Blog

  • AFC Asian Cup: হংকংকে ৪-০ গোলে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বে ভারত

    AFC Asian Cup: হংকংকে ৪-০ গোলে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) মূলপর্বে পৌঁছে গেল ভারত। বৃষ্টিস্নাত যুবভারতী স্টেডিয়ামে (Yuba Bharati Krirangan) হংকংকে ৪-০ গোলে হারিয়ে দাপটের সঙ্গে ম্যাচ জিতলেন সুনীল ছেত্রীরা।

    একদিকে প্রকৃতির তাণ্ডব, অন্যদিকে ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) ঝড়। এই জোড়া ধাক্কায় শুরু থেকেই বেসামাল হয়ে পড়ে হংকং (Hong Kong)। পরপর দুই ম্যাচ জেতায় ম্যাচের আগে তাদের শক্তিশালী মনে হয়েছিল। কিন্তু এদিন সুনীল ছেত্রী (Sunil Chhetri), আনোয়ার আলি (Anwar Ali), মনবীর সিং (Manvir Singh)-দের সামনে দাঁড়াতেই পারল না হংকং। একাধিক সুযোগ নষ্ট না হলে এবং বারপোস্ট বাধা হয়ে না দাঁড়ালে ব্যবধান বাড়তেই পারত। গ্রুপের শীর্ষস্থানে থেকেই  এশিয়ান কাপে (2023 AFC Asian Cup) খেলতে যাবে ভারত।

    এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে প্যালেস্তাইন ৪-০ ব্যবধানে হারিয়ে দেয় ফিলিপিন্সকে। ফলে এশিয়ান কাপে ভারতের যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু হংকংয়ে হারিয়ে গ্রুপে সবার উপরে থাকায় মূল পর্বের ড্র হওয়ার সময় কিছুটা সুবিধা পাবেন সুনীল ছেত্রীরা।

    আরও পড়ুন: ঘর নেই বাংলার ফুটবল ক্যাপ্টেনের

    এদিন ম্যচ শুরুর দু’মিনিটের মাথায় ছোট কর্নার নিয়েছিলেন রোশন নাওরেম। বল উড়ে আসে বক্সে। ভারতের কেউ হেড করতে পারেননি। জটলার মধ্যে থেকে হংকংয়ের ডিফেন্ডাররাও বল বিপদমুক্ত করতে পারেননি। বল এসে পড়ে আনোয়ারের পায়ে। ফাঁকায় একটু জায়গা পেয়ে আচমকাই শট নেন আনোয়ার। বল জড়ায় জালে। 

    গোল করার পরেও ভারত আক্রমণ জারি রেখেছিল। এক বার সামাদের বাঁ পায়ের জোরাল শট বারে লেগে ফিরে আসে। হংকংও আক্রমণে ওঠে। চলতে থাকে আক্রমণ-প্রতিআক্রমণ। তবে প্রথমার্ধের একদম শেষে গোল করেন সুনীল ছেত্রী। মাঝ মাঠ থেকে ভাসানো বল ডান পায়ে রিসিভ করেন। বাঁ পায়ের ছোট টোকায় গোলকিপারকে টপকে বল জালে জড়ান। এটি ভারত অধিনায়কের দেশের জার্সিতে করা ৮৪তম গোল। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ভারত।

    বৃষ্টির জন্য মাঠ একটু পিচ্ছিল থাকায় বল পাসিংয়ে কিছুটা সুবিধা হয়ে যায় ভারতের। ইগর স্তিমাচের ছেলেরা সেই সুযোগেই বাজিমাত করে দেয়। দক্ষতাতেও হংকংয়ের ফুটবলারদের টেক্কা দেন সুনীলরা। আগের ম্যাচের মতো এ দিনও সুনীল উঠে যাওয়ার পরে গোল পায় ভারত। ডান দিক থেকে ব্রেন্ডন ফার্নান্দেস পাস দিয়েছিলেন বক্সে। চলতি বলে শট নিয়ে জালে জড়ান এটিকে মোহনবাগানের তরুণ ফুটবলার মনবীর সিং। সংযোজিত সময়ে প্রতি আক্রমণ থেকে গোল করেন তরুণ ফুটবলার ঈশান পন্ডিতা।

    তবে দিনের সেরা বগোলটা বোধহয় করে গেলেন ঈশান পণ্ডিতা। খেলার তখন শেষ কয়েক সেকেন্ড চলছে। ডান দিক থেকে পাস বাড়িয়েছিলেন মনবীর। হংকংয়ের দুই ডিফেন্ডারকে বুদ্ধিতে বোকা বানিয়ে ব্যাক ফ্লিকে বল জালে জড়ালেন পণ্ডিতা। এদিন প্রায় ৬০ হাজার দর্শক মাঠে এসেছিল। ভারত জেতায় খুশি মনেই ঘরে ফেরেন তাঁরা।

     

  • Modi in Japan: বাঃ! কোথা থেকে শিখলে?  জাপানি শিশুর হিন্দিতে মুগ্ধ মোদি

    Modi in Japan: বাঃ! কোথা থেকে শিখলে? জাপানি শিশুর হিন্দিতে মুগ্ধ মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: অনেকক্ষণ ধরে হোটেলের লবিতে অপেক্ষা করছিলেন একদল খুদে। কারোর হাতে আঁকা ভারতের পতাকা, পাশে দেশনেতার ছবি। কারোর হাতে ভারতের (India) মানচিত্র। অবশেষে নামলেন তিনি। ‘মোদি মোদি’ ধ্বনিতে ভরে উঠল চত্বর। সাদরে সকলকে গ্রহণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। সকলের আগে এগিয়ে গেলেন তাঁর প্রিয় শিশুদের কাছেই। জাপানি বালকের হিন্দি শুনে মুগ্ধ হলেন মোদিও।

    কোয়াড শীর্ষ সম্মেলনে (QUAD Summit) যোগ দিতে সোমবার দু’দিনের সফরে জাপান (Japan) গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টোকিওর (Tokyo) হোটেলে পৌঁছতেই ভিড়ের মধ্য থেকে এগিয়ে এসে হঠাতই তাঁর সঙ্গে হিন্দিতে কথা বলতে শুরু করে পঞ্চম শ্রেণির ছাত্র রিতসুকি কোবাশি (Ritsuki Kobayashi)। নিজের আঁকা ছবি ও ভারত-বন্দনা নিয়ে মোদির সামনে হাজির হন রিতসুকি। জাপানের এই শিশুটিকে হিন্দিতে কথা বলতে দেখে প্রধানমন্ত্রীর পাশাপাশি সকলেই হতবাক হয়ে পড়েন। বিস্মিত হয়ে যান প্রধানমন্ত্রীও। পরমুহূর্তেই তাকে জিজ্ঞাসা করেন, “বাঃ!  এত ভালো হিন্দি তুমি কোথা থেকে শিখলে? কিভাবে এত সুন্দর হিন্দিতে কথা বলছ তুমি?” ওই ছাত্রের কথা এবং আঁকা দেখে মুগ্ধ হয়ে তাকে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন মোদি। 

    [tw]


    [/tw]

    ভারতের প্রধানমন্ত্রীর অটোগ্রাফ পেয়ে খুশি জাপানি কিশোর রিতসুকিও। তার কথায়, “আমি খুব ভাল হিন্দি বলতে পারি না। তবুও উনি আমার সঙ্গে কথা বলেছেন। আমার লেখাও পড়েছেন। তাই আমি ভীষণ খুশি।” শুধু রিতসুকি নয়, সেই সময় সেখানে উপস্থিত অন্য জাপানি শিশুদের সঙ্গেও কথা বলেন মোদি। 

    [tw]


    [/tw]

    শিশু-সঙ্গ বরাবরই পছন্দ মোদির। সম্প্রতি জার্মান সফরেও ছোটদের সঙ্গে মন খুলে গল্প করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। সেখানে একটি ছোট মেয়ের হাতে আঁকা নিজের ছবি দেখে মন ভরে গিয়েছিল মোদির। তার গাল টিপে আদরও করেছিলেন। আরেক খুদের গান শুনে মুগ্ধ হয়েছিলেন। ছোট শিল্পীর দেশাত্মবোধক গানে তুড়ি দিয়ে তাল দিতেও দেখা গিয়েছিল মোদিকে। হাততালি দিয়ে তাকে সাধুবাদ জানিয়েছিলন। ছবিও তুলেছিলেন তার সঙ্গে।

    আরও পড়ুন: ঢোল বাজালেন প্রধানমন্ত্রী, তাল দিলেন গানে, জার্মানিতে হালকা মেজাজে মোদি

  • IPL Hardik: শামির উপর মেজাজ হারিয়ে সমর্থকদের রোষের মুখে হার্দিক

    IPL Hardik: শামির উপর মেজাজ হারিয়ে সমর্থকদের রোষের মুখে হার্দিক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমবার কোনও দলের অধিনায়কত্ব করছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চলতি আইপিএলে (IPL 2022) গুজরাত টাইটান্সের(gujrat titans নেতা তিনি। কিন্তু মাঠে সতীর্থদের একটু ভুল-ত্রুটি হলেই তাঁদের উপর চটে যাচ্ছেন হার্দিক। সিনিয়রদের সঙ্গে তাঁর আচরণের জন্য সোশ্যাল সাইটে সমালোচিত হচ্ছেন জাতীয় দলের এই ক্রিকেটার। 
    সানরাইজার্স হায়দরাবাদের(Sunrisers Hyderabad) কাছে হারের পরে এ বার বিতর্কের মুখে পড়েছেন তিনি। অভিযোগ, মাঠের মধ্যেই সতীর্থ মহম্মদ শামিকে (Mohammed Shami) কটূক্তি করেছেন তিনি। সেই কারণে হার্দিকের উপরে ক্ষুব্ধ গুজরাতের (Gujarat titans) সমর্থকরাই। দলের অধিনায়কের কাছে এই আচরণ মেনে নিতে পারছেন না তাঁরা।

    [tw]


    [/tw]
    এদিন ঠিক কী হয়েছিল মাঠের মধ্যে? ম্যাচের ১৩তম ওভারে বল করতে আসেন হার্দিক। তাঁকে পর পর দু’টি ছক্কা মারেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরেই রাহুল ত্রিপাঠি থার্ডম্যান অঞ্চলে একটি বল উঁচু করে মারেন। থার্ডম্যানে ফিল্ডিং করছিলেন শামি। তিনি ক্যাচ ধরার চেষ্টা করেননি। তাতেই বিরক্ত হন হার্দিক। শামির উদ্দেশে চিৎকার করে কিছু বলতে শোনা যায় তাঁকে। শামিও খানিকটা হতভম্ব হয়ে যান।
    প্রথম বার আইপিএল খেলতে নেমে শুরুটা খুব ভাল হয়েছিল গুজরাতের। পর পর তিন ম্যাচ জেতেন হার্দিকরা। কিন্তু এদিন উইলিয়ামসনের অর্ধশতরান ও শেষ দিকে নিকোলাস পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নেয় হায়দরাবাদ।

    [tw]


    [/tw]
    এটাই প্রথম নয় এর আগে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে সতীর্থ ডেভিড মিলারের সঙ্গেও খারাপ আচরণ করেন হার্দিক। শেষ ওভারে মিলার রান আউট হয়ে গেলে মেজাজ হারান গুজরাত অধিনায়ক। বারবার খেলার মাঠ সতীর্থ বা সিনিয়রদের উপর হার্দিকের মেজাজ হারানোর ঘটনা ভাল চোখে দেখছেন না সমর্থকেরা। এক ভারতীয় ক্রিকেটপ্রেমীর টুইট, ‘ প্রিয় হার্দিক, তুমি বাজে অধিনায়ক। সতীর্থদের সঙ্গে চিৎকার করা বন্ধ কর, বিশেষ করে, শামির মতো সিনিয়র কারও সঙ্গে।’ আরেকজনের টুইট, ‘হার্দিক পান্ডিয়ার মহম্মদ শামির সঙ্গে চিৎকার করার দৃশ্যটি অসম্মানজনক। শামি ভারতীয় দলের জন্য যা করেছে, পান্ডিয়া তার অর্ধেকও করতে পারেনি’। শামির মতো ক্রিকেটারের এই অসম্মান প্রাপ্য নয়। তাঁকে বুঝতে হবে দলে সিনিয়রদের সম্মান করতে হয়। না হলে দলের ভারসাম্য নষ্ট হতে পারে বলেই অভিযোগ সমর্থকদের।

  • WhatsApp Communities: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, একটি কলে যোগ দিতে পারবে ৩২ জন

    WhatsApp Communities: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, একটি কলে যোগ দিতে পারবে ৩২ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও আকর্ষণীয় হতে চলেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। আগামী মাসের জন্য কিছু নতুন আপডেট ঘোষণা করেছে কোম্পানি। এই নতুন ফিচারের মাধ্যমে বদলে যাবে গ্রুপে আলোচনার ভাবনা। 
    WhatsApp Communities: মেটা-র অধীনস্থ হোয়াটসঅ্যাপ সম্প্রতি কমিউনিটি (WhatsApp Communities) নামের নতুন ফিচারের কথা খোলসা করেছে। এর মাধ্যমে বিভিন্ন গ্রুপকে একই ছাতার তলায় আনতে পারবে সংশ্লিষ্ট গ্রুপগুলির অ্যাডমিনরা। 

    এর পাশাপাশি চ্যাটিংয়ে (whatsapp chat) কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। কমিউনিটির পাশাপাশি, হোয়াটসঅ্যাপ স্কুল, লোকাল ক্লাব, এনজিওগুলিকেও তাদের কথোপকথনে সমন্বয় ঘটাতে এই বিশেষ ফিচার দেওয়া হচ্ছে। কোম্পানির তরফে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে কমিউনিটি ফিচার বিভিন্ন গোষ্ঠীকে এক ছাদের তলায় একত্রিত করতে সক্ষম হবে। এই ফিচারের ফলে সব কমিউনিটির কাছে পাঠানো আপডেটগুলি পেতে সবার সুবিধা হবে।

    গ্রুপ অ্যাডমিনদের (whatsapp group admin) সুবিধা: হোয়াটসঅ্যাপ-এর মতে, নতুন ফিচারের মাধ্যমে সুবিধা হবে গ্রুপ অ্যাডমিনদের । তারা চাইলেই নতুন টুলের মাধ্যমে কমিউনিটির আওতায় বিভিন্ন গ্রুপে বার্তা পাঠাতে পারবেন। তবে সেই ক্ষেত্রে কোন গ্রুপকে কমিউনিটির অন্দরে নেওয়া হবে তা আগেই ঠিক করে দেবে কমিউনিটি।  সেই ক্ষেত্রে এই কমিউনিটি ফিচার সুবিধা করে দেবে স্কুলের প্রধান শিক্ষকর। তিনি চাইলেই এই ফিচারের মাধ্যমে স্কুলে বিভিন্ন গ্রুপকে একই সঙ্গে বার্তা দিতে পারবেন। যেমন, তিনি চাইলেই স্কুলে নির্দিষ্ট ক্লাসের গ্রুপ করে ফেলতে পারেন। অভিভাবকদেরও রাখতে পারেন একটি গ্রুপে। স্কুলের কোনও সাধারণ কিছু জানাতে হলে, ওই সব গ্রুপে কমিউনিটির মাধ্যমে এক সঙ্গে চলে যাবে প্রধানশিক্ষকের বার্তা।

    [tw]


    [/tw]

    এবার থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস কলে (whatsapp voice call) একসঙ্গে ৩২ জন থাকতে পারবেন। ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে এখন সম্পূর্ণ নতুন ডিজাইন পাবে গ্রাহকরা। হোয়াটসঅ্যাপে এখন দ্রুত ক্লাস হোস্ট করা যাবে। যাতে লাভবান হবেন ইউজাররা। বর্তমানে, এই মোবাইল অ্যাপ (mobile app) ব্যবহার করে কেবল আটজনকে একটি গ্রুপ ভয়েস কলে যুক্ত করা যায়। ব্যবহারকারীদের মধ্যে ১ গিগাবাইটের বেশি ফাইল শেয়ার করা যায় না এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে  (Instant messaging app)। এবার থেকে ২ গিগাবাইট পর্যন্ত শেয়ার করা যাবে। 

    এছাড়া, নতুন এই ফিচারে আরও একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এতে নতুন ইমোজি (emoji) অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি, নতুন ‘অ্যাডমিন ডিলিট’ (Admin delete) বৈশিষ্ট্যও থাকবে যেখানে গ্রুপ অ্যাডমিনরা প্রত্যেকের চ্যাট থেকে ভুল বা সমস্যাযুক্ত বার্তাগুলি সরাতে পারবেন।

    সম্প্রতি এই নিয়ে একটি বার্তা দিয়েছেন মেটা (Meta) প্ল্যাটফর্মের সিইও মার্ক জুকারবার্গ(Mark Zuckerberg)। একটি পোস্টে তিনি বলেছেন, “আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপগুলিতে রেসপন্স, বড় ফাইল শেয়ার ও বড় গ্রুপ কল সহ নতুন বৈশিষ্ট্য যুক্ত করছি।”

     

  • Sara Tendulkar: বলিউডে পা রাখছেন সচিন-কন্যা সারা, জল্পনা বি-টাউনে

    Sara Tendulkar: বলিউডে পা রাখছেন সচিন-কন্যা সারা, জল্পনা বি-টাউনে

    মাধ্যম নিউজ ডেস্ক: বাবা-মা বরাবরই তাঁর ইচ্ছেকেই প্রাধান্য দেন। লন্ডনে মেডিসিনের পাঠ শেষ করলেও চিকিৎসা জগত নয় গ্ল্যামার দুনিয়াতেই কেরিয়ার গড়তে চলেছেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর। এমনই জল্পনা শুরু হয়েছে বলিউডে। 

    একটি সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই নাকি বলিউডে পা রাখতে চলেছেন সারা। তাঁর প্রথম ছবির তোড়জোড়ও তুঙ্গে। অভিনয়ে বরাবরই ঝোঁক সচিন-কন্যার। পেশাদার অভিনয়ের পাঠ নিয়েছেন ইতিমধ্যেই। কাজ করেছেন কিছু বিজ্ঞাপনেও। অভিনয় দক্ষতায়  অনেককেই তাক লাগিয়ে দিতে পারেন এই তারকা-কন্যা এমনই দাবি করা হয়েছে সেই রিপোর্টে। 

    বাবা সচিন তেন্ডুলকর, ক্রিকেটের ঈশ্বর। মা অঞ্জলি তেন্ডুলকর ব্যস্ত ডাক্তার। ভাই অর্জুন বাবার মতোই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু সারার নাকি গ্ল্যামার জগতেই কেরিয়ার গড়ার সাধ। এর আগেও শোনা গিয়েছিল, শাহিদ কপূরের বিপরীতে বড় পর্দায় অভিষেক হবে সচিন-অঞ্জলির মেয়ের। তবে সে বার বাবা সচিনই জল ঢেলেছিলেন যাবতীয় জল্পনায়। বলেছিলেন, সারা তার পড়াশোনা নিয়েই ব্যস্ত, সে দিকটাই উপভোগ করছে। বলিউডে তার আসার খবর একেবারে ভিত্তিহীন।

  • Har Ghar Tiranga: ‘হর ঘর তেরঙ্গা’, কী ভাবে পোস্ট অফিস থেকে অনলাইনে অর্ডার করবেন দেশের পতাকা? 

    Har Ghar Tiranga: ‘হর ঘর তেরঙ্গা’, কী ভাবে পোস্ট অফিস থেকে অনলাইনে অর্ডার করবেন দেশের পতাকা? 

    মাধ্যম নিউজ ডেস্ক: এ বছর ৭৫তম স্বাধীনতা দিবস (Independence Day) পালন করবে গোটা দেশ। দেশবাসীকে স্বাধীনতা দিবস পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগেই এক নতুন চমক দিল ভারতীয় ভারতীয় ডাক বিভাগ (India Post)। ‘হর ঘর তেরঙ্গা’ (Har Ghar Tiranga) প্রচারের অংশ হিসাবে দেশজুড়ে পোস্ট অফিসগুলি ভারতের জাতীয় পতাকা (National Flag) বিক্রি শুরু করছে। জাতীয় পতাকা পাওয়া যাবে অনলাইনেও। পোস্ট অফিসের ইপোর্টালে। সম্প্রতি ভারতীয় পোস্ট বিভাগ http://www.epostoffice.gov.in – এই ইপোর্টালটির মাধ্যমে জাতীয় পতাকার অনলাইন বিক্রির ঘোষণা করেছে। গত ১ অগাস্ট থেকে শুরু হয়েছে ভারতীয় পতাকা বিক্রি।  

    আরও পড়ুন: ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানে শামিল হবেন কীভাবে? সার্টিফিকেট কী করে ডাউনলোড করবেন? জেনে নিন      

    এ বছর দেশবাসীকে স্বাধীনতা দিবসের দিন সোশ্যাল মিডিয়া ডিপি বদলে ভারতের জাতীয় পতাকার ছবি লাগানোর অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া বদল এসেছে জাতীয় পতাকা উত্তোলনের নিয়মেও। আগে সুর্যদয়ের পর উত্তোলন এবং সূর্যাস্তের আগে পতাকা নামিয়ে নিতে হত। কিন্তু এবছর ২৪ ঘণ্টাই রাখা যাবে পতাকা। মানুষ তাঁদের বাড়িতে আগামী ১৩-১৫ অগাস্ট পতাকা উত্তোলন করতে পারবেন। 

    যে পতাকাগুলি পোস্ট অফিসে বিক্রি করা হচ্ছে, তার মাপ ২০ ইঞ্চি x ৩০ ইঞ্চি। প্রতিটি পতাকা ২৫ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। জাতীয় পতাকায় কোনও জিএসটি ধার্য করা হয়নি। 

    আরও পড়ুন: মোদির ডাকে সাড়া দিয়ে ভূস্বর্গে তিরঙ্গা মিছিল, জাতীয় সঙ্গীতও গাইল পড়ুয়ারা

    কিভাবে পোস্ট অফিস থেকে ভারতীয় পতাকা কিনবেন? 

    • www.epostoffice.gov.in -এ যান।
    • ePostoffice পোর্টালের হোম পেজে ভারতীয় জাতীয় পতাকার ছবিতে ক্লিক করুন।
    • ছবির নীচে “পতাকা কেনার জন্য ছবিতে ক্লিক করুন” লেখা আছে, সেখানে ক্লিক করুন। 
    • ডেলিভারির ঠিকানা, পতাকার পরিমাণ (গ্রাহক প্রতি প্রাথমিকভাবে সর্বোচ্চ ৫টি পতাকা) এবং আপনার মোবাইল নম্বর দিন। 
    • অর্ডারটি সম্পূর্ণ করতে পেমেন্ট সারুন ৷
    • একবার অর্ডার দেওয়া হলে অর্ডার বাতিল করা যাবে না। 
    • পতাকাটি নিকটতম পোস্ট অফিস থেকে নিতে পারবেন। 
  • Kashmir: উপত্যকায় হিন্দু শিক্ষিকা রজনী বালার হত্যায় জড়িত জঙ্গি নিহত

    Kashmir: উপত্যকায় হিন্দু শিক্ষিকা রজনী বালার হত্যায় জড়িত জঙ্গি নিহত

    মাধ্যম নিউজ ডেস্ক: কুলগামে (Kulgam) স্কুলে ঢুকে হিন্দু শিক্ষিকা রজনী বালা (Rajani Bala) হত্যার ঘটনায় জড়িত জঙ্গিদের খতম করল পুলিশ। টানা তিনদিন কুলগামে অভিযান চালিয়ে ওই দুই জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানান জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) পুলিশের আইজি বিজয় কুমার। তিনি জানান, এখনও দুই হিজবুল মুজাহিদিন (Hizbul) জঙ্গির খোঁজে অনন্তনাগে (Anantnag) অভিযান চালাচ্ছে পুলিশ।

    মঙ্গলবারই শোপিয়ানে (Shopian) অভিযান চালিয়ে রাজস্থানের বাসিন্দা বিজয় কুমার (Vijay Kumar) নামে কুলগামের ব্যাংক ম্যানেজার খুনে অভিযুক্ত-সহ দুই লস্কর-ই-তৈবা (Laskar-e-Taiba) জঙ্গিকে খতম করেছিল পুলিশ ও সেনার যৌথবাহিনী। এদিনের অভিযানেও সাফল্য পায় বাহিনী। জঙ্গিদের কাছ থেকে এদিন ১৫ কেজি আইইডি (IED) উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, জঙ্গিরা উপত্যকায় বড়সড় বিস্ফোরণের ছক কষছিল। বিস্ফোরক উদ্ধারে সেই ছক বানচাল করা গিয়েছে বলে জানানো হয়েছে।

    [tw]


    [/tw]

    কুলগামে গোপন ডেরায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এই খবর পেয়েই মিশিপুরা এলাকা ঘিরে ফেলে পুলিশ, সেনা ও আধা সেনার জওয়ানরা। অন্যদিকে, অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায়ও পুলিশ ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই হিজবুল জঙ্গিকে ঘিরে ফেলে পুলিশ।  নিহত দুই হিজবুল মুজাহিদিন জঙ্গিদের মধ্যে এক জঙ্গির নাম জুনায়েদ বাসিত ভাট। ২০১৮ সাল থেকে উপত্যকায় জঙ্গি কার্যকলাপে সক্রিয় ছিল জুনায়েদ। ২০২১ সালে উপত্যকায় খুন হন বিজেপির (BJP) গ্রাম প্রধান  জিএইচ রসুল দার ও তাঁর স্ত্রী। এই খুনের নেপথ্যে ছিল জুনায়েদ। অনন্তনাগের আর এক গ্রাম প্রধানকেও গুলি করে হত্যা করে এই জঙ্গি। তৃতীয় জঙ্গির খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

    আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় সেনা এনকাউন্টারে খতম দুই লস্কর জঙ্গি

    প্রসঙ্গত, গত ৩১ মে জম্মুর ৩৬ বছর বয়সী মহিলা রজনী বালাকে কুলগাম জেলার গোয়ালপোরা এলাকায় সরকারি হাইস্কুলে ঢুকে  হত্যা করে জঙ্গিরা। তারপর থেকেই উপত্যকার বিভিন্ন প্রান্ত ছেড়ে জম্মুতে ফিরে আসতে চান সরকারি কর্মীরা। সেই দাবি মেনে নিয়ে নিহত শিক্ষিকা রজনী বালার স্বামীকে কুলগামের স্কুল থেকে জম্মুতে বদলি করল সরকার। রজনীর স্বামী রাজকুমার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাকে (Lt Governor Manoj Sinha) একথা জানান। এই বদলিকে স্বাগত জানিয়েছেন কাশ্মীরে বসবাসকারী হিন্দু পণ্ডিত ও দলিত সরকারি কর্মীরা। একইসঙ্গে তাঁরা নিরাপত্তার খাতিরে সকলেরই বদলির জন্য কেন্দ্রের কাছে আবেদন রাখেন।

  • World Heart Rhythm Week: জানুন , কেন পালন করা হয় ‘ওয়ার্ল্ড হার্ট হৃদম উইক’

    World Heart Rhythm Week: জানুন , কেন পালন করা হয় ‘ওয়ার্ল্ড হার্ট হৃদম উইক’

    মাধ্যম নিউজ ডেস্ক:  অ্যারিথমিয়া (Arrhythmia)সম্পর্কে সচেতনতা বাড়াতে ও হৃদস্পন্দন (Heart beat) মানব শরীরে স্বাভাবিক আছে কিনা এই সতর্কবার্তা দিতে বিশ্বব্যাপী ‘ওয়ার্ল্ড হার্ট হৃদম উইক’ ৬ ই জুন থেকে ১২ জুন পর্যন্ত পালন করা হয়।   কিন্তু অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে যে কী এই অ্যারিথমিয়া। নীচে এই বিষয়েই বিস্তারিত বলা হল-

    অ্যারিথমিয়া কী?

    এককথায় বলতে গেলে, অ্যারিথমিয়া হৃদস্পন্দনজনিত সমস্যা। অর্থাৎ নানা কারণে আমাদের হৃদস্পন্দর অনিয়মিত হয়। কখনও দ্রুত হৃদস্পন্দন চলে। কখনও আবার খুব ধীরে চলে। অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যাকেই অ্যারিথমিয়া বলা হয়। একজন প্রাপ্তবয়স্কের প্রতি মিনিটে সাধারণ হৃদস্পন্দন ৬০-১০০ বিট। স্বাভাবিকের চেয়ে হৃদস্পন্দন বেশী হলে একে বলা হয় ট্যাচিকার্ডিয়া(Tachycardia) ও স্বাভাবিকের চেয়ে হৃদস্পন্দন কম হলে একে বলা হয় ব্যাডিকার্ডিয়া (Bradycardia)। তবে কখনও কখনও এই সমস্যা আমাদের স্বাস্থ্যের কোনও ক্ষতি করে না। আবার কখনও কখনও স্ট্রোক, ব্ল্যাকআউট কিংবা কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি বাড়িয়ে দেয় অ্যারিথমিয়া।

    আরও পড়ুন: কার্ডিওভাস্কুলার সহনশীলতা কী? কোন ব্যায়ামগুলি আপনার হার্টের পক্ষে ভালো?

    হৃদস্পন্দন অনিয়মতার কারণ কী?

    বুক ধড়ফড় করলে হৃদস্পন্দনে অনিয়মতা দেখা যায়। হৃদস্পন্দনে ব্যাঘাত ঘটলেই বুকে ধড়ফড়ানি শুরু হয় ও ফলে অ্যারিথমিয়া রোগটি দেখা যায়। এর ফলে অনেকসময় কার্ডিওভাসকুলার ডিসওর্ডার দেখা যায়।

    এটির প্রধান লক্ষ্মণগুলো কী কী?

    অ্যারিথমিয়ার প্রধান উপসর্গগুলো হল-

    • বুক ধড়ফড় করা
    • ক্লান্তিভাব
    • বুক ব্যথা
    • শ্বাসকষ্ট
    • মাথা ঘোরা

    এই রোগটি কীভাবে ধরা যায়?

    এই রোগ ইসিজি (electrocardiogram )-র মাধ্যমে বোঝা যায়। এটির মাধ্যমে কোনও ব্যক্তির হৃদস্পন্দন সম্পর্কে জানা যায়।

    আরও পড়ুন: ক্যান্সারের ঝুঁকি কমাতে চান? রোজ পাতে রাখুন এই খাবারগুলো

    হৃদস্পন্দন ঠিক রাখতে কী কী করণীয়?

    প্রথমেই যা করণীয় তা হল আপনার লাইফস্টাইল পরিবর্তন করা। মানসিক চাপ কমাতে ব্যায়াম করা, মদ, কফি সেবন না করা। এছাড়াও আপনার হৃদয়কে সুস্থ রাখতে পুষ্টিকর খাদ্যতালিকা মেনে চলা উচিত। নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে রক্তচাপ পরীক্ষা করানো দরকার। আবার হৃদস্পন্দন পরীক্ষা করাও দরকার। তবে যদি প্রায়শই এমন সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার।

  • Asia Cup Hockey 2022: এশিয়া কাপ হকির আসরে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান

    Asia Cup Hockey 2022: এশিয়া কাপ হকির আসরে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ থেকে ইন্দোনেশিয়ার জার্কাতায় (Jakarta) শুরু হতে চলেছে এশিয়া কাপ হকির (Asia Cup Hockey 2022) প্রতিযোগিতা। প্রথম দিনেই ভারতীয় দলের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (India vs Pakistan)। কার্যত টানটান উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

    জাকার্তার এশিয়ান গেমস ২০১৮ (Asian Games 2018) যেখানে অনুষ্ঠিত হয়েছিল, সেই একই জায়গা, জিবিকে এরিনা-তেই অনুষ্ঠিত হয়েছে এবছরের এশিয়া কাপ হকি। এশিয়ান গেমসের পুল এ-তে ভারতের (India) সঙ্গে রয়েছে জাপান, পাকিস্তান ও আয়োজক দেশ ইন্দোনেশিয়া। পুল বি-তে রয়েছে মালয়েশিয়া, ওমান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। 

    প্রতিযোগিতার প্রথম দিনেই মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে দেখা যাবে ওমানকে। আবার গ্রুপ বি-এর বাংলাদেশ-এর বিরুদ্ধে খেলবে এশিয়ান চ্যাম্পিয়ানস ট্রফির বিজয়ী দক্ষিণ কোরিয়া। এশিয়ান গেমস চ্যাম্পিয়ানস জয়ী জাপান খেলবে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। বাংলাদেশের ঢাকায় কন্টিনেন্টাল টুর্নামেন্টে ভারত মালয়েশিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল। ভারত ও পাকিস্তান উভয় দেশই টুর্নামেন্টে তিনবার জয়লাভ করেছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া চারবারের বিজয়ী।

    আরও পড়ুন: আইপিএলে সাফল্যের পুরস্কার! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে উমরান, অর্শদীপ

    কব্জির চোটের জেরে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয় দলের অধিনায়ক রুপিন্দর পাল সিংকে। তাঁর জায়গায় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বীরেন্দ্র লাকরা। লাকরাকে প্রাথমিকভাবে দলের সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। তিনি অধিনায়ক হওয়ায়, সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হল এসভি সুনীলকে।

    টোকিও অলিম্পিক্সে অসাধারণ খেলা সিমরানজিৎ সিং দীর্ঘ অসুস্থতার পর ফিরে এসেছেন তাঁর দলে। ভারতীয় দলের কোচ হিসেবে নির্বাচিত করা হয় দ্বিতীয়বারের জন্য অলিম্পিক্স বিজয়ী ও প্রাক্তন অধিনায়ক সর্দার সিং।
    সুনীল বলেন “পাকিস্তানের বিরুদ্ধে খেলায় সবসময়ই চাপ থাকে। পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও প্রতিযোগিতাই চিত্তাকর্ষক। একজন প্রবীণ খেলেয়াড় হওয়ায় কখনওই আমরা বেশি উত্তেজিত হতে পারি না, নয়তো নবীন খেলেয়াড়রাও চাপের মধ্যে খেলবে। সুতরাং আমাদের এটিকে সাধারণ খেলার মতই নেওয়া উচিত।”

    লাকরা বলেন, “দুটো দলই নবীন। আমাদের ম্যাচ অনুযায়ী খেলা উচিত। যদি পারফরমেন্স ভালো হয়, তবে তার ফলও ভাল হবে। যদি আমরা ভাল খেলি, কনফিডেন্সও বেড়ে যাবে। সুনীল আরও বলেন, “কোনও দলকেই হাল্কাভাবে নেওয়া যাবে না। প্রত্যেকটি দল এখানে পরের বছরের ওয়ার্ল্ড কাপে জায়গা করতে এসেছে, তাই প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রধান বিষয় হল আমাদের খেলাকে উচ্চপর্যায়ে নিয়ে যাওয়া।”

    ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ কত তারিখে খেলা হবে?

    সোমবার, ২৩ মে।

    ম্যাচটি কোথায় হবে?

    ইন্দোনেশিয়ার জাকার্তায় গেলোরা বুং কার্নো স্পোর্টস কমপ্লেক্সে।

    খেলা শুরু কখন?

    খেলা শুরু ভারতীয় সময় বিকেল ৫টা।

    কোন চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে?

    ভারতে সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস

    লাইভ স্ট্রিমিং কোথায় হবে?

    ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে

  • Cattle Smuggling Case: নিশুতি রাতে পাচার হত পাল পাল গরু, কীভাবে চলত অপারেশন?

    Cattle Smuggling Case: নিশুতি রাতে পাচার হত পাল পাল গরু, কীভাবে চলত অপারেশন?

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষা সূয্যি ডোবার। তার পরেই অন্ধকার হয়ে যেত বীরভূম (Birbhum)-মুর্শিদাবাদের (Murshidabad) বিস্তীর্ণ অংশ। অন্ধকার ফুঁড়ে ছড়ি হাতে বের হত গরু পাচারকারীরা। নিশুতি রাতে কেবল শোনা যেত গরুর খুরের ঠক ঠক শব্দ। আর মাঝে মধ্যে পাচারকারীর হ্যাট, হ্যাট আওয়াজ। এভাবেই দিনের পর দিন পাচার হয়ে যেত পাল পাল গরু। দেশের সীমান্ত পেরিয়ে সেই গরু চলে যেত বিভুঁইয়ে, বাংলাদেশে (Bangladesh)। তারপর ভায়া কষাইখানা হয়ে সটান খানদানিদের টেবিলে টেবিলে। এই গরু পাচার চক্রেই নাম জড়িয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandol)। বিএসএফের (BSF) এক শীর্ষ কর্তা সহ আরও কয়েকজনের। 

    কিন্তু কীভাবে চালানো হত গোটা অপারেশন? আসুন জেনে নেওয়া যাক, সেই গল্পই। সিবিআই সূত্রে খবর, যেসব গরু পাচার হত, তার সিংহভাগই আসত পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং রাজস্থান থেকে। যেসব গরুর প্রজনন ক্ষমতা নেই, বয়সের কারণে বাতিল হয়ে যাওয়া বলদই মূলত ঝাড়খণ্ড সীমান্ত হয়ে পাচারকারীদের হাত ধরে পৌঁছাত বীরভূমে। এই বীরভূমের ইলামবাজারে বসে বিরাট গরুর হাট। হাট চালাত গরু ব্যবসায়ী আবদুল লতিফ। ব্যবসার খাতিরেই লতিফ সম্পর্ক রেখে চলত জেলার সর্বেসর্বা অনুব্রতর সঙ্গে। হাট থেকে ফের গরু চলে যেত পাচারকারীদের হাতে। ট্রাকে করে সেই গরু বীরভূমের ফুটিসাঁকো বা বাদশাহি রোড ধরে সটান চলে যেত মুর্শিদাবাদে। 

    সেখানেই গরু নিয়ে পাচারকারীরা অপেক্ষা করত সূয্যি ডোবার। কেবল সূর্য অস্ত গেলেই হবে না। পাচারকারীদের অপেক্ষা করতে হত বিএসএফ এবং কাস্টমসের একাংশের সবুজ সংকেতেরও। তারাই পাচারকারীদের জানিয়ে দিত, কোন দিন কখন লাইন খোলা হবে। নির্দিষ্ট দিনে এক কিংবা দু ঘণ্টার জন্য চোখে ঠুলি পরে বসে থাকত বিএসএফ। তার পর কখনও স্থলপথে কখনও বা জলপথে হাত বদল হয়ে যেত গরুর পাল। বাংলাদেশের পাচারকারীদের হাতে গরু তুলে দিতে পারলেই কেল্লাফতে। মিলবে মোটা অঙ্কের টাকা। পাঁচ হাজার টাকার গরুই হাত ফের হয়ে বিক্রি হয় আট থেকে দশগুণ বেশি দামে।
    আরও পড়ুন : গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল! নিয়ে যাওয়া হতে পারে সিবিআই ক্যাম্প অফিসে
    লাভের কড়ি মোটা হলেও, সে টাকার সবটা ভোগে লাগত না পাচারকারীদের। টাকার বখরা দিতে হত পুরো চ্যানেলে থাকা লোকজনকে। যেসব থানার ওপর দিয়ে আসত গরুর পাল, সেখানকার থানার কর্তা এবং শাসকদলের নেতাদের দিতে হত নজরানা। যিনি যেমন মাপের নেতা, তাঁর পকেটে ঢুকবে তেমন পরিমাণ টাকা। শুধু নেতাদের নজরানা দিলেই যে সব কিছু মসৃণ গতিতে চলবে, তা তো নয়! তাই বখরার একটা অংশ দিতে হত বিএসএফ কর্তাদের একাংশকেও। কারণ তাঁরাই ‘গোপন’ সীমান্ত  নির্দিষ্ট সময়ে ‘ওপেন’ করে দেন। তাই গরু-পাচারের টাকার ভাগ পেতেন বিএসএফের কমান্ডান্ট পর্যায়ের আধিকারিক, ডিআইজি কিংবা আইজি স্তরের একাংশও। এঁদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বিএসএফ। গ্রেফতার হয়েছেন বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার, জেডি ম্যাথু। গরু পাচার মামলায় ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত। গ্রেফতার হয়েছে তার দেহরক্ষী সায়গল হোসেনও। গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত এনামূল হক। তবে এখনও অধরা হাটের মালিক লতিফ।

    আরও পড়ুন : গ্রেফতার হতে না হতেই কেষ্টকে ঝেড়ে ফেলল তৃণমূল!

    এখনও নিয়মিত বসে ইলামবাজারের হাট। বিক্রি হয় গরুও। তবে অনুব্রতরা গ্রেফতার হওয়ার পর ভয়ে সিঁটিয়ে গিয়েছে পাচারকারীরা। তাই বিক্রি কমেছে গরুর। কমেছে দামও। কাজলকালো চোখে জল নিয়ে নতুন মালিকের অপেক্ষায় হা পিত্যেশ করে দাঁড়িয়ে থাকে হাটের গরু। 

     

LinkedIn
Share