Blog

  • IMF on Wheat export ban: ভারতকে গম রফতানির ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আরজি আইএমএফ-র

    IMF on Wheat export ban: ভারতকে গম রফতানির ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আরজি আইএমএফ-র

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতকে (India) যত তাড়াতাড়ি সম্ভব গম রফতানির ওপর নিষেধাজ্ঞার (Wheat export ban) সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আরজি জানাল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (International Monetary Fund), সংক্ষেপে আইএমএফ (IMF)।

    সম্প্রতি, দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (World Economic Forum) একটি বৈঠকের পর সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভা (Kristalina Georgieva) বলেন, আমি জানি ভারতের প্রায় ১৩৫ কোটি লোককে খাওয়ানো প্রয়োজন। তাপপ্রবাহের জেরে সে দেশে যে কৃষি উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে, তাও জানি। তা সত্ত্বেও যত তাড়াতাড়ি সম্ভব আমি ভারতকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানাব। কারণ যত বেশি দেশ রফতানি বিধিনিষেধের দিকে পদক্ষেপ করবে, তা দেখাদেখি অন্যরাও তা করবে। এতে আমরা সঙ্কট মোকাবিলায় ব্যর্থ হব।

    আরও পড়ুন : গম-ইস্যুতে ভারতের পাশে দাঁড়াল ড্রাগনের দেশ!

    প্রসঙ্গত, ক্রমবর্ধমান অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণের ব্যবস্থার অংশ হিসেবে গত ১৩ মে গম রফতানি নিষিদ্ধ করেছিল ভারত। ভারতের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছিলেন জি-৭ (G-7) দেশগুলির কৃষিমন্ত্রীরা। ভারত বিশ্বে অন্যতম বড় গম রফতানিকারী দেশ। তাই গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করতেই বিপাকে পড়ে পশ্চিমের দেশগুলি। জার্মানির কৃষিমন্ত্রী সেম ওজদেমির বলেন, যদি সবাই রফতানি নিষেধাজ্ঞা আরোপ করতে বা বাজার বন্ধ করতে শুরু করে, তাহলে সঙ্কট আরও বাড়বে। তিনি বলেন, আমরা ভারতকে জি-২০ (G-20) সদস্য হিসেবে দায়িত্ব নিতে আহ্বান জানাচ্ছি। জানা গিয়েছে, জুনে জার্মানিতে হবে জি-৭ সম্মেলন। ওই সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেখানে ভারতকে জি-২০-র দায়িত্ব নেওয়ার সুপারিশ করতে পারে পশ্চিমের দেশগুলি।

    যদিও, ক্রেতা সুরক্ষা ও খাদ্য বিপণন মন্ত্রী পীযূষ গোয়েল ট্যুইটারে বলেন, বিশ্ব বাণিজ্যের এক শতাংশেরও কম গম রফতানি করে ভারত। আমাদের রফতানি নিয়ন্ত্রণ বিশ্ববাজারকে প্রভাবিত করবে না। আমরা দুর্বল দেশ ও প্রতিবেশী দেশগুলিতে রফতানির অনুমতি দিয়ে যাচ্ছি। 

    আরও পড়ুন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ব্যাহত জোগান, ভারত থেকে গম কিনবে মিশর

    অবশ্য গম রফতানিতে নিষেধাজ্ঞা জারির ব্যাপারে ভারতের সিদ্ধান্তকে সমর্থন করেছে চিন (China)। ভারতের অবস্থানকে সমর্থন করে প্রতিবেশী দেশটি বলেছে, ভারত নিজেরাই খাদ্য সঙ্কটে থাকে। আজ পশ্চিমের কোনও দেশ যদি ভারতের মতো বিশ্ব খাদ্য সঙ্কটের (World Food Crisis) মুখে পড়ে গম রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করত, তখন প্রশ্ন উঠত কি? চিনা কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমসের একটি প্রতিবেদনে জি-৭ দেশগুলিকে ভারতের সমালোচনা না করে নিজেদেরই খাদ্য সঙ্কটের মোকাবিলায় এগিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে দোষারোপ করলে খাদ্যসঙ্কট মিটে যাবে না। প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে, আজ জি-৭ দেশগুলি ভারতের কাছে আবেদন করছে যাতে গম রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি না করা হয়। তাহলে এই দেশগুলি খাদ্য সরবরাহ স্থিতিশীল রাখতে নিজেরা কেন গম রফতানি বাড়াচ্ছে না? 

     

  • Modi-Macron: মোদি-মাক্রঁর বৈঠক, উঠল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও

    Modi-Macron: মোদি-মাক্রঁর বৈঠক, উঠল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন দিনের ইউরোপ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তিন দিনে তিনি সাক্ষাৎ করেছেন নর্ডিক দেশগুলির রাষ্ট্র প্রধানদের সঙ্গে। এই সফরের শেষ দিনে মোদি সাক্ষাৎ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁর সঙ্গে। প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। আলোচনা হয়েছে আরও একাধিক বিষয়ে।

    দু’ মাসেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আসলে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ হলেও, বকলমে যুদ্ধ হচ্ছে রাশিয়ার সঙ্গে ইউরোপের ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলির। এমতাবস্থায় ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বে চিড় ধরানোর লাগাতার চেষ্টা করে যাচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতকে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনতে নিষেধ করেছেন একাধিকবার। তাতে কান না দিয়ে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই চলেছে সাউথ ব্লক। এমন আবহে মোদির ইউরোপ সফর গুরুত্বপূর্ণ বই কি!

    তিন দিনের ইউরোপ সফরের শেষ দিনে ফান্সে পা রাখেন মোদি। বুধবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসে প্যালেসে বৈঠকে বসেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। সেখানেই দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ফরাসি প্রেসিডেন্ট নিজে পুতিনকে যুদ্ধ বন্ধের আবেদন করেছেন বলে খবর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আদতে কোনও পক্ষেরই জয় হবে না বলেও মাক্রঁরকে জানিয়ে দিয়েছেন মোদি। যুদ্ধের দীর্ঘ মেয়াদি প্রভাবের জেরে আসলে গরিব দেশগুলির ক্ষতি হবে বলেও জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

    মোদির ফ্রান্স ছাড়ার পরেই বিবৃতি জারি করা হয়েছে ভারতের বিদেশ সচিব বিনয় কোয়ার্ত্রার তরফে। তিনি জানান, দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বিশ্ব সহ নানা বিষয় নিয়েই আলোচনা হয়েছে। বিনয় বলেন, দুই রাষ্ট্র নেতার আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক, মহাকাশ, সিভিল নিউক্লিয়ার সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরও মাক্রঁ জোর দিয়েছেন বলেও জানান বিদেশ সচিব।     

     

     

  • Pakistan: ঋণ মেটাতে অধিকৃত কাশ্মীরের একাংশ চিনকে সমর্পণ করতে পারে পাকিস্তান?

    Pakistan: ঋণ মেটাতে অধিকৃত কাশ্মীরের একাংশ চিনকে সমর্পণ করতে পারে পাকিস্তান?

    মাধ্যম নিউজ ডেস্ক: অর্থসংকটে জেরবার দেশ। সংকট কাটাতে এবার চিনকে (China) গিলগিট বাল্টিস্তান (Gilgit Baltistan) লিজ দিতে পারে পাকিস্তান (Pakistan)। সম্প্রতি এমনই আশঙ্কা প্রকাশ করেছেন কারাকোরাম ন্যাশনাল মুভমেন্টের চেয়ারম্যান মুমতাজ নাগরি। একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নাগরিকে উদ্ধৃত করে এই মন্তব্য করা হয়েছে। অর্থনৈতিক সংকট কাটাতে কিছুদিন আগেই দেশবাসীকে চা খাওয়া কমানোর দাওয়াই দিয়েছিলেন শরিফের মন্ত্রিসভার এক সদস্য। এবার প্রকাশ্যে এল জায়গা লিজ দেওয়ার আশঙ্কা। 

    আরও পড়ুন : ‘মৃত’ জঙ্গিকে ‘গ্রেফতার’, ধূসর তালিকা থেকে বেরোতে মরিয়া পাকিস্তান?

    সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে পাকিস্তানে। ইমরান খানের সরকারের জায়গায় ক্ষমতায় এসেছে শেহবাজ শরিফের সরকার। তার পরেই প্রকাশ্যে এসেছে দেশের অর্থনীতির হাঁড়ির হাল। অর্থসংকট কাটাতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। দিন কয়েক আগেই এক লপ্তে পেট্রোলের দাম বাড়ানো হয়েছে লিটার প্রতি ৩০ টাকা। দিন কয়েক আগে সংসদের বৈঠকে তিনি বলেছিলেন, আগের সরকারের ভুল আর্থিক নীতির জন্য আইএমএফ-ও আর পাকিস্তানকে অর্থ সাহায্য করতে চাইছে না।আইএমএফের সব শর্ত পূরণ করলে তবেই মিলবে আর্থিক সাহায্য। এই সময়ই প্রধানমন্ত্রী দেশবাসীকে মনে করিয়ে দেন, এই সংকট থেকে বেরতে গেলে পাকিস্তানকে আরও অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। 

    আরও পড়ুন : ভারতকে বন্ধু হিসেবে চায় পাকিস্তান! বেনজির-পুত্রের মন্তব্যে বরফ গলার ইঙ্গিত?

    কাশ্মীরের বেশ খানিকটা অংশ অবৈধভাবে দখল করে রেখেছে পাকিস্তান। দখলীকৃত এই অংশের মধ্যেই পড়ে গিলগিট বাল্টিস্তান। ভারতের থেকে জোর করে দখল করা সেই অংশই পাকিস্তানকে লিজ দেওয়া হতে পারে বলে আশঙ্কা নাগরির। শোনা যাচ্ছে, শি জিনপিংয়ের সরকার পাকিস্তানকে ২৩০ কোটি ডলার ঋণ দেবে। এই ঋণের বিনিময়েই কি পাকিস্তান গিলগিট ও বাল্টিস্তান লিজ দিতে পারে ড্রাগনকে? উঠছে প্রশ্ন।  

    আরও পড়ুন : “তিন টুকরো হয়ে যাবে পাকিস্তান!” কেন এমন কথা বললেন ইমরান?

  • Spicejet: “মনে হচ্ছিল আকাশেই উল্টে যাবে বিমান…”, এখনও আতঙ্কে দুর্ঘটনাগ্রস্ত স্পাইসজেটের যাত্রীরা

    Spicejet: “মনে হচ্ছিল আকাশেই উল্টে যাবে বিমান…”, এখনও আতঙ্কে দুর্ঘটনাগ্রস্ত স্পাইসজেটের যাত্রীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আছে, অজয় দেবগণ অভিনীত ছবি ‘রানওয়ে ৩৪’ (Runway 34)-এর কথা। যেখানে খুবই খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে একটি বিমান। কিন্তু বিমানচালকের কুশলী ক্ষমতায় বিমানটিকে ঠিক মতো অবতরণ করানো যায়। ঠিক এরকমই রবিবার মাঝ আকাশে ঝড়ের কবলে পড়ল স্পাইসজেটের (Spicejet) একটি বিমান। মুম্বই-দুর্গাপুর (Mumbai-Durgapur flight SG-945) দৈনিক বিমানটি দুর্গাপুরের অণ্ডাল (Andal airport) বিমানবন্দরের রানওয়েতে সঠিক ভাবে অবতরণ করার আগে এই দুর্যোগের মধ্যে পড়ে। ঝড় ও বৃষ্টির জন্য প্রবল ঝাঁকুনি লাগে বিমানে। আহত হন ১৭ জন যাত্রী। ডিজিসিএ-র (DGCA) তরফে জানানো হয়েছে, আহতদের মধ্যে ১৪ জন যাত্রী এবং তিন জন বিমানকর্মী। স্পাইসজেটের মুখপাত্র বলেছেন, ‘‘অবতরণের পরই ওঁদের চিকিৎসা করানো হয়। আপাতত সকলেই সুস্থ। কয়েক জনের চোট একটু গুরুতর ছিল।’’

    তথ্য বলছে, ঝড়ের সময় এক ধাক্কায় ১২ হাজার মিটার উচ্চতা থেকে ৮ হাজার মিটার উচ্চতায় নেমে আসে বিমানটি। সন্ধ্যা ৭টা থেকে সওয়া ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। ক্রমাগত তিন বার ঝাঁকুনির পর ধীরে ধীরে নীচে নামতে শুরু করে বিমানটি। শেষ পর্যন্ত অণ্ডাল বিমানবন্দরে সাবধানেই অবতরণ করানো হয় বিমানটিকে।

    এক যাত্রী বলেন, ‘‘বিমানসেবিকা আমাদের বলেছিলেন সিট বেল্ট পরে নিতে। কিন্তু ঝাঁকুনিতে সেই বেল্ট ছিঁড়ে যায়। মাথায় চোট পেয়েছি।’’ আর এক যাত্রী মহম্মদ ইকবাল বলেন, ‘‘মনে হচ্ছিল, বিমানটা এ দিক থেকে ও দিক পর্যন্ত হেলে যাচ্ছে। সিটে বসে থাকা যাচ্ছিল না। উপরের লাগেজ কেবিন থেকে কারও কারও ব্যাগও পড়ল মাথায়।’’ আর এক যাত্রী বলেন, ‘‘আমার মনে হচ্ছিল আকাশেই বোধ হয় বিমানটা উল্টে যাবে।’’

    ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিমানটি হঠাৎ করে নেমে যাওয়ার সময় অভ্যন্তরে কী পরিস্থিতি তৈরি হয়েছিল। বিমানের ভিতরেও যেন ‘ঝড়’ বয়ে যায়। বিমানটিকে ঠিক মতো অবতরণ করানোর চেষ্টায় ছিলেন বিমানচালক। কিন্তু হঠাৎ ঝাঁকুনিতে এলোমেলো হয়ে যায় বিমানের অভ্যন্তর। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে যেতে দেখা যায়। ভয়ে চিৎকার করতে থাকেন যাত্রীরা। বিমানসেবিকা উপর থেকে অক্সিজেন মাস্ক নামিয়ে নিতে বলেন যাত্রীদের। এক যাত্রীর কথায়, ‘‘অবতরণের সময় তিন বার ঝাঁকুনি হয়। গাড়িতে ঝাঁকুনি হলে যে রকম অনুভূতি হয়, তার চেয়ে কয়েক গুণ বেশি ছিল ওই ঝাঁকুনি।’’ ডিজিসিএ-র তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।  

     

  • Katra Theme Park: বৈষ্ণোদেবী মন্দিরের কাছে তৈরি হচ্ছে কাটরা থিম পার্ক

    Katra Theme Park: বৈষ্ণোদেবী মন্দিরের কাছে তৈরি হচ্ছে কাটরা থিম পার্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশেষ করে রামায়ণ, মহাভারতের কাহিনীর উপর ভিত্তি করে কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরের কাছে তৈরি হচ্ছে পুরাণ কেন্দ্রিক একটি থিম পার্ক। পর্যটন মানচিত্রে জম্মু-কাশ্মীরের  আরও একটি দিক তুলে ধরবে কাটরা থিম পার্ক এমনটাই দাবি প্রশাসনের। 

    ওই পার্ক তৈরির জন্য প্রায় ৫০০ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের এক সরকারি আধিকারিকের কথায়, ওই পার্ক তৈরির জন্য অর্থ বরাদ্দ করবে এমন সংস্থার খোঁজ চলছে। ডিজনির ধাঁচে ওই পার্ক তৈরি করা হবে। এখানে প্রচুর লোকের কর্মসংস্থান হবে বলে দাবি প্রশাসনের। শিক্ষা এবং বিনোদনের মিশেলে তৈরি হবে এই পার্ক।

    পর্যটন শিল্প কাশ্মীরের অর্থনৈতিক ভিত্তি। এখানকার পর্যটন শিল্পের কর্তারাও দাবি করেন, সীমান্ত সমস্যা নানা সংশয় জম্মু-কাশ্মীরের পর্যটনের ক্ষেত্রে মাঝেমাঝেই বাধা হয়ে দাঁড়ায়। তবুও দেশের পর্যটন মানচিত্রে বরাবরই উজ্জ্বল বিন্দু জম্মু-কাশ্মীর। এখানকার কাটরায় একটি প্রাচীন গুহার ভেতরে অবস্থিত প্রাচীন বৈষ্ণোদেবী মন্দির। বহু দূর থেকে প্রতিবছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই মন্দিরে। মনে করা হয় মাতা বৈষ্ণো দেবীর কাছে একবার কোনও জিনিস চাইলে মা সবসময় তাঁর ভক্তদের মনের ইচ্ছা পূর্ণ করেন। যে ভক্তরা এখানে মন্দির দর্শন করতে আসবেন, তাঁদের কাছে এই থিম পার্ক আরেকটি আকর্ষণ হবে বলে দাবি করা হচ্ছে। আশা, সময়ের সঙ্গে সঙ্গে এই পার্ক সেখানকার অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্রও হতে পারে। 

  • Yasin Malik: “কাশ্মীরে নাশকতা কার্যকলাপে জড়িত”, আদালতে স্বীকারোক্তি ইয়াসিন মালিকের

    Yasin Malik: “কাশ্মীরে নাশকতা কার্যকলাপে জড়িত”, আদালতে স্বীকারোক্তি ইয়াসিন মালিকের

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫ বছরের পুরনো একটি সন্ত্রাসের মামলায় আদালতে দোষ স্বীকার (plead guilty) করল কাশ্মীরের (Kashmir) বিচ্ছিন্নতাবাদী (JKLF) নেতা মহম্মদ ইয়াসিন মালিক (Yasin Malik)। ২০১৭ সালে সন্ত্রাসের ঘটনায় (2017 Terrorism Case) মালিকের বিরুদ্ধে ইউএপিএ (UAPA) আইনের ধারা ১৬, ১৭, ১৮ এবং ২০-তে মামলা দায়ের করা হয়েছিল। এছাড়াও ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) ১২০বি এবং ১২৪এ ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র (criminal conspiracy) এবং দেশদ্রোহিতার (treason) মামলা রুজু হয় মালিকের বিরুদ্ধে।

    তাৎপর্যপূর্ণ বিষয় হল, কোনও আইনজীবী ছিল না মালিকের। এমনকী নিজের বিরুদ্ধে অভিযোগের প্রতিদ্বন্দ্বিতাও করেনি মালিক। দিল্লির একটি আদালতের সামনে তিনি সন্ত্রাসবাদী (terrorism) কার্যকলাপে যুক্ত থাকা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে তাঁর যোগসাজশের বিষয়টি স্বীকার করে নিয়েছেন বলে খবর মিলেছে। আদালতে মালিক জানিয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছে, সেগুলির বিরুদ্ধে সে আদালতে লড়াই করবে না।

    ইয়াসিন ছাড়াও কাশ্মীরের আরও অনেক বিচ্ছিন্নতাবাদী নেতা যেমন ফারুক আহমেদ দার, শাব্বির শাহ, মাসারত আলম, মহম্মদ ইউসুফ শাহ, আফতাব আহমেদ শাহ, আলতাফ আহমেদ শাহ, নইম খান, নাভাল কিশোর কাপুর, বশির আহমেদ ভাটদের বিরুদ্ধে চার্জ গঠন করেছে এই আদালত। গত মার্চ মাসে চার্জগঠনের সময় আদালত প্রাথমিক তদন্তে জানায় শাব্বির শাহ, ইয়াসিন মালিক, রশিদ ইঞ্জিনিয়ার, আলতাফ ফান্টুশ-সহ হুরিয়ত নেতৃত্ব সরাসরি সন্ত্রাস কার্যকলাপে অর্থ সংগ্রহ করেছে। এছাড়াও অপরাধমূলক ষড়যন্ত্রেও লিপ্ত ছিল তারা। উপত্যকায় বিরাট বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এরা। যার ফলে হিংসা-অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। 

    আদালত জানিয়েছে, মালিক গোটা বিশ্বে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ করত। সেই টাকা দিয়ে ভূস্বর্গে হিংসা-হানাহানি, বিক্ষোভ এবং বেআইনি কার্যকলাপ করা হত। সেই অপরাধমূলক কার্যকলাপকে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামের নাম দিয়েছিল ইয়াসিন মালিক, এমনটাই দাবি আদালতের। বিশেষ আদালতের বিচারক প্রবীন সিং মামলাটি আবার ১৯ মে শুনবেন বলে জানা গিয়েছে। সেখানে সাজা ঘোষণা করা হতে পারে। এই অপরাধের সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাবাস। 

     

     

  • Olympic Games 2036: ২০৩৬ অলিম্পিক্সের বিডিং, আয়োজনে ভারতকে সাহায্য করতে প্রস্তুত, জানাল রাশিয়া

    Olympic Games 2036: ২০৩৬ অলিম্পিক্সের বিডিং, আয়োজনে ভারতকে সাহায্য করতে প্রস্তুত, জানাল রাশিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০৩৬ সালের অলিম্পিক গেমস (2036 Olympic Games) যাতে ভারতে (India) আসে, তার চেষ্টা করছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (Indian Olympic Association)। মূলত আমেদাবাদ (Ahmedabad) কেই বেছে নেওয়া হয়েছে ২০৩৬ অলিম্পিক গেমসের জন্য। ভারতের এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে রাশিয়া। শুধুমাত্র সমর্থনই করেনি, অলিম্পিক ডিং ও গেমস আয়োজনে ভারতকে সাহায্য করার কথা জানিয়েছে রাশিয়া (Russia)। তারা জানিয়েছে, যদি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (International Olympic Committee) ২০৩৬ অলিম্পিক্স ভারতকে দেয়, তাহলে তা আয়োজনে রাশিয়া বড় সাহায্য করবে।

    আরও পড়ুন: রাশিয়ায় খুলবে ভারতীয় সুপারমার্কেট চেন! ইঙ্গিত পুতিনের

    উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের (Ukraine war) ফলে রাশিয়াকে বহু দেশ বয়কট করেছে। খেলার জগতেও রাশিয়াকে বঞ্চিত করা হয়েছে। এই পরিস্থিতিতে পুরনো বন্ধু রাশিয়ার পাশে থেকেছে ভারত। ফলস্বরূপ,  রাশিয়া ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। বুধবার ভারত সফরে এসে রুশ ক্রীড়ামন্ত্রী ওলেগ মাতিস্তিন (Oleg Matytsin) বলেছেন, “ভারতকে অলিম্পিক গেমস আয়োজন করতে সহায়তা করতে পারলে রুশ বিশেষজ্ঞরা খুব খুশি হবেন।“  তিনি ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) এর সঙ্গে একটি বৈঠকে এই বিষয়ে আলোচনা করেছেন। 

    [tw]


    [/tw]

    ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নারিন্দার বাত্রা ( Narinder Batra) ২০২১ সালের থেকেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে এই বিষয়ে আলোচনা করছেন। তিনিই প্রস্তাবে জানিয়েছেন, আমেদাবাদকে কেন্দ্র করে এই প্রতিযোগিতার আয়োজন করার। গুজরাটের আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে কেন্দ্র করে এই প্রতিযোগিতা আয়োজনের স্বপ্ন দেখছে ভারত। এখনও পর্যন্ত কিছুই ঠিক না হলেও গুজরাটের অ্যাডভোকেট জেনারেল কামাল ত্রিবেদী (Kamal Trivedi) হাইকোর্টে জানিয়ে দিয়েছিলেন যে তাঁরা এখন থেকেই ২০৩৬ অলিম্পিক্সের আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এবং অলিম্পিক কমিটি ২০২৫ সালে সাইট পরিদর্শন করতে আসবে। 

    আরও পড়ুন:ডলার নয়, “রুপি-রুবল” বিনিময়ে হবে ভারত-রুশ বাণিজ্য! কীভাবে লেনদেন?

    ভারতে এসে নারিন্দার বাত্রার সঙ্গে দেখা করে ওলেগ বলেন, “যদি অলিম্পিক গেমস আয়োজনের স্বপ্ন সত্যি হয়, তাহলে দেশের উন্নয়নে আরও একটি বড় দিক উঠে আসবে। আমরা অলিম্পিক গেমস আয়োজনের জন্য ও নিজেদের অভিজ্ঞতা ভাগ করার জন্য সব সময় প্রস্তুত, এবং আমরা অনেক বার এমনটা করেছি। ফলে যদি ভারতে অলিম্পিক্স হওয়ার সিদ্ধান্ত ঠিক হয়, তাহলে রুশ বিশেষজ্ঞরা ভারতে অলিম্পিক গেমস আয়োজনে সাহায্য করতে পেরে খুব খুশি হবে।“

    [tw]


    [/tw]

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্যেই অলিম্পিক্স-সহ বিভিন্ন টুর্নামেন্টে নিষিদ্ধ রয়েছে রাশিয়া। এমন সময়েই নিজেদের ক্রীড়াক্ষেত্রকে ঠিক রাখতেই ভারতকে খেলার জগতে সাহায্য করতে রাশিয়া আগ্রহী হয়েছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। 

  • Lunar eclipse: বছরের প্রথম চন্দ্রগ্রহণের আগের রাতে আকাশে দেখা যাবে লাল চাঁদ

    Lunar eclipse: বছরের প্রথম চন্দ্রগ্রহণের আগের রাতে আকাশে দেখা যাবে লাল চাঁদ

    মাধ্যম নিউজ ডেস্ক : বছরের ‌প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে  চলতি মাসের ১৬ তারিখ। ২০২২ সালে দু’‌টি চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং উভয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। কিছুদিন আগেই ৩০ এপ্রিল গোটা বিশ্ব আংশিক সূর্যগ্রহণের সাক্ষী থেকেছে। আর তার ১৫ দিন পরই ১৬ মে বৈশাখী পূর্ণিমার দিন হবে চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, তখন চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণ সবসময় পূর্ণিমাতে হয়।

    ১৬ মে চন্দ্রগ্রহণটি দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটিকার মতো দেশগুলি থেকে সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে। এদিন চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৭টা ২ মিনিট থেকে এবং তা শেষ হবে দুপুর ১২ টা ২০ মিনিটে।  যদিও এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। 

    পূর্ণিমার সময়, কখনও কখনও পৃথিবীর ছায়া চাঁদের উপর আংশিক বা সম্পূর্ণ পড়ে, যার ফলে চন্দ্রগ্রহণ হয়। গ্রহণের সময় চাঁদের রং মর্চে পড়া লোহার মতো লাল হয়ে যায়। যাকে মানুষ ব্লাড মুন (Blood Moon) বলে। সাধারণত, যখন সূর্যের আলো পৃথিবীর চার দিক থেকে চলে গিয়ে চাঁদের ওপর পড়ে তখন চাঁদ লাল দেখায়। পৃথিবীর ছায়ার কারণে যখন সূর্যের আলো চাঁদকে লাল রঙ দেয়, তখন তাকে ব্লাড মুন বলে। আগামী ১৫ মে গ্রহণের আগের রাতে আকাশে চাঁদ থাকবে লাল। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে ৮ নভেম্বর, ২০২২।

  • Mobile Price: সুখবর! এবছরের উৎসবের মরশুমে কমতে চলেছে মোবাইল ফোনের দাম

    Mobile Price: সুখবর! এবছরের উৎসবের মরশুমে কমতে চলেছে মোবাইল ফোনের দাম

    মাধ্যম নিউজ ডেস্ক:  যাদের মোবাইল ফোনের অনেক শখ বা যারা এর মধ্যেই নতুন মোবাইল ফোন কিনতে চলেছেন তাঁদের জন্য সুখবর। কারণ এবারের উৎসবের মরশুমে কমতে চলেছে মোবাইল ফোনের দাম। আর সবচেয়ে খুশীর বিষয় হল মোবাইলের দাম অনলাইন ও অফলাইন, উভয় জায়গা তেই কমতে চলেছে, বাজারের বিশ্লেষকেরা এমনটাই বলছেন। কারণ, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং তার জেরে স্মার্টফোনের চাহিদা কমে গিয়েছে যার জন্যে প্রতিটি ফোন তৈরি করার কোম্পানিরই ফোনের স্টক বেড়ে গিয়েছে। তাই সেই স্টক ফাঁকা করার জন্যই মোবাইল ফোনের দাম কমতে চলেছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

    আরও পড়ুন: দেশজুড়ে মোবাইল ব্যবহারকারীর সংখ্যায় পতন, কোন সংস্থা কত লোকসানে?

    এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ২০২২-এর উৎসবের মরশুমে ভারতীয় বাজারে মোবাইল ফোনের জন্য ধামাকাদার ছাড় আসতে চলেছে। এমনকি অনলাইনে ডিসকাউন্টের পরিমাণও বৃদ্ধি করা হবে।

    একটি তথ্যে জানা যায়, ভারতের দ্বিতীয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Samsung-এরই প্রায় ৫০ বিলিয়ন স্মার্টফোন স্টকে  রয়েছে। যদিও সংস্থার তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। চলতি বছরের প্রথমের দিকে মুদ্রাস্ফীতি-সহ আর্থিক অবনতির কারণে মোবাইল ফোনের তেমন বিক্রি হয়নি । এবার সেই ঘাটতিই পূরণের চেষ্টা করে চলেছে মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থাগুলি।  ডিসকাউন্টের সঙ্গে সঙ্গে অনলাইন ও অফলাইনে ইএমআই-এ স্মার্চফোন কেনার সুযোগ করেছে কোম্পানীগুলো। 

    আরও পড়ুন: সাধের ফোনটিকে দুর্বৃত্তদের হাত থেকে সুরক্ষিত রাখবেন কীভাবে? এই রইল উপায়

    এক বিশেষজ্ঞ জানান, চাইনিজ ফোনেরও তেমন বিক্রি হয়নি এখনও পর্যন্ত। ফলে তারও স্টক আছে। অনুমান করা হচ্ছে যে, প্রায় ৫০ থেকে ৮০ মিলিয়ন হ্যান্ডসেট অবিক্রিত অবস্থায় পড়ে রয়েছে। ফলে চাইনিজ ফোনের একটা বড় স্টক ভারতের বাজারে আসতে পারে। তবে এটাও ঠিক, ভারতীয় বাজারে অবিক্রিত স্মার্টফোনের পুরোটাই বিক্রি হবে না। যদিও আর্থিক পরিস্থিতির কারণে চলতি বছরের প্রথমার্ধে তেমন বিক্রি হয়নি। তবে আশা করা হচ্ছে যে,  বিভিন্ন ডিসকাউন্টের জন্য এই বছরের দ্বিতীয়ার্ধে স্মার্টফোনের চাহিদা ও বিক্রি  দুইই বৃদ্ধি  পেতে পারে।

  • Coronavirus: হাসপাতালই দায়ী! রোগী-ভর্তির সঠিক ব্যাখ্যা নেই, তাই মিলছে না করোনা-বিমার টাকা

    Coronavirus: হাসপাতালই দায়ী! রোগী-ভর্তির সঠিক ব্যাখ্যা নেই, তাই মিলছে না করোনা-বিমার টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: গত দুটো বছর ধরে চলছে করোনা (Coronavirus) পরিস্থিতি। সারা বিশ্বের কোটি কোটি মানুষ এই মারণ ভাইরাসে (Covid19) আক্রান্ত হয়েছেন। ওমিক্রন, ডেল্টা ভ্যারিয়েন্ট, ফ্লোরিনা ভ্যারিয়েন্টের হানায় সাঁড়াশি চাপের মতো অবস্থা গিয়েছে মানুষের। ইতিমধ্যেই করোনার চিকিৎসার জন্য বহু মানুষ বিমা (Covid Health Insurance) করিয়ে রেখেছেন। কিন্তু বিমা করিয়ে রেখেও মেলেনি টাকা। অনেক ক্ষেত্রেই করোনা বিমাতে টাকা পাওয়া যায়নি। এ প্রসঙ্গে হাসপাতালগুলোকে দায়ী করছে বিমা সংস্থাগুলি।

    বিমা সংস্থাগুলির তরফে বলা হয়েছে, অনেককেই হাসপাতালে দেখে বাড়িতে থেকে চিকিৎসা করার পরামর্শ দেওয়া যেত, কিন্তু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বহু ব্যক্তিকে হাসপাতালে কেন ভর্তি করা হয়েছে বা তাঁদের কী বিশেষ চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে, তা বিশদে ব্যাখ্যা করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তাই অনেকক্ষেত্রেই বিমার টাকা পাননি রোগী বা তাঁর পরিবার। সহজে বিমার টাকা পেতে হলে, হাসপাতাল কর্তৃপক্ষকে ভালভাবে রোগীর বিষয়ে জানাতে হয় নাহলেই সমস্যা দেখা দেয়,বলে দাবি বিমা সংস্থাগুলির।

    আরও পড়ুন: ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, বাড়ছে উদ্বেগও, কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা?

    বিমার টাকা মেলেনি কোভিড টিকাকরণের ক্ষেত্রেও। কোভিড -টিকা না নেওয়া থাকলে বা যথাযোগ্য শর্ত না মানা হলে বিমার টাকা দেওয়া যায়নি। হোটেলে বা কোনও বিশেষ কোরেন্টাইন সেন্টারে থাকলে বিমা সংস্থা সে টাকাও দিতে পারেনি। কারণ হাসপাতাল ছাড়া অন্য কোনও জায়গার টাকা মেটানো বিমা-বিধির আওতায় নয়।

    প্রসঙ্গত, দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের দাপট। যদিও শুক্রবারের তুলনায় শনিবার দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৪০ জন। শুক্রবারের থেকে ৮.১ শতাংশ কমল সংক্রমণ। এই মুহূর্তে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৯১ হাজার ৭৭৯। দৈনিক সুস্থতার হার ৪.৩৯ শতাংশ। এক দিনে ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। দেশে সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ।

     

LinkedIn
Share