Blog

  • Suvendu Adhikari: “মমতা সরকার ৫০ লক্ষ না দিলে নেবেন না”, স্যালাইনকাণ্ডে মৃতের পরিবারকে বার্তা শুভেন্দুর

    Suvendu Adhikari: “মমতা সরকার ৫০ লক্ষ না দিলে নেবেন না”, স্যালাইনকাণ্ডে মৃতের পরিবারকে বার্তা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: স্যালাইনকাণ্ডে মৃত্যু হয় মামণি রুইদাস নামে এক প্রসূতির। বৃহস্পতিবার মেদিনীপুরে মৃতের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি ১০ লক্ষ টাকা পরিবারের হাতে তুলে দেওয়ার তিনি (Suvendu Adhikari) আশ্বাস দিয়ে যান। একইসঙ্গে, মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণ দেওয়ার পরিমাণ নিয়ে কটাক্ষ করেন তিনি।

    ৫০ লক্ষের থেকে এক টাকাও কম নেবেন না (Suvendu Adhikari)

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “চিন্তা করবেন না, যা বলে গেলাম, তাই করব। বাচ্চাটার দায়িত্ব আমার। মুখ্যমন্ত্রী ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ৫০ লক্ষের থেকে এক টাকাও কম নেবেন না। ওর পাঁচ লক্ষ টাকার দরকার নেই, আমিই দশ লক্ষ টাকা দেব। আজকে ২ লক্ষ দিয়ে গিয়েছি, আরও ৮ লক্ষ দেব।” মামনি রুইদাসের স্বামীকে নিয়ে আশ্বস্ত করে বলেন, “আমি তোমাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট লড়াই করে টাকা তোমাকে পাইয়ে দেব। আমার দায়িত্ব।” প্রসঙ্গত, প্রসূতির মৃত্যুর ঘটনায় মেদিনীপুর মেডিক্যালের সুপার-সহ ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করেছে রাজ্য। ডাক্তারদের গাফিলতির তত্ত্বও খাড়া করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আশ্বস্ত করেন, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে রুজু হবে অনিচ্ছাকৃত খুনের মামলাও। পাশাপাশি মৃত পরিবারকে ৫ লক্ষ টাকা, পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুন: লক্ষ্য ছিল সইফের ছোট ছেলে জেহ্! পুলিশকে দেওয়া পরিচারকের বয়ানে হাড়হিম করা তথ্য

    সংক্রমিত স্যালাইন কাদের দেওয়া হয়েছে, তালিকা প্রকাশের দাবি!

    সংক্রমিত স্যালাইন ব্যবহারের ফলে রোগীমৃত্যুর প্রতিবাদে বিজেপি বিধায়কদের স্বাস্থ্যভবন অভিযানের শেষে রাজ্য সরকারের কাছে একগুচ্ছ দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, “আমি জানতে চেয়েছিলাম শুধুমাত্র এই ৫ জনকেই এই স্যালাইন দেওয়া হয়েছে, না কি আরও কেউ রয়েছে। আমাকে কোনও জবাব দিতে পারেনি। আমি একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে এই ঘটনার তদন্ত দাবি করছি। গত ১ মাস ধরে কোটি কোটি মানুষকে সরকারি হাসপাতালে এই স্যালাইন দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, যাদের এই স্যালাইন দেওয়া হয়েছে তাদের যে কোনও সময় কিডনি ফেল করতে পারে। তখন এই সরকার নিজের দায় ঝাড়তে কিডনি ফেলের কারণ হিসাবে অন্য কোনও কিছু যুক্তি খাড়া করবে। তাই, কাদের দেওয়ার হয়েছে স্যালাইন তার নাম প্রকাশ করতে হবে।” একই সঙ্গে ফের এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের গ্রেফতারি দাবি করেন তিনি। স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় যান শুভেন্দুবাবু। সেখানে এই ঘটনায় স্বাস্থ্য আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maha kumbh 2025: মাঝরাতে ১০৮ বার গঙ্গায় ডুব, কঠোর ব্রত পালন, মহাকুম্ভে শুরু নাগা সাধু হওয়ার প্রক্রিয়া

    Maha kumbh 2025: মাঝরাতে ১০৮ বার গঙ্গায় ডুব, কঠোর ব্রত পালন, মহাকুম্ভে শুরু নাগা সাধু হওয়ার প্রক্রিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: কঠিন ব্রতের মধ্য দিয়ে হওয়া যায় নাগা সাধু (Naga Sadhu)। মৌনী অমাবস্যার আগেই, সাতটি শৈব এবং উদাসীন আখড়া নতুনভাবে নাগা সাধুদের নিয়োগ করবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এর জন্য নাগা সাধুদের অনেক কঠিন ব্রতের মধ্য দিয়েই যেতে হয়। মধ্যরাতে তাঁদের ১০৮ বার গঙ্গায় ডুব দিয়ে পরীক্ষা দিতে হয়।

    ১৮০০-রও বেশিজনকে দীক্ষা দেওয়া হবে (Maha kumbh 2025)

    জানা গিয়েছে, ১৮০০-রও বেশিজনকে দীক্ষা দেওয়া হবে নাগা সাধুর। মহানির্বাণী, নিরঞ্জনী, অটল, অগ্নি, আবাহন সহ উদাসীন আখড়ায়, এই নাগা সাধু নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। সমস্ত আচার-অনুষ্ঠান শেষ হওয়ার পরই নতুনভাবে দীক্ষিতরা নাগা সন্ন্যাসী (Maha kumbh 2025) হবেন। তার প্রক্রিয়াই শুরু হয়েছে। ২৪ ঘণ্টা তাঁরা খাবার ও জল ছাড়া তপস্যা করবেন বলে জানা গিয়েছে।

    কীভাবে নাগা সাধু দীক্ষিত (Maha kumbh 2025) হবেন?

    শুক্রবার থেকেই শুরু হয়েছে নাগা সাধুদের (Maha kumbh 2025) নিয়োগ। এই পর্ব চলবে মৌনি অমাবস্যা পর্যন্ত। জুনা আখড়ার মহন্ত রমেশ গিরি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রথমে সাধুরা আখড়ার ধর্মীয় পতাকার নীচে তপস্যা শুরু করবেন। জানা গিয়েছে, ২৪ ঘণ্টা ধরে এই তপস্যা করবেন নাগা সাধুরা। এই সময় তাঁরা (Naga Sadhu) অন্ন বা জল কোনওটাই গ্রহণ করবেন না। এরপর তাঁরা মাঝরাতে গঙ্গায় ১০৮ বার ডুব দিয়ে অমৃতস্নান করবেন। এরপর তাঁদের ক্ষৌর কর্ম এবং বিজয় হবন করা হবে। এখানে পাঁচজন গুরু নব সন্ন্যাসীদের বিভিন্ন জিনিস অর্পণ করবেন। এরপর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর সন্ন্যাস ধর্মে দীক্ষা দেবেন। এরপর ফের হবন বা যজ্ঞ হবে। প্রসঙ্গত, ১৯ জানুয়ারির সকালে কটিবস্ত্র খুলে নাগায় রূপান্তরিত করা হবে। উল্লেখ্য, নাগা সন্ন্যাসীদের (Maha kumbh 2025) পোশাক পরে বা দিগম্বর আকারে বসবাসের বিকল্পও দেওয়া হয়। যাঁরা বস্ত্র নিয়ে থাকেন, তাঁরা অমৃতস্নানের সময় শুধুমাত্র নাগা রূপে স্নান করবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘লিনিং টাওয়ার অফ পিসি’! বাঘাযতীনকাণ্ডে তীব্র কটাক্ষ শুভেন্দুর, আক্রমণ মেয়রকেও

    Suvendu Adhikari: ‘লিনিং টাওয়ার অফ পিসি’! বাঘাযতীনকাণ্ডে তীব্র কটাক্ষ শুভেন্দুর, আক্রমণ মেয়রকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতার বাঘাযতীনে চারতলা ফ্ল্যাটবাড়ি হেলে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঠিকাদার সংস্থার পাশাপাশি কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আবহের মধ্যে এবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে গিয়ে চূড়ান্ত হাস্যরস ও ‘সৃষ্টিশীলতা’র পরিচয় দিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    ‘লিনিং টাওয়ার অফ পিসি’! (Suvendu Adhikari)

    বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন শুভেন্দু। সেই পোস্টে রয়েছে একটি ‘ক্রিয়েটিভ’ এবং তার ক্যাপশন হিসেবে কিছু লেখা। সেই ক্রিয়েটিভের বাঁদিকে রয়েছে ইতালির বিশ্ববিখ্যাত স্থাপত্য তথা আধুনিক জগতের অন্যতম বিস্ময়— ‘লিনিং টাওয়ার অফ পিসা’। এর ঠিক পাশেই, ক্রিয়েটিভের ডানদিকের অংশে রয়েছে বাঘাযতীনের সেই হেলে পড়া বহুতল। যার ওপরে শুভেন্দু (Suvendu Adhikari) ক্যাপশনে লিখেছেন— ‘লিনিং টাওয়ার অফ পিসি’!

    কেন শুভেন্দু এহেন একটি ক্যাপশন দিলেন, তার ব্যাখ্যায় না গিয়ে বরং দেখে নেওয়া যাক, নন্দীগ্রামের বিধায়ক ওই পোস্টে আর কী লিখেছেন! তিনি সরাসরি নিশানা করেছেন মেয়র ফিরহাদ হাকিমকে। কলকাতার মেয়রের উদ্দেশ করে শুভেন্দু লিখেছেন, ‘‘কলকাতার আধুনিক স্থপতি। মেয়র জনাব ফিরহাদ হাকিম সাহেব কলকাতাকে এমনই সব স্থাপত্য বিস্ময়ে ভরিয়ে তুলছেন! গার্ডেনরিচ থেকে বাঘাযতীন (Baghajatin), সিটি অফ জয় এখন সিটি অফ ভয়-তে পরিণত হয়েছে। বাসিন্দারা সারাক্ষণ উদ্বেগে রয়েছেন – এই বুঝি পাশের বাড়িটা তাঁদের ওপর হেলে পড়ল।”

    কী বললেন শুভেন্দু?

    এই ঘটনার প্রেক্ষিতে ‘তৃণমূল-প্রোমোটার-কেএমসি’-এর মধ্যে অসাধু আঁতাঁত নিয়েও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর (Suvendu Adhikari) অভিযোগ, এই অসাধু আঁতাঁতে ভর করেই কলকাতা শহরে বেআইনিভাবে ‘জলাজমি ভরাট করে বেআইনি নির্মাণ করা হচ্ছে। ত্রুটিপূর্ণ বহুতলের নকশায় অনুমোদন দেওয়া হচ্ছে এবং ঘুষের বিনিময়ে বেআইনি নির্মাণ করা হচ্ছে। শুভেন্দুর আরও অভিযোগ, এতকিছু হওয়ার পরও ‘পরিদর্শনের অভাব’ পরিস্থিতি আরও জটিল করে তুলছে।

    আরও পড়ুন: লক্ষ্য ছিল সইফের ছোট ছেলে জেহ্! পুলিশকে দেওয়া পরিচারকের বয়ানে হাড়হিম করা তথ্য

    নেটিজেনরা এই পোস্টে মজেছেন

    শুভেন্দুর (Suvendu Adhikari) এই পোস্ট দেখে নেট নাগরিকরা যে বেজায় মজা পেয়েছেন, তা ভালোই বোঝা যাচ্ছে। ইতিমধ্যেই ২৮ হাজারেরও বেশি মানুষ এই পোস্ট দেখেছেন। এটি রিপোস্ট করা হয়েছে প্রায় ২৫০ বার। সঙ্গে বহু নেট ইউজার মজার মজার সব কমেন্টও করেছেন। প্রসঙ্গত, বাঘাযতীনে বহুতল হেলে পড়া নিয়ে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হয়েছে। সূত্রের দাবি, বেআইনিভাবে জলাজমি ভরাট করে এই বাড়ি নির্মাণ করা হয়েছিল। ফলে বছর ১০-১১ যেতে না যেতেই বাড়ি হেলতে শুরু করে। তারপর সেই বাড়ি সোজা করার জন্য অদক্ষ শ্রমিকদের কাজে লাগানো হয়। এমনকী, বাড়ি সোজা করার প্রক্রিয়া চলাকালীন সেখানে কোনও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়রও ছিলেন না বলে অভিযোগ। ফলস্বরূপ – ভয়ঙ্করভাবে বাড়ির একতলার পিলার ও একাংশ ভেঙে যায় এবং বাড়িটি আরও বিপজ্জনকভাবে একদিকে হেলে পড়ে। আরও বিস্ময়কর বিষয় হল, বেআইনি এই বাড়ি থেকে রীতিমতো পুরকরও আদায় করা হচ্ছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • 8th Pay Commission: আগামী বছর থেকেই অষ্টম বেতন কমিশন, কত মাইনে বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের? 

    8th Pay Commission: আগামী বছর থেকেই অষ্টম বেতন কমিশন, কত মাইনে বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের? 

    মাধ্যম নিউজ ডেস্ক: মকর সংক্রান্তিতে কেন্দ্র সরকারি কর্মচারীদের উপহার দিল মোদি সরকার (Modi Government)। বৃহস্পতিবার অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তারপর থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফের বেতন বৃদ্ধি নিয়ে জল্পনা তীব্র হয়েছে। ন্যূনতম বেতন কত হবে, কী কী সুবিধা পাওয়া যাবে, মহার্ঘভাতায় কতটা বৃদ্ধি দেখা যাবে, সবই এখন আলোচনা সাপেক্ষ। তবে, অষ্টম পে কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই লাগু হতে চলেছে, বলে খবর। খুব শীঘ্রই এই কমিশনের জন্য চেয়ারম্যান ও দুই সদস্যকে নিয়োগ করবে কেন্দ্র, জানিয়েছেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

    কত টাকা হবে বেতন

    শেষবার ২০১৬ সালে সপ্তম বেতন কমিশন গঠন করেছিল কেন্দ্র। শেষ গঠিত কমিশনের হাত ধরে এক ধাক্কায় ১১ হাজার টাকা বেসিক পে বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এবার পালা অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) । শোনা যাচ্ছে এবার, ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.৫৭ থেকে বাড়িয়ে ২.৮৬ হতে পারে। এর অর্থ কর্মীদের বেসিক বেতন বাড়বে হু হু করে। অর্থাৎ কারও বেসিক বেতন যদি ১৮ হাজার টাকা থাকে, তাঁর বেসিক বেতন বেড়ে হবে ৫১ হাজার ৪৮০ টাকা। ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ হল বেতন এবং পেনশন গণনার জন্য ব্যবহৃত একটি একক। ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এর ফলে বেসিক থেকে, অ্য়ালাওন্সেস, পেনশন ও অন্য়ান্য সুযোগ সুবিধা- সবেতেই লাভবান হবেন। এর জেরে একদিকে ডিএ বাড়বে, বাড়বে পেনশনভোগীদের ডিআর। প্রসঙ্গত, ৬৫ লক্ষ পেনশনভোগীরা এই পে কমিশনের সুবিধা পাবেন। স্বাভাবিক ভাবেই শুরু হয়ে গিয়েছে হিসেব কষা।

    রাজ্যের সঙ্গে ফারাক

    বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে সিদ্ধান্ত ঘোষণার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-হ্যান্ডলে লিখেছেন, ‘‘অষ্টম বেতন কমিশনের সিদ্ধান্তে জীবনযাত্রার মান বাড়বে, কেনাকাটার বাজার চাঙ্গা হবে।’’ কেন্দ্রীয় সচিবালয় সার্ভিস ফোরাম এই সিদ্ধান্তের জন্য মোদি সরকারকে ধন্যবাদ জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, নয়া কমিশন রাজ্য সরকার ও সব মহলের সঙ্গে আলোচনা করবে। তারপরই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে। পশ্চিমবঙ্গে এখন ষষ্ঠ বেতন কমিশন চলছে। যার মেয়াদ ২০২৫-এর শেষে ফুরিয়ে যাওয়ার কথা। আজ কেন্দ্রের (Modi Government) সিদ্ধান্তের পরে রাজ্যের সরকারি কর্মচারীরা প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গ সরকার কবে সপ্তম বেতন কমিশন গঠন করবে? এমনিতেই কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক এখন ৩৯ শতাংশ। এরপর তা আরও বাড়বে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Saif Ali Khan: লক্ষ্য ছিল সইফের ছোট ছেলে জেহ্! পুলিশকে দেওয়া পরিচারকের বয়ানে হাড়হিম করা তথ্য

    Saif Ali Khan: লক্ষ্য ছিল সইফের ছোট ছেলে জেহ্! পুলিশকে দেওয়া পরিচারকের বয়ানে হাড়হিম করা তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার গভীররাতে নিজের বাড়িতেই ছুরি দিয়ে কোপানো হয় বলিউড অভিনেতা সইফ আলি খানকে (Saif Ali Khan Attacked)। ঘাড়ে, হাতে, পিঠে ছয়বার কোপ মারা হয় তাঁকে। গতকাল বৃহস্পতিবার অস্ত্রোপচার হয় অভিনেতার। এরই মধ্যে একাধিক ভয়ঙ্কর তথ্য সামনে আসছে। সইফ-করিনার চার বছরের ছেলে জাহাঙ্গিরের (জেহ্) ঘরে ঢুকেছিল হামলাকারী। দাবি করেছিল ১ কোটি টাকা! এমনটাই খবর পুলিশ সূত্রে। তবে কি টার্গেট ছিল সইফ-করিনার চার বছরের ছেলে? উঠছে প্রশ্ন। সইফ আলি খানের (Saif Ali Khan) ছোট ছেলের দেখভাল করেন এক নার্স। তাঁর নাম ফিলিপ। তিনি পুলিশকে যে বিবৃতি দিয়েছেন, তা এককথায় ভয়াবহ।

    পুলিশকে দেওয়া নার্সের বিবৃতি (Saif Ali Khan)

    পুলিশকে দেওয়া বয়ানে ওই নার্স বলেন, ‘‘আমি ১৫ জানুয়ারি রাত ১১ টা নাগাদ সইফ আলি খানের ছোট ছেলে জাহাঙ্গির (৪) ওরফে জয়বাবাকে খাওয়াই এবং বিছানায় শুইয়ে দিই। আনুমানিক রাত দুটো নাগাদ একটি শব্দে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি সোজা উঠে পড়ি। আমি লক্ষ্য করি বাথরুমের দরজা খোলা ছিল। আলো জ্বলছিল। তখন আমি মনে করলাম যে কারিনা ম্যাডাম জাহাঙ্গিরকে দেখতে এসেছেন। কিছু না ভেবে আমি শুয়ে পড়লাম। কিন্তু অস্বস্তির অনুভূতি থেকেই গেল।’’

    পুলিশকে ফিলিপ বলেন, ‘‘এরপর বাথরুমে কে আছে তা দেখার জন্য আমি এগিয়ে গেলাম। তখনই ভিতর থেকে একজন বেরিয়ে এল এবং জাহাঙ্গিরের বিছানার দিকে এগিয়ে গেল। ভয় পেয়ে আমি দ্রুত জাহাঙ্গিরের কাছে গেলাম। আক্রমণকারী তখন আমার দিকে ইশারায় বলল, কোনও শব্দ করবে না। সেই মুহূর্তে জাহাঙ্গিরের আয়া জুনু তিনিও জেগে ওঠেন। লোকটি তাঁকে সতর্ক করে বলেন যে তিনি যেন কোনও শব্দ না করেন! লোকটির বাঁ হাতে একটা লাঠি এবং ডান হাতে একটি লম্বা পাতলা ছুরির মতো জিনিস ছিল।’’

    নার্সের বয়ানে হাড়হিম করা তথ্য

    ফিলিপ তাঁর বয়ানে বলেন, ‘‘জাহাঙ্গিরকে রক্ষা করার চেষ্টায় আমি আক্রমণকারীকে বাধা দিলাম। লোকটি তখন ছুরি হাতে আমার ওপর আক্রমণ করে। আমার উভয় হাতকে আহত করে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি কী চাও? কত টাকা চাও? সে বলল- এক কোটি টাকা। এমন সময় চিৎকার চেঁচামেচি শুরু হতে করিনা ম্যাডাম ছুটে ঘরে ঢুকে পড়লেন। সঙ্গে ছিলেন সইফ স্যার (Saif Ali Khan)। তিনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে? তুমি কী চাও? লোকটি তখন লাঠি এবং ছুরি হাতে সইফ স্যারকে আক্রমণ করল।’’

    ফিলিপ আরও বলেন, ‘‘আর একজন নার্স যিনি ঘরে প্রবেশ করেছিলেন, সেই গীতাকেও আক্রমণ করে ওই দুষ্কৃতি। এরইমধ্যে আমরা তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে ওপরের তলায় পালিয়ে গেলাম। এমন সময় হই হট্টগোলে অন্যান্য কর্মীরা ঘুম থেকে উঠে পড়েন এবং যখন ওই ঘরে ঢুকলাম, যেখানে আক্রমণকারী এসেছিল, তখন লোকটিকে কোথাও দেখা গেল না। সইফ  স্যারের (Saif Ali Khan Attacked) ঘাড়, ডান কাঁধ, পিঠ, বাম হাতের কব্জি, কুনুইতে আঘাত লাগে, রক্তপাত শুরু হয়। অন্যদিকে নার্স গীতার ডান হাতের কব্জি, পিঠ, মুখে আঘাত লাগে।’’

    ওই নার্স জানিয়েছেন যে, লোকটি ৩৫ থেকে ৪০ বছর বয়সি। এবং তাঁর গায়ের রং কালো। শরীর রোগা। লম্বায় ৫ ফুট ৫ ইঞ্চি। পরনে ছিল কালো প্যান্ট মাথায় টুপি সহ শার্ট ছিল। গোটা মামলার তদন্ত জোরকদমে শুরু করেছে মুম্বই পুলিশ। ইতিমধ্য়েই আততায়ীর খোঁজ করতে গঠন করা হয়েছে বিশেষ টিম। সইফের (Saif Ali Khan) বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীকে চিহ্নিত করেছে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। কিন্তু এখনও তাকে গ্রেফতার করা যায়নি। খোঁজ চলছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • 8th Pay Commission: অষ্টম পে কমিশনকে অনুমোদন মোদি সরকারের, মমতাকে ডিএ নিয়ে খোঁচা শুভেন্দুর

    8th Pay Commission: অষ্টম পে কমিশনকে অনুমোদন মোদি সরকারের, মমতাকে ডিএ নিয়ে খোঁচা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মূলত কেন্দ্রীয় সরকারের আওতায় কর্মরত চাকরিজীবীদের বেতন ও মহার্ঘভাতার কাঠামো নির্ধারণ করে থাকে এই বেতন কমিশন। সিদ্ধান্ত নেয় বেতন বৃদ্ধির বিষয়েও। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ মোদির নেতৃত্বেই নতুন বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, দাবি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। যদিও এই খবর সামনে আসতে না আসতেই রাজ্যকে তীব্র খোঁচা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের সরকারি কর্মীরা ঠিক কতটা ‘বঞ্চনার’ শিকার হচ্ছেন সেই তথ্য তুলে ধরে সোশ্যাল মাধ্যমে পোস্ট করলেন বিজেপি নেতা।

    শুভেন্দুর কটাক্ষ রাজ্যকে

    কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক ৩৯ শতাংশ। দাবি করছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাৎপর্যপূর্ণ ভাবে, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ কেন্দ্রিক মামলার শুনানি বছরের পর বছর পিছিয়ে যাচ্ছে। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতিরা অবসর নিয়ে নিচ্ছেন। কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানির দিন ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এই আবহে কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিতেই শুভেন্দু লেখেন, “যশস্বী প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অষ্টম পে-কমিশনের অনুমোদন দিয়েছেন। যার ফলে ৪৯ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।” এরপরই রাজ্যের বৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়কে খোঁচা দিয়ে লিখছেন, “ঋণে জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার ষষ্ঠ পে-কমিশনে বাঁধা পড়ে রয়েছে। কারণ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পরদিন ঋণ বাড়িয়ে চলেছেন।”  

    অষ্টম বেতন কমিশনের ফলে সুবিধা

    বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে অষ্টম পে কমিশন (8th Pay Commission) গঠনের। গঠিত হয়েছে এই সংক্রান্ত একটি কমিটিও। প্রসঙ্গত, সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল ২০১৬ সালে। যার মেয়াদ শেষ হবে ২০২৫ সালের আগামী ৩১ ডিসেম্বর। সুতরাং ২০২৬ সালের ১ জানুয়ারি লাগু হতে চলেছে অষ্টম পে কমিশন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘শীঘ্রই কমিশনের জন্য চেয়ারম্যান ও দুই সদস্যকে নিয়োগ করবে কেন্দ্র।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Junior Doctors: স্যালাইনকাণ্ডে সাসপেন্ড ৬ জুনিয়র ডাক্তার, মেদিনীপুর মেডিক্যালে কর্মবিরতি চিকিৎসক পড়ুয়াদের

    Junior Doctors: স্যালাইনকাণ্ডে সাসপেন্ড ৬ জুনিয়র ডাক্তার, মেদিনীপুর মেডিক্যালে কর্মবিরতি চিকিৎসক পড়ুয়াদের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্যালাইনকাণ্ডে ১২ জন চিকিৎসক সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার। ওই ১২ জনের ভিতর ছ’জন রয়েছেন জুনিয়র ডাক্তার (Junior Doctors)। ছয় জুনিয়র ডাক্তারকে সাসপেন্ডের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, এই দাবিতে কর্মবিরতির ডাক দিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকেই স্ত্রী রোগ এবং অ্যানাস্থেশিয়া বিভাগের ২২ জন জুনিয়র ডাক্তার কর্মবিরতি শুরু করেছেন। আজ, শুক্রবার সকাল থেকে বাকি সব বিভাগেও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শুরু হচ্ছে বলে জানানো হয়েছে। ছয় জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করার নির্দেশ যতক্ষণ না প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ এই কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

    কোন ছয় জুনিয়র (Junior Doctors) ডাক্তারকে সাসপেন্ড করল রাজ্য?

    সাসপেন্ডের তালিকায় যে ছ’জন পিজিটি চিকিৎসক পড়ুয়া রয়েছে তাঁরা হলেন— মৌমিতা মণ্ডল, পূজা সাহা, জাগৃতি ঘোষ, ভাগ্যশ্রী কুণ্ডু, মণীশ কুমার এবং সুশান্ত মণ্ডল। জানা গিয়েছে,  নির্দেশের পরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Medinipur Medical College) জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসেন। গতকাল বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষা মৌসুমী নন্দীকে ইমেল করে কর্মবিরতির সিদ্ধান্তের কথা জানান তাঁরা। বৃহস্পতিবার প্রায় ৪ ঘণ্টা ধরে তাঁরা বৈঠক করেন, তারপরেই তাঁরা এই সিদ্ধান্ত নেন।

    কী বলছেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)? 

    জুনিয়র ডাক্তাররা (Junior Doctors) জানিয়েছেন, তাঁরা সিনিয়র ডাক্তার এবং প্রশাসনিক কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই কাজ করেন। এমন অবস্থায় তাঁদের ওপর দায় ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছন জুনিয়ররা। তাঁদের আরও দাবি, স্বাস্থ্য ব্যবস্থায় ‘দুর্নীতি’কে ঢাকতে গিয়ে তাঁদের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে বলে দাবি মেদিনীপুর মেডিক্যালের পিজিটি ডাক্তারদের। তাঁরা বলেন, “যেখানে আমরা মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করি, সেখানে আমাদের সমাজের শত্রু বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 17 January 2025: কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 17 January 2025: কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মনঃকষ্ট।

    ২) সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) ব্যয় বৃদ্ধি পেতে পারে।

    ২) পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে।

    ৩) সতর্ক থাকবেন সব বিষয়ে।

    মিথুন

    ১) কোনও নিকটাত্মীয়ের জন্য সংসারে বিবাদ।

    ২) ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে।

    ৩) বাণীতে সংযম জরুরি।

    কর্কট

    ১) দুর্বুদ্ধিকে প্রশ্রয় দেবেন না।

    ২) প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন।

    ৩) সবাইকে ভালোভাবে কথা বলুন।

    সিংহ

    ১) ব্যবসার ক্ষেত্রে তর্ক-বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে।

    ২) আর্থিক সুবিধা পেতে পারেন।

    ৩) প্রতিকূল কাটবে দিনটি।

    কন্যা

    ১) কর্মক্ষেত্রে উন্নতির যোগ।

    ২) সকালের দিকে কোনও দুশ্চিন্তা মাথা খারাপ করবে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    তুলা

    ১) বিষয়-সম্পত্তি ক্রয়-বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদের সম্ভাবনা।

    ২) কোনও মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে।

    ৩) দিনটি মোটামুটি কাটবে।

    বৃশ্চিক

    ১) সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন।

    ২) কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে।

    ৩) আশাপূরণ।

    ধনু

    ১) কোনও কাজে সময় নষ্ট হতে পারে।

    ২) চাকরির শুভ যোগাযোগ লাভে আনন্দ।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    মকর

    ১) মা-বাবার সঙ্গে বিশেষ আলোচনা।

    ২) ব্যবসায় লাভের যোগ।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    কুম্ভ

    ১) ব্যবসার কাজে মাথাগরম করবেন না।

    ২) বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে। 

    ৩) আশা পূরণ।

    মীন

    ১) মনের মতো স্থানে বেড়াতে যাওয়ায় আনন্দ লাভ।

    ২) মিথ্যা বদনাম থেকে সাবধান।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maha Kumbh: বিশ্বের বৃহত্তম ইভেন্ট, মহাকুম্ভ পরিদর্শন করলেন ১০ দেশের ২১ জনের প্রতিনিধি দল

    Maha Kumbh: বিশ্বের বৃহত্তম ইভেন্ট, মহাকুম্ভ পরিদর্শন করলেন ১০ দেশের ২১ জনের প্রতিনিধি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের একটি বৃহত্তম ইভেন্টে পরিণত হয়েছে মহাকুম্ভ। ১৩ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগ্ররাজে (Prayagraj) শুরু হয়েছে মহাকুম্ভ (Maha Kumbh)। বৃহস্পতিবারই দশটি বিভিন্ন দেশের ২১ জনের একটি প্রতিনিধিদল প্রয়াগরাজের (Prayagraj) সঙ্গমস্থলকে পরিদর্শন করেন। তাঁরা এএনআই-কে সাক্ষাৎকারও দেন। এখানে উপস্থিত ছিলেন গায়ানার দিনেশ পারসাউদ। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমার একটি স্বপ্ন সত্যি হয়েছে। আমি এখানে গঙ্গা নদীতে পবিত্র স্নান করতে চেয়েছিলাম। সেই ইচ্ছা আমার পূরণ হয়েছে। আমি সকলকে এই অনুষ্ঠানে এসে পবিত্র গঙ্গা নদীতে স্নান করতে বলছি।’’

    চতুর্থ দিন পর্যন্ত ৬ কোটিরও বেশি ভক্তের অংশগ্রহণ

    অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহি থেকে এসেছিলেন এল আজাব। তিনি বলেন, ‘‘আমি মধ্যপ্রাচ্য থেকে আসছি। (Maha Kumbh) এটি একটি চমৎকার অনুষ্ঠান। এটি পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম ধর্মীয় সমাবেশ। সুসংগঠিতভাবে এই সমাবেশকে আয়োজন করা হয়েছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশও রয়েছে। সরকার সবকিছু খুব সুন্দরভাবে সাজিয়েছে।’’ প্রসঙ্গত, এখনও পর্যন্ত বিভিন্ন রিপোর্ট বলছে যে এই সমাবেশে ৬ কোটিরও বেশি ভক্ত অংশগ্রহণ করেছেন।

    আরও পড়ুনঃ মনের শান্তির খোঁজে নিয়েছিলেন সন্ন্যাস! মহাকুম্ভে হাজির ‘আইআইটি বাবা’

    কোন কোন দেশের প্রতিনিধিরা ছিলেন

    আন্তর্জাতিক প্রতিনিধিদলটিতে ফিজি, ফিনল্যান্ড, গায়ানা, মালয়েশিয়া, মরিশাস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ত্রিনিদাদ ও টোবাগো এবং সংযুক্ত আরব আমিরাশাহির (ইউএই) প্রতিনিধিরা ছিলেন। ১৩ জানুয়ারি শুরু হয়েছিল মহাকুম্ভ (Maha Kumbh) চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মহাকুম্ভের পরবর্তী শাহি স্নানের তারিখগুলির মধ্যে রয়েছে ২৯ জানুয়ারি (মৌনী অমাবস্যা – দ্বিতীয় শাহি স্নান), ৩ ফেব্রুয়ারি (বসন্ত পঞ্চমী – তৃতীয় শাহি স্নান), ১২ ফেব্রুয়ারি (মাঘী পূর্ণিমা চতুর্থ শাহি স্নান) এবং ২৬ ফেব্রুয়ারি (মহা শিবরাত্রি পঞ্চম শাহি স্নান)। প্রসঙ্গত, ১৪৪ বছর পর পূর্ণ মহাকুম্ভের আসর বসেছে প্রয়াগরাজে। এর বিরাট আয়োজন, ব্যবস্থাপনা, নিরাপত্তা ও অসাধারণ পরিষেবা প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করেছেন সাধুসন্ত, মুনিঋষি ও যোগী-সন্ন্যাসীরা। তাঁরা জানিয়েছেন, এই মেলা ব্যাতিক্রমী, আধ্যাত্মিক উদ্দীপনার আকর্ষণীয় মোক্ষধাম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Childhood Asthma: শৈশবেও জোরালো থাবা হাঁপানির! সন্তানকে কীভাবে সুস্থ ও স্বাভাবিক রাখবেন?

    Childhood Asthma: শৈশবেও জোরালো থাবা হাঁপানির! সন্তানকে কীভাবে সুস্থ ও স্বাভাবিক রাখবেন?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    দূষণ বিশ্বজুড়ে এক গুরুতর সমস্যা হয়ে উঠেছে। বিশেষত বায়ুদূষণ একাধিক রোগের কারণ! বিশ্বের অন্যান্য দেশের মতোই ভারতেও বায়ুদূষণ একাধিক রোগের কারণ হয়ে উঠছে। গত কয়েক বছরে কলকাতা, দিল্লির মতো বড় শহরে বায়ুদূষণ মারাত্মকভাবে বেড়েছে। আর তার ফল ভুগতে হচ্ছে শিশুদের (Childhood Asthma)। এমনটাই জানাচ্ছে সম্প্রতি প্রকাশিত এক সর্বভারতীয় সমীক্ষা। দেশ জুড়ে বাড়ছে হাঁপানির সমস্যা। বিশেষত শিশুদের মধ্যে এই সমস্যা বাড়ছে। তাই উদ্বিগ্ন চিকিৎসক মহল। তাঁরা জানাচ্ছেন, হাঁপানির মতো রোগ নিয়ে সতর্কতা ও সচেতনতা না বাড়লে আরও বড় বিপদ হতে পারে।

    কী বলছে রিপোর্ট? (Childhood Asthma)

    সম্প্রতি প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, ভারতে হাঁপানিতে ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে। বিশেষত শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি দেখা দিচ্ছে। এক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ১৩ থেকে ১৫ বছর বয়সি ভারতীয় ছেলেমেয়েদের ৫ শতাংশ হাঁপানিতে আক্রান্ত। কিন্তু ২ থেকে ৬ বছর বয়সিদের ৮ শতাংশ শিশু হাঁপানিতে আক্রান্ত হচ্ছে। অর্থাৎ শিশুদের মধ্যে এই সমস্যার প্রকোপ বাড়ছে। যা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, বায়ুদূষণের জেরেই শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ বাড়ছে।

    কেন উদ্বেগজনক পরিস্থিতি?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, হাঁপানি নিয়ে সচেতনতা কম। অধিকাংশ অভিভাবকেরা অনেক সময়েই এই রোগ সম্পর্কে ওয়াকিবহাল থাকেন না। ফলে বড় বিপদ হতে পারে। তাঁরা জানাচ্ছেন, প্রথম থেকেই সতর্কতা এবং সচেতনতা থাকলে শিশু সম্পূর্ণ স্বাভাবিক জীবন‌যাপন করতে পারেন। তবে, ফুসফুসের রোগ নিয়ে সচেতনতা জরুরি। চিকিৎসকেরা জানাচ্ছেন, হাঁপানির (Childhood Asthma) সমস্যা থাকলে অন্যান্য সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই ভাইরাস ঘটিত অসুখ থেকে বাড়তি সতর্কতা নিতে হবে। তাই সন্তানের ঘনঘন কাশি, শ্বাসকষ্টজনিত সমস্যা হলে একেবারেই সময় নষ্ট‌ করা উচিত নয়। চিকিৎসকদের পরামর্শ সন্তানের হাঁপানির মতো সমস্যা থাকলে অভিভাবকদের প্রয়োজনীয় কর্মশালায় অংশগ্রহণ জরুরি। কীভাবে সন্তানকে সুস্থ জীবন‌যাপনে সাহায্য করা যায়, সে সম্পর্কে ওয়াকিবহাল থাকাও দরকার।

    হাঁপানি থাকলেও স্বাভাবিক জীবনযাপন কীভাবে সম্ভব? (Childhood Asthma)

    শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, শিশুর হাঁপানির সমস্যা থাকলেই, সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না, এমনটা একদম নয়। বরং, ঠিকমতো চিকিৎসা হলে, সে সুস্থভাবেই জীবনযাপন করতে পারে। তবে সেক্ষেত্রে সচেতনতা এবং সতর্কতা জরুরি। শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, কয়েকটি বিষয় নজর রাখলেই সেই কাজ হবে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শিশুকে এই রোগ সম্পর্কে জানানো জরুরি। সন্তান হাঁপানির (Childhood Asthma) মতো সমস্যায় ভুগলে, তাকে তার সমস্যা সম্পর্কে বুঝিয়ে বলা দরকার। যখন সে সুস্থ থাকবে, তখন তাকে ভালোভাবে বোঝাতে হবে, যাতে সে ভয় না পায়। কিন্তু সতর্ক থাকে। তার ইনহেলার বা যে ওষুধ, বিপদে সাহায্য করতে পারে, সেটাও ভালোভাবে চিনিয়ে দেওয়া জরুরি, যাতে তার বড় কোনও সমস্যা না হয়। সন্তানকে বোঝাতে হবে, এটা এমন কোনও বড় সমস্যা নয়, যার জন্য সে তার সমবয়সিদের মতো জীবনযাপন করতে পারবে না। কোনওভাবেই শিশুকে রোগ নিয়ে ভয় দেখানো চলবে না। খেলার মতো করেই সবটা বোঝাতে হবে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম প্লে থেরাপি।

    চিকিৎসকদের একাংশের পরামর্শ, সন্তান হাঁপানিতে আক্রান্ত হলে তার স্কুল কর্তৃপক্ষকেও এ ব্যাপারে জানিয়ে রাখা উচিত। যাতে জরুরি পরিস্থিতিতে বড় দুর্ঘটনা না হয়। হাঁপানির মতো সমস্যা থাকলে যেহেতু অন্যান্য ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, তাই সন্তানকে স্বাস্থ্যবিধি মেনে চলার দিকে বাড়তি নজরদারি প্রয়োজন। তাকেও এই ব্যাপারে বোঝানো দরকার বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাহলে বারবার ভোগান্তি কম হবে (Normal life)।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share