Blog

  • Panchayat Election 2023: পঞ্চায়েতের ফল ঘোষণার পরেও ১০ দিন মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

    Panchayat Election 2023: পঞ্চায়েতের ফল ঘোষণার পরেও ১০ দিন মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনোত্তর হিংসা রুখতে বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)! আদালতের নির্দেশ, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) ফল ঘোষণার পরেও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে, যাতে নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। মূলত নির্বাচিতদের ও সামগ্রিকভাবে মানুষের নিরাপত্তার জন্যই এই নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানিয়ে দিয়েছে আদালত।

    প্রধান বিচারপতির নির্দেশ

    বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশ, নির্বাচনের ফল প্রকাশের পরেও ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে আগেও ভোট পরবর্তী সন্ত্রাসের উদাহরণ রয়েছে। তাই সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন। কোনও অভিযোগ যেন না আসে, তার জন্য সবরকম চেষ্টা করতে হবে কমিশনকে। আদালত আশা করে, ভোট শান্তিপূর্ণ হবে, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সে সিদ্ধান্ত নেবেন বিএসএফের আইজি। রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের কর্তারা বিএসএফের আইজিকে সাহায্য করবেন।

    গণনা-পর্ব

    পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) হবে ৮ জুলাই। গণনা শুরু হবে ১১ জুলাই। গণনা-পর্ব শেষ হতে ১২ তারিখ হয়ে যেতে পারে। তাই এই ১২ জুলাইয়ের পরেও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্ট এও জানিয়েছে, ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেও ব্যালট বাক্সের নিরাপত্তা সুনিশ্চিত করবে বাহিনী। প্রসঙ্গত, বুধবারই আদালত নির্দেশ দিয়েছিল, প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের নিরাপত্তায় গণনা কেন্দ্রে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।

    আরও পড়ুুন: “এখনও সময় আছে রাজধর্ম পালন করুন”, রাজীবকে হুঁশিয়ারি রাজ্যপালের

    পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই অশান্ত হয়েছে রাজ্য। মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হয়েছেন কংগ্রেস কর্মী। কেবল মুর্শিদাবাদেই নয়, রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক হিংসার বলি হয়েছেন অন্তত ১৩ জন। কোথাও শাসকের হাতে খুন হয়েছেন বিরোধী দলের কোনও কর্মী, কোথাও আবার তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের বলি হয়েছেন কেউ। রাজনৈতিক এই হিংসার আবহে নির্বিঘ্নে নির্বাচন সম্ভব নয় অনুমান করে আদালতের দ্বারস্থ হন বিরোধীরা। দাবি করেন কেন্দ্রীয় বাহিনীর। বিস্তর টানাপোড়েনের পর হাইকোর্টের গুঁতোয় শেষমেশ কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি লেখে রাজ্য নির্বাচন কমিশন। তার পরেই রাজ্যে দফায় দফায় আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। এবার আদালতের নির্দেশে সেই বাহিনীই থাকবে গণনা শেষ হওয়ার ১০ দিন পর পর্যন্ত।

        

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • SSC Scam: ওএমআর শিট প্রকাশ নিয়ে অবস্থান স্পষ্ট করুক এসএসসি! নির্দেশ হাইকোর্টের

    SSC Scam: ওএমআর শিট প্রকাশ নিয়ে অবস্থান স্পষ্ট করুক এসএসসি! নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: একাদশ-দ্বাদশের ওএমআর শিট প্রকাশ (OMR Sheet) নিয়ে স্কুল সার্ভিস কমিশনের (SSC) অবস্থান জানতে চায় কলকাতা হাইকোর্ট। আগামীকাল অর্থাৎ শুক্রবার এই নিয়ে অবস্থান জানাতে এসএসসি-কে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguli)। চাকরি ফেরত পেতে ফের হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন ববিতা সরকার। এবার একাদশ-দ্বাদশ শ্রেণির (SSC Scam) বিস্তারিত মেধাতালিকা প্রকাশ চেয়ে মামলা করেন তিনি। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য জানতে চেয়েছেন। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

    ববিতার আবেদন

    ববিতার হয়ে এই মামলা লড়ছেন আইনজীবী ফিরদৌস শামিম। তাঁর বক্তব্য, ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় ৫ হাজার ৫০০ জনকে নিয়োগ করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ৯০৭টি বিকৃত উত্তরপত্র (ওএমআর শিট) উদ্ধার করে সিবিআই। তার মধ্যে ১৩৮ জন ছিলেন ওয়েটিং লিস্টে। ববিতা সরকারের আবেদন, একাদশ-দ্বাদশের বিস্তারিত তথ্য-সহ প্যানেল প্রকাশ পেলে কারা, কীভাবে, কোথায় চাকরি পেয়েছেন তা পরিষ্কার হয়ে যাবে। যদি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ২০ জনের মধ্যে কারও নিয়োগে কোনও গোলমাল থাকে, কেউ যদি দুর্নীতির (SSC Scam) কারণে চাকরি পেয়ে থাকেন, তবে তাঁর পদ বাতিলের সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আবারও ববিতা চাকরি পেতে পারেন বলে আশাবাদী। তাই প্যানেল প্রকাশ করা হোক বলে আর্জি তাঁর।

    আরও পড়ুুন: ‘শুভেন্দুর চার অভিযোগে পদক্ষেপ নয় কেন?’ কমিশনকে প্রশ্ন হাইকোর্টের

    ফের আদালতের পথে

    এর আগে ববিতা সরকারের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই চাকরি দেওয়া হয় অনামিকা রায়কে। প্রথমে মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী এই পদে চাকরি পেয়েছিলেন। মেখলিগঞ্জের তৃণমূল নেতা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে সরিয়ে সেই পদে চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। ববিতার এই চাকরি প্রাপ্তি নিয়ে গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এনিয়ে স্বস্তি পেয়েছিলেন ববিতা নিজেও। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। দেখা গিয়েছিল ববিতার চাকরিপ্রাপ্তির ক্ষেত্রে নানা ত্রুটি থেকে গিয়েছে। এরপর গত মে মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় রায় দিয়েছিলেন এই চাকরি ববিতার হতে পারে না। এরপর চাকরি যায় ববিতার। আবারও চাকরি ফিরে পেতে সেই আদালতেরই দ্বারস্থ শিলিগুড়ির মেয়ে ববিতা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Saayoni Ghosh: ‘অসম্পূর্ণ’ নথি পাঠিয়েছেন! সায়নীকে ফের তলবের পথে ‘অসন্তুষ্ট’ ইডি?

    Saayoni Ghosh: ‘অসম্পূর্ণ’ নথি পাঠিয়েছেন! সায়নীকে ফের তলবের পথে ‘অসন্তুষ্ট’ ইডি?

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার তাঁর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। বলা হয়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঋণের কাগজ সহ আয়-ব্যয়ের যাবতীয় নথি নিয়ে হাজির হতে। কিন্তু, হাজির তো হননি-ই, উল্টে ‘অসম্পূর্ণ’ নথি পাঠিয়েছেন বলে অভিযোগ উঠল যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh) বিরুদ্ধে। সূত্রের খবর, এই ঘটনায় ‘অসন্তুষ্ট’ ইডি। 

    সায়নীর থেকে নথি তলব

    নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে অন্যতম অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গে যোগসূত্রে জিজ্ঞাসাবাদ করতে হাজিরার জন্য সায়নী ঘোষকে (Saayoni Ghosh) সমন পাঠায় ইডি। গত শুক্রবার তাঁকে সিজিও কমপ্লেক্সে ১১-ঘণ্টা ধরে জেরা করার পর বুধবার নথি সহ হাজির হতে বলা হয়। নিয়োগকাণ্ড (Recruitment Scam) অন্যতম অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গে সায়নীর আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে ইডি। কুন্তলের থেকে সায়নী কোনওভাবে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন কিনা, বা কুন্তলের টাকা সায়নীর অ্যাকাউন্টে ঢুকেছিল কিনা, তা দেখতেই সায়নীকে বুধবার তাঁর যাবতীয় ব্যাঙ্কের নথি নিয়ে আসতে বলা হয়েছিল। ইডি সূত্রে জানা গিয়েছে, সায়নীকে আয়কর জমা দেওয়ার ফাইল এবং সম্পত্তির হিসাব নিয়ে যেতে বলা হয়েছিল। যুবনেত্রীর যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তার তথ্য এবং লেনদেনের নথিও নাকি আনতে বলা হয়েছিল। পাশাপাশি, তিনি ব্যাঙ্ক ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছেন বলে যে দাবি করেছেন, তার কাগজপত্রও আনতে বলা হয়েছিল।

    আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় ৩৯২৯টি পদে শুনানি পিছল সুপ্রিম কোর্টে

    কী নথি পাঠাননি সায়নী?

    কিন্তু, গতকাল, অর্থাৎ বুধবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে সায়নী (Saayoni Ghosh) ইডি দফতরে হাজিরা দেননি। তিনি আইনজীবীর হাত দিয়ে ৫৩০ পাতার নথি পাঠিয়ে দেন। নিজে চলে যান পূর্ব বর্ধমানের গলসিতে পঞ্চায়েত ভোটের প্রচারে। ইডি সূত্রে খবর, সায়নীর পাঠানো নথি পরীক্ষা করে দেখা যায় যে সেগুলি ‘অসম্পূর্ণ’। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, নিজের নামে থাকা ফ্ল্যাটের নথি জমা দিলেও, মায়ের নামে কেনা ফ্ল্যাটের কোনও নথি জম দেননি তিনি। সূত্রের খবর, মায়ের নামে যে‌ ফ্ল্যাটটি সায়নী ঘোষ কিনেছিলেন তখন তিনি ২০ লক্ষ টাকা নগদ দিয়েছিলেন। এই টাকার উৎস জানতে চেয়েছিল ইডি। কিন্তু তার নথি পাঠানো হয়নি। পাশাপাশি ‘কলোনি ল্যান্ড’ বলে একটি সম্পত্তিও বিক্রি করা হয়েছিল এর মধ্যে। সেই সম্পত্তি বিক্রির টাকা লেনদেনের নথিও জমা দেওয়া হয়নি, সূত্রের খবর এমনটাই। কোথা থেকে টাকা এসেছিল, কোথায় জমা পড়েছিল, কিছু জানানো হয়নি বলে অভিযোগ। 

    সায়নীর ওপর ‘অসন্তুষ্ট’ ইডি

    সূত্রের খবর, সায়নী ঘোষের (Saayoni Ghosh) এই ‘অসম্পূর্ণ’ নথি জমা দেওয়া নিয়ে মোটেও ‘সন্তুষ্ট নন’ তদন্তকারীরা। তাঁদের কথায়, “যথেষ্ট সময় দেওয়া হয়েছিল সায়নীকে। সেক্ষেত্রেও কেন সম্পূর্ণ তথ্য জমা দেননি তিনি?” তদন্তকারী সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, সায়নী এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে পাওয়া গিয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য। ভবিষ্যতে এই তথ্য সামনে রেখে সায়নীকে ফের জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। সায়নী ইমেলে ইডিকে জানিয়েছিলেন, পঞ্চায়েত নির্বাচন এবং ফলপ্রকাশের পর তাঁকে ডাকলে তিনি সশরীরে হাজিরা দেবেন। তবে আজ নির্বাচনী প্রচার শেষ হচ্ছে। ইডি সূত্রের খবর, নথি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইতে সায়নীকে আবার তলব করা হতে পারে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tamim Iqbal: চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের

    Tamim Iqbal: চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপের তিন মাস আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal)। বৃহস্পতিবার চট্টগ্রামে এক সাংবাদিক বৈঠকে নিজের অবসরের কথা জানান তামিম। গত বছরের ১৬ জুলাই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন ৩৪ বছর বয়সি তামিম। এদিন তামিম জানিয়ে দিলেন, ওয়ানডে ও টেস্ট থেকেও সরছেন তিনি। ফলে বাংলাদেশের (Bangladesh Cricket) জার্সিতে আর খেলতে দেখা যাবে না মারকুটে এই ওপেনারকে। 

    কী বললেন তামিম?

    এদিন বিদায়বেলায় কেঁদে ফেলেন তামিম (Tamim Iqbal)। বললেন, ‘‘এটাই আমার শেষ। আমি নিজের সেরাটা দিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচই আমার শেষ ম্যাচ ছিল।’’ এরপর তিনি বলেন, ‘‘আমি হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নিইনি। অবসরের পিছনে অনেক কারণ আছে। সে সব এখানে বলতে চাই না। পরিবারের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। অনেক ভেবেছি। আমার মনে হয়েছে, এটাই অবসর নেওয়ার সঠিক সময়।’’ 

    বাবার স্বপ্নপূরণের জন্যই ক্রিকেটে

    দীর্ঘ ১৬ বছরের ক্রিকেট পরিক্রমা শেষ করে তামিম (Tamim Iqbal) বলছেন, “বাবার স্বপ্নপূরণ করার জন্য ক্রিকেটে এসেছিলাম। জানি না বাবার স্বপ্নপূরণ করতে পেরেছি কিনা।” এদিন বিদায়বেলায় অনেক কিছুই বলতে চেয়েছিলেন তামিম। কিন্তু আবেগে ভেসে যাওয়ায় সব কথা আর বলা হয়নি। তামিম  বলেন, ‘‘আমার অনেক কিছু বলার আছে। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কথা বলার মতো পরিস্থিতিতে নেই আমি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সহজ নয়।’’ এক দিনের ক্রিকেটে ২০০৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ২৪১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। করেছেন ৮৩১৩ রান। ৩৬.৬২ গড় ও ৭৮.৫৪ স্ট্রাইক রেটে রান করেছেন বাংলাদেশের এই বাঁ হাতি ওপেনার। সর্বোচ্চ ১৫৮। এক দিনের ক্রিকেটে ১৪টি শতরান করেছেন তামিম।

    হঠাৎ কেন অবসর?

    তামিম (Tamim Iqbal) বুঝিয়ে দিয়েছেন দীর্ঘ দিন ধরেই ক্ষোভ, অভিমান জমছিল। আর পারছিলেন না তিনি। সাংবাদিক বৈঠকে যে ভাবে তিনি কাঁদলেন, তাতে বোঝা গেল, নিজের সব থেকে প্রিয় জিনিসটা থেকে দূরে সরতে কতটা কষ্ট হচ্ছে তাঁর। নইলে তিনি কেন বলবেন, ‘‘আমি নিজের সেরাটা দিয়েছি। সত্যিই সেরা দিয়েছি। হতে পারে সেটা যথেষ্ট নয়। হতে পারে আমি ততটা ভাল নই। কিন্তু যখনই মাঠে নেমেছি নিজেকে ১০০ শতাংশ উজাড় করে দিয়েছি।’’

    আরও পড়ুন: ‘‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেরণায় এগোচ্ছে ভারতীয় ফুটবল’’, বললেন কল্যাণ চৌবে

    তাঁর অবসর নিয়ে যেন কোনও বিতর্ক না হয় সেই অনুরোধও করেছেন বাংলাদেশের হয়ে এক দিনের ক্রিকেটে সর্বাধিক রানের মালিক। তাঁর কথায়, ‘‘দয়া করে এই ঘটনা নিয়ে আর বিতর্ক বাড়াবেন না। এই বিষয়কে এখানেই শেষ করে দিন। আমি সব সময় বলেছি, দেশ অনেক আগে। বাংলাদেশের ক্রিকেটের (Bangladesh Cricket) পাশে থাকুন।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Higher Secondary: উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনে আধার নম্বর বাধ্যতামূলক করল সংসদ

    Higher Secondary: উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনে আধার নম্বর বাধ্যতামূলক করল সংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: কমবেশি সব সরকারি কাজে বাধ্যতামূলক হয়েছে আধার নম্বর। এবার উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) রেজিস্ট্রেশনেও তা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানা গিয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, আধার নম্বরের রেজিস্ট্রেশন না থাকলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে সমস্যা হবে। জানা গিয়েছে ২০২৪ সালের উচ্চমাধ্যমিকেই এই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে। ছাত্রছাত্রীদের এ বিষয়ে অবগত করতেই, এই বিজ্ঞপ্তি তারা জারি করেছে বলে জানিয়েছে সংসদ।

    উচ্চশিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায় এদিন বিজ্ঞপ্তি জারি করেন

    এদিন বিজ্ঞপ্তি জারি করেন উচ্চশিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ২০২২-২৪ শিক্ষাবর্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এই নিয়ম চালু করা হবে। এবছরের শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক (Higher Secondary) স্তরের পড়ুয়ারা আধার নম্বর ১৬ অগাস্ট থেকে ১০ নভেম্বরের মধ্যে সংসদের পোর্টালে অনলাইনে আপডেট করতে পারবেন। আর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পড়ুয়ারা আধার নম্বর আপডেট করতে পারবেন ১৬ অগাস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে।

    কিন্তু এই সময়সীমার মধ্যেও কোনও ছাত্রছাত্রী যদি অনলাইন আধার নম্বর রেজিস্ট্রেশন করাতে না পারেন? সংসদ বলছে, সে ক্ষেত্রে ৩-১০ নভেম্বরের মধ্যে জরিমানা দিয়ে রেজিস্ট্রেশন করা যেতে পারে। শিক্ষা দফতর এদিন আরও জানিয়েছে, নতুন এই পদ্ধতি সম্পর্কে যাতে ছাত্রছাত্রীরা তাড়াতাড়ি জানতে পারেন, সেই কারণেই আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের বিষয়টি আগে থেকেই জানানো হয়েছে।

    আধার নম্বরের রেজিস্ট্রেশন না থাকলে বসতে সমস্যা হবে উচ্চমাধ্যমিকে

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘কোনও পরীক্ষার্থী যদি রেজিস্ট্রেশনের সময় আধার নম্বর না দেন, তা হলে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এমনকি পরীক্ষায় বসার সুযোগ না-ও মিলতে পারে।’’ তাই উচ্চশিক্ষা সংসদ ছাত্র ছাত্রীদের পরামর্শ দিয়েছে, দ্রুততার সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যেন নিয়ম মেনে আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: “এখনও সময় আছে রাজধর্ম পালন করুন”, রাজীবকে হুঁশিয়ারি রাজ্যপালের

    Panchayat Election 2023: “এখনও সময় আছে রাজধর্ম পালন করুন”, রাজীবকে হুঁশিয়ারি রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: “আপনাকে আমি নিয়োগ করেছিলাম। কিন্তু আপনি রাজ্যবাসীকে হতাশ করেছেন। দায়িত্ব পালনে আপনি ব্যর্থ। এখনও সময় আছে, সঠিক পদক্ষেপ করুন। রাজধর্ম পালন করুন।” বৃহস্পতিবার এই ভাষায়ই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। তার আটচল্লিশ ঘণ্টা আগে রাজ্যপালের এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধারণা রাজনৈতিক মহলের।

    আগুন নিয়ে খেলা!

    এদিন সাংবাদিকদের সামনে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার উদ্দেশে রাজ্যপাল বলেন, “আগুন নিয়ে খেলা হচ্ছে। রক্ত নিয়ে খেলা হচ্ছে। মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে। মানুষের অসহায়তা দেখেছি। চোখের জল দেখেছি। পিতৃহারা শিশুর কান্না দেখেছি। এই রাজনৈতিক হিংসা (Panchayat Election 2023) বন্ধ হওয়া উচিত।” বিশ্বখ্যাত নাট্যকার শেক্সপিয়রের অমর কীর্তি ‘ম্যাকবেথ’ নাটকের প্রসঙ্গ টেনে রাজীবের উদ্দেশে রাজ্যপাল বলেন, “সঠিক পদক্ষেপ করতে যদি ব্যর্থ হন, তাহলে আরবের সমস্ত সুগন্ধী আপনার ছোট হাতকে মিষ্ট করবে না। পবিত্র গঙ্গার জলে আপনার হাতের রক্ত ধোয়া যাবে না।”

    রাজ্যপালের চোখে জল

    তিনি বলেন, “বাসন্তী, পুরুলিয়া, কোচবিহারে হিংসার দায় কার? কে ঘাতক? রাজ্য নির্বাচন কমিশনের জানা উচিত। এত মৃত্যুর দায় কার? কমিশনকে জবাব দিতে হবে।” শনিবার যাতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়, সে ব্যাপারে সুনিশ্চিত করতে রাজীবকে বার্তা দিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, “গ্রাউন্ড জিরো  হন রাজ্য নির্বাচন কমিশনার (Panchayat Election 2023)। মানুষের হৃদয় ভেঙে গিয়েছে। মানুষ বলছে, তাঁদের প্রিয়জনের জীবন ফেরাতে।”

    আরও পড়ুুন: ‘শুভেন্দুর চার অভিযোগে পদক্ষেপ নয় কেন?’ কমিশনকে প্রশ্ন হাইকোর্টের

    রাজ্যপাল যখন কথাগুলি বলছেন, তখন তাঁর দু চোখের কোণে চিকচিক করছে জল। রাজ্যপাল বলেন, “এখনও সময় রয়েছে। সঠিক পদক্ষেপ করুন। স্পর্শকাতর এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগান। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুন। স্ট্রংরুমে নিরাপত্তা বাড়ান। সাধারণ মানুষের কথা শুনুন। তাঁদের মতামত নিন। মানুষ বলছে, নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে, খতিয়ে (Panchayat Election 2023) দেখুন।” তিনি আরও বলেন, “আমি ভেবেছিলাম, বাংলার গ্রামেগঞ্জে গিয়ে দেখব, চিত্ত হেথায় ভয় শূন্য, উচ্চ হেথায় শির। কিন্তু এসে দেখলাম, একেবারে উল্টোটা। মানুষের মনে ভয়, মাথা হেঁট হয়ে রয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Kanwar Yatra 2023 : কাঁধের বাঁকের একদিকে মা, অন্যদিকে গঙ্গাজল! কানওয়ার যাত্রায় বিরল দৃশ্য

    Kanwar Yatra 2023 : কাঁধের বাঁকের একদিকে মা, অন্যদিকে গঙ্গাজল! কানওয়ার যাত্রায় বিরল দৃশ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বাঁকের একদিকে বসে আছেন মা। অন্যদিকে তিন কলসী গঙ্গার জল। দুই দিকেই রয়েছে ভারসাম্য। আর এভাবেই ব্যস্ত রাস্তা দিয়ে দীর্ঘপথ এগিয়ে যাচ্ছেন শিবভক্ত এক যুবক। কানওয়ার যাত্রার এই ছবি সকলের চোখে জল এনে দিয়েছে। ছেলের বাঁকে তীর্থযাত্রায় চলেছেন মা। ছেলের কাছে শিবের ভক্তি আর মায়ের ভালবাসা দুইই সমান। দৃষ্টিশক্তিহীন বাবা-মাকে কাঁধে করে তীর্থযাত্রায় নিয়ে গিয়েছিলেন শ্রবণ। কানওয়ার যাত্রায় (Kanwar Yatra 2023) হরিদ্বারের এই ছবি সেই ‘শ্রবণের পিতৃভক্তি নাটক’-এর কথা মনে পড়িয়ে দিল।

    চলছে কানওয়ার যাত্রা

    জুলাইয়ের ৪ তারিখ থেকে শুরু হয়েছে কানওয়ার যাত্রা (Kanwar Yatra 2023)। ১৫ জুলাই পর্যন্ত তা চলবে। ধর্মীয় এই সমাবেশে এ বছর আনুমানিক ২০ লক্ষ শিবভক্ত যোগ দেবেন। বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা কানওয়ারা যাত্রায় যোগ দিচ্ছেন। কানওয়ার যাত্রার বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ছে। সেরকমই এক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, হরিদ্বার থেকে বাঁকের এক দিকে মা-কে এবং অন্যদিকে পরিত্র গঙ্গা জল নিয়ে হেঁটে চলেছেন এক ভক্ত। অন্য ভক্তদের সঙ্গেই হেঁটে চলেছেন ওই তীর্থযাত্রী। এখনও পর্যন্ত ওই ভিডিও ৪২ হাজারের বেশি মানুষ দেখেছেন। লাইক পড়েছে ১৮০০-র বেশি।

    আরও পড়ুুন: “যারা চোর-ডাকাত, তাদের টিকিট দিয়েছে দল”, বিস্ফোরক রাজ্যের প্রাক্তন মন্ত্রী

    প্রশংসা নেটিজেনদের

    বছরের এই সময়ে লাখ লাখ হিন্দু পুন্যার্থী গঙ্গা নদীর পবিত্র জল আনার জন্য উত্তরাখণ্ডের হরিদ্বার, গৌমুখ, গঙ্গোত্রী এবং বিহারের সুলতানগঞ্জে তীর্থযাত্রা করেন। কাতারে-কাতারে শিবভক্ত বাঁকে জল নিয়ে রাস্তায় হেঁটে চলেন। সম্প্রতি সেই কানওয়ার যাত্রায় (Kanwar Yatra 2023) দেখা মিলল সম্পূর্ণ অন্য এক ছবি মাকে বাঁকে করে তীর্থে নিয়ে যাওয়ার ভিডিয়ো মন জয় করে নিয়েছে সকলের। কেউ প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘হর হর মহাদেব’। আবার কেউ লিখেছেন, ‘জয় হো’। আবার জোড় হাতের ইমোজি দিয়ে যুবকের এই মহৎ কাজকে সম্মান জানিয়েছেন নেটিজেনদের একাংশ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।   

  • Panchayat Election 2023: ‘শুভেন্দুর চার অভিযোগে পদক্ষেপ নয় কেন?’ কমিশনকে প্রশ্ন হাইকোর্টের

    Panchayat Election 2023: ‘শুভেন্দুর চার অভিযোগে পদক্ষেপ নয় কেন?’ কমিশনকে প্রশ্ন হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি সহ চারটি অভিযোগ পেয়েও কেন পদক্ষেপ নয়? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মামলায় রাজ্য নির্বাচন (Panchayat Election 2023) কমিশনের উদ্দেশে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের মন্তব্য, অভিযোগ আসার পরেই পদক্ষেপ করা উচিত ছিল কমিশনের। এদিনই দুপুর ১টায় ফের শুনানি হবে এই মামলার।

    শুভেন্দুর আইনজীবীর বক্তব্য

    আদালতে এদিন শুভেন্দুর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, সরাসরি মুখ্যমন্ত্রীতে রাজনৈতিক কর্মসূচি দিদিকে বলো-র ফোন নম্বর ব্যবহার করা হয়েছে। যা এখন চলছে। নির্বাচন ঘোষণার পরে জলপাইগুড়ি জেলা পরিষদের তৃণমূলের এক প্রার্থী টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে অংশ নিয়েছিলেন তৃণমূলের কর্মসূচিতে। এই অবস্থায় ওই জেলায় তিনি কীভাবে সুষ্ঠু নির্বাচন (Panchayat Election 2023) পরিচালনা করবেন। নির্বাচন ঘোষণার পরে রাজ্য পুলিশের আইজি কয়েকজন অফিসারকে বদলিও করেছেন।

    মুখ্যমন্ত্রীর কর্মসূচি

    পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিনই সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ওই কর্মসূচি ঘোষণা করার পরেই পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়। জারি হয় বিজ্ঞপ্তিও। বিষয়টি নিয়ে আদালতের (Panchayat Election 2023) দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, কর্মসূচিতে যে নম্বর ব্যবহার করা হয়েছিল, সেই একই নম্বর ব্যবহার করা হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে। নির্বাচনের আগে এটি আদর্শ আচরণবিধি লঙ্ঘন।

    আরও পড়ুুন: আমেরিকায় পথ দুর্ঘটনায় মৃত্যু খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুর!

    পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। বুধবার মামলাটি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে। বিচারপতি সিনহা মামলাটি পাঠিয়ে দেন প্রধান বিচারপতির এজলাসে (Panchayat Election 2023)। বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে গণ্য হওয়া উচিত। তাই এটিকে প্রধান বিচারপতির এজলাসে পাঠান তিনি। এদিন শুনানি হয় ওই মামলার। সেখানেই আদালতের প্রশ্নের সম্মুখীন হয় কমিশন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: বিজেপির জেলা সভাপতির গাড়িতে পর পর গুলি, প্রাণে বাঁচলেন অল্পের জন্য

    BJP: বিজেপির জেলা সভাপতির গাড়িতে পর পর গুলি, প্রাণে বাঁচলেন অল্পের জন্য

    মাধ্যম নিউজ ডেস্ক: জলপাইগুড়ি জেলার বিজেপির সভাপতি বাপি গোস্বামীর গাড়িতে গুলি করল দুষ্কৃতীরা। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বুধবার রাতে ভোটের প্রচার সেরে বাড়ি ফিরছিলেন বাপি গোস্বামী। তখনই তাঁর গাড়ি লক্ষ্য করে পর পর দুটি গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বাঁচেন জেলা বিজেপি সভাপতি। গাড়িতে মোট তিনটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে, যার মধ্যে দুটি চিহ্ন গুলির। বাকি একটি চিহ্ন পাথর বা ভারী কিছু বস্তু দিয়ে গাড়ির পিছনে কাচে আঘাত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিজেপি (BJP) সভাপতি। 

    আতঙ্কের সেই ঘটনার বিবরণ

    বুধবার রাত প্রায় ১২টা নাগাদ বাপি গোস্বামী তাঁর মণ্ডল সভাপতিকে সঙ্গে নিয়ে বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ভোট প্রচার শেষ করে বাড়ি ফিরছিলেন। বাপি গোস্বামী গাড়ির সামনে চালকের পাশের সিটে বসেছিলেন। অন্ধকার রাস্তায় আসতেই আচমকা গাড়িতে বিকট শব্দ হয়। এর পরেই বাপি গোস্বামীর সিটের পাশের কাচে একটি গুলি করা হয়। তার পর গাড়ির সামনের কাচে আরও একটি গুলি করা হয় বলে জানিয়েছেন বাপি গোস্বামী। একটি মোটর সাইকেলে চেপে দুজন এসেছিল। তাদের মাথায় হেলমেট ছিল। সেই কারণেই দুষ্কৃতীদের চেহারা দেখতে পারেননি তিনি। কোনও প্রকারে ওই এলাকা থেকে দ্রুত গতিতে গাড়িটিকে নিয়ে বাপিবাবু ৩১ নং জাতীয় সড়কে উঠে পড়েন। সেখান থেকে সোজা কোতোয়ালি থানায় চলে আসেন৷ কোতোয়ালি থানার পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে ভিতর থেকে একটি গুলির খোল উদ্ধার করে। রাত প্রায় ৩ টে ১৫ নাগাদ বাপিবাবু কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি জেলা সভাপতির (BJP) গাড়িটি আপাতত থানায় রেখে দিয়েছে পুলিশ।

    দিলীপ ঘোষের (BJP) সভার আগেই হামলা!

    বৃহস্পতিবার সকালে বাহাদুর এলাকায় বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষের একটি নির্বাচনী সভা রয়েছে। তার আগে জেলা সভাপতির গাড়িতে গুলির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।বাপি গোস্বামীর (BJP) অভিযোগ, এই দুষ্কৃতীদের মাথার উপর শাসক দলের নেতাদের হাত না থাকলে তারা এই ঘটনা ঘটাতে পারত না। ওই এলাকা এখন সমাজ বিরোধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। তবে কে বা কারা এই ঘটনা ঘটাল, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সুত্রে এমনটাই জানানো হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vegetable Prices: ফের ডবল সেঞ্চুরির পথে কাঁচা লঙ্কা, এবার দোসর টমেটো! ঊর্ধ্বমুখী বাকি সবজিও

    Vegetable Prices: ফের ডবল সেঞ্চুরির পথে কাঁচা লঙ্কা, এবার দোসর টমেটো! ঊর্ধ্বমুখী বাকি সবজিও

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগে ৩৫০-৪০০ টাকা করে কেজি দরে বাজারে বিকোচ্ছিল কাঁচা লঙ্কা (Green Chilli-Tomato Prices)। মাঝে কিছুটা সুরাহা দিয়ে ১৫০ টাকায় নেমে আসে গৃহস্থের হেঁসেলে গুরুত্বপূর্ণ এই আনাজ। কিন্তু, ফের মাথাচাড়া দিচ্ছে কাঁচা লঙ্কা। আবার ২০০-য় পৌঁছে গিয়েছে এই সবজি (Vegetable Prices)। 

    হেঁসেলে লঙ্কাকাণ্ড…

    মঙ্গলবার কলকাতার অন্যতম পাইকারি বাাজার কোলে মার্কেটে কাঁচা লঙ্কা (Green Chilli-Tomato Prices) বিকিয়েছিল ৪০০ টাকা পাল্লা (৫ কেজিতে এক পাল্লা) দরে। বুধবার আচমকা, তা বেড়ে হয়ে যায় ৯০০ টাকা পাল্লা। এর প্রভাব পড়ে খুচরো বাজারেও। আগের দিন যে লঙ্কা ১৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল, তা একধাক্কায় বেড়ে যায় ২০০-২৫০ টাকায়। বৃহস্পতিবার শহর কলকাতার একাধিক খুচরো বাজারে ১৮০ টাকা দরে বিকোচ্ছে কাঁচা লঙ্কা। 

    কেন দামি কাঁচা-লঙ্কা?

    রাজ্যের এনফোর্সমেন্ট শাখার এক আধিকারিক জানান, মঙ্গলবার কোলে মার্কেটে লঙ্কার গাড়ি বেশি চলে আসায় লঙ্কার পাইকারি দাম পড়ে গিয়েছিল (Vegetable Prices)। কিন্তু বুধবার গাড়ি কম ঢোকায় ফের জোগানে টান পড়ে। ফলে, দাম বেড়ে যায়। জানা গিয়েছে, বেলডাঙার লঙ্কার জোগান নেই বললেই চলে। শহরে লঙ্কার বেশির ভাগটাই আসে কর্নাটক, দিল্লি এবং রাঁচি থেকে। অন্যদিকে, বাংলাদেশেও লঙ্কার উৎপাদন কম হওয়ায় দিল্লি, কর্নাটকের লঙ্কা যাচ্ছে সেদেশেও। ফলে, দেশে জোগান মার খাচ্ছে। টাস্ক ফোর্সের এক আধিকারিক জানান, লঙ্কার যে সমস্ত গাড়ি রাজ্যের সীমানায় দাঁড়িয়ে আছে, সেগুলি এ বার শহরে ঢুকবে। তাই কাল-পরশু নাগাদ শহরে লঙ্কার জোগান আবার স্বাভাবিক হবে এবং দামও কমবে।

    ডবল সেঞ্চুরির পথে টমেটো!

    কাঁচা লঙ্কার পাশাপাশি ডবল সেঞ্চুরির পথে টমেটোও (Green Chilli-Tomato Prices)। মধ্যবিত্তের হেঁসেলের আরেকটি গুরুত্বপূর্ণ সদস্যের দামও আকাশছোঁয়া। গত কয়েক দিনে টমেটোর দাম যে হারে বেড়েছে তাতে বিস্মিত ক্রেতা থেকে বিক্রেতারা। দেশের সবপ্রান্তেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে টমেটোর দাম। প্রতি কিলোর দাম ১৫০ টাকা ছাড়িয়ে ২০০-র দিকে এগোচ্ছে এই আনাজে। এখন কাঁচা লঙ্কার মতোই অনেক গৃহস্থের হেঁসেলে বাড়ন্ত টমেটোও।

    কেন এত দাম টমেটোর?

    বাজার বিশেষজ্ঞদের থেকে জানা গিয়েছে, বর্ষার দেরি, পর্যাপ্ত ফলনের অভাব এবং তাপপ্রবাহের জেরেই দেশ জুড়ে বেড়েছে টমেটোর দাম। আগামী কয়েক দিনে টমেটোর দাম কমার সম্ভাবনা কম। বরং তা আরও বাড়তে পারে বলে মনে করেছেন পাইকারি বিক্রেতারা। অন্তত খরিফ চাষের টমেটো যত দিন না বাজারে ঢোকা শুরু করবে ততদিন দাম কমার কোনও সম্ভাবনাই নেই বলে জানা যাচ্ছে। সেই টম্যাটো ঢোকার পর কিছুটা দাম কমতে পারে। তবে, তা ঢুকতে ঢুকতে অগাস্ট-সেপ্টেম্বর।

    ঊর্ধ্বমুখী বাকি সবজির দামও

    শুধু যে কাঁচা লঙ্কা বা টমেটোর দাম আকাশছোঁয়া তা নয়। বাকি আনাজের দামও ঊর্ধ্বমুখী (Vegetable Prices)। শহর কলকাতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে একাধিক সবজির দাম। আদা-রসুন হাতে নিলেই ছ্যাঁকা লাগছে। আদার প্রতি কেজিতে দাম এখনও ৩০০-৩৫০ টাকা। রসুনের দাম রয়েছে প্রতি কেজিতে ২০০-২৫০ টাকা। বেগুনের প্রতি কেজিতে দাম রয়েছে ৮০ টাকা। যা সাধারণের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি। করলার কেজি প্রতি দাম রয়েছে ৬০ টাকা। এক কেজি উচ্ছে কিনতে হলে খরচ হবে ৭০-৮০ টাকা। পটলের প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা দরে। এছাড়া পেঁয়াজের দাম রয়েছে কেজিতে ৪০ টাকা। জ্যোতি আলুর প্রতি কেজিতে দাম রয়েছে ২০ টাকা। চন্দ্রমুখী আলুর ক্ষেত্রে এই দাম বেড়ে হচ্ছে ২৫ টাকা। 

    মাছ-মাংসের কী হাল?

    সবজির বাজারের পাশাপাশি দাম বেড়েছে মাছ-মাংসেরও। রুই মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ২০০-৩০০ টাকা। কাতলা মাছের প্রতি কেজির দাম রয়েছে ৩৫০-৪০০ টাকা। ছোট পারসে মাছের প্রতি কেজির দাম রয়েছে ৩৫০ টাকা। বড় পারসের দাম ৫০০-৭০০ টাকা। পাবদা মাছের প্রতি কেজিতে দাম শুরুই হচ্ছে ৪০০ টাকা থেকে। ইলিশ মাছের প্রতি কেজির দাম শুরু হচ্ছে ৭০০ টাকা থেকে শুরু। ছোট/চাপড়া চিংড়ির দাম রয়েছে ৩০০-৩৫০ টাকা কেজি। বাগদা চিংড়ির প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে সাইজ অনুযায়ী। ছোট হলে ৪০০-৫০০, মাঝারি হলে ৭০০-৮০০ টাকা এবং বড় হলে ৯০০-১০০০ টাকা দরও হাঁকা হচ্ছে। গলদা চিংড়ির প্রতি কেজির দাম রয়েছে ৭০০-৮০০ টাকা।

    মাছ বাজারের পাশাপাশি চড়া রেট রয়েছে মাংসের দোকানেও। প্রতি কেজি চিকেনের দাম রয়েছে ২২০-২৪০ টাকা। গোটা মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে ১৪০-১৬০ টাকা। দেশি মুরগির কেজি রয়েছে ৪০০ টাকার আশেপাশে ও মাটনের প্রতি কেজিতে দাম রয়েছে ৭৫০-৮০০ টাকা পর্যন্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share