Blog

  • Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

    Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ কেলেঙ্কারি (Recruitment Scam) মামলার শুনানি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বেঞ্চ থেকে সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। মামলার শুনানি এখনও চলছে, এই মর্মে সুপ্রিম কোর্টে হলফনামা দিতে হবে রেজিস্ট্রার জেনারেলকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, বিচারাধীন মামলা নিয়ে কোনও সাক্ষাৎকার দিতে পারেন না কোনও বিচারপতি। তাই সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় বেঞ্চ বদল করা হল নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলার। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলার বেঞ্চ পরিবর্তনের নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতি।

    বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বিরুদ্ধে অভিযোগ…

    সোমবারই দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে অভিযোগ উঠেছিল, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুলে নিয়োগের দুর্নীতির মামলা শোনার সময় সেই মামলা নিয়ে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছিলেন। যা শুনে প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছিলেন, বিচারপতিরা কোনওভাবেই তাঁদের বিচারাধীন বিষয় নিয়ে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে পারেন না। উনি যদি সাক্ষাৎকার দিয়ে থাকেন, তা হলে তিনি ওই মামলা শোনার অধিকার হারিয়েছেন। সেক্ষেত্রে নতুন কোনও বিচারপতিকে দায়িত্ব দিতে হবে।

    বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) নির্দেশে যাঁদের চাকরি গিয়েছিলেন, তাঁদের একাংশ দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টে। এঁদের আইনজীবী মীনাক্ষী অরোরা জানান, হাইকোর্টের বিচারপতি সেপ্টেম্বর মাসে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানেই তিনি জানিয়ে দিয়েছিলেন, তিনি এ ব্যাপারে কী বিশ্বাস করেন। অর্থাৎ, নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে আগেই বিচার করে ফেলেছিলেন তিনি।

    আরও পড়ুুন: ‘সমলিঙ্গ বিয়েতে কে বাবা, কে মা’? সুপ্রিম কোর্টে প্রশ্ন তুষার মেহতার

    শুক্রবার নিয়োগ সংক্রান্ত মামলার বেঞ্চ বদলের নির্দেশ দেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। এই নির্দেশ দেওয়ার আগে সুপ্রিম কোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) পাঠানো নোটও ভালভাবে পড়েন তিনি। প্রধান বিচারপতি জানান, তিনি নোট পড়েছেন, সাক্ষাৎকারের ট্রান্সক্রিপ্টও শুনেছেন। তার পরেই এই নির্দেশ। এদিন প্রধান বিচারপতি বলেন, বিচারকরা খুব কঠিন দায়িত্ব পালন করেন। আমরা কেস পুনরায় বরাদ্দ করার জন্য জিজ্ঞাসা করছি একমাত্র কারণ হল ট্রান্সক্রিপ্ট, অন্য কোনও কারণ নেই।

    প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনই পর্যবেক্ষণ ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। এই মামলার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেই মামলা প্রসঙ্গেই সংবাদ মাধ্যমে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলেছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Same Sex Marriage: ‘‘সমলিঙ্গ বিয়েতে কে বাবা, কে মা?’’ সুপ্রিম কোর্টে প্রশ্ন তুষার মেহতার

    Same Sex Marriage: ‘‘সমলিঙ্গ বিয়েতে কে বাবা, কে মা?’’ সুপ্রিম কোর্টে প্রশ্ন তুষার মেহতার

    মাধ্যম নিউজ ডেস্ক: সমলিঙ্গ (Same Sex Marriage) বিয়েতে কে বাবা হবেন, আর মা-ই বা হবেন কে। এটা পূর্বাভাসের মাধ্যমে বলা সম্ভব নয়। বিয়ের সময় বলা হয় স্ত্রীর বাসস্থান রয়েছে। তবে এখানে ঠিক করতে হবে কে স্ত্রী। উত্তরাধিকার আইনে বলা হয়, পিতা, মাতা, ভাই, বিধবা। দুজনের মধ্যে একজন মারা গেলে কাকে বিধবা বলা হবে? বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court) বললেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

    সমলিঙ্গ (Same Sex Marriage) বিয়ে নিয়ে শুনানি…

    সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে চলছে সমলিঙ্গ বিয়ে নিয়ে শুনানি। দিন দুয়েক আগে সমলিঙ্গ বিয়েতে ইচ্ছুক এমন সন্তানদের প্রায় ৪০০ অভিভাবক এ ব্যাপারে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চেই চলছে এই মামলার শুনানি। বৃহস্পতিবার এই শুনানি পড়ল ষষ্ঠ দিনে। বুধবার পর্যন্ত সুপ্রিম কোর্ট সমলিঙ্গ বিয়ে নিয়ে অন্তত ১৫টি আবেদনের শুনানি করে। কেন্দ্রীয় সরকারের তরফে সর্বোচ্চ আদালতের কাছে ওঠা প্রশ্নগুলি বিবেচনা করতে সংসদের ওপর ছেড়ে দেওয়ার আবেদনও করে।

    সলিসিটর জেনারেল বলেন, সর্বোচ্চ আদালত জটিল একটি বিষয় (Same Sex Marriage) নিয়ে কাজ করছে। যার গভীর সামাজিক প্রভাব রয়েছে। তিনি বলেন, আইন প্রণয়ন ও ব্যাখ্যার মধ্যে সীমানা নিয়ে আলোচনা দুটি বিষয়ের ওপর ফোকাস করার প্রবণতা রয়েছে।

    আরও পড়ুুন: ‘‘বন‍্‍ধ স্বতঃস্ফূর্ত ও অত্যন্ত সফল’’! সাড়া দেওয়ায় উত্তরবঙ্গবাসীকে ধন্যবাদ সুকান্তর

    প্রসঙ্গত, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এর আগেই সমলিঙ্গ বিয়েকে বৈধতা দেওয়ার আবেদনের বিরোধিতা করেছে। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, ভারতীয় পরিবারের ধারনার মধ্যে এটা যায় না। কেন্দ্রের মতে, এসব শহুরে বড়লোকদের ধারণা। মঙ্গলবার এই মামলার শুনানিতে উল্লেখ করা হয়েছিল, সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়া হবে কিনা, সেই বিষয়টি পার্লামেন্টের ওপর ছেড়ে দেওয়া হোক। হলফনামা দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছে, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই মামলায় পার্টি করা হোক।

    বৃহস্পতিবার সলিসিটর জেনারেল দেশের শীর্ষ আদালতে বলেন, একটি উদাহরণের জন্য ভারতীয় দণ্ডবিধি দেখুন। ধারা (Same Sex Marriage) ১০-এ পুরুষ ও নারী সংজ্ঞায়িত করা হয়েছে। পুরুষ শব্দে সব পুরুষকে এবং নারী শব্দে সব মহিলাকে বোঝায়। স্পিনস্টার ও ব্যাচেলর সম্পর্কে বলতে গিয়ে তুষার মেহতা বলেন, এই সব শব্দ লিঙ্গ নিরপেক্ষ হতে পারে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sudan: জারি ‘অপারেশন কাবেরী’, সুদান থেকে উদ্ধার ১৭০০ ভারতীয়, অপেক্ষায় আরও

    Sudan: জারি ‘অপারেশন কাবেরী’, সুদান থেকে উদ্ধার ১৭০০ ভারতীয়, অপেক্ষায় আরও

    মাধ্যম নিউজ ডেস্ক: গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান (Sudan)। সেনা ও আধাসেনার লড়াইয়ের জেরে বিপন্ন সে দেশে বসবাসকারী ভারতীয় সহ বিভিন্ন দেশের নাগরিকরা। সুদানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে ‘অপারেশন কাবেরী’ (Operation Kaveri) শুরু করেছে ভারত সরকার। বৃহস্পতিবার বিকেলে সুদান থেকে মুম্বই পৌঁছল ভারতীয় নাগরিকদের দ্বিতীয় দলটি। ভারতীয় বায়ুসেনার মালবাহী বিমানে সৌদির রাজধানী জেড্ডা থেকে মুম্বই ফিরলেন ২৪৬ জন ভারতীয়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ট্যুইট-বার্তায় বলেন, অপারেশন কাবেরীর আর একটি উড়ান মুম্বইয়ে এসে পৌঁছেছে। আরও ২৪৬ জন ভারতীয় মাতৃভূমিতে ফিরে এসেছেন।

    সুদানে (Sudan) অপারেশন কাবেরী…

    প্রসঙ্গত, বুধবার সুদান থেকে ভারতে ফেরে প্রথম দলটি। এই দলে ছিলেন ৩৬০ ভারতীয়। বিদেশমন্ত্রক জানিয়েছে, অপারেশন কাবেরীর অধীনে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ জনেরও বেশি ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। ৭২ ঘণ্টার যুদ্ধ বিরতির মধ্যে সব ভারতীয় নাগরিককে সুদান (Sudan) থেকে উদ্ধার করতে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এবং সামরিক মালবাহী বিমান মোতায়েন করা হয়েছে। বিদেশ সচিব বিনয় কাওয়াত্রা বলেন, বাকিদের যাতে কোনও ক্ষতি না হয়, সে জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে সরকার। সুদানের ৩ হাজার ৪০০ ভারতীয়ের মধ্যে যাঁরা এখনও ওই দেশে আটকে রয়েছেন, তাঁদেরও যাতে দ্রুত সরিয়ে আনা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে।

    বৃহস্পতিবার চতুর্থ দিনে পড়েছে অপারেশন কাবেরী। এদিন আরও প্রায় ২ হাজার ভারতীয়কে বিভিন্ন এলাকা থেকে সরিয়ে পোর্ট সুদান কিংবা জেড্ডায় নিয়ে যাওয়া হয়েছে। সুদানে (Sudan) আটকে পড়া ভারতীয়দের সে দেশ থেকে সরিয়ে নিয়ে আসার বিষয়ে সৌদি আরব সাহায্য করায় সৌদি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছে নয়াদিল্লি। এদিকে, শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশ সুদান থেকে তাদের দেশের নাগরিকদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যেতে সাহায্য চেয়েছে ভারতের।

    আরও পড়ুুন: উত্তরবঙ্গে ১২-ঘণ্টা বন্‌ধ বিজেপির! পদ্ম কর্মী-সমর্থকদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ

    মঙ্গলবার থেকে সুদানে শুরু হয়েছে ৭২ ঘণ্টার সংঘর্ষ বিরতি। বিদেশসচিব বলেন, আমাদের লক্ষ্য একটাই, প্রত্যেক ভারতীয়কে যত দ্রুত সম্ভব ঝুঁকির পরিবেশ থেকে সরিয়ে আনা। তিনি জানান, সুদানের ছবিটা অত্যন্ত উদ্বেগজনক হয়ে রয়েছে। এখনও পর্যন্ত খার্তুমে ভারতের দূতাবাসে অনলাইন বা সরাসরি ৩ হাজার ৪০০ নাগরিক যোগাযোগ করেছেন। তাঁদের মধ্যে ইতিমধ্যেই সরিয়ে নিয়ে আসা হয়েছে ১৭০০ জনকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BSF: ক্লাবগুলি নজরদারি চালাবে বিএসএফের কাজে! মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে জোর বিতর্ক

    BSF: ক্লাবগুলি নজরদারি চালাবে বিএসএফের কাজে! মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে জোর বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার কাণ্ডে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিএসএফ-এর (BSF) বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল। সেই আবহে এবার তিনি বিএসএফ-এর (BSF) গতিবিধির ওপর নজরদারির ‘দায়িত্ব’ দিলেন স্থানীয় ক্লাবগুলিকে। যা নিয়ে চরমে বিতর্ক শুরু হয়েছে। বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ক্লাব প্রীতি’র বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। ক্লাবদের টাকা দেওয়া নিয়ে মামলা গড়িয়েছে হাইকোর্টে। প্রশ্ন উঠেছে, যে সরকার নিজের কর্মীদের ডিএ দিতে পারে না, সেই সরকার কেন ক্লাবগুলির পিছনে এত খরচ করছে? রাজনৈতিক স্বার্থে তাদের ব্যবহার করতেই কি সরকারি টাকায় এই উদ্যোগ? আর এরই মধ্যে এবার বিএসএফ-এর ওপর নজরদারির ‘দায়িত্ব’ পেল ক্লাবগুলি।

    নবান্নে বৈঠকে কী বললেন মুখ্যমন্ত্রী?

    সূত্র জানাচ্ছে, বুধবার রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রস্তাব দেন, পুলিশকে যেমন গোয়েন্দা-তথ্য সংগ্রহে তৎপর হতে হবে, তেমনই সীমান্তবর্তী এলাকার ক্লাবগুলির মাধ্যমে বিএসএফের (BSF) বাড়াবাড়ির উপরে নজরদারি চালানো প্রয়োজন। কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওই প্রশাসনিক বৈঠকে আলোচনার ফাঁকে প্রসঙ্গক্রমে বিএসএফের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। সংশ্লিষ্ট সূত্রের খবর, মমতা প্রশাসনিক কর্তাদের উদ্দেশে (বিশেষ করে পুলিশকর্তাদের) জানান, গ্রামে গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে বিএসএফ। পঞ্চায়েত ভোটের আগে এই প্রবণতা বাড়তে পারে।

    মুখ্যমন্ত্রীর সাধের কর্মতীর্থ প্রকল্প এবার কি বিএসএফের (BSF) ওপর নজরদারি চালাবে?

    মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প ‘কর্মতীর্থ’। দোকান-সহ নানান ব্যবসা করার জন্য নির্মাণ করা হয়েছিল। সেগুলি থেকেই এবার নাকি বিএসএফের ওপর নজরদারি চালাবে ক্লাবগুলি। স্বয়ং মুখ্যমন্ত্রীর পরিকল্পনা সেরকমই। সেই সব অব্যবহৃত পরিকাঠামো স্থানীয় ক্লাবের হাতে গেলে সেগুলো আর কতটা কর্ম-তীর্থ থাকবে, অকর্মস্থল বা অসামাজিক কাজের আখড়া হয়ে উঠবে কি না, সেই প্রশ্ন, সংশয় ও বিতর্ক জোরদার হয়েছে। একইভাবে শুধু বিতর্ক নয়, রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে বিএসএফ (BSF) বা সীমান্তরক্ষী বাহিনীর গতিবিধির উপরে নজরদারির গুরু দায়িত্ব বেসরকারি ক্লাবগুলির হাতে ছাড়ার উদ্যোগকে ঘিরে। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা কর্মতীর্থগুলি নিয়ে বুধবার আলোচনা হয়েছিল নবান্নের প্রশাসনিক বৈঠকে। প্রশাসনিক সূত্র জানাচ্ছে, প্রায় প্রতিটি জেলায় বিপুল খরচ করে সরকার কর্মতীর্থ তৈরি করলেও সেগুলির বেশির ভাগের প্রতি সাধারণ মানুষের কোনও আগ্রহই নেই। কারণ, দোকান-ব্যবসা করার জন্য নির্ধারিত এই পরিকাঠামোগুলি লাভজনক জায়গায় গড়ে ওঠেনি বলেই অভিযোগ। দীর্ঘ কাল ধরে পড়ে থাকা কর্মতীর্থগুলির পরিচালনার ভার সেই জন্যই এলাকার বিভিন্ন ক্লাবের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: ‘‘তুমি আসবে বলে…’’! ‘যুবরাজ’-এর আসার পথ মসৃণ করতে তড়িঘড়ি রাস্তা মেরামতি

    Abhishek Banerjee: ‘‘তুমি আসবে বলে…’’! ‘যুবরাজ’-এর আসার পথ মসৃণ করতে তড়িঘড়ি রাস্তা মেরামতি

    মাধ্যম নিউজ ডেস্ক: সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জনসংযোগ কর্মসূচিতে আগামিকাল, শনিবার শিলিগুড়িতে আসছেন। শিলিগুড়ির কাছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে তাঁর দলীয় কর্মসূচি রয়েছে। যুবরাজের আগমনের পথ মসৃণ করতে শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি (এসজেডিএ) ফুলবাড়ির বেহাল ক্যানাল রোড মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে। কেননা এই রাস্তা দিয়েই যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনের জন্যই যে ফুলবাড়িতে এই ক্যানাল রোড এসজেডিএ সংস্কার করছে, তা কবুল করেছেন এসজেডিএ-র সদ্য প্রাক্তন চেয়ারম্যান, তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। গত বৃহস্পতিবার এসজেডিএ-র প্রেস হোয়াটসঅ্যাপ গ্রুপে সৌরভ চক্রবর্তী ওই রাস্তা সংস্কারের কাজের ছবি পোস্ট করে লিখেছেন, “সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনে রাস্তার কাজ চলছে ফুলবাড়িতে।” সংবাদমাধ্যমকেও সৌরভবাবু একই কথা বলেছেন। 

    বাসিন্দারা বলছেন, ভাগ্যিস অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন

    জাতীয় সড়ক থেকে গ্রাম হয়ে শিলিগুড়ি শহরের সঙ্গে সংযোগের গুরুত্বপূর্ণ রাস্তা এই ফুলবাড়ি ক্যানাল রোড। এহেন গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল। পিচ উঠে গিয়ে খানাখন্দে ভরে গিয়েছিল। ভারী ভারী লরি চলাচল করত ঝুঁকি নিয়ে। স্থানীয় বাসিন্দারাও নিত্যদিনের কাজে, রুজি-রোজগারের জন্য এই রাস্তা দিয়ে যেতেন হাতে প্রাণ নিয়ে। রাস্তা বেহাল হওয়ার কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটত। বৃহস্পতিবার এই রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়াতে স্থানীয় বাসিন্দারা খুশি। তবে তাঁদের প্রশ্ন রয়েছে। এলাকার বাসিন্দারা বলছেন, ভাগ্যিস অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, তাই আমাদের দীর্ঘদিনের দাবিমতো এই রাস্তা অবশেষে মেরামত হচ্ছে। রাস্তা সংস্কারের দাবিতে অনেক আন্দোলন হয়েছে। পথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবুও প্রশাসনের ঘুম ভাঙেনি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন বলে তড়িঘড়ি রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছে এসজেডিএ। তাতে প্রশ্ন উঠেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সাংসদ হলেও রাজ্য সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক কী। আর তিনি আসছেন দলীয় কর্মসূচিতে। তাহলে তাঁর সফরের জন্য কেন সরকারি অর্থে রাস্তা মেরামত করা হবে? এই প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। নরেন বর্মন, ফুলমণি বর্মনদের মতো বাসিন্দারা বলছেন, রাস্তা হচ্ছে আমরা খুশি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তড়িঘড়ি রাস্তা মেরামত করা হচ্ছে। তাহলে প্রতিদিনই যুবরাজের মতো তৃণমূল নেতারা আমাদের এলাকায় আসুন। তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কেননা সাধারণ মানুষের কথা শোনে না তৃণমূল সরকারের প্রশাসন। 

    তাঁকে ও তাঁর পিসি মুখ্যমন্ত্রীকে খুশি করতে প্রশাসন তৎপর, কটাক্ষ বিজেপির

    বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি ও মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বলেন, যুবরাজ শিকারে বেরিয়েছেন। তাই রাজ্য প্রশাসন তাঁর শিকার সফরকে সফল করতে ঝাঁপিয়ে পড়েছে। এটা প্রত্যাশিত। কেননা রাজ্যের তৃণমূল সরকার সারা বছর সাধারণ মানুষের কথা ভাবে না। সেই কারণেই এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল। যুবরাজ আসছেন। তাই তাঁকে (Abhishek Banerjee) ও তাঁর পিসি মুখ্যমন্ত্রীকে খুশি করতে প্রশাসন যে তৎপর, সেটাই প্রমাণ হচ্ছে রাতারাতি ফুলবাড়িতে রাস্তা মেরামতের কাজ শুরু করায়। তৃণমূলের পরিবারতন্ত্র রাজনীতির কারণেই আজ রাজ্য ডুবতে বসেছে। কোটি কোটি টাকা দুর্নীতিতে এই রাজ্যকে শেষ করে দিয়েছে তৃণমূল। তাই এধরনের কাজ তারা করতে পারে। এতে বিস্মিত নই। কিন্তু সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করে থাকার পর হঠাৎ দলীয় নেতার সফরকে মসৃণ করতে প্রশাসনের ঝাঁপিয়ে পড়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 

    কী বলছে এসজেডিএ?

    সৌরভ চক্রবর্তী বলেন, এই রাস্তার কাজ আমরা আগেই হাতে নিয়েছিলাম। কিছুদিন বাদেই এর কাজ শুরু হত। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই রাস্তা দিয়ে আসবেন। তাই সেই কাজ এগিয়ে আনা হল। তাহলে এই বক্তব্যের জন্যই কি চেয়ারম্যান পদ থেকে সরতে হল সৌরভ চক্রবর্তীকে। সেকারণেই কি শুক্রবার সকালে তাঁকে সরিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে আবার এসজেডিএ-র চেয়ারম্যান করা হল? এই প্রশ্ন সব মহলের। কিন্তু তৃণমূলের কেউ এনিয়ে মুখ খুলতে চাইছেন না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vande Bharat: হাওড়া-পুরী বন্দে ভারতের ট্রায়াল রান শুরু! বাণিজ্যিকভাবে ছুটবে কবে?

    Vande Bharat: হাওড়া-পুরী বন্দে ভারতের ট্রায়াল রান শুরু! বাণিজ্যিকভাবে ছুটবে কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের দ্বিতীয় বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসের ট্রায়াল হল শুক্রবার সকালে। এদিন সকালে হাওড়া থেকে পুরীর উদ্দেশে রওনা দেয় রেকটি আবার সেখান থেকে হাওড়া ফিরে আসবে। রেল সূত্রে খবর, বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসের সফল ট্রায়াল চালানোর পরে, খুব শীঘ্রই সম্পূর্ণ ফেজ অপারেশন শুরু হবে। ট্রেনটি বাণিজ্যিকভাবে কবে থেকে ছুটবে তা অবশ্য জানা যায়নি। রেল জানিয়েছে, চূড়ান্ত তারিখ নিশ্চিত হওয়ার পরে জানিয়ে দেওয়া হবে। শুক্রবার এবং রবিবার দুটি পর্বে ট্রায়াল করা হবে। শুক্রবার এই রেকটি হাওড়া থেকে সকাল ৬.১০ মিনিটে যাত্রা শুরু করে এবং রাত সাড়ে ৮টায় ফিরে আসবে হাওড়ায়। সকালে ট্রেনটি খড়গপুর স্টেশনে ৭.৩৮ মিনিটে পৌঁছয়, দু’মিনিট পর পুরীর উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি ১২.৩৫ মিনিটে পুরী পৌঁছবে। পুরী থেকে ১.৫০ মিনিটে যাত্রা শুরু করবে।

    কেন হাওড়া-পুরী রুটকে বাছল রেল?

    হাওড়া-পুরী ও হাওড়া-রাঁচী রুটে বন্দে ভারত (Vande Bharat) চালানোর বিষয়ে আগ্রহের কথা বোর্ডকে জানিয়েছিল দক্ষিণ-পূর্ব রেল। এমনিতেই হাওড়া-পুরী রুটের যাত্রী বেশি। রেললাইনের সমস্যাও সেক্ষেত্রে খুব বেশি অন্তরায় হয়ে উঠবে না। তীর্থক্ষেত্র ও পর্যটনের নিরিখে পুরীর গুরুত্ব অনেকটাই বেশি। দুই বিভাগের জন্য ১৬ কোচের পূর্ণাঙ্গ ‘বন্দে ভারত’ বরাদ্দ করা হয়। আজ তার ‘ট্রায়াল রান’ হল।

    চলতি বছরের ১ জানুয়ারি হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চালু হয়েছিল প্রথম বন্দে ভারত (Vande Bharat) 

    প্রসঙ্গত,  চলতি বছরের ১ জানুয়ারি হাওড়া-নিউ জলপাইগুড়িগামী প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছিল রাজ্য। শীঘ্রই দ্বিতীয় বন্দে ভারতও পেতে চলেছে বাংলা। প্রথম ট্রেনটির মতো দ্বিতীয় ট্রেনটিতেও একই ধরনের সুবিধা পাওয়া যাবে বলে রেল সূত্রে খবর।

    আরও পড়ুন: বড় সিদ্ধান্ত কেন্দ্রের! এই শর্ত মানলেই ৪২টি বাড়তি ছুটি পাবেন সরকারি কর্মীরা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP Strike: ‘‘বন‍্‍ধ স্বতঃস্ফূর্ত ও অত্যন্ত সফল’’! সাড়া দেওয়ায় উত্তরবঙ্গবাসীকে ধন্যবাদ সুকান্তর

    BJP Strike: ‘‘বন‍্‍ধ স্বতঃস্ফূর্ত ও অত্যন্ত সফল’’! সাড়া দেওয়ায় উত্তরবঙ্গবাসীকে ধন্যবাদ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ জুড়ে ১২ ঘণ্টার বন‍্‍ধ (BJP Strike) স্বতঃস্ফূর্ত ও অত্যন্ত সফল বলে জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সাধারণ মানুষ তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে সাড়া দিয়েছে বলেও জানান তিনি। এর জন্য উত্তরবঙ্গবাসীকে ধন্যবাদ জানান সুকান্ত। উত্তরবঙ্গ বিজেপির পাশে ছিল, আছে, থাকবে বলেও মত তাঁর।

    বন‍্‍ধ আটকানোর ব্যর্থ চেষ্টা

    বন‍্‍ধ সফল করতে শুক্রবার সকাল থেকেই রাস্তায় নেমে পড়েছেন বিজেপি (BJP Strike) কর্মী, সমর্থকরা। বালুরঘাট, রায়গঞ্জ থেকে শুরু করে মালদা সর্বত্রই বিজেপি কর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে পিকেটিং শুরু করে দিয়েছে। তবে রাজ্য সরকারের তরফ থেকেও সমস্ত কিছু সচল রাখতে সর্বতভাবে চেষ্টা করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বত্র মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। ইতিমধ্যেই কোচবিহারে গ্রেফতার করা হয়েছে ৪০ জন বিজেপি সমর্থককে, বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, “জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসছে কালিয়াগঞ্জ। উত্তপ্ত উত্তরবঙ্গ। সাধারণ মানুষ নিজেদের ইচ্ছায় সাড়া দিয়েছে। তৃণমূল জোড় করে বন‍্‍ধ আটকানোর চেষ্টা করছে।”

    মানুষ বিজেপির পাশে

    বন‍্‍ধ (BJP Strike) মোকাবিলায় পতাকা হাতে সকাল থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় মিছিল করছে তৃণমূল। কোচবিহারেও শাসক দল পাল্টা মিছিল করে বন‍্‍ধ ব্যর্থ করতে চাইলে উত্তেজনা ছড়ায়, বলে জানান সুকান্ত। সকাল থেকে কোচবিহার, রায়গঞ্জ, জলপাইগুড়ি, ধূপগুড়ি সহ একাধিক জায়গায় মিছিল করছে তৃণমূল কংগ্রেস। সুকান্ত বলেন, “কালিয়াগঞ্জে নাবালিকা হত্যা ও রাধিকাপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। আমরা তাদের পাশে আছি। এটা প্রমাণ করে কালিয়াগঞ্জের মানুষ পুলিশের উপর আস্থা হারিয়েছে। যে পুলিশ অপরাধীদের আটকাতে পারে না সেই পুলিশ একটা মায়ের কোল খালি করে দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাধিকাপুরে এক এসআই-এর গুলিতেই মৃত্যু হয়েছে বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের।” কালিয়াগঞ্জে (Kaliaganj) নাবালিকাকে গণধর্ষণ-খুনের অভিযোগের ঘটনায় রাজ্য পুলিশের আইজি (উত্তরবঙ্গ), উত্তর দিনাজপুরের পুলিশ সুপার ও জেলাশাসককে তলব করেছে জাতীয় তফশিলি জাতি কমিশন। কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সুকান্ত। 

    আরও পড়ুন: কালিয়াগঞ্জের ঘটনায় দিল্লিতে তলব জেলাশাসক, পুলিশের শীর্ষ কর্তাদের

    বন‍্‍ধ-এর প্রভাব

    শিলিগুড়িতে বন‍্‍ধ-এর মিশ্র প্রভাব পড়েছে। দোকান বাজার বন্ধ রয়েছে। রাস্তাঘাটে বাস গাড়ি চললেও তার সংখ্যা অনেকটাই কম। তবে পাহাড়ে কোনও প্রভাব পড়েনি বন‍্‍ধ-এর। জনজীবন স্বাভাবিক রয়েছে। বিজেপির ডাকা ১২ ঘণ্টা বন‍্‍ধ-এ (BJP Strike) বালুরঘাট সহ জেলায় কোনও বেসরকারি যানবাহন ও বাস চলাচল করছে না। ঘুঘুমারিতে বিজেপির অবরোধ তুলতে গেলে উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীদের দিকে বাঁশ নিয়ে তাড়া করতে দেখা যায় তৃণমূল কর্মীদের। কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। মালদা জেলার বিজেপির কর্মী, সমর্থকরা শহরের রথবাড়ি মোড়, মঙ্গলবাড়ী মোড়, সাহাপুর, ডিস্কো মোড় সহ আরও একাধিক জায়গায় ইতিমধ্যেই পথ অবরোধ করেছে। সকাল থেকেই বেসরকারি বাস রাস্তায় চলতে দেখা যায়নি। মালদা জেলার প্রায় দেড়শোটি বেসরকারি বাস আজ চলাচল করেনি। গৌরকন্যা বাসস্ট্যান্ডে বেসরকারি বাস দাঁড়িয়ে রয়েছে। বাসস্ট্যান্ড জনশূন্য। একই চিত্র উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহনের বাসস্ট্যান্ডে, নেই কোনও যাত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur: মুখ্যমন্ত্রীর সভাস্থলে আগুন লাগানো ঘিরে উত্তাল মণিপুর! মিশনারিদের বিরুদ্ধে উস্কানির অভিযোগ

    Manipur: মুখ্যমন্ত্রীর সভাস্থলে আগুন লাগানো ঘিরে উত্তাল মণিপুর! মিশনারিদের বিরুদ্ধে উস্কানির অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার মণিপুরে (Manipur) মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সভাস্থলে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে অশান্তি ছড়িয়েছে মণিপুরে। সরকারের তরফে আপাতত বড় জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। জানা গিয়েছে, শুক্রবার মণিপুরের (Manipur) রাজধানী ইম্ফল থেকে ৬৩ কিলোমিটার দূরে চূড়াচাঁদপুর জেলাতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সভা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতেই পূর্বনির্ধারিত ওই অনুষ্ঠানস্থলে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুরের পর আগুনও লাগিয়ে দেওয়া হয় সভাস্থলে। এই ঘটনাকে ঘিরেই অশান্তি-উত্তেজনা ছড়িয়েছে।

    অভিযোগের তীর খ্রিষ্টান মিশনারিদের বিরুদ্ধে 

    মণিপুর (Manipur) প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় একটি আদিবাসী সংগঠনের সদস্যরাই এই হামলা চালিয়েছে। সেরাজ্যে খ্রিষ্টান মিশনারিদের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ আগেও উঠেছে। অর্থ ও অন্যান্য প্রলোভন দেখিয়ে আদিবাসী সমাজকে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তকরণ করা হচ্ছে, এই অভিযোগে বারবার সরব হয়েছে বিজেপি তথা সঙ্ঘ পরিবার। বৃহস্পতিবার রাতে সভাস্থল ভাঙচুরের ঘটনায় খ্রিষ্টান মিশনারিদের (Manipur) প্ররোচনা থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কারণ আদিবাসী সংগঠনটির পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে রাজ্যের একাধিক চার্চকে ভেঙেছে রাজ্যের বিজেপি শাসিত সরকার। নিয়ম বহির্ভূত নির্মাণের অজুহাতে।

    আরও পড়ুন: বড় সিদ্ধান্ত কেন্দ্রের! এই শর্ত মানলেই ৪২টি বাড়তি ছুটি পাবেন সরকারি কর্মীরা

    হামলার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়  

    ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গতকালের হামলার ভিডিও। সেই ভিডিওতে দেখা গিয়েছে, বেশ কিছু যুবক মুখ্যমন্ত্রীর সভাস্থলে রাখা চেয়ার-টেবিল ভাঙচুর করছে। আজ, শুক্রবারই চূড়াচাঁদপুর জেলায় একটি জিমের উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের। উদ্বোধনের আগেই বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা সেখানে ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও তথ্য জানানো হয়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kaliaganj: কালিয়াগঞ্জের ঘটনায় দিল্লিতে তলব জেলাশাসক, পুলিশের শীর্ষ কর্তাদের

    Kaliaganj: কালিয়াগঞ্জের ঘটনায় দিল্লিতে তলব জেলাশাসক, পুলিশের শীর্ষ কর্তাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: কালিয়াগঞ্জে (Kaliaganj) নাবালিকাকে গণধর্ষণ-খুনের অভিযোগের ঘটনায় রাজ্য পুলিশের আইজি (উত্তরবঙ্গ), উত্তর দিনাজপুরের পুলিশ সুপার ও জেলাশাসককে তলব করল জাতীয় তফশিলি জাতি কমিশন। সাত দিনের মধ্যে এই তিন জনকে দিল্লিতে কমিশনের দফতরে হাজির হতে বলা হয়েছে। এই ঘটনায় জেলার পুলিশ সুপার, কালিয়াগঞ্জ থানার আইসি এবং এই মামলার তদন্তকারী অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করারও সুপারিশ করেছে তারা।

    রাজ্যের অসহযোগিতা

    নাবালিকার মৃত্যু ও পুলিশের বিরুদ্ধে অমানবিকভাবে ওই কন্যার দেহ উদ্ধার নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই জাতীয় তফশিলি জাতি কমিশনের উপাধ্যক্ষ অরুণ হালদার ঘটনাস্থলে যান। রবিবার যখন ওখানে অরুণ হালদার এসেছিলেন, তখন কোনও পদস্থ অফিসার ছিল না। বৃহস্পতিবার দিল্লিতে অরুণ বলেন, ‘‘আমার সঙ্গে রাজ্য পুলিশ-প্রশাসনের কর্তারা অসহযোগিতা করেছেন। জেলাশাসক, এসপি তো দূরের কথা, তদন্তকারী অফিসারও দেখা করেননি। তাঁরা যে ব্যাখ্যা ঘটনাস্থলেই দিতে পারতেন, তা না করায় এখন দিল্লিতে এসে ব্যাখ্যা দিতে হবে। নোটিসে সাড়া দিয়ে না এলে, কমিশনের সমন পাঠানো এবং প্রয়োজনে গ্রেফতারি পরোয়ানা জারির ক্ষমতা রয়েছে।’’ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কালিয়াগঞ্জের (Kaliaganj) ঘটনার আসল তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে অরুণ বলেন, তাঁরা এ বিষয়ে রাষ্ট্রপতি, রাজ্যপালের কাছে রিপোর্ট পাঠাবেন।

    আরও পড়ুন: রাজ্যের ৫ জেলায় বজ্রপাতে মৃত্যু ১৫ জনের, আজ আকাশ থাকবে কেমন?

    ‘রহস্য’ দেখছে হাইকোর্টও

    কালিয়াগঞ্জে (Kaliaganj) নাবালিকার মৃত্যুর ঘটনায় রাজ্যের বক্তব্যে ‘রহস্য’ দেখছে কলকাতা হাইকোর্টও। আদালতের পর্যবেক্ষণ, ওই নাবালিকার শেষকৃত্য নিয়ে পরিবার যা জানিয়েছে, তার সঙ্গে মিলছে না রাজ্য সরকারের বক্তব্য। রাজ্যের দাবি, ওই নাবালিকার দেহের ময়নাতদন্তে ধর্ষণের চিহ্ন মেলেনি। তাই নাবালিকার শেষকৃত্য করা হয়েছে। যদিও নাবালিকার মা হাইকোর্টে জানান, রাজ্য সঠিক কথা বলছে না। ওই কিশোরীর দেহ এখনও পোড়ানো হয়নি। পরিবারের তরফে বৃহস্পতিবার উচ্চ আদালতে ওই নাবালিকার দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের আর্জি জানানো হয়। এতেই ‘রহস্য’ দেখছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর নির্দেশ, এই মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট পাঁচ দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে। জমা দিতে হবে কেস ডায়েরি। রাজ্যকে ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি সংরক্ষণ করতে হবে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lightning Death: রাজ্যের ৫ জেলায় বজ্রপাতে মৃত্যু ১৫ জনের, আজ আকাশ থাকবে কেমন?

    Lightning Death: রাজ্যের ৫ জেলায় বজ্রপাতে মৃত্যু ১৫ জনের, আজ আকাশ থাকবে কেমন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সকালেও ছিল রোদ ঝলমলে আকাশ। কিন্তু দুপুর গড়াতেই পাল্টে যায় রাজ্যের কয়েকটি জেলার আবহাওয়ার রূপ। দুপুরের কালো মেঘ ঢেকে দেয় সূর্যের আলো। প্রথমে ঝোড়ো হাওয়া, তারপরই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কোথাও হাল্কা, কোথায় আবার মাঝারি বৃষ্টির দাপট ছিল। গোটা রাজ্যে বজ্রপাতে মৃত্যু (Lightning Death) হয়েছে ১৫ জনের।

    বিভিন্ন জেলায় বজ্রপাতে মৃত্যু (Lightning Death)

    ঝোড়ো হাওয়ার দাপটের পাশাপাশি বজ্রপাতের ঘটনাও কমবেশি সব জেলায় দেখা যায় এদিন। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় বাজ পড়ে মৃত্যু (Lightning Death) হয়েছে ১৫ জনের। এর মধ্যে মুর্শিদাবাদে ৩ জনের, হাওড়া জেলায় ৩ জনের, পূর্ব বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে ৪ জনের, উত্তর ২৪ পরগনা জেলায় মৃতের সংখ্যা ২ ও পশ্চিম মেদিনীপুর জেলায় মৃত্যু (Lightning Death) হয়েছে ৩ জনের।
    মুর্শিদাবাদের ভরতপুরের কাগ্রাম এলাকার মাঠে কাজ করছিলেন পাঁচজন। সেই সময় আচমকাই মাঠের উপর বাজ পড়ে। তাতে গুরুতর আহত হন পাঁচ জন। আহত অবস্থায় তাঁদের সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে দু’জনের মৃত্যু হয়। এছাড়াও সামসেরগঞ্জের লক্ষ্মীনগর থানায় বাজ পড়ে মৃত্যু হয়েছে আরও এক যুবকের।
    এছাড়াও উত্তর ২৪ পরগনার মছলন্দপুর-২ পঞ্চায়েত এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মিলন বিশ্বাস ও ধীরাজ শর্মা-র। হাওড়া গ্রামীণ এলাকার আমতা ও বানানে আরও তিন জনের মৃত্যুর খবর মিলেছে। বর্ধমানের কালনা, ভাতার, মঙ্গলকোটে পৃথক পৃথক ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এদিন বোলপুরে শিলাবৃষ্টিও হয়। প্রকৃতির এই হঠাৎ পরিবর্তনে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলেছে রাজ্যের মানুষের। কিন্তু আচমকা বাজে প্রাণ কেড়ে নিল অনেকেরই (Lightning Death)।

    আগামী কয়েকদিন চলবে এমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪/৫ দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শনি ও রবিবার থেকে বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। তবে এই বৃষ্টি যে দীর্ঘমেয়াদি নয় সেটাও পূর্বাভাসে বলা হয়েছে। শুক্র ও শনিবার তাপমাত্রাও বাড়বে। তিন দিনে তিন-চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যেখানে বৃষ্টি বেশি হবে সেখানে তাপমাত্রা কিছুটা কমবে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় বাড়বে অস্বস্তি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share