Blog

  • West Bengal Weather: রাজ্যে জাঁকিয়ে বসেছে কনকনে শীত, কলকাতায় পারদ নামল ১৩ ডিগ্রির ঘরে!

    West Bengal Weather: রাজ্যে জাঁকিয়ে বসেছে কনকনে শীত, কলকাতায় পারদ নামল ১৩ ডিগ্রির ঘরে!

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার মরশুমের শীতলতম দিন। তাপমাত্রার পারদ নেমে গেল ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গতকালের থেকেও আজ তাপমাত্রা কমেছে। ফলে কার্যত আদর্শ ‘উইন্টার উইনএন্ড’ বলা যেতেই পারে। জাঁকিয়ে শীতের আমেজে বেজায় খুশি শীতপ্রেমীরা। আগামী কয়েকদিন আরও পারদ পতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু আগামী ২-৩দিন পর ফের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের (West Bengal Weather)।

    কলকাতায় মরশুমের শীতলতম দিন

    গতকাল তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে নামলে বলা হয়েছিল শীতলতম দিন। কিন্তু আজ আরও পারদ পতন হয়ে তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রির ঘরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আবার সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কম আছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। ফলে শহর কলকাতায় জাঁকিয়ে বসেছে শীত। সারাদিন বজায় থাকবে হিমেল হাওয়ার পরশ (West Bengal Weather)।

    পশ্চিমবঙ্গের উপর এখন জোরালো উত্তর-পশ্চিম বাতাস আছে। তার জেরে রাজ্যে চড়চড় করে তাপমাত্রা কমছে। আগামী এক থেকে দু’দিন এরকম তাপমাত্রা থাকবে। জলীয় বাষ্প কম থাকায় শীতল শুষ্ক আবহাওয়া বজায় থাকবে রাজ্যে।

    জেলার আবহাওয়া

    জেলায় জেলায় পারদ পতনের ধারা জারি। জেলায় তাপমাত্রা ১০-১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। পশ্চিমাঞ্চলের জেলায় দশের নিচেও নেমে যেতে পারে তাপমাত্রা। কোনও কোনও জেলায় তাপমাত্রা এখনই ৮ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমানের পানাগড় ছিল শীতলতম জায়গা। সকালে সেখানকার তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলেও নেমেছে পারদ। সেখানে সকালে তাপমাত্রা ছিল ১১.৯। পুরুলিয়াতেও তাপমাত্রা নামে। সকালে তাপমাত্রা ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩ দিন আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (West Bengal Weather)।

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    কনকনে ঠান্ডায় সকাল থেকেই জবুথবু উত্তরের সব জেলাই। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী পাঁচদিন। উত্তরবঙ্গের নীচের জেলাগুলির তাপমাত্রা সামান্য কমবে। উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পঙের দু’এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে (West Bengal Weather)।

    আলিপুর আবহাওয়া সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গেরও কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে শুষ্ক পরিস্কার আবহাওয়া থাকবে। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত কনকনে শীতের আমেজ বজায় থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে রবিবার (West Bengal Weather)।

  • Anubrata Mondal: অন্য অভিযুক্তদের থেকে অনুব্রত অনেক বেশি প্রভাবশালী! জামিন প্রসঙ্গে মত হাইকোর্টের

    Anubrata Mondal: অন্য অভিযুক্তদের থেকে অনুব্রত অনেক বেশি প্রভাবশালী! জামিন প্রসঙ্গে মত হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার মামলায় কলকাতা হাইকোর্টেও জামিন মিলল না বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। দুর্গাপুজো, কালীপুজোর পর এবার বড়দিনও জেলেই কাটাতে হবে অনুব্রতকে। তাঁর জামিনের পথে মূল কাঁটাই হচ্ছে ‘প্রভাবশালী’ তকমা। অনুব্রত জেলে থাকা সত্ত্বেও শুধু সাক্ষী নন, এই মামলায় বিচারককেও হুমকি শুনতে হয়েছে, তাহলে তিনি জেলের বাইরে থাকলে কী হতে পারে তা ভেবেই শঙ্কিত সকলে। সে কথা মেনে নিল হাইকোর্টও। 

    কী বললেন বিচারক

    গরুপাচার মামলায় কলকাতা হাইকোর্টে জামিন চেয়ে মামলা করেছিলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার এই মামলায় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের মন্তব্য, ‘‘শুধু কয়েক জন সাক্ষী নন, বিচারকও হুমকির শিকার! মামলায় অন্য জামিন পাওয়া অভিযুক্তদের থেকে অনুব্রত অনেক বেশি প্রভাবশালী এটা স্পষ্ট।’’এদিন সওয়াল চলাকালীন অনুব্রতের আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘‘এই মামলায় অভিযুক্ত ইমানুল হক জামিন পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে। জামিন দেওয়া হয়েছে সতীশ কুমারকেও। যিনি এই মামলায় অন্যতম অভিযুক্ত।’’তাহলে অনুব্রত কেন এতদিন পরেও জামিন পাবেন না? সিব্বলের এই প্রশ্ন শুনে বিচারপতি বাগচী পাল্টা বলেন, ‘‘এটা বাস্তব যে যাঁরা জামিন পেয়েছেন, তাঁদের থেকে মামলাকারী অনেক বেশি প্রভাবশালী। এক বিচারক হুমকির কথা জানিয়েছেন। এটা আদালত লঘু করে দেখতে পারে না। সিবিআই জানিয়েছে, গুরুত্বপূর্ণ এক সাক্ষী নিরুদ্দেশ হয়ে গিয়েছেন।’’

    আরও পড়ুন: সব সম্পত্তি বাজেয়াপ্ত! অনুব্রতর হয়ে মামলার খরচ চালাচ্ছে কে? তদন্তে ইডি

    বিচারকের যুক্তির পর সিব্বল বলেন,‘এই বিষয়গুলি কেস ডায়রিতে লেখা থাকলেও প্রমাণিত সত্য নয়। প্রমাণ হলে তখন জামিন দেবেন না। এই মামলায় অনুব্রত মণ্ডল মূলচক্রী নন। এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও গুরুত্বপূর্ণ তথ্য পায়নি সিবিআই।’‌এর বিরোধিতা করে সিবিআই জানায়, ‘বগটুই মামলার সঙ্গে যুক্ত লালন শেখের মৃত্যুর পর এই মামলার তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাই এই অবস্থায় অনুব্রতকে জামিন দেওয়া উচিত নয়।’ এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ ডিসেম্বর। ওই দিন সব পক্ষকে প্রয়োজনীয় নথি পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Ranji Trophy: মনোজের দুরন্ত ইনিংস! জয় দিয়েই রঞ্জি অভিযান শুরু বাংলার

    Ranji Trophy: মনোজের দুরন্ত ইনিংস! জয় দিয়েই রঞ্জি অভিযান শুরু বাংলার

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়ে জয় দিয়েই রঞ্জি ট্রফির অভিযান শুরু করল বাংলা। দুরন্ত ইনিংস উপহার দিলেন অধিনায়ক মনোজ তিওয়ারি। শুক্রবার, শেষ দিনে বাংলাকে জিততে হলে করতে হতো ১০১ রান, হাতে ছিল ৮ উইকেট। এদিন ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। অর্ধশতরান করেন অধিনায়ক মনোজ তিওয়ারি, কৌশিক দাস ও অনুষ্টুপ মজুমদার। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন ঈশান পোড়েল।

    ম্যাচের হাল হাকিকত 

    টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। প্রথম ইনিংসে উত্তরপ্রদেশ তোলে ১৯৮ রান। জবাবে খেলতে নেমে বাংলার প্রথম ইনিংস থেমেছিল ১৬৯ রানে। প্রথম ইনিংসে লিড নেওয়ার লাভ অবশ্য তুলতে পারেনি উত্তরপ্রদেশ। বাংলার বোলারদের দাপুটে পারফরম্যান্সের জেরে ২২৭ রানে শেষ হয় উত্তরপ্রদেশের দ্বিতীয় ইনিংস।  রিঙ্কু সিংহ ৮৯ রান করেন। শতরানের কাছে এসেও ব্যর্থ হন তিনি। আকাশদীপ নাথ করেন ৫৩ রান। বাকি আর কোনও ব্যাটার সে ভাবে রান করতে পারেননি। শেষ বেলায় শিবম শর্মা ৩১ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। বাংলার হয়ে আকাশ নেন তিনটি উইকেট। দু’টি করে উইকেট নেন ঈশান পোড়েল, প্রীতম চক্রবর্তী এবং সায়নশেখর মণ্ডল। একটি উইকেট নেন শাহবাজ আহমেদ। বোলাররা দাপট দেখালেও কলকাতা নাইট রাইডার্সে খেলা রিঙ্কুকে থামাতে পারেনি বাংলা। তাঁর ব্যাটের দাপটেই বাংলার সামনে জয়ের জন্য ২৫৭ রানের লক্ষ্য রাখে উত্তরপ্রদেশ। 

    আরও পড়ুন: বাংলাদেশ টেস্ট সিরিজে অনিশ্চিত জাদেজা, শামি! পরিবর্তে ভারতের হয়ে খেলবেন কে?

    সেই রান তাড়া করতে নেমে শুরুতেই আউট হন অভিষেক দাস। ৯ রান করে আউট হন শিবম মাভি। সুদীপ কুমার আউট হন ২২ রান করে। তাঁর উইকেটটিও নেন মাভি। ৬১ রানে ২ উইকেট হারানো বাংলাকে রানে ফেরান কৌশিক এবং অনুষ্টুপ। শেষ বেলায় অধিনায়কোচিত ইনিংস খেলেন মনোজ। ১০৮ বলে ৬০ রানে অপরাজিত রইলেন, তাঁর ইনিংস সাজানো সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে। বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ভারতের টেস্ট দলে থাকায় মনোজ ইউপি ম্যাচে নেতৃত্ব দিলেন বাংলাকে। বারবারেই তিনি বলে থাকেন, অবসরের আগে বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন করাতে চান। সেই লক্ষ্যে প্রথম ধাপ পার করলেন। মনোজের সঙ্গে ৫ বলে ২ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। শিবম মাভি ২টি এবং অঙ্কিত রাজপুত ও রিঙ্কু সিং একটি করে উইকেট দখল করেন। লক্ষ্মীরতন শুক্লা বাংলার হেড কোচ হিসেবে এদিনই প্রথম রঞ্জি ম্যাচ জয়ের স্বাদ পেলেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FIFA World Cup: ‘ক্যামেল ভাইরাস’-এ আক্রান্ত ফরাসি শিবির! ফাইনালের আগে সেরা একাদশ নিয়ে চিন্তায় ফ্রান্স

    FIFA World Cup: ‘ক্যামেল ভাইরাস’-এ আক্রান্ত ফরাসি শিবির! ফাইনালের আগে সেরা একাদশ নিয়ে চিন্তায় ফ্রান্স

    মাধ্যম নিউজ ডেস্ক: পরপর দুবার বিশ্বকাপ জয়ের হাতছানি ফ্রান্সের সামনে। রবিবার, আর্জেন্টিনার বিরুদ্ধে ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হওয়ান লক্ষ্যেই নামবে এমবাপেরা। কিন্তু বিধি-বাম। ফাইনালের আগে  হুগো লরিসের দলের একাধিক সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা একাদশকে মাঠে নামানো নিয়ে চিন্তায় ফরাসি শিবির। 

    কী হল

    ফ্রান্সের অন্তত তিন জন ফুটবলার ‘কোল্ড ভাইরাস’ বা ঠান্ডার ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাস সাধারণত কাতারে ‘ক্যামেল ভাইরাস’ নামে পরিচিত। দুই ফুটবলার রক্ষণ ভাগের দায়োত উপামেকানো এবং মাঝমাঠের আদ্রিয়েঁ হাবিয়েঁর শরীর বেশ খারাপ।  তাঁদের বাকিদের থেকে আলাদা রাখা হয়েছে। ফ্রান্স শিবিরের আশা, ফাইনালের আগে এখনও হাতে দিন দুয়েক সময় থাকায় বড় ম্যাচে সেরা দল নামাতে সমস্যা হবে না। তবে দলে সংক্রমণ ছড়িয়ে পড়লে সমস্যা। অসুস্থ ফুটবলারের সংখ্যা আরও বাড়লে উদ্বেগ বাড়বে। অসুস্থ রয়েছে কিংসলে কোমানও।

    আরও পড়ুন: তোমরা ইতিহাস লিখেছো! ম্যাচ শেষে বন্ধু হাকিমির জার্সি গায়ে বললেন এমবাপে

    কীভাবে ছড়াল ভাইরাস

    ফরাসি কোচ দেশঁ বলেছেন, ‘‘এই মরসুমে ফ্লু হয়। সেটাই হচ্ছে অনেকের। আমরা সবাই সাবধানে থাকার চেষ্টা করছি। ফুটবলারদের অনেকের সমস্যা হচ্ছে। অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে গিয়েছে।’’ দেশঁ মনে করছেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে সংক্রমণ হতে পারে। কারণ কাতারের স্টেডিয়ামগুলিতে তাপমাত্রা সহনশীল রাখার জন্য শীতাতপ যন্ত্র ব্যবহার করা হচ্ছে। খেলা দেখতে বিভিন্ন দেশের হাজার মানুষ আসছেন। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে এ ধরনের ফ্লু সহজেই ছড়িয়ে পড়তে পারে। কাতারে তাপমাত্রার রদবদলও এই ধরনের ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ। বিশ্বকাপ শুরুর সময় থেকে কাতারে তাপমাত্রা ছিল ২৫ডিগ্রির উপরে হঠাতই গত কয়েকদিনে পারদ পতন ঘটে এর ফলে আক্রান্ত হতে পারেন ফুটবলাররা।  এর আগে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সুইৎজারল্যান্ড ও ব্রাজিলের ৬-৭ জন ফুটবলার। তবে এখনই এসব নিয়ে ভাবতে নারাজ ফরাসি কোচ। তিনি জানান, যাঁরা আছেন, তাঁরা এখন ফাইনালের জন্য হোমওয়ার্ক করছে। সকলেই সতর্ক থাকার চেষ্টা করছে। শনিবার ম্যাচ নিয়ে বিশেষ পরিকল্পনা করবেন বা দল সাজাবেন দেশঁ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Tawang: তাওয়াংয়ে লাল ফৌজকে দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে ভারত, জানালেন পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান

    Tawang: তাওয়াংয়ে লাল ফৌজকে দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে ভারত, জানালেন পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে (Tawang) প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল চিনা (China) সেনা পিপলস লিবারেশন আর্মি (PLA)। তাদের দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে ভারতীয় সেনা। শুক্রবার এ কথা জানালেন সেনার ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাণাপ্রতাপ কলিতা। তিনি এও জানান, বুমলায় দুই দেশের প্রতিনিধিরা ফ্ল্যাগ মিটিংও করেছে। তার পরেই সমস্যার সমাধান হয়েছে।

    নেপথ্য কাহিনি…

    প্রসঙ্গত, দিন কয়েক আগে ভারতীয় সেনা রুটিনমাফিক টহল দিচ্ছিল। টহলদারির সময়ে চিনা সেনার অন্তত ৩০০ জনের একটি দল প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করার চেষ্টা করে। ভারতীয় ভূখণ্ডে পা রাখারও চেষ্টা করে চিনা সেনারা। তারা ভারতীয় সেনার টহলদারির কাজে বাধা দেয়। এলাকা দখল নিয়ে বাদানুবাদ শুরু করে লাল ফৌজ। যদিও পাল্টা প্রস্তুত ছিল ভারতীয় সেনাও। চিনের সমস্ত ছক ভেস্তে দেওয়ার চেষ্টা করা হয়। আর তা করতেই সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও চিনের বাহিনী। শুধু তাই নয়, ধাক্কা দিয়ে সীমান্ত থেকে লাল ফৌজকে ভারতীয় সেনার জওয়ানরা বার করে দেয়। তার আগে বেশ কিছুক্ষণ ধরে ভারত এবং চিনের বাহিনীর মধ্যে হাতাহাতি হয়। জানা গিয়েছে, ভারতীয় জওয়ানদের আঘাত খুব একটা গুরুতর নয়। তাঁদের হাতে, পায়ে এবং পিঠে আঘাত লেগেছে। ঘুষির কারণেও মুখে আঘাত লেগেছে। সেনা সূত্রে খবর, ভারতীয় সেনার চেয়ে ঢের বেশি আঘাত পেয়েছে চিনের জওয়ানরা।

    আরও পড়ুন: ‘‘আপনার মন্ত্রীকে প্রশ্ন করুন সন্ত্রাস কবে বন্ধ হবে?’’, পাক সাংবাদিককে জবাব জয়শঙ্করের

    এদিন ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানের ফাঁকে পূর্বাঞ্চলীয় জিওসি-ইন-সি কলিতা বলেন, আপনারা জানেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আটটি অমীমাংসিত এলাকা রয়েছে। টহলদারির সময় এরকম একটি জায়গা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে চিনা সেনা। তাদের দৃঢ়ভাবে প্রতিরোধ করা হয়েছে। মঙ্গলবার রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অরুণাচল প্রদেশের তাওয়াং (Tawang) সেক্টরে ঢোকার চেষ্টা করেছিল পিপলস লিবারেশন আর্মি। তারা স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করছিল। রাজনাথ সিং জানান, ভারতীয় সেনাদের তৎপরতায় দ্রুত তাদের ফেরত পাঠানো গিয়েছে। তিনি বলেন, আমাদের ভূখণ্ড অটুট রাখতে আমাদের সেনারা প্রতিশ্রুতিবদ্ধ। এরকম কোনও চেষ্টা হলে, যে কোনও মূল্যে তা প্রতিরোধ করার চেষ্টাও করবে তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Islamic Terrorism: ‘এই ট্রানজিট কলোনিগুলি তোমাদের কবরস্থান’, ফের কাশ্মীরি পণ্ডিতদের হুমকি চিঠি জঙ্গিদের

    Islamic Terrorism: ‘এই ট্রানজিট কলোনিগুলি তোমাদের কবরস্থান’, ফের কাশ্মীরি পণ্ডিতদের হুমকি চিঠি জঙ্গিদের

    মাধ্যম নিউজ ডেস্ক: এই ট্রানজিট কলোনিগুলি তোমাদের কবরস্থান। সম্প্রতি এই ভাষায়ই সরকারি কর্মী কাশ্মীরি পণ্ডিতদের (Kashmir Pandits) হুমকি দিয়েছে কাশ্মীর ফাইট নামে এক জঙ্গি সংগঠন (Islamic Terrorism)। একটি চিঠি দিয়ে তারা এই হুমকি দিয়েছে। তাতেই লেখা হয়েছে, ট্রানজিট কলোনিগুলিকে পুনর্বাসন পাওয়া পণ্ডিতদের কবরস্থানে পরিণত করার হুমকি।

    ট্রানজিট কলোনি...

    উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার সুম্বল এলাকার ওডিনা গ্রামে তৈরি হচ্ছে অভিবাসী কাশ্মীরি পণ্ডিত সরকারি কর্মীদের জন্য ট্রানজিট কলোনি। এদিন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বারামুল্লা ও বান্দিপোরায় কাশ্মীরি পণ্ডিত সরকারি কর্মীদের ওই কলোনিগুলি পরিদর্শন করেন। তারই কয়েক ঘণ্টা পরে হুমকি চিঠি জঙ্গিদের।

    জঙ্গি সংগঠন কাশ্মীর ফাইট সরকারি কর্মী কাশ্মীরি পণ্ডিতদের পাশাপাশি নয়া ট্রানজিট কলোনি নির্মাণের সঙ্গে জড়িত ঠিকাদারদেরও হুমকি দিয়েছে। সরকারি কর্মী কাশ্মীরি পণ্ডিতদের একটি তালিকা প্রকাশ করে কাশ্মীর ফাইট চিঠিতে পণ্ডিতদের উপনিবেশকে ইজরায়েলি ধরনের বসতি স্থাপন বলে অভিহিত করেছে। তাতে লেখা হয়েছে, এটি কেবল সময়ের ব্যাপার যখন প্রতিরোধকারী যোদ্ধাদের রাগ সেই সব বিশ্বাসঘাতকদের ওপর আছড়ে পড়বে। প্রধানমন্ত্রীর প্যাকেজের বলির পাঁঠাদের আত্মবিশ্লেষণ প্রয়োজন। এই আধিপত্যকারী ফ্যাসিবাদী শাসন আপনাকে কীভাবে ব্যবহার করে, তা বুঝুন। কী সিদ্ধান্ত নেবেন, তা আপনার ওপর নির্ভর করবে। এই কলোনিগুলিই আপনাদের কবরস্থান। চিঠিতে এও লেখা হয়েছে, যেসব ঠিকাদার সংস্থা কলোনি নির্মাণ করছে, তাদেরও রেয়াত করা হবে না। যে বা যারাই এর সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককেই উপযুক্ত সাজা দেওয়া হবে। 

    আরও পড়ুন: ‘‘আপনার মন্ত্রীকে প্রশ্ন করুন সন্ত্রাস কবে বন্ধ হবে?’’, পাক সাংবাদিককে জবাব জয়শঙ্করের

    জঙ্গিদের হুমকি চিঠিতে আরও বলা হয়েছে, মনে রাখবে, যখন সমুদ্র খেপে ওঠে, তখন এর যাত্রাপথে যা পড়ে, তাকেই ধ্বংস করে। প্যাকেজ পাওয়া বলির পাঁঠারা এবং অন্যান্য যাঁরা স্থানীয় নয় কিংবা বিদেশি, লেফটেন্যান্ট মনোজ সিনহার কর্মীরা তাঁদের কবরের কারণ হবেন। চলতি মাসের শুরুতে এই জঙ্গি গোষ্ঠী প্রধানমন্ত্রীর পুনর্বাসন প্যাকেজের অধীনে শিক্ষক হিসেবে কাশ্মীর উপত্যকায় কর্মরত ৫৭ কাশ্মীরি পণ্ডিতকে হুমকি দেয়। তার পরেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে সরব হয়েছিলেন সরকারি কর্মী কাশ্মীরি পণ্ডিতরা। এহেন আবহেই এল ফের হুমকি চিঠি।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Anubrata Mondal: সব সম্পত্তি বাজেয়াপ্ত! অনুব্রতর হয়ে মামলার খরচ চালাচ্ছে কে? তদন্তে ইডি

    Anubrata Mondal: সব সম্পত্তি বাজেয়াপ্ত! অনুব্রতর হয়ে মামলার খরচ চালাচ্ছে কে? তদন্তে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার কাণ্ডে চার মাস হল জেলে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এই সময়ে  ইডি ও সিবিআই তাঁর অগাধ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ফ্রিজ করা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টও। তাহলে অনুব্রত মণ্ডলের হয়ে আইনি লড়াইয়ে নামজাদা সব আইনজীবীর খরচের জোগান আসছে কোথা থেকে? এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করল  সিবিআই ও ইডির তদন্তকারীরা।

    অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ

    হাজতবাসের চার মাসে আসানসোল ও কলকাতার বিভিন্ন আদালতে হাজিরার পর্বে অনুব্রত দাবি করে এসেছেন, ‘আমি নির্দোষ। আমার আয়ও তেমন নয়!’ বিরোধীদের দাবি, যাঁর ‘আয় তেমন নয়’, আদালতে তাঁর হয়ে মামলা লড়ছেন সেই সব প্রথিতযশা আইনজীবী, যাঁদের মধ্যে কারও কারও এক দিনের ‘অ্যাপিয়ারেন্স ফিজ়’ বা হাজিরা বাবদ পারিশ্রমিক ৩৫ লক্ষ টাকা! অনুব্রত ওরফে কেষ্টর হয়ে আইনি লড়াইয়ের এই বিপুল ‘ব্যয়ভার’ তা হলে কে বা কারা সামাল দিচ্ছেন? সেই সন্ধান অনিবার্য হয়ে পড়েছে ইডি-র কাছে। কেষ্ট-কন্যা সুকন্যাও রয়েছেন সিবিআইয়ের আতশ কাচের তলায়। তাঁরও সব ব্যাঙ্ক আ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তার পরেও কী ভাবে মামলার বিপুল খরচের জোগান আসছে, প্রশ্ন তুলছেন তদন্তকারীরা।

    অনুব্রতর হয়ে সওয়াল করা সুপ্রিম কোর্টের আইনজীবী কপিল সিব্বলের এক দিনের হাজিরার পারিশ্রমিক প্রায় ১৫ লক্ষ টাকা। সেটা দিল্লিতে। আর দিল্লির বাইরে কোথাও সওয়াল করতে গেলে খরচ পড়ে ৩০ লক্ষেরও বেশি। তদন্তকারীদের প্রশ্ন, ‘‘ওই সব আইনজীবী তো নিখরচায় অনুব্রতের হয়ে লড়াই করছেন না। তা হলে খরচটা জোগাচ্ছে কে?’’ আইনজীবী মহল জানাচ্ছে, অনুব্রতের হয়ে সওয়াল করা অন্য এক কৌঁসুলিও দৈনিক হাজিরায় প্রায় দেড় লক্ষ টাকা নিচ্ছেন। সেই খরচই  বা আসছে কোথা থেকে?

    আরও পড়ুন: “লজ্জাজনক… সব নিয়োগ বাতিল করে দেব”, অভিযুক্ত ২১জনকে সিবিআই জেরার নির্দেশ বিচারপতি বসুর

    অন্যদিকে, অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) দিল্লিতে নিয়ে গিয়ে ইডি জেরা করবে কি না, সেই সংক্রান্ত মামলা চলবে নিম্ন আদালতেই অর্থাৎ দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে। বৃহস্পতিবার এই মামলায় এমনই জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। এই মামলার পরবর্তী শুনানি ২৩ জানুয়ারি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • West Bengal Weather: পারদ পতন শুরু! আজ মরশুমের শীতলতম দিন

    West Bengal Weather: পারদ পতন শুরু! আজ মরশুমের শীতলতম দিন

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরবাসীর জন্য সুখবর। অবশেষে কলকাতায় জাঁকিয়ে পড়তে চলেছে শীত। পৌষ মাসের শুরুতেই শুরু হল পারদ পতন। আজ এই মরশুমের সবচেয়ে শীতলতম দিন বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ ডিসেম্বরের পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে। একদিনে প্রায় ২ ডিগ্রি কমল তাপমাত্রা। পারদ নামল ১৪-এর ঘরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে রাজ্যে বাড়ল শীতের আমেজ (West Bengal Weather)।

    কলকাতার আবহাওয়া

    আজ কলকাতার এই মরশুমের সবচেয়ে শীতলতম দিন। একদিনের মধ্যে তাপমাত্রা কমল ২ ডিগ্রি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজ তা কমে দাঁড়াল ১৪.৫ ডিগ্রিতে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। পৌষ মাস পড়তেই পারদ নিম্নমুখী হতে শুরু করে দিয়েছে। আগামী কয়েকদিনে আরও ২ ডিগ্রি পারদ পতন হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (West Bengal Weather)।

    আরও পড়ুন: সপ্তাহান্তে পারদপতন শহরে, জেলাতেও জাঁকিয়ে শীত

    জেলার আবহাওয়া

    জেলায় জেলায় পারদ পতন জারি। জাঁকিয়ে শীত পড়েছে জেলাগুলিতেও। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে হাড় কাঁপুনি ঠান্ডায় জবুথবু মানুষ। পারদ পতনের এই ধারা আগামী কয়েকদিন জারি থাকবে, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে (West Bengal Weather)।

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ পতন শুরু হয়ে গিয়েছে। জাঁকিয়ে শীত পড়েছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে। পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলার এক বা দুই জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রার পারদ নেমেছে তরাই-ডুয়ার্সের জেলাগুলিতেও। কালিম্পংয়ের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়ায়ে পৌঁছে গিয়েছে। সিকিমে শুরু হয়ে গিয়েছে তুষারপাত। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি (West Bengal Weather)।

    আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক, পরিস্কার আবহাওয়া থাকবে। রবিবারের মধ্যে তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে, সূত্রের খবর। উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে রাজ্যে। আর কোনও ঘূর্ণিঝড় বা পশ্চিমিঝঞ্ঝার পরিস্থিতি তৈরি না হওয়ায় বিনা বাধায় ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আর তার জেরেই নামছে পারদ। ফলে আগামী পাঁচদিন এই পারদ পতনের ধারা জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (West Bengal Weather)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mysterious Light: কলকাতার আকাশে রহস্যময় আলো, কীসের সংকেত?

    Mysterious Light: কলকাতার আকাশে রহস্যময় আলো, কীসের সংকেত?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার আকাশে রহস্যময় আলো (Mysterious Light)! বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের আকাশে বিভিন্ন জায়গা থেকে দেখা গেল আলোর আভা। যা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। কলকাতা-সহ বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান বা উত্তর ২৪ পরগনা, সর্বত্রই এই আলো দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে।

    শীত পড়তে না পড়তেই দিন ছোট হতে শুরু করেছে। বিকেল ৫ টার পরেই ডুবে যাচ্ছে সূর্য। এদিন বিকেল সাড়ে ৫ টার আশপাশে অর্থাৎ সন্ধ্যার আকাশে আলো (Mysterious Light) দেখতে পান বিভিন্ন জেলার বাসিন্দারা। কেউ বলছেন কয়েক মুহূর্ত দেখা গিয়েছে ওই আলো, কেউ বলছেন আকাশে প্রায় তিন মিনিট ধরে আলো দেখা গিয়েছে। অনেকেই সেই দৃশ্য মোবাইল বন্দি করেন। অনেকেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইতিমধ্যেই। 

    কী জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা? 

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলোর তীব্রতা ছিল অত্যন্ত বেশি, দেখতে অনেকটা সার্চ লাইটের (Mysterious Light) মতো। আলোর ফোকাস ছিল ওপরের দিকে। অন্ধকার আকাশ রীতিমতো কয়েক মুহূর্তের জন্যে আলোয় ভরে যায়। এই রহস্যময় আলো নিয়ে শুরু হয়েছে জল্পনা। কেউ উল্কাপাতের সম্ভাবনার কথা বলছেন, কারোর মনে হয়েছে কোনও বিমানে আগুন লেগে গিয়ে থাকতে পারে। একটিই উৎস থেকে আলো আসছিল বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত আলোর উৎস সম্পর্কে সঠিক করে কিছু জানা যায়নি।

    আরও পড়ুন: চার বছরের স্নাতকের পরেই পিএইচডির সুযোগ, নুতুন নিয়ম আনছে ইউজিসি    

    কলকাতার ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সায়েন্সের ডিরেক্টর দেবী প্রসাদ দুয়ারী বলেন, “ছবি দেখে তাঁর মনে হয়েছে, এটি কোনও উল্কাপাত নয়। উল্কাপাতে সাধারণত এত তীব্র আলো (Mysterious Light) দেখা যাওয়ার কথা নয়। এ ছাড়া উল্কাপাত হয় কয়েক মুহূর্তের জন্য, তাই এতগুলি জায়গা থেকে একসঙ্গে প্রায় ৩ মিনিটের জন্য সেই দৃশ্য দেখা যাওয়া সম্ভব নয়।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার ‘ভিউ ওয়ান্স’

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার ‘ভিউ ওয়ান্স’

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্ক জুকেরবার্গের মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) নিত্যনতুন ফিচারের ঝুলি নিয়ে হাজির। প্রতি সপ্তাহতেই আসছে নতুন নতুন ফিচার। কিছুদিন আগেও এল একটি ফিচার যেটির সাহায্যে মোবাইল ফোনে অন্য যে কোনও কাজ করতে করতে করা যাবে হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) ভিডিও কল। প্রায় দুই বছর আগে ২০২০ সালে এসেছিল একটি ফিচার ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এবার ওই ফিচারেরই আপডেটের কাজ চলছে। 

    কী এই ভিউ ওয়ান্স ফিচার ?

    এই নতুন ফিচারের নাম হবে ভিউ ওয়ান্স। অর্থাৎ মেসেজ একবার দেখার পরেই ডিলিট হয়ে যাবে। যিনি পাঠাবেন তাঁর কাছেও, আবার যাঁকে পাঠানো হবে তাঁর কাছেও। এটা অবশ্য নতুন কিছু নয়, এর আগেও এমন ফিচার হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) এনেছে। সেটা এই বছরেই। আগের ফিচারটি ছিল অবশ্য ছবি এবং ভিডিও সংক্রান্ত। যেখানে ছবি বা ভিডিও একবার দেখামাত্রই ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের (WhatsApp New Feature) মাধ্যমে ছবি বা ভিডিও যখন অন্য ব্যবহারকারীদের পাঠানো হয় তখন সেই ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে সেভ হয়ে যায়। ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে ছবি বা ভিডিও পাঠালে সেটা আর হবে না। এবার এই একই ফিচার হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) নিয়ে এল মেসেজের ক্ষেত্রে।

    আরও পড়ুন: আবারও নতুন ফিচার হোয়াটসআপে, জানুন পিআইপি মোড সম্পর্কে

    ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতেই হোয়াটসঅ্যাপের (WhatsApp New Feature) এই সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে আপাতত android version 2.22.25.20 মোবাইলের  ক্ষেত্রেই শুধুমাত্র এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে  হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature)। ভিউ ওয়ান্সের জন্য আলাদা অপশন থাকবে হোয়াটসঅ্যাপে (WhatsApp New Feature)। মেসেজের ক্ষেত্রে কোনও স্ক্রিনশট নেওয়া যাবেনা। একবার দেখার পরেই তা ডিলিট হয়ে যাবে। 

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

LinkedIn
Share