Blog

  • Partha Chatterjee: ডিভিশন বেঞ্চে ধাক্কা পার্থর, সন্ধের মধ্যে সিবিআই দফতরে হাজিরা না দিলে আদালত অবমাননা?

    Partha Chatterjee: ডিভিশন বেঞ্চে ধাক্কা পার্থর, সন্ধের মধ্যে সিবিআই দফতরে হাজিরা না দিলে আদালত অবমাননা?

    মাধ্য়ম নিউজ ডেস্ক: ফের একবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তিতে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়।  সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু, মামলায় নির্দেশ দিতে অস্বীকার করে হরিশ ট্যান্ডনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। 

    এসএসসি নবম-দশম ও গ্রুপ-সি গ্রুপ-ডি দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ফের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আজ, বুধবার সন্ধে ছটার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরের হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশের বিরুদ্ধে রক্ষাকবচ চাইতে ডিভিশন বেঞ্চে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু, আদালত তাঁর সেই আবেদনের ভিত্তিতে কোনও নির্দেশ দিতে অস্বীকার করে। ফলে ডিভিশন বেঞ্চ থেকে কোনওরকম রক্ষাকবচ না মেলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল থাকল। মামলাকারীর আইনজীবীর দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যেই সিবিআই অফিসে হাজির হতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। না হলে, তা হবে আদালত অবমাননার সামিল।

    এর আগে সকালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, এদিন সন্ধে ৬টার মধ্যে সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজন সরকারি আধিকারিককে। ফলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মন্ত্রীর সুপারিশে গঠিত নিয়োগ সংক্রান্ত বিশেষ কমিটির পাঁচ সদস্যকে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার কথা। এমনকী তদন্তে সহযোগিতা না করলে মন্ত্রী-সহ বাকি আধিকারিকদের প্রয়োজনে গ্রেফতার করারও সবুজ সঙ্কেত দিয়ে রাখে আদালত।

    পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এদিন বিকেলের মধ্যে যাঁদের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়, তসেই তালিকায় রয়েছেন এসএসসি চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা, শিল্পমন্ত্রীর ওএসডি প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, ডেপুটি ডিরেক্টর অফ স্কুল অলোক সরকার, প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য এবং ল অফিসার তাপস পাঁজা। আগামীকাল, বৃহস্পতিবার দুপুর ২টোর মধ্যে আদালতে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

    “সিঙ্গল বেঞ্চের রায়ে কোনও ভুল নেই”, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বহাল সিবিআই তদন্ত

    পাশাপাশি, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে সুপারিশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি বলেন, “আমি মনে করি, মুক্ত ও স্বচ্ছ সমাজ গড়ার স্বার্থে পার্থ চট্টোপাধ্যায় পদত্যাগ করবেন বা তাঁকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এটা আমার অনুরোধ।” এর পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও জানান, “কাস্টোডিয়াল জিজ্ঞাসাবাদ ছাড়া এই দুর্নীতির পর্দা ফাঁস হবে না”। তবে নিজেই জানান, এটা শুধুমাত্র একটা সুপারিশ, কোনও নির্দেশ নয়।

    এর আগে ১২ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও সেবার ডিভিশন বেঞ্চ থেকে সেই নির্দেশের উপর স্থগিতাদেশ আনা হয়। মামলার উপরেও স্থগিতাদেশ আনা হয়। তারপর আজ, বুধবার ওই মামলাগুলির শুনানি হয়েছে ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রেখে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তারপরেই ফের সিঙ্গল বেঞ্চের তরফে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।  

    এদিকে, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে দায়ের হওয়া মূল ৭টি মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দফতরকে। সূত্রের খবর, ডিভিশন বেঞ্চের অর্ডার কপি দেখে সুপ্রিম কোর্টে মামলা ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতরের সঙ্গে ইতিমধ্যেই আইনজীবীদের আলোচনা শুরু হয়েছে। এই বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলেছেন দফতরের আধিকারিকদের সঙ্গে। আজই আইনজীবীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

     

     

  • Nitin Gadkari: ছবি তুলে পাঠালেই ৫০০ টাকা পুরস্কার! অবৈধ পার্কিং রুখতে দাওয়াই গড়কড়ির

    Nitin Gadkari: ছবি তুলে পাঠালেই ৫০০ টাকা পুরস্কার! অবৈধ পার্কিং রুখতে দাওয়াই গড়কড়ির

    মাধ্যম নিউজ ডেস্ক: অবৈধভাবে পার্ক করা গাড়ির ছবি তুললেই মিলবে কড়কড়ে ৫০০ টাকা। এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গড়কড়ি (Nitin Gadkari)। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে খানিকটা রসিকতার সুরে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাহলে কী এবার অবৈধ পার্কিং (Wrongly Parked Vehicle) নিয়ে নতুন কোনও আইন আনতে চলেছে কেন্দ্র? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। 

    নিতিন বলেন, “অবৈধভাবে পার্ক করা কোনও গাড়ির ছবি তুলে পাঠিয়ে দিলে, জরিমানার টাকা থেকে ছবির প্রেরককে ৫০০ টাকা দেওয়া হবে।” যদিও কথাটা মন্ত্রী হাসতে হাসতে রসিকতার সুরেই বলেছেন। কিন্তু এরপরেও এই নিয়ম নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

    আরও পড়ুন: ৭৫ কিমি রাস্তা তৈরি মাত্র ১০৫ ঘণ্টায়! গিনেস বুকে নাম তুলল NHAI

    গাড়ির অবৈধ পার্কিং নিয়ে এদিনের অনুষ্ঠানে বিরক্তি প্রকাশ করেন পরিবহণ মন্ত্রী। গড়কড়ি বলেন, “এমনও পরিবার আছে, যেখানে সদস্যপিছু একটি করে গাড়ি রয়েছে। কিন্তু পার্কিং স্পেস নেই। দিল্লিতেই যেমন, বড় বড় রাস্তার ধারেই গাড়ি দাঁড় করিয়ে সেটাকেই পার্কিং স্পেস বানিয়ে ফেলা হয়েছে। এখন সবারই একটি করে গাড়ি থাকা যেন বাধ্যতামূলক হয়ে গেছে।

    এমনকি চারজনের পরিবারের ৬টি গাড়ি আছে এমনও দেখা যায়।” কেন্দ্রীয় মন্ত্রী এও জানান, তাঁর রাধুনিরও দুটি সেকেন্ড হ্যান্ড গাড়ি রয়েছে। মন্ত্রী আরও বলেন, “আগে আমরা আমেরিকায় রাঁধুনিদের গাড়ি চালিয়ে আসতে দেখে অবাক হতাম। এখন ভারতেও একই অবস্থা।”  

    আরও পড়ুন: “‘ট্যুইটার কিনেছেন এবার…”, ইলন মাস্ককে কোন পরামর্শ দিলেন আদর পুনাওয়ালা?

    বৈধ পার্কিং স্পেসের পাশাপাশি এদিন ইলেকট্রিক গাড়ির পক্ষে সওয়াল করেন গড়কড়ি। তিনি বলেন, “এই ধরনের গাড়ি এলে তা পরিবেশের জন্যেও উপকারি এবং খরচও অনেক  কম।” করোনার সময় রাতারাতি দেশে গাড়ি বিক্রি কমে গেলেও ফের তা বাড়তে শুরু করেছে। দেখা গিয়েছে, ২০২১ সালের মে মাসের তুলনায় ২০২২ সালের মে মাসে অনেক বেশি গাড়ি বিক্রি হয়েছে দেশে।

    সম্প্রতি উজ্জয়িনীর সাংসদ অনিল ফিরোজিয়ার (Anil Firojiya) সঙ্গে এক চ্যুক্তি করেছেন এই কেন্দ্রীয় মন্ত্রী। ওজন কমালে উন্নয়ন খাতে প্রতি কেজিতে হাজার কোটি টাকা বরাদ্দ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নিতিন। মন্ত্রীর সেই প্রতিশ্রুতিকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়ে চার মাসে ১৫ কেজি ওজন কমিয়েছেন অনিল। ফলে প্রতিশ্রুতি মতো গড়কড়িকে উন্নয়ন খাতে ১৫ হাজার কোটি টাকা দিতে হবে।

    জানা গিয়েছে, গত ফেব্রুয়ারিতে উজ্জয়িনীর সাংসদ অনিল ফিরোজিয়াকে এই চ্যালেঞ্জ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। ওজন কমালে, উন্নয়ন খাতে প্রতি কেজিতে ১০০০ কোটি দেওয়ার কথা দিয়েছিলেন তিনি। চার মাসের মধ্য়ে চ্যালেঞ্জ সম্পূর্ণ করেছেন সাংসদ। ফেব্রুয়ারিতে তাঁর ওজন ছিল ১২৭ কেজি। জুন মাসের মধ্যে ১৫ কেজি ওজন কমিয়েছেন তিনি।  

    সাংসদ অনিল ফিরোজিয়া জানিয়েছেন, চ্যালেঞ্জ নিয়ে নিয়ম করে শরীরচর্চা করেছেন তিনি। সাইকেলিং, যোগাসনকে দৈনিক রুটিন বানিয়ে ফেলেছেন। স্বাস্থ্যকর খাওয়াদাওয়া করেছেন। নিজের লোকসভার উন্নয়নে এবার গড়কড়ির কাছে ১৫ হাজার কোটি টাকার দাবি জানাবেন উজ্জয়িনীর সাংসদ। 

    নিতিন গড়কড়ি তাঁর মজার এবং বুদ্ধিদীপ্ত কথাবার্তার জন্য জনপ্রিয়। এমনকি বিরোধীরাও তাঁর কথায় না হেসে থাকতে পারেন না। 

  • Primary TET: চাকরি গেল ২৬৯ জনের! প্রাথমিক টেট দুর্নীতি মামলাও গেল সিবিআই-এর কাছে

    Primary TET: চাকরি গেল ২৬৯ জনের! প্রাথমিক টেট দুর্নীতি মামলাও গেল সিবিআই-এর কাছে

    মাধ্যম নিউজ ডেস্ক: হাইকোর্টে আবারও মুখ পুড়ল মমতা (Mamata) প্রশাসনের। এবার ২০১৪ প্রাথমিক টেট (Primary TET) দুর্নীতি মামলাতেও এবার সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই মামলায় ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। 

    এদিন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganduly) বলেন, “২০১৭ সালে দ্বিতীয় নিয়োগ তালিকা বেআইনি। দ্বিতীয় নিয়োগ তালিকার ২৬৯ জনের নিয়োগ বেআইনি, তাই সিবিআই।” আজ বিকেল সাড়ে ৫টার মধ্যে এফআইআর দায়ের করে সিবিআইকে জিজ্ঞাবাসাদ শুরুর নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি আজই সিবিআই-এর সামনে প্রাথমিক শিক্ষা পর্ষদ সচিব ও সভাপতিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক টেট দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের উল্লেখ করা ‘রঞ্জন’ রহস্যের তদন্তভার ইতিমধ্যে সিবিআইকে দিয়েছে আদালত।

    আরও পড়ুন: এসএসসি দুর্নীতিতে কোটি কোটি টাকার লেনদেন! গেছে কার পকেটে? তদন্তে ইডি

    মামলাকারীদের অভিযোগ ছিল, ২০১৪ প্রাথমিক টেটে ২৬৯ জনকে অতিরিক্ত ১ নম্বর করে দিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ। কেন তারা এই অতিরিক্ত নম্বর দিয়েছে তার কোনও ব্যাখ্যা দিতে পারেননি সংসদের আধিকারিকরা। বিচারপতি আদালতে প্রশ্ন করেন, ২৩ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে বেছে বেছে এই ২৬৯ জনকে ১ নম্বর বেশি দেওয়া হল কেন? কোনও বিজ্ঞপ্তি ছাড়াই কীভাবে ২৬৯ জনের জন্য নিয়োগ তালিকা প্রকাশিত হল, সেই প্রশ্নও তোলেন তিনি৷

    জবাবে পর্ষদের আইনজীবী জানান, যোগ্যদের বঞ্চনা করা হয়েছে, এই অভিযোগে বিক্ষোভ আন্দোলন হয়। আন্দোলনকারীরা পর্ষদে আবেদন করেন। জেলা ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত টেট পরীক্ষার্থীদের কাছ থেকে আবেদন জমা পড়ে। সেই আবেদন থেকেই প্রশ্ন ভুলে ১ নম্বর করে যোগ করে ২৬৯ জন টেট উত্তীর্ণ হন। যদিও পর্ষদের আইনজীবীর এই যুক্তি মানতে চাননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ 

    এসএসসি দুর্নীতি মামলায় সিবিআইয়ের ডাকে ফের নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়

    এর পরই ওই ২৬৯ জনকে চাকরি থেকে বহিষ্কারের নির্দেশ দেন বিচারপতি। তাঁদের বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে তাঁরা যেন স্কুলে প্রবেশ করতে না পারেন তাও নিশ্চিত করতে বলা হয়েছে। রমেশ মালিক নামে এক টেট পরীক্ষার্থীর করা মামলার ভিত্তিতেই এ দিন এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷

     

  • Prophet Row: বেথুয়াডহরি স্টেশনে ভাঙচুর বিক্ষোভকারীদের, প্রতিবাদে ৭২-ঘণ্টা ব্যবসা বন‍্‍ধ

    Prophet Row: বেথুয়াডহরি স্টেশনে ভাঙচুর বিক্ষোভকারীদের, প্রতিবাদে ৭২-ঘণ্টা ব্যবসা বন‍্‍ধ

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়া, মুর্শিদাবাদের পর এবার নদিয়া।

    পয়গম্বর হজরত মহম্মদকে (Prophet) নিয়ে বিজেপির (BJP) প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্যের প্রতিবাদে গতকাল মিছিল বের হয়েছিল বেথুয়াডহরিতে (Bethuadahari)। সেই মিছিলই হিংসাত্মক রূপ নেয়। বেথুয়াডহরি স্টেশনে ট্রেনে ভাঙচুর চালানো হয়। একটি মিছিলের পর হঠাৎ করেই ভাঙচুর শুরু হয় বলে দাবি স্থানীয়দের।

    বেথুয়াডহরি হাসপাতালের সামনে এবং ৩৪ নম্বর জাতীয় সড়কেও ভাঙচুর করা হয়। বাদ যায়নি দোকান ও বাড়িও। এই ঘটনার পরেই পরিস্থিতি সামলাতে নাকাশিপাড়া ব্লকে রবিবার রাত থেকে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ট্রেনে ভাঙচুর ও গণ্ডগোলের অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। বেথুয়াডহরি স্টেশনে বিপুল সংখ্যায় মোতায়েন করা হয় জিআরপি (GRP)।

    আরও পড়ুন: হাওড়ায় ‘ফেল’ দুই পুলিশকর্তার কলকাতায় ‘প্রোমোশন পোস্টিং’!

    অবরোধের জেরে আপ রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জার আটকে পড়ে। বেথুয়াডহরি স্টেশনের বাইরে দাঁড়িয়ে পড়ে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। অবরোধের জেরে রানাঘাট লালগোলা শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। অবরোধের জেরে বেথুয়াডহরি স্টেশনে দু’টি ট্রেন আটকে পড়ে।

    অন্য দিকে স্টেশন সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। টায়ার জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ। এর ফলে কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের সংযোগের প্রধান রাস্তা পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে। রাস্তায় দাঁড়িয়ে পড়ে একের পর এক বাস, ট্রাক, গাড়ি। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

    আরও পড়ুন: সুকান্তর পর শুভেন্দু! এবার হাওড়া যাওয়ার পথে বিরোধী দলনেতাকে আটকাল পুলিশ!

    এর প্রতিবাদে এবার বড় পদক্ষেপ স্থানীয় ব্যবসায়ী সমিতির। প্রতিবাদের নামে বিক্ষোভকারীদের তাণ্ডবের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী সমিতি ৭২ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক দেন বেথুয়াডহরিতে। 

    [tw]


    [/tw]

    বিতর্কিত মন্তব্যের আঁচ পড়ে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাসনাবাদেও। সোমবার সকালে শিয়ালদা হাসনাবাদ শাখায় কাজিপাড়া স্টেশনে ট্রেন অবরোধ করেন বিক্ষোভকারীরা। এর জেরে সপ্তাহের প্রথম দিনই সকালের ব্যস্ত সময়ে শিয়ালদা-হাসনাবাদ শাখায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বিপর্যস্ত হয়। মিনিট ২০ পর অবরোধ ওঠে।

    এদিকে, সোমবারেও মুর্শিদাবাদে দেখা গেল চাপা উত্তেজনা। নূপুর শর্মার গ্রেফতারের দাবিতে কয়েক হাজার ইসলাম ধর্মীয় মানুষ বিশাল প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন বড়ঞায়। তবে মিছিল চললেও অবরোধ কর্মসূচি ও অন্য কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো জন্য বড়ঞা থানার পক্ষ থেকে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। 

  • BJP Inquiry Committee: নবান্ন অভিযানের পুলিশি অত্যাচারের তদন্তে বিশেষ কমিটি গঠন বিজেপির

    BJP Inquiry Committee: নবান্ন অভিযানের পুলিশি অত্যাচারের তদন্তে বিশেষ কমিটি গঠন বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: নবান্ন অভিযানে (Nabanna Chalo campaign) দলের কর্মীদের বিরুদ্ধে পুলিশের আচরণে বেশ কিছুদিন ধরেই সরব গেরুয়া শিবির (BJP)। এবার এ বিষয়ে আরও বড় পদক্ষেপ নিল বিজেপি। বিজেপি হেড কোয়ার্টার থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে দোষী পুলিশ আধিকারিকদের শাস্তি দাবি করা হয়েছে। পাশাপাশি, এই ঘটনার তদন্তের জন্যে পাঁচ জনের একটি বিশেষ কমিটি (BJP Inquiry Committee) গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে দিল্লিতে ফিরে রিপোর্ট জমা দেবে। কমিটিটি গঠন করেছেন দলের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। ওই কমিটিতে আছেন, বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, লোকসভার সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠৌর, অপরাজিতা ষড়ঙ্গী, পাঞ্জাবের বিজেপি নেতা সুনীল জাখর এবং রাজ্যসভার সাংসদ সুনীল ওঁরাও। ঘটনাস্থল পরিদর্শন করে তাঁরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখে তথ্য সংগ্রহ করবেন। সেই রিপোর্ট তাঁরা তুলে দেবেন নাড্ডার হাতে। বিজেপির সোশ্যাল মিডিয়া হেড অমিত মালব্য (Amit Malviya) বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন। 

    আরও পড়ুন: ‘‘রাজ্যটাকে উত্তর কোরিয়া বানিয়ে দিয়েছেন ‘লেডি কিম’…’’, মমতাকে আক্রমণ শুভেন্দুর

     

     

    আরও পড়ুন: আহত পুলিশকর্তাকে ফোন করে খোঁজ নিলেন সুকান্ত, বললেন ‘‘উনিও তো মানুষ…’’

    ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া এবং কলকাতা। হাওড়ার সাঁতরাগাছি, হাওড়া ময়দান থেকে হাওড়া ব্রিজে ব্যারিকেড করে পুলিশ নবান্নমুখী বিজেপির মিছিল আটকালে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে আহত হন বিজেপি-কাউন্সিলর-সহ কয়েকজন নেতা-কর্মী। আহত হন পুলিশ কর্মীরাও। পুলিশের কাঁদানে গ্যাস, জল কামান, লাঠিচার্জ, নবান্ন অভিযান যেন এক টান টান সিনেমা। অভিযানের শুরুতেই আটকানো হয় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের নেতৃত্বে হওয়া দুই মিছিল। সকাল থেকে সন্ধ্যে অবধি যেন যুদ্ধক্ষেত্রের রূপ নেয় দুই শহর। বিজেপির পক্ষ থেকে পুলিশের শাস্তির দাবি করা হয়েছে। একইসঙ্গে অনুসন্ধান কমিটি গঠন করেছে বিজেপির কেন্দ্রীয় দল। অনুসন্ধান করে রিপোর্ট তলব করা হয়েছে।     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Vitamin C: রোজ ভিটামিন সি গ্রহণ করছেন? সাবধান! অতিরিক্ত ভিটামিন সি ডেকে আনতে পারে বিপদ

    Vitamin C: রোজ ভিটামিন সি গ্রহণ করছেন? সাবধান! অতিরিক্ত ভিটামিন সি ডেকে আনতে পারে বিপদ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভিটামিন সি Vitamin C) আমাদের শরীরের জন্য অতি প্রয়োজনীয় একটি ভিটামিন। পুষ্টির অভাব, ভুল খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনযাপনসহ নানা কারণে শরীরে ভিটামিন সি এর অভাব দেখা দিতে পারে। ফলে ভিটামিন সি যুক্ত খাবার ডায়েটে রাখা উচিত। কারণ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ত্বক ও চুলের যত্নেও এর জুড়ি নেই। ভিটামিন সি এর অভাবে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

    অনেকে আবার করোনা (Corona) আবহের থেকে ভিটামিন সি-এর ট্যাবলেট খেতে শুরু করেছেন ও রোজই খাচ্ছেন। ফলে এক্ষেত্রে দেখা দিতে পারে কিছু সমস্যা। কারণ মনে রাখতে হবে যে কোনও ভিটামিনই অতিরিক্ত খাওয়া শরীরে খারাপ প্রভাব ফেলে। তাই এটা কখনওই ঠিক নয় যে ভিটামিন যত খাবেন তত ভালো। ফলে ভিটামিন সি খাওয়ার যেমন উপকারিতা রয়েছে, তেমন আছে ক্ষতিকর প্রভাবও।

    ভিটামিন সি-এর উপকারিতা-

    অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি

    বিশেষজ্ঞদের মতে, ভিটামিন সি একটি কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ফ্রি র‌্যাডিক্যাল নামক ক্ষতিকারক কণাগুলিকে দূর করে। এটি আঘাত বা সংক্রমণের পর দীর্ঘমেয়াদী প্রদাহের কারণে সৃষ্ট অক্সিডেটিভ স্ট্রেস কমায়।

    ইমিউন সিস্টেমকে সাহায্য করে

    ভিটামিন সি রোগ সংক্রমন থেকে দূরে রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, রোগ কমাতে সাহায্য করে।

    আরও পড়ুন: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান? জানুন কী কী খাবেন

    ক্যান্সার প্রতিরোধ

    ভিটামিন সি-এর অভাবজনিত লোকেদের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে৷ ভিটামিন সি ক্যান্সার রোগীদের জন্যও সহায়ক। বিশেষজ্ঞদের মতে, ভিটামিন সি অগ্ন্যাশয়, খাদ্যনালী এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

    ভিটামিন সি অতিরিক্ত খেলে কী কী হতে পারে?

    কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায়

    ভিটামিন সি-তে অক্সালেটস রয়েছে। তা থেকে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রতিদিন ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেওয়া হয় না।

    পাকস্থলীর সমস্যা

    দীর্ঘদিন ধরে বেশি মাত্রায় ভিটামিন সি খেলে শরীরে  তা জমা হতে পারে এবং পেটে ব্যথা, বমি, অম্বল এবং ডায়রিয়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে৷

  • Rahul Gandhi: ন্যাশনাল হেরাল্ড মামলায় ম্যারাথন জেরা রাহুলকে, আজ ফের তলব

    Rahul Gandhi: ন্যাশনাল হেরাল্ড মামলায় ম্যারাথন জেরা রাহুলকে, আজ ফের তলব

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা ১০ ঘণ্টার বেশি জেরা করা হল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ ছেড়ে দেওয়া হয় তাঁকে। মঙ্গলবার ফের ইডি (Ed) দফতরে তলব করা হয়েছে রাহুলকে।

    ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) সোমবার রাহুলকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রথম দফায় জেরা করা হয় টানা তিন ঘণ্টা।দ্বিতীয় দফায় সাত ঘণ্টারও বেশি। রাহুলের ইডি দফতরে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে এদিন পথে নেমে পড়ে কংগ্রেস। বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে অবস্থান-বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেস কর্মীদের আটকাতে ধরপাকড় শুরু করে পুলিশ। ঘটনার জেরে দিল্লির বিভিন্ন রাস্তা কার্যত হয়ে ওঠে রণক্ষেত্র। যদিও পরিস্থিতি সামাল দিতে এদিন সকাল থেকেই রাহুল গান্ধীর বাসভবন, কংগ্রেস সদর দফতর এবং ইডি দফতরের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

    আরও পড়ুন : রাজনৈতিক ছাড়পত্র ছাড়াই লন্ডন গিয়েছিলেন রাহুল গান্ধী?

    সূত্রের খবর, এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরার বাড়িতে পৌঁছান রাহুল। সেখান থেকে দুজনে এসে পৌঁছান কংগ্রেসের সদর দফতরে। পরে কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে মিছিল করে, পায়ে হেঁটে ইডি দফতরের দিকে রওনা দেন রাহুল। কিছুটা দূরেই মিছিল আটকে দেয় দিল্লি পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বুকের হাড়ে চিড় ধরেছে বলে দাবি কংগ্রেসের। কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা বলেন, চিদম্বরমের হাড় ভেঙেছে। ২০১৫ সালে এই মামলা বন্ধ করেছিল ইডি। এখন বিজেপির কাছে কিছু না থাকায় ভিতু মোদি সরকার এই ধরনের অঘোষিত জরুরি অবস্থা জারি করছে।

    আরও পড়ুন : কাঠমান্ডুর নাইটক্লাবে রাহুল গান্ধীর ভিডিও ভাইরাল, নিন্দায় সরব বিজেপি

    এদিন প্রথম দফার জেরা শেষে ইডি দফতর থেকে বেরিয়ে রাহুল হাসপাতালে যান করোনা সংক্রমিত সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে। ফের যান ইডি দফতরে। শুরু হয় দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি বলেন, কংগ্রেসের তরফে যে প্রতিরোধ করা হচ্ছে, এটা দেশের গণতন্ত্র নয়। কংগ্রেসের গান্ধী পরিবারের দু হাজার কোটি টাকার সম্পত্তি বাঁচানোর প্রয়াস।

     

  • Thanjavur Temple News: তামিলনাড়ুতে ধর্মীয় শোভাযাত্রায় তড়িদাহত হয়ে ১১ জনের মৃত্যু

    Thanjavur Temple News: তামিলনাড়ুতে ধর্মীয় শোভাযাত্রায় তড়িদাহত হয়ে ১১ জনের মৃত্যু

    মাধ্যম নিউজ ডেস্ক: রথে করে দেবীর মূর্তি নিয়ে শোভাযাত্রায় বেরিয়ে তড়িদাহত হয়ে মারা গেলেন ১১ জন। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশুও। আহত হয়েছেন বেশ কয়েক জন। বুধবার ভোরে তামিলনাড়ুর থাঞ্জাভুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

    প্রতি বছরই এই সময়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পুলিশ জানিয়েছে, বিপদ এড়ানোর জন্য ওই রথযাত্রা চলাকালীন সাধারণত বিদ্যুৎ সরবরাহকারী তারের সংযোগ বিচ্ছিন্ন করা থাকে৷ কিন্তু এবার রথের উচ্চতা বেশি না হওয়ায় সেটি তার পর্যন্ত পৌঁছবে না ভেবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি৷ কিন্তু রথ সাজানোর সময় সেটির উচ্চতা বেড়ে যায়৷ যার পরিণতিতে সেটি বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার সময়ের একটি ভিডিওতে দেখা গিয়েছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে গোটা রথটিই পুড়ে গিয়েছে৷

    পুলিশ সূত্রে খবর, ভোররাতে কালিমেড়ু গ্রামের আপ্পার মন্দিরের কাছে গলির মুখে বাঁক নেওয়ার সময় একটি হাইটেনশন বৈদ্যুতিক তারের সঙ্গে ঘষা লাগে শোভাযাত্রা নিয়ে বেরনো রথটির। মুহূর্তে পুরো রথটি তড়িদাহত হয়ে পড়ে।

    [tw]


    [/tw]

    রথের মধ্যে উপস্থিত ছিলেন কিছু ভক্ত। শিশু-সহ মোট ১১ জনের মৃত্যু হয় ওই ঘটনায়। আহতের সংখ্যা ১৫। পুলিশ জানিয়েছে, আহতদের থাঞ্জাভুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিজনকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর৷ আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন নিহতদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা করে দেওয়ার কথা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

     

  • Hindu Rituals: বাড়িতে তুলসী মঞ্চ সঠিক নিয়মে রেখেছেন তো? নয়তো হতে পারে অমঙ্গল!

    Hindu Rituals: বাড়িতে তুলসী মঞ্চ সঠিক নিয়মে রেখেছেন তো? নয়তো হতে পারে অমঙ্গল!

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু শাস্ত্র মতে তুলসি পাতা ও তুলসি গাছ খুবই পবিত্র। দেব-দেবীর পুজোয় তুলসি পাতা ব্যবহার করা হয়। তুলসি গাছের যেমন অলৌকিক গুণ আছে তেমনই ভেষজ বিদ্যায় তুলসী গাছ ও পাতার গুরুত্ব অপরিসীম।

    হিন্দুধর্মে তুলসী গাছকে দেবী হিসেবে পুজো করা হয়। তুলসীকে লক্ষীর অবতার বলে মনে করা হয়। পুরাণে বলা আছে, যে বাড়িতে তুলসী গাছ রয়েছে এবং নিয়মিত তার পুজো করা হয়, সেই বাড়িতে কখনও হঠাৎ শোকের ছায়া নামে না। সেই সংসার সব সময় সুখ শান্তি থাকে। 

    বাড়িতে তুলসী মঞ্চ রাখার বা তুলসী গাছে জল ঢালার সঠিক কিছু নিয়ম বা মন্ত্র আছে। যদি সেই সঠিক নিয়মে মেনে চলা যায়, তা হলে বাড়িতে কোনও বিপদ সহজে আসতে পারবে না। অন্যথায় হতে পারে অমঙ্গল।

    আরও পড়ুন: বাড়িতে শঙ্খ আছে! সঠিক ব্যবহারের নিয়ম জানেন তো?

    বাড়িতে তুলসী গাছ ও তুলসী মঞ্চ রাখার সঠিক নিয়ম যা মানতেই হবে—

    • বাড়িতে বেশ কিছুটা উঁচু স্থানে তুলসী গাছ রাকা দরকার। চলার পথের থেকে কিছুটা উঁচুতে। কোনও মঞ্চের উপর থাকলে তা আরও ভাল।
    • তুলসী গাছ বাড়িতে রাখলে তবে তার প্রতিদিন পুজো করতে হবে, তাতে জল ঢালতে হবে। প্রতি সন্ধ্যেবেলায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালতে হবে।
    • তুলসী মঞ্চ সবসময় পরিষ্কার রাখতে হবে। অন্য কোনও গাছ তুলসী মঞ্চে রাখা চলবে না। 
    • তুলসী গাছ সব সময় বিজোড় সংখ্যায় রাখতে হবে। যেমন-তিনটি, পাঁচটি। এই গাছের পাশে কোনও কাঁটা জাতীয় গাছ রাখা যাবে না।
    • সন্ধ্যের পর তুলসী গাছ স্পর্শ করা যাবে না। এমনকি, সন্ধ্যা বাতি দেওয়ার পর আর তুলসী গাছ স্পর্শই করা যাবে না।
    • এছাড়া বিশেষ কিছু তিথিতে তুলসী পাতা তোলা যাবে না। একাদশী, সূর্যগ্রহণ এই দিনগুলিতে কোনও ভাবেই তুলসী পাতা ছেঁড়া চলবে না।
    • তুলসী গাছ সব সময় উত্তর-পূর্ব দিকে রাখতে হবে। একইসঙ্গে তুলসি গাছের নীচে একটি শালগ্রাম শিলা পাথর রাখুন।
    • শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয়। তাই যে বাড়িতে তুলসির সঙ্গে শালগ্রাম শিলা থাকে সেই বাড়িতে কখনও টাকার অভাব হয় না।
    • তুলসী গাছ শুকিয়ে গেলে বা মরে গেলে যেখানে সেখানে না ফেলে কোনও জলাশয়ে ফেলতে হবে।
    • বাস্তুতে কখনোই মরা তুলসী গাছ রাখা চলবে তা। তা খুবই অমঙ্গলজনক বা অশুভ।
    • ভাইরাস বা যে কোনও সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিদিন ২টি করে তুলসী পাতা খান। 
    • এই কয়েকটি নিয়ম মেনে যদি বাড়িতে তুলসী গাছ রাখতে পারেন, তবে সহজেই সংসারে ফিরে আসবে সুখ ও সমৃদ্ধি।

    আরও পড়ুন: ঘরের সামনে ঝুলছে লেবু লঙ্কা! আছে আশ্চর্য এক বৈজ্ঞানিক ব্যাখ্যা

  • Terror funding case: জঙ্গি দমনে কঠোর এনআইএ, উপত্যকার বিভিন্ন জায়গায় তল্লাশি 

    Terror funding case: জঙ্গি দমনে কঠোর এনআইএ, উপত্যকার বিভিন্ন জায়গায় তল্লাশি 

    মাধ্যম নিউজ ডেস্ক: জঙ্গি দমনে উপত্যকার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। উত্তর কাশ্মীরে ক্রমবর্ধমান সন্ত্রাস ঠেকাতেই এদিন জম্মু-কাশ্মীর পুলিশ এবং এনআইএ শ্রীনগরের বেশ কিছু অঞ্চলে যৌথ অভিযান চালায়।  সন্ত্রাসে অর্থ যোগানো মামলার জেরেই এই তল্লাশি চলছে বলে আধিকারিক সূত্রে খবর।

    এদিন এনআইএ  শ্রীনগরের ৩টি জায়গায় তল্লাশি চালিয়েছে। বুধবারও তল্লাশি অভিযান চলেছিল বারামুলা ও হান্দওয়াড়ায়। তল্লাশি অভিযানে প্রচুর তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে বলে সূত্রের খবর। বেশ কিছু মোবাইল ফোন, ল্যাপটপও আটক করা হয়েছে। তল্লাশি অভিযানে এনআইএ-এর সঙ্গে ছিল সিআরপিএফ (CRPF) এবং রাজ্য পুলিশ। পাক-অধিকৃত কাশ্মীরের (Pakistan Occupied Kashmir) সঙ্গে ব্যবসায়ী যোগ রয়েছে, এমন অনেক জায়গায়  তল্লাশি চালানো হয়।

    আরও পড়ুন: জেএমবি জঙ্গি-যোগের খোঁজে ৩ রাজ্যে হানা এনআইএ-র

    অভিযোগ, সীমান্ত পেরিয়ে অস্ত্র তো ঢুকছেই, উপত্যকার জঙ্গিদের কাছে আর্থিক সাহায্যও পৌঁছে যাচ্ছে সঠিক সময়। সন্ত্রাসে আর্থিক মদত দিচ্ছে কারা বা কোন সংগঠন, খোঁজ করতেই এদিন সকালে জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। গোয়েন্দাদের অনুমান, উপত্যকায় অশান্তি জিইয়ে রাখতে টাকা পাঠাচ্ছে পাক জঙ্গিরা। বিশেষত, লস্কর-ই-তৈইবা। ২০০৮ সাল থেকেই এই অভিযোগের তদন্তে নেমেছে এনআইএ।  জম্মু-কাশ্মীরের পাশাপাশি দিল্লি,হরিয়ানা-সহ বিভিন্ন রাজ্যেও  তল্লাশি চালিয়েছে এনআইএ। 

    সূত্রের খবর, উপত্যকা জুড়ে জঙ্গি নিকেশ অভিযানে আগ্রাসী মনোভাব নিয়ে চলছে কেন্দ্র সরকার। জানুয়ারি থেকে জুন। ২০২২-এর প্রথম ছ’মাসেই জম্মু ও কাশ্মীরে শতাধিক জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। তার মধ্যে অন্তত ৩০ জন পাকিস্তানি জঙ্গি। ভারতীয় সেনা সূত্রে খবর, এখনও কাশ্মীর উপত্যকায় অন্তত ১৫৮ জন জঙ্গি লুকিয়ে আছে। তাদের সন্ধানে চলছে চিরুনি তল্লাশি। সূত্রের খবর, এই মুহূর্তে আত্মগোপন করে থাকা জঙ্গিদের মধ্যে অধিকাংশই লস্কর-ই-তৈবার। তাদের মতে ৮৩ জন লস্কর জঙ্গি উপত্যকায় লুকিয়ে। আসন্ন অমরনাথ যাত্রায় বিঘ্ন ঘটানোই জঙ্গিদের লক্ষ্য বলেও গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে।

LinkedIn
Share