Blog

  • IPL 2024: কেকেআর-এর খেলা দেখে রাতে বাড়ি ফেরার জন্য বিশেষ ট্রেন দিল পূর্ব রেল

    IPL 2024: কেকেআর-এর খেলা দেখে রাতে বাড়ি ফেরার জন্য বিশেষ ট্রেন দিল পূর্ব রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) সাড়া জাগিয়ে শুরু করেছে কেকেআর। সামনেই ইডেনে তিনটে ঘরের ম্যাচ খেলবে নাইটরা। ইডেনে কলকাতার ম্যাচ মানেই অন্য উন্মাদনা। খেলা পাগল বাঙালি ভিড় করে ময়দানে। তবে ইডেনে রাতে ম্যাচ হলে একটাই চিন্তা থাকে বাড়ি ফেরা। অত রাতে বাস বা গাড়ি খুব কম মেলে। তবে এর আগে রাতে কলকাতার খেলা হলে বিশেষ মেট্রো পরিষেবার কথা জানানো হয়েছিল। এবার বাড়ি ফেরা নিয়ে চিন্তা দূর করতে এগিয়ে এলো পূর্ব রেল (Eastern Railway) ।

    বিশেষ ট্রেন

    পূর্ব রেলের মুখ্য (Eastern Railway) জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আজ জানিয়েছেন, কেকেআরের আসন্ন তিনটি ম্যাচ মাঠে গিয়ে দেখার ক্ষেত্রে আর বাড়ি ফেরার চিন্তা করতে হবে না। ওই ৩ দিনই বিশেষ ইএমইউ ট্রেন পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। ওই দিনগুলিতে রাত ১১টা ৫০ মিনিটে একটি ১২ কোচের ইএমইউ ট্রেন প্রিন্সেপ ঘাট থেকে ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১ টায়। এই ট্রেনটি প্রিন্সেপ ঘাট থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, বিবাদী বাগ, বাগবাজার, কলকাতা, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি , মধ্যমগ্রাম হয়ে বারাসত পৌঁছবে। এ ছাড়া ওই দিনগুলিতেই অপর একটি ১২ কোচের ট্রেন মধ্যরাতে ১২ টা ০২ মিনিটে বিবাদী বাগ থেকে ছেড়ে বারুইপুর পৌছবে রাত ১টা ৩২ মিনিটে। ট্রেনটি বিবাদী বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপঘাট, মাঝেরহাট, নিউ আলিপুর, বালিগঞ্জ, সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে। যেহেতু ইডেনের কাছে প্রিন্সেপ ঘাট ও বিবাদী বাগ স্টেশন, সেই কারণে সেখান থেকে ট্রেন ধরতে সুবিধা হবে দর্শকদের। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার সমর্থকদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে।

    ঘরের মাঠে দুরন্ত কেকেআর

    কলকাতা নাইট রাইডার্স ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় (IPL 2024)  এখন দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস (৭ ম্যাচে ১৪ পয়েন্ট)। ফলে পরের দুটি হোম ম্যাচ জিতলেই প্লে-অফের দিকে এক পা বাড়াবে শ্রেয়স আইয়ারের দল। নাইটদের নেট রান রেট ১.২০৬। ২৬ এপ্রিল অর্থাৎ আগামী শুক্রবার ইডেনে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের।  কলকাতা-পাঞ্জাব লড়াইয়ে বারবার অন্য মাত্রা যোগ করে মাঠে বীর-জারা শাহরুখ খান ও প্রীতি জিন্টার উপস্থিতি। ২৯ এপ্রিল অর্থাৎ আগামী সোমবার নাইটদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ১১ মে মুম্ব ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ খেলবে কেকেআর। পাঞ্জাব ও দিল্লি ম্যাচ খেলে কেকেআর যাবে মুম্বই। অ্যাওয়ে ম্যাচে নামার আগে আগামী দুটি ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া নাইটরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: প্রচারের শেষ দিনে সুকান্তর হাত ধরে তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী যোগ দিলেন বিজেপিতে

    Sukanta Majumdar: প্রচারের শেষ দিনে সুকান্তর হাত ধরে তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী যোগ দিলেন বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার বালুরঘাট লোকসভায় ভোট। তার দুদিন আগেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক চলছে। বুধবার তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করল প্রায় শতাধিক পরিবার। এদিন বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এছাড়াও যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

    তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করলেন (Sukanta Majumdar)

    এদিন মূলত তপন ব্লক একাধিক পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। এই ব্লকের ৭০টি পরিবার যোগ দেয়। অন্যদিকে, বালুরঘাট শহরের একাধিক নতুন ভোটার বিজেপিতে যোগদান করেছে। জানা গিয়েছে, এই এলাকায় ৪০ জন নতুন ভোটার বিজেপিতে যোগ দিয়েছে। তাঁদের পরিবারের সদস্যরা অন্যান্য দলের সমর্থক ছিলেন। এদিন লোকসভা নির্বাচনের শেষ প্রচার। প্রচারের শেষ দিন কুশমন্ডি ও হরিরামপুরের বেশ কয়েকটি এলাকায় হুড খোলা গাড়িতে নির্বাচনের শেষ প্রচার করলেন বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। প্রচার সেরে তিনি গঙ্গারামপুর মহকুমা আদালতে আইনজীবীদের সঙ্গে জনসংযোগ করেন। বিজেপিতে যোগদান করার পর এক যোগদানকারী বলেন,আমরা ১০ নম্বর মালঞ্চা গ্রামপঞ্চায়েত থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। কারণ, তৃণমূলে থাকাকালীন শুধু দুর্নীতি দেখেছি। তাই, দুর্নীতি মুক্ত করতে আজ বিজেপিতে আসলাম।

    আরও পড়ুন: একই স্কুলের ৩৬ জন শিক্ষকের চাকরি গেল, মাথায় হাত প্রধান শিক্ষকের

    কী বললেন বিজেপি প্রার্থী?

    এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, নির্বাচনী প্রচারের শেষদিন। তাই, জেলার কুশমন্ডি, হরিরামপুরের বিভিন্ন এলাকায় প্রচার করলাম। সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছি। এদিনও সকাল থেকে দিনভর বিভিন্ন এলাকায় চুটিয়ে প্রচার করলাম। আর বহুদিন ধরেই তৃণমূল ছেড়ে বহু পরিবার বিজেপিতে যোগদান করছে। প্রচারের শেষদিনেও যোগদান পর্ব লেগেই রয়েছে। যোগদানকারীরা বুঝেছে যে রাজ্য বাঁচাতে হলে বিজেপি দরকার তাই আজ তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Akshaya Tritiya 2024: অক্ষয় তৃতীয়া কেন মঙ্গলদায়ক? পুরাণ মতে এই দিনটির গুরুত্ব কী জানুন

    Akshaya Tritiya 2024: অক্ষয় তৃতীয়া কেন মঙ্গলদায়ক? পুরাণ মতে এই দিনটির গুরুত্ব কী জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু ক্যালেন্ডার অনুসারে, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি জাঁকজমক ভাবে পালিত হয়। সনাতন ধর্মে এই দিন (Hindu religion) অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে বিবেচিত হয়। অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya) দিন থেকে নানা শুভ কাজ শুরু হয়। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনে কেনাকাটা করা বা সোনার গহনা কেনা খুবই মঙ্গল বলে মনে করা হয়। অনেকের বিশ্বাস, অক্ষয় তৃতীয়ার দিনে শুরু করা কাজ শুভ ফল দায়ক হয়। এই কারণেই মানুষ নতুন ব্যবসা শুরু করে এই তিথিতে। পয়লা বৈশাখের মতো এদিনও হালখাতা হয় দোকানে দোকানে। সেই উপলক্ষ্যে লক্ষ্মী-গণেশের পুজো করতে এদিন বিভিন্ন মন্দিরে ভিড় করেন ব্যবসায়ীরা। স্বর্ণ ব্যবসায়ীদের কাছেও সমৃদ্ধির বার্তাবাহক অক্ষয় তৃতীয়ার এই তিথি।

    সোনা-রূপো কেনার রীতি (Akshaya Tritiya 2024)

    অক্ষয় তৃতীয়ায় (Akshaya Tritiya 2024) সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সোনা ও রূপো কিনে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে সোনা কিনলে ঘরে ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধি আসে। এই দিনে সোনা কিনলে ঘরে অর্থের অভাব হয় না বলেও বিশ্বাস রয়েছে। ব্যক্তি এবং পরিবারের যশ ও খ্যাতি বৃদ্ধি পায়। চলতি বছর ২০২৪ সালের ১০ মে পালিত হবে এই বছরের অক্ষয় তৃতীয়া। কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনে ধন সম্পদের দেবতা কুবেরকে দেবলোকের অধিপতি নির্বাচন করা হয়। তাই এই দিনে মা লক্ষ্মীর সঙ্গে কুবেরেরও পুজো করা হয়। মনে করা হয় যে অক্ষয় তৃতীয়ায় কুবের দেবের পুজো করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে। এই দিনে দান করলেও তার শুভ প্রভাবে সম্পদ লাভ করা সম্ভব হয়। অক্ষয় তৃতীয়ায় যব দান করা স্বর্ণদানের সমতুল্য বলে বিবেচিত হয়।

    অক্ষয় তৃতীয়ার গুরুত্ব

    অক্ষয় তৃতীয়ার দিনটি (Akshaya Tritiya 2024) যে কোনও ধরনের শুভ কাজ করার জন্য সবচেয়ে উপযুক্ত। বিয়ে, বাগদান, গৃহপ্রবেশ এবং উপনয়নের মতো যে কোনও শুভ কাজ অক্ষয় তৃতীয়ার যে কোনও সময় করা যায়। এই দিনটি এতই শুভ যে এই দিনে কোনও শুভ কাজ করার জন্য পঞ্জিকাতে শুভ সময় দেখার দরকার পড়ে না। এই দিনে যে কোনও সময় যে কোনও শুভ কাজ করা যেতে পারে।

    পুরাণে অক্ষয় তৃতীয়ার বর্ণনা

    পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়ায় (Akshaya Tritiya) অক্ষয় পাত্র লাভ করে ছিলেন যুধিষ্ঠির। এই কারণে অক্ষয় তৃতীয়া থেকেই ক্ষেতে বীজ রোপণ করা শুরু করেন কৃষকরা। অন্যদিকে আরেকটি পৌরণিক আরেকটি সূত্রে অনুসারে জানা গিয়েছে, বিষ্ণুর নবম অবতার কৃষ্ণ দ্বাপর যুগে জন্মগ্রহণ করেন। তাঁর সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন। সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন। এরপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে একমুঠো চাল নিয়ে তাঁর ঘরে আসেন। বন্ধু সুদামার এই আচরণ মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে। এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র্য ঘুচে যায়। মনে করা হয় যেদিন এই ঘটনা ঘটেছিল, সেদিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। তাই দিনটি বিশেষ শুভ।

    আরও পড়ুনঃ একই স্কুলের ৩৬ জন শিক্ষকের চাকরি গেল, মাথায় হাত প্রধান শিক্ষকের

    খুলে যায় বদ্রীনাথধাম

    উল্লেখ্য অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya 2024) থেকেই খুলে যায় চারধামের অন্যতম বদ্রীনাথধাম মন্দিরের দরজা। তার সঙ্গে এদিনই মথুরায় বাঁকে বিহারীর দর্শন পাওয়া যায়। সারা বছর পোশাকের আড়ালে ঢাকা থাকেন বাঁকে বিহারী। এই একদিনই তাঁর চরণ দর্শন করা সম্ভব হয়। এছাড়াও অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya) দিন সূর্যোদয়ের আগে উঠে সমুদ্র, গঙ্গা বা যে কোনও পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করার পর শান্ত চিত্তে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে। সুখ, সৌভাগ্য এবং সমৃদ্ধির জন্য লক্ষ্মীনারায়ণের পাশাপাশি এই দিনে ভগবান শিব এবং মা পার্বতীরও পুজো করা হয়।

    স্কন্দপুরাণ অনুসারে দিনের গুরুত্ব

    শাস্ত্র অনুসারে, এই অক্ষয় তৃতীয়ার মাসে (Akshaya Tritiya 2024) জলের কলস, ছায়াযুক্ত বৃক্ষ রক্ষা ও রোপণ, পশু-পাখিদের খাবারের ব্যবস্থা করা, পথচারীকে জল দেওয়া প্রভৃতি ভালো কাজগুলি মানুষের জীবনকে সমৃদ্ধির পথে নিয়ে যায়। অন্যদিকে স্কন্দপুরাণ অনুসারে এই মাসে জল দান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ বহু তীর্থযাত্রা করে যে ফল পাওয়া যায় তা বৈশাখ মাসে জল দান করলেই পাওয়া যায়। এছাড়া যাঁরা ছায়া চান, তাঁদের ছাতা দান এবং যাঁরা পাখা চান, তাঁদের একটি পাখা দান করলে ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই তিন দেবতার আশীর্বাদ পাওয়া যায়। যিনি পাদুকা দান করেন, তিনি যমদূতদের তুচ্ছ করে বিষ্ণুলোকে যান। এমন কথাও বর্ণিত রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SSC Recruitment Scam: “রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করেছে”, বিস্ফোরক চাকরি হারা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি

    SSC Recruitment Scam: “রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করেছে”, বিস্ফোরক চাকরি হারা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসির নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় হাইকোর্টের রায়ে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। সেই তালিকায় নাম রয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মনের। চাকরি বাতিল হওয়ার ঘটনা জানাজানি হতেই এলাকায় চর্চা শুরু হয়ে গিয়েছে। তবে, চাকরি হারানোর পর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এই দুর্নীতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন। তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

     চাকরি বাতিল হয়েছে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতির (SSC Recruitment Scam)

    দলীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৮-২৩ সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন কবিতা বর্মন। তাঁর স্বামী প্রফুল্ল বর্মন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং হেমতাবাদের ব্লক তৃণমূলের সভাপতি পদে ছিলেন। সেই সময় তিনি স্কুল শিক্ষকের চাকরি পেয়েছিলেন। কবিতা বর্মনের বিরুদ্ধে সাদা খাতা জমা দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছিল। জানা গিয়েছে, তিনি উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বালিজোল উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। আদালতের রায়ে তাঁর চাকরি চলে যায়। তবে, দুর্নীতি (SSC Recruitment Scam) হয়েছে তা অকপটে স্বীকার করেন কবিতা দেবী।

    আরও পড়ুন: একই স্কুলের ৩৬ জন শিক্ষকের চাকরি গেল, মাথায় হাত প্রধান শিক্ষকের

    সরকার শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করেছে

    জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন বলেন, “হাইকোর্টের অর্ডার তো এখন মানতেই হবে। দুর্নীতি (SSC Recruitment Scam) হয়েছে। তবে, আমার বিরুদ্ধে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ ভিত্তিহীন। সাদা খাতা জমা দিয়ে তো কারও চাকরি হয় না। গোটা প্যানেলটাই বাতিল হয়েছে, সেটা সবাইকে মেনে নিতে হবে।” পাশাপাশি এই দুর্নীতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন তিনি। তিনি বলেন,  “এরজন্য আমরা দায়ী নই। রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতির পথে নিয়ে যাচ্ছে। যা করেছে রাজ্য সরকার। সরকার শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করেছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Heatwave: প্রবল গরমেও ত্বক শুষ্ক, ফাটছে ঠোঁট! কীভাবে যত্ন নেবেন? 

    Heatwave: প্রবল গরমেও ত্বক শুষ্ক, ফাটছে ঠোঁট! কীভাবে যত্ন নেবেন? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    তাপমাত্রার পারদ প্রতিদিন বাড়ছে‌। রাজ্যের একাধিক জায়গায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছেন আবহাওয়া দফতরের কর্তারা। এই তীব্র গরমে একাধিক শারীরিক সমস্যার মধ্যে দেখা দিয়েছে ত্বকের সমস্যাও। এই গরমে (Heatwave) ত্বকের শুষ্কতা আরও বেড়েছে। ত্বক বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, সাধারণত এ দেশের আবহাওয়ায় ত্বকের শুষ্কতা শীতকালে বেশি দেখা যায়। গরমে অতিরিক্ত ঘামে ত্বকে র‍্যাশ জাতীয় সমস্যা কিংবা সান বার্নের মতো অসুবিধায় ভোগেন অধিকাংশ রোগী। কিন্তু এবছরে গরমে বাড়তি সমস্যা তৈরি করছে ত্বকের শুষ্কতা। তাই চিকিৎসকদের পরামর্শ, গরমে ত্বকের বাড়তি যত্ন জরুরি। পাশপাশি কয়েকটি জিনিস এড়িয়ে চললেই শুষ্কতা কমানো যাবে। তবেই এই গরমেও এড়ানো যাবে ত্বকের সমস্যা।

    কোন দিক এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা? (Heatwave) 

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, গরম থেকে বাঁচতে, আরামের জন্য অধিকাংশই এসির মধ্যে থাকছেন। আর এই অতিরিক্ত এসিতে থাকাই বিপত্তি বাড়াচ্ছে। কারণ, অতিরিক্ত সময় এসিতে থাকলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়। ফলে শুষ্কতা বাড়ে। তাছাড়াও অনেকেই এই সময়ে ছুটির দিনে সুইমিং পুলে সময় কাটান। অতিরিক্ত সময় সুইমিং পুলে থাকলে ত্বক শুষ্ক হয়ে যায়। কারণ, সুইমিং পুলের জলে পিএইচ মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে। তাই ত্বকের শুষ্কতা বাড়ে। তবে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, শরীরে জলের ঘাটতিতে শুষ্কতার সমস্যা বাড়ছে। গরমে (Heatwave) অনেক সময়েই প্রয়োজন‌ মাফিক জল খাওয়া হয় না। যতখানি ঘাম হয়, শরীর থেকে জল বের হয়, ততটা জল খাওয়া হয় না। এর ফলেই ত্বক শুষ্ক হয়ে যায়। তাই এই তিনটি বিষয়ে নজর দিলে শুষ্কতার সমস্যা কিছুটা কমানো যাবে বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ। ঘরোয়া পদ্ধতিতেই কি এই সমস্যার সমাধান রয়েছে? বিশেষজ্ঞদের পরামর্শ, কয়েকটি ঘরোয়া জিনিস এই গরমেও ত্বকের শুষ্কতা কমিয়ে, ত্বক ভালো রাখতে বিশেষ‌ভাবে‌ সাহায্য করবে।

    তরমুজ, লেবু, ডাবের জল নিয়মিত খাওয়া জরুরি

    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, এই গরমে (Heatwave) শরীর সুস্থ রাখতে কিছু ফল নিয়মিত খাওয়া জরুরি। তাঁদের পরামর্শ, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার পাশপাশি তরমুজ, লেবুর মতো রসালো ফল নিয়মিত খেতে হবে। এগুলো শরীর ও ত্বক শুষ্ক হতে দেয় না। এছাড়া, লেবুতে রয়েছে ভিটামিন সি। তাই লেবুর রস খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। এছাড়াও এই গরম মোকাবিলা করতে নিয়মিত ডাবের জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, ডাবের জলে রয়েছে একাধিক খনিজ পদার্থ। তাই শরীরে হরমোনের ভারসাম্য বজায় থাকে। ত্বক ভালো থাকে।

    সপ্তাহে অন্তত একবার মধু মাখলে কমবে সমস্যা (Heatwave)

    বিশেষজ্ঞদের একাংশের পরামর্শ, ত্বকের শুষ্কতা কমাতে সপ্তাহে অন্তত একবার মুখে মধু মাখলে উপকার পাওয়া যাবে। মধু ত্বকের শুষ্কতা দূর করে। ত্বক‌ মসৃণ করে।

    নিয়মিত টক দই দেবে বাড়তি উপকার

    ত্ব‌ক ভালো রাখতে নিয়মিত টক দই খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, নিয়মিত টক দই লিভার ভালো রাখে। লিভার সুস্থ থাকলে ত্বকের একাধিক সমস্যা কমে। তাই এই গরমে (Heatwave) ত্বক ভালো রাখতে নিয়মিত টক দই খাওয়া দরকার।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SSC Scam: নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম দুয়ারে রাজ্য, ২৬ হাজর চাকরি বাতিল করা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ

    SSC Scam: নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম দুয়ারে রাজ্য, ২৬ হাজর চাকরি বাতিল করা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল করা হয়েছে। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বুধবারই শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার।

    শীর্ষ আদালতে রাজ্য

    এদিন রাজ্য সরকার একটি স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে আদালতে। যেহেতু পুরো প্যানেল বাতিল করা হয়েছে, তাই প্রশ্ন উঠেছে যোগ্য প্রার্থীদের চাকরি নিয়ে। তাঁদের চাকরি কেন যাবে, এই প্রশ্ন নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, সর্বোচ্চ আদালতে স্পেশাল লিভ পিটিশন (SLP) দায়ের করেছে রাজ্য। এই আবেদনে বলা হয়েছে, ‘মহামান্য হাইকোর্ট রাজ্যকে এই ধরনের একটি পরিস্থিতির মোকাবিলা করার জন্য পর্যাপ্ত সময় না দিয়ে অবিলম্বে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল করেছে এবং সমগ্র নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে। যা শিক্ষা ব্যবস্থাকে স্থির করে দিয়েছে।’ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশের মোট মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে। এরপরই সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছিল এসএসসি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশেই বিশেষ বেঞ্চে শুনানি চলছিল হাইকোর্টে। তাই আপাতত রাজ্যের আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করে কি না, সেটাই দেখার।

    এসএসসি-র যুক্তি

    বুধবার এসএসসির (SSC Scam) তরফেও হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। এসএসি-র যুক্তি, পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধ ভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তার জন্য ২৬ হাজার জনের কেন চাকরি বাতিল হবে? ১৯ হাজারের বেশি শিক্ষক এবং অশিক্ষক কর্মী রয়েছেন, যাঁরা যোগ্য হয়েও এই মুহূর্তে চাকরিহারা। তাঁরা ইতিমধ্যেই শহিদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে।

    আরও পড়ুন: দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা, এবার গরম উত্তরেও

    কী বলছে আদালত

    সোমবার হাইকোর্ট জানায়, এসএসসি দুর্নীতি সংক্রান্ত অভিযোগগুলি নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই। প্রয়োজনে তারা সন্দেহভাজনদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে। সিবিআই চাইলে মন্ত্রিসভার সদস্যদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে, বলে অভিমত আদালতের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Shib Narayan Das: সংখ্যালঘু বলেই কি যোগ্য সম্মান পেলেন না বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার শিব নারায়ণ দাস?

    Shib Narayan Das: সংখ্যালঘু বলেই কি যোগ্য সম্মান পেলেন না বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার শিব নারায়ণ দাস?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিঃশব্দে বুক ভরা অভিমান নিয়ে চলে গেলেন শিব নারায়ণ দাস (Shib Narayan Das), বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার। গত ১৯ এপ্রিল প্রয়াত হন তিনি। নিতান্তই নিয়মরক্ষা করে বাংলাদেশের কিছু কিছু সংবাদমাধ্যম খবরটা করেছে। ওই দিন বেলা পৌনে ১১টা থেকে ১২টা পর্যন্ত তাঁর মরদেহ কুমিল্লাতে রাখা হয়। শ্রদ্ধা জানান মানুষজন। তবে বড় কোনও রাজনৈতিক নেতাকে সেখানে দেখতে পাওয়া যায়নি। পড়শি দেশের ইতিহাসে খুঁজে পাওয়া যায়না শিব নারায়ণ দাসের নাম, তা কি কেবল তিনি সংখ্যালঘু ছিলেন বলেই? এমন প্রশ্ন তুলছে কোনও কোনও মহল। জীবদ্দশায় অবহেলা, বঞ্চনা, যোগ্য সম্মান না পাওয়া এই মানুষটি কে ছিলেন? বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে কী অবদান ছিল মানুষটির। তা নিয়েই আমাদের প্রতিবেদন।

    ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ওড়ানো হয় তাঁর তৈরি পতাকা

    ১৯ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ন’টা নাগাদ ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবর মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিব নারায়ণ দাস। বয়স হয়েছিল ৭৮ বছর। শিব নারায়ণ (Shib Narayan Das) ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম যোদ্ধা। শিব নারায়ণ দাসের তৈরি করা পতাকা নিয়েই চলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। জানা যায় ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রাঙ্গণে প্রথম ওড়ানো হয় তাঁর তৈরি পতাকা। ওই পতাকায় লাল এবং সবুজ রঙের ভিতরে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র সম্বলিত ছিল। ১৯৭০ সালের ৭ জুন ঢাকার পল্টন ময়দানে এক সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। ওই কুচকাওয়াজের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তৈরি করেন একটি জয় বাংলা বাহিনী। ওই বাহিনীর নেতৃত্বে ছিলেন শিব নারায়ণ দাস। জয়বাংলা বাহিনী একটি পতাকা তৈরি সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের ১১৮ নম্বর কক্ষে বসে তৈরি হয় পতাকার নকশা।

    সম্মান পেয়েছেন কামরুল হাসান, পেলেন না শিব নারায়ণ

    তবে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের পরে, ১৯৭২ সালে বাংলাদেশের সরকার সে দেশের শিল্পী কামরুল হাসানকে ওই পতাকার বিষয়ে মতামত দিতে বলে। কামরুল হাসান শিব নারায়ণ দাসের (Shib Narayan Das) তৈরি পতাকা থেকে বাংলাদেশের মানচিত্রটিকে বাদ দিয়ে দেন। বর্তমানে সেটি বাংলাদেশের জাতীয় পতাকা। তবে কামরুল হাসান স্বীকৃতি পেয়েছেন। পেয়েছেন সম্মান। কিন্তু বঞ্চনা অবহেলা জুটেছে শিব নারায়ণ দাসের ক্ষেত্রে। এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন, শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার কারণেই কি শিবনারায়ণ দাসের প্রতি এমন বঞ্চনা?

    বাংলাদেশের মুক্তমনা এক সাংবাদিক সমাজমাধ্যমের পাতায় কী লিখলেন

    বাংলাদেশের বেশকিছু মুক্তমনা সাংবাদিক শিবনারায়ণ দাসের প্রতি বঞ্চনার বিরুদ্ধে অবশ্য সোচ্চার হয়েছেন। এ নিয়ে সামনে এসেছে সমাজ মাধ্যমের পাতায় বিভিন্ন ধরনের লেখাও। জনৈক্য আহমেদ ইস্তিয়াক নামের এক সাংবাদিক গত বছরেই শিব নারায়ণ দাসের (Shib Narayan Das) বাড়িতে যান সাক্ষাৎকার নিতে। সেখানে তাঁর অভিজ্ঞতা হিসেবে ওই সাংবাদিক লিখছেন, ‘‘চারতলায় উঠে কলিংবেল টিপতেই ভিতর থেকে প্রশ্ন এল, ‘কে এসেছেন ? আপনি কে?’ বললাম, ‘একটা প্রয়োজনে আপনার সঙ্গে কথা বলতে এসেছি।’ জবাব পেয়ে দরজা খুলেই বললেন ‘কী প্রয়োজন? কোথা থেকে এসেছেন?’ বললাম, ‘অমুক পত্রিকা থেকে এসেছি একটা বিশেষ দরকারে। তিনি বললেন ‘কী দরকার?’ আমি বললাম, ‘যদি অনুমতি দেন তো একটু আপনার সঙ্গে কথা বলতে চাই।’ তিনি বললেন, ‘ঠিক আছে এবার আপনি আসতে পারেন।’ বললাম, ‘ভিতরে আসবো?’ পুরোটা বলার আগেই আমার মুখের উপর দিয়েই দড়াম করে তিনি দরজা বন্ধ করে দিয়ে ভিতর থেকে ছিটকিনি লাগিয়ে বললেন, ‘আপনি চলে যান। আমি এসব বিষয়ে কথা বলিনা।’ আমার তখন কী যে অনুভূতি হয়েছিলো তা আমি আসলে ভাষায় বর্ণনা করতে পারবো না। আমার দেশটির উপর তীব্র ঘৃণা জন্মালো। মনে হলো আমি মাটি খুঁড়ে তখনই ঢুকে পড়ি। কিংবা মরে যাই। আর তীব্র এক লজ্জাবোধ আমাকে চরমভাবে গ্রাস করলো। তিনি শিব নারায়ণ দাস, যাকে আমরা সামান্য স্বীকৃতিটুকু দিতেও চরম কার্পণ্য করেছি।’’

    পাঠ্যপুস্তকে নেই শিব নারায়ণের নাম

    ওই সাংবাদিকের আরও সংযোজন, ‘‘শিব নারায়ণ দাস (Shib Narayan Das) যেন আজ এক বিস্মৃত ইতিহাস। যাকে আমরা স্রেফ ভুলে গেছি। আমাদের এক অনন্য কারিগরকে আমরা স্রেফ উচ্ছেদ করেছি। পাঠ্যপুস্তকে জাতীয় পতাকার যে ইতিহাস লেখা হয়েছে, সেখানে আমরা তাঁকে বাদ দিয়েছি। সর্বত্র জাতীয় পতাকার ডিজাইনার হিসেবে পটুয়া কামরুল হাসানের নাম। নেই কোথাও শিবনারায়ণ দাসের নাম।’’ প্রসেনজিৎ রূদ্র নামের এক নেটিজেন মন্তব্য করছেন, ‘‘যারা যুদ্ধের ধারে কাছেও ছিল না তারা এখন নামধারী কৌটাধারী রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা নামে সব সুযোগ-সুবিধা পাচ্ছে। কিন্তু যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল, তাদের অনেকেই যোগ্য সম্মানটুকু পাননি। একটা ভিডিওতে এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে তো রিক্সা চালাতেও দেখেছিলাম।’’

    শিব নারায়ণ দাসের বাবাও মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন

    জানা যায়, শিব নারায়ণ দাসের (Shib Narayan Das) বাবা সতীশ চন্দ্র দাস ছিলেন মুক্তিযোদ্ধা। তিনি একজন চিকিৎসকও ছিলেন। মুক্তিযুদ্ধে তিনি শহীদ হন। কিন্তু শিব নারায়ণ দাসের মতোই তাঁর পিতা সতীশ চন্দ্র দাসকেও কোনও রকমের সম্মান দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। জানা যায়, শিব নারায়ণ দাস শেষ জীবনে থাকতেন তাঁর মেয়ের কাছে, একটি ভাড়া বাড়িতে। এতটাই অর্থ কষ্টে তিনি ভুগছিলেন শেষদিকে, যে প্রতিবেশীরাও পর্যন্ত আলোচনা করতেন, শিব নারায়ণ দাস নিজের চিকিৎসাটুকুও করাতে পারেন না।

    কেমন ছিল প্রথম পতাকা তৈরির ইতিহাস

    প্রতিবেদনের শুরুতেই আমরা আলোচনা করেছি ১৯৭০ সালের ৬ জুন ইকবাল হলের ১০৮ নম্বর কক্ষে তৈরি হয় পতাকা। জানা যায় ১০৮ নম্বর কক্ষে ওই দিন শিব নারায়ণ দাস (Shib Narayan Das) ছাড়াও হাজির ছিলেন তৎকালীন ছাত্র লিগ নেতা আসম আব্দুর রব, কাজী আরিফ আহমেদ, শাহজাহান সিরাজ, মনিরুল ইসলাম, স্বপন কুমার চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিগের নেতা নজরুল ইসলাম সহ অন্যান্যরা। দর্জিদের কাছ থেকে রাতের অন্ধকারে কাপড় নিয়ে যাওয়া হয় পতাকা তৈরি করতে। পতাকা তৈরির কথা শুনে বিনা পারিশ্রমিকেই কাপড় দেন দর্জিরা। স্বাধীন বাংলা বলতে যেন বাংলাদেশকেই বোঝায়, সেই কথা মাথায় রেখে বাংলাদেশের মানচিত্র সেখানে রাখা হয়। কারণ বাংলা বলতে পশ্চিমবঙ্গও ছিল। স্বাধীন ভারতের অঙ্গরাজ্য। বাংলাদেশের শস্য-শ্যামলা সবুজ প্রকৃতি বোঝাতে রাখা হয় সবুজ রঙ এবং সূর্য বোঝাতে রাখা হয় লাল রঙ। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ছাড়াও, ১৯৭১ সালে ২৩ মার্চ বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে এই পতাকা উত্তোলিত হয়।

    শিব নারায়ণ দাসের স্ত্রী গীতশ্রী চৌধুরিও মুক্তি যোদ্ধা ছিলেন

    জানা যায়, শিব নারায়ণ দাস এবং তাঁর স্ত্রী গীতশ্রী চৌধুরী দুজনেই মুক্তিযোদ্ধা ছিলেন। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকারের জন্ম সে দেশের কুমিল্লাতে। ১৯৪৬ সালের ১৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেন শিব নারায়ণ দাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম বড় নাম ছিল ধীরেন্দ্রনাথ দত্ত। ভাষা আন্দোলনের অন্যতম নেতা ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরেই রাজনীতিতে প্রবেশ করেন শিব নারায়ণ দাস (Shib Narayan Das)। সেটা ছিল ১৯৬২। আন্দোলন করতে গিয়ে জেলও খেটেছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramkrishna Math: রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ

    Ramkrishna Math: রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramkrishna Math) নতুন অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ। এতদিন পর্যন্ত তিনি মঠের সহ-অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। বুধবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করেন মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। প্রসঙ্গত, স্বামী স্মরণানন্দজি মহারাজের মৃত্যুর পরেই অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন স্বামী গৌতমানন্দ মহারাজ। রামকৃষ্ণ মিশনের (Ramkrishna Math) তরফ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এর অধ্যক্ষের পদ কখনও শূন্য থাকে না।

    মিশনের সাংবাদিক বৈঠক

    এদিনের সাংবাদিক বৈঠকে আরও জানানো হয়েছে, অছি পরিষদের সবথেকে প্রবীণ সহ অধ্যক্ষ ছিলেন স্বামী গৌতমানন্দ মহারাজ। তাঁকেই বেছে নেওয়া হল পরবর্তী অধ্যক্ষ হিসেবে। প্রসঙ্গত গত ২৭ মার্চ স্মরণানন্দজি মহারাজের অন্ত্যোষ্টি ক্রিয়া সম্পন্ন হয়। ঘটনাক্রমে সেই দিনেই মিশনের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ জানিয়েছিলেন, নতুন অধ্যক্ষ নির্বাচিত হতে এক মাস মত সময় লাগবে। ২৪ এপ্রিল নাম ঘোষণা হল নতুন মহারাজের। ২৭ মার্চ সুবীরানন্দ মহারাজ বলেছিলেন, ‘‘আমাদের সংঘ গণতান্ত্রিক সংঘ। অছি পরিষদ ও পরিচালন সমিতি পরবর্তী অধ্যক্ষ কে হবেন তা ঠিক করবেন। সেই সিদ্ধান্তে অনুমোদন দেবেন দীর্ঘ ২০-৩০ বছর ধরে মঠ ও মিশনের (Ramkrishna Math) কার্যভার সামলাচ্ছেন যে সন্ন্যাসীরা।’’

    স্বামী গৌতমানন্দ মহারাজ মিশনে যোগ দেন ১৯৫১ সালে 

    মিশন সূত্রে জানা গিয়েছে, স্বামী গৌতমানন্দ রামকৃষ্ণ মিশনে যোগদান করেন ১৯৫১ সালে। পরবর্তীকালে ১৯৬৬ সালে মঠের দশম অধ্যক্ষ স্বামী বিরেশ্বরানন্দজি মহারাজ তাঁকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করেন। গৌতমানন্দ মহারাজ অরুণাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশের গ্রামীণ আদিবাসী জনসাধারণের মধ্যে শিক্ষা প্রসারের কাজ করেছেন বলে জানা যায়। এর পাশাপাশি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন- এই দুটি গুরুত্বপূর্ণ বোর্ডেও তিনি দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের রামকৃষ্ণ মিশন-এর (Ramkrishna Math) ট্রাস্টি হিসেবে নির্বাচিত করা হয় গৌতমানন্দজি মহারাজকে। পরবর্তীকালে ১৯৯৫ সালে রামকৃষ্ণ মিশনের চেন্নাই মঠের দায়িত্বভার পান তিনি।

    মিশনের বিবৃতি

    রামকৃষ্ণ মিশনের (Ramkrishna Math) তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, ‘‘দেশ ও বিদেশে বহু জায়গায় তাঁর বক্তৃতা ভারতের আধ্যাত্মিকতা ও বেদান্ত দর্শনের বিষয়ে আগ্রহ সৃষ্টি করেছে। এমন এক জন প্রাজ্ঞ ও সংস্কৃতিমনস্ক প্রবীণ সন্ন্যাসী রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ পদে অন্তর্বর্তিকালীন কার্যভার গ্রহণ করায় খুশি ভক্ত ও অনুরাগীরা।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IMA vs Patanjali: পতঞ্জলির পর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

    IMA vs Patanjali: পতঞ্জলির পর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: পতঞ্জলি বনাম ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) মামলায় এবার মুখ পুড়ল চিকিৎসকদের এই সংস্থার। অপ্রয়োজনীয় এবং দামি ঔষধ লেখার জন্য সর্বোচ্চ আদালত (Supreme Court) চিকিৎসকদের সংস্থাকে ভর্ৎসনা করল। প্রশ্ন উঠল আইএমএ-র (IMA vs Patanjali) সদিচ্ছা নিয়েও।

    সুপ্রিম কোর্টের আপত্তি (IMA vs Patanjali)

    মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে (IMA) নথিভূক্ত চিকিৎসকদের অবাঞ্ছিত কাজকর্ম নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে। বিশেষ করে এই সংগঠনের  সঙ্গে যুক্ত চিকিৎসকদের কমদামি এবং কার্যকরী বিকল্প থাকা প্রেসক্রিপশনে দামি ওষুধ লেখার বদভ্যাসকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট (S.C.)। এই এই স্বাস্থ্য সংগঠনকে (IMA vs Patanjali) তাঁদের কাজকর্মে সুব্যবস্থা আনার পরামর্শ দিয়েছেন বিচারকেরা।

    আইএমএকে ভর্ৎসনা!

    বিচারপতি হেমা কোহলি এবং এহসানউদ্দিন আমানুল্লার ডিভিশন বেঞ্চে আইএমএ বনাম পতঞ্জলি (IMA vs Patanjali) মামলা চলছে। বেঞ্চ জানিয়েছে, দামি ঔষধ লেখা এবং অপ্রয়োজনীয় ঔষধ লেখার বিষয়ে আইএমএ-কে আরও সক্রিয় ভূমিকা নিয়ে এগুলি বন্ধ করা উচিত। এবিষয়ে সংগঠন নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। বিশেষ করে আইএমএ যখন পতঞ্জলির দিকে আঙ্গুল তুলছে তখন একটি আঙ্গুল তাঁদের দিকেও ওঠে। পতঞ্জলি আয়ুর্বেদের বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ করার অভিযোগ উঠেছিল। এর বিরুদ্ধে আইএমএ সর্বোচ্চ আদালতে মামলা করে। এই মামলার শুনানি চলাকালীন আইএমএকে ভর্ৎসনা করা হয়েছে। একদিকে যেমন পতঞ্জলি আয়ুর্বেদকে এফিডেফিট জমা দিয়ে পুনরায় ক্ষমাপ্রার্থনা করে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে আইএমএ-কেও চিকিৎসকদের অতিরিক্ত অর্থনৈতিক লাভের জন্য চালাকি ছাড়তে বলেছে ডিভিশন বেঞ্চ।

    আরও পড়ুনঃহনুমান জয়ন্তীর কীর্তনে হামলা দুষ্কৃতীদের! পুলিশের ভূমিকায় প্রশ্ন বিজেপির

    বিচারপতির বক্তব্য

    সুপ্রীম কোর্টের বিচারপতি স্পষ্ট ভাষায় আইএমএকে (IMA vs Patanjali) বলেন, “এলোপ্যাথিক ফিল্ডে আপনাদের চিকিৎসকরা বিকল্প আছে তা সত্ত্বেও রোগীর অর্থনৈতিক অবস্থার কথা না ভেবে দামি ঔষধ লিখে যাচ্ছেন। আগে নিজেদের ভুল সংশোধন করার চেষ্টা করুন।” আদালত এফএমসিজি কোম্পানিগুলির কাজকর্মেও ক্ষুব্ধ। অভিযোগ উঠছে নবজাতক শিশু এবং বাচ্চাদের কথা না ভেবেই বিভিন্ন ধরনের খাবার তৈরি করছে এফএমসিজি (FMCG) সংস্থাগুলি। এমনকী বৃদ্ধদের জন্যও যে সামগ্রী তৈরি করা হচ্ছে তা তাদের স্বাস্থ্যের কথা ভেবে হচ্ছে না। গুণমান নিয়ে সন্দেহ প্রকাশ করেছে দেশের সর্বোচ্চ আদালত। আদালত কেন্দ্রের কাছে এই সংস্থাগুলির তিন বছরে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ঘিরে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাওয়া হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: একই স্কুলের ৩৬ জন শিক্ষকের চাকরি গেল, মাথায় হাত প্রধান শিক্ষকের

    Murshidabad: একই স্কুলের ৩৬ জন শিক্ষকের চাকরি গেল, মাথায় হাত প্রধান শিক্ষকের

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশে হারালেন ২৬ হাজার শিক্ষক। তার জেরে সমস্যার মুখে পড়েছে মুর্শিদাবাদের তিনটি স্কুল। পড়েছে মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কার অর্জুনপুর হাইস্কুল। এই স্কুলে চাকরি বাতিল হল ৩৬ জন জন শিক্ষক ও শিক্ষিকার। পার্শ্বশিক্ষক ৭ জন। মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১০ হাজার। বাতিল হওয়া শিক্ষকের সংখ্যা বাদ দিলে সমস্যার সম্মুখীন হয়েছে ফরাক্কা হাইস্কুলের পড়ুয়ারা।

    চাকরি হারিয়ে হতাশ (Murshidabad)

    সোমবার এসএসসি গ্রুপ-ডি, গ্রুপ-সি, নবম- দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট। তারপরেই মাথায় হাত চাকরি বাতিল হওয়া মহম্মদ সাফিউল ইসলাম-সহ অন্যান্য শিক্ষকদের। বাতিল হওয়া শিক্ষক সাফিউল ইসলাম বলেন, ‘আমি ২০১৯ সালে নিয়োগপত্র পাই।  ২০২০ সালের জানুয়ারি মাসে যোগদান করি। আলিপুরদুয়ারে যোগদান করলেও মিউচুয়াল ট্রান্সফার নিয়ে ফরাক্কার অর্জুনপুর হাইস্কুলে (Murshidabad) যোগদান করেছি। তবে যারা অপরাধ করেছে, তাদের বাতিল করা হোক। নবম-দশমে ভুল ত্রুটি হয়েছে, এটা ঠিক। তবে, সকলের চাকরি হাইকোর্ট কীভাবে বাতিল করল। আমরা খুব হতাশাগ্রস্ত।’

    স্কুল চালানো মুশকিল,দাবি প্রধান শিক্ষকের

     ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ সৌরভ আলি বলেন, পড়ুয়াদের সংখ্যা ১০ হাজারের অধিক। গ্রামে একটি মাত্র স্কুল। আর এই স্কুলের ওপরেই ভরসা করে পড়ুয়ারা। আমাদের স্কুলে ৩৬ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। প্রথম যোগদান করেন ২০ জন শিক্ষক-শিক্ষিকা। পরে ১৬ জন মিউচুয়াল ট্রান্সফার হিসাবেই যোগদান করেন। তবে, শিক্ষক না থাকলে স্কুলের ক্ষতি। ৩৬ শিক্ষক বাতিল হওয়ার কারণে আগামী দিনে স্কুলে চালানো মুশকিল।  একইভাবে হরিহরপাড়া (Murshidabad) থানার লালনগর হাইস্কুলের ৩০ জন শিক্ষকের মধ্যে ৮ জন শিক্ষক, ২ জন অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে। বাম আমলেও এই লালনগর হাইস্কুলে ভুয়ো মার্কশিট ও সার্টিফিকেট দিয়ে শিক্ষকতা করার অভিযোগে তিন শিক্ষককে সাসপেন্ড করেছিল শিক্ষা দফতর। স্কুলের প্রধান শিক্ষক সারওয়ার্দি বিশ্বাস বলেন, ‘এরকম হলে স্কুল চালানোই মুশকিল হবে। দেখা যাক, শেষ অবধি কী হয়?’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share