Blog

  • Liverpool vs Manchester United: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়ে নয়া নজির লিভারপুলের

    Liverpool vs Manchester United: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়ে নয়া নজির লিভারপুলের

    মাধ্যম নিউজ ডেস্ক: গোলের বন্যা। ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাবি দৌড়ে ঢুকে পড়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়ে দিল লিভারপুল (Man Utd vs Liverpool)। খেতাবি দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়া লিভারপুলের কাছে এই ম্যাচ ছিল নিজেদের পায়ের নীচে মাটি ফিরে পাওয়ার। সেই লক্ষ্যে ম্যাচের শুরু থেকে প্রতিআক্রমণ নির্ভর ফুটবলেই ম্যান ইউ রক্ষণকে প্রবল চাপে ফেলে দিলেন সালাহরা। এক আধটা গোল নয়, একেবারে হাফ ডজনেরও বেশি গোল। রবিবার অ্যানফিল্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে(Man Utd vs Liverpool) নিয়ে রীতিমতো ছেলেখেলা করল লিভারপুল। 

    লিভারপুলের জয়ের নজির

    দুটি করে গোল কোডি গ্যাকপো, ডারউইন নুনেজ ও মহম্মদ সালার। এক গোল রবার্তো ফিরমিনোর। র্গেন ক্লপের দলের অভূতপূর্ব সাফল্য সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। এরিক টেন হ্যাগের দল ১১ ম্য়াচ অপরাজিত থেকে এই ম্যাচে নেমেছিল। সেই সঙ্গে ৬ বছরের ট্রফি খরাও কাটিয়েছে ম্যান ইউ। আর সেই দলই কি না দ্বিতীয়ার্ধে ৬ গোল খেয়ে বসল!অবিশ্বাস্য হলেও সত্যি। এর আগে ১৮৯৫ সালে দ্বিতীয় ডিভিশনের ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে তারা ৭-১ জয় পেয়েছিল। কিন্তু এদিন লিভারপুল কোনও গোল হজম করেনি। ইউনাইটেডের বিরুদ্ধে এই জয় লিভারপুলের সবচেয়ে বড় জয়ের নজির।  

    আরও পড়ুন: ভারতীয় ফুটবলে ইতিহাস! সন্তোষ ট্রফিতে ব্যবহার করা হল ‘ভার’ প্রযুক্তি

    চলতি ইপিএল আরম্ভ হওয়ার পর নিজেদের তৃতীয় ম্যাচে লিভারপুলের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। লিগের প্রথম দুই ম্যাচে হারার পর লিভারপুলকে হারিয়ে ছন্দে ফেরা শুরু করেছিল তারা। এরপরের লিগ যত এগিয়েছে ততো ম্যানচেস্টার ইউনাইটেডের উন্নতি এবং লিভারপুলের অবনতি ঘটেছে। তাই কাল লিভারপুলের ঘরের মাঠ ‘এনফিল্ডে’ও খাতায়-কলমে এগিয়েছিল রেড ডেভিলসরাই। ।

    ম্যাচের ৪৩ মিনিট পর্যন্ত রেড ডেভিলসরা কিন্তু লিভারপুলের চোখে চোখ রেখেই খেলেছে। এগিয়েও যেতে পারত তারা। কাসেমিরো লিভারপুলের জালে বলও জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। আর ইউনাইটেডের গোল বাতিল হওয়ার পরপরই গ্যাকপোর ১-০ এগিয়ে দেন লিভারপুলকে। ৪৭ মিনিটের মাথায় ২-০ করেন নুনেজ। এর ঠিক মিনিট তিনেক পরেই নিজের দ্বিতীয় গোলটি করে ৩-০ করেন গ্যাকপো। এরপর ৬৬ মিনিটে লিভারপুলের হয়ে চার নম্বর গোলটি করেন সালাহ। ৭৫ মিনিটে ফের গোল করেন নুনেজ। ৮৩ মিনিটে ৬-০ করেন সালাহ। ৮৮ মিনিটে ব্রাজিলীয় ফিরমিনো ৭-০ করেন।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • UP Encounter: উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে খতম উমেশ পাল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত

    UP Encounter: উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে খতম উমেশ পাল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: যোগীরাজ্যে পুলিশি এনকাউন্টারে (UP Encounter) খতম শ্যুটার বিজয় কুমার ওরফে ওসমান চৌধুরী। ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজের কাউন্দিয়ারা থানা এলাকায়। প্রসঙ্গত, বিএসপি বিধায়কের রাজু পালের খুনের প্রধান সাক্ষী ছিলেন তাঁর বন্ধু উমেশ পাল। গত ২৪ ফেব্রুয়ারি নিজের গাড়ির সামনেই খুন হন তিনি। উমেশ পাল হত্যা মামলায় মূল অভিযুক্ত ছিল এই ওসমান। উমেশ পাল ও তাঁর দেহরক্ষী কনস্টেবলের উপর ওসমান গুলি চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। সোমবার ভোরে ওসমানকে ধরতে কাউন্দিয়ারা থানা এলাকায় অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। জানা গিয়েছে, প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ওসমানই। পুলিশ পালটা জবাব দিলে গুলির লড়াইতে মৃত্যু হয় ওই দুষ্কৃতীর।

    আরও পড়ুন: কাটল জট! কেষ্টকে কলকাতায় আনার দায়িত্ব রাজ্য পুলিশেরই, নির্দেশ সিবিআই আদালতের   

    কে এই ওসমান চৌধুরী? 

    সূত্রের খবর, ২০০৫ সালে উত্তরপ্রদেশে বিএসপি বিধায়ক রাজু পাল খুনের অভিযোগ উঠেছিল প্রাক্তন সাংসদ আতিক আহমেদের বিরুদ্ধে। সেই মামলার প্রধান সাক্ষী ছিলেন রাজুর বন্ধু উমেশ পাল। সেই কারণে একাধিকবার প্রাণঘাতী হামলার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। নিরাপত্তার স্বার্থে উমেশের জন্য দু’জন দেহরক্ষীও নিয়োগ করে প্রশাসন। কিন্তু শেষরক্ষা হয়নি। নিজের গাড়ির সামনেই সাতটি গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় উমেশের শরীর। খুনের অভিযোগ ওঠে আরবাজ ও উসমানের বিরুদ্ধে। আরবাজকেও কয়েকদিন আগে এনকাউন্টারে (UP Encounter) নিকেশ করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। এবার সেই তালিকায় যোগ হল আরেক উসমানের নামও। যদিও মূল ঘটনার নেপথ্যে থাকা সমাজবাদী পার্টির সাংসদ আতিক আহমেদ এখনও অধরা।

     

    উমেশ হত্যায় অপরাধীদের ছাড়বেন না বলে হুশিয়ারি দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি তিনি বলেছিলেন, ওই ঘটনায় অভিযুক্তদের তিনি মাটিতে মিশিয়ে দেবেন। সোমবার উমেশের অন্যতম হত্যাকারীকে এনকাউন্টারে শেষ করার খবর দিয়েছেন যোগীর ঘনিষ্ঠ এক বিজেপি বিধায়ক। তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশের এই ঘটনায় এনকাউন্টারে মৃত ওই যুবকের নাম উসমান ওরফে বিজয় চৌধুরী। এই নিয়ে উমেশ হত্যার পর উত্তরপ্রদেশ পুলিশের দ্বিতীয় এনকাউন্টার (UP Encounter) এটি। এর আগে খুনিদের ব্যবহৃত এসইউভি গাড়ির চালককে এনকাউন্টারে মেরেছিল উত্তরপ্রদেশ পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতারও করা হয়েছে একজনকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

      

  • Central Vigilance Commission: রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনে অভিযোগ শুভেন্দুর, কেন জানেন?

    Central Vigilance Commission: রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনে অভিযোগ শুভেন্দুর, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি রাজ্যের মুখ্যসচিব। অভিযোগ, অনৈতিকভাবে তিনি বাড়িভাড়া ভাতা নিয়েছেন। হরিকৃষ্ণ দ্বিবেদীর (Hari Krishna Dwivedi) বিরুদ্ধে এই অভিযোগ তুলে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের (Central Vigilance Commission) কাছে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির (BJP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চিঠি পাঠানো হয়েছিল ৩১ জানুয়ারি। ট্যুইট-বার্তায় শুভেন্দু জানান, সেই অভিযোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন। কমিশনের তরফে তাঁকে পাঠানো ই-মেইলও প্রকাশ্যে এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাতে বলা হয়েছে, তাঁর করা অভিযোগ খতিয়ে দেখে অভিযোগ দায়ের করা হয়েছে।

    কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (Central Vigilance Commission)…

    শুভেন্দুর দাবি যে নিছক অমূলক নয়, তার প্রমাণ মিলেছে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের (Central Vigilance Commission) পোর্টালেও। এমন কোনও অভিযোগ গ্রহণ করা হলে, অভিযোগকারীকে সেই বার্তা ই-মেইল করে জানানো হয়। শুভেন্দুকেও তেমনই বার্তা মেইল করে পাঠানো হয়েছে। ওই মেইলে জানানো হয়েছে, কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের নিয়ম অনুযায়ী শুভেন্দুর অভিযোগপত্র খতিয়ে দেখে নথিবদ্ধ করা হয়েছে। তবে তারা তদন্ত শুরু করবে নাকি রাজ্য সরকারকে সুপারিশ করবে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

    শুভেন্দুর উদ্দেশে পাঠানো মেইল-বার্তায় বলা হয়েছে, আপনার অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। সেই বার্তা প্রকাশ করে শুভেন্দু বলেন, আমার অভিযোগ খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনকে সাধুবাদ জানাচ্ছি। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে আমি অভিযোগ করেছিলাম। যিনি রাজ্য সরকারের বাংলোয় থেকেও নিয়ম ভেঙে ১৬.৪ লক্ষ টাকা হাউস রেন্ট অ্যালাওয়েন্স নিয়েছেন।

    আরও পড়ুুন: ভারতের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ব্রিটিশরা, বললেন মোহন ভাগবত

    ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মুখ্যসচিবের দায়িত্ব নেন হরিকৃষ্ণ দ্বিবেদী। আলিপুরের আট কামরার সরকারি বাংলোয় থাকেন। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, তার পরেও তিনি বেআইনিভাবে বাড়িভাড়া ভাতা বাবদ টাকা নিয়েছেন। এর ফলে ইল ইন্ডিয়া সার্ভিস রুল ভেঙেছেন দ্বিবেদী। শুভেন্দুর দাবি, এটা ক্ষমতার অপব্যবহার। রাজ্য প্রশাসন সূত্রে খবর, দ্বিবেদী এখন আর বাড়িভাড়া বাবদ ভাতা নিচ্ছেন না।

    প্রসঙ্গত, আইএএস কিংবা আইপিএস আধিকারিকদের নিয়োগপত্র কেন্দ্র দিলেও, তাঁরা যখন কোনও রাজ্যে কর্মরত থাকেন, তখন তাঁদের কারও বিরুদ্ধে সার্ভিস রুল লঙ্ঘনের (Central Vigilance Commission) অভিযোগ উঠলে সংশ্লিষ্ট রাজ্যের দুর্নীতি দমন শাখায় লিখিতভাবে জানাতে হয়। তাই শুভেন্দুর অভিযোগ কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন খতিয়ে দেখলেও, এই অভিযোগের তদন্তের এক্তিয়ার রয়েছে রাজ্যের দুর্নীতি দমন শাখার হাতেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: সারদাকাণ্ডে মমতাকে ডাকতে ‘অনীহা’ সিবিআইয়ের! মোদিকে চিঠি শুভেন্দুর

    Suvendu Adhikari: সারদাকাণ্ডে মমতাকে ডাকতে ‘অনীহা’ সিবিআইয়ের! মোদিকে চিঠি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে সারদা চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে তিনি অভিযোগ করেছেন, সারদা চিট ফান্ড কেলেঙ্কারির সব থেকে বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেতে সিবিআই-এর অনিচ্ছা রয়েছে। গত ১০ বছর ধরে রাজ্যের মানুষ কাঙ্খিত দিনটির জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন তিনি। শুভেন্দু প্রশ্ন করেছেন, “কেন্দ্রের সংস্থা সিবিআই কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদকে ভয় পাচ্ছে? তা না হলে সারদা মামলার দশ বছর পরও কেন তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত শুরু করছে না!”

    প্রধানমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার (Suvendu Adhikari)

    সোমবার সকালে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেই চিঠিতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। সারদা চিটফান্ড সংক্রান্ত সব মামলার তদন্ত যে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে গিয়েছে, সেই প্রসঙ্গ এনে তিনি বলেন, অসম, ওড়িশা, পশ্চিমবঙ্গ জুড়ে চলা সারদা চিটফান্ড সংক্রান্ত নানা ঘটনার জেরে বিষয়টিকে বৃহত্তর ষড়যন্ত্র বলে উল্লেখ করেছিল সুপ্রিম কোর্ট। চিঠিতে তিনি দাবি করেছেন, বিভিন্ন কেলেঙ্কারি সুবিধা নিয়েছিলেন ক্ষমতার শীর্ষে থাকা লোকজনও। তাঁদের মধ্যে রয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও সারদার সঙ্গে মমতার সম্পর্ক তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার বহু আগে থেকে, এমনটাও অভিযোগ করেছেন শুভেন্দু।

    আরও পড়ুন: রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনে অভিযোগ শুভেন্দুর, কেন জানেন?

    সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন শুভেন্দুর

    চিঠিতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সিবিআই-এর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। সেখানে বলেছেন, ‘মমতার কাছে পৌঁছতে কেন দ্বিধা করছে সিবিআই। চেয়ারের জন্যই কি সিবিআই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারছে না?’ এছাড়াও এদিন পাঁচ পাতার চিঠিতে তিনি একে একে জানিয়েছেন, সারদা মামলায় তৃণমূল শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছিল, তার প্রেক্ষিতে সিবিআই কী বলেছিল এবং মামলার দশ বছর পরেও কোন কোন ক্ষেত্রে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

    মমতাই সারদা কেলঙ্কারির সবচেয়ে বড় সুবিধাপ্রাপ্ত!

    আবার মমতার আঁকা ছবি সারদা গোষ্ঠীর তরফে কোটি টাকায় কেনা হয়েছে বলে জানিয়েছিল সিবিআই, এ কথাও উল্লেখ করেছেন শুভেন্দু। এ ছাড়াও মমতা রেলমন্ত্রী থাকাকালীন রেলের ক্যাটারিং এবং অন্যান্য যাত্রী পরিষেবা প্রদানকারী সংস্থা আইআরসিটিসির সঙ্গে সারদার ট্যুরের প্রসঙ্গও টেনেছেন তিনি (Suvendu Adhikari)। সারদা মামলায় নাম না করে সারদার সংবাদ মাধ্যমগুলির প্রাক্তন গ্রুপ সিইও তথা তৃণমূলের তৎকালীন সাংসদ কুণাল ঘোষের গ্রেফতারির কথাও উল্লেখ করেছেন শুভেন্দু ওই চিঠিতে। তিনি লিখেছেন, ওই সাংসদ গ্রেফতার হওয়ার পর বার বার বলেছিলেন, ‘মমতাই সারদা কেলঙ্কারির সবচেয়ে বড় সুবিধাপ্রাপ্ত। কেন তা শুনেও শোনেনি সিবিআই?’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anubrata Mondal: কাটল জট! কেষ্টকে কলকাতায় আনবে রাজ্য পুলিশই, নির্দেশ সিবিআই আদালতের

    Anubrata Mondal: কাটল জট! কেষ্টকে কলকাতায় আনবে রাজ্য পুলিশই, নির্দেশ সিবিআই আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে কেষ্টর তিহার যাত্রার জট কাটল। ইতিমধ্যেই বীরভূম তৃণমূলের জেলা সভাপতিকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার বিষয়ে আদালতের সম্মতি পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার আগে করতে হবে অনুব্রতর (Anubrata Mondal) স্বাস্থ্য পরীক্ষা। সেই রিপোর্ট ঠিক থাকলে তবেই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া যাবে। কেষ্টর দিল্লি যাত্রা নিয়ে ছিল বেশ কিছু জটিলতা। সোমবার সিবিআই আদালত কড়া নির্দেশ দিয়েছে, অনুব্রত মণ্ডলকে ইডির হাতে তুলে দেওয়ার আগে পর্যন্ত নিরাপত্তা দিতে হবে আসানসোল পুলিশ কমিশনারেটকে। রাজ্যপুলিশকেই তাঁকে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতায় নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ইডির হাতে তুলে দিতে হবে। আদালত আসানসোল জেল কর্তৃপক্ষকে ইডি অফিসার পঙ্কজ কুমারের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। 

    রবিবার অনুব্রতকে (Anubrata Mondal) কলকাতায় আনার বিষয়ে নানান জটিলতা তৈরি হয়। জেল কর্তৃপক্ষ বলে তারা আসানসোল কমিশনারেটকে জানালেও পুলিশ কিছু বলেনি। ওদিকে ইডি বলে, তারা অনুব্রতকে এতটা পথ আনতে পারবে না। নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে রাজ্য পুলিশকেই।

    আরও পড়ুন: সারদাকাণ্ডে মমতাকে ডাকতে ‘অনীহা’ সিবিআইয়ের! মোদিকে চিঠি শুভেন্দুর  

    পুলিশ, ইডির এই দড়ি টানাটানিতে মুশকিলে পড়ে জেল কর্তৃপক্ষ। শেষমেশ তারাই আজকে বিশেষ সিবিআই আদালতে আবেদন জানায়। তার ভিত্তিতে আদালত সবটা পরিষ্কার করেছে। সোমবার কখন আসানসোল জেল থেকে কেষ্ট মণ্ডলের (Anubrata Mondal) কনভয় রওনা দেবে কলকাতার উদ্দেশে তা এখনও জানা যায়নি।

    সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন, আসানসোল জেল কর্তৃপক্ষ অনুব্রতকে (Anubrata Mondal) কলকাতা নিয়ে যাবেন এবং তাঁকে নিরাপত্তা দেবে আসানসোল পুলিশ। সেখানে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনও একটি হাসপাতালে চিকিৎসা করিয়ে ‘ফিট সার্টিফিকেট’ নেওয়ার পর অনুব্রতকে হাসপাতালেই ইডির হাতে তুলে দেওয়া হবে। এর পর ইডি অনুব্রতকে বিমানে দিল্লি নিয়ে যাবে। জেল কর্তৃপক্ষ ইমেল এবং ফোনের মাধ্যমে আসানসোল পুলিশ এবং অনুব্রতের মামলার দায়িত্বপ্রাপ্ত ইডি আধিকারিক পঙ্কজ কুমারকে সব তথ্য জানিয়ে দেবেন। যথাসম্ভব দ্রুত ওই প্রক্রিয়া পালনের জন্য নির্দেশ দেন আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক। সে কথা জানিয়েছেন অনুব্রতের আইনজীবী সোমনাথ চট্টরাজ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amitabh Bachchan: এবার চোট পাঁজরে! ফের শ্যুটিংয়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন

    Amitabh Bachchan: এবার চোট পাঁজরে! ফের শ্যুটিংয়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্যুটিং চলাকালীন ফের পাঁজরে আঘাত পেলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। জানা যাচ্ছে, চোট এতটাই গুরুতর যে, ছবির কাজ বন্ধ করে দিতে হয়েছে। চিকিৎসকরা বলছেন, অভিনেতার ডানদিকের পাঁজরের পেশি ছিঁড়ে গিয়েছে বলে খবর। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। এ খবর নিজেই জানিয়েছেন অমিতাভ।

    ‘প্রজেক্ট কে’- এর শ্যুটিং চলছে  হায়দ্রাবাদে, সেখানেই ঘটল বিপত্তি 

    জানা গেছে,  হায়দ্রাবাদে দীপিকা পাড়ুকোন, প্রভাস এবং অমিতাভ বচ্চন অভিনীত ‘প্রজেক্ট কে’ ছবির শ্যুটিং চলছিল। সেইসময়েই একটি শট চলাকালীন পাঁজরে গুরুতর আঘাত পান বর্ষীয়ান অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই জানা যায় যে অমিতাভের (Amitabh Bachchan) পাঁজরের কার্টিলেজ ছিঁড়ে গিয়েছে। আপাতত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপরই শ্যুট ক্যানসেল করে মুম্বইয়ে ফিরে আসেন অমিতাভ। বর্তমানে নিজের বাড়িতেই সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি।

    এটা নতুন কিছু নয়, এর আগেও এমন চোট পেয়েছেন তিনি শ্যুটিং চলাকালীন

    ১৯৮২ সালে ‘কুলি’ ছবির সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তলপেটে চোট পান তিনি। শুরু হয়েছিল তলপেটে রক্তক্ষরণ। সে বার কয়েক সপ্তাহ অভিনেতাকে থাকতে হয়েছিল হাসপাতালে। সোমবার অমিতাভের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা সমাজমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

    চোট নিয়ে কী বললেন বিগ-বি

    নিজের ব্লগে বিগ-বি লেখেন, “চোটের কারণে  হায়দ্রাবাদে শ্যুটিং বাতিল করতে হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, এই আঘাত থেকে সেরে উঠতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। উল্লেখ্য, মুম্বইয়ে নিজের বাড়িতে ফেরার আগে অভিনেতা হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করান। তখনই কার্টিলেজ ছেঁড়ার বিষয়টি ধরা পড়েছে। একটু যন্ত্রণা তো রয়েছেই। শ্বাস প্রশ্বাস নিতেও সমস্যা হচ্ছে।” এখানেই শেষ নয়। এরপর বিগ বি আরও লেখেন যে, নড়াচড়া করতেও সমস্যা রয়েছে। ব্যথার ওষুধ চলছে। ডাক্তারদের পরামর্শ মেনে যেহেতু সম্পূর্ণ বিশ্রামে রয়েছি।

    প্রতি রবিবার জলসার সামনে ভক্তদের সঙ্গে দেখা করেন বিগ-বি

    প্রতি রবিবার জলসার সামনে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তবে এই রবিবার তিনি পারবেন না, সেই খবর জানাতেই মুখ খোলেন বিগ বি। “তবে কতদিন লাগবে তা এখনই বলা মুশকিল.. আমি আজ সন্ধ্যায় জলসা গেটে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করতে পারছি না.. তাই আসবেন না.. এবং যারা আসতে চান তাঁদের যতটা সম্ভব এই খবর জানাবেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

  • Rabri Devi: বিহারে রাবড়ি, তেজস্বীর বাড়িতে সিবিআই তল্লাশি, কেন জানেন?

    Rabri Devi: বিহারে রাবড়ি, তেজস্বীর বাড়িতে সিবিআই তল্লাশি, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রের বিরুদ্ধে সিবিআই (CBI)-ইডি (ED)-র অপব্যবহারের অভিযোগ তুলে রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) চিঠি দিয়েছিল দেশের ৮টি রাজনৈতিক দলের ৯ জন প্রতিনিধি। এই চিঠিতে যাঁরা স্বাক্ষর করেছিলেন, তাঁদের মধ্যে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদবও। তার ঠিক পরের দিন সাত সকালে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর (Rabri Devi) বাড়িতে হানা দিল সিবিআই। আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি ঘটনাচক্রে তেজস্বীর মা। সিবিআই সূত্রে খবর, জমি বেচে চাকরি দুর্নীতিতে জিজ্ঞাসাবাদ করা হবে এই আরজেডি নেত্রীকে। অশান্তি এড়াতে পাটনায় রাবড়ির বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

    রাবড়ি দেবী (Rabri Devi)…

    প্রথম ইউপিএ সরকারের রেলমন্ত্রী ছিলেন লালু। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ওই পদে ছিলেন লালু। ওই সময় বিহারের বহু যুবককে জমির বিনিময়ে রেলের গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। কাঠগড়ায় তোলা হয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী (Rabri Devi) এবং তাঁর দুই কন্যা মিসা ও হেমাকে। ঘটনার তদন্তে গত ২০ মে পাটনা, দিল্লি সহ দেশের ১৫টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। অগাস্টে অভিযান চালানো হয় আরজেডির একাধিক নেতার বাড়িতে। গত বছর ওই ঘটনায় গ্রেফতার করা হয় লালু ঘনিষ্ঠ আধিকারিক ভোলা যাদবকে।

    ২২ অক্টোবর জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় লালুর বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা ওই চার্জশিটে লালু ছাড়াও নাম রয়েছে রাবড়ি, মিসা ও হেমার। এঁরা ছাড়াও চার্জশিটে নাম রয়েছে আরও ১২ জনের। সিবিআইয়ের দাবি, রেলমন্ত্রী থাকাকালীন বহু অযোগ্য প্রার্থীকে লালু মুম্বই, জব্বলপুর ও কলকাতা সহ রেলের বিভিন্ন জোনে চাকরি পাইয়ে দেন। এর বিনিময়ে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা বা জমি নিয়েছিলেন লালুর পরিবারের কয়েকজন সদস্য এবং লালু-ঘনিষ্ঠ নেতারা।

    আরও পড়ুুন: ভারতের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ব্রিটিশরা, বললেন মোহন ভাগবত

    এদিন সকালে পাটনায় লালুর বাড়িতে পৌঁছায় সিবিআই আধিকারিকদের একটি দল। তারা বাড়ির ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না। বাড়ি থেকে কাউকে বের হতেও দিচ্ছে না। তেজস্বীর বাড়িতেও চলছে তল্লাশি। জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় দিল্লির রাউজ অ্যাভেনিউ আদালত লালু, রাবড়ি (Rabri Devi), ও তাঁদের কন্যা মিসাকে সমন পাঠায়। সিবিআইয়ের চার্জশিটে তাঁদের আদালতে হাজিরার দিন দেওয়া হয়েছিল ১৫ মার্চ। তার আগেই রাবড়ির বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। তবে এদিন কোন মামলায় রাবড়ির বাড়িতে সিবিআইয়ের আধিকারিক দল এসেছে, তা এখনও স্পষ্ট নয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Adenovirus: বাচ্চা থেকে বড়, অ্যাডিনো ভাইরাস থেকে বাঁচতে খান এই খাবারগুলো

    Adenovirus: বাচ্চা থেকে বড়, অ্যাডিনো ভাইরাস থেকে বাঁচতে খান এই খাবারগুলো

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার পর ফের চিন্তার ভাঁজ ফেলছে অ্যাডিনো ভাইরাস। গোটা রাজ্য কাঁপছে অ্যাডিনো ভাইরাসের (Adenovirus) আতঙ্কে। শিশুমৃত্যুর সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে। ফলে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হওয়ার থেকে শিশুদের কীভাবে বাঁচাবেন ও কীভাবে বাচ্চাদের দেহে ইমিউনিটি বাড়িয়ে তুলবেন, তা জেনে নিন। ইমিউনিটি বজায় রাখতে প্রথমেই প্রয়োজন খাদ্যতালিকার দিকে বিশেষ নজর রাখা। তবে আক্রান্তদের কোনও খাবার চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিয়েই খাওয়ানো উচিত।

    ডায়েটে কী কী খাবার রাখা জরুরী?

    ডাবের জল: বাচ্চাকে ডাবের জল খাওয়াতে পারেন। এটি পটাশিয়াম ও অন্যান্য খনিজে পূর্ণ। এটি শরীর হাইড্রেট করে। পেট ঠান্ডা রাখে ও যে কোনও জীবাণু থেকে রক্ষা করে।

    কমলালেবু: পুষ্টিবিদদের মতে, ছোটদের কমলালেবুর রস করে খাওয়ান। কারণ তারা চিবিয়ে খেতে পারবে না। তবে একটু বড় হয়ে গেলেই তাদের চিবিয়ে খেতে বলুন। এই ফল চিবিয়ে খেলে ভিটামিন তো মিলবেই, পাশাপাশি ফাইবারও পাওয়া যাবে। আসলে কমলালেবুতে রয়েছে ভিটামিন সি। এই ভিটামিন ইমিউনিটি বজায় রাখতে সাহায্য করে। এছাড়া অন্যান্য কিছু জরুরি খনিজ থাকে এই ফলে। ফলে অ্যাডিনো ভাইরাস থেকে সেরে উঠতে উপকারী এই ফল।

    নিমপাতা ও উচ্ছে: বাচ্চাকে নিমপাতা ও উচ্ছে খাওয়ান। এমন খাবার জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরকে প্রস্তুত করে।

    প্রোটিন সমৃদ্ধ খাবার: ভাইরাসে আক্রান্ত হলে বা সংক্রমণ এড়াতে খাদ্যতালিকায় রাখুন প্রোটিন সমৃদ্ধ খাবার। শরীরে পুষ্টির অভাব হলে যে কোনও ভাইরাস সহজে থাবা বসাতে পারে। বাচ্চাকে রোজ ডিম, মাছ, মাংস-র মত খাবার খাওয়ান। এতে পুষ্টির জোগান ঘটবে। এছাড়া মুসুর ডাল, সয়াবিন খাওয়াতে পারেন। এটিও স্বাস্থ্যের জন্য উপকারী।

    রসুন: রসুন খাওয়াতে পারেন বাচ্চাকে। এতে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি বায়োটিক উপাদান আছে।

    দই: দই খাওয়া বাচ্চাদের জন্য উপকারী। এটি খাবার হজম করতে সাহায্য করে। তেমনই লিভারের জন্য ভালো। তবে, আগে চিকিৎসকের পরমার্শ নিন।

    শাক-সবজি: শাক ও সবজিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভনয়েডস, জরুরি ভিটামিন ও মিনারেল। তাই শিশুর জ্বর, সর্দি, কাশি শুরু হলেই এই খাবার অত্যন্ত জরুরী।

    দুধ ও ছানা: এতে রয়েছে ভিটামিন ডি, যা কেবল হাড় শক্ত করে না, বরং গোটা শরীরের স্বাস্থ্য রক্ষা করতে পারে। এমনকী ইমিউনিটি বৃদ্ধি করে।

    পেঁপে ও গাজর: কোনও অসুখ থেকে সেরে ওঠার জন্য ভিটামিন এ শরীরে প্রয়োজন হয়। আর পেঁপে ও গাজরে রয়েছে ভিটামিন এ। তাই অ্যাডিনো ভাইরাসে (Adenovirus) আক্রান্ত শিশুর ডায়েটে এই খাবার রাখুন।

    এছাড়াও রোজ পর্যাপ্ত জল পান করা দরকার। বাচ্চাকে প্রতিদিন ৭ থেকে ৮ গ্লাস জলে জল পান করান। এতে শরীর থাকবে হাইড্রেটেড। শরীরে জলের অভাব হলে যে কোনও রোগ সহজে বাসা বাঁধতে পারে। তবে যে কোনও খাবার খাদ্যতালিকায় অন্তর্ভু্ক্ত করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।

  • Holi: দোল পূর্ণিমার ঐতিহাসিক এবং পৌরাণিক কাহিনীগুলি জানেন?

    Holi: দোল পূর্ণিমার ঐতিহাসিক এবং পৌরাণিক কাহিনীগুলি জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দরজায় কড়া নাড়ছে দোল (Holi)। হলুদ শাড়ি এবং পাঞ্জাবিতে সাজবে মেয়ে এবং ছেলেরা। বসন্ত এসে গেছে গানের তালে তালে পালিত হবে দোল। শান্তিনিকেতনের দোল (Holi) আবার বিশেষ জনপ্রিয়। সারা রাজ্য থেকেই মানুষের ভিড় দেখা যাবে ওইদিন শান্তিনিকেতনে। রবি ঠাকুরের গানে, বসন্তের আগমনে এক আলাদা মাত্রা পায় শান্তিনিকেতনের দোল। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ রং এবং আবির দিয়ে রাধা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন। বিশ্বাস মতে দোল খেলার উৎপত্তি সেখান থেকেই শুরু। যা আজও সমানভাবে এগিয়ে চলেছে।

    বাংলায় শ্রী চৈতন্য মহাপ্রভু দোলযাত্রার (Holi) শুভ সূচনা করেন

    হিন্দু শাস্ত্রবিদরা বলছেন এই দোল (Holi) পূর্ণিমার দিনটিকে গৌড় পূর্ণিমাও বলা হয়। তার কারণ ১৪৮৬ সালের ১৮ ফেব্রুয়ারি শনিবার দোল পূর্ণিমা তিথিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। পাশাপাশি এই বাংলাতে দোল উৎসবের সূচনাও শ্রীচৈতন্যদেবের হাত ধরে হয়েছিল। ১৫১৫ খ্রিস্টাব্দে তিনি গৃহত্যাগ করে অর্থাৎ নবদ্বীপ ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে সেখানে রং খেলা দেখে অভিভূত হয়েছিলেন তখন থেকেই নাকি বাংলাতে দোল (Holi) উৎসবের সূচনা হয় ভক্তদের বিশ্বাস এই দোল খেলায় ভগবান শ্রীকৃষ্ণও হাজির হতেন মহাপ্রভুর সঙ্গে দোল খেলতে।

    আবার কোনও কোনও গবেষক মনে করেন, প্রায় ২০০০ বছর আগে রাজা ইন্দ্রদ্যুম্ন প্রচলন করেছিলেন দোল উৎসব। সপ্তম শতাব্দীতে সম্রাট হর্ষবর্ধনের লেখা রত্নাবলী নাটকেও হোলি (Holi) খেলার উল্লেখ রয়েছে। শুধু উত্তর ভারত নয় দক্ষিণ ভারতের বিজয়নগরের একটি মন্দিরের গায়ে এক রাজকুমার রাজকুমারীর রং খেলার চিত্রকলা রয়েছে। এখান থেকে বলা হয় যে দোল সারা ভারতবর্ষ ব্যাপী প্রচলিত ছিল।

    পৌরাণিক কাহিনীগুলি জানা যাক

    ভক্ত প্রহ্লাদের আখ্যান এবং হোলিকা দহন

    অন্যদিকে পৌরাণিক আখ্যান অনুযায়ী ভগবান বিষ্ণুর পরমভক্ত ছিলেন অসুর রাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ।  নিজেকে ঈশ্বর ঘোষণা করেছিলেন রাক্ষসরাজা। অহংকারী রাজার ওপর ব্রহ্মার বরদান ছিল দিন বা রাত, গৃহের ভিতর বা বাইরে, মানুষ বা পশু কেউই হিরণ্যকশিপুকে বধ করতে পারবেনা। এরপর নিজের পুত্র প্রহ্লাদকে হত্যার পরিকল্পনা নেন রাক্ষসরাজা। নিজের বোন হোলিকার কাছে সাহায্য প্রার্থনা করেন।

    হোলিকার ওপর আবার ব্রহ্মার বরদান স্বরুপ একটি চাদর ছিল, যেটি ছিল একধরনের রক্ষা কবচ। এই চাদর গায়ে জড়িয়ে প্রহ্লাদকে নিয়ে অগ্নিকুণ্ডে বসেন হোলিকা। ঠিক তখনই ভগবান বিষ্ণুর কৃপায় চাদর উড়ে গিয়ে পড়ে প্রহ্লাদের গায়ে। অগ্নিকুণ্ডে দগ্ধ হয়ে যান হোলিকা। এই কারণে দোল উৎসবের আগের দিন হয় হোলিকা দহন। বাংলাতে এটাই প্রচলিত ন্যাড়াপোড়া নামে। ভক্তদের বিশ্বাস, এইদিনে সকল অশুভ শক্তির নাশ হয়। ভগবান বিষ্ণু তথা কৃষ্ণের পূজা করলে জীবনে সমৃদ্ধি নেমে আসে ভক্তদের।

    পুতনা রাক্ষসী বধ

    পৌরাণিক কাহিনী অনুযায়ী, দোল (Holi) পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণকে স্মরণ করার কথা কোথাও কোথাও বলা হয়েছে। এক্ষেত্রে হোলিকাকে পুতনার ভূমিকায় রাখা হয় এবং পুতানার বিষ দুধে শ্রীকৃষ্ণ পান করেনি বরং তার রক্ত পান করেন, এইভাবেই ভগবান বধ করেন পুতনাকে। এরফলে শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হয়ে যায়। বিশ্বাসমতে দোল পূর্ণিমা হল পুতনা বধের পর উৎসব।

     

    বিবাহিত নারীরা তাদের পরিবারের কল্যাণ এবং মঙ্গল কামনায় দোল উৎসবে মাতেন এদিন। ভারতের বাইরেও দোল উৎসব ব্যাপকভাবে পালিত হয়।  বৈষ্ণব ধর্ম ছাড়াও শাক্ত-শৈবরাও এই উৎসব পালন করেন। পরিবারিক, বৃহত্তর সমাজ জীবনের ক্ষেত্রে দোল পূর্ণিমার গুরুত্ব অনেক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     

     

     

     

LinkedIn
Share