Blog

  • Akhil Giri Issue: অখিল গিরির বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

    Akhil Giri Issue: অখিল গিরির বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের মহিলা রাষ্ট্রপতি সম্পর্কে বিরূপ মন্তব্য করে দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। এবার তাঁকে দল থেকে এবং মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। অখিলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হল।

    হাইকোর্টে মামলা দায়ের

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুৎসিত ভাষায় আক্রমণের জন্য অখিল গিরির বিরুদ্ধে কলকাতা  হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। আবেদনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির মন্তব্য সংবিধানের অবমাননা। সাংবিধানিক প্রধান সম্পর্কে এই ধরনের মন্তব্য করা যায় না। রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। আদালত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীর দাবি,অখিল গিরিকে অবিলম্বে মন্ত্রিত্ব পদ থেকে সরাতে হবে। এছাড়া তাঁকে গ্রেফতারির নির্দেশ দিক আদালত। বিজেপি সূত্রের খবর, ‘‘অখিল গিরি ইস্যুতে সোমবার বিজেপির পরিষদীয় দল তিনটের সময় বিধানসভায় জরুরী বৈঠকে বসছে। সেখানে শীতকালীন অধিবেশনে এই ইস্যুতে কিভাবে শাসক দলকে তথা সরকারকে চাপে ফেলা হবে তা নিয়ে আলোচনা হবে। অখিল গিরি ইস্যুতে বিধানসভার ভেতরে এবং বাইরে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে প্রস্তুত গেরুয়া শিবির। বিধানসভায় আগামী অধিবেশনে অখিল গিরির মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিন্দা প্রস্তাবও আনতে পারে বিজেপি। 

    স্মৃতি ইরানির অভিযোগ

    কয়েক দিন আগেই নন্দীগ্রামে তৃণমূলের একটি বিক্ষোভ কর্মসূচিতে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি দেশের রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্য করেছেন। এ প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানতে চাইলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ? মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলুন কবে অখিল গিরিকে দল থেকে বরখাস্ত করছেন এবং মন্ত্রিত্ব থেকেও সরিয়ে দিচ্ছেন।’’  স্মৃতি ইরানির কথায়, “দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে যে ভাষায় কথা বলেছেন রাজ্যের এক মন্ত্রী তার নিন্দার ভাষা নেই। আমি মনে করি এই অপমান দ্রৌপদী মুর্মুর নয়, দেশের মহিলাদের শুধু নয়, দেশের প্রধান  সাংবিধানিক পদকে অপমান।” শাসক দলের বিরুদ্ধে তীব্র সুর চড়িয়ে স্মৃতি ইরানি এও বলেন, ‘‘আমরা অবিলম্বে তৃণমূলের ওই নেতার অপসারণ চাই।’’

    আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে অখিলের মন্তব্যের জের, বিজেপির আন্দোলনে উত্তাল রাজ্য

    অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের

    অখিল গিরি করা মন্তব্যের বিরুদ্ধে রবিবার বিজেপির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা কোচবিহারের তুফানগঞ্জের মারুগঞ্জ এলাকায়। বিজেপির মিছিলের পালটা মিছিল করে তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি উত্তপ্ত হতে শুরু করেছে দেশের রাজনীতিও। রবিবার দিল্লি অখিল গিরির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এবার প্রতিবেশী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। অসমের আদিবাসীরা তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা।

    আরও পড়ুন: ‘বেফাঁস মন্তব্যে’র জের, এবার অখিলের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ দায়ের লকেটের

    অখিল গিরির মন্তব্য

    রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির কুরুচিকর মন্তব্যের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভে ফেটে পড়েছেন আদিবাসীরা। পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। অখিল গিরির পদত্যাগের দাবিতে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে গোটা এলাকায়।  উল্লেখ্য, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি পূর্ব মেদিনীপুরের একটি সভায় গিয়ে বেলাগাম মন্তব্য করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাব দিতে গিয়ে আরও কুরুচিপূর্ণ ইঙ্গিত ছুঁড়ে দেন রাষ্ট্রপতির দিকে। সরাসরি রাষ্ট্রপতির শারীরিক রূপ নিয়ে তিনি মন্তব্য করে বসেন। এরপরই বিক্ষোভ দানা বাঁধে। বিরোধিতায় সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রমুখ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Istanbul Blast: ইস্তানবুল বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার মূল ষড়যন্ত্রকারী, নেপথ্যে কি জঙ্গি সংগঠন?

    Istanbul Blast: ইস্তানবুল বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার মূল ষড়যন্ত্রকারী, নেপথ্যে কি জঙ্গি সংগঠন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তুরস্কের বাণিজ্যিক নগরী ইস্তানবুলের বিস্ফোরণের (Istanbul Blast) নেপথ্যে থাকা মূলচক্রীকে গ্রেফতার করল পুলিশ। তুরস্কের মন্ত্রী সুলেমান সয়লু সংবাদমাধ্যমে এই খবর জানান। গতকালের বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলেই উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আর ঘটনার কিছু সময়ের মধ্যেই এই ঘটনার পেছনে থাকা মূল ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করতে পেরেছে সেদেশের পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, এই ব্যক্তিই ইস্তানবুলের ইস্তিকলাল অ্যাভিনিউতে বোমাটি রেখে দিয়েছিল। ফলে ধৃত ব্যক্তিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, এই হামলায় ৬ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৮১ জন গুরুতর আহত হয়েছেন।

    কী ঘটেছিল?

    গতকাল, রবিবার আচমকা বিস্ফোরণে কেঁপে উঠেছিল তুরস্কের বাণিজ্যিক নগরী ইস্তানবুল (Istanbul Blast)। স্থানীয় সময় বিকেল ৪টে বেজে ২০ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছিল। ইস্তানবুল শহরের কেন্দ্রস্থল তাকসিম স্কোয়ারের কাছে ইস্তিকলাল স্ট্রিটে এই বিস্ফোরণ ঘটে। সেই ভয়াবহ দৃশ্য ক্যামেরা বন্দি হয়েছে। আর সেই ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বিস্ফোরণের সময় ইস্তানবুল শহরের সেই রাস্তাটি ভিড়ে ঠাসা ছিল। আর বিস্ফোরণের পরই ব্যস্ত এলাকাটি থেকে লোকজন ভয়ে আতঙ্কে পালাতে শুরু করে।

    বিস্ফোরণের (Istanbul Blast) উৎস সম্পর্কে নিশ্চিতভাবে না জানা গেলেও, স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে দাবি করা হয়েছিল, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। সেদেশের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় প্রাথমিক অনুমানের ভিত্তিতে জানিয়েছিলেন যে, এই ঘটনায় এক মহিলা জড়িত আছে। এরপর রাষ্ট্রপতি বলেছিলেন, “এখনই এই বিস্ফোরণকে সন্ত্রাসবাদী হামলা বলে নিশ্চিত করে বলা যায় না। তবে সন্ত্রাসবাদের গন্ধ তো রয়েছে।”

    আরও পড়ুন: এয়ার-শো চলাকালীন আমেরিকায় দুই যুদ্ধবিমানের সংঘর্ষ! মৃত ৬

    সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবি এবং ভিডিওতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, দমকলের ইঞ্জিন, পুলিশ কর্মীদের উপস্থিতি দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তুরস্কের বাসিন্দারা দাবি করেছেন, বিস্ফোরণের পরই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। রাস্তার আশপাশে থাকা দোকানগুলির ঝাঁপও ফেলে দেওয়া হয়। ঘটনার (Istanbul Blast) পরেই ওই এলাকার দখল নিয়েছে পুলিশ। সাধারণ মানুষকে ঘটনাস্থলে আসতে দেওয়া হচ্ছে না। এরই মাঝে আজ এই বিস্ফোরণের তদন্তে নেমে বড় সাফল্য পেল সেদেশের পুলিশ। তবে ধৃত সম্পর্কে বেশি কিছু তথ্য প্রকাশ করা হয়নি পুলিশের তরফে। তবে এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে বা কোনও জঙ্গি সংগঠন রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তুরস্কের পুলিশ।

     
  • Google Doodle 2022: শিশু দিবসের দিনে কলকাতার ছেলের তৈরি ডুডলকে সেরা শিরোপা গুগলের

    Google Doodle 2022: শিশু দিবসের দিনে কলকাতার ছেলের তৈরি ডুডলকে সেরা শিরোপা গুগলের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার ছেলে বিশ্বের দরবারে! আজ গুগলে যে ডুডলটি দেখতে পাচ্ছেন, জানেন কি সেটি কার তৈরি? সে আর কেউ নয়, এই বাংলারই ছেলে। ভারতে গুগল ফর ডুডলের ২০২২ সালের প্রতিযোগিতায় (Google Doodle 2022) বিজয়ী হয়েছেন পশ্চিমবঙ্গের কলকাতার শ্লোক মুখার্জি (Shlok Mukherjee)। আর তার তৈরি এই ডুডল ইতিমধ্য়েই গুগলে জায়গা করে নিয়েছে। ১৪ নভেম্বর, শিশু দিবসের দিনে এই খুদে বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। তার চিন্তাশীল এবং অনুপ্রেরণামূলক ডুডলের নাম দিয়েছে, “কেন্দ্রীয় মঞ্চে ভারত।” আজ ১৪ নভেম্বর, ২৪ ঘণ্টার জন্য গুগল সার্চ ইঞ্জিনে (Google.co.in) দেখা যাবে সেই ছবি।

    বিজয়ী কলকাতার শ্লোক মুখার্জি

    ডুডল বানিয়ে শ্লোক তাঁর অপূর্ব শিল্পকলা বিশ্বের সামনে তুলে ধরেছে (Google Doodle 2022)। শ্লোক তার ডুডল শেয়ার করে লিখেছে, “আগামী ২৫ বছরে, আমার ভারতে বিজ্ঞানীরা মানবতার উন্নতির জন্য তাঁদের নিজস্ব পরিবেশ-বান্ধব রোবট তৈরি করবে। ভারত পৃথিবী থেকে মহাকাশে নিয়মিত ভ্রমণ করবে। ভারত যোগ এবং আয়ুর্বেদে আরও উন্নতি করবে, এবং আগামী বছরগুলিতে আরও শক্তিশালী হবে।”

    প্রতিযোগিতায় অংশগ্রহণ করে লক্ষাধিক শিক্ষার্থী

    গুগলের এই প্রতিযোগিতার থিম ছিল ‘আগামী ২৫ বছরে ভারত কেমন হবে’ (“In the next 25 years, my India will….”)। আর গুগল আয়োজিত এই প্রতিযোগিতায় ১০০ টিরও বেশি শহরের শিক্ষার্থীরা অংশ নেয়। ভারতের ১৪৫০টি বিদ্যালয়ের প্রায় ১ লক্ষ ১৫ হাজারের বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এই প্রতিযোগিতায় যে সকল শিক্ষার্থীরা প্রধানত উপস্থিত ছিল তারা সবাই প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গুগল শিক্ষার্থীদের ৩০শে সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত সময় দিয়েছিল (Google Doodle 2022)।

    এই প্রতিযোগিতার জন্য একটি বিচারক প্যানেল গঠন করা হয়েছিল। এই প্যানেলে ছিলেন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক নীনা গুপ্তা, টিঙ্কেল কমিকসের প্রধান সম্পাদক কুরিয়াকোস ভাইসিয়ান, ইউটিউব ক্রিয়েটরস স্লেপয়েন্ট এবং শিল্পী আলিকা ভাট।

    শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও তাঁদের শিল্প দেখে গুগল ডুডল পেজে লেখা হয়েছে, “পড়ুয়াদের সৃজনশীলতা এবং কল্পনাশক্তি দেখে আমরা বিস্মিত হয়েছিলাম এবং বিশেষভাবে আনন্দিত হয়েছিলাম যে প্রযুক্তির অগ্রগতি অনেক ডুডলে সাধারণ থিম হিসেবে আবির্ভূত হয়েছে।” এই পেজ থেকেই জানা গিয়েছে কীভাবে বিচারক প্যানেল এই প্রতিযোগিতার সমস্ত প্রতিযোগিদের মধ্যে সেরাটা বেছে নিয়েছে। তাঁরা প্রথমে পুরো দেশ থেকে মাত্র ২০ জন ফাইনালিস্ট বেছে নিয়েছেন। এরপর এই ২০ জনের ডুডলকে অনলাইনে প্রদর্শন করা হয়েছে জনসাধারণের ভোটিং-এর জন্য। এরপর যে বেশি ভোট পেয়েছে তাঁকেই বেছে নেওয়া হয়েছে বিজয়ী হিসেবে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই হল তরুণদের কল্পনাশক্তি, ক্রিয়েটিভিটিকে বিশ্বের দরবারে তুলে ধরা। ফলে কলকাতার শ্লোক মুখোপাধ্যায় (Shlok Mukherjee) সেরা ডুডলের শিরোপা জেতায় পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে (Google Doodle 2022)।

  • G20:  ৪৫ ঘণ্টার ঝোড়ো সফর! জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    G20: ৪৫ ঘণ্টার ঝোড়ো সফর! জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর আমন্ত্রণে  সোমবার (১৪ নভেম্বর) ১৭তম জি২০ শীর্ষ সম্মেলনে (G-20 Summit) যোগ দিতে বালির উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।  আগামী বছরে ভারতই জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব করবে। আসন্ন সম্মেলনের সমাপ্তি অধিবেশনে,উইডোডো প্রতীকীভাবে জি২০-র সভাপতিত্ব হস্তান্তর করবেন প্রধানমন্ত্রীর হাতে। ১৬ নভেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। 

    বৈঠকে আলোচনার বিষয়

    ইন্দোনেশিয়ার বালিতে বসছে জি ২০ শীর্ষ বৈঠকে খাদ্য ও শক্তি নিরাপত্তা, ডিজিটাল ট্রান্সফর্মেশন এবং স্বাস্থ্য সংক্রান্ত তিনটি সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব বিনয় কাটরা। এবারের জি২০ শীর্ষ সম্মেলনের থিম হল ‘রিকভার টুগেদার, রিকভার স্ট্রঙ্গার’ অর্থাৎ, ‘একসঙ্গে পুনরুদ্ধার, শক্তিশালী পুনরুদ্ধার’। এই বিষয়ে বিস্তৃত আলোচনা করবেন সদস্য ও অতিথি দেশের নেতারা। এই থিমের আওতায় তিনটি কার্য অধিবেশন খাদ্য ও জ্বালানি, নিরাপত্তা ও স্বাস্থ্য এবং ডিজিটাল রূপান্তর নিয়ে  বৈঠকে যোগ দেবেন মোদি।  আলোচনা হবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ও বিশ্বে তার প্রভাব নিয়েও। জি-২০ সম্মেলনের সদস্য দেশগুলি হল ভারত, আমেরিকা, রাশিয়া, জার্মানি, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন।

    অন্য নেতাদের সঙ্গে বৈঠক

     জি-২০-এর প্রধান তিনটি বৈঠক ছাড়াও ৪৫ ঘণ্টার ঝোড়ো সফরে অন্তত ১০ জন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও ২০টি কর্মসূচি রয়েছে। ইন্দোনেশিয়ার প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী। বালির শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন,আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, জার্মান চ্যান্সেলার শোলজ এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশেষ কারণে এই সম্মেলনে যোগ দিতে পারবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর পরিবর্তে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ যোগ দেবেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাত হওয়ার কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী তথা ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের। তবে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এখনও পর্যন্ত বৈঠকের কোনও খবর নেই।

    আরও পড়ুন: বালিতে গিয়ে সুনক, মাক্রঁর সঙ্গে বৈঠক করবেন মোদি, কেন জানেন?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WB Weather Update: কলকাতায় ফের পারদ পতন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    WB Weather Update: কলকাতায় ফের পারদ পতন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুমানই সত্যি হল। এর আগেই আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আমেজ বাড়বে (WB Weather Update)। সেই মতই আজ ফের পারদ পতন। কলকাতায় একধাক্কায় পারদ নামল ১৭-এর ঘরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারেই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নামল পারদ। তবে পারদ পতনে দুয়ারে শীত মনে হলেও, এখনই বঙ্গে শীতের প্রভাব জোরালো হবে কিনা তা বলা যাচ্ছে না। আগামী কয়েকদিনে পারদ আরও নামতে পারে বলেও অনুমান করা হয়েছে।

    কলকাতার আবহাওয়া

    আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ। কলকাতা ও আশপাশের তাপমাত্রা এখনকার মত ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গে শীতের আমেজের পাশাপাশি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ১৬ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পাহাড়ি এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক ও পরিস্কার থাকবে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পেয়েছে। আগামী ২৪ ঘন্টায় সেই তাপমাত্রা আরও ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে তারপরের কয়েকটা দিন তাপমাত্রা হ্রাসের কোনও পূর্বাভাস নেই (WB Weather Update)।

    আরও পড়ুন: আগামী সপ্তাহেই পারদ পতন! শীতের প্রবেশ রাজ্যে

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে একেবারেই নেই। এদিন আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ১৬ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে, গত কয়েক দিনের মতই। তবে ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গেরও কোনও কোনও জায়গার রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এই তাপমাত্রা কমতে পারে যেসব জায়গায় তাপমাত্রা কমেনি শুধু সেসব জায়গায়। এর পরে কয়েক দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে এই বঙ্গেও আগামী ২-৩ দিনের মধ্যে তাপমাত্রা আর ১ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর (WB Weather Update)।

    নিম্নচাপের ভ্রুকুটি

    তবে শীতের আমেজের মধ্যেই ফের নিম্নচাপের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার আন্দামান সাগর এলাকায় তৈরি হবে নিম্নচাপ। সেই নিম্নচাপের অভিমুখ কোনদিকে হয়, সেদিকেই নজর রাখছেন আবহবিদরা। এর প্রভাব বঙ্গে পড়বে কিনা, তাও নজরে রেখেছে আবহাওয়া দফতর (WB Weather Update)।

  • T20 World Cup Final 2022: পাক বধ! ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

    T20 World Cup Final 2022: পাক বধ! ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষপর্যন্ত পাকিস্তানের থেকে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড (T20 World Cup Final 2022)। ৫০ ওভারের বিশ্বকাপের পরে এ বার টি-২০ বিশ্বকাপও জিতল ইংল্যান্ড। মেলবোর্নে টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে হারাল ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। পাকিস্তানকে প্রথমে ব্যাট হাতে পাঠালে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান করতে পারলেন বাবর আজমরা। এরপর রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ম্যাচ জিতে গেলেন বাটলাররা। ২০১০ সালের পরে আরও এক বার ২০ ওভারের বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। প্রসঙ্গত, এর আগে ২০১০ সালে পল কলিংউডের নেতৃত্বে প্রথমবার কুড়ির ফরম্যাটে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। আর এবার জস বাটলারের নেতৃত্বে ট্রফি জিতল ব্রিটিশ ব্রিগেড।

    স্বল্প রানের লক্ষ্যমাত্রা

    আজকের ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড। কম রানেরই লক্ষ্য ছিল। ফলে খুব একটা সমস্যায় পড়তে হয়নি বাটলারদের। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান রান করেছিল ২০ ওভারে ১৩৭ রান। শুধুমাত্র অধিনায়ক বাবর আজম ৩২ এবং শান মাসুদ ৩৮ রানের ইনিংস খেলেন।  ৪ ওভারে মাত্র ২২ রান দিলেও দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন আদিল রশিদ। আবার চার ওভারে মাত্র ১২ রান দিয়েও ৩ টি উইকেট নিয়েছিলেন স্যাম ক্যারান। মাঝে শাহিন আফ্রিদি পাকিস্তানের সমর্থকদের কিছুটা আশার আলো দেখালেও তা শেষ পর্যন্ত ব্যর্থ হল। কারণ ইংল্যান্ডের ইনিংসে ১৬তম ওভারের শেষ দুটো বল, যা করার কথা ছিল শাহিন শাহ আফ্রিদির। কিন্তু করতে হল ইফতিকার আহমেদকে। আর তারই হয়ত খেসারত দিতে হল আজ পাকিস্তানকে। চোটের কারণে মাঠেই থাকতে পারলেন না শাহিন।

    আরও পড়ুন: লজ্জার হার ভারতের! ১০ উইকেটে জিতে ফাইনালে ইংল্যান্ড

    ব্রিটিশ ব্রিগেডের জয়

    অন্যদিকে ১৩৭ রানের জবার দিতে ব্যাট হাতে নামেন ইংল্যান্ড। ব্যাট হাতে স্টোকসের দুর্দান্ত পারফরমন্সের জন্যই আজকের এই জয় বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। প্রথমে ব্রুক (২০) এবং পরে মইন আলীকে (১৯) সঙ্গে নিয়ে দুটি পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। প্রথমে সল্ট ও পরে স্টোকসকে নিয়ে এগিয়ে নিয়ে যায় রানের গতি। বাটলার নিজে ২৬ রানে ফিরে যান। ১৭ বলের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ১টি ছয় করেন তিনি। এরপর সল্টের সঙ্গে জুটি বাঁধেন স্টোকস। সল্ট ফিরে গেলে প্রথমে ব্রুক ও পরে মঈন আলি সঙ্গ দেন স্টোকসের। শেষ পর্যন্ত মাঠে টিকে থেকে ৪৯ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন স্টোকস। এক ওভার বেঁচে থাকতেই ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। স্টোকসের অর্ধশতরানেই দেশকে এনে দেন টি-২০ বিশ্বকাপ।

     

  • Prashant Kishor: ‘আমার কোনও উচ্চাকাঙ্খা নেই’, প্রশান্ত কিশোর কেন বললেন একথা?

    Prashant Kishor: ‘আমার কোনও উচ্চাকাঙ্খা নেই’, প্রশান্ত কিশোর কেন বললেন একথা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আমি কেন ভোটে (Election) লড়ব? এসব নিয়ে আমার কোনও উচ্চাকাঙ্খা নেই। সাফ জানিয়ে দিলেন ইলেকশন স্পেশালিস্ট প্রশান্ত কিশোর (Prashant Kishor)। বর্তমানে নিজের রাজ্য বিহার চষে বেড়াচ্ছেন আইপ্যাকের প্রতিষ্ঠাতা। যেই তিনি পথে নেমেছেন অমনি সিঁদুরে মেঘ দেখছে প্রশান্তর পুরানো দল জনতা দল (ইউনাইটেড) (JDU)। ওই দলের নেতারা পিকে-কে ‘ধান্দাবাজ’ বলে তোপ দেগেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধেও পাল্টা তোপ দেগে চলছেন প্রশান্ত কিশোর। এহেন উত্তপ্ত রাজনৈতিক আবহে ইলেকশন স্পেশালিস্ট সাফ জানালেন, ভোটে লড়ার মতো বিষয়ে তাঁর কোনও উচ্চাকাঙ্খা নেই।

    কেন পদযাত্রা করছেন পিকে? 

    বিহারে ৩ হাজার ৫০০ কিমি দীর্ঘ পদযাত্রায় অংশ নিয়েছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। প্রচার চালাচ্ছেন বিভিন্ন জেলায়। যাচাই করছেন জনমত। অদূর ভবিষ্যতে সেই জনমতের ভিত্তিতেই পদক্ষেপ করবেন প্রশান্ত কিশোর। জন সূরয নামে একটি সংগঠন গড়েছেন ইলেকশন স্পেশালিস্ট। এই সংগঠনকে রাজনৈতিক দলের মর্যাদা দেওয়া যায় কিনা, তা নিয়ে আয়োজন করেছেন কনভেনশনের। এরকমই একটি জেলা কনভেনশনে প্রশান্ত কিশোর সাফ জানিয়ে দেন, ভোটে তিনি দাঁড়াবেন না। তবে বিহারে বিকল্প রাজনৈতিক নেতা তৈরির প্রতিজ্ঞা করেছেন আইপ্যাক কর্তা।

    আরও পড়ুন: প্রশান্ত কিশোরকে কোনও অফারই দেওয়া হয়নি, সাফ জানাল নীতীশের দল

    এক সময় নীতীশের দল জনতা দল ইউনাইটেডে ছিলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। পরে নীতীশ কুমারের সঙ্গে মনান্তরের জেরে নীতীশ-সঙ্গ ছাড়েন তিনি। এদিন প্রশান্ত বলেন, যেহেতু আমি নিজের স্বাধীন পথ বেছে নিয়েছি, তাই নীতীশ কুমার ও তাঁর দালালরা আমার ওপর অসন্তুষ্ট। জেডি (ইউ) নেতারা আমাকে তিরস্কার করতে পছন্দ করেন। তাঁদের উচিত নীতীশ কুমারকে জিজ্ঞাসা করা যে আমার রাজনৈতিক বোঝাপড়া না থাকলে আমি দু বছর তাঁর বাসভবনে কী করছিলাম?

    আগেকার নীতীশ কুমারের সঙ্গে যে বর্তমানের নীতীশ কুমারের পার্থক্য রয়েছে, এদিন তাও মনে করিয়ে দেন ইলেকশন স্পেশালিস্ট প্রশান্ত কুমার (Prashant Kishor)। তিনি বলেন, ১০ বছর আগের তিনি (নীতীশ কুমার) আর আজকের নীতীশ কুমারের মধ্যে পার্থক্য রয়েছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তাঁর দলের পরাজয়ের জন্য নৈতিক দায় স্বীকার করে তিনি নিজে তাঁর চেয়ার ছেড়ে দিয়েছিলেন। পিকে বলেন, আর এখন ক্ষমতায় থাকার জন্য যে কোনও ধরনের আপস করতে রাজি তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Ayodhya Mosque: অযোধ্যায় আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই গড়ে উঠবে মসজিদ, আশাবাদী ট্রাস্ট

    Ayodhya Mosque: অযোধ্যায় আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই গড়ে উঠবে মসজিদ, আশাবাদী ট্রাস্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির (Ram Temple) নির্মাণের কাজ চলছে জোর কদমে। প্রস্তুতি শুরু মসজিদ নির্মাণেরও। আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই মসজিদ (Ayodhya Mosque) গড়ার কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী মসজিদ ট্রাস্ট কর্তৃপক্ষ। রাম মন্দির-বাবরি মসজিদ মামলায় অযোধ্যার একটি নির্দিষ্ট জায়গায় রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। ওই সময়ই মন্দির থেকে কিছুটা দূরে মসজিদ গড়ার নির্দেশও দেওয়া হয়। সেই মসজিদ নির্মাণের কাজই চলছে জোরকদমে। ২০২৩ সালের ডিসেম্বেরর মধ্যেই ওই কাজ শেষ হয়ে যাবে বলে আশা মসজিদ কমিটির।

    কী কী থাকবে মসজিদ চত্বরে?

    ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টের সম্পাদক আতাহার হুসেন সংবাদ মাধ্যমকে বলেন, আমরা আশা করি প্রস্তাবিত মসজিদ (Ayodhya Mosque), হাসপাতাল, কমিউনিটি কিচেন, লাইব্রেরি এবং রিসার্চ সেন্টারের নকশার শীঘ্রই অনুমোদন পাব। এই মাসের শেষের মধ্যেই অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটি ওই অনুমোদন দেবে। তার পরেই দ্রুত শুরু হয়ে যাবে মসজিদ নির্মাণের কাজ। তিনি বলেন, ধন্নিপুর অযোধ্যা মসজিদ নির্মাণের কাজ শেষ হবে যাবে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই। একই সঙ্গে মৌলভী আহমদউল্লা শাহ কমপ্লেক্সের পাঁচ একর জমিতে চলবে মসজিদের বাকি কাঠামো নির্মাণের কাজও।

    প্রসঙ্গত, ধন্নিপুর হল অযোধ্যার ফৈজাবাদ জেলার একটি গ্রাম। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ভারত সরকার সেখানে বাবরি মসজিদের বিকল্প মসজিদ (Ayodhya Mosque) তৈরির জন্য পাঁচ একর জমি দিয়েছিল। জমির মালিকানা দেওয়া হয়েছিল উত্তর প্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে। ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টের সম্পাদক আতাহার হুসেন বলেন, ট্রাস্ট দ্রুত প্রস্তাবিত কাঠামোর কাজ শুরু করবে। প্রথমেই তৈরি হয়ে যাবে মসজিদটি (Ayodhya Mosque)। কারণ এটি আকারে ছোট। তিনি বলেন, যদিও কোনও ডেডলাইন এখনও স্থির হয়নি, তবুও আশা করা যায় মসজিদ নির্মাণের কাজ শেষ হয়ে যাবে এক বছরের মধ্যেই।

    আরও পড়ুন: ৫০% হয়ে গিয়েছে মন্দির নির্মাণের কাজ, পরের বছর জানুয়ারিতেই ভক্তদের জন্যে খুলে দেওয়া হবে রাম মন্দির

    হুসেন জানান, মসজিদ (Ayodhya Mosque) চত্বরে যে হাসপাতালটি গড়ে উঠবে সেটি আত্মপ্রকাশ করবে ১০০ বেডের হাসপাতাল হিসেবে। পরে সেটি উন্নীত হবে ২০০ বেডের হাসপাতালে। কমিউনিটি কিচেনে প্রতিদিন হাজার লোকের খাবারের ব্যবস্থা করা হবে। পরে লোকসংখ্যার পরিমাণ বাড়িয়ে করা হবে দু হাজার। তিনি জানান, ট্রাস্ট একটি ইন্দো ইসলামিক রিসার্চ সেন্টার ও লাইব্রেরি তৈরির সিদ্ধান্তও নিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • SC on Stray Dogs: পথ কুকুরদের খাওয়ালে দত্তক নিতে হবে, বম্বে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

    SC on Stray Dogs: পথ কুকুরদের খাওয়ালে দত্তক নিতে হবে, বম্বে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই বম্বে হাইকোর্ট রায় দিয়েছিল, পথের কুকুরদের (Stray Dogs) যদি খাওয়াতেই হয়, তবে নিজের বাড়িতে নিয়ে যেতে হবে। অন্য কোথাও খাওয়ানো যাবে না। অন্যথায় করা হবে জরিমানা। অক্টোবর মাসেই এমন নির্দেশ দিয়েছিল বম্বে হাই কোর্টের নাগপুর বেঞ্চ। বুধবার সেই রায়ের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

    আরও পড়ুন: কম ভোটের ব্যবধানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ দখল রিপাবলিকানদের 

    বম্বে হাইকোর্টের নির্দেশিকায় কী বলা হয়েছিল?

    বম্বে হাই কোর্টের দুই বিচারপতি সুনীল সুকরে ও অনিল পনসারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়ে জানায়, “কেউ রাস্তার কুকুরকে খাওয়াতে বা যত্ন নিতে চাইলে, তবে নাগপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে আবেদন করে সরকারি ভাবে কুকুরগুলিকে দত্তক নিতে হবে।” এই নির্দেশের ওপর এবার অন্তর্বর্তী কালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না এবং জে কে মহেশ্বরীর বেঞ্চ। বেঞ্চ তার পর্যবেক্ষণে বলে, কাউকে জোর করা যায় না যে, কুকুরদের খাওয়াতে গেলেই তাঁদের দত্তক নিতে হবে সেগুলিকে। বিষয়টির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতিরা। 

    শীর্ষ আদালতের দুই বিচারপতি জানিয়েছেন, পথ কুকুরদের খাওয়ালেই, তাঁদের বিরুদ্ধে এখনই কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না নাগপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। কোনও নির্দিষ্ট জায়গায় কুকুরকে খাওয়ানোর ব্যবস্থা করা যায় কি না, সেটা দেখতে হবে। এই সমস্যা সমাধানে বিশেষ কোনও উপায় খুঁজে বের করতে হবে। তবে পশু প্রেমীদেরও সতর্কতা অবলম্বন করার। কোনও মতেই যেন সাধারণ মানুষের অসুবিধা না হয়, তা তাদেরকেই নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিচারপতি। বিচারপতিরা আরও বলেন, পথ কুকুরদের খাওয়ানোর ফলে যদি আশপাশের মানুষজনের সমস্যা হয়, তাহলে যারা কুকুরদের খাওয়াচ্ছেন তাঁদের নাম নথিভুক্ত করে রাখতে পারে প্রশাসন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

       

     

         

      
  • Covid Travel Advisory: বিমানে আর বাধ্যতামূলক নয় মাস্ক! ইচ্ছে হলে পরুন, জানাল মন্ত্রক

    Covid Travel Advisory: বিমানে আর বাধ্যতামূলক নয় মাস্ক! ইচ্ছে হলে পরুন, জানাল মন্ত্রক

    মাধ্যম নিউজ ডেস্ক: বিমানে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে করোনা ভাইরাসকে চিরতরে নির্মূল করতে গেলে মাস্ক পরা জরুরি বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এমনকি, ধূলো-বালি, ধোঁয়া ও নানান এয়ার ভাইরাস থেকে বাঁচতে  মাস্ক পরা উচিত।

    কোভিড-১৯ ঠেকাতে মাস্ক

    সংক্রমণ থেকে বাঁচতে, গত দু’বছর বিমানে উঠতে গেলে মুখে মাস্ক এবং ‘ফেস শিল্ড’ পরা বাধ্যতামূলক ছিল। কিছু কিছু বিমান সংস্থা বিমানে ওঠার আগেই যাত্রীদের এক বার ব্যবহারযোগ্য মাস্ক, স্যানিটাইজারের পাউচ এবং ‘ফেস শিল্ড’হাতে ধরিয়ে দিত। কিন্তু দেশে প্রতিদিন এখন করোনার গ্রাফ নামছে। পথে-ঘাটে, বাসে-ট্রামে মাস্ক পরে এখন খুব কম লোকেই যাতায়াত করেন। স্কুল, কলেজেও এখন আর সবসময় মাস্ক পরতে দেখা যায় না। অফিসে মাস্ক খুলে কাজ করাটাই আবার অভ্যাসে পরিণত হয়েছে। এবার থেকে বিমান ভ্রমণে (Air Travel) মুখে মাস্ক (Mask) পরা আর বাধ্যতামূলক রইল না। বুধবার কেন্দ্রীয় সরকার (Centre) একথা জানিয়ে দিল। তবে যদি কেউ মাস্ক পরেন, তা তাঁর পক্ষেই ভালো বলে পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফে। 

    বিমানযাত্রার বিজ্ঞপ্তি

    দেশে কোভিড (Covid 19) সংক্রমণের হার কমতে থাকায় বিমানে মাস্ক পরা নিয়ে এই সিদ্ধান্ত নিল কেন্দ্র। এদিন বিমান সংস্থাগুলিকে একথা জানিয়ে দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সব ধরনের বিমানেই এই সুপারিশ কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বিমান সংস্থাগুলিকে বলা হয়েছে, উড়ানের আগে যে বাধ্যতামূলক ঘোষণা করা হয়, সেখানে সমস্ত যাত্রীকে মাস্ক পরতে পরামর্শ দেওয়া যাবে। মাস্ক না পরলে কোনও জরিমানা বা অর্থদণ্ড কিংবা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এমন কথা বলা যাবে না।  প্রসঙ্গত, এখনও পর্যন্ত বিমানযাত্রীদের মুখে মাস্ক পরা বাধ্যতামূলক রয়েছে।

    আরও পড়ুন: বেসরকারি পরীক্ষাগারে গেলেই ধরা পড়ছে ডেঙ্গি! আর সরকারি কেন্দ্রে?

    কোভিড-গ্রাফ নিম্নমুখী

    স্বাস্থ্য মন্ত্রক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে সক্রিয় রোগীর সংখ্যা ০.০২ শতাংশ। আরোগ্যের হার ৯৮.৭৯ শতাংশ। যা আগের তুলনায় অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে ৫০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসায় সরকার এই সিদ্ধান্ত নিল বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কোভিড পরবর্তীকালে বিমান সেবক-সেবিকাদের পিপিই কিট পরা বাধ্যতামূলক করা হয়েছিল। কিছুদিন আগে সেই নির্দেশও প্রত্যাহার করে নেয় সরকার। এবার বিমানযাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরার নিয়মও তুলে নেওয়া হল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share