Blog

  • Howrah: তৃণমূলকে শিখণ্ডী করে হকারে হকারে ছেয়ে যাচ্ছে হাওড়া বাসস্ট্যান্ড ও স্টেশন চত্বর!

    Howrah: তৃণমূলকে শিখণ্ডী করে হকারে হকারে ছেয়ে যাচ্ছে হাওড়া বাসস্ট্যান্ড ও স্টেশন চত্বর!

    মাধ্যম নিউজ ডেস্ক: যত দিন যাচ্ছে, ততই বেড়ে চলেছে হকারের সংখ্যা। এর ফলে ক্রমশ অবরুদ্ধ হয়ে পড়ছে হাওড়া (Howrah) স্টেশনে যাওয়ার প্রধান রাস্তা। হাওড়া স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে হকারের দৌরাত্ম্য কমাতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে মাঝে মধ্যেই অভিযান চালানো হয়। কিন্তু সেই অভিযানের সময় কয়েক দিন হকার বসা বন্ধ হয়ে গেলেও তারপর দু-চার দিন যেতে না যেতেই ফের জিনিসপত্রের পসরা নিয়ে হাজির হয় হকাররা। ফলে সাধারণ রেলযাত্রীদের কাছে হাওড়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড এবং স্টেশনে ঢোকার সাবওয়ে রীতিমতো যন্ত্রণার যাত্রাপথ হয়ে উঠেছে। হাওড়া বাসস্ট্যান্ড চত্বর এবং সাবওয়ের ভিতরে রাস্তা দখল করে সারি সারি বাজার এবং হকার বসছে বছরের পর বছর ধরে। কখনও দু-একজন যাত্রীর অভিযোগ পেয়ে পুলিশ এই হকারদের বিরুদ্ধে অভিযান চালায়। কিন্তু কখনই পাকাপাকিভাবে হকার সরে না এই জায়গা থেকে।

    পুলিশকে মাসোহারা দিয়েই ব্যবসা, বলছেন হকাররা (Howrah) 

    হাওড়া স্টেশনে ঢোকার পথে হকার ঠেলে ঢোকা এক রকম অভ্যাস হয়ে গেছে যাত্রীদের। কিন্তু বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে স্টেশন (Howrah) সংলগ্ন বাসস্ট্যান্ডে যেসব জায়গায় হকার বসত, তার বাইরেও যেটুকু ফাঁকা অংশ আছে, সেখানেও নতুন নতুন হকারের আমদানি ঘটছে। হকারদের দাবি, তারা পুলিশকে মাসোহারা দিয়েই এখানে ব্যবসা করে। আবার পুলিশ জানিয়েছে, রাজনৈতিক নেতাদের মদতে হকারদের পুরোপুরি তোলা যায় না। একটা সময় সিপিআইএম নেতা লগনদেও সিংয়ের একচেটিয়া আধিপত্য ছিল হাওড়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড, গঙ্গার ধার, মাছ বাজার এলাকায়। এখন তিনি তৃণমূলে। কিন্তু বাসস্ট্যান্ড চত্বরে তৈরি হয়ে গেছে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। হাওড়া বাসস্ট্যান্ডে শরৎচন্দ্রের মূর্তির সামনে বড় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তৈরি হয়েছে। হকারদের একাংশ জানিয়েছে, রাজনৈতিক দাদাদের সন্তুষ্ট করে তারা এখানে হকারি করে এবং সামনে পার্টি অফিস থাকায় তাদের উচ্ছেদের ভয় করতে হয় না। মাঝে মধ্যে পুলিশ অভিযান চালালেও তারা দুদিন পরে আবার বসে পড়ে।

    কী বলছেন রেলযাত্রীরা (Howrah)?

    রেলযাত্রী তুহিন মজুমদার বলেন, অফিস যাওয়ার পথে এবং অফিস থেকে বাড়ি ফেরার সময় রাস্তা চলতে খুবই অসুবিধায় পড়তে হয়। ইদানীং দেখা যাচ্ছে কলকাতা থেকে হাওড়াগামী বাসগুলি হাওড়া ব্রিজ থেকে নেমে যাত্রী নামানোর পর সেই যাত্রী গঙ্গার ঘাটের দিকে ট্যাক্সিস্ট্যান্ডের পাশ দিয়ে মূলত হাওড়া স্টেশনে ঢোকেন। কিন্তু স্টেশনে যাওয়ার রাস্তার মাঝখানেই বেশ কিছু ডিম, পাউরুটি, ফল এবং চায়ের দোকান বসে পড়েছে। ফলে সেইসব হকার ঠেলে তাদের হাওড়া (Howrah) স্টেশনে ঢুকতে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে। আরেক যাত্রী গার্গী সাহা জানান, অফিস টাইমে তো পা গলানোর জায়গা পাওয়া যায় না। রাস্তার দু’ধারে হকার বসায় সাধারণ মানুষ অফিস ফেরার সময় সেখান থেকেই কেনাকাটা করে। ফলে ট্রেনের সময় হয়ে গেলেও তাঁরা দ্রুত হাওড়া স্টেশনে পৌঁছাতে পারেন না ক্রেতাদের ঠেলায়। তাই সরকারের উচিত অন্তত স্টেশনে ঢোকার রাস্তায় যাতে হকার না বসে, সেদিকে খেয়াল রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। হাওড়া সিটি পুলিশের দুটি বুথ রয়েছে হাওড়া স্টেশনের সামনে এবং ট্যাক্সিস্ট্যান্ড সংলগ্ন অনুসন্ধান কেন্দ্রের সামনে। কিন্তু তারা মূলত  ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত থাকার ফলে হকারদের দিকে তাদের নজর নেই বলে যাত্রীদের অভিযোগ।

    কী বলছে পুলিশ ও পুরসভা (Howrah)?

    যদিও পুলিশ জানিয়েছে, তারা মাঝে মধ্যেই হকার উচ্ছেদ সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই হকাররা ফের বসে পড়ে। হাওড়া পুরসভার বক্তব্য, হাওড়া বাসস্ট্যান্ড চত্বর মূলত কেএমডিএ-র আওতাধীন। ফলে সেখানে পুরসভা সরাসরি কিছু করতে পারে না। এদিকে হাওড়া (Howrah) স্টেশনের বাইরের নিরাপত্তা দেখা বা যাত্রী নিয়ন্ত্রণ যেহেতু হাওড়া সিটি পুলিশের আওতায়, তাই রেল পুলিশও সেখানে কোনও হস্তক্ষেপ করতে পারে না। ফলে সমস্যার কোনও সমাধান তো হয় না, উল্টে সমস্যা দিন দিন বেড়ে চলেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Purba Bardhaman: ব্যালট বাক্সে জল ঢালার পরও গণনা কীভাবে হল! প্রশাসনকে প্রশ্ন বিজেপির

    Purba Bardhaman: ব্যালট বাক্সে জল ঢালার পরও গণনা কীভাবে হল! প্রশাসনকে প্রশ্ন বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: কাটোয়ার (Purba Bardhaman) মণ্ডলহাটের রাজমহিষী স্কুলে তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ করে সরব হয়েছিল বিজেপি। শুধু তাই নয়, ব্যাপক ছাপ্পা এবং রিগিং আটকাতে প্রশাসনকে বলেও কোনও কাজ না হলে অবশেষে ভোট বন্ধ করতে ১৫, ১৬, ১৭ নম্বর বুথে বিজেপি প্রার্থীরা জল ঢেলে দিয়েছিল ব্যালট বক্সে। গণনার সময় সেই জল ঢালা বাক্স থেকে ব্যালট গণনা করে প্রশাসন। তাই বিজেপি প্রশ্ন তুলেছে, জল ঢালা ব্যালট বাক্স থেকে কী করে গণনা হল! কাটোয়া ১ নম্বর ব্লক অফিসে বিডিওর কাছে এই অভিযোগ জানিয়ে স্মারকলিপি দিয়েছেন ১৩১ জন বিজেপি প্রার্থী।

    অভিযোগ কী (Purba Bardhaman)?

    ৮ই জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের দিন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ছাপ্পা ভোটের অভিযোগ করে বিজেপি। অভিযোগ কাটোয়ার (Purba Bardhaman) রাজমহিষী স্কুলের বুথে নির্বাচনকে নিয়ে। তৃণমূলের সন্ত্রাস নিয়ে রাজমহিষী স্কুলের ১৫, ১৬, ১৭ নম্বর বুথের বিজেপি প্রার্থী ও এলাকার বিজেপি কর্মীরা একত্রিত হয়ে কাটোয়া ১ নম্বর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে একটি স্মারকলিপি জমা দিলেন। সেখানে পরিষ্কার তাঁরা উল্লেখ করেছেন, তৃণমূল দুষ্কৃতীরা ব্যাপক রিগিং, সন্ত্রাস ও ছাপ্পা ভোট করেছে নির্বাচনের দিনে। বুথের ভেতর ছাপ্পা চলায় ভোটের পর বিজেপি জেলা পরিষদের প্রার্থী জল ঢেলে দেন ব্যালট বাক্সে। বিজেপি প্রার্থীর জল ঢালার পর এলাকাবাসীরাও ব্যালট বাক্সে জল ঢেলে দেন অন্য দুটি বুথে। বাক্সে জল ঢালার পর গণনা কীভাবে হয়েছে, এটাই প্রধান অভিযোগ।

    বিজেপির বক্তব্য

    জল ঢালার পর বাইরে থেকে অন্য ব্যালট এনে তাতে ছাপ মেরে, পুনরায় ব্যালট বক্সে ফেলে দিয়েছিল তৃণমূল কর্মীরা। তাই বিডিওর (Purba Bardhaman) কাছে বিজেপি জানতে চেয়েছে, কী করে জল ঢালা ব্যালট বক্সের ভোট গণনা করা হল! উত্তর মেলেনি। পরে জল ঢালা ব্যালট বাক্স গণনার পর দেখা যায়, তৃণমূল প্রার্থীরা কোথাও ৬০০ ভোট, কোথাও ৪০০ ভোটে জয়লাভ করেছে। পুরোটাই শাসক দল কারচুপি করছে প্রশাসনের মদতে, এমনটাই অভিযোগ।

    তৃণমূলের বক্তব্য

    তৃণমূলের জেলা (Purba Bardhaman) সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ভোটের পরে সমস্ত রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল। কিন্তু বিজেপির অভিযোগ থাকলে তখন কোনও অভিযোগ জানায়নি। এরপর আরও তিনি বলেন, যদি ছাপ্পা ভোট হয়, তাহলে তো ওই এলাকার মানুষ ভোট দিতে পারত না। কিন্তু ওই এলাকার মানুষও তো কোনও অভিযোগ করেনি। পাশাপাশি ওই তিনটি বুথে রাত আটটা পর্যন্ত ভোট হয়েছে। ফলে বিজেপির অভিযোগ সব মিথ্যা।

    অপর দিকে আজ ভারতীয় জনতা পার্টির মুর্শিদাবাদ দক্ষিণের উদ্যোগে পঞ্চায়েতে বিজেপির জয়ী প্রার্থীদের উপর তৃণমূলের গুন্ডাবাহিনীর অত্যাচারের প্রতিবাদে বহরমপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন জমা দেওয়া হয়। তৃণমূল আশ্রিত হার্মাদ বাহিনী, পুলিশ, বিডিও এবং ডিএমের অত্যাচার চলছে জেলায়। মানুষ তাঁর গণতন্ত্রের অধিকার প্রয়োগ করে যে সকল প্রার্থীদের জয় লাভ করিয়েছেন, সেই সব প্রার্থীদের যদি প্রশাসন এবং হার্মাদ বাহিনী পঞ্চায়েত গঠনে বাধা দেয়, তাহলে কাউকে ছেড়ে কথা বলা হবে না, বললেন বহরমপুর জেলা বিজেপি সভাপতি শাখারাভ সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: পাঁচলার জয়েন্ট বিডিওকে কালো গোলাপ আর মিষ্টির প্যাকেট কেন দিলেন শুভেন্দু?

    Suvendu Adhikari: পাঁচলার জয়েন্ট বিডিওকে কালো গোলাপ আর মিষ্টির প্যাকেট কেন দিলেন শুভেন্দু?

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে যথেচ্ছ লুট, ছাপ্পা, অনিয়ম করেছে তৃণমূল। আর এসব অপকর্মে মদত দিয়েছে ব্লক প্রশাসন। এমনই অভিযোগ এনে এবার বিডিও অফিসে কালো গোলাপ ফুল এবং মিষ্টির প্যাকেট বিতরণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার হাওড়া জেলার পাঁচলা বিডিও অফিস থেকে এই কর্মসূচি শুরু করেন তিনি। সারা রাজ্যে এই কর্মসূচি চলবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

    বিডিওকে কালো গোলাপ ও মিষ্টির প্যাকেট দেওয়া প্রসঙ্গে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    সোমবার বেলা দেড়টা নাগাদ হাওড়ার পাঁচলা বিডিও অফিসে যান শুভেন্দু (Suvendu Adhikari)। বিডিও এদিন অফিসে সেই সময় উপস্থিত ছিলেন না। বিডিওকে না পেয়ে জয়েন্ট বিডিওকে একটি কালো গোলাপ এবং একটি মিষ্টির প্যাকেট তুলে দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জয়েন্ট বিডিওকে বলেন, আপনারা পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করেছেন। তার জন্য এই ফুল আর মিষ্টি দিয়ে গেলাম। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এরা এত সুন্দর গণনা করেছে, মমতাময়ী নির্মমতাকে সব ভোট লুট করে উপহার দিয়েছে। চৌর্য বৃত্তির কাজে যুক্ত গোটা পশ্চিমবাংলার বিডিওরা।’ আগামী দিনে অন্যান্য জায়গাতেও বিজেপি নেতৃত্ব কালো গোলাপ ফুল এবং মিষ্টির প্যাকেট বিডিওদের হাতে তুলে দেবে বলে তিনি জানান।

    ভোটে কারচুপি নিয়ে কী বললেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)?

    পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কর্মীরা ছাড়াও সরকারি আধিকারিকদের একাংশ কারচুপিতে যুক্ত ছিলেন বলে মনে করছেন তিনি। ভোটে কারচুপি করতে তাঁরা অনেকটা সাহায্য করেছেন। তবে, গোলাপ ও মিষ্টি বিতরণ কোনও পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল না। হঠাৎই এদিন হাওড়া জেলার পাঁচলা অফিসে গিয়ে হাজির হন শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে উপস্থিত জয়েন্ট বিডিও কিছু বলতে চাননি। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিডিও অফিসে যাওয়ার পর তাঁকে দু একবার বসার জন্য অনুরোধ করা হয়। তবে তিনি গোলাপ ও মিষ্টি দিয়েই বিডিও অফিস ছেড়ে বেরিয়ে যান। জানা গিয়েছে, এদিন তিনি এলাকায় তৃণমূলের সন্ত্রাসে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিয়ে আসেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hooghly: জয়ের ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূলে যোগ দিয়েও বিজেপির প্রার্থী ফিরলেন দলেই

    Hooghly: জয়ের ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূলে যোগ দিয়েও বিজেপির প্রার্থী ফিরলেন দলেই

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের ইটের জবাব বিজেপি দিল পাটকেলে। ঘটনা হুগলির (Hooghly) আরামবাগের গোঘাটের। নাটকীয় ভাবে ৪৮ ঘণ্টার মধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে জয়ী বিজেপি প্রার্থী আবার নিজের ঘরেই ফিরে এসেছেন। এই নিয়ে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য।

    কীভাবে ঘটল

    দুদিন আগে বিজেপির টিকিটে গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী হয়েছিলেন গোঘাটের (Hooghly) ভাদুর গ্রামে ২০৬ নম্বর বুথের সঞ্জয় সাঁতরা। তিনি প্রথমে বিজেপি ছেড়ে তৃণমূলে শামিল হয়েছিলেন। জয়লাভের দুদিন পরেই তাঁকে দেখা যায় ব্লক সভাপতির হাত ধরে তৃণমূলে যোগ দিতে। তৃণমূলে যোগদান করেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলে কর্মকাণ্ডের ঢালাও প্রশংসা করেছিলেন। কিন্তু তার ঠিক ৪৮ ঘণ্টা না কাটতে না কাটতেই ভোলবদল হল। সোমবার ফের বিজেপিতে ফিরলেন সঞ্জয়। বিজেপির রাজ্য সম্পাদকের হাত ধরে আরামবাগে (Hooghly) যোগ দেন সঞ্জয় সাঁতরা। আর এই যোগ দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বোর্ড গঠনের আগেই চলছে জয়ী প্রার্থীদের নিয়ে টানাটানি। একজন প্রার্থী কখনও যোগ দিচ্ছে তৃণমূলে, আবার কখনও বিজেপিতে। আর তাঁকে ঘিরেই শুরু রাজনৈতিক তরজা। 

    বিজয়ী প্রার্থীর বক্তব্য

    জয়ী সঞ্জয় সাঁতরা পুনরায় বিজেপিতে যোগদান করে বলেন, তৃণমূল তাঁকে ভয় দেখিয়েছিল। সেই জন্য তিনি বিজেপিকে ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, দীর্ঘদিনের বিজেপি কর্মী আমি, বিগত লোকসভা (Hooghly) নির্বাচন থেকে আমি বিজেপির সঙ্গে যুক্ত রয়েছি। আগামী দিনেও আমি বিজেপিতেই থাকব।

    বিজেপির বক্তব্য

    বিজেপির বক্তব্য, তৃণমূল কোথাও ভয় দেখিয়ে আবার কোথাও টাকার লোভ দেখিয়ে বিজেপির জয়ী প্রার্থীদের (Hooghly) তৃণমূলে যোগ দেওয়ার চেষ্টা করছে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তৃণমূল একটা বিজেপি প্রার্থীকে কেনার চেষ্টা করে, তাহলে বিজেপিও দশটা কেনার ক্ষমতা রাখে।

    তৃণমূলের বক্তব্য

    অন্যদিকে তৃণমূলের এই এলাকার ব্লক (Hooghly) সভাপতি ভয় দেখানোর অভিযোগকে অস্বীকার করেন। তিনি আরও বলেন, এটা ব্যক্তি স্বাধীনতা, যার যা ইচ্ছে সে করতে পারে। গোঘাটের ভাদুর পঞ্চায়েতে মোট আসন ১৮ টি। তার মধ্যে সংখ্যা গরিষ্ঠতায় একাই ১৫ টি আসন তৃণমূল দখল নেওয়ার পরেও এই সঞ্জয় সাঁতরাকে ঘিরে চলছে রাজনৈতিক তরজা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Homeopathy: বিশ্বের প্রথম হোমিওপ্যাথিক মিউজিয়াম হবে কলকাতায়, কেন্দ্রীয় মন্ত্রীর সামনে ঘোষণা

    Homeopathy: বিশ্বের প্রথম হোমিওপ্যাথিক মিউজিয়াম হবে কলকাতায়, কেন্দ্রীয় মন্ত্রীর সামনে ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের প্রথম হোমিওপ্যাথিক মিউজিয়াম হবে কলকাতায়। জানিয়েছেন সল্টলেকের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হোমিওপ্যাথির নির্দেশক ডক্টর সুভাষ সিং। সোমবার ইন্সটিটিউটে (Homeopathy) আন্ডার গ্র‍্যাজুয়েট বয়েজ হস্টেলের শিলান্যাস করেন কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এই অনুষ্ঠানে সুভাস সিং বলেন, বর্তমানে এই হাসপাতালে প্রতিদিন প্রায় তিন হাজার রোগীর চিকিৎসা চলে। সেটা পাঁচ হাজার করার পরিকল্পনা আছে। তার জন্য পরিকাঠামোর উন্নয়ন প্রয়োজন। তিনি বলেন, সারা বিশ্বের মধ্যে দৃষ্টান্ত তৈরি করেছে এই হোমিওপ্যাথি ইন্সটিটিউট। এখানে একটি আয়ুর্বেদিক গার্ডেন তৈরি করা হয়েছে। একটি বড় রিসার্চ ল্যাব খুব শীঘ্র তৈরি হবে। একটি হোমিওপ্যাথিক (Homeopathy) মিউজিয়াম তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। সরকারি অনুমোদন পেলেই কাজ শুরু হবে। সেখানে হোমিওপ্যাথির ইতিহাস থেকে তার বিবর্তন ও চিকিৎসা পদ্ধতি তুলে ধরা হবে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রকের প্রতিমন্ত্রী মহেন্দ্র মুঞ্জাপাড়া, হোমিওপ্যাথির নির্দেশক ডক্টর সঙ্গীতা দুগগাল প্রমুখ।

    কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

    সর্বানন্দ সোনোয়াল বলেন, সারা বিশ্বের মধ্যে আমাদের দেশকে সেরা বানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এগিয়ে যেতে হবে। ন্যাশনাল ইন্সটিটিউট অফ হোমিওপ্যাথির ৪৮ বছরের পথ চলায় এই প্রতিষ্ঠান থেকে কত চিকিৎসক সারা বিশ্বে সেবা দান করছেন, তাঁদের একটি তালিকা প্রস্তুত করছেন তাঁরা। ছাত্রছাত্রীদের তিনি নিষ্ঠার সঙ্গে নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আবেদন করেন। তিনি বলেন, কলকাতার এই ন্যাশনাল ইন্সটিটিউট অফ হোমিওপ্যাথির (Homeopathy) পরিকাঠামো আরও বাড়ানো হচ্ছে। অডিটোরিয়াম ছাড়াও ১৫০ বেডের হাসপাতাল হবে। পি জি স্টুডেন্টদের জন্য আলাদা হস্টেল হবে। এছাড়া এখানেই যাতে হোমিওপ্যাথির (Homeopathy) ওষুধ তৈরি করা যায়, সে ব্যাপারেও কাজ চলছে।

    মমতার জোটের উদ্যোগের বিরোধিতা

    মমতা বন্দোপাধ্যায় যে বিরোধী জোট তৈরি করতে চাইছেন, সে ব্যাপারে সর্বানন্দ বলেন, তারা যাই করুক, মোদিজির নেতৃত্বে দেশ বিশ্বের মধ্যে প্রথম হওয়ার দিকে এগচ্ছে। এ রাজ্যে গণতন্ত্র চলে না। এরা গণতন্ত্রকে অপব্যবহার করছে। তৃণমূল যাই করুক, বিজেপি এ ধরনের রাজনীতি পছন্দ করে না। বিজেপি উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Alipurduar: ভোট পরবর্তী হিংসা, বিজেপির জয়ী প্রার্থীরা আশ্রয় নিলেন অসমে

    Alipurduar: ভোট পরবর্তী হিংসা, বিজেপির জয়ী প্রার্থীরা আশ্রয় নিলেন অসমে

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি শাসিত অসম রাজ্যেই অবশেষে আশ্রয় নিতে হল সদ্য বিজেপির টিকিটে জেতা পঞ্চায়েত জনপ্রতিনিধিদের। মূল অভিযোগ, শাসকদলের আশ্রিত দুষ্কৃতীদের হুমকি-ধমকের জেরে তাঁরা গত বৃহস্পতিবার রাত থেকে নিজেদের ঘরবাড়ি ছেড়ে আলিপুরদুয়ার (Alipurduar) বিজেপির জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে নয় জন, এবং সেই সঙ্গে আরও চারজন নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য বিজেপির জেলা কার্যালয়ে এসে শুক্রবার রাতে আশ্রয় নেন। ওই নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যাদের সঙ্গে শিশু-কিশোরও রয়েছে। এরপর তাঁরা সেখানেও নিরপদ নন বলে অসমে গিয়ে আশ্রয় নিলেন। পীড়িত এই বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে কথা বললেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা।

    কেন যেতে হল অসমে?

    গত শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (Alipurduar) ঘরছাড়া ওই পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের উপর নানা অত্যাচারের কথা শোনেন। দলীয় কার্যালয়েও নিরাপত্তার অভাব বোধ করছিলেন ওই পঞ্চায়েত সদস্যরা। দলের জেলা নেতৃত্ব তাঁদেরকে নিরাপদ জায়গায় হিসেবে বিজেপি শাসিত রাজ্য অসমে পাঠানোর উদ্যোগ নেয়। এরপর বিজেপি জেলা কার্যালয় থেকে শনিবার রাতেই তাঁদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

    বিজেপির বক্তব্য

    বিজেপির জেলা (Alipurduar) মিডিয়া সেলের মুখপাত্র শংকর সিনহা বলেন, শাসকদলের অত্যাচারে নিজেদের বাড়িতেই বিজেপির নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যরা থাকতে পারছেন না। তাঁদেরকে শাসক দলের যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এছাড়াও নানা ধরনের হুমকি চলছেই। তাই ওই নব নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের আমরা নিরাপদে থাকার ব্যবস্থা করেছি অসমে।

    কীভাবে ভোট হয়েছে আলিপুরদুয়ারে (Alipurduar)?

    এবারের পঞ্চায়েত ভোটে শাসকদলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলে ইতিমধ্যে সরব হয়েছে গেরুয়া শিবির। আলিপুরদুয়ারে (Alipurduar) গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপির কাছে ধরাশায়ী হয়েছিল তৃণমূল। এবারের পঞ্চায়েত নির্বাচনেও বিভিন্ন সমীক্ষায় উঠে আসে আলিপুরদুয়ার জেলা পরিষদ বিজেপির দখলেই যেতে চলেছে। তা সত্ত্বেও এখানে বিজেপি জেলা পরিষদে একটি আসনেও জয়ী হতে পারেননি। তবে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন। জেলার তিনটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ওই সকল গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের শাসক দলে টানতে নানা  ভাবে হুমকি, এমনকি প্রলোভনও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে নিজেদের বাড়িতে থাকতে তাঁরা নিরাপত্তার অভাব বোধ করায়, সদ্য নির্বাচিত ওই পঞ্চায়েত সদস্যরা প্রথমে জেলা কার্যালয়ে আশ্রয় নেন। এরপর জনপ্রতিনিধিদের নিরাপদ এবং সুরক্ষিত করতে প্রতিবেশী বিজেপি শাসিত অসমে পাঠানো হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: জয়ী হওয়ার পর থেকে শান্তিপুরে রহস্যজনকভাবে নিখোঁজ বিজেপির দুই সদস্য

    BJP: জয়ী হওয়ার পর থেকে শান্তিপুরে রহস্যজনকভাবে নিখোঁজ বিজেপির দুই সদস্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের ফল ঘোষণা হওয়ার পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ বিজেপির (BJP) দুই জয়ী প্রার্থী। তাঁরা হলেন তারাবাবু রায় এবং সুস্মিতা মুন্ডা। খোঁজ না মেলায় তীব্র আতঙ্কে দিন কাটছে দুই প্রার্থীর পরিবারের লোকজনদের। অভিযোগ, তাঁদের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পিছনে রয়েছে তৃণমূল। নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের খাসপাড়া এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    কী বললেন জয়ী বিজেপি (BJP) সদস্যদের পরিবারের লোকজন?

    বাবলা গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৭। সেখানে ১৬ টি আসনে তৃণমূল জয়লাভ করেছে। আর ১১ টি আসনে বিজেপি জয়লাভ করে। এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের আসনটি সংরক্ষিত। তফশিলি উপজাতি সম্প্রদায়ের সংরক্ষিত হওয়ার কারণে যে দুটি উপজাতির বুথ ছিল, সেই দুটিতে বিজেপি (BJP) জয়লাভ করেছে। সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তৃণমূল সেখানে বোর্ড গঠন না করতে পারার আশঙ্কায় ভুগছে। অভিযোগ, সেই কারণেই ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপির ওই দুই সংরক্ষিত জয়ী প্রার্থীদের পরিবারকে কখনও টাকার প্রলোভন, কখনও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তার একটাই কারণ যে কোন উপায়ে ওই দুটি তফশিলি উপজাতি প্রার্থীর মধ্যে একজনকে তৃণমূলে যোগদান করাতে হবে। কিন্তু অভিযোগ ওঠে ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই বাবলা অঞ্চলের এই দুটি বিজেপি প্রার্থী নিখোঁজ। কোথায় রয়েছেন তাঁরা, পরিবারের লোকজন কিছু জানেন না। সেই কারণে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা। বিজেপি জয়ী প্রার্থীর পরিবার লোকজনের বক্তব্য, যত দ্রুত সম্ভব প্রশাসন নিখোঁজ দুজনকে ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক। তাঁরা যাতে শান্তিতে নিরাপদে বসবাস করতে পারেন, সেই ব্যবস্থা করুক প্রশাসন।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    পুরো ঘটনা অস্বীকার করেছেন বাবলা অঞ্চলের তৃণমূলের সভাপতি গোরাচাঁদ প্রামাণিক। তিনি বলেন, আমরা মানুষের রায় মাথা পেতে নিয়েছি। বাবলা পঞ্চায়েতের তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিজেপি (BJP) নিজেরাই তাদের প্রার্থীকে লুকিয়ে রেখে নাটক করছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। তবে, পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও বর্তমানে বোর্ড গঠন নিয়ে চরম আশঙ্কায় রয়েছে তৃণমূল। অন্যদিকে, বিজেপির দাবি, তারা পঞ্চায়েত বোর্ড গঠন করবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • UCC: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে এত বিতর্ক কেন? কী আছে এতে?

    UCC: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে এত বিতর্ক কেন? কী আছে এতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: সমগ্র ভারতবর্ষে এখন একটি বিষয় নিয়ে সব থেকে বেশি চর্চা ও সমালোচনা চলছে। আর সেটি হল UCC বা ইউনিফর্ম সিভিল কোড, যাকে বাংলায় অভিন্ন দেওয়ানি বিধিও বলা হয়। এই আইন বাস্তবায়ন করার জন্য অনেক বিতর্কের সৃষ্টি হচ্ছে সমগ্র ভারতবর্ষ জুড়ে। আসলে এই অভিন্ন দেওয়ানি বিধি অনুযায়ী ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের সমস্ত নাগরিককে একটি অভিন্ন আইনের ছত্রচ্ছায়ায় আনা হবে। প্রত্যেক ধর্ম, বর্ণ, লিঙ্গের জন্য একই আইন প্রণয়ন হবে। আর এই সিভিল কোড যদি একবার কার্যকর হয়, তাহলে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সন্তান দত্তক, সম্পত্তি ভাগ প্রভৃতি বিষয়ে সকল নাগরিকদের জন্য একই নিয়ম কার্যকর হবে। সংবিধানের ৪৪ নং ধারায় এই আইন নিয়ে স্পষ্ট আলোচনা করা হয়েছে। এই ৪৪ নং ধারায় বলা হয়েছে “রাষ্ট্র ভারতের সমগ্র অঞ্চল জুড়ে নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি সুরক্ষিত করার চেষ্টা করবে।”

    ভারতীয় ইতিহাসে অভিন্ন নাগরিক আইন (UCC) সম্পর্কিত কিছু মামলা

    ভারতের সর্বপ্রথম ১৯৮৫ সালে মহম্মদ আহমেদ খান বনাম শাহবানু বেগমের মামলায় সুপ্রিম কোর্ট সংসদকে এই অভিন্ন নাগরিক আইন গঠনের উপদেশ দেয়। এই মামলাটি ছিল ফৌজদারি কার্যবিধির ১২৫ ধারা অনুযায়ী তিন তালাক পাওয়ার পর স্বামীর কাছে থেকে ভরণপোষণের সমস্ত অধিকার পাওয়া সংক্রান্ত। কিন্তু ১৯৮৬ সালে মুসলিম মহিলা আইন নিয়ে এসেই এই সুপ্রিম কোর্টের মামলাটিকে সম্পূর্ণ রূপে ঘুরিয়ে দেওয়া হয়। এই আইন অনুসারে একজন মুসলিম মহিলা তালাক পাওয়ার পর তাঁর কোনও ভরণপোষণের দায়িত্ব চাওয়ার অধিকার ছিল না। অবশেষে ২০১৭ সালে তিন তালাক বা তালাক-ই-বিদাতকে অসাংবিধানিক বা আইন-বিরুদ্ধ বলে ঘোষণা করা হয়। আবার আরেকটি মামলা চর্চায় এসেছিল ১৯৯৫ সালে, যা হল সরলা মুদ্গাল মামলা। এটি ব্যক্তিগত আইনের মধ্যে দ্বি-বিবাহ ও বিবাহ সম্পর্কিত মতবিরোধের বিষয়গুলিকে সামনে নিয়ে এসেছিল।

    UCC -র পক্ষে যুক্তি কী?

    আমাদের ভারতবর্ষ এক বৈচিত্র্যময় দেশ এবং এখানে অনেক ধর্ম ও জাতির মানুষ বসবাস করে এবং প্রত্যেকের ব্যক্তিগত আচার আচরণ ভিন্ন ভিন্ন। এর ফলে অভিন্ন নাগরিক আইন বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) সমগ্র দেশকে একত্রিত করতে সাহায্য করবে। স্বাধীনতার সময় এই একত্রিত করার কাজ অনেকটা সম্পূর্ণ হলেও UCC এর মাধ্যমে এই একতা আরও বেশি জোরালো হবে বলে ধারণা। সমগ্র ভারতবর্ষের বিভিন্ন ধর্ম, জাতি ও বর্ণের মানুষকে এক ছাদের তলায় নিয়ে আসার জন্য এই ইউনিফর্ম সিভিল কোড যথাযথ। কোনও বৈষম্য ছাড়াই সমতার ধারণা আরও শক্তিশালী করা অর্থাৎ সকলকে এক করা এর উদ্দেশ্য। মানব জাতিকে আরও শক্তিশালী করে তোলা সম্ভব এই আইনের মাধ্যমে।

    UCC বাস্তবায়নের ক্ষেত্রে বাধা কোথায়?

    ধর্ম, বর্ণ, ঐতিহ্য প্রথা সমগ্র ভারতে অঞ্চল অনুসারে ভিন্ন। অনেক ধর্মীয় সংখ্যালঘু মনে করেন যে এতে তাঁদের ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতার ওপর সীমারেখা টানা হচ্ছে। ফলে এটি (UCC) ধর্মের স্বাধীনতাকে লঙ্ঘন করছে। ভারতবর্ষে এই নিয়ে ইতিমধ্যে অনেক বিতর্কে সৃষ্টি হয়েছে। ইউনিফর্ম সিভিল কোডের মাধ্যমে ভারতের সমগ্র জাতি, বর্ণ ও ধর্মের মানুষকে একত্রিত করা সম্ভব। কিন্তু অপরদিকে বেশ কিছু মৌলিক অধিকারের সঙ্গে এর কয়েকটি অমিল রয়েছে। সংবিধানের ২৫ নম্বর ধারায় বিচারবুদ্ধির স্বাধীনতা, ধর্মীয় বিশ্বাস প্রকাশ্যে তুলে ধরার স্বাধীনতা, ধর্মীয় রীতি পালন করার স্বাধীনতা, ধর্মের প্রচারের অধিকার প্রভৃতিকে লঙ্ঘন করছে এই আইন, এমনটাই বলছেন এর বিরোধীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • North India Flood: মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলে মৃত ১! বন্যায় বিপর্যস্ত উত্তরাখণ্ড

    North India Flood: মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলে মৃত ১! বন্যায় বিপর্যস্ত উত্তরাখণ্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্যা পরিস্থিতির (North India Flood) কারণে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত উত্তর ভারতে। রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা ৮৯ ছুঁয়েছে বলে জানা গিয়েছে। সোমবার হিমাচলে একজনের মৃত্যুর খবর মিলেছে। অর্থাৎ মোট মৃত ৯০। হিমাচল, জম্মু কাশ্মীর, হরিয়ানা, দিল্লি সর্বত্র স্বাভাবিক জীবনে বিপর্যয় নেমে এসেছে। গত কয়েক দিন ধরে একটানা প্রবল বৃষ্টিতে দিল্লির জনজীবন কার্যত বিপর্যস্ত। বন্যা পরিস্থিতি (North India Flood) এতটাই ভয়ঙ্কর যে লালকেল্লার দেওয়ালেও যমুনার জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। গোটা রাজধানী যেন নেমে এসেছে ত্রাণশিবিরে। অন্যদিকে, টানা বৃষ্টির কারণে উত্তরাখণ্ডেও ভূমিধসের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে সে রাজ্যের ১৩টি জেলাতেই ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রবিবারই চার রাজ্যে বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। হিমাচল, উত্তরাখণ্ডের পাশাপাশি তালিকায় রয়েছে ওড়িশা এবং ঝাড়খণ্ডও।

    মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলে মৃত ১

    সূত্রের খবর, সোমবার মেঘভাঙা বৃষ্টিতে কুলুতে মারা গিয়েছেন এক জন। জানা গিয়েছে, কুলুর কাইস এব‌ং নিয়োলি এলাকায় মেঘভাঙা বৃষ্টি হয় এদিন সকালে। এর জেরে দু’জন আহত বলে জানা গিয়েছে। মেঘভাঙা বৃষ্টির (North India Flood) দাপটে ভেঙে পড়েছে দু’টি বাড়ি। ইতিমধ্যে হিমাচলের চার জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে কমলা সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এবিষয়ে জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘‘কুলুর কিয়াস গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে মারা গিয়েছেন এক জন। আহত তিন জন। ন’টি যান ভেঙে গিয়েছে।’’

    যমুনার জলস্তর নামছে দিল্লিতে

    অন্যদিকে সোমবার সকালের শেষ খবর পাওয়া পর্যন্ত ধীরে ধীরে যমুনার জলস্তর নামছে দিল্লিতে। জানা গিয়েছে, যমুনার জল আগের তুলনায় সামান্য সামান্য বৃদ্ধি পেলেও এখন তা বিপদসীমার নীচেই রয়েছে। তবে বৃষ্টির কারণে দিল্লির বন্যা (North India Flood) হয়নি বলেই জানা গিয়েছে। হরিয়ানায় জল ছাড়ার কারণেই ফুঁসছে যমুনা। তথ্য বলছে, সোমবার সকাল ৭টায় যমুনার জলস্তর ছিল ২০৫.৪৮ মিটার। ভোর চারটেয় যমুনার জলস্তর ছিল ২০৫.৪৫ মিটার। কেন্দ্রীয় জল কমিশন অনুমান করছে পরিস্থিতি উন্নত হবে।

    বিপর্যস্ত উত্তরাখণ্ড

    বৃষ্টিতে এখনও বিপর্যস্ত উত্তরাখণ্ড। ধসের কারণে বন্ধ হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা। জানা গিয়েছে, দেবভূমির দেবপ্রয়াগে বিপদসীমা অতিক্রম করেছে গঙ্গা। হরিদ্বারেও জলস্তরের ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এনিয়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। জানা গিয়েছে, রবিবার গঙ্গার জলস্তর ছিল ২৯৩.৫ মিটার। বিপদসীমার মাপকাঠি ২৯৩ মিটার। এক নাগাড়ে ভারী বৃষ্টিতে হরিদ্বার তহসিল, লাকসার, রুরকি ইত্যাদি স্থানের ৭১ টি গ্রাম ভেসে গিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, ৩,৭৫৬টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ৮১টি পরিবার আশ্রয় নিয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে। সাতটি বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে বন্যা পরিস্থিতির (North India Flood) কারণে। হরিদ্বারে ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ৯টি সেতু, ১৭টি রাস্তা। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • TMC: গণনার দিন থেকে বুদবুদে রহস্যজনকভাবে নিখোঁজ তৃণমূল কর্মীর দেহ উদ্ধার, চাঞ্চল্য

    TMC: গণনার দিন থেকে বুদবুদে রহস্যজনকভাবে নিখোঁজ তৃণমূল কর্মীর দেহ উদ্ধার, চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় এক সপ্তাহ নিখোঁজ থাকার পর এক তৃণমূল (TMC) কর্মীর মৃতদেহ উদ্ধার হল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চাঁদ বাউড়ি। তাঁর বাড়ি পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ থানার পোতনা গ্রামে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়়িয়ে পড়়েছে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    কোথা থেকে উদ্ধার হল দেহ?

    গত ১১ জুলাই গণনার দিন চাঁদবাবু নামে ওই তৃণমূল (TMC) কর্মী বাজার করতে বুদবুদে গিয়েছিলেন। বাজারে পুলিশ জমায়েত দেখে লাঠিচার্জ করেছিল। তবে, বাজার করার পর আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন চারদিকে খোঁজ করার পর থানায় নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু, এতদিন তাঁর কোনও হদিশ মেলেনি। রবিবার গভীর রাতে বুদবুদ জাতীয় সড়কের বাইপাসে জঙ্গল থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। সোমবার সকালে মৃতদেহটি ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। পরে, পুলিশ সিদ্ধান্ত নেয় দেহটি আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্ত করা হবে। পরে, দেহটি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    কী বললেন পরিবারের লোকজন?

    মৃতের ভাই ফাগন বাউড়ি বলেন, ভোট গণনার দিন দাদা বাজারে এসেছিলেন। তারপর আর তিনি বাড়ি ফেরেননি। আমরা বহু জায়গায় খোঁজ করেছি। বুদবুদ বাজারে পুলিশ লাঠিচার্জ করেছিল বলে শুনেছি। সেই লাঠির আঘাতে দাদা জখম হয়েছিল কি না জানি না। দাদার কোনও শত্রু ছিল না। কেন যে দাদাকে এভাবে খুন হতে হল বুঝতে পারছি না। তবে, পুলিশ একটু উদ্যোগী হলে আমার দাদাকে খুঁজে পাওয়া যেত। পুলিশ কোনও সাহায্য করেনি।

    কী বললেন তৃণমূল (TMC) নেতৃত্ব?

    তৃণমূলের (TMC) গলসি-১ নম্বর ব্লকের সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় বলেন,  ওই তৃণমূল কর্মীর কীভাবে মৃত্যু হল তা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share