Blog

  • BCCI: শাস্তি ঈশান, শ্রেয়সকে! বিসিসিআই-এর বার্ষিক চুক্তিতে বাংলার মুকেশ ও কেকেআরের রিঙ্কু

    BCCI: শাস্তি ঈশান, শ্রেয়সকে! বিসিসিআই-এর বার্ষিক চুক্তিতে বাংলার মুকেশ ও কেকেআরের রিঙ্কু

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হল ঈশান কিশন এবং শ্রেয়স আয়ারকে। ২০২৩-২৪ মরশুমের বিসিসিআইয়ের (BCCI Annual Retainership) বার্ষিক চুক্তির তালিকা ঘোষণা করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তিতে রয়েছেন ৩০ জন ক্রিকেটার। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ও জাতীয় দলের জার্সিতেও নজর কাড়া পারফর্ম করা মুকেশ কুমার (Mukesh Kumar) এবং আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা রিঙ্কু সিং বোর্ডের চুক্তির আওতায় ঢুকে পড়েছেন।

    কারা কারা চুক্তির আওতায়

    বেতনের ভিত্তিতে চারটি স্তরে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। সর্বাধিক ১৫ জন প্লেয়ার রয়েছেন গ্রেড সি ক্যাটাগরিতে। বোর্ডের যে চুক্তি প্রকাশিত হয়েছে তাতে এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন চারজন। তাঁরা হলেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। এ ক্যাটাগরিতে রয়েছেন ৬ জন ক্রিকেটার। তাঁরা হলেন রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কে এল রাহুল, শুভমন গিল ও হার্দিক পান্ডিয়া। বি ক্যাটাগরিতে রয়েছেন- সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও যশস্বী জয়সওয়াল। তালিকায় সবার শেষে সি ক্যাটাগরিতে রয়েছেন- রিঙ্কু সিং, ঋতুরাজ গায়কোয়াড, তিলক ভার্মা, শিবম দুবে, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, কে এস ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান, রজত পাতিদার।

    বোর্ডের বিবৃতি

    বোর্ডের তরফে বিবৃতিতে জানানো হয়েছে দেশের জার্সিতে ১ অক্টোবর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত মেয়াদকালের মধ্যে যে যে ক্রিকেটার তিনটি টেস্ট অথবা আটটি ওয়ান ডে অথবা ১০টি টি-টোয়েন্টিতে খেললেই বোর্ডের বার্ষিক চুক্তির আওতায় ধরা হবে সেই ক্রিকেটারকে। সেক্ষেত্রে গ্রেড সি-তে ঢুকে পড়বেন তাঁরা। ধ্রুব জুড়েল, সরফরাজ খানরা দুটো টেস্ট খেলেছেন। সেক্ষেত্রে ধর্মশালায় ভারত-ইংল্যান্ড শেষ টেস্টে খেলতে নামলেই চুক্তির আওতায় চলে আসবেন এই দুই তরুণ ক্রিকেটার। 

    বাদ কারা

    মোট সাত জন ক্রিকেটারকে বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য নাম ঈশান কিশন ও শ্রেয়স আয়ার। সম্প্রতি বোর্ড ও ম্যানেজমেন্টের কথা না শোনায় দল থেকে বাদ পড়েছেন তাঁরা। ‘অবাধ্য’ দুই ক্রিকেটারকে শাস্তি দিয়েছে বিসিসিআই। কিন্তু তাঁরা বাদে আরও পাঁচ ক্রিকেটার রয়েছেন তালিকায়। বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চহাল, চেতেশ্বর পুজারা, উমেশ যাদব ও দীপক হুডাও। গত বার্ষিক চুক্তিতে তাঁরা ছিলেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sheikh Shahjahan: এ কেমন গ্রেফতার শাহজাহান! কোমরে দড়ি পরানো দূর, গায়ে হাত পর্যন্ত দিতে পারল না পুলিশ

    Sheikh Shahjahan: এ কেমন গ্রেফতার শাহজাহান! কোমরে দড়ি পরানো দূর, গায়ে হাত পর্যন্ত দিতে পারল না পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: কুখ্যাত দুষ্কৃতী শেখ শাহজাহান (Sheikh Shahjahan) সঙ্গে পুলিশের আচরণ দেখে হতবাক রাজ্যবাসী। সাধারণত দাগী অপরাধীদের আদালতে তোলার সময় কোমড়ে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয়। অনেক সময় কোমড় ধরে বা হাত ধরে আদালতে তোলা হয়। কিন্তু, সন্দেশখালির বাদশা শাহজাহানকে কোমরে দড়ি পরানো তো দূরের কথা পুলিশ হাত পর্যন্ত দেওয়ার সাহস দেখাল না। আদালতের এজলাসে তোলার সময় কোনওভাবে মনে হচ্ছিল না শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। বরং, তাঁর পিছনে যেভাবে পুলিশ ছিল তাতে তাকে এসকর্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল। এমনই অভিযোগ বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে সাধারণ মানুষের। যা নিয়ে চর্চা শুরু হয়েছে।

    সন্দেশখালির বাসিন্দারা কী বললেন? (Sheikh Shahjahan)

    সাদা জামা, সাদা প্যান্ট, ম্যাচিং করে ধূসর রঙের কোর্ট। পায়ে সাদা স্নিকার্স। ৫৫ দিন পর শাহজাহান (Sheikh Shahjahan) এই সাজেই ধরা দিলেন। তবে গ্রেফতার হওয়ার পরও তাঁর শরীরে কার্যত দেখা গেল না কোনও উত্তাপ। তাঁর হাতে দেখা গেল না কোনও হ্যান্ডকাফ, কোমরে নেই দড়িও। আঙুল উঁচিয়ে এমন ভাবে আদালতে প্রবেশ করলেন যেন ‘জামাই’। তাহলে কি নিয়ম সবার জন্য আলাদা? এমনই প্রশ্ন তুলেছে সন্দেশখালিবাসী। তাঁদের বক্তব্য, শাহজাহান কোনও বীর পুরুষ নন। তিনি একজন ধর্ষণকারী। তাঁর বিরুদ্ধে জমি লুট, একাধিক খুন, বাড়ি ভাঙচুর, শ্লীলতাহানির মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। এরকম একজন কুখ্যাত দুষ্কৃতীর সঙ্গে পুলিশের আচরণ মেলানো যাচ্ছে না। পুলিশের সামনেই খোশ মেজাজেই রয়েছে শাহজাহান। গ্রেফতার হওয়ার পর আদালতে তাঁকে জামাই আদর করে নিয়ে যাওয়া হল। তাহলে পুলিশ হেফাজতে শাহজাহান বহাল তবিয়তে থাকবে।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তাপস ঘোষ বলেন, আসলে ইডি-র হাত থেকে শাহজাহানকে (Sheikh Shahjahan)  রক্ষা করতেই মরিয়া পুলিশ। তাঁকে লোকদেখানো গ্রেফতার করা হয়েছে। প্রমাণ হয়ে যাচ্ছে, পুলিশ এতদিন জামাই আদর দিয়ে, ভালো-মন্দ খাইয়ে রেখেছিল। আজ যখন লোক দেখানো গ্রেফতারের পর আদালতের উদ্দেশ্যে তাঁকে বার করা হচ্ছে, পুলিশ তাঁর হাতটুকু ধরার সাহস দেখাতে পারিনি। সিপিএমের জেলা নেতৃত্ব জোনাল কমিটির সদস্য কিংকর কান্তি রায় বলেন, পুলিশের ক্ষমতা নেই শাহজাহানের কোমরে দড়ি পরানোর। বারবার বিভিন্ন কেস দিয়ে শুধু পিসি টানবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Avtar Saini: মহারাষ্ট্রে পথ দুর্ঘটনায় নিহত অবতার সাইনি, তিনি কে ছিলেন জানেন?

    Avtar Saini: মহারাষ্ট্রে পথ দুর্ঘটনায় নিহত অবতার সাইনি, তিনি কে ছিলেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের নভি মুম্বইয়ে ক্যাবের ধাক্কায় নিহত অবতার সাইনি (Avtar Saini)। মুম্বই শহরতলির চেম্বুরের বাসিন্দা অবতার সাইনি ইন্টেলের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ সাইকেল চালিয়ে যাচ্ছিলেন অবতার। সেই সময় একটি দ্রুত গতিতে আসা ট্যাক্সির ধাক্কায় ছিটকে পড়েন ইন্টেল ইন্ডিয়ার প্রাক্তন প্রধান অবতার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী তাঁর ছেলে এবং মেয়েকে এই মৃত্যুর কথা জানানো হয়েছে। তাঁরা ইতিমধ্যে ভারতে আসছেন বলে জানা গিয়েছে।

    কে ছিলেন অবতার সাইনি?

    ইন্টেল সংস্থার পেন্টিয়াম ৩৮৬ এবং ৪৮৬ মাইক্রোপ্রসেসরের ওপর কাজ করেছেন অবতার। পাশাপাশি, প্রসেসরের ডিজাইনেও নেতৃত্ব দেন অবতার সাইনি (Avtar Saini)। ৬৮ বছর বয়সী এই প্রবাসী ভারতীয় একজন উৎসাহী সাইকেল আরোহী ছিলেন তিনি। কয়েক বছর আগে অসুস্থতার কারণে তাঁর স্ত্রীবিয়োগ ঘটেছিল এবং তারপর থেকে মুম্বইতে এসে চেম্বুরে একাই থাকতেন। তিনি একটি সাইক্লিং গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সঙ্গে তিনি ট্রেকিং বা সাইকেল চালানোর সময় সর্বদা নিরাপত্তা এবং সাবধানতা অবলম্বন করতেন। তিনি ২০০৪ সালের জানুয়ারিতে ইন্টেল ছেড়ে দেন। তার পর মন্টালভো সিস্টেমের মতো বেশ কয়েকটি তথ্যপ্রযুক্তির কোম্পানির সঙ্গে কাজ করেছিলেন। যেখানে তিনি ২০০৫ থেকে ২০০৮ সালের মধ্যে ভারতে ওই সংস্থার শীর্ষতম কর্তা ছিলেন।

    আটক চালক

    অবতার সাইনি (Avtar Saini) মৃত্যু প্রসঙ্গে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় ওই ট্যাক্সি চালকের বিরুদ্ধে এফআইআর করেছে মুম্বই পুলিশ। যার মধ্যে রয়েছে ২৭৯, ৩৩৭ এবং ৩০৪ নম্বর ধারা। একই ভাবে মোটরযান আইনে চালককে গ্রেফতার করে হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sheikh Shahjahan Arrest: ‘‘ধরতে পারবে ইডি-সিবিআইও’’, আদালতের নির্দেশ দেখেই কি গ্রেফতারে তৎপর পুলিশ?

    Sheikh Shahjahan Arrest: ‘‘ধরতে পারবে ইডি-সিবিআইও’’, আদালতের নির্দেশ দেখেই কি গ্রেফতারে তৎপর পুলিশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে (Sandeshkhali) গিয়ে শেখ শাহজাহানের দলবলের হাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং কেন্দ্রীয় বাহিনীর নিগৃহীত হওয়ার ঘটনা ঘটেছে ৫ জানুয়ারি। আর রাজ্য পুলিশের হাতে ‘সন্দেশখালির ত্রাস’ শাহজাহান গ্রেফতার (Sheikh Shahjahan Arrest) হলেন ২৮ ফেব্রুয়ারি। মাঝে কেটে গিয়েছে ৫৬ দিন। প্রশ্ন হচ্ছে, এতদিন সময় লাগল কেন পুলিশের?

    ‘ক্রোনোলজি’-তেই বিষয়টা পরিষ্কার

    বিরোধীরা দাবি করে আসছিলেন, শেখ শাহজাহান (Sheikh Shahjahan) সন্দেশখালিতেই (Sandeshkhali) রয়েছেন। বিরোধীদের কথা যদি বাদই দেওয়া হয়, স্থানীয় বাসিন্দারাও দাবি করছিলেন, সেখানেই দিব্যি বহাল তবিয়তে রয়েছেন তৃণমূলের দাপুটে নেতা। অথচ, পুলিশের দাবি, ‘ফেরার’ শেখ শাহজাহান কোথায় আছেন, তার হদিস মিলছে না। অন্যদিকে, শাসক দলের দাবি, আদালতের জন্যই নাকি পুলিশ গ্রেফতার করতে পারছে না তাঁকে ধরতে। তাহলে, কী এমন ঘটল, যে পুলিশ তড়িঘড়ি গ্রেফতার করল? পুলিশ-প্রশাসনের অবশ্য দাবি যে, আদালত তরফে অনুমতি মেলার পরই শাহজাহানকে গ্রেফতার (Sheikh Shahjahan Arrest) করা হয়েছে। যদিও, এর মাঝে কলকাতা হাইকোর্টে ঘটে গিয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। ‘ক্রোনোলজি’-টা একবার দেখলেই পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টা—

    আরও পড়ুন: “এটা গ্রেফতার নয়, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট”, শাহজাহান প্রসঙ্গে তোপ শুভেন্দুর

    সোমবার কী বলেছিল কলকাতা হাইকোর্ট?

    সোমবার, ২৬ ফেব্রুয়ারি, সন্দেশখালি (Sandeshkhali) মামলায় শেখ শাহজাহানকে নিয়ে বড় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দেয়, সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করা হল। ওই একই দিন, ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে এ-ও জানিয়ে দেয় যে, শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পুলিশকে কখনই আটকানো হয়নি। এমন কোনও স্থগিতাদেশ নেই। স্রেফ, পুলিশ ও ইডি-তে নিয়ে সিঙ্গল বেঞ্চ যে সিট গঠনের নির্দেশ দিয়েছিল, তাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এটা সোমবারের ঘটনা। তার পরও কিন্তু, সেদিন বা পরের দিন অর্থাৎ, মঙ্গলবার গোটা দিন চলে গেলেও শাহজাহান গ্রেফতার (Sheikh Shahjahan Arrest) হয়নি।

    হাইকোর্টের বুধবারের নির্দেশই বদলে গেল খেলা!

    এর পর বুধবার, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি সকালে, ওই একই মামলার শুনানিতে, হাইকোর্ট আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। তা হলো, শুধু পুলিশ নয়। চাইল শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে ইডি-সিবিআইও। অর্থাৎ, যে আগে পাবে, ‘ফেরার’ শাহজাহানকে সেই গ্রেফতার করতে পারবে। আদালতের এই ছোট্ট নির্দেশই যে ঘুম উড়ে যায় শাসক দলের। কেন? এর কারণ, শাসক দল বুঝে যায়, যদি একবার শাহজাহানকে খুঁজে পেয়ে ইডি-সিবিআই তুলে নেয়, তাহলে প্রমাদ গোনা ছাড়া উপায় নেই। অথএব, আগে নিজেদের হেফাজতে নিয়ে নেওয়াই শ্রেয়। ফলস্বরূপ, ২৮ ফেব্রুয়ারি মধ্যরাতেই পুলিশের হাতে গ্রেফতার হয় শেখ শাহজাহান (Sheikh Shahjahan Arrest)।

    আরও পড়ুন: সাদা পোশাক, সাদা স্নিকার্স পরে আদালতে শাহজাহান, ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

    কেষ্টর ক্ষেত্রেও দেখা গিয়েছিল পুলিশের ‘সক্রিয়তা’

    এর আগে, বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা দলের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও অনেকটা একই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। লক্ষ্য, ইডি-সিবিআইয়ের হাতে পড়া থেকে কেষ্টকে বাঁচানো। তাই কোনও একটি ‘আষাঢ়ে’ অভিযোগের ভিত্তিতে পুলিশ হেফাজতে নিয়েছিল কেষ্টকে। যদিও, কিছুদিন পরই সেই কেন্দ্রের হাতেই সঁপে দিতে হয়েছিল কেষ্ট মণ্ডলকে। সেটাও ছিল এক বড় দুর্নীতি— গরু পাচার মামলা। এবারেও বড় দুর্নীতির তদন্তে ইডি-সিবিআই রেডারে এসেছে শেখ শাহজাহানের নাম। রেশন বণ্টন দুর্নীতির মামলায় তদন্ত করছে ইডি। সেই প্রেক্ষিতেই সন্দেশখালিতে (Sandeshkhali) অভিযানে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। 

    সন্দেশখালির কোন অজ্ঞাতস্থানে গিয়েছিলেন রাজীব?

    এখন প্রশ্ন হচ্ছে, পুলিশকে দিয়ে গ্রেফতার করিয়ে কতদিন শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) ইডি-সিবিআইয়ের হাতে পড়া থেকে ঠেকাতে পারবে মমতা-প্রশাসন? কতদিন এভাবে শেষ শাহজাহানকে ‘বাঁচানো’ সম্ভব হবে? সপ্তাহখানেক আগেই সন্দেশখালি গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। একটা গোটা রাত কাটিয়ে সেখান থেকে ফেরেন। লঞ্চে চেপে কোনও এক অজানা গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছিলেন রাজীব কুমার। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণবঙ্গের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সুপ্রতিম সরকার এবং পুলিশের একাধিক শীর্ষকর্তা। বিরোধীদের কটাক্ষ, শেখ শাহজাহানের (Sheikh Shahjahan Arrest) সঙ্গে বসে ‘ডিল’ করতে গিয়েছিলেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তা।

    ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচাতেই ‘গ্রেফতার’

    শুধু বিরোধী নয়, পুলিশের ভূমিকা নিয়ে তো খোদ হাইকোর্টও প্রশ্ন তুলেছে। শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) রাজ্যের পুলিশ রক্ষা করছে বলে সন্দেহ প্রকাশ করে প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, ‘‘এমন ব্যক্তিকে রক্ষা করা হচ্ছে কি না আমরা জানি না। তবে মনে হচ্ছে, হয় রাজ্য পুলিশ তাঁকে রক্ষা করছে, না হলে তিনি পুলিশের আওতার বাইরে চলে গিয়েছেন।’’ এখানেই শেষ নয়। বুধবারের শুনানিতে ভরা এজলাসে রাজ্যের কৌঁসুলির উদ্দেশে বিচারপতি প্রশ্ন করেন— ‘‘তার মানে আপনি জানেন উনি কোথায়?’’ এর সঙ্গেই, হাইকোর্ট জানিয়ে দেয়, চাইলে ইডি-সিবিআইও গ্রেফতার (Sheikh Shahjahan Arrest) করতে পারে। হাইকোর্টের এই নির্দেশেই কি ‘সক্রিয়’ হয়ে উঠল মমতা-পুলিশ? এই নির্দেশের পরই কি তড়িঘড়ি গ্রেফতার করা হল সন্দেশখালির (Sandeshkhali) শেখ-কে? উঠছে প্রশ্ন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shahjahan Sheikh: পুলিশি হেফাজতে শাহজাহান, তথ্য লোপাটের আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ ইডি

    Shahjahan Sheikh: পুলিশি হেফাজতে শাহজাহান, তথ্য লোপাটের আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল নেতা শাহজাহান শেখকে (Shahjahan Sheikh) ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আশঙ্কা, এর জেরে রেশন বণ্টন কেলেঙ্কারি মামলায় যে তদন্ত ইডি করছে, তার অনেক তথ্য ও নথি নষ্ট হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, “রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করেছে। পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। তাই ইডি যে মামলার তদন্ত করছে, তার অনেক তথ্যপ্রমাণ নষ্ট করে দেওয়া হতে পারে।”

    শাহজাহানের পুলিশি হেফাজত

    টানা ৫৫ দিন লুকিয়ে থাকার পরে বৃহস্পতিবার কাকভোরে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। এদিন তোলা হয় আদালতে। তাঁকে ১৪ দিন নিজেদের হেফাজতে রাখার আবেদন করে পুলিশ। যদিও আদালত তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। আদালতে জমা দেওয়া নথিতে শাহজাহানকে (Shahjahan Sheikh) অত্যন্ত প্রভাবশালী বলে উল্লেখ করেছে পুলিশ। তাঁকে জামিন দিলে সন্দেশখালি ও ন্যাজাট থানা এলাকার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা পুলিশের। এদিনই শাহজাহানকে কলকাতার ভবানী ভবনে রাজ্য পুলিশের সদর দফতরে নিয়ে আসে পুলিশ।

    দ্রুত শুনানি হোক

    সিট গঠন সক্রান্ত যে মামলা ছিল, এদিন মূলত তা নিয়েই আদালতে হাজির হন ইডির কর্তারা। তাঁরা চান, দ্রুত শুনানি হোক মামলাটির। প্রধান বিচারপতির কাছে এ নিয়ে চিঠিও দেওয়া হয়েছে ইডির তরফে। এদিন ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে চিঠি দিয়ে বলেন, “সিট গঠন সংক্রান্ত ডিভিশন বেঞ্চের মামলাটি ৬ মার্চ শুনানির জন্য রাখা হয়েছে।”

    আরও পড়ুুন: “এটা গ্রেফতার নয়, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট”, শাহজাহান প্রসঙ্গে তোপ শুভেন্দুর

    প্রসঙ্গত, সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশকে নিয়ে সিট গঠনের নির্দেশের ওপর অন্তবর্তী স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই তদন্তে রাজ্য পুলিশকে নিয়ে সিট গঠন করা হয়েছিল। ইডি এর বিরোধিতা করেছিল। ইডির আধিকারিকদের ওপর হামলার পরে পরেই গা ঢাকা দেন শাহজাহান। তখনই তথ্য লোপাটের আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। তৃণমূলের এই অত্যন্ত প্রভাবশালী নেতার পুলিশি হেফজত হওয়ায় আরও একবার তথ্য ও নথি লোপাটের আশঙ্কা করল ইডি (Shahjahan Sheikh)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Reliance-Disney: রিলায়েন্সের সঙ্গে গাঁটছড়া বাঁধল ডিজনি, যৌথভাবে ৭০,৪৭২ কোটির বিনোদন ব্যবসা

    Reliance-Disney: রিলায়েন্সের সঙ্গে গাঁটছড়া বাঁধল ডিজনি, যৌথভাবে ৭০,৪৭২ কোটির বিনোদন ব্যবসা

    মাধ্যম নিউজ ডেস্ক: রিলায়েন্সের সঙ্গে এবার গাঁটছড়া বাঁধছে ডিজনি (Reliance-Disney)। ৭০,৪৭২ কোটি টাকার বিনোদন ব্যবসা এবার এক সঙ্গে হবে। মুকেশ আম্বানির অংশই এই যৌথ ব্যবসায়ী সংস্থার মধ্যে বেশি পরিমাণে থাকবে। তাঁদের শেয়ার ৬৩ শতাংশ। একই ভাবে ডিজনির ভাগ থাকবে ৩৭ শতাংশ। এই প্রসঙ্গে মুকেশ আম্বানি বলেন, “দেশের বিনোদন জগতের জন্য এই চুক্তি ইতিহাস তৈরি করবে। ডিজনিকে রিলায়েন্স সব সময় সম্মান দিয়েছে এবং আশা করি আগামী দিনে আমরা সঙ্গে আরও কাজ করতে পারব।”

    ওটিটি প্লাটফর্ম আরও বেশি শক্তপোক্ত (Reliance-Disney)

    এবার দেশের ওটিটি প্লাটফর্ম আরও বেশি শক্তপোক্ত হল। ভারতে (Reliance-Disney) ব্যবসা করতে গেলে এবার থেকে আর ডিজনিকে কাঠখড় পোড়াতে হবে না। বিনোদনের ব্যবসায় বিগত কয়েক বছরে খুব একটা লাভ করতে পারেনি ডিজনি। সরাসরি ক্রিকেট সম্প্রচার দেখানোর স্বত্ব কেনার ক্ষেত্রেও ডিজনিকে বেগ পেতে হয়েছিল। বিশেষ করে ওটিটির ব্যবসায় মার খাচ্ছিল ডিজনি। তবে ওয়াকিবহল মহল মনে করছেন, এশিয়ার মধ্যে সবথেকে ধনী ব্যক্তি মুকেশ অম্বানির সঙ্গে গাঁটছড়া বাঁধায় ডিজনির পক্ষে অনেকটাই ভালো কাজ হয়েছে। তাঁদের শেয়ার কম হলেও ব্যবসায় ব্যাপক লাভ হবে।

    শীর্ষে থাকবেন মুকেশের স্ত্রী নীতা আম্বানি

    এই গাঁটছড়া বাঁধার কথা ডিজনি (Reliance-Disney) এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দুই সংস্থার পক্ষ থেকেই জানানো হয়েছে। দুই সংস্থা যৌথভাবে নতুন যে সংস্থা তৈরি করবে তার মাথায় থাকবেন মুকেশের স্ত্রী নীতা আম্বানি। এই গাঁটছড়ার মোট আর্থিক ব্যবসা প্রায় ৭০ হাজার ৪৭২ কোটি টাকার। মুকেশ আম্বানির সংস্থা এখন ১১ হাজার ৫০০ কোটি টাকা খরচ করবে। তবে ডিজনি কত টাকা খরচ কড়া হবে সেই কথা এখনও  প্রকাশ করেনি তারা। তবে দুই কোম্পানির এক সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে ১২০টি টিভি চ্যানেল এবং দুটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম এক সঙ্গে কাজ করবে বলে জানা গিয়েছে। এই ব্যবসায়িক চুক্তির কথা ঘোষণা করে একসঙ্গে বিবৃতি দেয় ডিজনি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। উভয় পক্ষের তরফ থেকে বলা হয়, ‘‘ভারতে বিনোদন ও খেলার সবচেয়ে বড় ওটিটি মাধ্যম হিসাবে গড়ে উঠবে এই সংস্থা।’’ 

            

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “এটা গ্রেফতার নয়, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট”, শাহজাহান প্রসঙ্গে তোপ শুভেন্দুর

    Suvendu Adhikari: “এটা গ্রেফতার নয়, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট”, শাহজাহান প্রসঙ্গে তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির জেলিয়াখালি যাওয়ার পথে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে সাধারণ মানুষের কাছ থেকে স্বাগত এবং সংবর্ধনা গ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের উপর আক্রমণের ৫৬ দিনের মাথায় মিনাখাঁ থেকে পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানকে আজ গ্রেফতার করেছে পুলিশ। মানুষের আন্দোলন, জনরোষের কাছে প্রশাসন নতি স্বীকার করে কার্যত গ্রেফতার করেছে বলে মনে করছে বিজেপি। শুভেন্দু (Suvendu Adhikari) এদিন বলেন, “শাহজাহানের বিরুদ্ধে অ্যাকশান হওয়া উচিত। এখানে একটা বিরাট চক্র রয়েছে সিরাজ, জিয়াউদ্দিন, আলমগীরে সকলকে গ্রেফতার করতে হবে। ২০১৮ সালের ৩ জনকে খুনের মামলা নিয়ে হাইকোর্টে আবেদন করেছি। আমরা চাই মামলায় সিবিআই তদন্ত করুক।”

    কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    জেলিয়াখালি যাওয়ার পথে শুভেন্দু (Suvendu Adhikari) তৃণমূল নেতা শেখ শাহজাহান সম্পর্কে বলেন, “এডিজি সুপ্রতীম সরকার মিথ্যা বলেছেন। হাইকোর্টের কোনও রকম স্থগিতাদেশ ছিল না। ২০০৬-০৭ সালে সিপিএমের আমলে সিঙ্গুরের বিরাট অপকর্ম করেছেন। ওঁর সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। তিনি তৃণমূলের শেখানো কথা বলছেন। পশ্চিমবঙ্গের পুলিশের ১০০ শতাংশ রাজনীতিকরণ হয়েছে। তৃণমূলের শাখা সংগঠন হল পুলিশ। সাংবাদিকদের বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে। এতে ড্যামেজ কন্ট্রোল হবে না। শাহজাহানকে ধরার আগে ডিআইজি ভাস্কর মুখার্জির গাড়িতে করে পুলিশ প্রথমে ফলতায় নিয়ে যায়, এরপর মিনাখাঁয় এনে বাড়ির পরিবারের সঙ্গে দেখা করানো হয়। সেখানে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে আশ্বাস দেন যে কয়েক দিনের মধ্যেই ফিরে আসবেন। পুলিশের দলের মধ্যে আমার লোক রয়েছে। সূত্রে আমি আগেই জেনে গিয়েছি। মমতার পাশে কেউ নেই। আপনি যা যা পরিকল্পনা করবেন আপনার লোকেরা আমাকে খবর দিয়ে আপনার সমস্ত পরিকল্পনাকে ভঙ্গ করবেন।”

    আর কী বললেন?

    শাহজাহানের গ্রেফতার প্রসঙ্গে শুভেন্দু (Suvendu Adhikari) আরও বলেন, “এটা কোনও গ্রেফতার নয় মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। তাঁকে ফাইভ স্টারে রাখা হবে, মোবাইল ফোন সঙ্গে থাকবে। সবকিছুকে পুলিশি নিরাপত্তার মধ্যে থেকে কন্ট্রোল করবেন শাহজাহান। তাই আমাদের দাবি ওঁকে ইডির হেফাজতে চাই। সিবিআই অবিলম্বে মামলাকে হস্তক্ষেপ করুক। মানুষ চাইছে তাঁদের প্রতি অন্যায়ের বিচার হোক। কড়া শাস্তি চাই আমরা। ইডি আক্রান্ত হওয়ার পর পুলিশে কেস করেছে, তাই সবটাই পুলিশের দায়িত্ব ছিল। এই সব কিছুর সাফল্য ইডির। ইডি যদি না যেতো আর মূর্খ শাহজাহান যদি মারপিট না করত তাহলে এই কুকর্মের কথা মানুষ জানতেই পারতো না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Shahjahan Sheikh: “শাহজাহান শেখের জন্য আমার কোনও সমবেদনা নেই”, বললেন প্রধান বিচারপতি

    Shahjahan Sheikh: “শাহজাহান শেখের জন্য আমার কোনও সমবেদনা নেই”, বললেন প্রধান বিচারপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: “শাহজাহান শেখের (Shahjahan Sheikh) জন্য আমার কোনও সমবেদনা নেই।” বৃহস্পতিবার তৃণমূল নেতা শাহজাহান শেখের (Shahjahan Sheikh) আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়কে এমনই জানালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

    কী বললেন প্রধান বিচারপতি?

    এদিন শাহজাহানের আইনজীবী আদালতে হাজির হতেই প্রধান বিচারপতি বলেন, “আপনার জন্যই অপেক্ষা করেছিলাম। আগামী দশ বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে। আপনার মক্কেলের (শাহজাহান) অনেক কাজ করতে ব্যস্ত থাকতে হবে। চার-পাঁচজন জুনিয়র রাখতে হবে। কারণ মামলার যা সংখ্যা।” এর পরেই প্রধান বিচারপতি বলেন, “এই ব্যক্তির (শাহজাহান) জন্য আমার কোনও সমবেদনা নেই।”

    আদালতে শাহজাহানের আইনজীবী

    শাহজাহানের (Shahjahan Sheikh) বিরুদ্ধে সব মিলিয়ে এই মুহূর্তে ৪৩টি মামলা রয়েছে। গ্রেফতারির পরেই শাহজাহানকে তোলা হয় বসিরহাট আদালতে। বিচারক তাঁকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। শাহজাহান গ্রেফতার হতেই এদিন তাঁর আইনজীবী হাজির হন কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে তিনিই জানান শাহজাহানের গ্রেফতারির খবরটি। নিম্ন আদালতের পেন্ডিং জামিনের আবেদনগুলি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করতে চায় শাহজাহান। সেই কারণেই স্বতঃপ্রণোদিত মামলায় যুক্ত হতে চেয়ে এদিন কলকাতা হাইকোর্টে আবেদন করেন শাহজাহানের আইনজীবী। তার পরেই প্রধান বিচারপতির তাৎপর্যপূর্ণ ওই মন্তব্য।

    আরও পড়ুুন: “এবার নতুন সূর্যোদয় দেখবে সন্দেশখালি”, শাহজাহানের গ্রেফতারিতে প্রতিক্রিয়া বোসের

    শাহজাহানের আইনজীবীর দাবি ছিল, আদালতে নিজের বক্তব্য জানাতে চায় তাঁর মক্কেল। কিন্তু কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, জরুরি ভিত্তিতে শুনানির কোনও প্রয়োজন নেই। আদালতের আরও অনেক কাজ আছে। তাই শাহজাহানের আইনজীবীর আর্জি খারিজ হয়েছে। এদিকে, শাহজাহানের গ্রেফতারির পর এদিন সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। তিনি বলেন, “আইনি বাধ্যবাধকতার কারণেই গ্রেফতার করা যায়নি শেখ শাহজাহানকে। আদালত স্থগিতাদেশ তুলে নেওয়ার পর গ্রেফতার করা হয়েছে।”

    প্রসঙ্গত, সন্দেশখালিকাণ্ডের জেরে গা ঢাকা দেয় তৃণমূল নেতা শাহজাহান। তৃণমূলের এই নেতা ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে অভিযোগ বিস্তর। তাঁকে গ্রেফতার করতে রাজ্য প্রশাসনকে একাধিকবার নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার পর এদিন কাকভোরে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় তৃণমূলের এই হাঙর (আপাতত এই নামেই শাহজাহানকে ডাকছেন স্থানীয়দের একাংশ) নেতাকে (Shahjahan Sheikh)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

      

  • Sheikh Shahjahan: “এবার নতুন সূর্যোদয় দেখবে সন্দেশখালি”, শাহজাহানের গ্রেফতারিতে প্রতিক্রিয়া বোসের

    Sheikh Shahjahan: “এবার নতুন সূর্যোদয় দেখবে সন্দেশখালি”, শাহজাহানের গ্রেফতারিতে প্রতিক্রিয়া বোসের

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। ৫৫ দিন পরে তাঁর নাগাল পেল পুলিশ। বৃহস্পতিবার ভোরে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় শাহজাহানকে। তারপরেই প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, “আশা করি, এবার নতুন সূর্যোদয় দেখবে সন্দেশখালি।”

    বেপাত্তা ছিলেন শাহজাহান

    সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে জখম হন ইডির দুই আধিকারিক। জখম হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানও। অভিযোগ, শাহজাহানের অনুগামীদের ছোড়া ইটের ঘায়ে জখম হয়েছিলেন ওই চারজন। ঘটনার পরে পরেই বেপাত্তা হয়ে যান তৃণমূলের এই নেতা। তাঁর গ্রেফতারি নিয়ে মাঝে মধ্যেই সরব হয়েছেন রাজ্যপাল। শাহজাহানকে (Sheikh Shahjahan) গ্রেফতার করতে রাজ্য পুলিশের ডিজিকে একাধিকবার নির্দেশও দিয়েছেন তিনি। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরও একই বার্তা পৌঁছে দিয়েছিলেন তিনি।

    রাজ্যপালের প্রতিক্রিয়া 

    মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে ফের চিঠি দেন রাজ্যপাল। সেই চিঠিতে শাহজাহানকে ৭২-ঘণ্টার মধ্যে হয় গ্রেফতার নয়তো কেন গ্রেফতার করা হয়নি সেই রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই গ্রেফতার হয়েছেন শাহজাহান। রাজ্যপাল বলেন, “এটাই হল গণতন্ত্র। অন্ধকারের পর আলো। এটা প্রত্যেকের জন্য একটি শিক্ষা। আমি খুশি।” তিনি বলেন, “আমি আপনাদের বলেছিলাম সুড়ঙ্গের শেষে আলো থাকবে। আমরা অপেক্ষা করেছিলাম কিন্তু তা করা হয়েছে। এখন আসুন, আশা করি, আইনের শাসনের একটি নতুন ভোর ফিরে আসবে বাংলায়।”

    আরও পড়ুুন: সাদা পোশাক, সাদা স্নিকার্স পরে আদালতে শাহজাহান, ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

    শাহজাহানকে নিয়ে গত পঞ্চান্ন দিন ধরে চর্চা হয়েছে চায়ের দোকানেও। শাহজাহান গ্রেফতার হতেই তাঁর বিরুদ্ধে সোচ্চার হন স্থানীয় মহিলারা। তাঁদের অভিযোগ, এলাকার সুন্দরী মেয়েদের তৃণমূল পার্টি অফিস কিংবা এলাকার বাগানবাড়িতে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হত। নানা অছিলায় দখল করা হত গরিবের চাষের জমি। শাহজাহান বাহিনীর কথা মতো না চললেই নানাভাবে হেনস্থা করা হত বলেও অভিযোগ। পলাতক শাহজাহানকে গ্রেফতার করার দাবিতে পথে নামেন স্থানীয় মহিলারাও।

    ওয়াকিবহাল মহলের মতে, এর পরেই চাপে পড়ে যায় তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালির জনমত ঘুরে যেতে পারে ভেবে শঙ্কিত হয়ে পড়েন তৃণমূলের ভোট ম্যানেজাররা। তৃণমূলের অসমর্থিত একটি সূত্রের খবর, ড্যামেজ কন্ট্রোল করতে ধরিয়ে দেওয়া হয় শাহজাহানকে। সেই কারণেই মিনাখাঁয় লুকিয়ে থাকলেও, শাহজাহানকে গ্রেফতার করতে পুলিশের সময় লাগল ৫৫ দিন (Sheikh Shahjahan)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ১৭ লক্ষ ‘ভুয়ো ভোটার’! ২৪ ব্যাগ ভর্তি অভিযোগ নিয়ে কমিশনে শুভেন্দু

    Lok Sabha Election 2024: ১৭ লক্ষ ‘ভুয়ো ভোটার’! ২৪ ব্যাগ ভর্তি অভিযোগ নিয়ে কমিশনে শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ভুয়ো ভোটার নিয়ে ফের সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার প্রায় ১৭ লক্ষ ডুপ্লিকেট ভোটারের তালিকাসহ রাজ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছেন তিনি। এদিন বিরোধী দলনেতার নেতৃত্বে মুখ্য নির্বাচনী আধিকারিকের (Election Commission) দফতরে গিয়ে এই সংক্রান্ত তালিকা জমা দিয়ে আসে বিজেপির প্রতিনিধি দল। 

    ভুয়ো ভোটারের নথি

    নির্বাচন কমিশনের পক্ষে গত ২৫ জানুয়ারি লোকসভা নির্বাচনের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় প্রায় ১৭ লাখ নাম ‘ভুয়ো’ বলে দাবি বিজেপির। একই ভোটারের নাম একাধিকবার তালিকায় রয়েছে। বিজেপির পক্ষে দাবি করা হয়েছে, দলের হিসাবে মোট ‘ভুয়ো ভোটার’-এর সংখ্যা ১৬,৯১,১৩২। বুধবার ২৪টি ব্যাগে করে দলের দাবি করা ‘ভুয়ো ভোটার’-দের তালিকা কমিশন দফতরে জমা দিয়েছে বিজেপি। সেই সঙ্গে কমিশনকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তৃণমূলের থেকে ১৭ লাখ ভোট কম পেয়েছিল। আর ‘ভুয়ো ভোটার’-এর সংখ্যাও সমান সমান। বুধবার কমিশন দফতরে এই অভিযোগ জানাতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের দুই নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ও শিশির বাজোরিয়া। 

    শুভেন্দুর দাবি

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘এই মেকানিজমটা মমতা ব্যানার্জি করে রেখেছেন। আমরা এটা, চুরিটাকে ধরেছি। কারণ, আমরা ভোটার তালিকাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাই। পশ্চিমবঙ্গের গণতন্ত্র শেষ হয়ে গিয়েছে, পঞ্চায়েতে ১ কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। সন্দেশখালির যার কাছে গিয়ে আপনারা জিজ্ঞাসা করছেন – ভোট দিয়েছেন? বলছে, না…ভোট দিইনি। যতদিন মমতা, ততদিন আমাদের ভোট দিতে দেওয়া হয়নি। শেষ ১১ সালে ভোট দিয়ে তো ওনাকে ক্ষমতায় এনেছিলাম। এই ১৬ লক্ষ ৯১ হাজার ১৩২ ভোটারের ডকুমেন্ট আমরা নিয়ে এলাম, দিয়ে গেলাম।’  রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এলে সেখানেও এই অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share