Blog

  • Nipah Virus: মৃত্যুর হার করোনার থেকে বেশি! নিপা ভাইরাস নিয়ে সতর্ক করল আইসিএমআর

    Nipah Virus: মৃত্যুর হার করোনার থেকে বেশি! নিপা ভাইরাস নিয়ে সতর্ক করল আইসিএমআর

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস (Nipah Virus)। নিপার সংক্রমণে মৃত্যুর হার কোভিডের তুলনায় অনেকটাই বেশি। সতর্কতা জারি করে এই বার্তা দিল কেন্দ্রীয় চিকিৎসা গবেষণা সংস্থা ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ’(ICMR)। আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল (ডিজি) রাজীব বহল শুক্রবার জানিয়েছেন, নিপা ভাইরাসের আক্রান্তদের ক্ষেত্রে মৃত্যুর হার ৪০-৭০ শতাংশ। অন্য দিকে কোভিডে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার নিপার তুলনায় অনেকটাই কম। মাত্র ২-৩ শতাংশ।

    আনা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি

    কেরলে নিপা ভাইরাসের (Nipah Virus) সংক্রমণ ছড়াতে শুরু করেছে। সে রাজ্যে এখনও পর্যন্ত ছ’জন নিপায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। কেরলের কোঝিকোড়, কান্নুড়, ওয়েনাড় এবং মলপ্পুরমে সতর্কতা জারি করা হয়েছে। নিপা ভাইরাসের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া থেকে আনা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আরও অন্তত ২০টি ডোজ আনা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। এর আগে ২০১৮ সালে ওই অ্যান্টবডি আনা হয়েছিল। তার মধ্যে বর্তমানে যতটুকু আছে, তাতে ১০ জন রোগীর চিকিৎসা হতে পারে বলে জানা যাচ্ছে। আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ভাইরাসে আক্রান্ত হলে একেবারে শুরুর দিকেই রোগীকে এই অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করা প্রয়োজন। তবেই ফল পাওয়া যায়। এখনও পর্যন্ত ভারতে কাউকে এই পদ্ধতিতে চিকিৎসা করা হয়নি বলে জানিয়েছেন তিনি। রাজীব বাহল তথ্য তুলে ধরে বলেন, দেশের বাইরে ১৪ জন নিপা ভাইরাস আক্রান্ত রোগীকে মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। তবে এই অ্যান্টিবডি ব্যবহারের সিদ্ধান্ত কেরল সরকার, ডাক্তার এবং রোগীদের পরিবারের উপর ছেড়ে দেওয়া হবে, বলেছেন রাজীব।

    আরও পড়ুন: “সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে ভারত-পাক ক্রিকেট নয়”! স্পষ্ট বার্তা অনুরাগ ঠাকুরের

    সতর্কতা বিভিন্ন রাজ্যে

    শুক্রবার কেরলের স্বাস্থ্য দফতর জানিয়েছে, যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের দ্রুত চিহ্নিত করে বিশেষ পর্যবেক্ষণে রাখা হচ্ছে। শুধু তাই-ই নয়, যাঁরা ওই সব রোগীদের সংস্পর্শে এসেছেন, এমন ব্যক্তিদেরও চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। তাঁদেরও একান্তবাসে পাঠিয়ে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কেরলের পাশাপাশি কর্নাটক এবং রাজস্থানেও সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থান সরকার বৃহস্পতিবার নিপা নিয়ে নির্দেশিকা জারি করেছে। একই সঙ্গে, সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কর্নাটকেও নিপা ঠেকাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Jammu Kashmir: বারামুল্লার উরিতে খতম ৩ জঙ্গি, এখনও চলছে অনন্তনাগের অভিযান

    Jammu Kashmir: বারামুল্লার উরিতে খতম ৩ জঙ্গি, এখনও চলছে অনন্তনাগের অভিযান

    মাধ্যম নিউজ ডেস্ক: অনন্তনাগে জঙ্গি হামলায় ৩ অফিসার সহ চার জওয়ানের মৃত্যুর ২ দিন পর জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) বারামুল্লায় বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হল ৩ জঙ্গি (Baramulla Encounter)। 

    শনিবার সকালে উরিতে সেনা-জঙ্গি সংঘর্ষ

    শনিবার সকালে বারামুল্লা জেলার উরি অঞ্চলের হাতলাঙ্গায় বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই (Army-Militants Gunfight) শুরু হয়। জঙ্গিদমন অভিযানের নেতৃত্বে ছিল সেনা ও বারামুল্লা পুলিশকে নিয়ে গঠিত যৌথবাহিনী (Baramulla Encounter)। এদিন নিজেদের ট্যুইটার (অধুনা এক্স) হ্যান্ডলে জম্মু কাশ্মীর পুলিশ প্রথমে জানিয়েছিল, ২ জঙ্গি খতম হয়েছে। আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা জানতে গোটা এলাকায় তল্লাশি চলছে। 

    ২ ঘণ্টা পর সেনার চিনার কোরের তরফে জানানো হয়, তৃতীয় জঙ্গিও খতম হয়েছে। কিন্তু, তার দেহ নিয়ন্ত্রণরেখার খুব কাছে পড়ে রয়েছে। দেহ আনতে গেলে, ভারতীয় বাহিনীর ওপর গুলি চালাতে শুরু করে পাক রেঞ্জার্স। যে কারণে, এখনও দেহ নেওয়া সম্ভব হয়নি। তবে, ভারতীয় বাহিনীও পাল্টা জবাব দিচ্ছে। জঙ্গির দেহ হাতে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

    প্রায় ১০০-ঘণ্টা, এখনও চলছে অনন্তনাগের অভিযান

    এদিকে, প্রায় ১০০-ঘণ্টা হতে চলল, এখনও জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) অনন্তনাগ জেলার গাদোলে চলছে সেনা-জঙ্গি লড়াই (Army-Militants Gunfight)। শনিবার এই অভিযান চতুর্থ দিনে পড়ল। কোকেরনাগের ঘন জঙ্গলের মধ্যে আত্মগোপন করে রয়েছে ৩-৪ জঙ্গি। সকাল থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সন্ত্রাসীদের খুঁজে বের করতে চালানো হচ্ছে ড্রোনের মাধ্যমে নজরদারি।

    বুধবার এই অভিযানে নেমে জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছিলেন রাষ্ট্রীয় রাইফেলসের কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধোনচাক এবং জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাট। বৃহস্পতিবার থেকেই জঙ্গিদের কোণঠাসা করে তল্লাশি অভিযান শুরু করেছিল সেনা এবং পুলিশের যৌথবাহিনী (Anantnag Encounter)। এর মধ্যেই শুক্রবার, আরও এক সেনা জওয়ানের মৃত্যু হয়। বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

    আরও পড়ুন: তেরঙায় মোড়া সন্তানদের নিথর দেহ, শোকে পাথর শহিদ জওয়ানদের পরিবার

    ‘‘জঙ্গি খতম না হওয়া পর্যন্ত অভিযান চলবে’’

    সেনা সূত্রে খবর, লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা সকলেই লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর সদস্য বলে মনে করা হচ্ছে। তাদের নেতৃত্বে রয়েছে উজেইর খান নামে এক জঙ্গি (Jammu Kashmir)। চিনার কোরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং ভিক্টর ফোর্সের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল বলবীর সিং এই অভিযানের তত্ত্বাবধান করছেন। তাঁরা জানিয়েছেন, যতক্ষণ না সবকটা জঙ্গি খতম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অভিযান (Army-Militants Gunfight) চলবে।

  • Anurag Thakur: “সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে ভারত-পাক ক্রিকেট নয়”! স্পষ্ট বার্তা অনুরাগ ঠাকুরের

    Anurag Thakur: “সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে ভারত-পাক ক্রিকেট নয়”! স্পষ্ট বার্তা অনুরাগ ঠাকুরের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয়দের অনুভূতির কথা মাথায় রেখে পাকিস্তানের (Pakistan) সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া উচিত ভারতের। অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ না থামলে, ক্রিকেটেও পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে না। শুক্রবার স্পষ্ট জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।

    কী বললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

    এশিয়া কাপে দু’বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। বিশ্বকাপে আবার মুখোমুখি হবে তারা। দু’দেশের দ্বিপাক্ষিক সিরিজ আবার কবে হবে, তা নিয়ে অনেক দিন ধরেই প্রশ্ন রয়েছে দু’দলের ক্রিকেটার এবং সমর্থকদের মধ্যে। এ বিষয়ে সরকারের মতামত জানিয়ে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, “বোর্ড বহু দিন আগেই সিদ্ধান্ত নিয়েছে যে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তে সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কোনও রকম দ্বিপাক্ষিক সিরিজ খেলা হবে না। এই দেশের যে কোনও সাধারণ মানুষ এটাই চায়।” সম্প্রতি অনন্তনাগে পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে গুলির সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন জনের। সেই সূত্র ধরে এদিন এই বার্তা দেন অনুরাগ।

    পাকিস্তানে খেলা নয়

    প্রসঙ্গত, চলতি এশিয়া কাপের সমস্ত ম্যাচই পাকিস্তানে হওয়ার কথা ছিল, কিন্তু বিসিসিআইয়ের তরফে জানানো হয়, ভারত সরকারের অনুমতি না মেলায় পড়শি দেশে খেলতে যাওয়া সম্ভব নয়। পাল্টা জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও ভারতে ওডিআই বিশ্বকাপ বয়কট করার হুঁশিয়ারি দিয়েছে বারংবার। এদিন অনুরাগ (Anurag Thakur) বলেন,  “পাকিস্তানের সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া উচিত। ভারতীয়দের অনুভূতিকে সম্মান দিয়েই পাকিস্তানের সঙ্গে ক্রীড়া জগতের যাবতীয় সম্পর্ক ছিন্ন করা উচিত।” 

    আরও পড়ুন: পুরোটাই গিমিক! লা লিগার অ্যাকাডেমি করে কি আদৌ লাভ হবে বাংলার ফুটবলের?

    কেন ফের এই জল্পনা

    এশিয়া কাপ শুরুর পর পাকিস্তানের আমন্ত্রণে সে দেশে গিয়েছিলেন বোর্ড সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা। এর ফলে দুই দেশের মধ্যে খেলা হওয়ার কথা ভাবা হচ্ছিল। কিন্তু গত বুধবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ভারতীয় সেনার কর্নেল, মেজর পদাধিকারীর আধিকারিকদের। জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্টও জঙ্গিদের গুলিতে নিহত হন। এই তিন হত্যার দায় স্বীকার করেছে পাক মদত পুষ্ট রেসিসট্যান্ট ফ্রন্ট নামের একটি জঙ্গিগোষ্ঠী। এরপরই পরিস্থিতি ফের খারাপ হয়।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Biometric Fraud: বায়োমেট্রিক তথ্য চুরি টাকা গায়েব করছে প্রতারকরা, কীভাবে বাঁচবেন?

    Biometric Fraud: বায়োমেট্রিক তথ্য চুরি টাকা গায়েব করছে প্রতারকরা, কীভাবে বাঁচবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করতে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে প্রতারকরা। প্রত্যন্ত গ্রামগুলিতে যেখানে এটিএম থাকে না অথবা ব্যাঙ্কের কোনও শাখা নেই, সেখানে সিএসপি সেন্টারের উপরে নির্ভর করতে হয় গ্রাহকদের। এখানেই তাদের দিতে হয় যাবতীয় বায়োমেট্রিক তথ্য (Biometric Fraud)। তাই সেক্ষেত্রে এই সিএসপি সেন্টারের কোনও কোনও কর্মীর জোগসাজশে প্রতারকরা বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেয় এবং জালিয়াতি করে।  

    সম্প্রতি কলকাতার মহেশতলাতেও এমন অভিযোগ সামনে এসেছে। মহেশতলার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রসেনজিৎ কর গত ৭ সেপ্টেম্বর দেখেন, তাঁর মোবাইলে একটি মেসেজ এসেছে। সেখানে লেখা রয়েছে, ১০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে (Biometric Fraud)। প্রসেনজিৎ বাবু বলতে থাকেন, তিনি টাকা তোলেননি। মহেশতলার এই প্রোমোটার তখন মনে করেন যে প্রায় দু মাস আগে তিনি জমির রেজিস্ট্রি করাতে গিয়ে আঙুলের ছাপ দিয়েছিলেন। সেখান থেকে কেউ তথ্য চুরি করেছে।  বিশেষজ্ঞরা মনে করছেন, জমি-বাড়ি রেজিস্ট্রি অফিসগুলি এখন বায়োমেট্রিক তথ্যচুরির ঘুঘুর বাসা হয়ে গিয়েছে। ফাঁদ পেতে বসে থাকে প্রতারকরা এবং বায়োমেট্রিক চুরি করে তথ্য। 

    কী বলছেন বিশেষজ্ঞরা

    কলকাতা পুলিশের সাইবার সেলের এক আধিকারিকের কথায়, সম্প্রতি এই অভিযোগ লাগাতার আসছে আমাদের কাছে। অভিযোগকারীরা বলছেন, তাঁরা ওটিপি শেয়ার (Biometric Fraud) করেননি। কারও কথায় তাঁরা কোনও লিঙ্কও খোলেননি, অথচ তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। অভিযোগকারীরা আরও জানাচ্ছেন যে মেসেজে লেখা হচ্ছে আধার এনেবেলড পেমেন্ট সিস্টেম (এইপিএস)-এর মাধ্যমে টাকা তোলা হচ্ছে। এইপিএস হল এক ধরনের সুবিধা যেখানে এটিএম কাউন্টার নেই সেখানে এই পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে টাকা তোলা যায়। 

    কীভাবে মিলবে রেহাই

    কলকাতা পুলিশের সাইবার সেলের আধিকারিকরা বলছেন, মোবাইল ফোনে mAdhaar অ্যাপ রয়েছে। এটি ইনস্টল করে আধার অথেন্টিকেশন করতে হবে। এরপরে বায়োমেট্রিক (Biometric Fraud) অথেন্টিকেশন অপশনে যেতে হবে। সেখানে গিয়ে বায়োমেট্রিক লক করে দেওয়া যেতে পারে। ভবিষ্যতে নিজের যে কোনও কাজে প্রয়োজন হলে আবার এটি খোলা যেতে পারে। বায়োমেট্রিক লক থাকলে তার অপব্যবহার হবে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Partha Chatterjee: “আদালতে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না”, পার্থ প্রসঙ্গে সাফ জানালেন বিচারক

    Partha Chatterjee: “আদালতে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না”, পার্থ প্রসঙ্গে সাফ জানালেন বিচারক

    মাধ্যম নিউজ ডেস্ক: কারও জন্য আদালতে বিশেষ কোনও সুবিধা দেওয়া হবে না। শুক্রবার সাফ জানিয়ে দিলেন বিচারক। নিয়োগ কেলেঙ্কারিকাণ্ডে গ্রেফতার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। এক বছরেরও বেশি সময় ধরে তিনি রয়েছেন জেলে। তাঁরই জামিনের শুনানির জন্য তারিখ চেয়ে আদালতে আর্জি জানিয়েছিলেন পার্থর আইনজীবী। তখনই বিচারক জানিয়ে দেন, কারও জন্য আদালতে বিশেষ কোনও সুবিধা দেওয়া হবে না। নিয়োগ কেলেঙ্কারি মামলার পরবর্তী শুনানি হবে ২৭ সেপ্টেম্বর।

    বিশেষ সুবিধা নয়

    আলিপুরে বিশেষ আদালতে নিয়োগ কেলেঙ্কারিকাণ্ডের শুনানি ছিল। এদিন ফের একবার পার্থর জামিনের আবেদন করা হয়। তখনই বিচারক বলেন, “আদালতে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। যে রকম যা তারিখ নির্ধারিত রয়েছে, সে রকম হবে।” উল্লেখ্য, এর আগে ৮ সেপ্টেম্বরও একবার পার্থর জামিনের আর্জি জানানো হয়েছিল। এদিন আদালতে উপস্থিত ছিলেন পার্থ। হাজির করানো হয়েছিল নিয়োগ কেলেঙ্কারিকাণ্ডে ধৃত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন উপদেষ্টা অশোক সাহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এজেন্ট চন্দন মণ্ডলকে। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাও।

    ফের জেল হেফাজত

    বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বলেন, “আদালতের কাছে সবাই সমান। কাউকে বিশেষ কোনও সুবিধা দেওয়া আদালতের পক্ষে সম্ভব নয়। এর পর যেদিন পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হবে, সেদিনই জামিনের আবেদনের শুনানি হবে।” এদিন পার্থ (Partha Chatterjee) সহ বাকি অভিযুক্তদেরও জামিনের শুনানি হয়। কেউ অসুস্থতা, কেউ বয়সের কারণ দেখিয়ে জামিন চেয়েছিলেন। তবে তাতে কর্ণপাত করেননি বিচারক। প্রত্যেককেই ফের ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে আদালত।

    আরও পড়ুুন: পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই, এবার জানিয়ে দিল সংযুক্ত আরব আমিরশাহিও

    প্রসঙ্গত, এর আগেও একাধিকবার অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি তত্ত্বে খারিজ হয়ে যায় পার্থর জামিনের আবেদন। তবে তিনি যে নির্দোষ, তা একাধিকবার বলতে শোনা গিয়েছে পার্থকে। ২৪ জুলাই আদালতে ঢোকার সময় তিনি (Partha Chatterjee) তো বলেইছিলেন, “আমি নির্দোষ। আমি নিয়োগ কর্তা নই, আমি সুপারিশ কর্তাও নই। আমি কোনও ব্যাপারের সঙ্গে ছিলাম না।” তাঁকে বিনা বিচারে এক বছর ধরে জেলে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Pakistan Occupied Kashmir: পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই, এবার জানিয়ে দিল সংযুক্ত আরব আমিরশাহিও

    Pakistan Occupied Kashmir: পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই, এবার জানিয়ে দিল সংযুক্ত আরব আমিরশাহিও

    মাধ্যম নিউজ ডেস্ক: একেই বোধহয় বলে বন্ধুর গালে সপাটে থাপ্পড়! পাক অধিকৃত কাশ্মীর (Pakistan Occupied Kashmir) ভারতেরই। সাফ জানালেন সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী। ভারত, ইউরোপ এবং সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে তৈরি হবে অর্থনৈতিক করিডর। এর একটা বিরাট অংশ রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। সেই প্রসঙ্গেই সংযুক্ত আরব আমিরশাহি জানিয়ে দিল, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই। সম্প্রতি দিল্লিতে হয়ে গেল জি২০ শীর্ষ সম্মেলন। তার পরেই সংযুক্ত আরব আমিরশাহির এই বার্তাকে নয়াদিল্লির কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা।

    পাক অধিকৃত কাশ্মীর ভারতের

    সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী সইফ বিন জাহেদ আল নাহিয়ান। সেখানে দেখা যাচ্ছে, সদ্য সমাপ্ত জি২০ শীর্ষ সম্মেলনে করিডরটিকে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপের অর্থনৈতিক করিডর হিসেবে ঘোষণা করা হচ্ছে। এজন্য সংযুক্ত আরব আমিরশাহির প্রশংসা করতে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে।

    ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, নাহিয়ান অর্থনৈতিক করিডরের একটি মানচিত্র দেখাচ্ছেন। সেখানে পাক অধিকৃত কাশ্মীরকে (Pakistan Occupied Kashmir) ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির সম্পর্কের যে উন্নতি হয়েছে এবং দুই দেশই যে আঞ্চলিক অখণ্ডতাকে শক্তিশালী করতে চায়, সেই বার্তাও দেওয়া হয়েছে ভিডিওটিতে।

    কী বলেছিলেন প্রতিরক্ষামন্ত্রী?

    পাক অধিকৃত কাশ্মীর যে ভারতেরই, তা বরাবর দাবি করে আসছে নয়াদিল্লি। তার পরেও কাশ্মীরের ওই অংশ দখল করে রেখেছে ইসলামাবাদ। গত জুন মাসেও কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছিলেন, ইসলামাবাদ যতই দাবি করুক না কেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতের ছিল, আছে এবং থাকবে। এ ব্যাপারে সংসদে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

    আরও পড়ুুন: স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি, রাজভবন-নবান্ন সংঘাতে ইতি টানতে ‘সুপ্রিম’ নির্দেশ

    প্রসঙ্গত, দিন তিনেক আগে প্রাক্তন সেনা প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংহ বলেছিলেন, অচিরেই স্বেচ্ছায় ভারতের সঙ্গে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর (Pakistan Occupied Kashmir)। সংযুক্ত আরব আমিরশাহির এই ঘোষণার প্রেক্ষিতে অবশ্য পাকিস্তানের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে বন্ধু দেশ সংযুক্ত আরব আমিরশাহির এহেন ঘোষণায় পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে ঠেকবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Kolkata Derby: লক্ষ্মীপুজোর দিন আইএসএলে কলকাতা ডার্বি! ম্যাচ ঘিরে অনিশ্চয়তা

    Kolkata Derby: লক্ষ্মীপুজোর দিন আইএসএলে কলকাতা ডার্বি! ম্যাচ ঘিরে অনিশ্চয়তা

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএলে (ISL 2023-24) কলকাতা ডার্বি (Kolkata Derby) ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ দেওয়া হয়েছে ২৮ অক্টোবর। সে দিন লক্ষ্মীপুজো। সে দিনই আবার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে বিশ্বকাপের ম্যাচ রয়েছে। সে দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা আয়োজন করা যাবে কি না তা নিশ্চিত নয় রাজ্য ক্রীড়া দফতর। এর ফলে ম্যাচ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

    মাঠ পাওয়া যাবে না

    মরশুমের প্রথম কলকাতা ডার্বিতে (Kolkata Derby)  ইস্টবেঙ্গল হারিয়ে দেয় মোহনবাগানকে। ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে বদলা নেয় মোহনবাগান। এবার আইএসএলের বড় ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবলপ্রেমীরা। আইএসএলের মোহন-ইস্ট লড়াইয়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর। স্বাভাবিকভাবেই যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হওয়ার কথা ম্যাচটি। তবে ওই দিন মাঠই পাওয়া যাবে না। রাজ্যের ক্রীড়া দফতরের সচিব মুকেশ সিংহ জানিয়েছেন, ২৮ অক্টোবর ডার্বি আয়োজন নিয়ে দুই প্রধান চিঠি দিয়েছিল ক্রীড়া দফতরে। জবাবে তিনি মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে জানিয়ে দিয়েছেন, দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সব দফতরে ছুটি থাকে। তাই ওই সময় যুবভারতী দেওয়া সম্ভব নয়। 

    আরও পড়ুন: পুরোটাই গিমিক! লা লিগার অ্যাকাডেমি করে কি আদৌ লাভ হবে বাংলার ফুটবলের?

    সমস্যা আরও দুটি ম্যাচ নিয়ে

    ওই দিন ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ। ইডেনের ম্যাচের সঙ্গে আইএসএলের (ISL 2023-24) ম্যাচ আয়োজনের কোনও সম্পর্ক না থাকলেও উৎসবের মাঝে ছুটির মেজাজে থাকবে সারা বাংলা। এই সময়ে আরও কয়েকটি ম্যাচ ঘিরে সমস্যা তৈরি হয়েছে। ২১ অক্টোবর সল্টলেকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার কথা এফসি গোয়ার। সেই দিন আবার দুর্গাপুজোর সপ্তমী। ২৪ অক্টোবর, দশমীর দিন আবার এএফসি কাপে বসুন্ধরার বিরুদ্ধে খেলা রয়েছে মোহনবাগানের। দু’টি খেলা যুবভারতীতে হওয়ার কথা। পুজোর সময় এই দু’টি ম্যাচ ঘিরেও অনিশ্চয়তা রয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Supreme Court: স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি, রাজভবন-নবান্ন সংঘাতে ইতি টানতে ‘সুপ্রিম’ নির্দেশ

    Supreme Court: স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি, রাজভবন-নবান্ন সংঘাতে ইতি টানতে ‘সুপ্রিম’ নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: উপাচার্য নিয়োগ নিয়ে সঙ্কট কাটাতে সাহায্য করতে হবে। শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এমনই বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে সার্চ কমিটি গঠন করার নির্দেশও দিয়েছে দেশের শীর্ষ আদালত। উপাচার্য নিয়োগে প্রধান ভূমিকা নেবে এই সার্চ কমিটিই। এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির দিকে নজর দেওয়ার জন্য রাজ্য ও রাজ্যপাল দু’ পক্ষকেই উদ্যোগী হতে হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।

    ডিভিশন বেঞ্চের নির্দেশ

    এদিন বিচারপতি সূর্য কান্ত ও দীপঙ্কর দত্তের বেঞ্চের নির্দেশ, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে ২৫ সেপ্টেম্বর সার্চ কমিটি গঠন করে দেবে সুপ্রিম কোর্ট। এর আগেই শীর্ষ আদালতে জমা দিতে হবে প্যানেলের সদস্যদের নাম। শীর্ষ আদালতের নির্দেশ, রাজ্য সরকার পাঁচজন সদস্যের নাম জানাবে। আচার্যও জানাবেন পাঁচজন সদস্যের নাম। ইউজিসির তরফেও দিতে হবে পাঁচজনের নাম। এঁদের মধ্যে থেকেই প্রত্যেক পক্ষ থেকে সমসংখ্যক নাম বেছে নিয়ে সার্চ কমিটি গঠন করে দেবে শীর্ষ আদালত (Supreme Court)। এই কমিটিই প্রস্তাব করবে স্থায়ী উপাচার্যের নাম।

    ‘রাজ্যপালকে অপমান করা হচ্ছে’

    রাজ্যপালের অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য যে স্থগিতাদেশ চেয়েছিল, এদিন তা দেয়নি শীর্ষ আদালত। যার অর্থ, আপাতত স্বপদেই বহাল থাকছেন রাজ্যপাল মনোনীত অস্থায়ী উপাচার্যরা। এদিনের শুনানিতে রাজ্যের তরফে সওয়াল  করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। আর রাজ্যপালের পক্ষে ছিলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। রাজ্যের আইনজীবী বলেন, “আদালতের নির্দেশ মোতাবেক রাজ্যের তরফে আলোচনায় ডাকা হলেও, তাতে সাড়া দেননি রাজ্যপাল।” পাল্টা রাজ্যপালের আইনজীবী বলেন, “প্রতিদিন রাজ্যপালকে প্রকাশ্যে অপমান করা হচ্ছে। তাই আলোচনার উপযুক্ত পরিবেশ নেই।”

    আরও পড়ুুন: নির্দিষ্ট সঞ্চালকদের বয়কটের সিদ্ধান্ত ইন্ডি জোটের, ‘স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি’র পরিচয়, কটাক্ষ বিজেপির

    দু’ পক্ষের সওয়াল শেষে আদালত জানায়, মতপার্থক্য ভুলে এগোনো উচিত রাজ্য ও রাজ্যপালের। আপনাদের ব্যক্তিগত ইগোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীরা ভুক্তভোগী হচ্ছে। এর পাশাপাশি রাজ্যপালকেও সঙ্কট কাটাতে সহযোগিতা করার পরামর্শ দিয়েছে আদালত। প্রসঙ্গত, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন আচার্য। এর জেরেই রাজভবন-নবান্ন বিবাদের সূত্রপাত। আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় রাজ্য।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     
  • Aditya-L1: চতুর্থ কক্ষপথ বদল সফলভাবে করল আদিত্য-এল১, এর পর কী?

    Aditya-L1: চতুর্থ কক্ষপথ বদল সফলভাবে করল আদিত্য-এল১, এর পর কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগলো ভারতের সৌরাভিযান। শুক্রবার, পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী সাফল্যের সঙ্গেই চতুর্থ কক্ষপথ বদল করলো আদিত্য-এল১ (Aditya-L1)। সেই খবর ট্যুইটার (অধুনা এক্স) হ্যান্ডলে জানিয়েছে ইসরো।

    সফল চতুর্থ কক্ষপথ বদল প্রক্রিয়া

    এদিন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়, শুক্রবার ভোররাতে আবার একটি কক্ষপথ বদল করেছে আদিত্য। ইসরো বলেছে, চতুর্থ আর্থ-বাউন্ড ম্যানুভার (পরিভাষায় ইবিএন#৪) সাফল্যের সঙ্গে সম্পন্ন করা হয়েছে। সেই সময় মরিশাস, বেঙ্গালুরু, শ্রীহরিরোটা ও পোর্টব্লেয়ারে অবস্থিত গ্রাউন্ড স্টেশন থেকে উপগ্রহর ওপর নজর রাখা হচ্ছিল। অন্যদিকে, কক্ষপথ বদলের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদিত্য-এল১ (Aditya-L1) সঠিক দিশা ধরে এগোচ্ছে কিনা তা নির্ধারণ করতে ফিজি দ্বীপপুঞ্জ অবস্থিত ট্রান্সপোর্টেবল টার্মিনাল নজর রাখছিল।

    ১৯ সেপ্টেম্বর বড় পরীক্ষা আদিত্যর

    ইসরো জানিয়েছে, চতুর্থ কক্ষপথ বদলের পর আদিত্য ২৫৬ x ১,২১,৯৭৩ কিলোমিটার পরিধির উপবৃত্তাকার কক্ষপথে অবস্থান করছে। এর পর বড় পরীক্ষা আসতে চলেছে ১৯ সেপ্টেম্বর। সেদিন পঞ্চমবার কক্ষপথ বদল করবে আদিত্য। তবে সেটি এগুলির মতো আর্থ-বাউন্ড ম্যানুভার হবে না। সেটি হতে চলেছে ট্রান্স-ল্যাগ্রাঞ্জেয়ান পয়েন্ট ১ ইনসার্শান। অর্থাৎ, সেদিন উপগ্রহকে ল্যাগ্রাঞ্জ পয়েন্টের দিশায় প্রবেশ করিয়ে দেওয়া হবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল প্রক্রিয়া। কারণ, সেদিন পৃথিবীর মায়া কাটিয়ে চিরতরে ল্যাগ্রাঞ্জ পয়েন্টের দিকে পাড়ি দেবে আদিত্য-এল১ (Aditya-L1)। এই প্রক্রিয়া হবে ১৯ তারিখ মধ্যরাত ২টো নাগাদ।

    এখনও গতি বাড়াচ্ছে আদিত্য-এল১

    গত ২ সেপ্টেম্বর বেলা ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় ১ হাজার ৪৮০ কেজি ওজনের আদিত্য-এল১। উৎক্ষেপণের ১২৫ দিন পর ল্যাগ্রেঞ্জ পয়েন্ট এল১-এ পৌঁছনোর কথা ভারতের সৌরযানের। এর মধ্যে প্রথম ১৬ দিন পৃথিবীর চারপাশে চক্কর কাটতে কাটতে প্রয়োজনীয় গতি সঞ্চয় করে চলেছে আদিত্য-এল১ (Aditya-L1)। এদিনের কক্ষপথ বদল সেই প্রক্রিয়ার অঙ্গ। এর পর ১৯ তারিখের প্রক্রিয়ার পর ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত ‘হ্যালো’ পয়েন্ট এল১-এর উদ্দেশে যাত্রা শুরু করবে আদিত্য। সেখানেই গিয়ে স্থায়ীভাবে থাকবে এবং সূর্যের জরিপ করবে ভারতের প্রথম সৌরযান।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Govinda: ১০০০ কোটির আর্থিক দুর্নীতিতে নাম জড়াল গোবিন্দার! পুলিশি জেরার মুখে সুপারস্টার 

    Govinda: ১০০০ কোটির আর্থিক দুর্নীতিতে নাম জড়াল গোবিন্দার! পুলিশি জেরার মুখে সুপারস্টার 

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ১০০০ কোটি টাকার অনলাইন ‘পঞ্জি’ কেলেঙ্কারিতে নাম জড়াল বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দার। পুলিশি জেরার মুখে পড়তে চলেছেন তিনি। গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করতে আসবে ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখা। সোলার টেকনো অ্যালায়েন্স নামের কোম্পানি ক্রিপ্টো কারেন্সির আড়ালে ভারতে এই ধরনের দুনীর্তি জাল বিস্তার করেছে।  এই সংস্থার হয়ে প্রচারমূলক ভিডিয়োতে দেখা গিয়েছিল গোবিন্দাকে। আর সেই কারণে গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

    গোবিন্দার বিরুদ্ধে কী অভিযোগ

    ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখার আধিকারিক জে এন পঙ্কজ জানান, খুব শীঘ্রই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটি টিম মুম্বইতে যাবে। গত জুলাই মাসে ওই সংস্থার একটি অনুষ্ঠানে গোয়াতে গিয়েছিলেন অভিনেতা। যদিও পরে ওই আধিকারিক বলেন, ‘‘তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। গোবিন্দা এই ঘটনায় অভিযুক্ত নন, কিংবা সন্দেহভাজনও নন। পরে যদি দেখা যায় যে, সোলার টেকনো অ্যালায়েন্সের সঙ্গে গোবিন্দ বিজ্ঞাপনের চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তা হলে তাঁকে সাক্ষী হিসাবে পেশ করা হবে।’’

    আরও পড়ুন: পুরোটাই গিমিক! লা লিগার অ্যাকাডেমি করে কি আদৌ লাভ হবে বাংলার ফুটবলের?

    কী বললেন গোবিন্দা

    এই তলব নিয়ে এখনও পর্যন্ত বলিউড সুপারস্টারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মুখ খুলেছে তাঁর টিম। গোবিন্দার ম্যানেজার সাসি সিনহা বলেন, “এই ঘটনার সঙ্গে অভিনেতার কোনও যোগাযোগ নেই। তিনি আরও বলেন, “একটি সংস্থার ইভেন্টে গোবিন্দা গিয়েছিলেন এবং তিনি ফেরতও আসেন। এর সঙ্গে সংস্থার ব্যবসা বা ব্র্যান্ডিংয়ের কোনও সম্পর্ক নেই। অর্ধসত্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে।” ওডিশা পুলিশ সূত্রে খবর, ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের নামে এই সংস্থাটি ভদ্রক, ময়ূরভঞ্জ, ভুবনেশ্বরে কমপক্ষে দশ হাজার মানুষের থেকে প্রায় ৩০ কোটি টাকা তুলেছিল। উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, ঝাড়খণ্ড, পঞ্জাব, রাজস্থানেও এই সংস্থার জাল ছড়িয়েছিল বলে তদন্তকারীদের অনুমান। এবার ঘটনার সঙ্গে গোবিন্দার নাম যোগ হওয়ায় হইচই বিনোদন জগতে। যদিও এই জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে এখনও পর্যন্ত গোবিন্দা বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

LinkedIn
Share