Blog

  • Flood in Bengal: বন্যায় টিকার আকাল! রোগীকে নিয়ে এক হাসপাতাল থেকে ছুটতে হচ্ছে অন্য হাসপাতালে

    Flood in Bengal: বন্যায় টিকার আকাল! রোগীকে নিয়ে এক হাসপাতাল থেকে ছুটতে হচ্ছে অন্য হাসপাতালে

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা বৃষ্টিতে জেরবার রাজ্যবাসী। একাধিক জায়গায় জমা জলে (Flood in Bengal) ভোগান্তি বাড়ছে‌। হাওড়া, হুগলি, মেদিনীপুর সহ রাজ্যের বহু এলাকায় বন্যা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। আর তার মধ্যেই রেবিস ভ্যাকসিন, অ্যান্টি ভেনম টিকার আকাল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই পরিস্থিতি স্বাস্থ্য পরিষেবায় যথেষ্ট সমস্যা তৈরি করতে পারে বলেও আশঙ্কা চিকিৎসকদের একাংশের।

    কোন ভ্যাকসিনের চাহিদা বাড়ছে? কেন বাড়ছে? (Flood in Bengal)

    রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির ফলে অধিকাংশ জায়গায় জল জমছে। এই পরিস্থিতিতে সাপের উপদ্রব বাড়ে। আবার ইঁদুর, ছুঁচোর উপদ্রবও বাড়ে। বিশেষত গ্রামীণ এলাকায় সাপে কামড়ানো, ইঁদুর কিংবা ছুঁচোয় কামড়ানোর মতো ঘটনা বাড়তে থাকে। আবার এর সঙ্গে কুকুর কামড়ানোর মতো ঘটনাও ঘটে। যেহেতু খাবার এবং জলের চাহিদা বাড়ে, মানুষের মতো অন্যান্য প্রাণীরাও অস্থির হয়ে থাকে। তাদের বাসস্থানের সমস্যা হয়। আর জমা জলের জেরে অনেক সময়েই ঘরের ভিতরেও সাপ ঢুকে আসে। শিশু থেকে প্রবীণ, সকলের বিপদ বাড়ে। তাই এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেবিস এবং অ্যান্টি ভেনম টিকার প্রয়োজনীয়তা বেশি। এই সময়ে জেলাস্তরের হাসপাতালে এই ধরনের টিকার চাহিদা বাড়ে। বিশেষত পশ্চিম মেদিনীপুর, হাওড়া, মালদা সহ একাধিক জেলার বিভিন্ন হাসপাতালে চলতি সপ্তাহে এই টিকার চাহিদা বেড়েছে। কিন্তু চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই টিকাগুলির জোগান‌ বাড়েনি। তাই অনেক সময়েই ভোগান্তি বাড়ছে। চিকিৎসকদের একাংশের আশঙ্কা, টিকার জোগান না বাড়ালে পরিস্থিতি বিপজ্জনক (Vaccination problem) হয়ে উঠতে পারে। 

    কেন আশঙ্কিত চিকিৎসক মহল? 

    স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, মালদা, মুর্শিদাবাদ কিংবা পশ্চিম মেদিনীপুরের মতো জেলার একাধিক প্রত্যন্ত অঞ্চলে সাপে কামড়ানো এবং ইদুরে কামড়ানোর মতো ঘটনা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। কিন্তু বন্যাবিধ্বস্ত (Flood in Bengal) পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার একাধিক জায়গায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রেবিস কিংবা অ্যান্টি ভেনম টিকা নেই। ফলে রোগীকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ছুটতে হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে রোগীর ভোগান্তি আরও বাড়ছে। এমনকী প্রাণহানির আশঙ্কাও তৈরি হচ্ছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছে, মহকুমা কিংবা জেলা হাসপাতালেও পর্যাপ্ত টিকা নেই। তাই একাধিক হাসপাতালে রোগীকে ঘুরতে হচ্ছে। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক হয়ে উঠছে বলেই আশঙ্কা করছে চিকিৎসক মহল! তাঁরা জানাচ্ছেন, কুকুর, ইঁদুর কামড়ানোর পরে চব্বিশ ঘণ্টার মধ্যে রেবিস ভ্যাকসিন না দিলে প্রাণ সংশয় তৈরি হয়। পাশপাশি সাপে কামড়ানো ব্যক্তির মৃত্যু রুখতে পারে একমাত্র অ্যান্টি ভেনম টিকা। তাই যত দ্রুত এই টিকা দেওয়া হবে, রোগীর প্রাণ সংশয় তৈরি হবে না। তাই এই টিকা প্রত্যেক হাসপাতালে এবং স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত থাকা জরুরি। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ছুটতে ছুটতে সময় পেরিয়ে গেলে মর্মান্তিক পরিণতি হতে পারে বলেও আশঙ্কা করছে চিকিৎসকদের একাংশ। 

    কী বলছেন স্বাস্থ্যকর্তারা? (Flood in Bengal) 

    প্রত্যেক বছরে হুগলি, হাওড়া কিংবা পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়। এই ধরনের সমস্যা সম্পর্কে স্বাস্থ্য প্রশাসনের ওয়াকিবহাল থাকা উচিত বলেই মনে করছে চিকিৎসকদের একাংশ। কিন্তু তার পরেও কেন এই সব টিকার আকাল (Vaccination problem)? এই প্রশ্নের অবশ্য কোনও উত্তর দিতে চাননি স্বাস্থ্য ভবনের কর্তারা। এক স্বাস্থ্যকর্তা বলেন, “সব সময় যোগাযোগ রাখা হচ্ছে। প্রত্যেক জেলার হাসপাতালে যাতে ঠিকমতো জীবনদায়ী ওষুধ ও ভ্যাকসিন পৌঁছতে পারে, সে দিকে নজর রয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bombay High Court: ইদ-ই-মিলাদের মিছিলে তারস্বরে মাইক! বড় পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের

    Bombay High Court: ইদ-ই-মিলাদের মিছিলে তারস্বরে মাইক! বড় পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবে মাইক বাজানো নিয়ে বুধবার বম্বে হাইকোর্ট (Bombay High Court) তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেছে। আদালতের মতে, ‘‘গণেশ উৎসবের (Ganesh Chaturthi) সময় তার স্বরে মাইক বাজানো যদি ক্ষতিকারক হয়, তবে ঈদ-ই-মিলাদ-উন-নবীর মিছিলের সময়ও তা সমান ক্ষতিকারক।’’ প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি অমিত বোরকারের ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থ মামলার শুনানির সময় এই মন্তব্য করেন।

    মামলাকারীদের দাবি (Bombay High Court) 

    প্রসঙ্গত, এই মামলায় ইদ-ই-মিলাদ-উন-নবীর মিছিলে ডিজে নাচ এবং লেজার শো- এর ওপর নিষেধাজ্ঞা আনার দাবি জানান মামলাকারীরা (Bombay High Court)। এর পাশাপাশি, পুলিশকে এ বিষয়ে নির্দেশ দিতেও আর্জি জানান আবেদনকারীরা। যুক্তি হিসেবে তাঁরা তুলে ধরেন যে কোরান বা হাদিস কোনও বইতেই ডিজে সিস্টেমের ব্যবহার এবং লেজার লাইট ব্যবহার করে ইদ-ই-মিলাদ-উন-নবী পালন করতে হবে এমন কথা বলা নেই।

    হাইকোর্ট (Bombay High Court) তার আগের আদেশের উল্লেখ করে

    প্রসঙ্গত, এর আগে গণেশ উৎসবের (Ganesh Chaturthi) সময় আদালত একটি নির্দেশ দিয়েছিল। বুধবার এই মামলার শুনানির সময়, আদালত সেই আদেশের কথা উল্লেখ করে। সেই আদেশে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সাউন্ড সিস্টেম এবং লাউড স্পিকারের ব্যবহারের নিষেধাজ্ঞায় জোর দিয়েছিল। সেই নির্দেশ উল্লেখ করে হাইকোর্ট জানায়, গণেশ পুজোর মাইক ক্ষতিকারক হলে ইদ-ই-মিলাদ-উন-নবীর মিছিলের সময়ও তা সমান ক্ষতিকারক। প্রসঙ্গত, ২০০০ সালের শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তার স্বরে মাইক বাজানো বেআইনি।

    লেজার লাইট কী ক্ষতি করতে পারে তা মামলাকারীদেরই জানাতে হবে

    এর পাশাপাশি, লেজার লাইটের ব্যবহারে মানুষের কী কী ক্ষতি হয়, সে নিয়েও বিজ্ঞানসম্মত রিপোর্ট বোম্বে হাইকোর্টে জমা দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ (Bombay High Court)। এদিনই বিচারপতিদের বেঞ্চ জানায়, আমরা কেউ বিশেষজ্ঞ নই, তাই লেজার লাইট কী ক্ষতি করতে পারে তা মামলাকারীদেরই জানাতে হবে। মামলা করার আগে এবিষয়ে মামলাকারীদের লেজার লাইটের ক্ষতিকারক দিকগুলি খুঁজে রাখা উচিত ছিল বলে জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: বাংলাদেশের অনুরোধ ফেরাল ভারত, মার্কিন মুলুকে হচ্ছে না মোদি-ইউনূস বৈঠক

    PM Modi: বাংলাদেশের অনুরোধ ফেরাল ভারত, মার্কিন মুলুকে হচ্ছে না মোদি-ইউনূস বৈঠক

    মাধ্যম নিউজ ডেস্ক: এক মঞ্চ। দেখাও হবে দুজনের। তবে কথা হবে না। কারণ বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন এবং ইউনূসের সাম্প্রতিক ভারত-বিরোধী অবস্থান। যা ভালো চোখে নেয়নি নয়াদিল্লি। জানা গিয়েছে, সেই কারণেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) সঙ্গে পার্শ্ব বৈঠকে যোগ দেবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। 

    নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী (PM Modi)

    ঘটনাটি তাহলে খুলেই বলা যাক। রাষ্ট্রসঙ্ঘের (United Nations) সভায় যোগ দিতে আগামী সপ্তাহে নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। সেখানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ একাধিক রাষ্ট্রনেতা। বক্তাদের তালিকার ৩৫ নম্বরে নাম রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। এই সভায় যোগ দিয়ে বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে পার্শ্ববৈঠক করবেন প্রধানমন্ত্রী। তবে ইউনূসের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন না তিনি। সাম্প্রতিক একটি প্রতিবেদন থেকেই জানা গিয়েছে এ খবর।

    ‘কোয়াড’-এর শীর্ষ বৈঠকে যোগ দেবেন মোদি

    জানা গিয়েছে, ২১ সেপ্টেম্বর তিন দিনের আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রাষ্ট্রসঙ্ঘের বিশেষ সম্মেলনে ভাষণ দেওয়ার পাশাপাশি ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত ‘কোয়াড’-এর শীর্ষ বৈঠকে যোগ দেবেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত ও অনাবাসী ভারতীয়দের সভায়ও যোগ দেবেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না তাঁর।

    অথচ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে পার্শ্ববৈঠকে যোগ দিতে মুখিয়ে ছিলেন ইউনূস (Muhammad Yunus)। জানা গিয়েছে, এই মাসের শুরুর দিকে বাংলাদেশের তরফে ভারতকে অনুরোধ করা হয়েছিল, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় যোগ দেওয়ার ফাঁকে দুই রাষ্ট্রনেতা যেন পার্শ্ববৈঠকে বসেন। হাসিনা-উত্তর জমানায় দুই দেশের (PM Modi) মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, তা প্রশমনের লক্ষ্যেই হওয়া প্রয়োজন এই পার্শ্ববৈঠক। তবে বাংলাদেশের অনুরোধ পত্রপাঠ ফিরিয়ে দিয়েছে ভারত। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ইউনূসের সাম্প্রতিক ভারত-বিরোধী অবস্থান এবং বাংলাদেশে চলতে থাকা হিন্দুদের ওপর আক্রমণ বন্ধে ইউনূস ব্যর্থ হওয়ায় ভারত যারপরনাই ক্ষুব্ধ। সেই কারণেই ইউনূসকে এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

    আরও পড়ুন: আর্থিক মাপকাঠিতে ক্রমেই পিছিয়ে পড়ছে বাংলা, বলছে কেন্দ্রের রিপোর্ট

    নয়াদিল্লির রাগের আরও কারণ রয়েছে। দিল্লির বাংলাদেশ হাই-কমিশন ও কলকাতার ডেপুটি হাই-কমিশন থেকে হাসিনার আমলের দুই কূটনীতিককে বরখাস্ত করে ভারতকে বার্তা দিয়েছেন ইউনূস (Muhammad Yunus)। হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করেও পরিস্থিতি ঘোরালো করে তুলেছে ইউনূসের নেতৃত্বাধীন সরকার। সব মিলিয়ে ইউনূসকে এড়িয়ে যাওয়াই শ্রেয় বলে মনে করছে নয়াদিল্লি। তাই মোদি-ইউনূস দেখা হলেও, হচ্ছে না পার্শ্ববৈঠক (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indus Water Treaty: সিন্ধু জলবণ্টন চুক্তির সংশোধন চাই, পাকিস্তানকে কড়া নোটিশ ভারতের

    Indus Water Treaty: সিন্ধু জলবণ্টন চুক্তির সংশোধন চাই, পাকিস্তানকে কড়া নোটিশ ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty) নিয়ে পাকিস্তানকে কড়া নোটিশ পাঠালো নয়াদিল্লি। গত ৩০ অগাস্ট নোটিশটি পাঠানো হয়েছে বলে বুধবার জানিয়েছে কেন্দ্র। ৬৪ বছর আগের ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে বর্তমানে পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে, বলে মনে করে নয়াদিল্লি।

    চুক্তিতে পরিবর্তন অবধারিত

    দীর্ঘ ৯ বছর আলাপ-আলোচনার পর ১৯৬০ সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় সিন্ধু জল চুক্তিতে (Indus Water Treaty) সই করে নয়াদিল্লি ও ইসলামাবাদ। এর ফলে বেশ কয়েকটি আন্তঃসীমান্তস্থিত নদীর জল ব্যবহারে দুই পক্ষের মধ্যে সহযোগিতা এবং তথ্য বিনিময়ের একটি প্রক্রিয়া নির্ধারিত হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই চুক্তিতে বেশকিছু পরিবর্তন অবধারিত হয়ে পড়েছে বলে মনে করছে মোদি সরকার। নোটিশে জনসংখ্যার পরিবর্তন, পরিবেশগত সমস্যা সহ একাধিক সমস্যার কথা তুলে ধরেছে ভারত। তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে পাক সন্ত্রাসবাদের বিষয়টি তুলে ধরা হয়েছে। 

    সমস্যা আসলে কী

    ৯ বছরের আলোচনার পরে ১৯৬০ সালে বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty) সই করে ভারত ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী— পূর্ববাহিনী নদীগুলো অর্থাৎ, শতদ্রু, বিপাশা এবং ইরাবতীর জল যত খুশি ব্যবহার করতে পারবে ভারত। উল্টো দিকে, পশ্চিমবাহিনী সিন্ধু, ঝিলম এবং চন্দ্রভাগা নদীর বেশিরভাগ জল ব্যবহারের অধিকার রয়েছে পাকিস্তানের। চুক্তি অনুযায়ী, পশ্চিমবাহিনী এই নদীগুলোতে জলবিদ্যুৎ উৎপাদনের অধিকার রয়েছে ভারতের। সিন্ধুর যতটা জল ব্যবহারের অধিকার রয়েছে ভারতের, তার ৯০ শতাংশের একটু বেশি এখন ব্যবহার করে ভারত।

    জলবিদ্যুৎ প্রকল্পে বাধা দিচ্ছে পাকিস্তান

    সিন্ধু, ঝিলম ও চন্দ্রভাগার জলের উপরে পাকিস্তানের অধিকার ৮০ শতাংশ। তবে, চুক্তির শর্ত অনুযায়ী, ভারত নিজেদের চাহিদা অনুযায়ী জল ব্যবহার করলেও তা আটকাতে পারবে না পাকিস্তান। অথচ কিষেণগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্প গড়া ইস্যুতে বারবার বাধা সৃষ্টি করছে পাকিস্তান। ভারতের দাবি, সেই কারণেই তারা যখন নিজেদের নির্ধারিত কোটার জল ব্যবহার করতে যায় বা বাঁধ বানাতে চায়, তখন পাকিস্তান নানা রকম আপত্তি তুলতে থাকে। এই বিষয়ে আন্তর্জাতিক সালিশি আদালতেরও দ্বারস্থ হয় তারা। ভারতের অভিযোগ, এই একতরফা পদক্ষেপ আদতে সিন্ধু জলচুক্তির নবম ধারার লঙ্ঘন।

    আরও পড়ুন: ভূস্বর্গে প্রথম দফা নির্বাচন নির্বিঘ্নেই, ভোট পড়ল ৫৮ শতাংশ

    বিরোধ নিষ্পত্তি জরুরি

    বিদেশ মন্ত্রক সূত্রের খবর, কিষাণগঙ্গা ও রাতলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে দীর্ঘ বিতর্কের মধ্যেই এই নোটিশটি পাঠিয়েছে দিল্লি। সিন্ধু জল চুক্তির (Indus Water Treaty) অধীনে বিবাদ নিষ্পত্তি জন্য ভারত সহযোগিতা করছে না বলে এর আগে একাধিকবার অভিযোগ করেছে পাকিস্তান। যার ভিত্তিতে বিশ্বব্যাঙ্ক সম্ভাব্য বিকল্পের কথা বলে। দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নদীর সিংহভাগ জল ব্যবহার করে পাকিস্তান। পাশাপাশি ভারতের নদীবাঁধ দেওয়া নিয়েও ইসলামাবাদের প্রবল আপত্তি। নয়াদিল্লি বরাবরই নিরপেক্ষ-বিশেষজ্ঞ প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে জোর দিয়েছে। কিন্তু পাকিস্তান নানা আছিলায় তা এড়িয়ে গিয়েছে। এই অবস্থায় নতুন করে সিন্ধু জলচুক্তি সংশোধনের দাবিতে পাকিস্তানকে কড়া নোটিশ পাঠাল ভারত। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vineet Goyal: পুলিশ কমিশনারের পদও গেল, হাইকোর্টের অস্বস্তিও কাটল না বিনীত গোয়েলের

    Vineet Goyal: পুলিশ কমিশনারের পদও গেল, হাইকোর্টের অস্বস্তিও কাটল না বিনীত গোয়েলের

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য পদ থেকে সরানো হয়েছে বিনীত গোয়েলকে (Vineet Goyal)। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে পুলিশ কমিশনার পদ থেকে তাঁকে সরানোর কথা ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে রাজ্য পুলিশের এসটিএফ-এর এডিজি পদে স্থানান্তরিত করা হয়েছে। তারপরও প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অস্বস্তি কাটল না। আদালতে চাপের মুখে রয়েছেন তিনি। আরজি কর মেডিক্যালে নির্যাতিতার নাম প্রকাশ করে দেওয়ায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে দায়ের হওয়া মামলা খারিজ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। তবে সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে শুনানি চলায় আপাতত এই মামলায় কোনও নির্দেশ দেওয়া হবে না বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

    আদালতে মামলার শুনানিতে কী হল? (Vineet Goyal)

    গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর তাঁর নাম প্রকাশ করে দেওয়ার অভিযোগ ওঠে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (Vineet Goyal) বিরুদ্ধে। এই অভিযোগে বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারী আদালতে আবেদন করেন, পুলিশ কমিশনারের মতো উচ্চ পদে থেকেও বিনীত গোয়েল নির্যাতিতার নাম প্রকাশ করে দিয়েছেন। যা গুরুতর অপরাধ। বুধবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। সেখানে বিনীত গোয়েলের আইনজীবী মামলাটি খারিজ করে দেওয়ার দাবি জানান। তিনি বলেন, যে পুলিশ আধিকারিকের কথা বলা হচ্ছে তাঁকে ইতিমধ্যে বদলি করা হয়েছে। সে কথা শুনে মামলাকারীর আইলাজীবী মহেশ জেঠমালানি বলেন, পুলিশ কমিশনার থেকে তাঁকে এডিজি করা হয়েছে। উনি তো প্রোমোশন পেয়েছেন। বরং, এই মামলাকে সুপ্রিম কোর্টে পাঠানো হোক। এ কথা শুনে বিনীত গোয়েলের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন। তাই হাইকোর্টে এই মামলার কোনও গুরুত্ব নেই বলে মন্তব্য করেন তিনি।

    আরও পড়ুন: ‘সনাতন ধর্মের উত্থানের সময় এসেছে’’, বললেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

    আদালতের পর্যবেক্ষণ

    প্রধান বিচারপতি জানিয়ে স্পষ্ট জানিয়ে দেন, এই মামলা এখন খারিজ করা হচ্ছে না। শীর্ষ আদালতে শুনানির পর ফের শুনানি হবে। তাই হাইকোর্টে আপাতত অস্বস্তি কাটল না প্রাক্তন পুলিশ কমিশনারের (Vineet Goyal)। প্রধান বিচারপতি জানান, আপাতত এব্যাপারে কোনও পদক্ষেপ করবে না আদালত। তবে মামলা খারিজ করা হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ দেখে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 138: “ভাব-ভক্তির দ্বারা তাঁর সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়, মা নানারূপে দর্শন দেন”

    Ramakrishna 138: “ভাব-ভক্তির দ্বারা তাঁর সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়, মা নানারূপে দর্শন দেন”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্তসঙ্গে

    দ্বিতীয় পরিচ্ছেদ

    ১৮৮৩, ১লা জানুয়ারি

    ভাবরাজ্য ও রূপদর্শন

    ঠাকুর (Ramakrishna) সমাধিস্থ—অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন (Kathamrita)। দেহ নড়িতেছে না—চক্ষু স্পন্দহীন—নিঃশ্বাস পড়িতেছে কিনা—বুঝা যায় না।

    অনেকক্ষণ পরে দীর্ঘনিঃশ্বাস ফেলিলেন—যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ (প্রাণকৃষ্ণের প্রতি)—তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তাঁর রূপ দর্শন করা যায়। ভাব-ভক্তির দ্বারা তাঁর সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানারূপে দর্শন দেন।

    গৌরাঙ্গদর্শন—রতির মা বেশে মা 

    কাল মাকে দেখলাম। গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই। আমার সঙ্গে কথা কচ্ছেন।

    আর-একদিন মুসলমানের মেয়েরূপে আমার কাছে এসেছিলেন। মাথায় তিলক কিন্তু দিগম্বরী। ছয় সাত বছরের মেয়ে—আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগল ও ফচকিমি করতে লাগল।

    হৃদের বাড়িতে যখন ছিলাম—গৌরাঙ্গদর্শন হয়েছিল—কালোপেড়ে কাপড় পরা।

    হলধারী বলত তিনি ভাব-অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা, হলধারী এ-কথা বলছে, তাহলে রূপ-টুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশে আমার কাছে এসে বললে, ‘তুই ভাবেই থাক।’ আমিও হলধারীকে তাই বললাম।

    এক-একবার ও-কথা ভুলে যাই বলে কষ্ট হয়। ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। তাই দৈববাণী বা প্রতক্ষ্য না হলে ভাবেই থাকব—ভক্তি নিয়ে থাকব। কি বল?

    প্রাণকৃষ্ণ—আজ্ঞা।

    ভক্তির অবতার কেন? রামের ইচ্ছা 

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি। এর ভিতরে কে একটা আছে। সেই আমাকে নিয়ে এইরূপ কচ্ছে। মাঝে মাঝে দেবভাব প্রায় হত—আমি পুজো না করলে শান্ত হতুম না।

    আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান, তেমনি করি। যেমন বলান, তেমনি বলি (Kathamrita)।

    প্রসাদ বলে ভবসাগরে, বসে আছি ভাসিয়ে ভেলা।
    জোয়ার এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা॥

    ঝড়ের এঁটো পাতা কখনও উড়ে ভাল জায়গায় গিয়ে পড়ল, কখন বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়ল—ঝড় যেদিকে লয়ে যায়।

    আরও পড়ুনঃ “তিনি লাউ কুমড়ো ফল দেন না—তিনি অমৃত ফল দেন—জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য”

    আরও পড়ুনঃ “একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পাচ্ছে না—গিলতেও পাচ্ছে না…”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mohana Singh: নয়া ইতিহাস! ভারতের প্রথম মহিলা তেজস পাইলট হচ্ছেন মোহনা সিং

    Mohana Singh: নয়া ইতিহাস! ভারতের প্রথম মহিলা তেজস পাইলট হচ্ছেন মোহনা সিং

    মাধ্যম নিউজ ডেস্ক: খবরের শিরোনামে মোহনা সিং (Mohana Singh)। ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার মোহনা ওড়াবেন লাইট কমব্যাট এয়ারক্র্যাফট তেজস (LCA Tejas)। অর্থাৎ ভারতের প্রথম মহিলা তেজস পাইলট হচ্ছেন মোহনা (Mohana Singh)। বর্তমানে ভারতীয় বায়ুসেনার সুখোই-৩০এমকেআই (Sukhoi-30MKI) ওড়ান মোহনা। প্রসঙ্গত, ৮ বছর আগেই ভারতীয় বায়ুসেনায় যোগ দেন মোহনা (Woman Fighter Pilot)। দেশের প্রথম মহিলা ফাইটার জেট পাইলট হিসেবে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান বিভাগে আগেই অন্তর্ভুক্ত হয়েছিল তিনটি নাম- অবনী চতুর্বেদী, ভাবনা কান্ত ও মোহনা সিং।

    মোদি জমানায় নারী সশক্তিকরণ

    আগে যুদ্ধবিমান চালানোর অনুমতি ছিল না মহিলাদের। সেই ধারণা পাল্টায় মোদি জমানায়। ২০১৬ সাল থেকে মহিলাদের জন্য যুদ্ধবিমান চালানোর দরজা খুলে দেওয়ার পাশাপাশি সম্মুখ সমরে যাওয়ারও অনুমতি দেওয়া হয়। কেউ কেউ বলছেন, ‘‘মোদি জমানায় নারী সশক্তিকরণ (Woman Fighter Pilot) যে অনেকটাই হয়েছে, তা মোহনাদের দেখলেই বোঝা যায়। কংগ্রেস জমানায় মহিলাদের যুদ্ধবিমান চালানো নিষেধ ছিল, মোদি সরকার নারীদের জন্য যুদ্ধক্ষেত্রও খুলে দিয়েছে।’’

    ‘তরঙ্গ শক্তি’ প্রদর্শনেও যোগ দেন মোহনা (Mohana Singh)

    তরঙ্গ শক্তি হল এক ধরনের সামরিক মহড়া যার প্রথম পর্যায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল তামিলনাড়ুর সুলুর বায়ুঘাঁটিতে। গত মাসের গোড়াতেই অনুষ্ঠিত হয় প্রথম পর্যায়। গত ৬ থেকে ১৪ অগাস্ট অনুষ্ঠিত প্রথম পর্বে ফ্রান্স, জার্মানি, স্পেন এবং ব্রিটেন অংশগ্রহণ করে। প্রথম পর্বে যোগদান করেন মোহনা (Mohana Singh)। এরপর ৩ সশস্ত্র বাহিনীর ৩ উপপ্রধানদের সঙ্গে যোধপুরে ‘তরঙ্গ শক্তি’ প্রদর্শনের দ্বিতীয় পর্যায়েও যোগ দেন তিনি। সেটাও মোহনার (Mohana Singh) এক ঐতিহাসিক উড়ান ছিল। ৩০ অগাস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত যোধপুরে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে এই ‘তরঙ্গ শক্তি’ প্রদর্শনে যোগ দিয়েছিল অস্ট্রেলিয়া, গ্রিস, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, বিশ্বের চতুর্থ বৃহত্তম বায়ুসেনা হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্স (IAF)। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনায় আছেন ২০ জন মহিলা ফাইটার পাইলট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Durga Puja 2024: আট হাতে নেই কোনও অস্ত্র, দুটি হাতেই অসুর দমন করেন দেবী কাত্যায়নী!

    Durga Puja 2024: আট হাতে নেই কোনও অস্ত্র, দুটি হাতেই অসুর দমন করেন দেবী কাত্যায়নী!

    মাধ্যম নিউজ ডেস্ক: নদিয়ার অদ্বৈত আচার্যের বংশধর বড় গোস্বামী বাড়ি শান্তিপুরের এক অন্যতম তীর্থস্থান। এই বাড়িতেই প্রায় ৩৫০ বছর ধরে চিরাচরিত নিয়ম মেনে পূজিত হয়ে আসছেন দেবী কাত্যায়নী। বর্তমানে চতুর্থতম বংশধর আদ্রিপ গোস্বামীর কথায় জানা যায় দেবী (Durga Puja 2024) আরাধনার ইতিকথা। জানা গিয়েছে, এখন থেকে ৩৫০ বছর আগে তাঁদের বাড়ির রাধারমন বিগ্রহ হঠাৎ চুরি হয়ে যায়। তার পর থেকেই প্রত্যেক সদস্য মানসিকভাবে ভেঙে পড়েন। কীভাবে রাধারমনকে খুঁজে পাওয়া যাবে, এই চিন্তায় তখন সবার দিশাহারা অবস্থা। অবশেষে তাঁরা জানতে পারেন, ভাগবত পুরাণে রয়েছে, দেবী কাত্যায়নীর ব্রত করলে ইষ্ট দেবতাকে পাওয়া যাবে। সেই মতো বড় গোস্বামী বাড়ির গৃহবধূরা দেবী কাত্যায়নীর ব্রত করতে শুরু করেন।

    কার্তিক এবং গণেশ উল্টো দিকে (Durga Puja 2024)

    পরবর্তীতে বাড়ির জেষ্ঠা গৃহবধূ স্বপ্নাদেশ পান, তাঁদের রাধারমন নদিয়ার দিগনগরের একটি দিঘিতে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ বাড়ির সদস্যরা সেই স্থানে ছুটে গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন তাঁদের বিগ্রহ দেবতা রাধারমনকে। তার পর থেকে প্রত্যেক বছরই মহা সমারোহে পূজিত হয়ে আসছেন দেবী কাত্যায়নী। যদিও দেবী আরাধনায় রয়েছে বিশেষ নিয়ম। দেবীর ৮টি হাতে কোনও অস্ত্র থাকে না, দুটি হাতে থাকে অসুর দমনে অস্ত্র। দেবীর দুই সন্তান কার্তিক এবং গণেশ থাকেন উল্টো দিকে। দেবীর ভোগ নিবেদনেও রয়েছে বিশেষ নিয়ম। বৈষ্ণব মতে পূজিত হন দেবী কাত্যায়নী। মহাভোগ তৈরি হয় বাড়ির দীক্ষিত গৃহবধূদের দিয়ে। সকালে হয় বাল্য ভোগ, সপ্তমী-অষ্টমী-নবমী-এই তিন দিন বিশেষ মহাভোগ হয় ৩৩ ব্যঞ্জনে। নবমীর দিন সকালে দেবীর কাছে সকলের মঙ্গল কামনা করা হয়, বিশেষভাবে দশমীতে (Durga Puja 2024) সারা বাড়িতে শান্তির জল ছেটানো হয়। বাড়ির প্রত্যেক সদস্য শুদ্ধ পোশাকে থাকেন।

    বিসর্জনেও বিশেষত্ব

    তবে দেবী বিসর্জনে রয়েছে বিশেষ নিয়ম। দশমীর দিন সকালে দেবী (Durga Puja 2024) বিসর্জন করে সকলে তড়িঘড়ি বাড়িতে ফিরে আসেন। এরপর রাধারমন অর্থাৎ বাড়ির বিগ্রহ দেবতাকে ভোগ নিবেদন করেন। জানা গিয়েছে, যতক্ষণ পর্যন্ত দেবী বিসর্জন না হয়, ততক্ষণ রাধারমনকে ভোগ নিবেদন করা হয় না। তবে ৩৫০ বছর ধরে নিষ্ঠা সহকারে দেবীর আরাধনা হয়ে আসছে শান্তিপুরের এই বড় গোস্বামী বাড়িতে। এখন থেকেই চলছে দেবীমূর্তি তৈরির কাজ। ব্যস্ত রয়েছেন অদ্বৈতাচার্যের বংশধারেরাও (Nadia)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bengal Economy: আর্থিক মাপকাঠিতে ক্রমেই পিছিয়ে পড়ছে বাংলা, বলছে কেন্দ্রের রিপোর্ট

    Bengal Economy: আর্থিক মাপকাঠিতে ক্রমেই পিছিয়ে পড়ছে বাংলা, বলছে কেন্দ্রের রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে ভালো নেই বাংলা! আর্থিক মাপকাঠিতে অন্য রাজ্যের তুলনায় ক্রমেই পিছিয়ে পড়ছে পশ্চিমবঙ্গ (Bengal Economy)। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের (PM-EAC Report) প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, পশ্চিম ভারত ও দক্ষিণের রাজ্যগুলি যখন অর্থনীতির দিক দিয়ে এগিয়ে গিয়েছে, তখন পশ্চিমবঙ্গ ক্রমশই পিছিয়ে পড়ছে।

    অর্থনীতির বেহাল দশা (Bengal Economy) 

    বঙ্গ অর্থনীতির এই হাঁড়ির হাল কেবল তৃণমূলের জমানায়ই হয়নি। বাম আমলেরও একটা বড় সময়ে এই ‘ক্ষয়’ শুরু হয়েছিল। জানা গিয়েছে, ১৯৬০-৬১ অর্থবর্ষে দেশের জিডিপিতে পশ্চিমবঙ্গের অবদান ছিল ১০ শতাংশের বেশি। ২০২৩-২৪ অর্থবর্ষে (PM-EAC Report) দেশের জিডিপিতে পশ্চিমবঙ্গের অবদান মাত্রই ৫ শতাংশের ঘরে (Bengal Economy)। এক সময় অন্যান্য রাজ্যের তুলনায় ঢের পিছিয়ে ছিল বিহার। গত দু’দশকে কিছুটা থিতু হয়েছে। পিছিয়ে ছিল আর এক পড়শি রাজ্য ওড়িশা। তারা বরাবর পিছিয়ে থাকলেও, সম্প্রতি যথেষ্ট উন্নতি করেছে। ব্যতিক্রম মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ। এক সময় এগিয়ে থাকলেও, এখন ক্রমেই পিছিয়ে পড়ছে।

    কী বলছে রিপোর্ট (PM-EAC Report)?

    রিপোর্টটি তৈরি করেছেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য অর্থনীতিবিদ সঞ্জীব স্যান্যাল এবং যুগ্ম অধিকর্তা আকাঙ্খা অরোরা। তাতে বলা হয়েছে, ১৯৬০-৬১ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় জাতীয় গড় আয়ের চেয়ে বেশি। মাথাপিছু আয়ের এই অবস্থা ধরে রাখতে পারেনি পশ্চিমবঙ্গ (Bengal Economy)। সময় বদলেছে, বদলেছে শাসকও। তবে বদলায়নি মাথাপিছু আয়। বরং তা ক্রমেই ক্ষয়িষ্ণু (PM-EAC Report)। ২০২৩-২৪ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মাথা পিছু আয় কমে গিয়েছে রাজস্থান, ওড়িশার মতো পিছিয়ে পড়া রাজ্যের তুলনায়ও। ছয়ের দশকে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং বিহার থেকে জিডিপি হত ৫৪ শতাংশ। শিল্পের দিক থেকে এগিয়ে ছিল মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু। মহারাষ্ট্র সাফল্য ধরে রাখলেও, শিল্পে পশ্চিমবঙ্গের ভাগ ক্রমশ কমেছে। এই রিপোর্ট থেকেই জানা গিয়েছে, দক্ষিণ ভারতের অন্য রাজ্যগুলির তুলনায় ব্যাপক উন্নতি করেছে তামিলনাড়ু।

    আরও পড়ুন: ভূস্বর্গে প্রথম দফা নির্বাচন নির্বিঘ্নেই, ভোট পড়ল ৫৮ শতাংশ

    ওয়াকিবহাল মহলের মতে, বাংলার এই পিছিয়ে পড়ার (Bengal Economy) অন্যতম একটি কারণ হল রাজ্যের হা-শিল্প দশা। শিল্প না থাকায় চাকরি-বাকরিও নেই (PM-EAC Report)। ভোটব্যাঙ্ক অটুট রাখতে চলছে খয়রাতির রাজনীতি। সব মিলিয়ে অর্থনীতির জটিল আবর্তে ঘুরছে বঙ্গ অর্থনীতির চাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu Kashmir Election 2024: ভূস্বর্গে প্রথম দফা নির্বাচন নির্বিঘ্নেই, ভোট পড়ল ৫৮ শতাংশ

    Jammu Kashmir Election 2024: ভূস্বর্গে প্রথম দফা নির্বাচন নির্বিঘ্নেই, ভোট পড়ল ৫৮ শতাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভূস্বর্গের (Jammu Kashmir Election 2024) একাধিক জায়গায় সীমান্ত পেরিয়ে ভোট বানচাল করার প্রয়াস করেছিল জঙ্গিরা। কিন্তু ভারতীয় সেনার তৎপরতা ও উপত্যকাবাসীর ইচ্ছার কাছে হার মানল বিচ্ছিন্নতাবাদী শক্তি। কোনও অশান্তির খবর ছাড়াই বুধবার নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ভূস্বর্গের প্রথম দফার বিধানসভা ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, বুধবার রাত ৭.৩০ পর্যন্ত ভোট পড়েছে ৫৮.৮৫ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে কিশতওয়ারে (৭৭.২৩ শতাংশ) আর সবচেয়ে কম ভোট পড়েছে সন্ত্রাসদীর্ণ পুলওয়ামায় (৪৩.৮৭ শতাংশ)। 

    ভূস্বর্গে ভোটদানে বিপুল সাড়া

    প্রায় এক দশক পর এ বার বিধানসভা ভোট হচ্ছে জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir Election 2024)। ৩৭০ অনুচ্ছেদ অর্থাৎ, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর ২০২৪-এর লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন ভূস্বর্গের মানুষ। লোকসভায় ভোটদানে বিপুল সাড়ার পর বুধবার বিধানসভাতেও ভোট পড়ল ভালোই। বুধবার ভূস্বর্গের মানুষের ভোটদানের উৎসাহ দেখে জাতীয় নির্বাচন কমিশনের বার্তা, ‘২০২৪ লোকসভা ভোটে যে সাফল্যের ভিত স্থাপন হয়েছিল, তার সঙ্গে সঙ্গতি রেখেই শান্তিপূর্ণ এবং স্বেচ্ছায় শুরু হলো জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোটগ্রহণ। সমাজের সব শ্রেণির ভোটাররা এ দিন গণতন্ত্রের ডাকে মন থেকে সাড়া দিয়েছেন।’ 

    ভোটদানে বয়স্কদের উপস্থিতি

    জম্মু ও কাশ্মীরের নির্বাচনের (Jammu Kashmir Election 2024) প্রথম দফার ভোটগ্রহণে উৎসাহী হয়ে ভোট দিতে দেখা গিয়েছে বাসিন্দাদের। ভোটদানে বয়স্কদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  এদিনের উৎসাহী লোকদের লাইনের মধ্যে যাঁরা বিধানসভা নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য বেরিয়ে এসেছিলেন – তাঁদের মধ্যে ছিলেন এক ব্যক্তি। উপত্যকার ভোটের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক। প্রথম যখন উপত্যকায় ভোট হয়েছিল, তখন থেকে টানা ভোট দিয়েছেন সেই ব্যক্তি। উপত্যকায় এদিন পর্যন্ত হওয়া সবকটি নির্বাচনেই ভোট দিয়েছেন তিনি। ওই ব্যক্তির নাম প্রেম নাথ। তাঁর বয়স ৯৯ বছর ৬ মাস। জম্মু বিভাগের ডোডায় ভোট দিতে বেরিয়েছিলেন তিনি। 

    আরও পড়ুন: বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন প্যারিসে জোড়া পদকজয়ী মনু

    জঙ্গিদের ষড়যন্ত্র ব্যর্থ

    অন্যদিকে, এদিন দেখা গিয়েছে প্রথমবার ভোট দেওয়া একাধিক ভোটারদেরও। নতুন ভোটারদের মধ্যে ভোট নিয়ে উচ্ছ্বাসের ছবি দেখা গিয়েছে। এদিন সপরিবার ভোট দিতে আসার ছবিও দেখা গিয়েছে। কিশতওয়ারের একটি পরিবারকে দেখা যায় এক নাবালক এবং এক কোলের শিশুকে নিয়ে ভোট দিতে আসতে। রামবান, কিশতওয়ার এবং ডোডা রেঞ্জের ডিআইজি শ্রীধর পাতিলের বক্তব্য, ‘বুধবার পোলিং স্টেশনগুলোর বাইরে লম্বা লাইন দেখা গিয়েছে। স্পর্শকাতর এলাকাগুলোতে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছিল। ভোটদানের (Jammu Kashmir Election 2024) হারই বুঝিয়ে দিচ্ছে, জঙ্গিদের ষড়যন্ত্র সফল হয়নি।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share