Blog

  • 5G Services: ভারতে ফাইভ জি পরিষেবা কবে চালু হবে জানেন? কী বললেন মন্ত্রী?

    5G Services: ভারতে ফাইভ জি পরিষেবা কবে চালু হবে জানেন? কী বললেন মন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ হয়ে গিয়েছে নিলাম প্রক্রিয়া। ভারতে ফাইভ জি পরিষেবা (5G Services) লঞ্চ হবে অক্টোবরের মধ্যেই। প্রথম ধাপে দেশের ১৩টি শহরে চালু হবে এই পরিষেবা। তবে কোন শহরে কতটা পরিষেবা মিলবে, তা ঠিক হয়ে যাবে চলতি মাসেই। কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwani Vaishnaw) বলেন, নিলাম প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। ১০ অগাস্টের মধ্যে সমস্ত প্রক্রিয়াও শেষ হয়ে যাবে। স্পেকট্রাম বরাদ্দও হয়ে যাবে।

    ফাইভ জি স্পেকট্রামের (Spectrum) সব চেয়ে বেশি বরাত পেয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। এ খবরও জানিয়েছিলেন বৈষ্ণব। জানা গিয়েছে, ফাইভ জি স্পেকট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি টাকার বরাত পেয়েছে মুকেশের সংস্থা। এদিন কেন্দ্রীয় মন্ত্রী জানান, অক্টোবরের মধ্যেই বোধহয় দেশে চালু হয়ে যাবে ফাইভ জি পরিষেবা। ফাইভ জি স্পেকট্রাম নিলাম দেশে টেলিকম শিল্পের ফাইভ জির দিকে অগ্রগতিরই ইঙ্গিত দেয়। ফাইভ জি লাগু হলে দেশে টেলিকম পরিষেবার ব্যাপক উন্নতি হবে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী। জানা গিয়েছে, দেশের যে ১৩টি শহরে ফাইভ জি পরিষেবা প্রথম ধাপে চালু হবে সেগুলি হল আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরগাঁও, হায়দরাবাদ, জামনগর, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বই এবং পুণে।

    আরও পড়ুন : ৫-জি-এর অপেক্ষা শেষ, আজই শুরু স্পেকট্রাম নিলামের প্রক্রিয়া

    টেলিকম মন্ত্রক জানিয়েছে, নিলামের প্রথম দিনেই নিলামে দর ওঠে ১.৪৫ লক্ষ কোটি টাকা। সোমবার ৪০ রাউন্ড নিলামের পর স্পেকট্রাম বণ্টনের প্রক্রিয়া শেষ হয়। সরকার জানিয়েছে, দেড় লক্ষ কোটি টাকার স্পেকট্রাম বিক্রি হয়েছে। এর মধ্যে মুকেশের সংস্থা কিনেছে বিভিন্ন ব্যান্ডের ৭০০ মেগাহার্টজের স্পেকট্রাম। এই স্পেকট্রামের সাহায্যে ছয় থেকে দশ কিলোমিটার পর্যন্ত সিগন্যাল পাওয়া যাবে। গৌতম আদানির সংস্থা কিনেছে ২৬ গিগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম। প্রসঙ্গত, আগে থ্রি-জিতে কোনও কিছু ডাউনলোড করতে গেলে যেখানে দু ঘণ্টা সময় লাগত, ফোর জি-তে সেখানে সময় লাগে ৪০ মিনিট। ফাইভ জি চালু হয়ে গেলে এই সময়টাই কমে দাঁড়াবে মাত্র ৩৫ সেকেন্ড।

    আরও পড়ুন : স্পেকট্রাম নিলামের অনুমতি মন্ত্রিসভার, ভারতে আসছে ৫জি?

  • Arpita Mukherjee: ১৮ জোড়া দুল, ১১টি বালা…! অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার হওয়া সোনার পুরো তালিকা

    Arpita Mukherjee: ১৮ জোড়া দুল, ১১টি বালা…! অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার হওয়া সোনার পুরো তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি কোনও ডাকসাইটে অভিনেত্রী বা নামজাদা মডেল নন। বাংলা ও ওড়িয়া ভাষার কয়েকটি ছবিতে অভিনয় করলেও, তিনি কোনও পরিচিত মুখই নন। এমনও নয়, তিনি পুরুষাণুক্রমে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছেন। তা সত্ত্বেও, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অভিনেত্রী-মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) সম্পত্তির পরিমাণ দেখে ভিরমি খাওয়ার জোগাড় সকলের।

    এসএসসি কাণ্ডের (SSC scam) তদন্তে নেমে অর্পিতার দুটি ফ্ল্যাটে হানা দিয়ে যেন যকের ধনের সন্ধান পেয়েছেন ইডি (ED) গোয়েন্দারা। প্রথমে টালিগঞ্জের (Tollygunj) হরিদেবপুরে অভিজাত ডায়মন্ড সিটি সাউথের (Diamond City South) ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি টাকা উদ্ধার হয়। এই উদ্ধার নিয়ে যখন চারদিক তোলপাড়, তখন এরচেয়েও বড় জ্যাকপট লাগে ইডি-র হাতে। এবার অর্পিতার বেলঘরিয়ার (Belghoria) ক্লাব টাউন হাইটস আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ ২৯ কোটি টাকা। সঙ্গে উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা।

    আরও পড়ুন: ফের ইডি হেফাজত! ৫ অগাস্ট পর্যন্ত CGO কমপ্লেক্সের জেলেই থাকতে হবে পার্থ-অর্পিতাকে

    টাকার অঙ্ক মোটামুটি সকলেই জেনে গিয়েছেন। ইডি সূত্রের খবর, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সোনার খতিয়ান সম্প্রতি আদালতে পেশ করেছে তদন্তকারী সংস্থা। সেখানে কী কী উদ্ধার হয়েছে, তার পূর্ণ তালিকা পেশ করা হয়। ইডি সূত্রের খবর, হিসেব বলছে বেলঘরিয়ার ফ্ল্যাটেই ছিল প্রায় ৪ কোটি ৩০ লক্ষের সোনা। সেই নথি আদালতে জমা দিয়েছে ইডি। নথিতে বলা হয়েছে উদ্ধার হওয়া এক-একটি কঙ্কনের ওজন ৫০০ গ্রাম। উদ্ধার হয়েছে ১১টি সোনার বালা, ১৮ জোড়া সোনার দুল, ৪টি বড় হার, ৯টি নেকলেস, ৭টি সোনার চেন, ৫টি আংটি। এছাড়া উদ্ধার হয়েছে ৮টি সোনার বাট ও একটি সোনার কলম।

    উদ্ধার হওয়া সোনার পরিমাণ থেকে শুরু করে সোনার গয়নার ওজন— সন্দেহ উঠছে সবকিছু নিয়ে। প্রশ্ন উঠেছে কী করে তিনি এই বিপুল সম্পত্তি একত্রিত করলেন? ইডি সূত্রের খবর, এখনও পর্যন্ত সম্পত্তির উৎস সম্পর্কে মুখ খোলেননি পার্থ-ঘনিষ্ঠ। তবে অর্পিতা দাবি করেছেন, তাঁর অজান্তে ওই টাকা তাঁর ফ্ল্যাটে ঢোকানো হয়েছিল। যে ঘর থেকে টাকা উদ্ধার হয়েছে, তা তাঁর ফ্ল্যাটের মধ্যে হলেও, সেখানে প্রবেশাধিকার তাঁর নাকি ছিল না।

    আরও পড়ুন: পার্থর বাড়িতে নথির ফাইলটি তল্লাশির আগে রেখে এসেছিলেন কে? ‘ষড়যন্ত্র’?

    এখন প্রশ্ন হচ্ছে, টাকার মতো কি এই বিপুল পরিমাণ সোনাও তাঁর অজান্তে ও অবর্তমানে তাঁর ক্যাবিনেটে রাখা হয়েছিল? কী বলছেন অর্পিতা?

  • CUET PG Schedule: ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কুয়েট পিজি, জানাল ইউজিসি

    CUET PG Schedule: ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কুয়েট পিজি, জানাল ইউজিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (পিজি) এর পরীক্ষার দিন ঘোষণা করল ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন (UGC)। স্নাতোকোত্তরে ভর্তির প্রক্রিয়ার জন্য সাধারণ প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। যে পরীক্ষায় উত্তীর্ণ হলে দেশের যেকোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। কুয়েট (CUET PG 2022) পরীক্ষার দিনক্ষণ ট্যুইট করে জানিয়েছেন ইউজিসির চেয়্যারম্যান (UGC Chairman) এম জগদেশ কুমার (M Jagdesh Kumar)। 

    আরও পড়ুন: কুয়েট ইউজি ফেজ ২ -এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত

     

    এম জগদেশ কুমার জানিয়েছেন, সেপ্টেম্বরের ১ থেকে ৭ তারিখ ও ৯ থেকে ১১ তারিখ এই প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে। তিনি আরও জানান,  পরীক্ষার আয়োজনের ক্ষেত্রে শহর ভিত্তিক অগ্রিম তথ্য ও পরীক্ষার অ্যাডমিট কার্ড সম্পর্কে আগামী দিনে আরও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। 

     

    এদিকে কুয়েট স্নাতকস্তরের পরীক্ষার দিনক্ষণ ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪,৫,৬ অগাস্ট রয়েছে স্নাতকস্তরের প্রবেশিকা পরীক্ষা। 

    আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি

    দেশের ১৬০ টি শহরে ২৪৭ টি পরীক্ষা কেন্দ্রে কুয়েট পরীক্ষা নেবে ইউজিসি। অ্যাডমিট ছাড়া কোনও পড়ুয়াকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এজন্য কুয়েটের ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তার প্রিন্ট নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। ওই অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার্থী সম্পর্কিত যাবতীয় তথ্য। 

     

     

  • Commonwealth Games: স্কোয়াশে ইতিহাস সৌরভের! কমনওয়েলথে ব্রোঞ্জ পদক বাংলার ছেলের

    Commonwealth Games: স্কোয়াশে ইতিহাস সৌরভের! কমনওয়েলথে ব্রোঞ্জ পদক বাংলার ছেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: অচিন্ত্য শিউলির পর ফের বাংলায় (Bengal) এল পদক (Medal)। সৌরভ ঘোষালের (Sourav Ghosal) হাত ধরে কমনওয়েলথ গেমসে (CWG) স্কোয়াশের সিঙ্গলসে প্রথম ভারতের ঝুলিতে পদক এল। এককথায় ব্রোঞ্জ (Bronze) পদক জিতে ইতিহাস গড়লেন কলকাতার বছর ৩৫-এর সৌরভ। যাবতীয় আবেগ আর উচ্ছ্বাসকে ধরে রেখে যেন নিজেকে মেলে ধরলেন তিনি। সৃষ্টি হল ইতিহাস। ম্যাচ শেষে তাই কেঁদে ফেললেন সৌরভ। বাংলার ছেলেকে পদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মঞ্চে সৌরভের এই সাফল্য দেশের যুব সম্প্রদায়কে স্কোয়াশের প্রতি আগ্রহী করে তুলবে।’

    সৌরভের ব্রোঞ্জ জয়কে বাহবা না দিয়ে উপায় নেই। এমন একজনকে  যা স্মরণীয় করে রাখার মতো। বিশ্বের প্রাক্তন শীর্ষ স্থানাধিকারী ও কমনওয়েলথ গেমসে সোনা পাওয়া ইংল্যান্ডের জেমস উইলসট্রপকে হারিয়ে পদক পেয়েছেন সৌরভ। খেলার ফল ছিল ১১-৬, ১১-১ ও ১১-৪। বাংলার এই পদকজয়ীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    বার্মিংহ‌্যামে আসার আগে সৌরভ ট্রেনিং নিয়েছিলেন বিশ্বের প্রাক্তন শীর্ষ স্থানাধিকারী গ্রেগরি গলটিয়েরের কাছে। লক্ষ্য ছিল টেকনিককে আরও নিখুঁত করে তোলা। স্কোয়াশে ইংরেজদের হারানো এমনিতেই কঠিন। তার উপর ইংল্যান্ডের মাটিতে জিতে আসা মোটেই সহজ কথা নয়। কিন্তু সেই অসাধ্যসাধন করলেন এমন একজনের বিপক্ষে যার ছ’টা কমনওয়েলথের পদক রয়েছে। জেমস উইলসট্রপের সঙ্গে গত ন’বারের সাক্ষাতে মাত্র একবার জিতেছিলেন সৌরভ।

    আরও পড়ুন: আশা করি এবার একটা সিনেমা দেখার সময় পাবে! অচিন্ত্যর প্রশংসায় মোদি

    স্কোয়াশে সিঙ্গলসে পদক জয়ের পর এদিন সৌরভ বলেন, “পরিকল্পনা অনুযায়ী খেলে পদক জিতলাম। সিঙ্গলসে পদক জয় নিঃসন্দেহে বড় ব্যাপার। আরও ভাল খেলার চেষ্টা চালিয়ে যাব।” 

  • ED Raids Apa: শান্তিনিকেতনে পার্থ-অর্পিতার ‘অপা’-য় হানা ইডির, সম্পত্তির খোঁজে মাটি খুঁড়ে তল্লাশি

    ED Raids Apa: শান্তিনিকেতনে পার্থ-অর্পিতার ‘অপা’-য় হানা ইডির, সম্পত্তির খোঁজে মাটি খুঁড়ে তল্লাশি

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি দুর্নীতি (SSC Scam) কাণ্ডে যেন পরতে পরতে রহস্য। তদন্তে নামতেই ‘যকের ধন’- এর সন্ধান পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে ইডি। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা এবং বিপুল সোনা গয়না। কিন্তু তাতেও যেন রোমাঞ্চে ইতি নেই।

    এবার পার্থ-অর্পিতার শান্তিনিকেতনের বিলাসবহুল বাড়ি ‘অপা’- য় (Apa) হানা দিল ইডি। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখতে ৭ জন ইডি আধিকারিকের একটি দল ওই বুধবার সাত সকালে অপা-য় যায়। তাঁদের একটি দল অবশ্য মঙ্গলবার রাতেই পৌঁছে গিয়েছিল। 

    আরও পড়ুন: অনুব্রত-ঘনিষ্ঠ কেরিম খান, টুলু মণ্ডলের বাড়িতে যৌথ অভিযানে ইডি-সিবিআই

    শান্তিনিকেতনের ফুলডাঙায় রয়েছে পার্থ-অর্পিতার এই রাজকীয় বাড়ি।  সকাল থেকে তল্লাশি অভিযান এখনও চলছে। ৭ জন ইডি অফিসারের একটা দল বাড়ির ভিতরে রয়েছেন।  ইডি সূত্রের খবর, পার্থ-অর্পিতাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই এদিন ‘অপা’-য় হানা দিয়েছে  ইডি। ওই বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যেই গোটা বাড়িটি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির গেট খুলে ভিতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে মাটি খুঁড়ে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। সূত্রের খবর, সেখান থেকে অর্পিতার নামে ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এর পাশাপাশি, হদিশ মিলেছে ‘লাবণ্য’ ও ‘তিতলী’ নামের দুই বাড়ির।

    ২০১২ সালে এই বাড়িটি অর্পিতার নামে কেনা হয়। বাড়িটির দলিলেও পার্থ চ্যাটার্জির সই মিলেছে। শান্তিনিকেতনের ফুলডাঙার ‘অপা’ (Apa) কার্যত এখন দর্শনীয় স্থান। সামনে বিশাল লন, বিভিন্ন গাছপালায় সুসজ্জিত একটি বাড়ি। ইডির হাতে এসেছে বোলপুরের জমির দলিল। ২০১২ সালের জানুয়ারিতে কলকাতার সুসেন বন্দ্যোপাধ্যায়-শ্যামলী বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ২০ লক্ষ টাকার বিনিময়ে ‘অপা’ বাড়িটি কিনেছিলেন পার্থ-অর্পিতা। বাড়িটির দলিলেও পার্থ চট্টোপাধ্যায়ের সই মিলেছে৷

    আরও পড়ুন: আজ ফের আদালতে পেশ পার্থ-অর্পিতাকে, পুনরায় হেফাজতে চাইবে ইডি? 

    বীরভূমের শান্তিনিকেতনে পার্থ-অর্পিতার বিপুল সম্পত্তির হদিশ আগেই মিলেছে। শান্তিনিকেতন-বোলপুর এলাকায় পার্থ-অর্পিতার একাধিক ফ্ল্যাট, বাগানবাড়ি, গেস্ট হাউজ রয়েছে বলে সূত্র মারফত খবর। পার্থ-অর্পিতার নামে একাধিক বাড়ি রয়েছে শান্তিনিকেতন, প্রান্তিক, বনেরপুকুর ডাঙায়। অপা ছাড়া আরও ৭ বাড়ি রয়েছে পার্থ-অর্পিতার বলে খবর। 

    এদিকে, ইডি সূত্রে খবর, বোলপুরে অর্পিতা মুখোপাধ্যায়ের যে ৭টি বাড়ির হদিশ মিলেছে সেগুলি আদতে কার, পার্থ চট্টোপাধ্যায়ের কিনা তা জানতেই আহমেদপুরের (Ahmedpur) রাজীব ভট্টাচার্যের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায়ের জমি, বাড়ি সহ সমস্ত সম্পত্তির দেখাশোনা করতেন রাজীব ভট্টাচার্য (Rajiv Bhattacharya)। তাই তাঁকে জেরা করেই বোলপুরের (Bolpur) বিশাল সম্পত্তির মালিকানার প্রকৃত হদিশ মিলবে বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ইতিমধ্যে রাজীব ভট্টাচার্যের বাড়িতে ঢুকে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি তাঁকে জেরা শুরু করেছেন তাঁরা।

    সময় যত গড়াচ্ছে আরও বেশি করে পার্থ-অর্পিতার সম্পত্তির খোঁজ মিলছে। এর শেষ কোথায়, তাই এখন দেখার পালা। 

  • Monkey Pox: দিল্লিতে আরও এক মাঙ্কি পক্সে আক্রান্তের হদিশ, বিদেশ যাওয়ার ইতিহাস নেই রোগীর

    Monkey Pox: দিল্লিতে আরও এক মাঙ্কি পক্সে আক্রান্তের হদিশ, বিদেশ যাওয়ার ইতিহাস নেই রোগীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের দিল্লিতে মাঙ্কি পক্স আক্রান্তের হদিশ। এই নিয়ে তৃতীয়বার। গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য এই বিষয়ে বলেন, “এই অবধি দেশে আটজন মাঙ্কি পক্স আক্রান্তের হদিশ মিলেছে। এদের মধ্যে পাঁচ জনেরই বিদেশ ভ্রমণের ইতিহাস আছে।” 

    আরও পড়ুন: মাঙ্কি পক্সের নতুন উপসর্গ শনাক্ত করলেন বিজ্ঞানীরা, কী সেই উপসর্গ?
     
    সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত ৫ দিন ধরে ওই ব্যক্তি জ্বরে আক্রান্ত৷ তাঁর সারা দেহে ফুসকুড়িও বেরিয়েছে৷ দেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে৷ সোমবার বিকেলে জানা যায় তিনি মাঙ্কি পক্সে আক্রান্ত৷ এ ছাড়াও আরও দুই আফ্রিকান বংশোদ্ভূতকে মাঙ্কি পক্স আক্রান্ত সন্দেহে সরকারি হাসপাতালে আইসোলেটেড রাখা হয়েছে ৷ সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহী থেকে সদ্য ফেরা এক ২২ বছর বয়সি যুবক কেরলে মাঙ্কি পক্স আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে ৷ 

    দিল্লির বাসিন্দা ৩৫ বছর বয়সী এক নাইজেরীয়র (Nigerian Man) শরীরে পাওয়া গিয়েছে মাঙ্কি পক্সের (Monkey Pox) ভাইরাস। এই ব্যক্তির বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। এই মুহূর্তে দিল্লির (Delhi) এক সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি৷ এই নিয়ে ভারতে এখন পর্যন্ত মোট ৮ জন মাঙ্কি পক্স আক্রান্তের খোঁজ মিলেছে৷ 

    দেশে মাঙ্কি পক্সকে নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে৷ নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের প্রধান ডক্টর ভিকে পালের নজরদারিতে ৫ সদস্যের এই টাস্কফোর্স গঠন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মূলত এই রোগের প্রতিরোধ, পরীক্ষা, চিকিৎসা এবং টিকাকরণ সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি। ডাক্তার ভি কে পাল ছাড়াও কমিটিতে রয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ, বায়োটেকনোলজি দফতরের সচিব এবং অন্যান্য দফতরের সচিবরা। গত ২৬ জুন প্রধানমন্ত্রীর প্রধান সচিবের সভাপতিত্বে এক বৈঠকে মাঙ্কি পক্স নিয়ে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে সার্বিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে৷ মাঙ্কি পক্স যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে তার জন্য বিভিন্ন সাবধানতা অবলম্বন করা হচ্ছে৷ 

    আরও পড়ুন: মাঙ্কি পক্স ভাইরাসের পৃথকীকরণে সফল ভারত, জানাল এইআইভি

    মাঙ্কি পক্সকে ইতিমধ্যেই অতিমারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। বিশ্বজুড়ে এই মুহূর্তে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা ১৬ হাজারেরও বেশি। মৃত্যুও হয়েছে বেশ কিছু। সম্প্রতি চিকিৎসকদের একটি আন্তর্জাতিক সংগঠন, মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নতুন উপসর্গ (Symptoms) শনাক্ত করেছে। মাঙ্কি পক্সে বড় বড় ফুসকুড়ি দেখা যায়। এই উপসর্গের কথা আগেই শুনেছেন সবাই। কিন্তু এর সঙ্গে চিকিৎসকরা শনাক্ত করেছেন আরও তিনটি উপসর্গ। যা আগে ছিল না। সেগুলো হল, যৌনাঙ্গে ঘা, মুখে ঘা এবং মলদ্বারে ঘা।    

     

  • Uma Maheswari:  অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন টি রামারাওয়ের কন্যা কে উমা মাহেশ্বরীর অস্বাভাবিক মৃত্যু

    Uma Maheswari: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন টি রামারাওয়ের কন্যা কে উমা মাহেশ্বরীর অস্বাভাবিক মৃত্যু

    মাধ্যম নিউজ ডেস্ক: অবিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা প্রায়ত এনটি রামা রাওয়ের (Former Andhra Pradesh Chief Minister NT Rama Rao) কন্যার ঝুলন্ত দেহ উদ্ধার হল। সোমবার জুবিলি হিলসে (Jubilee Hills) এনটি রামা রাওয়ের কনিষ্ঠ কন্যা কণ্ঠমানেনি উমা মাহেশ্বরীর (K Uma Maheshwari) বাড়িতেই তাঁর নিথর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে অনুমান এটি আত্মহত্যা৷ তেলেগু দেশম পার্টি প্রতিষ্ঠাতা প্রয়াত এটিআর-এর পরিবারে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

    তেলুগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটিআর-এর চার কন্যার মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ ছিলেন। তিনি অন্ধ্রপ্রদেশেরই প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুরও শ্যালিকা ছিলেন। সোমবার হায়দরাবাদের জুবিলি হিলস-এর বাড়িতে তাঁর শোওয়ার ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পুলিশ পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। 

    আরও পড়ুন: দিল্লিতে আরও এক মাঙ্কি পক্সে আক্রান্তের হদিশ, বিদেশ যাওয়ার ইতিহাস নেই রোগীর

    পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকমাস ধরে তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং তার জন্য চিকিৎসাও চলছিল। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। হায়দরাবাদের পুলিশ কমিশনার সি ভি আনন্দ জানিয়েছেন, কোনও সুইসাইড নোট-ও পাওয়া যায়নি। পরিজনরা জানাচ্ছেন, এমনিতে স্বামীর সঙ্গে থাকতেন উমা। কিন্তু বর্তমানে একাই ছিলেন। সম্ভবত স্বামী গত কিছু দিন বাইরে। গত রবিবার ছোট মেয়ে-জামাই এসে দেখা করে যায় তাঁর সঙ্গে। তার পর কী হল ঠাওর করতে পারছেন না কেউই। তবে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দুপুর ১২টা নাগাদ ঘরে ঢুকে ভিতর থেকে তালা বন্ধ করে দেন তিনি। পরে জোর করে দরজা ভাঙতে হয়। তত ক্ষণে সব শেষ। 

    আরও পড়ুন: সঞ্জয় রাউতকে চার দিনের ইডি হেফাজতে পাঠাল আদালত, খেতে পারবেন বাড়ির খাবার, ওষুধ

    ১৯৮২ সালে টিডিপি গড়ে তোলার পর কংগ্রেসের একচ্ছত্র আধিপত্যকে খর্ব করে অবিভক্ত অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় এসেছিল এনটিআর-এর তেলুগু দেশম পার্টি। ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাসের মধ্যে ১৯৯৬ সালে ৭২ বছর বয়সে তিনি মারা যান। উমার মৃত্যুর খবর পেয়েই জুবিলি হিলসে উমার বাসভবনে ছুটে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী দুগ্গুবতী পুরন্দেশ্বরী। আসেন টিডিপি প্রেসিডেন্ট ও অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু-র স্ত্রী নারা ভুবনেশ্বরীও। দুগ্গুবতী এবং নারা, দুজনেই সম্পর্কে উমার বোন। মর্মান্তিক খবর পেয়ে ছুটে এসেছিলেন এন চন্দ্রবাবু নাইডু, তাঁর ছেলে নারা লোকেশ-সহ বহু আত্মীয় পরিজন।

  • Har Ghar Tiranga: প্রোফাইলে তেরঙ্গা! নিজে ছবি বদল করে সকলকে এই কর্মসূচিতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

    Har Ghar Tiranga: প্রোফাইলে তেরঙ্গা! নিজে ছবি বদল করে সকলকে এই কর্মসূচিতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের আগে সকলকে সোশ্যাল মিডিয়া প্রোফাইল ছবি হিসেবে জাতীয় পতাকা ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। আজ ২ আগস্ট থেকেই এই অভিযান শুরু করার আর্জি জানান তিনি। নিজের প্রোফাইলের ছবি বদলে তার সূচনাও করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “২ অগস্ট পিঙ্গালি বেঙ্কাইয়াজির জন্মদিন। তিনিই আমাদের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। তাঁর প্রতি আমি আমার শ্রদ্ধার্ঘ্য জানাই।” সকলেই যেন এই কাজে এগিয়ে আসেন, আহ্বান মোদির।

    স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ এর অংশ হিসেবে এবছর বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘এটি একটি গণ আন্দোলনে পরিণত হচ্ছে। আসুন আমরা আমাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাই।’ গত রবিবার তাঁর ‘মন কি বাত’ রেডিও সম্প্রচারে মোদি জনগণকে ২ থেকে ১৫ আগস্টের মধ্যে সোশ্যাল মিডিয়া প্রোফাইলে জাতীয় পতাকার ছবি রাখার আহ্বান জানিয়েছিলেন। সেই মতোই এদিন নিজের প্রোফাইল পিকচার বদলান মোদি। 

    I pay homage to the great Pingali Venkayya on his birth anniversary. Our nation will forever be indebted to him for his efforts of giving us the Tricolour, which we are very proud of. Taking strength and inspiration from the Tricolour, may we keep working for national progress.

     প্রধানমন্ত্রীর কথায়, “আজাদি কি অমৃত মহোৎসব অনুষ্ঠানের আওতায় একটি বিশেষ আন্দোলন হচ্ছে– হর ঘর তিরঙ্গা। এই বিষয়ে আমার একটি পরামর্শ রয়েছে। প্রত্যেকের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তিরঙ্গা লাগানো হোক। এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের বাড়িতে জাতীয় পতাকা তোলা হোক।” প্রধানমন্ত্রীর মতোই প্রোফাইল পিকচারে তেরঙ্গা ব্যবহার করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট জে পি নাড্ডা।

    আরও পড়ুন: নতুন আইএসআইএস মডিউলের খোঁজ, ছয় রাজ্যে তল্লাশি চালাল এনআইএ

  • National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় মতিলাল ভোরার যোগের স্বপক্ষে প্রমাণ পায়নি ইডি!

    National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় মতিলাল ভোরার যোগের স্বপক্ষে প্রমাণ পায়নি ইডি!

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেসের (Congress) অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) নাম নিয়েছিলেন প্রয়াত কংগ্রেস নেতা মতিলাল ভোরার (Motilal Vora)। ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case ) ইডির (ED) জিজ্ঞাসাবাদের মুখে ভোরার নাম নিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও (Rahul Gandhi)। তবে ওই মামলায় যাঁদের জেরা করা হয়েছে, তাঁদের কেউই কংগ্রেসের প্রয়াত কোষাধ্যক্ষ ভোরার যুক্ত থাকার পক্ষে কোনও নথিই পেশ করতে পারেননি বলে ইডি সূত্রে খবর।

    ন্যাশনাল হেরাল্ড মামলায় নাম জড়ায় কংগ্রেসের। ওই মামলায় জেরা করার জন্য সাংসদ কংগ্রেসের রাহুল গান্ধীকে তলব করে ইডি। রাহুল বিদেশে থাকায় নির্ধারিত সময়ে হাজিরা দিতে পারেননি। দেশে ফিরেই অবশ্য ইডি দফতরে হাজিরা দেন রাহুল। ছ দিন ধরে পঞ্চাশ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রাহুলকে। রেকর্ড করা হয় তাঁর বয়ান। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় সোনিয়াকেও। তবে করোনা সংক্রমিত হওয়ায় নির্দিষ্ট দিনে হাজিরা দিতে পারেননি কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টও। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কিছুটা সুস্থ হয়ে হাজিরা দেন ইডি দফতরে। মোট তিন দফায় ন ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করা হয় সোনিয়াকে। ওই মামলায় দিন কয়েক আগে ন্যাশনাল হেরাল্ডের অফিস সহ দেশের ১২টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তল্লাশি চালানো হয় ওই দিন।

    আরও পড়ুন : দ্বিতীয়বার ইডির সামনে সোনিয়া! রাহুল-সহ ১৭ জন কংগ্রেস সাংসদ আটক

    ইডি সূত্রে খবর, সোনিয়া, রাহুল সহ কংগ্রেসের যাঁদের ওই মামলায় জেরা করা হয়েছে, তাঁরা জানিয়েছেন কোষাধ্যক্ষ থাকায় অর্থনীতি সংক্রান্ত যা কিছু সিদ্ধান্ত তা নিতেন ভোরা। প্রসঙ্গত, সোনিয়া এবং রাহুল ছাড়াও কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, পবন বনশল এবং সুমন দুবেকে এখনও পর্যন্ত জেরা করেছে ইডি। এঁরাও প্রত্যেকেই ভোরার নাম নিয়েছেন। তবে ভোরা ছেলের দাবি, ওই ঘটনায় ভোরা কোনওভাবেই জড়িত ছিলেন না। খাড়গেকে ফের জেরা করা হবে। কারণ তিনিই একমাত্র ইয়ং ইন্ডিয়ার কর্মী। তাই তাঁকে জেরা করে সত্য উদ্ঘাটন করতে চাইছেন তদন্তকারীরা।

    ইডি সূত্রে খবর, ন্যাশনাল হেরাল্ডের সঙ্গে যুক্ত ইয়ং ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে কলকাতা ও মুম্বইয়ের একাধিক হাওয়ালার লেনদেন হত বলে অনুমান তদন্তকারীদের। ইয়ং ইন্ডিয়ার অফিসে তল্লাশি চালানোর পর আরও তথ্য মিলবে বলে অনুমান ইডির। তবে ওই সংস্থার কোনও আধিকারিক উপস্থিত না থাকায় সংস্থার দফতরে এখনও তল্লাশি চালানো হয়নি। তাই আপাতত সিল করে দেওয়া হয়েছে অফিস।

    আরও পড়ুন :ন্যাশনাল হেরাল্ড মামলায় ইয়ং ইন্ডিয়ার অফিস সিল করল ইডি

  • Assam: আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে সন্ত্রাসবাদীরা! দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

    Assam: আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে সন্ত্রাসবাদীরা! দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

    মাধ্যম নিউজ ডেস্ক: অসম (Assam) জিহাদি কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। জঙ্গিরা নানা ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। নিজেদের মধ্যে সংগঠনের কাজ চালাতে নানান ধরনের আধুনিক অ্যাপ ব্যবহার করছে তারা। যাতে করে সহজে তাদের নাগাল পাওয়া যাচ্ছে না। অভিমত, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma)। সাম্প্রতিককালের পাঁচটি ঘটনায় বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের (Ansarul Islam) যোগ মিলেছে বলে জানিয়েছেন হিমন্ত। গোটা বিষয়ে তিনি উদ্বিগ্ন। প্রশাসন কাজ করছে, তবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, বলেন অসমের মুখ্যমন্ত্রী। সন্দেহভাজন মনে হল পুলিশকে খবর দিতে বলেছেন তিনি।

    আরও পড়ুন: মোদির ডাকে সাড়া দিয়ে ভূস্বর্গে তিরঙ্গা মিছিল, জাতীয় সঙ্গীতও গাইল পড়ুয়ারা

    এদিন উদ্বেগের সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “আনসারুল ইসলামের সদস্য ৬ জন বাংলাদেশি অসমে ঢুকেছে। এরা রাজ্যে ঢুকে তরুণ প্রজন্মকে মৌলবাদী মগজধোলাই দিচ্ছে। চলতি বছরের মার্চ মাসে বারপেতা (Barpeta) থেকে এদের একজনকে গ্রেফতার করা হয়েছিল।” হিমন্ত অভিযোগ করেন, রাজ্যে বাইরের লোক ঢুকে মাদ্রাসায় ছাত্রদের মগজধোলাই করছে। যা রীতিমতো আতঙ্কের বিষয়। তিনি বলেন, “জঙ্গিরা নিজেদের মধ্যে ফোনে কথোপকথন করে না। ফোন ট্যাপ হওয়ার ভয়ে তারা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে। টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের অনুরূপ অ্যাপ তৈরি করে নিজেদের মধ্যে প্রচার চালায় তারা। এর ফলে সহজে তাদের ট্র্যাক করা যায় না।”

    আরও পড়ুন: কংগ্রেসে কি গণতন্ত্র রয়েছে? পরিবারতন্ত্রই সম্বল, রাহুলকে তোপ বিজেপির

    অসমের মুখ্যমন্ত্রীর দাবি, “জঙ্গি কার্যকলাপ আর জিহাদি কাজের মধ্যে পার্থক্য রয়েছে। বছরের পর বছর ধরে মগজধোলাই দেওয়া থেকে বিষয়টা শুরু হয়। এরপরে ইসলামী মৌলবাদের প্রচারে সক্রিয় অংশগ্রহণ এবং সব শেষে নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়া।” অসম পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (স্পেশাল ব্রাঞ্চ) হীরেন নাথ জানান, ধরা পড়া জঙ্গিদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে দেখা গিয়েছে, তারা বিশেষ বিশেষ গ্রুপ ব্যবহার করে। আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে কাজ চালায় তারা। তারা কীভাবে প্রচার চালায় তা অভিযানের সময় প্রাপ্ত বিভিন্ন নথি থেকে  জানা গিয়েছে। কিন্তু এখনই নিরাপত্তার খাতিরে তা বিশদে বলা সম্ভব নয়।

    আরও পড়ুন: অভিবাদন প্রিয়তমা! যুদ্ধ ভুলে ভারতে হিন্দু রীতিতে বিয়ে ইউক্রেনীয়-রুশ যুগলের

     

LinkedIn
Share