Blog

  • Barasat: ‘‘বারাসত মেডিক্যালকে আরজি কর হতে দেব না’’, অধ্যক্ষকে ‘গো ব্যাক’ স্লোগান পড়ুয়াদের

    Barasat: ‘‘বারাসত মেডিক্যালকে আরজি কর হতে দেব না’’, অধ্যক্ষকে ‘গো ব্যাক’ স্লোগান পড়ুয়াদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মালদা মেডিক্যালের আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল এবার বারাসত (Barasat) মেডিক্যাল কলেজ হাসপাতালে। আরজি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সুহৃতা পালকে বারাসত মেডিক্যালে বদলি করা হয়েছে। বারাসতে অধ্যক্ষ হিসেবে কাজে যোগ দিতেই তাঁর পদত্যাগ দাবি করে আন্দোলন শুরু করলেন চিকিৎসক পড়ুয়ারা। আরজি করে শীর্ষ পদাধিকারীদের যে সব মেডিক্যালে বদলি করা হচ্ছে, সেখানেই আন্দোলন হচ্ছে। ফলে, চরম বিড়ম্বনায় রাজ্য স্বাস্থ্য দফতর।

    বারাসতকে আরজি কর হতে দেব না (Barasat)

    বুধবার রাতের দিকে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছিলেন, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষের পাশাপাশি নবনিযুক্ত সুপার-কাম-ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি), চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং অ্যাসিসট্যান্ট সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। বারাসত (Barasat) মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে বুধবারই সুহৃতা পালের নাম ঘোষণা করা হয়। বিষয়টি জানার পরই তুমুল বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। ফলে, বৃহস্পতিবার তিনি কাজে যোগ দেননি। শুক্রবার সকালের দিকে বারাসত মেডিক্যাল কলেজে এসে অধ্যক্ষ হিসেবে নিজের দায়িত্ব বুঝে নেন তিনি। কিন্তু, বিকেল গড়াতেই তাঁর অপসারণ চেয়ে একদল পড়ুয়া প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হয়ে যান হাসপাতালের গেটের সামনে। আওয়াজ তোলেন, ‘‘বারাসত মেডিক্যাল কলেজকে আরজি কর হতে দেব না। সুহৃতা পাল গো-ব্যাক। বারাসত ছেড়ে চলে যাক।’’ যদিও এনিয়ে কোনও প্রতিক্রিয়াই দিতে চাননি অধ্যক্ষ সুহৃতা পাল।

    এর আগে, আরজি করের এক অধ্যাপক চিকিৎসককে মালদা মেডিক্যালে বদলি করা হয়। আর ওই চিকিৎসক যাতে কাজে যোগ দিতে না পারে, তার জন্য মরিয়া হয়ে উঠেছে সেখানকার পড়ুয়ারা। সন্দীপ ঘোষকে নিয়েও এক পন্থা অবলম্বন করেছিলেন ডাক্তারি পড়ুয়ারা। রাতারাতি ‘পুরস্কার বদলি’ করে ন্যাশনাল মেডিক্যালে পাঠানো হয়েছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। এর পরই, ন্যাশনাল মেডিক্যালে তুমুল বিক্ষোভ শুরু হয়। চিকিৎসক-পড়ুয়ারা জানিয়ে দিয়েছিলেন, সন্দীপকে তাঁরা সেখানে ঢুকতে দেবেন না। এমনকী, অধ্যক্ষের ঘরে তালাও লাগিয়ে দিয়েছিলেন পড়ুয়ারা। তাঁদের দাবি ছিল, ন্যাশনাল মেডিক্যালের পরিবেশ দূষিত হোক, তাঁরা চান না। মালদা মেডিক্যালে দেখা যায় একই চিত্র। এরার বারাসত মেডিক্যালও সেই ছবি।

    আরও পড়ুন: নেপালের বাস দুর্ঘটনায় মৃত ৪১ ভারতীয়, শোকবার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

    আন্দোলনকারীরা কী বললেন?

    প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলাকালীন মধ্যরাতে বহিরাগত দুষ্কৃতীরা ঢুকে তাণ্ডব চালায় সেখানে। হামলায় রীতিমতো তছনছ হয়ে যায় আরজি কর হাসপাতালের বেশ কয়েকটি ঘর। সেই সময় আরজি করের অধ্যক্ষ হিসেবে সবে দায়িত্ব নিয়েছিলেন সুহৃতা পাল। সরকারি সম্পত্তি ভাঙচুরের পরও সেদিন একবারের জন্যও হাসপাতালে দেখা যায়নি তাঁকে। তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শুরু হয় তাঁর অপসারণ চেয়ে আন্দোলন। আন্দোলনের জেরে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বারাসত (Barasat) মেডিক্যালের আন্দোলনকারীরা বলেন, ‘‘আমরা ওই অধ্যক্ষকে চাই না। আর জি করে এতবড় কাণ্ড হল। তাঁকে দেখা যায়নি। এরকম অধ্যক্ষ আসলে এখানকার পরিবেশ নষ্ট হবে। আমরা তা হতে দেব না।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Shikhar Dhawan: আবেগঘন বার্তা দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর শিখর ধাওয়ানের

    Shikhar Dhawan: আবেগঘন বার্তা দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর শিখর ধাওয়ানের

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক এবং ঘরোয়া সব ধরনের ক্রিকেট থেকে অবসরের নিলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। শনিবার, সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন ভিডিও পোস্ট করে ক্রিকেটকে বিদায় জানান ধাওয়ান। এদিন ধাওয়ান লিখেছেন, ‘‘আমার ক্রিকেট-যাত্রা শেষ হল। সঙ্গে থেকে গেল অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা। যে ভালোবাসা এবং সমর্থন পেয়েছি, তার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।’’

    ভিডিও বার্তা শিখরের

    ২০২২ সালের ডিসেম্বরে একদিনের ফর্ম্যাটে ভারতের হয়ে শিখর ধাওয়ান (Shikhar Dhawan) তার শেষ ম্যাচ খেলেছিলেন। তারপর থেকে তিনি ক্রমাগত দলের বাইরে ছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে সেই এক দিনের সিরিজের পরেই ভারতীয় দলে শুভমন গিল তাঁর জায়গা নেন। ভিডিও বার্তায় ধাওয়ান বলেন, “আমার একটাই লক্ষ্য ছিল, দেশের হয়ে খেলা। সেই লক্ষ্য পূরণ হয়েছে। অনেককে ধন্যবাদ। প্রথমত আমার পরিবার, আমার ছোটবেলার কোচ তারক সিং এবং মদন শর্মা। এঁদের প্রশিক্ষণেই আমি ক্রিকেট শিখেছি। তার পর ধন্যবাদ দেব আমার গোটা দলকে, যাদের সঙ্গে আমি খেলেছি, আর একটা পরিবার পেয়েছি। সবার ভালবাসা আর সমর্থন পেয়েছি। গল্পের বই পড়তে পড়তে যে রকম পাতা ওল্টাতে হয়, আমিও সেটাই করছি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।”  

    সমর্থকদের ধন্যবাদ

    ভারতের হয়ে ৩৪টি টেস্ট, ১৬৭টি ওডিআই এবং ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শিখর (Shikhar Dhawan)। টেস্টে সাতটি শতরান আছে তাঁর। করেছেন ২৩১৫ রান। এক দিনের ক্রিকেটে ৬৭৯৩ রান করা ধাওয়ান করেছেন ১৭টি শতরান। রোহিত শর্মার সঙ্গে তাঁর জুটি ভারতকে বহু ম্যাচ জিতিয়েছে। বিশেষ করে আইসিসি প্রতিযোগিতায় রোহিত এবং ধাওয়ানের সাফল্য ছিল নজরকাড়া। দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ১৭৫৯ রান করেছেন ধাওয়ান। বেশ কিছু এক দিনের ম্যাচে ভারতকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ক্রিকেট মাঠের গব্বর নামে পরিচিত শিখর বলেন, “দেশের হয়ে খেলতে পেরে আমি ধন্য। বিসিসিআই, ডিডিসিএ আমাকে সেই সুযোগ করে দিয়েছিল। সেই সঙ্গে পেয়েছি সমর্থকদের ভালবাসা। নিজেকে বলতে চাই, দেশের হয়ে খেলতে পারবে না বলে দুঃখ পাওয়ার দরকার নেই, বরং এটা ভেবে আনন্দ পাওয়া উচিত যে আমি দেশের হয়ে খেলতে পেরেছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: প্রতিবেশী পার্থ-বালু, প্রেসিডেন্সি জেলের ‘পহেলা বাইশ’ সেলে ধৃত সঞ্জয়

    RG Kar Incident: প্রতিবেশী পার্থ-বালু, প্রেসিডেন্সি জেলের ‘পহেলা বাইশ’ সেলে ধৃত সঞ্জয়

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar Incident) অভিযুক্ত সঞ্জয় রায়ের ঠাঁই হল প্রেসিডেন্সি জেলে। প্রসঙ্গত এই জেলেই রয়েছেন রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিক। এবার তাঁদেরই প্রতিবেশী হল আরজি করের ধৃত সঞ্জয় রায়। আপাতত তার ঠিকানা হয়েছে প্রেসিডেন্সি জেলের পহেলা বাইশ ওয়ার্ডের ২১ নম্বর সেলে। ওই ওয়ার্ডেরই দু’নম্বর সেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে ২০২২ সালে গ্রেফতার করা হয়। পহেলা বাইশের পাঁচ নম্বর কুঠুরিতে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেল সূত্রে জানা গিয়েছে, হাবিব নামে খুনে অভিযুক্ত এক বন্দি এতদিন থাকতেন পহেলা বাইশের ২১ নম্বর সেলে। ওই সেলই এবার বরাদ্দ করা হয়েছে সঞ্জয়ের জন্য। সে কারণে ইতিমধ্যেই হাবিবকে সরিয়ে নিয়েছে জেল কর্তৃপক্ষ।

    জেলে বিক্ষোভের মুখে পড়তে পারে সঞ্জয় (Sanjay Roy)?

    অন্যদিকে, অভিযুক্ত সঞ্জয়কে জেলে অন্যান্য বন্দিরা ঘিরে বিক্ষোভ দেখাতে পারে, সে আশঙ্কাও থেকেই যাচ্ছে। কারণ দু’বছর আগে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে এই ধরনের বিক্ষোভের মুখেই পড়তে হয়েছিল। তবে এই ধরনের সেলগুলির ওপর বাড়তি নজরদারি রাখে জেল কর্তৃপক্ষ। কুখ্যাত অভিযুক্তদেরই এই সেলে রাখা হয়। সর্বক্ষণ চলে সিসিটিভির নজরদারি। দেখা হয় বন্দিদের গতিবিধি। প্রসঙ্গত শুক্রবারই শিয়ালদা অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে সঞ্জয়কে (RG Kar Incident) তোলা হয়েছিল। সেখানেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। এর পরে আদালত সঞ্জয়কে ১৪দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়।

    শুক্রবার জেলে সঞ্জয়ের দু’বার স্বাস্থ্য পরীক্ষা করা হয় (RG Kar Incident)

    শুক্রবার সঞ্জয়কে কারাগারে নিয়ে আসার আগে জেল হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জেলের মেডিক্যাল টিম দ্বিতীয় দফায় (RG Kar Incident) ফের একবার পহেলা বাইশ ওয়ার্ডে সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষা করে। অন্যদিকে, অভিযুক্তের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করেছিল সিবিআই। আদালত সেই আবেদনের সম্মতি দিয়েছে। খুন-ধর্ষণের মামলার পাশাপাশি আরজি করে সন্দীপ ঘোষের আমলে যে আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠছে, তারও তদন্ত এবার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই নির্দেশ দিয়েছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • S Jaishankar: ‘‘ভারতীয় সংস্কৃতির অঙ্গ’’, পুতিন ও জেলেনস্কিকে মোদির আলিঙ্গন নিয়ে কৌশলী জয়শঙ্কর

    S Jaishankar: ‘‘ভারতীয় সংস্কৃতির অঙ্গ’’, পুতিন ও জেলেনস্কিকে মোদির আলিঙ্গন নিয়ে কৌশলী জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়ায় গিয়ে ‘বন্ধু’ পুতিনকে আলিঙ্গন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এ ছবি মেনে নিতে পারেনি পশ্চিমি দুনিয়া। এবার ইউক্রেন সফরে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কিকেও আলিঙ্গন করলেন মোদি। তাঁর কাঁধে ‘ভরসার’ হাত রেখে ঘুরলেন কিয়েভের নানা প্রান্ত। যাঁরা মোদির রাশিয়া সফর নিয়ে সরব ছিলেন, এখন তাঁরা চুপ। এই আবহেই বিশ্বকে কৌশলী বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। আলিঙ্গনকে ভারতীয় সংস্কৃতির অঙ্গ বলে ব্যাখ্যা করলেন বিদেশমন্ত্রী। ভারতের সংস্কৃতি শেখায় সকলকে ভালবেসে কাছে টেনে নেওয়ার মন্ত্র, অভিমত জয়শঙ্করের। 

    কী বললেন জয়শঙ্কর

    রুশ সফরে পুতিনের সঙ্গে মোদির আলিঙ্গন নিয়ে জয়শঙ্কর (S Jaishankar) মনে করিয়ে দেন ভারতের সাংস্কৃতিক প্রথার কথা। এদিন বিবিসির এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ‘‘আমাদের এদিকে মানুষের সঙ্গে মানুষের দেখা হলে একে অপরকে আলিঙ্গন করা হয়। এটা আপনার সংস্কৃতির অংশ নাও হতে পারে, এটা আমাদের সংস্কৃতির অংশ।’’ উল্লেখ্য, গত মাসে ৮ থেকে ৯ জুলাই রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে রুশ প্রেসিডেন্ট পুতিনকে মোদি আলিঙ্গন করায় অসন্তোষ প্রকাশ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি লেখেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতাকে এমন একটি দিনে মস্কোতে বিশ্বের সবচেয়ে রক্তাক্ত অপরাধীকে আলিঙ্গন করতে দেখা, এটি একটি বিশাল হতাশা এবং শান্তি প্রচেষ্টার জন্য একটি বিধ্বংসী আঘাত।’

    ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ১৯৯২ সালের পর ভারতের কোনও প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতেই সেদেশে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভারত সফরে আসবনে বলেও আশাপ্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী। যৌথ সাংবাদিক বৈঠক করে জেলেনস্কি জানিয়েছেন, ভারত সফর করতে পারলে তিনি আনন্দিত বোধ করবেন। ভারতের মত শক্তিশালী দেশের সঙ্গে সম্পর্ক রাখতে পারলে ইউক্রেন লাভবান হবে বলেও জানান জেলেনস্কি।

    আরও পড়ুন: জেলেনস্কির কাঁধে হাত রাখলেন, বুকে জড়িয়ে ধরলেন মোদি, দেখল গোটা বিশ্ব

    মোদি ম্যাজিকে মুগ্ধ ইউক্রেন

    মোদি (PM Modi) ম্যাজিকে মুগ্ধ ইউক্রেন। যেভাবে শান্তির বার্তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার ইউক্রেন সফর করলেন তা দেখে কার্যত অবাক গোটা বিশ্ব। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদি। যৌথ সাংবাদিক বৈঠক করে জেলেনস্কি জানিয়েছেন, ভারত সফর করতে পারলে তিনি আনন্দিত বোধ করবেন। ভারতের মত শক্তিশালী দেশের সঙ্গে সম্পর্ক রাখতে পারলে ইউক্রেন লাভবান হবে বলেও জানান জেলেনেস্কি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nepal Bus Accident: নেপালের বাস দুর্ঘটনায় মৃত ৪১ ভারতীয়, শোকবার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

    Nepal Bus Accident: নেপালের বাস দুর্ঘটনায় মৃত ৪১ ভারতীয়, শোকবার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: নেপালের বাস দুর্ঘটনায় (Nepal Bus Accident) মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। বাসটিতে ৪৩ জন যাত্রীর মধ্যে ইতিমধ্যেই ৪১ জন মৃত বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন শুক্রবার রাতে এই কথা জানান। তিনি জানিয়েছেন, ওই বাসে অধিকাংশ যাত্রীই ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা। তাঁদের দেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মহারাষ্ট্র সরকার এ বিষয়ে দিল্লির (Indian Embassy) সঙ্গে যোগাযোগ করেছে। ভারতীয় বায়ুসেনা দেহগুলি কপ্টারে উড়িয়ে আনবে। বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। 

    প্রধানমন্ত্রীর শোকবার্তা

    নেপালে বাস দুর্ঘটনায় (Nepal Bus Accident)  শোকপ্রকাশ করে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বেলায় পোখরা  থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে আচমকা বাস উল্টে যায়। খরস্রোতা নদীতে বাসটিকে পড়ে থাকতে দেখা গিয়েছে। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু যাত্রীদের অনেককেই বাঁচানো যায়নি। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। 

    হেল্পলাইন নম্বর বিদেশমন্ত্রকের

    ভারত থেকে নেপালে যাওয়া উত্তরপ্রদেশের ওই বাসে (Nepal Bus Accident) অধিকাংশ যাত্রীই ছিলেন মহারাষ্ট্রের। সেখানকার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান, তিনি নেপালের বাস দুর্ঘটনার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন। দেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কেন্দ্র মহারাষ্ট্র সরকারকে সবরকম সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি। ভারতীয় বায়ুসেনা দেহগুলি শনিবারই দেশে ফিরিয়ে আনবে। প্রথমে মহারাষ্ট্রের নাসিকে নিয়ে আসা হবে দেহগুলি। সেখান থেকে পরিবারের সদস্যদের হাতে তা তুলে দেওয়া হবে। এই ঘটনায় হেল্পলাইন নম্বর চালু করেছে বিদেশমন্ত্রক। 

    নেপালের ভারতীয় দূতাবাস সূত্রে (Indian Embassy) জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসের ভারতীয় যাত্রীরা নেপালে ঘুরতে গিয়েছিলেন। পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা। কীভাবে বাসটি রাস্তা থেকে নদীতে পড়ে গেল, তা এখনও স্পষ্ট নয়। নেপাল প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। তবে ভরা বর্ষায় নেপালে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। নানা জায়গায় ধস নেমে রাস্তা বন্ধও রয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Union Health Ministry: ঔপনিবেশিকতার চিহ্ন! ডাক্তারদের সমাবর্তনে কালো পোশাক বাতিল কেন্দ্রের

    Union Health Ministry: ঔপনিবেশিকতার চিহ্ন! ডাক্তারদের সমাবর্তনে কালো পোশাক বাতিল কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের মেডিক্যাল কলেজের পড়ুয়াদের সমাবর্তনের পোশাক এবার থেকে বদলে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) শুক্রবারই এবিষয়ে একটি চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সমস্ত মেডিক্যাল কলেজে। ওই চিঠিতে কালো জামা এবং কালো টুপির বদলে সমাবর্তনে কোনও ভারতীয় পোশাক (Central Government) পরতে বলা হয়েছে। প্রসঙ্গত, মোদি সরকারের ‘পঞ্চ প্রাণ’ কর্মসূচিরই অংশ হল এই নয়া নিয়মবিধি, এমনটাই উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। 

    ২০২২ সালের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রীর পঞ্চ প্রাণ কর্মসূচির ঘোষণা 

    পঞ্চ প্রাণ কর্মসূচি আসলে কী? ২০২২ সালের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী এই কর্মসূচি ঘোষণা করেন। পঞ্চ প্রাণের অন্যতম (Central Government) বিষয় ছিল, ভারতীয় সংস্কৃতিতে আস্থা এবং ঔপনিবেশিকতার চিহ্ন মুছে দেওয়া। প্রসঙ্গত, সমাবর্তনে কালো টুপি ও পোশাকের ভাবনা আসলে ব্রিটিশদের থেকে নেওয়া। এবিষয়েও উল্লেখ করা হয়েছে কেন্দ্রের তরফে পাঠানো চিঠিতে। ওই চিঠিতে বলা হয়েছে, ডাক্তারি পড়ুয়াদের সমাবর্তনে যে ধরনের পোশাক পরার রীতি চালু রয়েছে, তা মধ্যযুগীয়। ব্রিটিশ শাসনের সময়কালকেই মনে করিয়ে দেয় ওই পোশাক। সমাবর্তনে এবার থেকে তাই উঠে যাচ্ছে কালো জামা এবং কালো টুপি, পরিবর্তে আসছে ভারতীয়।

    এই ধরনের পোশাকের উৎস হল মধ্যযুগের ইউরোপ জানাল স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)

    মেডিক্যাল প্রতিষ্ঠানগুলিতে যে চিঠি গিয়েছে, তাতে লেখা হয়েছে, ‘‘স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) অধীনে থাকা মেডিক্যাল প্রতিষ্ঠানগুলির সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের কালো পোশাক এবং কালো টুপি পরতে দেখা যায়। এই ধরনের পোশাকের উৎস হল মধ্যযুগের ইউরোপ। তৎকালীন সময়ে ব্রিটিশরা তাঁদের উপনিবেশগুলিতে এই ধরনের পোশাক চালু করেছিলেন। ফলে এই রীতি আসলে ঔপনিবেশিকতার উত্তরাধিকারকেই বহন করে, যা বদলানো প্রয়োজন। স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) তাই সিদ্ধান্ত নিয়েছে, বিভিন্ন মেডিক্যাল প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানের জন্য বিশেষ ভারতীয় পোশাকের নকশা তৈরি করবে। বিভিন্ন রাজ্যে সেই পোশাক বিভিন্ন রকম হতে পারে। স্থানীয় সংস্কৃতি অনুযায়ী পোশাক নির্দিষ্ট করা হবে।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 24 August 2024: সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 24 August 2024: সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) সম্মানহানির সম্ভাবনা রয়েছে।

    ২) কোনও কাজে সময় নষ্ট হতে পারে। 

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    বৃষ

    ১) মা-বাবার সঙ্গে বিশেষ আলোচনা।

    ২) ব্যবসায় লাভের যোগ।

    ৩) দিনটি অনুকূল।

    মিথুন

    ১) ব্যবসার কাজে মাথাগরম করবেন না।

    ২) বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    কর্কট

    ১) মনের মতো স্থানে বেড়াতে যাওয়ায় আনন্দ লাভ।

    ২) মিথ্যা বদনাম থেকে সাবধান। 

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    সিংহ

    ১) কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মনঃকষ্ট।

    ২) সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    কন্যা

    ১) ব্যয় বৃদ্ধি পেতে পারে।

    ২) পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    তুলা

    ১) কোনও নিকটাত্মীয়ের জন্য সংসারে বিবাদ।

    ২) ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃশ্চিক

    ১) দুর্বুদ্ধিকে প্রশ্রয় দেবেন না।

    ২) ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে।

    ৩) মাথা ঠান্ডা রাখুন।

    ধনু

    ১) ব্যবসার ক্ষেত্রে তর্কবিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে।

    ২) আর্থিক সুবিধা পেতে পারেন।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    মকর

    ১) কর্মক্ষেত্রে উন্নতির যোগ।

    ২) সকালের দিকে কোনও দুশ্চিন্তা মাথা খারাপ করবে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কুম্ভ

    ১) বিষয়সম্পত্তি ক্রয়-বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদের সম্ভাবনা।

    ২) কোনও মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন।

    ২) কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে।

    ৩) চিকিৎসকের কাছে যেতে হতে পারে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: জেলেনস্কির কাঁধে হাত রাখলেন, বুকে জড়িয়ে ধরলেন মোদি, দেখল গোটা বিশ্ব

    PM Modi: জেলেনস্কির কাঁধে হাত রাখলেন, বুকে জড়িয়ে ধরলেন মোদি, দেখল গোটা বিশ্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: পোল্যান্ড থেকে লম্বা ট্রেন সফর (প্রায় ১০ ঘণ্টা) করে ইউক্রেনে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের আকাশ একেবারেই নিরাপদ নয়, তাই রেলে করেই মোদি পৌঁছান জেলেনস্কির দেশে। প্রসঙ্গত এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যখন ইউক্রেন সফর করেছিলেন, তখন তিনিও একইভাবে রেলযাত্রার মাধ্যমেই কিয়েভে পৌঁছেছিলেন। পোল্যান্ডের মতোই ইউক্রেনেও মোদিকে স্বাগত জানাতে প্রবাসী ভারতীয়রা ভিড় করেছিলেন এদিন। মোদির নামে জয়ধ্বনিও দেন ভারতীয় বংশোদ্ভূতরা। সেখানে উপস্থিত প্রবাসী ভারতীয়দের উদ্দেশে মোদি বলেন, ‘‘ভারতের অবস্থান পরিষ্কার, এটি যুদ্ধের সময় নয়। আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে মানবতার এই সঙ্কট কাটাতে হবে।’’ সেদেশের রাজধানী কিয়েভে পৌঁছেই ন্যাশনাল মিউজিয়াম অফ হিস্ট্রি-তে যান মোদি। সেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত শিশুদের শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী। ১৪০ কোটির দেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের রাষ্ট্রপতির কাঁধে হাত রেখেই মোদিকে ঘুরতে দেখা যায় এদিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) সম্মান জানিয়ে জেলেনস্কিকে আলিঙ্গনও করেন। পাশাপাশি কিয়েভ (Kyiv) পৌঁছে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাও নিবেদন করতে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রীকে। প্রসঙ্গত, মোদিই হলেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি ইউক্রেন সফর করছেন।

    মোদির (PM Modi) ট্যুইট

    এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) লেখেন, ‘‘বাপুর আদর্শ সর্বজনীন এবং লক্ষ লক্ষ মানুষকে আশা দেয়। আমরা সবাই যেন মানবতার কাছে তাঁর দেখানো পথ অনুসরণ করি।’’

    আরও একটি বার্তায় নরেন্দ্র মোদি লেখেন, ‘‘জেলেনস্কি এবং আমি কিয়েভের মাল্টিমিডিয়া মার্টিরোলজিস্ট এক্সপোজিশনে শ্রদ্ধা নিবেদন করেছি। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে যে শিশুরা প্রাণ হারিয়েছে, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’’

    প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেনে

    ন্যাশনাল মিউজিয়াম অফ হিস্ট্রি-তে যুদ্ধে নিহত শিশুদের শ্রদ্ধা জানানোর পরেই দুই রাষ্ট্রনেতার বৈঠক শুরু হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯১ সালেই স্বাধীন হয় ইউক্রেন। তারপর এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী ইউক্রেনে গেলেন, অর্থাৎ ৩৩ বছর পরে। গত ৮ জুলাই ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদি। এর ঠিক দেড় মাসের মাথায় ইউক্রেন সফরে গেলেন প্রধানমন্ত্রী। যুদ্ধের আবহে দুই দেশে প্রধানমন্ত্রীর এমন সফরকে (Kyiv) অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

    মোদির সফরের আগেই ড্রোন হামলা

    অন্যদিকে প্রধানমন্ত্রীর সফরের আগেই বৃহস্পতিবার রাত থেকেই ইউক্রেন জুড়ে ধারাবাহিক ড্রোন হানাদারি শুরু করে রাশিয়া। চেরকাসি, কিরোভোহার্ড, পোলতাভা এবং সুমি প্রভৃতি এলাকাগুলিতে ১৬টিরও বেশি রুশ ড্রোন হামলা চালায় বলে অভিযোগ। তবে জানা গিয়েছে, ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম সফল ভাবে ড্রোন হামলার মোকাবিলা করেছে। ইউক্রেন বায়ুসেনার তরফ থেকে জানানো হয়েছে, ১৪টি হামলাকারী ড্রোনকে ইতিমধ্যে সফল ভাবে ধ্বংস করা হয়েছে।

    ভারত ও ইউক্রেনের মধ্যে চার চুক্তি সম্পাদন

    এর পাশাপাশি মোদির এই সফরের মধ্যে চারটে চুক্তিও সম্পন্ন হয়েছে ভারত ইউক্রেনের মধ্যে। এগুলি হল কৃষি, ওষুধ, সংস্কৃতি ও মানবতা সংক্রান্ত চুক্তি। ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রীর এমন সফরকে বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন সে দেশের রাষ্ট্রপতি জেলেনস্কি। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, শান্তির বার্তা ছড়িয়ে দিতেই তাঁর এই সফর। মোদির (PM Modi) সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়ে ট্যুইট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • BJP: আরজি কর ইস্যুতে রাজ্যজুড়ে বিজেপির থানা ঘেরাও, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উত্তেজনা

    BJP: আরজি কর ইস্যুতে রাজ্যজুড়ে বিজেপির থানা ঘেরাও, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উত্তেজনা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর (RG Kar Incident) ইস্যুতে বিজেপির (BJP) ডাকে শুক্রবার রাজ্যজুড়ে থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বাস্থ্য ভবন অভিযানের পর এই কর্মসূচি ঘোষণা করেছিলেন। এদিন রাজ্যের সর্বত্র বিজেপি কর্মী-সমর্থকরা থানার সামনে বিক্ষোভ দেখান। অনেক জায়গায় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয়।

    নন্দীগ্রামে উত্তেজনা (BJP)

    থানা ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় নন্দীগ্রামে। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থানায় ডেপুটেশন দিতে যান বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের তরফে বলা হয়েছিল, তারা একটি নির্দিষ্ট প্রতিনিধি দলকে থানায় প্রবেশের অনুমতি দেবে। কিন্তু বিজেপি কর্মীদের দাবি ছিল, তাঁরা সকলেই থানার ভিতরে ঢুকবেন। এরপর নন্দীগ্রাম থানার গেটের কাছে বিজেপি কর্মী সমর্থকদের পুলিশ আটকে দেয়। তারপরই শুরু হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তুমুল বচসা। পুলিশের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন বিজেপি কর্মীদের একাংশ। পরে বিজেপি (BJP) কর্মীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভও দেখান। পরে অবশ্য বিজেপির একটি প্রতিনিধিদল থানায় ডেপুটেশন জমা দেয়।

    আরও পড়ুন: সন্দীপ, চার চিকিৎসক-পড়ুয়া কি সত্যি বলছেন? আজ হবে পলিগ্রাফ টেস্ট

    ঘোলায় ব্যারিকেড ভাঙল বিজেপি

    এদিন ঘোলা থানায় বিজেপির কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যোগ দেন। বিজেপি (BJP) কর্মীদের আটকাতে থানার অনেকটা আগে পুলিশ ব্যারিকেড তৈরি করে। কিন্তু, বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে থানার দিকে এগিয়ে যান। আরজি কর কাণ্ড নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগেন বিরোধী দলনেতা।

    মেদিনীপুরে বিক্ষোভ মিছিলে দিলীপ ঘোষ

    মেদিনীপুরে বিজেপির (BJP) থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও শেষ পর্যন্ত থানা ঘেরাও না করে বিক্ষোভ মিছিল করে বিজেপি। সন্দীপ ঘোষের বয়ানে অসঙ্গতি নিয়ে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, “ওঁকে কেউ বাঁচাতে পারবে না। ডাক্তার, প্রিন্সিপালও বাঁচাতে পারবেন না। এই নিয়ে অনেকবার রাস্তায় হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আর তাঁকে কেউ বাঁচাতে পারবে না। একাধিক কারণে গ্রাম ও শহরের মানুষের জমে থাকা ক্ষোভ চোখে পড়ছে। তাই উকিল, ডাক্তার, সাধারণ মানুষ সকলেই প্রতিবাদে নেমেছেন। এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের কারণ হয়ে দাঁড়াবে।”

    টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

    নন্দীগ্রাম, ঘোলা, মেদিনীপুরের পাশাপাশি কাঁকসা থানা ঘেরাও করে বিজেপি। কাঁকসার হাটতলা থেকে মিছিল করে আসে বিজেপি কর্মীরা, থানার সামনে বিক্ষোভ দেখান। থানায় ঢুকে ডেপুটেশন জমা দেয়। মাথাভাঙ্গা থানা ঘেরাও নিয়ে উত্তেজনা দেখা দেয়। পুলিশ-বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। মাটিগাড়ায় বিজেপি থানা ঘেরাও করে। থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। কৃষ্ণনগরের কোতোয়ালি থানার সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান।

    পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি

    চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে চুঁচুড়া থানার সামনে বিজেপি কর্মীরা যেতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়। পশ্চিম বর্ধমানের বারাবানি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। নিউ জলপাইগুড়ি থানা করেন অবরোধ বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়লেন বিজেপি সমর্থকরা। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। অন্য দিকে, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বীরভূমের সিউড়ির চৈতালি মোড়ে এদিন থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করল বিজেপি। নেতৃত্বে বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। দ্রুত তদন্ত ও দোষীদের কড়া শাস্তি চেয়ে এদিন মিছিল করেন সিউড়ির বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রী এবং অধ্যাপকরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nabanna Abhijan: ‘নবান্ন অভিযান’ বাতিলের আবেদন খারিজ, হস্তক্ষেপই করল না হাইকোর্ট

    Nabanna Abhijan: ‘নবান্ন অভিযান’ বাতিলের আবেদন খারিজ, হস্তক্ষেপই করল না হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: নবান্ন অভিযান নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। ২৭ অগাস্টের নবান্ন অভিযানে (Nabanna Abhijan) কোনও হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট। ফলে, নবান্ন অভিযানে আপাতত আর বাধা রইল না। হাইকোর্ট (Kolkata High Court) জানিয়েছে, এই ধরনের মিটিং-মিছিল নিয়ে যে নির্দেশিকা রয়েছে, তা নিয়ে একটি হলফনামা দিতে হবে রাজ্যকে। চার সপ্তাহ পরে এই মামলার আবার শুনানির সম্ভাবনা। অভিযান বন্ধ করতে রাজ্যের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল, হাইকোর্টের পক্ষ থেকে তা খারিজ করে দেওয়া হল।

    হাইকোর্ট কী জানাল? (Nabanna Abhijan)

    জানা গিয়েছে, আরজি কর ইস্যুতে ২৭ অগাস্ট, মঙ্গলবার একটি সংগঠনের তরফে নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচি আটকাতে বৃহস্পতিবারই আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। শুক্রবার নতুন করে হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করা হয়। মামলাটি করেন আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়। শুনানিতেই মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়। মামলাকারীর তরফে প্রশ্ন করা হয়, তবে কি কর্মসূচিতে সবুজ সঙ্কেত দিচ্ছে আদালত? ডিভিশন বেঞ্চ জানায়, কর্মসূচির বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না। রাজ্যের অভিযোগ ছিল, নবান্ন অভিযানের জন্য পুলিশের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। পুলিশের অনুমতি ছাড়া এই ধরনের কর্মসূচি কী ভাবে আয়োজন করা যায়, সেই প্রশ্নও আদালতে তোলা হয়েছিল। নবান্ন অভিযানের কর্মসূচিতে বিরোধী রাজনৈতিক দলগুলি যোগ দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল রাজ্য। ফলে, কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কাও করা হয়েছিল। রাজ্যের আবেদন ছিল, পুলিশের অনুমতি নিয়ে বিকল্প জায়গায় কর্মসূচি করার নির্দেশ দিক আদালত। একইসঙ্গে আগামী ২৭ অগাস্ট ইউজিসির পরীক্ষার কথাও আদালতে উল্লেখ করে রাজ্য। মামলাকারীর তরফে জানানো হয়, অতীতে নবান্নের সামনে বিভিন্ন কর্মসূচিতে বার বার অশান্তি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এই কর্মসূচিতেও। কিন্তু আদালত এই কর্মসূচিতে হস্তক্ষেপ করবে না বলে জানায়। প্রতিবাদ কর্মসূচি সংক্রান্ত নির্দেশিকা নিয়ে হলফনামা রাজ্যকে দিতে বলা হয়েছে।

    আরও পড়ুন: সন্দীপ, চার চিকিৎসক-পড়ুয়া কি সত্যি বলছেন? আজ হবে পলিগ্রাফ টেস্ট

    সুপ্রিম কোর্টেও নবান্ন অভিযান প্রসঙ্গ

    বৃহস্পতিবারই আরজি কর সংক্রান্ত মামলা চলাকালীন এই নবান্ন অভিযান (Nabanna Abhijan) প্রসঙ্গ তোলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বক্তব্য ছিল, আমরা এ বিষয়ে কেন বলব? আইন নিজের পথে চলবে। কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে কোনও ভাবেই বাধা দেওয়া যাবে না। যাঁরা প্রতিবাদ করবেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে নির্বিচারে গ্রেফতারও চলবে না, তাও জানিয়ে দেওয়া হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share