Blog

  • UP Madrasa: যোগী রাজ্যে মাদ্রাসার পড়ুয়ারা পড়বে এনসিইআরটি-র সিলেবাস, কবে থেকে জানেন?

    UP Madrasa: যোগী রাজ্যে মাদ্রাসার পড়ুয়ারা পড়বে এনসিইআরটি-র সিলেবাস, কবে থেকে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাদ্রাসা শিক্ষায় ব্যাপক সংস্কার উত্তর প্রদেশে (UP Madrasa)। এবার থেকে যোগী আদিত্যনাথের রাজ্যের মাদ্রাসার (Madrasa) পড়ুয়ারা পড়বে এনসিইআরটির (NCERT) সিলেবাস। আগামী মার্চে যে সেশন শুরু হচ্ছে, সেই নতুন শিক্ষাবর্ষ থেকেই নয়া সিলেবাসে পড়বে মাদ্রাসার ছাত্রছাত্রীরা। মাদ্রাসা শিক্ষা পরিষদের চেয়ারপার্সন ইফতিকার আহমেদ বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন সিলেবাসে। তিনি বলেন, এবার থেকে মাদ্রাসার পড়ুয়ারাও অঙ্ক, বিজ্ঞান এবং কম্পিউটার শিক্ষা পাবে।

    ওয়াকফ বোর্ড…

    গত নভেম্বরে উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল সে রাজ্যের ১০৩টি মাদ্রাসায়ই এনসিইআরটির সিলেবাস চালু করার। তারা এও জানিয়েছিল, ২০২৩ সালের নয়া শিক্ষাবর্ষ থেকে সব ধর্মের পড়ুয়াদের জন্যই খুলে দেওয়া হবে মাদ্রাসার দ্বার। ইসলামিক স্কুলগুলিতে আধুনিকীকরণের উদ্দেশে চালু করা হবে ইউনিফর্মও। উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সাদাব শামস সংবাদ মাধ্যমকে বলেন, মাদ্রাসার পড়ুয়াদের সমাজের মূল স্রোতে ফেরানোই আমাদের প্রথম কাজ। তিনি বলেন, নতুন বছরে আমরা এটাও চেষ্টা করব যাবে মাদ্রাসাগুলি সিবিএসই কিংবা উত্তরাখণ্ড স্টেট বোর্ডের অনুমোদন পায়।  

    গত সেপ্টেম্বরে উত্তর প্রদেশ সরকার সে রাজ্যের অনুমোদনহীন মাদ্রাসাগুলি (UP Madrasa) সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করে। এই মাদ্রাসাগুলি কোথা থেকে অর্থ পায়, শিক্ষকের সংখ্যা কত, সিলেবাসই বা কী এবং অন্যান্য তথ্য সংগ্রহ করতে শুরু করে। সেপ্টেম্বরে তথ্য সংগ্রহের কাজ শেষ করার পর উত্তর প্রদেশের ৩০৭টি মাদ্রাসাকে বেআইনি বলে ঘোষণা করে যোগী আদিত্যনাথের সরকার। অভিযোগ, এই মাদ্রাসাগুলি একাধিক সরকারি বিধি লঙ্ঘন করেছে। এই কারণ দেখিয়েই তাদের বেআইনি ঘোষণা করে উত্তর প্রদেশ সরকার। যে মাদ্রাসাগুলিকে (UP Madrasa) বেআইনি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রয়েছে ইসলামিক শিক্ষাকেন্দ্র দারুল উল্লামও।

    আরও পড়ুুন: মন্ত্রীদের রাজনৈতিক বক্তব্যের দায় সর্বদা সরকারের নয়, জানাল সুপ্রিম কোর্ট

    যোগী সরকার যখন মাদ্রাসাগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করে, তখন তার ব্যাপক সমালোচনা করতে শুরু করে সে রাজ্যের কয়েকটি মুসলিম গোষ্ঠী। জামাত উলেমা-ই-হিন্দ সরকারের সমীক্ষার সিদ্ধান্তটিকে মাদ্রাসার বদনাম করতে ঈর্ষাকাতর প্রয়াস বলে বর্ণনা করে। যদিও মুসলিমদেরই একাধিক সংগঠনের মতে, এতে আদতে ভালই হবে মাদ্রাসাগুলির (UP Madrasa)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Awas Yojana: রাজ্যে আসছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল! প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি খতিয়ে দেখাই লক্ষ্য

    Awas Yojana: রাজ্যে আসছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল! প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি খতিয়ে দেখাই লক্ষ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের দুই প্রতিনিধিদল। প্রাথমিক পর্যায়ে পূর্ব মেদিনীপুর এবং মালদায় যাবে তারা। দুই জেলায় গিয়ে নিয়ম মেনে বাড়ি দেওয়া হয়েছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখবে কেন্দ্রীয় দল। বুধবার কেন্দ্রের তরফে চিঠি দিয়ে নবান্নকে একথা জানানো হয়েছে। নবান্নে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, ৩ জন করে ২টি দল চলতি সপ্তাহেই রাজ্যে পৌঁছবে। দলে থাকবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পদস্থ কর্তারা। একটি দল পূর্ব মেদিনীপুর ও অপর দলটি মালদায় প্রকল্পের কাজ খতিয়ে দেখবে। চিঠিতে জানানো হয়েছে, গ্রামে গ্রামে গিয়ে প্রকল্পের সুবিধাভোগী হিসাবে নির্বাচিতদের সঙ্গে কথা বলবেন তাঁরা। তাঁরা প্রকৃতই আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য কি না তাও খতিয়ে দেখবেন। এমনকী এর আগে প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলির অবস্থাও পরীক্ষা করবে এই দল। নির্মান সামগ্রীর মানে কোনও আপস হয়েছে কি না খতিয়ে দেখবে তা-ও। নবান্নর তরফে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

    শুভেন্দুর ট্যুইট

    কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্যুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে ধন্যবাদ জানিয়ে শুভেন্দু লিখেছেন, গরিব মানুষদের যাঁরা বঞ্চিত করেছেন, তাঁদের জেলে পাঠানো দরকার।

    নবান্নকে চিঠি কেন্দ্রের

    পর্যবেক্ষক দলের আসার বিষয়টি ইতিমধ্যেই রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আন্ডার সেক্রেটারি অনিলকুমার সিং এই চিঠি পাঠিয়েছেন। নবান্নে পাঠানো চিঠি থেকে জানা যাচ্ছে, দুটি দল আসবে বাংলায়। একটি দল পূর্ব মেদিনীপুরে যাবে এবং দ্বিতীয় দল মালদা জেলায় মূলত আবাস যোজনার কাজ খতিয়ে দেখবে। পুরো পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে তাঁরা রিপোর্ট জমা দেবেন। 

    আরও পড়ুুন: নতুন বছরে রেলমন্ত্রকের উপহার পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেন

    তিনজন করে সদস্য প্রতি দলে

    চিঠি থেকে জানা গিয়েছে, প্রতিটি দলে তিন জন করে সদস্য থাকবেন। একটি দলের দায়িত্বে থাকবেন গ্রামোন্নয়ন মন্ত্রকের ডিরেক্টর শৈলেশ কুমার। সিনিরয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার সুভাষ দ্বিবেদী এবং আন্ডার-সেক্রেটারি অনিলকুমার সিং নিজেও থাকবেন। এই টিম পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অংশে যাবে। অন্যদিকে,মালদার টিমের নেতৃত্বে থাকবেন মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি শক্তিকান্ত সিং। এছাড়াও থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার চাহাত সিং এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গৌরব আহুজা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Russian Death in Odisha: ফের আরও এক রুশ নাগরিকের মৃত্যু হল রাশিয়ায়, এবার দেহ মিলল জাহাজে

    Russian Death in Odisha: ফের আরও এক রুশ নাগরিকের মৃত্যু হল রাশিয়ায়, এবার দেহ মিলল জাহাজে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের আরও এক রুশ নাগরিকের রহস্য মৃত্যু হল ওড়িশায় (Russian Death in Odisha)। দেহ মিলল জাহাজে। প্রসঙ্গত, গত ১৫ দিনে এই নিয়ে তৃতীয়বার রুশ নাগরিকের দেহ মিলল ওড়িশায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশার জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ বন্দরে নোঙর করা একটি জাহাজে বিদেশি নাগরিকের দেহ মিলেছে। তাঁর বয়স ৫১ বছর। নাম সের্গেই মিল্যাকভ। ওড়িশা পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পারাদ্বীপ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান পিএল হরনাধ এ বিষয়ে বলেন, “জাহাজের মাস্টার জানিয়েছেন  জাহাজের প্রধান ইঞ্জিনিয়ার সের্গেই মিল্যাক্ভের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।”

    আরও পড়ুন: ‘এমন ঘটনা ঘটলে রেলমন্ত্রক হয়তো অন্য কিছু ভাববে’, বন্দে ভারতে পাথর প্রসঙ্গে বললেন সুকান্ত  

    সের্গেই মিল্যাকভ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে পারাদ্বীপ হয়ে মুম্বাইগামী এমবি আলাদনা জাহাজের প্রধান ইঞ্জিনিয়ার (Russian Death in Odisha) ছিলেন। ভোর চারটের সময় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। পারাদ্বীপ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান পিএলহরনাধ রুশ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিষয়টির তদন্ত করা হচ্ছে।”

    পর পর রুশ নাগরিকের মৃত্যু 

    এর আগে ডিসেম্বর মাসেও, দক্ষিণ ওড়িশার রায়গড়ে এক সাংসদ-সহ দুই রুশ পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়। রুশ সাংসদ পাভেল আন্তোনভের ২৪ ডিসেম্বর হোটেলের তৃতীয় তলা থেকে পড়ে মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৫ বছর। তার দুদিন আগেই হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় ৬১ বছর বয়সী ভ্লাদিমির বিদেনভকে (Russian Death in Odisha)। কোটিপতি রুশ সাংসদ পাভেল  আন্তোনভ ছিলেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক। তাঁর আকস্মিক মৃত্যুতে রহস্যের গন্ধ পাচ্ছে প্রশাসন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। 

    সিআইডির এক আধিকারিক জানিয়েছেন, পাভেলের (Russian Death in Odisha) মৃত্যুর তদন্তে সিআইডি ইন্টারপোলের সাহায্য নিতে পারে। বিদেনভের মৃত্যুর পর আধিকারিকরা প্রথমে হোটেলে আসা সাব-ইন্সপেক্টর এসকে সিংকে জিজ্ঞাসাবাদ করেছেন। এ ছাড়া তিন অ্যাম্বুলেন্স চালককেও জেরা করেছেন সিআইডি আধিকারিকরা। রায়গড়ের পুলিশ সুপারের কাছে মৃত্যুর রিপোর্ট চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Indian Football: তিন বছর পর সুপার কাপ আয়োজন করছে এআইএফএফ

    Indian Football: তিন বছর পর সুপার কাপ আয়োজন করছে এআইএফএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন বছর পর ভারতীয় ফুটবলে (Indian Football) ফিরছে সুপার কাপ। ভারতীয় ফুটবল ফেডারেশন কেরলে টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা নিয়েছে। ম্যাচগুলি হতে পারে জওহরলাল স্টেডিয়াম ও মাঞ্জেরিতে। পায়ান্দ স্টেডিয়াম হল মাঞ্জেরিতে। এখানে সন্তোষ ট্রফির ম্যাচ ঘিরে দারুন উৎসাহ দেখা গিয়েছিল। সেই কারণেই ফেডারেশন হয়তো মাঞ্জেরিতেও সুপার কাপের ম্যাচ করতে চাইছে।

    কেন সুপার কাপ

    এখনও পর্যন্ত সরকারিভাবে সুপার কাপের ফিক্সচার ঘোষণা না হলেও খুব সম্ভবত টুর্নামেন্ট শুরু হবে ১ এপ্রিল। ভারতীয় ফুটবলে (Indian Football) সুপার কাপ হল নক-আউট টুর্নামেন্ট। যেখানে আই লিগ এবং আই এসলের সেরা ৬টি করে দল সরাসরি রাউন্ড অব সিক্সটিনে খেলার সুযোগ পাবে। বাছাই পর্বের খেলাগুলিও হবে নক আউট ভিত্তিতে। তবে এখানে লড়াই হবে দুই লিগের নিচের দিকের দলগুলির মধ্যে। তবে ফরম্যাট যদি বদলে যায় তাহলে বাছাই পর্বের খেলা অন্য নিয়মে হতেও পারে।

    আরও পড়ুন: ম্যাচের নায়ক শিবম মাভি! প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারাল ভারত

    প্রথম সুপার কাপ জিতেছিল বেঙ্গালুরু এফসি। এফ সি গোয়াও সফল দল। এবছর সুপার কাপ আয়োজনের অন্য কারণও রয়েছে। এএফসি কাপে খেলতে হলে ভারতীয় ক্লাবগুলিকে কমপক্ষে ২৭টি করে ম্যাচ খেলতে হবে। কিন্তু লিগের ম্যাচ সেই কোটা পূরণ করতে পারছে না। এমনকী ডুরান্ড কাপ খেলেও কম পড়ছে। তাই সুপার কাপ এবার আয়োজন না করলে ভারতীয় ক্লাবগুলো এশিয়ার কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Supreme Court: সিনেমা হলে দর্শক বাইরের খাবার নিয়ে যেতে পারবে কি? কী রায় দিল সুপ্রিম কোর্ট?

    Supreme Court: সিনেমা হলে দর্শক বাইরের খাবার নিয়ে যেতে পারবে কি? কী রায় দিল সুপ্রিম কোর্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: সিনেমা হলে দর্শকরা বাড়ির তৈরি বা বাইরে থেকে খাবার কিনে ঢুকতে পারবেন কিনা তা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। খাবার নিয়ে ঢোকার উপর নিষেধাজ্ঞা নিয়েই পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি.এস নরসিনহার ডিভিশন বেঞ্চে। ফলে শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, সিনেমা হলে দর্শকরা বাড়ির তৈরি বা বাইরে থেকে খাবার কিনে ঢুকতে পারবেন কিনা তা সম্পূর্ণভাবে হল মালিকের ইচ্ছা। এই ব্যাপারে সরকার, আদালত, ক্রেতা সুরক্ষা আদালত কোনওভাবেই হস্তক্ষেপ করতে পারে না।

    মামলাটি কী?

    ২০১৮ সালে সিনেমা হল বা মাল্টিপ্লেক্সে খাবার নিয়ে প্রবেশ করায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল জম্মু-কাশ্মীর হাইকোর্ট। এরপর জম্মু-কাশ্মীর হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন পড়ে। সেই মামলার শুনানিতেই এদিন জম্মু-কাশ্মীর হাইকোর্টকে কার্যত ভৎর্সনা করল শীর্ষ আদালত।

    আরও পড়ুন: নতুন বছরে রেলমন্ত্রকের উপহার পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেন

    জম্মু হাইকোর্টের রায়কে খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, “সিনেমা হলের সম্পত্তি হল মালিকদের ব্যক্তিগত সম্পত্তি। যতক্ষণ না এই ধরণের শর্তাবলী জনস্বার্থ, নিরাপত্তা এবং কল্যাণের বিরোধী না-হয়, ততক্ষণ পর্যন্ত মালিক শর্তাবলী স্থির করতেই পারেন। সিনেমা হল জিম নয়, যে সেখানে স্বাস্থ্যকর খাবার নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। এটা একটা বিনোদনের জায়গা। সিনেমা হল ব্যক্তিগত সম্পত্তি। সুতরাং এই বিষয়টি মালিক সিদ্ধান্ত নেবে। আর হলের দর্শকরাও সেই খাবার-পানীয় কিনবেন কি না, সেটা তাঁদের পছন্দের ব্যাপার।” তাই গতকাল সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, হল মালিক এবং মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের পূর্ণ অধিকার রয়েছে, বাইরের খাবার বা পানীয় নিয়ে প্রবেশ করা যাবে কি যাবে না, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার।

    আবার সিনেমা হলের অন্দরে জল এবং শিশুদের জন্য খাদ্য নিয়ে যাওয়ার ব্যাপারে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, সেটা অতিরিক্ত বলেও পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, দর্শক সিনেমা দেখবেন কিনা সেটা ঠিক করা তাঁদের অধিকার এবং সিনেমা হলে প্রবেশের পর কর্তৃপক্ষের নিয়মই চূড়ান্ত। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় আরও বলেন, “যদি কেউ খাবার নিয়ে সিনেমা হলে প্রবেশ করে এবং সিট নোংরা করে, তাহলে সেটা পরিষ্কার করার জন্য কে টাকা দেবে?” 

  • Gold Ink Quran: বিজ্ঞান কংগ্রেসে প্রদর্শিত হবে আরএসএসের সংগ্রহে থাকা কোরান, জানুন গ্রন্থটির বৈশিষ্ট্য

    Gold Ink Quran: বিজ্ঞান কংগ্রেসে প্রদর্শিত হবে আরএসএসের সংগ্রহে থাকা কোরান, জানুন গ্রন্থটির বৈশিষ্ট্য

    মাধ্যম নিউজ ডেস্ক: কোরান সংরক্ষণ করেছে আরএসএস (RSS)। ষোড়শ শতাব্দীর পবিত্র গ্রন্থটি সোনার কালিতে (Gold Ink Quran) লেখা। দুষ্প্রাপ্য এই গ্রন্থটি প্রদর্শিত হবে ১০৮তম বিজ্ঞান কংগ্রেসে (Science Congress)। আগামী মঙ্গলবার মহারাষ্ট্রে উদ্বোধন হবে বিজ্ঞান কংগ্রেসের। সেখানেই শোভা পাবে আরএসএস সংরক্ষিত এই পবিত্র গ্রন্থটি। আরএসএসের এক আধিকারিক জানান, গোটা বিশ্বে সোনার কালিতে লেখা কোরান রয়েছে মাত্র ৪টি।

    আরএসএস…

    জানা গিয়েছে, তারই একটি সংরক্ষণ করেছে আরএসএস। বিজ্ঞান কংগ্রেসে প্রদর্শিত হবে সেটিই। কোরানের এই কপিটি এবং কিছু প্রাচীন ম্যানুস্ক্রিপ্ট যেগুলি কয়েক শতাব্দীর পুরানো বলে বিশ্বাস, সেগুলি প্রদর্শিত হবে নাগপুর ভিত্তিক একটি সংস্থার স্টলে। বিজ্ঞান কংগ্রেসে স্টল দেবে রিসার্চ ফর রিসার্জেন্স ফাউন্ডেশন নামের ওই সংস্থা। সংস্থাটি ভারতীয় শিক্ষণ মণ্ডলের শাখা। রিসার্চ ফর রিসার্জেন্স ফাউন্ডেশনের নলেজ রিসোর্স সেন্টারের ডিরেক্টর ভুজঙ্গ বোবদে বলেন, ষোড়শ শতাব্দীতে সোনার কালি (Gold Ink Quran) দিয়ে কোরান লেখা হয়েছিল। গোটা বিশ্বে সোনার কালিতে লেখা কোরান রয়েছে মাত্র ৪টি। ভুজঙ্গ বোবদে নয়াদিল্লি ন্যাশনাল ম্যানু্স্ক্রিপ্ট অথরিটিতে প্রিন্সিপাল ইনভেস্টিগেটরও। তিনি বলেন, ওই কোরানের পাদটীকা লেখা হয়েছে নাস্তিলিক লিপিতে।

    আরও পড়ুুন: সমন্বয় বৈঠকে বসছে আরএসএস, জানুন কবে, কোথায়

    বোবদে জানান, নাস্তিলিক ও কুফি লিপি দুটি পার্শি ভাষায় ব্যবহৃত হত। তিনি বলেন, এর মধ্যে নাস্তিলিক লিপিটিকে বিশ্বের সর্বোৎকৃষ্ট লিপি বলে বিবেচনা করা হয়। সোনার কালিতে লেখা এই কোরানের আরও একটি বৈশিষ্ট্য রয়েছে। নয়াদিল্লির ন্যাশনাল ম্যানু্স্ক্রিপ্ট অথরিটিতে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর বোবদে বলেন, বইটির পৃষ্ঠা সংখ্যা ৩৮৫। খুদে খুদে অক্ষরে লেখা। তা সত্ত্বেও বইটির কোথাও কোনও ভুল নেই। তিনি বলেন, এটি বইটির একটি মৌলিকত্ব।

    তিনি জানান, কোরানের (Gold Ink Quran) এই কপিটি তাঁদের  দিয়েছিলেন হায়দরাবাদের নিজামের দেওয়ানের পরিবার। ইরানের প্রেসিডেন্টের পরামর্শদাতা স্বয়ং এসেছিলেন তাঁদের সংগ্রহে কী কী রয়েছে, তা দেখতে। তিনি এও জানান, ভারতীয় ইতিহাস, ধর্ম এবং প্রচীন ভারতীয় বিজ্ঞানের ১৫ হাজার ম্যানুস্ক্রিপ্ট রয়েছে। বোবদে  বলেন, আমাদের সংগ্রহে পার্শি ভাষায় লেখা তিব-ই-আকবর গ্রন্থটিও রয়েছে। এটি লেখা হয়েছিল সপ্তদশ শতাব্দীতে। তিনি জানান, এই বইটি সম্পর্ক বিশ্বের সিংহভাগ লোকই অজ্ঞ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

  • TET Scam: ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করল হাইকোর্ট, বেতন বন্ধের নির্দেশ

    TET Scam: ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করল হাইকোর্ট, বেতন বন্ধের নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক দুর্নীতি (TET Scam) মামলায় বড় পদক্ষেপ নিল হাইকোর্ট। ফের ১৪৩ জন ভুয়ো শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন ১৪৬ জন শিক্ষকের আবেদনের শুনানি ছিল আদালতে। তাঁদের মধ্যে ১৪৩ জনের চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখা হল। বিচারপতি সাফ জানিয়ে দেন, এঁদের চাকরি বাতিল করতে হবে। অবিলম্বে বেতন বন্ধের নির্দেশও দেন বিচারপতি।

    আরও পড়ুন: প্রিয়জনদের অস্থি গঙ্গায় ভাসাতে পারবে পাকিস্তানের হিন্দুরা! নয়া নীতি মোদি সরকারের  

    প্রসঙ্গত, প্রত্যেকের চাকরির স্বপক্ষে নথি খতিয়ে দেখে চাকরি (TET Scam) বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, কিছুদিন আগেই ৫৩ জনের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই পর্যন্ত সবমিলিয়ে ১৯৬ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল উচ্চ আদালত। 

    গত ২৩ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এর আগে এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (TET Scam) নির্দেশে ২৬৯ জনকে বরখাস্ত করা হয়েছিল। ২৩ ডিসেম্বরের শুনানিতে বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষকদের হলফনামা খতিয়ে দেখে প্রথম দফায় তাঁদেরই ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এঁদের মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল।

    বরখাস্ত হওয়া ২৬৯ জনের মধ্যে চাকরি ফিরে পাওয়ার দাবিতে হাই কোর্টে পাল্টা আবেদন করেন ১৪৬ জন (TET Scam)। এঁদের মধ্যে বুধবারই চাকরি গিয়েছে ১৪৩ জনের। বাকি ৩ জনের মামলার শুনানি ছিল। সেই শুনানিতে প্রাথমিকের দুই শিক্ষক তরুণ কারক এবং প্রসেনজিৎ ভট্টাচার্যকে চাকরিতে বহাল রাখার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, ওই দুই শিক্ষকের বেতন আবার চালু করার নির্দেশও দিয়েছেন তিনি। নথি খতিয়ে দেখে আবার শুনানি হবে এক জন আবেদনকারীর। 

    অন্য দিকে, বুধবার আরও ৫৯ জন প্রাথমিক শিক্ষক নিজেদের চাকরি বাঁচাতে আদালতে গিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের মামলাটি বৃহস্পতিবার শুনবেন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Vande Bharat Express: মালদার পর এবার নিউ জলপাইগুড়ি! ইটবৃষ্টি বন্দে ভারত এক্সপ্রেসে, আতঙ্কে যাত্রীরা

    Vande Bharat Express: মালদার পর এবার নিউ জলপাইগুড়ি! ইটবৃষ্টি বন্দে ভারত এক্সপ্রেসে, আতঙ্কে যাত্রীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন ঘুরতে না ঘুরতেই ফের হামলা বন্দে ভারত এক্সপ্রেসে। মালদার পর এবার নিউ জলপাইগুড়ি। গত ২৪ ঘণ্টার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে দুবার পাথর ছোঁড়া হল। জনসাধারণের জন্য যাত্রা শুরুর তিন দিনের মধ্যেই পরপর দুবার হামলার মুখে পড়ল দেশের গর্ব এই ট্রেন।

    এবার ইটবৃষ্টি

    মঙ্গলবার নিউ জলপাইগুড়ি ঢোকার মুখে দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনের উপর আছড়ে পরে ইটবৃষ্টি।  যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের সি-৩, সি-৬ কামরা। জানলার কাচে চিড় ধরতেও দেখা গেছে। পরপর আক্রমণে, স্বাভাবিকভাবেই আতঙ্কিত সাধারণ যাত্রীরা। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে রেল। ঘটনায় হাওড়া স্টেশনে নেমে যাত্রীদের অনেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এর ফলে বড়সড় প্রশ্নের মুখে সেমি হাইস্পিড ট্রেনের যাত্রী সুরক্ষা। কেন বার বার এই হামলা উঠছে প্রশ্ন। এদিনের ঘটনাতেও অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের নামে এফআইআর দায়ের করেছে নর্থ রেল ফ্রন্টিয়ার। তদন্ত করে দেখবে কাটিহার ডিভিশনে তৈরি কমিটি।

    আরও পড়ুন: গুজরাট-পাকিস্তান সীমান্তে স্থায়ী বাঙ্কার তৈরি করতে চলেছে ভারত

    প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় মালদা জেলার কুমারগঞ্জে হাওড়াগামী বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছিল বলে অভিযোগ। পূর্ব রেল কর্তৃপক্ষ জানান, ছোড়া পাথরের আঘাতে সি-১৩ কামরার ডানদিকের একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাতের অন্ধকারের পর এবার দিনদুপুরেই বন্দে ভারত লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠল। এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে কারশেড এলাকায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ।  কে বা কারা কী উদ্দেশে এই ঘটনা বার বার ঘটাচ্ছে তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। শাসক বিরোধী দুই দলেরই দাবি পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছএন, রাজ্যকে বদনাম করতেই এই ঘটনা ঘটানো হচ্ছে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমীল সরকার। তিনি উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Manik Bhattacharya: টাকা নিয়ে রসিদ দিতেন না মানিক, বিস্ফোরক দাবি একদা ঘনিষ্ঠ তাপসের

    Manik Bhattacharya: টাকা নিয়ে রসিদ দিতেন না মানিক, বিস্ফোরক দাবি একদা ঘনিষ্ঠ তাপসের

    মাধ্যম নিউজ ডেস্ক: টেট দুর্নীতি মামলায় মঙ্গলবার প্রথম মানিক ভট্টাচার্য- ঘনিষ্ঠ (Manik Bhattacharya) তাপস মণ্ডলকে জেরা করল সিবিআই। প্রথম দিনের জেরাতেই মানিকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তাপস মণ্ডল। এদিন তিনি বলেন, “টাকা নিলেও রসিদ দিতেন না মানিক ভট্টাচার্য।” এদিকে সংবাদমাধ্যমের সামনে তাপস বলেন, “ইডিকে যা বলেছিলাম সিবিআইকে তাই বলেছি।”

    মঙ্গলবার সকালে সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে হাজিরা দেন তাপস মণ্ডল। ঢোকার আগেই তিনি সংবাদমাধ্যমকে বলেন, “সিবিআই আমাকে দেখা করতে বলেছিল। আমি চিকিৎসার জন্য চেন্নাইয়ে ছিলাম। ফিরে জানাই। তারা মঙ্গলবার আমাকে দেখা করতে বলেন।” 

    প্রায় ৩ ঘণ্টা সিজিও কমপ্লেক্সের ভেতরে কাটান তাপসবাবু। জেরার পর বেরিয়ে তাপস মণ্ডল বলেন, “ইডিকে যা বলেছিলাম সিবিআইকেও তাই বলেছি। মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) অফলাইন রেজিস্ট্রেশনের জন্য ছাত্র পিছু ৫,০০০ টাকা করে নিতেন। ডিএলএড কলেজ সংগঠনের প্রধান হিসাবে সেই টাকা আমি মানিকবাবুকে তুলে দিতাম। কিন্তু তিনি কোনও দিন কেনও রসিদ দেননি। তবে কাজে কোনও বাধা আসত না। ফলে কখনও এই নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। এখন সংসদ অফলাইন ভর্তির জন্য ৩০০০ টাকা করে নিচ্ছে। তারা বলেছে রসিদ দেবে।” তিনি আরও বলেন, “আমার কাছে যে ২১ কোটি টাকার হিসাব চাওয়া হয়েছিল তা আমি মিটিয়ে দিয়েছি।”

    আরও পড়ুন: জেলে বসেও গরুপাচারের মূল অভিযুক্ত এনামুলের সঙ্গে কথা হয়েছে অনুব্রতর, দাবি সিবিআই- এর

    প্রসঙ্গত, টেট নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে একাধিকবার ইডির ডাকে হাজিরা দিয়েছেন তাপস মণ্ডল। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতে দাবি করা হয়েছে, মানিকের সঙ্গে দুর্নীতিতে হাত মিলিয়েছিলেন তাপসও। জানা গিয়েছে, এই মামলায় মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) জেরা করতে পারে সিবিআই। আর তার পূর্ব প্রস্তুতি হিসেবেই তাপসকে জেরা করার এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    চন্দন মণ্ডলের বিরুদ্ধে লুকআউট নোটিস

    এবার এই একই মামলায় এবার তৃণমূল নেতা চন্দন মণ্ডলের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে ইডি। প্রসঙ্গত, দিন কয়েক আগে তৃণমূল নেতা চন্দন মণ্ডলের বাড়িতে ইডি আধিকারিকরা নোটিস লাগিয়ে আসেন। যেখানে বলা হয় টেট দুর্নীতির তদন্তে তাঁকে ৩০শে ডিসেম্বর হাজিরা দিতে হবে ইডির অফিসে। কিন্তু চন্দন মণ্ডল সেই নোটিসে কোনো সাড়া দেন নি। আর তারপরেই জারি করা হয় এই লুকআউটি নোটিস। প্রসঙ্গত, টেট পরীক্ষা নিয়ে বাগদার প্রাক্তন বিধায়ক উপেন বিশ্বাসের বক্তব্যে চন্দন মণ্ডলের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে। আর তারপরেই তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই। হাইকোর্টের তরফ থেকে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। সেই সময় সিবিআই চন্দন মণ্ডলের বাড়িতে তল্লাশি করা থেকে শুরু করে চন্দন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এবার ইডি ডাক পাঠাতেই চন্দন মণ্ডল নিরুদ্দেশ হয়ে যান। ইডির নোটিসের পর অস্বস্তিতে রাজ্যের শাসক দল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Sourav Ganguly: আইপিএলে ফিরছেন সৌরভ! দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর পদে আসছেন মহারাজ?

    Sourav Ganguly: আইপিএলে ফিরছেন সৌরভ! দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর পদে আসছেন মহারাজ?

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও একবার ক্রিকেটের ময়দানে। বিসিসিআই সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর থেকে পর্দার আড়ালেই ছিলেন মহারাজ। আবার ফিরছেন বাইশ গজে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ফিরছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান। সংবাদ সংস্থা সূত্রে খবর, আইপিএলে (IPL 2023) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলের ডিরেক্টর পদে বসতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এর আগেও সৌরভ দিল্লি দলের মেন্টর ছিলেন। কাজ করেছিলেন কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে। এবার আরও বড় দায়িত্বে বসছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

    দিল্লির সঙ্গে সৌরভের পুরনো সম্পর্ক

     আইপিএলের এক কর্তা বলেন, “এই বছরই সৌরভ ফিরছে দিল্লি ক্যাপিটালস দলে। আলোচনা হয়ে গিয়েছে। আগেও এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন সৌরভ। সেই দলের মালিকদের সঙ্গে সৌরভের ভাল সম্পর্ক। তাই আইপিএলে সৌরভ ফিরলে দিল্লির হয়েই ফিরবেন।” ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালস দলের মেন্টর ছিলেন সৌরভ। কোচ পন্টিংয়ের সঙ্গে সৌরভকে জুড়ে দিয়ে শক্তি বাড়াতে চাইছে দিল্লি। বোর্ডের প্রধান হওয়ায় দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব ছাড়তে হয়েছিল সৌরভকে। দিল্লি দলের মালিক পার্থ জিন্দলদের সঙ্গে ভাল সম্পর্ক সৌরভের। তাই এবারও দাদার দ্বারস্থ রাজধানী দল। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক গত বছর অক্টোবর মাসে বোর্ড প্রধানের দায়িত্ব ছাড়েন। তাই দিল্লির সঙ্গে জুড়তে এবার আর তাঁর বাধা নেই।

    আরও পড়ুন: ক্রিকেটারদের দলে সুযোগ পেতে পাশ করতে হবে ‘ডেক্সা টেস্ট’, কী এই পদ্ধতি?

    এবার দিল্লি দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাঁর সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে হলেও দিল্লি কোচ রিকি পন্টিং সৌরভের দীর্ঘদিনের বন্ধু। আইপিএলে দিল্লি দলের সঙ্গে যুক্ত হলে দুবাই এবং দক্ষিণ আফ্রিকায় ক্যাপিটালসের যে দল দু’টি রয়েছে সেগুলির সঙ্গেও কাজ করবেন সৌরভ। মহারাজ যদিও এই নিয়ে কিছু মন্তব্য করেননি। তিনি সাবধানে পা ফেলতে চান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

LinkedIn
Share