Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Naushad Siddique Case: ‘কেন এতদিন ধরে জেলে ৮৮ জন?’, নওশাদ জামিন মামলায় রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

    Naushad Siddique Case: ‘কেন এতদিন ধরে জেলে ৮৮ জন?’, নওশাদ জামিন মামলায় রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে নওশাদ সিদ্দিকির (Naushad Siddique) জামিন মামলায় হাইকোর্টে বিচারপতির প্রশ্নের মুখে রাজ্য। কলকাতা হাইকোর্টে উঠল ভাঙড়ের বিধায়কের জামিন সংক্রান্ত মামলা। বুধবার এই মামলার শুনানিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি। ধর্মতলার কর্মসূচিতে একসঙ্গে ৮৮ জনকে কেন গ্রেফতার করা হল, পুলিশের কাছে জানতে চাইল বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ। অন্যদিকে বিধায়ক নওশাদ সিদ্দিকিকে এত দিন ধরে জেলে রাখা নিয়ে মুখ খুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। যদিও তিনি বিধানসভার স্পিকার নয়, একজন আইনজীবী হিসেবে প্রশ্ন করেছেন, নওশাদ (Naushad Siddique) এতদিন জেলে কেন?

    বিচারপতির প্রশ্নের মুখে রাজ্য

    প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের বিক্ষোভ কর্মসূচিতে ধুন্ধুমার কাণ্ড ডোরিনা ক্রসিংয়ে। সেখান থেকে নওশাদ-সহ বাকিদের গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে একাধিক মামলায় এখনও জেলেই রয়েছেন নওশাদ (Naushad Siddique)। আর এই নিয়েই বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের রাজ্যকে প্রশ্ন, একই ঘটনায় কেন ৮৮ জনকে গ্রেফতার? প্রতিরোধমূলক গ্রেফতারিতে কেন এতদিন ধরে জেলে ৮৮ জন? বিচারপতির আরও প্রশ্ন, ‘এই ধরনের ঘটনায় ১-২ জন নেতা বা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিকে হেফাজতে নিলেন সেটা ঠিক আছে, কিন্তু ৮৮ জন? এই ৮৮ জনের ভূমিকা প্রমাণ করার মত ভিডিও রেকর্ডিং আছে তো?’

    বুধবার হাইকোর্টে নওশাদের (Naushad Siddique) হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘একটি কর্মসূচিকে কেন্দ্র করে ৮৮ জনকে গ্রেফতার করে পুলিশ। এক মাসের বেশি সময় জেলে রয়েছেন তাঁরা।’ যা শুনে বিচারপতি প্রশ্ন করেন, ‘এমন কী গুরুত্বপূর্ণ বিক্ষোভ ছিল যে একসঙ্গে এতজনকে গ্রেফতার করতে হল পুলিশকে?’ একদিকে বিচারপতি যেমন রাজ্য ও পুলিশকে এই ঘটনায় তীব্র ভর্ৎসনা করেছেন, অন্যদিকে ভাঙড়ের বিধায়ক নওশাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট। বেঞ্চ বলে, ‘নেতাদেরও আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।’

    বিচারপতির নির্দেশ

    বিচারপতির প্রশ্নের পর রাজ্যের বক্তব্যে বিস্মিত কলকাতা হাইকোর্ট। রাজ্যের যুক্তি, আইএসএফের প্রতিষ্ঠা দিবসের নামে সাধারণ মানুষের সম্পত্তি নষ্ট করা হয়েছে। ভাঙচুর চালানো হয়েছে। পুলিশের মতে, এগুলি প্রতিরোধমূলক ব্যবস্থা। কিন্তু বিচারপতিরও প্রশ্ন, একটা মিছিল থেকে ৮৮ জনকে কী করে গ্রেফতার করা হয়। ফলে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির জামিন সংক্রান্ত মামলায় সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ ও কারা আহত হয়েছে সেই সংক্রান্ত মেডিক্যাল রিপোর্ট পুলিশকে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ। আগামী ১ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।

    নওশাদের জামিন মামলায় মন্তব্য বিমান বন্দ্যোপাধ্যায়ের

    জেলে থাকার কারণেই বিধানসভার বাজেট অধিবেশনে যোগ দিতে পারেননি নওশাদ (Naushad Siddique)। সম্প্রতি, ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদকেও ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেলে থাকার নির্দেশ দিয়েছে আদালত। এদিন বুধবার নওশাদের জেল হেফাজতে থাকা নিয়ে প্রশ্ন করা হলে জবাব দিতে গিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর মতামত একজন আইনজীবী হিসেবে। এরপর আজ বিধানসভার স্পিকারকে নওশাদের (Naushad Siddique) পক্ষে বলতে শোনা গেল। তিনি তাঁর জেলে থাকা নিয়ে বলেন, ওনার আইনজীবীদের উচিত ছিল এ বিষয়ে যুক্তিযুক্ত ভাবে পদক্ষেপ করা। আমি ব্যক্তিগত ভাবে এত দিন জেলে রাখার মত কারণ আছে বলে মনে করি না।” আবার বিচারপতির মন্তব্যেও বলেন, “বিচারপতিরা তো বেল দিতেই পারেন। এমন কথা বলার কী মানে আছে? তিনি তো নির্দেশ দিতেই পারেন। বিচারপতি হিসেবে যদি উনি মনেই করেন যে, জামিন হয়ে যাওয়া উচিত ছিল। সে ভাবে তিনি নির্দেশ দিতেই পারেন। বেল হয়ে যাবে বলেই আইনজীবী হিসেবে মনে করি।” 

  • Madhyamik 2023: কমেছে মাধ্যমিকের পরীক্ষার্থী, নবম-দশম সিলেবাসে বদল আনার পরামর্শ বিচারপতি বসুর

    Madhyamik 2023: কমেছে মাধ্যমিকের পরীক্ষার্থী, নবম-দশম সিলেবাসে বদল আনার পরামর্শ বিচারপতি বসুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2023)। তার আগে বোর্ডকে মাধ্যমিকের সিলেবাস নিয়ে ভাবনাচিন্তা করার পরামর্শ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি।

    কী বলেন বিচারপতি? 

    বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি বসু ডেকে বলেন, “মাধ্যমিকে এত পড়ুয়া কমে যাচ্ছে। এখন থেকেই রাজ্যের সতর্ক হওয়া উচিত। মাধ্যমিকের সিলেবাস ঠিক করুন। সিলেবাস ঠিক না হলে সমস্যা বাড়বে। দয়া করে এ দিকে নজর দিন।”  

    এই বছর মাধ্যমিক পরীক্ষায় বসবেন ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী (Madhyamik 2023)। আগের বছরের তুলনায় এই সংখ্যা অনেকটাই কম। বিচারপতি বসু বলেন, “এ বছর মাধ্যমিকে চার লক্ষ পরীক্ষার্থী কমে গিয়েছে। এটা কেন হল রাজ্যকে ভাবতে হবে। শিক্ষক নিয়োগ করলে, সেই শিক্ষকেরা কাদের পড়াবেন সেটা আগে চিন্তা করা প্রয়োজন। পড়ুয়া না থাকলে শিক্ষক থেকে লাভ কী?”

    বিচারপতি আরও বলেন, “নবম-দশম শ্রেনির সিলেবাস ৪ বছরেরও বেশি পুরোনো। অন্যান্য বোর্ডের সঙ্গে সাযুজ্য রেখে সিলেবাসে সংস্কার করুক রাজ্য। সিলেবাসে বদল আনার কথা ভাবুক রাজ্যের শিক্ষা দফতর। আইসিএসই, সিবিএসই বোর্ডের থেকে কোনও অংশে কম নয় আমাদের মাধ্যমিক বোর্ডের পড়ুয়ারা।”

    আরও পড়ুন: মাঝারি ভূমিকম্পে কাঁপল দিল্লি, ভবিষ্যতে বড় ক্ষতির আশঙ্কা ভারতেও! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

    রাজ্যে শিক্ষক নিয়োগ প্রসঙ্গ উত্থাপন করে বিচারপতি বলেন, “শুধু শিক্ষক নিয়োগ হলে তাতে লাভ কী হবে (Madhyamik 2023)! ছাত্র সংখ্যা ৩০ আর সেখানে শিক্ষক ১২। দিনভর ঝগড়া চলছে সেখানে শিক্ষকদের মধ্যে। সিলেবাসে বদল আনার কথা ভাবুক রাজ্য।”     

    শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত রাজ্য সরকার। সেই মামলা এখন চলছে হাইকোর্টে। নতুন শিক্ষক নিয়গ প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু এরই মাঝে মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা  কমে যাওয়ায় চিন্তিত সকলে। মনে করা হচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের কারণেই রাজ্য সরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • TET Scam: অ্যাপ্টিটিউড টেস্ট কীভাবে নিতে হয় জানতেন না টেট পরীক্ষকরাই! মন্তব্যে ‘বিস্মিত’ বিচারপতি

    TET Scam: অ্যাপ্টিটিউড টেস্ট কীভাবে নিতে হয় জানতেন না টেট পরীক্ষকরাই! মন্তব্যে ‘বিস্মিত’ বিচারপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: নজিরবিহীন পদক্ষেপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার পরীক্ষার মুখে খোদ পরীক্ষকরাই। বন্ধ ঘরে ইন্টারভিউয়ারদের গোপন বয়ান নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর এই পরীক্ষকদের জিজ্ঞাসা করতেই বেরিয়ে এল আরও এক আশ্চর্যকর তথ্য। টেট পরীক্ষার অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া সেই পরীক্ষকদের একাংশ জানালেন, তাঁদের অনেকে জানতেনই না অ্যাপ্টিটিউড টেস্ট কী ভাবে নিতে হয়। আর এমনকী পরীক্ষকদের মধ্যে একজন বিচারপতিকে বলেছেন, বাংলায় কথা বলতে, ইংরেজি বুঝতে পারবেন না। ফলে খোদ পরীক্ষকদের এমন পরিস্থিতি দেখে প্রাথমিকে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠে গেল।

    কী ঘটেছিল?

    ২০১৪-এর টেটের প্রেক্ষিতে ২০১৬ সালে নিয়োগপ্রক্রিয়া সংগঠিত হয়েছিল। অভিযোগ, প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় প্রার্থীদের প্রয়োজনীয় অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হয়নি। নিয়োগের পরীক্ষায় অ্যাপ্টিটিউড টেস্টে নিয়ম না মানার অভিযোগ করেছিলেন চাকরিপ্রার্থীরা। সেই প্রেক্ষিতে এবার হুগলি, হাওড়া, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং মুর্শিদাবাদের ইন্টারভিউয়ারদের তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, পর্ষদের হলফনামা থেকে এটা স্পষ্ট যে প্রাথমিকের ২০১৬-র নিয়োগপ্রক্রিয়ায় কোনও অ্যাপ্টিটিউড টেস্ট হয়নি। ৪০ জনের সঙ্গে গতকাল জিজ্ঞাসাবাদ হওয়ার কথা থাকলেও এই জিজ্ঞাসাবাদ পর্বে উপস্থিত ছিলেন না হাওড়ার ইন্টারভিউয়াররা। ফলে মোট ৩০ জনকে জিজ্ঞাসা করেছিলেন বিচারপতি।

    পরীক্ষকদের কথা শুনে ‘স্তম্ভিত’ বিচারপতি গঙ্গোপাধ্যায়

    গতকাল এজলাসে নয়, হাইকোর্টের সার্ধশতবর্ষ ভবনের একটি ঘরে পরীক্ষকদের সঙ্গে কথা বলেন বিচারপতি। ১১টা ৪৫ থেকে শুরু হয় সেই প্রক্রিয়া। পরীক্ষকদের আশ্বস্ত করে বিচারপতি জানান, সামান্য কিছু প্রশ্ন করা হবে। এরপর নাম ডেকে একে একে ওই পরীক্ষকদের ঘরে ডাকা হয়। তাঁদের সঙ্গে একান্তে কথা বলেন বিচারপতি।

    আইনজীবী সূত্রে খবর, বন্ধ ঘরে উপস্থিত ইন্টারভিউয়ারদের প্রথমেই বিচারপতি অভয় দিয়ে বলেন, “আপনাদের কোনও ভয় নেই। ভয় পাওয়ার কোনও কারণ নেই। যা সত্যি তা আমায় জানাবেন। তবে বিচারকক্ষের বাইরে এ নিয়ে কোনও কথা বলবেন না।” এর পর সেখানেই কেউ কেউ বিচারপতিকে জানান, অ্যাপ্টিটিউড পরীক্ষা নেওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত ছিলেন না তাঁরা। এই পরীক্ষা কী, কীভাবে নিতে হয়, তা কিছুই জানতেন না তাঁরা। আবার তাঁদের কারও কারও ‘জ্ঞানের দৌড়’ দেখেও বিস্মিত বিচারপতি গঙ্গোপাধ্যায়। খবর মিলছে, এই ‘পরীক্ষক’-দের একজন নাকি জেরার শুরুতেই আর্জি জানান “বাংলায় বলুন সার! ইংরেজি বুঝতে পারব না।” যা শুনে স্তম্ভিত বিচারপতি।

    ফলে যাঁরা পরবর্তীতে শিক্ষক হতে চলেছেন, তাঁদেরই পরীক্ষা নিতে পারেননি এই ইন্টারভিউয়ার বা পরীক্ষকরা। ফলে তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছে বিচারপতি। এমনকী প্রাথমিকে ৪২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ নিয়েই ফের প্রশ্ন উঠে যাচ্ছে। আদালত সূত্রে খবর, এই মামলার পরবর্তী শুনানি ২৪ ফেব্রুয়ারি। তবে সে দিন আর রুদ্ধদ্বার শুনানি নয়। নিজের এজলাসেই মামলাটি শুনবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

  • SSC Scam: ‘‘অপেক্ষা করুন, কাকুর ভাইপো, তাঁর পিসির নামও চলে আসবে’’! নিয়োগ দুর্নীতিকাণ্ডে কটাক্ষ সুকান্তর

    SSC Scam: ‘‘অপেক্ষা করুন, কাকুর ভাইপো, তাঁর পিসির নামও চলে আসবে’’! নিয়োগ দুর্নীতিকাণ্ডে কটাক্ষ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে ফের নতুন নাম উঠে আসতেই আবারও হবু হাজতবাসের তালিকায় কারা থাকতে চলেছেন তা জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নাম না করেই সুকান্ত কটাক্ষ করে বলেছেন, ‘কালীঘাটে যখন ব্যাপারটা ঢুকে গেছে তখন খুব শিগগির এই কাকুর ভাইপো, সেই ভাইপোর পিসির নামও চলে আসবে। দাঁড়ান, অপেক্ষা করুন, আস্তে আস্তে সব হবে।’

    সুকান্তের তোপ

    কলকাতা আইসিসিআর-এ বিজেপির ২০২৪ লোকসভার বিস্তারকদের কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হল মঙ্গলবার। সেখানে রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক ও একাধিক বিধায়ক। ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। এই বৈঠক শেষে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে একহাত নেন। শুধু নিয়োগ দুর্নীতি নয়, রাজ্য সরকারি কর্মীদের ডিএ প্রদান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি ঘেরাও সংস্কৃতিকে তুলোধনা করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘বাড়ি ঘেরাও এই সংস্কৃতিকে আমরা বিশ্বাস করি না।’

    আরও পড়ুন: কে ‘কালীঘাটের কাকু’ তা খোলসা করলেন তাপস মণ্ডল, জানেন তাঁর বাড়ি কোথায়?

    কুন্তলের মুখে নয়া নাম

    এদিন যখন কালীঘাটের কাকুর নাম প্রথমবারের জন্য প্রকাশ্যে আনলেন তাপস মণ্ডল তখন কুন্তলের মুখে আবার শোনা গেল নতুন একটি নাম। নিজাম প্যালেসে ঢোকার সময়ে কুন্তল এদিন বিভাস অধিকারী বলে একজনের নাম বলেন। কে এই বিভাস অধিকারী? হাঁটতে হাঁটতে বলেন, ‘উনিও তাপস মণ্ডলের মতো একজন!’ বলেই লিফটে উঠে পড়েন।

    শুভেন্দুর কটাক্ষ

    সম্প্রতি, বালিগঞ্জে প্রায় দেড় কোটি টাকা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের তৃণমূল-যোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁর মতে, ‘কালীঘাটের কাকু, পিসি, ভাইপো, কাকিমা, বউমা, শ্যালিকা – সবাই একই ধাঁধার অংশ। পৃথকভাবে কেউ দোষী নন, অথচ সবাই একসূত্রে গাঁথা। কয়লা যতই ধোয়া হোক, তা কালোই থাকবে। ঠিক তোমাদের ভবিষ্যতের মতো’।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kajal Sheikh: ‘যে কোনও দিন খুন হয়ে যেতে পারি’! কেন এই আশঙ্কা তৃণমূল নেতা কাজল শেখের?

    Kajal Sheikh: ‘যে কোনও দিন খুন হয়ে যেতে পারি’! কেন এই আশঙ্কা তৃণমূল নেতা কাজল শেখের?

    মাধ্যম নিউজ ডেস্ক: যেকোনও দিন খুন হয়ে যেতে পারেন। বীরভূমের কর্মিসভায় প্রকাশ্যে এমনই আশঙ্কা প্রকাশ করলেন সে জেলার তৃণমূল নেতা কাজল শেখ। কাজল শেখ (Kajal Sheikh) বীরভূম তৃণমূলের জেলা কোর  কমিটির সদস্য। কিন্তু শাসক দলের নেতা কেন এই ভয় পাচ্ছেন?

    কী বলেন কাজল? 

    মঙ্গলবার বোলপুরের কঙ্কালীতলার এক কর্মিসভায় যোগ দিয়ে কাজল শেখ (Kajal Sheikh) বলেন, “বাড়ি থেকে বের হওয়ার সময় আমার মা মাথায় তিনটে চুমা দেয় এবং ঠাকুরের কাছে দোয়া করে যাতে আমি বাড়ি ফিরে আসি। কারণ আমার ঘরে শত্রু বাইরে শত্রু। আমি জানি যে কোন মুহূর্তে আমার প্রাণের বিপর্যয় ঘটতে পারে।”   

    অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর (Kajal Sheikh) লোক বলে পরিচিত কাজল। অনুব্রতর ভয়ে বেশ কিছুদিন ধরেই একঘরে হয়ে আছেন তিনি। এই মুহূর্তে জেলে রয়েছেন অনুব্রত। কেষ্ট জেলে যাওয়ার পর থেকে এই বিরোধী গোষ্ঠীর ওপর আরও ক্রুদ্ধ হয়েছে তাঁর অনুগামীরা। সম্প্রতি বীরভূমে গিয়ে দলের নতুন জেলা কোর কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিতে ঠাঁই হয় কাজল শেখের। সঙ্গে তৃণমূলনেত্রী জানান, এবার থেকে বীরভূমের সংগঠন দেখভাল করবেন তিনি নিজে।

    আরও পড়ুন: কর্মবিরতির পর ডিএ- র দাবিতে এবার ধর্মঘটের ডাক সরকারি কর্মচারীদের

    এদিনের সভা থেকে অনুব্রত অনুগামীদের নিশানা করেছেন অনুব্রত মণ্ডল (Kajal Sheikh)। কেষ্টর নাম না করে কাজলের দাবি, মানুষের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারেননি দলের কয়েক জন নেতা। তিনি বলেন, “আমাদের কিছু নেতা ছিলেন, যাঁরা মানুষের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করে উঠতে পারেননি। কালো কাচের গাড়িতে হাত নাড়িয়ে চলে যেতেন। কখনও করজোড় করেননি। তাই বিধানসভার ভোটে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে হেরে গিয়েছিলেন।”

    কাজল (Kajal Sheikh) আরও বলেন, “আমি কাউকে ভয় পাই না। আমি সত্যের পথে চলি। তাই কে কী বললেন, তাতে আমার কিছুই যায়-আসে না।” যদিও পরক্ষণেই তাঁর দাবি, “ঠিকমতো বাড়ি ফিরতে পারব কি না, সে আশঙ্কায় থাকি। ঘরেবাইরে অনেক শত্রু আমার। কখন কী করে দেবে! কিছু দিন আগেই বাইরে থেকে আসা দুষ্কৃতীরা আমাকে খুনের প্ল্যান করেছিল।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • CM Meeting: সভায় আসা ছাত্রদের দেওয়া হল ‘পচা বিরিয়ানি’! শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভায় বিতর্ক

    CM Meeting: সভায় আসা ছাত্রদের দেওয়া হল ‘পচা বিরিয়ানি’! শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভায় বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেওার আগে ছাত্রদের দেওয়া হল পচা বিরিয়ানির প্যাকেট। খাওয়ার অযোগ্য ওই বিরিয়ানি ফেলে দেয় ছাত্ররা। খালি পেটেই মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেয় তারা। পরে অবশ্য তাদের হাতে ভাল প্যাকেট তুলে দেওয়া হয়। এই নিয়ে বিতর্ক ছড়িয়েছে  শিলিগুড়িতে।

    অভুক্ত পড়ুয়ারা

    মঙ্গলবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর ভাষা দিবসের অনুষ্ঠানে যোগদানের জন্য স্থানীয় ১২টি স্কুলের প্রায় ১০০০ পড়ুয়াকে শিলিগুড়ি বয়েজ স্কুলে জড়ো করেছিল প্রশাসন। দুপুরে তাদের বিরিয়ানি খেতে দেওয়া হয়। কিন্তু প্যাকেট খুলতেই ছড়িয়ে পড়ে পচা গন্ধ। কয়েকজন ছাত্র শিক্ষকদের বিষয়টি বলে। শিক্ষকরা পরীক্ষা করে বলেন, এই বিরিয়ানি খাওয়ার যোগ্য নয়। এর পর বিরিয়ানি বিলি বন্ধ করে দেওয়া হয়। যে ছাত্ররা ইতিমধ্যে বিরিয়ানির প্যাকেট পেয়েছিল তারা ডাস্টবিনে ফেলে দেয়। কয়েকজন পড়ুয়া ওই বিরিয়ানি খেয়ে রীতিমতো বমি করতে শুরু করে। 

    মুখ্যমন্ত্রীর নির্দেশ

    খাবারের গুণগত মান নিয়ে স্কুল পড়ুয়ারও ক্ষোভ উগরে দেয়। এক ছাত্র বলে, “অনেকক্ষণ হল বাড়ি থেকে বেরিয়েছি। অনেকক্ষণ থাকতেও হবে। দুপুরে খাবার দেওয়া হবে বলে আগে থেকে জানানো হয়েছিল। তাই খাবার নিয়ে আসিনি। বিরিয়ানি খেতে গিয়ে দেখি পচা। বিকট গন্ধ বেরোচ্ছে। তাই ফেলে দিয়েছি।” পচা বিরিয়ানি কেন বিলি হল তা নিয়ে অবশ্য প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মমতা সভামঞ্চ থেকে এদিন পড়ূয়াদের জিজ্ঞেসও করেন যে তারা কিছু খেয়ে এসেছে কি না! উত্তরে পড়ুয়ারা গোটা ঘটনা জানায়। পড়ুয়াদের উদ্দেশে মমতাকে বলতে শোনা যায়, ‘‘খিদে পেয়েছে?’’ মঞ্চের সামনের দিকে বসে থাকা পড়ুয়ারা একযোগে বলে ওঠে ‘‘হ্যাঁ।’’ এরপর তাদের খাবারের প্যাকেট দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।  

    আরও পড়ুন: জটে জমি আটকে রেল (পর্ব-১১): ১৮ বছর ধরে আটকে সিউড়ি-প্রান্তিক রেলপথ সম্প্রসারণের কাজ      

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পড়ুয়াদের মধ্যাহ্নভোজের জন্য বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করেছিল অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। তারা স্থানীয় এক ক্যাটারারকে কয়েকশো প্যাকেট বিরিয়ানি তৈরির দায়িত্ব দেয়। ওই ক্যাটারারের দাবি, তাঁকে সোমবার রাতের মধ্যে বিরিয়ানি তৈরি করে প্যাকট পৌঁছে দিতে বলা হয়েছিল। তিনি নির্ধারিত সময়ে তা পৌঁছে দিয়েছিলেন। সেই বিরিয়ানি যদি পরদিন দুপুরে বিলি করা হয়, সেটা তাঁর দায় নয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • DA: কর্মবিরতির পর বকেয়া ডিএ-র দাবিতে এবার ধর্মঘটের ডাক সরকারি কর্মচারীদের, জানেন কবে?

    DA: কর্মবিরতির পর বকেয়া ডিএ-র দাবিতে এবার ধর্মঘটের ডাক সরকারি কর্মচারীদের, জানেন কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: যত দিন যাচ্ছে তত জোড়ালো হচ্ছে ডিএ- এর (DA) দাবিতে আন্দোলন। দুদিন ধরে কর্মবিরতির পর এবার ধর্মঘটের ডাক দিল সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। আগামী ৯ মার্চ রাজ্য জুড়ে স্কুল-সহ সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মীরা। ছাড় দেওয়া হয়েছে হাসপাতাল-সহ বেশ কিছু জরুরী পরিষেবাকে।

    মঙ্গলবার, কর্মবিরতির দ্বিতীয় দিনে তিক্ত অভিজ্ঞতা হয় আন্দোলনকারীদের (DA)। জেলায় জেলায় আন্দোলনকারী সরকারি কর্মচারীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়েছে অভিযোগ রয়েছে। হয়েছে হাতাহাতিও। গত দু’দিন বিভিন্ন জায়গায় আন্দোলন ভাঙার জন্য চেষ্টা করা হয়েছে। এমনকি মহিলাদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলকারীরা। এর প্রতিবাদে বুধবার সমস্ত সরকারি দফতরে ধিক্কার কর্মসূচি পালন করা হবে। টিফিনের সময় কর্মীরা কালো ব্যাচ পরে ধিক্কার দিবস পালন করবেন।   এই পরিস্থিতিতে ৯ মার্চ যৌথ ভাবে ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মী সংগঠন। কো-অর্ডিনেশন কমিটিও এই ধর্মঘটে সামিল হওয়ার ঘোষণা করেছে।    

    মঙ্গলবারই শেষ হয়েছে সরকারি কর্মীদের দু’দিনের কর্মবিরতি আন্দোলন। এর এদিন বিকালে বৈঠকে বসে যৌথ মঞ্চ (DA)। সেই বৈঠকে এই ধর্মঘটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক আন্দোলনকারী বলেন, “আমাদের সরকার বকেয়া ডিএ মেটানোর জন্য কোনও পদক্ষেপ নিচ্ছে না, তাই বাধ্য হয়ে ধর্মঘট ডাকতে হচ্ছে। শহীদ মিনারের পাদদেশে ২৬ দিন ধরে আমাদের আন্দোলন চলছে। ১২ দিন ধরে হচ্ছে অনশন। কিন্তু এরপরেও সরকার কোনও পদক্ষেপ নেয়নি।”

    আরও পড়ুন: প্রথমবার লোকসভায় গিয়েই দুরন্ত পারফরম্যান্স! ‘সংসদ রত্ন’ হচ্ছেন সুকান্ত মজুমদার”

    ধিক্কার কর্মসূচী 

    বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে গত দু’দিন ধরে যে কর্মবিরতির ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা (DA)। আন্দোলন সফল হয়েছে বলেও দাবি করেছেন তাঁরা (DA)। অন্যদিকে, গত এই কর্মবিরতি চলাকালীন বেশ কিছু জায়গায় সরকারের তরফে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে বুধবার সব সরকারি দফতরে ধিক্কার কর্মসূচির ডাকও দেওয়া হয়েছে।

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে বলেন, “দু’দিনের বন্‌ধে কিছু হবে না। জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ করে দিতে হবে। কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে বাড়ি যাবেন কর্মীরা।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Sansad Ratna Award 2023: প্রথমবার লোকসভায় গিয়েই দুরন্ত পারফরম্যান্স! ‘সংসদ রত্ন’ হচ্ছেন সুকান্ত মজুমদার

    Sansad Ratna Award 2023: প্রথমবার লোকসভায় গিয়েই দুরন্ত পারফরম্যান্স! ‘সংসদ রত্ন’ হচ্ছেন সুকান্ত মজুমদার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জয়ের রথ যেন থামতেই চাইছে না। জীবনে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই হয়েছিলেন সাংসদ। এবার এল আরও এক সাফল্য। প্রথমবার আইনসভায় এসেই দেশের সেরা সাংসদ হওয়ার তালিকায় নাম জুড়ল তাঁর। পেতে চলেছেন ‘সাংসদ রত্ন’ সম্মান (Sansad Ratna Award 2023)। একসময় এই সম্মান পেয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়, লালকৃষ্ণ আদবানি, প্রণব মুখার্জিরা। সেই দলেই নাম লেখাতে চলেছেন সুকান্ত। এ যেন এক বিরল নজির। প্রথম বার সাংসদ নির্বাচিত হয়েই এই সম্মান খুব কম মানুষই পেয়েছেন। 

    প্রথমবারের সাংসদ হলেও কোনও জড়তা ছিল না পেশায় অধ্যাপক সুকান্তর (Sansad Ratna Award 2023) মধ্যে। বরং প্রথম দিন থেকেই সাংসদে তাঁর উপস্থিতি, কড়া প্রশ্নবাণ, বার বার দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। আর সেই কারণেই তাঁর ঝুলিতে আসতে চলেছে এই সম্মান।

    তালিকায় দ্বিতীয় সুকান্ত   

    মঙ্গলবার দিল্লিতে সংসদ রত্ন পুরষ্কার কমিটি এই সম্মানের ঘোষণা করেছে। সেখানেই ঘোষণা করা হয় সুকান্ত মজুমদারের (Sansad Ratna Award 2023) নাম। প্রাইম ফাউন্ডেশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানানো হয়েছে। সংসদের দুই কক্ষ মিলিয়ে সেরা ১৩ জন সাংসদ এবং ১ জন বর্ষিয়ান সাংসদকে তাঁদের জনহিতকর প্রশ্ন ও সরকারকে দিশা দেখানোর কর্মকুশলতার জন্য এই সংসদ রত্ন সম্মানে ভুষিত করা হয়েছে। এই ১৩ জনের মধ্যে আটজন লোকসভার এবং পাঁচজন রাজ্যসভার। এই সাংসদের মধ্যে তিন আবার অবসরপ্রাপ্ত। এ ছাড়া ২টি সংসদীয় কমিটির সদস্য ও একজন সাংসদকে সারা জীবনের অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়েছে। এই ১৩ জন সাংসদের নামের তালিকার মধ্যে বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদারের নাম রয়েছে দু’নম্বরে।

    আরও পড়ুন: কে ‘কালীঘাটের কাকু’ তা খোলসা করলেন তাপস মণ্ডল, জানেন তাঁর বাড়ি কোথায়?

    জানা গিয়েছে, এই কয়েক বছরে সংসদ কক্ষে প্রশ্ন করায় সমস্ত রেকর্ড ভেঙেছেন সুকান্ত (Sansad Ratna Award 2023)। ৫২২ টি প্রশ্ন করেছেন তিনি। যা সাংসদদের মধ্যে সর্বোচ্চ। প্রশ্নগুলি মূলত স্বাস্থ্য পরিষেবা,  শিক্ষা, পরিকাঠামো, কৃষি এবং পরিবেশ সহ বিস্তৃত বিষয়ের উপর করেছেন তিনি। পাশাপাশি তিনি সংসদে ৩২ টি বিতর্কেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে নিয়ে এসেছেন। তাঁর এই সম্মানে খুশি দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির নেতা-কর্মীরা। তাঁরা মনে করছেন, এই সম্মান‌ই প্রমাণ করছে সাংসদ হিসেবে সুকান্ত মজুমদার ঠিক কতটা দক্ষ।

    সুকান্ত ছাড়াও এ রাজ্য থেকে এই সম্মান পাচ্ছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • SSC Scam: কে ‘কালীঘাটের কাকু’ তা খোলসা করলেন তাপস মণ্ডল, জানেন তাঁর বাড়ি কোথায়?

    SSC Scam: কে ‘কালীঘাটের কাকু’ তা খোলসা করলেন তাপস মণ্ডল, জানেন তাঁর বাড়ি কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় বার বার শোনা গিয়েছে তাঁর নাম। কিন্তু প্রকাশ্যে আসেনি তাঁর পরিচয়। এবার কালীঘাটের কাকুর নাম ফাঁস করে দিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল। তাপসের দাবি, কালীঘাটের কাকুর নাম সুজয় ভদ্র। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার পর গাড়িতে ওঠার সময়ই তাপসকে প্রশ্ন করা হয় কালীঘাটের কাকু কে? হেসে তাপস  উত্তর দেন, ‘সেটা কুন্তল বলবে’। আপনি জানেন না? ‘নামটা জানি, নামটা বলেছে.. কী যেন সুজয় ভদ্র নাকি’। কে সুজয় ভদ্র? হাত নেড়ে তাপসের জবাব, ‘আমি চিনি না, চিনি না।’

     কে সুজয় ভদ্র

    এর আগেও তাপস মণ্ডল নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত অনেকের নাম সামনে এনেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছিল হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে। কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর বলেছিলেন, গোপাল দলপতি সব জানেন। সেই গোপালই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন এই কাকুর কথা। কুন্তলের সঙ্গে নাকি যাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার কোনও এক প্রভাবশালী নেতার সঙ্গে যোগাযোগ ছিল সুজয়ের। তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: জটে জমি আটকে রেল (পর্ব-১১): ১৮ বছর ধরে আটকে সিউড়ি-প্রান্তিক রেলপথ সম্প্রসারণের কাজ

    কালীঘাটের কাকুর বাড়ি 

    নিয়োগ দুর্নীতি কাণ্ডে নতুন নাম কালীঘাটের কাকু। সুজয় ভদ্র নামে যে ব্যক্তিকে কুন্তল ঘোষ কালীঘাটের কাকু বলে ডাকতেন, তিনি কিন্তু আদপে কালীঘাটের বাসিন্দা নন। সূত্রের খবর, এই সুজয় ভদ্র-র বাড়ি  বেহালায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতির সবচেয়ে বড় মাথা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে। বেহালা পশ্চিম বিধানসভার ফকির পাড়ায় তাঁর বাড়ি। ১৭বি/১, রাধারাণি। এই হচ্ছে বাড়ির ঠিকানা। কালীঘাটের কাকু প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘কাকু, কাকুর ভাইপো, কাকীমা, মাসিমা, পিসিমা, ভাইপো সবার নামই এবার সামনে আসছে।’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • SSC Scam: কোটি কোটি টাকার লেনদেন! এবারে এসএসসির প্রাক্তন কর্মী শ্যামল কুমার সেনকে তলব সিবিআইয়ের

    SSC Scam: কোটি কোটি টাকার লেনদেন! এবারে এসএসসির প্রাক্তন কর্মী শ্যামল কুমার সেনকে তলব সিবিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকালই বরানগরের অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী শ্যামল সেনের বাড়িতে তল্লাশি চালায় সিবিআইয়ের আধিকারিকরা। তাঁকেই এবারে চলতি সপ্তাহে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হল। আনতে বলা হয়েছে বেশ কিছু নথি। সিবিআই সূত্রে খবর, তিনি এসএসসি-র প্রাক্তন আধিকারিক। সিবিআই আধিকারিকদের অভিযোগ, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এসএসসির প্রাক্তন আধিকারিক শ্যামল সেনের সম্পত্তি ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। আকস্মিকভাবে এই সম্পত্তি বৃদ্ধির ব্যাপারটি মোটেও ভালো চোখে দেখছেন না তদন্তকারী আধিকারিকরা। ফলে এবারে তাঁকে তলব করল সিবিআই।

    সিবিআই কী তথ্য পেল?

    সিবিআই সূত্রে খবর, গতকাল তাঁর বরানগরের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযানের পর বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং তথ্য প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা৷ যা থেকে স্পষ্ট ভাবে তাঁরা বুঝতে পারছেন যে, এই প্রাক্তন আধিকারিক নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে জড়িত ও অনেক তথ্যও জানেন তিনি। অভিযোগ, হিসাব বহির্ভূত লেনদেনও হয়েছে, তার তথ্য-প্রমাণ ইতিমধ্যেই তাঁদের হাতে এসে পৌঁছেছে। তদন্তকারীরা মনে করছেন, কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।

    আরও পড়ুন: নবম-দশম নিয়োগ দুর্নীতিতে এবারে সিবিআই হানা বরানগরের অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীর বাড়িতে

    কাদের সঙ্গে এবং কেনই বা এই কোটি কোটি টাকার লেনদেন করেছেন একজন সরকারি আধিকারিক? সেই বিষয়টি এখনও স্পষ্ট হয়নি তদন্তকারীদের কাছে। ফলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে চলতি সপ্তাহে শ্যামল সেনকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকরা।

    এসপি সিনহার কাজ করতেন শ্যামল সেন!

    তদন্তে উঠে এসেছে যে, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় ধৃত এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তি সিনহার হয়ে একাধিক কাজ করতেন এই শ্যামল কুমার সেন। অভিযোগ, তাঁর নির্দেশে চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ ও টাকা তুলে পৌঁছে দেওয়ার কাজ করতেন শ্যামল। উপদেষ্টা কমিটির চেয়ারম্যান এসপি সিনহার কাছ থেকে তার বদলে ‘কমিশন’ও পেতেন তিনি। ফলে এসএসসি-র এই প্রাক্তন আধিকারিক সরাসরি দুর্নীতি কাণ্ডে যুক্ত রয়েছেন। ফলে এই পরিস্থিতিতে শ্যামল সেনকে জেরা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি এই সপ্তাহে হাজিরা দেন কিনা, সিবিআইয়ের প্রশ্নের মুখোমুখি হন কিনা, এটাই এখন দেখার।

LinkedIn
Share