Blog

  • Indian C-17: জলদস্যুদের হাত থেকে নাবিক উদ্ধার, কমান্ডোদের রোমাঞ্চকর অভিযান সামনে আনল কেন্দ্র

    Indian C-17: জলদস্যুদের হাত থেকে নাবিক উদ্ধার, কমান্ডোদের রোমাঞ্চকর অভিযান সামনে আনল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালের মার্চ মাসে সোমালিয়াতে ঘন অন্ধকারে ১৭ জন নাবিককে জলদস্যুদের হাত থেকে উদ্ধার করে ভারতীয় বাহিনী। উপকূল বাহিনী ও বিমান বাহিনীর (Indian C-17) যৌথ অভিযানের রোমাঞ্চকর কাহিনী জনসমক্ষে আনল মোদি সরকার। একই সঙ্গে সম্মান জানানো হয়েছে পাইলট অক্ষয় সাক্সেনাকে। কারণ তিনি এই অত্যন্ত বিপদসঙ্কুল মিশনকে সফল করতে সামরিক বিমান উড়িয়েছিলেন। জানা গিয়েছে, ২০০৬ সালে ভারতীয় বায়ু সেনা সঙ্গে যুক্ত অক্ষয় সাক্সেনা।

    ২০২১ সালের ফেব্রুয়ারি মাস c17 বিমানের দায়িত্ব পান অক্ষয় সাক্সেনা

    ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকেই তাঁকে c17 বিমানের দায়িত্ব দেওয়া হয়। প্রজাতন্ত্র দিবসের আবহে তাঁর অসীম সাহস এবং বীরত্বের জন্য বায়ু সেনা পদক দেওয়া হয়েছে। গত ২৫ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে উইং কমান্ডার অক্ষয় সাক্সেনা যে মিশনের (Indian C-17) দায়িত্বে ছিলেন, তা অনেক ঝুঁকিপূর্ণ ও বিপদসঙ্কুল ছিল। কারণ অন্য দেশের আকাশ সীমাকে ব্যবহার করতে হয়েছিল এই মিশনে। একই সঙ্গে জলদস্যুদের আটক করতে বিভিন্ন দুটি কম্ব্যাড রাবার বোটকে এবং ১৮ জনের একটি দলকে বিমান থেকে নামাতে হয়েছিল।

    রোমাঞ্চকর অভিযান (Somali Coast)

    প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে বিমানের (Indian C-17) ক্যাপ্টেন উইং কমান্ডার অক্ষয় সাক্সেনা অত্যন্ত সতর্কভাবে বিমান ওড়াতে থাকেন এবং দেশের সীমার বাইরে যে সমুদ্র পড়ছে সেখানে তিনি অত্যন্ত নিচুস্তর দিয়ে উড়ে যান। সন্ধ্যার সময় তাঁর সঙ্গে থাকা বাকি কমান্ডোদের রবার বোটে নামানো সিদ্ধান্ত নেন, যাতে তাঁদের কেউ শনাক্ত না করতে পারে। নামার আগে নির্ভুলভাবে এবং অত্যন্ত নিরাপদে তিনি ড্রপ করেন কমান্ডোদের। যার ফলে জলদস্যুতের আটক করা সম্ভব হয় এবং এর পরেই এমভি রুইন-র ১৭ নাবিককে বাঁচানো সম্ভব হয়। অত্যন্ত রোমাঞ্চকর এই অভিযানের নেতৃত্ব দানের জন্য বিশেষ সম্মান পেয়েছেন অক্ষয় সাক্সেনা। জানা গিয়েছে, গোটা অভিযানটি হয়েছিল ১০ ঘণ্টা ধরে। ভারতীয় নৌ বাহিনীর সঙ্গে যৌথভাবে এই অভিযান সম্পন্ন করে বায়ু সেনা। দীর্ঘ ১০ ঘণ্টার এই অভিযানে সমস্ত দিক থেকে গোপনীয় রাখা হয়েছিল।

  • Maha Kumbh 2025: মৌনী অমাবস্যায় ২২২টি বিশেষ ট্রেন! রেকর্ড গড়ল প্রয়াগরাজ রেল ডিভিশন

    Maha Kumbh 2025: মৌনী অমাবস্যায় ২২২টি বিশেষ ট্রেন! রেকর্ড গড়ল প্রয়াগরাজ রেল ডিভিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: মৌনী অমাবস্যার (Mauni Amavasya) পবিত্র দিনে প্রায় ৮ কোটি তীর্থযাত্রী প্রয়াগরাজে উপস্থিত হন। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, এই দিনে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর পবিত্র সঙ্গমে ডুব দিলে পাপমোচন হয় এবং মোক্ষ লাভ সম্ভব হয়। তার উপর এবারের কুম্ভ মেলাকে আরও বিশেষ করে তুলেছে বিরল গ্রহগত অবস্থান, যা ধর্মীয় মহলে বিরাট তাৎপর্য বহন করছে। সেই নিয়েই ৪৫ দিনের জন্য মেতে উঠেছে প্রয়াগরাজ। সঙ্গমে পুণ্যস্নান সেরে পাপমুক্ত হওয়ার আশায় দেশের নানা প্রান্ত থেকে দলে দলে ভিড় করেছেন ভক্তরা। মৌনী অমাবস্যার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে চেপেই অধিকাংশ ভক্ত প্রয়াগরাজে আসেন। ভক্তদের বিশাল আগমন সামলাতে এদিন রেলওয়ে ৩৬০টিরও বেশি ট্রেন চালায়। মেলা উপলক্ষে এদিন ২২২টি বিশেষ ট্রেন চালানোর রেকর্ডও স্থাপন করেছে প্রয়াগরাজ। বুধবার এই বিশেষ ট্রেনগুলো প্রয়াগরাজের বিভিন্ন রেল স্টেশন থেকে সারাদিন চলেছে।

    রেল প্রশাসনের সতর্ক দৃষ্টি

    মৌনী অমাবস্যায় প্রয়াগরাজ রেলওয়ে প্রশাসন খুব ভাল কাজ করেছে বলে রেল সূত্রে খবর। এদিন প্রয়াগরাজ জংশন (এনসিআর) থেকে ১০৪টি মেলা বিশেষ ট্রেন, চেওকি থেকে ২৩টি, নৈনি থেকে ১৭টি, সোবেদারগঞ্জ থেকে ১৩টি, প্রয়াগ স্টেশন (এনআর) থেকে ২৩টি, ফতহমাউ থেকে ৫টি, রামবাগ (এনইআর) থেকে ৯টি, ঝুঁসি থেকে ২৮টি বিশেষ ট্রেন চলে। এছাড়াও ৫টি এক্সটেন্ডেড ট্রেন, ৫টি রিং রেল, ৩টি লং ডিস্টেন্স ট্রেন এবং ৬৯টি নন-টাইটেল ট্রেন পরিচালিত হয়েছে। প্রচণ্ড ভিড় যখন সকাল ৮টার দিকে সৃষ্ট হয়, খুসরো বাগ হোল্ডিং এলাকা দ্রুত সক্রিয় করা হয়। সিভিল পুলিশের সহায়তায় ভক্তদের খুসরো বাগ থেকে প্রয়াগরাজ স্টেশন পর্যন্ত সুসংগঠিতভাবে পরিচালনা করা হয়, যাতে তারা সহজে ট্রেনে চড়তে পারেন। এনসিআর জেনারেল ম্যানেজার উপেন্দ্র যোশী নিজে যাত্রীদের গতিবিধি নজরে রাখেন। যাত্রী নিরাপত্তায় যাতে কোনও ত্রিটি না থাকে তা দেখেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হিমাংশু বাদোনি।

    কেন এত ভিড়

    পৌরাণিক কাহিনি অনুসারে, সমুদ্র মন্থনের পর যখন অমৃত কলস উঠে আসে, তখন অমৃতের ভাগ নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে লড়াই বাধে। ইন্দ্রের ছেলে অমৃতের কলস নিয়ে পালান, তখন অসুররা তাঁকে ধাওয়া করে। সেই সময় মোট ১২টি স্থানে অমৃত চলকে পড়ে। তার মধ্যে আটটি স্থান স্বর্গে এবং চারটি স্থান মর্ত্যে। মর্ত্যের এই চার স্থান হলো প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক ও উজ্জ্বয়িনী। ১২ দিন ধরে এই ধাওয়া চলতে থাকে। স্বর্গের এক দিন মর্ত্যের এক বছরের সমান। সেই কারণে ১২ বছর অন্তর পূর্ণকুম্ভ হয়। আবার, বৃহস্পতি ১২ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। বৃহস্পতির মহাজাগতিক শক্তি ১২ বছর অন্তর পৃথিবীতে এসে পড়ে বলেও ১২ বছর অন্তর আয়োজিত হয় পূর্ণকুম্ভ। আর, ১২ বার পূর্ণকুম্ভের পর আয়োজিত হয় একটি মহাকুম্ভ। এই কারণে ১৪৪ বছর পর আয়োজিত এই মহাকুম্ভ ঘিরে বিপুল উন্মাদনা।

  • DeepSeek: সব উত্তর ঠিক দিচ্ছে কি ডিপসিক? বিশ্বে ঝড় তোলা এই চিনা এআই কতটা নিরাপদ?

    DeepSeek: সব উত্তর ঠিক দিচ্ছে কি ডিপসিক? বিশ্বে ঝড় তোলা এই চিনা এআই কতটা নিরাপদ?

    মাধ্যম নিউজ ডেস্ক: এই সপ্তাহে চিনা এআই প্ল্যাটফর্ম ডিপসিক (DeepSeek) প্রযুক্তি দুনিয়াতে ঝড় তোলে এবং সোমবার ওয়াল স্ট্রিটেও বড় ধরনের প্রভাব ফেলে, যার ফলে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা এনভিডিয়া এবং গুগলের শেয়ারদরে বড় পতন দেখা যায়। যদিও অ্যাপটির প্রশংসা হচ্ছে, তবে এর নিরাপত্তা এবং কার্যকারিতা নিয়েও সম্প্রতি নানা প্রশ্ন উঠছে। বিশেষত, এই অ্যাপকে কেন্দ্র করে প্রাইভেসি এবং সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে। ভিপিএন-এর মতো প্রাইভেসি সফটওয়্যারও এর বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম নয় বলে মনে করা হচ্ছে।

    ডিপসিক কী

    ইলেকট্রনিক গ্যাজেট থেকে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, সর্বত্র নিজেদের একচ্ছত্র আধিপত্য কায়েম করার পর এবার ড্রাগনের দেশের নজরে কৃত্রিম বুদ্ধিমত্তা। ডিপসিক, চিনের কোম্পানি। চ্যাটজিপিটির সমান, বা তার থেকেও বেশি। কিন্তু খরচ এবং লোকবল অনেক কম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ধরনের প্রোগ্রাম তৈরি করতে মার্কিন সংস্থা এনভিডিয়ার এ-১০০ চিপ প্রয়োজন। কিন্তু পরে আমেরিকা-চিন বিবাদে এই এ-১০০ চিপ আসা বন্ধ হয়ে যায়। ডিপসিকের (DeepSeek) মালিক লিয়াং ওয়েনফেং বুদ্ধি করে প্রচুর এ-১০০ চিপ জড়ো করে রেখেছিলেন। তাই দিয়েই কামাল করে দিয়েছেন লিয়াং। অর্থাত্‍ মার্কিন প্রযুক্তিতেই, আমেরিকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জগতকে কুপোকাৎ করে দিয়েছে চিনের লিয়াংয়ের এই ডিপসিক! ওপেন এআই-এর চ্যাট জিপিটি, গুগলের জেমিনি থেকে ক্লাউড এআই সকলকে বিগত কয়েকদিনেই কার্যত শুইয়ে দিয়েছে এই ডিপসিক। হিসেব বলছে চ্যাট জিপিটি বা ক্লাউড এআইয়ের থেকে অন্তত ১৪% এগিয়ে কাজ করছে ডিপসিক। আর খরচ? ওই মার্কিন কোম্পানিগুলোর থেকে ৯০-৯৫% কম। তবে সমস্যাও রয়েছে প্রচুর।

    প্রাইভেসি ম্যানেজমেন্ট

    ডিপসিকের (DeepSeek) প্রথম প্রাইভেসি সমস্যা হল, ব্যবহারকারীদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করতে বলা হয়। এতে ডিপসিক গুগল থেকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যেমন নাম, ইমেল ঠিকানা এবং প্রোফাইল ছবি সংগ্রহ করতে সক্ষম হয়। প্রাইভেসি পলিসিতে বলা হয়েছে, যখন আপনি কোনও তৃতীয় পক্ষের মাধ্যমে লগ ইন করবেন, তখন ওই সেবা থেকে তথ্য সংগ্রহ করা হতে পারে। পলিসি অনুযায়ী, ডিপসিকের পার্টনাররা আপনার কার্যকলাপ সম্পর্কিত তথ্য শেয়ার করতে পারে, যা অন্য ওয়েবসাইটে বা অন্য সেবায় আপনার ক্রয়কৃত পণ্য বা সেবার সাথে সম্পর্কিত হতে পারে। ডিপসিক আরও কিছু তথ্য সংগ্রহ করে। যেমন আইপি ঠিকানা, ডিভাইস মডেল, প্রোফাইল তথ্য, কুকি, পেমেন্ট তথ্য এবং পাঠানো টেক্সট, অডিও ইনপুট, আপলোড করা ফাইল, প্রতিক্রিয়া এবং চ্যাট ইতিহাসও রেকর্ড করা হতে পারে। যদিও প্রাইভেসি পলিসি বলছে যে চ্যাট ইতিহাস এবং কিছু কুকি নিষ্ক্রিয় করা সম্ভব, তবে এর ফলে সেবার কার্যকারিতা প্রভাবিত হতে পারে।

    নির্বাচিত উত্তর

    ডিপসিকের (DeepSeek) কার্যকারিতা নিয়ে বিশেষভাবে উদ্বেগ দেখা যাচ্ছে, বিশেষ করে চিনের রাজনৈতিক বিষয়গুলোতে। চিনা ইস্যু সম্পর্কিত প্রশ্ন যেমন “ভারত-চিন যুদ্ধ কে জিতেছে?”, “সি জিনপিং কে?”, বা “তিয়ানআনমেন স্কয়ারে কী ঘটেছিল?”, এসবের উত্তর পাওয়া যাচ্ছে না। এসব ক্ষেত্রে ডিপসিকের একমাত্র উত্তর ছিল, “দুঃখিত, এটি আমার বর্তমান সীমার বাইরে, অন্য কিছু বলুন।” আসলে ডিপসিক চিনের রাজনৈতিক বিষয়ে নির্দিষ্ট উত্তর দিতে বা ওই সব বিষয়ে আলোচনা করতে অস্বীকার করেছে। চিনের সঙ্গে সম্পর্কিত বিতর্কিত বিষয় যেমন তাইওয়ান, দালাই লামা এবং হংকংয়ের প্রতিবাদ সম্পর্কে ডিপসিক সঠিক উত্তর দিচ্ছে না। ডিপসিক তাইওয়ানকে চিনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেছে। ডিপসিক বলেছে, “তাইওয়ানের স্বাধীনতার জন্য কোনও প্রচেষ্টা সফল হবে না।”

    সাইবার নিরাপত্তা উদ্বেগ

    ডিপসিকের (DeepSeek) একটি বড় উদ্বেগ হলো এর সাইবার নিরাপত্তা দুর্বলতা। কেলা সাইবারসিকিউরিটি সংস্থার রিপোর্ট অনুযায়ী, এটি সহজেই ‘জেলব্রেক’ করা যায়। যার মানে হল যে, কেউ চাইলে এর মাধ্যমে ক্ষতিকর আউটপুট তৈরি করতে পারে। ভিপিএন ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার প্রচেষ্টা এখানে একেবারেই ফলপ্রসূ নয়, কারণ যদি আপনি ডিপসিকের মাধ্যমে আপনার তথ্য প্রদান করেন, তবে আপনার ব্যক্তিগত ডেটা সংগ্রহ করা হবে, যেটি ভিপিএন দ্বারা সুরক্ষিত হওয়া সম্ভব নয়। বাস্তবে, ডিপসিক একটি এমন টুল হিসেবে পরিচিত, যা এখনও অনেক ঝুঁকির মধ্যে রয়েছে। এর প্রাইভেসি পলিসির কারণে ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে। চিনা সংস্থা, নিরাপত্তা ঝুঁকি এর সবচেয়ে বড়। ফোন থেকে ডেটা, চুরি করলে তার দায় কিন্তু কারোর নয়। তাই ডিপসিক ব্যবহার করলে তা উপভোগ করতে হবে সম্পূর্ণ নিজের রিস্কে।

  • Sheikh Hasina: ট্রাম্পের তহবিল বন্ধের সিদ্ধান্তে আশাবাদী হাসিনার দল, ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে ধর্মঘটের ডাক

    Sheikh Hasina: ট্রাম্পের তহবিল বন্ধের সিদ্ধান্তে আশাবাদী হাসিনার দল, ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে ধর্মঘটের ডাক

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন মসনদে ক্ষমতায় বসেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (USAID) বাংলাদেশকে যে অনুদান দিত সেটি বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার রাষ্ট্রপতির এমন পদক্ষেপকে অত্যন্ত আশাব্যঞ্জক বলেই মনে করা হচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের দিক থেকে। বিভিন্ন সূত্রের খবর, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে শেখ হাসিনাও (Sheikh Hasina) মনে করছেন যে, তিনি এখনও প্রাসঙ্গিকতা হারাননি। এই আবহে বাংলাদেশে আগামী ১৮ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে হাসিনার দল।

    আওয়ামি লিগের (Awami League) নেতা কী বলছেন?

    নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামি লিগের একজন বর্ষীয়ান নেতা জানান, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া এমন সিদ্ধান্তকে অত্যন্ত সময়োপযোগী বলেই মনে করছেন। তিনি জানিয়েছেন, এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে কী করে বেড়াচ্ছে তা গোটা দুনিয়ার সামনে প্রতিফলিত হল। ভারতেরই এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে ওই নেতা বলেছেন, ‘‘আওয়ামি লিগের কর্মীরা এখনও ঐক্যবদ্ধ এবং যখনই বাংলাদেশের সাধারণ নির্বাচন ঘোষণা হবে, তখনই তাঁরা লড়াই শুরু করবেন।’’ তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) আমাদের পথপ্রদর্শক। আমরা তাঁকে কোনওদিনই ছেড়ে যাব না। আমরা আমাদের দেশকে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ছেড়েও দেব না। আমাদের জনগণ জানে শেখ হাসিনা দেশের জন্য ঠিক কি কি কাজ করেছেন এবং তিনি এখনও বিপুল বাংলাদেশির সমর্থন পান।’’

    নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন হাসিনা

    প্রসঙ্গত, জামাত-বিএনপির চক্রান্তে বাংলাদেশের গণভবন দখল করার দিনই সেদেশ ছাড়েন শেখ হাসিনা (Sheikh Hasina)।তিনি তড়িঘড়ি রওনা দেন ভারতের উদ্দেশে। বর্তমানে ৮ মাস ধরে তিনি নির্বাসিত হয়ে রয়েছেন, বাংলাদেশ থেকে। অভিজ্ঞ এই রাজনীতিবিদ এখনও পর্যন্ত তাঁর দলের গুরুত্বপূর্ণ নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেই চলেছেন এবং কিভাবে আওয়ামি লিগকে আরও সংঘটিত করা যায়, সেদিকেই মন দিয়েছেন। তাঁর সহকর্মী এবং দলের কর্মীদের ওপর কর্তৃত্ব বজায় রাখতে একাধিক পথ অবলম্বন করেছেন শেখ হাসিনা। ভারতেরও বিভিন্ন শহরে যেমন, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু এমনকী, বিদেশেও আওয়ামি লিগের বিভিন্ন সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ রেখেই চলেছেন এবং প্রয়োজনে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকও সম্পন্ন করছেন তাঁরা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে এমন খবরই প্রকাশ পেয়েছে।

    ভার্চুয়ালভাবে গড়ে উঠেছে গ্রুপ

    গত অগাস্ট মাসে রাজনৈতিক ক্ষমতা বদলের পরে শেখ হাসিনা (Sheikh Hasina) তাঁর সহকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেন। তখন থেকেই আওয়ামি লিগে তাঁর বিশ্বস্ত কর্মীদের নিয়ে একটি তৈরি দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ তিনি রেখে চলেছেন বলে খবর। একই সঙ্গে ট্র্যাকিং এড়িয়ে নিরাপদ যোগাযোগ রাখতে ভিপিএন প্ল্যাটফর্ম তিনি ব্যবহার করছেন বলে খবর। এক ডজনেরও গ্রুপ ভার্চুয়ালি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। এইগুলোতেই হাসিনা নিয়মিতভাবে নির্দেশ দেন তাঁর দলের কর্মী-সমর্থক এবং নেতাদের। যাঁরা তাঁর অত্যন্ত বিশ্বস্ত। জানা গিয়েছে, এই গ্রুপগুলিতে রয়েছেন নাগরিক সমাজের সদস্যরা।

    আওয়ামি লিগের বৈঠকগুলিতে কী নিয়ে আলোচনা?

    আওয়ামি লিগের এই সমস্ত গ্রুপগুলির বিভিন্ন মিটিংয়ে উঠে আসে মূলত ইউনূস সরকারের ব্যর্থতা, আওয়ামি লিগের আগামী পরিকল্পনা, দলের নেতা-কর্মীদের নিরাপত্তা, হাসিনার নির্দেশ। এই সমস্ত কিছুই আলোচনা করা হয় এই গ্রুপগুলির মাধ্যমে। এইভাবেই শেখ হাসিনা (Sheikh Hasina) এখনও পর্যন্ত প্রাসঙ্গিক হয়ে রয়েছেন। শুধু তাই নয়, সর্বসমক্ষে আওয়ামি লিগের বিভিন্ন সমাজমাধ্যমে পাতাতেও শেখ হাসিনার প্রেস বিবৃতি সামনে আসে। এই ধরনের প্রেস বিবৃতি আওয়ামি লিগের কর্মীদের আরও উৎসাহিত করে বলে জানা যাচ্ছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ট্রাম্প প্রশাসন যেভাবে বাংলাদেশে তহবিল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, এতে অনেকটাই মাইলেজ পেয়েছেন শেখ হাসিনা এবং ব্যাকফুটে গিয়েছেন নোবেল জয়ী তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূস। বর্তমান বাংলাদেশের সরকারের সঙ্গে শেখ হাসিনার যে দ্বন্দ্ব চলছে সেখানে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত শেখ হাসিনাকে এগিয়ে রেখেছে। কারণ তহবিল বন্ধের এমন সিদ্ধান্ত প্রতিফলিত করে যে বাংলাদেশের ঠিক কতটা রাজনৈতিক অস্থিরতা বজায় রয়েছে এবং সেখানে গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তাই ট্রাম্পের এমন সিদ্ধান্তকে বাংলাদেশ সরকারের চূড়ান্ত তিরস্কার বলেই মনে করছেন অনেকে।

    মাঠে ফিরছে হাসিনার দল (Sheikh Hasina)

    এই আবহে উৎসাহী হাসিনার দল। ইউনূস সরকারের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে তারা। বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আওয়ামি লিগ। আগামী ১৮ ফেব্রুয়ারি ইউনূস সরকারের ইস্তফার দাবিতে গোটা বাংলাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে হাসিনা সরকার। সেদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ফের বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হচ্ছে আওয়ামি লিগ। ১ ফেব্রুয়ারি থেকে দলীয় কর্মসূচির লিফলেট বিলি করবে তারা। এরপর ১৮ ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক।

  • Indian Railways: কারগিল যুদ্ধের শহিদকে শ্রদ্ধা ভারতীয় রেলের, আস্ত লোকোমোটিভ উৎসর্গ

    Indian Railways: কারগিল যুদ্ধের শহিদকে শ্রদ্ধা ভারতীয় রেলের, আস্ত লোকোমোটিভ উৎসর্গ

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাবীর চক্র প্রাপক ক্যাপ্টেন অনুজ নায়ারের সাহস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাল ভারতীয় রেল (Indian Railways)। তাঁর স্মৃতিতে একটি ডব্লুএজি-৯ এইচসি লোকোমোটিভ উৎসর্গ করল তারা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি হয় তামিলনাড়ুর আরাক্কোনামের ইলেকট্রিক লোকো শেডে। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের (Kargil War Hero) এই বীর শহিদের প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক হিসেবে চিহ্নিত হল এই অনুষ্ঠান।

    কারগিল যুদ্ধের নায়ক

    ক্যাপ্টেন অনুজ নায়ার কারগিল যুদ্ধে অসম সাহস দেখিয়ে আত্মত্যাগ করেন। তাঁর বীরত্বের স্বীকৃতি স্বরূপ তাকে মরণোত্তর মহাবীর চক্র দেওয়া হয়। এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান। এক্স হ্যান্ডেলে ভারতীয় রেল জানিয়েছে, “বীরত্ব অমর! ১৯৯৯ সালের কারগিল যুদ্ধে মহাবীর চক্র প্রাপক ক্যাপ্টেন অনুজ নায়ারের অতুলনীয় সাহস ও আত্মত্যাগকে স্মরণ করে, ভারতীয় রেলওয়ে গর্বের সঙ্গে তাঁর স্মৃতিতে ডব্লুএজি-৯ এইচসি লোকোমোটিভ উৎসর্গ করেছে আরাক্কোনামের ইলেকট্রিক লোকো শেডে।”

    নায়ারের গুরু দায়িত্ব

    ১৯৭৫ সালের ২৮ অগাস্ট দিল্লিতে জন্মগ্রহণ করেন নায়ার। তাঁর শিক্ষাজীবন শুরু ডিপিএস মথুরা রোডে। তারপর চলে যান ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে। পরে যোগ দেন ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, দেরাদুনে। তিনি ভারতীয় সেনাবাহিনীর ১৭ জাঠ রেজিমেন্টে কমিশনপ্রাপ্ত হন। অপারেশন বিজয়ের সময়, ক্যাপ্টেন নায়ার মুশকোহ উপত্যকায় পয়েন্ট ৪৮৭৫ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর ইউনিটকে শত্রুর ভারী গোলাগুলির মধ্যে খাড়া, কঠিন ভূখণ্ডে শত্রুর বাঙ্কার ধ্বংসের দায়িত্ব দেওয়া হয়েছিল (Indian Railways)। ৬ জুলাই ১৯৯৯ সালে, যখন তাঁর দল অগ্রসর হচ্ছিল, তখন পাকিস্তানি সেনারা সুরক্ষিত অবস্থান থেকে প্রবল গোলাবর্ষণ শুরু করে।

    তীব্র গোলাবর্ষণের মধ্যেও ক্যাপ্টেন নায়ার তাঁর সৈন্যদের নেতৃত্ব দেন। ধ্বংস করেন চারটি শত্রু বাঙ্কার। নিকেশ করেন বহু শত্রু সেনাকে। ভয়ঙ্কর গোলাবর্ষণের মধ্যেও তিনি অবিচলভাবে এগিয়ে যান। নিশ্চিত করেন মিশনের সাফল্য। পরে শত্রুর একটি আরপিজি শেলের আঘাতে শহিদ হন তিনি। সেনা সূত্রে খবর, শহিদ হওয়ার আগে তিনি ন’জন শত্রু সেনাকে খতম করেন (Kargil War Hero)। শত্রু সেনার তিনটি মাঝারি মেশিনগানের অবস্থানও ধ্বংস করে দেন এই অসম সাহসী বীর (Indian Railways)।

  • Justin Trudeau: মুখ পুড়ল ট্রুডোর! নিজ্জর হত্যায় ভারত-যোগের প্রমাণ নেই, বলছে কানাডার রিপোর্টই

    Justin Trudeau: মুখ পুড়ল ট্রুডোর! নিজ্জর হত্যায় ভারত-যোগের প্রমাণ নেই, বলছে কানাডার রিপোর্টই

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্দিষ্ট কোনও প্রমাণ ছাড়াই নিজ্জর খুনে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। এবার নিজের দেশের রিপোর্টেই জানা গেল ট্রুডোর দাবি ভিত্তিহীন। স্বাভাবিকভাবেই মুখ পুড়ল কানাডিয়ান প্রধানমন্ত্রীর। কানাডার রিপোর্টেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নিজ্জর হত্যায় (Nijjars Killing) কোনও বিদেশি রাষ্ট্রের যোগের নির্দিষ্ট প্রমাণ নেই।

    নিজ্জর খুনে কানাডার অভিযোগ (Justin Trudeau)

    ২০২৩ সালের ১৮ জুন কানাডার সারেতে একটি গুরুদ্বারের বাইরে খুন হন খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং পুরী নিজ্জর। ওই ঘটনায় ভারতীয় এজেন্টের হাত রয়েছে বলে দাবি করেছিলেন ট্রুডো। কেবল দাবি করাই নয়, কানাডার সংসদেও এমন দাবি করেছিলেন তিনি। কানাডার প্রধানমন্ত্রীর অভিযোগ পত্রপাঠ খারিজ করেছিল ভারত। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছিল, নিজ্জর খুনে ভারতের কোনও হাত নেই। এবার কানাডা কমিশনের নয়া রিপোর্টেও জানিয়ে দেওয়া হল, খালিস্তানপন্থী নেতা নিজ্জর খুনে ভারতের হাতই নেই। মঙ্গলবার ‘পাবলিক ইনকোয়ারি ইনটু ফরেন ইন্টারফেয়ারেন্স ইন ফেডারেল ইলেক্টোরাল প্রসেসেস অ্যান্ড ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশনস’ শীর্ষক রিপোর্টেই এ কথা জানানো হয়েছে।

    ভারত-কানাডা সম্পর্কের অবনতি

    খালিস্তানপন্থী নেতা নিজ্জর খুনের জেরে ২০২৪ সালের অক্টোবর মাসে ছ’জন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করে কানাডা। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতও বহিষ্কার করে কানাডার ছ’জন কূটনীতিককে। নিজ্জর হত্যাকাণ্ডের জেরে কানাডার প্রধানমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে ভারত-কানাডার সম্পর্ক তলানিতে ঠেকে। পরবর্তীকালে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়। ১২৩ পাতার ওই রিপোর্টে কমিশনার মেরি জোসি হোগ বলেন (Justin Trudeau), “বিভ্রান্তিমূলক তথ্যকে এখানে একটি প্রতিশোধমূলক কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছে, যা রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্তগুলির জন্য হুমকির কারণ হতে পারে।” অর্থাৎ ভারতের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে কমিশনের রিপোর্টে। ওই রিপোর্টে বলা হয়েছে, হরদীপ সিং নিজ্জর হত্যায় সন্দেহভাজন ভারতীয় জড়িত থাকার বিষয়ে কানাডার সংসদে প্রধানমন্ত্রীর মন্তব্যের পরে পাল্টা ভারতের তরফে বিভ্রান্তিমূলক প্রচার করা হয়েছে। তবে রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, নিজ্জর হত্যাকাণ্ডে বিদেশের যোগ নেই (Nijjars Killing)।

    কী বলছে কমিশনের রিপোর্ট

    জানা গিয়েছে, কানাডার নির্বাচন প্রক্রিয়া এবং সে দেশের গণতান্ত্রিক সংগঠনগুলির ওপর বিদেশিদের হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছিল ওই কমিশন। সেই কমিশনের রিপোর্টেই বলা হয়েছে, নিজ্জর খুনে কোনও বিদেশি রাষ্ট্রের ভূমিকা রয়েছে বলে কোনও প্রমাণ পাওয়া যায়নি। অথচ কানাডার প্রধানমন্ত্রী ভারতের দিকে অভিযোগের আঙুল তোলার পরে পরেই গত মে মাসে নিজ্জর খুনের অভিযোগে চারজন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেফতার করে কানাডা পুলিশ। চলতি মাসেই জামিন পান তাঁরা। এঁরা হলেন করণ ব্রার, আমনদীপ সিং, কমলপ্রীত সিং এবং করণপ্রীত সিং। অবশ্য জামিন মিললেও, জেলমুক্তি হয়নি তাঁদের। জানা গিয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত বন্দিদশা ঘুঁচবে না ওই চার অভিযুক্তের (Justin Trudeau)। ঘরে-বাইরে অসন্তোষের জেরে ইতিমধ্যেই কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ট্রুডো। তবে এখনও কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এমতাবস্থায় প্রকাশ্যে এল কমিশনের রিপোর্ট। যে রিপোর্টের জেরে আদতে মুখ পুড়ল স্বয়ং প্রধানমন্ত্রীর।

    উপযুক্ত জবাব দিয়েছিল ভারতের বিদেশমন্ত্রক

    গত অক্টোবরেই কানাডা সরকার অভিযোগ করেছিল, বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে খুনের ঘটনায় ভারত জড়িত। কিন্তু বুধবার সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, এই বিষয়ে তাঁদের কাছে কোনও তথ্যপ্রমাণ নেই। আছে কেবল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাপ্ত কিছু ধারণা। সেই সব সম্ভাবনার কথা ভারতকে জানানো হয়েছে বলেও দাবি করেছিলেন ট্রুডো। ট্রুডোর ওই স্বীকারোক্তির পরে পরেই বিবৃতি দেয় বিদেশমন্ত্রক। কানাডার প্রধানমন্ত্রীকে তোপ (Nijjars Killing) দেগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্ত্রক জানায়, তারা যা বলে আসছিল, তা-ই অবশেষে সত্যি হল (Justin Trudeau)। সেই সময় বিদেশমন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল (Justin Trudeau), অভিযোগের প্রেক্ষিতে কানাডা আমাদের কাছে কোনও প্রমাণ দেয়নি। তার পরেই কানাডার প্রধানমন্ত্রীর রুক্ষ আচরণের নিন্দা করে নয়াদিল্লির তরফে বলা হয়, ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কে যে প্রভাব পড়েছে, তার দায় কেবল ট্রুডোর।

    নিজ্জরকে সন্ত্রাসবাদী ঘোষণা

    ২০২০ সালে খালিস্তানপন্থী নেতা নিজ্জরকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করে ভারত। এর ঠিক তিন বছর পর খুন হন খালিস্তানপন্থী ওই নেতা। তার পরেই ভারতকে কাঠগড়ায় তোলেন ট্রুডো স্বয়ং। কানাডার প্রধানমন্ত্রীর এহেন অভিযোগের ভিত্তিতে দলের মধ্যেই সমালোচনার শিকার হন ট্রুডো। তিনি যতই ভারতকে নিশানা করেছেন, ততই তাঁর দলের মধ্যেই মাথাচাড়া দিয়েছে বিদ্রোহ। যার জেরে তাঁকে সরতে হয় প্রধানমন্ত্রীর পদ থেকে। চলতি বছরের শেষের দিকে কানাডায় সাধারণ নির্বাচন। এই নির্বাচনে ট্রুডোকে সামনে রেখে লড়তে রাজি নয় তাঁর দল। সেটাও ট্রুডোকে সরিয়ে দেওয়ার একটা বড় কারণ। এমতাবস্থায় ট্রুডোর মুখোশ খুলে দিল তদন্ত কমিশনের রিপোর্ট (Nijjars Killing)।

    এর পর ফের প্রার্থী হলে আদৌ জিততে পারবেন তো কানাডার প্রধানমন্ত্রী (Justin Trudeau)?

  • Ropeway in Amarnath: রোপওয়ে চড়ে অমরনাথে! ভারতের ১৮টি তীর্থস্থান নিয়ে নয়া ভাবনা কেন্দ্রের

    Ropeway in Amarnath: রোপওয়ে চড়ে অমরনাথে! ভারতের ১৮টি তীর্থস্থান নিয়ে নয়া ভাবনা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভ্রমণপ্রিয় ভারতবাসী সারাবছরই ভিড় জমান কাশী থেকে কন্যাকুমারী। ভিড় জমে আজমের শরীফ থেকে শিরডির মন্দিরেও । ধর্মীয় পর্যটন ভারতবাসীর কাছে বরাবরই জনপ্রিয়। কেন্দ্রে মোদি সরকার ভারতবাসীর সেই চাহিদাও পূরণ করে চলেছে নিরন্তর। তীর্থস্থানে বেড়াতে আসা পর্যটকদের জন্য নানান ব্যবস্থা করা হয়েছে। এবার ভারতের জনপ্রিয় তীর্থস্থানগুলিতে (Ropeway in Amarnath) শীঘ্রই অত্যাধুনিক রোপওয়ে ব্যবস্থাপনা চালু হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ওইসব তীর্থস্থানে বেড়াতে আসা পর্যটক থেকে শুরু করে পুণ্যার্থী, সকলেই উপকৃত হবেন।

    অমরনাথে রোপওয়ে

    কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক সূত্রে খবর, ভারতের মোট ১৮টি জনপ্রিয় তীর্থস্থানে রোপওয়ে ব্যবস্থাপনার মাধ্যমে যোগাযোগের এক নয়া মাধ্যম প্রতিষ্ঠা করা হবে। যার মধ্যে অন্যতম হল অমরনাথ মন্দির। যেসমস্ত নির্মাণ সংস্থা এই কাজের বরাত নিতে আগ্রহী, তাদের কাছ থেকে সরকারের তরফে ইতিমধ্যে ‘ডিটেল্ড প্রোজেক্ট রিপোর্ট’ (ডিপিআর) চাওয়া হয়েছে। সরকারের আশা, এই উদ্যোগ সফল হলে ধর্মস্থান নির্ভর পর্যটন আরও উন্নত ও আকর্ষণীয় হবে। তথ্য বলছে, যে রোপওয়ে প্রজেক্টগুলি নিয়ে পরিকল্পনা করা হয়েছে, সেগুলির মধ্যে অমরনাথের প্রকল্পটি সবথেকে বড়। এক্ষেত্রে অমরনাথের (Ropeway in Amarnath) তীর্থস্থল থেকে সরাসরি বালতাল পর্যন্ত এলাকাকে রোপওয়ের মাধ্যমে জুড়ে দেওয়া হবে। এই দুই স্থানের মধ্যেকার দূরত্ব ১১.৬ কিলোমিটারেরও বেশি। বর্তমানে এই দূরত্ব হেঁটেই অতিক্রম করেন অধিকাংশ তীর্থযাত্রী ও পর্যটক। যাঁদের আর্থিক সঙ্গতি রয়েছেন, তাঁরা ভাড়া করেন হেলিকপ্টার। কিন্তু, রোপওয়ে চালু হলে তা হেঁটে যাতায়াতের থেকে আরামদায়ক ও দ্রুত হবে। আবার এই ব্যবস্থাপনা হেলিকপ্টার পরিষেবার মতো অতটা দামিও নয়। ফলে তীর্থযাত্রীরা ভীষণভাবে লাভবান হবেন।

    অন্য়ান্য রোপওয়ে প্রকল্প

    এছাড়াও অন্য রোপওয়ে প্রকল্প প্রস্তাবগুলির মধ্যে অন্যতম হল – কেরলের সবরীমালা মন্দির। এই রোপওয়ের দৈর্ঘ্য হবে ২.৬২ কিলোমিটার। এই পথে রোপওয়ে চালু হলে তীর্থযাত্রীদের আর পাম্বা থেকে প্রায় আড়াই ঘণ্টার একটি অত্যন্ত কষ্টসাধ্য পথ অতিক্রম করে মন্দিরে যেতে হবে না। দক্ষিণ ভারতের আরও একটি জনপ্রিয় তীর্থস্থানে রোপওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেটি হল তামিলনাড়ুর পর্বতামালাই মন্দির। এই প্রকল্পের মোট দৈর্ঘ্য হবে ৩.২১ কিলোমিটার। এখানে রোপওয়ে চালু হলে পুণ্যার্থীদের পাশাপাশি পর্যটকদের আনাগোনা আরও বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট প্রশাসন। এই স্থানটি রামায়ণে সঞ্জীবনী পর্বতের একটি ভগ্নাংশ হিসেবে বিবেচিত হয়। এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে।

    ধর্মীয় পর্যটনে জোর

    ২০২৪ সালে অর্থাৎ আগের বছর চারজনের মধ্যে একজন ভারতীয় ধর্মীয় স্থানে ভ্রমণ করেছেন, এমনটাই বলছে কেন্দ্রের রিপোর্ট। অযোধ্যা, বারাণসী, হরিদ্বারে ভিড় করেছেন লক্ষাধিক মানুষ। এবার মহাকুম্ভেও পুণ্যার্থীর ঢল নেমেছে। দুর্গমতা উপেক্ষা করে প্রতিবছরই অমরনাথ দর্শনেও যান হাজার হাজার ভক্ত। ২০২৪ সালে প্রায় ৫৪ শতাংশ ভারতীয় হরিদ্বারে ভ্রমণ করেছেন। ভক্তদের মধ্যে ৮২ শতাংশ তিরুপতিতে ভ্রমণ করেছেন। বালাজির মন্দিরে প্রায় সব সময়েই ভক্তদের ভিড় লেগে থাকে। শিরডিতে সাইবাবার দর্শনেও আসেন বহু ভক্ত। ধর্মীয় পর্যটন নিয়ে ভারতবাসীর আগ্রহ প্রাচীনকাল থেকেই। কেন্দ্রের মোদি সরকার ভারতবাসীর শিকড়ের টান অনুভব করেই ধর্মীয় পর্যটনে গুরুত্ব দিয়েছে। বাজেটে বরাদ্দও বাড়ানো হয়েছে। ফলে জোয়ার এসেছে উন্নয়নে।

    রোপওয়ে-তে গুরুত্ব

    ভারত সরকারের পক্ষ থেকে স্থির করা হয়েছে, দেশজুড়ে পর্যটনে জোয়ার আনতে শুধুমাত্র ধর্মীয় স্থানগুলিই নয়, সেইসঙ্গে জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলিতেও প্রয়োজন মাফিক রোপওয়ে নির্মাণ করা হবে। যাতে আমজনতা বেড়াতে এসে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে পারে এবং নির্ঝঞ্ঝাট সফর করতে পারে। ভারতের বিভিন্ন ধর্মীয় এবং পর্যটন গন্তব্যে পুণ্যার্থী এবং পর্যটকদের যাত্রা আরও সহজ করতে, কেন্দ্রীয় সরকার ১৮টি প্রধান রোপওয়ে প্রকল্প উন্নয়ন করতে একটি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। ধর্মীয় স্থানগুলির পাশাপাশি,আরও নানা জায়গায় রোপওয়ে চালু করার কথা ভাবা হয়েছে।

    কোন কোন জায়গায় রোপওয়ে

    জম্মু ও কাশ্মীরের সোনামার্গ থেকে থাজিওয়াস হিমবাহ পর্যন্ত ১.৬ কিলোমিটার রোপওয়ে প্রকল্প পর্যটন শিল্পকে শক্তিশালী করবে। রাজস্থানের জয়পুরে ৬.৪৫ কিলোমিটার রোপওয়ে আমের দুর্গ এবং নাহাড়গড় দুর্গের মধ্যে একটি আকাশপথ তৈরি করবে। এর ফলে রাজ্যের দুটি ঐতিহাসিক স্থানের মধ্যে সংযোগ স্থাপন করা সহজ হবে। মুসৌরির পাহাড়ি স্টেশনেও ৩.২১ কিলোমিটার রোপওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা দর্শনার্থীদের প্রিয় স্থান কেম্পটি ফলসের কাছে নিয়ে যাবে। মহারাষ্ট্রের শিবনেড়ি দুর্গে ১.৪১ কিলোমিটার রোপওয়ে নির্মাণের মাধ্যমে চতুর্থ ছত্রপতি শিবাজি মহারাজের জন্মস্থলে যাওয়া সহজ হবে। এছাড়া, কর্নাটকের সর্বোচ্চ শিখর মুল্লায়ান গিরিতে ২.৩৮ কিলোমিটার রোপওয়ের মাধ্যমে পর্যটনের নতুন সুযোগ সৃষ্টি হবে। এই প্রকল্পটির আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ হিন্দু মন্দিরগুলিতে রোপওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে, যেমন: চামুন্ডা দেবী মন্দির (হিমাচলপ্রদেশ), কুণজাপুরি মন্দির (উত্তরাখণ্ড), জ্বালা নরসিংস্বামী মন্দির (অন্ধ্রপ্রদেশ), শ্রী বয়াকোন্ডা গঙ্গাম্মা মন্দির (অন্ধ্রপ্রদেশ), সালকানপুর ওয়ালি মাতা মন্দির (মধ্যপ্রদেশ), এবং ভুবন পাহ মাহাদেব মন্দির (অসম)। এই প্রকল্পটি ‘পর্বতমালা পরিকল্পনা’ নামে পরিচিত, যা ন্যাশনাল হাইওয়েজ লজিস্টিকস ম্যানেজমেন্ট লিমিটেড (এনএইচএলএমএল) দ্বারা পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে কেদারনাথ (উত্তরাখণ্ড), মাতা বৈষ্ণো দেবী (জম্মু ও কাশ্মীর), এবং শঙ্করাচার্য মন্দির (শ্রীনগর) এর জন্য কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

  • Mahakumbh 2025: কুম্ভমেলার ভূয়সী প্রশংসা ব্রিটিশ স্নায়ুবিজ্ঞানীর মুখে, কী বললেন জানেন?

    Mahakumbh 2025: কুম্ভমেলার ভূয়সী প্রশংসা ব্রিটিশ স্নায়ুবিজ্ঞানীর মুখে, কী বললেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা (Mahakumbh 2025)। এই মহা মিলন মেলায় শামিল হয়েছেন দেশ-বিদেশের বহু পুণ্যার্থী। বিশ্বের এই বৃহত্তম মেলায় এসেছেন লন্ডনের বিখ্যাত স্নায়ুবিজ্ঞানী ইটিয়েল ড্রর। লন্ডন থেকে তিনি এসেছেন কুম্ভমেলা দর্শনে। তিনি জানান, তাঁর মহাকুম্ভ মেলা সফর কেবল একটি ধর্মীয় উৎসব প্রত্যক্ষ করার (Indias Heritage) জন্য নয়, বরং এই মহৎ সমাবেশের অন্তর্নিহিত আবেগ ও আধ্যাত্মিক শক্তি উপলব্ধি করার একটি চেষ্টাও।

     

    মহাকুম্ভে ব্যাপক ভিড় (Mahakumbh 2025)

     

    গত ১২ জানুয়ারি প্রয়াগরাজের গঙ্গা-যমুনা-সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি ১২ বছর অন্তর হয় পূর্ণকুম্ভ। ১২টি পূর্ণকুম্ভ শেষে হয় মহাকুম্ভ। এ বছর যে মহাকুম্ভের যোগ এসেছে, তা আসবে ফের ১৪৪ বছর পরে। যেহেতু এবার মহাকুম্ভ, তাই প্রয়াগরাজে ব্যাপক ভিড় হবে বলে আশা উত্তরপ্রদেশ প্রশাসনের। ইতিমধ্যেই প্রায় ২০ কোটি মানুষ এই ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন। উদ্যোক্তাদের আশা, এবার অন্তত ৪০ কোটি মানুষ ডুব দেবেন প্রয়াগরাজের এই সঙ্গমে। কেবল পুণ্যার্থীরা নন, এবার কুম্ভমেলা দর্শনে এসেছেন বহু অনুসন্ধিৎসু মানুষও। এবার এই মহোৎসবটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ এটি এমন একটি জ্যোতির্বৈজ্ঞানিক যোগের সঙ্গে মিলে গেছে, যা প্রতি ১৪৪ বছরে একবার ঘটে। এই বিরল মহাজাগতিক ঘটনাটি বিজ্ঞানী, আধ্যাত্মিক অনুসন্ধানী এবং পর্যটক-সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষকে প্রয়াগরাজে টেনে এনেছে। এঁদের মধ্যেই (Mahakumbh 2025) একজন স্নায়ুবিজ্ঞানী ইটিয়েল ড্রর।

     

    ভারতীয় চায়ের প্রশংসা

     

    ড্ররের ভারত-মুগ্ধতা স্পষ্ট হয়ে উঠেছিল ঢের আগেই। যখন তিনি দেশের সবচেয়ে আইকনিক পানীয় — চা সম্পর্কে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “ভারতীয় চা সেরা।” তিনি এও বলেছিলেন, “বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ চা সংস্কৃতির জন্যই ভারত পরিচিত। ভারত চায়ের একটি দীর্ঘকালীন ঐতিহ্য ধারণ করে। এই চা মেলে শহরের ব্যস্ত বাজারে কিংবা সাধারণ মানুষের বাড়িতে।” মহাকুম্ভ মেলার আয়োজনের ভূয়সী প্রশংসাও করেছেন ড্রর। তিনি একে “অদ্ভুত” বলে বর্ণনা করেছেন। মেলা আয়োজনের নিখুঁত পরিকল্পনা এবং মানুষের শক্তির প্রতি তাঁর বিস্ময়ও প্রকাশ করেছেন। অমৃত কুম্ভের সন্ধানে এসে তিনি বলেন, “এখানে তরুণরা তাদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে যুক্ত এবং পূর্ণ শক্তিতে ভরপুর, যা প্রমাণ করে যে, আধুনিকতার মুখেও ভারতীয় যুবকরা তাদের ঐতিহ্যের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখে।” তাঁর কথা থেকে এটা স্পষ্ট যে, মহাকুম্ভ কেবল একটি ধর্মীয় সমাবেশ (Indias Heritage) নয়, বরং ভারতের সমৃদ্ধ এবং চিরস্থায়ী সংস্কৃতির একটি প্রতীক।

     

    ব্রিটিশরা ভারতীয়দের ওপর অত্যাচার করেছিল

     

    ড্ররের প্রশংসা ভারতীয় (Mahakumbh 2025) বর্তমান সময়ের প্রাণচাঞ্চল্যতার ওপরই থেমে থাকেনি। তিনি মন্তব্য করেছেন ইতিহাসের অন্ধকারময় দিকটি নিয়েও। এই অন্ধকারময় দিকটি হল প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসন। তিনি বলেন, “ঔপনিবেশিক সময়ে ব্রিটিশরা ভারতীয়দের ওপর অত্যাচার করেছিল।” ভারতীয় উপনিবেশে ব্রিটিশ শাসনের শোষণমূলক প্রকৃতিকেও স্বীকার করেন তিনি। ড্রর কবুল করেন, “উপনিবেশকালের সময় ভারতের ধনসম্পদ লুঠ করা হয়েছিল। যে পরিকাঠামো নির্মিত হয়েছিল, তা মূলত ব্রিটিশ সাম্রাজ্যের লাভের জন্য সম্পদ আহরণের উদ্দেশ্যে।” একটি বিবৃতিতে তিনি ব্রিটিশদের নির্মিত কুখ্যাত ট্রেনগুলির কথারও উল্লেখ করেন। এই ট্রেনগুলি কেবল পরিবহণের জন্য ব্যবহৃত হত না, বরং ভারতীয় সম্পদ এবং ধনসম্পদ বহন করার জন্য নির্মিত হয়েছিল। ব্রিটেনের ভারতীয়দের ওপর ঐতিহাসিক শোষণের এই সৎ স্বীকারোক্তি বহু ভারতীয়দের হৃদয়ে গভীরভাবে প্রতিধ্বনিত হয়েছিল, যাঁরা দীর্ঘকাল ধরে ঔপনিবেশিক আঘাতগুলি স্মরণ করে আসছেন। এই সময়ের প্রতি ড্ররের সততা, ভারত সম্পর্কে তাঁর প্রশংসায় একটি বিশেষ মাত্রা যোগ করে।

     

    ভারতীয় সমাজের আত্মিক বন্ধন

     

    ভারতীয় সমাজের (Mahakumbh 2025) আত্মিক বন্ধনের কথাও স্বীকার করেছেন ড্রর। ভারতজুড়ে বহু মানুষের সঙ্গে তাঁর সাক্ষাতের অভিজ্ঞতাও তুলে ধরেন এই খ্যাতনামা স্নায়ুবিজ্ঞানী। তিনি জানান, ৬০-৭০টিরও বেশি দেশ ভ্রমণ করার পরেও, তিনি ভারতের মানুষের সঙ্গে এক বিশেষ সম্পর্ক অনুভব করেছেন। তাঁর কথায় ধরা পড়েছে ভারতীয়দের আতিথেয়তা, উষ্ণতা এবং দৃঢ়তার কথা। তিনি বলেন, “ওঁদের সঙ্গে সাক্ষাৎ করে আমি খুব ভালো অনুভব করেছি।”

    ড্রর মহাকুম্ভের আয়োজনেরও ভূয়সী প্রশংসা করেন। তাঁর মতে, এটি দেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য সংরক্ষণ এবং উদযাপনের প্রতি প্রতিশ্রুতির একটি প্রমাণ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসাও করেছেন (Indias Heritage)। তাঁদের নেতৃত্বের প্রতি তার অন্তরের শ্রদ্ধাও জানিয়েছেন এই স্নায়ুবিজ্ঞানী (Mahakumbh 2025)।

  • Daily Horoscope 31 January 2025: জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার জন্য শুভ দিন এই রাশির জাতকদের

    Daily Horoscope 31 January 2025: জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার জন্য শুভ দিন এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

     

     

    মেষ

    ১) কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে।

    ২) উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে।

    ২) অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

    ৩) সতর্ক থাকবেন সব বিষয়ে।

     

     

     

     

     

     

     

     

    মিথুন

    ১) কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে।

    ২) সামাজিক সুনাম লাভ বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

    ৩) বাণীতে সংযম জরুরি।

     

     

     

     

    কর্কট

    ১) সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা।

    ২) আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে।

    ৩) সবাইকে ভালোভাবে কথা বলুন।

    সিংহ

    ১) সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে।

    ২) অপরের উপকার করতে গেলে বিপদ হতে পারে।

    ৩) প্রতিকূল কাটবে দিনটি।

     

     

    কন্যা

    ১) বাতজ রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা।

    ২) কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে।

    ৩) দিনটি অনুকূল।

    তুলা

    ১) বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে।

    ২) আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে।

    ৩) দিনটি মোটামুটি কাটবে।

    বৃশ্চিক

    ১) জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

    ২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    ৩) আশাহত।

    ধনু

     

     

    ১) বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন।

    ২) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    মকর

    ১) পেটের সমস্যা বাড়তে পারে।

    ২) ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    কুম্ভ

     

     

    ১) ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।

    ২) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

    ৩) আশা পূরণ।

    মীন

    ১) ভাই-বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • BSF: মালদায় রণংদেহী ২ মহিলা বিএসএফ জওয়ান, গুলি করতেই পালাল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা

    BSF: মালদায় রণংদেহী ২ মহিলা বিএসএফ জওয়ান, গুলি করতেই পালাল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশি অনুপ্রবেশ (Bangladeshi Infiltrators) ঠেকাতে রণংদেহী ২ মহিলা বিএসএফ জওয়ান (BSF)। মঙ্গলবার রাতে মালদার অনুরাধাপুর বর্ডার আউটপোস্টের কুটাদহ সীমান্তে ছ’জন অনুপ্রবেশকারীকে হাতে অস্ত্র নিয়ে এগোতে দেখেন বিএসএফের ২ মহিলা জওয়ান। জানা গিয়েছে, ধারাল অস্ত্র দিয়ে সেই অনুপ্রবেশকারীরা সীমান্তের কাঁটাতার কেটে ফেলার চেষ্টাও করে। তখনই বাংলাদেশি দুষ্কৃতীদের হুঁশিয়ার করতে চিৎকার করে বাধা দেন দুই মহিলা জওয়ান। এরপর মহিলা জওয়ানদের ওপর ২ অনুপ্রবেশকারী ঝাঁপিয়ে পড়ার চেষ্টাও করে বলে অভিযোগ। দুষ্কৃীতিদের লক্ষ্য করে ২ মহিলা বিএসএফ জওয়ান (BSF) গুলিও চালিয়েছিলেন বলে খবর। তবে এই ঘটনায় কোনও অনুপ্রবেশকারী জখম হয়নি বলে জানা গিয়েছে।

    গতকাল বুধবারও ছড়ায় উত্তেজনা

    অপরদিকে, গতকাল বুধবারও নতুন করে উত্তেজনা ছড়ায় মালদার শুকদেবপুরে। সীমান্তবর্তী অঞ্চলে ভারতের জমি দখলের চেষ্টা চালায় বাংলাদেশিরা। এমনই অভিযোগ ওঠে। একইসঙ্গে ভারতের জমিতে বড় বড় গর্তও খোঁড়ার অভিযোগও ওঠে বাংলাদেশিদের বিরুদ্ধে। এরপরেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেখেই ধাওয়া করেন ভারতের স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখন ছুটে যায় বিএসএফ (BSF)।

    বাধার মুখে পড়তে হচ্ছে বিএসএফ-কে

    বেশ কিছুদিন ধরেই ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানা বিবাদ লেগেই রয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশ (Bangladeshi Infiltrators) ঠেকাতে বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে গেলে তাতে আপত্তি জানাচ্ছে বিজিবি বা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এদিকে অনুপ্রবেশকারী বা পাচারকারীদের গুলি করলে তাতেও আপত্তি জানাচ্ছে ইউনূস সরকার। প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়েও সংঘাত দেখা গিয়েছে বিএসএফ এবং বিজিবির মধ্যে। মালদা সহ একাধিক জায়গায় কাঁটাতার দিতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে বিএসএফ-কে (BSF)। এর জেরে সীমান্তের বহু জায়গাতেই ছড়িয়েছে উত্তেজনা। জানা গিয়েছে, ২০১০ সালে বাংলাদেশ লিখিত আকারে ভারতকে জানিয়েছিল যে, সীমান্তে ১৫০ গজের ভিতরেও প্রয়োজনে কাঁটাতারের বেড়া দিতে পারবে ভারত। এই কথা স্বীকারও করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী। এখন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরে এসব কিছুই মানা হচ্ছে না বলে অভিযোগ।

LinkedIn
Share