Blog

  • Supreme Court: মণিপুর হিংসায় সিবিআই মামলার শুনানি হবে অসমে, নির্দেশ সুপ্রিম কোর্টের

    Supreme Court: মণিপুর হিংসায় সিবিআই মামলার শুনানি হবে অসমে, নির্দেশ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরের হিংসা সংক্রান্ত যে মামলাগুলির তদন্ত রয়েছে সিবিআইয়ের হাতে, তার শুনানি হবে অসমের গুয়াহাটিতে। শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ওই মামলাগুলির বিচারের জন্য নিম্ন আদালত মনোনয়নের ভার গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতিকে দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং মনোজ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ বলেছে, অভিযুক্তদের হাজিরা, পুলিশ হেফাজত, জেল হেফাজত এবং হেফাজতের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত মামলা হবে অনলাইনে।

    গুয়াহাটির আদালতে হাজিরা

    নির্যাতনের শিকার, সাক্ষী এবং সিবিআই মামলায় যুক্ত কারও যদি অনলাইনে মুখ দেখাতে আপত্তি বা ভয় থাকে, তাহলে তিনি গুয়াহাটির আদালতে সরাসরি হাজিরা দিতে পারেন। অনলাইন বিচারের জন্য মণিপুর সরকারকে সচল ও দ্রুতগামী ইন্টারনেট পরিষেবা দেওয়ার নির্দেশও দিয়েছে দেশের শীর্ষ আদালত (Supreme Court)। প্রসঙ্গত, মণিপুরের কংপোকপিতে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনা সহ মোট ১০টি মামলার তদন্ত করছে সিবিআই। ২১ অগাস্ট মণিপুরের হিংসায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ত্রাণ ব্যবস্থা খতিয়ে দেখতে বিচারপতি গীতা মিত্তলকে নিয়ে কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ। সুপ্রিম কোর্ট গঠিত প্যানেল তিনটি রিপোর্ট জমা দিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, পরিচয়পত্র নষ্ট হয়ে যাওয়া, ক্ষতিপূরণের বৃদ্ধি ইত্যাদি।

    টিম গড়েছে সিবিআই

    মণিপুর হিংসার ঘটনাগুলি তদন্তের জন্য চলতি মাসেই ২৯ জন মহিলা আধিকারিক সহ মোট ৫৩জন আধিকারিককে নিয়ে টিম গড়েছে সিবিআই। এই টিমে (Supreme Court) পর্যবেক্ষক হিসেবে রয়েছেন ডিআইজি পদমর্যাদার তিন মহিলা অফিসার। দু’ জন অতিরিক্ত সুপার এবং ছ’ জন ডেপুটি সুপার পদমর্যাদার মহিলা অফিসারও রয়েছেন। তদন্ত প্রক্রিয়ার তত্ত্বাবধান করবেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়।

    আরও পড়ুুন: “এক সময় এগরোল বিক্রি করতেন, তারপরে এই উত্থান”, সুজিতকে কটাক্ষ সুকান্তর

    প্রসঙ্গত, সিবিআই মামলাগুলি প্রতিবেশী রাজ্যে করার পরামর্শ দিয়েছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর যুক্তি ছিল, মণিপুরে বিচার প্রক্রিয়া চললে বিচারপতিদের জাতি পরিচয় একটা সমস্যা হয়ে দেখা দিতে পারে। অভিযুক্তদের আদালতে হাজিরার ক্ষেত্রেও নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিতে পারে।

    এদিকে, মণিপুরের বর্তমান পরিস্থিতি জানতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ও বিজেপি সভাপতি সারদা দেবীকে তলব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের তলব পেয়ে বৃহস্পতিবারই দিল্লিতে গিয়েছেন তাঁরা। শুক্রবার শাহের বাসভবনে হবে ওই বৈঠক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Covid 19 Guidelines: রাজ্যে কোভিড বিধি সম্পূর্ণ প্রত্যাহার করা হলো! ঘোষণা মুখ্যমন্ত্রীর

    Covid 19 Guidelines: রাজ্যে কোভিড বিধি সম্পূর্ণ প্রত্যাহার করা হলো! ঘোষণা মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে আর কোভিড বিধি (Covid 19 Guidelines) রইল না। বৃহস্পতিবার টেলি সম্মান প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো শুক্রবার আর খাতায় কলমে কোনও কোভিড বিধি নেই রাজ্যে। যদিও, অনেক আগে থেকেই মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মানার বিষয়গুলি বাসে, ট্রেনে দেখা যাচ্ছিল না। তবুও সরকারি বিধিনিষেধ ছিল। এদিন সেই বিধি নিষেধ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 

    সরকারি ভাবে উঠল কোভিড-বিধি

    টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়েই কোভিড বিধি (Covid 19 Guidelines) প্রসঙ্গে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই তিনি বলেন, ‘আজ থেকে পশ্চিমবঙ্গে কোভিডবিধি প্রত্যাহার করা হল। আজ থেকে সমস্ত কোভিড গাইডলাইন তুলে দেওয়া হল।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘কোভিডের সময় থেকে মানুষ অনেক কষ্ট পেয়েছেন। দীর্ঘদিন ঘরবন্দি হয়ে থাকতে হয়েছিল তাঁদের। সেই সময় তাঁদের সামনে কোনও অনুপ্রেরণা ছিল না। তখন এই টিভি এই সিরিয়ালই দেখত মানুষ। এবার কোভিডবিধি তুলে নেওয়া হল।’  করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের সঙ্গেই ২০২০ সালের ২৩ মার্চ থেকেই লাগু হয় কোভিডবিধি। মাঝে কোভিড বিধি শিথিল করা হলেও করোনা বাড়তেই ফের কড়া হয় গাইডলাইন। করোনার ডবল ভ্যাকসিন ও বুস্টার ডোজের পর প্রকোপ কমতেই মাস্ক ভুলেছে মানুষ। কমেছে স্যানিটাইজারের ব্যবহারও। প্রতিদিনের জীবনে বাস-ট্রেনে দূরত্ববিধি অতীত। অবশেষে সরকারিভাবে এদিন কোভিডবিধি প্রত্যাহার করে নেওয়া হল।

    আরও পড়ুন: ৫০ কোটির ‘তছরুপ’! সমবায় সমিতির দুর্নীতির তদন্তেও ইডি-সিবিআই

    প্রসঙ্গত , চলতি মাসেই রাজ্যে একাধিকজনের করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট সামনে এসেছে। এমনকী কলকাতাতেই কোমর্বিডিতে এক মহিলার মৃত্যুর খবর সামনে আসে। ডেঙ্গির বাড়বাড়ন্তের মধ্যে অগাস্টের শুরুতেই ২ জন ষাটোর্ধ্ব করোনা রোগীর মৃত্যুর খবর মেলে। এদিনে দিন দুয়েক আগেই কেন্দ্র কোভিডের নতুন ভ্যারিয়েন্ট EG.5 এবং BA.2.86 নিয়ে উদ্বেগ প্রকাশ করে। আগাম সতর্কতা হিসেবে কোভিডের নয়া প্রজাতিকে রুখতে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকে কেন্দ্র। আপাতত রাজ্যগুলিকে জিনোম সিকোয়েন্সিং টেস্ট বাড়ানোর উপর জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এরই মাঝে বাংলা থেকে কোভিড বিধি প্রত্যাহারের সরকারি ঘোষণা হল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi At BRICS: ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের কী কী উপহার দিলেন মোদি? জেনে নিন

    PM Modi At BRICS: ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের কী কী উপহার দিলেন মোদি? জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকা ব্রিকস সম্মেলনে বিশ্ব নেতাদের উপহার দিলেন নরেন্দ্র মোদি (PM Modi At BRICS)। প্রত্যেকটি উপহারই ছিল ভারতীয় ঐতিহ্য এবং নিজস্ব শিল্পকর্ম মোড়া। ব্রিকস সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসাকে দুটি ‘সুরাহি’ উপহার দিয়েছেন নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, এগুলি তেলেঙ্গানা থেকে তৈরি করা হয়েছে। পাশাপাশি লেডি রামাফোসাকে মোদির উপহার ‘নাগাল্যান্ডের সাল’। জানা যাচ্ছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য নাগাল্যান্ডের উপজাতিরা শতাব্দীর পর শতাব্দী ধরে এই শাল তৈরি করছেন। এটির জটিল নকশা উজ্জ্বল রং এক আলাদা মাত্রা দিয়েছে শালটিকে। এই সালের মধ্য দিয়েই নাগাল্যান্ডের ওই উপজাতিদের প্রাচীন ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারা প্রতিফলিত হয়। 

    উপহার দেওয়া হয়েছে কর্নাটকের ‘বিদ্রি’ ফুলদানি 

    এছাড়াও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিকে মোদি (PM Modi At BRICS) দিয়েছেন ‘বিদ্রি’ ফুলদানি। কী এই ফুলদানি? বিশেষজ্ঞরা বলছেন, ‘‘সম্পূর্ণভাবে ভারতীয় শিল্পকলায় সৃষ্ট এটি কর্নাটকের বিদার শহরে তৈরি হয়।’’ এর উপাদানে থাকে দস্তা, তামা এবং অন্যান্য ধাতু সংকর, লোহা এতে থাকে না। ঢালাই এর উপর খোদাই করা থাকে বিভিন্ন কারুকাজ। তাতে ভারতীয় শিল্পকর্মের ছাপ থাকে। খাঁটি রুপোর তার দিয়ে এই ফুলদানি সাজানো হয়। তারপরে বিশেষ একটি মাটির দ্রবণে ফুলদানিটিকে ভিজিয়ে রাখা হয়। এর ফলে দস্তার খাদ খুবই উজ্জ্বল কালো হয়ে ওঠে, কালো ব্যাকগ্রাউন্ড এর উপর রুপোলী কারুকাজগুলি আরও সুন্দর দেখতে লাগে।  

    ‘নক্কাশি’ ও ‘গোল্ড পেইন্টিং’ উপহার দেন মোদি (Pm Modi)

    পাশাপাশি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিকে মোদি (PM Modi At BRICS) দিয়েছেন রুপোর ‘নক্কাশি’। কিভাবে তৈরি হয় এই শিল্পকর্ম? জানা যাচ্ছে, প্রথমে কাগজে আঁকা হয় তারপর সেই কাগজটিকে রুপোলি সিটের উপর স্থানান্তরিত করা হয়। অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলাদা সিলভাকে মধ্যপ্রদেশের বিশেষ ‘গোল্ড পেইন্টিং’ উপহার দিয়েছেন নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, এগুলিও মধ্যপ্রদেশের উপজাতিদের শিল্পকর্মের অন্যতম নিদর্শন। ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু এবং রেখা দিয়ে তৈরি এই ছবিগুলিকে মধ্যপ্রদেশের গোল্ড সম্প্রদায়ের দেওয়ালে দেখা যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: ভোর থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টিপাত, চলবে কতদিন?

    Weather Update: ভোর থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টিপাত, চলবে কতদিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই সূর্য লুকিয়েছে মেঘের আড়ালে। ভোর থেকেই শুরু হয়েছে বঙ্গের জেলায় জেলায় বৃষ্টি (Weather Update)। শহর কলকাতাতেও একই পরিস্থিতি রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং এর প্রভাবেই চলছে বৃষ্টি (Weather Update)। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই এই চিত্র দেখা যায় রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গে অবশ্য বুধবার থেকেই চলছে বৃষ্টি (Weather Update)। হাওয়া অফিস বলছে যে শনিবার পর্যন্ত এই বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গে নদীগুলিতে বাড়ছে জলস্তর। 

    উত্তরবঙ্গে কমলা সতর্কতা

    ভারী বৃষ্টির (Weather Update) কারণে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ইতিমধ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা। শুক্রবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ইত্যাদি জেলায় বৃষ্টির (Weather Update) পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কোচবিহার এবং দার্জিলিং-এর মতো জেলাতে বৃষ্টির পরিমাণ হতে পারে ১০০ মিলি লিটার। অন্যদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস এবং রবিবার থেকে বৃষ্টির (Weather Update) পরিমাণ কমবে বলেও জানা গিয়েছে।

    দক্ষিণবঙ্গে চলবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত (Weather Update)

    অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Weather Update) হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কম কমবে, দক্ষিণবঙ্গের চার জেলাতে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির (Weather Update) সতর্কতা জারি করা হয়েছে যার মধ্যে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান। অন্যদিকে কলকাতা সংলগ্ন হাওড়া ও হুগলিতেও চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া

    কলকাতার ক্ষেত্রেও শুক্রবার মাঝারি বৃষ্টির (Weather Update) সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্র থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “অচিরেই ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে”, জি-২০ বৈঠকে প্রত্যয়ী মোদি

    PM Modi: “অচিরেই ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে”, জি-২০ বৈঠকে প্রত্যয়ী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “রেড টেপ ছেড়ে ভারত এখন রেড কার্পেটে।” বৃহস্পতিবার কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর এই বাক্য-বাণের অভিমুখ অবশ্যই কংগ্রেসের দিকে। রাজস্থানের জয়পুরে এদিন বিনিয়োগ সংক্রান্ত বৈঠকে বসেন জি-২০-র সদস্য দেশগুলির মন্ত্রীরা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ভার্চুয়ালি ওই বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি কটাক্ষ করেন কংগ্রেসকে। এর পরেই প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে ভারতের অর্থনীতির প্রসঙ্গ।

    মোদির কণ্ঠে ঝরে পড়ল প্রত্যয়

    তিনি বলেন, “ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। অচিরেই তৃতীয় স্থান দখল করবে। এসবই হয়েছে কেন্দ্রীয় সরকারের কঠিন পরিশ্রমের ফলে। বাণিজ্য এবং বিশ্বায়ন লক্ষ লক্ষ মানুষকে দারিদ্রতা থেকে বের করে এনেছে। ভারতীয় অর্থনীতি বিশ্বের আশার আলো। এই অর্থনীতিতে বিশ্বাস রাখছে দুনিয়া। আমরা সেটা দেখতেও পাচ্ছি।”

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আমরা নীতিগত বিষয়ে স্থিরতা এনেছি। আগামী কয়েক বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে। এর জন্য আমরা দায়বদ্ধ। বিশ্ব অতিমারির মধ্যে দিয়ে গিয়েছে। সঙ্গে ভূ-রাজনৈতিক অস্থিরতাও আছে। এগুলি বর্তমান বিশ্ব অর্থনীতির কাছে বড় চ্যালেঞ্জ। এবং সেই পরীক্ষাগুলিও উতরেছে দুনিয়া। জি-২০ গোষ্ঠীর সম্মেলনে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বাসের জায়গা গড়ে তোলাটা আমাদের দায়িত্ব। ভবিষ্যতে আরও অনেক ধাক্কা আসতে পারে। তার মোকাবিলায় বিশ্বজুড়ে সহনশীল ও সর্বব্যাপী মূল্যবোধের একটা শৃঙ্খল আমাদের গড়ে তোলা উচিত।”

    ‘গেম চেঞ্জার’

    তিনি বলেন, “রাজস্থানের জয়পুর শিল্পপতিদের কাছে সুপরিচিত। ইতিহাসে দেখা যায়, ব্যবসা-বাণিজ্যের মধ্যে দিয়ে চিন্তাভাবনার আদান-প্রদান হয়েছে, সংস্কৃতি ও প্রযুক্তিও ভাগ করে নেওয়া হয়েছে। এতে মানুষ একে অপরের আরও কাছাকাছি এসেছে। ‘ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সে’র ওপরও এদিন গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একে তিনি ‘গেম চেঞ্জার’ অভিধায় ভূষিত করেন। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আমরা প্রতিযোগিতা ও স্বচ্ছতা বৃদ্ধি করেছি। আমরা ডিজিটালাইজেশন সম্প্রসারিত করেছি এবং উদ্ভাবনের প্রচার করেছি। আমরা ডেডিকেটেড ফ্রেইট করিডর স্থাপন করেছি এবং শিল্পাঞ্চল গড়ে তুলেছি। আমরা রেড টেপ থেকে রেড কার্পেটে চলে এসেছি এবং এফডিআই প্রবাহকে উদারীকরণ করেছি।”

    আরও পড়ুুন: “এক সময় এগরোল বিক্রি করতেন, তারপরে এই উত্থান”, সুজিতকে কটাক্ষ সুকান্তর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Sukanta Majumdar: “এক সময় এগরোল বিক্রি করতেন, তারপরে এই উত্থান”, সুজিতকে কটাক্ষ সুকান্তর

    Sukanta Majumdar: “এক সময় এগরোল বিক্রি করতেন, তারপরে এই উত্থান”, সুজিতকে কটাক্ষ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: “নিউটাউন, বাগুইআটি এই সমস্ত এলাকায় ঘুরে জানতে পেরেছি ভদ্রলোক এক সময় স্টেশনের পাশে এগরোল বিক্রি করতেন। সেই থেকেই এই উত্থান।” কথাগুলি যিনি বললেন তিনি বিজেপির রাজ্য সভাপতি অধ্যাপক সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এই কটাক্ষের অভিমুখ যিনি, তিনি তৃণমূল নেতা সুজিত বসু, রাজ্যের মন্ত্রীও বটে। পুরসভায় নিয়োগ কেলেঙ্কারির তদন্তে নিজাম প্যালেসে তাঁকে তলব করেছে সিবিআই।

    সুকান্তর নিশানায় সুজিত

    ‘গৃহ সম্পর্ক অভিযান’ কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। সেই কর্মসূচিতে যোগ দিয়েই বাগুইআটির জ্যাংড়া এলাকায় গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্রমণ শানান তৃণমূলকে। সুজিতকে সিবিআইয়ের তলব প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ সুকান্ত (Sukanta Majumdar) বলেন, “এরা হাজিরা দেওয়ার পক্ষপাতি নয়। শুধু সিবিআই কেন, ইডিরও তদন্ত হওয়া উচিত। যে ব্যক্তির কথা বলছেন, আমি কলকাতায় আসার পর নিউটাউন, বাগুইআটি এই সমস্ত অঞ্চল ঘুরে জানতে পেরেছি, ভদ্রলোক এক সময় স্টেশনের পাশে এগরোল বিক্রি করতেন। সেই থেকেই উত্থান। ওঁর এই মডেল স্টাডি করা যেতে পারে। ইডিরও স্টাডি করা উচিত এত টাকার সম্পত্তির মালিক হলেন কী করে। এক সময় সুভাষ চক্রবর্তীকে ধরেছিলেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এখন বলছেন, ‘দুষ্টু ছেলে’।”

    ‘লিপস অ্যান্ড বাউন্ডস’

    তিনি বলেন, “আমার মনে হয়, সিবিআই এবং ইডি দুই সংস্থারই তদন্ত করা উচিত এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক কীভাবে হলেন এবং ভাগ অন্য কেউ পেয়েছে কিনা, সেগুলোও দেখা উচিত।” ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ প্রসঙ্গে সুকান্ত (Sukanta Majumdar) বলেন, “এটায় তো লুকোনোর কোনও বিষয় নেই, বাচ্চারাও জানে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কার কোম্পানি। লোকসভায় বিষয়টি তুলেছিলাম। তৃণমূলের ওদিকে সবাই বসেছিলেন, একটা শব্দ পর্যন্ত কেউ করতে পারেননি। একটা কোম্পানির কয়েক বছরের মধ্যে টার্নওভার জাম্প। কতগুণ লাফ, আর কোম্পানিটা কার সবই প্রকাশ্যে। আমার কাছে ওয়েবসাইটের কাগজ রয়েছে, দিয়ে দেব। ক্লাস নাইনে পড়ার সময়ই নাকি উনি সংস্থার মালিক, যেখানে পরিষ্কার লেখা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি। লুকোনোর কী আছে? ঘোমটার নীচে খেমটা নাচন দিয়ে কোনও লাভ আছে? ঘোমটা খুলে নাচুন।”

    আরও পড়ুুন: ৫০ কোটির ‘তছরুপ’! সমবায় সমিতির দুর্নীতির তদন্তেও ইডি-সিবিআই

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • C V Ananda Bose: র‍্যাগিং-মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ইসরোর সাহায্য চাইলেন রাজ্যপাল 

    C V Ananda Bose: র‍্যাগিং-মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ইসরোর সাহায্য চাইলেন রাজ্যপাল 

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে র‌্যাগিং রুখতে  প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করার কথা ভাবছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। র‌্যাগিং মোকাবিলায় এ বার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। এই নিয়ে ইতিমধ্যেই ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে যোগাযোগ করেছেন রাজ্যপাল তথা আচার্য। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে রাজভবনের তরফে।

    রাজ্যপালের আর্জি

    রাজভবন সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে র‌্যাগিং থেকে মুক্ত করতে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সাহায্য করার আশ্বাস দিয়েছে ইসরো। রাজভবনের ওই সূত্র মারফত আরও জানা যাচ্ছে, এদিন ইসরো চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে অনেকটা সময় ধরে আলোচনা করেছেন বাংলার বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। কীভাবে প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিকে র‌্যাগিং থেকে মুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে উভয়ের মধ্যে। শুধু ইসরোর চেয়ারম্যানের সঙ্গেই নয়, এর পাশাপাশি হায়দরাবাদের একটি সংস্থার সঙ্গেও এই নিয়ে আলোচনা করেছেন রাজ্যপাল বোস।

    প্রযুক্তিগত সাহায্য

    ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা জানিয়েছেন ভিডিও বিশ্লেষণ, ইমেজ ম্যাচিং স্বয়ংক্রিয় লক্ষ্য শনাক্তকরণ এবং রিমোট সেন্সিংয়ের মতো প্রযুক্তি ব্যবহার করে এ বিষয়ে প্রযুক্তিগত সমাধান তৈরি করার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, সম্প্রতি র‌্যাগিং-এর অভিযোগে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে স্নাতক স্তরের প্রথম বর্ষের এক পড়ুয়ার। ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনী মিলিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করেছে।

    আরও পড়ুন: পূর্বসূরির চোখে উত্তরসূরি! চাঁদের বুকে ‘বিক্রম’-এর ছবি তুলে পাঠালো ‘চন্দ্রযান ২’ অরবিটার

    ইসরো যাদবপুর সম্পর্ক

    বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ইসরোর চন্দ্রযান ৩। প্রথম দেশ হিসাবে ভারত এই কৃতিত্ব অর্জন করেছে। সেই সাফল্যকে সামনে রেখেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে র‌্যাগিং নির্মূল করতে ইসরোর প্রযুক্তির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের ‘পাখির পালকের মতো অবতরণ’ (বৈজ্ঞানিক পরিভাষায় যার নাম ‘সফ্‌ট ল্যান্ডিং’) কর্মসূচিতে ইসরোর সহযোগীর ভূমিকায় ছিল দেশের কয়েকটি প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান। সেই তালিকার অন্যতম নাম যাদবপুর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Money Siphoning Case: ৫০ কোটির ‘তছরুপ’! সমবায় সমিতির দুর্নীতির তদন্তেও ইডি-সিবিআই

    Money Siphoning Case: ৫০ কোটির ‘তছরুপ’! সমবায় সমিতির দুর্নীতির তদন্তেও ইডি-সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫০ কোটি টাকা আত্মসাতের (Money Siphoning Case) অভিযোগ উঠেছিল উত্তরবঙ্গের ‘আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতি’র বিরুদ্ধে। বছর তিনেক ধরে আর্থিক তছরুপের তদন্ত করছিল সিআইডি। সিআইডির তদন্তে অসন্তোষ প্রকাশ করে আর্থিক তছরুপের তদন্তভার ইডি এবং সিবিআইয়ের হাতে তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১২ অক্টোবর ওই দুই সংস্থাকে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেন তিনি।

    টাকা তছরুপের অভিযোগ

    আলিপুরদুয়ার শহরের নিউটাউন এলাকায় রয়েছে ‘আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতি’। এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, বাজার থেকে বিপুল অঙ্কের টাকা তুলেছিলেন (Money Siphoning Case) সমিতির সঙ্গে জড়িত লোকজন। পরে আর তা ফেরত দেননি বলে অভিযোগ। জানা গিয়েছে, দীর্ঘদিন পেরিয়ে গেলেও, আমানতকারীদের টাকা কারা কারা ধার নিয়েছে, কত টাকা উদ্ধার করা হয়েছে, তার কোনও তালিকাই প্রস্তুত করতে পারেনি সিআইডি। প্রয়োজনীয় কোনও তথ্যও জোগাড় করতে পারেনি সিআইডি। প্রত্যাশিতভাবেই কিনারা হয়নি তদন্তের। টাকাও ফেরত পাননি আমানতকারীরা। বছর তিনেক ধরে তদন্ত করে মাত্র ৬ জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

    তছরুপ হয়েছে ৫০ কোটি টাকা

    বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হয়। কল্পনা দাস সরকার নামে এক মামলাকারীর অভিযোগ, ‘আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতি’তে ২১ হাজার ১৬৩ জন টাকা বিনিয়োগ করেছিলেন। তাঁর দাবি, সব আমানতকারীর আমানতের পরিমাণ ৫০ কোটি টাকা। টাকা জমা দেওয়ার সময় সমিতি জানিয়েছিল, ওই টাকা বাজারে ঋণ হিসেবে খাটানো হবে। টাকা ফেরত পাওয়ার সময় হলে বিনিয়োগকারীরা জানতে পারেন, সমিতিই ‘বিলুপ্ত’ হয়ে গিয়েছে।

    আরও পড়ুুন: “ধর্ষকদের এনকাউন্টার করা হোক”! শিলিগুড়ির ঘটনা প্রসঙ্গে বললেন শুভেন্দু

    এদিন সিআইডিকে ভর্ৎসনা করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “এই আর্থিক তছরুপের (Money Siphoning Case) ঘটনায় বিরাট প্রতারণা চক্র কাজ করেছে। প্রায় তিন বছর ধরে তদন্ত করার পরেও সিআইডি এই তদন্তের কিনারা করতে ব্যর্থ হয়েছে।” তিনি বলেন, “সিআইডির হাত থেকে তদন্তের ভার সিবিআই ও ইডিকে দেওয়া হচ্ছে। ২৫ অগাস্ট থেকেই এই দুই সংস্থা তদন্ত শুরু করে দেবে। তদন্তের স্বার্থে কাউকে জিজ্ঞাসাবাদ করা এবং প্রয়োজনে হেফাজতে নেওয়ার ব্যাপারেও তাদের পূর্ণ স্বাধীনতা থাকবে। সিআইডির আর তদন্ত করার কোনও প্রয়োজন নেই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: পূর্বসূরির চোখে উত্তরসূরি! চাঁদের বুকে ‘বিক্রম’-এর ছবি তুলে পাঠালো ‘চন্দ্রযান ২’ অরবিটার

    Chandrayaan 3: পূর্বসূরির চোখে উত্তরসূরি! চাঁদের বুকে ‘বিক্রম’-এর ছবি তুলে পাঠালো ‘চন্দ্রযান ২’ অরবিটার

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালে তার সঙ্গীর অকালমৃত্যুতে সে একা হয়ে পড়েছিল। চার বছর ধরে সে একাই চাঁদের চারপাশে চরকি-পাক খাচ্ছিল। এবার সে একজন সঙ্গী পেয়েছে। চন্দ্রভূমে সফল অবতরণ করেছে তার উত্তরসূরি ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3) ল্যান্ডার। ইতিমধ্যেই সেই ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপন হয়েছে ‘চন্দ্রযান ২’-এর অরবিটারের। এবার চন্দ্রপৃষ্ঠে থাকা ল্যান্ডার ‘বিক্রম’-এর (Vikram-Pragyan) ছবি উঠলো চন্দ্র-২ অরবিটারে লাগানো ক্যামেরায়। সেই ছবি পোস্ট করা হয়েছে ইসরোর চন্দ্রযান-৩ ট্যুইটার হ্যান্ডলে।

    এখনও সচল চন্দ্র-২ অরবিটার

    ২০১৯ সালে চাঁদে পাড়ি দিয়েছিল ‘চন্দ্রযান ২’। কিন্তু, সেই অভিযান সফল হয়নি। অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকে আছড়ে পড়েছিল ‘হার্ড-ল্যান্ডিং’ ল্যান্ডার ‘বিক্রম’ (‘চন্দ্রযান ৩’ অভিযানেও ল্যান্ডার ও রোভারের নাম অরপিবর্তিত রাখা হয়েছে)। কিন্তু, সচল রয়েছে চন্দ্র-২ অরবিটার। সে এখনও প্রদক্ষিণ করে চলেছে চাঁদকে। চার বছর আগের সেই ব্যর্থতার পর ২০২৩ সালে এসে সাফল্যের মুখ দেখল ইসরো। 

    মহাকাশে বিরাট লাফ ভারতের

    বুধবারই মহাকাশে বিরাট লাফ দিয়েছে ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3) ল্যান্ডার ‘বিক্রম’ ও তার পেটে থাকা রোভার ‘প্রজ্ঞান’ (Vikram-Pragyan)। ইতিমধ্যেই, চাঁদের বুকে দাপিয়ে এদিক-ওদিক হেঁটে বেড়াচ্ছে রোভার। অন্যদিকে, এক জায়গায় স্থির রয়েছে ল্যান্ডার ‘বিক্রম’। এদিকে, চাঁদের চারপাশে চক্কর কাটতে কাটতে সেই ছবি তুলে নিলো ‘চন্দ্রযান ২’ অরবিটার। অর্থাৎ, পূর্বসূরির চোখে ধরা দিল উত্তরসূরি।

    ইসরোর তরফে যে ছবিটি পোস্ট করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, চাঁদের মাটিতে দাঁড়িয়ে রয়েছে ল্যান্ডার বিক্রম। আগের দিনের সঙ্গে বর্তমানে ল্যান্ডারের অবস্থানের পার্থক্য বোঝাতে বুধবার দুপুরের আর বুধবার রাতের দুটো ছবি প্রকাশ করে ইসরো। দুটি ছবিই চন্দ্রপৃষ্ঠের এক জায়গার। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, চারদিকে গর্তের মধ্যে, মোটামুটি সমতল একটা জায়গা খুঁজে নিয়ে ল্যান্ডার বিক্রম দাঁড়িয়ে রয়েছে চাঁদের মাটিতে। তার ছায়াও ধরা ছবিতে।

    ঠিকঠাক কাজ করছে বিক্রম-প্রজ্ঞান (Vikram-Pragyan)

    এর আগে, গতকাল ইসরো জানিয়েছিল, ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3) সকল সিস্টেম ঠিকঠাক কাজ করছে। সব প্যারামিটার স্বাভাবিক রয়েছে। ইসরো ট্যুইট করে জানিয়েছে, ‘‘সমস্ত কাজ নির্ধারিত সূচি অনুযায়ী হচ্ছে। সমস্ত সিস্টেমও স্বাভাবিক রয়েছে। ল্যান্ডার মডিউল পেলোডগুলি— ইলসা, রম্ভা এবং চ্যাস্টে চালু করা হয়েছে। রোভারের গতিশীলতা কার্যক্রমও শুরু হয়েছে। প্রপালশন মডিউলে শেপ পেলোড রবিবার চালু করা হয়েছে৷’’

    নামার আগে শেষ মুহূর্তের ভিডিও

    পাশাপাশি, ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3) অবতরণের আগে চূড়ান্ত মুহূর্তগুলির একটি ভিডিও শেয়ার করেছে ইসরো। সেখানে দেখা যাচ্ছে, যতই চাঁদের দিকে এগিয়ে চলেছে ল্যান্ডার ততই স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে চাঁদ। ল্যান্ডার ইমেজার ক্যামেরায় ওই ছবিগুলি ধরা পড়ে অবতরণের একেবারে শেষ মুহূর্তে। ভিডিও শেয়ার করার সময় ইসরো টুইটে জানিয়েছে, ‘‘ল্যান্ডার ইমেজার ক্যামেরাটি মাটি স্পর্শ করার ঠিক আগে চাঁদের ছবি ধারণ করেছিল।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat Kohli: ইয়ো ইয়ো টেস্ট পাশ করলেন কোহলি! এশিয়া কাপের আগে বিশেষ প্রস্তুতি রোহিতদের

    Virat Kohli: ইয়ো ইয়ো টেস্ট পাশ করলেন কোহলি! এশিয়া কাপের আগে বিশেষ প্রস্তুতি রোহিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক : লেটার মার্কস নিয়ে ইয়ো ইয়ো টেস্টে পাস করেছেন বিরাট। ইনস্টাগ্রামে একথা নিজেই জানালেন কিং কোহলি (Virat Kohli)। গত কয়েক বছর ধরে চোট সমস্যায় জর্জরিত ভারতীয় ক্রিকেট দল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই তালিকা দীর্ঘ হয়েছে। আর তার প্রভাব পড়েছে টিমের পারফরম্যান্সে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাওয়া যায়নি যশপ্রীত বুমরাহর সার্ভিস। দীর্ঘ ১১ মাস পর তিনি মাঠে ফিরেছেন। লোকেশ রাহুল কিংবা শ্রেয়স আয়ারও চোটের কারণে বহুদিন ছিলেন মাঠের বাইরে। এশিয়া কাপ দলে জায়গা পেলেও তাঁর ফিটনেস নিয়ে আশঙ্কা থেকেই গিয়েছে।

    ফিরল ইয়ো ইয়ো টেস্ট

    সামনে দুই মেগা টুর্নামেন্ট। প্রথমে এশিয়া কাপ। তারপর ঘরের মাঠে বিশ্বকাপ। প্রায় দু’মাস ধরে চূড়ান্ত পর্যায়ের পারফরম্যান্স মেলে ধরতে হবে ক্রিকেটারদের। তার জন্য ফিট থাকাটও জরুরি। তাই কোন কোন ক্রিকেটারের ফিটনেস লেভেল কেমন, তা জানতে শুরু হলো ইয়ো ইয়ো টেস্ট। যা অবশ্য নতুন নয়। রবি শাস্ত্রী যখন কোচ ছিলেন, তখন নিয়ম করে ভারতীয় ক্রকেটারদের ইয়ো ইয়ো টেস্ট হতো। কিন্তু রাহুল দ্রাবিড় দায়িত্ব নেওয়ার পর এই পদ্ধতিতে ঢিলে পড়ে। কিন্তু একের পর মেগা টুর্নামেনেট হতাশাজনক পারফরম্যান্সের কারণ হিসেবে ক্রিকেটারদের ফিটনেসের অভাবকে দায়ী করা হয়েছে। তাই ফেরানো হয়েছে ইয়ো ইয়ো টেস্ট। 

    আরও পড়ুন: শেষরক্ষা হল না! বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকে কার্লসেনের কাছে হার মানলেন প্রজ্ঞানন্দ

    এশিয়া কাপের প্রস্তুতি শিবির

    বেঙ্গালুরুতে চলছে এশিয়া কাপের প্রস্তুতি শিবির। বৃহস্পতিবার ছিল তার প্রথম দিন। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার ইয়ো ইয়ো টেস্ট হয়েছে প্রথম দিনে। সেই রিপোর্ট জমা পড়বে বোডের্র কাছে। তবে ইয়ো ইয়ো টেস্টে লেটার মার্কস নিয়ে পাস করেছেন কোহলি। যা জানা গিয়েছে তাঁর ইনস্টাগ্রাম পোস্ট থেকে। যেখানে প্রাক্তন ভারত অধিনায়ককে দেখা যাচেছ সবুজ গালিচায় খালি গায়ে শুয়ে আছেন। আর ছবির এক কোণে লেখা ইয়ো টেস্টে তাঁর স্কার ১৭.২। বিরাটের চোখে মুখে স্বস্তির ছাপ স্পষ্ট। কারণ, ইয়ো ইয়ো টেসেট পাস মার্কস ১৬.২ যার থেকে অনেকটাই বেশি স্কোর করেছেন তিনি। আসলে, ফিটনেসের দিক থেকে বিরাট ভারতীয় দলে বরাবরই এগিয়ে। বয়স বাড়লেও তাতে মরচে পড়েনি। ২৯ অগাস্ট পর্যন্ত বেঙ্গালুরুর আলুরে চলবে ভারতীয় দলের এই ক্যাম্প। যেখানে এশিয়া কাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের যোগদানের কথা। আয়ারল্যান্ড থেকে ফিরে বুমরাহরা অংশ নেবেন। তারপর এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা উড়ে যাবে টিম ইন্ডয়া।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share