Blog

  • Gangarampur: ট্যাপকলের কাদামাখা জলেই স্নান, বাসনমাজা! ক্ষোভের পারদ চড়ছে আদিবাসী গ্রামে

    Gangarampur: ট্যাপকলের কাদামাখা জলেই স্নান, বাসনমাজা! ক্ষোভের পারদ চড়ছে আদিবাসী গ্রামে

    মাধ্যম নিউজ ডেস্ক: আদিবাসী গ্রামে জলের জন্য হাহাকার। এ দৃশ্য গঙ্গারামপুরের (Gangarampur) রামচণ্ডীপুরের। ফুটো পাইপ থেকে কাদাগোলা জল বেরচ্ছে। সেই জল সংগ্রহের জন্যও হুড়োহুড়ি গ্রামের মা-কাকিমাদের। সঙ্গে রয়েছে খুদেরাও। তবে এই জল পান করেন না অনেকেই। গেরস্থালির কাজে ব্যবহার করে থাকেন। পানীয় জলের ট্যাপকলের পাইপের ফুটো দিয়ে নোংরা, কাদা মিশছে। তবে বাধ্য হয়ে এই অস্বাস্থ্যকর জল পান করেই অসুস্থ হচ্ছেন কেউ কেউ। এলাকাবাসীর অভিযোগ, তীব্র সঙ্কটে দমদমা পঞ্চায়েতের রামচন্দ্রপুরের ৬০-৭০টি আদিবাসী পরিবারের দিকে নজর নেই কোনও কর্তার।

    মূল সমস্যা কী?

    দীর্ঘদিন ধরে রামচণ্ডীপুর এলাকায় (Gangarampur) চার-চারটি নলকূপ অকেজো হয়ে পড়ে রয়েছে। টাইমকল রয়েছে। তবে সেই কলের পাইপ ফুটো হয়ে গিয়েছে। ফলে ফুটো পাইপ দিয়ে নোংরা ও মাটি ঢুকে কলের জলে মিশছে। অথচ অপরিশ্রুত ওই জল দিয়েই দৈনন্দিন কাজকর্ম চালাতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। নোংরা জল পান করার ফলে অনেকে অসুস্থও হয়ে পড়ছেন। এমন অবস্থায় প্রশাসনের কাছে পানীয় জলের সঙ্কট দূর করতে সরকারি নলকূপ সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। কালদিঘি রামচন্দ্রপুরের একাংশে জলকষ্ট এমন ভয়াবহ আকার ধারণ করেছে যে, স্থানীয় বাসিন্দারা টাইমকলের পাইপের ফুটো অংশ থেকে নির্গত হওয়া কাদামাখা জলই নিরুপায় হয়ে সংগ্রহ করছেন। গ্রামবাসীদের অভিযোগ, টাইমকলে প্রতিদিন ঠিকমতো জল আসে না। যদিও বা জল পাওয়া যায়, তাও এলাকার সাধারণ মানুষের কাছে পর্যাপ্ত নয়। তীব্র গরমের মধ্যে জল নিতে হুড়োহুড়ি পড়ছে। এই কাদা জলে চলছে স্নান করা, বাসন মাজার মতো দৈনন্দিন কাজকর্ম। তাই সঙ্কট বেশ তীব্র এলাকায়।

    স্থানীয় মানুষের অভিযোগ

    স্থানীয় এক গৃহবধূর বক্তব্য, রামচন্দ্রপুর এলাকায় (Gangarampur) চারটি নলকূপ দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। প্রশাসন, গ্রাম পঞ্চায়েতে বিষয়টি জানালেও নলকূপ সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। টাইমকলের উপর নির্ভর করেই আমাদের চলতে হচ্ছে। কিন্তু সেখানেও নিয়মিত জল আসে না। চরম দুর্বিসহ অবস্থায় দিন কাটছে আমাদের। আমরা এই পানীয় জলের সমস্যা থেকে মুক্তি চাই। স্থানীয় গৃহবধূ পূর্ণিমা দেবনাথের বক্তব্য, ‘নলকূপ দীর্ঘদিন ধরে খারাপ রয়েছে। আমাদের এলাকার অধিকাংশ মানুষের নলকূপ বসানোর মতো সামর্থ্য নেই। এলাকা থেকে বহু দূরে টাইমকল অবস্থিত হওয়ায় জল আনতে খুব সমস্যায় পড়তে হচ্ছে। তাতেও ঠিকমতো জল পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে ট্যাপকলের কাদামাখা জল আমাদের সংগ্রহ করতে হচ্ছে। এই কাদামাখা জলে স্নান, বাসন মাজা সহ অন্যান্য দৈনন্দিন কাজ করছি। আশপাশে কোনও জলাশয় না থাকায় সঙ্কট আরও তীব্র হয়ে উঠেছে। এবিষয়ে গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনও কাজ হয়নি। স্থানীয় মানুষ বলেন, ভোটের সময় সকলে আসেন। তারপর আর সঙ্কটের সময় কাউকে দেখা যায় না।

    প্রশাসনের বক্তব্য

    এবিষয়ে গঙ্গারামপুরের (Gangarampur) বিডিও দাওয়া শেরপা জানান, ভূগর্ভস্থ জলস্তর নীচে নেমে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় জলের সমস্যা হচ্ছে। তবে সরকারি নলকূপ সংস্কারের জন্য লোক যাচ্ছে। আশা করছি, খুব দ্রুত ওই এলাকায় নলকূপ সংস্কার করে সমস্যার সমাধান করা হবে। প্রশাসনের আশ্বাস মিললেও কবে সমস্যার সমাধান হবে, তাই এখন দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Abhijit Gangopadhyay: চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, ‘অযোগ্য’দের বাঁচাতে আদালতে যাচ্ছে পর্ষদ!

    Abhijit Gangopadhyay: চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, ‘অযোগ্য’দের বাঁচাতে আদালতে যাচ্ছে পর্ষদ!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিকের ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। এঁরা সবাই নিযুক্ত হয়েছিলেন ২০১৪ সালের টেট পরীক্ষার মাধ্যমে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে আবেদন করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলা করা হয়েছে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।

    অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) নির্দেশকে চ্যালেঞ্জ…

    পর্ষদ যে আদালতের দ্বারস্থ হতে চলেছে, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি জানিয়েছিলেন, এই নির্দেশকে আইনিভাবে চ্যালেঞ্জ করা যায় কিনা, তা খতিয়ে দেখছেন। তার পর এদিনই করা হল মামলা। আদালত সূত্রে খবর, মঙ্গলবারই এই চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। পর্ষদের পাশাপাশি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছেন চাকরি খোয়ানো শিক্ষকরাও।

    ১২ মে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তিন মাসের মধ্যে শূন্য পদে নিয়োগের নির্দেশও দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। তিনি এও জানিয়েছিলেন, আপাতত ওই শিক্ষকরা যেসব স্কুলে পড়াচ্ছিলেন, আগামী চার মাস তাঁরা সেখানেই পড়াতে পারবেন। তবে এই সময় তাঁরা বেতন পাবেন পার্শ্বশিক্ষকের। মামলার শুনানিতে বিচারপতি এও বলেছিলেন, যাঁদের চাকরি বাতিল করা হয়েছে, তাঁদের যখন নিয়োগ করা হয়, তখন তাঁরা প্রশিক্ষিত ছিলেন না।

    আরও পড়ুুন: পঞ্চায়েত থেকে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন শুভেন্দু

    বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই রায়ের পরে পরেই পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও ত্রুটি ছিল না। নিয়ম মেনেই হয়েছিল নিয়োগ। এই ৩৬ হাজার শিক্ষক নিয়োগের সময় অপ্রশিক্ষিত হলেও, এখন আর নন। এনসিটিই-র নিয়ম মেনে তাঁদের জন্য দু বছরের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল পর্ষদই।

    ২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। ওই বছর নিয়োগ করা হয়েছিল ৪২ হাজার ৫০০ শিক্ষককে। এঁদের মধ্যে ৩৬ হাজার শিক্ষকের নিয়োগ নিয়ম মেনে হয়নি বলেই অভিযোগ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) নির্দেশেই এই মামলার তদন্ত শুরু করে সিবিআই। এখনও চলছে তদন্ত। তার মধ্যেই ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • HS Result 2023: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ আগামী সপ্তাহে! দিন ঘোষণা করল সংসদ

    HS Result 2023: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ আগামী সপ্তাহে! দিন ঘোষণা করল সংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হবে আগামী সপ্তাহে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে আগেই ইঙ্গিত মিলেছিল। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে জানান আগামী ২৪ মে, বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত (HS Result Date) হবে। সাংবাদিক বৈঠকের মাধ্যমে ওই দিন বেলা ১২টায় উচ্চ মাধ্যমিকের ফল (HS Result 2023) ঘোষণা করবে সংসদ। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে ১৯ মে। তার পাঁচ দিন পরেই প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের ফলও।

    কীভাবে জানা যাবে ফল?

    সোমবার সংসদের তরফে জানানো হয়, আগামী ২৪ মে বেলা বারোটা নাগাদ সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। ৩১ মে স্কুল থেকে মার্কশিট পাবে তারা। সংসদ আগেই জানিয়েছিল, এবার উচ্চমাধ্যমিক (HS Result 2023) পরীক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় অনেকটাই কম। যার ফলে অন্যবারের তুলনায় এবার খাতা দেখতেও কম সময় লাগছে। এবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজে ভর্তি হবে বলে উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে। ফলে যত তাড়াতাড়ি ফল প্রকাশ হবে ততই সুবিধা পাবে পড়ুয়ারা। গত শুক্রবার ১২ মে সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা করা হয়েছে। তার পর ১৪ মে, রবিবার বিকেলে প্রকাশিত হয়েছে আইসিএসই-র দশম এবং আইএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলও।

    আরও পড়ুন: আইসিএসইতে দেশে প্রথম স্থানাধিকারী ৯ জনের মধ্যে বাংলার সম্বিত মুখোপাধ্যায়

    অনলাইনে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল (WB HS Results 2022) দেখার সময় এখনও কিছু জানানো হয়নি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। (WBCHSE Board 12th Result 2022)। প্রতিবছরই সংসদের ওয়েবসাইটের পাশাপাশি SMS পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে ফল জানা যায়। উচ্চমাধ্যমিকের ফল জানতে চোখ রাখুন wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইটে। প্রসঙ্গত, চলতি বছরে গত ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে আট লক্ষ। এবছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল অনেকটাই বেশি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India-Pakistan: ব্রিজ খেলোয়াড়দের সাদরে বরণ পাকিস্তানের! সাফ চ্যাম্পিয়নশিপে ভারতে আসছে পাক ফুটবল দল

    India-Pakistan: ব্রিজ খেলোয়াড়দের সাদরে বরণ পাকিস্তানের! সাফ চ্যাম্পিয়নশিপে ভারতে আসছে পাক ফুটবল দল

    মাধ্যম নিউজ ডেস্ক: ইমরান খানের গ্রেফতারি, রাজনৈতিক টালমাটাল, বেহাল অর্থনীতি-র মধ্যেও ভারতের ব্রিজ খেলোয়াড়দের সাদরে বরণ করল পাকিস্তান (India-Pakistan)। একই সঙ্গে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে ভারতে খেলতে আসছে পাকিস্তান ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে বেঙ্গালুরুতে। সেখানেই অংশ নেবে পাকিস্তান সিনিয়র ফুটবল দল। এ কথা নিশ্চিত করা হয়েছে টুর্নামেন্টের আয়োজকদের তরফে।

    সাফ চ্যাম্পিয়নশিপে পাক দল

    ভারত এবং পাকিস্তান (India-Pakistan) এই দুই দেশের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। যার নেতিবাচক প্রভাব এসে পড়েছে ক্রীড়াক্ষেত্রেও। দীর্ঘদিন ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না দুই দেশ। এমন আবহে দুই দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য কিছুটা হলেও সুখবর এল ফুটবল মাঠ থেকে। জোর কদমে প্রস্তুতি চলছে সাফ চ্যাম্পিয়নশিপের। জুন-জুলাই মাসেই সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে কর্নাটকে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের তরফে নিশ্চিত করা হয়েছে তারা এই টুর্নামেন্ট খেলতে ভারতে আসবে। ভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফের তরফেও আশা করা হচ্ছে প্রতিবেশী দেশের সিনিয়র ফুটবল দল ভারতে খেলতে আসলে ভিসা সংক্রান্ত কোনও সমস্যা হবে না।

    আরও পড়ুন: আমফানের চেয়েও শক্তিশালী! সুপার সাইক্লোন মোকার প্রভাবে তছনছ মায়ানমার, বাংলাদেশ

    এআইএফএফের সেক্রেটারি সাজি প্রভাকরন জানিয়েছেন, ‘পাকিস্তান থেকে ভারতে ফুটবলাররা খেলতে আসলে আমি মনে করি কোনও ধরনের কোন সমস্যা হবে না। আমি যতদূর জানি ভারতীয় ব্রিজ দল সম্প্রতি পাকিস্তানে খেলতে গিয়েছিল। সেখানে তাদের কোন সমস্যা হয়নি। তাদেরকে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয়েছে। সেই কারণেও আমরা আশা করছি এখানে পাক দল খেলতে এলে কোনও সমস্যাই হবে না।’

    ব্রিজ দলকে রাজকীয় খাতির

    প্রসঙ্গত, গোটা দেশ উত্তপ্ত হয়ে থাকলেও লাহোরে থাকা ভারতীয় ব্রিজ দলকে রাজকীয় খাতির করা হয়েছে। একটি প্রতিযোগিতায় খেলতে ৩২ সদস্যের ভারতীয় দল গিয়েছিল লাহোরে। তার মধ্যে ছিলেন এইচসিএলের প্রতিষ্ঠাতা শিব নাডারের স্ত্রী কিরণ নাডার। এ ছাড়া অভিজ্ঞ খেলোয়াড় রাজেশ্বর তিওয়ারিও। ইমরান গ্রেফতার হওয়ার পর দেশজুড়ে হিংসা দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ভারতীয় খেলোয়াড়রা। কিন্তু লাহোরে তাঁরা কোনও অসুবিধায় পড়েননি বলে জানিয়েছে ভারতের ব্রিজ খেলোয়াররা। ৪ মে লাহোরে গিয়েছিলেন তাঁরা। সেখানে নির্ভয়েই লাহোর ফোর্ট ঘুরে দেখেছেন ভারতের ক্রীড়াবিদরা। বিখ্যাত খাবার জায়গা এবং রেস্তোরাঁর স্বাদ চেখে দেখেছেন। মহারাজ রণজিৎ সিংয়ের সমাধিতে গিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ATM: এটিএম প্রতারণাকাণ্ডে মূল অভিযুক্তসহ গ্রেফতার পাঁচজন, উদ্ধার কোটি টাকা

    ATM: এটিএম প্রতারণাকাণ্ডে মূল অভিযুক্তসহ গ্রেফতার পাঁচজন, উদ্ধার কোটি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিনব কায়দায় এটিএমে (ATM) প্রতারণা করে ১ কোটি ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বেসরকারি সংস্থার কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানা এলাকায়। তদন্তে নেমে আগেই পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছিল। এবার এই কাণ্ডের মূল অভিযুক্ত দীপঙ্কর মোদককে পুলিশ গ্রেফতার করেছে। একইসঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিবশঙ্কর ঠাকুর নামে এক আইনজীবীকে সোনারপুর থেকে পুলিশ গ্রেফতার করেছে।

    ঠিক কীভাবে এটিএম (ATM) থেকে টাকা হাতিয়েছিল অভিযুক্তরা?

    একদিনে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার শ্রীরামপুর, রিষড়া, উত্তরপাড়াসহ একাধিক জায়গায় ২২টি এটিএমে কয়েক কোটি টাকা ভরার কথা ছিল। একটি সংস্থাকে এই কাজের বরাত দেওয়া হয়েছিল। এই সংস্থার কর্মী হিসেবে দীপঙ্কর মোদক, সঞ্জীব পাত্ররা এটিএমে (ATM) টাকা ভরার কাজ করছিল। নিয়ম মেনে তারা ১১টি এটিএমে টাকা ভরেছিল। বাকি ১১টি এটিএমে তারা আর টাকা ভরেনি বলে অভিযোগ। এমনকী এটিএমে টাকা ভরার জন্য যে টাকা বরাদ্দ ছিল সবটাই তারা হাতিয়ে নেয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকার পরিমাণ প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ হিসেব মেলাতে গিয়ে বিপুল পরিমাণ টাকার তারা হদিশ পাচ্ছিল না। ২ মে ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসে। দীপঙ্করের মাধ্যমেই এটিএমগুলিতে টাকা ভরার কথা ছিল। ফলে, ব্যাঙ্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে দীপঙ্করের বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়। জানা যায়, ৩ মে থেকে দীপঙ্কর রহস্যজনকভাবে নিখোঁজ। পরিবারের লোকজনও তাঁর খোঁজ দিতে পারেনি। পরিবারের পক্ষ থেকেও থানায় মিসিং ডায়েরি করা হয়। তবে, ব্যাঙ্ক কর্তৃপক্ষের দীপঙ্করের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় সন্দেহ হয়। দীপঙ্করসহ কয়েকজনের নামে ৫ মে থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সন্তু দত্ত, সঞ্জিত সরকার এবং সঞ্জিত পাত্র। এদের মধ্যে সঞ্জিত পাত্র এটিএম (ATM) এ টাকা ভরার সংস্থায় কাজ করত। বাকিরা তার বন্ধু। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত দীপঙ্করকে পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনায় এক আইনজীবী জড়িত থাকার তথ্য পুলিশের হাতে আসে। ওই আইনজীবীর সঙ্গে ধৃতরা পরিকল্পনা করেই এই প্রতারণা করেছে।

    কী বললেন চন্দননগরের পুলিশ কমিশনারেটের এক কর্তা?

    চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি (শ্রীরামপুর) অরবিন্দ আনন্দ বলেন, এটিএমে (ATM) টাকা ভরার পরিবর্তে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করার ঘটনায় প্রথমে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের কাছে থেকে ৬০ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছিল। মূল অভিযুক্ত গ্রেফতার হওয়ার পর সবমিলিয়ে ১ কোটি ১২ লক্ষ ৩৪ হাজার ৮০০ টাকা উদ্ধার হয়েছে। ধৃত আইনজীবীর বাড়ি থেকে ২৫ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে। বাকী টাকার খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনায় আর কে জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISI Agent: আইএসআই-কে সিম কার্ড, ওটিপি পাচার! চরবৃত্তির অভিযোগে ওড়িশায় গ্রেফতার ৩

    ISI Agent: আইএসআই-কে সিম কার্ড, ওটিপি পাচার! চরবৃত্তির অভিযোগে ওড়িশায় গ্রেফতার ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের মাটিতে বসে আইএসআই-এর (ISI Agent) জন্য চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হল তিনজনকে। ধৃতদের প্রত্যেকের বাড়ি ওড়িশায় বলে জানা গেছে। ধৃতরা হল, পাঠানি সামন্ত লেংকা, সরোজ কুমার নায়েক, এবং সৌম্য পট্টনায়ক। জানা গেছে, সাধারণ মানুষের নাম এবং পরিচয়পত্র সংগ্রহ করে তা দিয়ে অজস্র সিম কার্ড কিনত এই তিনজন। পরে এই সিমকার্ডের সাহায্যে ওটিপি জেনারেট করে তা পাঠিয়ে দিত আইএসআই-এর (ISI Agent) কাছে। বিনিময়ে মিলতো মোটা টাকা। রবিবারই বিশেষ অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এদের গ্রেফতার করে ওড়িশা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ওই সিম কার্ড এবং পরিচয় পত্র দিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলতো। এবং এভাবেই চালানো হতো ভারত বিরোধী কার্যকলাপ এবং সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ।

    কী বলল এসটিএফ?

    ওড়িশা পুলিশের এসটিএফ ইতিমধ্যে বিবৃতি দিয়ে জানিয়েছে যে, ধৃতরা অবৈধভাবে নাগরিকদের তথ্য ব্যবহার করে সিমকার্ড সংগ্রহ করতো এবং তা বিক্রি করতো পাকিস্তান এবং ভারতে থাকা আইএসআই (ISI Agent) এজেন্টদের কাছে। প্রসঙ্গত, গত বছরও এই একই অভিযোগে রাজস্থান থেকে গ্রেফতার করা হয়েছিল একজন মহিলাকে। পুলিশের তরফে জানানো হয়েছে রাজস্থানের ওই মহিলার সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখত ধৃত এই তিনজন।

    পুলিশ আরও জানিয়েছে, অন্যের নামে সংগ্রহ করা এই পরিচয়পত্র এবং সিমকার্ডগুলি থেকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক এবং ইমেইল-এ অ্যাকাউন্ট খোলা হতো। আইডিগুলি পাকিস্তানে বসে অপারেট করতো সেদেশের গুপ্তচররা (ISI Agent)। যেহেতু এগুলি ভারতীয়দের নামে তৈরি তাই স্বাভাবিকভাবে এ দেশের নাগরিকরা মনে করতো সেটা কোনও ভারতীয় চালাচ্ছে। এভাবে তারা, সন্ত্রাসের কাজে অর্থ সংগ্রহ থেকে, উগ্র মৌলবাদের প্রচার তথা সাম্প্রদায়িক বিষ ছড়াতো। শুধু তাই নয়, অনলাইন বিভিন্ন শপিং সাইটেও এই নথি দিয়ে অ্যাকাউন্ট খোলা হত এবং সন্ত্রাসবাদীদের বিভিন্ন জিনিসপত্র কিনে দেওয়া হতো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: জামুরিয়ায় বিজেপি বুথ এজেন্টের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, অভিযুক্ত তৃণমূল

    BJP: জামুরিয়ায় বিজেপি বুথ এজেন্টের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: জামুরিয়ার বিজয়নগর জঙ্গলের কাছে ছাইগাদায় এলাকার বিজেপি (BJP) বুথ এজেন্টের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশোক চক্রবর্তী। তাঁর বয়স ৩০ বছর। বাড়ি হিজলগড়া গ্রামের সূত্রধরপাড়া। দেহ উদ্ধার করে কেন্দা ফাঁড়ির পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গত এপ্রিল মাসেই জামুরিয়ার রাস্তার ওপরেই বিজেপি (BJP) ওয়ার্ড কনভেনার রাজেন্দ্র সাউয়ের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছিল। এক মাসের মধ্যেই রবিবার সেই জামুরিয়া এলাকায় বুথ এজেন্ট খুন হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    কী বললেন পরিবারের লোকজন?

    শনিবার সন্ধ্যায় অশোকবাবু বাড়ি থেকে বের হন। রাত ১১ টা পর্যন্ত এলাকার লোকজন তাঁকে শেষবার দেখতে পেয়েছিলেন। তারপর থেকে তাঁর আর হদিশ ছিল না। তিনি গত লোকসভা উপ নির্বাচনে বিজেপির (BJP) বুথ এজেন্ট ছিলেন। অশোকের দাদা ধনঞ্জয় চক্রবর্তী বলেন, ছাইগাদা এলাকায় মৃতদেহ পড়ে রয়েছে শুনে আমি সেখানে যাই। গিয়ে দেখি, ভাইয়ের ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে। আমাদের আশঙ্কা, ভাইকে খুন করা হয়েছে। তবে, অশোককে কে এই এলাকায় নিয়ে এসে খুন করল তার সিবিআই তদন্তের দাবি করেছেন পরিবারের লোকজন।

    কী বললেন বিজেপি (BJP) নেতৃত্ব?

    বিজেপি-র জেলা সভাপতি দিলীপ দে সহ একাধিক নেতা অশোকবাবুর বাড়ি যান। পরিবারের পাশে থাকার বার্তা দেন। পরিবারের লোকজনও বিজেপি (BJP) নেতৃত্বের কাছে সিবিআই তদন্তের দাবি করেন। দিলীপবাবু বলেন, অশোক আমাদের দলের সক্রিয় কর্মী। নির্বাচনে তিনি বুথ এজেন্ট ছিলেন। তাঁকে খুন করা হয়েছে। রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। আমরা খুনের ঘটনার প্রকৃত তদন্ত দাবি করছি। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সন্ত্রাস করতেই এই কাজ করেছে।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, তৃণমূল কোনওভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নয়। আমরা ঘটনার প্রকৃত তদন্ত করছি। পুলিশ প্রশাসন বিষয়টি দেখছে। প্রয়োজনে আমি নিজে ওই যুবকের বাড়ি যাব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • INS Mormugao: অভিষেকেই সফল আইএনএস মর্মুগাও! তার নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ ব্রহ্মোস-এর

    INS Mormugao: অভিষেকেই সফল আইএনএস মর্মুগাও! তার নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ ব্রহ্মোস-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম পরীক্ষাতেই সফল ভারতের নতুন যুদ্ধজাহাজ আইএনএস মর্মুগাও (INS Mormugao)। শত্রুদেশের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী এই রণতরীর রবিবার ছিল প্রথম পরীক্ষা। শব্দের চেয়ে তিন গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যে পৌঁছনোর চ্যালেঞ্জ নিয়ে নেমেছিল মর্মুগাও। আর অভিষেকেই সেঞ্চুরি। তার নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করেছে ব্রহ্মোস। ব্রহ্মোস (Brahmos) ২৯০ কিমি থেকে ৪৫০ কিমি পর্যন্ত দূরত্বে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে।

    আত্মনির্ভরতার উদাহরণ

    ছ’মাস আগেই ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হয়েছিল আইএনএস মর্মুগাও। সেই নয়া রণতরী থেকেই সফল উৎক্ষেপণ করা হল ব্রহ্মোস মিসাইলের। ২০২২ সালের ১৮ ডিসেম্বর ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হয়েছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধজাহাজ। ব্রহ্মোসের সফল উৎক্ষেপণের পর আইএনএস মর্মুগাও নিয়ে আত্মবিশ্বাসী নৌসেনা আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, “জাহাজ এবং যুদ্ধাস্ত্র দু’টিই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। মাঝসমুদ্রের এই সফল উৎক্ষেপণ আত্মনির্ভরতার প্রকৃত উদাহরণ।”

    ভারতীয় নৌবাহিনীর ‘প্রজেক্ট ১৫বি’-র আওতায় মূলত দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি দ্বিতীয় রণতরী এটি। যা বানাতে খরচ হয়েছিল ৩৫ হাজার ৮০০ কোটি টাকা। এটি মজগাওঁ ডকে তৈরি করা হয়েছিল। নৌসেনার ‘ওয়ারশিপ ডিজাইন ব্যুরো’ এই রণতরীর নকশা তৈরি করেছিল। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এই রণতরীর উদ্বোধন করেছিলেন। সেই সময় নৌবাহিনী জানিয়েছিল, পারমাণবিক হামলা বা জৈব হামলা চালালেও এই রণতরীর কিছু হবে না। এ ছাড়াও এই যুদ্ধজাহাজে ছিল ৭০ কিমি মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা, টর্পেডো, রকেট লঞ্চার ও নানা ধরনের বন্দুক।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Cyclone Mocha: আমফানের চেয়েও শক্তিশালী! সুপার সাইক্লোন মোকার প্রভাবে তছনছ মায়ানমার, বাংলাদেশ

    Cyclone Mocha: আমফানের চেয়েও শক্তিশালী! সুপার সাইক্লোন মোকার প্রভাবে তছনছ মায়ানমার, বাংলাদেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘণ্টায় ২১০ কিলোমিটার বেগের সুপার সাইক্লোন মোকার প্রভাবে তছনছ মায়ানমারের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন তিনজন। ঘরছাড়া হাজার হাজার মানুষ। লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বাংলাদেশের কক্সবাজার। প্রবল বৃষ্টির তোড়ে আপাতত জলের তলায় তলিয়ে গেছে বাংলাদেশের অন্যতম পর্যটনস্থল সেন্টমার্টিন দ্বীপ, বহু মানুষ ক্ষতিগ্রস্ত।

    আমফানের চেয়েও শক্তিশালী

    ১৪ মে, রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ অতি তীব্র ঘূর্ণিঝড় হিসাবে মোকা যখন বাংলাদেশের কক্সবাজারকে বাঁ দিকে রেখে মায়ানমারের সিতওয়ে উপকূলে আঘাত হানে, তখন ঝড়ের গতি ঘণ্টায় প্রায় ১৯০ কিলোমিটার। ঝড়ের সর্বোচ্চ গতি কখনও ঘণ্টায় ২১০ কিলোমিটার পর্যন্ত উঠেছে।  মৌসম ভবনের একটি রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগর ধরে মায়ানমার উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সময়ে মোকা ২৪ ঘণ্টার ব্যবধানে গতিবেগ বাড়িয়েছে ঘণ্টায় ৯০ কিলোমিটারেরও বেশি। ২০২০-র ২০ মে, বকখালিতে যখন আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন আমফান, তখন তার গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার। শক্তিতে মোকা আমফানকেও টেক্কা দিল।

    মোকার ভয়াবহতা

    মোকার (Cyclone Mocha) ভয়াবহতার সাক্ষী রইল মায়ানমার। রবিবার দুপুরে সে দেশের রাখিনিতে আছড়ে পড়ে মোকা।  বহু বাড়ি-ঘর, স্কুল বাড়ি ভেঙে পড়েছে বলে খবর। সাধারণ মানুষকে নিরাপদে রাখার জন্য আগেই ব্যবস্থা করেছিল প্রশাসন। তা সত্ত্বেও মৃত্যু হয়েছে তিনজনের। বেশ কয়েকজন আহত। মায়ানমার সেনার তরফে জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড়ের ফলে বহু ট্রান্সফর্মার উড়ে গিয়েছে। ভেঙে পড়েছে একাধিক এলাকার মোবাইল টাওয়ার, ল্যাম্পপোস্ট। সরকারি ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট না হলেও বিপুল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

    আরও পড়ুন: আইসিএসইতে দেশে প্রথম স্থানাধিকারী ৯ জনের মধ্যে বাংলার সম্বিত মুখোপাধ্যায়

    মোকার তাণ্ডবে বাংলাদেশে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। ঝড়ের দাপটে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। সমুদ্রের জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে গিয়েছে কয়েকটি গ্রাম। বিভিন্ন ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। বাংলাদেশের আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দুপুর আড়াইটের সময় সেন্ট মার্টিন দ্বীপে ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১৪৭ কিমি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: পঞ্চায়েত থেকে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন শুভেন্দু

    Suvendu Adhikari: পঞ্চায়েত থেকে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত থেকে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার বিকেলে পটাশপুরের সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, বাংলায় পরিবর্তন হবে তো? কর্মী-সমর্থকরা সকলেই তাঁর সঙ্গে সহমত পোষণ করেন। এরপরই বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেন, পঞ্চায়েত থেকেই পরিবর্তন শুরু করতে হবে। জোরদার লড়াই করতে হবে। আমরা এই রাজ্যে নরেন্দ্র মোদির আশীর্বাদধন্য রাষ্ট্রবাদী সরকার গঠন করব।

    মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, কর্ণাটক নির্বাচনের ফল দেখে স্লোগান ধার করে মমতা বলছেন, নো ভোট টু বিজেপি। আমরা আগেই বলেছি, আবারও বলছি নো ভোট টু মমতা। তৃণমূল মানেই চোর। এরপর তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে স্লোগান দিয়ে বলেন, চোর ধরো জেলে ভরো।

    রাজ্য পুলিশকে কী বললেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)?

    কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই এদিন পটাশপুরের সভা হয়। সেই সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। এদিন পটাশপুরের সভা থেকে বিরোধী দলনেতা বলেন, মমতা পুলিশ তৃণমূলকে বাঁচাতে পারবে না। পশ্চিমবঙ্গে পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। আমি অনেক মাতব্বরকে সাইজ করেছি। এখানকার চুনোপুঁটিদের কী ওষুধ দিতে হবে তা আমার জানা আছে। পটাশপুরের একটা ওসি আছে কি নাম তার যেন রাজু কুণ্ডু না হুন্ডু, এর তো বাচ্চা বয়স এখনও কাটেনি। একেও আমি টাইট করে দিয়েছি। এর পুলিশ বাবা অমরনাথও ওঁকে বাচাঁতে পারবে না। আবারও আমি পটাশপুরের সিংদাতে সভা করবো। আপনারা ভয় পাবেন না। আমি রাস্তায় আছি। মিথ্যে মামলা দিয়ে, ভয় দেখিয়ে কোনও লাভ হবে না। আমি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। আপনারা প্রস্তুত থাকুন পঞ্চায়েতও আমরা জিতব। পূর্ব ঘোষণা মতো পটাশপুরে বিশাল পদযাত্রা করেন শুভেন্দু (Suvendu Adhikari)। সেই পদযাত্রায় প্রায় হাজার দশেক বিজেপি কর্মী-সমর্থকেরা পা মেলান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share