Blog

  • AIIMS cyber attack: এইমস সাইবার হামলায় চিনা যোগ? কী বলছেন তদন্তকারীরা

    AIIMS cyber attack: এইমস সাইবার হামলায় চিনা যোগ? কী বলছেন তদন্তকারীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে হামলায় (AIIMS cyber attack) রয়েছে চিনা যোগ। বুধবার এমনটাই নিশ্চিত করলেন সরকারি আধিকারিকরা। সরকারি আধিকারিক আরও জানান, হ্যাক হওয়া পাঁচটি সার্ভারের তথ্য পুনরুদ্ধার করেছেন সাইবার বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিক বলেন, “এইমস-এর ওপর হওয়া সাইবার হামলার নেপথ্যে ছিল চিন। এফআইআর-এ এই সংক্রান্ত পূর্ণ তথ্য রয়েছে। তাতে বলা হয়েছে যে এই হামলা চিন থেকে করা হয়। এইমস-এর ১০০টি সার্ভারের মধ্যে ৫টি সার্ভারে হ্যাক করেছিল হ্যাকাররা। আরও ক্ষতি হতে পারত এই হ্যাকের কারণে। কিন্তু সেই ক্ষতি আটকানো সম্ভব হয়েছে। হামলার শিকার হওয়া ৫টি সার্ভারের তথ্য পুনরুদ্ধার করা হয়েছে।”

    তথ্য পুনরুদ্ধার সম্ভব হয়েছে 

    প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর সাইবার হামলার (AIIMS cyber attack) বিষয়ে অভিযোগ জানিয়েছিল দিল্লি এইমস। সাইবার হামলার খবর প্রকাশ্যে আসতেই সার্ভারের নিরাপত্তায় নিযুক্ত দুই কর্মীকে সাসপেন্ড করেছিলএইমস কর্তৃপক্ষ। সেই হামলার প্রায় তিন সপ্তাহ পর তথ্য পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। একটি বিবৃতিতে এইমস কর্তৃপক্ষ জানায়, সার্ভারে ই-হাসপাতালের তথ্য পুনরুদ্ধার করা হয়েছে। নতুন করে পরিষেবা চালু করার আগে নেটওয়ার্ককে স্যানিটাইজ করা হচ্ছে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে। কারণ তথ্যের পরিমাণ অনেক। পাশাপাশি হাসপাতালের সার্ভারের সংখ্যাও অনেক। পাশাপাশি ভবিষ্যতের জন্যও সাইবার নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে।    
     
    এইমস-এর (AIIMS cyber attack) বিবৃতিতে আরও বলা হয়, “আপাতত আউটডোর, ইনডোর, ল্যাব পরিষেবা ম্যানুয়াল মোডে চলছে।” ডিসেম্বরের শুরুতে, দিল্লি পুলিশের তদন্তকারী দল এইমসে সাইবার হামলার তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, সেন্ট্রাল ফরেনসিক ল্যাবের একটি দলকে সাইবার হামলার উৎস সনাক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সংক্রামিত সার্ভার পরীক্ষা করেই সিএফএসএল জানায়, এই হামলা চিন থেকে চালানো হয়েছিল।

    আরও পড়ুন: ছাপরা বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩৯

    প্রসঙ্গত, নভেম্বরের শেষে সাইবার হানা হয় দিল্লি এইমসে (AIIMS cyber attack)। হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সিতে প্রায় ২০০ কোটি টাকা দাবি করে। সাইবার হামলায় একপ্রকার থমকে যায় হাসপাতালের অনলাইন পরিষেবা। জরুরি, বহির্বিভাগ এবং ল্যাবরেটরি ম্যানুয়ালি পরিচালনা করা হয়। সপ্তাহে খানেকের বেশি সার্ভার ডাউন ছিল।

    ঘটনার পর আশঙ্কা করা হচ্ছিল ৩-৪ কোটি রোগীর তথ্য ফাঁস হতে পারে (AIIMS cyber attack)। এইমসের সার্ভারে প্রাক্তন প্রধানমন্ত্রী, মন্ত্রী, আমলা, বিচারক-সহ বহু ভিআইপির রোগীর তথ্য রয়েছে। তা উদ্ধারেই তদন্তকারী সংস্থার সুপারিশে হাসপাতালের কম্পিউটারে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। গত ২৫ নভেম্বর দিল্লি পুলিশে সাইবার সন্ত্রাসের মামলা নথিভুক্ত হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Chapra Hooch Tragedy: ছাপরা বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩৯

    Chapra Hooch Tragedy: ছাপরা বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩৯

    মাধ্যম নিউজ ডেস্ক: বিহারের চোলাই মদ কাণ্ডে (Chapra Hooch Tragedy) বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখন অবধি বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ঘটনার জেরে বুধবার উত্তপ্ত হয় বিহার বিধানসভা। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন সরকারের বিরুদ্ধে সরব হন বিরোধী বিজেপি বিধায়কেরা। আর এরই মাঝে বিতর্কিত মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নীতিশ বলেন, “মানুষকে সচেতন থাকতে হবে। যে মদ খাবে, সে মরবে।” নীতিশ কুমারের ওই মন্তব্য নিয়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। জেডিইউ প্রধান আরও বলেন, “এর আগে যখন চোলাই মদে সংক্রমিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে, তখন মৃতদের পরিবারকে উপযুক্ত অর্থ ক্ষতিপূরণ দেওয়া হয়। আগের ঘটনা মনে করে এবার প্রত্যেকের সজাগ থাকা উচিত ছিল।”

    আরও পড়ুন: সপ্তাহান্তে পারদপতন শহরে, জেলাতেও জাঁকিয়ে শীত

    সম্প্রতি বিহারের সারান জেলার ছাপরায় বিষমদ খেয়ে অনেকে অসুস্থ (Chapra Hooch Tragedy) হয়ে পড়েন ৷ আপাতত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেকে অসুস্থ৷ বাড়তে পারে মৃতের সংখ্যা ৷ এই নিয়ে বুধবার বিহার বিধানসভায় হইহট্টগোল হয় ৷ যার জেরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মেজাজ হারান৷ এরই মাঝে আরও এক বিতর্কিত মন্তব্য করেন নীতিশের মন্ত্রীসভার সদস্য শিল্পমন্ত্রী সমীর মহাশেঠ। শিল্পমন্ত্রীর বলেন, ‘‘বিষ খেয়ে মানুষ মারা গেলে বিহারে কিছু একটা ভুল হচ্ছে। এই ভাবে, বিহার উপরে উঠতে পারবে না৷ মানুষের মদ্যপানের অভ্যাস ত্যাগ করলে, তা হবে সবচেয়ে ভালো।’’ 

    তিনি আরও বলেন, “বিহারে বিষ আসছে, তা মন্ত্রীরা আগেই জানেন। অনেক আগেই রাজ্যে মদ নিষিদ্ধ (Chapra Hooch Tragedy) হওয়ায় প্রশাসনের ফাঁকফোকরের দায় কে নেবে? রাজ্যে মদ নিষিদ্ধের কৃতিত্ব যদি সরকার নিতে পারে, তাহলে নকল মদের কারণে মৃত্যুর দায় কে নেবে?” শিল্পমন্ত্রীর এই মন্তব্যে যে অস্বস্তিতে নীতিশ সরকার তা আর বলার অপেক্ষা রাখে না। 

    ছাপরাকাণ্ড নিয়ে বিধানসভায় বিরোধীরা বার বার স্লোগান তুললে এক সময় মেজাজ হারান নীতীশ। উত্তেজিত স্বরে তিনি বলেন, “তো কী হয়েছে? তোমরা মাতাল (Chapra Hooch Tragedy) হয়ে গিয়েছ।” নীতীশের এমন মন্তব্যের পরেও স্লোগান দেওয়া চালিয়ে যান বিরোধী বিধায়কেরা। ২০১৬ সালের এপ্রিল মাসে মুখ্যমন্ত্রী নীতীশ বিহারে মদ নিষিদ্ধ করেছিলেন। সে সময় বিজেপির সহযোগী ছিলেন তিনি। কাগজে-কলমে বিহারে মদ পুরোপুরি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কয়েক বছরে একাধিক বার বিষমদে মৃত্যুর ঘটনা ঘটেছে বিহারে।    

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • S Jaishankar: ‘লাদেনকে আশ্রয় দেওয়ার কথা মনে আছে?’, কাশ্মীর ইস্যু তোলায় পাকিস্তানকে জবাব জয়শঙ্করের

    S Jaishankar: ‘লাদেনকে আশ্রয় দেওয়ার কথা মনে আছে?’, কাশ্মীর ইস্যু তোলায় পাকিস্তানকে জবাব জয়শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানকে (Pakistan) মুখের মতো জবাব দিল নয়াদিল্লি (New Delhi)। বুধবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UNSC) কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তুলেছিল শাহবাজ শরিফের দেশ। তার পরেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) ২০০১ সালের সংসদ হামলার ঘটনা এবং আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলে বিঁধলেন পাকিস্তানকে।

    কাশ্মীর ইস্যু…

    দীর্ঘদিন ধরেই কাশ্মীর ইস্যুর আন্তর্জাতিকীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। তারই অঙ্গ হিসেবে এবার নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যু তোলে পাকিস্তান। তার পরেই প্রতিবেশী দেশটিকে একহাত নেন ভারতের বিদেশমন্ত্রী। লাদেন এবং সংসদ হামলার প্রসঙ্গ তুলে ইসলামাবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সক্রিয়তার পক্ষে সওয়াল করেন তিনি। ভারতের বিদেশমন্ত্রী (S Jaishankar) বলেন, রাষ্ট্রসংঘের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে সমসাময়িক প্রধান চ্যালেঞ্জগুলির কার্যকরভাবে মোাকাবিলার ওপর। তা অতিমারি, জলবায়ু পরিবর্তন বা সন্ত্রাস হতে পারে। কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের সাজানো তথ্য এবং গুরুত্বহীন অভিযোগ নতুন কিছু নয় বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। তিনি বলেন, বিশ্ব যাকে গ্রহণযোগ্য বলে মনে করে না, তাকে জাস্টিফাই করার প্রশ্নও ওঠে না। জয়শঙ্কর বলেন, এটা অবশ্যই সীমান্তপারের সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ক্ষেত্রেও প্রযোজ্য। এর পরেই ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়া এবং প্রতিবেশী দেশ ভারতের সংসদের হামলার প্রসঙ্গ টানেন জয়শঙ্কর।

    আরও পড়ুন: লালন শেখের রহস্যমৃত্যু, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব শুভেন্দু

    এদিন জয়শঙ্করের (S Jaishankar) আগে বলতে ওঠেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। তার পরেই তাঁকে কার্যত বাক্যবাণে বিদ্ধ করেন ভারতের বিদেশমন্ত্রী। প্রসঙ্গত, আজ থেকে আঠারো বছর আগে ১৩ ডিসেম্বর পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লক্সর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদের কয়েকজন সদস্য হামলা চালায় পার্লামেন্টে। প্রকাশ্যে গুলিও চালায় তারা। ঘটনায় মৃত্যু হয় ন’ জনের। পাকিস্তানের মদতেই সংসদে হামলা হয়েছিল বলে অভিযোগ নয়াদিল্লির। প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চলতি মাসের বৈঠকে সভাপতিত্ব করছে ভারত। মঙ্গলবার তাই রাষ্ট্রসংঘে যান ভারতের বিদেশমন্ত্রী। তিনি সন্ত্রাসবাদ বিরোধী ইভেন্টে বক্তৃতা দেন। সেখানেই পাকিস্তানকে নিশানা করেন জয়শঙ্কর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • FIFA World Cup 2022: জোড়া গোল আলভারেজের! মেসি-ম্যাজিকেই ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

    FIFA World Cup 2022: জোড়া গোল আলভারেজের! মেসি-ম্যাজিকেই ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: মধুর প্রতিশোধ। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়া। কাতারে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে সেই ৩-০ গোলেই চূর্ণ করে বিশ্বকাপ (Fifa World Cup 2022) ফাইনালে গেল মেসিরা। লড়াইটা ছিল মেসি (Lionel Messi)বনাম মদ্রিচের। কিন্তু ক্রোয়েশিয়ার হয়ে সব থেকে ভাল ফুটবল খেললেও মেসি-ম্যাজিকে ভ্যানিস হয়ে গেলেন মদ্রিচ। মেসি গোল করলেন,গোল করালেন।

    অপ্রতিরোধ্য মেসি

    ম্যাচের ৩২ মিনিটে দলের প্রথম গোল পেনাল্টি থেকে করলেন মেসি। সেই সঙ্গে গড়ে ফেললেন নতুন নজির। গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ভেঙে দিলেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ১০ গোল করার নজির ছিল বাতিস্তুতার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে গোল করে সেই রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন আর্জেন্টিনার অধিনায়ক। বিশ্বকাপে ১১টি গোল হয়ে গেল মেসির। সেই সঙ্গে কিলিয়ান এমবাপেকেও ধরে ফেললেন মেসি। ফ্রান্সের তারকা চলতি বিশ্বকাপে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। মেসি তাঁর চেয়ে এক গোলে পিছিয়ে ছিলেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে এমবাপেকেও গোলসংখ্যায় ধরে ফেললেন মেসি। চলতি বিশ্বকাপে তাঁরও ৫ গোল হয়ে গেল। 

    আরও পড়ুন: কাতার বিশ্বকাপের সেমিফাইনালে নতুন বল! জানেন এর বৈশিষ্ট্য?

    তবে এদিন আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন জুলিয়ান আলভারেজ। মেসি গোল করার ৬ মিনিট পরেই দ্বিতীয় গোল করেন আলভারেজ। প্রায় ৪০ গজ দৌড়ে ক্রোয়েশিয়া বক্সে ঢুকে পড়েন তিনি। তারপর পায়ের ছোট্ট টোকায় ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে। দ্বিতিয়ার্ধে ক্রোয়েশিয়া বক্সে আক্রমণের ঝড় তোলে আর্জেন্টিনা। ম্যাচের বয়স তখন ৬৯ মিনিট। কার্যত একক কৃতিত্বে মাঝমাঠ থেকে বল নিয়ে ক্রোয়েশিয়া বক্সে ঢুকে পড়েন মেসি। তাঁর গতির সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ ক্রোটরা। বক্সের ডানদিক থেকে টার্ন করে ডিফেন্ডারদের বোকা বানিয়ে পাস বাড়ান মেসি। গোল করতে ভুল করেননি আলভারেজ। আর্জেন্টিনা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। আর সেই ব্যবধান কমাতে পারেনি ক্রোয়েশিয়া।

    আক্রমণাত্মক ফুটবল

    কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে রক্ষণাত্মক পরিকল্পনা করে নেমেছিলেন লুকা মদ্রিচরা। কিন্তু আর্জেন্টিনার বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল শুরু করেন তাঁরা। ক্রোয়েশিয়া প্রেসিং ফুটবল খেলছিল। মেসিদের পায়ে বল থাকলেই তাড়া করছিলেন মদ্রিচরা। ফলে বলের দখল বেশি রাখতে পারছিল না আর্জেন্টিনা। দুই প্রান্ত ব্যবহার করে আক্রমণে উঠছিল ক্রোয়েশিয়া। কিন্তু সজাগ ছিল আর্জেন্টিনার রক্ষণ। ফলে পুরো ম্যাচে গোলের মুখ খুলতে পারেনি ক্রোয়েশিয়া। রক্ষণকে শক্ত করে বার বার আক্রমণে যায় মেসিরা। ম্যাচের প্রথম ৩০ মিনিট খেলা সমানে সমানে হলেও বাকি ৬০ মিনিট মাঠ ছিল আর্জেন্টিনার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup Final: ‘রোমাঞ্চকর ম্যাচ’! মেসিদের জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী! ট্যুইট করে কী লিখলেন মোদি?

    FIFA World Cup Final: ‘রোমাঞ্চকর ম্যাচ’! মেসিদের জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী! ট্যুইট করে কী লিখলেন মোদি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপ (FIFA World Cup Final) জয়ের পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইট। ২০২২-এর বিশ্বকাপ ফাইনালের ম্যাচকে ফুটবলের ইতিহাসের ‘অন্যতম রোমাঞ্চকর ম্যাচ’ বলে অভিহিত করেছেন মোদি। নির্ধারিত সময়ে ফলাফল ৩-৩ থাকার পর, পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। ৩৬ বছরের খরা কাটিয়ে অবশেষে আর্জেন্টিনার হাতে এল ট্রফি। ফলে লিওনেল মেসিদের খুশির মুহূর্তে সামিল হয়েছে গোটা বিশ্ব। এর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ট্যুইট করে অভিনন্দন জানান আর্জেন্টিনা দলকে। আবার ফ্রান্সকেও কুর্নিশ জানিয়েছেন মোদি। কারণ ফাইনালের ম্যাচে এমবাপেদের লড়াইও ছিল অতুলনীয়।

    প্রধানমন্ত্রী ট্যুইটে কী বললেন?

    রবিবার রাত ১১.৪১ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে লিখেছেন, “সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে এই ফাইনাল। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন! এবারের টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে ওরা। আর্জেন্টিনা ও মেসির দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত লক্ষ লক্ষ ভারতীয় ভক্ত।” ট্যুইটে আর্জেন্টাইন প্রেসিডেন্ট অ্যালবার্তো ফার্নান্দেজকে ট্যাগও করেন প্রধানমন্ত্রী।

    ফ্রান্সের জন্য ট্যুইট করে কী লিখলেন?

    ফাইনালে ফ্রান্স পরাজিত হলেও এমবাপেদের কুর্নিশ জানাতে ভোলেননি মোদি। তাঁদেরকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফ্রান্সের খেলোয়াড়দের প্রশংসা করে তিনি অন্য একটি ট্যুইটে লিখেছেন, “ফিফা বিশ্বকাপে উদ্যমী পারফরম্যান্সের জন্য ফ্রান্সকে অভিনন্দন! ফাইনালে ওঠার পথে তাঁরাও তাঁদের দক্ষতার মাধ্যমে ফুটবল ভক্তদের আনন্দ দিয়েছে।” এই ট্যুইটটিতে তিনি ফরাসী প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁকে ট্যাগ করেছেন।

    রাহুল গান্ধীর ট্য়ুইট

    কংগ্রেস নেতা রাহুল গান্ধীও আর্জেন্টিনার জয়ে ট্যুইট করে লিখেছেন, “কি দারুণ খেলা! রোমাঞ্চকর জয়ের জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন। ভালো খেলেছে, ফ্রান্সও। মেসি ও এমবাপে দুজনেই সত্যিকারের চ্যাম্পিয়নদের মত খেলেছেন! #FIFAWorldCupFinal আবার দেখিয়ে দিল কীভাবে খেলা সবাইকে একত্রিত করে!”

    শুভেন্দুর ফেসবুকে পোস্ট

    আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ফেসবুকে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, “আর্জেন্টিনা সমর্থকদের বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা জানাই।”

    [fb]https://www.facebook.com/SuvenduWB/posts/719825192835766[/fb]

  • Nirav Modi: লন্ডন হাইকোর্টে খারিজ নীরব মোদির আর্জি, ভারতে ফেরানোর প্রস্তুতি শুরু  

    Nirav Modi: লন্ডন হাইকোর্টে খারিজ নীরব মোদির আর্জি, ভারতে ফেরানোর প্রস্তুতি শুরু  

    মাধ্যম নিউজ ডেস্ক: লন্ডন হাইকোর্টে (London High Court) খারিজ পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদির (Nirav Modi) আর্জি। ভারতে (India) প্রত্যর্পণ রুখতে ব্রিটেনের সুপ্রিম কোর্টে আবেদন করতে চেয়েছিলেন নীরব মোদি। সেজন্য লন্ডন (London) হাইকোর্টে জানিয়েছিলেন আর্জি। কিন্তু লন্ডন হাইকোর্ট তাঁর সেই আবেদন খারিজ করে দেয়। প্রত্যাশিতভাবে এর পর আর নীরব মোদির ভারতে প্রত্যর্পণে আর কোনও বাধাই রইল না। লন্ডনের রয়্যাল কোর্টস অফ জাস্টিসের তরফে এই প্রসঙ্গে একটি রায় দেওয়া হয়। তাতে লর্ড জাস্টিস জেরেমি স্টুয়ার্ট স্মিথ এবং জাস্টিস রবার্ট জয় বলেন, আবেদনকারী নীরব মোদি সুপ্রিম কোর্টে মামলা রুজু করার অনুমতি চেয়েছেন। কিন্তু আদালতের পক্ষ থেকে তাঁর সেই আবেদন খারিজ করা হল।

    ঋণখেলাপি…

    পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান নীরব মোদি। তিনি আশ্রয় নিয়েছিলেন লন্ডনে। সেখানে বেশ কিছুদিন গা-ঢাকা দিয়ে থাকার পর ইন্টারপোল মারফত তার হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পরে নীরব মোদিকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। আপাতত লন্ডনের জেলেই রয়েছেন তিনি। লন্ডন হাইকোর্ট ইতিমধ্যেই নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছে। যদিও প্রত্যর্পণ এড়াতে এর আগেও আইনি সুরক্ষা পাওয়ার চেষ্টা করেছেন নীরব মোদি (Nirav Modi)। সম্প্রতি তাঁর আইনজীবী আদালতে জানান, নীরব মোদিকে ভারতের হাতে তুলে দেওয়া হলে পরিস্থিতি এতটাই প্রতিকূল হয়ে উঠবে যে নীরব মোদিকে হয়তো আত্মহত্যা করতে হবে।

    আরও পড়ুন: ‘সন্ত্রাসের এপিসেন্টার এখনও সক্রিয়’, নিরাপত্তা পরিষদে ফের পাকিস্তানকে নিশানা জয়শঙ্করের

    সেই মামলার শুনানিও ওই একই বেঞ্চে হয়েছিল। তখন দুই বিচারপতি তাঁদের পর্যবেক্ষণে জানিয়েছিলেন, নীরব মোদির বিরুদ্ধে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ হওয়া প্রয়োজন। প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চ মাসে নীরব মোদির বিরুদ্ধে প্রত্যর্পণ সমন জারি করা হয়। তার পরেই গ্রেফতার করা হয় তাঁকে। সেই থেকেই জেলে রয়েছেন তিনি। এদিকে, ভারতে নিয়ে আসার পর নীরব মোদিকে (Nirav Modi) মহারাষ্ট্রের ইয়েরওয়াড়া জেলে রাখা হবে বলে ঠিক হয়েছে। এই জেলে এর ঠিক পাশের সেলেই বন্দি রয়েছেন আর এক ঋণখেলাপি বিজয় মালিয়া। ইতিমধ্যেই নীরব মোদিকে দেশে ফেরানোর তোড়জোড় করছে মোদি সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Nirmala Sitharaman: নিজের রাজ্যে খুঁজুন পাপ্পুকে দেখতে পাবেন! মহুয়াকে কড়া জবাব নির্মলার

    Nirmala Sitharaman: নিজের রাজ্যে খুঁজুন পাপ্পুকে দেখতে পাবেন! মহুয়াকে কড়া জবাব নির্মলার

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের রাজ্যে খোঁজ করুন, ‘পাপ্পুর’দেখা পেতে পারেন।  তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে কড়া জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ‘পাপ্পু’ প্রসঙ্গ তুলে আগে কেন্দ্রকে তোপ দেগেছিলেন মহুয়া। দেশের অর্থনীতি পরিচালনা নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন তৃণমূল সাংসদ। এর জবাবে নির্মলা বলেন, তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গে নিজের আঙিনায় যদি খোঁজ করেন সেখানে ‘পাপ্পুর’দেখা পেতে পারেন।

    মহুয়ার কথা

     প্রসঙ্গত, কেন্দ্রের বিরুদ্ধে লোকসভায় মহুয়া বলেন দেশের আর্থিক উন্নতি নিয়ে মিথ্যা কথা বলছে কেন্দ্রীয় সরকার। গতকাল তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, ‘প্রত্যেক ফেব্রুয়ারি মাসে সরকার সাধারণ মানুষকে বিশ্বাস করতে বাধ্য করে যে দেশের অর্থনীতির উন্নতি হচ্ছে, সকলে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা যেমন গ্যাস সিলিন্ডার, বাড়ি ও বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন। এগুলো সবই মিথ্যা।’ তিনি আরও বলেন, ‘নরেন্দ্র মোদি সরকার দেশের অর্থনীতির বৃদ্ধি নিয়ে মিথ্যাচার করছে। দেশের অর্থনীতির ক্রমাগত অবনতি হচ্ছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে অনুরোধ করছি দেশের অর্থনীতি সামলান।’ এসবের পাশাপাশি তিনি ‘পাপ্পু’ বলে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষও করেন। তিনি বলেন, ‘সরকার ও শাসক দল এই পাপ্পু শব্দটি তৈরি করেছে। চরম অক্ষমতা বোঝাতে এবং তার নিন্দা করতে এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। তবে পরিসংখ্যান বলে দিচ্ছে আসল পাপ্পু কে।’ এবার মহুয়া মৈত্রের এই কটাক্ষের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সংসদে দাঁড়িয়ে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা প্রসঙ্গে তৃণমূলকে তুলোধোনা করলেন তিনি। 

    নির্মলা যা বললেন

    এর আগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছিলেন যে পাগলের হাতে ম্য়াচিস কে দিল? সরকারের দিকে আয়না ধরুন। দেখে নিন আসল পাপ্পু কে? তারই জবাবে নির্মলা জানিয়েছেন, দেশলাই কার হাতে রয়েছে। এটা উদ্বেগের ব্যাপার। কাদের হাতে দেশলাই দিলেন সেটা গুরুত্বপূর্ণ নয়। কারণ মানুষ দিয়েছেন। জনতা দিয়েছেন। এটা আমরা ছোট করে দেখতে পারি না। কিন্তু কাদের হাতে দেশলাই কীভাবে ব্যবহার করা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। সম্প্রতি গুজরাটে বিজেপির বড় জয় হয়েছে। ভোট পরবর্তী সময়ে কী হয়েছে সেখানে? শান্তির বাতাবরণ। পশ্চিমবঙ্গের সঙ্গে একবার তুলনা করে দেখুন। সেখানে ভোট পরবর্তী হিংসায় কী হয়েছিল। নির্মলা বলেন, দেশলাই কাদের হাতে কীভাবে ব্যবহার হচ্ছে দেখুন। এটাই প্রশ্ন। আমাদের হাতে যখন দেশলাই ছিল তখন আমরা উজ্জ্বলা দিয়েছি, পিএম কিষান দিয়েছি স্বচ্ছ ভারত দিয়েছি। আর আপনাদের হাতে যখন দেশলাই এল তখন কী করলেন, ধর্ষণ হল, নির্যাতন হল, হিংসা হল, আমাদের কার্যকর্তাদের ঘর জ্বালিয়ে দিলেন। একজন কেন্দ্রীয় মন্ত্রী এমএস মুরলিধরনের উপর এমন হামলা হল যে কেন্দ্রীয় মন্ত্রীও নিরাপদে থাকলেন না। জেপি নাড্ডার গাড়িও ভাঙা হল। এটাই ভোট পরবর্তী বাংলা।

    আরও পড়ুন: লালন শেখের রহস্যমৃত্যু, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব শুভেন্দু

  • TET: পর্ষদকে দেওয়া তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ, জেনে নিন পদ্ধতি

    TET: পর্ষদকে দেওয়া তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ, জেনে নিন পদ্ধতি

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনকে দেওয়া তথ্যে কোনও ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করে সঠিক তথ্য দিতে পারবেন চাকরি প্রার্থীরা। পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বুধবার রাত ৮টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত ভ্রম সংশোধনের সুযোগ পাবেন তাঁরা। প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট (TET) পাশ করেছেন, সেই চাকরিপ্রার্থীদের নিয়োগ পর্ব শুরু হয়ে গিয়েছে।

    কীভাবে করবেন ভ্রম সংশোধন?

    প্রাইমারিতে নিয়োগে পর্ষদের যে অনলাইন পোর্টাল রয়েছে www.wbbpeonline.com-এ যান। সেখানে PRIMARY TEACHER RECRUITMENT-2022-এই অপশনটিতে ক্লিক করুন। এরপর দেখবেন আসবে এডিট অ্যাপ্লিকেশন অপশন। সেখানে NOTIFICATION FOR ENJOYING EDIT OPTION FOR PRIMARY TEACHER’S RECRUITMENT 2022-এ যান। পরে ডাউনলোড অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য জমা দিন। সেখানে ক্লিক করলেই নির্দিষ্ট তথ্য সংশোধন করে সঠিক তথ্য দিতে পারবেন চাকরিপ্রার্থীরা।

    আরও পড়ুন: নতুন বছরের শুরুটাও জেলের আঁধারেই কাটাতে হবে পার্থ অর্পিতাকে, কেন জানেন?

    এদিকে, প্রাথমিক টেট (TET) ২০২২ এর ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, টেট হওয়ার পর কার্বন কপি দেওয়া হয়েছে। মনে হচ্ছে, কাজ ভাল হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী আদালতে জানান, সাড়ে পাঁচ লক্ষেরও বেশি ওএমআর শিট সংরক্ষণ করা হচ্ছে। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত তা সংরক্ষণ করা থাকবে। রবিবার রাজ্যজুড়ে হয় প্রাথমিকের টেট। পরীক্ষা দেন প্রায় সাত লক্ষ চাকরি প্রার্থী।

    আরও পড়ুন: নবম দশম নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডিও, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। প্রাথমিকের টেটকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য একাধিক পদক্ষেপ করেছিল পর্ষদ। বায়োমেট্রিক অ্যাটেনডেন্স, মেটাল ডিটেক্টর, ফ্রিস্কিং সহ করা নিরাপত্তার নানা ব্যবস্থা করা হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Indian Airforce: যুদ্ধবিমানের তৎপরতা পরীক্ষা করতে উত্তর-পূর্বে সামরিক মহড়া বায়ুসেনার

    Indian Airforce: যুদ্ধবিমানের তৎপরতা পরীক্ষা করতে উত্তর-পূর্বে সামরিক মহড়া বায়ুসেনার

    মাধ্যম নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াংয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছিল ভারত (India) ও চিনের (China) সেনারা। ওই ঘটনার রেশ পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই যুদ্ধবিমানের তৎপরতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিল ভারতীয় বায়ুসেনা (Indian Airforce)। বৃহস্পতিবার থেকে উত্তর-পূর্বে শুরু হচ্ছে সামরিক মহড়া (Training Exercise)। চলবে দুদিন ধরে। বায়ুসেনা সূত্রেই এ খবর মিলেছে।

    পিএলএ সৈন্য…

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ৯ ডিসেম্বর, ২০২২-এ পিএলএ সৈন্যরা সীমান্তে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করে। ভারতীয় সেনাবাহিনী দৃঢ়তার সঙ্গে তার মোকাবিলা করে। দু পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। ভারতের জওয়ানরা চিনা সেনাদের বাধা দেয় এবং তাদের পোস্টে ফেরত পাঠায়। এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর কোনও জওয়ান নিহত বা আহত হননি। এই ঘটনার পর স্থানীয় কমান্ডার ১১ ডিসেম্বর চিনের সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন এবং ঘটনাটি নিয়ে আলোচনাও করেন। চিনকে সীমান্তে শান্তি বজায় রাখতে বলা হয়েছে ভারতের তরফে। এহেন আবহে উত্তরপূর্বে আয়োজন হয়েছে সামরিক মহড়ার।

    আরও পড়ুন: চিনকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা, বললেন রাজনাথ

    সূত্রের খবর, চলতি সপ্তাহে ভারতীয় বায়ুসেনার (Indian Airforce) মহড়া হবে ইস্টার্ন সেক্টরে। সেখানে যুদ্ধবিমানগুলির ক্ষিপ্রতা পরীক্ষা করা হবে। জানা গিয়েছে, সামরিক এই মহড়ার পরিকল্পনা হয়েছে অনেক আগেই। ওই সূত্রেই আরও জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে মাঝে মধ্যেই সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উঁকিঝুঁকি মারছিল চিনা ড্রোন। তাদের ঠেকাতে দু তিনবার ভারতকে ওড়াতে হয়েছে যুদ্ধ বিমান। জানা গিয়েছে, চিনা ড্রোনের মোকাবিলায় ওড়ানো হয়েছে এসইউ ৩০ এমকেআই জেট। তাওয়াংয়ের ঘটনার প্রেক্ষিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, চিনকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা।

    এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়েছে ভারত ও চিনা সেনা। ২০২০ সালের ১৫ জুন গালওয়ানেও সংঘর্ষে জড়িয়ে পড়েছিল চিনা সেনা ও ভারতীয় বাহিনী। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। ২০২১ সালের অক্টোবর মাসেও ওই একই এলাকায় ঢুকে পড়েছিল প্রচুর চিনা সেনা। সেই সময়ও দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Right to Worship: শাহরুখ খানের বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিতে যাওয়া নিয়ে কী বললেন বিজেপি নেতা নরোত্তম মিশ্র

    Right to Worship: শাহরুখ খানের বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিতে যাওয়া নিয়ে কী বললেন বিজেপি নেতা নরোত্তম মিশ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: শাহরুখ খানের বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিতে যাওয়া (Right to Worship)  এবং আমির খানের কলস পুজো (Right to Worship) নিয়ে এবার মুখ খুললেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

    আরও পড়ুন: চিনা ড্রোনের আনাগোনা রুখতে ভারত আগেই উড়িয়েছিল যুদ্ধবিমান!

    কী বললেন মধ্যপ্রদেশের মন্ত্রী

     শিবরাজ সিং মন্ত্রিসভার এই মন্ত্রী এদিন একটি সাংবাদিক সম্মেলনে বলেন, “যে কোনও ঈশ্বরের উপাসনা (Right to Worship) আপনারা করতেই পারেন কিন্তু মাথায় রাখবেন এতে যেন কারও ভাবাবেগে আঘাত না লাগে, সমাজ এখন অনেকবেশি সচেতন, ঠিক ভুল বিচারবোধ সবারই আছে, আপনারা যত তাড়াতাড়ি এটা বোঝেন ততই মঙ্গল।”

    আরও পড়ুন: পঞ্চম বিবাহবার্ষিকীতে ‘রোম্যান্টিক’ মুডে বিরাট, কিন্তু অনুষ্কা এ কী ছবি পোস্ট করলেন?

    প্রসঙ্গত, গত সোমবারে পাঠান ছবির নায়ক তথা বলিউড বাদশাকে কালোরঙের একটি জ্যাকেট পরে জম্মু কাশ্মীরের রিয়াজি জেলার বৈষ্ণোদেবী মন্দিরে পুজো (Right to Worship) দিতে দেখা যায়। পুজো দেওয়ার একটি ছোট্ট ভিডিও (Right to Worship) মুহুর্তে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়াতে। শাহরুখ ভক্তদের শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায় চারিদিকে সিকিউরিটি পরিবেষ্টিত হয়ে মন্দিরে ঢুকছেন কিং খান।

    আরও পড়ুন: ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’, ভাইরাল গানে নাচলেন মাধুরী দীক্ষিত

    অন্যদিকে, গত সপ্তাহের প্রথমদিকে বলিউড অভিনেতা আমির খানকে কলস পুজো করতে দেখা যায়। এনিয়ে দেশের বিভিন্ন মহলে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কোনও কোনও মহল থেকে বলা হয় যে বলিউডে তাঁদের সিনেমা যাতে ফ্লপ না হয় তাই এইভাবে হিন্দু দেবদেবীদের পুজো (Right to Worship) করে, হিন্দুদের মন জয় করতে হচ্ছে দু্ই অভিনেতাকে।

    আরও পড়ুন: পাশে বসে ‘বলিউড বাদশা’, জানতেই যা কাণ্ড করে বসলেন এই হলিউড সুপারস্টার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share