক ভলান্টিয়ারদের দিয়ে সরকার যে আসলে পার্টির কাজ করায়, এই ঘটনায় সেটা প্রমাণ হয়ে গেল। আসলে ভলান্টিয়ারদের মাধ্যমে বিরোধী দলের কোন নেতা কী করছেন, কোথায় যাচ্ছেন, সেই সমস্ত খবরাখবর নেওয়া হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Atiq Ahmed: আতিক খুনের প্রতিবাদে বাংলায় পুলিশি ঘেরাটোপে মোমবাতি মিছিল! কারা করল?

    Atiq Ahmed: আতিক খুনের প্রতিবাদে বাংলায় পুলিশি ঘেরাটোপে মোমবাতি মিছিল! কারা করল?

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশে আতিক আহমেদকে (Atiq Ahmed) গুলি করে খুন করার ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে মোমবাতি মিছিল করল রাজা ইসলামিক মিশন নামে একটি সংগঠন। উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামগঞ্জ এলাকায়। ১৬ এপ্রিল সন্ধ্যায় রামগঞ্জ বাজারে এই মোমবাতি মিছিল হয়। মিছিলে সংগঠনের বহু সদস্য পা মেলান। আতিক আহমেদ খুন হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছিলেন, উত্তরপ্রদেশে নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ার ছবি দেখে আমি স্তম্ভিত। পাল্টা টুইট করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, পশ্চিমবঙ্গের নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতি দেখে আপনি কবে স্তম্ভিত হবেন? স্বাভাবিকভাবে আতিক আহমেদ (Atiq Ahmed) ইস্যুতে রাজনৈতিক নেতাদের মধ্যে তর্ক, বিতর্কের মাঝে ১৬ এপ্রিল রাজা ইসলামিক মিশনের ব্যানারে প্রকাশ্যে মোমবাতি মিছিল হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একজন দাগি দুষ্কৃতীর মৃত্যুর ঘটনায় মোমবাতি মিছিল করা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

    কী বললেন মোমবাতি মিছিলের উদ্যোক্তারা?

    মোমবাতি মিছিলে রাজা ইসলামিক মিশনের সঙ্গে একাধিক সংগঠনের সদস্যরা ছিলেন বলে উদ্যোক্তাদের দাবি। মোমবাতি মিছিলের একটি ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, সকলের হাতে মোমবাতি ছিল। আর পিছনে পুলিশের একটি গাড়ি এসকর্ট করে মিছিলটি নিয়ে যাচ্ছিল। মিছিল শেষে সংগঠনের সদস্যরা উত্তরপ্রদেশ সরকার মুর্দাবাদ বলে স্লোগান দেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও তাঁরা কটাক্ষ করেন। পাশাপাশি এই রাজ্যের পুলিশের প্রশংসা করেন তাঁরা। রাজা ইসলামিক মিশনের সভাপতি আসজাদ রাজা বলেন, উত্তর প্রদেশে আতিক আহমেদকে (Atiq Ahmed) যে ভাবে খুন করা হয়েছে, তাতে সংবিধানকে খুন করা হয়েছে। কারণ, আতিকের সাজা ঘোষণা হয়ে গিয়েছে। তার উপর পুলিশের সামনে দুষ্কৃতীরা হামলা চালাল? পুলিশের সামনে হামলা হওয়ার পরও পাল্টা হামলা পুলিশ করল না। উত্তরপ্রদেশ প্রশাসন গুন্ডা, মাফিয়াদের বাড়িতে বুলডোজার চালায়। আতিককে (Atiq Ahmed) যারা খুন করল তাদের বাড়িতে বুলডোজার কবে চালানো হবে? এই ঘটনার প্রতিবাদে আমরা এদিন শান্তিপূর্ণ মিছিল করেছিলাম। পুলিশও আমাদের সঙ্গে ছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Baby: হাসপাতালে মায়ের কোল থেকে সদ্যোজাত শিশু চুরি! শোরগোল এলাকায়

    Baby: হাসপাতালে মায়ের কোল থেকে সদ্যোজাত শিশু চুরি! শোরগোল এলাকায়

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক সদ্যোজাত শিশু চুরির ঘটনা ঘটেছে। যা নিয়ে হাসপাতাল জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়িবাড়ি বাতাসির চব্বিশ বছরের গৃহবধূ রঞ্জিতা সিংহ ১৮ এপ্রিল খড়িবাড়ি ব্লক হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দেন। প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বুধবার তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার ২৪ ঘণ্টার মধ্যেই এদিন দুপুরে ওই প্রসূতির বেড থেকে সদ্যোজাত পুত্রসন্তানকে তুলে নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে।

    ঠিক কী ঘটেছিল?

    প্রসূতির পাশের বেডের এক রোগীর আত্মীয়া বলেন, এদিন বেলা বারোটার পর রঞ্জিতা সিংহ নামে ওই প্রসূতির কোলে শিশুটি ছিল। প্রসূতিকে খাইয়ে দিচ্ছিলেন তাঁর মা। সে সময় তাঁর সন্তান কাঁদছিল। অজ্ঞাত পরিচয় এক মহিলা এসে তাঁর শিশুসন্তানটিকে শান্ত করার নাম করে নিয়ে যায়। বলে তুমি খাও। বাইরে থেকে বাচ্চাকে ঘুরিয়ে নিয়ে আসছি। সরল বিশ্বাসে ওই প্রসূতি ও তাঁর মা তাঁদের সদ্যোজাত সন্তানকে ওই মহিলার হাতে তুলে দেন। তার পরই মহিলা ওয়ার্ড থেকে বেরিয়ে যায়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও শিশু নিয়ে মহিলা ফিরে না আসায় সকলে তার খোঁজ শুরু করে। কিন্তু, কোথাও তার হদিশ মেলেনি।

    কী বললেন প্রসূতির পরিবারের লোকজন?

    হাসপাতালের প্রসূতিদের এই ওয়ার্ড থেকে বাইরে বের হতে গেলে তিনটি গেট অতিক্রম করতে হয়। সেখানে বেসরকারি সিকিউরিটি গার্ড রয়েছে। তাহলে একটি শিশুকে নিয়ে এক মহিলা বেরিয়ে যাচ্ছে, তার ছুটি হয়েছে কি না বা সে কেন যাচ্ছে, তার কাছে ডিসচার্জ সার্টিফিকেট রয়েছে কি না-এসব যাচাই কেন করা হয়নি, সে নিয়ে প্রশ্ন উঠেছে। প্রসূতির স্বামী নিত্যানন্দ সিংহ বলেন, বেসরকারি সিকিউরিটি গার্ড যাঁরা গেটে রয়েছেন, তাঁরা কেন ওই মহিলাকে জিজ্ঞাসা করেননি। যে ওয়ার্ডে ঘুরছে, তার পরিচয় কি? যেখান থেকে আমার সন্তানকে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে বাইরে বের হতে গেলে প্রসূতি ওয়ার্ডের প্রধান গেটের পাশেই রয়েছে নার্স ও ডাক্তারের টেবিল। সেখানে অনেক নার্স ও ডাক্তার থাকার পরও তাঁদের নজরে কেন ধরা পড়ল না?

    কী বললেন হাসপাতালে সুপার?

    এদিকে খবর পেয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পুলিশ আউটপোস্ট তদন্তে নামে। মেডিক্যাল কলেজের মূল গেটে পুলিশের লাগানো সিসিটিভিতে ধরা পড়ে, এক মহিলা একটি টোটোতে করে বাচ্চা নিয়ে যাচ্ছে। পুলিশ টোটোচালককে আটক করে জেরা করছে। কোথায় ওই মহিলাকে টোটোচালক ছেড়ে এসেছে তা জানার জন্য টোটোচালককে নিয়ে পুলিশ সেই মহিলার সন্ধানে বেরিয়েছে। কেন হাসপাতালের সব জায়গায় সিসিটিভি নেই, নিরাপত্তা কেন ঢিলে-ঢালা, প্রসূতি ওয়ার্ডে বাইরের লোক কী করে ঢোকে? এধরনের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক। তিনি বলেন, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share