Blog

  • AIIMS Kalyani: কল্যাণী এইমসে চলছে ১৩৭ পদে চিকিৎসক নিয়োগ, কবে আবেদনের শেষ তারিখ জেনে নিন

    AIIMS Kalyani: কল্যাণী এইমসে চলছে ১৩৭ পদে চিকিৎসক নিয়োগ, কবে আবেদনের শেষ তারিখ জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: ডাক্তারদের জন্য সুখবর। যেসমস্ত চিকিৎসকরা কল্যাণী এইমসে সরকারি চাকরি করতে চান, তাঁরা খুব দ্রুত নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। কল্যাণী এইমসে (AIIMS Kalyani) চিকিৎসক শূন্যপদ পূরণে বিজ্ঞপ্তি জারি হয়েছে। মোট শূন্যপদ হল ১৩৭টি। বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

    নিয়োগে যোগ্যতা

    এই শূন্য পদে যোগ্যতা (AIIMS Kalyani) হিসাবে বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্ট গ্রেজুয়েশন মেডিক্যাল ডিগ্রি হিসাবে এমডি, এমএস, ডিএনবি যোগ্যতা সম্পন্ন হতে হবে। এছাড়াও অতিরিক্ত যোগ্যতা হিসাবে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে এমডি, এমবিবিবিএস, ডিএনবি যোগ্যতা সম্পন্নরাও আবেদন করতে পারবেন।

    কোন কোন বিভাগে শূন্যপদ রয়েছে

    কল্যাণী এইমস (AIIMS Kalyani) বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, এইমসের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক পদে বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে। তবে এই পদগুলি সব নন-অ্যাকাডেমিক পদ। যেসব বিভাগগুলোতে নিয়োগ করা হবে সেগুলো হল— রেডিওলজি, পালমোনারি মেডিসিন, ফিজিওলজি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিন, ডার্মাটোলজি, ইএনটি, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মাইক্রোবায়োলজি, নিউক্লিয়ার মেডিসিন, অবস্টেট্রিক্স অ্যান্ড গায়নোকোলজি, অপথ্যালমোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, প্যাথোলজি, ফার্মাকোলজি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক, ট্রমা অ্যান্ড এমারজেন্সি মেডিসিন, অ্যানাস্থেসিয়া এবং অ্যানাটমি। মোট শূন্যপদ হল ১৩৭টি হলেও যোগ্যতা অনুসারে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

    বয়সসীমা এবং বেতন

    এই বিজ্ঞপ্তিতে (AIIMS Kalyani) বলা হয়েছে, আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। পদপ্রার্থীদের বেতনের ক্রম হবে ১৫৬০০ থেকে ৩৯১০০ প্রতি মাসে। সেই সঙ্গে গ্রেস পে হিসাবে অতিরিক্ত মিলবে আরও ৬৬০০ টাকা। একই ভাবে থাকবে অতিরিক্ত সুবিধা।

    আবেদন ফি এবং নিয়োগ পদ্ধিত

    এইমস কল্যাণীতে (AIIMS Kalyani) এনইএফটি-র মাধ্যমে ফি জমা করতে হবে। আবেদনের মূল্য ১০০০ টাকা। আবেদন করার পর প্রার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই করা হবে। আরও বলা হয়েছে বিজ্ঞাপনে যে প্রার্থীদের আবেদন পত্রে উল্লিখিত বয়স, শিক্ষা এবং প্রয়োজনীয় তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট শংসাপত্র, ডকুমেন্ট সেলফ-অ্যাটেস্টেড কপি আনতে হবে সাক্ষাৎকারের দিন।

    কিভাবে আবেদন করবেন

    প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় টাকা জমা দেওয়ার পর রেজিস্ট্রেশন নম্বর সহ একটি সিস্টেম জেনারেটেড হবে। এই রেজিস্ট্রেশনকে ডাউনলোড করে রাখতে হবে। নিয়োগ সাক্ষাৎকারের দিন ১৩ অক্টোবর এবং ১৪ অক্টোবর ২০২৩। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে  এবং আবেদনের শেষ তারিখ ৬ অক্টোবর ২০২৩।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘তৃণমূলের ৮০০ কোটি টাকা রয়েছে’’! চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘তৃণমূলের ৮০০ কোটি টাকা রয়েছে’’! চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের অবস্থান চলছে দিল্লিতে। ধরনা নিয়ে নানা প্রশ্নও উঠতে শুরু করেছে। বিরোধীদের দাবি, ব্লক স্তরের নেতাদেরও প্লেনে করে উড়িয়ে আনা হয়েছে দিল্লিতে। এছাড়া ১০০টি ভল্ভো বাসে করে কর্মীদেরকে নিয়ে যাওয়া হয়েছে রাজধানীর উদ্দেশে। রাজ্যের শাসক দলের এই বিপুল পরিমাণ অর্থের উৎস ঠিক কী! তা নিয়েও চলছে জোর চর্চা। অন্যদিকে দিল্লিতে তৃণমূলের অবস্থান কর্মসূচি নিয়ে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলকে ভারতের তৃতীয় বৃহত্তম ধনী দল বলেও মন্তব্য করেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর মতে ৮০০ কোটি টাকা রয়েছে তৃণমূলের।

    কী বললেন শুভেন্দু অধিকারী 

    রবিবারই দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূলের অবস্থান কর্মসূচিকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর মতে, “যন্তর মন্তরে যা খুশি করুন এপাং ওপাং ঝপাং! আমরা সবাই কোলা ব্যাঙ! যন্তর মন্তরের বাইরে কিছু করতে যাবেন না। ওখানে কিন্তু বিনীত গোয়েল নেই! অমিত শাহের পুলিশ, লাঠির সাইজ ৬ ফুট।” শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিন আরও বলেন “তৃণমূল কংগ্রেস তো ভারতের তৃতীয় ধনীতম দল। বর্তমানে তাদের তহবিলের পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা। সেই টাকা দিয়ে ২০-২৫টা চার্টার্ড ফ্লাইট বুক করে তো ওরা কর্মীদের সরাসরি দিল্লি নিয়ে যেতে পারত। একেকটা বড় বিমানে ২৫০-৩০০ লোক যেতে পারতেন।”

    ব্যাপক দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

    সোমবারই তৃণমূলের পাল্টা কর্মসূচি হিসেবে দিল্লি এবং কলকাতায় দু’ জায়গাতেই কর্মসূচি রয়েছে নিয়েছে বঙ্গ বিজেপি। দিল্লিতে সুকান্ত মজুমদারের নেতৃত্বে সাংসদদের দল যাবেন পঞ্চায়েত দফতরের মন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে। অন্যদিকে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়-এর প্রতিবাদে কলকাতার সড়কে ধরনা অবস্থান করবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রসঙ্গত, ১০০ দিনের কাজে বারংবারই দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। বেশ কয়েক মাস আগে উত্তর দিনাজপুরের একটি মামলাতে দেখা যায় তৃণমূলের নেতারা যেখানে পুকুর খননের কাজ দেখিয়েছেন, সেখানে রয়েছে আস্ত একটি ভুট্টার খেত। এই ঘটনায় রীতিমতো আশ্চর্য হয়ে যায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। অভিযোগ, কাজ না করেও মেলে ১০০ দিনের কাজের টাকা, সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যায়। এছাড়াও বিভিন্ন ভুয়ো প্রকল্পের মাধ্যমেও চলে একশ দিনের কাজের টাকা নয়ছয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games: এশিয়ান গেমসে ইতিহাস ভারতের! স্পিড স্কেটিংয়ে জোড়া পদক পুরুষ ও মহিলা দলের

    Asian Games: এশিয়ান গেমসে ইতিহাস ভারতের! স্পিড স্কেটিংয়ে জোড়া পদক পুরুষ ও মহিলা দলের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার ভারত কি পারবে রবিবারের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে? সেটা জানতে হলে, কিছুটা সময় ধৈর্য ধরতে হবে। তবে, এদিন সকালে জোড়া পদক জয় দিয়ে এশিয়ান গেমসে (Asian Games) নবম দিনের অভিযান শুরু করল ভারত। একই সঙ্গে নতুন ইতিহাসও রচনা করল ভারত (India at Hangzhou Games)। 

    স্পিড স্কেটিং রিলেতে পদক জয়

    এদিন ৩০০০ মিটার স্পিড স্কেটিং রিলেতে পুরুষ ও মহিলাদের দল ব্রোঞ্জ পদক জিতেছে (Asian Games)। এই প্রথম এই ইভেন্টে কোনও পদক জয় করল ভারতীয় দল (Asian Games)। পুরুষদের স্পিড স্কেটিংয়ের ফাইনালে ৪ মিনিট ১০.১২৮ সেকেন্ড দৌড় শেষ করে ব্রোঞ্জ জেতে ভারতের আরিয়ানপাল সিংহ ঘুমান, আনন্দকুমার ভেলকুমার, সিদ্ধান্ত কাম্বলে ও বিক্রম ইনগালে। অন্যদিকে, মহিলাদের ৩০০০ মিটার স্পিড স্কেটিং রিলেতে ব্রোঞ্জ জিতেছেন সঞ্জনা বাথুলা, কার্থিকা জগদীশ্বরণ, হিরাল সাধু ও আরাথি কস্তুরি রাজ।

     

    পিটি ঊষার নজির স্পর্শ

    এদিকে, সোমবার নজির সৃষ্টি করেছেন ভারতের (India at Hangzhou Games) মহিলা স্প্রিন্টার বিথ্যা রামরাজ। এদিন সকালে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বিথ্যা রামরাজ শীর্ষে থেকে হিট শেষ করেছেন এবং ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। তবে, উল্লেখযোগ্য বিষয় হল, ৫৫.৪২ সেকেন্ডে চারশো মিটার দৌড় সম্পূর্ণ করেন বিথ্যা। আর তার মাধ্যমে তিনি স্পর্শ করেন ৪০ বছর আগের করা কিংবদন্তী পিটি উষার রেকর্ড। ১৯৮৪ সালের অলিম্পিকে একই সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন পিটি ঊষা।

    পারলেন না সুতীর্থা-ঐহিকা

    তবে, এদিন স্বপ্নপূরণ করতে পারলেন না দুই বঙ্গতনয়া। প্রত্যাশা থাকলেও, সোনা-রুপো হাতছাড়া করলেন সুতীর্থা মু‌খোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। টেবিল টেনিসে মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উত্তর কোরিয়ার জুটির কাছে হারলেন তাঁরা। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁদের।

    পদক সংখ্যা ৫০ পার 

    গতকাল অর্থাৎ, রবিবার, এশিয়াডে (Asian Games) ছিল ভারতের স্মরণীয় দিন। এদিন ১৫টি পদক এসেছে ভারতের ঝুলিতে। এর মধ্যে, ৯টি পদক এসেছে শুধুমাত্র অ্যাথলেটিক্স থেকেই। ২০১০ সালের এশিয়ান গেমসে এক দিনে ১১টি পদক জিতেছিল তারা। সেই রেকর্ড ভেঙে গেল রবিবার। বর্তমানে ভারতের দখলে মোট ৫৬টি পদক রয়েছে। এর মধ্যে ১৩টি সোনা, ২১টি রুপো ও ২২টি ব্রোঞ্জ রয়েছে (India at Hangzhou Games)। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ISIS Terrorist Arrested: মাথার দাম ৩ লক্ষ! দিল্লিতে গ্রেফতার ‘মোস্ট ওয়ান্টেড’ আইএস জঙ্গি

    ISIS Terrorist Arrested: মাথার দাম ৩ লক্ষ! দিল্লিতে গ্রেফতার ‘মোস্ট ওয়ান্টেড’ আইএস জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লিতে ঘাপটি বেঁধে রয়েছে তিন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি। এমন চাঞ্চল্যকর খবর ছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-র কাছে। সেইমতোই, রাজধানী জুড়ে গত কয়েকদিন ধরে চলছিল চিরুনি-তল্লাশি। ঘোষণা করা হয়েছিল মোটা অঙ্কের পুরস্কারের। আর তাতেই মিলল বড়সড় সাফল্য। সোমবার সকালে দিল্লি থেকে গ্রেফতার (ISIS Terrorist Arrested) করা হয়েছে তিনজনের মধ্যে একজনকে।

    জালে ‘মোস্ট ওয়ান্টেড’ আইএস জঙ্গি

    সংবাদসংস্থা সূত্রে খবর, দিল্লি থেকে ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিকে ধরল দিল্লি পুলিশ (Delhi Police)। এদিন যে জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে তার নাম মহম্মদ শাহনওয়াজ ওরফে সফিউজ্জামা আলম ওরফে আবদুল্লা। দিল্লির একটি গোপন ডেরা থেকে তাকে আটক করে (ISIS Terrorist Arrested) দিল্লি পুলিশের স্পেশাল সেল। মূলত, জঙ্গিদের খুঁজে বের করার এই তদন্তে এনআইএ-র সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। জানা গিয়েছে, শফির মাথার দাম ৩ লক্ষ টাকা ঘোষণা করেছিল এনআইএ। পুণে আইএস মডিউলের সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত ছিল এই বলে নিশ্চিত তথ্য রয়েছে গোয়েন্দাদের কাছে।

    মোট ন’লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

    এনআইএ যে তিন জঙ্গির তল্লাশি করছিল, তাদেরই একজন হল এই শাহনাওয়াজ (ISIS Terrorist Arrested)। বাকি দু়জন হল রিজওয়ান আব্দুল হাজি আলি ও আবদুল্লা ফৈয়াজ শেখ। গত অগাস্ট মাসেই এই তিনজনের সম্পর্কে বিস্তারিত তথ্য এনআইএ-র হাতে আসে। গোয়েন্দারা আরও জানতে পারেন যে, এই তিন জনই দিল্লিতে এসে গা ঢাকা দিয়েছে। এর পরই দিল্লির আনাচে-কানাচে এদের খোঁজ চালাচ্ছে গোয়েন্দাদের টিম। এই দলে যেমন রয়েছে এনআইএ। তেমনই রয়েছে দিল্লি পুলিশের (Delhi Police) বিশেষ সেল সহ একাধিক নিরাপত্তা সংস্থা। কিছুদিন আগেই, এই তিন জনের সন্ধান দিতে পারলে মাথাপিছু তিন লক্ষ করে মোট ন’লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: অ্যাথলেটিক্সে জোড়া সোনা, স্টিপলচেজে ইতিহাস অবিনাশের, শট পাটে ফের বাজিমাত তেজিন্দারের

    Asian Games 2023: অ্যাথলেটিক্সে জোড়া সোনা, স্টিপলচেজে ইতিহাস অবিনাশের, শট পাটে ফের বাজিমাত তেজিন্দারের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সোনা জয় ভারতের (Asian Games 2023)। ৩ হাজার মিটার স্টিপলচেজে সোনা জিতলেন অবিনাশ সাবল। ৮ মিনিট ১৯.৫০ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। অবিনাশের দৌলতে চলতি এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতল ভারত। রবিবার অবিনাশের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন জাপানের রিয়োমা আওকিক। এঁর সঙ্গে অবিনাশের সময়ের পার্থক্য ছিল প্রায় চার সেকেন্ডের। জাপানেরই সেইয়া সুনাডা তৃতীয় হয়েছেন।

    রেকর্ড গড়লেন অবিনাশ

    এদিন ইরানের দৌড়বিদ হোসেন কিহানির রেকর্ড ভাঙেন অবিনাশ। গত এশিয়ান গেমসে ৮ মিনিট ২২.৭৯ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জিতেছিলেন কিহানি। এবার তাঁকে হারিয়ে সোনা ছিনিয়ে নিলেন মহারাষ্ট্রের অবিনাশ। ভারতীয় সেনার সদস্য অবিনাশ। গত কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছিলেন তিনি। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও গত বছর রুপো পেয়েছিলেন তিনি। এবার জিতলেন সোনা।

    সোনা জয় তেজিন্দারেরও

    এদিন অ্যাথলেটিক্সে দেশকে (Asian Games 2023) সোনা এনে দিয়েছেন আরও একজন। তিনি তেজিন্দারপাল সিং তুর। এশিয়ান গেমসে পুরুষদের শট পাটে সোনা জিতেছেন তিনি। ২০.৩৬ মিটার দূরত্বে শট পাট ছুড়ে সোনা ছিনিয়ে নিয়েছেন তেজিন্দারপাল। তেজিন্দারের দখলেই রয়েছে পুরুষদের শট পাটের এশীয় রেকর্ড। ২১.৭৭ মিটার দূরত্বে শট পাট ছুড়ে এশীয় রেকর্ড গড়েছিলেন তিনি। আঠারোর এশিয়ান গেমসেও সোনা এসেছিল তেজিন্দারের ঝুলিতে। সেবার ২০.৭৫ মিটার দূরত্বে শট পাট ছুড়ে রেকর্ড করেছিলেন।

    আরও পড়ুুন: দেশ পাচ্ছে আরও একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, তেলঙ্গনায় ঘোষণা প্রধানমন্ত্রীর

    পঞ্জাবে তেজিন্দারের বাবা পরম সিং তুরকে ‘হিরো’ বলে ডাকা হত। দড়ি টানাটানি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ছিলেন পরম সিং। তাঁকে দেখেই খেলাধুলোয় উৎসাহ জন্মে তেজিন্দারের। কয়েক বছর আগে ত্বকের ক্যানসার ধরা পড়ে পরম সিংয়ের। বছর তিনেকের মধ্যে মারণ ব্যাধি ছড়িয়ে পড়ে হাড়েও। গুরুতর অসুস্থ তিনি। সেই কারণে কমনওয়েলথ গেমস শেষ না করেই বাড়ি ফিরে আসার সিদ্ধান্তও নিয়েছিলেন তেজিন্দার। খেলা ছেড়ে দেওয়ার কথাও (Asian Games 2023) ভেবেছিলেন। পরিবারের সদস্যরাই এই দুই সিদ্ধান্ত নেওয়া থেকে নিরস্ত করেন তাঁকে। পরম সিং বলেন, “আমি দড়ি টানাটানিতে যে পরিশ্রম করতাম, তার ছ’ গুণ পরিশ্রম ও আজ করেছে। বিদেশের মাটিতে ভারতের পতাকা উড়িয়েছে আমার ছেলে। এর থেকে বেশি আর কী চাই!”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: দেশ পাচ্ছে আরও একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, তেলঙ্গনায় ঘোষণা প্রধানমন্ত্রীর

    PM Modi: দেশ পাচ্ছে আরও একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, তেলঙ্গনায় ঘোষণা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশ পেতে চলেছে আরও একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। রবিবার ভোটমুখী তেলঙ্গনার মহবুব নগরে একথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘সম্মক্কা সরাক্কা সেন্ট্রাল ট্রাইবাল ইউনির্ভাসিটি’। উপজাতি সম্প্রদায়ের মানুষের পরম শ্রদ্ধার দেবী সম্মাক্কা ও সরাক্কা। তাঁদের নামেই হচ্ছে বিশ্ববিদ্যালয়। ৯০০ কোটি টাকা ব্যয়ে এই বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠবে মুলুগু জেলায়।

    কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়

    এদিন প্রধানমন্ত্রী বলেন, “মুলুগু জেলায় কেন্দ্রীয় সরকার একটি কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয় গড়বে। যার নাম হবে উপজাতিদের দেবী সম্মক্কা ও সরাক্কার নামে। এজন্য ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁদের ভালবাসার জন্য তেলঙ্গনাবাসীকে আমার কৃতজ্ঞতা জানাই।” এর পাশাপাশি নিজামাবাদে একটি ন্যাশনাল টারমারিক বোর্ড গঠনের কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ১৩ হাজার ৫০০ কোটি টাকার আরও বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি।

    ট্রেন যাত্রার সূচনা

    এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী (PM Modi) একটি ট্রেনের যাত্রার সূচনাও করেন। ট্রেনটি চলবে হায়দ্রাবাদ-রাইচুর-হায়দ্রাবাদ রুটে। কৃষ্ণ স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে। এই ট্রেনটির মাধ্যমে মহবুবনগর এবং নারায়ণপেত জেলার সংযোগ স্থাপন হবে। ট্রেনটি চালু হলে ছাত্রছাত্রী, নিত্যযাত্রী, কর্মী এবং স্থানীয় হ্যান্ডলুম ইন্ডাস্ট্রির কর্মীদের সুবিধা হবে। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “কোভিড অতিমারির পরে হলুদ সম্পর্কে জনসচেতনতা বেড়েছে। বিশ্ববাজারেও হলুদের চাহিদা বেড়েছে। সেই কারণে হলুদের দিকে আমাদের বেশি করে নজর দিতে হবে।

    আরও পড়ুুন: ২০২৯ সালেই কার্যকর হবে ‘এক দেশ, এক নির্বাচন’ নীতি!

    উৎপাদন থেকে রফতানি সব দিকেই নজর দিতে হবে। হলুদ চাষিদের প্রয়োজন ও ভবিষ্যৎ সুযোগের কথা ভেবে কেন্দ্র জাতীয় হলুদ বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে।” প্রধানমন্ত্রী এদিন নাগপুর-বিজয়ওয়াড়া ইকনমিক করিডরের শিলান্যাসও করেন। অনুষ্ঠানে মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গও উত্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “উৎসবের ঋতু শুরু হয়ে গিয়েছে। নবরাত্রি উৎসব দোরগোড়ায়। সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করে আমরা শক্তিপূজার যাথার্থতাকেই মান্যতা দিয়েছি।” হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিল্ডিংয়েরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী (PM Modi)।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • One Nation One Election: ২০২৯ সালেই কার্যকর হবে ‘এক দেশ, এক নির্বাচন’ নীতি!

    One Nation One Election: ২০২৯ সালেই কার্যকর হবে ‘এক দেশ, এক নির্বাচন’ নীতি!

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘এক দেশ, এক নির্বাচন’ (One Nation One Election) নীতি রূপায়ণে ফর্মুলা খুঁজতে জোরকদমে কাজ শুরু করে দিয়েছে আইন কমিশন। ২০২৯ সালে লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই যাতে সব রাজ্যের বিধানসভাগুলির নির্বাচন করিয়ে নেওয়া যায়, সেই লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে কমিশন। সে ক্ষেত্রে প্রয়োজনে বিধানসভাগুলির মেয়াদ বাড়ানো বা কমানো যেতে পারে।

    ‘এক দেশ, এক নির্বাচনে’র পক্ষে প্রধানমন্ত্রী

    ‘এক দেশ, এক নির্বাচনে’র পক্ষে বরাবর সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, এই নীতি কার্যকর হলে লাভ হবে একাধিক। একদিকে যেমন নির্বাচনের খরচ কমবে, তেমনি অন্যদিকে কাজ কমবে সরকারি আধিকারিকদের। নির্বাচনের জন্য যে আদর্শ আচরণবিধি লাগু হয়, তার জেরে যে ব্যাহত হয় উন্নয়নমূলক কাজকর্ম, সেসবও আর হবে না। লোকসভা ও বিধানসভাগুলির নির্বাচন এক সঙ্গে হলে সাশ্রয় হবে জনগণের অর্থ। স্বাধীনতার পরবর্তী বেশ কয়েক বছর এক সঙ্গে অনুষ্ঠিত হয়েছে লোকসভা ও বিধানসভার নির্বাচন (One Nation One Election)। সেই ব্যবস্থাই ফিরিয়ে আনতে চাইছে নরেন্দ্র মোদির সরকার। ‘এক দেশ, এক নির্বাচনে’র তত্ত্ব বাস্তবায়িত করতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটিও গঠন করেছে কেন্দ্র।

    কাজ শুরু আইন কমিশনের

    আগামী বছর লোকসভা নির্বাচন। ২০২৯ সাল পর্যন্ত দেশ চালাবে নতুন সরকার। তার মধ্যে কোনও এক সময় বিভিন্ন নির্বাচন এক সঙ্গে করা যায় কিনা, তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে আইন কমিশন। কাজ কতদূর এগিয়েছে, তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বৈঠকে বসেছিল কমিশন। যেহেতু ‘এক দেশ, এক নির্বাচন’ সম্পন্ন করতে সংবিধান সংশোধনের প্রয়োজন, তাই চূড়ান্ত রিপোর্ট দিতে কমিশনের কিছু সময় প্রয়োজন। লোকসভা, বিধানসভার পাশাপাশি স্থানীয় স্তরের নির্বাচনগুলিও এক সঙ্গে করা যায় কিনা, তাও খতিয়ে দেখছে কেন্দ্র।

    আরও পড়ুুন: যৌন সম্পর্কে সম্মতির বয়স কমানো যাবে না, কেন্দ্রকে পরামর্শ ল’ কমিশনের

    এই বিষয়টি দেখার জন্যও আইন কমিশনকে বলা হতে পারে বলে কমিশনের একটি সূত্রে খবর। ২০২৯ সালে এক সঙ্গে নির্বাচন করাতে হলে বিধানসভাগুলির মেয়াদ বাড়ানো বা কমানোর সুপারিশ করা হতে পারে। ২০১৮ সালে ২১তম আইন কমিশন মোদি সরকারের ‘এক দেশ, এক নির্বাচনে’র (One Nation One Election) প্রস্তাব সমর্থন করেছিল। এ ব্যাপারে আইনমন্ত্রকে একটি রিপোর্টও জমা দেওয়া হয়েছিল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: স্বচ্ছতা অভিযানে ঝাঁটা হাতে নামলেন প্রধানমন্ত্রী, পথে নামলেন শাহ-যোগী-নাড্ডাও

    PM Modi: স্বচ্ছতা অভিযানে ঝাঁটা হাতে নামলেন প্রধানমন্ত্রী, পথে নামলেন শাহ-যোগী-নাড্ডাও

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে এক ঘণ্টার স্বচ্ছতা অভিযানে অংশ নিতে দেশবাসীকে অনুরোধ করেছিলেন তিনি। রবিবাসরীয় সকালে ১০টা থেকে ১১টা পর্যন্ত নিজেই যোগ দিলেন স্বচ্ছতা অভিযানে। রাত পোহালেই গান্ধী জয়ন্তী। তার আগের দিন স্বচ্ছ ভারত অভিযানে কোমর কষে নেমে পড়েছিলেন তিনি।

    স্বচ্ছতা অভিযানে প্রধানমন্ত্রী 

    এদিন ঘণ্টাখানেক বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এক্স হ্যান্ডেলে সেই ভিডিও পোস্টও করেছেন তিনি। ক্যাপশনে প্রধানমন্ত্রী লিখেছেন, “আজ ভারতের লক্ষ্য স্বচ্ছতা।” ওই ভিডিওয় দেখা গিয়েছে, হাতে গ্লাভস পরে সাফাই অভিযানে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী। ঝাড়ু হাতে নিয়ে ঝাঁটও দিতে দেখা গিয়েছে তাঁকে। একটি বাগানে তাঁর সঙ্গে স্বচ্ছতা অভিযানে দেখা গিয়েছে ফিটনেস বিশেষজ্ঞ অঙ্কিত বাইয়ানপুরিয়াকে।

    প্রধানমন্ত্রীর বার্তা 

    চার মিনিট একচল্লিশ সেকেন্ডের ওই ভিডিও-র ক্যাপশনে প্রধানমন্ত্রী লিখেছেন, “আজ যেহেতু ভারতের লক্ষ্য স্বচ্ছতা, তাই অঙ্কিত বাইয়ানপুরিয়া ও আমি একই কাজ করেছি। কেবল পরিষ্কার-পরিচ্ছন্নতাই নয়, আমরা ফিটনেস ও সুস্থতাকেও মিশ্রিত করেছি। সবটাই স্বচ্ছ ও সুস্থ ভারতের ভাবনা।” গত রবিবার মন কি বাতের অনুষ্ঠান থেকেই ১ অক্টোবর ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযান কর্মসূচি পালনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। তিনি জানিয়েছিলেন, মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই এই অভিযানে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

    স্বচ্ছতায় এক ঘণ্টা শ্রম দিয়ে নিজের এলাকার নদনদী, নালা-জলাশয় পরিষ্কারের মাধ্যমে গান্ধীজিকে ‘স্বচ্ছাঞ্জলি’ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার স্বচ্ছতা অভিযানে যোগ দেন তিনি। এদিনের অভিযানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদরাও শামিল হন। গুজরাটের আমেদাবাদে স্বচ্ছতা অভিযানে অংশ নিয়েছিলেন অমিত শাহ।

    আরও পড়ুুন: ‘দিল্লি চলো’ হুঙ্কার ছেড়ে নিজের রাজ্যেই ক্লাবের অনুদান বন্ধ করলেন মমতা!

    আর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই কর্মসূচি পালন করেছেন দিল্লিতে। সীতাপুরে এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রসঙ্গত, ২০১৪ সালে প্রধানমন্ত্রী (PM Modi) পদে আসীন হন মোদি। তার পর থেকে ফি বছর ১ অক্টোবর স্বচ্ছ অভিযান কর্মসূচি পালন করে চলেছেন তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games: রবিবার ফের এল সোনা, পুরুষদের দলগত ট্র্যাপ ইভেন্টে বাজিমাত ভারতের

    Asian Games: রবিবার ফের এল সোনা, পুরুষদের দলগত ট্র্যাপ ইভেন্টে বাজিমাত ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: শনির পর রবিবার। শনিবার এশিয়ান গেমস (Asian Games) টেবিল টেনিসে মেয়েদের ডাবলসের সেমিফাইনালে উঠে আপাতত ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেছেন এই দুই টেবিল টেনিস খেলোয়াড়। তারপর রবিবার এল সোনা। এদিন সোনা এল শ্যুটিংয়ে। পুরুষদের দলগত ট্র্যাপ ইভেন্ট থেকে দেশকে সোনা এনে দিলেন কিনান দারিয়াস, জোরাভার সিংহ সান্ধু এবং টি পৃথ্বীরাজ। এ নিয়ে এ বারের এশিয়ান গেমসে ১১তম সোনা এল ভারতের ঝুলিতে। এ নিয়ে শ্যুটিংয়ে সপ্তম সোনা পেল ভারত।

    কুয়েতকে ধরাশায়ী ভারতের 

    এদিন ৩৬১ পয়েন্ট (Asian Games) তুলে সোনা জিতেছে ভারতীয় দল। দ্বিতীয় রাউন্ডের পর কিছুটা পিছিয়ে পড়লেও তৃতীয় রাউন্ডে চোখ ধাঁধানো পারফরম্যান্স করে ভারত। ৩৫৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে কুয়েত। ৩৫৪ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছে চিন। এর আগের বার রেকর্ড গড়েছিল কুয়েত। এবার সেই কুয়েতকেই ধরাশায়ী করে সোনা জিতলেন শ্যুটাররা। পুরুষদের ৫০ মিটার (Asian Games) ট্র্যাপ থেকে যে সোনা আসতে পারে, তা জানাই ছিল। কিনান, জোরাবর এবং পৃথ্বীরাজ যথেষ্ট ফর্মেও ছিলেন। রবিবার সেই ফর্মেরই ফসল কুড়োল ভারত। ৩৪৭ পয়েন্ট তুলেছে কুয়েত। ভারতের স্কোর ৩৬১। চিনের শ্যুটারদের স্কোর ৩৪১। টিম ইভেন্টে সোনা জয়ের পাশাপাশি ব্যক্তিগত ফাইনালের ইভেন্টে উঠেছেন কিনান ও জোরাবর।

    ভারতের জয়জয়কার

    এদিন প্রথম রাউন্ড থেকেই তীব্র হয়েছে ভারত, চিন এবং কুয়েতের ত্রিদেশীয় লড়াই। প্রথম রাউন্ডে ভারতের পয়েন্ট ৭৪। কুয়েত ও চিনের পয়েন্ট যথাক্রমে কুয়েত ৭২ ও ৭৩। দ্বিতীয় রাউন্ডে ৬৯ পয়েন্ট তোলেন পৃথ্বীরাজরা। এই রাউন্ডে কুয়েত ও চিনের পয়েন্ট যথাক্রমে ৭৩ ও ৬৯। তৃতীয় রাউন্ডে ভারতের পয়েন্ট ৭২। কুয়েত ও চিনের পয়েন্ট যথাক্রমে ৭২ ও ৭০। চতুর্থ রাউন্ডে ভারতের পয়েন্ট ৭৪। কুয়েত ও চিনের পয়েন্ট যথাক্রমে ৭২ ও ৬৯।

    চতুর্থ রাউন্ডের (Asian Games) পর ছিটকে যায় চিন। পঞ্চম তথা শেষ রাউন্ডে ভারত লড়াই করে কুয়েতের সঙ্গে। ভারতের তিন প্রতিনিধি মিলে তোলে ৭২ পয়েন্ট। কুয়েতের শ্যুটাররা তোলেন ৭০ পয়েন্ট। ২ পয়েন্টে এগিয়ে থেকে সোনা জিতে নেয় ভারত।

    আরও পড়ুুন: “যাদের পোড়া বিড়ি জুটত না, তারা সব প্লেনে করে দিল্লি যাচ্ছে”, কটাক্ষ শুভেন্দুর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ৬ দিনে ৪ ভোটমুখী রাজ্যে ৮ সভা! ম্যারাথন নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদি

    Narendra Modi: ৬ দিনে ৪ ভোটমুখী রাজ্যে ৮ সভা! ম্যারাথন নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: চার রাজ্যে আট সভা। আগামী ৬ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কর্মসূচি এমনটাই। যার শুরুটা হল শনিবার। যা চলবে আগামী বুধবার পর্যন্ত।

    ৩০ সেপ্টেম্বর-৬ অক্টোবর ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

    আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে চলতি বছরের শেষে হতে চলেছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন (Assembly Elections 2023)। এই পাঁচ রাজ্য হল— মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা, ছত্তিসগড় ও মিজোরাম। এই নির্বাচনগুলি অনেকটা ফাইনালের আগে হওয়া সেমি ফাইনালের মতোই। অর্থাৎ, লোকসভা নির্বাচনের আগে নিজেদের শক্তি-দুর্বলতা যাচাই করে নিতে তৎপর সব পক্ষই। এই পাঁচ রাজ্যের মধ্যে আবার প্রথম চারটিতে ভাল ফল করতে চাইছে শাসক-বিরোধী সবপক্ষই।

    এই পরিস্থিতিতে, শনিবার থেকে ভোট প্রচারে (Assembly Elections 2023) জোরকদমে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার থেকেই ভোটমুখী রাজ্যগুলিতে মেগা নির্বাচনী প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী। ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ঠাসা কর্মসূচি নরেন্দ্র মোদির। এই সময়ে মোদি চার রাজ্যে থাকবেন। সেগুলি হল— মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা ও ছত্তিসগড়। এই ৬ দিনে আটটি র‌্যালিতে অংশগ্রহণের মাধ্যমে প্রচার ঝড় তুলবেন নমো। কোথাও পরিবর্তনের ডাক তো কোথাও প্রত্যাবর্তনের আশ্বাস। পাশাপাশি, বেশ কয়েকটি সরকারি প্রকল্পের সূচনাও করার কথা প্রধানমন্ত্রীর।

    কংগ্রেস-শাসিত ছত্তিসগড় সরকারকে আক্রমণ মোদির

    এদিন ছত্তিসগড় দিয়ে বৃহৎ নির্বাচনী (Assembly Elections 2023) কর্মসূচির সূচনা করলেন মোদি (Narendra Modi)। শনিবার বিলাসপুরে বিজেপির দু’টি পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘পরিবর্তন মহাসংকল্প’ সমাবেশ। পাশাপাশি, বিলাসপুরের বিজ্ঞান কলেজ মাঠে বক্তব্য পেশ করেন। এদিন বিলাসপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নেতৃত্বাধীন রাজ্যের শাসক দল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন মোদি। বলেন, ‘‘মদ থেকে গোবর, সবতেই দুর্নীতি করেছে এই প্রশাসন।’’ রাজ্যের শাসক শিবিরের দুর্নীতির খতিয়ান তুলে ধরার পাশাপাশি সংসদে মহিলা বিল পাশ করা এবং কংগ্রেস আমলে সেটা যে দীর্ঘদিন আটকে ছিল, তাও উত্থাপন করেন মোদি। বলেন, ‘‘আরও একটা প্রতিশ্রুতি পূরণ করেছি আমি। নারী শক্তি আজ বাস্তব। গত ৩০ বছর ধরে আটকে ছিল।’’

     

     

    পরপর জনসভা ও একাধিক সরকারি কর্মসূচি নরেন্দ্র মোদির

    আগামিকাল, ১ অক্টোবর তেলঙ্গনার মেহবুবনগর জেলায় যাবেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা। রেল পরিষেবারও সূচনা করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি যাবেন নিজামের শহরে। হায়দরাবাদ বিশ্ববিদ্যলয়ে নতুন পাঁচটি ভবন তৈরি করা হয়েছে। ভবনগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ২ অক্টোবর মধ্যপ্রদেশে যাবেন মোদি। গোয়ালিয়রে দুটি জনসভা (Assembly Elections 2023) করার কথা। জবলপুর এবং জগদলপুরেও জনসভা করতে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ওই দিনই প্রধানমন্ত্রী যাবেন রাজস্থানের চিতোরগড়ে। কংগ্রেস শাসিত রাজ্যেও সভা করবেন তিনি। ৩ অক্টোবর, তেলঙ্গানার নিজামাবাদ এবং তার পরে লাগোয়া ছত্তিসগড়ের জগদলপুরে মোদির জনসভা কর্মসূচি রয়েছে। এর পর ৬ তারিখ মোদি ফের যাবেন রাজস্থানে। সেখানে কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গেহলটের শহর জোধপুরে বিজেপির সমাবেশে অংশ নেবেন মোদি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share