Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Sukanta Majumdar: জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিন, দলীয় কর্মীদের বার্তা সুকান্তর

    Sukanta Majumdar: জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিন, দলীয় কর্মীদের বার্তা সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি কর্মীদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনে শামিল হওয়ার ডাক দিলেন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি (Sukanta Majumdar) জানিয়ে দিলেন, এই প্রতিবাদে চিকিৎসকদের পাশে রয়েছেন তাঁরা। প্রসঙ্গত, বিজয়া দশমীর ভাষণে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবত আরজি কর নিয়ে সরব হন। ডাক্তারদের (Junior Doctors Protest) আন্দোলনকে তিনি সমর্থন করেন। তারপরই বিজেপির রাজ্য সভাপতির এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে।

    আন্দোলনে পূর্ণ সমর্থন (Sukanta Majumdar)

    রবিবার সুকান্তর সই করা একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে’ জুনিয়র ডাক্তারদের সংগঠনের যে আন্দোলন, তাতে পূর্ণ সমর্থন রয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির। আরজি কর হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের আবহে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest) যে দাবি তুলেছেন, তা বৈধ। সেই দাবি দ্রুত পূরণ করা উচিত।” বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, “মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে রাজ্য সরকার দাবি পূরণের কথা জানালেও পরে তা থেকে সরে এসেছে। এর পরেই বিজেপি কর্মীদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পাশে থাকার ডাক দিয়েছেন সুকান্ত (Sukanta Majumdar)। তাঁর বক্তব্য, “আমরা প্রথম থেকেই নিজেদের দলীয় কর্মসূচির পাশাপাশি চিকিৎসকদের আন্দোলনকে (Junior Doctors Protest) সমর্থন করে এসেছি। এখন যা পরিস্থিতি, তাতে আরও বেশি করে সমর্থন দেওয়ার কথা মনে হল। সেই হিসেবে বিবৃতি দেওয়া হয়েছে।”প্রেস বার্তায় সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) লিখেছেন, “সমস্ত বিজেপি কার্যকর্তাদের উৎসাহ দিচ্ছি আন্দোলনের পাশে আপনারা থাকুন। সেই সঙ্গে বাংলার মানুষদের কাছেও অনুরোধ করছি সবরকমভাবে এই আন্দোলনের শরিক হোন। আমাদের ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। কালো শক্তির হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে। এই সময় এই কালো শক্তি বাংলার ওপর ছেয়ে রয়েছে।”

    আরও পড়ুন: হাওড়ার শ্যামপুরে মণ্ডপে ভাঙচুর, দুর্গা প্রতিমায় আগুন, বিস্ফোরক দাবি শুভেন্দুর

    ঠিক কী বলেছিলেন ভাগবত?

    দশেরা উৎসবের সভায় আরএসএস প্রধান মোহন ভাগবতের মুখে আরজি করের প্রসঙ্গ উঠে এসেছে। তিনি বলেন, “আরজি করের ঘটনা আমাদের সকলের কলঙ্ক। এমন ঘটনা ঘটতে দেওয়া উচিত নয়। আর ঘটলে সকলকে একসঙ্গে তার মোকাবিলা করতে হবে। কিন্তু সেখানে অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়েছে।” কলকাতায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদেরও সমর্থন করেছেন আরএসএস প্রধান। তাঁর মন্তব্য, “পুরো দেশ আজ ডাক্তার ভাইদের পাশে রয়েছে।”

    আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা কী বললেন?

    এই প্রসঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার (Junior Doctors Protest) দেবাশিস হালদার জানিয়ে দিয়েছেন, দলীয় পতাকা নিয়ে তাঁদের সমর্থন জানানো যাবে না। তাঁর কথায়, “দলীয় স্বার্থ দূরে সরিয়ে রেখে, দলের পতাকা, ব্যানার ছেড়ে একেবারে সাধারণ নাগরিক হিসাবে কেউ এখানে আসতে চাইলে, এই আন্দোলনে আমাদের পাশে দাঁড়াতে চাইলে দাঁড়াতেই পারেন। কিন্তু কোনও রাজনৈতিক দল যদি দলীয় স্বার্থ নিয়ে এই আন্দোলনের অংশ হতে চায়, তা হলে সেটা হতে দেব না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Habra Rape: থানায় ধর্ষণের অভিযোগ করায় ‘খুন’ মহিলা, হাবড়ায় গ্রেফতার কলকাতা পুলিশের কর্মীসহ ৩

    Habra Rape: থানায় ধর্ষণের অভিযোগ করায় ‘খুন’ মহিলা, হাবড়ায় গ্রেফতার কলকাতা পুলিশের কর্মীসহ ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: এক মহিলাকে ধর্ষণ (Habra Rape) করার অভিযোগ ওঠে কলকাতা পুলিশের (Kolkata Police) এক কর্মীর বিরুদ্ধে। পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছিল আগেই। সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল বলেও দাবি নির্যাতিতার পরিবারের। সালিশি সভায় মিটমাট করার জন্য দেওয়া হচ্ছিল ‘চাপ’। তা সত্ত্বেও ধর্ষণের অভিযোগ সালিশি সভায় না মিটিয়ে থানায় গিয়েছিলেন নির্যাতিতা। তার জেরেই তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল অভিযুক্ত ও নির্যাতিতার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। সম্প্রতি উত্তর ২৪ পরগনার হাবড়ায় (Habra) ওই মহিলার শ্বশুরবাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, ঘটনার মূল পান্ডা কলকাতা পুলিশের এক কর্মী। ওই কর্মী, তাঁর স্ত্রী তথা তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ও নির্যাতিতার স্বামীকে গ্রেফতার করে পুলিশ।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Habra Rape)

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৯ সেপ্টেম্বর নির্যাতিতা কলকাতা পুলিশের ওই কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন। ওই কর্মী পুলিশের গাড়ির চালক। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর আগে মহিলা জানান, মাস ছ’য়েক ধরে তিনি ওই পুলিশকর্মীর বাড়িতে ভাড়া থাকতেন। দু’জনের আত্মীয়তা আছে। ৫ সেপ্টেম্বর ভোরে ওই যুবক তাঁকে ধর্ষণ (Habra Rape) করে বলে অভিযোগ করেন নির্যাতিতা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলার দুই ছেলেমেয়ে। শ্বশুরবাড়িতে অশান্তির কারণে মহিলা বাড়ি ভাড়া করে থাকতেন। নির্যাতিতা অভিযোগ করেন, ৫ সেপ্টেম্বর রাত ২টো নাগাদ অভিযুক্ত পুলিশকর্মী (Kolkata Police) তাঁর ঘরে ঢোকে। মহিলা মেয়েকে নিয়ে ঘুমোচ্ছিলেন। মহিলার মুখ চেপে ধরে তাঁকে পাশের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশের কাছে নির্যাতিতা জানান, ধর্ষণের পরে তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়। তাঁর অভিযোগ, গ্রামে সালিশি ডেকে বিষয়টি মেটানোর জন্য ‘চাপ দেওয়া হয় অভিযুক্তের তরফে। তবে তাতে রাজি না হয়ে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা।

    আরও পড়ুন: হাওড়ার শ্যামপুরে মণ্ডপে ভাঙচুর, দুর্গা প্রতিমায় আগুন, বিস্ফোরক দাবি শুভেন্দুর

    মৃতার পরিবারের লোকজনের কী বক্তব্য?

    মৃতার পরিবারের দাবি, পুরো বিষয়টা ধামাচাপা (Habra Rape) দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল দিনের পর দিন। কিন্তু কোনওভাবেই বিষয়টা মিটমাট করেননি নির্যাতিতা। সেই কারণেই খুন করা হয়েছে। অভিযুক্তের স্ত্রী পুরো বিষয়টাই জানতেন। মৃতের ভাই বলেন, “আমার দিদিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ওই দিনই পুলিশ আমার দিদির স্বামী, ধর্ষণে অভিযুক্ত কলকাতা পুলিশের (Kolkata Police) কর্মী এবং তাঁর পঞ্চায়েত সদস্য স্ত্রীকে গ্রেফতার করেছে। আসলে বিয়ের পর থেকেই আমার দিদিকে তাঁর স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করত। বাধ্য হয়ে দিদি ভাড়া বাড়িতে চলে গিয়েছিল। এ বারে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্ত পুলিশ কর্মী এবং তার পঞ্চায়েত সদস্যা স্ত্রী মিলে দিদির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ষড়যন্ত্র করে দিদিকে খুন করেছে।”

    তৃণমূল নেতৃত্বের সাফাই

    ধৃত ওই পঞ্চায়েত সদস্যা পুলিশের কাছে দাবি করেছেন, তাঁর স্বামী ধর্ষণের ঘটনায় যুক্ত নয়। অন্য এক যুবক মহিলাকে ধর্ষণ (Habra Rape) করেছিল। খুনের অভিযোগও মিথ্যে বলে দাবি তাঁর। এলাকার তৃণমূল নেতা বাপি মজুমদার বলেন, “দল কোনও অন্যায় কাজ সমর্থন করে না। পঞ্চায়েত সদস্য দোষ করে থাকলে পুলিশ (Kolkata Police) পদক্ষেপ করুক। এখানে দল হস্তক্ষেপ করবে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Droher Carnival: ‘দ্রোহের কার্নিভাল’ বন্ধের চিঠি রাজ্যের, ‘হতাশাজনক’, জবাব ক্ষুব্ধ ডাক্তারদের

    Droher Carnival: ‘দ্রোহের কার্নিভাল’ বন্ধের চিঠি রাজ্যের, ‘হতাশাজনক’, জবাব ক্ষুব্ধ ডাক্তারদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার ১৫ অক্টোবর, বিকেল ৪টের সময় রানি রাসমণি রোডে (West Bengal) ‘দ্রোহের কার্নিভালে’র (Droher Carnival) ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সাধারণ নাগরিক সমাজকেও সেই কার্নিভালে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ঠিক এই আবহে চাপে পড়ে মুখ্যসচিব মনোজ পন্থ ‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহার করার কথা বলেছেন ডাক্তারদের। প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতায় পুজোর কার্নিভালও রয়েছে। এক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করেই ‘দ্রোহের কার্নিভাল’ বন্ধ রাখার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। তবে কারণ কি শুধু নিরাপত্তাজনিত? রাজ্যের যুক্তি এমন যুক্তি মানতে পারছেন না অনেকেই। কেউ কেউ বলছেন, আরজি কর ইস্য়ুতে মমতা সরকারের  (West Bengal) বিরুদ্ধে যেভাবে গণরোষ তৈরি হয়েছে, তাতে ভীত হয়েই রাজ্য সরকার ‘দ্রোহের কার্নিভাল’ বন্ধ করতে চাইছে। কারও কারও মতে, সরকারি কার্নিভালের দিনই দ্রোহের কার্নিভাল হলে দুটোর মধ্যে তুলনার জায়গা থেকে যাবে। আরজি করকে কেন্দ্র করে সাধারণ মানুষের আবেগ যে জায়গায় গিয়েছে তাতে দ্রোহের কার্নিভালে জনসমাগম সরকারি কার্নিভালের থেকে বেশি হতে পারে। ফ্লপ খেতে পারে মমতা সরকারের কার্নিভাল। সেকারণেই কি এবার দ্রোহের কার্নিভাল বন্ধে উঠে পড়ে লাগল সরকার?

    আইনের সীমা ও হাইকোর্টের পর্যবেক্ষণ মাথায় রেখেই তাঁরা লড়াই জারি

    মুখ্যসচিবের সেই ইমেলের পরই এ বার বিবৃতি সামনে এল সিনিয়র ডাক্তারদের সংগঠন ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস’-এর। মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ (Droher Carnival) না করার জন্য মমতা সরকারের এমন বার্তাকে ‘হতাশাজনক’ বলেই জানিয়েছে চিকিৎসক সংগঠন। প্রসঙ্গত, মুখ্যসচিব মনোজ পন্থের পাঠানো ইমেলে গত ১১ অক্টোবর হাইকোর্টের একটি নির্দেশের কথাও উল্লেখ ছিল। এক্ষেত্রে চিকিৎসকেরাও জানিয়ে দিয়েছেন, আইনের সীমা ও হাইকোর্টের পর্যবেক্ষণ মাথায় রেখেই তাঁরা লড়াই জারি রাখবেন।

    কী বলছেন চিকিৎসক সংগঠনের যুগ্ম আহ্বায়ক

    সংগঠনের তরফে এক বিবৃতিতে যুগ্ম আহ্বায়ক চিকিৎসক পুন্যব্রত গুণ এবং চিকিৎসক হীরালাল কোনার বলেছেন, “আমরা এক বারও বলছি না সরকারের কার্নিভাল (পুজোর কার্নিভাল) বাতিল করার জন্য। উদ্‌যাপনের সাংবিধানিক অধিকারকে আমরা সম্মান করি। একই ভাবে আমাদেরও অধিকার রয়েছে উৎসবে বিঘ্ন না ঘটিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোর। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতিতে ১৫ অক্টোবর দ্রোহের কার্নিভাল (Droher Carnival) ডাকা হয়েছে। সরকারের তা প্রত্যাহার করতে বলা আমাদের কাছে হতাশাজনক।”

    কী বলছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নেতা দেবাশিষ হালদার?

    আ্ন্দোলনকারী চিকিৎসকদের তরফে দেবাশিস হালদার বলেন, “হাইকোর্টের নির্দেশ রয়েছে, যে কার্নিভালকে কোনওরকমভাবে ব্যাহত করা যাবে না। আমরা অবশ্যই সেটাকে মান্যতা দিই। যদিও আমরা মানসিকভাবে এই বিষয়টাকে মেনে নিতে প্রস্তুত নেই, যে বিচারহীনতার ৬৫ দিন কাটছে। অনশন চলছে। কিন্তু প্রশাসন কার্নিভালে মেতে উঠল, সেটা মেনে নিতে কষ্ট হয়। কিন্তু আমরা পুলিশকে কোনও রকম সুযোগ দিতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে রাস্তার ধারগুলোতে মানববন্ধন করব।” আন্দোলনকারী চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, ”দ্রোহের কার্নিভাল প্রত্যাহার করার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু এটা করা মুশকিল। একদিকে ফূর্তি চলবে, আরেকদিকে ধর্ষণ, লুঠতরাজ চলবে, যাঁরা প্রতিবাদ করবে, তাঁদেরকেই পুলিশ পীড়ন করবে, এটা হতে পারে না।”

    অসুস্থ তিন জুনিয়র ডাক্তার

    প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের বিচার এবং হাসপাতালগুলিতে নিরাপত্তার দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলার রাস্তায় বসে রয়েছেন তাঁরা। চলছে আমরণ অনশন কর্মসূচি, সোমবারই তার দশম দিন। প্রসঙ্গত,  তিন জন অনশনরত জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে পড়েছেন। কলকাতার অনশনমঞ্চের দু’জন এবং শিলিগুড়িতে এক জন জুনিয়র ডাক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে। নিজেদের বিবৃতিতে এই পরিস্থিতির কথা উল্লেখ করে চিকিৎসক সংগঠন জানিয়েছে, এই পরিস্থিতিতেও রাজ্য সরকার কার্নিভাল করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তাঁরা ‘হতাশ’।

    কঠিন পরিস্থিতিতেও সরকার উদ্‌যাপনকেই গুরুত্ব দিচ্ছে (Droher Carnival)

    বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “এই কঠিন পরিস্থিতিতেও সরকার উদ্‌যাপনকেই গুরুত্ব দিচ্ছে।” আন্দোলনকারী চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, “আমরা পেয়েছিলাম, দ্রোহের কার্নিভাল (Droher Carnival) প্রত্যাহার করে নেওয়ার জন্য। কিন্তু এটা করা মুশকিল। একদিকে ফূর্তি চলবে, আরেকদিকে ধর্ষণ, লুঠতরাজ চলবে, যাঁরা প্রতিবাদ করবে, তাঁদেরকেই পুলিশ পীড়ন করবে, এটা হতে পারে না।” জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস-এর দাবি, “সরকারি কোনও উদ্যোগে তো আমরা আপত্তি করছিল না। আপনাদের পুজোর কার্নিভালে আমরা আপত্তি করছি না আপনারা কেন করছেন? তাহলে রাজপথে হচ্ছে আন্দোলন। সেখানে কেন আপত্তি করা হচ্ছে। সরকার প্রতিবাদের কার্নিভাল বন্ধ করতে যত না তৎপর ততটা তৎপর যদি সরকার অপরাধ দমনে করত তাহলে বাংলার এই অবস্থা হত না।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Protest: দশমীতেও আরজি করকাণ্ডের প্রতিবাদ, হল মোমবাতি মিছিল, উঠল স্লোগান

    RG Kar Protest: দশমীতেও আরজি করকাণ্ডের প্রতিবাদ, হল মোমবাতি মিছিল, উঠল স্লোগান

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডে (RG Kar Protest) সুবিচারের দাবিতে লাগাতার আন্দোলন চলছে। শুধু রাজ্যই (West Bengal) নয়, এই দাবি জানিয়ে বিক্ষোভ দেখা গিয়েছে দেশে-বিদেশে। পুজোর আবহেও জারি রয়েছে প্রতিবাদ। এবার এই প্রতিবাদ আরও জোরালো করতে বিসর্জনের মঞ্চকেই বেছে নিলেন প্রতিবাদী পুজো কমিটির সদস্যরা। কলকাতা শহরের গণ্ডি ছাড়িয়ে তা বিভিন্ন জেলার গ্রাম-মফস্সলে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই পুজো কেটেছে এ বছর। বিসর্জনেও তা অব্যাহত। আরজি কর-কাণ্ডের আবহে প্রতিমা বিসর্জনে ভিন্ন দৃশ্য দেখা গেল জেলায় জেলায়। কোথাও আরজি করকাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল হয়েছে। কোথাও আবার বিজয়া দশমীতে কালো শাড়ি পরে সিঁদুর খেললেন মহিলারা। আবার কোথাও আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পুজো মণ্ডপে উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান।

    মোমবাতি মিছিল (RG Kar Protest)

    এবার আরজি কর-কাণ্ডের (RG Kar Protest) বিচারের দাবিতে দশমীর রাতে মোমবাতি হাতে পথে নামলেন আসানসোলবাসী। মিছিলে ছিলেন মহিলা এবং পুরুষদের একাংশ। আসানসোলের চিত্তরঞ্জন রেল নগরীর ২৪ নম্বর মোড়ে হয় এই প্রতিবাদ মিছিল। রাজ্যজুড়ে নির্যাতিতাদের বিচার ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করার পাশাপাশি মোমবাতি মিছিল করেন তাঁরা। ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগানও। অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তাও দিলেন তাঁরা। মঙ্গলবার আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানিয়ে রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভাল’ ডেকেছে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’। সেই ‘দ্রোহের কার্নিভাল’-এ সকলকে শামিল হওয়ার কথাও জানালেন তাঁরা। দ্রুত এবং ন্যায় বিচারের দাবি জানানোর পাশিপাশি মহিলাদের সুরক্ষা নিয়েও সরব হন তাঁরা।

    আরও পড়ুন: হাওড়ার শ্যামপুরে মণ্ডপে ভাঙচুর, দুর্গা প্রতিমায় আগুন, বিস্ফোরক দাবি শুভেন্দুর

    কালো শাড়ি পরে প্রতিবাদ

    বিজয়া দশমীতে লাল পাড় সাদা শাড়ি পরে সিঁদুর খেলাই দস্তুর। কিন্তু আরজি কর-কাণ্ডের আবহে প্রতিমা বিসর্জনে ভিন্ন দৃশ্য মালদায়। রবিবার মালদা (RG Kar Protest) শহরের কেজে সান্যাল রোডের গাজোল ট্যাক্সি স্ট্যান্ড দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে কালো শাড়ি পরে সিঁদুর খেলে প্রতিবাদ জানান মহিলারা। শিলিগুড়িতেও প্রতিমা বিসর্জনে প্রতিবাদের ছবি দেখা গিয়েছে। মহানন্দার লালমোহন মৌলিক ঘাটে প্রতিমা নিরঞ্জন করতে এসে ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগান তুলতে দেখা গেল মহিলাদের। গলা মেলালেন পুরুষরাও। এক মহিলা উদ্যোক্তা বলেন, “আমরা মা দুর্গার পুজো করেছি ঠিকই। কিন্তু এ বারের পুজো শুধুই আনন্দের ছিল না। আমাদের মনের কোণে বিষণ্ণতাও ছিল। পশ্চিমবঙ্গের মেয়েরা আজ অসুরক্ষিত। আরজি করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার জন্য বহু মানুষ আজ রাস্তায়। তার পরেও এই অন্যায়- অপরাধ থামেনি। আমরা মা দুর্গাকে সাক্ষী রেখে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি কালো শাড়ি পরে সিঁদুর খেলে। যত দিন না নির্যাতিতারা বিচার পাচ্ছেন, তত দিন এই আন্দোলন চলবে।”

    নিরঞ্জনে স্লোগান ‘জাস্টিস ফর আরজি কর’

    অন্যদিকে, রায়গঞ্জের তুলসীতলার দশভুজা বারোয়ারী পুজো কমিটির সদস্যরা বুকে কালো ব্যাজ ও মাথায় কালো ব্যান্ড লাগিয়ে তিলোত্তমার মূর্তি সহযোগে ন্যায়বিচারের দাবি জানিয়ে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় অংশ নেন। ওই এলাকার পুরুষ, মহিলা, ছাত্র-ছাত্রীরা ছিলেন এই শোভাযাত্রায়। আড়ম্বরহীনভাবে প্রতিমা নিরঞ্জন করা হয়। মহিলারা জানান, তারা যেমন উৎসব পালন করেছেন তেমনি আরজি করের ঘটনার সুবিচার চাইছেন। বিচারবিভাগের কাছেও তাঁদের দাবি দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করুন। অন্যদিকে, জয়তী তলাপাত্র নামে আরও এক পুজো কমিটির সদস্যা জানান, যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার সুবিচারের দাবিতে কালো ব্যাজ পরে শোভাযাত্রায় অংশ নিয়েছেন। প্রতিবছর প্রতিমা নিরঞ্জনের পর যে অনুষ্ঠান হয়ে থাকে এবার এবার তা করার মন মানসিকতা নেই। এদিন প্রতিবাদের পাশাপাশি পুজো কার্নিভালে অংশ নেওয়া পুজো কমিটিগুলির কাছে দুর্গা কার্নিভালে অংশ না নিতে আবেদন জানান প্রতিবাদীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Case: শরীরে কিটোন বডির মাত্রা ৩+! সঙ্কটজনক অনশনরত ডাক্তার পুলস্ত্য

    RG Kar Case: শরীরে কিটোন বডির মাত্রা ৩+! সঙ্কটজনক অনশনরত ডাক্তার পুলস্ত্য

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুটা স্থিতিশীল কিন্তু বিপদমুক্ত নন। দেহে সোডিয়াম-পটাসিয়ামের মাত্রা কমে গিয়েছে। বড় চিন্তার বিষয় ছিল ইউরিন হচ্ছিল না। এখন ইউরিন আউটপুট স্বাভাবিক। ইউএসজি, ইকো, ইএসজি হয়েছে। আর‌ও বেশি কিছু রক্ত পরীক্ষা হয়েছে। আরজি কর (RG Kar Case) ইস্যুতে ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে আরও একজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন। টানা ৭ দিন ধরে অভয়ার ন্যায় বিচারের দাবি-সহ দশদফা দাবিতে আমরণ অনশন (Fasting Doctor) কর্মসূচিতে ধর্না মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন ডাক্তার পুলস্ত্য আচার্য্য। শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দ্রুত রবিবার রাতেই নীলরতন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। রাতে চিকিৎসকরা জানান, তাঁর পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক।

    শরীরে কিটোন বডির মাত্রা বেশি, রক্তচাপ কম (RG Kar Case)

    চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা থেকেই পুলস্ত্যর শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। তিনি পিজিটি প্রথম বর্ষের ছাত্র। প্রাথমিক চিকিৎসায় সাড়া না দিলে তড়িঘড়ি করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনশনরত (Fasting Doctor) এই ডাক্তারের শরীরে কিটোন বডির মাত্রা বেশি, রক্তচাপ কম। বর্তমানে তাঁকে এইচডিইউতে ভর্তি রাখা হয়েছে। হাসপাতাল থেকে ইতিমধ্যে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সেই সঙ্গে রয়েছেন, অ্যানাস্থেশিয়া, কার্ডিওলজি, মেডিসিন, চেস্ট মেডিসিন এবং নেফ্রোলজি বিভাগের চিকিৎসকেরা। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে না খাওয়ার কারণে শরীরে জলের অভাব রয়েছে। একই ভাবে রয়েছে বমি বমি ভাব। দেহে কিটোন বডির মাত্রা ৩+। ফলে কিডনিতে প্রভাব পড়েছে। তবে অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কট মুক্ত নন তিনি। এই নিয়ে আরজি কর ইস্যুতে (RG Kar Case) অনশন মঞ্চ থেকে মোট চারজন অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু দাবিতে এখনও অনড় তাঁরা।

    আরও পড়ুনঃ হাওড়ার শ্যামপুরে মণ্ডপে ভাঙচুর, দুর্গা প্রতিমায় আগুন, বিস্ফোরক দাবি শুভেন্দুর

    ‘‘ছেলে ভালো আছে…আন্দোলনে আমিও পাশে আছি’’

    অপর দিকে গত সপ্তমীর দিন রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন অনিকেত মাহাতো, দশমীর দিন অসুস্থ হয়ে পড়েন উত্তরবঙ্গ মেডিক্যালের আলোক ভার্মা এবং কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অনুষ্টুপ মুখোপাধ্যায়। বর্তমানে এই তিনজনেই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসাধীন। তবে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। অনিকেত আরজি কর হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। শরীরে অত্যধিক জলের ঘাটতি হওয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, অনিকেতের ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপের সমস্যা রয়েছে। ডাবের জল এবং ফলের রস জাতীয় খাবারও তাঁকে দেওয়া হচ্ছে। এখনও তাঁর শরীর খুবই দুর্বল।

    অনুষ্টুপ ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষ, অনুষ্টুপ সম্পর্কে বলেন, “পেটে ব্যথা আগের তুলনায় কমে গিয়েছে। মূত্রে এখনও কিটোনের পরিমাণ রয়েছে। স্যালাইন দেওয়ার কারণে উচ্চ রক্তচাপ ঠিক হয়েছে। প্রচণ্ড দুর্বল তাই ফলের রস খেতে দেওয়া হচ্ছে।” অপর দিকে এই জুনিয়র ডাক্তারের বাবা অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “ও মানসিক দিক দিয়ে ছোট থেকেই খুব শক্ত। এখন খুব দুর্বল আছে শারীরিকভাবে, আমার সঙ্গে কথা হয়েছে।” একই ভাবে অনিকেতের বাবা অপূর্ব মাহাতো বলেন, “ছেলে ভালো আছে, ওদের আন্দোলনে (RG Kar Case) আমিও পাশে আছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: হাওড়ার শ্যামপুরে মণ্ডপে ভাঙচুর, দুর্গা প্রতিমায় আগুন, বিস্ফোরক দাবি শুভেন্দুর

    Suvendu Adhikari: হাওড়ার শ্যামপুরে মণ্ডপে ভাঙচুর, দুর্গা প্রতিমায় আগুন, বিস্ফোরক দাবি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে দুর্গা প্রতিমা (Durga Idols) ভাঙচুরের বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি মাধ্যম। একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি জায়গায় দাউ দাউ করে কিছু একটা জ্বলছে। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে কোনও একটি বিক্ষোভস্থলের ছবি যেটা ওপর থেকে তোলা হয়েছে। 

    শুভেন্দুর (Suvendu Adhikari) ট্যুইট

    নিজের পোস্টে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লিখেছেন, ‘‘শ্যামপুর থানা থেকে ফেরার সময় একদল দুষ্কৃতী যারা সেখানে স্মারকলিপি জমা দিতে গিয়েছিল, ফেরার পথে দুর্গা পুজোর প্যান্ডেলে ভাঙচুর করে। শ্যামপুর বাজার ব্যবসায়ী সমিতির পুজো প্যান্ডেলে আগুন ধরানো হয়েছে। আরও একাধিক পুজো প্যান্ডেলে ভাঙচুর করা হয়েছে। বিসর্জনের ঘাটে (Durga Idols)  দুষ্কৃতীরা পাথরও ছুড়েছে, এই দাবি করে শুভেন্দু আরও লেখেন, ‘‘হাওড়া গ্রামীণ পুলিশ জেলায় শ্যামপুর থানা এলাকায় পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ রয়েছে। আমি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির কাছে অনুরোধ করছি, স্পটে অতিরিক্ত ফোর্স পাঠান। এই ধরনের দুষ্কর্ম দূর করতে এই ধরনের ভাঙচুর বন্ধ করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক।’’ 

    দুর্গাকে ছিন্নবিচ্ছিন্ন করে জলে ভাসান! 

    অন্যদিকে, অপর একটি পোস্টে শুভেন্দু অধিকারী ((Suvendu Adhikari)) দাবি করেছেন, কেটে কুচি কুচি করে দুর্গাপ্রতিমাকে ভাসিয়ে দেওয়া হচ্ছে জলে। এক্স হ্যান্ডেলে আরও একটি ভিডিও পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, কৃষ্ণনগরের তৃণমূল পরিচালিত পুরসভা এমন কাজ করেছে। বিরোধী দলনেতা লেখেন, ‘‘এই দৃশ্য বাংলাদেশের নয়, এই কীর্তি পশ্চিমবঙ্গের হিন্দু বিরোধী শাসক তৃণমূল দল পরিচালিত পুরসভার। আগে মা দুর্গার প্রতিমা বিসর্জন না করে, প্রতিমাকে যন্ত্রের সাহায্যে অসভ্যের মতো ছিন্নবিচ্ছিন্ন করে নদীতে ফেলা হয়েছে। গতকাল কৃষ্ণনগর কদমতলা ঘাটে কৃষ্ণনগর পুরসভার নির্দেশে পুরসভার কর্মচারীরা এভাবেই দুর্গা ঠাকুরের প্রতিমাকে কেটে টুকরো করে ভাসান করেছে। ঠিকঠাক ভাবে শাস্ত্র মতে ভাসান হয়ে যাওয়ার পরে নদী পরিষ্কার রাখার জন্য যা করণীয় সেটা করলে কারুরই কোনও আপত্তি থাকত না, কিন্তু তা না করে সর্বসমক্ষে এই কান্ড ঘটানোর উদ্দেশ্য কী?’’  

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Doctors Protest: ২ দিনের কর্মবিরতি শুরু বেসরকারি হাসপাতালেও, চলছে ১২ ঘণ্টার প্রতীকী অনশনও

    Doctors Protest: ২ দিনের কর্মবিরতি শুরু বেসরকারি হাসপাতালেও, চলছে ১২ ঘণ্টার প্রতীকী অনশনও

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ সোমবার রাজ্যজুড়ে প্রতীকী অনশনের (Doctors Protest) ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। অনশন চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত৷ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নিজের নিজের কর্মস্থলে প্রতীকী অনশনে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে। নাগরিক সমাজকেও এই কর্মসূচিতে যোগদান করার জন্য আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, একাধিক বেসরকারি হাসপাতালেও (Private Hospitals) কর্মবিরতির ঘোষণা করেছেন চিকিৎসকরা। আজ সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে কর্মবিরতি। চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা (Doctors Protest)। প্রসঙ্গত, আগামী মঙ্গলবার আরজি কর মেডিক্যাল মামলার শুনানি রয়েছে।

    চাপে পড়ে আজ আলোচনায় সরকার 

    ডাক্তারদের আন্দোলনে বেশ চাপে পড়েছে সরকার। সোমবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-সহ সব চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন (Doctors Protest) রাজ্যে মুখ্যসচিব মনোজ পন্থ। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় হবে সেই বৈঠক। নবান্নের তরফে জানানো হয়েছে, প্রত্যেক চিকিৎসক সংগঠন থেকে দু’জন প্রতিনিধি থাকতে পারবেন বৈঠকে। বেসরকারি হাসপাতালগুলির মধ্যে মেডিকায় নন-ইমারজেন্সি পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি, আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন অ্য়াপোলো, পিয়ারলেস, মণিপাল, আরএন টেগোর, ফর্টিস, কোঠারি, নারায়ণা স্পেশালিটি, সিএমআরআই, বিএম বিড়লা, উডল্যান্ড-সহ ৩০টিরও বেশি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।

    কী বলছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের একাংশ 

    বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের (Doctors Protest) একাংশের বক্তব্য, সরকার সাড়া দিচ্ছে না বলেই  জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট চেম্বারেও কর্মবিরতি করার আহ্বান জানিয়েছেন বেসরকারি হাসপাতালের (Private Hospitals) চিকিৎসকরা। গতকাল রবিবারই সিনিয়র চিকিৎসক ভাস্কর পাল বলেন, ‘‘ওরা বিশ্বাস পাচ্ছে না যে ওদের সঙ্গে অভয়ার মতো ঘটনা ঘটবে না। আমরা বলেছি আংশিক কর্মবিরতি। লুকোচুরি খেলা বন্ধ করুন। মনোজ পন্থকে অনুরোধ করব, আপনি নিজে অনশন মঞ্চে আসুন। আমাদের বাধ্য করবেন না, সোমবার সকাল ছটায় এটা করতে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IMA: বাংলার আন্দোলনকে সমর্থন, মঙ্গলবার দেশজুড়ে অনশনে জুনিয়র ডাক্তাররা, সিদ্ধান্ত আইএমএ-এর

    IMA: বাংলার আন্দোলনকে সমর্থন, মঙ্গলবার দেশজুড়ে অনশনে জুনিয়র ডাক্তাররা, সিদ্ধান্ত আইএমএ-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে চিঠি দিয়েছে সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। একই মর্মে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছে আইএমএ বেঙ্গলও। এবার দেশজোড়া ১২ ঘণ্টা অনশনের ডাক দিল আইএমএ (IMA)। পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) আমরণ অনশনের প্রতি সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    দেশজুড়ে অনশনে বসবেন জুনিয়র ডাক্তাররা (IMA)

    রবিবার আইএমএ (IMA) (মুখ্য দফতর)-এর পক্ষ থেকে আইএমএ-র সমস্ত রাজ্য ও আঞ্চলিক শাখার প্রধানদের নির্দেশ দিয়ে জানানো হয়েছে, চিকিৎসক আন্দোলনের সংহতিতে এবার দেশ জোড়া কর্মসূচির পথে হাঁটছে তারা। তাতে নেতৃত্ব দেবেন আইএমএ জেডিএন (জুনিয়র ডক্টরস নেটওয়ার্ক) এবং সদস্যেরা। আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সমস্ত প্রান্তে অনশন পালন করবেন জুনিয়র ডাক্তাররা। নিজের নিজের মেডিক্যাল কলেজ ও হস্টেলগুলিতে এই প্রতিবাদ কর্মসূচি পালন করবেন তাঁরা। এ নিয়ে সংগঠিত আলোচনার জন্য রবিবার দুপুরেই আইএমএ-র রাজ্যশাখার প্রেসিডেন্ট ও সভাপতিদের নিয়ে একটি জরুরি মিটিংও ডাকা হয়েছে। প্রসঙ্গত, শুক্রবারই দিল্লি থেকে আইএমএ-র প্রেসিডেন্ট আরভি অশোকান এসে দেখে যান ধর্মতলায় আন্দোলনরত চিকিৎসকদের অনশনমঞ্চ। নিজেদের স্বাস্থ্যের কথা ভেবে অনশন প্রত্যাহার করতেও অনুরোধ করেন। এর পরেই রবিবার সর্বভারতীয় চিকিৎসক সংগঠন আইএমএ-র বেঙ্গল শাখা কলকাতা-সহ জেলায় জেলায় ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দেয়। রবিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গোটা রাজ্যে প্রতীকী অনশন পালন করছেন তাঁরা।

    আরও পড়ুন: কলকাতার রাজপথে ‘দ্রোহের কার্নিভাল’! ঘরে ঘরে অরন্ধনের ডাক

     প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে চিঠি

    এর আগে প্রেস বিবৃতিতে রাজ্য প্রশাসনকে কড়া বার্তা দিয়েছিল আইএমএ (IMA) বেঙ্গল। ওই বিবৃতিতে বলা হয়, জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন চলছে। একে একে অসুস্থ হয়ে পড়ছেন অনশনরত চিকিৎসকেরা। তাঁদের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বিগ্ন গোটা চিকিৎসক সমাজ। রাজ্য প্রশাসনকে হুঁশিয়ারিও দেন আইএমএ রাজ্য শাখার চিকিৎসকেরা। জানিয়ে দেন, প্রশাসন উদ্যোগী না হলে চরম পদক্ষেপ করবেন তাঁরা। উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের অনশনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সর্বভারতীয় রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন ‘ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (এফএআইএমএ) থেকেও মমতাকে চিঠি দেওয়া হয়। সেই চিঠিতেও ছিল হুঁশিয়ারি। দাবি না মানলে দেশ জুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন এফএআইএমএ-র সদস্যেরা। এমন একের পর এক পদক্ষেপে সরকারের ওপর ‘চাপ’ বাড়ছে বলে মনে করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Junior Doctor:  কলকাতার রাজপথে ‘দ্রোহের কার্নিভাল’! ঘরে ঘরে অরন্ধনের ডাক

    Junior Doctor: কলকাতার রাজপথে ‘দ্রোহের কার্নিভাল’! ঘরে ঘরে অরন্ধনের ডাক

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার কলকাতার বড় পুজোগুলির প্রতিমা নিয়ে রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল। আরজি করের (RG Kar) নির্যাতিতার বিচারের দাবিতে এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) প্রতি সংহতি জানিয়ে রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভাল’ ডাকল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। চিকিৎসকদের আটটি সংগঠনের যৌথমঞ্চ এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

    ‘দ্রোহের কার্নিভাল’! (Junior Doctor)

    শনিবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কিছু জানেন না আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) আন্দোলনের অন্যতম নেতা দেবাশিস হালদার বলেন, “এই রকম কর্মসূচির কথা আমার জানা নেই। ফলে, এবিষয়ে এখনই কিছু মন্তব্য করতে পারব না।”গোটা পুজোয় পুলিশ বনাম আন্দোলনকারীদের সংঘাত লেগেই ছিল। ত্রিধারার মণ্ডপে বিচার চেয়ে স্লোগান দিতে গিয়ে ন’জন আন্দোলনকারী গ্রেফতার হয়েছিলেন। হাইকোর্টের নির্দেশে শনিবারই তাঁরা মুক্তি পেয়েছেন। অনেকের মতে, রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত পুজো কার্নিভালের দিন চিকিৎসকদের যৌথ মঞ্চের ডাকে ‘দ্রোহের কার্নিভাল’ নতুন সংঘাতের সম্ভাবনা তৈরি করে দিল। কারণ, রানি রাসমণি রোড এবং রেড রোডের কার্নিভাল স্থলের দূরত্ব কয়েক মিটার বড় জোর। ফলে, প্রশাসন চিকিৎসকদের যৌথমঞ্চের কর্মসূচিতে অনুমতি দেবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। পাশাপাশি রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে নতুন সংঘাতের পরিস্থিতি নিয়েও আলোচনা শুরু হয়েছে।

    আরও পড়ুন: ‘‘দ্রৌপদীর পোশাকে কেউ স্পর্শ করলে মহাভারত ঘটে যায়’’, আরজি কর ইস্যুতে তোপ সঙ্ঘ প্রধানের

    ঘরে ঘরে অরন্ধনের ডাক

    ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’, জুনিয়র ডাক্তারদের মিলিত মঞ্চের তরফে শুক্রবার সকালে আন্দোলনকারী চিকিৎসক (Junior Doctor) দেবাশিস হালদার নাগরিক সমাজকে সংহতির বার্তা নিয়ে আন্দোলনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ধর্মতলার অনশন মঞ্চ সংলগ্ন অঞ্চলেই সমাবেশের ডাক দেন তাঁরা। সেই ডাকে সাড়া দিয়ে সন্ধ্যা থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমান ধর্মতলায়। সেই মঞ্চ থেকে শুক্রবার রাতে চিকিৎসক অনিকেত উপস্থিত জনগণকে অনুরোধ করেন, “জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সংহতি জানিয়ে আগামী রবিবার,একাদশীর দিন আপনারা ঘরে ঘরে অরন্ধন কর্মসূচি পালন করুন।” এছাড়া, রবিবার সর্বভারতীয় চিকিৎসক সংগঠন আইএমএ (ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন) -র বেঙ্গল শাখাও কলকাতা-সহ জেলায় জেলায় ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছে। ১০ দফা দাবিতে গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের ছ’জন চিকিৎসক। পরদিন যোগ দেন অনিকেত মাহাত, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার রাতে তাঁকে আরজি করে ভর্তি করানো হয়। শুক্রবার থেকে অনিকেতের অবস্থা খানিক স্থিতিশীল হলেও এখনও পর্যবেক্ষণেই রয়েছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হচ্ছে স্নিগ্ধারও। কিন্তু মনোবল কমেনি কারও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share