Blog

  • Lionel Messi: এমবাপে ও বেঞ্জেমাকে হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি

    Lionel Messi: এমবাপে ও বেঞ্জেমাকে হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির মুকুটে ফের নয়া পালক। ফিফার (FIFA The Best Award 2023) বর্ষসেরা ফুটবলারের শিরোপা পেলেন লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বকাপ তাঁর হাতে ওঠার পর গোটা বিশ্বেই তাঁর ভক্তরা আবেগে ভেসেছিল। এবার নয়া পালক জুড়ল লিওনেলের মুকুটে। এই লড়াইয়ে ছিলেন ব্যালন ডি’অর জয়ী করিম বেঞ্জেমা। বর্ষসেরা হওয়ার যোগ্য দাবিদার ছিলেন বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক-সহ কাতারে গোল্ডেন বুট জেতা কিলিয়ান এমবাপেও। তবে সকলকে টেক্কা দিয়ে দিয়েছেন ফুটবলের রাজপুত্র।

    বর্ষসেরা ফুটবলার মেসি

    বর্ষসেরার খেতাব হাতে উঠল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের। তবে এর আগেও ফিফার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন লিওনেল মেসি। ২০১৯ সালে এই শিরোপার অধিকারী হয়েছিলেন তিনি। এছাড়াও ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ সালেও এই পুরস্কার জিতেছিলেন তিনি। ফলে মোট ৭ বার ফিফার বর্ষসেরার পুরস্কার পেলেন মেসি। ২০১৬ সাল থেকে ফিফা একক ভাবে এই পুরস্কার দিয়ে আসছে। তার আগে অন্য একটি সংস্থার সঙ্গে যৌথ ভাবে এই পুরস্কার দিত ফিফা।

    এমবাপে ও বেঞ্জেমাকে ছাপিয়ে মেসির

    আড়াই মাস আগেও মেসির কাছে রানার-আপ হয়েই সন্তুষ্ট হতে হয়েছিল এমবাপেকে। আর এই বর্ষসেরা পুরস্কারের ক্ষেত্রেও প্রথমেই মেসি। কারণ বর্ষসেরা ফুটবলারের তালিকায় থাকা আরও দু’জন হলেন কিলিয়ান এমবাপে ও করিম বেঞ্জেমা। মেসির সঙ্গে সব থেকে বেশি টক্কর এমবাপের। বিশ্বকাপে সব থেকে বেশি গোল (৮) করে সোনার বুট জিতেছেন এমবাপে। কিন্তু বিশ্বকাপ জিততে পারেননি তিনি। ফিফার বর্ষসেরার তালিকায় এমবাপেকেও টেক্কা দিয়ে গেলেন মেসি।

    অন্যদিকে ২০২২ সাল ভালো গিয়েছে বেঞ্জেমার। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন তিনি। কিন্তু বিশ্বকাপের আগেই চোট পান বেঞ্জেমা। ফলে বিশ্বকাপে খেলতে পারেননি এই স্ট্রাইকার। আর এবারে বেঞ্জেমাকেও ছাপিয়ে গেলেন মেসি। মেসি এই পুরস্কার জেতার ক্ষেত্রে ৫২ পয়েন্ট পেয়েছেন। এমবাপে পেয়েছেন ৪৪ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা বেঞ্জেমার পয়েন্ট ৩৪।

    ফিফা অ্যাওয়ার্ডের তালিকা দেখুন একনজরে

    বর্ষসেরা খেলোয়ার (পুরুষ) লিওনেল মেসি

    বর্ষসেরা খেলোয়ার (মহিলা) অ্যালেক্সিয়া পুতেলাস

    বর্ষসেরা কোচ (পুরুষ) লিওনেল স্কালোনি

    বর্ষসেরা কোচ (মহিলা) সারিনা উইগম্যান

    বর্ষসেরা গোলরক্ষক (পুরুষ) এমিলিয়ানো মার্তিনেজ

    বর্ষসেরা গোলরক্ষক (মহিলা) মেরি ইরাপ্স

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: কেন্দ্রের টাকা নয়ছয়, তদন্তে রাজি  সিবিআই! রাজ্যকে কড়া বার্তা হাইকোর্টের

    Calcutta High Court: কেন্দ্রের টাকা নয়ছয়, তদন্তে রাজি সিবিআই! রাজ্যকে কড়া বার্তা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় প্রকল্পের ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকার গরমিলের অভিযোগে এবার তদন্তে রাজি কেন্দ্রীয় সংস্থা সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তদন্তকারী সংস্থার আইনজীবী জানিয়েছেন, আদালত নির্দেশ দিলে এক্ষেত্রে প্রাথমিক অনুসন্ধানে রাজি সিবিআই। এদিন কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা নয়ছয় করার অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবির বিরোধিতা করে রাজ্য। আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানি রয়েছে। 

    আদালতে মামলাকারীদের দাবি

    কেন্দ্রের পাঠানো টাকায় আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)জনস্বার্থ মামলা করেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। এ ছাড়াও মামলাকারীদের মধ্যে রয়েছেন আইনজীবী সুমনশঙ্কর চট্টোপাধ্যায় এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মী ঋত্বিক পাল। সিবিআই তদন্তের দাবি জানান তাঁরা।মামলাকারীদের অভিযোগ ছিল, প্রায় ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার হিসেব দিতে পারছে না রাজ্য সরকার। বলা হয়েছে, ২০২১ সালের ৩১ মার্চ ক্যাগের রিপোর্টে ওই অসঙ্গতির কথা রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকার নয়ছয় হয়েছে বলে দাবি করা হয়। মঙ্গলবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি।

    আরও পড়ুন: পশ্চিমবঙ্গের পুলিশ সংবিধান ভুলে গিয়েছে! দিনহাটায় পৌঁছেই বিস্ফোরক সুকান্ত

    এদিন আদালতে (Calcutta High Court) রাজ্যের যুক্তি ছিল, ক্যাগের রিপোর্ট রাজ্যপালের কাছে যায়। সেখান থেকে যায় বিধানসভায়। তারপর তা নিয়ে আলোচনা হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-তে। খরচ নিয়ে সেখানেই এখন বিষয়টি আলোচনার স্তরে রয়েছে। ফলে এ নিয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না। এর পাল্টা হিসেবে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব রাজ্যের কাছে জানতে চান, পিএসিতে কী হয় তার জন্য অপেক্ষা করতে হবে? না কি, সরাসরি সময়সীমা বেঁধে দিয়ে সেখান থেকে রিপোর্ট চাইবে আদালত? মামলাকারীদের আইনজীবী জানান, কোনও অনিয়ম হয়ে থাকলে আদালত হস্তক্ষেপ করতেই পারে। তখন রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘‘তা হলে কী এই মামলার শুনানি বন্ধ রাখব? না কি পিএসি থেকে কখন রিপোর্ট আসবে তার জন্য বসে থাকব?’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bishnupur Gang Rape: ১০ দিন পেরিয়েও বিষ্ণুপুর গনধর্ষণ মামলায় অভিযুক্তরা অধরা, পুলিশকে ভর্ৎসনা আদালতের

    Bishnupur Gang Rape: ১০ দিন পেরিয়েও বিষ্ণুপুর গনধর্ষণ মামলায় অভিযুক্তরা অধরা, পুলিশকে ভর্ৎসনা আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের রাজ্য পুলিশের অপদার্থতা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বিষ্ণুপুর গনধর্ষণ (Bishnupur Gang Rape) মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। ঘটনার অভিযোগ পাওয়ার পর ১০ দিন কেটে গেছে। কিন্তু এখনও গ্রেফতার করা হয়নি অভিযুক্তদের। নেওয়া হয়নি নির্যাতিতার গোপন জবানবন্দি। কেন এই কাজগুলিতে এত দেরি করা হচ্ছে রাজ্য পুলিশকে সেই প্রশ্নই করেন বিচারপতি। পুলিশ কোনও সন্তোষজনক জবাব দিতে পারেনি। এরপরেই বিচারপতি নির্দেশ দেন, আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর ৩টের মধ্যেই গোপন জবানবন্দি নেওয়ার কাজ শেষ করতে হবে পুলিশকে।

    পুলিশের ভূমিকায় যন্ত্রণা পাচ্ছে আদালত (Bishnupur Gang Rape)? 

    প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার বাঁকরাহাট আউটপোস্টে এক মহিলা গণধর্ষণের (Bishnupur Gang Rape) অভিযোগ জানান। কিন্তু সেদিন তাঁর কোনও কথা শোনা হয়নি বলে পরবর্তীতে অভিযোগ জানায় ওই মহিলার পরিবার। এরপর এই ঘটনা হাইকোর্টে পৌঁছয়। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। কেন ১৭ ফেব্রুয়ারি অভিযোগ নেওয়া হল না, পুলিশকে সেই প্রশ্ন করেন বিচারপতি মান্থা। 

    পুলিশের তরফে উত্তরে বলা হয়, সেদিন বাঁকরা আউটপোস্টে কোনও লেডি কনস্টেবল ছিল না। তাই এফআইআর নেওয়া যায়নি। যা শুনে বিচারপতি বলেন, “৩৭৬ ধারায় অভিযোগ। কিন্তু কোনও লেডি কনস্টেবল নেই? এর অর্থ কী? ১০ দিন হয়ে গেছে এখনও লেডি কনস্টেবল নেই।” 

    তারপরই বিচারপতি পুলিশকে ধমকে বলেন, “এটা কী চলছে? আপনারা পুরো সিস্টেমকে ভেঙে দিচ্ছেন।” বিচারপতি জানতে চান, ১০ দিন কেটে গেলেও নির্যাতিতার পরনের পোশাক বা মোবাইল কিছুই বাজেয়াপ্ত করা হয়নি কেন?

    বিচারপতি আরও বলেন, “পুলিশের এমন গা ছাড়া ব্যবহার দেখে যন্ত্রণা পাচ্ছে কোর্ট। এতদিনে কেন কোনও গ্রেফতার নেই?” এদিকে ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকে বিষ্ণুপুর থানা ও বাঁকরাহাট আউট পোস্টের এবং ঘটনাক্রম খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি।

    আরও পড়ুন: ‘রাজ্য সরকার ৩৫৬ ধারা প্রয়োগ করতে কেন্দ্রকে প্ররোচনা দিচ্ছে’, দাবি সুকান্তর

    বিচারপতি আরও বলেন, “নির্যাতিতাকে এফআইআর তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আগামী শুনানির আগে এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার (Bishnupur Gang Rape) করতে হবে। এছাড়াও তদন্তে আইওকে সাহায্য করার জন্য একজন সিনিয়র অফিসারকে নিয়োগ করতে হবে।” আজ থেকেই কেন্দ্রীয় বাহিনীকে নির্যাতিতার নিরাপত্তার দায়িত্ব দেন বিচারপতি মান্থা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sikhs for Justice: দিল্লি বিমানবন্দরে ওড়ানো হবে খালিস্তানি ঝান্ডা, হুমকি নিষিদ্ধ শিখ সংগঠনের

    Sikhs for Justice: দিল্লি বিমানবন্দরে ওড়ানো হবে খালিস্তানি ঝান্ডা, হুমকি নিষিদ্ধ শিখ সংগঠনের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে ফের মাথাচাড়া দিচ্ছে খালিস্তান সমস্যা। খালিস্তানপন্থী সংগঠন শিখস ফর জাস্টিস (Sikhs for Justice) নিষিদ্ধ করা হয়েছে অনেক আগেই। সোমবার এই সংগঠনেরই প্রতিষ্ঠাতা গুরপন্তওয়ান্ত সিং পান্নুন (Gurpatwant Singh Pannun) হুমকি দিয়েছেন, জি-২০’র বিদেশমন্ত্রী পর্যায়ের সম্মেলনের সময় হামলা করা হবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ওড়ানো হবে খালিস্তানের ঝান্ডা। 

    শিখস ফর জাস্টিস (Sikhs for Justice)…

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, পঞ্জাব (Punjab) ভারত নয় স্লোগান লেখা হয়েছে এসডিও অফিস কমপ্লেক্সে। পঞ্জাবের মোগা জেলার রোড ভিলেজে বাঘাপূর্ণা অ্যান্ড গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের দেওয়ালেও লেখা হয়েছে ওই স্লোগান। শিখস ফর জাস্টিসের তরফে দাবি করা হয়েছে দেওয়ালের ওই স্লোগান লিখেছে তারাই। উল্লেখ্য যে, খালিস্তানি সন্ত্রাসবাদী জার্নেল সিং ভিন্দ্রেওয়ালা এই রোড ভিলেজেরই বাসিন্দা ছিলেন।

    পান্নুন (Sikhs for Justice) বলেন, এই বার্তা দেওয়া হয়েছে জি-২০’র বিদেশমন্ত্রীদের। পঞ্জাব ভারত নয়। শিখস ফর জাস্টিস নিউ দিল্লি এয়ারপোর্ট আক্রমণ করবে। সেখানে উড়িয়ে দেবে খালিস্তানি ঝান্ডা। তিনি বলেন, এই হচ্ছে সময় যখন আপনারা (জি-২০-র বিদেশমন্ত্রীরা) আমাদের খালিস্তানের দাবি সমর্থন করবেন। শিখদের আত্মনিয়ন্ত্রণের দাবিকে আপনারা সমর্থন করবেন। ভারত ভূখণ্ডকে আপনারা চিনতে পারবেন না। কারণ ভারত কোনও দেশ নয়, শর্তসাপেক্ষে কতগুলো রাজ্যের ইউনিয়ন। তিনি বলেন, যদি মানুষ এই ইউনিয়নে থাকতে না চায়, তাহলে তাদের ভোটের অধিকার রয়েছে।

    আরও পড়ুুন: রাজার হালে ইতি, এখন থেকে জেলের মেঝেতে শুয়েই রাত কাটাবেন পার্থ!

    শিখস ফর জাস্টিসের (Sikhs for Justice) ভারত-বিরোধী কাজকর্ম প্রকাশ্যে এসেছে দীর্ঘদিন। প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লায় খালিস্তানি পতাকা ওড়াতে পারলে আড়াই লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার কথা তারা ঘোষণা করেছিল ২০২১ সালে। তখন পান্নুন বলেছিলেন, ২৬ জানুয়ারি আসছে। লালকেল্লায় ভারতের তিরঙ্গা পতাকা উড়বে। ২৬ জানুয়ারি ওই পতাকা সরিয়ে টাঙিয়ে দাও খালিস্তানি পতাকা। দিন কয়েক আগে আর এক খালিস্তানপন্থী অমৃতপাল সিং হুমকি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি বলেছিলেন, খালিস্তানি আন্দোলন দমন করতে গেলে অমিত শাহের পরিণতি হবে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো। তিনি বলেছিলেন, খালিস্তানের দাবি অধিকারের। এর অর্থ, শিখরা তাদের জমি ফেরত পেতে চায়। তাঁদের এই দাবিকে কেউ ছিনতাই করতে পারে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jogendra Nath Mandal: ‘‘পাকিস্তানী পুলিশের মদতে কেন হিন্দুদের উপর এত হামলা হতে থাকল?’’

    Jogendra Nath Mandal: ‘‘পাকিস্তানী পুলিশের মদতে কেন হিন্দুদের উপর এত হামলা হতে থাকল?’’

    জিন্নার হিন্দু মন্ত্রীর পাঁচালি -পর্ব ৪

    তৃতীয় পর্বের পর…

     

    ১৬। ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি আমি কালশিরা গ্রাম এবং তার সংলগ্ন গ্রামগুলো পরিদর্শন করতে যাই। খুলনার পুলিশ সুপার এবং মুসলিম লীগের নেতারা আমার সঙ্গে ছিলেন। আমি যখন কালশিরাতে পৌঁছাই তখন ধ্বংসলীলা চোখে পড়ে। পুলিশ সুপার জানান এখানে ৩৫০টি  মতো বাড়ি ছিল। এর ভিতর মাত্র ৩ টি বাড়ি বাদে সর্বত্র লুটপাট করা হয়েছে। আমি পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, প্রধান সচিব, পুলিশ প্রধান এবং আপনার কাছে ঘটনাটি জানিয়ে ছিলাম।

    ১৭। কালশিরার ঘটনা পশ্চিমবাংলার পত্রপত্রিকায় প্রকাশিত হয়। সেখানে হিন্দুদের মাঝে উত্তেজনাও দেখা দেয়। এই ঘটনায় বেঁচে যাওয়া হিন্দুরা সেখানে গিয়ে এই ভয়াবহতার কথা বললে সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়।

    ফেব্রুয়ারির হিংসার কারণগুলো

    ১৮। এটা স্বীকার করতেই হবে কালশিরার মত পূর্ব বাংলার হানাহানির ফলে পশ্চিম বাংলাতেও সাম্প্রদায়িক হিংসা দেখা দেয়। পূর্ব বাংলার মিডিয়ার খবর সেখানে আলোড়ন ফেলে। ১৯৫০ এর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পূর্ব বাংলার আঞ্চলিক পরিষদে বাজেট অধিবেশনে কংগ্রেস  সংসদ সদস্যরা স্পিকারের কাছে অনুমতি চান কালশিরা এবং নাচোলের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য। কিন্তু অনুমতি পাওয়া যায় নাই। সদস্যরা প্রতিবাদে ওয়াক আউট করেন। প্রাদেশিক পরিষদের হিন্দু সদস্যদের এই প্রতিবাদ মুসলিম  মন্ত্রী, সংসদ সদস্য এবং অফিসারদের বিরক্ত এবং রুষ্ট করে। সম্ভবত ১৯৫০ সালের ফেব্রুয়ারিতে পূর্ব বাংলার হিংসার কারণ এটাই।

    ১৯। ১৯৫০ সালের ১০ ফেব্রুয়ারি সকাল ১০ টা। ঢাকায় পূর্ব বাংলার সচিবালয়ে একজন মহিলাকে হাজির করা হয়। তার স্তন কাটা ছিল। বলা হয় সে কলকাতা দাঙ্গার শিকার। সঙ্গে সঙ্গে সচিবালয়ের কর্মচারীরা কাজ বন্ধ করে হিন্দুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। তারা মিছিল বের করে এবং হিন্দুদের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেয়। মিছিল ক্রমে বড় হয় এবং একসময় এক মাইল লম্বা হয়। ভিক্টোরিয়া পার্কের কাছে মিছিল শেষ হয় দুপুর বারোটার দিকে। সেখানে হিন্দুদের বিরুদ্ধে বক্তৃতা দেওয়া হয়। এর ভিতর ছিল কিছু শীর্ষস্থানীয় কর্মকর্তা।

    সবথেকে মজার বিষয় হচ্ছে যখন সচিবালয়ের কর্মকর্তারা হিন্দুদের বিরুদ্ধে এই মিছিল বের করেছিলেন তখন পূর্ব বাংলার প্রধান সচিব পশ্চিমবাংলার প্রধান সচিবের সঙ্গে সাংবাদিক সম্মেলন করছিলেন খোদ সচিবালয়ে, কীভাবে দুই বাংলার সাম্প্রদায়িক হিংসা কমানো যায় সেই বিষয়ে!!!

    সরকারী কর্মকর্তাদের মদতে লুটেরাদের হামলা

    ২০।  দাঙ্গা শুরু হল সেদিন দুপুর একটার দিকে। সারা শহরে একই সঙ্গে হিন্দুদের হত্যা, লুণ্ঠন আর অগ্নিসংযোগ চলতে থাকে। মুসলিমরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতেই এইসব অপরাধ চালায়। হিন্দুদের স্বর্ণের দোকানে পুলিশের উপস্থিতিতেই লুটপাট চলে। এমনকি তারা লুটেরাদের দিকনির্দেশনাও দেয় কিভাবে লুটপাট করতে হবে সে বিষয়ে। আমি সেদিন অর্থাৎ ১৯৫০ এর ১০ ফেব্রুয়ারি ঢাকায় এসে পৌঁছাই বিকাল পাঁচটার দিকে। আমি কাছ থেকেই ঘটনাগুলো দেখি। যা দেখেছি এবং যা শুনেছি সত্যি তা ছিল মর্মস্পর্শী এবং হৃদয়বিদারক।

    (ক্রমশ……..)

    জিন্নার হিন্দু মন্ত্রীর পাঁচালি -পর্ব ৩

    জিন্নার হিন্দু মন্ত্রীর পাঁচালি – পর্ব ২

    জিন্নার হিন্দু মন্ত্রীর পাঁচালি – পর্ব ১

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sukanta Majumdar: ‘রাজ্য সরকার ৩৫৬ ধারা প্রয়োগ করতে কেন্দ্রকে প্ররোচনা দিচ্ছে’, দাবি সুকান্তর

    Sukanta Majumdar: ‘রাজ্য সরকার ৩৫৬ ধারা প্রয়োগ করতে কেন্দ্রকে প্ররোচনা দিচ্ছে’, দাবি সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৭ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুরের মারিশদা থেকে শুরু হয়েছে বিজেপি যুব মোর্চার গ্রাম সম্পর্ক অভিযান। কর্মসূচিটির উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ (Sukanta Majumdar) একাধিক রাজ্য নেতৃত্ব। কিছুদিন আগেই একটি জনসভায় যোগ দিতে গিয়ে হঠাৎ করেই মারিশদায় গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই একই জায়গায় সুকান্তকে মানুষ কাছে টেনে নিলেন। গ্রামবাসীদের সঙ্গে এদিন কথাও বলেন তিনি। মারিশদা থেকেই পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগের লক্ষ্যে বিজেপি যুব মোর্চার অন্যতম বড় কর্মসূচি শুরু করল। এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুকান্ত। তিনি বলেন, “রাজ্য সরকার কেন্দ্রকে বাংলায় ৩৫৬ ধারা বলবত করতে প্ররোচনা দিচ্ছে।” তিনি আরও বলেন, “এসে দেখলাম এখানে রাস্তা নেই। এত শ্রী প্রকল্প শুরু করেছে রাজ্য, তাতে শ্রী-ই উধাও হয়ে গিয়েছে।”

    সাগরদিঘির উপনির্বাচনে ভোট লুটের অভিযোগ (Sukanta Majumdar)?

    মানুষ সুকান্তর সঙ্গে ভাগ করে নেন সুখদুঃখের কথা। সুকান্তের (Sukanta Majumdar) কাছে রাস্তা, বাড়ি, শৌচালয়-সহ একাধিক না পাওয়ার অভিযোগ জমা পড়ে। সাগরদিঘিতে সোমবার ছিল উপনির্বাচন। এই উপনির্বাচনে তৃণমূল ভোট লুঠের চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন সুকান্ত। তিনি বলেন, “রবিবার রাতেও বহরমপুর পুরসভার এক তৃণমূল নেতা আমাদের লোকজন হাতেনাতে ধরেন। এলাকার লোক না হয়েও ঘুরছিলেন।”

    ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করারও অভিযোগ ওঠে। সেই সময়ই রাষ্ট্রপতি শাসনের সমর্থনে সুকান্ত (Sukanta Majumdar) বলেন, “রাজ্য সরকার ৩৫৬ ধারা জারি করতে কেন্দ্রকে প্ররোচনা দিচ্ছে। আমরা বিশ্বাস করি না নির্বাচিত রাজ্য সরকারকে জোর করে ফেলে দিয়ে ক্ষমতা দখলে। নেতার বাড়ি ঘেরাও করতে হবে, সে নীতিতেও আমরা বিশ্বাস করি না। কোনওদিন করিওনি। তৃণমূল সেটা করতে বাধ্য করছে। একটা দেউলিয়া, অসভ্য, বর্বর দল। একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর যদি হামলা হয়, এই রাজ্যে সাধারণ মানুষের সুরক্ষা  কোথায়?”

    আরও পড়ুন: গ্রুপ ডি-এর ওয়েটিং লিস্টও গঙ্গাজলের মতো স্বচ্ছ্ব নয়! অভিমত বিচারপতি বিশ্বজিৎ বসুর 

    এদিন মারিশদাতে সারপ্রাইজ ভিজিটে যান সুকান্ত। এপ্রিল মাসের শেষে রাজ্যে পঞ্চায়েত ভোটের ঘোষণা করতে পারে কমিশন। পঞ্চায়েত ভোটের ঠিক আগেই রাজ্যজুড়ে দিদির দূত কর্মসূচি পালন করছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। জেলায় জেলায় তারা মানুষের বিক্ষোভের মুখেও পড়েছেন। এবার তার পাল্টায় জনসংযোগ কর্মসূচি শুরু করল পদ্ম শিবির (Sukanta Majumdar)। নাম ‘গ্রাম সম্পর্ক’ অভিযান। জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটে রাজ্যের গ্রামে গ্রামে অভিযান চালানোর পরিকল্পনা করেছে বিজেপি যুব মোর্চা।    

    সোমবার মারিশদার রাধা কৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচি শুরু করেন সুকান্ত (Sukanta Majumdar)। তিনি তিনটি বুথ এলাকা ঘুরে দেখেন। গ্রামের এক সাধারণ ব্যক্তির বাড়িতে মধ্যাহ্ন ভোজ করেন রাজ্য বিজেপির সভাপতি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Sukanta Majumdar: পশ্চিমবঙ্গের পুলিশ সংবিধান ভুলে গিয়েছে! দিনহাটায় পৌঁছেই বিস্ফোরক সুকান্ত

    Sukanta Majumdar: পশ্চিমবঙ্গের পুলিশ সংবিধান ভুলে গিয়েছে! দিনহাটায় পৌঁছেই বিস্ফোরক সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল-বিজেপির সংঘর্ষের আবহে আজ, মঙ্গলবার কোচবিহারের দিনহাটায় পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। দিনহাটা পৌঁছেই পুলিশের উদ্দেশে ঝাঁঝালো বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি। সরাসরি পুলিশের নাম করে বিজেপি রাজ্য সভাপতির বার্তা, ‘পশ্চিমবঙ্গের পুলিশ সংবিধান ভুলে গিয়েছে। সেই সংবিধান মনে করাতেই এখানে আসা।’ একইসঙ্গে তিনি বলেন, ”দিনহাটায় আক্রান্ত কর্মীদের বাড়িতে যাওয়ার পথে বাধা দিলে সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়া হবে।”

    পুলিশকে বিঁধলেন সুকান্ত, নিশীথ

    দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে বিজেপি নেতা কর্মীদের উপর হামলার ঘটনায় সরব সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। গত শনিবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় যাওয়ার সময় তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে দিনহাটার বুড়িরহাট এলাকা। চলে গুলি, বোমাবাজি। মন্ত্রীর গাড়িতে হামলাও হয় বলে অভিযোগ। মন্ত্রীর দাবি, তাঁর গাড়িতেও গুলি লাগে। গণ্ডগোলের ঘটনায় দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায় সহ ২৮ জন বিজেপি নেতা-কর্মীর নামে মামলা করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে ওই সমস্ত বিজেপি নেতা-কর্মীর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। তিনি পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন ও তাঁদের মনোবল বাড়ান।

    সুকান্ত-দিলীপ একমত

    সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও নিশীথ প্রামাণিকের মতোই দিনহাটার ঘটনা প্রসঙ্গে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, যাতে আমরা নির্বাচনে না যাই, না লড়ি। লোক যাতে ভোট না দেয় পঞ্চায়েতে। ফাঁকা মাঠে জিততে চাইছে। ওটা হবে না। মানুষ তৈরি আছে।’’ তিনি আরও বলেন, ‘‘আক্রমণ তো আমাদের উপর বহুবার হয়েছে। এটা সারা দেশ দেখছে, এমন একটা রাজ্য যেখানে স্বরাষ্ট্র মন্ত্রীও সুরক্ষিত নয়। মাননীয় নাড্ডাজিকেও আক্রমণ করা হয়েছিল। সরকার বলে কিছু নেই। প্রশাসন বলে কিছু নেই।’’

    আরও পড়ুন: ত্রিপুরা-নাগাল্যান্ডে বিজেপিকেই এগিয়ে রাখছে বুথ ফেরত সমীক্ষা, মেঘালয়ে ত্রিশঙ্কু!

    রাজ্য প্রশাসনকে এক হাত নেন নিশীথও। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “পুলিশ একতরফা কাজ করছে। পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। রাজ্যে পুলিশ পোশাকধারী তৃণমূলের গুন্ডায় পরিণত হয়েছে। তারা কী উদ্দেশে আসতে চাইছিল আমাদের কাছে সন্দেহ রয়েছে। পুলিশ যারা এসেছিলেন তাদের কারোর পায়ে হাওয়াই চপ্পল, কেউ বা মাফলার পরে। আবার কারোর হাতে আগ্নেয়াস্ত্র। পুলিশ এই অবস্থায় আসতে পারে না।” পুলিশ এভাবে অত্যাচার করতে পারে না, বলে অভিমত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজিমদারেরও (Sukanta Majumdar)। আজ দিনহাটার বিভিন্ন প্রান্তে যাবেন রাজ্য বিজেপি সভাপতি। দলের কোচবিহারের জেলা নেতৃত্বের সঙ্গেও সুকান্ত মজুমদার বৈঠক করবেন বলে বিজেপি সূত্রের খবর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Gaming App Scam: সাত সকালে ভবানীপুরে হানা ইডি-র! চলছে জোর তল্লাশি, জানেন কেন?

    Gaming App Scam: সাত সকালে ভবানীপুরে হানা ইডি-র! চলছে জোর তল্লাশি, জানেন কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সাত সকালে ভবানীপুরে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Gaming App Scam)। মঙ্গলবার মোবাইল অ্যাপ গেম তদন্তে ৫৬ শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ভবানীপুরে বহু নিম্ন মধ্যবিত্তের অ্যাকাউন্টে ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির লেনদেন হতো বলে আগেই খবর ছিল গোয়েন্দাদের কাছে। ইডি সূত্রে জানা গিয়েছে, অ্যাকাউন্টগুলিতে বিপুল টাকা লেনদেন করা হয়েছে। গার্ডেন রিচে আমির খানকে জেরা করেই এই তথ্য সামনে এসেছে। এর আগে আমিরের বাড়ি থেকে ১৭ কোটি টাকা উদ্ধার করেছিলেন গোয়েন্দারা। এদিন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের ঠিক উল্টোদিকে একটি বস্তিতে হানা দেয় ইডি। সকাল থেকে এখনও পর্যন্ত চলছে তল্লাশি।

    আরও পড়ুন: সাত সকালে ভবানীপুরে হানা ইডি-র! চলছে জোর তল্লাশি, জানেন কেন?

    দুর্নীতির নেপথ্যে গেমিং অ্যাপ 

    ইডি সূত্রে জানা গিয়েছে, এই বস্তির নিম্নবিত্ত বহু মানুষদের অ্যাকাউন্ট ব্যবহার করে বিপুল অঙ্কের ক্রিপ্টোকারেন্সির (Gaming App Scam) লেনদেন হয়েছে। আরও খবর, এই এলাকার এক যুবক অঙ্কিত শা-এর বাড়িতে এর আগে ২০ তারিখ গিয়েছিল ইডি। রোহন নামে পাড়ার আরও এক যুবকের মোবাইল ফোনও ইডির নজরে ছিল। রোহন বা অঙ্কিত একেবারেই নিম্নবিত্ত পরিবারের ছেলে। অঙ্কিতের বাবা বেসরকারি সংস্থার পিওন হিসেবে কাজ করে। ক্রিপ্টোকারেন্সির লেনদেনের জন্যে অঙ্কিত-রোহনদের অ্যাকাউন্ট ভাড়া করা হত। আমির খানের ই-নাগেটসের সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে বলেই তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

    এই দুর্নীতির মাথাকে খুঁজছে ইডি। ইডি মনে করছে, এই দুর্নীতির পিছনে রয়েছে বড় কোনও নাম (Gaming App Scam)। কারণ যে কারও কথায় কেউ ভাড়া দেবে না অ্যাকাউন্ট। অর্থাৎ এ ক্ষেত্রে কোনও প্রভাবশালীর প্রভাব থাকতে পারে বলেই তারা মনে করছে। এদিন অঙ্কিতদের ব্যাঙ্কের নথি থেকে অন্যান্য তথ্য দেখতে চাইতে পারেন গোয়েন্দারা।

    এর আগে আমির খানকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা (Gaming App Scam) জানতে পারেন, বিভিন্ন জায়গায় টাকা বিনিয়োগ করতেন আমির। যার মধ্যে অন্যতম ছিল ক্রিপ্টোকারেন্সি। ইডি সূত্রে জানা গিয়েছে, একটি ক্রিপ্টোকারেন্সির ব্যবসা করে এমন সংস্থার অ্যাকাউন্টেও টাকা যায়। ইডির তখনই সন্দেহ ছিল, এভাবে টাকা বিদেশেও গিয়েছে। আমিরের নামে থাকা ১৪৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পায় পুলিশ। এই সব অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণা চালানো হতো। অন্যের অ্যাকাউন্টও ভাড়া করা হত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

          

     

  • Adeno Virus: অ্যাডিনো-আতঙ্ক! অযথা কলকাতায় রেফার নয়, জেলা হাসপাতালগুলোকে নির্দেশ

    Adeno Virus: অ্যাডিনো-আতঙ্ক! অযথা কলকাতায় রেফার নয়, জেলা হাসপাতালগুলোকে নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: অ্যাডিনো ভাইরাসের (Adeno Virus) দাপটে একের পর এক হাসপাতালে শিশুর মৃত্যুতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। চিন্তার ছাপ অভিভাবকদের চোখে -মুখে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গত দুদিনে সরকারি হাসপাতালে নিউমোনিয়া, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ৫ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি-বেসরকারি হাসপাতালে বেডের সঙ্কট প্রকট। প্রায় সব হাসপাতালেই পেডিয়াট্রিক আইসিইউয়ের জন্য হাহাকার। কলকাতার হাসপাতালগুলিতে রোগীর চাপ সামলানো দায় হচ্ছে প্রতিদিন। তাই অ্যাডিনো ভাইরাস (Adeno Virus) রোগীদের পরিষেবার ক্ষেত্রে পরিস্থিতি বুঝে পদক্ষেপ করার জন্য জেলাগুলিকে পরামর্শ দিল স্বাস্থ্য ভবন।

    অ্যাডিনো-দাপট ঠেকাতে নয়া নির্দেশিকা

    সোমবার দুপুরে স্বাস্থ্য ভবনে শিশু বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন স্বাস্থ্যকর্তারা। মূলত অ্যাডিনো ভাইরাস (Adeno Virus) মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন এবং পরিকল্পনা করাই ছিল বৈঠকের উদ্দেশ্য। বৈঠকে স্বাস্থ্য ভবনের দাবি, কলকাতার তুলনায় এই মুহূর্তে জেলাগুলিতে অ্যাডিনো ভাইরাসের (Adeno Virus) দাপট অনেকাংশেই কম। তাই জেলা থেকে কলকাতার হাসপাতালগুলিতে ইচ্ছামতো কোনও রোগীকে রেফার করা যাবে না। বরং পরিস্থিতি অনুযায়ী ওই রোগীদের রেফার করতে হবে। জেলা থেকে রোগীদের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় অথবা যেখানে তার বন্দোবস্ত রয়েছে, সেখানে পাঠাতে হবে। এ ছাড়া, জ্বর বা সর্দি-কাশিতে আক্রান্ত শিশুদের মৃত্যু হলে তার কারণ বিশ্লেষণ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। 

    আরও পড়ুন: শিশুদের পাশাপাশি বড়রাও কি অ্যাডিনোয় আক্রান্ত? নয়া ভ্যারিয়েন্ট চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের

    অ্যাডিনো ভাইরাসের জেরে শিশুদের নয়া ওয়ার্ড

    অ্যাডিনো (Adeno Virus) সংক্রমণ নিয়ে কলকাতার সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে, শিশু ভর্তির সংখ্যা হাজারেরও বেশি। এই পরিস্থিতিতে এদিন স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, বেলেঘাটা আইডিতে শিশুদের নতুন ওয়ার্ড করা হবে। বিসি রায় হাসপাতালের চাপ কমাতে বেলেঘাটা আইডিতে ৫০ বেডের ওয়ার্ড খুলবে স্বাস্থ্য ভবন। শিশু বিভাগ থাকা হাসপাতালগুলিকে আরও ২ সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভেন্টিলেটর, অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে নজর দিতে হবে হাসপাতালগুলিকে। কলকাতার বিশিষ্ট চিকিৎসকদের জেলাগুলিতে পরিদর্শনে যাওয়ার কথাও বলা হয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Indian Railways: জটে জমি আটকে রেল (পর্ব-১৫): ২৩ বছর ধরে আটকে নবদ্বীপ-কৃষ্ণনগর রেলপথ সম্প্রসারণের কাজ

    Indian Railways: জটে জমি আটকে রেল (পর্ব-১৫): ২৩ বছর ধরে আটকে নবদ্বীপ-কৃষ্ণনগর রেলপথ সম্প্রসারণের কাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে মোট ৪৪টি প্রকল্প আটকে রয়েছে রেলের (Indian Railways)। অভিযোগ রাজ্য সরকারের অসহযোগিতা এবং জমি জটিলতার কারণে এই প্রকল্পগুলির বাস্তবায়ন করতে পারছে না রেল। এরমধ্যে ১৩টি প্রকল্প রয়েছে যেগুলিতে নতুন লাইন পাতার কথা। রেল সূত্রে জানা গেছে, এই প্রকল্পগুলির মোট বাজেট ধরা হয়েছে ৯,২২৫ কোটি টাকা। জানা গিয়েছে, মোট ১০৪৯ কিমির এই প্রকল্পে বিনিয়োগ করতে প্রস্তুত রেল কিন্তু জমি জটের কারণেই নাকি এই প্রকল্পগুলি এগোচ্ছেনা। রেলের দাবি, কয়েকটি প্রকল্পের জন্য জমি কিনতে রাজ্য সরকারকে টাকাও দেওয়া হয়েছিল! কিন্তু রাজ্য সরকার কোনও জমি অধিগ্রহণ করতে পারেনি। রেল আবার রাজ্য সরকারকে চিঠি দেয় ওই টাকা ফেরতের জন্য। রেল (Indian Railways) বলছে, রাজ্য সরকারের এমন অসহযোগিতার কারণে তারা প্রকল্প আপাতত বন্ধ রেখেছে।

    ২৩ বছর ধরে আটকে নবদ্বীপ-কৃষ্ণনগর রেলপথ সম্প্রসারণের কাজ

    ২০০০ সাল নাগাদ পরিকল্পনা নেওয়া হয়েছিল নদীয়ার জেলা সদর কৃষ্ণনগর এবং দেশের অন্যতম তীর্থক্ষেত্র নবদ্বীপকে রেল মানচিত্রে জোড়া হবে। কিন্তু দুদশক পরেও প্রকল্পের নামগন্ধ নেই। অভিযোগ জমি জটের কারণেই আটকে রয়েছে মোট ১২ কিমির এই প্রকল্প। নবদ্বীপ ঘাট অবধি এই প্রকল্প চালু হলে সহজেই পৌঁছানো যাবে ইসকন মায়াপুরে। ওই এলাকার বাসিন্দা সায়ন কংস বণিকের মতে, শুধুমাত্র জমি জটের কারণে এত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প থমকে গেছে। রেলের উন্নয়ন বঞ্চিত হচ্ছি আমরা। 

    আরও পড়ুন: জটে জমি আটকে রেল (পর্ব-১৪): ১৬ বছর ধরে আটকে দাঁইহাট-মন্তেশ্বর-মেমারি রেলপথ সম্প্রসারণের কাজ

    আরও পড়ুন: জটে জমি আটকে রেল (পর্ব-১৩): ২৩ বছর ধরে আটকে রায়গঞ্জ-ডালখোলা রেলপ্রকল্প

    আরও পড়ুন: জটে জমি আটকে রেল (পর্ব-১২): ২৫ বছর ধরে আটকে বাঁকুড়া-মুকুটমণিপুর রেলপ্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-১১): ১৮ বছর ধরে আটকে সিউড়ি-প্রান্তিক রেলপথ সম্প্রসারণের কাজ

    জটে জমি আটকে রেল (পর্ব-১০): আপাতত ঠাণ্ডা ঘরে আরামবাগ-বোয়াইচণ্ডী রেলপথ সম্প্রসারণের কাজ

    জটে জমি আটকে রেল (পর্ব-৯): ১৩ বছর ধরে আটকে দিঘা-জলেশ্বর প্রকল্পের কাজ

    জটে জমি আটকে রেল (পর্ব-৮): থমকে রয়েছে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপ্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৭): তেরো বছরেও সম্পূর্ণ হয়নি বালুরঘাট-হিলি রেলপ্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৬): একযুগ অতিক্রান্ত! বিশ বাঁও জলে হাসনাবাদ-হিঙ্গলগঞ্জ রেলপ্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৫): দক্ষিণ চব্বিশ পরগনায় বিশ বাঁও জলে ৩ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৪): থমকে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ৪ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৩): প্রায় ৪০ বছরেও সম্পূর্ণ হল না উত্তর দিনাজপুর জেলার ৩ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-২): প্রায় ৫০ বছরেও শেষ হলনা হুগলির ৩ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-১): ১৩ বছরের প্রাপ্তি ৮টি স্তম্ভ! জমি জটে বিশ বাঁও জলে আমতা-বাগনান রেল প্রকল্প

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share