Blog

  • Panchayat Elections 2023: ভাঙড়ের অশান্তির ঘটনার সিসিটিভি ফুটেজ চাইল হাইকোর্ট 

    Panchayat Elections 2023: ভাঙড়ের অশান্তির ঘটনার সিসিটিভি ফুটেজ চাইল হাইকোর্ট 

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছেন অনেকেই। তার মধ্যে সবচেয়ে বেশি চর্চায় থেকেছে ভাঙর। মনোনয়ন জমা দেওয়া নিয়ে ব্যাপক অশান্তি হয় ওই এলাকায়। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ঘটনা ঘটেছে ভাঙড়ে। গুলি-বোমাবাজি এমনকী মনোনয়ন জমা নিয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। যা নিয়ে হাইকোর্টে মামলা হয়। সেই মামলাতেই ভাঙড়ের বিডিও অফিস, ভাঙড় ও কাশীপুর থানার ভিতর ও বাইরের সিসি ক্যামেরার যাবতীয় ফুটেজ বৃহস্পতিবারের মধ্যেই মামলাকারীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

    নির্বাচনের পর ফের শুনানি

    বিরোধীদের অভিযোগ, মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধেও একই অভিযোগ তোলেন বিরোধীরা। সেই অভিযোগের ভিত্তিতে আদালত রাজ্যের থেকে হলফনামা চেয়েছিল। বুধবার সেই হলফনামা আদালতে জমা দেয় রাজ্য।অন্যদিকে, ক্যানিংয়ের এক বিরোধী দলের সমর্থক নিখোঁজ হয়ে গেছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ২৬ জুন আদালত পুলিশকে নির্দেশ দেয়, অবিলম্বে তাঁকে খুঁজে বের করতে হবে। কিন্তু এখনও কেন তাঁর কোনও হদিশ পাওয়া গেল না, তা রিপোর্ট দিয়ে পরবর্তী শুনানিতে পুলিশকে জানাতে বলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। পঞ্চায়েত নির্বাচনের পর আগামী ১৮ জুলাই সব মামলার একসঙ্গে শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি। 

    আরও পড়ুুন: লোকসভায় এবারও জিতবে বিজেপি, মোদিকে প্রধানমন্ত্রী পদে চান সিংহভাগ ভোটার, বলছে সমীক্ষা

    ক্যানিংয়ে ঘটনায় এফআইআর-এর নির্দেশ খারিজ

    অন্যদিকে, ক্যানিংয়ে হিংসার ঘটনায় এসডিপিও-র বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ এদিন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন ঘিরে হাটুপুখুরিয়া এলাকায় হিংসার অভিযোগ ওঠে। তাতে ক্যানিং থানার আইসি, এসডিপিও ও স্থানীয় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন সিরাজুল ইসলাম ঘরামি নামে এক ব্যক্তি। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা আইসি, এসডিপিও ও স্থানীয় বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। সেই নির্দেশ খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে বিচারপতি মান্থা হিংসার ঘটনার যে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন সেটা বজায় রেখেছেন। সেই সঙ্গে মামলাকারির আর্জি মেনে তাঁর বাড়ির সামনে ১৫ জুলাই পর্যন্ত পুলিশ পিকেট, ২ জন কনস্টেবল মোতায়েন রাখার নির্দেশ দিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: রাজ্যের বিরুদ্ধে শুভেন্দুর করা মামলা গেল প্রধান বিচারপতির বেঞ্চে, কেন জানেন?

    Suvendu Adhikari: রাজ্যের বিরুদ্ধে শুভেন্দুর করা মামলা গেল প্রধান বিচারপতির বেঞ্চে, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ অনুষ্ঠানের নামে ভঙ্গ করা হচ্ছে আদর্শ আচরণ বিধি। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির (BJP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার এই মামলা গ্রহণ করেনি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। বরং নির্বাচনী বিধি সংক্রান্ত বিষয় হওয়ায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে যাওয়ার কথা বলেছিলেন তিনি। সেই মতো বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার দৃষ্টি আকর্ষণ করা হয়। জনস্বার্থ মামলা করার অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার শুনানি হতে পারে এই মামলার।

    ‘দিদিকে বলো’ কর্মসূচি

    একুশের বিধানসভা নির্বাচনে নবান্নের তখতে ফিরতে ‘দিদিকে বলো’ কর্মসূচি নিয়েছিল তৃণমূল। ইলেকশন স্পেশালিস্ট প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত ওই কর্মসূচিতে ব্যাপক (Suvendu Adhikari) সাড়া মেলে। প্রশান্তর সংস্থা আইপ্যাকের কর্মীরাই জনগণের সমস্যার কথা জেনে নথিবদ্ধ করে রাখছিলেন। অভিযোগ, দলীয় এই কর্মসূচিতে যে ফোন নম্বরটি ব্যবহার করা হয়েছিল, সেই একই ফোন নম্বর ব্যবহার করা হয়েছে সরকারের কর্মসূচি ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে। দলীয় কর্মসূচিতে ব্যবহৃত ফোন নম্বর কীভাবে সরকারি কর্মসূচিতে ব্যবহার করা যেতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা।

    আদর্শ আচরণ বিধি ভঙ্গ!

    বিরোধীদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার দিনই এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল। ঘোষণাটি করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে ঘোষণা করা হয় পঞ্চায়েতের নির্ঘণ্ট। তার ঠিক পরের দিনই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এই কর্মসূচির। নন্দীগ্রামের বিধায়কের দাবি, এতে আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে।

    আরও পড়ুুন: ‘‘একশো দিনের কাজে চুরি আটকানো হয়েছে, টাকা নয়’’, বললেন শুভেন্দু

    এদিকে, জলপাইগুড়ি জেলা পরিষদের ৬ নম্বর আসনের প্রার্থী দীনেশ মজুমদারের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ (Suvendu Adhikari) উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও-ও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম। এই বিষয়টি নিয়েও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আগামী সপ্তাহে শুনানি হতে পারে এই মামলার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Ajit Agarkar: প্রধান নির্বাচক! বিশ্বকাপের আগে পরীক্ষার সামনে অজিত আগরকর

    Ajit Agarkar: প্রধান নির্বাচক! বিশ্বকাপের আগে পরীক্ষার সামনে অজিত আগরকর

    মাধ্যম নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত অজিত আগরকারই (Ajit Agarkar) হলেন ভারতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক প্রধান। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি ২০ দল নির্বাচনের মধ্য দিয়ে তাঁর কার্যকাল শুরু হবে। 

    নয়া দায়িত্ব আগরকরের

    স্টিং অপারেশন কাণ্ডে জড়িয়ে জাতীয় নির্বাচক মন্ডলীর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন চেতন শর্মা। তারপর অস্থায়ী ভাবে দায়িত্বে ছিলেন পূর্বাঞ্চলের প্রতিনিধি শিবসুন্দর দাস। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট এবং ওয়ান ডে দল নির্বাচন হয়েছিল। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর ভারতীয় দল নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ওঠে। তাই বিসিসিআই কর্তারা চাইছিলেন এমন একজনকে নির্বাচক প্রধান করতে, যার প্রোফাইল বেশ আকর্ষণীয়। এক্ষেত্রে বোর্ড কর্তারা চাইছিলেন প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেওয়াগ দায়িত্ব নিক। কিন্তু খেলা ছাড়ার পর বিভিন্ন উপায়ে মোটা অর্থ উপার্জন করেন বীরু। তাই তিনি রাজি হননি। বোর্ডকে নির্বাচকদের চুক্তির অর্থ বাড়ানোর কথা বলেছিলেন তিনি। কিন্তু রাতারাতি সেটা কার্যকর করা সম্ভব ছিল না। ফলে লড়াই থেকে সরে দাঁড়ান শেওয়াগ। তারপর প্রাক্তন পেসার অজিত  আগরকরকে (Ajit Agarkar) প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব দেয় বিসিসিআই। তাঁকে বলা হয় সামনে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক রয়েছে, সেখান নির্বাচকদের চুক্তির অর্থ বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হবে। আপাতত উনি দায়িত্ব নিন। সেই মতো ভারতীয় দলের প্রধান নির্বাচক হলেন আগরকর।

    আরও পড়ুন: সাফ কাপ জিতে নিজের রাজ্য মণিপুরের জন্য শান্তির প্রার্থনা জিকসনের

    আগরকরের সামনে নানা চ্যালেঞ্জ

    মুম্বাইয়ের প্রধান নির্বাচক ছিলেন তিনি। তখন বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। তা দেখেই অনেকে বলছেন, আগরকর (Ajit Agarkar) জামানায় ভারতীয় দল নির্বাচন হয়তো গতানুগতিক হবে না। বিচার্য হবে পারফরম্যান্স। দেখা হবে না তারকা ইমেজ, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলে সুযোগ মিলতে পারে জাতীয় দলে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের টি-টোয়েন্টি ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার সময় এসে গিয়েছে বলে কারও কারও মনে হচ্ছে। আগরকরকে চেয়ারম্যান করে আনার প্রধান উদ্দেশ্যই নাকি, সাহসী সিদ্ধান্ত যাতে কেউ নিতে পারেন। আগরকর অবশ্য দায়িত্ব পেয়েই বড় পরীক্ষার মুখে পড়তে চলেছেন। এ বছরেই দেশের মাঠে বিশ্বকাপ। সব নজর থাকবে বিশ্বকাপের দল নির্বাচন এবং ভারতীয় দল কেমন ফল করে তার উপরে। যাই হোক এখন সময় বলবে ভারতীয় নির্বাচকরা কতটা সাবলম্বী হতে পারলেন!

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: হজে গিয়েও মিনাখাঁয় মনোনয়ন! তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

    Panchayat Election 2023: হজে গিয়েও মিনাখাঁয় মনোনয়ন! তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি হজে গিয়েছেন নির্বাচন (Panchayat Election 2023) ঘোষণা হওয়ার চার দিন আগেই। সৌদি আরবের মক্কায় বসেই মনোনয়নপত্র দাখিল করেছিলেন বসিরহাটের মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতের কুমারজোল গ্রামের প্রভাবশালী তৃণমূল নেতা মইনউদ্দিন গাজি। খোদ প্রার্থীর স্বাক্ষর ছাড়া কীভাবে তাঁর মনোনয়নপত্র জমা নিলেন রিটার্নিং অফিসার? প্রশ্ন তোলেন বিরোধীরা। আদালতের দ্বারস্থও হন তাঁরা। বিরোধীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতেই তড়িঘড়ি মইনউদ্দিনের মনোনয়নপত্র বাতিল করে দেয় রাজ্য নির্বাচন কমিশন।

    তদন্তের নির্দেশ

    মঙ্গলবার তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারের (Panchayat Election 2024) বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে। আদালতের নির্দেশের প্রেক্ষিতে কেন্দ্রের আইনজীবী জানান, ইন্টারপোলের সাহায্য চাইলে সহযোগিতা করতে পারে সিবিআই। তদন্তকারী সংস্থা কী হবে, তা পরে নির্দেশ দিয়ে জানানো হবে বলেও জানায় আদালত। শুধু তাই নয়, মিনাখাঁ ব্লকের মনোনয়ন পর্বের যাবতীয় নথি সংরক্ষণের নির্দেশও দিয়েছে আদালত।

    বিচারপতির প্রশ্ন?

    বিচারপতি অমৃতা সিনহা বলেন, “আদালতে অভিযোগ না এলে কী হত? তাহলে তো সৌদি আরব থেকেই মনোনয়ন বৈধ হয়ে যেত।” তিনি বলেন, “সৌদি আরব থেকে মনোনয়নের ঘটনা তদন্তযোগ্য অপরাধ। এরকম ঘটনা আরও লুকিয়ে থাকলে সেখানে কী হবে? কমিশন কি পদক্ষেপ করতে পারবে?” এই মামলার পরবর্তী শুনানি হবে ১৯ জুলাই। রাজ্য নির্বাচন (Panchayat Election 2024) কমিশনের আইনজীবী আদালতে বলেন, “আমাদের কাছে অভিযোগ এসেছে। অনুসন্ধান করে সত্যতা খুঁজে বের করেছি। প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।”

    আরও পড়ুুন: লোকসভায় এবারও জিতবে বিজেপি, প্রধানমন্ত্রী পদে পছন্দ মোদি-ই! বলছে সমীক্ষা

    প্রসঙ্গত, এই মামলায় কেন্দ্রীয় সরকারকে আগেই পার্টি করেছে আদালত। কেন্দ্রের আইনজীবীর দাবি, এই ঘটনায় একটা বড় ষড়যন্ত্র রয়েছে। তাই স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের (Panchayat Election 2024) জন্য তদন্তের প্রয়োজন রয়েছে। মামলাকারীর আইনজীবীও বলেন, “কমিশন বর্তমানে এই প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে। তবে এই ঘটনা অনেক কিছুর দিকেই ইঙ্গিত করছে। আমরা এই ঘটনার অভিযোগ জানাতে গেলে কেউ অভিযোগ নেয়নি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Haryana Government: অবিবাহিতদের জন্য পেনশন প্রকল্প চালুর ভাবনা হরিয়ানা সরকারের

    Haryana Government: অবিবাহিতদের জন্য পেনশন প্রকল্প চালুর ভাবনা হরিয়ানা সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিয়ে না করার জন্যও এবার মিলবে ভাতা। অবিবাহিত পুরুষ এবং মহিলাদের জন্য পেনশন (Pension for Unmarried) প্রকল্প চালু করার পরিকল্পনা করছে হরিয়ানা সরকার (Haryana Government)। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (Manohar Lal Khattar) জানান, তাঁর সরকার রাজ্যে ৪৫ থেকে ৬০ বছর বয়সি অবিবাহিতদের জন্য একটি পেনশন প্রকল্প চালু করার পরিকল্পনা করছে।

    বিয়ে না করলে ভাতা প্রদান

    সম্প্রতি হরিয়ানার (Haryana Government) করনাল জেলার কমলপুরা গ্রামে ‘জন সংবাদ’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন খট্টর (Manohar Lal Khattar)। সেখানে ৬০ বছর বয়সি অবিবাহিতদের পেনশন প্রকল্প চালু নিয়ে জনগণের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। তারই প্রতিক্রিয়া স্বরূপ খট্টর বলেন, ‘‘রাজ্য সরকার শীঘ্রই অবিবাহিতদের জন্য পেনশন প্রকল্প চালু করার পরিকল্পনা করছে।’’ সরকার এক মাসের মধ্যে সেই প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানিয়েছেন।

    আরও পড়ুন: পুলিশকে সঙ্গে নিয়ে তাদের কর্মীকে ছাদ থেকে ফেলেছে তৃণমূল, দাবি আইএসএফ-এর

    ওই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী জানান, বয়স্কদের জন্য পেনশন প্রকল্পে বরাদ্দ বাড়ানো হচ্ছে। এবার থেকে ২৭৫০ টাকার বদলে প্রবীণ নাগরিকরা মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন। অবিবাহিতদের জন্য পেনশন প্রকল্প চালু করা হলে, তার ভাতার অঙ্কও বয়স্কদের জন্য ভাতার সমান হতে পারে। তবে এ বিষয়ে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। অবিবাহিত পেনশনের মাপকাঠিই বা কী, তা ও এখনও পরিষ্কার নয়। হরিয়ানা সরকারের তরফে জানানো হয়েছে, এই পেনশন প্রকল্প চালু হলে রাজ্যের প্রায় ২ লক্ষ মানুষ উপকৃত হবেন। হরিয়ানা সরকার (Haryana Government) ইতিমধ্যেই রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা, প্রতিবন্ধী, বামন এবং রূপান্তরকামীদের জন্য পেনশন প্রকল্প চালু করেছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Vote: ভোটের মুখে বাড়ির মধ্যে মিলল পিস্তল, পাইপগান, কার্তুজ! কীসের ছক?

    Panchayat Vote: ভোটের মুখে বাড়ির মধ্যে মিলল পিস্তল, পাইপগান, কার্তুজ! কীসের ছক?

    মাধ্যম নিউজ ডেস্ক: গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি হানা উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে। তাতেই উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। যা দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারী অফিসারদের। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Vote) বাকি আর দু’দিন। তার আগে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের শিলিগুড়ি শাখার এই অস্ত্র উদ্ধার আবারও প্রশ্ন তুলে দিল, আদৌ ভোট শান্তিতে হবে তো! অস্ত্র উদ্ধারে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এক প্রৌঢ়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম এমডি আলম। তিনি উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা।

    আরও পড়ুুন: লোকসভায় এবারও জিতবে বিজেপি, মোদিকে প্রধানমন্ত্রী পদে চান সিংহভাগ ভোটার, বলছে সমীক্ষা

    কী কী অস্ত্র উদ্ধার হল?

    পুলিশ জানিয়েছে, উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া এলাকার গোয়ালপুকুর থানার লাড়ুখোয়া এলাকার একটি বাড়িতে এদিন হানা দেয় এসটিএফ। তাতে ওই বাড়ি থেকে পাঁচটি সেভেন এমএম পিস্তল, তিনটি ওয়ান শটার বন্দুক এবং ১৮০ রাউন্ড গুলি উদ্ধার হয়। বাড়ি থেকে এক ব্যক্তিকে আটক করে এসটিএফ। ধৃত ব্যক্তি লাড়ুখোয়া এলাকারই বাসিন্দা।

    কী বলছে এসটিএফ?

    এসটিএফ-এর ডিএসপি সুদীপ ভট্টাচার্য বলেন, ‘‘এসটিএফের শিলিগুড়ি শাখার তরফে গোপন সূত্রে খবরের ভিত্তিতে পাঞ্জিপাড়ায় অভিযান চালানো হয়। তাতে মহম্মদ আলম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে সন্দেহ হয় পুলিশের। পরে তাঁর বাড়িতে তল্লাশি করে ওই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র আসছে, কী জন্য তা মজুত করে রাখা হয়েছিল, তা নিয়ে তদন্ত চলছে। এখনই এর বাইরে কিছু বলা সম্ভব নয়।’’ তিনি বলেন, ‘‘এর আগেও আমরা আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। তদন্ত করছি। আর কে জড়িত আছে বা কোথায় পাচার হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে।’’ জানা গিয়েছে, বুধবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে। এর সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলে জানান এসটিএফের ডিএসপি সুদীপ ভট্টাচার্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat election 2023: পঞ্চায়েত নির্বাচনে কোন বুথে কত কোম্পানি কোন বাহিনী জানেন?

    Panchayat election 2023: পঞ্চায়েত নির্বাচনে কোন বুথে কত কোম্পানি কোন বাহিনী জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat election 2023)। ভোট হবে এক দফায়। রাজ্যে আসছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে তার পরেও রাজ্যের সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব নয়। তাই হাইকোর্টের নির্দেশ, রাজ্যের প্রতিটি বুথে ৫০:৫০ অনুপাতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যের সশস্ত্র বাহিনী। কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, কেন্দ্রকে তার হিসেব দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

    কেন্দ্রীয় বাহিনী

    নির্বাচনে সব চেয়ে বেশি অশান্তি হতে পারে মুর্শিদাবাদে। এই জেলায় মোতায়েন করা হচ্ছে ৪৫ কোম্পানি বাহিনী। রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর (Panchayat election 2023) ও হাওড়ায় মোতায়েন করা হচ্ছে ৩৭ কোম্পানি বাহিনী। এর পর রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মোতায়েন করা হচ্ছে ৩৫ কোম্পানি। পূর্ব বর্ধমানে মোতায়েন করা হচ্ছে ৩৩ কোম্পানি। নদিয়ায় ৩১ কোম্পানি। দক্ষিণ ২৪ পরগনা ও মালদহে ৩০ কোম্পানি এবং কোচবিহার ও হুগলিতে ২৮ কোম্পানি করে। একমাত্র কালিম্পংয়ে কোনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে না।

    রাজ্য পুলিশ

    কেন্দ্রীয় বাহিনী ছাড়াও থাকছে ২০টি রাজ্যের পুলিশ। এই রাজ্যগুলি হল, অরুণাচল প্রদেশ, তেলঙ্গনা, কেরল, ত্রিপুরা, কর্নাটক, গুজরাট, চণ্ডীগড়, পঞ্জাব, বিহার, ছত্তিশগড়, তামিলনাড়ু, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, গোয়া, মিজোরাম, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং অসম। পশ্চিম বর্ধমানে মোতায়েন করা হবে ৫ কোম্পানি অসম পুলিশ। পূর্ব বর্ধমানে (Panchayat election 2023) ১০ কোম্পানি রাজস্থান পুলিশ এবং ২ কোম্পানি অন্ধ্রপ্রদেশ পুলিশ। পশ্চিম মেদিনীপুরে ৬ কোম্পানি গুজরাট পুলিশ ও ৫ কোম্পানি কর্নাটক পুলিশ। পূর্ব মেদিনীপুরে ২ কোম্পানি ঝাড়খণ্ড পুলিশ, ২৭ কোম্পানি বিহার পুলিশ ও ৮ কোম্পানি নাগাল্যান্ড পুলিশ। হুগলিতে ১০ কোম্পানি হায়দ্রাবাদ পুলিশ, ২ কোম্পানি গুজরাট পুলিশ, ৬ কোম্পানি গোয়া পুলিশ, ১ কোম্পানি মিজোরাম পুলিশ, ২ কোম্পানি তেলঙ্গানা পুলিশ এবং ২ কোম্পানি মহারাষ্ট্র পুলিশ।

    আরও পড়ুুন: লোকসভায় এবারও জিতবে বিজেপি, প্রধানমন্ত্রী পদে পছন্দ মোদি-ই! বলছে সমীক্ষা

    হাওড়ায় ৩ কোম্পানি মহারাষ্ট্র পুলিশ ও ২ কোম্পানি গুজরাট পুলিশ। উত্তর ২৪ পরগনায় ১০ কোম্পানি ছত্তিশগড় পুলিশ এবং ৮ কোম্পানি তামিলনাড়ু পুলিশ। দক্ষিণ ২৪ পরগনায় ১০ কোম্পানি পঞ্জাব পুলিশ, ১৩ কোম্পানি বিহার পুলিশ (Panchayat election 2023) এবং ৫ কোম্পানি ছত্তিশগড় পুলিশ। দার্জিলিংয়ে ২ কোম্পানি চণ্ডীগড় পুলিশ। মুর্শিদাবাদে গুজরাট পুলিশ থাকছে ২ কোম্পানি। নদিয়ায় থাকছে ২ কোম্পানি ত্রিপুরা পুলিশ, ৫ কোম্পানি কর্নাটক পুলিশ, ৮ কোম্পানি কেরালা পুলিশ, ৩ কোম্পানি অরুণাচল পুলিশ এবং ১ কোম্পানি তেলঙ্গানা পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Saayoni Ghosh: ভোট-প্রচারে ব্যস্ত! আজ ইডি হাজিরা এড়ালেন সায়নী, পাঠালেন নথি

    Saayoni Ghosh: ভোট-প্রচারে ব্যস্ত! আজ ইডি হাজিরা এড়ালেন সায়নী, পাঠালেন নথি

    মাধ্যম নিউজ ডেস্ক: গত শুক্রবার নিয়োগকাণ্ডে ১১-ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ-পর্ব শেষে ইডি-র দফতর থেকে বেরিয়ে এসে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) দাবি করেছিলেন, যতবার ইডি ডাকবে, ততবার তিনি সশরীরে আসবেন। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘‘৫ জুলাই আবার যাব। সশরীরেই হাজিরা দেব। যতবার ডাকবে ততবার যাব।’’ আজ, ৫ জুলাই তাঁকে আয়-ব্যয় ও সম্পত্তির যাবতীয় নথি সহ তলব করা হয়েছিল। কিন্তু, গেলেন না সায়নী। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়েছে, তিনি নাকি মঙ্গলবার রাতে ইডিকে ইমেলে না যাওয়ার কারণ জানিয়েছেন। যদিও ইডি-র দাবি, সকাল ১১টা পর্যন্ত কোনও চিঠি পায়নি তারা। তবে, এদিন আইনজীবী মারফৎ সায়নী নাকি নথি পাঠিয়েছেন তদন্তকারী সংস্থাকে।

    কোথায় ভোট-প্রচারে ব্যস্ত সায়নী?

    স্থানীয় সূত্রে খবর, আজ ভোর সাড়ে ৫টা নাগাদ গলফ গ্রিনের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী (Saayoni Ghosh)। তবে বাড়িতে তাঁর বাবা–মা আছেন। আজ সকালে জানা যায়, তিনি ইডি দফতরে যাচ্ছেন না। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিষয়টি প্রকাশ্যে জানিয়ে দেন। কুণাল সংবাদমাধ্যমে জানান, সায়নী ঘোষ এখন পঞ্চায়েত নির্বাচনে কাজে ব্যস্ত। তাই দ্বিতীয় দফার ডাকে সাড়া দিতে পারছেন না। ভোট মিটলে যাবেন। সায়নীর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ভোটের কাজে ব্যস্ত থাকার কারণে তিনি যে বুধবার ইডি দফতরে যেতে পারছেন না, তা মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ নাকি ই-মেল করে তদন্তকারী সংস্থাকে জানিয়ে দিয়েছেন সায়নী। ইডি দফতরে না গেলেও বুধবার দুপুরে পূর্ব বর্ধমানের গলসিতে তৃণমূলের ভোটপ্রচারে দেখা গিয়েছে সায়নীকে। সেখানে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে সায়নী বলেন, “ইডিকে নথি পাঠিয়ে দিয়েছি। বলেছি প্রয়োজনে ভার্চুয়ালি যোগ দেব। কিন্তু ভোটের মাত্র দু’দিন বাকি। দলের যুব সভানেত্রী হিসাবে আমার একটা দায়িত্ব আছে।” তাঁর সংযোজন, “১১ তারিখের পর, যত বার ডাকবে, তত বার যাব।” ইডি সূত্রে খবর, আজ সকাল ১১টা পর্যন্ত তারা সায়নী ঘোষের কোনও চিঠি হাতে পাননি। 

    আরও পড়ুন: নিয়োগকাণ্ডে আজ ফের তলব ইডি-র, সায়নী কি সশরীরে হাজিরা দেবেন?

    ৫৩০ পাতার নথি পাঠিয়েছেন সায়নী (Saayoni Ghosh)?

    তবে, সকাল সাড়ে ১১টা নাগাদ এক ব্যক্তিকে সিজিও কমপ্লেক্সে ঢুকতে দেখা যায়। সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয়, তিনি সায়নীর আইনজীবী কি না। প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলেন ওই ব্যক্তি। তবে সায়নী বুধবার হাজিরা দেবেন কি না, এই প্রশ্নের কোনও উত্তর দেননি তিনি। তাঁর হাতে তিনটি ফাইল ছিল। যা থেকে মনে করা হয়, নিজে উপস্থিত না থাকলেও তদন্তে সহযোগিতা করার জন্য আইনজীবী মারফত ইডি আধিকারিকদের নথি পাঠিয়ে দিলেন সায়নী। সায়নীর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ইডির দাবি মতো, ৫৩০ পাতার নথি আইনজীবীর হাত দিয়ে পাঠিয়েছেন তিনি। প্রসঙ্গত, বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের একটি সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত নথি থেকেই প্রথমে সায়নী ঘোষের (Saayoni Ghosh) নাম উঠে আসে। এর বাইরে, একাধিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে সায়নীর নাম সামনে এসেছে বলে দাবি ইডি সূত্রে। সূত্রের দাবি, বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তলকে জেরাতেও উঠেছে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীর নাম। এছাড়া একাধিক সাক্ষী তাঁদের বয়ানে সায়নীর নাম বলেছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: পঞ্চায়েত হবে এক দফাতেই! অধীরের আবেদন খারিজ করে নির্দেশ হাইকোর্টের

    Panchayat Election 2023: পঞ্চায়েত হবে এক দফাতেই! অধীরের আবেদন খারিজ করে নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: খারিজ হয়ে গেল প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরীর আবেদন। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) দফা বৃদ্ধির আবেদন জানিয়েছিলেন অধীর। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ওই আবেদন খারিজ করে দিয়েছেন। আদালতের নির্দেশ, শনিবার এক দফায়ই হবে পঞ্চায়েত নির্বাচন। আদালতের পর্যবেক্ষণ, সুশৃঙ্খলভাবে নির্বাচন করানোর জন্য পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী পাচ্ছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে ভোটের দফা বৃদ্ধির প্রয়োজন নেই। তাই অধীরের আবেদনটির আপাতত কোনও গুরুত্ব থাকছে না।

    নওশাদ সিদ্দিকির দাবি

    অধীরের আগে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) দফা বৃদ্ধির আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভাঙড়ের বিধায়ক আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। তাঁর যুক্তি ছিল, পঞ্চায়েত নির্বাচনে আদালতের নির্দেশ মতো পর্যাপ্ত বাহিনী আনা হোক অথবা পঞ্চায়েত নির্বাচনের দফা বৃদ্ধি করা হোক। এই একই দাবিতে সোমবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন অধীর। সেই মামলাই খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিশিশন বেঞ্চ।

    অধীরের আইনজীবীর যুক্তি

    আদালতে অধীরের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন, “পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Election 2023) কেন্দ্র করে ইতিমধ্যেই ১৩ জনের মৃত্যু হয়েছে। প্রতি দিনই অশান্তির ঘটনা ঘটছে। গুলি চলছে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই। ফলে তৃণমূলস্তরে বাহিনী পৌঁছতে পারছে না। তাই যদি এই বাহিনী দিয়েই নির্বাচন করাতে হয়, তবে ভোটগ্রহণ হোক একাধিক দফায়।”

    আরও পড়ুুন: লোকসভায় এবারও জিতবে বিজেপি, মোদিকে প্রধানমন্ত্রী পদে চান সিংহভাগ ভোটার, বলছে সমীক্ষা

    পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) নির্ঘণ্ট ঘোষণার পরে পরেই রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয় অশান্তি। খুন হন অন্তত ১৩ জন। তা সত্ত্বেও নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ওপর আস্থা রেখেই ভোট করাতে চেয়েছিল। পরে আদালতের দ্বারস্থ হন বিরোধীরা। হাইকোর্টের গুঁতোয় শেষমেশ ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করে রাজ্য নির্বাচন কমিশন। তার পরেই কেন্দ্রের তরফে প্রথম দফায় পাঠানো হয় ২২ কোম্পানি, দ্বিতীয় দফায় ৩৩৭ কোম্পানি এবং তৃতীয় দফায় আরও ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠানো হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: লোকসভায় এবারও জিতবে বিজেপি, প্রধানমন্ত্রী পদে পছন্দ মোদি-ই! বলছে সমীক্ষা

    Lok Sabha Election 2024: লোকসভায় এবারও জিতবে বিজেপি, প্রধানমন্ত্রী পদে পছন্দ মোদি-ই! বলছে সমীক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। বিজেপিকে মাত দিতে জোট বাঁধতে চাইছেন বিরোধীরা। সেজন্য দিন কয়েক আগে পাটনায় বৈঠকে বসেছিলেন তাঁরা। কয়েকদিন পর ফের শিমলায় হবে বৈঠক। বিরোধী জোট গঠনের চেষ্টা ফলপ্রসূ হবে কিনা, তা বলবে সময়। তবে কেন্দ্রের শাসক দল বিজেপি যে ফের ফিরতে চলেছে দিল্লির তখতে, তা এক প্রকার স্পষ্ট। ‘টাইমস নাও’য়ের জনমত সমীক্ষায় প্রকাশ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ম্যাজিক ফিগার পার করবে নরেন্দ্র মোদি-অমিত শাহের দল।

    গেরুয়া ঝুলিতে সিংহভাগ আসন

    পশ্চিমবঙ্গে ৪২টি আসনের (Lok Sabha Election 2024) মধ্যে বিজেপি পেতে পারে ১৮ থেকে ২০টি আসন। উত্তর প্রদেশে তারা পেতে পারে ৬৮ থেকে ৭২টি আসন। বিহারে গেরুয়া ঝুলিতে যেতে পারে ২২ থেকে ২৪টি আসন। মহারাষ্ট্রে বিজেপি-শিন্ডে জোট পেতে পারে ২২ থেকে ২৮টি আসন। ঝাড়খণ্ডে পদ্ম শিবির পেতে পারে ১০ থেকে ১২টি আসন। রাজস্থানে তারা পেতে পারে ২০ থেকে ২২টি আসন। তেলঙ্গনায় গেরুয়া শিবির পেতে পারে ৩ থেকে ৫টি আসন। মধ্যপ্রদেশে বিজেপি পেতে পারে ২২ থেকে ২৪টি আসন। ছত্তিশগড়ে কেন্দ্রের শাসক দল পেতে পারে ৬ থেকে ৮টি আসন। ওড়িশায় ৬ থেকে ৮টি আসনের রশি যেতে পারে বিজেপির হাতে। কর্নাটকে বিজেপি পেতে পারে ১৫ থেকে ১৭টি আসন।

    বিজেপিময় গুজরাট

    গুজরাটে ২৬টি আসনের মধ্যে সব কটিই পেতে পারে বিজেপি। হরিয়ানায় বিজেপি পেতে পারে ৬ থেকে ৮টি আসন। হিমাচল প্রদেশে (Lok Sabha Election 2024) বিজেপি পেতে পারে ৩ থেকে ৪টি আসন। উত্তরাখণ্ডে বিজেপি জয়ী হতে পারে ৪ থেকে ৫টি আসনে। গোয়ায় ১ থেকে ২টি আসন পেতে পারে বিজেপি। জম্মু-কাশ্মীরে তারা জিততে পারে ২ থেকে ৩টি আসন। পঞ্জাবে বিজেপি জিততে পারে ১ থেকে ৩টি আসনে। অসমে বিজেপি পেতে পারে ৮ থেকে ১০টি আসন।

    উত্তর-পূর্বের বাকি সব রাজ্য মিলিয়ে গেরুয়া ঝুলিতে যেতে পারে ৪ থেকে ৬টি আসন। কেরলে কেন্দ্রের শাসক দল পেতে পারে ১ থেকে ২টি আসন। দিল্লিতে বিজেপি পেতে পারে ৬ থেকে ৭টি আসন। সমীক্ষা অনুযায়ী, সব মিলিয়ে বিজেপি ও তার শরিক দলগুলি পেতে পারে ২৮৫ থেকে ৩২৫টি আসন। কংগ্রেস ও তার জোট শরিকরা পেতে পারে ১১১ থেকে ১৪৯টি আসন। বাকি আসন পেতে পারে আঞ্চলিক ও অন্য দলগুলি।

    আরও পড়ুুন: দেগঙ্গায় মিছিল লক্ষ্য করে বোমা-গুলি, বাবার সামনেই খুন স্কুলপড়ুয়া

    এই মুহূর্তে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) হলে বাংলায় তৃণমূলকে টক্কর দেবে বিজেপি। অন্তত, ‘টাইমস নাও নবভারতে’র সমীক্ষা তাই বলছে। ওই সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ১৯ থেকে ২০টি আসন। তৃণমূল পেতে পারে ২০ থেকে ২২টি আসন।

    এদিকে, দেশবাসীর সিংহভাগই ফের প্রধানমন্ত্রী (Lok Sabha Election 2024) হিসেবে চাইছেন নরেন্দ্র মোদিকে। এবিপি নিউজের জন্য সমীক্ষা করেছে সি ভোটার। তাতে জানা গিয়েছে, ৫৭ শতাংশ ভোটার মোদিকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান ১৮ শতাংশ ভোটার। ৮ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন যোগী আদিত্যনাথকে। আপ সুপ্রিমো কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান ৩ শতাংশ মানুষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share