Blog

  • COVID-19: ফের মানতে হবে কোভিড বিধি! করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, নির্দেশিকা কেন্দ্রের

    COVID-19: ফের মানতে হবে কোভিড বিধি! করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, নির্দেশিকা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: ধীরে ধীরে ফের দেশে বাড়ছে কোভিড (COVID-19) সংক্রমণ। লকডাউনের পরিস্থিতি যাতে ফের ফিরে না আসে, তাই আগে থেকেই কোভিড নিয়ে সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সব রাজ্যের কাছে চিঠি পাঠাল দিল্লি। সোমবারই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সুধাংশু পন্থ চিঠি পাঠিয়েছেন সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। নির্দেশিকায় আসন্ন উৎসবের মরশুমে সতর্ক হতে বলার পাশাপাশি জানাল, ইনফ্লুয়েঞ্জার মতো রোগের বাড়বাড়ন্ত হচ্ছে কি না, নজর রাখতে হবে। 

    কেন নির্দেশিকা

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বর্তমানে যে সংশোধিত গাইডলাইন রয়েছে কোভিড (COVID-19) নিয়ে, তা মেনে চলার উপর প্রতিটি রাজ্যকে জোর দিতে বলা হয়েছে। দুশ্চিন্তা বাড়াচ্ছে কেরলের সাম্প্রতিক কোভিড পরিস্থিতি। দক্ষিণের এই রাজ্যে হঠাৎ করে করোনা আক্রান্তের সংখ্যার গ্রাফ সামান্য বেড়ে গিয়েছে। কেরলের তিরুঅনন্তপুরমে ৭৯ বছরের এক মহিলার নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, তিনি জেএন.১-এ আক্রান্ত হয়েছেন। এর আগে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি থেকে সিঙ্গাপুর গিয়েছিলেন এক মহিলা। তাঁর শরীরেও ধরা পড়েছিল করোনা ভাইরাসের জেএন.১ উপপ্রজাতি। তাই, রাজ্যগুলিকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

    আরও পড়ুন: অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হানায় পাকিস্তানে খতম লস্কর জঙ্গি হাবিবুল্লা

    কেন্দ্রের পরামর্শ

    আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখে জনস্বাস্থ্যের দিকটি নজর রাখা উচিত। রোগ যাতে না ছড়ায়, সে বিষয়ে পদক্ষেপ করতে হবে। বর্তমানে কোভিড পরিস্থিতির উপর নজরদারির জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে গাইডলাইন রয়েছে, তা মেনে চলার জন্য বলা হয়েছে। ইনফ্লুয়েঞ্জার মতো কোনও অসুস্থতা বা শ্বাসজনিত কোনও অসুস্থতার উপর জেলাস্তরে নজরদারি আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিতভাবে সেই তথ্য ইন্টিগ্রেটেড হেল্থ ইনফরমেশন পোর্টালে তোলার জন্য বলা হয়েছে। জোর দিতে বলা কোভিড পরীক্ষার গাইডলাইনের উপরেও। জেলাস্তরে যাতে নির্দিষ্ট অনুমাতে আরটি-পিসিআর ও অ্যান্টিজেন টেস্ট হয়, সেই পরামর্শও দেওয়া হয়েছে। কোনও নমুনায় করোনার সংক্রমণ ধরা পড়লে, সেটি সঙ্গে সঙ্গে জিনোম সিকোয়েন্সিং-এর জন্য বলা হয়েছে। যাতে কোনও নতুন ভ্যারিয়েন্ট ঢুকে পড়েছে কি না, তা আগে ভাগে শনাক্ত করা যায়। প্রতিটি সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে কি না, তাও দেখে নিতে বলা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়ানোর পরামর্শও দিয়েছে কেন্দ্র।

    সতর্কবার্তা হু-এর

    দেশগুলিকে কোভিড (COVID-19) সংক্রমণ নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। বিশ্বে কোভিড কেসের বাড়বাড়ন্ত ঠেকানোর জন্য আগেভাগেই সতর্ক হতে বলা হয়েছে দেশগুলিকে। পাশাপাশি জিনোম সিকোয়েন্সের তথ্য শেয়ার করতেও বলা হয়েছে।  সামনেই বর্ষশেষের উৎসবের মরসুম। ভিড় হবে। তাই সেই সময় অতিরিক্ত সতর্কতার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মেনে চলতে বলা হয়েছে কোভিড বিধি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • China Earthquake: শক্তিশালী ৬.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল চিন, মৃত শতাধিক, জখম বহু

    China Earthquake: শক্তিশালী ৬.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল চিন, মৃত শতাধিক, জখম বহু

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিন (China Earthquake)। সংবাদসংস্থা সূত্রে খবর, সোমবার রাতে উত্তর-পশ্চিম চিনের গানসু এবং কিংহাই প্রদেশে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২। এই দুই জায়গা মিলিয়ে শতাধিক মানুষ মারা গিয়েছেন। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে ১১১ জনের মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা আশঙ্কা করা হচ্ছে কয়েক’শ হতে পারে। এর মধ্যে গানসুতে ১০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, কিংহাই প্রদেশের হাইডং শহরে ১১ জনের মৃত্যু হয়েছে। 

    হীমাঙ্কের নিচে তাপমাত্রা, নেই বিদ্যুৎ

    মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মধ্যরাতে হওয়া এই কম্পনের উৎসস্থল ছিল গানসু প্রদেশের রাজধানী লানঝৌর ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্প-বিধ্বস্ত জায়গায় (China Earthquake) শুরু হয়েছে উদ্ধারকাজ। বহু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তার মধ্যে এখন ওই এলাকায় তাপমাত্রা প্রায় হীমাঙ্কের নিচে পৌঁছে গিয়েছে। ফলে, তীব্র প্রতিকূল পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে উদ্ধারের প্রক্রিয়া। প্রেসিডেন্ট শি জিনপিং ওই দুই প্রদেশের আধিকারিকদের ক্ষতিগ্রস্থ এলাকায় পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

    ভূমিকম্পের (China Earthquake) জেরে তীব্র ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে বহু বাড়ি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গিয়েছে, ভূমিকম্পের ফলে আতঙ্কিত হয়ে লোক জন রাস্তায় দৌড়চ্ছেন এবং নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। ধ্বংসস্তূপের ছবিও দেখা গিয়েছে বেশ কিছু ভিডিওতে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি মাধ্যম।

    অতীতেও ভূমিকম্পের কবলে চিন

    শক্তিশালী ভূমিকম্প (China Earthquake) চিনে নতুন নয়। গত বছর সেপ্টেম্বর মাসেও তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গিয়েছিল চিনের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। তাতে কমপক্ষে ৬৫ জনের মৃত্য হয়। ২০২২ সালে সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ১০০ জনের মৃত্যু হয়। ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে ৭.৯ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষের মৃত্যু হয়। এর মধ্যে পাঁচ হাজারেরও বেশি ছিল শিশু। আহতের সংখ্যা ছিল প্রায় চার লক্ষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Teacher Recruitment Case: নিয়োগ প্যানেল নিয়ে বিচারপতি সিনহার নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে প্রাথমিক পর্ষদ!

    Teacher Recruitment Case: নিয়োগ প্যানেল নিয়ে বিচারপতি সিনহার নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে প্রাথমিক পর্ষদ!

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে (Teacher Recruitment Case) চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১২ ডিসেম্বর জেলা ভিত্তিক নিয়োগের প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারপতি সিনহা। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের বেঞ্চে আগামী সপ্তাহে শুনানি হতে পারে এই মামলার।

    সিঙ্গল বেঞ্চের রায়

    ২০১৪ সালের পর রাজ্যে টেট পরীক্ষা হয় দু বার। একবার ২০১৬ সালে। আর দ্বিতীয়বার ২০২০ সালে। নিয়োগ হওয়ার কথা ছিল ৪২ হাজার প্রাথমিক শিক্ষক। এই দুই নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। পর্ষদকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছিল বিচারপতি সিনহার সিঙ্গল বেঞ্চ। সেই সময় পর্ষদ আদালতে জানিয়েছিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই একটি প্যানেল প্রকাশ করা হয়েছে। তবে নিয়োগের রীতি মেনে ২০১৬ সালের প্যানেল প্রকাশের নিয়ম নেই।

    বিচারপতি সিনহার মন্তব্য

    যদিও আদলত চেয়েছিল দুটি নিয়োগ প্রক্রিয়ারই সম্পূর্ণ প্যানেল দেখাতে। বিচারপতি সিনহার মন্তব্য ছিল, “আমি প্রাথমিকের প্যানেল (Teacher Recruitment Case) দেখতে চাই। মেয়াদ শেষের আগে একটা প্যানেল প্রস্তুত হয়। সেটি দেখতে চাই। নিয়োগের প্যানেল খতিয়ে দেখার অধিকার রয়েছে আদালতের।” তাঁর পর্যবেক্ষণ ছিল, “নিয়োগের প্যানেল প্রকাশ না করে কি পর্ষদ কাউকে আড়াল করতে চাইছে? এই প্যানেল বাড়িতে গচ্ছিত রাখার সম্পত্তি নয়। প্যানেল প্রকাশ হলে অসুবিধা কোথায়?” বিচারপতি সিনহার সেই প্যানেল প্রকাশের নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

    আরও পড়ুুন: “ভিখারি হয়ে গিয়েছে রাজ্য, মোদির পা ধরতেই মমতা দিল্লিতে”, কটাক্ষ শুভেন্দুর

    এই মামলায়ই বেআইনিভাবে চাকরি পেয়েছেন এমন ৯৪জনকে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানিয়েছিলেন বিচারপতি সিনহা। পর্ষদের তরফে আদালতে জানানো হয়েছিল, যে দুটি প্যানেল প্রকাশ করা হয়েছে, তা ঠিক নয়। প্যানেলের জন্য আরও সময় প্রয়োজন। তখনই বিচারপতি সিনহার মন্তব্য ছিল, “আর কতদিন অপেক্ষায় থাকবেন বঞ্চিতেরা? তাঁদের (Teacher Recruitment Case) কাছে প্রতিটি দিনের মূল্য রয়েছে। চাকরি প্রার্থীদের বয়স পেরিয়ে যাচ্ছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • NIA: ভেস্তে গেল প্রজাতন্ত্র দিবসে নাশকতার ছক, এনআইএ হানায় ধৃত ৮ জঙ্গি

    NIA: ভেস্তে গেল প্রজাতন্ত্র দিবসে নাশকতার ছক, এনআইএ হানায় ধৃত ৮ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: ঠিক ন’ দিনের মাথায় ফের গ্রেফতার ৮ আইএস জঙ্গি। প্রজাতন্ত্র দিবসের আগে ফের একবার ইসলামিক স্টেটসের (isis) নাশকতার ছক ভেস্তে দিল জাতীয় তদন্তকারী সংস্থা সংক্ষেপে, এনআইএ (NIA)। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সোমবার কর্নাটকের বল্লারি সহ জঙ্গিদের বিভিন্ন ডেরায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন ওই জঙ্গিদের।

    জঙ্গি ডেরায় কী মিলল জানেন?

    জঙ্গিদের খোঁজে এদিন অভিযান চালানো হয়েছে মুম্বই, পুণে এবং দিল্লিরও কয়েকটি ঠিকানায়। উদ্ধার হয়েছে বিস্ফোরক তৈরির উপকরণ পটাশিয়াম ও সালফার নাইট্রেট, বৈদ্যুতিন সরঞ্জাম, গান পাউডার, চারকোল, সুগার, ইথানল, ধারাল অস্ত্র, নগদ টাকা, স্মার্টফোন, একাধিক ডিজিটাল ডিভাইস এবং বিভিন্ন নথিপত্র। ন’ দিন আগেই মহারাষ্ট্র ও কর্নাটকের ধারাবাহিক অভিযান চালিয়েছিল এনআইএ (NIA)। সেই অভিযানে গ্রেফতার হয়েছিল ১৫জন জঙ্গি।

    গ্রেফতার এক চাঁই

    ওই অভিযানে গ্রেফতার হয়েছিল আইএসের এক মাথাও। সোমবার এনআইএ হানা দিয়েছিল জঙ্গিদের ১৯টি ডেরায়। গ্রেফতার করা হয়েছে আরও ৮জনকে। এদের মধ্যে রয়েছে বল্লারি মডিউলের ওই জঙ্গিদের নেতা মহম্মদ সুলেমান ওরফে মিনাজও। ধৃতদের মধ্যে বল্লারি ছাড়াও ছিল বেঙ্গালুরু, পুণে, মুম্বই, দিল্লি ও বোকারোর বাসিন্দারা। এনআইএ জেনেছে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল শহরের ব্যস্ততম এলাকায় নাশকতার ছক কষেছিল ধৃত জঙ্গিরা।

    আরও পড়ুুন: “ভিখারি হয়ে গিয়েছে রাজ্য, মোদির পা ধরতেই মমতা দিল্লিতে”, কটাক্ষ শুভেন্দুর

    এনআইএ-র তরফে জারি করা বিবৃতিতে মুখপাত্র জানিয়েছেন, “আজ আমরা মিনাজ ওরফে মহম্মদ সুলেমান ও সঈদ সমীরকে বল্লারি থেকে গ্রেফতার করেছি। মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে আনাস ইকবাল শেখকে। বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে মহম্মদ মুনিরুদ্দিন, সঈদ সামিউল্লা ওরফে সামি এবং মহম্মদ মুজাম্বেলকে। দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে সঈদ রহমানকে। আর জামশেদপুর থেকে গ্রেফতার করা হয়েছে মহঃ শাহবাজ ওরফে জুলফিকার গুড্ডুকে।”

    তিনি বলেন, “এদিনের অভিযানে যে আট জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই আইএসের সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে যুক্ত। মিনাজ ওরফে মহঃ সুলেমানের নেতৃত্বে তারা কাজকর্ম করছিল।” এনআইএ (NIA) জানিয়েছে, দেশে ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেটের মেরুদণ্ড ভাঙতে অভিযান চালানো হয়েছে। নিষিদ্ধ এই সংগঠন ভারত-বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। যেসব রাজ্যে এদিন হানা দেওয়া হয়েছে, সেখানকার পুলিশকেও শামিল করা হয়েছিল অভিযানে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Murshidabad: সেট পরীক্ষায় কলেজের ক্যান্টিনে বসে দেদার টুকলি! ফেসবুকে ভাইরাল ভিডিও

    Murshidabad: সেট পরীক্ষায় কলেজের ক্যান্টিনে বসে দেদার টুকলি! ফেসবুকে ভাইরাল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: অধ্যাপক নিয়োগের সেট পরীক্ষায় কলেজের ক্যান্টিনে বসে দেদার টুকলি চলছিল। এই ঘটনায় অভিযোগ জানিয়ে ফেসবুকে লাইভ করলেন কেলেজেরই এক প্রতিবাদী অধ্যাপক। ঘটনায় মুর্শিদাবাদের (Murshidabad) নরুল হাসান কলেজের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অপর দিকে পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস কলেজ কর্তৃপক্ষের।

    ঘটনা কীভাবে ঘটল (Murshidabad)?

    সূত্রে জানা গিয়েছে, সেট পরীক্ষা অর্থাৎ স্টেট এলিজিবিলিটি পরীক্ষার মাধ্যম কলেজ-বিশ্ববিদ্যালয়ের নিয়োগ করা হয়। গতকাল রবিবার ছিল এই সেট পরীক্ষার দিন। এই পরীক্ষা নিয়ে থাকেন পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। কলেজের মধ্যেও একটি ঘরে চারজন পরীক্ষার্থী টুকলি করছিল। খবর পেয়ে কলেজের (Murshidabad) এক বাংলার অধ্যাপক সঞ্জয় মণ্ডল সেই ঘরে ঢুকে টুকলি করার ভিডিও করেন। সেই সঙ্গে তিনি চুরি করে পাশ করানোর কথা বলে অভিযোগ করে ফেসবুকে লাইভ করেন। এরপর মুহূর্তেই সেই লাইভ ভিডিও ভাইরাল হয়ে যায়।

    সঞ্জয় বাবুর অভিযোগ কী?

    কলেজের (Murshidabad) অধ্যাপক সঞ্জয় মণ্ডল বলেন, “সাধারণ ভাবে সেট পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু কলেজের এক ক্যান্টিনে বসে চারজন পরীক্ষা দিচ্ছিল। খবর জানতেই আমরা অনেকে ঘরে ঢুকে দেখি টুকলি চলছে। সঙ্গে সঙ্গে চোরেরা পালিয়ে যেতে চেষ্টা করে। সম্পূর্ণ চুরির কাজ কলেজের অধ্যক্ষের সামনেই ঘটছিল। তিনি মোটা অঙ্কের টাকা খেয়ে এই অনৈতিক কাজ করেছেন। তবে এই ঘটনা প্রথম নয়। বছর বছর সেট পরীক্ষায় এই ভাবেই টাকার বিনিময়ে পাশ করানো হয়। চোখের সামনে এতও বড় দুর্নীতি দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। ফেসবুক লাইভ করে সকলের কাছে দুর্নীতি কথা রাখলাম।”

    কলজের অধ্যক্ষের বক্তব্য

    সেট পরীক্ষায় টুকলি নিয়ে কলজের (Murshidabad) অধ্যক্ষ শিবাশিস বলেন, “বাংলার ওই অধ্যাপক নিজে পরীক্ষার নিয়ম ভেঙেছেন। তাঁর বিরুদ্ধে আমরা আইন আনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।”

    কলেজ পরিচালন সমিতির বক্তব্য

    টুকলির বিষয়ে কলজের (Murshidabad) পরিচালন সমিতির পক্ষ থেকে বক্তব্য দিয়ে জানানো হয় পরীক্ষায় এই রকম দুর্নীতি কাম্য নয়। পরিচালন সমিতির সভাপতি সৌমেন পাণ্ডে বলেন, “ফেসবুকে লাইভ দেখেছি। অধ্যাপকের কাছ থেকেও অভিযোগ পেয়েছি। গোটা ঘটনাকে খতিয়ে দেখা হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: হাইকোর্টের নির্দেশ মানবেন মুখ্যসচিব? এক দিনের মধ্যে হলফনামা দিতে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

    Calcutta High Court: হাইকোর্টের নির্দেশ মানবেন মুখ্যসচিব? এক দিনের মধ্যে হলফনামা দিতে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: আলিপুরদুয়ারের মহিলা ঋণদানকারী সমিতির দুর্নীতি মামলায় আদালতের নির্দেশ মানার ইচ্ছা আদৌ রাজ্য সরকারের রয়েছে কি না, ২৪ ঘণ্টার মধ্যে তা জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই মামলার শুনানিতে সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, মঙ্গলবার বিকেল ৩টের মধ্যে বিষয়টি হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যের মুথ্যসচিবকে।

    আদালতের নির্দেশ

    উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতি দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিব কি কলকাতা হাইকোর্টের নির্দেশ মানবেন? সরাসরি সোমবার এই প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতির দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু সিবিআইয়ের উপর মামলার চাপ তৈরি হওয়ায় রাজ্যের ১০ জন পুলিশ অফিসারকে ডেপুটেশনে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। একই সঙ্গে আদালত জানায়, ওই মামলার তদন্তকারীদের উত্তরবঙ্গে থাকা এবং যাতায়াতের বন্দোবস্ত করতে হবে রাজ্যকে।তদন্তের স্বার্থে ওই মামলায় রাজ্যের মুখ্যসচিবকে ওই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

    কেন এই নির্দেশ

    প্রসঙ্গত, উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতির দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু সিবিআইয়ের উপর মামলার চাপ তৈরি হওয়ায় রাজ্যের ১০ জন পুলিশ অফিসারকে ডেপুটেশনে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। একই সঙ্গে আদালত জানায়, ওই মামলার তদন্তকারীদের উত্তরবঙ্গে থাকা এবং যাতায়াতের বন্দোবস্ত করতে হবে রাজ্যকে। তদন্তের স্বার্থে ওই মামলায় রাজ্যের মুখ্যসচিবকে ওই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রথমে ৩ নভেম্বর এবং পরে ৭ ডিসেম্বর আদালতের নির্দেশ জানানো হয় রাজ্যকে। কিন্তু সোমবারের শুনানিতে সিবিআই ফের জানায় এখনও রাজ্যের তরফে কোনও ব্যবস্থা করা হয়নি। এর পরই মুখ্যসচিবকে কড়া বার্তা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

    আরও পড়ুন: বাংলার মৃৎশিল্পী জামালউদ্দিনের তৈরি শ্রীরামের মূর্তি বসবে অযোধ্যার রামমন্দিরে

    প্রসঙ্গত, আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ২১ হাজার ১৬৩ জন মোট ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলে আবেদনকারী পক্ষের অভিযোগ ছিল হাইকোর্টে। টাকা জমা দেওয়ার সময় সমিতি জানিয়েছিল, ওই টাকা বাজারে ঋণ হিসাবে খাটানো হবে। কিন্তু পরে টাকা ফেরত পাওয়ার সময় হলে বিনিয়োগকারীরা জানতে পারেন, সমিতিই ‘বিলুপ্ত’ হয়ে গিয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amitabh Bachchan: ক্রিকেটে বিনিয়োগ করলেন বিগ-বি! টেনসি বলের প্রতিযোগিতায় মুম্বই দলের মালিক অমিতাভ

    Amitabh Bachchan: ক্রিকেটে বিনিয়োগ করলেন বিগ-বি! টেনসি বলের প্রতিযোগিতায় মুম্বই দলের মালিক অমিতাভ

    মাধ্যম নিউজ ডেস্ক: সরাসরি ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। শুরু হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL)। সেই টুর্নামেন্টে মুম্বই দলের মালিকানা কিনেছেন অমিতাভ। সোমবার অমিতাভ নিজেই এই খবর জানিয়েছেন ক্রিকেটপ্রেমীদের। আগামী বছরের আইপিএলের আগেই হবে এই প্রতিযোগিতা।

    দল কিনলেন অমিতাভ

    ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ বা আইএসপিএল হল টেনিস বলে ভারতের প্রথম টি-টেন টুর্নামেন্ট।  ছ’টি দল নিয়ে প্রথম পর্বের টুর্নামেন্ট আয়োজিত হবে মুম্বইয়ে। ২ থেকে ৯ মার্চ চলা এই টুর্নামেন্টে ১৯টি ম্যাচ খেলা হবে। মুম্বই ছাড়াও থাকবে হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা ও শ্রীনগর। অমিতাভের পাশাপাশি ক্রিকেট দল কিনেছেন অক্ষয় কুমার আর হৃতিক রোশনও। যথাক্রমে শ্রীনগর ও বেঙ্গালুরুর দল কেনেন তিনি। আর মুম্বইয়ের তারকাদের উপস্থিতি যোগ হতেই চর্চায় এসে গিয়েছে আইএসপিএল। টানটান উত্তেজনায় ভরা টি-১০ ক্রিকেট দেখতে পাবে দর্শকরা। 

    ক্রিকেটের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে উচ্ছ্বসিত ৮১ বছরের অভিনেতা। অমিতাভ (Amitabh Bachchan) নিজের ব্লগে লিখেছেন, ‘‘একটা নতুন দিন এবং একটা নতুন উদ্যোগ। মুম্বইয়ের মতো বিশেষ একটি দলের মালিক হিসাবে থাকতে পারাটা আমার কাছে সম্মানের। একটা দারুণ স্বপ্নময় ভবিষ্যতের জন্য নতুন প্রতিভা তুলে আনাই আমাদের প্রাধান্য।’’ অমিতাভের কথায়,”যাঁরা রাস্তায়, গলিতে ক্রিকেট খেলে থাকেন, তাঁদের জন্য নিজেদের দক্ষতার প্রমাণ দেওয়ার বড় মঞ্চ এই টুর্নামেন্ট। এবার পেশাদার মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন টেনিস বলের ক্রিকেটারেরা।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Covid in India: ফের করোনা-আতঙ্ক! দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩৫, মৃত্যু বেড়ে ৫ 

    Covid in India: ফের করোনা-আতঙ্ক! দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩৫, মৃত্যু বেড়ে ৫ 

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে ফের আতঙ্ক ছড়াচ্ছে করোনা। কোভিড (Covid-19) আক্রান্তের সংখ্যা ২০০০ ছুঁইছুঁই! গত কয়েক দিনে কোভিডে সংক্রমণ যে শুধু লাফিয়ে-লাফিয়ে বাড়ছে, তাই নয়, ঘটছে কোভিড-মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩৩৫ জন কোভিড -১৯-এ সংক্রামিত হয়েছে। ফলে, চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা পৌঁছল ১,৭০১-এ। একই সময়ে কোভিডে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এরমধ্যে চারটি মৃত্যুই হয়েছে কেরলে। অপর মৃত্যুটি ঘটেছে উত্তর প্রদেশে। 

    বাড়ছে আক্রান্তের সংখ্যা

    এই বার কেরালাতেই প্রথম কোভিড সংক্রমণ ধরা পড়েছে। কর্নাটক সরকার ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থা করেছে। স্বাস্থ্য দফতরের তরফে দীনেশ গুন্ডু রাও জানিয়েছেন, মানুষের কাছে আবেদন করা হয়েছে, সকলে যেন সাবধানে থাকেন, আতঙ্ক না ছড়িয়ে যেন সমস্ত নিয়মকানুন প্রাথমিক ভাবে মেনে চলেন। আরও জানা গিয়েছ, একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর (ICMR) জানিয়েছিল, কেরলের এক ৭৯ বছর বয়সী মহিলা কোভিড রোগীর দেহে কোভিড-১৯-এর সাব-ভেরিয়েন্ট জেএন.১ পাওয়া গিয়েছে। ওই মহিলা তিরুবনন্তপুরম জেলার কারাকুলামের বাসিন্দা। ৮ ডিসেম্বর জানা গিয়েছিল তিনি করোনা পজিটিভ। তার আগে, তাঁর শরীরে ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ ছিল। তবে, বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন। 

    আরও পড়ুন: মুম্বইয়ের হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী কাজলের মা তনুজা, ভক্ত মহলে উদ্বেগ

    সতর্কবার্তা হু-এর

    এবার সব চেয়ে আতঙ্ক-ছড়ানো ভ্যারিয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ‘পিরোলা’ ওরফে ‘বিএ.২.৮৬’ (BA.2.86 or Pirola)। দেখা গিয়েছে, শীত পড়তেই এ বছর বেড়ছে করোনার দাপট। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায়  নতুন করে ৩৩৫ জন কোভিড -১৯-এ সংক্রমিত হয়েছেন! এর জেরে চিকিৎসাধীন করোনারোগীর সংখ্যাও বাড়ল। দেশবাসীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। তবে শুধু ভারতে নয়, দুনিয়াজুড়েই বাড়ছে করোনার প্রকোপ। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে বেশ কয়েকটি দেশে। সতর্কবার্তা জারি করেছে হু (WHO)। তবে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন হু। সিঙ্গাপুর-সহ নানা দেশেই কোভিডের দাপট বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বড়দিনের সময়ে উৎসবের মরশুমে বিশেষ করে সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Telecommunication Bill 2023: লোকসভায় পেশ হল টেলিকমিউনিকেশন বিল, জানেন, কী আছে এতে?

    Telecommunication Bill 2023: লোকসভায় পেশ হল টেলিকমিউনিকেশন বিল, জানেন, কী আছে এতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় সুরক্ষার স্বার্থে যে কোনও টেলিযোগাযোগ নেটওয়ার্কের অস্থায়ী দখল নিতে পারবে কেন্দ্র। সোমবার লোকসভায় পেশ করা টেলিকমিউনিকেশন বিল ২০২৩-এর (Telecommunication Bill 2023) খসড়ায় একথাই বলা হয়েছে। এদিন বিরোধীদের হট্টগোলের মাঝেই লোকসভায় বিলটি পেশ করেছিলেন কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

    খসড়া আইন

    খসড়া আইনে বলা হয়েছে, ‘দুর্যোগ ব্যবস্থাপনা বা জননিরাপত্তার স্বার্থে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কর্তৃক এজন্য বিশেষভাবে অনুমোদিত কোনও কর্মকর্তা যদি সন্তুষ্ট হন যে এটা করা প্রয়োজন কিংবা সমীচিন, তাহলে বিজ্ঞপ্তি জারি করে কোনও অনুমোদিত সংস্থার কাছ থেকে কোনও টেলিযোগাযোগ পরিষেবা বা টেলিযোগাযোগ নেটওয়ার্কের সাময়িক দখল নিতে পারবে…।‘ খসড়া বিলে একথাও বলা হয়েছে, ‘কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কাছে স্বীকৃত সংবাদ দাতাদের ভারতে প্রকাশিত প্রেস বার্তাগুলিকে আটকানো বা বন্ধ করা হবে না, যদি না তাদের ট্রান্সমিশন উপধারা (২) এর ধারা (ক) এর অধীনে নিষিদ্ধ করা হয়।’

    মান্ধাতা আমলের আইন

    প্রসঙ্গত, খসড়া আইনটি (Telecommunication Bill 2023) মান্ধাতা আমলের ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট ১৮৮৫, ইন্ডিয়ান ওয়্যারলেস টেলিগ্রাফি অ্যাক্ট ১৯৩৩ এবং টেলিগ্রাফ ওয়্যারস অ্যাক্ট ১৯৫০-এর পরিবর্তে প্রয়োগ করা হবে। জননিরাপত্তার স্বার্থে মানুষের মধ্যে যে কোনও বার্তা চালচালিতে সরকার বাধা দেওয়ার নির্দেশ দিতে পারে বলেও বলা হয়েছে খসড়া বিলটিতে। এটি সরকারকে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থগিত করার ক্ষমতাও দেয়। বার্তাগুলির বেআইনি ইন্টারসেপশনের জন্য তিন বছর পর্যন্ত জেল এবং দু’ কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়ই হতে পারে। 

    আরও পড়ুুন: সুন্দরবন বাঁচাতে জলে নামছে সেনা! বিএসএফের তরফে নজরদারি অন্তরীক্ষেও?

    চলতি বছরের অগাস্ট মাসে বিলটি পাশ হয় মন্ত্রিসভায়। এদিন পেশ হয় লোকসভায়। সরকারের এক আধিকারিক জানান, মন্ত্রিসভায় পাশের আগে ট্রাই এই বিলটিকে স্থগিত করে দিয়েছিল। কারণ বিলটি ট্রাইয়ের ক্ষমতা খর্ব করার প্রস্তাবও দিয়েছিল। এদিন বিলটি পেশের আগে ব্যাপক হট্টগোল হচ্ছিল লোকসভায়। তার মধ্যেই বিলটি পেশ করেন অশ্বিনী বৈষ্ণব। বিলটিতে (Telecommunication Bill 2023) বিশেষ জোর দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share