Tag: bangla news

bangla news

  • Nadia: “স্বামীকে বেধড়ক মারল তৃণমূল, মাথা ফাটিয়ে দিল আমার,” মুখ খুললেন বিজেপি কর্মীর স্ত্রী

    Nadia: “স্বামীকে বেধড়ক মারল তৃণমূল, মাথা ফাটিয়ে দিল আমার,” মুখ খুললেন বিজেপি কর্মীর স্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট পরবর্তী হিংসা অব্যাহত। শনিবার রাতে নদিয়ার (Nadia) কালীগঞ্জের চাঁদঘর এলাকায় বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার জের মিটতে না মিটতেই এবার বিজেপি কর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল নদিয়ার কৃষ্ণনগরের বারুইহুদা এলাকায়। আক্রান্ত দুই মহিলা-সহ তিন জন। বিজেপি করার ‘অপরাধে’ রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতে রাজনৈতিক  মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nadia)

    নদিয়ার (Nadia) কৃষ্ণনগর কোতোয়ালি থানার বারুইহুদা মনীন্দ্রপল্লি এলাকার বাসিন্দা মলয় বিশ্বাস নামে এক বিজেপির সক্রিয় কর্মীর ওপর ভোটের আগে থেকেই তৃণমূল কর্মীদের রাগ ছিল। কারণ, বিজেপি না করার জন্য বলার পরও ভোটে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। রবিবার সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফেরার পথে ওই বিজেপি কর্মীকে মাঝ রাস্তায় একদল দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় তাঁর স্ত্রীকেও। মারের চোটে বিজেপি কর্মীর স্ত্রীর মাথা ফেটে যায়। আরও একজন জখন হন। গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে বিজেপি কর্মীর স্ত্রী বলেন, আচমকা আমার স্বামীর ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। বাধা দিতে গেলে আমাকেও মারধর করে তারা। ওরা মেরে আমার মাথা ফাটিয়ে দেয়। এক প্রতিবেশী যুবতী বলেন, যেহেতু মলয় বিশ্বাস বিজেপির সক্রিয় কর্মী, সেই কারণে তৃণমূলের লোকজন হামলা চালায়।  

    আরও পড়ুন: ফল প্রকাশের আগেই ভোট পরবর্তী হিংসা নিয়ে বালুরঘাটে কড়া হুঁশিয়ারি সুকান্তর

    বিজেপি প্রার্থীর কী বক্তব্য?

    জখম বিজেপি কর্মীদের দেখতে যান কৃষ্ণনগর (Nadia) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। তিনি বলেন, তৃণমূল বুঝতে পেরেছে, এবারের লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত। তাই,  কাউন্টিং সেন্টারে যাতে আমাদের এজেন্টরা ঢুকতে ভয় পান, তারজন্য এসব সন্ত্রাস তৈরি করছে। এইভাবে বিজেপিকে আটকানো যাবে না। আমি সম্পূর্ণ বিষয়টি লিখিত আকারে কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসিকে জানিয়েছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Commission: গণনাকেন্দ্রে কারা ঢুকতে পারবেন? বিতর্ক এড়াতে সতর্ক কমিশন, জারি নির্দেশিকা

    Election Commission: গণনাকেন্দ্রে কারা ঢুকতে পারবেন? বিতর্ক এড়াতে সতর্ক কমিশন, জারি নির্দেশিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই জানা যাবে দিল্লির মসনদে কে বসছে? একইসঙ্গে বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেস নিজের জমি রক্ষা করতে পারবে নাকি শাসক দলকে ছাপিয়ে যাবে বিজেপি, সেদিকে নজর থাকবে সকলের। সবটাই নির্ভর করছে গণনা কেন্দ্রের (Vote Counting) ঘোষণার উপর। তবে গণনায় কোন খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন (Election Commission)। কমিশন সূত্রে খবর এবার গণনায় কড়া নজর রাখা হবে সবদিক থেকে। কড়া নজর থাকবে নিরাপত্তার বিষয়েও। কমিশনের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তা পালন করতে হবে গণনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের। তবে ওয়েবকাস্টিং করা হবে না গণনার। যদিও নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা চালু থাকবে।

    কারা যেতে পারবেন গণনা কেন্দ্রে

    কমিশন (Election Commission) সূত্রে খবর উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণনা কেন্দ্রের (Vote Counting) ভিতরে যাতে কেউ ঢুকতে না পারেন তা নিশ্চিত করতে হবে নিরাপত্তারক্ষী এবং রিটার্নিং অফিসারকে। গণনার সঙ্গে যুক্ত প্রত্যক্ষ ব্যক্তিরা যেমন কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, মাইক্রো অবজার্ভাররা গণনা কেন্দ্রের ভিতরেই থাকবেন। এছাড়াও নির্বাচনের সঙ্গে জড়িত কর্তব্যরত সরকারি কর্মচারীরা ছাড়াও প্রার্থী, প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট এবং গণনার সঙ্গে যুক্ত এজেন্টরা গণনা কেন্দ্রের ভিতরে যেতে পারবেন।

    আরও পড়ুন: জয়জয়কার বিজেপির-ই, ভবিষ্যদ্বাণী সাট্টা বাজারেরও

    এছাড়াও কমিশনের (Election Commission) বা পর্যবেক্ষকদের মধ্যে যাদের অনুমোদন রয়েছে তাঁরাও গণনা কেন্দ্রে (Vote Counting) যেতে পারবেন। তবে যে সকল রাজনৈতিক দলের কর্মীদের অনুমোদন নেই, তাঁদের গণনা কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। নির্বাচন কমিশনের অনুমোদিত কার্ড রয়েছে এমন সাংবাদিকরা প্রেস বক্স পর্যন্ত যেতে পারবেন। তবে গণনা স্থলে তারা ভিডিওগ্রাফি করতে পারবেন না।

    গনণার দিকে তাকিয়ে দেশ (Vote Counting)

    প্রসঙ্গত কংগ্রেস নেতা জয়রাম রমেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন। তাঁর অভিযোগ, অনেক জেলাশাসককে ফোন করে অমিত শাহ ভয় দেখাচ্ছেন। পাল্টা তাঁকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন (Election Commission) ওই কংগ্রেস নেতাকে তাঁর দাবির পক্ষে প্রমাণ দিতে বলেছে। প্রমাণ দিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন। মঙ্গলবার সকাল ৮:০০ থেকে থেকে শুরু হবে গণনা (Vote Counting) । প্রথমে পোস্টল ব্যালট ও তারপর ব্যালট বাক্স খোলা হবে। মোটামুটি দুপুরের মধ্যে পরিষ্কার হয়ে যাবে মোদি ৩.০ হচ্ছে, নাকি ইন্ডি জোট ক্ষমতায় আছে। মোদির ক্ষমতা ধরে রাখার পক্ষেই মত দিয়েছে এক্সিট পোলগুলি। তবে পশ্চিমবঙ্গে বড় উলট পালট হতে পারে বলে আশা করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali: রাতের অন্ধকারে আক্রমণ তৃণমূল দুষ্কৃতীদের! গণনা পর্যন্ত সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা

    Sandeshkhali: রাতের অন্ধকারে আক্রমণ তৃণমূল দুষ্কৃতীদের! গণনা পর্যন্ত সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট মিটতেই রাতের অন্ধকারে এলাকাবাসীদের উপর আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গত ১ জুন ছিল রাজ্যের সপ্তম দফা লোকসভা নির্বাচনের শেষ ভোট গ্রহণ পর্ব। ২০১১ সালের পর এই প্রথম ভোট দিতে পেরেছিলেন সন্দেশখালির (Sandeshkhali) গ্রামের মানুষ। আর তাই গতকাল রবিবার রাতে বাড়িতে ঢুকে তৃণমূলের গুন্ডারা আক্রমণ চালিয়েছে বলে জানা গিয়েছে। অপর দিকে গণনার দিন পর্যন্ত এলাকায় প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

    জয় বাংলা স্লোগান দিয়ে আক্রমণ (Sandeshkhali)

    সন্দেশখালি (Sandeshkhali) থানার অন্তর্গত খুলনা গ্রাম পঞ্চায়েতের নিতাই মোড় সংলগ্ন এলাকায় রবিবার গভীর রাতে তৃণমূল নেতা দেবজ্যোতি সান্যাল, বিপ্লব বর্মন, কৌশিক মন্ডল, দেবব্রত মণ্ডলের নেতৃত্বে প্রায় ৬০ থেকে ৭০ জন দুষ্কৃতীরা বাইকে করে ঘুরে ঘুরে জয় বাংলা স্লোগান দেয় এবং এরপর হুমকি দেয় সাধারণ মানুষকে উদ্দেশ্য করে। কিন্তু আচমকা সেই সময় সঞ্জীব মণ্ডল ও পিয়ালী মণ্ডলের বাড়িতে ঢুকে মারধর করে ওই দুষ্কৃতী বাহিনী। প্রতিবাদ করতে গেলে এলাকার মানুষদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ঘটনার পর রাতেই  দুষ্কৃতীদের বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ জানান গ্রামবাসীরা।

    আক্রান্তদের বক্তব্য

    তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণ বিষয়ে আক্রান্ত পিয়ালী মণ্ডল বলেছেন, “আমরা ভোট দেওয়ায় তৃণমূলের গুন্ডারা বাড়িতে (Sandeshkhali) ঢুকে হামলা করেছে। ব্যাপক মারধর করে ভাতের থালা ফেলে দিয়েছে ওরা। আমার স্বামীকে লাঠি, বাঁশ দিয়ে মারধর করা হয়েছে। স্বামীকে বাঁচাতে গেলে আমাকেও হাতে, পীঠে মারধর করে দুষ্কৃতীরা। আমাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে ওরা। কীভাবে এলাকায় থাকব, এই নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছি। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। খুব আতঙ্কের মধ্যে রয়েছি।”

    ফল বেরনো পর্যন্ত জারি ১৪৪

    সন্দেশখালিতে ভোটের পরদিন গতকাল ২ জুন থেকে ফলাফল ঘোষণার ৪ জুন পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন। ন্যাজাট (Sandeshkhali) থানা এলাকার সরবেড়িয়া থেকে বয়ারমারি গোটা এলাকাজুড়ে জারি এই নির্দেশিকা। ভোটের দিনেই সন্দেশখালির বেড়মজুর, বয়ামারি, আগারহাটি, কানমারি সহ একাধিক এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। একই ভাবে এলাকার মহিলারা আন্দোলনে নেমে ছিলেন।

    আরও পড়ুনঃ বিজেপি ক্ষমতায় এলে ‘উত্তর প্রদেশ ট্রিটমেন্ট’! সুকান্ত মজুমদারের কণ্ঠে এবার যোগীর সুর

    পুলিশ তৃণমূলের হয়ে ভোট করিয়েছিল!

    ভোটের দিন বয়ারমারি (Sandeshkhali) গ্রামে বিজেপির ক্যাম্প অফিসে হামলা চালিয়ে ছিল ৬০ থেকে ৭০ জন তৃণমূলের গুন্ডা বাহিনী। চঞ্চল খাটুয়া নামে এক বিজেপি কর্মীর মাথা ফেটেছিল। এলাকায় অশান্তির বাতাবরণ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে। নির্বাচন কমিশন ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছিল। আবার ন্যাজাট থানার অন্তর্গত বয়রামারিতেই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। বিজেপির অবশ্য অভিযোগ ছিল, পুলিশ তৃণমূলের হয়ে ভোট করিয়েছিল। সেই জন্য মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুলিশের ওপর গিয়ে পড়ে। পাল্টা পুলিশ ধরপাকড় শুরু করেছে এলাকায়। বিজেপির এক নেতা পরিতোষ সর্দারকে গ্রেফতার করায়, মহিলারা পুলিশের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ প্রকাশ করেছিলেন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ভোট গণনার দিন বৃষ্টি! উত্তরে বর্ষা ঢুকলেও দক্ষিণে এখনও অপেক্ষা

    Weather Update: ভোট গণনার দিন বৃষ্টি! উত্তরে বর্ষা ঢুকলেও দক্ষিণে এখনও অপেক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট গণনার দিনও বৃষ্টি চলবে বঙ্গে। সোমবার সকাল থেকেই শহরের আকাশে চলছে রোদ-ছায়ার খেলা। তবে বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)। উত্তরবঙ্গেই আপাতত আটকে থাকছে বর্ষা। দক্ষিণে কবে বর্ষার (Monsoon) প্রবেশ ঘটবে তা বলেনি আবহাওয়া দফতর। গত ৩১ মে বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। দক্ষিণে বর্ষা প্রবেশের সময় জুনের দ্বিতীয় সপ্তাহ। উত্তরে বর্ষা ঢুকে পড়ায় মনে করা হয়েছিল সময়ের আগেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গেও। কিন্তু তা হচ্ছে না। 

    শহরের তাপমাত্রা

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানাচ্ছে, সোমবার শহরের আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত (Monsoon)। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এক্ষেত্রে তাপমাত্রা বিশেষভাবে না বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি দিনভর বজায় থাকবে দক্ষিণবঙ্গে। সকাল থেকেই থাকবে ঘামে প্যাচপ্যাচে গরম। তবে বিকেল বা সন্ধ্যায়র দিকে ঝড়বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে। 

    ভোট গণনার দিন বৃষ্টি

    আলিপুর হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে,বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি (Monsoon) চলতে পারে। সোমবার উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি বাঁকুড়া ও নদিয়াতেও থাকছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। এমনকী মঙ্গলবার ভোট গণনার দিনও উপকূলবর্তী জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগ হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। উত্তরের উপরের দিকের পাঁচ জেলাতেই ৩-৪ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।

    আরও পড়ুন: দুধের দাম বাড়াল আমূল, জানেন কত টাকা করে প্রতি প্যাকেট?

    দেশের নানা প্রান্তে গরম 

    তবে সারা ভারতের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে কমবে তাপপ্রবাহের দাপট। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজস্থান হরিয়ানা দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু অংশে। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়ে। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় ও দিল্লিতে রাতও হবে গরম। তবে তাপমাত্রা সামান্য কমলেও, তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দিল্লি, উত্তরপ্রদেশ, কঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র ও কচ্ছে। হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় শুকনো আবহাওয়া থাকবে। তাপমাত্রা বাড়তে পারে আরও দুই থেকে তিন ডিগ্রি। তবে ইতিমধ্যেই বর্ষা (Monsoon) প্রবেশ করেছে কেরলে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণের রাজ্যে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে। ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Elections Result: জয়জয়কার বিজেপির-ই, ভবিষ্যদ্বাণী সাট্টা বাজারেরও

    Lok Sabha Elections Result: জয়জয়কার বিজেপির-ই, ভবিষ্যদ্বাণী সাট্টা বাজারেরও

    মাধ্যম নিউজ ডেস্ক: অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপির জয় হবে নিছক কেক-ওয়াক (Lok Sabha Elections Result)! বলছে সাট্টা বাজার। এই বাজারের ভবিষ্যদ্বাণী, তৃতীয়বারের জন্যও প্রধানমন্ত্রী পদে বসছেন নরেন্দ্র মোদি। তবে বিজেপি যে দাবি করছে, ৪০০ পার, পদ্ম-পার্টির সে আশা পূরণ হবে না বলেও দাবি বুকিদের। মুম্বইয়ের এক শীর্ষ বুকি বলেন, “প্রথম দফার নির্বাচনের আগে বিজেপির পক্ষেই হাওয়া ছিল। তৃতীয় দফার ভোটের পর সে হাওয়া ক্রমেই নিম্নগামী।”

    সাট্টা বাজারের ভবিষ্যদ্বাণী (Lok Sabha Elections Result)

    সাট্টা বাজারের ভবিষ্যদ্বাণী, বিজেপি জয়ী হতে পারে ২৯৫-৩০৫টি আসনে। কংগ্রেস পেতে পারে ৫৫-৬৫টি আসন। প্রথম দফার নির্বাচনের আগে এই বাজারেরই পূর্বাভাস ছিল (Lok Sabha Elections Result) বিজেপি পেতে পারে ৩১৫-৩২৫টি আসন। আর কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪৫-৫৫টি আসন। তৃতীয় দফার নির্বাচন শেষে বাজারের খবর, গেরুয়া ঝুলিতে যেতে পারে ২৭০-২৮০টি আসন। আর কংগ্রেস পেতে পারে ৭০-৮০টি আসন। ষষ্ঠ দফার নির্বাচনের শেষে মুম্বইয়ের এই বাজারের পূর্বাভাস পদ্ম ফুটতে পারে ২৯৫-৩০৫টি কেন্দ্রে। হাত মাথা তুলে দাঁড়াতে পারে ৫৫-৬৫টি আসনে।

    কী বলছেন বুকিরা?

    নাম প্রকাশে অনিচ্ছুক এক বুকি বলেন, “বিজেপির ৪০০ পার স্লোগান কখনওই সমর্থন করেনি বাজার। বেটিং রেট অনুযায়ী বিজেপির পক্ষে ৩৫০টি আসন পাওয়াও অসম্ভব।” বাজারের দাবি, গুজরাট হবে কেবলই পদ্মময়। মহারাষ্ট্রে এনডিএ পেতে পারে ২৮টি আসন। আর উত্তরপ্রদেশে এনডিএ-র ঝুলিতে যেতে পারে ৬৪ থেকে ৬৬টি আসন।

    বিশেষ কয়েকটি কেন্দ্রে কারা জিতবে, তাও জানিয়েছে বাজার। সেখানে দেখা যাচ্ছে, আমেঠিতে জিততে পারে বিজেপির স্মৃতি ইরানি। রায়বেরিলিতে জিততে পারেন কংগ্রেসের রাহুল গান্ধী। ওয়েনাড়ও তাঁর দখলেই থাকবে। নাগপুরে জয়ী হতে পারেন বিজেপির নীতীন গডকরি। গান্ধীনগরে পাঁচ লাখেরও বেশি ভোটে জিততে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লখনউ কেন্দ্রে আড়াই লাখেরও বেশি ভোটে জিততে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

    আর পড়ুন: ছাপ্পার অভিযোগে তৃণমূলের এজেন্ট গ্রেফতার, দুটি বুথে চলছে পুনর্নির্বাচন

    সাট্টা বাজারের পূর্বাভাস যে নিছক ফেলনা নয়, তার প্রমাণ মিলেছে অনেক ক্ষেত্রেই। ক্রিকেট হোক কিংবা নির্বাচন, সর্বত্রই তাদের ভবিষ্যদ্বাণী মিলে যায়। তবে এবার বুকিরা যে বিজেপির পক্ষে বাজি ধরেছেন, তার সমর্থন মিলেছে বিভিন্ন সংস্থার করা এক্সিট পোলেও। ভোট কূশলী প্রশান্ত কিশোরেরও পূর্বাভাস বিজেপি পেতে পারে ৩০০-র কিছু বেশি আসন (Lok Sabha Elections Result)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Benefits of Eating Eggs: শরীরের পক্ষে ডিম কতটা স্বাস্থ্যকর? জেনে নিন এর কিছু উপকারিতা

    Benefits of Eating Eggs: শরীরের পক্ষে ডিম কতটা স্বাস্থ্যকর? জেনে নিন এর কিছু উপকারিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: উচ্চ মানের প্রোটিন, প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থে পূর্ণ, বিশ্বের সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি পুষ্টিতে ঠাসা ব্রেকফাস্টগুলির মধ্যে একটি হল ডিম। ডিম হল একেবারে যাকে বলে মুঠোতে ভরা পুষ্টি এবং স্বল্প মূল্যের প্রাণীজ উৎস প্রোটিনগুলির মধ্যে একটি। ফলে ডিমকে স্বাস্থ্যকর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়। যাকে বলা হয় সুপার ফুড (National Egg Day)। 

    অনেকে কোলেস্টেরলের ভয়ে ডিম খান না। কিন্তু এটি ঠিক নয়। কারণ, একটি ডিমে ১৮৬ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, যা খুব বেশি নয়। একটি সিদ্ধ ডিমে রয়েছে ৭৮ ক্যালরি, ৬.৩ গ্রাম প্রোটিন, ৫.৩৪ গ্রাম ফ্যাট ও সামান্য কার্বোহাইড্রেট। এ ছাড়া রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, আয়োডিন, সেলেনিয়াম, ফসফোরিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি১২, ভিটামিন বি৫, ভিটামিন ডি, জিংক, ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট, কোলিন, লুটেইন ও জেক্সানথিন। প্রতি বছর ৩ জুন জাতীয় ডিম দিবস (National Egg Day) হিসেবে পালিত হয়। সাশ্রয়ী মূল্যের পুষ্টিকর খাবার সকলের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই দিনটি উদযাপিত হয়। আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক।

    ডিম খাওয়ার কিছু উপকারিতা- (Benefits of Eating Eggs) 

    শরীরের ভেতরের অনেক সমস্যার নিমেষে সমাধান করে ডিম। যদিও ডিম খাওয়ার কোনও নির্দিষ্ট সময় নেই। তবে পুষ্টিবিদদের মতে, সকালের দিকে ডিম খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। 

    শরীরে প্রোটিনের জোগান 
    ডিমে রয়েছে প্রচুর প্রোটিন। আর এই প্রোটিনে রয়েছে হাইড্রোলাইসেট নামক উপাদান, যা মস্তিষ্কের যত্ন নেয়। মস্তিষ্কের প্রতিটি কোষ সচল রাখে এই রাসায়নিক উপাদান, যা মনোযোগ বাড়ায়, সৃজনশীল হয়ে উঠতে সাহায্য করে, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখে, উদ্বেগ কমায়। স্মৃতিশক্তি বাড়াতে ডিম দারুণ কার্যকর বলেই মনে করছেন চিকিৎসকরা। 

    ভরপুর পুষ্টিগুণ
    ডিমে রয়েছে ভরপুর পুষ্টিগুণ। ডিমের পুষ্টি উপাদানের মধ্যে প্রোটিন, ভিটামিন এবং মিনারেল থাকে, যা শরীরের স্বাস্থ্যের জন্য ভালো। 

    রোগ প্রতিরোধ ক্ষমতা
    ডিমে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, যেমন ভিটামিন এ, ডি, বি১২ এবং আয়রন। এই পুষ্টিগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যা আমাদের ছোট এবং বড় অসুস্থতার বিরুদ্ধে লড়াই করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

    চোখের যত্ন
    ডিমে রয়েছে লুটেইন এবং জেক্সানথিনের মত অ্যান্টিঅক্সিডেন্ট, যা চোখকে সূর্যের আলো থেকে রক্ষা করতে সাহায্য করে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি বয়স-সম্পর্কিত ম্যাকুলার অবক্ষয় প্রতিরোধেও সাহায্য (Benefits of Eating Eggs) করতে পারে। 

    শরীরে জলের মাত্রা নিয়ন্ত্রণ
    অনেকেরই একটা ভুল ধারণা আছে যে ডিম শরীরে তাপ তৈরি করে। তা কিন্তু একেবারেই না। বরং এটি সোডিয়াম, পটাসিয়াম এবং ফসফরাসের মতো ইলেক্ট্রোলাইটের একটি ভালো উৎস, যা শরীরে জলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। 

    আরও পড়ুন: “মোদির ওপরই ভরসা রেখেছেন অরুণাচলবাসী”, বিপুল জয়ের পর বলছেন খাণ্ডু

    হৃদ্‌রোগের ঝুঁকি হ্রাস
    হার্টের রোগে আক্রান্ত হলে বেশি ডিম খেতে বারণ করেন চিকিৎসকেরা। তবে আগে থেকেই যদি ডিম খাওয়া যায়, তা হলে আর হার্টের সমস্যা দেখা দেয় না। সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, সপ্তাহে ৪-৭টি ডিম খেলে হৃদ্‌রোগের ঝুঁকি কমে ৭৫ শতাংশ। 

    কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি
    সাম্প্রতিককালে ডায়াবিটিসি, উচ্চ রক্তচাপের পাশাপাশি কোলেস্টেরলের সমস্যা ক্রমশ বাড়ছে। তবে রোজ যদি ডিম খেতে পারেন, তাহলে ভালো কোলেস্টেরল এইচডিএলের মাত্রা বাড়ে। ফলে কোলেস্টেরলের ঝুঁকি কমে।

    ওজন নিয়ন্ত্রণে সহায়তা
    শরীরে পর্যাপ্ত পরিমাণ প্রোটিনের অভাবে ওজন বাড়তে থাকে। তাই ডায়েটে প্রোটিনে সমৃদ্ধ খাবার রাখার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। আর ডিম হল সেই প্রোটিনের সমৃদ্ধ উৎস। প্রোটিনের গুণে ওজন ঝরে (Benefits of Eating Eggs) দ্রুত। তাই ডায়েট করলেও ডিম খাওয়া বন্ধ করা যাবে না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Repoll 2024: ছাপ্পার অভিযোগে তৃণমূলের এজেন্ট গ্রেফতার, দুটি বুথে চলছে পুনর্নির্বাচন

    Repoll 2024: ছাপ্পার অভিযোগে তৃণমূলের এজেন্ট গ্রেফতার, দুটি বুথে চলছে পুনর্নির্বাচন

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাসত লোকসভার দেগঙ্গা বিধানসভার ৬১ নম্বর বুথে শেষ দফা ভোটের দিন ছাপ্পা ভোট (Re-Poll 2024) করার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। এই ঘটনায় জাকির হোসেন নামে তৃণমূলের এক এজেন্টের নাম জড়ায়। পরে, তৃণমূলের ওই এজেন্টকে পুলিশ গ্রেফতারও করে। কমিশনের নির্দেশ মেনে সোমবার দেগঙ্গার ৬১ নম্বরের ওই বুথ এবং  দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের একটি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। দুটি বুথেই এদিন সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।

    ছাপ্পার অভিযোগে তৃণমূলের এজেন্ট গ্রেফতার, বিক্ষোভ (Re-Poll 2024)

    শনিবার শেষ দফায় ভোটগ্রহণ চলাকালীন দেগঙ্গা বিধানসভার ৬১ নম্বর বুথে (Re-Poll 2024) ছাপ্পা ভোট করার অভিযোগ ওঠে। ছাপ্পা ভোট পরিচালনা করেছেন ওই বুথের তৃণমূল এজেন্ট জাকির হোসেন। ভোট শেষ হওয়ার পর ওই তৃণমূল এজেন্টের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করেন দেগঙ্গা বিধানসভার অতিরিক্ত রিটার্নিং অফিসার। সেই অভিযোগের ভিত্তিতে রাতেই জাকির হোসেনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাঁকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। দলীয় এজেন্টের গ্রেফতারির খবর পেয়ে রবিবার দুপুরে কদম্বগাছি সর্দারপাড়ায় যান তৃণমূল নেতারা। ছিলেন তৃণমূলে দেগঙ্গার ব্লক সভাপতি। সেখানে পৌঁছলে তাঁদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। কেন তৃণমূল এজেন্টকে গ্রেফতার করা হল তার জবাব দাবি করেন দলীয় নেতাদের কাছে। ক্রমেই বাড়তে থাকে বিক্ষোভ। জাকির হোসেনের জামিন না হলে তাঁদেরও ছাড়া হবে না বলে জানিয়ে দেন স্থানীয় মহিলারা। পরিস্থিতি জটিল হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। তারা কোনও ক্রমে তৃণমূল নেতাদের উদ্ধার করে নিয়ে যায়।

    আরও পড়ুন: ফল প্রকাশের আগেই ভোট পরবর্তী হিংসা নিয়ে বালুরঘাটে কড়া হুঁশিয়ারি সুকান্তর

    দুটি বুথে পুনর্নির্বাচন, দেগঙ্গায় বিজেপি নেতাকে পুলিশি হেনস্থা

    সোমবার বারাসত লোকসভার দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি সর্দারপাড়া এফপি স্কুলের ৬১ নম্বর বুথে পুনর্নির্বাচন চলছে। পুনরায় ভোট হচ্ছে মথুরাপুর কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভার আদ্দিরমহল শ্রীচৈতন্য বিদ্যাপীঠ এফপি স্কুলের ২৬ নম্বর বুথেও। শনিবার সপ্তম  দফায় এই দুই লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে সেদিন বিক্ষিপ্ত ভাবে অশান্তির খবর আসে। গুচ্ছ অভিযোগ জমা পড়েছিল কমিশনের কাছে। তবে, ঠিক কী কারণে নির্দিষ্ট এই দু’টি বুথেই আবার ভোট করানোর সিদ্ধান্ত নেওয়া হল, তা খোলসা করেনি কমিশন। জানা গিয়েছে, এদিন দেগঙ্গার ৬১ নম্বর বুথে ভোট শুরু হলে বিজেপি কর্মী-সমর্থকদের ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে এলাকায় চলে আসেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা কাসেম আলি। অভিযোগ নিয়ে তিনি যখন ভোটারদের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় তাঁকে পুলিশ ধাক্কা দিয়ে বের করে দেয় বলে অভিযোগ। বিজেপি নেতা বলেন, পুলিশ তৃণমূলের দলদাস তা আবারও প্রমাণিত হয়ে গেল।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 35: “পুকুরে কলসীতে জল ভরবার সময় ভকভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না”

    Ramakrishna 35: “পুকুরে কলসীতে জল ভরবার সময় ভকভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না”

    তৃতীয় পরিচ্ছেদ

                                                                                                                                 ব্রহ্ম নির্লিপ্ত—জীবেরই সম্বন্ধে দুঃখাদি (Problem of Evil)

    মানুষ মনে করে, আমরা তাঁকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিছল। এক দানা খেয়ে পেট ভরে গেল, আর এক দানা মুখে করে বাসায় যেতে লাগল, যাবার সময় ভাবছে—এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে। জানে না ব্রহ্ম বাক্যমনের অতীত।

    যে যতই বড় হউক না কেন, তাঁকে কি জানবে? শুকদেবাদি না হয় ডেও-পিঁপড়ে—চিনির আট-দশটা দানা না হয় মুখে করুক।

    ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ—নির্বিকল্পসমাধি ও ব্রহ্মজ্ঞান

    তবে বেদে, পুরাণে যা বলছে—সে কিরকম বলা জান? একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে, কেমন দেখলে, সে লোক মুখ হাঁ করে বলে, ও! কি দেখলুম! কি হিল্লোল কল্লোল! ব্রহ্মের কথাও সেইরকম। বেদে আছে—তিনি আনন্দস্বরূপ-সচ্চিদানন্দ। শুকদেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়া দর্শন স্পর্শন করেছিলেন। এক মতে আছে–তাঁরা এ-সাগরে নামেন নাই। এ-সাগরে নামলে আর ফিরবার জো নাই।

    সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়; ব্রহ্মদর্শন হয়—সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়। ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না।

    লুনের ছবি (লবণ পুত্তলিকা) সমুদ্র মাপতে গিছল। (সকলের হাস্য) কত গভীর জল তাই খপর দেবে। খপর দেওয়া আর হল না। যাই নামা অমনি গলে যাওয়া। কে আর খপর দিবেক?

    একজন প্রশ্ন করিলেন, সমাধিস্থ ব্যক্তি, যাঁহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না?

    শ্রীরামকৃষ্ণ (বিদ্যাসাগরাদির প্রতি)—শঙ্কারাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার ‘আমি’ রেখেছিলেন। ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ করে যায়। যতক্ষণ দর্শন না হয়, ততক্ষণই বিচার। ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি। পাকা ঘির কোন শব্দ থাকেনা। কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে, তখন আর একবার ছ্যাঁক কলকল করে। যখন কাঁচা লুচিকে পাকা করে, তখন আবার চুপ হয়ে যায়। তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দিবার জন্য আবার নেমে আসে, আবার কথা কয়।

    যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভনভন করে। ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায়। মধুপান করার পর মাতাল হয়ে আবার কখন কখন গুণগুণ করে।

    পুকুরে কলসীতে জল ভরবার সময় ভকভক শব্দ হয়। পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না। (সকলের হাস্য) তবে আর এক কলসীতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়। (হাস্য)

    আরও পড়ুনঃ “সাপের ভিতরে বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না।

    আরও পড়ুনঃ “বিদ্যাসাগরের অনেক গুণ…দয়া সর্বজীবে, বিদ্যাসাগর দয়ার সাগর”

    আরও পড়ুনঃ “দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Milk Price: দুধের দাম বাড়াল আমূল, জানেন কত টাকা করে প্রতি প্যাকেট?

    Milk Price: দুধের দাম বাড়াল আমূল, জানেন কত টাকা করে প্রতি প্যাকেট?

    মাধ্যম নিউজ ডেস্ক: দাম বাড়ল দুধের (Milk Price)। আমূল (Amul) সংস্থার তরফে দুধের দাম লিটার প্রতি দুই টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট মিটতেই রবিবার ঘোষণা করা হয়েছে নতুন দাম। আজ, ৩ জুন সোমবার থেকে দেশজুড়ে দুধের নতুন দাম কার্যকর হবে। দুধের পাশাপাশি দাম বাড়ানো হয়েছে দইয়েরও। সংস্থার তরফে জানানো হয়েছে, দুধ উৎপাদন ও বন্টনের খরচের উপরে ভিত্তি করেই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের নীতি অনুযায়ী, গ্রাহক দ্বারা প্রদেয় প্রতি এক টাকার মধ্যে ৮০ পয়সা উৎপাদনকারীদেরই দিয়ে দেওয়া হয়। এই দাম বৃদ্ধির ফলে তারা উপকৃত হবেন।

    কেন বাড়ল দাম

    গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, দেশজুড়ে দুধের দাম (Milk Price) লিটার প্রতি দুই টাকা করে বাড়ানো হচ্ছে। ৩ জুন থেকে এই নতুন দাম কার্যকর হবে। দুধ বিক্রেতা ও ডিস্ট্রিবিউটরদের নতুন দামের তালিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। আমূল গোল্ড, আমূল শক্তি, আমূল টি স্পেশাল- সমস্ত দুধেরই দাম লিটার প্রতি দুই টাকা করে বাড়ছে।  সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানান, ৩ জুন থেকে দেশব্যাপী নতুন দাম চালু হবে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই দাম বৃদ্ধি করা ছাড়া উপায় ছিল না। সংস্থার তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, “লিটার প্রতি ২ টাকা দাম বৃদ্ধি করার অর্থ, এমআরপিতে ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি করা। যা কি না খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হারের তুলনায় খুবই কম। এ-ও মনে রাখা দরকার, ২০২৩ সালে ফেব্রুয়ারি মাস থেকে দুধের দাম বৃদ্ধি করেনি আমূল। কিন্তু আনুষাঙ্গিক খরচ বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ।”

    আরও পড়ুন: প্রচলিত শক্তি উৎসের বিকল্প হতে পারে ‘হাইড্রোজেন’! উৎপাদন বাড়ছে ভারতেও

    দাম কত হবে

    সোমবার থেকে আমূলের ৫০০ মিলিলিটারের মহিষের দুধ, আমূল গোল্ড এবং আমূল (Amul) শক্তির দাম হবে যথাক্রমে ৩৬ টাকা, ৩৩ টাকা এবং ৩০ টাকা (Milk Price)। আমূল তাজা-র ৫০০ মিলির প্যাকেটের দাম হচ্ছে ২৬ টাকা। আমূল স্ট্যান্ডার্ডের ৫০০ মিলির দাম আজ থেকে ২৯ টাকা হচ্ছে। শেষ বার আমূলের দুধের দাম বৃদ্ধি পেয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Daily Horoscope 03 June 2024: আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে আজ

    Daily Horoscope 03 June 2024: আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে আজ

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আয় বৃদ্ধির সুবর্ণ সুযোগ পাবেন।

    ২) পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।

    ৩) কাজের কারণে দূরের যাত্রার যোগ রয়েছে।

    বৃষ

    ১) কাজে প্রত্যাশার চেয়েও বেশি ফল পাবেন।

    ২) ব্যবসায় লাভ হবে।

    ৩) পৈতৃক সম্পত্তির মাধ্যমে ধন লাভ হবে।

    মিথুন

    ১) বড় পরিমাণে অর্থ লগ্নি করবেন না।

    ২) ধন লাভের নতুন সুযোগ পাবেন।

    ৩) নতুন ব্যবসা শুরুর সুযোগ পাবেন।

    কর্কট

    ১) বাড়িতে অতিথি আগমন হবে।

    ২) নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হবেন।

    ৩) পরিজনদের সাহায্যে ধন লাভ।

    সিংহ

    ১) আজ কাউকে টাকা ধার দেবেন না।

    ২) পরিবারে আনন্দের পরিবেশ থাকবে।

    ৩) পরিবার ও বন্ধুবান্ধবদের সাহায্যে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

    কন্যা

    ১) অন্যের সাহায্য করুন।

    ২) মান-সম্মান বাড়বে।

    ৩) নতুন সম্পত্তি ও গাড়ি কিনতে পারেন।

    তুলা

    ১) ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে।

    ২) পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ থাকবে।

    ৩) সামাজিক পদ-প্রতিষ্ঠা বাড়বে।

    বৃশ্চিক

    ১) আর্থিক জীবনে ছোটখাটো সমস্যার সম্মুখীন হতে হবে।

    ২) বাড়িতে জরুরি কাজের জন্য অর্থ ব্যয় করতে পারেন।

    ৩) ছোট ভাই-বোন ও ঘনিষ্ঠ বন্ধুদের আর্থিক সাহায্য করতে পারেন।

    ধনু

    ১) আর্থিক পরিস্থিতি ভালো থাকবে।

    ২) পরিজনদের সহযোগিতা পাবেন।

    ৩) কাজে আগত বাধা দূর হবে।

    মকর

    ১) কাজে ইতিবাচক ফল পাবেন।

    ২) কেরিয়ারের চ্যালেঞ্জ দূর হবে।

    ৩) পারিবারিক জীবনে শুভ সংবাদ পাবেন।

    কুম্ভ

    ১) পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন।

    ২) বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন।

    ৩) সামাজিক কাজে অংশগ্রহণ করার আমন্ত্রণ পাবেন।

    মীন

    ১) অফিসের কাজ ভালোভাবে সম্পন্ন করুন।

    ২) পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন।

    ৩) আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share