Blog

  • Saigal Hossain: ‘সায়গলই হচ্ছে…’, গরুপাচার কাণ্ডে বড় রহস্যভেদ সিবিআইয়ের

    Saigal Hossain: ‘সায়গলই হচ্ছে…’, গরুপাচার কাণ্ডে বড় রহস্যভেদ সিবিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: গরুপাচার (Cattle smuggling) মামলার তদন্তে এবার বড় রহস্যভেদ করল সিবিআই (CBI)। এর ফলে, এই মামলার জট অনেকটাই কাটবে বলে আশা করছেন তদন্তকারীরা। 

    কী রহস্যভেদ? গরুপাচার মামলার তদন্ত শুরু করার পর থেকেই, বারবার সিবিআইয়ের হাতে এসেছে একটি সাংকেতিক শব্দ। সেই শব্দ হল ‘সাইকেল’ (CBI cracks Cycle mystery)। সূত্রের খবর, তদন্তে নামার পর বারবার উঠে আসে সাইকেল শব্দটি। বিভিন্ন সময়ে বিভিন্ন জনের মুখে উঠে আসে সাইকেল-শব্দ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে অন্যদের কথোপকথনের যে সব বয়ান গরু পাচারের তদন্তে নামা সিবিআইয়ের হাতে এসেছিল, তাতেই তারা প্রথম পেয়েছিল ‘সাইকেল’ শব্দটা।

    আরও পড়ুন: রাজীব ভট্টাচার্য কি কেষ্টর ‘বেনামি’, কার চিকিৎসার জন্য ৬৬ লাখ দিয়েছিলেন? তদন্তে ইডি-সিবিআই

    আর তাতেই এই আপাত নিরীহ শব্দকে নিয়ে জোর খটকা লাগে তদন্তকারী সংস্থার। তদন্তকারীরা জানতে চাইছিলেন সাইকেল কী? এটা কি কোনও সাঙ্কেতিক শব্দ? ধন্দে পড়ে যান সিবিআইয়ের আধিকারিকরা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দেহ দৃঢ় হয়, গরুপাচারকারীদের কাছ থেকে আটক করা বিভিন্ন নথিতে সাইকেল শব্দটি পাওয়ার পর। সেখানে সাইকেল নামের পাশে লেখা বিভিন্ন অঙ্কের টাকার কথা। 

    দেখা যায়, প্রতি বার সাইকেল শব্দের পাশে বিভিন্ন অঙ্কের টাকার কথা লেখা আছে। কখনও ১০ লক্ষ টাকা, কখনও আবার ২০ লক্ষ। এমনকি গরু পাচারে মূল অভিযুক্ত এনামুল হক এবং অন্য গরু ব্যবসায়ীদের কাছ থেকে বাজেয়াপ্ত করা নথিতেও এই সাইকেল শব্দটি পেয়েছিলেন তদন্তকারীরা। তদন্তকারীরা বুঝতে পারছিলেন না, গাড়ি থাকতে কেন সাইকেলের মাধ্যমে টাকা পাঠানো হতো। দীর্ঘদিন ধরে, এই শব্দের রহস্যভেদ করার চেষ্টা করেন তদন্তকারীরা। 

    আরও পড়ুন: ‘‘অনুব্রত ওয়েব সিরিজের সবে প্রথম ও দ্বিতীয় এপিসোড বেরিয়েছে…’’, খোঁচা সুকান্তর

    অবশেষে, এই রহস্যের সমাধান করল সিবিআই। সিবিআই সূত্রে দাবি, তদন্তে জানা যায়, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনই (Saigal Hossain) গরুপাচারকারীদের কাছে পরিচিত ছিলেন ‘সাইকেল’ নামে। তবে কি অনুব্রতকে আড়াল করতেই ছদ্মনাম ব্যবহার করতেন সায়গল? সম্ভাবনা খতিয়ে দেখছে সিবিআই। 

  • FIFA ban on AIFF: কেন্দ্রের আবেদন মেনে ফিফার নিয়মকে মান্যতা শীর্ষ আদালতের! সিওএ বাতিলের নির্দেশ

    FIFA ban on AIFF: কেন্দ্রের আবেদন মেনে ফিফার নিয়মকে মান্যতা শীর্ষ আদালতের! সিওএ বাতিলের নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রের আবেদন মেনে নিয়ে ফিফার নিয়মকেই মান্যতা দিল দেশের সর্বোচ্চ আদালত। যে তৃতীয়পক্ষের হস্তক্ষেপে নির্বাসনের মুখে পড়তে হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে,  সেই তিন সদস্যের প্রশাসক কমিটির (সিওএ) আর কোনও ক্ষমতা থাকবে না, বলে সোমবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রশাসক কমিটির ক্ষমতা কেড়ে সর্বোচ্চ আদালতের আশা, এবার হয়তো বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা (FIFA), ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এর উপর থেকে নির্বাসন তুলে নেবে।

    সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাচনও এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগে অগাস্টের শেষ সপ্তাহে নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচন হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। নির্বাচন পরিচালনা করবেন ফেডারেশনের কার্যনির্বাহী সচিব। ৩৬ সদস্যের ভোটার তালিকা তৈরি হবে।

    আরও পড়ুন: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে উঠতে পারে ফিফার নির্বাসন! জানুন কী বলল শীর্ষ আদালত

    রবিবার কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে একটি আবেদন নিয়ে যায়। তাতে বলা ছিল, সরকার ফিফার সমস্ত দাবি মেনে নিয়েছে এবং তাদের দাবি অনুসারে প্রশাসক কমিটির (সিওএ) শেষ চাইছে। সর্বোচ্চ আদালতের কাছে কেন্দ্রের আবেদন, সরিয়ে দেওয়া হোক সিওএ-কে। এর পাশাপাশি প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার না দেওয়ার দাবিও জানায় কেন্দ্র। ক্ষমতাচ্যুত প্রফুল পটেল ও তার দলবলকে ভারতীয় ফুটবল ফেডারেশন থেকে বাদ দেওয়ার আবেদনও জানানো হয়। এদিন সরকারের সেই আবেদন মেনে নেয় শীর্ষ আদালত।

    আরও পড়ুন: আর বাড়ি ফেরা হল না! প্রয়াত কিংবদন্তি ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায়

    অন্যদিকে এদিন সকালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া। প্রশাসক কমিটির তৈরি করা খসড়া সংবিধানকেই মান্যতা দেওয়ার আবেদন জানান তিনি। কিন্তু প্রশাসক কমিটিরই অস্তিত্ব না থাকায় ভাইচুংয়ের আর্জির কোনও ভিত্তি রইল না। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভাইচুং ভারতীয় ফুটবলের আইকন। তাঁকে আরও বৃহত্তর স্বার্থে ব্যবহার করা হবে।

    গত ১৬ অগস্ট ভারতীয় ফুটবলকে নির্বাসনে পাঠায় ফিফা। এর ফলে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ভারতে না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু নির্বাসনের জেরে বিশ্বকাপ আয়োজনের অধিকার হারাতে নারাজ ক্রীড়ামন্ত্রক। তাই সক্রিয় কেন্দ্র। ফিফার সঙ্গেও আলোচনা চালাচ্ছে তারা। 

  • WhatsApp: মোবাইল ফোনের ডেটা অফ করেও ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ! জানুন এই পদ্ধতি

    WhatsApp: মোবাইল ফোনের ডেটা অফ করেও ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ! জানুন এই পদ্ধতি

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে উইন্ডোজ (Windows) ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ (WhatsApp) খুব শীঘ্রই আনতে চলেছে নেটিভ অ্যাপ। অর্থাৎ এবার থেকে আপনার ল্যাপটপ থেকে মেসেজ পাঠাতে, রিসিভ করতে ইত্যাদি প্রয়োজনীয় কাজ করতে সবসময় আর মোবাইল ফোনের দরকার পড়বে না। কম্পিউটারের সঙ্গে আর লিঙ্ক করতে হবে না মেসেজিং প্ল্যাটফর্মটি। লিঙ্ক না করেই খুব সহজে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে এই নেটিভ অ্যাপ ডাউনলোড করে অন্যান্য অ্যাপের মতোই ব্যবহার করা যাবে।

    এতদিন পর্যন্ত, হোয়াটসঅ্যাপ শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ওয়েবের সাহায্যে কম্পিউটারে ব্যবহার করা যেত। তবে এর জন্য ফোনেও ডেটা অন করে রাখতে হত। নতুন অ্যাপের সাহায্যে সেটার আর দরকার হবে না। GSM Arena অনুসারে, ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে মোবাইল ফোনকে আর পাশে রাখতে হবে না।

    আরও পড়ুন: লুকিয়ে অন্যের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখতে চান? এর পদ্ধতি জেনে নিন

    হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়েছে, ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ওয়েব-বেসড ডেস্কটপ অ্যাপ (হোয়াটসঅ্যাপ ডেস্কটপ) থেকে বা ব্রাউজার-বেসড অ্যাপ (হোয়াটসঅ্যাপ ওয়েব) থেকে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ব্যবহার করছিলেন। এবার উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেম থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য একটি স্বতন্ত্র অ্যাপ নিয়ে আসতে চলেছে।

    এই অ্যাপ থাকার সুবিধা হল যে এই ক্ষেত্রে স্পিড বেড়ে যাবে। এর পাশাপাশি উইন্ডোজ অ্যাপ থাকার আর একটি বিশেষ সুবিধা হল ফোন অফলাইন থাকলেও নোটিফিকেশন, মেসেজ ইত্যাদি পেয়ে যাবে ব্যবহারকারীরা। ম্যাকবুকের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ‘Universal App’ নামে রিলিজ করা হবে।

    আরও পড়ুন: গোপনে কেউ হোয়াটসঅ্য়াপ চ্যাটের স্ক্রিনশট নিচ্ছে? চিন্তা নেই, আসতে চলেছে নতুন ফিচার

    ডেস্কটপের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ আসার পরে আপনার ফোন বন্ধ থাকলেও আপনি হোয়াটসঅ্যাপে যাবতীয় কাজ করতে পারবেন। তবে ফোন অফলাইন থাকাকালীন আপনি চারটি ডিভাইসের সঙ্গেই লিঙ্ক করতে পারবেন। কিন্তু লিঙ্ক হওয়ার ১৪ দিনের পর একাই লিঙ্ক করা ডিভাইসগুলো থেকে লগ আউট হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই অ্যাপটি বিটা পরীক্ষকদের জন্য ইতিমধ্যেই উপলব্ধ করা হয়েছে এবং মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করা যাবে। 

    উইন্ডোজে নেটিভ হোয়াটসঅ্যাপ অ্যাপ কানেক্ট করতে হলে, প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। তারপর মেনু থেকে লিঙ্কড ডিভাইস অপশনে যেতে হবে। সেখান থেকে, কম্পিউটারে উইন্ডোজ হোয়াটসঅ্যাপ অ্যাপের কিউআর (QR) কোড ফোন দিয়ে স্ক্যান করতে হবে। একবার স্ক্যান হয়ে গেলেই হবে। এর পরে, ফোন অফলাইনে থাকলেও কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। 

  • Covid-19: “করোনা ভাইরাস ক্লান্ত নয়, আগামী মাসে ফের বাড়বে আক্রান্তের সংখ্যা”, সতর্কবার্তা ‘হু’ প্রধানের

    Covid-19: “করোনা ভাইরাস ক্লান্ত নয়, আগামী মাসে ফের বাড়বে আক্রান্তের সংখ্যা”, সতর্কবার্তা ‘হু’ প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের করোনা (Covid-19) সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। নতুন করে আতঙ্কের সৃষ্টি করতে চলেছে, এমনটাই জানানো হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation) তরফে। বৃহস্পতিবার কোভিড-১৯ নিয়ে একটি সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু (WHO)’। দেশের দৈনিক আক্রান্ত বাড়তে বাড়তে ফের পৌঁছে গিয়েছে ১৫ হাজারের উপরে। যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে। গতকালই আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজারের বেশি, আর আজ সেটি ১৫ হাজারের গন্ডি পেরিয়ে গিয়েছে। 

    হু-এর তরফ জানানো হয়েছে, শীত আসছে। আর আগামী কয়েক মাসের মধ্যেই আবহাওয়ায় বিশাল পরিবর্তন ঘটবে। আর সেই সঙ্গে ফের বাড়বে করোনা ভাইরাসের দাপট। কারণ, আবহাওয়া যত ঠান্ডা হবে, তত মানুষ বেশি করে বাড়ির ভিতরে সময় কাটাবে। আর তাতেই সংক্রমণ বেড়ে যাবে। এর ফলে হাসপাতালে ভর্তির সংখ্যাও বৃদ্ধি পাবে, এমনটাই আশঙ্কা করেছে হু।

    আরও পড়ুন: আতঙ্ক বাড়াচ্ছে মাঙ্কি পক্স, বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩৫০০০-এর বেশি, মৃত্যু ১২ জনের

    হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রোস রিসোর্সেস গেব্রেইসাস (Tedros Adhanom Ghebreyesus) জানিয়েছেন, গত সপ্তাহে বিশ্বজুড়ে ১৫,০০০ মানুষ কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন। মাত্র চার সপ্তাহের মধ্যেই কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে গিয়েছে ৩৫ শতাংশ। তিনি বলেছেন, “আমরা সপ্তাহে ১৫,০০০ মৃত্যু নিয়ে বাঁচতে পারি না। ভ্যাকসিন এবং অন্যান্য সরঞ্জামগুলির অসম বন্টন নিয়ে আমরা বেঁচে থাকতে পারব না। যখন আমাদের কাছে সংক্রমণ প্রতিরোধ এবং জীবন বাঁচানোর সমস্ত সরঞ্জাম আছে, তখন এটা একেবারেই মেনে নেওয়া যায় না।” তিনি আরও জানিয়েছেন, আজ সবাই সম্পূর্ণরূপে কোভিডের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত। ফলে কেউই অসহায় নয়। টিকা না নেওয়া থাকলে টিকা, বুস্টার ডোজ নেওয়ার কথা বলেছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে সমস্ত রকমের কোভিড বিধি মেনে চলতে বলেছেন।

    [tw]


    [/tw]

    তিনি জানিয়েছেন, বর্তমানে গোটা বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্ট (Omicron Variant)। গত মাসে সারা বিশ্ব থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তার মধ্যে ৯০ শতাংশের বেশি ক্ষেত্রে বিএ.৫ (BA.5) সাব-ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে। টেস্টিং এবং সিকোয়েন্সিং প্রক্রিয়া সারা বিশ্বেই বেশি পরিমাণে কমে যাওয়ার ফলেই ভাইরাসটি কীভাবে পরিবর্তিত হচ্ছে তা বোঝা কঠিন হয়ে পড়েছে। এই বছরের শুরুতে যে পরিমাণে সিকোয়েন্স প্রক্রিয়া করা হত, বর্তমানে তা ৯০ শতাংশ কমে গিয়েছে। তিনি বলেছেন, “আমরা সবাই এই ভাইরাস এবং মহামারি নিয়ে ক্লান্ত। তবে ভাইরাসটি আমাদের নিয়ে ক্লান্ত নয়।” তাই করোনার এই বাড়বাড়ন্ত নিয়ে ফের বিশ্ববাসীকে সতর্ক করেছে হু।

     

  • Loan Apps: ঋণের টোপ দিয়ে টাকা-তথ্য হাতিয়ে চিনে পাচার, দেশজুড়ে গ্রেফতার ২২

    Loan Apps: ঋণের টোপ দিয়ে টাকা-তথ্য হাতিয়ে চিনে পাচার, দেশজুড়ে গ্রেফতার ২২

    মাধ্যম নিউজ ডেস্ক: ঋণ (loan) দেওয়ার টোপ দিয়ে ফাঁদে ফেলা হত শিকার। এক বার ফাঁদে পড়লেই কেল্লাফতে। ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে শুরু হত ব্ল্যাকমেইলিং। ঋণ নেওয়া ব্যক্তির ছবি বিকৃত করে পর্ন সাইটে দেওয়ার ভয় দেখিয়ে হাতানো হত মোটা অঙ্কের টাকা। সেই তথ্য এবং টাকা পাচার হত ড্রাগনের দেশ চিনে। এভাবে ৫০০ কোটি টাকা তোলাবাজির অভিযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২২ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। একশোটিরও বেশি লোন অ্যাপের (Loan App) মাধ্যমে উত্তর প্রদেশের লক্ষ্ণৌ থেকে দুষ্কৃতীরা কারবার চালাচ্ছিল বলে জেনেছে পুলিশ। প্রতারণা চক্রের নেপথ্যে কয়েকজন চিনা (China) নাগরিক রয়েছে। চক্রের শেকড় কত গভীরে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    সম্প্রতি একে একে প্রতারণার শ খানেক অভিযোগ পায় দিল্লি পুলিশ। তার পরেই শুরু হয় তদন্ত। চক্রের পর্দাফাঁস করেন তদন্তকারীরা। তাঁরা জেনেছেন, মূলত লোন অ্যাপের মাধ্যমেই ফাঁসানো হত গ্রাহকদের। এই অ্যাপের মাধ্যমে চড়া সুদে ঋণ মিলত। তবে অনায়াসে প্রায় সঙ্গে সঙ্গেই ঋণ মিলত। ঋণ দেওয়ার সময় গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিত প্রতারকরা। সুদ সমেত আসল ফিরিয়ে দেওয়ার পরেই তারা ধারণ করত স্বমূর্তি। ছবি বিকৃত করে সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে হাতানো হত কাঁড়ি কাঁড়ি টাকা। এভাবেই জালিয়াতি করা হয় ৫০০ কোটি টাকা। হাওয়ালা ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সেই টাকা পাঠানো হয় চিনে।

    আরও পড়ুন : প্রতারণা রুখতে বিশেষ অ্যানালেটিক উইং রাখার পথে রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলি

    পুলিশ জানিয়েছে, দিল্লি, কর্নাটক, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ সহ নানা রাজ্যে জাল বিছিয়েছিল প্রতারকরা। প্রতারকরা মূলত যে লোন অ্যাপগুলি ব্যবহার করত সেগুলি হল ক্যাশ পোর্ট, রুপি ওয়ে, লোন কিউব, ওয়াও রুপি, স্মার্ট ওয়ালেট, জায়ান্ট ওয়ালেট, হাই রুপি, সুইফট রুপি, ওয়ালেটউইন, ফিশক্লাব, ইয়েহক্যাশ, ইম লোন, গ্রোটি, ম্যাজিক ব্যালেন্স, ইয়োক্যাশ, ফরচুন ট্রি, সুপারকয়েন এবং রেড ম্যাজিক। অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ৫১টি মোবাইল, ২৫টি হার্ড ডিস্ক, ৯টি ল্যাপটপ, ১৯টি ডেবিট কার্ড, ৩টি গাড়ি এবং নগদ ৪ লক্ষ টাকা। এদিন যে বাইশজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের জেরা করে চিনা চক্রের নাগাল পেতে চাইছেন তদন্তকারীরা।

    আরও পড়ুন : আন্তর্জাতিক জঙ্গির ঢাল চিন! আব্দুল রউফ আজহারকে নিষিদ্ধ করতে বাধ সাধল বেজিং

     

  • Dolo 650: চিকিৎসকদের হাজার কোটির উপহার ওষুধ সংস্থার ! শীর্ষ আদালতে জানাল মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সংস্থা 

    Dolo 650: চিকিৎসকদের হাজার কোটির উপহার ওষুধ সংস্থার ! শীর্ষ আদালতে জানাল মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সংস্থা 

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্বর হোক কিংবা ব্যথা আমরা সাধারণত প্যারাসিটামলেই ভরসা রাখি। তবে কোভিড মহামারীর সময়ে যে সব ওষুধগুলি সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছিল তার মধ্যে ডোলো (Dolo 650) ব্র্যান্ডের প্যারাসিটামল ছিল অন্যতম। তবে এই জনপ্রিয়তা এমনি এমনিই হয়ে যায়নি। এর পিছনে রয়েছে ওষুধ প্রস্তুতকারক সংস্থার ‘পিআর স্ট্র্যাটেজি’। ওষুধ সংস্থার তরফ থেকে চিকিৎসকদের দেওয়া হয়েছিল হাজার কোটি টাকার উপহার। সুপ্রিম কোর্টে (Supreme Court) এমনটাই জানিয়েছে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সংস্থা।       

    ডোলো ৬৫০ লেখার জন্য চিকিৎসদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ আগেই উঠেছিল। এবার তারই সমর্থনে তথ্য পেশ করল ফেডারেশন অফ মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। সংস্থার তরফে আইনজীবী সঞ্জয় পারিখ বলেছেন ডোলো কোম্পানি তাদের ৬৫০ মিলিগ্রাম ফর্মুলেশন বাজারে চালুর জন্য ১০০০ কোটি টাকারও বেশি সুবিধা চিকিৎসকদের দিয়েছে। এব্যাপারে ওই আইনজীবী সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন।

    আরও পড়ুন: অজিত ডোভালের আকস্মিক রাশিয়া সফর, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে শান্তির বার্তা?

    বৃহস্পতিবার (১৮ অগস্ট) এই মামলার শুনানি হয় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এএস বোপান্নার বেঞ্চে। বেঞ্চ এই সমস্যাকে অত্যন্ত ‘গুরুতর বিষয়’ বলে উল্লেখ করে এই বিষয়ে ১০ দিনের মধ্যে কেন্দ্রের জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। 

    ফেডারেশন অফ মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দেশে বিক্রি হওয়া ওষুধের ফর্মুলেশন এবং দাম নিয়ে জনস্বার্থ মামলা করেছে। সেখানে ছত্রে ছত্রে উঠে এসেছে উদ্বেগের কথা।

    ডাক্তারদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ওষুধ প্রস্তুতকারী সংস্থআগুলি কীভাবে প্রভাবিত করে, তার উদাহরণ দিতে গিয়ে ‘ফেডারেশন অব মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’ তাদের আবেদনপত্রে উল্লেখ করেছে ডোলো-৬৫০ (Dolo-650) নামে এক জ্বরের ট্যাবলেটের কথা। আবেদনপত্রে বলা হয়েছে, ডাক্তাররা যাতে জ্বরের জন্য এই ওষুধটিই লেখেন, তা নিশ্চিত করতে ডোলো-৬৫০’র নির্মাতারা ডাক্তারদের বিনামূল্যে বিভিন্ন উপহার দেওয়ার পিছনে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে! বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার সময় বলেন, “এটা শুনতে একেবারেই ভাল লাগছে না। এমনকি আমার যখন কোভিড হয়েছিল তখন আমাকেও একই ওষুধ খেতে বলা হয়েছিল। এটি অত্যন্ত গুরুতর একটি বিষয়।

    আরও পড়ুন: সীমান্তে অস্ত্র ফেলল পাকিস্তানের ড্রোন! কিসের ইঙ্গিত উপত্যকায়

    ফেডারেশনের পক্ষে এদিন আদালতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সঞ্জয় পারেখ। তিনি বলেন, “ডোলো সংস্থা ওষুধটির প্রচারের জন্য ডাক্তারদের বিনামূল্যের সুযোগ-সুবিধা দিতে ১০০০ কোটির বেশি বিনিয়োগ করেছে।” তিনি আরও জানান, সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি, ৯টি রাজ্য জুড়ে থাকা বেঙ্গালুরু-ভিত্তিক মাইক্রো ল্যাবস লিমিটেডের ৩৬টি প্রাঙ্গনে অভিযান চালিয়ে এই অভিযোগ করেছে। নির্মাতার বিরুদ্ধে অনৈতিক কাজকর্মের অভিযোগ করেছে সিবিডিটি। তাদের দাবি, ডোলো ৩০০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে।

    আবেদনকারী পক্ষ আরও দাবি করেছে, এই ধরনের অনৈতিক কাজের ফলে গ্রাহকরা অত্যাধিক ওষুধ ব্যবহার করার শিকার হন। শুধু তাই নয়, এর ফলে রোগীর স্বাস্থ্যও বিপন্ন হতে পারে। এ ধরনের দুর্নীতি উচ্চমূল্যের বা অযৌক্তিক ওষুধকেও বাজারে ঠেলে দেয়। আবেদনপত্রে আরও বলা হয়েছে, নিয়মের শিথিলতার কারণে, কোভিড মহামারি চলাকালীন ফার্মা সংস্থাগুলি এই ধরনের অনৈতিক কাজ করার সুযোগ পেয়েছে। শীর্ষ আদালতের কাছে ফার্মাসিউটিক্যাল মার্কেটিং অনুশীলনের বিষয়ে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপনের আবেদন করা হয়েছে। যারা পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রদান করবে এবং এর জন্য ‘ফার্মাসিউটিক্যাল মার্কেটিং ইউনিফর্ম কোড’ কার্যকর করা নিশ্চিত করার আবেদন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।  

  • Birbhum: বীরভূমে পাথরবোঝাই লরি থেকে তোলাবাজি বন্ধের নির্দেশ হাইকোর্টের

    Birbhum: বীরভূমে পাথরবোঝাই লরি থেকে তোলাবাজি বন্ধের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: বীরভূমে (Birbhum) পাথর বোঝাই লরি থেকে তোলাবাজির অভিযোগ ওঠে মাঝেমাঝেই। ভুয়ো সরকারি বিল ছাপিয়ে টাকা তোলার অভিযোগে জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। এই ইস্যুতে এবার রাজ্যকে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অবৈধ ভাবে টাকা তোলা বন্ধ করতে রাজ্যকে নির্দেশ দেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। পরবর্তী শুনানিতে ইডি সহ সবপক্ষের আইনজীবীকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১ নভেম্বর। 

    বীরভূমে পাথরবোঝাই লরি থেকে তোলাবাজির অভিযোগ উঠেছে। এনিয়ে সম্প্রতি কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বীরভূমের এক বাসিন্দা। মামলাকারীর দাবি, সরকারি নিয়ম অনুযায়ী প্রতি কিউবিক মিটারে ১৩০ টাকা করে রাজস্ব আদায় করবে সরকার। এই টাকা গ্রিপ চালানের মাধ্যমে খাদানের লিজ হোল্ডারের কাছ থেকে আদায় করার নিয়ম রয়েছে। অভিযোগ, এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নলহাটি-মুরারই-সহ বীরভূমের একাধিক খাদান এলাকায় বেআইনিভাবে সরকারি বিল ছাপিয়ে টাকা তোলা হচ্ছে।

    আরও পড়ুন: রাজীব ভট্টাচার্য কি কেষ্টর ‘বেনামি’, কার চিকিৎসার জন্য ৬৬ লাখ দিয়েছিলেন? তদন্তে ইডি-সিবিআই

    এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। মামলার শুনানিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, বেআইনিভাবে সরকারের নাম ভাঙিয়ে কোনওরকম তোলাবাজি করা চলবে না। এই প্রসঙ্গে রাজ্যের কাছে রিপোর্ট চাইল উচ্চ আদালত।

    প্রসঙ্গত, বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এই মামলা তাৎপর্যপূর্ণ। দুর্নীতির অভিযোগে এখন হাজতে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। দাপুটে তৃণমূল নেতা গ্রেফতারের পর থেকেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। কখনও অবৈধ বালি খাদান বন্ধ হচ্ছে, আবার কখনও পাথরের ক্র্যাশার, খাদান বন্ধ করার নিদান আসছে। এ সময়ই সামনে এল ভুয়ো বিল ছাপিয়ে পাথরবোঝাই লরি থেকে তোলা তোলার অভিযোগ।

     

  • Ajit Doval: অজিত ডোভালের আকস্মিক রাশিয়া সফর, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে শান্তির বার্তা?

    Ajit Doval: অজিত ডোভালের আকস্মিক রাশিয়া সফর, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে শান্তির বার্তা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor) অজিত ডোভাল (Ajit Doval) বর্তমানে রাশিয়ায় (Russia) আছেন। বুধবার তিনি রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের নিরাপত্তা উপদেষ্টা।

    আরও পড়ুন: মিত্র দেশগুলিকে অত্যাধুনিক অস্ত্র দিতে প্রস্তুত রাশিয়া, জানালেন পুতিন

    আলোচনায় কী উঠে আসবে রাশিয়া-ইউক্রেন (Ukraine) প্রসঙ্গ? দুই দেশের মধ্যে ভারতই কী হয়ে উঠবে শান্তির দূত? গোটা বিশ্বের এখন একটাই প্রশ্ন।    

    ফেব্রুয়ারিতে ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর ডোভাল এবং পাত্রুশেভের (Patrushev) মধ্যে এটাই প্রথম ব্যক্তিগত বৈঠক। আফগানিস্তানসহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আলোচনায় উঠে এসেছে বলে জানা গিয়েছে। ডোভালের সফর বা বৈঠকের বিষয়ে ভারতীয় পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রাশিয়ার পক্ষ থেকে একটি রিডআউটে বলা হয়েছে যে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি পাত্রুশেভ এবং ডোভালের বৈঠক হয়েছে। বৈঠকে ‘নিরাপত্তার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে প্রাসঙ্গিক সমস্যাগুলি নিয়ে আলোচনা হয়েছে।’

     

    আরও পড়ুন: ভারত নিজের অধিকারেই বিশ্বে সম্মানিত, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় পুতিন

    রাশিয়ার তরফে বলা হয়, ‘উভয় পক্ষই নিরাপত্তা বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। রাশিয়া এবং ভারত বিশেষ কৌশলগত অংশীদারিত্বের প্রগতিশীল উন্নয়নের উপরও জোর দিয়েছে।’ প্রসঙ্গত, একই সময়ে ভারত রাশিয়া থেকে বিশেষ ছাড়ে জ্বালানি তেল কেনার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। উজবেকিস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর নিরাপত্তা কর্মকর্তাদের দুই দিনের বৈঠকের একদিন আগে এই বৈঠক করলেন অজিত ডোভাল।

    এখন অবধি শুধু পাত্রুশেভের সঙ্গেই কথা হয়েছে ডোভালের। আগামীতে পুতিন বা অন্য কোনও নেতার সঙ্গে বৈঠকের কোনও সম্ভবনা রয়েছে কী না, সে বিষয়ে কিছু জানা যায়নি। জার্মানি, ফ্রান্স, ইউরোপ, ইউএসের মতো দেশগুলি রাশিয়াকে যুদ্ধ বিরতির জন্যে রাজী করানোর বিষয়ে নয়া দিল্লির মুখের দিকে তাকিয়ে রয়েছে। পাশাপাশি পশ্চিমি দেশগুলি ইউক্রেনকে যুদ্ধ বিরতির জন্যে চাপ দিচ্ছে। অনেকেই মনে করছেন ডোভালের এই আকস্মিক সফর শান্তির বার্তা বয়ে আনবে। কিন্তু আদতে কী হবে তা সময়ই বলবে। 

    কিছুদিন আগেই জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের সময় নরেন্দ্র মোদি বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কারও কিছু জেতার নেই। সবটাই হারাবে। একমাত্র উপায় শান্তি প্রতিষ্ঠা।” মোদির এই বক্তব্যের পরেই  ডোভালের এই সফরে আশার আলো দেখছেন অনেকেই। 
     

  • Anupam Kher: ‘লজ্জাজনক ঘটনা’, কাশ্মীরি পণ্ডিত হত্যার নিন্দায় সরব অনুপম খের

    Anupam Kher: ‘লজ্জাজনক ঘটনা’, কাশ্মীরি পণ্ডিত হত্যার নিন্দায় সরব অনুপম খের

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরি পণ্ডিত হত্যার (Kashmiri Pandit Killing) তীব্র নিন্দা করলেন বর্ষীয়ান বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। মঙ্গলবার ফের উপত্যকা ভিজেছে কাশ্মীরি পণ্ডিতের রক্তে। দুই কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে জঙ্গিরা। সেই গুলিতে মৃত্যু হয় এক কাশ্মীরি পণ্ডিতের। একই পরিবারের সদস্য আর এক পণ্ডিত আহত হয়ে হাসপাতালে ভর্তি।

    আরও পড়ুন: ফের রক্তাক্ত ভূস্বর্গ! সেনার উপর গ্রেনেড হামলা

    অনুপম খের এ বিষয়ে বলেন, “ভারতের পক্ষে যারাই সওয়াল করছে তাদেরই খুন করছে জঙ্গিরা। এটা লজ্জাজনক যে কাশ্মীরে পণ্ডিতদের ওপর নৃশংসতার ঘটনা এখনও অব্যহত। নিজেদের লোকেদেরও খুন করছে ওরা। ৩০ বছর ধরে চলে আসছে এই ঘটনা। এই ঘটনার যত নিন্দা করা হবে সেটাই কম। আমাদের মানসিকতা বদলাতে হবে।”

     

    মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে জঙ্গি হামলায় মৃত্যু হয় এক কাশ্মীরি পণ্ডিতের। ওই হামলাতেই জখম তাঁর ভাই। এই নিয়ে কম সময়ের বিরতিতে পর পর দুবার হামলা চালানো হল কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের ওপর। কিছুদিন আগেই ওই একই সম্প্রদায়ের ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে হত্যা করে জঙ্গিরা।  

    মঙ্গলবার সকালেই ঘটনাটি ঘটে সোপিয়ানের চিতপোরা এলাকায়। একটি আপেল বাগানে জঙ্গিরা ওই দুই পণ্ডিতের ওপর গুলি চালায়। জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান তাঁদের মধ্যে এক জন। গুরুতরভাবে আহত অন্যজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

    আরও পড়ুন: ফের রক্তাক্ত উপত্যকা, দুই কাশ্মীরি পণ্ডিত ভাইকে গুলি করল জঙ্গিরা, মৃত এক

    জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, নিহতের নাম সুনীল কুমার। কাছের ছোটিগাম গ্রামের বাসিন্দা সুনীল এবং তাঁর ভাই পিন্টু। সুনীল কুমারের শরীরের দুটি গুলি লাগে। জঙ্গি হামলায় আহত হন তাঁর ভাই পিন্টুও। হামলার পরেই গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি।

    কাশ্মীরি পণ্ডিতদের ওপর হামলার দায় শিকার করেছে জঙ্গি সংগঠন কাশ্মীর ফ্রিডম ফাইটারস (KFF)। মূলত এটি লস্কর-ই-তৈবার শাখা সংগঠন। এদের ঘনিষ্ঠ যোগ রয়েছে লস্কর জঙ্গিদের সঙ্গে। 

    কিছুদিন আগেই মুক্তি পায় অনুপম খের অভিনীত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। সিনেমাটিতে ১৯৯০ সালে কীভাবে কাশ্মীরি পণ্ডিতদের ভিটে-মাটি ছাড়তে হয় তার ছবি তুলে ধরা হয়েছে। মুক্তি পাওয়ার পর যথেচ্ছ বিতর্কের মুখে পড়তে হয় সিনেমাটিকে। 

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Anupam Kher (@anupampkher)

  • 30 years of Roja: ৩০ বছরে পা ‘রোজা’-র, এখনও ভাটা পড়েনি জনপ্রিয়তায়

    30 years of Roja: ৩০ বছরে পা ‘রোজা’-র, এখনও ভাটা পড়েনি জনপ্রিয়তায়

    মাধ্যম নিউজ ডেস্ক: তামিলের সেরা দেশাত্মবোধক সিনেমাগুলোর মধ্যে একটি ছিল ‘রোজা’ (Roja)। চলতি বছরেই এই ছবি ৩০ বছর পূর্ণ করল। ১৯৯২ সালের ১৫ অগাস্ট ছবিটি বড়পর্দায় মুক্তি পেয়েছিল। ছবিটি একটি রোমান্টিক থ্রিলার এবং এতে অরবিন্দ স্বামী এবং মধু প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। সে বছর স্বাধীনতা দিবসে এটি মুক্তি পেয়েছিল। মণি রত্নম পরিচালিত ‘রোজা’ ছবিটি দর্শকদের মনে এক অন্য জায়গা করে নিয়েছিল।

    আরও পড়ুন: ৭৫ তম স্বাধীনতা দিবসে দেখে নিন বলিউডের ৫টি দেশাত্মবোধক ছবি

    এই সিনেমায় দেখানো প্রতিটি গল্প এখনও প্রাসঙ্গিক। তাই তো সিনেমা মুক্তির এত বছর কেটে গেলেও এর রেশ এখনও বর্তমান। ছবির গল্প, সিনেমাটোগ্রাফি, অরবিন্দ স্বামী ও মধুর অভিনয়ের পাশাপাশি কাশ্মীরের প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করেছে। পরিচালক খুব সুন্দরভাবে কাশ্মীরের রূপকে তাঁর ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। শুধু তাই নয়, এই ছবির গানগুলোও সুপারহিট। সঙ্গীত রচয়িতা এ আর রহমান এই ছবির জন্য গানগুলোতে সুর দিয়েছিলেন। এইসব ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে মণি রত্নম যেভাবে কাশ্মীরের পরিস্থিতি সাধারণ গল্পের মাধ্যমে তুলে ধরেছেন তা অসাধারণ। আর এই সিনেমা বিশেষ করে দেশপ্রেমকে ফোকাস করেই তৈরি করা হয়েছিল, তাই আজও দর্শকের কাছে এই সিনেমা অতুলনীয়।

    ‘রোজা’ ছিল প্রথম তামিল সিনেমা, যার মধ্যে দেশের রাজনীতি সম্পর্কে দেখানো হয়েছিল। আর এই ছবি থেকে অনুপ্রানিত হয়েই ‘বোম্বে’ এবং ‘দিল সে’ -এর মত  রাজনৈতিক সিনেমা তৈরি করা হয়। ছবিটি সমগ্র ভারতে ব্যাপক সাফল্য লাভ করেছিল। ছবিটি শুধুমাত্র তামিলনাড়ুতে নয়, উত্তর ভারতেও ব্যাপকভাবে হিট হয়েছিল।

    আরও পড়ুন: স্বাধীনতা দিবসের দিন অবশ্যই দেখুন এই সিনেমাগুলি

    সিনেমাটি একাধিক আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার পেয়েছে। সেরা পরিচালক হিসেবে মণি রত্নম পাঁচটি রাজ্য থেকে পুরস্কার পেয়েছেন।  সঙ্গীত রচয়িতা এ আর রহমানও পুরস্কার পেয়েছেন। ‘চিন্না চিন্না আসাই’- গানের জন্য শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবে মিনমিনি ও অভিনেত্রী মধু এই ছবির জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন। সেই বছর এই সিনেমাকে সেরা সিনেমা হিসেবেও পুরস্কৃত করা হয়।  

     

LinkedIn
Share