Blog

  • JEE Main Result: আজই প্রকাশিত হতে পারে জেইই মেইন পরীক্ষার ফল, জানুন বিস্তারিত

    JEE Main Result: আজই প্রকাশিত হতে পারে জেইই মেইন পরীক্ষার ফল, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: শীঘ্রই জয়েন্ট এন্ট্রান্স মেইন প্রথম সেশনের ফল প্রকাশ করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এবছর জয়েন্ট এন্ট্রান্স মেইনের (JEE Main 2022) প্রথম দফার পরীক্ষা জুনের ২০-২৯ তারিখ পর্যন্ত হয়েছে। এনটিএ দেশের ৫০১ টি শহরে এবং দেশের বাইরের ২২টি কেন্দ্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়েছে। আজই যেকোনও মুহূর্তে ফল প্রকাশ করতে পারে এনটিএ। jeemain.nta.nic.in – এই লিঙ্কে পরীক্ষার ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।    

    আরও পড়ুন: আজই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স মেনের অ্যাডিমিট, কখন জানাল এনটিএ

    শুক্রবার এনটিএ জানিয়েছে, “জেইই মেইন ২০২২ -এর ফল প্রকাশের সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। ৯ তারিখেই সম্ভবত দেখা যাবে ফল।” ৬জুলাই পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করেছে এনটিএ। যেহেতু জেইই মেইন পরীক্ষাটি একাধিক শিফটে নেওয়া হয় তাই প্রতিটি শিফটের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের কথা বিবেচনা করে, পার্সেন্টাইল স্কোরকেই বিবেচনা করবে এনটিএ। প্রথম পত্র (বিএ এবং বিটেক) এবং দ্বিতীয় পত্র (বি আর্কিটেকচর এবং বি প্ল্যানিং) -এর ফল প্রকাশ করবে এনটিএ।  

    আরও পড়ুন: অপেক্ষার অবসান, জুলাইয়ের শেষেই দশম ও দ্বাদশের ফল ঘোষণা করতে পারে সিবিএসই 

    প্রতিটি ভুল উত্তরের জন্যে এক নম্বর করে কাটা হবে। একাধিক পরীক্ষার্থী একই নম্বর পেলে টাই ব্রেকিং পদ্ধতি অনুসরণ করা হবে। 

    জেইই মেইন সেশন ২ -এর রেজিস্ট্রেশন এখনও চলছে। jeemain.nta.nic.in ওয়েবসাইটে আজ অবধি আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। ২১-৩০ জুলাই অবধি নেওয়া হবে সেশন ২- এর পরীক্ষা। 

    আইআইটি (IIT), এনআইটি (NIT) এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য প্রতি বছর জেইই-মেইন (JEE Main) পরীক্ষা নেয় এনটিএ। গত বছর কোভিড (Covid-19) পরিস্থিতিতে চারবার নেওয়া হয় এই পরীক্ষা। এবছরের পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। কিন্তু অন্য পরীক্ষার সময়সূচীতে সংঘাত ঘটায় পিছিয়ে দেওয়া হয় সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।  

    এবছরের জয়েন্ট এন্ট্রান্স মেইন-এর ফলাফল এবং র‍্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে ৬ অগাস্ট। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া  শুরু হবে ৭ অগাস্ট থেকে। আইআইটি প্রবেশিকা পরীক্ষার দিন ২৮ অগাস্ট থেকে ওয়েবসাইটেই জানা যাবে। জুন এবং জুলাই দুটি সেশনে এবার পরীক্ষা নিচ্ছে এনটিএ।  

     

  • Madhya Pradesh: ১১টির মধ্যে সাতটি পুরনিগম বিজেপির! মধ্যপ্রদেশে প্রথম জয় আপের

    Madhya Pradesh: ১১টির মধ্যে সাতটি পুরনিগম বিজেপির! মধ্যপ্রদেশে প্রথম জয় আপের

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশে (Madhya Pradesh) পুর নির্বাচনে (mayoral seats) সাড়া ফেলল রাজ্যের শাসক দল বিজেপি (BJP)। ১১টির মধ্যে সাতটি পুরনিগম দখল করেছে তারা। কংগ্রেস (Congress) জিতেছে তিনটিতে। চমকে দিয়েছে আম আদমি পার্টি (AAP)। প্রথমবার মধ্যপ্রদেশের পুর নির্বাচনে অংশ নিয়ে সিংগ্রাউলির (sungrauli) মেয়র পদে জয়ী হয়েছেন আপ নেত্রী  রানি আগরওয়াল। বিজেপি জিতেছে উজ্জ্বয়িনী, বুরহানপুর, সাতনা, খাণ্ডওয়া, সাগর, ইন্দোর এবং ভোপালে। ফলপ্রকাশের পরে ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

    আরও পড়ুন: শুরু সংসদের বাদল অধিবেশন, শান্তিপূর্ণ আলোচনার আহ্বান প্রধানমন্ত্রীর

    উল্লেখ্য, ৬ জুলাই মধ্যপ্রদেশের ১১ টি পুরনিগমে নির্বাচন হয়। রবিবার ভোটগণনা হয়। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার গড় হিসেবে পরিচিত গোয়ালিয়রে অবশ্য মেয়র নির্বাচিত হয়েছেন কংগ্রেসের শোভা শিকারওয়ার। জবলপুর এবং ছিন্দওয়াড়াতেও মেয়র পদ দখল করেছে কংগ্রেস। এই তিন পুরনিগমে জয়ের পরে প্রিয়ঙ্কা গান্ধী বঢরা বলেন, ‘‘মধ্যপ্রদেশ কংগ্রেসের সব নেতা-কর্মীকে অভিনন্দন। নানা দিক থেকে আক্রমণ উপেক্ষা করে ৫৭ বছর পরে গোয়ালিয়র পুরসভা এবং ২৩ বছর পরে জবলপুর পুরসভায় কংগ্রেসকে জয় এনে দিয়েছেন তাঁরা।’’ এই প্রথম মধ্যপ্রদেশের কোনও পুরনিগমের ক্ষমতা দখল করল অরবিন্দ কেজরীওয়ালের দল। মধ্যপ্রদেশে দলের সাফল্যে দিল্লিতে উৎসবে মাতেন আপ সমর্থকেরা।

    আরও পড়ুন: উৎসবের মেজাজে চলছে রাষ্ট্রপতি নির্বাচন, দেখুন ভোট দিলেন কারা

    মধ্যপ্রদেশে পুরনির্বাচনে এই জয়কে জনগনের জয় বলে উল্লেখ করেছে বিজেপি। দলের প্রতি ভরসা রাখার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটবার্তায় মোদি জানান, “মানুষ রাজ্যে শিবরাজ সিং চৌহানের সরকারের প্রতি যে ভরসা রাখে এই জয় তার প্রমাণ।” বিজয়ী প্রার্থী ও দলের কর্মীদের অভিনন্দন জানান তিনি। আগামী বছর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। গত পুর নির্বাচনে রাজ্যের সবকটি পুরনিগমই বিজেপির দখলে ছিল। এবার চারটি হাতছাড়া হওয়াতে একটু চিন্তায় পদ্ম শিবির। তাই আরও সচেতন হয়ে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন কাজ করতে চায় রাজ্য বিজেপি।

  • Karnataka Hijab Row: হিজাব পরে ক্লাসে! কর্নাটকে সাসপেন্ড ছয় ছাত্রী

    Karnataka Hijab Row: হিজাব পরে ক্লাসে! কর্নাটকে সাসপেন্ড ছয় ছাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্নাটকে (Karnataka) ফের মাথাচাড়া দিয়ে উঠছে হিজাব-বিতর্ক (Hijab Row)। একাধিকবার হুঁশিয়ারি সত্ত্বেও নিয়ম লঙ্ঘন করায় ৬ ছাত্রীকে দু’দিনের জন্যে সাসপেন্ড করল কর্নাটকের প্রথম সারির একটি সরকারি কলেজ। উপ্পিনাংগাদির এক কলেজে নিয়ম ভেঙে ‘কলেজ ইউনিফর্ম’-এর বদলে হিজাব (Hijab) পরে আসায় সাসপেন্ড করা হল ওই ছাত্রীদের। এর আগে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছিল তাঁদের বলে দাবি কলেজ কর্তৃপক্ষের। 

    মাঙ্গালুরু বিশ্ব বিদ্যালয়ের অধীনস্থ ওই কলেজের অধ্যক্ষ, শিক্ষকদের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেন। এর আগেই কলেজ চত্বরে ‘ইউনিফর্ম’ পরাকে আবশ্যিক বলে নির্দেশিকা জারি করে মাঙ্গালুরু বিশ্ববিদ্যালয়। নির্দেশিকায় বলা হয়, হিজাব খুলে ক্লাসে প্রবেশ করতে হবে। 

    আরও পড়ুন: হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা, মুখ্যমন্ত্রী বললেন, পড়াশোনায় মন দাও

    ছাত্রীরা হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানালেও কলেজ কর্তৃপক্ষ নিজের সিদ্ধান্তে অবিচল থাকে। তারা জানায়, বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা মেনেই ক্লাস করতে হবে। কিন্তু এরপরেও হিজাব পরেই ক্লাস করতে থাকেন ওই ছয় ছাত্রী। 

    আরও পড়ুন: গাজিয়াবাদের কলেজে হিজাব-বিতর্ক, নির্দিষ্ট পোশাক পরতে বলায় প্রতিবাদ ছাত্রীদের

    ওই কলেজেরই এক শিক্ষকের বক্তব্য, “হিজাব পরে ওই ছাত্রীরা ক্লাস করছিল। কিছু ছেলে এবিষয়ে অভিযোগ জানায়। অধ্যক্ষ, শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে ওই ছাত্রীদের ২ দিনের জন্যে সাসপেন্ড করেন, যাতে সমস্যা আরও বেড়ে না যায়। সোমবার থেকে ক্লাস করতে পারবে ওই ছাত্রীরা। আমরা ওই ছাত্রীদের জন্যে পুনর্পঠনের এর ব্যবস্থা করব।”

    কিছুদিন আগেই হিজাব বিতর্কে (Hijab row) কেঁপে উঠেছিল কর্নাটক। হিজাব পরে স্কুল-কলেজে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন শুরু করে মুসলিম শিক্ষার্থীরা। এই আন্দোলনের পাল্টা ব্যবস্থা হিসেবে আন্দোলন শুরু করে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। এভাবে হিজাবের পক্ষে-বিপক্ষে আন্দোলনে বেশ কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। জারি করা হয় ১৪৪ ধারা। এমন পরিস্থিতিতে রাজ্যের সব স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে হিজাব পরা অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয় বলে আদেশ দেয় কর্নাটক হাইকোর্ট (Karnataka HC)। যেকোনও রকম অশান্তিকে এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

     

  • PM Shri School: বদলে যাচ্ছে পঠন-পাঠনের ধারণা? মডেল স্কুল তৈরির ভাবনা কেন্দ্রের

    PM Shri School: বদলে যাচ্ছে পঠন-পাঠনের ধারণা? মডেল স্কুল তৈরির ভাবনা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: বদলে যাচ্ছে পঠন-পাঠনের হাল হকিকত। ভবিষ্যতের পড়ুয়াদের জন্যে মডেল স্কুল তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। নাম ‘পিএম শ্রী স্কুল’ (PM Shri School)।

    গুজরাতে আয়োজিত দুদিন ব্যাপী জাতীয়স্তরের শিক্ষামন্ত্রী সম্মেলনে (National School Education Ministers’ Conference) বৃহস্পতিবার এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Union Education Minister) ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তিনি বলেন, “নতুন জাতীয় শিক্ষানীতিতে (National Education Policy) পরীক্ষাগার হিসেবে দেখা হচ্ছে এধরনের স্কুলগুলিকে।” তিনি আরও বলেন, “স্কুল শিক্ষা হল শিশুদের ভিত্তি। যার উপর ভিত্তি করে ভারত আগামীতে জ্ঞান-ভিত্তিক অর্থনীতিতে পরিণত হবে। আমরা ‘প্রধানমন্ত্রী শ্রী স্কুল’ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছি। যা ভবিষ্যতের পড়ুয়াদের সব রকমের সুযোগ-সুবিধা প্রদান করবে।”

    আরও পড়ুন: কেন্দ্রের সঙ্গে ফের ‘সংঘাতে’ রাজ্য, জাতীয় শিক্ষানীতি পর্যালোচনায় গঠিত ১০ সদস্যের কমিটি 

    এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীরা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী জানান, “এই স্কুলগুলি জাতীয় শিক্ষা নীতি ২০২০-র ল্যাবরেটরি হিসেবেও ব্যবহার করা হবে। একবিংশ শতকে দাঁড়িয়ে, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে সকলের যে দক্ষতা ও জ্ঞানের প্রয়োজন রয়েছে, তা প্রদান করবে স্কুলগুলি।”   

    তাই শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে এবং পিএম শ্রী স্কুলগুলিকে মডেল হিসেবে তুলে  ধরতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাছ থেকে পরামর্শও চান কেন্দ্রীয় মন্ত্রী। নয়া জাতীয় শিক্ষা নীতির গুরুত্ব বর্ণনা করতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “প্রি-স্কুল থেকে মাধ্যমিক স্তরের ক্ষেত্রে ৫+৩+৩+৪ নীতি অনুসরণ করে চলা হচ্ছে। যেখানে কম বয়স্কদের শিক্ষা, শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রাপ্তবয়স্কদের শিক্ষা, এই তিন দিকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। একইসঙ্গে মাতৃভাষায় শিক্ষা অর্জনের ওপরেও জোর দেওয়া হচ্ছে।”

    আরও পড়ুন: প্রকাশিত ‘নীট-পিজি ২০২২’-এর ফল, জেনে নিন কীভাবে দেখবেন

    ধর্মেন্দ্র প্রধান বলেন, “আগামী ২৫ বছর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই ভারতকে জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে পরিণত করতে হবে। এই লক্ষ্যে আমাদের মিলিতভাবে কাজ করতে হবে। একে অপরের অভিজ্ঞতা ও সাফল্য থেকে শিক্ষা নিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে হবে।”  

    বুধবার গুজরাতের গান্ধীনগরে জাতীয় শিক্ষামন্ত্রীদের সম্মেলন শুরু হয়েছে। সেখানে নতুন শিক্ষানীতি বাস্তবায়নের উপরই বেশি করে জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এদিন বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) প্রয়োজন অনুভব করে ৩৪ বছরের পুরোনো শিক্ষানীতিতে বদল এনেছেন। শিক্ষাই দেশের সব থেকে বড় সম্পদ। জাতীয় শিক্ষা নীতির (NEP 2020) প্রয়োজন উপলব্ধি করে বিভিন্ন রাজ্য নরেন্দ্র মোদির ভাবনার সাথে এক মত হয়েছে।”

     

  • Ben Affleck-JLo Marriage: দীর্ঘ ২০ বছর সম্পর্কের পরিণতি! বিয়ে করলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক

    Ben Affleck-JLo Marriage: দীর্ঘ ২০ বছর সম্পর্কের পরিণতি! বিয়ে করলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘপ্রেমের পর এবারে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন হলিউড গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ (Jennifer Lopez) ও অভিনেতা বেন অ্যাফ্লেক (Ben Affleck)। বিগত ২০ বছরের ভালোবাসার সম্পর্কের কিছুটা ছিল মধুর ও কিছুটা তিক্ত। ২০০২ সালে ‘গিগলি’ সিনেমায় তাঁদের দেখা হয়েছিল এবং তারপর থেকেই তাঁদের সম্পর্ক শুরু হয়। তবেও তাতেও ছিল অনেক মান-অভিমান। পরে ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু আবারও জেনিফার-বেন তাঁদের পুরনো ভালোবাসার কাছেই ফিরে আসেন।

    সূত্রের খবর, লাস ভেগাসে শনিবার গভীর রাতে তাঁরা দুজন আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁরা যখন সম্পর্কে ছিলেন অনুরাগীরা তাঁদের একসঙ্গে ভালোবেসে ‘বেনিফার’ বলতেন। তাঁরা একসময় মিডিয়া সেনসেশন হয়ে উঠেছিলেন। কিন্তু তাঁদের বিচ্ছেদের পর ভক্তদেরও মন ভেঙে গিয়েছিল কিন্তু তঁদের আবার একসঙ্গে দেখে ও তাঁদের বিয়ে ঘিরে অনুরাগীদের মনে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    আরও পড়ুন: মারভেল সিরিজে দেখা যাবে বলিউড অভিনেতা ফারহান আখতারকে, উচ্ছ্বসিত ভক্তকুল

    জেনিফারের এটি চতুর্থ বিয়ে ও বেনের দ্বিতীয়। জেনিফারের প্রাক্তন বরের নামগুলো হল- ওজানি নোয়া (Ojani Noa), ক্রিস জুড (Cris Judd), মার্ক অ্যান্থনি (Mark Anthony)। মার্ক অ্যান্থনির সঙ্গে তাঁর দুটো যমজ সন্তানও রয়েছে। অন্যদিকে বেন জেনিফার গার্নারকে (Jeniffer Garner) বিয়ে করেছিলেন এবং তাঁদের তিনটি সন্তান রয়েছে। কিন্তু তাঁরা দুজনেই আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসে ২০১৯ সালে আবারও সম্পর্কে আসেন।

    বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার পক্ষ থেকে বেন ও জেনিফারের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। জেনিফারের হেয়ার স্টাইলিস্ট ক্রিস অ্যাপেলটাউন(Chris Appletown) তাঁর বিয়ের আগের একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে সাদা গাউন পরেছিলেন জনপ্রিয় পপ তারকা জেনি।

    [insta]https://www.instagram.com/reel/CgIaA1kAMlz/?utm_source=ig_web_copy_link[/insta]

    আরও পড়ুন: চড়ের শাস্তি, ১০ বছরের জন্য অস্কার মঞ্চে নিষিদ্ধ উইল স্মিথ

    এর মধ্যেই বিয়ের পর জেনিফার তার পদবি পরিবর্তন করে ফেলেছেন। তিনি হয়েছেন জেনিফার অ্যাফ্লেক। তাঁদের এত বছরের সম্পর্কে বিচ্ছেদ আসলেও তাঁরা একে অপরের কাছে পুনরায় ফিরে এসেছে এবং শেষপর্যন্ত তাঁদের ভালোবাসার সম্পর্ককে এক পরিণতি দিয়েছে। তাই স্বাভাবিকভাবেই হলিউডের দুই বিখ্যাত তারকা যুগলের এই বিয়ে নিয়ে বিশ্বজুড়ে এক উন্মাদনার সৃষ্টি হয়েছে। 

     

  • Satyendar Jain: আইনের ফাঁসে আরেক আপ নেতা! হাওয়ালাকাণ্ডে গ্রেফতার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

    Satyendar Jain: আইনের ফাঁসে আরেক আপ নেতা! হাওয়ালাকাণ্ডে গ্রেফতার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতার এক কোম্পানির সঙ্গে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে দিল্লির (Delhi) স্বাস্থ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (Aam Aadmi Party) নেতা সত্যেন্দ্র জৈনকে (Satyendar Jain) গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) বা ইডি।

    সোমবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়। চলতি বছরের জানুয়ারিতে হাওয়ালা চক্রের মাধ্যমে আর্থিক তছরুপের (Money laundering) অভিযোগে সত্যেন্দ্রর বাড়ি এবং দফতরে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি (ED)। তাঁর স্ত্রী ইন্দু এবং কয়েক জন আত্মীয়ের নামে থাকা ৪ কোটি ৮১ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।

    দিল্লিতে আম আদামি পার্টির (AAP) সরকারের ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পোর্টফোলিও রয়েছে সত্যেন্দ্র জৈনের নামে। একাধারে স্বাস্থ্য ছাড়াও বিদ্যুৎ, গৃহ, পিডব্লিউডি, শিল্প, নগরোন্নয়ন, বন্যা, সেচ ও জল মন্ত্রীর দায়িত্বে রয়েছেন জৈন। ইডি সূত্রের খবর, ৫৭ বছর বয়সী জৈন সোমবার ইডির জিজ্ঞাসাবাদের সময় প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাঁকে আদালতে হাজির করা হয়েছে। সত্যেন্দ্রর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা নিতে কেন্দ্রের বিজেপি সরকার তাঁকে মিথ্যা মামলায় জড়িয়েছে।

    ১৪ দিনের জেল হেফাজতে ঘুষকাণ্ডে ধৃত পাঞ্জাবের বরখাস্ত হওয়া স্বাস্থ্যমন্ত্রী

    ইতিমধ্যেই জৈনের গ্রেফতারে প্রতিক্রিয়া জানিয়েছেন আপ বিধায়ক সোমনাথ ভারতী। তাঁর অভিযোগ, এজেন্সির “অপব্যবহার” করছে বিজেপি (BJP)। ভারতী বলেন, “ইডি কোনও দেবতা নয়। আমাদের জনপ্রিয়তা দিন দিন বাড়ার ফলেই এই কাজ করানো হচ্ছে। আমি নিশ্চিত যে উনি এর থেকে বেরিয়ে আসবেন।” এই নিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sidodia)। ট্যুইটারে তিনি বলেন, ”হিমাচল প্রদেশে দলের নির্বাচনের দায়িত্ব রয়েছে জৈনের হাতে। এখনও নির্বাচন বাকি। তাই এই ধরনের কাজ করানো হচ্ছে।”

    দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সাফ জানিয়ে দেন, তিনি সতৈন্দ্র জৈনের বিরুদ্ধে আনা মামলা ভাল করে খতিয়ে দেখেছেন। পুরো মামলাটই ভুয়ো বলে অভিযোগ কেজরির। এরপর কেজরি বলেন, “আমরা দুর্নীতি সহ্য করব না, দুর্নীতি করবও না। আমাদের সরকার সততার ওপর দাঁড়িয়ে। শুধুমাত্র রাজনৈতিক কারণে আমাদের টার্গেট করা হচ্ছে। বিচারব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা আছে।”

    অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরে বদ্ধপরিকর ধামি! রূপরেখা তৈরিতে গঠিত বিশেষ কমিটি

    দিল্লি বিজেপি’র প্রধান আদেশ গুপ্তা (Adesh Gupta) ইডির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “কেজরিওয়াল সরকার মুখে দুর্নীতি দূর করার কথা বললেও আদতে চুপ থাকে। নিজেদের দলের নেতা-মন্ত্রীদের দোষ চাপা দেওয়ার চেষ্টা করে আম আদমি পার্টি।” সত্যেন্দ্র জৈনকে আরও আগেই গ্রেফতার করা উচিত ছিল বলে দাবি করেন আদেশ।

  • Assam-Meghalaya Rainfall: ১২১ বছর পর রেকর্ড বৃষ্টি অসম-মেঘালয়ে! আবহাওয়াবিদরা কী বলছেন, জানুন…

    Assam-Meghalaya Rainfall: ১২১ বছর পর রেকর্ড বৃষ্টি অসম-মেঘালয়ে! আবহাওয়াবিদরা কী বলছেন, জানুন…

    মাধ্যম নিউজ ডেস্ক: এবছর প্রবল বৃষ্টি হয়েছে অসম, মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। কিন্তু এই বছর সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দফতর এবং মেঘালয় প্রশাসন জানিয়েছে, দীর্ঘ ১২১ বছর পর রেকর্ড বৃষ্টি হয়েছে। ১৯৬৬ সালে ৭৮৯.৫ মিমি বৃষ্টি হয়েছিল এরপরেই ২০২২-এ ৮৫৮.১ মিমি বৃষ্টি হয়ে এক রেকর্ড গড়ে তুলেছে। এই বছরেই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে আসাম ও মেঘালয়ে, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

    আরও পড়ুন: বন্যায় বিধ্বস্ত গুজরাট – মহারাষ্ট্র, মৃতের সংখ্যা ১০০-এর বেশি

    রিপোর্ট সূত্রে জানা যায়, বর্ষাকালের প্রথম মাসে ভারী বৃষ্টিপাতের ফলে মোট ৩১৩ জন প্রাণ হারিয়েছেন, ৭২ জন আহত হয়েছেন ও ৫০ জন নিখোঁজ। এছাড়াও অনেকই বাড়ি ছাড়া হয়েছেন। ভারী বৃষ্টিপাতের ফলে উত্তর-পূর্বের রাজ্যগুলি যেমন- অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুরে বন্যার সৃষ্টি হয়েছে ও এই রাজ্যেই হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়াও বিহার, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে বজ্রপাতের ফলে অনেকেই প্রাণ হারিয়েছেন। প্রবল বর্ষণের ফলে অসম ও মেঘালয়ার বিভিন্ন জায়গায় ভূমিধসও হয়েছে, এর ফলে জুন মাসে ১৫০ জন মানুষ প্রাণ হারিয়েছেন।

    আবহওয়াবিদ রক্সি ম্যাথিউ কোল (Roxy Mathew Koll) জানিয়েছেন, অসম, মেঘালয়, গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক, ওড়িশা, ঝাড়খণ্ড ইত্যাদি জায়গায় ১৯৫০ সাল থেকেই বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গিয়েছে। এর পেছনে প্রধান কারণ হিসেবে বলেছন গ্লোবাল ওয়ার্মিং (Global Warming)। অর্থাৎ আবহাওয়ায় বর্তমানে অনেক পরিবর্তন আসতে দেখা গিয়েছে। ফলে ভারত মহাসাগর  বিশেষ করে আরব সাগরের জল বেশি গরম হতে শুরু করেছে। ও বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গিয়েছে।

    এছাড়াও আধুনিকীকরণ (Modernization), মাটির ব্যবহারে পরিবর্তন এসবও বন্যা, ভূমিধসের (Landslide) ওপর প্রভাব ফেলে থাকে। তাপমাত্রাতেও বিপুল পরিমাণে পরিবর্তন দেখা গিয়েছে। ১৯৮১- ২০১০ সাল পর্যন্ত যেখানে স্বাভাবিক তাপমাত্রা ছিল ৩৩.৭৩ ডিগ্রি সেলসিয়াস, তেমনি ২০২২-এ তাপমাত্রা বেড়ে হয়েছে ৩৪.১২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আরব সাগরের (Arabian Sea) ওপর নিম্নচাপের (Depression) সৃষ্টি হওয়ায় জুন মাসে ভারী বৃষ্টিপাত হয়। অন্যদিকে সমুদ্রের জলস্তরও (sea level) বাড়তে শুরু করেছে।

    আরও পড়ুন: রেকর্ড বৃষ্টিপাত মেঘালয়ে, কারন জানেন? 

  • Nabanna: নজরে পঞ্চায়েত নির্বাচন? ৮ জেলার জেলাশাসককে বদলি নবান্নর

    Nabanna: নজরে পঞ্চায়েত নির্বাচন? ৮ জেলার জেলাশাসককে বদলি নবান্নর

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা (Mamata) বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার পরই বদলি করা হল পুরুলিয়ার (Purulia) জেলাশাসক রাহুল মজুমদারকে। জেলা থেকে সোজা মিউনিসিপ্যালিটির দায়িত্বে। এবার থেকে আসানসোল পুরসভার অতিরিক্ত সচিবের দায়িত্ব সামলাবেন প্রোমোটী আইএএস রাহুল মজুমদার। রাহুলের জায়গায় পুরুলিয়ার জেলাশাসক পদে এলেন রজত নন্দা। নবান্ন (Nabanna)-এর তরফে পুরুলিয়ার জেলাশাসক বদলের কথা ঘোষণা করা হয়। যদিও হঠাৎ করে পুরুলিয়ার জেলাশাসক বদলের কারণ স্পষ্ট করেনি রাজ্য প্রশাসন। তবে দিন তিনেক আগে পুরুলিয়া জেলা সফরে গিয়ে প্রশাসনিক বৈঠকেই জেলাশাসকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। 

    গত ৩০ মে পুরুলিয়া সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠক থেকেই জেলাশাসক (Purulia District Magistrate) রাহুল মজুমদারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ভূমি-রাজস্ব দফতর থেকে শুরু করে জেলা প্রশাসনের বিভিন্ন দফতরে দুর্নীতির অভিযোগে জেলাশাসকের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন তিনি। প্রকাশ্য সভাতেই জেলাশাসককে “দলের লোক হলে টেনে ৪টে থাপ্পড় মারতেন” বলেও জানান মমতা।

    নবান্ন সূত্রে খবর, এদিন পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক সহ মোট ২৪ জন আমলাকে বদলি করা হয়েছে। যার মধ্যে রয়েছেন মৎস্য দফতরের অতিরিক্ত সচিব, আদিবাসী উন্নয়ন পর্ষদের মুখ্য সচিব, পর্যটন দফতরের মুখ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিবও।

    আরও পড়ুন: ইউপিএসসি মেধাতালিকায় দ্বিতীয় বাংলার মেয়ে, সাফল্য কলকাতারও

    সরিয়ে দেওয়া হয়েছে ঝাড়গ্রামের জেলাশাসক জয়সী দাশগুপ্তকেও। জেলায় মাওবাদী কার্যকলাপ নিয়ে প্রশ্ন ওঠায়, তাঁর ওপর বেজায় চটে গেছিলেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের জেলা শাসক হয়ে এলেন খাদ্য দফতরের অতিরিক্ত সচিব সুনীল আগরওয়াল। তিনি উত্তরকন্যার অতিরিক্ত দায়িত্বে ছিলেন। জয়সী দাশগুপ্তকে পাঠানো হল পশুপালন দফতরের বিশেষ সচিব করে।

    সরতে হল পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমী কমলকে। তাঁকে পাঠানো হল পশ্চিমবঙ্গ ল্যান্ড রেকর্ড সার্ভে দফতরের সচিব করে। রেশমী কমলের জায়গায় এলেন দক্ষিণ দিনাজপুরে জেলাশাসকের দায়িত্ব সামলানো আয়েশা রানী। গতমাসের প্রশাসনিক বৈঠকের পর্বে  জঙ্গলমহলের চার জেলায় একমাত্র বদলির রোষ থেকে বেঁচেছেন বাঁকুড়ার ডিএম কে রাধিকা আয়ার। বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী জেলা সভাধিপতিকে ধমক দিয়ে বলেছিলেন দলের নেতাদের কথায় তিনি জেলায় জেলায় ডিএম-এসপি বদল করবেন না। 

    এছাড়া দুই ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুর, মালদহ, ও মুর্শিদাবাদের জেলাশাসককেও বদল করা হয়েছে। এক ধাক্কায় আট জেলার জেলাশাসক বদল করলেন মুখ্যমন্ত্রী। উত্তর ২৪ পরগনার জেলাশাসক পদে পাঠানো হয়েছে মুর্শিদাবাদের জেলাশাসক শরদ দ্বিবেদীকে। আর উত্তর ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তকে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথানকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সচিব পদে বদলি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের নতুন জেলাশাসক হয়েছেন প্রাণি সম্পদ উন্নয়ন দফতরের বিশেষ সচিব বিজিন কৃষ্ণ। মালদার জেলাশাসক রাজর্ষি মিত্রকে মুর্শিদাবাদের জেলাশাসক পদে পাঠানো হয়েছে। মালদার নতুন জেলাশাসক হয়েছেন আসানসোল পুরনিগমের কমিশনার নিতিন সিঙ্ঘানিয়া। ঝাড়গ্রামের নতুন জেলাশাসক হয়েছেন সুনীল আগরওয়াল।  

    আরও পড়ুন: রেলকে বাদ দিয়েই অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীকে ট্যুইট বাণ শুভেন্দুর

    আচমকাই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আমলা ও জেলাশাসক পদে বড়সড় রদবদল ঘটাল রাজ্য সরকার। সুন্দরবন বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হয়েছেন অত্রি ভট্টাচার্য (Atri Bhattacharya)। রাজ্যের নয়া পর্যটন সচিব হয়েছেন সৌমিত্র মোহন (Soumitra Mohan)। কেএমডিএ’র নতুন সিইও হয়েছেন খলিল আহমেদ (Khalil Ahmed)। আবাসন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হয়েছেন হৃদয়েশ মোহন (Hridyesh Mohan)। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিব হয়েছেন সঞ্জয় বনসল (Sanjay Bansal)। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে জলি চৌধুরীকে (Jolly Choudhury)। 

    বৃহস্পতিবার নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) অপ্রচলিত শক্তি দফতরের পাশাপাশি জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের প্রধান সচিব পদে পাঠানো হয়েছে। অপ্রচলিত শক্তি দফতরের সচিব ছোটেন ডি লামাকে (Choten D Lama) আদিবাসী দফতরের সচিব করা হয়েছে। কেএমডিএ’র সিইও অন্তরা আচার্যকে (Antara Acharya) পূর্ত সচিব পদে পাঠানো হয়েছে। আদিবাসী দফতরের প্রধান সচিব কে এস চিমাকে ডিজি, এটিআই পদে পাঠানো হয়েছে। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের প্রধান সচিব এ সুব্বাইয়া (A Subbiah) হয়েছেন কৃষি বিপণন দফতরের প্রধান সচিব। নবান্ন সূত্রে এটিকে রুটিন বদলি  বলা হলেও পঞ্চায়েত নির্বাচনের আগে এই রদবদল ইঙ্গিতবহ, বলে মনে করছে রাজনৈতিক মহল।

  • Nepal Air Crash: খোঁজ মিলল নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানের, ১৪টি ঝলসে যাওয়া দেহ উদ্ধার

    Nepal Air Crash: খোঁজ মিলল নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানের, ১৪টি ঝলসে যাওয়া দেহ উদ্ধার

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে নেপালের দুর্ঘটনাগ্রস্ত (Nepal Air Crash) বিমানের খবর মিলল। গতকাল সন্ধ্যায় খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ বন্ধ থাকার পর আজ ফের নতুন করে তল্লাশি অভিযানে নেমেছিল উদ্ধারকারী দল। এরপর সকালেই জানানো হয়, নেপালে দুর্ঘটনার কবলে পড়া তারা এয়ারের (Tara Air) বিমানটিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে থেকে ১৪ জনের ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয়েছে। নেপাল সরকারের তরফে জানানো হয়েছে, “বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।” গতকাল চার ভারতীয়সহ ২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছিল বিমানটি।  

    নেপালের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র দেও চন্দ্র লাল কর্ণ জানান, “এখনও পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে। আবহাওয়া খারাপ থাকার দরুন দুর্ঘটনাস্থলে যাওয়া যাচ্ছে না। তুষারপাতের কারণে অন্য কোনও ফ্লাইটে করে এখন আর সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না।”

    ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরের জেনারেল ম্যানেজার প্রেমনাথ ঠাকুর বলেন, “তুষারপাতের কারণে আজকের উদ্ধার কাজ স্থগিত রাখতে হবে। যেসব হেলিকপ্টারগুলিকে উদ্ধার কাজে পাঠানো হয়েছিল তাদের ফিরিয়ে আনা হয়েছে।” গতকাল সকালে তারা এয়ারের ৯ এনএইটি (Tara Air’s 9 NAET) বিমানটি নেপালের পোখারা (Pokhara) থেকে জোমসমের (Jomsom) উদ্দেশে রওনা দিয়েছিল।

    সকাল ৯টা ৫৫ মিনিটের পর থেকে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, মুসতাং জেলার (Mustang District) জোমসমের কাছে আকাশে বিমানটি শেষবার দেখা গিয়েছিল। তারপর তা ধৌলাগিরি শৃঙ্গের দিকে বাঁক নেয়। তখন থেকেই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।    

    এর আগেও ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিম নেপালের পাহাড়ি এলাকায় ভেঙে পড়েছিল তারা এয়ারেরই একটি বিমান। মৃত্যু হয়েছিল বিমানে থাকা ২৩ জন যাত্রীর। সেই বিমানটিও পোখারা থেকে জোমসমের দিকেই যাচ্ছিল।   

     

      

  • Hindu janajagruti samiti: ১৮৬২টি মন্দির ভেঙে বদলে দেওয়া হয়েছে মসজিদে! তালিকা প্রকাশ হিন্দুত্ববাদী সংগঠনের

    Hindu janajagruti samiti: ১৮৬২টি মন্দির ভেঙে বদলে দেওয়া হয়েছে মসজিদে! তালিকা প্রকাশ হিন্দুত্ববাদী সংগঠনের

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্ঞানবাপী মসজিদ (gyanvapi mosque)-কাশী বিশ্বনাথ মন্দির (kashi viswanath temple) বিতর্ক এখনও থিতু হয়নি। আগরা, মথুরা, দিল্লি, কর্নাটক সহ বিভিন্ন জায়গায় নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে বিভিন্ন মসজিদ নিয়ে। এই আবহে ১ হাজার ৮৬২টি মসজিদের তালিকা প্রকাশ করল হিন্দু জন জাগৃতি সমিতি (Hindu janajagruti samiti)  নামে একটি সংগঠন। তাদের দাবি, মন্দির ভেঙে ওই মসজিদগুলি গড়ে তোলা হয়েছিল। রবিবার ওই ‘অবৈধ’ মসজিদের (illegal mosque) তালিকা প্রকাশ করেছে তারা।

    কাশী বিশ্বনাথ মন্দির ভেঙে গড়ে তোলা হয়েছে জ্ঞানবাপী মসজিদ। এই অভিযোগ তুলে আদালতে মামলা করেছে একাধিক হিন্দু সংগঠন। তাদের দাবি, ষোড়শ শতকে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশেই মন্দির ভেঙে মসজিদ গড়ে তোলা হয়েছিল। পরে রানি অহল্যবাই বিশ্বনাথের মন্দিরটি নতুন করে গড়ে দেন। সেই মন্দিরই রয়েছে আজও।

    ১৮০০ সালে মন্দির কর্তৃপক্ষকে একটি নন্দীর মূর্তি উপহার দেন নেপালের রাণা। সেই মূর্তিও আজও রয়েছে। হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, নন্দীর মুখ শিবের দিকেই থাকে। এই নন্দীর মুখও রয়েছে জ্ঞানবাপী মসজিদের দিকে। তাই মন্দির ভেঙে গুঁড়িয়েই যে মসজিদ গড়ে তোলা হয়েছিল, হিন্দুত্ববাদীরা সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত। মন্দির-মসজিদ এই বিতর্কের অবসানে মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত।

    আরও পড়ুন : শাহি ইদগাহ মসজিদ চত্বরে স্থিতাবস্থা চেয়ে আবেদন মথুরা আদালতে

    এই আবহে গোটা দেশে কতগুলি মন্দির ভেঙে মসজিদ গড়ে তোলা হয়েছে, তার একটি তালিকা প্রকাশ করল হিন্দু জন জাগৃতি সমিতি। সমিতির মতে, এই মসজিদগুলি ‘অবৈধ’। তালিকায় সব চেয়ে বেশি মসজিদ রয়েছে উত্তরপ্রদেশে। সেখানে ২৯৯টি মন্দির ভেঙে গড়ে তোলা হয়েছে মসজিদ। এর পর কর্নাটক। সেখানে ‘অবৈধ’ মসজিদের সংখ্যা ১৯১, তামিলনাড়ুতে ১৭২, রাজস্থানে ১৭০, গুজরাতে ১৬৯, মধ্যপ্রদেশে ১৫০, মহারাষ্ট্রে ১৪৩, অন্ধ্রপ্রদেশে ১৪২।

    তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গেরও। সেখানে ‘অবৈধ’ মসজিদ রয়েছে ১০১টি। আর বিহারে ৭৭টি। এই তালিকায় রয়েছে দিল্লির নামও। সেখানে ৭০টি মন্দির ভেঙে গড়ে তোলা হয়েছে মসজিদ। এর মধ্যে রয়েছে কুতুব মিনার, আলাউদ্দিন খিলজির মাকবাবা, সিকান্দর লোধির সুন্দর বুর্জ মাকবারা, খিড়কি মসজিদ এবং রাজিয়া সুলতানের মাকবারাও।

    আরও পড়ুন :মন্দির ভেঙে মসজিদ তৈরি করা দাসত্বের নিদর্শন, বলেছিলেন গান্ধীজি

    এই তালিকা প্রকাশের ঠিক একদিন আগেই সুপ্রিম কোর্টে একটি পিটিশন জমা দেওয়া হয়েছে। ওই পিটিশনে ১০০ বছর বা তারও বেশি পুরনো মসজিদগুলি সার্ভে করার দাবি জানানো হয়েছে। সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ (সাংবিধানিক প্রতিকারের অধিকার) এর অধীনে দায়ের করা রিট পিটিশনে বিতর্কিত সম্পত্তি সুরক্ষিত রাখার নির্দেশিকা এবং নির্দেশনা জারির আবেদনও জানানো হয়েছে। পিটিশনে বারাণসীর জ্ঞানবাপী মসজিদের ওজুখানার জলাধারের উল্লেখও করা হয়েছে। বলা হয়েছে, ওই জলাধারে একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। সেখানে এতদিন লোকজন ওজু করত। আবেদনকারীদের মতে, এই ধরনের অভ্যাস হিন্দু ধর্ম অনুসরণকারী কোটি কোটি হিন্দুর পক্ষে সম্পূর্ণ অবমাননাকর।

     

LinkedIn
Share