Blog

  • G20: বাংলায় জি ২০-র প্রস্তুতি বৈঠক, জানুন কবে, কোথায়

    G20: বাংলায় জি ২০-র প্রস্তুতি বৈঠক, জানুন কবে, কোথায়

    মাধ্যম নিউজ ডেস্ক: জি ২০-র (G20) সভাপতিত্ব করার দায়িত্ব বর্তেছে ভারতের (India) ওপর। ইন্দোনেশিয়ার বালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয়। এই জি ২০-র সম্মেলন হবে আগামী বছরের সেপ্টেম্বরে। সেই উপলক্ষে সেপ্টেম্বর পর্যন্ত হবে নানান অনুষ্ঠান। তামাম বিশ্বের ১৫০টি দেশের প্রতিনিধি যোগ দেবেন ওই সম্মেলনে। পাঁচটি সেক্টরে বৈঠক রাখা হয়েছে। জি ২০ বৈঠকে এই সেক্টরগুলি নিয়ে আলোচনা করবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।  

    কবে, কোথায়…

    গোটা দেশের সঙ্গে এই বাংলায়ও হবে বেশ কয়েকটি অনুষ্ঠান। এখানে বিভিন্ন স্তরের চারটি বৈঠক হবে। জানুয়ারির ৯-১১ বৈঠক হবে ওয়ার্কিং গ্রুপের। কলকাতার জে ডব্লু ম্যারিয়টে ওই বৈঠক হবে। এর পরের বৈঠক হবে ফেব্রুয়ারিতে। ওই মাসের ৮-৯ তালিখে বৈঠকে বসবে এনগেজমেন্ট গ্রুপ। এই বৈঠকটিও হবে কলকাতার জে ডব্লু ম্যারিয়টে। এর পরের মাসে বাংলায় কোনও বৈঠক নেই। বৈঠক রয়েছে তার পরের মাসে। এপ্রিলের ৩-৫ তারিখে বৈঠক হবে শিলিগুড়িতে। এই বৈঠকটিও হবে ওয়ার্কিং গ্রুপের। এ রাজ্যে এর পরের বৈঠকটি হবে জুলাইয়ে। ওই মাসের ১৭-১৮ তারিখে ফের হবে ওয়ার্কিং গ্রুপের বৈঠক। এই বৈঠকটিও হবে কলকাতায়। জুলাই মাসের ১৯ তারিখে আরও একটি বৈঠক হবে কলকাতায়। এটি মিনিস্ট্রিয়াল মিটিং। উল্লেখ্য, জি ২০ (G20) সম্মেলন উপলক্ষে আগামী বছর দেশজুড়ে দুশোটির মতো ইভেন্টের আয়োজন করতে চাইছে নয়াদিল্লি। তার মধ্যেই রয়েছে এগুলি।

    আরও পড়ুন: জি ২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন পুতিন! কী বললেন তাঁর মুখপাত্র?

    জি২০ সফল করতে দিন কয়েক আগে সর্বদলীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সর্বদলীয় এই বৈঠকটি হয়েছে রাষ্ট্রপতি ভবনে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, বিজু জনতা দল সুপ্রিমো নবীন পট্টনায়েক, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ বিভিন্ন দলের প্রধানরা। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও।

    প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বরের ১৫ তারিখে জি-২০ সম্মেলনের আসর বসেছিল ইন্দোনেশিয়ার বালিতে। ওই সম্মেলনেই আগামী বছর জি-২০ সম্মেলনের আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হয় ভারতের হাতে। জি ২০-র (G20) সদস্য দেশগুলি হল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, রিপাবলিক অফ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Weather Change: তাপমাত্রার পারদ হঠাৎ কমল, ভাইরাস ঘটিত জ্বর-কাশি এড়াতে কী করবেন?

    Weather Change: তাপমাত্রার পারদ হঠাৎ কমল, ভাইরাস ঘটিত জ্বর-কাশি এড়াতে কী করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতের শুরুতে তাপমাত্রার পারদ নামলেও, হঠাৎ যেন ছন্দপতন। আবহাওয়া বদলে (Weather Change) গেল। শীতের দাপট অনেকটাই কম। শনিবার রাত থেকেই আবার গুমোট ভাব। বাড়ছে তাপমাত্রা (Tempareture)। আর আবহাওয়ার এই হঠাৎ বদলেই বাড়বে বিপদ। এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকেরা (Doctors)।

    শীতের শুরুতে সর্দি-কাশি, ভাইরাস ঘটিত জ্বরে ভোগান্তি হয় শিশুদের। বয়স্করাও নানান সমস্যায় ভোগেন। তার উপরে যাঁদের শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা রয়েছে, তাঁদের পরিস্থিতি অনেক সময়ই উদ্বেগজনক হয়। আর আবহাওয়ার এই আচমকা বদলে তাঁদের শারীরিক অবস্থা আরও জটিল হতে পারে। তাই চিকিৎসকদের পরামর্শ, শিশু ও বয়স্কদের জন্য বাড়তি নজর দিতে হবে। সামান্য সতর্কতা অবলম্বন করলে বড় বিপদ এড়ানো যেতে পারে।

    টিকাকরণ জরুরি…

    চিকিৎসকদের পরামর্শ, শিশুদের সুস্থ রাখতে প্রয়োজনীয় টিকাকরণ জরুরি। যদি কোনও টিকা বিশেষত হাম, রুবেলা ভাইরাসের টিকা নেওয়া বাকি থাকে, তাহলে অবশ্যই নিতে হবে। দেরি করা যাবে না। পাশপাশি ইনফ্লুয়েঞ্জা বা নিউমোকক্কাল ভ্যাকসিন নিতে হবে। তাপমাত্রার তারতম্যে শিশুরা খুব দ্রুত বিভিন্ন ভাইরাস ঘটিত জ্বরে আক্রান্ত হয়। সেখান থেকে নিউমোনিয়ার মতো রোগেও কাবু হয়। তাই নিউমোকক্কাল ভ্যাকসিন নেওয়া থাকলে শিশুদের নিউমোনিয়ার ভয়াবহতা থেকে বাঁচানো যাবে। বড় বিপদ এড়ানো যাবে। শিশুদের মতো বয়স্করাও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সময় মতো নিলে সর্দি-কাশির ভোগান্তি কমবে।

    টিকাকরণ ছাড়াও সাধারণ কিছু সতর্কতার দিকেও জোর দিচ্ছেন চিকিৎসকেরা। তাঁদের পরামর্শ, হঠাৎ গরম লাগলেও বাইরে থেকে ঘরে ফিরে ফ্যান চালানো চলবে না। কিন্তু একেবারেই গরমের পোশাক বর্জন করে বাইরে যাওয়াও চলবে না। এতে ভাইরাস ঘটিত জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। তাছাড়া, যাঁদের ধুলো থেকে অ্যালার্জি হয়, তাঁদের মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কারণ, এই রকম আবহাওয়ায় শুষ্কভাব বাড়ে। ফলে বাতাসে ধুলোর পরিমাণও বেড়ে যায়। ফলে, নিয়মিত স্কুল কিংবা বাইরে গেলে ধুলো থেকে অ্যালার্জি হতে পারে।

    আরও পড়ুন: হামকে আসন্ন বিপদ ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    খাবারের ক্ষেত্রে একটু বাড়তি নজরদারি দিতে বলছেন চিকিৎসকেরা। তাঁদের পরামর্শ, এই সময়ে নানান মেলা হয়, অনেকেই বেড়াতে যায়। কিন্তু শিশুদের কোনও ভাবেই আইসক্রিম কিংবা ঠাণ্ডা পানীয় দেওয়া চলবে না। তাছাড়া অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার বাদ দিতে হবে। এতে নানান সমস্যা বাড়বে। পেটের অসুখ এড়িয়ে চলতে জরুরি কম মশলার খাবার খাওয়া। শীতে অনেকেই নানান বাইরের খাবার খান। কিন্তু অতিরিক্ত চটজলদি খাবারে রাশ টানার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বিশেষত শিশুদের অনেক সময়েই শীতে বাইরের খাবার থেকে অ্যালার্জি হয়। হাতে-পায়ে লাল র‌্যাশ বের হয়, জ্বর হয়। তাই শরীরে কোনও রকম অ্যালার্জি দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলেই মত বিশেষজ্ঞদের।

    খাবারের পাশপাশি জল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে বলেও জানাচ্ছেন চিকিৎসকেরা। এই আবহাওয়া শুষ্ক। তাই শরীরে জলের চাহিদা বাড়বে। জল পর্যাপ্ত না খেলে ডিহাইড্রেশনের মতো বিপদও ঘটতে পারে। তাছাড়া ভাইরাস ঘটিত জ্বরের থেকে মুক্তি পেতেও পর্যাপ্ত জল খাওয়া জরুরি। তবে, চিকিৎসকেরা বলছেন, জ্বর টানা তিন দিন থাকলে অবশ্যই রক্ত পরীক্ষা করাতে হবে। শীতের পারদ কমতেই কিন্তু ডেঙ্গির আশঙ্কা বাড়তে পারে। মশাবাহিত রোগের দাপট এড়িয়ে গেলে চলবে না। তাই চিকিৎসকের পরামর্শ মতো রক্ত পরীক্ষা করে কী ধরণের জ্বর হয়েছে, তা নিশ্চিত করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Airport: তিনটি নয়া বিমানবন্দর পাচ্ছে পশ্চিমবঙ্গ, কোথায় কোথায় জানেন?

    Airport: তিনটি নয়া বিমানবন্দর পাচ্ছে পশ্চিমবঙ্গ, কোথায় কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনটি নয়া বিমানবন্দর (Airport) পাচ্ছে পশ্চিমবঙ্গ। অন্তর্দেশীয় যোগাযোগ ব্যবস্থা বাড়াতেই চালু হচ্ছে এই তিনটি বিমানবন্দর। এই তিনটি বিমানবন্দর হবে বার্নপুর, কোচবিহার এবং কলাইকুন্ডায়। গোটা ভারতে রয়েছে ৭০টি বিমানবন্দর। এর মধ্যে রয়েছে দুটি ওয়াটার এয়ারোড্রোম এবং ন’ টি হেলিপোর্ট।

    উদান…

    সিভিল অ্যাভিয়েশন মন্ত্রক চালু করেছে রিজিয়নাল কানেক্টিভিটি স্কিম। নাম দেওয়া হয়েছে উড়ে দেশ কা আম নাগরিক (UDAN)। আম জনতা যাতে সস্তায় বিমান ভ্রমণ করতে পারেন, তাই এই স্কিম চালু করা হয়েছে। চারবার নিলাম হওয়ার পর ৪৫৩টি রুট চালু হয়েছে। এর মধ্যে যুক্ত হয়েছে ৭০টি এয়ারপোর্ট, দুটি ওয়াটার অ্যারোড্রোম এবং ৯টি হেলিপোর্টও। জানা গিয়েছে, ২.১৫ লক্ষেরও বেশি উদান ফ্লাইট অপারেট করা হচ্ছে। এ পর্যন্ত এই ভ্রমণ উপভোগ করেছেন ১.১ কোটি যাত্রী।

    আরও পড়ুন: ‘ভারত জোড় যাত্রা’য় বেরিয়ে চায়ে মজে রাহুল, বাইরে ঠায় দাঁড়িয়ে ফার্ম হাউসের মালকিন

    কোচবিহারে বিমানবন্দর (Airport) প্রস্তুত হয়ে গিয়েছে। তবে রয়ে গিয়েছে জটিলতা। কোচবিহার বিমানবন্দরের লাইসেন্স নবীকরণ হবে না বলেও জানা গিয়েছিল। ওই বিমানবন্দর চালু করতে উদ্যোগী হয় রাজ্য সরকার। কলাইকুন্ডায় সেনাবাহিনীর বিমান ওঠানামা করে। এবার সেখানে হচ্ছে আস্ত একটি বিমানবন্দর। কারণ কলাইকুন্ডায় যেখানে সেনাবাহিনীর বিমান ওঠানামা করে, সেটি খড়্গপুরের কাছেই। এই খড়্গপুর রেলশহর নামে পরিচিত। জায়গাটি মিনি ইন্ডিয়া নামেও পরিচিত। তাই এখান থেকে বিমান পরিষেবা চালু হবে আদতে লাভবান হবেন স্থানীয়রাই।

    বার্নপুরেও বিমানবন্দর (Airport) চালুর দাবি দীর্ঘদিনের পুরানো। এটাও রেলশহর। এখানেও ভারতের বিভিন্ন প্রদেশের মানুষ বসবাস করেন। তাই এখানে বিমানবন্দর হলে আদতে উপকৃত হবেন স্থানীয়রা। ঘুরে দাঁড়াবে এলাকার অর্থনীতিও। ভারত সরকার এই স্কিমে বরাদ্দা করেছে ৪ হাজার ৫০০ কোটি টাকা। এই টাকায় আনসার্ভড এবং আন্ডারসার্ভড এয়ারপোর্ট বা এয়ারস্ট্রিপগুলিকে পুনরুজ্জীবিত করা যাবে। ২০২৪ সালের মধ্যে এগুলিকে সংস্কার কিংবা পুনরুজ্জীবিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Himachal Pradesh New CM: জল্পনার অবসান! হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবিন্দর সিং সুখু

    Himachal Pradesh New CM: জল্পনার অবসান! হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবিন্দর সিং সুখু

    মাধ্যম নিউজ ডেস্ক: হিমাচল প্রদেশে মুখ্যমন্ত্রীর নতুন মুখ কে হবে, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। মুখ্যমন্ত্রীর পদের জন্য একাধিক নাম ঘোরাফেরা করছিল দলের অন্দরে। আজ, সন্ধ্যায় সেই নামই অবশেষে ঘোষণা করা হল। হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী (Himachal Pradesh New CM) হচ্ছেন সুখবিন্দর সিং সুখু (Sukhwinder Singh Sukhu)। কংগ্রেস হাইকমান্ডের (Congress high command) তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সূ্ত্র মারফত। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে। সুখবিন্দর সিং সুখুর নাম মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত হওয়ার খবর পেতেই উ‍ৎসবে মেতে উঠেছেন তাঁর অনুগামীরা।

    হিমাচলের নয়া মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু

    দলের অধিকাংশ বিধায়কের মতামতকে গুরুত্ব দিয়ে তিন বারের বিধায়ককেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর (Himachal Pradesh New CM) সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর অনুযায়ী, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দর সিং সুখুর নাম অনুমোদন পেয়েছে কংগ্রেস হাইকমান্ডের বৈঠকে। অন্যান্য নেতা-নেত্রীদের সঙ্গে আলোচনার (discussion) পর শনিবার সন্ধ্যাতেই তাঁর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে বলেও জানা গেছে সূত্র মারফত। আবার জানা গিয়েছে, হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিংকে বড় দায়িত্ব দেওয়া হবে।

    আরও পড়ুন: হিমাচলে মুখ্য়মন্ত্রীর পদের জন্য একাধিক দাবিদার, অস্বস্তিতে হাত শিবির

    সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ৬৮ আসন বিশিষ্ট হিমাচল প্রদেশে ৪০ আসনে জিতেছে কংগ্রেস। শুক্রবারই মুখ্যমন্ত্রী বেছে নিতে সিমলায় নব নির্বাচিত কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ভূপেশ বাঘেল-রাজীব শুক্লারা। আরও জানা গিয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গান্ধী পরিবারের সঙ্গে আলোচনা করেই সুখুর নাম অনুমোদন করা হয়েছে ও এই চূড়ান্ত সিদ্ধান্তে আসা হয়েছে।

    উল্লেখ্য, এ বারের নির্বাচনে সুখু (Himachal Pradesh New CM) নাদৌন থেকে লড়েছিলেন। তিনি নাদৌনের বিধায়ক হওয়ার পাশাপাশি পাহাড়ি রাজ্যে বেশ কয়েকটি সাংগঠনিক পদেও দায়িত্ব পালন করেছেন। সূত্র মারফত জানা গিয়েছে, আগামিকাল, রবিবারই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Himachal Pradesh New CM) পদে শপথ নিতে পারেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি।

    বিক্ষোভ প্রতিভার অনুগামীদের

    সূত্রের খবর অনুযায়ী, হিমাচলের মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দরের নাম প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পরই কংগ্রেসের অন্দরে টানাপোড়েন শুরু হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভার অনুগামীরা বিক্ষোভে নেমেছেন। কারণ জয় আসার পরে মুখ্যমন্ত্রীর পদের জন্য দাবিদার হিসাবে মুখ খুলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং-এর স্ত্রী প্রতিভা সিং। ফলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তিনিও ছিলেন। তবে তাঁর জায়গায় সুখুকে অনুমোদন দেওয়ায় শুরু হয়েছে বিক্ষোভ।

     

  • TET 2022: আগামীকাল টেট, অনিয়ম রুখতে কী কী সতর্কতা অবলম্বন করল পর্ষদ?

    TET 2022: আগামীকাল টেট, অনিয়ম রুখতে কী কী সতর্কতা অবলম্বন করল পর্ষদ?

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই ডিএলএডের প্রশ্ন ফাঁস নিয়ে বিপাকে পড়েছিল পর্ষদ। টেট (TET 2022) পরীক্ষায় সেই অস্বস্তি এড়াতে অতিরিক্ত সতর্ক তারা। রাজ্যজুড়ে ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। ১৪০০ কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। আড়াই ঘণ্টা ধরে চলবে পরীক্ষা। শুরু হবে দুপুর ১২টা থেকে শেষ হবে ২:৩০ টার সময়। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: দিল্লি দূরে নয়! কলকাতার কিছু এলাকায় বায়ুদূষণের মাত্রা রাজধানীর থেকেও বেশি

    পরীক্ষার্থীদের কী কী নিয়ম মানতে হবে?

    • পরীক্ষার্থীদের একটি ফটো আইডেন্টিটি কার্ড যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অবশ্যই নিয়ে যেতে হবে।
    • ব্ল্যাক বলপয়েন্ট পেন সঙ্গে নিয়ে যেতে হবে। 
    • ঘড়ি বা গয়না পরে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না।
    • কোনও স্টেশনারি বস্তু, লিখিত বা ছাপানো অবস্থায় পরীক্ষাকেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়া যাবে না। 
    • ইনভিজিলেটরের অনুমতি ছাড়া কোনও পরীক্ষার্থী পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত আসন বা সেন্টার ছাড়তে পারবেন না।
    • প্রার্থীকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিয়ে যেতে হবে। নইলে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি মিলবে না।
    • প্রতিটি প্রার্থীকে রোল নম্বর অনুযায়ীই বসতে হবে।
    • কাগজের টুকরো, পেন্সিল বাক্স, প্লাস্টিকের পাউচ, ক্যালকুলেটর, স্কেল, লেখার প্যাড কিচ্ছু নিয়ে পরীক্ষার ঘরে ঢোকা যাবে না।
    • ইনভিজিলেটরের অনুমতি ছাড়া কোনও পরীক্ষার্থী পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত আসন বা সেন্টার ছাড়তে পারবেন না।

    এতো গেল পরীক্ষার্থীদের জন্যে নিয়ম। ইনভিজিলেটরদের জন্যেও রয়েছে একগুচ্ছ নিয়ম, পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রগুলিতে পৌঁছবে প্রাথমিক টেট-র (TET 2022) প্রশ্নপত্র।

    • পরীক্ষার্থী পিছু প্রশ্নপত্রের খামের বন্দোবস্ত করা হচ্ছে পর্ষদের তরফে। একমাত্র পরীক্ষার্থীই পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে খুলতে পারবেন প্রশ্নপত্রের সেই খাম। পরীক্ষা শেষে পরীক্ষার্থী সেই প্রশ্নপত্র, তাঁর উত্তরপত্র সহ সিলবন্দি করে দেবেন সেই খামে।
    • প্রশ্নপত্র নিয়ে আসা এবং প্রশ্নপত্র নিয়ে যাওয়া উভয়ক্ষেত্রেই থাকবে কড়া পুলিশি নিরাপত্তা।
    • পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা প্রতিটি শিক্ষক এবং অশিক্ষক কর্মীর গলায় বৈধ পরিচয় পত্র ঝোলানো থাকতে হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bharat Jodo Yatra: ‘ভারত জোড় যাত্রা’য় বেরিয়ে চায়ে মজে রাহুল, বাইরে ঠায় দাঁড়িয়ে ফার্ম হাউসের মালকিন  

    Bharat Jodo Yatra: ‘ভারত জোড় যাত্রা’য় বেরিয়ে চায়ে মজে রাহুল, বাইরে ঠায় দাঁড়িয়ে ফার্ম হাউসের মালকিন  

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত জোড় যাত্রায় (Bharat Jodo Yatra) বেরিয়েছেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই যাত্রা নিয়ে বিতর্কের অন্ত নেই। যে যে রাজ্যের ভিতর দিয়ে এই পদযাত্রা গিয়েছে, সেই সেই রাজ্যেই রাহুলের ছায়ার মতো তাঁকে অনুসরণ করেছে বিতর্ক। অতি সম্প্রতি সেই তালিকায় যুক্ত হল আরও একটি বিতর্ক।

    যত কাণ্ড কোটায়…

    সম্প্রতি রাহুলের ভারত জোড় যাত্রার একটি ভিডিও প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, রাজস্থানের কোটায় এক ফার্ম হাউসে গিয়েছেন রাহুল ও তাঁর দলবল। ফার্ম হাউসের ছাদে বসে রাহুল ও অন্য কংগ্রেস নেতারা চা ও স্ন্যাক্স খাচ্ছিলেন। সেই সময় ওই ফার্ম হাউসের মালকিনকে বাড়ির বাইরে থাকতে বাধ্য করা হয়েছিল বলে জানা গিয়েছে। মিনিট চল্লিশেক বাড়ির বাইরেই ঠায় দাঁড়িয়ে ছিলেন তিনি। আর কংগ্রেস নেতা কর্মীরা মজেছিলেন চায়ে। ভিডিও ফুটেজটি ৭ ডিসেম্বরের। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাহুলের নিরাপত্তার কারণে হয়তো নিরাপত্তারক্ষীরা একাজ করেছেন।

    আরও পড়ুন: ‘হিন্দু’ পার্সিয়ান শব্দ! কংগ্রেস নেতার ‘বিতর্কিত’ মন্তব্যে কড়া প্রতিক্রিয়া বিজেপির

    জানা গিয়েছে, রাহুলের ৩ হাজার ৫৭০ কিমি দীর্ঘ ভারত জোড় যাত্রা (Bharat Jodo Yatra) ঝালওয়ার থেকে ৫ সেপ্টেম্বর পৌঁছেছে রাজস্থানে। সেখানে যাত্রার দ্বিতীয় দিনে কোটায় টানা সাড়ে তিন ঘণ্টা পদযাত্রা করেন রাহুল। ক্ষণিক বিশ্রামের জন্য ৫২ নম্বর জাতীয় সড়কের ওপর গোপালপুরা গ্রামের লাদপুরা পঞ্চায়েত সমিতির ভাইস প্রেসিডেন্ট অশোক মিনার ফার্ম হাউসে ওঠেন। সেখানেই কিছুক্ষণ বিশ্রাম নেন তাঁরা। খান চা ও স্ন্যাক্স। রাহুল বাড়িতে যাওয়ার আগে বাড়ির বাইরে গিয়েছিলেন অশোকের মা ঊর্মিলা।

    আরও পড়ুন: গুজরাতসহ গোটা দেশকে ধ্বংস করেছে কংগ্রেস, প্রচার মঞ্চ থেকে নরেন্দ্র মোদি

    রাহুলরা যখন চা খাচ্ছিলেন, তখনই ফিরে আসেন তিনি। ব্যস। তার পর আর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি তাঁকে। বাধা দেন নিরাপত্তারক্ষীরা। রাহুল ওই খামারবাড়িতে ছিলেন মিনিট চল্লিশেক। এই পুরো সময়টা ঊর্মিলাকে ঠায় দাঁড়িয়ে থাকতে হয় বাড়ির বাইরে। রাহুলের ভারত জোড় যাত্রায় (Bharat Jodo Yatra) পা মিলিয়েছিলেন নর্মাদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটকর। তা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছিল। রাহুলের পদযাত্রায় মেধা শামিল হওয়ায় কড়া সমালোচনা করেছিল বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • NJC Bill: রাজ্যসভায় পেশ ন্যাশনাল জুডিশিয়াল বিল, কী আছে প্রস্তাবিত আইনে?

    NJC Bill: রাজ্যসভায় পেশ ন্যাশনাল জুডিশিয়াল বিল, কী আছে প্রস্তাবিত আইনে?

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে ৭ ডিসেম্বর, বুধবার। চলবে এ মাসেরই ২৯ তারিখ পর্যন্ত। শুক্রবার তৃতীয় দিনে রাজ্যসভায় পেশ হয় অভিন্ন দেওয়ানি বিধি বিল ২০২০। এটি একটি প্রাইভেট মেম্বার বিল। (NJC Bill) বিলটি পেশ করেন বিজেপির রাজস্থানের সাংসদ। এদিন রাজ্যসভায় একটি প্রাইভেট মেম্বার বিল পেশ করেন সাংসদ সিপিএমের (CPM) বিকাশ রঞ্জন ভট্টাচার্যও (Bikash Ranjan Bhattacharya)।

    বিলের বক্তব্য…

    সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টগুলির বিচারপতিদের নিয়োগ নিয়ন্ত্রণ করতেই আনা হয়েছে বিলটি (NJC Bill)। বিলটিতে প্রস্তাব দেওয়া হয়েছে ন্যাশনাল জুডিশিয়াল কমিশন গঠনের। এই কমিশনই রেকমেন্ড করবেন কে হবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কারা হবেন বিচারপতি, হাইকোর্টের বিচারপতিই বা কারা হবেন। এদিন ধ্বনিভোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর পেশ করা হয় ন্যাশনাল জুডিশিয়াল কমিশন বিল (national judicial commission bill) ২০২২। প্রস্তাবিত আইনটির উদ্দেশ্য হল, একটি জুডিশিয়াল স্ট্যান্ডার্ড তৈরি করা। বিচারকদের দায়িত্ব দেওয়া। একটি বিশ্বাসযোগ্য ও সমীচিন মেকানিজম তৈরি করা যাতে করে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টের কোনও বিচারপতির বিরুদ্ধে যদি অসদাচরণ অথবা অদক্ষতার অভিযোগ ওঠে, তাহলে তদন্তের কাঠামো তৈরি করা। কোনও বিচারপতিকে সরিয়ে দেওয়া সংক্রান্ত বিষয়ে সংসদের আলোচনা রাষ্ট্রপতির কাছে তুলে ধরার বিষয়টিও প্রস্তাব করা হয়েছে ওই বিলে।

    আরও পড়ুন: ‘মোদি বিশ্বের কণ্ঠস্বর, উন্নয়নশীল দেশগুলির স্বর ভারত’, বললেন জয়শঙ্কর

    সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) ন্যাশনাল জুডিশিয়াল কমিশন বিল (NJC Bill) ২০২২ এর বিরোধিতা করেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। তাঁর যুক্তি, ন্যাশনাল জুডিশিয়াল কমিশনের যে ধারণা, সেই বিষয়টি তিনবার বিবেচনা করেছে দেশের শীর্ষ আদালত। বিচারপতিদের স্বাধীনতায় গুরুত্ব দিয়ে তিনবারই সেটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চাড্ডা বলেন, আমরা এমন একটা কাজ করার চেষ্টা করছি, যা সাংবিধানিকভাবে অসম্ভব। আম আদমি পার্টির সাংসদ বলেন, আমার মতে বর্তমানে বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে যে কলেজিয়াম প্রথা রয়েছে, তা ভালভাবেই চলছে। এই প্রথায় কিছু ইমপ্রুভমেন্ট করার সুযোগও থাকতে পারে। যা বিচারব্যবস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে করা যেতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FIFA World Cup: কান্নায় ভাসলেন নেইমার! ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে ক্রোয়েশিয়া

    FIFA World Cup: কান্নায় ভাসলেন নেইমার! ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে ক্রোয়েশিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে ইন্দ্রপতন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করল ক্রোয়েশিয়া। স্বপ্নভঙ্গ নেইমারদের(Neymer)। স্বপ্নভঙ্গ অসংখ্য ফুটবলপ্রেমীর। কলকাতার অনেক ঘরেই আর রাত জাগবে না ব্রাজিল ভক্তেরা। হতাশার স্বস্তি। তাঁদের কাছে বিশ্বকাপ যেন শেষ। এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার ছিল ব্রাজিল। সবাই তাঁদের এগিয়ে রাখছিল। কিন্তু মুহূর্তের অসাবধানতায় সব হারাল ব্রাজিল। পেনাল্টি শ্যুটআউটে ২-৪ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল সেলেকাওরা। 

    কোয়ার্টারেই বিদায় ব্রাজিল

    বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায় যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ২০০২ সালে শেষ বিশ্বকাপ জেতার পর থেকে এই নিয়ে মোট চার বার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিদায় নিল ব্রাজিল। প্রতি বারই ইউরোপের কোনও দলের কাছে হেরেছে তারা। ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সের কাছে, ২০১০ নেদারল্যান্ডসের কাছে, ২০১৮ সালে বেলজিয়ামের কাছে, ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিল ব্রাজিল।

    ম্যাচের নির্ধারিত সময়ে কোনও গোল হয়নি। অতিরিক্ত সময়ে ব্রাজিলের নেইমার গোল করলেও শেষ দিকে সমতা ফেরান ব্রুনো পেটকোভিচ। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার গোলকিপার ডোমিনিক লিভাকোভিচ বাঁচিয়ে দেন রড্রিগোর শট। চতুর্থ শটে মার্কুইনোস পোস্টে মারেন। ক্রোয়েশিয়া চারটিতেই গোল করেছে। 

    আরও পড়ুন: কোচের পদ ছাড়লেন তিতে! ব্রাজিলের হয়ে আর কি মাঠে দেখা যাবে না নেইমারকে?

    প্রথম থেকে ব্রাজিলকে চাপে রাখার চেষ্টা করতে থাকে ক্রোয়েশিয়া। ব্রাজিলকে খেলার জন্য একটুও খোলা জায়গা দিচ্ছিল না তারা। বলের নিয়ন্ত্রণ বেশি ছিল ক্রোয়েশিয়ার পায়ে। অপেক্ষার মুহূর্ত শেষ হয় ১০৫ মিনিটে। নেইমারের অসাধারণ গোলে এগিয়ে যায় ব্রাজিল। মাঝমাঠ থেকে মুভ শুরু করেছিলেন নেইমারই। প্রথমে পাস খেলেন পেড্রোর সঙ্গে। সেখান থেকে নেইমার বল পায়ে দেন পাকুয়েতাকে। পাকুয়েতার থেকে পাস পেয়ে গোলকিপার লিভাকোভিচকে এক টোকায় কাটিয়ে বল জালে জড়ান নেইমার। ব্রাজিলের জার্সিতে এই নিয়ে ৭৭ গোল করলেন নেইমার। ছুঁলেন পেলেকে। এতদিন পেলে ছিলেন ব্রাজিলের সর্বাধিক গোলদাতা। এবার তাঁর সঙ্গে নেইমারের নামও যুক্ত হল।

    ব্রাজিল ভেবেছিল তাঁরা সেমিফাইনালে উঠে গিয়েছে। মুহূর্তের অসাবধানতায় গোল খেয়ে বসে তাঁরা। ১১৭ মিনিটের মাথায় প্রতি আক্রমণে আসে ক্রোয়েশিয়া। সেখান থেকে পেরিসিচের পাসে বাঁ পায়ের শটে গোল করেন ব্রুনো পেটকোভিচ। খেলা গড়ায় টাইব্রেকারে। জাপানের বিরুদ্ধে টাইব্রেকারে তিনি হয়ে উঠেছিলেন দলের ত্রাতা। তিনটি শট বাঁচিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন ডমিনিক লিভাকোভিচ। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে আরও এক বার পাহাড় হয়ে দাঁড়ালেন ক্রোয়েশিয়ার ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার গোলরক্ষক। ১২০ মিনিটের খেলায় তাঁকে এক বারই মাত্র পরাস্ত করতে পারলেন নেইমাররা। লিভাকোভিচের হাত ধরে এই নিয়ে পরপর ২ বার বিশ্বকাপের সেমিতে পৌঁছল ক্রোয়েশিয়া। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • FIFA World Cup: কোচের পদ ছাড়লেন তিতে! ব্রাজিলের হয়ে আর কি মাঠে দেখা যাবে না নেইমারকে?

    FIFA World Cup: কোচের পদ ছাড়লেন তিতে! ব্রাজিলের হয়ে আর কি মাঠে দেখা যাবে না নেইমারকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: হেক্সার স্বপ্ন এবারও অধরা থেকে গেলো ব্রাজিলের। খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে নেইমারদের। শুক্রবার রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হাউ হাউ করে কাঁদতে দেখা গেলো নেইমারকে। তাঁর যন্ত্রণা আরও বেশি কারণ তিনি দুরন্ত গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। মনে হয়েছিল নেইমারের গোলেই সেমিতে জায়গা করে নেবে ব্রাজিল। কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তে গোল শোধ করে লড়াইয়ে ফিরে আসে ক্রোয়েশিয়া।

    তিতের ইস্তফা

    ব্যর্থতার দায় নিয়ে ব্রাজিলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিতে। ২০১৬ সাল থেকে তিনি ব্রাজিল দলের দায়িত্বে ছিলেন। কাতার বিশ্বকাপের পর তিনি যে আর কোচ থাকবেন না, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন তিতে। সেই মতোই বিশ্বকাপ থেকে ব্রাজিল ছিটকে যেতেই তিনি কোচের পদ থেকে সরে দাঁড়ালেন। তিতে বলেছেন, “আমি এত দিন ধরে যা বলে এসেছি সেটাই করেছি। তাই আমার সিদ্ধান্ত নিয়ে বেশি আলোচনার প্রয়োজন নেই। ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার জন্য অনেকেই যোগ্য।” তবে প্রশ্ন উঠছে কেন নেইমারকে টাইব্রেকারে শট মারতে দেওয়া হলো না? জবাবে তিতে বলেছেন, “আমি পঞ্চম শটের জন্য সেরা খেলোয়াড়কে রেখে দিয়েছিলাম। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেলো।”

    আরও পড়ুন: রুদ্ধশ্বাস লড়াই! মেসি ম্যাজিক, টাইব্রেকারে নায়ক মার্টিনেজ, শেষ চারে আর্জেন্টিনা

    আর কি খেলবেন নেইমার?

    ব্রাজিলের হয়ে কি আর খেলতে দেখা যাবে না নেইমারকে? জল্পনা তুঙ্গে। কারণ, ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার ধাক্কা সামলে নিতে পারেননি নেইমার। শিশুর মতো মাঠে তিনি কাঁদতে থাকেন। তাঁকে সান্তনা দিতে এগিয়ে আসেন সতীর্থরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার বলেন , “সত্যি জানি না কী করবো। এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না। আমি ঠিক ভাবে কিছুই ভেবে উঠতে পারছি না। কিন্তু ব্রাজিলের জার্সি গায়ে আর নামবো কি না বলতে পারছি না এখনই। আমাকে ভাবতে হবে কি করব। সত্যি ব্রাজিলের হয়ে আর খেলা উচিত কি না সেটা ভেবে দেখতে হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Jaishankar: ‘মোদি বিশ্বের কণ্ঠস্বর, উন্নয়নশীল দেশগুলির স্বর ভারত’, বললেন জয়শঙ্কর

    Jaishankar: ‘মোদি বিশ্বের কণ্ঠস্বর, উন্নয়নশীল দেশগুলির স্বর ভারত’, বললেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: সীমান্তপারের সন্ত্রাস নিয়ে শুক্রবার ফের একবার সুর চড়ালেন ভারতের (India) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। এশিয়া কাপ ২০২৩ নিয়ে বিসিসিআই (BCCI) এবং পিসিবি (PCB)-র বিতর্ক চলছে। কারণ বিসিসিআইয়ের তরফে ঘোষণা করা হয়েছে ভারতীয় ক্রিকেট খেলোয়াড়রা পাকিস্তানে যাবেন না। এই প্রসঙ্গেই ভারতের বিদেশমন্ত্রী বলেন, টুর্নামেন্ট হবে। এ নিয়ে আপনারা সরকারের অবস্থান জানেন। দেখা যাক, কী হয়!

    জয়শঙ্কর উবাচ…

    ভারতের বিদেশমন্ত্রী বলেন, আমি আবারও বলতে চাই যে আমাদের এটা গ্রহণ করা উচিত হবে না যে কোনও একটি দেশের সন্ত্রাসবাদে মদত দেওয়ার অধিকার রয়েছে। এটাকে বৈধতা দিতে হবে। আর তা করতে গেলে ওই দেশটির ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। এই চাপ ততক্ষণ জারি থাকবে যতক্ষণ না সন্ত্রাসবাদের বলি যাঁরা হয়েছেন, তাঁদের পরিবার সুর চড়াবেন। জয়শঙ্কর বলেন, এ ব্যাপারে আমাদের নেতৃত্ব দিতে হবে। কারণ সন্ত্রাসবাদের কারণে আমরা রক্তাক্ত হয়েছি।

    প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ভারত এখনই কোনও আলোচনায় যেতে রাজি নয় বলে এদিন ফের একবার জানিয়ে দেন জয়শঙ্কর। ভারতের বিদেশমন্ত্রী বলেন, এটা একটা জটিল বিষয়। প্রতিবেশী যদি লজ্জা না করে সন্ত্রাসবাদে মদত দেয়, তাহলে কী করবেন? মাথায় বন্দুক ধরলে আপনি কী করবেন? যদি আপনার প্রতিবেশী প্রকাশ্যে সন্ত্রাসবাদে মদত দেয়…এবং এ ব্যাপারে কোনও রহস্য নেই, কারা এর নেতৃত্ব দিচ্ছে, তাদের শিবিরই বা কোথায়। জয়শঙ্কর (S Jaishankar) বলেন, আমাদের কখনওই ভাবা উচিত নয় যে সীমান্তপারের সন্ত্রাস স্বাভাবিক।

    আরও পড়ুন: ‘রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে দু’ রকম কথা বলছে পশ্চিম’, বললেন জয়শঙ্কর

    তিনি বলেন, আমাকে আর একটা উদাহরণ দিন, যেখানে আর কোনও প্রতিবেশী দেশ তার পড়শি দেশের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দিচ্ছে। জয়শঙ্কর বলেন, এমন কোনও উদাহরণ নেই। এক দিক থেকে এটা অস্বাভাবিক নয়, তবে ব্যতিক্রম। তিনি বলেন, আমরা চাই পাকিস্তান সন্ত্রাসবাদের রাস্তা থেকে সরে আসুক। কারণ কোনও দেশের অধিকার নেই সন্ত্রাস করার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে জয়শঙ্কর (S Jaishankar) বলেন, আমরা চাই শান্তি আসুক। যুদ্ধ থামুক। তেলের দাম, অন্য পণ্যের দাম কমুক। তিনি বলেন, ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের কণ্ঠস্বর হয়ে গিয়েছে। উন্নয়নশীল দেশগুলির স্বর হয়েছে ভারত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
LinkedIn
Share