Blog

  • Herd Immunity: হার্ড না হাইব্রিড, করোনা প্রতিরোধে কোন ইমিউনিটি বেশি কার্যকর?

    Herd Immunity: হার্ড না হাইব্রিড, করোনা প্রতিরোধে কোন ইমিউনিটি বেশি কার্যকর?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিএফ সেভেন ভ্যারিয়েন্টের সংক্রমণে চিনে এখন ভয়ঙ্কর অবস্থা চলছে। সেদেশে হাসপাতাল গুলিতে বেড পর্যন্ত খালি পাওয়া যাচ্ছে না। দেশে মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। সরকারি নথি বলছে ইতিমধ্যে সে দেশে প্রতিদিন ১০ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। ৫০০০ মানুষের মৃত্যু ঘটছে প্রতিদিন। যদিও  বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্র দাবি করেছে যে তথ্য গোপন করছে চিন। ওই সংবাদপত্রগুলির আরও দাবি,১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে মোট ২৫ কোটি মানুষ চিনে করোনা আক্রান্ত হয়েছে। চিনের বর্তমান পরিস্থিতি ঠিক সেদেশের ২০১৯-২০২০ সালের কথা মনে করাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে চিনের তৈরি ভ্যাকসিন নাকি খুব বেশি কার্যকরী নয় এবং বিশ্বের অন্যান্য ভ্যাকসিনের তুলনায় এটি ৫০ থেকে ৬০ শতাংশই কার্যকরী। সে কারণেই চিনে এত বেশি সংক্রমণ শুরু হয়েছে। চিনের এই পরিস্থিতির কারনে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। সতর্কতামূলক ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন যে তাঁরা যেন দাঁড়িয়ে থেকে হাসপাতালগুলির পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উচ্চস্তরের একটি বৈঠক কিছুদিন আগে সম্পন্ন হয়েছে, ২৭ ডিসেম্বর মঙ্গলবার দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল গুলিতে মহড়া চলেছে, করোনা মোকাবিলাতে হাসপাতালগুলি কতটা প্রস্তুত রয়েছে সেটা দেখার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, হার্ড ইমিউনিটি (Herd Immunity) নয় হাইব্রিড ইমিউনিটি ভারতীয়দের সুরক্ষা প্রদান করবে এই মহামারীর সময়। এবার আসুন আমরা জেনে নেই হার্ড ইমিউনিটি (Herd Immunity)  এবং হাইব্রিড ইউনিটির মধ্যে পার্থক্য।

    হার্ড ইমিউনিটি (Herd Immunity)  এবং হাইব্রিড ইউনিটি

    হার্ড ইমিউনিটি (Herd Immunity)  কোভিড ইনফেকশন থেকে তৈরি হয়। যেখানে একটি প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় জনসাধারণের বৃহত্তর অংশের মধ্যে। অতীতে কোনও ব্যক্তি করোনা আক্রান্ত হলে, তার ভিতরে হার্ড (Herd Immunity) ইমিউনিটি তৈরি হয়ে। অন্যদিকে একধাপ এগিয়ে রয়েছে হাইব্রিড ইমিউনিটি। যদি কোনও ব্যক্তির ভ্যাকসিন ডোজ নেওয়া থাকে এবং অতীতে যদি করোনা আক্রান্ত হয়ে থাকেন তাহলে শরীরের মধ্যে একটি শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হবে। এটাই হল হাইব্রিড ইমিউনিটি।
    বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন যে ভারতবর্ষে বেশিরভাগ মানুষই ভ্যাকসিনের দুটো ডোজই নিয়েছেন। আবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন এই সংখ্যা কোটির উপরে। করোনার প্রথম তিনটি ঢেউয়ে ভারতবর্ষে হাইব্রিড ইমিউনিটি অনেকটাই তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে বিএফ সেভেনের যে দাপট চলছে সেটি ভারতবর্ষে অতটা কার্যকরী হবে না তার কারণ ভারতীয়দের মধ্যে হাইব্রিড ইমিউনিটি তৈরি হয়ে গেছে।

  • Group D Recruitment Scam: গ্রুপ ডি-তে শূন্যপদ ছাড়াই নিয়োগ, চাঞ্চল্যকর তথ্য সিবিআই রিপোর্টে

    Group D Recruitment Scam: গ্রুপ ডি-তে শূন্যপদ ছাড়াই নিয়োগ, চাঞ্চল্যকর তথ্য সিবিআই রিপোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: কোনওরকম শূন্যপদ ছাড়াই গ্রুপ ডি পদে (Group D Recruitment Scam) নিয়োগ করা হয়েছে ১২৭১ জনকে। এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে সিবিআই রিপোর্টে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশন  গ্রুপ ডি-তে ৩২১৬টি শূন্যপদের ঘোষণা করেছিল। কিন্তু পরে দেখা যায় ৪৪৮৭ পদে প্রার্থীর সুপারিশ করে এসএসসি। এর মধ্যে ৩৮৮০ জনের চাকরির সুপারিশ করা হয়েছিল প্যানেলের মেয়াদের সময়কালে। বাকি ৬০৭ জনকে নিয়োগ করা হয়েছিল প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর। শূন্যপদের বাইরে কীভাবে ১২৭১ জনের চাকরি হল? তা নিয়ে উঠছে প্রশ্ন। বুধবার সিবিআই রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

    কী অভিযোগ? 

    প্রসঙ্গত, অতিরিক্ত শূন্যপদের বিষয়ে সাধারণত সিদ্ধান্ত নেয় রাজ্যসভা মন্ত্রিসভা। সেই সিদ্ধান্ত ছাড়া কীভাবে এতগুলি পদে নিয়োগ (Group D Recruitment Scam) করা হল তা নিয়ে উঠছে প্রশ্ন। এসএসসির চাকরি ক্ষেত্রে অতিরিক্ত শূন্যপদ প্রযোজ্য কী না তা নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আর তার জেরেই বর্তমানে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার অতিরিক্ত শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।

    দুদিন আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে গ্রুপ ডির (Group D Recruitment Scam) ১,৬৯৮ জনের তালিকা প্রকাশ করে এসএসসি। অভিযোগ, এই ১,৬৯৮ জনেরই অবৈধ নিয়োগ হয়েছে। সিবিআই তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তারপরই হাইকোর্ট ১,৬৯৮ জন চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। এরপরই স্কুল শিক্ষা দফতর সেই নির্দেশ মেনে তালিকা প্রকাশ করে।

    আরও পড়ুন: ভুয়ো শংসাপত্র দিয়েও হয়েছে শিক্ষক নিয়োগ, হাইকোর্টে স্বীকার করলেন মহকুমা শাসকরা

    রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Group D Recruitment Scam) উত্তাল রাজ্য রাজনীতি। চাকরি বাতিল হয়ে গিয়েছে অনেকের। নবম-দশমে প্রথমে ১৮৩ জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। এরপর আরও ৯৫২ জনের তালিকা প্রকাশ করা হয়। গ্রুপ-ডি এর ক্ষেত্রেও ১০০টি সাদা ওএমআর শিট প্রকাশ করেছে কমিশন। অনুমান করা হচ্ছে কয়েক হাজার স্কুল শিক্ষকের চাকরি যেতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  
      

  • BCCI: নতুন নির্বাচক কমিটি গঠন! আজই বৈঠকে বসছে ক্রিকেট উপদেষ্টা কমিটি

    BCCI: নতুন নির্বাচক কমিটি গঠন! আজই বৈঠকে বসছে ক্রিকেট উপদেষ্টা কমিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক কমিটি গঠন ঘিরে বিতর্ক তুঙ্গে। টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার জেরে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ভেঙে দিয়েছিল বিসিসিআই (BCCI)। তবে ওই কমিটিকে বলা হয়েছিল, নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে। সেই মতো শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ এবং একদিনের সিরিজের দল নির্বাচন করেছে পুরনো কমিটি। রনজি ট্রফির ম্যাচেও তাঁদের দেখা যাচ্ছে। কারণ, নতুন কমিটি ঘোষণা হতে আরও কিছুদিন সময় লাগবে। শুক্রবারই বৈঠকে বসছে ক্রিকেট উপদেষ্টা কমিটির (CAC) তিন সদস্য অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েক। তাঁরাই নতুন নির্বাচকদের বেছে নেবেন।

    নির্বাচক কমিটি গঠন নিয়ে বিতর্ক

    বিসিসিআই (BCCI) সূত্রে খবর, জাতীয় নির্বাচক হওয়ার জন্য প্রথমে ৬০০টি আবেদন পত্র জমা পড়েছিল। যার মধ্যে ছিল শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, ইনজামাম-উল-হকদের মতো প্রাক্তন ক্রিকেটারদের নাম। যদিও সেই সিভি তৈরি করা হয়েছিল ভুয়ো পরিচয়পত্র দিয়ে। যাবতীয় নথি খতিয়ে দেখে ক্রিকেট উপদেষ্টা কমিটি (CAC) ৬০ জনের প্রাথমিক তালিকা তৈরি করেছে। সেই তালিকায় রয়েছে বেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তন ক্রিকেটার। খুব সম্ভবত তিনিই হবেন জাতীয় নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান। কিন্তু মজার ব্যাপার হল, বিদায়ী নির্বাচকদের মধ্যে চেতন শর্মাও আবেদন করেছেন। তাঁরও ইন্টারভিউ হবে। আবেদন করেছেন হরবিন্দর সিংও। তবে দেবাশিস মোহান্তি এই পথ মাড়াননি।

    আরও পড়ুন: মেসির সই করা জার্সি পেল ধোনি কন্যা! উপহার পেয়ে উচ্ছ্বসিত জিভা

    জাতীয় নির্বাচক হতে পারলে বছরে ১ কোটি টাকা উপার্জনের সুযোগ রয়েছে। চেয়ারম্যান পাবেন আরও বেশি টাকা। তাই অনেকেই আবেদন করেছেন। কিন্তু বোর্ড সূত্রের খবর, যোগ্য প্রার্থী খুঁজে পেতে সমস্যা হচ্ছে। সেই কারণে পুরানো কমিটির কয়েকজনকে হয়তো রেখে দেওয়া হতে পারে। তবে চেতন শর্মা নির্বাচিত হলেও নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাঁকে উত্তরাঞ্চল থেকে সাধারণ প্রতিনিধি হিসেবেই কাজ করতে হবে। সেটা কি তিনি মেনে নেবেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। অনেকে বলছেন, সবই সাজানো ব্যাপার। বিসিসিআই (BCCI) কর্তারা আগে থেকেই সব কিছু ঠিক করে রেখেছেন। ক্রিকেট উপদেষ্টা কমিটির (CAC) ইন্টারভিউ নেওয়া পুরোপুরি লোক দেখানো।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Kolkata Weather: এক লাফে ৬ ডিগ্রি পারদ পতন, শীত ফিরল কলকাতায়, থাকবে কতদিন?

    Kolkata Weather: এক লাফে ৬ ডিগ্রি পারদ পতন, শীত ফিরল কলকাতায়, থাকবে কতদিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এক লাফে তাপমাত্রায় পতন হল ৬ ডিগ্রি। এক ধাক্কায় ৬ ডিগ্রি নামল পারদ (Kolkata Weather)। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। ভোরের দিকে কুয়াশা ছিল। কিন্তু বেলা বাড়তেই গায়েব কুয়াশা। দেখা মিলল পরিষ্কার আকাশের। 
     
    আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ ও কাল পারদ নামলেও, শনি ও রবিবার তাপমাত্রা (Kolkata Weather) ফের বাড়তে পারে। ফলে বর্ষবরণে শীতের আমেজ থাকলেও, জাঁকিয়ে শীত পড়বে না। প্রসঙ্গত, বড়দিনেও শীতের আমেজ থেকে বঞ্চিত থেকেছে রাজ্যবাসী। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি।

    আরও পড়ুন: ১৪৫৮ পদে নিয়োগ করতে চলেছে সিআরপিএফ, জানুন বিস্তারিত

    সম্প্রতি কয়েকদিন কেমন ছিল কলকাতার তাপমাত্রা?

    ২২ ডিসেম্বর ১৪.৮ ডিগ্রি,
    ২৩ ডিসেম্বর ১৪.৬ ডিগ্রি,
    ২৪ ডিসেম্বর ১৪.৮ ডিগ্রি,
    ২৫ ডিসেম্বর ১৭.২ ডিগ্রি,
    ২৬ ডিসেম্বর ২০.৩ ডিগ্রি,
    ২৭ ডিসেম্বর ২০.৭ ডিগ্রি (উষ্ণতম),
    ২৮ ডিসেম্বর ২০.৬ ডিগ্রি,
    ২৯ ডিসেম্বর ১৪.৪ ডিগ্রি

    শীতে কাঁপছে উত্তর এবং পশ্চিম ভারত। কোল্ড ডে পরিস্থিতি তৈরি হয়েছে চণ্ডীগড়-সহ একাধিক শহরে (Kolkata Weather)। তার সঙ্গে পাল্লা দিচ্ছে কুয়াশা। শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি চলায় দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে পারদ অনেকটাই নেমেছে। বিপরীত ঘূর্ণাবর্তের জলীয় বাষ্পের শক্তিশালী দেওয়াল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেই কনকনে হাওয়া ঢুকতে দেয়নি বড়দিনে। সেই বাধা সরতেই ফিরেছে শীত। বিহার এবং ঝাড়খণ্ডে তীব্র শীত। তাই এই রাজ্যের পশ্চিমাঞ্চল সহ উত্তরবঙ্গের সমতলের বিহার লাগোয়া জেলাতেও শীতের কামড় অনুভূত হচ্ছে। মেঘমুক্ত পরিস্কার আকাশ রয়েছে এখানে। জলীয় বাষ্পের দেওয়াল সরার ফলে শুষ্কতার অনুভূতি মিলছে। দক্ষিণবঙ্গে আপাতত ৪ থেকে ৫ দিন থাকবে শুষ্ক ও পরিচ্ছন্ন আবহাওয়া। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বাতাসের পরিমান বেড়ে যাওয়ায় এবং উত্তর পশ্চিমী শীতল বায়ু দুর্বল পড়ার কারণে কয়েকদিন ধরে বেড়ে যায় তাপমাত্রা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Narendra Modi: কালই শহরে মোদি! জেনে নিন প্রধানমন্ত্রীর সফরসূচির পরিবর্তিত সময়

    Narendra Modi: কালই শহরে মোদি! জেনে নিন প্রধানমন্ত্রীর সফরসূচির পরিবর্তিত সময়

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষের আগের দিন। উৎসবমুখর কলকাতা। এমনই সময় শুক্রবার শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সফর ঘিরে বাংলায় সাজো সাজো রব বাংলায়। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। পাশাপাশি নতুন করে সেজে উঠছে ইডেন গার্ডেন্স স্টেশন সহ গঙ্গা তীরবর্তী চক্ররেলের স্টেশনগুলি। স্ট্র্যান্ড রোড থেকে সরানো হচ্ছে অপ্রয়োজনীয় হোর্ডিং। তুলে দেওয়া হয়েছে রাস্তার আশেপাশের দোকান।

    প্রধানমন্ত্রীর সফরসূচি

    রাজ্য়ের প্রথম এবং দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করতে মূলত শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেনের (Semi High Speed Train) আনুষ্ঠানিক সূচনার পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির (Narendra Modi)। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও যোগ দেওয়ার কথা তাঁর। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Chief Minister Mamata Banerjee)।

    আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হীরাবেন, অসুস্থ মাকে দেখতে গুজরাট পৌঁছলেন নরেন্দ্র মোদি

    প্রধানমন্ত্রীর সফরসূচির একঝলক: ৩০ ডিসেম্বর সকাল ১০টার পরিবর্তে ১১:১৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের ফ্লাগ অফ করার পাশাপাশি কয়েকটি মেট্রো প্রজেক্টের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি কয়েকটি নতুন প্রজেক্টের উদ্বোধন করার কথাও রয়েছে তাঁর। হাওড়া স্টেশনে ৩০ মিনিট থাকবেন প্রধানমন্ত্রী। তারপর দুপুর বারোটা নাগাদ আইএনএস নেতাজি সুভাষের সংলগ্ন এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখান থেকেই একটি প্রদর্শন ঘুরে দেখার কথা প্রধানমন্ত্রীর। প্রদর্শন ঘুরে দেখার পর আইএনএস নেতাজি সুভাষে দ্বিতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন তিনি। দুপুর ১২টা ২৫ থেকে দুপুর দুটো পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা গঙ্গা পরিষদের বৈঠক করবেন মোদি। এই গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুর দুটো থেকে ২.৪৫ মিনিট পর্যন্ত মধ্যাহ্ন ভোজের জন্য বিরতি রাখা থাকছে। দুপুর ৩:১৫ নাগাদ কলকাতা এয়ারপোর্ট  থেকে  বিশেষ বিমানে দিল্লির জন্য রওনা দেবেন প্রধানমন্ত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Partha Chatterjee: এবার নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের কর্মচারী এবং পরিচারককে তলব সিবিআই- এর

    Partha Chatterjee: এবার নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের কর্মচারী এবং পরিচারককে তলব সিবিআই- এর

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার সিবিআই স্ক্যানারে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) কর্মচারী এবং পরিচারক। এবার তাঁদের নিজাম প্যালেসে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে তাঁদের হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    কী জানা গিয়েছে? 

    সিবিআই সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর (Partha Chatterjee) বাড়িতে যাঁরা থাকেন, রান্নাবান্না সহ অন্যান্য কাজকর্ম করেন তাঁদের থেকে পার্থর আগেকার গতিবিধির খোঁজ নেওয়া হবে। পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে কার কার সঙ্গে দেখা করতেন সেই খোঁজও নেওয়া হবে। একটা সময়ে পার্থ চট্টোপাধ্যায় বিকাশ ভবনে যাওয়া বন্ধ করে দেন। নিজের বাসভবনকেই বানিয়ে ফেলেছিলেন শিক্ষা দফতর। তা নিয়ে বিস্তর সমালোচনাও হয়। সেই সময় কারা তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে বাড়িতে আসতেন এখন তাই জানতে চাইছেন গোয়েন্দারা।  

    পার্থ (Partha Chatterjee) আদালতে সওয়াল করতে গিয়ে বলেছেন, উপদেষ্টা কমিটির সঙ্গে তিনি কোনও বৈঠক করেননি। গোয়েন্দাদের সন্দেহ, পার্থর বাড়িতে গিয়ে শান্তিপ্রসাদ সিনহা, অশোক সরকাররা দেখা করতেন। সে ব্যাপারেই বাড়ির পরিচারকের প্রশ্ন করতে চান সিবিআই আধিকারিকরা।

    শিক্ষা দফতরের কোন কোন আধিকারিক পার্থর (Partha Chatterjee) বাড়িতে যেতেন তাও জানতে চাইছে সিবিআই। তাছাড়া অর্পিতা মুখোপাধ্যায় নিয়েও পার্থর বাড়ির কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। তাঁদের বয়ানকে সাপ্লিমেন্টরি চার্জশিটে জুড়বে গোয়েন্দা সংস্থা।

    আরও পড়ুন: ৩০ তারিখ উদ্বোধন হচ্ছে জোকা মেট্রো, কবে থেকে পরিষেবা পাবেন যাত্রীরা?

    সিবিআই সূত্রে জানা গিয়েছে, পার্থ-ঘনিষ্ঠ এক সরকারি কর্মীর পার্থর (Partha Chatterjee) ব্যক্তিগত কার্যালয়েও নিয়মিত যাতায়াত ছিল। সেই কার্যালয়ে তিনি কেন যেতেন, আর কাদের যাওয়া আসা ছিল পার্থর ওই অফিসে, সেই সমস্ত তথ্যও জানতে চাইবে সিবিআই। এসএসসি দুর্নীতি তদন্তে মূল অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর কার্যকলাপের হদিশ পেতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে অনুমান।  

    উল্লেখ্য, এর আগেও পার্থ-ঘনিষ্ঠ, শিক্ষা দফতরের (Partha Chatterjee) এই কর্মী সিবিআই দফতরে এসেছেন। তখনও সিবিআই তাঁকে তলব করেনি। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে বেশ কিছু নথি সঙ্গে নিয়ে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Heeraben Modi: হাসপাতালে ভর্তি হীরাবেন, অসুস্থ মাকে দেখতে গুজরাট পৌঁছলেন নরেন্দ্র মোদি

    Heeraben Modi: হাসপাতালে ভর্তি হীরাবেন, অসুস্থ মাকে দেখতে গুজরাট পৌঁছলেন নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁকে গুজরাটের আহমেদাবাদের ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়েছে। এবছর শতবর্ষ অতিক্রম করেছেন হীরাবেন। চলতি মাসের শুরুতেই মায়ের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী। গুজরাটের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগেরদিন সন্ধ্যায় গান্ধীনগরে মায়ের সঙ্গে দেখা করেন তিনি।

    হাসপাতালের তরফে বুধবার একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে হীরাবেনের অসুস্থতা ও শারীরিক পরিস্থিতি সম্পর্কে এর বাইরে আর কোনও তথ্য প্রকাশ করেনি হাসপাতাল। সূত্রের খবর, বয়স জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বুধবার সকাল থেকেই বিজেপির একাধিক নেতা পৌঁছে গিয়েছেন হাসপাতালে। হীরাবেন মোদির শারীরিক অবস্থার খবর নিয়েছেন তাঁরা। 

    তবে, পরিবার সূত্রে জানানো হয়েছে উদ্বেগের কোনও কারণ নেই। এর আগেও একাধিকবার তাঁকে একইভাবে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এদিকে মায়ের অসুস্থতার খবর পেয়ে সব কর্মসূচি বাতিল করে আহমেদাবাদ পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি। গুজরাট প্রশাসন সূত্রে খবর, বিমানবন্দরে নেমেই আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে পৌঁছন মোদি।

    গত জুনে হীরাবেন মোদি ১০০ বছর অতিক্রম করেছেন। মায়ের একশো বছরের জন্মদিনে গান্ধীনগরের বাড়িতে যান প্রধানমন্ত্রী ছেলে। শতায়ু মায়ের পাও ধুয়ে দেন নরেন্দ্র মোদি। হীরাবেন বর্তমানে নরেন্দ্র মোদির ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকেন।

    আরও পড়ুন: রাজ্যে সঠিকভাবে নষ্ট করা হয় না মেডিক্যাল বর্জ্য, অভিযোগ স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে 

    প্রসঙ্গত, গতকাল, অর্থাৎ, মঙ্গলবারই দুর্ঘটনার কবলে পড়েন নরেন্দ্র মোদির আরেক ভাই প্রহ্লাদ মোদি। মঙ্গলবার নিজের ছেলে, বউমা ও নাতির সঙ্গে বন্দিপুর যাচ্ছিলেন প্রহ্লাদ মোদি। সেই সময়ই কর্নাটকের মহীসুরুর কাছে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সকলেই সুস্থ রয়েছেন। এরই মাঝে ফের বিপদে মোদি পরিবার।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Bagnan: ছিনতাইয়ে বাধা! বাগনানে স্বামী ও শিশুকন্যার সামনেই গুলি করে হত্যা মহিলাকে

    Bagnan: ছিনতাইয়ে বাধা! বাগনানে স্বামী ও শিশুকন্যার সামনেই গুলি করে হত্যা মহিলাকে

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বামী ও আড়াই বছরের শিশু কন্যার সামনেই মহিলাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল। ছিনতাইয়ে বাধা দেওয়ায় রিয়া কুমারী নামে ওই মহিলাকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। বুধবার ভোর ৬টা নাগাদ বাগনানের রাজাপুর থানার মহিষরেখা ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। 

    ঘটনার গতিপ্রকৃতি

    পুলিশ সূত্রে জানা গিয়েছে আড়াই বছরের মেয়ে ও স্ত্রীকে নিয়ে রাঁচি থেকে গাড়িতে করে কলকাতা আসছিলেন প্রকাশ কুমার নামের এক ব্যক্তি।  প্রকাশ নিজেই রাঁচি থেকে গাড়ি চালিয়ে আসছিলেন। প্রকৃতির ডাকে মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি দাঁড় করিয়েছিলেন প্রকাশ। সেই সময় তাঁদের ঘিরে ধরে তিন জন দুষ্কৃতী। তিন জনেই সশস্ত্র ছিল। প্রকাশ এবং তাঁর স্ত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা। ছিনতাইয়ে বাধা দেন প্রকাশ। গাড়ি থেকে নেমে আসেন প্রকাশের স্ত্রী রিয়াও। সেই সময় রিয়াকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কানের তলায় গুলি লাগে রিয়ার। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রিয়া। গুলি চালিয়ে দুষ্কৃতীরা ছিনতাই করে পালিয়ে যায় বলে দাবি প্রকাশের। গাড়ির পিছনের সিটে শিশু কন্যাকে রেখে, রক্তাক্ত স্ত্রীকে তিনি গাড়ির ডিকিতে ঢোকান।

    আরও পড়ুন: পুলিশি তদন্তের মুখে খোদ পুলিশ-ই! উত্তরবঙ্গে তিন অফিসারের বাড়িতে তল্লাশি

    প্রকাশের বয়ান অনুযায়ী, তাঁকে সে সময়ে সাহায্য করার কেউ ছিল না। রক্তাক্ত অবস্থায় পিছনের সিটেও স্ত্রীকে রাখতে পারেননি। কারণ তাঁর শিশু ছিল। গাড়ির ডিকিতে স্ত্রীকে ঢুকিয়ে কোনওমতে গাড়ি চালিয়ে কিছুদূরে যান প্রকাশ। পীরতলার কাছে রাস্তার ওপর থাকা একটি চায়ের দোকানে সাহায্য চাইতেই স্থানীয়রা তাঁর স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে। স্থানীয় তরফে রাজাপুর থানার পুলিশকেও খবর দেওয়া হয়। আহত মহিলাকে রক্তাক্ত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসাপাতালে নিয়ে যাওয়া হয়ে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। 

    তদন্ত শুরু করেছে পুলিশ

    এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য় ছড়ায়। যেভাবে ভোর বেলা জাতীয় সড়কের উপরে গুলি চালানোর অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখছে পুলিশও। নিহত মহিলার স্বামীর বয়ান খতিয়ে দেখতে তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়া জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ঘটনাস্থলের আশপাশে কোনও সিসিটিভি ফুটেজ আছে কি না, তাও খোঁজ করে দেখা হচ্ছে। রিয়াকে খুনের নেপথ্যে শুধুমাত্র ছিনতাইয়ে উদ্দেশ্য ছিল, এই তত্ত্বে খটকা লাগছে পুলিশের। যেখানে গাড়ি থামানো হয়, যে ভাবে প্রকাশ নেমে যান গাড়ি থেকে, তাও প্রশ্ন তুলছে। সবদিক খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় একমাত্র সাক্ষী প্রকাশ। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ জরুরি বলে মত পুলিশের।

  • Kolkata Weather: আজও তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে, বর্ষবরণে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    Kolkata Weather: আজও তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে, বর্ষবরণে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: কুয়াশার চাদরে ঢেকেছে রাজ্য। কলকাতাতেও কুয়াশা। সূত্রের খবর অনুযায়ী, বুধরাত ভোররাতে কলকাতার কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। আর এদিকে বছর শেষের দিকে, তবুও পারদ ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে আবহাওয়ার খামখেয়ালি আচরণ ক্রমশই লাগামছাড়া হয়ে উঠছে। আজও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। গতকাল তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০০৪ সালে ২১ শে ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রার ১৮ বছরের রেকর্ড ভেঙে গিয়েছে কলকাতায়। ডিসেম্বরের শেষ, তবুও নেই ঠান্ডা। ফলে শহরবাসী শীতের অপেক্ষায়। তবে হাওয়া অফিস শীত নিয়ে খুশির খবর দিয়েছে। ইঙ্গিত, আজ থেকেই হতে পারে আবহাওয়ার বিশাল পরিবর্তন।

    কলকাতার আবহাওয়া

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ থাকবে আংশিক মেঘলা আকাশ। ভোররাতে কলকাতার কয়েকটি জায়গা থেকে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গিয়েছে। কুয়াশা থাকার সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি হয়েই চলেছে। তবে আবহবিদরা জানিয়েছেন, আজ থেকেই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বর্ষবরণে জাঁকিয়ে শীত না পড়লেও শীতের আমেজ ফিরবে।

    আরএমসি কলকাতার ওয়েবসাইট অনুযায়ী, ৩১ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি। ১ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি। ২ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি। এবং ৩ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

    আবহাওয়ার পরিস্থিতি এমন কেন?

    আবহাওয়া অফিস জানাচ্ছে, উচ্চচাপের কারণে জলীয় বাষ্পের অতিরিক্ত প্রবেশের ফলেই আবহাওয়ার এই পরিবর্তন। আবহবিদরা এর আগেই বলেছিলেন, উত্তুরে হাওয়া বাধা পাওয়ার পাশাপাশি, দক্ষিণা বাতাস ঢুকতে শুরু করায় জলীয় বাষ্প তৈরি হওয়ার কারণে কয়েকদিন ধরেই তাপমাত্রা বাড়ছে। তবে বুধবার দুপুরের পর থেকেই রাজ্যে হাওয়া বদল হবে। আবহাওয়া দফতর জানায়, বৃহস্পতিবার থেকে ফের নামবে পারদ। বছর শেষে কনকনে ঠান্ডা না থাকলেও, ফিরবে শীতের আমেজ।  

  • Covid Immunity: ফের বাড়ছে করোনা, কেমন করে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা?

    Covid Immunity: ফের বাড়ছে করোনা, কেমন করে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের মাথা চাড়া দিয়েছে করোনা (Covid Immunity)। প্রতিবেশী দেশ চিনে ফের শুরু হয়েছে মৃত্যু মিছিল। দেশের করোনা পরিস্থিতি সামলাতে আগে থেকেই তৎপর কেন্দ্র। ছাড়পত্র দেওয়া হয়েছে নেজাল ভ্যাকসিন। লাগু হয়েছে করোনা বিধিও। সরকারের তরফ থেকে মাস্ক পরার এবং করোনা বিধি মেনে পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এর মাঝেও, নিজের খেয়াল রাখতে হবে নিজেকেই। বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা। কী খেলে বাড়াবেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।

    কমলালেবু এবং আমলকী

    কমলালেবু এবং আমলকীতে রয়েছে ভিটামিন সি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি (Covid Immunity) করতে সাহায্য করে। এই সাইট্রিক অ্যাসিড আপনার রোজকার খাবারে রাখুন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিজেকে আরও শক্তিশালী করে তুলুন। 

    লবঙ্গ এবং হলুদ

    বিভিন্ন মশলাও আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা (Covid Immunity) বৃদ্ধি করতে সাহায্য করে। লবঙ্গ, হলুদ ছাড়াও খেতে পারেন গোলমরীচ, মৌরি, দারচিনি। এগুলি আপনার শরীরে অ্যান্টি অক্সিডেন্ট বাড়াতে সাহায্য করে।

    আরও পড়ুন: অনুব্রত-গড়ে ভাঙন! তৃণমূল ছেড়ে শুভেন্দুর সভায় বিজেপিতে যোগ কেষ্টর ডেপুটির 

    ব্রোকোলি

    খেতে খুব ভালো না হলেও, এই সবজি (Covid Immunity) স্বাস্থ্যের জন্যে ভীষণ উপকারী। ফুসফুসকে সুস্থ রাখতে চাইলে রোজ খান ব্রোকোলি। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এই সবজিতে। 

    জোয়ান 

    জোয়ানে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাক্টেরিয়াল প্রপার্টি (Covid Immunity) থাকে প্রচুর পরিমাণে। হজমেও সাহায্য করে জোয়ান। খাবারে জোয়ান গুড়ো করে ছড়িয়ে দিতে পারেন খাবারে।

    আরও পড়ুন: বিচারাধীন মামলাগুলির তাড়াতাড়ি নিষ্পত্তির জন্যে সম্পূর্ণ সহযোগীতা করবে মোদি সরকারে, বললেন আইনমন্ত্রী  

    ড্রাই ফ্রুটস

    ভিটামিন ই, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট থাকে ড্রাই ফ্রুটস- এ। নিয়মিত আমন্ড, কাজু, আখরোট, কিসমিস খেলে আপনার শরীর এনার্জেটিক থাকে। ফুসফুস সংক্রান্ত রোগ (Covid Immunity) থেকে দূরে রাখে ড্রাই ফ্রুটস। অন্যান্য খাবারে দিয়েও খেতে পারেন ড্রাই ফ্রুটস। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share