Blog

  • Chetan Sharma: সৌরভের সঙ্গে ইগোর লড়াই, নেতৃত্ব ছাড়েন বিরাট! গোপন ক্যামেরায় আর কী কী বললেন চেতন শর্মা?

    Chetan Sharma: সৌরভের সঙ্গে ইগোর লড়াই, নেতৃত্ব ছাড়েন বিরাট! গোপন ক্যামেরায় আর কী কী বললেন চেতন শর্মা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর খানেক পর ফের একবার বিরাট-সৌরভ বিতর্ক উসকে দিলেন বিসিসিআই-এর প্রধান নির্বাচক চেতন শর্মা। গোপন ক্যামেরায় বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় চেতনকে। একটি স্টিং অপারেশনে চেতন শর্মাকে বলতে শোনা গিয়েছে, ”বিরাট এবং সৌরভের মধ্যে ইগোর লড়াই ছিল। সেই কারণেই বিরাটের নেতৃত্ব চলে যায়।”

    বিরাট-সৌরভ দ্বন্দ্ব

    প্রসঙ্গত, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেই ২০ ওভারের ক্রিকেটে নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট। পরে এক দিনের ক্রিকেটে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়ে লাল বলের ক্রিকেটে সিরিজ হারার পর নিজেই টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন কোহলি। দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে যাওয়ার আগে এক সাংবাদিক বৈঠকে বিরাট বলেছিলেন যে, টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার সময় তাঁকে কেউ বাধা দেননি। যদিও তার কিছু দিন আগেই সৌরভ জানিয়েছিলেন, তিনি নিজে বিরাটকে অনুরোধ করেছিলেন নেতৃত্ব না-ছাড়ার জন্য।  এ প্রসঙ্গে চেতন বলেন, ”সৌরভ নেতৃত্ব না ছাড়ার কথা বিরাটকে বলেছিল। কিন্তু সৌরভ এবং বিরাটের মধ্যে একটা ইগোর লড়াই ছিল। সৌরভ বিসিসিআই সভাপতি থাকার সময় বিরাট দলের অধিনায়ক ছিলেন। কে বড় তা নিয়ে একটা লড়াই চলছিল।”

    আরও পড়ুন: সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান

    বিরাট-রোহিত সম্পর্ক

    চেতন শর্মা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক। ২০২০ সালের ডিসেম্বর থেকে এই দায়িত্বে রয়েছেন তিনি। ২০২২ সালের নভেম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ড চেতনকে তাঁর পদ থেকে বরখাস্ত করে। কিন্তু এই বছর তাঁকেই আবার বোর্ডের প্রধান নির্বাচক পদে নির্বাচিত করে বিসিসিআই। বিরাট-রোহিত সম্পর্ক প্রসঙ্গে চেতন বলেন, ”দেখুন পুরো ব্যাপারটা মিডিয়ার তৈরি করা। আমি যতদূর জানি বিরাট ও রোহিতের মধ্যে ইগোর লড়াই থাকলেও, কেউ কাউকে পছন্দ করেন না, এটা সঠিক নয়। বরং বিরাট ও রোহিত একে অপরকে সম্মান করে।” 

    বুমরার চোট

    ওই ভিডিওয় চেতন আরও দাবি করেন, জাতীয় দলে জায়গা হারানোর ভয় থেকেই ক্রিকেটাররা সম্পূর্ণ সুস্থ না হয়েই মাঠে নেমে পড়ছেন। গোপন ক্যামেরায় চেতনের করা দাবি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে চোট পুরোপুরি না সারিয়েই খেলেছিলেন ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরা। তিনি একটি ইঞ্জেকশন নিয়েছিলেন। ছোটখাটো চোটের ক্ষেত্রে খেলোয়াড়রা অনেক সময় এ রকম ইঞ্জেকশন নেন। বুমরা ব্যথা কমিয়ে খেলতে গিয়ে নিজের চোট আরও বাড়িয়ে ফেলেছেন। যে কারণে এখনও ভুগছেন তিনি, বলে দাবি চেতনের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Weather Update: শীতের বিদায় বেলায় ফের পতন তাপমাত্রায়, জানুন আবহাওয়া আপডেট

    Weather Update: শীতের বিদায় বেলায় ফের পতন তাপমাত্রায়, জানুন আবহাওয়া আপডেট

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের পারদ পতন (Weather Update)। মৌসমভবনের পূর্বাভাস অনুযায়ী, আজই হতে চলেছে এই বছরের শীতের শেষ দিন। এরপর থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। আর শেষ দিন শেষ কামড় বসাল শীত। আগামিকাল থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করবে সর্বনিম্ন তাপমাত্রা। বাড়বে দিন ও রাতের তাপমাত্রা।   

    আগামি চার থেকে পাঁচদিনের মধ্যেই তাপমাত্রা ৫ ডিগ্রি (Weather Update) পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শীতের আমেজও চলে যাবে। মোটের উপর বুধবারই এই মরশুমে শেষবারের মতো শীতের অনুভূতি মিলবে।

    কী জানাচ্ছে মৌসমভবন? 
      
    আবহাওয়া দফতর (Weather Update) থেকে আগেই জানানো হয়েছিল, যে এই মরশুমের শেষ শীতের হতে পারে বুধবার। এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি-প্রকৃতি তাতে সম্ভবত সেই পূর্বাভাসই সত্যি হতে চলেছে। বৃহস্পতিবার থেকে রাত ও দিন উভয়ের তাপমাত্রার পারদই ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে পারদ পতনের সম্ভাবনা আর নেই।

    আরও পড়ুন: বিদেশি মুদ্রার অনিয়মিত ট্রান্সফারের অভিযোগ! রাতভর বিবিসির অফিসে আয়কর দফতরের তল্লাশি  

    এক ধাক্কায় তাপমাত্রা বাড়তে পারে ৫ ডিগ্রি (Weather Update) পর্যন্ত। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন কুয়াশার দাপট থাকবে। মোটের উপর উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার দেখা মিলবে। তবে দার্জিলিং, কালিম্পঙে কুয়াশার দাপট থাকবে বেশি। 

    এই বছর শীত শুরু থেকেই খামখেয়ালি (Weather Update)। তাপমাত্রা অনেকটা নেমে যাওয়ার পরই উঠেছে তরতরিয়ে। অর্থাৎ কখনওই একটানা এক সপ্তাহ কনকনে শীত ছিল না। জানুয়ারির শেষেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়। তারপর আবার ফেব্রুয়ারিতে শীত ফেরে। মনে করা হচ্ছে আরও কয়েকটা দিন ঠান্ডা অনুভূত হলেও, লম্বা হবে না এই ইনিংস।

    মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ (Weather Update) সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা কাশ্মীর, লাদাখ, মুজাফফরবাদ এলাকায় । তাপমাত্রার ফের পরিবর্তন হবে । পূর্ব ভারতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে বুধবার পর্যন্ত।  বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে । পরবর্তী দু-তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের । মধ্য ভারতে তাপমাত্রা কমবে।  মঙ্গলবার পর্যন্ত ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • BBC Office: বিদেশি মুদ্রার অনিয়মিত ট্রান্সফারের অভিযোগ! রাতভর বিবিসির অফিসে আয়কর দফতরের তল্লাশি

    BBC Office: বিদেশি মুদ্রার অনিয়মিত ট্রান্সফারের অভিযোগ! রাতভর বিবিসির অফিসে আয়কর দফতরের তল্লাশি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিবিসির মুম্বই ও দিল্লির অফিসে রাতভর চলল তল্লাশি। বিবিসির ব্যবসায় বিদেশি মুদ্রার অনিয়মিত ট্রান্সফার ও লাভের হিসাবে গরমিল সংক্রান্ত তথ্য যাচাই করতেই মঙ্গলবার সকালে বিবিসির অফিসে হানা দেয় আয়কর বিভাগের আধিকারিকরা। সকালেই বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিস সিল করে দেওয়া হয়। দিনভর চলে সমীক্ষা। বিবিসির মুম্বই ও দিল্লির অফিস থেকে এখনও বের হননি আয়কর দফতরের আধিকারিকরা।

    বাজেয়াপ্ত ফোন-ল্যাপটপ

    আয়কর দফতর সূত্রে খবর, ‘সার্ভে’ চলাকালীন বেশ কিছু ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।  সংস্থার অফিসে থাকা সব কম্পিউটার এবং ল্যাপটপ নাকি স্ক্যান করছেন আধিকারিকরা। বহু পুরনো নথি খতিয়ে দেখা হচ্ছে। ২০১২ সাল থেকে বিবিসির আর্থিক লেনদেন ও লাভের হিসাব খতিয়ে দেখছেন আয়কর আধিকারিকরা। আজ দিনভর সার্ভে চলার কথা। উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ দিল্লি এবং মুম্বইয়ে বিবিসি-র দফতরে পৌঁছে গিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। অফিসে ঢুকেই বিবিসির সমস্ত সাংবাদিক এবং সংবাদকর্মীদের মোবাইল ফোন এবং ল্যাপটপ জমা করতে বলেন আধিকারিকরা।

    আরও পড়ুুন: ‘আমাদের সম্পদ চুরি করলে হামলা হবে’, কাশ্মীরে লিথিয়াম ভাণ্ডার নিয়ে হুমকি পাফের

    বিবিসির ট্যুইট

    বিবিসির তরফে ইতিমধ্যেই ট্যুইট করে জানানো হয়, নয়া দিল্লি ও মুম্বইয়ের অফিসে আয়কর বিভাগের আধিকারিকরা উপস্থিত রয়েছেন। বিবিসির তরফে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। দ্রুত এই পরিস্থিতির সমাধান হবে বলেই উল্লেখ করা হয়। বিবিসির যে সমস্ত কর্মীরা সেই মুহূর্তে অফিসে ছিলেন না, তাদের অফিসে আসতে বারণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও কাউকে মন্তব্য করতে বারণ করা হয়েছে। গভীর রাতে আরও একটি ট্যুইট করে ব্রিটিশ সংস্থার তরফে বলা হয়, ‘দিল্লি এবং মুম্বইয়ে বিবিসির অফিসে এখনও রয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। অনেক কর্মী তাদের বাড়িতে চলে গিয়েছেন। অনেক কর্মচারী অফিসেই রয়েছেন আয়কর দফতরের আধিকারিকদের সাহায্য করার জন্য। এই পরিস্থিতিতে আমরা আমাদের কর্মচারীদের যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করছি। আমাদের সাংবাদিকতা জারি রয়েছে। ভারতে আমাদের দর্শকদের সামনে আমরা খবর পরিবেশন জারি রাখব।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Delhi Murder: ধাবার ফ্রিজ থেকে উদ্ধার মহিলার দেহ, ফের দিল্লিতে চাঞ্চল্য

    Delhi Murder: ধাবার ফ্রিজ থেকে উদ্ধার মহিলার দেহ, ফের দিল্লিতে চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি এক খুনের নিষ্ঠুরতায় কেঁপে উঠেছিল গোটা দেশ (Delhi Murder)। রাতারাতি সংবাদ শিরোনামে এসেছিলেন দিল্লির বাসিন্দা। প্রেমিকের হাতে খুন হতে হয়েছিল শ্রদ্ধাকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দিল্লির আরও একটি খুনের ঘটনা সামনে এল। রাজধানীর এক ধাবার ফ্রিজ থেকে এক মহিলার  মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।    

    দিল্লির বাবা হরিদাস নগর থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে। দিল্লির পুলিশের (Delhi Murder) তরফে জানানো হয়েছে, অভিযুক্তের নাম সাহিল গেহলট। অভিযুক্ত ওই ধাবার মালিক। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনুমান করা হচ্ছে, ওই মহিলাকে খুনের পর ধাবার ফ্রিজে লাশ লুকিয়ে রাখে খুনি। ফ্রিজ থেকে ওই মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, কাশ্মীর গেট আইএসবিটির কাছে একটি গাড়িতে ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তারপর গাড়িতে করেই সেই দেহ নিয়ে আসেন ধাবায়। কেউ যাতে টের না পায়, তাই ফ্রিজের ভিতর ওই দেহ লুকিয়ে রাখেন। দেহটি লোপাট করার চেষ্টা করছিলেন সাহিল। কিন্তু তার আগেই ধরা পড়ে যান।  

    গোপন সূত্রে পুলিশ খবর পায় যে (Delhi Murder), ধাবার ভিতরে একটি দেহ লুকিয়ে রাখা আছে। সেই খবর পেয়েই তল্লাশি অভিযানে যায় পুলিশ। ধাবায় তন্ন তন্ন করে খোঁজার পর শেষেমেশ ধাবার ভিতরই একটি ফ্রিজের ভিতর থেকে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।

    আরও পড়ুন: শিক্ষক পদে চাকরির ‘পরীক্ষা’-র দাবিতে ডিগ্রিধারীদের অন্দোলনে অনুমতি হাইকোর্টের

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মহিলার বয়স ২৬ (Delhi Murder)। থাকতেন দিল্লির উত্তম নগরে। সাহিলের সঙ্গে প্রেম ছিল তাঁর। কিন্তু মহিলা সম্প্রতি জানতে পেরেছিলেন যে, অন্য একটি মহিলার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন সাহিল। তাঁকে বিয়ে করার কথাবার্তাও চলছিল। প্রেমিকা বিষয়টি জানতে পেরে যাওয়াতেই এই খুন বলে অনুমান করা হচ্ছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Air India: ফ্রান্স থেকে ২৫০টি যাত্রিবাহী বিমান কিনবে এয়ার ইন্ডিয়া, মোদি-মাক্রঁর উপস্থিতিতে স্বাক্ষরিত চুক্তি

    Air India: ফ্রান্স থেকে ২৫০টি যাত্রিবাহী বিমান কিনবে এয়ার ইন্ডিয়া, মোদি-মাক্রঁর উপস্থিতিতে স্বাক্ষরিত চুক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল এয়ার ইন্ডিয়া (Air India)। ফ্রান্স থেকে ২৫০টি যাত্রিবাহী এয়ারবাস বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে টাটা (Tata) গোষ্ঠী পরিচালিত এই বিমান সংস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁর ভার্চুয়াল উপস্থিতিতে স্বাক্ষরিত হয় ওই চুক্তি। দুই রাষ্ট্র প্রধানই এয়ার ইন্ডিয়া ও এয়ারবাস সংস্থার এই চুক্তির ভূয়সী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চুক্তিকে ভারত-ফান্স সম্পর্কের প্রতীক বলে অভিহিত করেছেন। আর মাক্রঁ জানান, ভারত-ফ্রান্স কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে এই চুক্তি। ভার্চুয়াল এই বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন টাটা সন্সের্ চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, এয়ারবাসের সিইও গিয়োম ফওরি, টাটা গোষ্ঠীর চেয়ারপার্সন রতন টাটা, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

    নরেন্দ্র মোদি…

    প্রসঙ্গত, ভারতের বাজারে কেবল বিক্রি নয়, বিশ্বের বড় শিল্প সংস্থাগুলির উৎপাদনও যাতে ভারতেই হতে পারে, সেজন্য মেক ইন ইন্ডিয়া স্লোগান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৫ সালে তিনি গিয়েছিলেন ফ্রান্সের তুলুসে, এয়ারবাসের কারখানায়। সেখানে ভারতে বিমান নির্মাণ কারখানা গড়ার বিষয়ে সম্মতি দিয়েছিলেন এয়ারবাস কর্তৃপক্ষ।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ডিয়ার নরেন্দ্র বলে সম্বোধন করেন মাক্রঁ। তিনি বলেন, ভারতের হাত ধরে যৌথভাবে অনেক সাফল্য অর্জন করেছে ফ্রান্স। মহাকাশ, সাইবার, প্রতিরক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, বায়োটেক, পরমাণু শক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে ভারতের পাশে সাহায্যের হাত বাড়িয়ে গিয়েছে ফ্রান্স। কোভিড অতিমারির শেষে এই সহযোগিতার সম্পর্ক আরও বাড়বে বলেই আশাবাসী ফরাসি প্রেসিডেন্ট।

    আরও পড়ুুন: ‘আমাদের সম্পদ চুরি করলে হামলা হবে’, কাশ্মীরে লিথিয়াম ভাণ্ডার নিয়ে হুমকি পাফের

    ভারত-ফ্রান্স এই চুক্তির (Air India) জন্য ফরাসি প্রেসিডেন্টকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এই চুক্তি ভারতের অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে সাফল্য ও আকাঙ্খার প্রতিফলন। অসামরিক বিমান পরিবহণ ভারতের বিকাশের অবিচ্ছেদ্য অংশ বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারত সরকারের জাতীয় পরিকাঠামো কৌশলের অন্যতম অংশ হল অসামরিক বিমানবন্দর। তিনি বলেন, অদূর ভবিষ্যতে অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে ভারত বিশ্বের তৃতীয় বৃহৎ বাজার হতে চলেছে। এজন্য আগামী ১৫ বছরে দু হাজারেরও বেশি বিমান লাগবে। এই বাড়তি চাহিদা পূরণে সহায়ক হবে এই চুক্তি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • SSC Recruitment: শিক্ষক পদে চাকরির ‘পরীক্ষা’-র দাবিতে ডিগ্রিধারীদের অন্দোলনে অনুমতি হাইকোর্টের

    SSC Recruitment: শিক্ষক পদে চাকরির ‘পরীক্ষা’-র দাবিতে ডিগ্রিধারীদের অন্দোলনে অনুমতি হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরির পরীক্ষার দাবিতে আন্দোলনে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (SSC Recruitment)। শহিদ মিনারে চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভের অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। শিক্ষক পদে অবিলম্বে নিয়োগ করতে হবে। নিতে হবে পরীক্ষা। এই দাবিতে হাইকোর্টে মামলা করেছিলেন চাকরিপ্রার্থীরা। ২০১৬ সালে শেষবার এসএলএসটি পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। শেষ ৬ বছর হয়নি কোনও পরীক্ষা। কমিশনে একাধিক চিঠি দিয়েও মেলেনি কোনও আশ্বাস। এতদিন আন্দোলনের অনুমতি দিচ্ছিল না পুলিশ। সে কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীরা।

    আরও পড়ুন: এক মিনিটেই সনাক্ত হবে টিবি, পোর্টেবল এক্সরে ডিভাইস বাজারে আনছে ভারতীয় সংস্থা        

    মঙ্গলবার বিচারপতি মান্থা আন্দোলনের অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহ থেকেই আন্দোলন করতে পারবেন চাকরিপ্রার্থীরা (SSC Recruitment)। এর আগেও হয়েছে বহু আন্দোলন। সুরাহা হয়নি কিছুই।  

    গত দুবছর ধরে চলছে আন্দোলন। প্রেস ক্লাব, বিকাশ ভবন, গান্ধীমূর্তির পাদদেশ। আন্দোলন হয়েছে সর্বত্র। লাভ হয়নি কিছুই। সম্প্রতি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি লিখেছেন আন্দোলনকারীরা। নিজেদের জীবন-যন্ত্রণার কথা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চান তাঁরা। তাঁদের একটাই অনুরোধ, মুখ্যমন্ত্রী যেন তাঁদের দ্রুত স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন।

    মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চাকরিপ্রার্থীদের মিছিল 

    এদিকে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল করলেন চাকরিপ্রার্থীরা। মাঝ রাস্তায় মিছিল আটকে দেয় পুলিশ। আন্দোলনকারীদের বক্তব্য, প্রশিক্ষণ নেওয়ার পর পাঁচ বছর ধরে তাঁরা বসে রয়েছেন। কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে না। আন্দোলনকারীদের হাতের ব্যানারে লেখা দেখা যায়, ‘কন্যাশ্রীকে রাত জেগে বিশ্বসেরা করল যারা, তারাই আজ বঞ্চিত’।

    স্কিল ইন্ডিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার শিক্ষকদের মিছিল এগোতে থাকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে। মাঝ রাস্তায় তা আটকে দেয় পুলিশ। তারপরেই রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে শুরু করেন স্কিল ইন্ডিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার শিক্ষকরা। বেশ খানিকক্ষণ এসব চলার পর সরিয়ে দেয় পুলিশ।  স্কিল ইন্ডিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার শিক্ষকরা অনেক দিন ধরেই নিয়োগের দাবি করছেন। এবার পথে নেমেছেন তাঁরাও। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Tuberculosis: এক মিনিটেই সনাক্ত হবে টিবি, পোর্টেবল এক্সরে ডিভাইস বাজারে আনছে ভারতীয় সংস্থা

    Tuberculosis: এক মিনিটেই সনাক্ত হবে টিবি, পোর্টেবল এক্সরে ডিভাইস বাজারে আনছে ভারতীয় সংস্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৫ সালের মধ্যে ভারত থেকে যক্ষ্মা (Tuberculosis) নির্মূল করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। সেই লক্ষ্যে আরও এক ধাপ এগোল ভারত। একটি শীর্ষস্থানীয় বায়োটেক কোম্পানি ভারতের প্রথম পোর্টেবল এক্স-রে ডিভাইস চালু করতে প্রস্তুত। এই ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রাথমিক পর্যায়ে এক মিনিটেই সংক্রামক রোগ নির্ণয় করা যাবে।    

    পুনে ভিত্তিক সংস্থা মাইল্যাব ডিসকভারি (Tuberculosis) সলিউশন, ১৪ ফেব্রুয়ারি Qure.ai-এর সঙ্গে যৌথভাবে ঘোষণা করেছে , মেডিকেল ইমেজিংয়ের সাহায্যে এআই সফ্টওয়্যারের একটি এক্সরে প্রযুক্তি নিয়ে আসা হবে। এর ফলে যক্ষ্মা প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণ এবং ফুসফুসের সার্বিক স্বাস্থ্য পরীক্ষা অনেক সহজ হয়ে যাবে।

    আরও পড়ুন: নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ, এখন থেকে ফটো কোয়ালিটি পছন্দ করতে পারবেন ডেস্কটপ ব্যবহারকারীরা

    মাইল্যাব এবং Qure.ai শীঘ্রই লঞ্চ করতে চলেছে হ্যান্ডহেল্ড এক্স-রে ডিভাইস (Tuberculosis)। এর ফলে টিবি রোগ নির্ণয় অনেক বেশি নির্ভুল এবং দ্রুত হবে। আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। শেষ পর্যায়ের পরীক্ষা- নিরীক্ষার পরই বাজারে উপলব্ধ হবে এই ডিভাইস। এর খরচ সাধারণ এক্স-রে পরীক্ষার মতোই হবে বলে জানা গিয়েছে৷

    ভারতের যক্ষ্মা পরিস্থিতি 

    সংস্থা দুটি জানিয়েছে, পালমোনারি টিবি রোগীদের খুব দ্রুত সনাক্ত (Tuberculosis) করা যাবে। এর ফলে ২০২৫- এর মধ্যে ভারত যক্ষ্মামুক্ত দেশে পরিণত হবে। এনটিইপি এর অধীনে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল তিনটি। এক, ২০২৫ সালের মধ্যে ৯৫ শতাংশ রোগীর মৃত্যুহার কমানো, দুই, ৯০ শতাংশ ক্ষেত্রে নতুন করে রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দূর করা এবং তিন, সরকারি ও বেসরকারি খাতে টিবি চিকিৎসায় রোগীর খরচ শূন্য করা। এই প্রকল্প ধাক্কা খায় ২০২১ সালে। কোভিডের কারণে যক্ষ্মা রোগীর রোগনির্ণয় প্রক্রিয়া খানিক বাধাপ্রাপ্ত হয়। তার নেতিবাচক ফলাফলও নজরে আসে।

    ২০১৯ সালে সারা দেশে রোগীর সংখ্যা ছিল ১৬ লক্ষের আশপাশে। টিবি ইন্ডিয়া রিপোর্ট ২০২২–এর তথ্য অনুসারে ২০২১ সালে টিউবারক্যুলোসিস রোগীর সংখ্যাটা দাঁড়ায় ১৯ লক্ষ ৩৩ হাজারেরও বেশি। অর্থাৎ রোগীর সংখ্যায় প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি ঘটে। এছাড়া প্রাণহানির হারও বাড়ে। তবে লড়াই থেমে ছিল না। তারই ফলে যক্ষ্মা নির্মূলকরণের উদ্যোগে কিছু ক্ষেত্রে সাফল্যও মিলেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • PAFF: ‘আমাদের সম্পদ চুরি করলে হামলা হবে’, কাশ্মীরে লিথিয়াম ভাণ্ডার নিয়ে হুমকি পাফের

    PAFF: ‘আমাদের সম্পদ চুরি করলে হামলা হবে’, কাশ্মীরে লিথিয়াম ভাণ্ডার নিয়ে হুমকি পাফের

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) মিলেছে লিথিয়ামের (Lithium) বিপুল ভাণ্ডার। দিন তিনেক আগে উপত্যকায় মেলা এই সাদা সোনার ভাণ্ডারের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তার বাহাত্তর ঘণ্টার মধ্যেই হুমকি দিল পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গী পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট (PAFF)। রীতিমতো চিঠি লিখে ওই জঙ্গি সংগঠন জানিয়েছে, জম্মু-কাশ্মীর থেকে যে সব সংস্থা লিথিয়াম উত্তোলন করে ব্যবসার কাজে লাগাবে, তাদের ওপর হামলা হবে। প্রসঙ্গত, এই জঙ্গি সংগঠন প্রায়ই নিরাপত্তা রক্ষী, রাজনৈতিক নেতা এবং ভিন রাজ্য থেকে জম্মু-কাশ্মীরে কাজে আসা লোকজনকে হুমকি দেয়।

    জম্মু-কাশ্মীর…

    ৯ ফেব্রুয়ারি ভারতীয় ভূতত্ত্ব সমীক্ষকরা জানান, জম্মু-কাশ্মীরের রিয়াসিতে প্রায় ৬ মিলিয়ন টনের লিথিয়াম ভাণ্ডার রয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় খনি মন্ত্রক বিবৃতি জারি করে জানায়, দেশের মধ্যে এই প্রথমবার লিথিয়াম খনির সন্ধান মিলেছে কাশ্মীর উপত্যকায়। লিথিয়াম ও সোনা মিশ্রিত ৫১টি খনিজ ব্লক সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপরেই পাফের (PAFF) তরফে সাধারণ নাগরিকদের উদ্দেশে বার্তা দেওয়া হয়, নিজেদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে একজোট হোন সকলে। চিঠিতে লেখা হয়েছে, এই সম্পদ জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের। এটা জম্মু-কাশ্মীরবাসীর কল্যাণের কাজে ব্যবহৃত হবে। কোনও কুৎসিত হিন্দুত্ব চোরকে আমাদের সম্পদ চুরি করতে দেওয়া হবে না। পরে এটা নিয়ে আমাদেরই হত্যা করবে। ভারতীয় কোম্পানি যারা জম্মু-কাশ্মীরের ঘোলা জলে মাছ ধরতে আসবে, তাদের কেবল জম্মু-কাশ্মীর নয়, ভারত মায় ভারতের বাইরেও প্রতিশোধ নেওয়া হবে। যারা আমাদের চেনে, তারা জানে আমরা যা বলি, তা করি।

    আরও পড়ুুন: ‘বিজেপির কিছু লুকোনোর নেই, ভয় পাওয়ারও নেই’, আদানিকাণ্ডে বললেন শাহ

    সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের কোনও একটি জায়গা থেকে চিঠিটি (PAFF) লেখা হয়েছে। তাতে বলা হয়েছে, জইশের সঙ্গী এই সংগঠনটি উপত্যকার উন্নতি সাধন করবে এবং কোনও ভারতীয় সংস্থা যাতে তাদের নিজেদের প্রাকৃতিক সম্পদ তুলে নিয়ে যেতে না পারে, সেই ব্যবস্থাও করবে। কেউ সে কাজ করলে তাদের ওপর হামলা হবেই। চিঠিতে ড্রোনের ছবিও দেওয়া হয়েছে। এই ছবি দিয়ে জঙ্গিরা বার্তা দিতে চাইছে, জম্মু-কাশ্মীরের বিভিন্ন ঘটনার ওপর নজর রয়েছে তাদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Allahabad: মহিলাদের বিরুদ্ধেও করা যেতে পারে গণধর্ষণের মামলা, সাফ জানাল এলাহবাদ হাইকোর্ট

    Allahabad: মহিলাদের বিরুদ্ধেও করা যেতে পারে গণধর্ষণের মামলা, সাফ জানাল এলাহবাদ হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধুমাত্র পুরুষ নয়, মহিলাদের বিরুদ্ধেও গণধর্ষণের মত অপরাধে মামলা দায়ের করা যেতে পারে, এমনটাই জানাল এলাহবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবের বেঞ্চ সোমবার একটি মামলায় এই রায় দিয়েছে। ভারতীয় দণ্ডবিধির আইন পর্যবেক্ষণ করে বিচারপতি যাদব জানিয়েছেন, একজন মহিলা কখনও ধর্ষণ করতে পারে না অন্য মহিলাকে। কিন্তু সেই মহিলা যদি গণধর্ষকদের কাজকে প্রশ্রয় দেয়, তবে সে-ও সমান অপরাধে অভিযুক্ত হবে, গণধর্ষণের মামলা রুজু করা হতে পারে তার বিরুদ্ধেও।

    মামলাটি কী?

    সূত্রের খবর, ২০১৫ সালের একটি এফআইআরের ভিত্তিতে এই মামলার শুনানি চলছিল আদালতে। অভিযোগ, ১৫ বছরের এক মেয়েকে অপহরণ করে গণধর্ষণ করা হয়েছিল। তার বয়ান রেকর্ড করার পরে পুলিশ জানতে পারে, গোটা ঘটনায় এক মহিলাও জড়িত ছিল। তবে ঘটনার চার্জশিটে ওই মহিলার নাম ছিল না। তা সত্ত্বেও ৩৭৬ ডি ধারায় (ধর্ষণ-সহ যৌন অপরাধ) মামলার শুনানিতে ওই মহিলাকে তলব করা হয়।

    এই পরিস্থিতিতে অভিযুক্ত ওই মহিলা সুনীতা পাণ্ডের আইনজীবী সওয়াল করেন যে, তাঁর মক্কেলকে ভুল করে আদালতে তলব করা হয়েছে গণধর্ষণের মামলায়। তাঁর মক্কেল একজন মহিলা। তাঁর পক্ষে অন্য মহিলাকে ধর্ষণ করা সম্ভব নয়। ফলে ভারতীয় সংবিধানের ৩৭৬ ডি ধারায় কখনওই অভিযোগ আনা যায় না একজন মহিলার বিরুদ্ধে। তিনি আরও দাবি করেন, মহিলার পক্ষে যেহেতু ধর্ষণ করা সম্ভবই নয়, তাই গণধর্ষণের চার্জও আনা যায় না।

    বিচারপতির রায়

    অভিযুক্ত সুনীতার আইনজীবীকে পাল্টা জবাব দিতে সংবিধানের ৩৭৫ এবং ৩৭৬ নম্বর অনুচ্ছেদে ধর্ষণের যে সংজ্ঞা উল্লেখ করা হয়েছে, সেই প্রসঙ্গ আনা হয়েছে। বলা হয়েছে, ৩৭৫ ধারায় স্পষ্ট করেই লেখা আছে, ধর্ষণ কেবল পুরুষরা করতে পারে, মহিলারা নয়। তবে ৩৭৬-ডি ধারা বলছে, কোনও মহিলা যদি গণধর্ষণে অভিযুক্তদের সাহায্য করেছে বলে জানা যায়, তবে সে-ও সমান দোষে দোষী। এরপরেই বিচারপতি বলেন, “কোনও মহিলা ধর্ষণ করতে পারেন না। তবে তিনি যদি এক দল লোকের সঙ্গে মিলে এই কাজটি (ধর্ষণ) করতে সহায়তা করেন, তবে তাঁর বিরুদ্ধেও গণধর্ষণের মামলা হতে পারে।” তিনি রায় দেওয়ার সময়ে ‘ব্যক্তি’ শব্দের উপর জোর তিনি জানান, ব্যক্তি বলতে এ ক্ষেত্রে সঙ্কীর্ণ ভাবে কেবল পুরুষদের বোঝানো হয়নি। ‘ব্যক্তি’ বলতে কোনও মহিলা বা যে কোনও সংঘবদ্ধ দলও বোঝাতে পারে।

    ফলে সব দিক বিচার করে বিচারপতি রায় দেন, এই ঘটনায় অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধেও গণধর্ষণের সাজাই দেওয়া হবে, কারণ তিনি একদল ব্যক্তির সঙ্গে ধর্ষণের কাজে সাহায্য করেছেন।

  • PM Modi: কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন মোদি

    PM Modi: কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেক্স: আজ ১৪ ফেব্রুয়ারি। চার বছর আগে ঠিক এই দিনে কাশ্মীরের (Kashmir) পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় শহিদ হয়েছিলেন ৪০জন সিআরপিএফ (CRPF) জওয়ান। মঙ্গলবার সেই শহিদদেরই শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এনিয়ে একটু ট্যুইটও করেন তিনি। তাতে লেখেন, আজকের দিনে পুলওয়ামায় যে বীরদের হারিয়েছি, তাঁদের স্মরণ করছি। তাঁদের এই আত্মত্যাগ আমরা কোনওদিন ভুলব না। তাঁদের সাহস আমাদের শক্তিশালী দেশ গড়ে তুলতে উদ্বুদ্ধ করে।

    সিআরপিএফ…

    প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের একটি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরক ঠাসা একটি গাড়ি নিরাপত্তা বাহিনীর ওই কনভয়ে হামলা চালায়। শহিদ হন সিআরপিএফের ৪০ জন জওয়ান। জখমও হন বেশ কয়েকজন জওয়ান। হামলার দায় স্বীকার করে মাসুদ আজাহারের নেতৃত্বাধীন পাকিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-ই-মহম্মদ।

    প্রধানমন্ত্রীর পাশাপাশি পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ট্যুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইট বার্তায় তিনি লিখেছেন, আমি সেই সাহসী জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাই, যাঁরা ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় তাঁদের জীবন দিয়েছেন। জাতি তাঁদের আত্মত্যাগকে ভুলতে পারবে না। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের বীরত্ব ও অদম্য সাহস সব সময় অনুপ্রেরণা হয়ে থাকবে।

    আরও পড়ুুন: ‘বিজেপির কিছু লুকোনোর নেই, ভয় পাওয়ারও নেই’, আদানিকাণ্ডে বললেন শাহ

    ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিন। এদিন এই নারকীয় ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছিল ভারতবাসী। বিশ্বজুড়ে উঠেছিল নিন্দার ঝড়। ঘটনার তদন্তের নির্দেশ দেয় ভারত সরকার। তদন্তে উঠে আসে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের নাম। পাল্টা আঘাত করে ভারত। ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি এয়ারস্ট্রাইক করে ভারত। ভেঙে গুঁড়িয়ে দেয় পাকিস্তানের বেশ কিছু জঙ্গি ঘাঁটি। ১৪ ফেব্রুয়ারির ওই ঘটনার পর ফি বছর পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    উনিশের ১৪ ফেব্রুয়ারির ওই ঘটনার পর বাইশ সালের অক্টোবর মাসেও ফের রক্তাক্ত হয় উপত্যকা। পুলওয়ামা জেলায় জঙ্গি হামলায় শহিদ হন এক পুলিশ কর্মী। জখম হন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এক কর্মী। কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়, পুলওয়ামার পিঙ্গলানায় সিআরপিএফ ও পুলিশ যৌথভাবে নাকা চেকিং চালানোর সময় গুলি ছোড়ে জঙ্গিরা। শহিদ হন এক পুলিশ কর্মী। জখম হন সিআরপিএফের এক জওয়ান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share