Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Toy Train: নতুন বছরের প্রথম দিনেই লাইনচ্যুত টয় ট্রেন! আতঙ্কে পর্যটকরা

    Toy Train: নতুন বছরের প্রথম দিনেই লাইনচ্যুত টয় ট্রেন! আতঙ্কে পর্যটকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের প্রথম দিনে ফের দার্জিলিংয়ে লাইনচ্যুত হল টয় ট্রেন (Toy Train)। সোমবার বিকেলে ম্যারি ভিলার কাছে লাইনচ্যুত হয়ে যায় টয় ট্রেনটি। আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। এর আগে গত বছরের ফেব্রুয়ারি, মার্চ এবং সেপ্টেম্বর মাসের প্রথম দিকে পর পর তিনবার টয় ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছিল। নতুন বছরের প্রথম দিনে ফের টয় ট্রেন দুর্ঘটনার কবলে পড়ায় পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

    ঠিক কী করে দুর্ঘটনা ঘটল?  (Toy Train)

    এমনিতেই শীতের সময় দার্জিলিংয়ে পর্যটকদের ভিড় অনেক বাড়ে। বিশেষ করে বিদেশি পর্যটকরা এখন এখানে ভিড় করে। পর্যটকদের বড় অংশই শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেনের (Toy Train) দীর্ঘ সময়ের যাত্রা থেকে বিরত থাকেন। তবে, হেরিটেজ টয় ট্রেনে চড়ার আনন্দ উপভোগ করতে তাঁদের অনেকে জয় রাইডে যান। এখন প্রতি দিন এক ডজন করে জয় রাইড চলছে দার্জিলিংয়ে। পর্যটকদের কথা মাথায় রেখে আরও চারটি জয় রাইড বাড়িয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। সোমবার বিকেলে টয় ট্রেনটি দার্জিলিং স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল। প্রায় ৬০ জন যাত্রী ছিলেন ট্রেনে। ঘুম স্টেশন হয়ে সোনাদা ঘুরে আবার দার্জিলিং স্টেশনের দিকে যেতে গিয়েই বিপত্তি ঘটে। ঘুম স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে ম্যারি ভিলাতে লাইনচ্যুত হয় টয় ট্রেনটি। ফলে, পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন। এর আগে সেপ্টেম্বর মাসে ঘুম স্টেশন পর্যন্ত ঠিকঠাকভাবে চললেও স্টেশন থেকে ট্রেনটি ছাড়তেই ইঞ্জিনটি খুলে গিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে। হুড়মুড় করে থেমে যায় টয় ট্রেনটি। যদিও দুর্ঘটনায় পর্যটকদের জখম হওয়ার খবর পাওয়া যায়নি।

     রেল আধিকারিকের কী বক্তব্য?

    উত্তর-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ঘুম এবং দার্জিলিং স্টেশনের মাঝে একটি জয় রাইডের স্টিম ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার সময় দুটি কামরায় পর্যটকেরা ছিলেন। তবে, দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ওই পর্যটকদের পরে সড়কপথে দার্জিলিং পাঠানো হয়েছে। টয় ট্রেনটি (Toy Train) উদ্ধার করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bhatpara: ভাটপাড়ায় সোমনাথ অনুগামীদের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব! নাম না করে ফের অর্জুনকে তুলোধনা

    Bhatpara: ভাটপাড়ায় সোমনাথ অনুগামীদের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব! নাম না করে ফের অর্জুনকে তুলোধনা

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার দুপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে নাম না করে তৃণমূল সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। এরপর রবিবার রাতেই ভাটপাড়ার (Bhatpara) ১৪ নম্বর ওয়ার্ডের মানিকপীড় এলাকায় চলল দুষ্কৃতী তাণ্ডব। রাত দুটোর পরে বেশ কয়েকজন যুবক সাত-আটটি বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। আক্রান্তরা সোমনাথ শ্যাম অনুগামী হিসেবে দলে পরিচিত।  ঘটনার খবর পেয়ে এলাকায় যান সোমনাথ শ্যাম। তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটা বাড়িতে ঘুরে বেড়ান। পরে, তিনি বলেন, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে কিছু দুষ্কৃতী এটা করেছে। পিছনে মদতদাতা অন্য কেউ আছে। পুলিশ প্রশাসন বিষয়টি দেখছে। তিনি নাম না বললেও এই হামলার পিছনে অর্জুন অনুগামীরা রয়েছে তা তিনি বুঝিয়ে দিয়েছেন।

    থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা! (Bhatpara)

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইট-পাটকেল, মদের বোতল ছোঁড়া হয়  বাড়িগুলিতে। ভাঙা হয়েছে দরজা, জানালা। ভয়ের পরিবেশ তৈরি করতেই এই জিনিস করা হয়েছে। দল বেঁধে এসে এলাকায় তান্ডব চালানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে নতুন বছরের প্রথম দিন সকালে ভাটপাড়া (Bhatpara) থানায় বিক্ষোভ দেখান। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ জানালেন ভাটপাড়া থানায়। দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে ক্ষুব্ধ বাসিন্দাদের আশ্বাস দেওয়া হয়েছে।

    নাম না করে ফের অর্জুনকে আক্রমণ করলেন সোমনাথ

    সোমবার নৈহাটির মামুদপুরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অর্জুনের নাম না করে সোমনাথ শ্যাম বলেন, ছেলে বিজেপিতে, আর বাবা তৃণমূলে। ছেলের সাক্ষী দেওয়ার জন্য ১৩ জন তৃণমূল কর্মী এখন জেলে রয়েছেন। ভোট পরবর্তী হিংসার মামলায় বিজেপির ভাটপাড়ার (Bhatpara) বিধায়ক পবন সিং ওই সাক্ষী দিয়েছিলেন। তাঁর বাবা দলকে শক্তিশালী করবেন? আসলে তিনি দুর্বল করতে এসেছেন। দলে থেকে দলের কর্মীদের খুন করাচ্ছে কে, তা বারাকপুরের মানুষ জানে। কেন তিনি প্রকাশ্যে সাংসদের বিরুদ্ধে বলছেন, সেই প্রশ্নের জবাবে সোমনাথ শ্যাম বলেন, ২০১৯ সাল থেকে তিনি (অর্জুন সিং) যা করেছেন, আমি সেটাই মানুষের কাছে তুলে ধরছি। আমাকে কেউ বলতে বারণও করেনি। অবশ্য সুব্রত বক্সির নির্দেশে অর্জুন সিং মুখে কুলুপ এঁটেছেন। ফলে, বারাকপুর শিল্পাঞ্চলে সোমনাথের বাণে বার বার বিদ্ধ হচ্ছে অর্জুন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: সুন্দরবন যাত্রায় ব্যাহত লঞ্চ পরিষেবা! বছরের প্রথম দিনে চরম নাকাল পর্যটকরা

    South 24 Parganas: সুন্দরবন যাত্রায় ব্যাহত লঞ্চ পরিষেবা! বছরের প্রথম দিনে চরম নাকাল পর্যটকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের প্রথম দিনে ফুরফুরে মেজাজে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সুন্দরবনে ঘুরতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হল পর্যটকদের। অধিকাংশ লঞ্চই পর্যটকদের নিয়ে জঙ্গলে ঢুকতে চাইছে না। ফলে, সারা দিন লঞ্চে চেপে নদী ও ম্যানগ্রোভের জঙ্গলের প্রাকৃতিক শোভা উপভোগ করা থেকে বঞ্চিত হলেন পর্যটকরা।

    কেন এমন পরিস্থিতি? (South 24 Parganas)

    শতাধিক লঞ্চ-নৌকার লাইসেন্স বাতিল হওয়ার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লঞ্চ ও নৌকা মালিকদের অনেকেই সঠিক সময়ে লাইসেন্স রিনিউ করার জন্য আবেদন করেননি। ডিসেম্বর মাসে সংশ্লিষ্ট দফতরে এমনিতেই লোক কম থাকে। তবে, ছুটি শেষে ২ জানুয়ারি থেকে এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছে তারা। জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল বলেন, সঠিক সময়ে আবেদন না করায় অনেকেই নতুন লাইসেন্স পাননি। অফিস খোলার পর আবেদন করলে সকলেই লাইসেন্স পাবেন।

    ্যুরিস্ট বোট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কী বললেন?

    প্রতি বছর দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) জেলা পরিষদ থেকে সুন্দরবনের লঞ্চ-নৌকাগুলিকে লাইসেন্স দেওয়া হয়। লাইসেন্স ছাড়া জঙ্গলের মধ্যে ঢুকলেই বন দফতরের পক্ষ থেকে জরিমানা করা হয়, এই ভয়ে এবার পর্যটকদের নিয়ে বের হতে চাইছেন না লঞ্চ মালিকেরা। সুন্দরবন ট্যুরিস্ট বোট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গোলাম সর্দার বলেন, মোটা টাকা জরিমানার ভয়ে কেউই জঙ্গলে ঢুকতে পারছেন না। ফলে, বোটগুলি ঘাটেই দাঁড়িয়ে আছে।

    পর্যটকরা কী বললেন?

    পর্যটকরা বলেন, সুন্দরবনের মূল আকর্ষণ লঞ্চে চেপে জঙ্গল পরিদর্শন করা। সেই অভিজ্ঞতা নিতে হাজার হাজার পর্যটক সুন্দরবনে ভিড় করেন। বছরের প্রথম দিন সুন্দরভাবে প্রকৃতির সঙ্গে কাটানোর জন্য পর্যটকরা ভিড় করেছিলেন। কিন্তু, এখানে বিপাকে পড়তে হয়। আগে থেকে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলে পর্যটকদের অকারণে দুর্ভোগ পোহাতে হত না। আর আমাদের মতো বহু পর্যটক সুন্দরবনমুখো হত না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kalpataru Utsab: কল্পতরু উৎসবে কাশীপুর-বেলুড় মঠ-জয়রামবাটি-দক্ষিণেশ্বরে ব্যাপক ভক্তসমাগম

    Kalpataru Utsab: কল্পতরু উৎসবে কাশীপুর-বেলুড় মঠ-জয়রামবাটি-দক্ষিণেশ্বরে ব্যাপক ভক্তসমাগম

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ কল্পতরু উৎসব। আজকের দিনেই ঠাকুর রামকৃষ্ণ তাঁর ভক্তদের বলেছিলেন, ‘চৈতন্য হোক’। তাই ঠাকুরের স্মৃতি বিজড়িত মন্দিরগুলিতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। দক্ষিণেশ্বর, কাশীপুর উদ্যানবাটি, বেলুড় মঠ, কামারপুকুর, জয়রামবাটি এবং তারাপীঠে ব্যাপক ভক্তের সমাগম হয়েছে। ঠাকুর রামকৃষ্ণকে তাঁর ভক্তরা ঈশ্বরের অবতার বলে থাকেন। আজ কল্পতরু উৎসবে (Kalpataru Utsab) সেজে উঠেছে মায়ের মন্দিরগুলিও।

    কাশীপুর-বেলুড় মঠে কল্পতরু উৎসব (Kalpataru Utsab)

    সময়টা ছিল ১৮৮৫-র শেষ। ঠাকুর রামকৃষ্ণের শরীর খুব একটা ভালো ছিল না। শীতে একেবারে কাবু হয়ে গিয়েছিলেন। চিকিৎসার জন্য শ্রী গোপাল ঘোষের বাগানবাড়িতে নিয়ে গিয়ে রাখা হয় তাঁকে। চিকিৎসক মহেন্দ্রলাল সরকারের কড়া নিষেধ ছিল, কথা বলা যাবে না। কথা বললেই গলায় যন্ত্রণা বাড়বে। ছিলেন কড়া নজরদারিতে। ভক্তদের মনে ঠাকুরকে ঘিরে দারুণ আশঙ্কা। তাঁকে দেখেতে আগ্রহী ছিলেন ভক্তরা। এরপর বছরের প্রথম দিনেই ১৮৮৬ সালে ভক্তরা দেখতে এলে, তাঁদের ঠাকুর বলেন ‘তোমাদের চৈতন্য হোক’। এরপর থেকেই পালিত হয় ‘কল্পতরু উৎসব’ (Kalpataru Utsab)। কাশীপুর উদ্যানবাটীতে আজ ভোর ৪ টে থেকে পুজো দিয়ে শুরু হয় মঙ্গলারতি। এরপর সকাল ৭ টা থেকে শুরু হয় বিশেষ পুজো। সেই সঙ্গে চলছে ভক্তিগীতি এবং কীর্তন। বেলুড় মঠেও একই ভাবে পুজো অনুষ্ঠিত হয়। বছরের প্রথম দিনেই মা কালী, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকান্দের চরণকমলে ভক্তি, পুজা-অর্চনা করে ভক্তরা নতুন বছরের দিনটিকে শুরু করলেন।

    জয়রামবাটিতে পুজো

    ১ জানুয়ারি কল্পতরু (Kalpataru Utsab) উৎসব উপলক্ষে কামারপুকুর, বেলুড়ের পাশাপাশি মা সারদার বাঁকুড়ার জয়রামবাটিতেও বিশেষ পুজো এবং উৎসব পালন করা হয়। প্রতি বছরের মতো এই বছরেও ভক্তদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। মন্দিরে সকাল থেকেই পুজো অনুষ্ঠিত হয়। ভক্তদের মধ্যে বিশ্বাস, মন থেকে যা চাইবে, ঠাকুরের আশীর্বাদে সেই ইচ্ছাপূরণ হয় কল্পতরু উৎসবে।

    দক্ষিণেশ্বরে সেজে উঠেছেন মা

    দক্ষিণেশ্বরে সেজে উঠেছেন মা ভবতারিণী। কল্পতরু উৎসবকে (Kalpataru Utsab) ঘিরে ভক্তদের ব্যাপক সমাগম হয়েছে। মাকে নতুন বেনারসি, গহনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরে এদিন এসেছেন ভিন রাজ্য থেকে ভক্তরা। অতিরিক্ত চাপ সামলাতে প্রশাসন থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা।

    তারাপীঠে মায়ের পুজো

    কল্পতরু উৎসবকে (Kalpataru Utsab) ঘিরে তারাপীঠে ভাক্তদের ব্যাপক ঢল লক্ষ্য করা গেল। সকাল থেকেই মন্দির চত্বরে চলছে পুজো। নতুন বছর ভালোভাবে কাটুক, এই কামনায় তারামায়ের কাছে গিয়ে প্রার্থনা করতে দেখা গিয়েছে ভক্তদের। মন্দিরে রয়েছে ব্যাপক ভিড়। তাই গর্ভগৃহে যাতে কেউ ঢুকে ছবি না তোলে, সেই দিকে কড়া নজরদারি রাখা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Birbhum: তৃণমূল কর্মী হয়েছিলেন মাওবাদী! ১২ বছর ফেরার থাকার পর পুলিশের জালে

    Birbhum: তৃণমূল কর্মী হয়েছিলেন মাওবাদী! ১২ বছর ফেরার থাকার পর পুলিশের জালে

    মাধ্যম নিউজ ডেস্ক: আগ্নেয়াস্ত্র সহ এক মাওবাদী নেতাকে বীরভূম (Birbhum) থেকে গ্রেফতার করল পুলিশ। ১২ বছর ফেরার থেকেও শেষরক্ষা হল না। গ্রামে আত্মীয়ের বাড়িতে ফিরতেই মাওবাদী যুবককে গ্রেফতার করল পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে দেশদ্রোহিতা, এলাকায় সন্ত্রাস-সহ একাধিক অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হল। ধৃতের নাম বাবন সূত্রধর (৪৮)। তাঁর বাড়ি বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার বেলিয়া গ্রামের পুকুরপাড়ায়।

    সেভেন এমএম পিস্তল বাজেয়াপ্ত! (Birbhum)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ বছর ধরে বাড়িছাড়া ছিলেন ওই মাওবাদী নেতা। অভিযুক্তের বিরুদ্ধে পাশের জেলা মুর্শিদাবাদের নওদা থানায় দেশদ্রোহিতার অভিযোগ ছিল। পুলিশও দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল। কয়েক দিন আগে তিনি বীরভূমের (Birbhum) গ্রামে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। ফেরার আগে থেকেই শাসকদলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। এদিকে বাবনের গ্রামে ফেরার খবর পেয়ে তাঁর বাড়ি ঘিরে ফেলে রামপুরহাট থানার পুলিশ। বিশাল বাহিনীর নেতৃত্বে ছিলেন রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্র। বাম আমলে বাবনের বোনকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। তারপরই প্রতিবাদী হয়ে ওঠেন বাবন। এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তাঁর কাছে থেকে সেভেন এমএম পিস্তল এবং পাঁচ রাউন্ড কার্তুজ পুলিশ বাজেয়াপ্ত করে।

    কী বললেন স্থানীয় তৃণমূল নেতা?

    তৃণমূলের বুথ সভাপতি অরুণ সূত্রধর বলেন, বাবন তো আমাদের দলের হয়ে কাজ করত। পরিবারে একটি দুর্ঘটনার জন্য ও বিপথে চলে গিয়েছিল। এখন সে নিজেকে শুধরে নিয়েছে। ও যাতে সঠিক বিচার পায়, তা আমরা দেখব।

    সংগঠনের মধ্যে বেশি গোষ্ঠীদ্বন্দ্ব, স্বীকার করলেন মাওবাদী নেতা

    আর মাওবাদী নেতা বাবন সূত্রধর বলেন, মাওবাদী সংগঠনে নাম লেখালেও বোনের প্রতি অবিচারের বদলা এখনও নিতে পারিনি। বেশ কয়েক বছর আমি জেলও খেটেছি। আমার কাছে অস্ত্র ছিল না। পুলিশ তা গুঁজে দিয়েছে। আর মাওবাদীদের মধ্যে আরও বেশি গোষ্ঠীদ্বন্দ্ব, খেয়োখেয়ি। তাই, তাদের পথ থেকে পিছিয়ে এসেছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: বছরের প্রথম দিনেও শীতের সেই দাপট নেই, কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা!

    Weather Update: বছরের প্রথম দিনেও শীতের সেই দাপট নেই, কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা!

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের প্রথম দিনেও শীতের (Weather Update) দাপট কম। নেপথ্যে সেই ঘূর্ণাবর্ত। এমনকী, চলতি সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। দক্ষিণে যেখানে বৃষ্টির ভ্রুকুটি, সেখানে উত্তরবঙ্গের শৈলশহর দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। অপরদিকে, শীতে জবুথবু উত্তর ভারত। প্রবল ঠান্ডায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অনেক জায়গায় স্বাভাবিক জনজীবন ব্যাহত।

    কেমন কলকাতার আবহাওয়া (Weather Update)?

    নববর্ষের দিনে শহর কলকাতায় শীতের (Weather Update) দেখা নেই। সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেশি। কবে থেকে কনকনে ঠান্ডা পড়বে তা এখনও স্পষ্ট নয়। আবার সপ্তাহের শেষেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি প্রথম দিনে কলকাতার তাপমাত্রা হল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক থেকে ২ ডিগ্রি বেশি। গত নয় দিনের তুলনায় আজ তাপমাত্রা এক ডিগ্রি কম। তবে আকাশ পরিষ্কার থাকলে সকাল-সন্ধ্যায় কুয়াশা পড়ার সম্ভাবনা থাকবে। দিনের তাপমাত্রা ২৫ এবার রাতের দিকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানা গিয়েছে।

    দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা

    আবার বাংলাদেশ এবং বঙ্গোপসাগরে বায়ুমণ্ডলের (Weather Update) উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি রয়েছে। পূর্বদিক থেকে বাতস ঢুকছে রাজ্যে। ফলে বাতাসে জলীয়বাস্পের পরিমাণ বাড়ছে। বৃহস্পতিবার ও শুক্রবারের দিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও ইঙ্গিত নেই। সকাল এবং সন্ধ্যায় কুয়াশার ইঙ্গিত রয়েছে। গাঙ্গেয় জেলাগুলির তেমন তাপমাত্রা পরিবর্তনের ইঙ্গিত নেই। আবার দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টিপাত হতে পারে। পর্যটকের কাছে আনন্দের খবর— আগামী সোমবার থেকে দার্জিলিঙে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

    উত্তর ভারতে লাল সতর্কতা জারি

    দিল্লির মৌসম ভবন জানিয়েছে, সোমবার পাঞ্জাবের অমৃতসর, ফতেগড়, সাহিব, গুরুদাসপুর, জলন্ধর, লুধিয়ানা, পাঠানকোট, রূপনগর ইত্যাদি জেলায় ঘন কুয়াশা (Weather Update) থাকবে। দৃশ্যমান কম হতে পারে কুয়াশার কারণে। রেল, বিমান, সড়কপথে যাতায়াত ব্যাহত হতে পারে। হরিয়ানার আম্বালায় দৃশ্যমানতা কমে গিয়েছে ২৫-এর নীচে। ফলে প্রাণহানির আশঙ্কা থাকার ইঙ্গিত রয়েছে বলে আবহাওয়া দফতর লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যেপ্রদেশে শীতের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কনকনে ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে দিল্লির অনেক বিমান বাতিল করা হয়েছে। অনেক বিমান দিল্লির বদলে অন্যত্র অবতরণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী কয়েক দিনে কুয়াশার পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে লক্ষ টাকার প্রতারণা, অভিযুক্ত তৃণমূলের যুব নেতা

    South 24 Parganas: স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে লক্ষ টাকার প্রতারণা, অভিযুক্ত তৃণমূলের যুব নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: দলের বিধায়ক, মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগ উঠল তৃণমূলের যুব নেতার বিরুদ্ধে। আর প্রতারিত হয়েছেন তৃণমূলেরই অন্য এক যুব নেতা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) রায়দিঘি এলাকায়। প্রতারিত যুব নেতার নাম পৃথ্বীরাজ তাঁতি। তিনি রায়দিঘির কৌতলা অঞ্চলের যুব সভাপতি। আর প্রতারকের নাম প্রীতম কলা। তিনি দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমা ব্লকের মহেশপুর কেদারপুর এলাকার রবীন্দ্রপল্লির বাসিন্দা। তিনি নিজেকে তৃণমূলের বিধায়ক ঘনিষ্ঠ যুব নেতা বলতেন।

    কীভাবে প্রতারণা? (South 24 Parganas)

    পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য  সহ একাধিক তৃণমূল নেতার সঙ্গে ফটো তুলে প্রতারণার ফাঁদ পাতেন প্রীতম কলা। দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে প্রীতমের সঙ্গে পরিচয় হয় পৃথ্বীরাজের। প্রতারক প্রীতম কলা বিভিন্ন মন্ত্রী, এমএলএ ও যুব নেতাদের পাশে দাঁড়িয়ে থাকা ছবি দেখিয়ে যুব নেতাকে প্রভাবিত করেন বলে অভিযোগ। স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছে ৪ লক্ষ টাকা দাবি করা হয়। প্রথম দফায় ১ লক্ষ টাকা চাওয়া হয়। ভুয়ো ডাক্তার ও তার সহকারি সাজিয়ে ইন্টারভিউয়ের নাম করে তিনি কয়েক দফায় যুব তৃণমূলের নেতার কাছ থেকে এক লক্ষ টাকা নেন। দেওয়া হয় ভুয়ো নিয়োগপত্র। প্রতারণার চক্রের খপ্পরে পড়ে ভুয়ো নিয়োগপত্র নিয়ে এনআরএস হাসপাতালে কাজে যোগ দিতে যান যুব তৃণমূলের নেতা পৃথ্বীরাজ। হাসপাতালের সুপার বুঝতে পারেন, নিয়োগপত্র জাল। গোপনে পুলিশকে খবর দেন সুপার। পুলিশ আসার আগে বুঝতে পেরে সেখান থেকে সরে পড়েন তিনি। এইভাবে প্রতারণার চক্রে পড়ে সর্বস্বান্ত হয়ে হতাশায় ভুগছেন ওই যুবনেতা।

    প্রতারিত যুব নেতা কী বললেন?

    প্রতারিত যুব নেতা পৃথ্বীরাজ তাঁতি বলেন, দলের বড় বড় নেতাদের সঙ্গে প্রতারকের ছবি দেখে আমি প্রভাবিত হয়ে পড়েছিলাম। আমি কয়েক দফায় ১ লক্ষ টাকা দিয়ে বুঝতে পারি, প্রতারকের খপ্পরে পড়েছি। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘প্রতি মাসে ১০০ জন নন্দীগ্রামবাসীকে রাম মন্দিরে নিয়ে যাওয়া হবে’, ঘোষণা শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘প্রতি মাসে ১০০ জন নন্দীগ্রামবাসীকে রাম মন্দিরে নিয়ে যাওয়া হবে’, ঘোষণা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় অর্ধশতকের আইনি লড়াইয়ের পর অযোধ্যার বিতর্কিত প্রাঙ্গনে রাম মন্দির তৈরির অনুমতি দেয় আদালত। রাম মন্দিরে জোর কদমে চলছে প্রস্তুতি। আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। স্বাভাবিকভাবে ঐতিহাসিক এই দিনের সাক্ষী থাকতে চাইছেন দেশবাসী। রেলের পক্ষ থেকে দেশের সমস্ত প্রান্তের মানুষদের নিয়ে যাওযার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নন্দীগ্রামের মানুষদের রাম মন্দির দর্শনে নিয়ে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। নন্দীগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই আশ্বাস দিয়েছেন শুভেন্দু।

    রাম মন্দির দর্শন নিয়ে ঠিক কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)

    রবিবার বছরের শেষ দিন নন্দীগ্রাম বজরং কমিটি আয়োজিত হনুমান পুজোয় অংশগ্রহণ করেন স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্থানীয়দের আশ্বস্ত করে তিনি বলেন, যাঁরা নিজের টাকায় রাম মন্দির দর্শনে যেতে পারবেন না, তাঁদের সঙ্গে সেবক শুভেন্দু সব সময় আছে। রাম মন্দির দর্শনের জন্য গোটা দেশ থেকে ৭০০ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। সেই সব ট্রেনে টিকিট কেটে উঠতে হবে। নন্দীগ্রামের যাঁরা টিকিট কেটে রাম মন্দির দর্শনে যেতে পারবেন না, প্রতি মাসে আমি ১০০ জন করে ট্রেনে যাতায়াতের ব্যবস্থা করে দেব। জানুয়ারি মাসের ২২ তারিখের পর থেকে নন্দীগ্রামে রাম মন্দির দর্শন কর্মসূচি শুরু হবে। যাঁরা নিজেদের ক্ষমতায় যেতে পারবেন যাবেন, যাঁরা পারবেন না তাঁদের রাম মন্দির নিয়ে যাওয়ার সমরকম ব্যবস্থা আমি করে দেব।

    রাজ্য সরকারকে তোপ দাগলেন শুভেন্দু (Suvendu Adhikari)

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, রাম মন্দির তৈরি হয়েছে সনাতনীদের দেওয়া অর্থ দিয়ে। সনাতনীরা বিশ্ব হিন্দু পরিষদকে যে টাকা দিয়েছেন, তা দিয়ে তৈরি হয়েছে এই রাম মন্দির। দিঘার জগন্নাথ কালচারাল সেন্টারের মতো সরকারি টাকায় তৈরি নয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hiran Chatterjee: পুলিশকে তৃণমূলের ‘গুন্ডা’ বলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন হিরণ

    Hiran Chatterjee: পুলিশকে তৃণমূলের ‘গুন্ডা’ বলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন হিরণ

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপির রাজ্য যুব মোর্চার ইনচার্জ তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। দলের নেতার সঙ্গে পুলিশ অমানবিক আচরণ করায় কার্যত ক্ষোভ উগরে দেন যুব মোর্চার এই নেতা। পুরাতন মালদার সেতু মোড়ে সাংবাদিক বৈঠকে পুলিশকে আক্রমণ করেন তিনি। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় দলীয় নেতা-কর্মীরা মনোবল ফিরে পেয়ে গিয়েছে।

    যুব মোর্চার নেতাকে অমানবিক অত্যাচার চালায় পুলিশ!

    গত, ২৫ ডিসেম্বর গাজলের শহিদপুর মোড়ের বাড়ি থেকে যুব মোর্চার জেলার সাধারণ সম্পাদক প্রশান্ত মাহাতকে মোটর বাইক চুরির অপবাদ দিয়ে তাঁর উপরে অমানবিক অত্যাচার চালায় পুলিশ। এমনই অভিযোগ বিজেপি নেতা-কর্মীদের। পুলিশের মারে অচৈতন্য হয়ে পড়েন বিজেপির এই যুব মোর্চার নেতা। গাজল গ্রামীণ হাহপাতালে তাঁকে ভর্তি করা হয়। তবে, সরকারি হাসপাতালে শারীরিক নির্যাতনের কথা উল্লেখ থাকলেও পুলিশ যে হামলা চালিয়েছে তা অভিযোগে কোথাও লেখা হয়নি বলে সরব হন বিজেপি নেতৃত্ব। প্রশান্তকে পাশে নিয়ে পুলিশের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দেন যুব মোর্চার রাজ্য নেতা (Hiran Chatterjee)।

    কী বললেন বিজেপির রাজ্য যুব মোর্চার ইনচার্জ? (Hiran Chatterjee)

    দলীয় নেতাকে মোটর বাইক চুরির মিথ্যে অপবাদ দিয়ে মারধরের অভিযোগ তুলে পুলিশকে ‘গুন্ডা’ বলে আক্রমণ করলেন বিজেপির রাজ্য যুব মোর্চার ইনচার্জ হিরণ চট্টোপাধ্যায়। তিনি বলেন, যুব মোর্চার উপর অত্যাচার করে কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। তৃণমূলের দলদাস পুলিশ। তাই, পুলিশ গুন্ডার মতো কাজ করছে। আমাদের নেতাকে নৃশংসভাবে থানায় নিয়ে গিয়ে পুলিশ মারধর করেছে। এরই প্রতিবাদে আমরা আগামীদিন আন্দোলন শুরু করব। এছাড়া রাজ্যের ফিল্ম ফেস্টিভ্যাল সলমন খানের সঙ্গে মুখ্যমন্ত্রীর নাচ নিয়েও কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, সলমন খান রাজ্যের পরিস্থিতি জানলে তিনি নাচা তো দূরের কথা বাংলাতেই আসতেন না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arjun Singh: নাম না করে অর্জুনকে গ্রেফতারির হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূলেরই বিধায়ক!

    Arjun Singh: নাম না করে অর্জুনকে গ্রেফতারির হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূলেরই বিধায়ক!

    মাধ্যম নিউজ ডেস্ক: নাম না করে অর্জুন সিংকে (Arjun Singh) গ্রেফতারির হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। শুধু তাই নয়, নোয়াপাড়া শহর তৃণমূলের সভাপতি গোপাল মজুমদার খুনের ঘটনায় নতুন করে মামলাটির তদন্ত করারও তিনি দাবি জানিয়েছেন। এই খুনের ঘটনার মূলচক্রীকে গ্রেফতার করা হয়নি। আমার কাছে সমস্ত তথ্য রয়েছে। সবকিছু হলুদ ফাইলে জমা রয়েছে। পুলিশ কমিশনারকে এ বিষয়ে আবেদন জানাব। মূলত তার বক্তব্যের মধ্যে দিয়ে এই খুনের পিছনে বারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের দাপুটে নেতা রয়েছে বলে তিনি ইঙ্গিত করেন। অর্জুন সিং ইস্যুকে সোমনাথ শ্যাম ফের মুখ খোলায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

    বারাকপুরে জিইয়ে রইল তৃণমূলের দ্বন্দ্ব (Arjun Singh)

    বেশ কিছুদিন ধরে বারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিংয়ের (Arjun Singh) সঙ্গে সোমনাথের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসেছে। কোন্দল ঠেকাতে রাজ্য নেতৃত্ব সরাসরি হস্তক্ষেপ করে। রাজ্য নেতা সুব্রত বক্সির নির্দেশ মেনে সোমনাথ ইস্যুতে অর্জুন মুখে কুলুপ এঁটেছেন। শনিবার সুব্রত বক্সি নিজে উদ্যোগী হয়ে নৈহাটি উৎসবে এসে অর্জুন-সোমনাথ দ্বন্দ্বে ইতি টানতে চেয়েছিলেন। দুপক্ষকে একসঙ্গে বসিয়ে সমঝোতা করার চেষ্টা করেছিলেন এই রাজ্য নেতা। সমঝোতা বৈঠকে হাজির হয়ছিলেন অর্জুন। তবে, গড়হাজির ছিলেন সোমনাথ। ফলে, বৈঠক ভেস্তে যায়। ফলে, বারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের দ্বন্দ্ব জিইয়ে রইল তা বলাবাহুল্য।  এই ঘটনার মধ্যেই সোমনাথ সিং এর অর্জুনের নাম না করে এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে।

     ফের বিস্ফোরক সোমনাথ, ঠিক কী বললেন?

    সোমনাথ শ্যাম বলেন, ২০১৯ সালের পর থেকে বহু কর্মী আমাদের দলে খুন হয়েছেন। এমনকী বিকাশ বসু খুনের ঘটনার পিছনে কারা রয়েছেন তা খুঁজে বের করা দরকার। কারণ, আমাদের দলের মধ্যে থেকেই কেউ কেউ কর্মীদেরকে খুন করে আমাদের দলকে দুর্বল করার চেষ্টা করছে। আমরা তা হতে দেবো না। আমার কাছে যে হলুদ ফাইল রয়েছে, তাতে এই ধরনের তথ্যই রয়েছে। সেইসব তথ্যই এবার সামনে আনব। নোয়াপাড়া তৃণমূল নেতা গোপাল মজুমদারকে যারা খুন করেছিল তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। শুধু ভাড়াটে খুনিরাই ধরা পড়েছিল। কিন্তু, এই খুনের পিছনে যারা রয়েছে, তাদের এখনও ধরা হয়নি। আমরা এই খুনের মামলাটির পুনরায় তদন্ত করার জন্য পুলিশকে বলবো। তবে, তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত অর্জুনের (Arjun Singh) দিকে।

    অর্জুনকে তোপ দাগলেন বীজপুরের বিধায়ক

    সোমনাথ শ্যামের মতোই অর্জুন সিংয়ের নাম না করে তোপ দাগলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। তিনি বলেন, ২০১৯ সালের পর আমাদের একাধিক কর্মী খুন হয়েছেন, দেড় হাজার কর্মী ঘর ছাড়া ছিলেন। বহু বাড়ি ভাঙচুর হয়েছে। ৭০ থেকে ৮০টি পার্টি অফিস দখল করে নিয়েছিল বিজেপি। এখন বিজেপি থেকে আমাদের দলে আসা হনু কোন ডালে বসে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share