Blog

  • Rinku Singh: পাত্রী সাংসদ, সুপ্রিম কোর্টের আইনজীবী! চলতি বছরেই কি বিয়ের পিঁড়িতে রিঙ্কু?

    Rinku Singh: পাত্রী সাংসদ, সুপ্রিম কোর্টের আইনজীবী! চলতি বছরেই কি বিয়ের পিঁড়িতে রিঙ্কু?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরেই বিয়ে করতে চলেছেন ভারতীয় ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh)। দাবি করা হচ্ছে, সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজকে বিয়ে করতে চলেছেন তিনি। জোর গুঞ্জন, ইতিমধ্যেই নাকি বাগদান-পর্বও সেরে ফেলেছেন কেকেআর তারকা। ক্রিকেট-রাজনীতির ব্যতিক্রমী বিয়ের গল্পে রীতিমতে মজেছে সব মহল। যদিও, প্রিয়া সরোজের বাবা জানিয়েছেন, প্রিয়া এবং রিঙ্কুর (Rinku Singh Priya Saroj) বিয়ে সংক্রান্ত কথাবার্তা শুরু হয়েছিল ঠিকই, কিন্তু এখনও তাঁদের এনগেজমেন্ট হয়নি।

    প্রিয়ার পরিচয় 

    উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভার সাংসদ প্রিয়া সরোজ (Rinku Singh Priya Saroj)। যাঁর বয়স মাত্র ২৬। লোকসভা ভোটে কম বয়সে জেতার রেকর্ড করেছিলেন। সেই তরুণী প্রিয়াই নাকি হাবুডুবু খাচ্ছেন রিঙ্কুর (Rinku Singh) প্রেমে! অবশ্য হাবুডুবু খেয়ে বিয়ের পিঁড়িতে বসছেন কিনা, তার কনফার্মেশন এখনও মেলেনি। কারণ, প্রিয়ার বাবা আবার দাবি করেছেন, বিয়ের প্রস্তাব যে এসেছে রিঙ্কুর বাড়ি থেকে, তা সত্যিই। কিন্তু তাঁরা এখনও সিদ্ধান্ত নিয়ে ওঠেননি। প্রিয়া সরোজের বাবা, বিধায়ক তুফানী সরোজের কথায়, রিঙ্কুর পরিবার আমাদের বড় জামাইয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। কিন্তু, বাগদানের খবর একেবারেই ভুয়ো। প্রিয়ার আরও একটি পরিচয় আছে, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। 

    আরও পড়ুন: না মানলেই কড়া শাস্তি! রোহিত-বিরাটদের জন‍্য ১০ দফা নিষেধাজ্ঞা জারি বোর্ডের

    রিঙ্কুর সঙ্গে পরিণয়

    বিরাট কোহলি, রোহিত শর্মা পরবর্তী ভারতীয় টিমে রিঙ্কুকে (Rinku Singh) ম্যাচ উইনার হিসেবে ধরা হচ্ছে। কোচ গৌতম গম্ভীরের প্রিয় পাত্র। যেদিন ফর্মে থাকেন, একাই ধুয়েমুছে দেন প্রতিপক্ষকে। টিম ইন্ডিয়ার হয়ে রিঙ্কু ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে যাচ্ছেন। আলিগড় থেকে উঠে আসা রিঙ্কু উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। কলকাতার সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত সদস্য তিনি। অঘটন না ঘটলে এই রিঙ্কুই (Rinku Singh) ভারতীয় ক্রিকেটের সাদা বলের ভবিষ্যৎ। দলের হয়ে ক্রিকেট খেলতে খেলতে কীভাবে প্রেম হল রিঙ্কু-প্রিয়ার? নানা গুঞ্জন বাজারে ভাসছে ঠিকই, তবে কোনওটাকেই নিশ্চিত বলে ধরা যাচ্ছে না। অর্থাৎ প্রিয়া-রিঙ্কুর (Rinku Singh Priya Saroj) প্রেমকাহিনি জানতে হলে আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Naga sadhus: মহাকুম্ভ নাকি অন্ধবিশ্বাস! মেলা প্রাঙ্গণে হিন্দু-বিরোধী পোস্টার ছিঁড়ে জ্বালিয়ে দিলেন নাগা সাধুরা

    Naga sadhus: মহাকুম্ভ নাকি অন্ধবিশ্বাস! মেলা প্রাঙ্গণে হিন্দু-বিরোধী পোস্টার ছিঁড়ে জ্বালিয়ে দিলেন নাগা সাধুরা

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভ নাকি কুসংস্কার এবং অন্ধবিশ্বাস! এমনই পোস্টার সাঁটিয়ে বেশ কয়েকজন প্রচার করতে থাকে মেলা প্রাঙ্গণে। এই ঘটনায় নাগা সন্ন্যাসীদের (Naga sadhus) মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায়। তাঁরা সেখানে জমায়েত করেন ও হিন্দু-বিরোধী প্রচারের পুরো সেট-আপটি গুটিয়ে দেন। হিন্দু-বিরোধী পোস্টার ছিঁড়ে পুড়িয়ে দেন তাঁরা (Naga sadhus)। এ নিয়ে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। তিন মিনিটের ওই ভিডিওতে দেখা যাচ্ছে পোস্টারটি। সেখানে লেখা রয়েছে, ‘‘কুম্ভ হল কুসংস্কারের মেলা। যদি স্বাধীনতা চাও, তাহলে নিজের বুদ্ধিকে জাগ্রত করো।’’

    আচার্য প্রশান্তর বইয়ের দোকানের কাছেই ঘটে এমন ঘটনা

    প্রসঙ্গত, আচার্য প্রশান্তর একটি বইয়ের দোকানের কাছেই এমন কাজ শুরু করে বেশ কিছু লোকজন। হিন্দু-বিরোধী এমন প্রচার সভায় সঙ্গে সঙ্গে হাজির হয়ে যান নাগা সাধুরা (Naga sadhus) এবং পোস্টারে লেখা ওই কথাগুলি দেখে তাঁরা রেগে যান।

    যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার আর্জি

    এই ঘটনা সামনে আসতে অনেকেই প্রশ্ন তুলছেন। বিশ্বের বৃহত্তম ইভেন্টে পরিণত হয়েছে যে মহাকুম্ভ মেলা তাকে কুসংস্কার বলে আসলে হিন্দু বিরোধী মানসিকতার (Anti Hindu Activists) প্রতিফলন ঘটানো হচ্ছে। এ ধরনের কাজ যারা করছে, তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছেন হিন্দু সমাজের একাংশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Budget Session: বেতন বৃদ্ধি থেকে আয়কর ছাড়ের প্রত্যাশা, সংসদের বাজেট অধিবেশন শুরু ৩১ জানুয়ারি

    Budget Session: বেতন বৃদ্ধি থেকে আয়কর ছাড়ের প্রত্যাশা, সংসদের বাজেট অধিবেশন শুরু ৩১ জানুয়ারি

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসের শেষ দিন থেকেই শুরু হবে সংসদের (Parliament) বাজেট অধিবেশন (Budget Session)। দু’দফায় অধিবেশন চলবে দু’মাসেরও বেশি সময় ধরে৷ বাজেট অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি৷  শেষ হবে ৪ এপ্রিল৷ এর মধ্যে চিরাচরিত রীতি অনুযায়ী ১ ফেব্রুয়ারি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন৷ রীতি মেনে সংসদীয় বাজেট অধিবেশনের সূচনা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে৷

    সংসদে কবে কী

    সংসদ (Parliament) সূত্রে খবর, বাজেট অধিবেশনের (Budget Session) প্রথম অংশটি ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। বাজেট অধিবেশনের প্রথম ভাগে সংসদ বন্ধ থাকবে ২, ৫, ৮, ৯ এবং ১২ ফেব্রয়ারি। ৩১ জানুয়ারি রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এরপর ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। পাশাপাশি বাজেট সংক্রান্ত আলোচনায় ওঠা নানা প্রশ্নের উত্তরও দেবেন তিনি৷ তারপরে অধিবেশনের প্রথম অংশ জুড়ে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা হবে উভয় কক্ষে। সংসদের উভয় কক্ষে প্রধানমন্ত্রীর জবাব দিয়ে শেষ হবে এই অধিবেশন। এরপর ২৪ দিনের বিরতি৷ এই বিরতিতে বাজেটের নানাবিধ প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা হবে৷ সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগ শুরু হতে পারে ১০ মার্চ থেকে। তা চলতে পারে ৪ এপ্রিল পর্যন্ত। এর মাঝে সংসদ বন্ধ থাকবে ১৪ থেকে ১৬ মার্চ, ২ থেকে ২৩ মার্চ, ২৯ থেকে ৩১ মার্চ। এই পর্বে বিভিন্ন মন্ত্রকের ত্রাণ মঞ্জুর থেকে আরম্ভ করে বাজেট প্রক্রিয়ার সমাপ্তি হবে৷ পুরো সংসদীয় বাজেট অধিবেশনে ২৭টি অধিবেশন হবে বলে জানা গিয়েছে৷

    আরও পড়ুন: জঙ্গি কার্যকলাপ রুখতে সিমকার্ড কেনার সময় বায়োমেট্রিক যাচাই হবে বাধ্যতামূলক

    কী কী ঘোষণা হতে পারে

    গত শীতকালীন অধিবেশনে (Budget Session) প্রথম থেকে শেষ পর্যন্ত নানাবিধ ইস্যুতে উত্তপ্ত ছিল সংসদ৷ লোকসভায় (Parliament) পেশ হয় ‘এক দেশ, এক ভোট’ বিল৷ এবার বাজেট নিয়েও সংসদে বিশৃঙ্খলা তৈরি করতে পারেন বিরোধীরা, এমনই অনুমান বিশেষজ্ঞদের। এই নিয়ে টানা আটবার সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে আয়কর ছাড় থেকে শুরু অষ্টম বেতন কমিশন সংক্রান্ত ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্টে দাবি করা হয়েছে, ১৫ লাখ টাকা পর্যন্ত উপার্জন করা করদাতাদের ছাড় দেওয়া হতে পারে বাজেটে। এর ফলে বিশেষত শহরের মধ্যবিত্ত চাকরিজীবীরা উপকৃত হবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maha Kumbha 2025: জুনা আখরার মহামণ্ডলেশ্বরকে খুনের ছক? মহাকুম্ভে হিন্দু সেজে এসে ধৃত মুসলিম যুবক

    Maha Kumbha 2025: জুনা আখরার মহামণ্ডলেশ্বরকে খুনের ছক? মহাকুম্ভে হিন্দু সেজে এসে ধৃত মুসলিম যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভে সাধুকে খুনের পরিকল্পনা? গ্রেফতার আয়ুব নামের এক যুবক। জানা গিয়েছে, এই মুসলিম যুবক নিজের পরিচয় হিন্দু হিসেবে দেয় এবং আয়ুষ নাম নিয়ে মহাকুম্ভে (Maha Kumbha 2025) যতি নরসিংহনন্দ নামের সাধুর তৈরি শিবিরের কাছে চলে যায়। প্রসঙ্গত, যতি নরসিংহনন্দ (Yati Narsinghanand) হলেন গাজিয়াবাদে অবস্থিত দাসনা মন্দিরের প্রধান পূজারী এবং জুনা আখরার মহামণ্ডলেশ্বর (প্রধান)। ইতিমধ্যে পুলিশ আয়ুবকে হেফাজতে নিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে।

    দেখা করতে চায় নরসিংহানন্দের সঙ্গে

    সম্প্রতি, আয়ুষ নাম নিয়ে যতি নরসিংহনন্দের (Yati Narsinghanand) ক্যাম্পের সামনে চলে যায় আয়ুব এবং সেখানে সে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকে। সে সেখানে বলে যে, নরসিংহনন্দের সঙ্গে দেখা করতে চায়। এরপরেই ওই ক্যাম্পের বাকি সাধুরা পুলিশকে খবর দেয়। তখনই তার আসল পরিচয় সামনে আসে। জিজ্ঞাসাবাদের সময় আয়ুব আলি জানিয়েছে, সে উত্তরপ্রদেশের আলিগঞ্জের বাসিন্দা এবং তার বাবার নাম হচ্ছে সাকির আলি। তারা দুই ভাই এবং তিন বোন। আয়ুব দাবি করেছে সে একা এবং নিজের ইচ্ছাতেই কুম্ভমেলায় (Maha Kumbha 2025) এসেছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, এখানে আসার অনুমতি নেই, এটা সে জানত না। পুলিশি জেরায় সে জানিয়েছে, সে ট্রেনে করে প্রয়াগরাজে এসেছে গোরক্ষপুর হয়ে।

    কী জানালেন যতি নরসিংহনন্দ (Maha Kumbha 2025) 

    প্রসঙ্গত, যতি নরসিংহনন্দ (Yati Narsinghanand) এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হতে পারে এ বিষয়ে কোনও ষড়যন্ত্র ছিল। কয়েক মাস আগে ১০ হাজার মৌলবাদীদের একটি একটি ভিড় গাজিয়াবাদে মন্দির প্রাঙ্গণে হামলা চালিয়েছিল বলেও অভিযোগ করেন যতি নরসিংহনন্দ। প্রসঙ্গত যতি নরসিংহনন্দ বর্তমানে দুজন নিরাপত্তা রক্ষী পান এবং এ দুজনেই উত্তরপ্রদেশ পুলিশের কর্মী। প্রসঙ্গত, নরসিংহনন্দের (Yati Narsinghanand) ওপর এমন হামলার ষড়যন্ত্র আগেও হয়েছে। ২০২৪ সালের অক্টোবর মাসে দাসনা মন্দির প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয় তিন মৌলবাদীকে। এরা প্রত্যেকেই ওই মন্দিরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। তারও আগে ২০২৩ সালের মে মাসে ও ২০২১ সালের অক্টোবর মাসে একই ঘটনা সামনে আসে। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন মৌলবাদীকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Imran Khan: ইমরান খানকে ১৪ বছরের সাজা শোনাল পাকিস্তানের দুর্নীতি দমন আদালত

    Imran Khan: ইমরান খানকে ১৪ বছরের সাজা শোনাল পাকিস্তানের দুর্নীতি দমন আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার পাক দুর্নীতি দমন আদালত সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) ১৪ বছরের সাজা শোনাল। প্রসঙ্গত, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও প্রধান ইমরান খানকে আল কাদির ট্রাস্ট (Al Qadir Trust case) দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত। একইসঙ্গে ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও এই মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত। তাঁকেও সাত বছরের সাজা ঘোষণা করেছে পাক আদালত। এছাড়াও ইমরানকে ১০ লক্ষ এবং বুশরারকে ৫ লক্ষ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান।

    ২০২৩ সালের মে মাসে এই মামলায় গ্রেফতার হন ইমরান (Imran Khan)  

    ২০২৩ সালের মে মাসে এই মামলায় আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয় ইমরানকে (Imran Khan)। পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আটা বন্দিয়াল এই গ্রেফতারিকে ‘অবৈধ’ বলেছিলেন। এর পরে লাহোর হাইকোর্ট পরবর্তীকালে ইমরানের জামিনের আর্জিও মঞ্জুর করেছিল। কিন্তু দেশদ্রোহ সহ একাধিক মামলায় অভিযুক্ত করা হয় ইমরানকে। সেকারণে পিটিআই প্রধানকে জেল থেকে মুক্তি দেওয়া হয়নি।

    জন্মদিনেই বিচার পেল নিহত শিশুকন্যা, ধর্ষণ-খুনে ফাঁসির সাজা দিল আদালত

    ভারতীয় মুদ্রায় প্রায় ১,৬৪৫ কোটি টাকা তছরুপের অভিযোগ প্রমাণিত হয়েছে

    প্রসঙ্গত, আল কাদির ট্রাস্টের নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয় থেকে বেআইনি ভাবে ১৯ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১,৬৪৫ কোটি টাকা তছরুপের অভিযোগ প্রমাণিত হয়েছে ইমরান (Imran Khan) , তাঁর স্ত্রী বুশরার বিরুদ্ধে। এই মামলার তদন্তের দায়িত্বে ছিল পাক তদন্তকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো যার সংক্ষিপ্ত নাম হল ন্যাব। ২০২৩ সালের ১ মে ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এই তদন্তকারী সংস্থা। তারপরেই পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী তাঁকে আদালত চত্বর থেকে গ্রেফতার করেছিল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: গাড়ি মেলার উদ্বোধনে মোদি,  দিলেন পরিবেশবান্ধব উন্নয়ন ও কর্মসংস্থানের বার্তা

    Narendra Modi: গাড়ি মেলার উদ্বোধনে মোদি, দিলেন পরিবেশবান্ধব উন্নয়ন ও কর্মসংস্থানের বার্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়া দিল্লিতে ‘ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫’ – শুক্রবার থেকে শুরু হল। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। প্রগতি ময়দান, দ্বারকা, গ্রেটার নয়ডা এই তিন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে গাড়ি মেলা। ইন্ডিয়া এক্সপো সেন্টার এবং মার্টে আয়োজিত এই মেগা ইভেন্টে (BMGE 2025) ভারত-সহ বিভিন্ন দেশ-বিদেশের প্রথম সারির অটোমোবাইল কোম্পানি অংশগ্রহণ করছে। আগামী ২২ জানুয়ারি পর্যন্ত চলবে এই গাড়ি মেলা।

    পরিকাঠামোগত উন্নয়নে ১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ (Narendra Modi)

    এদিন উদ্বোধন মঞ্চ থেকেই দেশের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকারের ভূমিকা তুলে ধরলেন তিনি। মোদি (Narendra Modi) উল্লেখ করেন, গতবারের কেন্দ্রীয় বাজেটে শুধুমাত্র পরিকাঠামোগত উন্নয়নের জন্যই সরকার ১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। পিএম গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান এবং জাতীয় লজিস্টিক নীতির মতো নতুন ধরনের উদ্যোগ শুরু করেছে। প্রসঙ্গত, এই অনুষ্ঠানের ব্যানারেই দিল্লি-এনসিআর অঞ্চলের দ্বারকা যশভূমি এবং গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো মার্টে আগামী পাঁচদিন ধরে নানা কর্মসূচি পালন করা হবে। যার মধ্যে রয়েছে পণ্য ও পরিষেবা সংক্রান্ত একাধিক উদ্বোধনী অনুষ্ঠান। আশা করা হচ্ছে, এই পাঁচদিনে অন্তত ৫ লক্ষ মানুষ এই এক্সপো বা মেলা দেখতে আসবেন। জানা গিয়েছে, প্রথম দিনটি কেবলমাত্র মিডিয়া কভারেজের জন্য এবং দ্বিতীয় দিনটি ডিলারদের জন্য বিশেষ ভাবে সংরক্ষিত করা হয়েছে। এরপর, ১৯ জানুয়ারি থেকে আম জনতা প্রবেশ করতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই মেলা । বিনামূল্যে এই মেলায় প্রবেশ করতে পারেবন। http://www.bharat-mobility.com ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রার করতে হবে।

    আরও পড়ুন: লক্ষ্য ছিল সইফের ছোট ছেলে জেহ্! পুলিশকে দেওয়া পরিচারকের বয়ানে হাড়হিম করা তথ্য

    কোন কোন গাড়ি কোম্পানি অংশগ্রহণ করেছে

    জানা গিয়েছে, হিরো মোটোকর্প, সুজুকি, মোটরসাইকেল ইন্ডিয়ার মতো কোম্পানিগুলি যারা বাইক ও স্কুটি উৎপাদন করে থাকে, এখানে অংশগ্রহণ করেছে। পাশাপাশি মারুতি সুজুকি, হুন্ডাই মোটর ইন্ডিয়া, টাটা মোটরস, কিয়া ইন্ডিয়া, এমজি মোটর ইন্ডিয়া এবং স্কোডা অটো ভক্সওয়াগেন ইন্ডিয়ার মতো ব্র্যান্ডগুলিও রয়েছে। সংস্থাগুলির বিভিন্ন গাড়ির নতুন এবং অত্যাধুনিক মডেল রয়েছে ডিসপ্লেতে।

    বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার ভারত

    এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে ফের একবার প্রধানমন্ত্রী (Narendra Modi) উল্লেখ করেন, “ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার।” তাঁর যুক্তি, “দেশের বিপুল যুব জনসংখ্যা, ক্রমবর্ধমান মধ্যবিত্ত, দ্রুত নগরায়ন, আধুনিক পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। একইসঙ্গে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে গাড়ি উৎপাদন করার ফলে আগামী দিনে ভারতের গাড়ির বাজার এক অভূতপূর্ব রূপান্তর ও সম্প্রসারণের সাক্ষী থাকবে।” মোদি আরও দাবি করেন, “গত এক দশকে প্রায় ২৫ কোটি ভারতীয় দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন এবং একটি নতুন মধ্যবিত্ত শ্রেণি গঠিত হয়েছে। যাঁরা আগামী দিনে তাঁদের প্রথম গাড়ি কিনবেন।”

    বিদেশি বিনিয়োগ কত?

    এদিনের এই মঞ্চ থেকে মোদি (Narendra Modi) আরও বলেন, “মেক ইন ইন্ডিয়া উদ্যোগ এবং উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত উদ্যোগ (পিএলআই)-সমূহের ফলে গাড়ির উৎপাদন ক্ষেত্রে প্রায় ২.৫ লক্ষ কোটি টাকারও বেশি বিকিকিনি হয়েছে এবং সামগ্রিকভাবে অটো মোবাইল সেক্টরে ১,৫০,০০০ প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে।” তিনি আরও জানান, “গত চার বছরে এই ক্ষেত্রটিতে ৩,৬০০ কোটি মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ করা হয়েছে, যা অটোমোবাইল সেক্টরের একটি উল্লেখযোগ্য চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।” এদিন আর্থিক ও প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি পরিবেশ সচেতনতা ও পরিবেশ রক্ষারও পাঠ দেন মোদি। বলেন, “অর্থনীতি ও বাস্তুতন্ত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পরিবেশবান্ধব যানবাহন তৈরিতে আরও জোর দিতে হবে।”

    সাতটি ‘সি’-র গুরুত্ব উল্লেখ

    এই প্রসঙ্গেই সাতটি ‘সি’-র গুরুত্ব উল্লেখ করেন মোদি। এগুলি হল – কমন (সাধারণ), কানেকটেড (সংযুক্ত থাকা), কনভেনিয়েন্ট (সুবিধাজনক), কনজেশন-ফ্রি (যানজট মুক্ত), চার্জড (চার্জ থাকা), ক্লিন (স্বচ্ছ) এবং কাটিং-এজ (অত্যাধুনিক)। অর্থাৎ, মোদির (Narendra Modi) বার্তা এখানে একেবারেই স্পষ্ট। তা হল – অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমন এক যানজটমুক্ত এবং সাশ্রয়ী গতিশীলতা সৃষ্টি করতে হবে, যা কোনওভাবেই পরিবেশের ভারসাম্য নষ্ট করবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 18 January 2025: ধর্মস্থানে যেতে পারেন এই রাশির জাতকরা

    Daily Horoscope 18 January 2025: ধর্মস্থানে যেতে পারেন এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন।

    ২) গাড়িচালকদের জন্য দিনটি শুভ। 

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) প্রেমের বিবাদ মিটে যেতে পারে।

    ২) কোমরের নীচে যন্ত্রণা নিয়ে চিন্তা।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    মিথুন

    ১) খুব কাছের কোনও মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে।

    ২) দামি কিছু প্রাপ্তি হতে পারে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    কর্কট

    ১) সন্তানদের নিয়ে সংসারে কলহ হতে পারে।

    ২) আইনি সমস্যা থেকে মুক্তিলাভ।

    ৩) সতর্ক থাকতে হবে।

    সিংহ

    ১) ধর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে।

    ২) প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।

    ৩) কারও সঙ্গে বিবাদে জড়াবেন না।

    কন্যা

    ১) উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে।

    ২) ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    তুলা

    ১) কর্মক্ষেত্রে মিশ্রফল।

    ২) নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    বৃশ্চিক

    ১) কর্মচারীদের জন্য ব্যবসায় বিবাদ হতে পারে।

    ২) ভ্রমণের পক্ষে  দিনটি শুভ নয়। 

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    ধনু

    ১) প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ।

    ২) কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    মকর

    ১) কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ।

    ২) স্বামীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কুম্ভ

    ১) প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ।

    ২) ব্যবসায় ক্ষতি হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) সংসারে ব্যয় বাড়তে পারে।

    ২) গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ।

    ৩) সমাজে খ্যাতি বাড়বে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gurap: জন্মদিনেই বিচার পেল নিহত শিশুকন্যা, ধর্ষণ-খুনে ফাঁসির সাজা দিল আদালত

    Gurap: জন্মদিনেই বিচার পেল নিহত শিশুকন্যা, ধর্ষণ-খুনে ফাঁসির সাজা দিল আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: হুগলির গুড়াপে (Gurap) পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-খুনের ঘটনায় ফাঁসির সাজা হল দোষীর। শুক্রবারই এই রায় শোনালেন চুঁচুড়া পকসো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। প্রসঙ্গত, গুড়াপকাণ্ডে ফাঁসির সাজা হল প্রতিবেশী প্রৌঢ় অশোক সিংয়ের। ঘটনার ৫৫ দিনের মাথায় এই রায় ঘোষণা করল চুঁচুড়া আদালত (Hooghly)। প্রসঙ্গত, এদিনই ছিল নির্যাতিতা শিশু কন্যার জন্মদিন। আদালতের রায়ের পরই কেঁদে ফেলেন নির্যাতিতার মা। কাঁদতে কাঁদতে বলেন, ‘‘আজই মেয়েটার জন্মদিন। জন্মদিনে কেক খেতে চেয়েছিল মেয়েটা! সেটা তো আর খাওয়াতে পারলাম না।’’ তিনি আরও জানিয়েছেন আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে খুশি তিনি।

    সরকারি আইনজীবীর বিবৃতি (Gurap) 

    গতবছরের ২৪ নভেম্বর সন্ধ্যাবেলা হঠাৎই বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই শিশুকন্যা (Gurap)। নির্যাতিতার বাবা বাজারে যাওয়ার সময় তাকে খেলা করতে দেখেছিলেন। মেয়ে মাংস খাবে বলে বায়না করেছিল, তাই আনতে গিয়েছিলেন বাবা। ফিরে এসে মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপরেই অশোক সিং নামে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর দেহ উদ্ধার হয়েছিল। এর পরেই অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, গত বুধবারই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। সরকারি আইনজীবী তখন বলেছিলেন, ‘‘নতুন যে বিএনএস আইন এসেছে, তাতেই এত দ্রুত বিচারপর্ব শেষ হল। বিচারপর্ব শুরু হওয়ার পর বড়দিনের সময় সাত দিন ছুটি ছিল। না-হলে আরও আগে নিষ্পত্তি হত মামলার। এটা সম্ভব হয়েছে পুলিশের সঠিক তদন্তের ফলে।’’

    প্রতিবেশীদের বয়ান (Gurap) 

    প্রসঙ্গত, অশোকের বাড়িতে কম্বল ও কাঠ দিয়ে চাপা দেওয়া অবস্থায় শিশুটির দেহ পাওয়া গিয়েছিল। স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সন্ধ্যার পর থেকে আমরা সকলেই খোঁজাখুঁজি করছিলাম সেই দিন। অশোককেই আমাদের সন্দেহ হয়েছিল। পরে ওর বাড়ি থেকেই পাওয়া গিয়েছিল মেয়েটিকে। কাঠ, কম্বল চাপা দিয়ে রেখে দিয়েছিল। ওর স্বভাব খারাপ। নিজের মেয়ের সঙ্গেও খারাপ ব্যবহার করত। আগেও এমন কিছু ঘটনা ঘটিয়েছিল। পরে তা ধামাচাপা পড়ে যায়। আমরা ওর ফাঁসি চেয়েছিলাম।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Delhi Assembly Election 2025: মহিলাদের ২৫০০ টাকা মাসিক ভাতা, দিল্লি নির্বাচনের ইস্তাহারে নানা চমক বিজেপির

    Delhi Assembly Election 2025: মহিলাদের ২৫০০ টাকা মাসিক ভাতা, দিল্লি নির্বাচনের ইস্তাহারে নানা চমক বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের আগে সংকল্পপত্রের প্রথম ভাগ প্রকাশ করল বিজেপি। ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি বিধানসভা আসনে রয়েছে নির্বাচন। তার আগে শুক্রবার প্রথম দফার ইস্তাহার (BJP Manifesto) প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। ইস্তাহার প্রকাশের সঙ্গে সঙ্গেই দিল্লির শাসকদল আম আদমি পার্টিকেও (Aam Aadmi Party) তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিজেপির নির্বাচনী ইস্তাহারে মহিলাদের জন্য একগুচ্ছ ঘোষণা রয়েছে। তারা ক্ষমতায় এলে এই সব প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে দাবি করা হয়েছে।

    ইস্তাহারে মহিলা সমৃদ্ধি যোজনা

    মধ্যপ্রদেশে বিজেপির জয়ের নেপথ্যে অন্যতম কারণ ছিল ‘লাডলি বেহনা’। এবার দিল্লি নির্বাচনের আগে বিজেপির ইস্তাহারে মহিলাদের জন্য থাকল একগুচ্ছ ঘোষণা। শুক্রবার একাধিক প্রকল্পের কথা বলেন দলের সভাপতি জেপি নাড্ডা। যার মধ্যে উল্লেখযোগ্য মহিলাদের জন্য বিশেষ প্রকল্প ‘মহিলা সমৃদ্ধি’ যোজনা। ক্ষমতায় আসার পর দিল্লিতে চালু করা হবে এই প্রকল্প। যেখানে দিল্লির মহিলারা মাসে ২৫০০ টাকা করে পাবেন। এদিন নাড্ডার আরও দাবি, বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে পাশ করা হবে প্রকল্পটি। শুধু তাই নয়, মাত্র ৫০০ টাকা খরচ করলেই গ্যাস সিলিন্ডার পাবেন গরিবরা এবং হোলি ও দিপাবলীতে দু’টি করে সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে।

    প্রসূতিদের জন্য ঘোষণা

    গর্ভবতী মহিলাদের ২১ হাজার টাকা করে দেওয়ার কথাও বলা হয়েছে। গর্ভবতী মহিলাদের জন্যে ৬টি পৌষ্টিক কিটও দেওয়া হবে। দিল্লির মহিলাদের জন্য বাস যাত্রা বিনামূল্যে দেওয়া হবে। দিল্লির মহিলাদের জন্য বাস যাত্রা বিনামূল্যে দেওয়া হবে। শুক্রবার দলের ‘সংকল্প পত্র’ বা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে নাড্ডা বলেন,  ‘দিল্লিতে বর্তমানে যে যে প্রকল্প চলছে বিজেপি ক্ষমতায় এলে সেই সব জারি থাকবে।’

    আয়ুষ্মান ভারত নিয়ে ঘোষণা

    আয়ুষ্মান ভারতের আওতায় প্রতি পরিবারকে ৫ লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বিজেপির তরফে। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু নিয়ে নাড্ডা পরিষ্কার বলেন, ‘নির্বাচনে জিতলে সবার আগে সাধারণ মানুষের স্বাস্থ্য সুনিশ্চিত করতে দিল্লিতে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমার সূচনা ঘটাবে আমাদের সরকার। আপ সরকারের জন্যেই বছর বছর ধরে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দিল্লির জনগণ।’ মূলত মহিলা, যুব ও প্রবীণ নাগরিকদের জন্যে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির ইস্তাহারে। নাড্ডা জানান, দিল্লিতে কেন্দ্রের বিজেপি সরকারের যে প্রকল্প চলছে, তা আগের মতোই চলবে। আপকে আপদ কটাক্ষ করে সমস্ত স্তরে দুর্নীতির অবসান ঘটানো হবে বলে আশ্বাস দেন নাড্ডা। 

    অটল ক্যান্টিন যোজনা

    দিল্লিতে ক্ষমতায় এলে ৬০ থেকে ৭০ বছরের বৃদ্ধদের ২০০০ টাকার পরিবর্তে ২৫০০ টাকা করে পেনশন দেওয়া হবে। বৃদ্ধারা পাবেন ৩০০০ টাকা করে। এছাড়াও সত্তরোর্ধ্ব প্রবীণ নাগরিক, বিধবা মহিলা ও বিশেষভাবে সক্ষমদের ২৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা পেনশন দেওয়া হবে। পাশাপাশি, অটল ক্যান্টিনের মাধ্যমে ঝুপড়িবাসীদের জন্য ৫ টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা চালুর আশ্বাস দেওয়া হয়েছে। নাড্ডার দাবি, ২০১৪ সালে ৫০০টি প্রতিশ্রুতির মধ্যে ৪৯৯টিই বিজেপি পূরণ করেছে। ২০১৯ সালে ফের লোকসভা ভোটে জিতে ২৩৫টির মধ্যে ২২৫টিই পূরণ করেছে বিজেপি। বাকিগুলিও বাস্তবায়ন করার প্রক্রিয়া চলছে বলে দাবি করেন নাড্ডা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pithe-Puli: পিঠে-পুলি আর পায়েসের আমেজে ওজন নিয়ন্ত্রণ কি বড় চ্যালেঞ্জ? কীভাবে সুস্থ থাকবেন?

    Pithe-Puli: পিঠে-পুলি আর পায়েসের আমেজে ওজন নিয়ন্ত্রণ কি বড় চ্যালেঞ্জ? কীভাবে সুস্থ থাকবেন?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    শীত মানেই নতুন গুড়! শীতের কুয়াশা আর বাঙালির পিঠে-পুলি (Pithe-Puli) যেন একসঙ্গে যোগ না হলে এই ঋতুর সৌন্দর্যে কিঞ্চিত ঘাটতি পড়ে। দুধপুলি থেকে পাটিসাপটা কিংবা নতুন গুড়ের পায়েসের গন্ধ! বাঙালির রান্নাঘর এই সময়ে ম ম করে! কিন্তু স্বাদের বাহারে স্বাস্থ্যের জন্য খানিকটা চিন্তা বাড়ে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, শীতের মরশুমে বাড়তি খাওয়া-দাওয়া দেহের ওজন নিয়ন্ত্রণে বড় চ‌্যালেঞ্জ। আর তার জেরেই বাড়ে নানান বিপদ। তবে পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, কয়েকটি বিষয়ে নজরে থাকলেই ওজন নিয়ন্ত্রণ সহজ হবে‌। স্বাস্থ্যের একাধিক ঝুঁকিও সহজে এড়ানো যাবে।

    কীভাবে ওজন নিয়ন্ত্রণ করা যাবে? (Pithe-Puli)

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, শীতে অনেকেই নানান রকমের পুলি-পিঠে কিংবা পায়েস জাতীয় খাবার খান। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মিষ্টির পরিমাণে। এই ধরনের খাবার মিষ্টিজাতীয়। কিন্তু শরীরে শর্করা নিয়ন্ত্রণ করতে না পারলে ওজন নিয়ন্ত্রণ কঠিন। তাই মিষ্টি বা গুড়ের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। যতটা পরিমাণ কম মিষ্টি ব্যবহার করা যায়, ওজন নিয়ন্ত্রণ সহজ হবে‌। আবার ডায়াবেটিসের ঝুঁকিও কমবে‌। একাধিক পিঠে চালের গুঁড়ো দিয়েই তৈরি হয়। তাই কার্বোহাইড্রেট শরীরে পৌঁছয়। কার্বোহাইড্রেট অনেক সময়েই ওজন নিয়ন্ত্রণের কাজ কঠিন করে‌। তাই পুষ্টিবিদদের একাংশের পরামর্শ, দিনে একটা বা দুটো পিঠে খেলে, খাবারের তালিকা থেকে সেদিন ভাত বাদ দিতে হবে। যাতে শরীরে অতিরিক্ত কার্বোহাইড্রেট না পৌঁছয় সেদিকে নজর রাখতে হবে। আলু জাতীয় সবজি খাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে হবে। কারণ আলুতেও প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে।

    কখন খাবেন, কতখানি খাবেন?

    তাছাড়া, কখন কতখানি খাওয়া (Pithe-Puli) হচ্ছে, সেদিকে খেয়াল রাখাও জরুরি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, সন্ধ্যায় পিঠে জাতীয় খাবার খেলে, রাতের খাবার বন্ধ করা দরকার। পিঠে চাল, নারকেল, গুড়ের মতো উপাদান দিয়েই তৈরি হয়। এই খাবার যথেষ্ট ভারী হয়। তাই সন্ধ্যায় এই ভারী খাবার খাওয়ার পরে, রাতের খাবার এড়িয়ে চলতে হবে। এতে ওজন নিয়ন্ত্রণে থাকবে। আবার হজমের গোলমালের ঝুঁকিও কমবে‌।

    হাঁটা জরুরি (Pithe-Puli)

    খাওয়ার পরে নিয়মিত হাঁটা জরুরি। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, শীতে ওজন বেড়ে যাওয়ার অন্যতম কারণ ঠিকমতো শারীরিক কসরত না করা।‌ তাঁরা জানাচ্ছেন, শীতে বড়দিন, পৌষ পার্বণের মতো একাধিক উৎসব থাকে। মানুষ উৎসব উদযাপনে বাড়তি খাওয়া-দাওয়া করেন। কিন্তু নিয়মিত শারীরিক কসরত অনেক সময়েই বাদ পড়ে যায়। শীতে অনেকেই ক্লান্তি অনুভব করেন। আর সব মিলিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যায়। চিকিৎসকদের একাংশের পরামর্শ, ভারী খাবার খাওয়ার পরে অবশ্যই হাঁটাচলা করতে হবে। পিঠে-পায়েস অত্যন্ত ভারী খাবার। তাই এই খাওয়ার পরেই অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটাচলা করা দরকার। এতে সহজেই হজম হয়ে যাবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে।

    ওজন নিয়ন্ত্রণ নিয়ে কেন বাড়তি চিন্তা?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ওজন নিয়ন্ত্রণে (Weight control) রাখলে শরীরের একাধিক জটিল অসুখের ঝুঁকি সহজেই কমানো যায়। তাঁরা জানাচ্ছেন, হৃদরোগ থেকে ডায়াবেটিস, যে কোনও রোগের অন্যতম কারণ দেহের অতিরিক্ত ওজন। শীতে নানান কারণে দেহের রক্তচাপ বাড়ে, হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকিও এই সময়ে বাড়ে। তাই ওজন বাড়িয়ে বাড়তি বিপদ তৈরি যেন না হয়, সে দিকে নজরদারি জরুরি। তাই ওজন নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share