Blog

  • Supreme Court: আইনজীবী সঞ্জয় বসুকে রক্ষাকবচ! হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইডি

    Supreme Court: আইনজীবী সঞ্জয় বসুকে রক্ষাকবচ! হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: আইনজীবী সঞ্জয় বসুকে রক্ষাকবচ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ ইডি। চিটফান্ড মামলায় কলকাতার আইনজীবী সঞ্জয় বসুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। পরে তাঁকে ইডি দফতরে তলবও করা হয়। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন সঞ্জয় বসু। তাঁর আবেদন মেনে তাঁকে রক্ষাকবচ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কেন তাঁকে রক্ষাকবচ দেওয়া হল, এবার তা নিয়ে প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির আবেদন শীর্ষ আদালত (Supreme Court) গ্রহণ করেছে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে আদালত সূত্রের খবর।

    কেন শীর্ষ আদালতের দ্বারস্থ ইডি? 

    পিনকন নামে ভুয়ো অর্থলগ্নি সংস্থার মামলাতেই নাম জড়িয়েছিল আইনজীবী সঞ্জয় বসুর। তাঁর বাড়ি, অফিসে ইডি তল্লাশি চালায় কিছুদিন আগে। দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। সঞ্জয় বসু আদালতে জানান, তাঁকে রীতিমতো হয়রান হতে হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সঞ্জয় বসুর বাড়িতে তল্লাশি নিয়ে সরব হয়েছিলেন। সঞ্জয়কে ইডি নোটিস পাঠানোর পরে ক্ষোভপ্রকাশ করে মমতা বলেছিলেন ‘‘ও আমার আইনজীবী। তাই ওকে হেনস্থা করছে।’’ এরপর গত বুধবার গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে আগেভাগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সঞ্জয়। সেই মামলায় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সঞ্জয়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। তাঁকে নোটিস দিতে পারবে না ইডি। তাঁর অফিস বা বাড়িতে তল্লাশি চালাতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি, কোনও কিছু বাজেয়াপ্তও করতে পারবে না তারা।

    আরও পড়ুন: বাড়ল কেষ্টর সিবিআই হেফাজতের মেয়াদও! গরু পাচারকাণ্ডে বোলপুরের রাজমিস্ত্রিকে তলব ইডির

    ইডি সূত্রের দাবি, ১ মার্চ প্রায় ২২ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর সঞ্জয়ের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছিল। তার পরই তাঁকে ইডির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়। হাজিরা এড়াতেই নয়া কৌশল নেন সঞ্জয়। তাই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mohan Bhagwat: যত মত তত পথ! ‘‘উপাসনার অনেক পদ্ধতি, লক্ষ্য একটাই’’, বললেন মোহন ভাগবত

    Mohan Bhagwat: যত মত তত পথ! ‘‘উপাসনার অনেক পদ্ধতি, লক্ষ্য একটাই’’, বললেন মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ‘যত মত তত পথ’-এর কথা উঠে এল সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) কথায়। শুক্রবার দিল্লিতে একটি অনুষ্ঠানে সরসঙ্ঘচালক (Mohan Bhagwat) বলেন, উপাসনার পদ্ধতি অনেক থাকতে পারে, লক্ষ্য কিন্তু এক। ভারতবর্ষের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতেই সঙ্ঘ প্রধানের এমন মন্তব্য বলে মনে করছে বিভিন্ন মহল। প্রসঙ্গত, এর আগে সঙ্ঘ প্রধান বলেছিলেন ভারতীয় মুসলিম এবং হিন্দুদের ডিএনএ এক।

    আরও পড়ুন: মোদি জমানায় ভারতীয়দের মাথা পিছু আয় বেড়ে দ্বিগুণ হয়েছে, বলছে রিপোর্ট

    কী বললেন সঙ্ঘ প্রধান (Mohan Bhagwat)

    সামবেদের প্রথম উর্দু অনুবাদ করেছেন ইকবাল দুরানি। সেই উপলক্ষে দিল্লিতে একটি অনুষ্ঠান ছিল। সেখানেই প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন সঙ্ঘ প্রধান। এদিনের অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান বলেন, আমাদের বুঝতে হবে যে, প্রতিটি ধর্মের আলাদা আলাদা উপাসনা পদ্ধতি রয়েছে। কিন্তু প্রত্যেক পদ্ধতির সর্বোচ্চ লক্ষ্য একটাই। কেউ ভূমির পুজো করেন, কেউ জলের পুজো করেন, কেউ বা আগুনের পুজো করেন। কিন্তু সবার উদ্দেশ্য একই। তাঁর আরও সংযোজন, উপাসনা পদ্ধতির বিভিন্নতা কখনও বিরোধের কারণ হতেই পারেনা। ঠিক এই কারনে যে পৃথিবীব্যাপী সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে সেটাও এদিন মনে করিয়ে দেন সঙ্ঘ প্রধান। তাঁর মতে, সবার উদ্দেশ্য যখন এক তখন কেন ধর্মীয় হিংসা ঘটবে?

    আরও পড়ুন: আজ পাপমোচিনী একাদশী, জানেন এর তাৎপর্য? এক নজরে পুজো-বিধি

    শাহাজাহানের পুত্র দারা শিকো উপনিষদের উর্দু অনুবাদ শুরু করেছিলেন

    এদিনের অনুষ্ঠানে দুরানি বলেন, শাহাজাহানের পুত্র দারা শিকো প্রথম উর্দু ভাষায় উপনিষদ অনুবাদের কাজ শুরু করেছিলেন কিন্তু তাঁকে হত্যা করেন ঔরঙ্গজেব। তিনি আরও বলেন, ৪০০ বছর পরে আবার আমরা হিন্দু শাস্ত্রগুলোকে উর্দুতে অনুবাদের কাজ শুরু করেছি।

     

    আরও পড়ুন: দলের বিরুদ্ধে ক্ষোভ! কালীঘাটের বৈঠকে গরহাজির তৃণমূল বিধায়ক, মুষল পর্ব বলে কটাক্ষ বিজেপির

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

     

     

  • Anubrata Mondal: বাড়ল কেষ্টর সিবিআই হেফাজতের মেয়াদও! গরু পাচারকাণ্ডে বোলপুরের রাজমিস্ত্রিকে তলব ইডির

    Anubrata Mondal: বাড়ল কেষ্টর সিবিআই হেফাজতের মেয়াদও! গরু পাচারকাণ্ডে বোলপুরের রাজমিস্ত্রিকে তলব ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার মামলায় এবার বোলপুরের এক রাজমিস্ত্রিকে তলব করল ইডি। শুক্রবারই চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন তপন বিশ্বাস নামে ওই রাজমিস্ত্রি। আগামী ২৮ মার্চ তপনকে ইডির দিল্লির সদর দফতরে তলব করা হয়েছে। ইতিমধ্যেই দিল্লিতে ইডির হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।

    কে এই রাজমিস্ত্রি

    বোলপুরের কালিকাপুর এলাকার বাসিন্দা ওই রাজমিস্ত্রি প্রায় ৪ বছর আগে লটারির টিকিট কেটে প্রথম পুরস্কার পেয়েছিলেন। পরে তপন সেই টিকিট অনুব্রত মণ্ডলের পরিচারক বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনকে বিক্রি করেছিলেন। অনুব্রত (Anubrata Mondal) নগদে টিকিট বিক্রির টাকা মেটান বলে দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ওই বিষয়ে জানতেই পেশায় রাজমিস্ত্রি তপনকে তলব করেছে ইডি। এ বিষয়ে তপন জানান, তিনি ইডির চিঠি পেয়েছেন। তবে কেন চিঠি এল, তা নিয়ে তাঁর স্পষ্ট ধারণা নেই। তাঁর কথায়, ‘‘কেন ইডির চিঠি এসেছে জানি না। আমি সরাসরি লটারির টিকিট অনুব্রতকে বিক্রিও করিনি। আমি মুন নামে এক জনকে টিকিট বিক্রি করে দিয়েছিলাম। ২৬ লক্ষ টাকা পেয়েছিলাম।’’ তিনি এ-ও জানান, চিকিৎসার জন্য ওই টাকা খরচ করেছেন।

    আরও পড়ুন: ‘‘বর ছাড়া বিয়ে হয় নাকি?’’ মমতা-অখিলেশ ‘জোট’ বৈঠককে কটাক্ষ সুকান্ত-শুভেন্দুর

    ১৪ দিন সিবিআই হেফাজতে অনুব্রত

    এর আগেও অনুব্রতের (Anubrata Mondal) লটারিপ্রাপ্তি নিয়ে প্রশ্ন উঠেছিল। গরু পাচার মামলায় তৃণমূল নেতা এখন দিল্লিতে ইডি হেফাজতে রয়েছেন। ইতিমধ্যে তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করেছে ইডি। ডেকে পাঠানো হয়েছে অনুব্রত কন্যা সুকন্যা-সহ ১২ জনকে। এঁদের কয়েক জনকে কেষ্টর সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। অন্যদিকে অনুব্রতের (Anubrata Mondal) সিবিআই হেফাজতের মেয়াদও বাড়ল আরও ১৪ দিন। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী কেষ্টর হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বৃদ্ধি করেছেন। অনুব্রত দিল্লিতে থাকায় এদিন তাঁকে আদালতে পেশ করা যায়নি। হয়নি ভার্চুয়াল শুনানিও। সেজন্য অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়েছেন বিচারক। আগামী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ৩১ মার্চ। ওইদিন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনের  মামলারও শুনানি হবে। এদিন সাইগল হোসেনের সিবিআই হেফাজতের মেয়াদও ১৪ দিন বাড়িয়েছেন বিচারক।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • 2024 Loksabha Elections: ‘‘বর ছাড়া বিয়ে হয় নাকি?’’ মমতা-অখিলেশ ‘জোট’ বৈঠককে কটাক্ষ সুকান্ত-শুভেন্দুর

    2024 Loksabha Elections: ‘‘বর ছাড়া বিয়ে হয় নাকি?’’ মমতা-অখিলেশ ‘জোট’ বৈঠককে কটাক্ষ সুকান্ত-শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে (2024 Loksabha Elections) অ-বিজপি, অ-কংগ্রেসী জোটে বিজেপির বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নির্দিষ্ট কোনও নাম নিয়ে অনিশ্চয়তা বরাবরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুখ খুঁজতেই হয়রান বিরোধীরা। শুক্রবার কালীঘাটে অখিলেশ-মমতা বৈঠকেও সেই ছবি স্পষ্ট। এদিনের বৈঠককে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, “বর ছাড়া বিয়ে হয় নাকি ?”

    সুকান্তর সমালোচনা

    আগামী বছর লোকসভা নির্বাচনের (2024 Loksabha Elections) কথা মাথায় রেখেই এদিন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। অ-বিজেপি, অ-কংগ্রেসী জোটের ক্ষেত্রে প্রধানমন্ত্রী পদপ্রার্থী বেছে নেওয়ার বিষয়টি সর্বদলীয় মতের উপরেই নির্ভর করছে বলে আগেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা বিমানবন্দরে নেমে অখিলেশও জানান বিষয়টি “আমরা সবাই মিলে বসে ঠিক করব।” তা নিয়েই সুকান্ত মজুমদারের কটাক্ষ, “বর ছাড়া বিয়ে হয় নাকি? যেরকম বিয়েতে বর দরকার, সেরকম প্রধানমন্ত্রী পদপ্রার্থীও দরকার। একদিকে নরেন্দ্র মোদির মতো প্রধানমন্ত্রী আর অপরদিকে যদি মুখই না থাকে, তাহলে মুখ ছাড়া ভূত হয়ে ঘুরে বেড়াবে।”

    আরও পড়ুন: পাকিস্তানে লাগাতার চলছে হিন্দু মেয়েদের ওপর নির্যাতন ও ধর্মান্তকরণ

    শুভেন্দুর কটাক্ষ

    মমতা-অখিলেশ বৈঠকের সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁর কথায়, গতবারের লোকসভা নির্বাচনে (2024 Loksabha Elections) ‘ইউনাইটেড ইন্ডিয়া’ নাম দিয়ে বিরোধী ঐক্য হলেও তিনশোর গণ্ডি পেরিয়ে যায় বিজেপি। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য চারশোর গণ্ডি পার হওয়া, সেখানে কোনও প্রভাব ফেলতে পারবে না বিরোধী জোট। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবকেও কটাক্ষ করতে ছাড়েননি নন্দীগ্রামের বিধায়ক। তাঁর কথায় “আগে উনি নিজের ঘর গুছিয়ে রাখুন”। তিনি বলেন, “সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের আঞ্চলিক দল। ভোটের আগে ওই দল ওখানকার মানুষের উত্তর পেয়ে গিয়েছে। সমাজবাদী পার্টির যারা জোট সঙ্গী ছিল তারাও সরে গিয়েছে। অখিলেশ যাদব তার পরিবারের লোকেদের এক ছাতার তলায় আনতে পারেননি। অথচ তিনি এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন।” শুভেন্দুর দাবি, “যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত ধরেছেন তাঁদের কী হয়েছে সবাই জানে। ওনারা একসঙ্গে চা খাবেন। সিবিআইI ও ইডিকে কিভাবে সামাল দেবেন সেই সব আলোচনা করবেন। কাজের কাজ কিছু হবে না।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • INDIA v AUSTRALIA:  ফর্মে ফিরলেন রাহুল! একদিনের সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ভারতের

    INDIA v AUSTRALIA: ফর্মে ফিরলেন রাহুল! একদিনের সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরুতেই ব্যাটিং বিপর্যয়। ৮৩ রানে পড়ে গিয়েছিল ৫ উইকেট। ফিরে গিয়েছেন ঈশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া। ওয়াংখেড়ে তখন চুপচাপ। অনেকেই ভাবছেন পরাজয় আসন্ন। একা একদিকে দাঁড়িয়ে লোকেশ রাহুল। অবশেষে আশঙ্কা উড়িয়ে তাঁর ব্যাটে ভর করেই একদিনের সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল ভারত। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। 

    নায়ক রাহুল

    একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই জয় পেলেন হার্দিক পান্ডিয়া। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত।  প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ১৮৮। জবাবে ৩৯.‌৫ ওভারে ১৯১/‌৫ তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করে জয় এনে দিলেন লোকেশ রাহুল। অধিনায়কের মান রাখলেন।  আজকের ম্যাচ শুরুর আগে কে এল রাহুলকে প্রথম একাদশে দেখে ক্ষোভপ্রকাশ করেছিলেন ক্রিকেটজনতা। দিনের শেষে ত্রাতার ভূমিকায় দেখা গেলো তাঁকেই। পাঁচ নম্বরে ব্যাট করতে এসে ধুঁকতে থাকা ইনিংসের হাল ধরেন তিনি। প্রথমে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং পরে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সাথে ‘টিম ইন্ডিয়া’র ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেন তিনি। হাজার চাপের সামনেও মাথা না নুইয়ে ৭টি চার ১টি ছক্কার সাহায্যে ৯৫ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে দলকে নিশ্চিত সাফল্যের দিকে নিয়ে গেলেন রাহুল। এর আগে উইকেটের পিছনেও নজর কেড়েছিলেন রাহুল। এদিন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথকে প্যাভিলিয়নের রাস্তা দেখান হার্দিক পান্ডিয়া। যদিও এই উইকেটটা হার্দিক পান্ডিয়ার নামেই নথিভুক্ত হবে, কিন্তু কেএল রাহুলের দুর্দান্ত রিফ্লেক্স ছাড়া এই উইকেট শিকার কখনওই সম্ভব হত না। বলটা স্মিথের ব্যাটের একেবারে বাইরের দিকের কানা লাগে এবং সেটা প্রথম স্লিপের দিকেই যাচ্ছিল। ইতিমধ্যে দুর্দান্ত একটা ঝাঁপ দেন কেএল রাহুল। আর সঙ্গে সঙ্গে বলটি তাঁর তালুবন্দি হয়ে যায়। দ্বিতীয় উইকেট পতন হয় অস্ট্রেলিয়ার।

    আরও পড়ুন: ভারত ছাড়া এশিয়া কাপ হয় না! শোয়েব আখতারের কথায় সমালোচনার ঝড় পাকিস্তানে

    ম্যাচের সেরা জাদেজা

    এদিন অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমেছিলেন মিচেল মার্শ এবং ট্রাভিস হেড।  ম্যাচের প্রথমার্ধে মহম্মদ শামি, মহম্মদ সিরাজদের দাপটে তছনছ হয়ে যায় অস্ট্রেলিয়া। শামি ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের প্রতিরোধ ভেঙে দিয়েছে তাঁর রিভার্স সুইং। তাঁর সঙ্গে মানানসই ছিলেন সিরাজও। ২৯ রানে ৩ উইকেট তাঁর। ওয়াংখেড়ের ২২ গজ হতাশ করেনি স্পিনারদেরও। জাডেজা ৪৬ রানে ২টি এবং কুলদীপ যাদব ৪৮ রানে ১টি উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ভারতও শুরুতে চাপে পড়ে যায়। কিন্তু প্রবল চাপের মুখে শুক্রবার রাহুলই ঢাল হয়ে দাঁড়ালেন অস্ট্রেলিয় বোলিং আক্রমণের সামনে। দলকে জেতানোর লড়াইয়ে রাহুল যোগ্য সঙ্গী হিসাবে পেলেন জাদেজাকে। তিনি অপরাজিত থাকলেন ৬৯ বলে ৪৫ রান করে। বাঁহাতি অলরাউন্ডারের ব্যাট থেকে এল ৫টি চার। ব্যাটে-বলে দলকে সাহায্য করে ম্যাচের সেরাও হলেন জাদেজা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nabanna: বিজেপির বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ শুভেন্দুর, নবান্নের রিপোর্ট তলব কেন্দ্রের

    Nabanna: বিজেপির বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ শুভেন্দুর, নবান্নের রিপোর্ট তলব কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ভুরি ভুরি মিথ্যা মামলা। এ নিয়ে কিছু দিন আগে রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির (BJP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)। তাতে তিনি লিখেছিলেন, রাজ্যে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকার ভুয়ো মামলা করছে। রাজ্যের বিরোধী দলনেতার সেই চিঠির প্রেক্ষিতে এবার নবান্নে (Nabanna) মুখ্যসচিবের কাছে চিঠি পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক। অভিযোগ খতিয়ে দেখে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে নবান্নে পাঠানো ওই চিঠিতে।

    নবান্নের (Nabanna) রিপোর্ট তলব…

    রাজনৈতিক মহলের মতে, রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রের এই রিপোর্ট তলব যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ। এর আগেও রাজ্যের বিরুদ্ধে নানা বিষয়ে কেন্দ্রের কাছে অভিযোগ জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। মিড-ডে মিলে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি। তা নিয়ে কেন্দ্রকে চিঠিও লিখেছিলেন। তার জেরে রাজ্যে জয়েন্ট রিভিউ মিশন পাঠিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবারও শুভেন্দুর চিঠির প্রেক্ষিতে নবান্নকে (Nabanna) চিঠি দিল কেন্দ্র।

    কেবল শুভেন্দুর বিরুদ্ধেই গুচ্ছ মামলা দায়ের করেছে রাজ্য পুলিশ। তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশের কত মামলা, তার একটি তালিকা গত ডিসেম্বরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়েছিলেন শুভেন্দু স্বয়ং। সংসদ ভবনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তিনি।

    আরও পড়ুুন: ২০১৮ সালে বিজেপি প্রার্থীর ‘কপালে পিস্তল ঠেকিয়ে’ মনোনয়ন প্রত্যাহার করিয়েছিলেন শান্তনু!

    তাঁর বিরুদ্ধে হয়ে চলা একের পর এক এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আদালতের কাছে তাঁর আবেদন ছিল, হয় এফআইআরগুলি খারিজ করে দেওয়া হোক, নয়তো অভিযোগের তদন্ত করুক সিবিআই। সেই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। তিনি মানুষের ভোটে নির্বাচিত। পুলিশ (Nabanna) নিজে অথবা অন্য কারও নির্দেশে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে জনগণের প্রতি বিরোধী দলনেতার কর্তব্য স্তব্ধ করার চেষ্টা করছে। বস্তুত, শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। তার পরেও কীভাবে এত এফআইআর তাঁর বিরুদ্ধে দায়ের হয়, সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • TMC: দলের বিরুদ্ধে ক্ষোভ! কালীঘাটের বৈঠকে গরহাজির তৃণমূল বিধায়ক, মুষল পর্ব বলে কটাক্ষ বিজেপির

    TMC: দলের বিরুদ্ধে ক্ষোভ! কালীঘাটের বৈঠকে গরহাজির তৃণমূল বিধায়ক, মুষল পর্ব বলে কটাক্ষ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আজ কালীঘাটে বৈঠক ডেকেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই বৈঠকে যোগ দিলেন না উত্তর দিনাজপুরের ইসলামপুরের তৃণমূল (TMC) বিধায়ক আব্দুল করিম চৌধুরী। বৈঠকে যোগ না দেওয়ার কারণ উল্লেখ করতে গিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। ইসলামপুরের বিধায়ক সাফ জানিয়েছেন, বৈঠকে দলীয় নেতৃত্বের কথা শুনতে হয়। বলার কোনও জায়গা নেই। তাই এই বৈঠকে তিনি যোগ দিচ্ছেন না। এমনিতেই দুর্নীতি ইস্যুতে শাসক ব্যাকফুটে। তারপর আবার পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জায়গায় তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, এর প্রভাব পঞ্চায়েত ভোটে পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে কটাক্ষ করতেও ছাড়েনি রাজ্য বিজেপি। উত্তরবঙ্গের বিধায়ক তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দীপক বর্মন ‘মাধ্যম’-কে বলেন, মুষল পর্ব শুরু হয়েছে তৃণমূলে (TMC)। পিসি ভাইপো কোম্পানিতে আর কেউ চাকরি করতে চাইছে না। যতদিন যাবে এই ফাটল তত চওড়া হবে।

    কী বললেন আব্দুল করিম চৌধুরী? 

    পঞ্চায়েত ভোটের আগে শুক্রবার কালীঘাটে রাজ্যের সমস্ত বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের দিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুরের বিধায়কের অনুযোগ, আজকের বৈঠকে দলের তরফ থেকে কোনও পরিচিত নেতা তাঁকে ফোন করেননি। একজন অপরিচিত ব্যক্তি তাঁকে ফোন করে শুক্রবারের বৈঠকের কথা জানিয়েছিলেন। তিনি সেই ফোন ধরেননি। করিম চৌধুরীর আরও আক্ষেপ, দীর্ঘ পঞ্চান্ন বছর বিধায়ক থাকার পর সুব্রত বক্সীর কাছে তাঁকে শুনতে হয় ব্যক্তি নয় দল বড়। তিনি এও জানিয়েছেন, ইসলামপুরের তাঁর বিরোধী লোকজনদের দলের নেতৃত্বে আনা হচ্ছে। তাদের পরিবর্তনের প্রস্তাব দিলে সুব্রত বক্সী তাঁকে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছিলেন। তৃণমূলের (TMC) রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে এদিন বেলাগাম লোক বলে তোপও দাগেন তিনি। করিম চোধুরীর আরও অভিযোগ দীর্ঘ চার থেকে পাঁচ বছর যাবদ মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কোনও কথা হয় না। মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে কোনও রকম কুশল বিনিময়ও করেননি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

  • CV Ananda Bose: শাহি দরবারে বাংলার রাজ্যপাল, কী আলোচনা হল?  

    CV Ananda Bose: শাহি দরবারে বাংলার রাজ্যপাল, কী আলোচনা হল?  

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ কেলেঙ্কারি (Recruitment Scam), ডিএ (DA) ইস্যু নিয়ে আন্দোলন দুইয়ের জেরে উত্তার রাজ্য রাজনীতি। প্রধান সচিব নিয়েও নবান্ন রাজভবন সংঘাত চলছে। এহেন আবহে শুক্রবার অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। এদিন সকালে সংসদ ভবনে পৌঁছান রাজ্যপাল। সেখানেই হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। আর কয়েক সপ্তাহ পরেই এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। ওই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলেছে বঙ্গ বিজেপি। রাজ্যপালের কাছেও এই দাবি জানানো হয়েছে। শাহি দরবারে সেই বিষয়টিও উঠেছে বলে মনে করা হচ্ছে।

    রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)…

    নবান্ন রাজভবন সংঘাতের বিষয়টিও বৈঠকে উঠতে পারে। দীর্ঘদিন প্রধান সচিব পদে ছিলেন নন্দিনী চক্রবর্তী। নয়া রাজ্যপাল (CV Ananda Bose) তাঁকে সরিয়ে দেন। তার পর থেকে রাজভবনে প্রধান সচিবের পদটি খালি পড়ে রয়েছে। অথচ রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের যোগাযোগের প্রধান কাজটিই করে থাকেন প্রধান সচিব। এই নন্দিনীকে সরানোর দিনই একবার দিল্লি গিয়েছিলেন রাজ্যপাল। সেই সময় তাঁর সঙ্গে শাহের বৈঠক হওয়ার কথা থাকলেও হয়নি। সেবার বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক সেরেই রাজ্যে ফিরেছিলেন আনন্দ বোস। চলতি সফরে বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও দেখা করেন রাজ্যপাল।

    আরও পড়ুুন: ২০১৮ সালে বিজেপি প্রার্থীর ‘কপালে পিস্তল ঠেকিয়ে’ মনোনয়ন প্রত্যাহার করিয়েছিলেন শান্তনু!

    গত ১২ মার্চ ডিএর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ট্যুইট করে সরকারি কর্মীদের অনশন ভাঙার আবেদনও করেছিলেন তিনি। এই আবহেই শাহি দরবারে রাজ্যপাল। এদিন শাহ-রাজ্যপাল বৈঠকের পর তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, কী আলোচনা হয়েছে, তা তো কেউ সঠিক জানে না। তবে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা তো হতেই পারে। তেমনই পরিস্থিতি রয়েছে। তিনি বলেন, সাংবিধানিক প্রধান হিসেবে (রাজ্যপাল) তিনি আলোচনা করতেই পারেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Bhangar: ভাঙড়ে তৃণমূলের মিছিলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের! কেন জানেন?

    Bhangar: ভাঙড়ে তৃণমূলের মিছিলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলছে একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। বোর্ড পরীক্ষা চলাকালীন কোনও রাজনৈতিক কর্মসূচিতে অনুমতি দেয় না প্রশাসন। অভিযোগ, প্রশাসনের অনুমতি ছাড়াই বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে (Bhangar) মৌন মিছিল করে তৃণমূল কংগ্রেস (TMC)। মিছিলে উপস্থিত ছিলেন ভাঙড় বিধানসভার তৃণমূলের পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ। প্রশাসনের অনুমতি ছাড়া মিছিল করায় তৃণমূলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ।

    ভাঙড়ের (Bhangar) মিছিল নিয়ে পুলিশের বক্তব্য…

    পুলিশের বক্তব্য, নামেই মৌন মিছিল, মিছিল থেকে মাঝে মধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দীর্ঘক্ষণ বাসন্তী হাইওয়ের মতো ব্যস্ত সড়ক অবরুদ্ধ করে মিছিল করা হয় বলে অভিযোগ। তার জেরেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের। ভাঙড় (Bhangar) আইএসএফের (ISF) শক্ত ঘাঁটি। এখানকার বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকি ফুরফুরা শরিফের পিরজাদার পরিবারের সদস্য। রবিবার এই ফুরফুরা শরিফে গিয়ে চোর চোর স্লোগান শুনতে হয় তৃণমূলের সওকত মোল্লাকে। অভিযোগ, তিনি যখন পিরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করে ফুরফুরা মাজার শরিফ এলাকায় ঘুরছিলেন, তখন একদল লোক তাঁকে দেখে চোর চোর বলে চিৎকার করতে থাকেন। এরই প্রতিবাদে বৃহস্পতিবার ভাঙড়ে মৌন মিছিলের ডাক দেন সওকত।

    আরও পড়ুুন: ২০১৮ সালে বিজেপি প্রার্থীর ‘কপালে পিস্তল ঠেকিয়ে’ মনোনয়ন প্রত্যাহার করিয়েছিলেন শান্তনু!

    এর প্রতিবাদ করেন ভাঙড়ের বিধায়ক। তাঁর প্রশ্ন, পুলিশ কীভাবে এই মিছিলের অনুমতি দিল? পুলিশের বক্তব্য, ২১ জানুয়ারি হাতিশালায় (Bhangar) তৃণমূল-আইএসএফের মধ্যে খণ্ডযুদ্ধ হয়। তার জেরে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল। সেই বিষয়টি মাথায় রেখেই অনুমতি দেওয়া হয়নি তৃণমূলের কর্মসূচিতে। তা সত্ত্বেও বৃহস্পতিবার বিকেলে ভাঙড়ের রড়ালি থেকে ঘটকপুকুর পর্যন্ত মিছিল করে তৃণমূল। তার পরেই ভাঙড় থানার পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয় পুলিশের তরফে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার মাকসুদ হাসান বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিছিলের উদ্যোক্তা তৃণমূল নেতা সওকত বলেন, মিছিলের অনুমতি আমরা চেয়েছিলাম। পুলিশ তা দেয়নি। মৌন মিছিল করার কথা ছিল। সেটাই হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shantanu Banerjee: ‘প্রভাবশালী’দের কথায় কাজ করেছেন শান্তনু! ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি

    Shantanu Banerjee: ‘প্রভাবশালী’দের কথায় কাজ করেছেন শান্তনু! ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে শান্তনু ব্যানার্জির (Shantanu Banerjee) ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করল ইডি। ইডি সূত্রে খবর, ফ্রিজ করা হয়েছে শান্তনুর মোট ২৫টি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলিতে প্রায় দেড় কোটি টাকা রয়েছে। ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলি শান্তনু, তাঁর স্ত্রী প্রিয়ঙ্কা ও তাঁদের সংস্থার। আবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে ধৃত হুগলির বলাগড়ের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করে আরও এক চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে এসেছে। জানা গিয়েছে, কয়েকজন ‘প্রভাবশালীর’ নির্দেশে কাজ করেছেন শান্তনু (Shantanu Banerjee) , এমনটাই দাবি তাঁর।

    শান্তনুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ

    এর আগের দিন রিমান্ড লেটারে দাবি করা হয়েছিল যে কুন্তল ঘোষ বিভিন্ন সময়ে প্রায় ১ কোটি টাকা নগদ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) ধার দিয়েছিলেন। সেই টাকার খোঁজেই, শান্তনুর লেনদেন সম্পর্কিত তথ্য খতিয়ে দেখার প্রক্রিয়ায় ধৃত যুবনেতা, তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থার নামে খোলা ২৫টির মত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দিয়েছে ইডি। এই সমস্ত অ্যাকাউন্টের গত পাঁচ বছরের লেনদেন ইডির নজরে রয়েছে। ওই অ্যাকাউন্টগুলির লেনদেন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দিনে সেগুলি ‘অ্যাটাচ’ করা হবে। দফায় দফায় জেরা করা হচ্ছে শান্তনুকে।

    আরও পড়ুন: ২০১৮ সালে বিজেপি প্রার্থীর ‘কপালে পিস্তল ঠেকিয়ে’ মনোনয়ন প্রত্যাহার করিয়েছিলেন শান্তনু!

    শান্তনুর মুখে ‘প্রভাবশালী’দের কথা

    ইডি সূত্রে খবর, জেরায় শান্তনু (Shantanu Banerjee) তাঁদের কাছে দাবি করেছেন, কয়েক জন প্রভাবশালীর নির্দেশেই তিনি ‘সব কাজ’ করেছেন। হুগলিরই আর এক ধৃত যুবনেতা কুন্তল ঘোষ, যাঁকে নিয়োগকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ বলে দাবি করেছিলেন শান্তনু, তাঁর মাধ্যমে প্রভাবশালীদের দেওয়া নির্দেশ কার্যকর করানো হত বলেও তদন্তকারীদের জানিয়েছেন তিনি। ইডি সূত্রে খবর, শান্তনু বর্ণিত ‘প্রভাবশালী’ কারা, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এই তথ্য কতটা সত্যি, তাও তদন্ত করা হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।   

     

LinkedIn
Share