Blog

  • West Bengal: রাজ্যপাল নিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ রাজ্যের

    West Bengal: রাজ্যপাল নিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ রাজ্যের

    মাধ্যম নিউজ ডেস্ক: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত ফের চরমে উঠল। যে সকল বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তাঁদের বেতন ও আর্থিক সুবিধা বন্ধ করল রাজ্য সরকার। রাজ্য সরকার (West Bengal) ও রাজভবনের দ্বন্দ্বের মধ্যে সমস্যায় উপাচার্যেরা। রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের নিয়োগ বেআইনি বলেই গণ্য় করছে রাজ্য। 

    রাজ্যের দাবি নিয়োগ অবৈধ

    রাজ্য সরকারের দাবি, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে উপাচার্য নিয়োগ করেছেন আচার্য। শিক্ষা দফতরের আর্জি খারিজ করে আগেই রাজ্যের ৮টি বিশ্ববিদ্য়ালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। রাজভবনের বিবৃতির পরেই ট্যুইট করে এই সিদ্ধান্তকে বেআইনি বলে আক্রমণ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। নবনিযুক্ত উপাচার্যদের নিয়োগ প্রত্যাখ্যানের আবেদনও করেন তিনি। রাজ্যপাল নিজের সিদ্ধান্তে অনড় থাকায় সংঘাতের পথে চলে যায় রাজ্য। উচ্চশিক্ষা দফতর থেকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে ইতিমধ্যে নির্দেশ পৌঁছেছে, ওই সব অস্থায়ী উপাচার্যের নিয়োগ বেআইনি। তাই তাঁরা বেতন ও ভাতা পাবেন না। আইনি পরামর্শ নেওয়ার পরই এই পদক্ষেপ করা হয়েছে বলে সূত্রের খবর। এনিয়ে রাজভবনের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

    আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের আগে মার্কিন রেস্তোরাঁয় চালু ‘মোদিজি থালি’

    যে সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়ে নিয়োগের জন্য কয়েকজন অধ্যাপককে ডেকে গত মাসে বৈঠক করেছিলেন রাজ্যপাল। সেই বৈঠকের অব্যবহিত পরই নিয়োগ করা হয় উপাচার্যদের। রাজ্যপাল নিজের পছন্দের অধ্যাপক অধ্যপিকাদের সেই সব বিশ্ববিদ্যালয় উপাচার্য করেছিলেন বলে অভিযোগ করেছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেউ কেউ রাজ্যপালের নিয়োগ প্রত্যাখ্যান করলেও বেশিরভাগই তা গ্রহণ করেন। সোমবার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, “শিক্ষা দফতরের মন্ত্রীর সঙ্গে কথা না বলে করা এই অস্থায়ী নিয়োগ আইন মেনে হয়নি।” আরও বলা হয়েছে, “এই উপাচার্যদের নিয়োগ বৈধ নয়। তাই তাঁরা পারিশ্রমিক ও ভাতা তুলতে পারবেন না। অন্যথায় কড়া পদক্ষেপ করা হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • AI Systems: ‘কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা ডুবে যাচ্ছেন একাকিত্বের অতলে’, বলছে সমীক্ষা

    AI Systems: ‘কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা ডুবে যাচ্ছেন একাকিত্বের অতলে’, বলছে সমীক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: বদলাচ্ছে সময়। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে পৃথিবীও। এক সময় কাজ করত মানুষ। এখন কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI Systems)। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা ডুবে যাচ্ছেন একাকিত্বের অতল গহ্বরে। যার জেরে অফিস থেকে ফিরেও ক্লান্ত শরীরে বিছানা নিলেও, কাটাতে হচ্ছে বিনিদ্র রাত। এই একাকিত্ব কাটাতে এই সব কর্মীদের একটা বড় অংশ কাজ শেষে মদ্যপানেও মেতে উঠছেন। যার ছাপ পড়ছে শরীরে। সম্প্রতি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোশিয়েসনের একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সমীক্ষকরা চার দেশে সমীক্ষা করেছিলেন। এই চারটি দেশ হল, আমেরিকা, তাইওয়ান, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। অনলাইন জার্নাল অফ অ্যাপ্লায়েড সাইকোলজিতে প্রকাশিত হয়েছে তাঁদের ওই গবেষণাপত্রটি।

    “মানুষ সমাজবদ্ধ জীব”

    গবেষকদের প্রধান যিনি, তিনি পক মান টাং। চাকরি করতেন একটি ইনভেস্টমেন্ট ব্যাঙ্কে। ব্যবহার করতেন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI Systems)। মূলত তাঁর উদ্যোগেই শুরু হয় গবেষণা। ট্যাং বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে অনেক কাজই হয়ে গিয়েছে অনায়াস। তবে এর বিপদও রয়েছে। এটি কর্মীদের মানসিক এবং শারীরিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে।” ইউনিভার্সিটি অফ জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের এই সহকারি অধ্যাপক বলেন, “মানুষ সমাজবদ্ধ জীব। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করলে তার ছাপ কর্মীর ব্যক্তিগত জীবনে পড়তে পারে।”

    নিরাপত্তাহীনতা

    গবেষকরা দেখেছেন, যাঁদের ওপর সমীক্ষা করা হয়েছে, তাঁরা উদ্বেগে ভুগছেন। অনুভব করছেন নিরাপত্তাহীনতা। সামাজিক যোগাযোগ সম্পর্কেও বেশ উদ্বিগ্ন। একাকিত্ব গ্রাস করছে তাঁদের। তাঁরা ভুগছেন নিদ্রাহীনতায়। তাইওয়ানের একটি বায়োমেডিক্যাল কোম্পানিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI Systems) নিয়ে কাজ করেন এমন ১৬৬ জন ইঞ্জিনিয়রের ওপরও সমীক্ষা করা হয়েছিল টানা তিন সপ্তাহ ধরে। দেখা গিয়েছে, এঁদের প্রত্যেককেই গ্রাস করেছে একাকিত্ব।

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের আগে মার্কিন রেস্তোরাঁয় চালু ‘মোদিজি থালি’

    ‘কী হয়, কী হয়’ ভাব এঁদের নিত্য সঙ্গী। এঁদের পরিবারের লোকজন জানিয়েছেন, এঁরা নিদ্রাহীনতায় ভোগেন। কাজের শেষে নিত্য পান করে মদ। একই ছবি উঠে এসেছে ইন্দোনেশিয়ার ১২৬ জন রিয়েল এস্টেট কনসালটেন্টের ওপর সমীক্ষা চালিয়েও। টাং বলেন, “যত দিন যাবে ততই বাড়বে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। তাই যাঁরা তা নিয়ে কাজ করবেন, তাঁদের এর বিপজ্জনক দিক সম্পর্কে সচেতন থাকতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: পঞ্চায়েতে বিজেপি প্রার্থী হচ্ছেন বগটুইকাণ্ডে স্বজন হারানো মিহিলালের পরিবার!

    Panchayat Election 2023: পঞ্চায়েতে বিজেপি প্রার্থী হচ্ছেন বগটুইকাণ্ডে স্বজন হারানো মিহিলালের পরিবার!

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) প্রার্থী হচ্ছেন বগটুইকাণ্ডে স্বজন হারানো মিহিলাল শেখের (Mihilal Sheikh) পরিবারের লোকজন। তৃণমূল নয়, তাঁরা লড়বেন পদ্ম প্রতীকে। সোমবার বীরভূমের রামপুরহাট ১ নম্বর বিডিও অফিসে মনোনয়নপত্র পেশ করতে যান মিহিলালের ভাইপো ও তাঁর স্ত্রী। হলুদ পাঞ্জাবী পরে এক সময়ের তৃণমূল কর্মী মিহিলালও ছিলেন তাঁদের সঙ্গে। মিহিলাল জানান, তাঁর পরিবারের তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিজেপির টিকিটে লড়বেন তাঁরা। মিহিলাল বলেন, “আমার ভাইপো, ভাইপোর স্ত্রী এবং আরও কয়েকজন মনোনয়ন দিচ্ছে।” তিনি বলেন, “ইতিমধ্যেই অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছে। শুধু এখানে নয়, পার্শ্ববর্তী এলাকাগুলো থেকেও অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমি মূলত সংখ্যালঘুদের মনোনয়নগুলো দেখছি। ” 

    কী বলছেন মিহিলাল?

    তিনি (Panchayat Election 2023) বলেন, “শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ভোটে লড়ছি আমরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত শাসন চাইছি। মিহিলাল বলেন, যারা আমাদের লোকজনকে পুড়িয়ে মারল, তারা এখন জেলের মধ্যে বিয়ার খাচ্ছে। বাইরে থেকে জেলে খাবার যাচ্ছে। এগুলো আশিস বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন। এতদিন মুখ খুলিনি। সব লোককে টানাটানি করব না ভেবেছিলাম। কিন্তু পারলাম না।” বিজেপির জয়ের ব্যাপারে আশাবাদী মিহিলাল। বলেন, “বগটুইয়ের মানুষ বিজেপির পাশে রয়েছেন।” বিজেপি নেতা ধ্রুব সাহা বলেন, “মিহিলালের নেতৃত্বে ওখানে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। সাধারণ গ্রামবাসী তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে নির্বাচনে ভোট দেবে আমাদের।”

    বগটুইকাণ্ড

    ২০২২ সালের ২১ মার্চ খুন হন (Panchayat Election 2023) তৃণমূল নেতা ভাদু শেখ। পরে তৃণমূলের লোকজন ১২টি বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। আরও অনেকের সঙ্গে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় মিহিলালের স্ত্রী, মা, মেয়ে এবং বোনের। মিহিলালের অভিযোগ ছিল, রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ওই কাণ্ড ঘটিয়েছিলেন তৃণমূল নেতা আনারুল হোসেন।

    আরও পড়ুুন: “বাংলায় গণতন্ত্রকে ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার”, বিস্ফোরক শুভেন্দু

    বগটুইকাণ্ডের পর স্বজনহারাদের পাশে দাঁড়ায় বিজেপি। পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম শিবিরে যোগ দেন মিহিলাল। বগটুই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এবার সেখানেই পাশার দান উল্টে দিতে পারেন স্বজনহারা মিহিলাল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Calcutta High Court: পঞ্চায়েত নির্বাচন মামলার শুনানি শেষ কলকাতা হাইকোর্টে, স্থগিত রায়দান

    Calcutta High Court: পঞ্চায়েত নির্বাচন মামলার শুনানি শেষ কলকাতা হাইকোর্টে, স্থগিত রায়দান

    মাধ্যম নিউজ ডেস্ক: চার ঘণ্টারও বেশি সময় ধরে চলার পর শেষ হল পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote 2023) সংক্রান্ত মামলার শুনানি। তবে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার শুনানি শুরু হয় বেলা ১১টায়, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। প্রথমার্ধে শুনানি চলে বেলা দেড়টা পর্যন্ত।

    আদালতের পর্যবেক্ষণ

    এই অর্ধে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলে ভাল হয়। রাজ্য নিজের মতো বাহিনী দেবে। ধরুন, কলকাতা থেকে পুলিশ পাঠালেন হাওড়ায় ও হুগলিতে। সে ক্ষেত্রে শহরে তো বাহিনী কম পড়তে পারে। তাই কেন্দ্রীয় বাহিনী নিয়ে চিন্তা করা প্রয়োজন কমিশনের।” রাজ্যের চুক্তিভিত্তিক কর্মী কিংবা সিভিক ভলান্টিয়ারদের নির্বাচনে ব্যবহার নিয়েও কমিশনকে সতর্ক করেন প্রধান বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, “মনে রাখতে হবে, সিভিক কিন্তু পুলিশ নয়। তারা পুলিশকে সাহায্য করার কাজে যুক্ত।”

    বিস্ফোরক শুভেন্দু 

    এদিন শুনানি শুনবেন বলে আদালতে (Calcutta High Court) উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বয়ং। প্রথমার্ধের শুনানি শেষের পর তিনি বলেন, “সিভিক ভলান্টিয়ারকে নীল জলপাই রংয়ের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সিভিক ভলান্টিয়ার অন্য জেলায় যাবে, অন্য জেলা থেকে সিভিক ভলান্টিয়ার এই জেলায় আসবে। যাতে কেউ চিনতে না পারে।”

    আরও পড়ুুন: “বাংলায় গণতন্ত্রকে ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার”, বিস্ফোরক শুভেন্দু

    বেলা আড়াইটে নাগাদ শুরু হয় দ্বিতীয়ার্ধের শুনানি। পঞ্চায়েত নির্বাচনের দিন কি পিছবে এই প্রশ্ন নিয়েই শুরু হয় শুনানি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কম এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। এই মামলার শুনানিতে মনোনয়নপত্র পেশ-পর্বের সময় বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন প্রধান বিচারপতি (Calcutta High Court) টিএস শিবজ্ঞানম। প্রতিদিন ৪ ঘণ্টা সময় মনোনয়ন পেশের জন্য অপর্যাপ্ত বলেও পর্যবেক্ষণ বিচারপতির। কমিশন জানায়, মনোনয়নপত্র পেশের সময় চাইলে এক দিন বাড়ানো যেতে পারে। মনোনয়নপত্র পেশের শেষ দিন ছিল ১৫ জুন। সেটা বাড়িয়ে ১৬ জুন পর্যন্ত করা যেতে পারে। বিচারপতি বলেন, “সেক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচন করাতে হবে ১৪ জুলাই।” এদিন বিকেল পৌনে ৫টা নাগাদ শেষ হয় শুনানি। যদিও রায়দান স্থগিত রাখেন বিচারপতি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী! মার্কিন কংগ্রেসে দুবার ভাষণ দিয়ে ইতিহাস গড়বেন মোদি

    Narendra Modi: প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী! মার্কিন কংগ্রেসে দুবার ভাষণ দিয়ে ইতিহাস গড়বেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিগত কয়েক বছরে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক (Bi-lateral Relation) মজবুত করার নেপথ্যে অন্যতম কারিগর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এমনটাই মনে করেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। সেই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে এবার মার্কিন কংগ্রেসে যৌথ বৈঠকে বক্তব্য রাখার আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী। এ নিয়ে দ্বিতীয়বার। আগামী ২২ জুন  মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। তাঁর এই বক্তৃতা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কারণ তিনিই হতে চলেছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী (PM Modi) যিনি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে এ নিয়ে দু’বার বক্তব্য পেশ করবেন। এর আগে ২০১৬ সালের জুন মাসে তিনি বক্তব্য রেখেছিলেন। 

    মোদির ট্যুইট বার্তা

    মার্কিন কংগ্রেসে আমন্ত্রণের জন্য মঙ্গলবার প্রধানমন্ত্রী ট্যুইট করে ধন্যবাদও জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মার্কিন কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাককার্থি, সেনেটর চাক সুমার, রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল, ডেমোক্রাটিক নেতা হাকিম জেফারিকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেন, “এই আমন্ত্রণের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি এই আমন্ত্রণ গ্রহণ করছি এবং ফের একবার কংগ্রেসে বক্তব্য রাখার সুযোগ পেয়ে অত্যন্ত সম্মানিতবোধ করছি।”

    তিনি আরও বলেন, “আমেরিকার সঙ্গে বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আমরা গর্বিত। গণতান্ত্রিক মূল্যবোধ, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ও বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ মনোভাবই আমাদের একসঙ্গে জুড়েছে।”

    আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের আগে মার্কিন রেস্তোরাঁয় চালু ‘মোদিজি থালি’

    চলতি মাসের শেষেই চার দিনের সফরে আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ২১ জুন আমেরিকায় পা রাখবেন তিনি। থাকবেন ২৪ জুন পর্যন্ত।  গত সপ্তাহে বিদেশ মন্ত্রকের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। ভারতীয় আমেরিকানরা ১৮ জুন আমেরিকা জুড়ে ২০টি প্রধান শহরে ‘ভারত একতা দিবস’ পদযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানানোর পরিকল্পনা করছেন। আগামী ২২ জুন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে নৈশভোজেও যোগ দেবেন মোদি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Modi Ji Thali: প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের আগে মার্কিন রেস্তোরাঁয় চালু ‘মোদিজি থালি’

    Modi Ji Thali: প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের আগে মার্কিন রেস্তোরাঁয় চালু ‘মোদিজি থালি’

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসেই ৪ দিনের আমেরিকা সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। তার আগেই নিউ জার্সির একটি রেস্তোরাঁ তাঁদের মেনুতে আনল নয়া চমক। ভারতের প্রধানমন্ত্রীকে সম্মান জ্ঞাপনের উদ্দেশে তাদের রেস্তোরাঁয় চালু করল ‘মোদি জি থালি’ (ModiJi Thali)। 

    কারা তৈরি করল ‘মোদি জি থালি’

    আগামী ২১ থেকে ২৪ জুন মার্কিন সফরে যাচ্ছেন মোদি। মার্কিন সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে বক্তৃতা দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে এক রাষ্ট্রীয় নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। শুধু সরকারি স্তরে নয়, বেসরকারি দিক থেকেও ভারতীয় প্রধানমন্ত্রী স্বাগত জানানোর জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। এই প্রস্তুতিরই অন্যতম অংশ ‘মোদি জি থালি’(ModiJi Thali)! আমেরিকার নিউ জার্সি শহরের এই রেস্তোরাঁটির মালিক ভারতীয় বংশোদ্ভূত শেফ শ্রীপদ কুলকার্নি। আমেরিকায় মোদির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই থালি প্রস্তুত করেছেন তিনি। 

    কী কী রয়েছে ‘মোদি জি থালি’তে

    কুলকার্নি বলেন, এই থালিটি নিউ জার্সিতে অবস্থিত ভারতীয় কমিউনিটিদের চাহিদা থেকেই তৈরি করা হয়েছে। একটি ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন রেস্তোরাঁর মালিক নিজেই। সেখানে মোদি জি থালিতে (ModiJi Thali) কী কী খাবার রয়েছে তার বিস্তারিত বিবরণও দিয়েছেন। ‘মোদি জি থালি’-তে রয়েছে খিচড়ি, রসগুল্লা, সরষে শাক, কাশ্মীরি দম আলু, ইডলি, ধোকলা, চাচ এবং পাপড় সহ অন্যান্য খাবার। শুধু তাই নয়, ভারতের আবেদন মেনে রাষ্ট্রপুঞ্জ যে ২০২৩ সালটিকে ‘আন্তর্জাতিক বাজরা বছর’ হিসেবে ঘোষণা করেছে, সেই বিষয়টিকেও এই থালিতে উদযাপন করা হয়েছে। থালিতে বাজরার তৈরি খাবার অন্তর্ভুক্ত করা হচ্ছে। 

    আরও পড়ুন: সাইক্লোন ‘বিপর্যয়’-এর মোকাবিলায় বৈঠক প্রধানমন্ত্রীর

    রেস্তোরাঁটির মালিক শ্রীপদ কুলকার্নির আশা শীঘ্রই স্থানীয় ভারতীয় জনগোষ্ঠীর মধ্যে ‘মোদি জি থালি’ (ModiJi Thali) অত্যন্ত জনপ্রিয়তা লাভ করবে। আর তার পরই আরও একটি বিশেষ থালি চালু করবেন তাঁরা। সেই বিশেষ থালিটি উৎসর্গ করা হবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। এর কারণ, ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের কাছে জয়শঙ্কর একজন ‘রকস্টার’-এর সম্মান পান। তাই, বিদেশমন্ত্রীর সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই তাঁর নামেও একটি বিশেষ থালি তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Suvendu Adhikari: “বাংলায় গণতন্ত্রকে ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার”, বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: “বাংলায় গণতন্ত্রকে ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার”, বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: “গণতন্ত্রকে পশ্চিমবাংলায় ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। এবার মানুষের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হবে, এ ব্যাপারে আমরা আশাবাদী।” কথাগুলি রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির (BJP) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তিনি বলেন, “সোনামুখীতে দিবাকর ঘরামি তিনবার আক্রান্ত হয়েছেন। গতকাল ন্যাজাটের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এসপি ডায়মন্ড হারবার বাড়ি বাড়ি গিয়ে ধমক দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া আটকাতে বলেছেন। হিঙ্গলগঞ্জে রাতে গিয়ে ত্রাস সৃষ্টি করতে বলেছেন এসপি নিজে। বিজেপি বুঝিয়ে দেবে লড়াই কাকে বলে। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। সশস্ত্র পুলিশ কীভাবে দেওয়া হয়, আমরা দেখব।”

    জেলায় জেলায় অশান্তি

    এদিকে, পঞ্চায়েতে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই জেলায় জেলায় শুরু হয়েছে অশান্তি। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার (Suvendu Adhikari) অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। জখম দলীয় কর্মীর ছবি পোস্ট করে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। রাজ্যপাল, জাতীয় মানবাধিকার কমিশনকে ট্যাগ করে ট্যুইট করেছেন তিনি। শুভেন্দুর অভিযোগ, বাইকে চড়ে প্রায় ১০০ জন গুন্ডা এলাকা ঘিরে ফেলে। বিজেপি কর্মীরা বাধা দিতে এলে তাঁদের মারধর করা হয়। ফোনে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, কেউ ফোন ধরেনি।

    অশান্তি নদিয়ায়

    অন্য দিকে, পঞ্চায়েতে মনোনয়নপত্র পেশকে ঘিরে ব্যাপক অশান্তি নদিয়ায়। নাকাশিপাড়ার হরনগর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীতলায় কংগ্রেস প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস প্রার্থী জামান মণ্ডলের এক আত্মীয়ের বাড়িতেও হামলা হয়েছে। তাঁর কাকার হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

    অশান্তি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপেও। কংগ্রেস প্রার্থী শিবানী দাসকে মনোনয়নপত্র (Suvendu Adhikari) পেশে বাধা দেওয়ার অভিযোগ। কেড়ে নেওয়া হয় তাঁর নথিপত্র। অভিযুক্ত তৃণমূল। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদেরও রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। এক্ষেত্রেও অভিযোগের অভিমুখ তৃণমূলের দিকে। ভাঙড়ে কংগ্রেস প্রার্থীকে ডিসিআর নিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই করা হয় মারধর। কংগ্রেস প্রার্থী আশরফ আলি মোল্লার অভিযোগ, মনোনয়নপত্র পেশে বাধা দেন তৃণমূল কর্মীরা। বিডিও অফিসের ভিতরেও মারধর করা হয়।

    আরও পড়ুুন: “পঞ্চায়েত নির্বাচন হোক ১৪ জুলাই”, প্রস্তাব কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির

    রক্তাক্ত হয়েছিল গত পঞ্চায়েত নির্বাচন। হয়েছিল ভোটের বলি। এবারও ঝরেছে প্রাণ। ভোট ঘোষণা হওয়ার পরে পরেই মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হন এক কংগ্রেস কর্মী। কাঠগড়ায় তৃণমূল। অশান্তির খবর এসেছে মনোনয়নপত্র পেশের তৃতীয় দিনেও। মনোনয়নে অশান্তি রুখতে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। তার পরেও যে সমস্যা মেটেনি, সোমবারের বিভিন্ন ঘটনাই তার প্রমাণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election: নন্দীগ্রামে শাসক দলের বিবাদ চরমে! ক্ষোভ উগরে দিলেন সেখ সুফিয়ান

    Panchayat Election: নন্দীগ্রামে শাসক দলের বিবাদ চরমে! ক্ষোভ উগরে দিলেন সেখ সুফিয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) ঘোষণা হতেই শাসকদলের (TMC) গোষ্ঠীকোন্দল তুঙ্গে উঠেছে। জেলায় জেলায় তৃণমূল ছাড়তে দেখা গিয়েছে তৃণমূলের পুরনো কর্মীদের। সোমবার গোষ্ঠীকোন্দলের ছবি ধরা পড়ল নন্দীগ্রামে। ২০০৭ থেকেই এই নন্দীগ্রাম শাসক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নন্দীগ্রাম আন্দোলনই তৃণমূলকে ক্ষমতা দেয় ২০১১ সালে। নন্দীগ্রাম জমি আন্দোলনের আহ্বায়ক সেখ সুফিয়ান পঞ্চায়েত ভোটের আগে দলেরই বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।

    আরও পড়ুুন: অনুব্রতর গড়ে ভাঙন ধরাল বিজেপি! দলত্যাগ তৃণমূল প্রধান সহ কয়েকশো কর্মীর

    কেন অসন্তুষ্ট  সেখ সুফিয়ান?

    পঞ্চায়েত ভোট (Panchayat Election) পরিচালনার জন্য দলের নির্বাচন কমিটিতে নাম না থাকায় ক্ষোভ উগরে দিলেন ২০২১ বিধানসভা ভোটের মমতার ইলেকশান এজেন্ট সেখ সুফিয়ান। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে নন্দীগ্রামে এই  গোষ্ঠী কোন্দল অস্বস্তিতে শাসক দল তৃণমূল। জানা গিয়েছে, নন্দীগ্রাম এক নম্বর ব্লকে যে নির্বাচন কমিটি গঠন করা হয়েছে সে কমিটি থেকে বাদ পড়েছেন সেখ সুফিয়ান সহ তার অনুগামী অনেক নেতা। তারপরেই ক্ষোভ উগড়ে দেন সেখ সুফিয়ান। তার অভিযোগ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করে যারা মমতা বন্দ্যোপাধ্যায় কে হারিয়েছে তারাই আজকে নির্বাচন কমিটির পদে রয়েছে। গতকালই নন্দীগ্রামের তৃণমূল নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দিয়ে দলেরই একাংশ একটি নির্দল মঞ্চ গঠন করেছিল। তারপরে সোমবার এই ঘটনায় তৃণমূল অস্বস্তিতে পড়েছে।

    কী বললেন সেখ সুফিয়ান?

    দলের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগের দিয়ে সুফিয়না বলেন, ‘‘নন্দীগ্রাম আন্দোলনের মধ্য দিয়েই তৃণমূলের উত্থান। শাসক দলের প্রদীপ যখন নিভে গেছিল তখন আমি নন্দীগ্রামের হাল ধরেছিলাম। গত বিধানসভা নির্বাচনে যারা তলায় তলায় বিজেপি করতো, এখন তাদেরকেই নন্দীগ্রামের দায়িত্বে আনা হয়েছে’’। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবির বলছে, ‘‘সংগঠন যারা করতে জানে, সেই সমস্ত নেতাদের গুরুত্ব নেই তৃণমূলে।’’

     

    আরও পড়ুন: টাকার বিনিময়ে প্রার্থী! প্রতিবাদে জলপাইগুড়িতে নির্দল দাঁড়ানোর হঁশিয়ারি তৃণমূলের একাংশের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Biparjoy: সাইক্লোন ‘বিপর্যয়’-এর মোকাবিলায় বৈঠক প্রধানমন্ত্রীর

    Cyclone Biparjoy: সাইক্লোন ‘বিপর্যয়’-এর মোকাবিলায় বৈঠক প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: শক্তি ও গতি বাড়িয়ে শক্তিশালী থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সাইক্লোন ‘বিপর্যয়’ (Cyclone Biparjay)। ইতিমধ্যেই ভারতের (India) পশ্চিম উপকূলে এর প্রভাব পড়তে শুরু করেছে। ঝোড়ো হাওয়ার দাপটে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ‘বিপর্যয়’-এর মোকাবিলায় প্রশাসনের তরফে প্রস্তুতি কেমন, তা খতিয়ে দেখতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার ঘূর্ণিঝড়টি আরও শক্তি বৃদ্ধি করে উত্তর দিকে এগিয়ে চলেছে। আগামী বৃহস্পতিবার গুজরাটের কচ্ছ উপকূলে সেটি আছড়ে পড়তে পারে।

    কোথায় কোথায় আসছে ‘বিপর্যয়’

    মৌসম ভবন জানিয়েছে, বুধবার পর্যন্ত সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূল বরাবর সমুদ্র প্রবল উত্তাল থাকবে। বৃহস্পতিবার আরও বাড়বে ঘূর্ণিঝড়ের দাপট। বিশাল উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়বে। বৃহস্পতিবারই ‘বিপর্যয়’-এর (Cyclone Biparjay) ল্যান্ডফল হওয়ার কথা গুজরাট ও পাকিস্তানের মধ্যবর্তী মাণ্ডবী এলাকায়। এর ফলে গুজরাটের কচ্ছ ও পাকিস্তানের করাচিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ১৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড় হাওয়া, সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতও হবে। গুজরাট, কেরালা, কর্নাটক ও লাক্ষাদ্বীপের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ১৪ জুন পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে গুজরাটের সৈকত। ইতিমধ্যেই কচ্ছ উপকূল থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রবিবারই রাজ্যের বিপর্যয় মোকাবিলা কেন্দ্রে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। গুজরাটের কচ্ছ, জামনগর, মোরবি, গির সোমনাথ, পোরবন্দর ও দ্বারকা জেলাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাকিস্তান সরকারও সিন্ধু ও বালুচিস্তানের কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। 

    আরও পড়ুন: ‘দিদিকে বলো’-র ফোন নম্বরেই কেন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’! কমিশনে যাচ্ছে বিজেপি

    উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী

    সোমবার এই দুর্যোগ (Cyclone Biparjay) ঠেকাতে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী মোদি। দুর্যোগ মোকাবিলায় এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি রুখতে প্রশাসনের তরফে কী পদক্ষেপ করা হয়েছে, তা সবিস্তারে প্রধানমন্ত্রীকে জানান সরকারি আধিকারিকরা। জাতীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, ‘বিপর্যয়’-এর জেরে মুম্বই এবং মহারাষ্ট্রের নানা এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় আবহাওয়া খারাপ থাকার কারণে মুম্বই বিমানবন্দরের একাধিক বিমান বাতিল করে দেওয়া হয়। আবহাওয়ার কারণে মুম্বই বিমানবন্দরে একটি রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • UPSC: প্রকাশিত হল ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল, পাস করেছেন ১৪,৬২৪ জন

    UPSC: প্রকাশিত হল ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল, পাস করেছেন ১৪,৬২৪ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হল সোমবার। প্রসঙ্গত, চলতি বছরে এই পরীক্ষা সম্পন্ন হয়েছিল ২৮ মে। ১২ দিনের মাথায় এই ফল প্রকাশ হল। পাস করেছেন মোট ১৪৬২৪ প্রার্থী। 

    আরও পড়ুন: আরএসএস পরিচালিত স্কুলে পড়ে আজ ইউপিএসসি-তে সফল এক ডজনেরও বেশি ছাত্র-ছাত্রী

    কোন ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফলাফল?

    ইউপিএসির (UPSC) ওয়েবসাইট upsconline.nic.in এবং upsc.gov.in থেকে এই ফলাফল দেখা যাচ্ছে। উল্লেখ্য, এই ফলাফলের সঙ্গেই আলাদা করে কমিশন, আইএফএস পরীক্ষা (মেইনস) এ উত্তীর্ণদের রোল নম্বরও তালিকায় রেখেছে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার মেইনসের মূল পরীক্ষার ফলাফলও ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের সঙ্গে একইসঙ্গে প্রকাশিত হল। প্রিলিমস উত্তীর্ণরা মেইনস-এ বসার সুযোগ পাবেন। ইউপিএসসি জানিয়েছে, মেইনস পরীক্ষায় অংশ নিতে ডিটেলড অ্যাপ্লিকেশন ফর্ম ওয়ান ফিল আপ করতে হবে পরীক্ষার্থীদের। ওয়েবসাইটেই এই পরীক্ষার ফলাফলের বিস্তারিত লেখা থাকবে। মার্কস, কাট অফ মার্কস, আন্সার কি-ও থাকবে ওয়েবসাইটে। তবে তা চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই ওয়েবসাইটে থাকবে। 

    পরীক্ষার খুঁটিনাটি…

    দেশের আমলা গড়ার এই পরীক্ষায় সারবছর ধরে প্রস্তুতিতে লেগে থাকেন প্রার্থীরা। দেশে রয়েছে বেশ কিছু জনপ্রিয় কোচিং সেন্টারও। এই পরীক্ষার মাধ্যমে আইএএস, আইপিএস, আইএফএস, ও কেন্দ্রীয় সরকারি পরীক্ষার গ্রুপ এ ও বি পদে চাকরি মেলে। বর্তমানে ডাক্তার ইঞ্জিনিয়ারদের একাংশ এই পরীক্ষাকে বেছে নিচ্ছেন। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা এই পরীক্ষা ৯ বার দিতে পারেন। বাকি এসসি এবং এসটিরা যতবার খুশি বসতে পারেন। ইউপিএসসির (UPSC) পরীক্ষা তিনটি ধাপে সম্পন্ন হয়। সাফল্যের সঙ্গে এই তিন ধাপ উতরাতে পারলে তবেই হওয়া যায় আমলা। প্রথম ধাপ হল প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষায় পাস করলে বিভিন্ন বিধি ও নিয়ম মেনে উত্তীর্ণ হওয়া যায় মেইনস পরীক্ষার জন্য। প্রিলিমস এর পর  আসে ‘মেইনস’ পরীক্ষা। এই পরীক্ষায় পাস করলে আসে ইন্টারভিউ পর্ব। সেই পর্বের পর বাছাই করা হয় দেশের তাবড় সরকারি অফিসার পদে নিয়োগের উপযুক্ত ব্যক্তিত্বদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share