Tag: bangla news

bangla news

  • Raiganj: যুবতীর সঙ্গে আশীলন আচরণে অভিযুক্ত তৃণমূল, নির্যাতিতার পাশে সন্দেশখালির প্রতিবাদী মহিলারা

    Raiganj: যুবতীর সঙ্গে আশীলন আচরণে অভিযুক্ত তৃণমূল, নির্যাতিতার পাশে সন্দেশখালির প্রতিবাদী মহিলারা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের মুখে নারী নির্যাতনের ঘটনা ঘটল রায়গঞ্জে (Raiganj)। আর সেই নির্যাতিতার পাশে দাঁড়াতে রায়গঞ্জে এলেন সন্দেশখালির নির্যাতিতারা। শুক্রবার রায়গঞ্জে আসেন সন্দেশখালির ১২জনের একটি দল। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে কালিয়াগঞ্জে অভিনেতা মিঠুন চক্রবর্তীর জনসভায় যোগ দেন তাঁরা। এমনকী হেমতাবাদে এক নির্যাতিতার পাশে দাঁড়ান তাঁরা।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Raiganj)

    ভোটের স্লিপ বিলি করতে গিয়ে এক মহিলার সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ রায়গঞ্জে (Raiganj) হেমতাবাদে। জানা গিয়েছে, ভোটের স্লিপ দিতে এসে জল চেয়েছিলেন অভিযুক্ত। তারপরই বাড়ির এক যুবতীর সঙ্গে অভব্য আচরণ করেন। অভিযুক্তকে গাছে বেধে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। বিজেপির জেলা সভাপতিই ভিডিও পোস্ট করেন। অভিযোগ, অভিযুক্ত যুবক তৃণমূলের সমর্থক। এই ঘটনার পর অভিযোগকারী মহিলার সঙ্গে গিয়ে দেখা করেন সন্দেশখালির মহিলাদের ১২ জনের একটি দল। তাঁর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। প্রসঙ্গত, বিগত দিনে উত্তর দিনাজপুর জেলাতেও একাধিক নারী নির্যাতনের অভিযোগে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বিশেষ করে কালিয়াগঞ্জের সাহেবঘাটায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেই ঘটনাকে কেন্দ্র করে জোরালো আন্দোলনেও নেমেছিল বিজেপি নেতৃত্ব। এবারে লোকসভা নির্বাচনে সন্দেশখালির মহিলাদের বিজেপির হয়ে প্রচারে আসার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

    আরও পড়ুন: দুঃসহ জ্বালা! আজই কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি, চরম সতর্কতা জেলায় জেলায়

    সন্দেশখালির মহিলারা কী বললেন?

    এদিন সন্দেশখালির নির্যাতিতারা বলেন, শুধু সন্দেশখালি নয়, গোটা পশ্চিমবঙ্গে নারীদের ওপরে যেভাবে অত্যাচার চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারই বিরুদ্ধে আমরা প্রচারে নেমেছি। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে কারণে আমরা এ জেলায় এসে মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি। তৃণমূল ক্ষমতায় এলে ফের নারী নির্যাতন হবে।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের বক্তব্য, নির্বাচনের আগেই যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে ভোটে জেতার পর কি অবস্থা হবে তা ভেবেই ভোটারদের ভোট দেওয়া উচিৎ। তৃণমূলের জেলা সহ-সভাপতি অরিন্দম সরকারের বক্তব্য, অভিযুক্ত তৃণমূল করেন কি না তা জানা নেই। আর সব দলেই খারাপ বা ভাল লোক থাকেন। যদি এমন কেউ করেই থাকেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার ছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: দুঃসহ জ্বালা! আজই কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি, চরম সতর্কতা জেলায় জেলায়

    Weather Update: দুঃসহ জ্বালা! আজই কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি, চরম সতর্কতা জেলায় জেলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল জ্বর বা ভোট উত্তাপ সবকিছুকেই ছাপিয়ে যাচ্ছে তাপমাত্রার পারদ (Weather Update)। ক্রিকেট পাগল কলকাতায় রয়েছেন কিং কোহলি। রবিবাসরীয়  বিকেলে কেকেআর বনাম বেঙ্গালুরুর ম্যাচ। তবুও নিরুত্তাপ শহর। টিকিটের হাহাকার এখনও শোনা যায়নি ইডেন চত্বরে। গরমে যাব কি যাব না ভেবেই নাজেহাল ক্রিকেটপ্রেমীরা। ভোটে উত্তরবঙ্গে কী হয়েছে না হয়েছে তা নিয়েও চর্চা নেই চায়ের দোকানে। একটাই খবর, আজ কলকাতায় কত তাপমাত্রা?

    কলকাতার তাপমাত্রা

    জয়পুরে তাপমাত্রা (Weather Update) ৩২ ডিগ্রি, কলকতায় পারদ ছুঁল ৪১ ডিগ্রি। শহরের পারদ ৪২ ডিগ্রি ছাড়াতে পারে আজই, শনিবার কলকাতায় চরম সতর্কতা জারি করল হাওয়া অফিস। আবহবিদদের আশঙ্কা, জেলায় জেলায় বইতে পারে লু। শুক্রবারই ৪১ ছুঁই ছুঁই ছিল কলকাতার পারদ । শুক্রবার কলকাতায় দিনের তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। দমদম এবং সল্টলেক আগেই ৪০-এর গণ্ডি ছাড়িয়েছিল। শুক্রবারও সেই ধারা বজায় থাকল। দমদমে দিনের তাপমাত্রা ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়েও দিনের তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।  

    জেলায় জেলায় চলছে লড়াই

    বৈশাখের প্রথম সপ্তাহ থেকেই বাড়ছে তাপমাত্রা (Weather Update)। দেখা নেই কাল বৈশাখীর। দক্ষিণবঙ্গের ৮টি জেলায় গতকাল পারদ ছিল ৪২ ডিগ্রির ওপরে। গরমের নিরিখে রাজ্যে আবারও শীর্ষে পানাগড়। শুক্রবার সেখানকার তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার শীর্ষে ছিল মেদিনীপুর। কিন্তু ফের শীর্ষস্থান দখল করল পানাগড়। গোটা রাঢ় বাংলা জুড়ে দিনের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। বাঁকুড়ায় দিনের তাপমাত্রা ছিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। পুরুলিয়ায় ছিল ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস, বীরভূমের শ্রীনিকেতনে দিনের তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। সিউড়িতে দিনের তাপমাত্রা ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে দিনের তাপমাত্রা ছিল ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। কৃষ্ণনগরে শুক্রবার দিনের তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের তাপমাত্রা ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। ঝাড়গ্রামে দিনের তাপমাত্রা ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি। 

    আবহাওয়া দফতরের সতর্কবার্তা

    গরমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। যদিও তার পরেও গরমের কারণে বহু মানুষ রাস্তায় বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। দুপুরে রাজ্যের শিক্ষা দফতর সোমবার থেকে পাহাড় বাদে সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি ঘোষণা করেছে। বেসরকারি স্কুলগুলিকেও এই চিন্তাভাবনা করতে বলেছে। কলকাতা-সহ জেলার অনেক বেসরকারি স্কুলই সোমবার থেকে ছুটি ঘোষণা করেছে। কিছু স্কুল অনলাইন ক্লাস নেওয়ার কথা জানিয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: উত্তরবঙ্গে একইদিনে অমিত-রাজনাথ, ভোট-প্রচারে সভা দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদে

    Lok Sabha Election 2024: উত্তরবঙ্গে একইদিনে অমিত-রাজনাথ, ভোট-প্রচারে সভা দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদে

    মাধ্যম নিউজ ডেস্ক: বালুরঘাটের পর ফের উত্তরবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম দফার ভোট পর্ব (Lok Sabha Election 2024) মিটতেই দ্বিতীয় দফার প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি। রবিবারই দার্জিলিং লোকসভা কেন্দ্রে সভা করবেন অমিত। ওই দিনই অর্থাৎ রবিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে সভা রয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়েরও। দার্জিলিঙের পাশাপাশি মুর্শিদাবাদ, মালদাতেও সভা করবেন রাজনাথ।

    অমিত শাহের সভা

    দার্জিলিং লোকসভা (Lok Sabha Election 2024) আসনে ২০১৯ সালে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন রাজু বিস্তা। এ বার তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। দ্বিতীয় দফায়, ২৬ এপ্রিল সেখানে ভোট রয়েছে। তার আগে পাহাড়ে সভা করতে আসছেন অমিত। রাজ্যে এর আগে বালুরঘাটে সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক প্রেক্ষিতে দার্জিলিং বেশ গুরুত্বপূর্ণ। সেখানে বিভিন্ন রাজনৈতিক সমীকরণের পাশাপাশি রয়েছে পৃথক রাজ্যের বিষয়টিও। সাধারণত দেখা যায় দার্জিলিঙে একই প্রার্থীকে দু’বার ভোটের টিকিট দেওয়া হয় না৷ কিন্তু মিথ বদলে এবারেও রাজু বিস্তাতে টিকিট দিয়েছে গেরুয়া শিবির ৷

    রাজনাথের সভা

    এবার ভোট প্রচারে (Lok Sabha Election 2024) এই প্রথম রাজ্যে আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনিও সভা করবেন দার্জিলিঙে। তবে অমিত শাহের সঙ্গে একই মঞ্চে নয়। দার্জিলিঙের পরে রাজনাথের সভা রয়েছে মালদা উত্তর কেন্দ্রে। গত নির্বাচনী জয়ী খগেন মুর্মুকে এবারও প্রার্থী করেছে বিজেপি। তাঁর সমর্থনে সভা করবেন রাজনাথ। পরের সভা মুর্শিদাবাদে। এখানে বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। গত নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী। এবারও তিনি প্রার্থী। মুর্শিদাবামে বাম প্রার্থী মহম্মদ সেলিম। মুর্শিদাবাদের পাশাপাশি মালদা দক্ষিণ কেন্দ্রের ভোটারদের উদ্দেশেও একই মঞ্চ থেকে বার্তা দেবেন রাজনাথ সিং। মালদা উত্তর এবং দক্ষিণ, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে তৃতীয় দফায়, ৭ মে।

    আরও পড়ুন: আরও চাপে চিন! ফিলিপিন্সে পোঁছল ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র

    রাজ্যে আসতে পারেন যোগী

    দ্বিতীয় দফার আগে রাজ্যে নির্বাচনী প্রচারে (Lok Sabha Election 2024) আসছেন বিজেপি’র দুই হেভিওয়েট নেতা অমিত শাহ এবং রাজনাথ সিং৷ তালিকায় নাম রয়েছে যোগী আদিত্যনাথেরও৷  দলীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যংয়েরনাথও সভা করবেন শৈলরানি দার্জিলিঙে ৷ তবে তিনি কবে সেখানে সভা করবেন সেই তারিখ এখনও চূড়ান্তভাবে দলের পক্ষ থেকে জানানো হয়নি। বিজেপির শীর্ষ নেতাদের অনুমান উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি। তাই বরাবর সেখানে প্রচারে গুরুত্ব দেয় পদ্ম শিবির। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ২০/০৪/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ২০/০৪/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন।

    ২) ব্যবসায় লাভ-ক্ষতি নিয়ে চিন্তা থাকবে।

    বৃষ

    ১)  কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে।

    ২) ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে।

    মিথুন

    ১) বাড়িতে অশান্তির কারণে আপনার সম্মানহানি হতে পারে।

    ২) আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে।

    কর্কট

    ১) নম্র স্বভাবের জন্য কর্মস্থলে সুনাম বৃদ্ধি।

    ২) আর্থিক টানাপড়েন থাকতে পারে।

    সিংহ

    ১) কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভাল হবে। 

    ২) ভ্রমণে সমস্যা বাড়তে পারে, একটু সাবধান থাকুন।

    কন্যা

    ১) অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

    ২) গুরুজনদের সদুপদেশে কর্মে উন্নতি।

    তুলা

    ১) ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

    ২) নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি।

    বৃশ্চিক

    ১) কাজের চাপ বাড়তে পারে।

    ২) বন্ধুর সাহায্যে ব্যবসায় উন্নতি।

    ধনু

    ১) সহকর্মীরা ক্ষোভপ্রকাশ করায় মানসিক চাপ বাড়বে।

    ২) প্রেমে কষ্ট বাড়তে পারে।

    মকর

    ১) সব কাজেই সুনাম পেতে পারেন।

    ২) ব্যবসায় ক্ষতির সম্ভাবনা।

    কুম্ভ

    ১) স্ত্রীর কারণে উদ্বেগ দেখা দিতে পারে।

    ২) কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পরে।

    মীন

    ১) প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে।

    ২) গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Loksabha Election 2024: বাংলায় গড় ভোটদান ৭৭.৫৭ শতাংশ, দেশে ৫৯.৭১ শতাংশ, জানাল কমিশন

    Loksabha Election 2024: বাংলায় গড় ভোটদান ৭৭.৫৭ শতাংশ, দেশে ৫৯.৭১ শতাংশ, জানাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিক্ষিপ্ত হিংসার মধ্যেই মিটল বাংলার তিন আসন সমেত দেশের ১০২ লোকসভা কেন্দ্রের (Loksabha Election 2024) ভোটপর্ব। এই পর্বে ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দফার ভোটে ১৬০০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গিয়েছে। এই পর্বে নয়জন কেন্দ্রীয় মন্ত্রী, দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন প্রাক্তন রাজ্যপালের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। আজ সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলায় গড় ভোটদান ৭৭.৫৭ শতাংশ। কমিশনের দেওয়া তথ্য অনুসারে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ আসনে লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) প্রথম ধাপের ভোটগ্রহণ চলছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৫৯.৭১ শতাংশ।

    ১৬.৬৩ কোটিরও বেশি ভোটার ছিল প্রথম দফায়

    বাংলায় সবচেয়ে বেশি ভোট পড়েছে, ৭৭.৫৭ শতাংশ। ২০১৯ সালের লোকসভা ভোটের প্রথম দফায় ভোটের হার ছিল ৬৯.৪৩ শতাংশ।
    নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে প্রথম দফায় ১৬.৬৩ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের (Loksabha Election 2024) মাধ্যেম সরকার নির্বাচন করবেন। এর মধ্যে ৮.৪ কোটি পুরুষ এবং ৮.২৩ কোটি মহিলা ভোটার রয়েছেন। ৩৫.৬৭ লাখ ভোটার প্রথমবারের জন্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যেখানে ২০ থেকে ২৩ বছর বয়সী ভোটারের সংখ্যা ৩.৫১ কোটি। এর জন্য ১ লাখ ৮৭ হাজার ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুসারে বাংলা এবং মণিপুরের কিছু অংশে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে।

    বিহারে ভোট সর্বনিম্ন

    মণিপুরে, থামানপোকপিতে একটি ভোটকেন্দ্রের (Loksabha Election 2024) কাছে গুলি চালানোর ঘটনা ঘটেছে। বিক্ষিপ্ত হিংসা সত্ত্বেও, ভোটগ্রহণ শেষ হওয়ার সময় মণিপুরে ৬৭.৪৬% ভোট পড়েছে। সমীক্ষাতে দেখা যাচ্ছে এনডিএ জোট টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছে। অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়া বিজেপির বিরুদ্ধে ময়দানে সেভাবে দাগ কাটতে পারছে না মানুষের মনে। সকলের নজর এবার তামিলনাড়ুর দিকেই রয়েছে। সেখানে ৩৯ লোকসভা আসনে ভোট চলছে। বিজেপি দক্ষিণের রাজ্যে বেশ ভাল ভোটের আশা করছে। এদিন বিহারে সর্বনিম্ন ৪৬.৩২% ভোট পড়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: কলকাতার পারদ ছুঁল ৪০ ডিগ্রি! আরও বাড়বে তাপমাত্রা, কবে মিলবে স্বস্তি?

    Weather Update: কলকাতার পারদ ছুঁল ৪০ ডিগ্রি! আরও বাড়বে তাপমাত্রা, কবে মিলবে স্বস্তি?

    মাধ্যম নিউজ ডেস্ক: সল্টলেক, দমদমের মতো এবার কলকাতার (Kolkata Summer) পারদ ছুঁল ৪০ ডিগ্রি। শুক্রবার বেলা আড়াইটে পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই সূর্যের তেজে বাইরে বেরনো দায় ছিল। সন্ধ্যে নামলেও বইছিল গরম হলকানি (Weather Update)। আগামী সাত দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে।

    কোথায়, কত তাপমাত্রা

    আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) পরিসংখ্যান বলছে, শুক্রবার বেলা আড়াইটে পর্যন্ত সবচেয়ে বেশি তাপমাত্রা রয়েছে বাঁকুড়ায়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। এর পরেই আছে আসানসোল। সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ ছাড়া, শ্রীনিকেতনে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। ক্যানিংয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ উঠেছে।

    কবে মিলবে স্বস্তি

    হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্র তাপপ্রবাহ জারি থাকবে। গরমের অস্বস্তি থেকে এখনই রেহাই মিলবে না। আগামী মঙ্গলবার থেকে কালবৈশাখীর দেখা মিলতে পারে। বিকেলের দিকে হালকা বৃষ্টি গরম থেকে সাময়িক স্বস্তি দিতে পারে। তবে তার জেরে দক্ষিণবঙ্গে এখন অস্বস্তিকর গরম কমার সম্ভাবনা নেই। উল্টে আগামী তিন দিন তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।

    আরও পড়ুন: আরও চাপে চিন! ফিলিপিন্সে পোঁছল ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র

    গরমে জোব্বা পরতে হবে না 

    শুক্রবার একটি বিশেষ বিবৃতি জারি করে কলকাতা হাই কোর্ট জানিয়েছে আইনজীবীদের আপাতত এই আবহাওয়ায় কালো জোব্বা পরতে হবে না। আদালতে সাধারণত নির্দিষ্ট পোশাকবিধি মেনেই পোশাক পরতে হয় আইনজীবীদের। তার মধ্যে অন্যতম ওই সিল্ক বা মোটা কাপড়ের কালো জোব্বা। আদালত চত্বরে যা-ও বা অনেকে জোব্বা খুলে হাতে রাখেন, এজলাসে গেলে তা না পরে উপায় নেই। কিন্তু গরমে ওই পোশাক বার বার খোলা-পরার যেমন অনুপযোগী, তেমনই অস্বস্তিকর গরমের মধ্যে ওই জোব্বা পরে এজলাস থেকে এজলাসে ছুটে বেড়ানো। আদালতকে এই অস্বস্তির কথা জানিয়ে দরবার করেছিলেন বহু আইনজীবী। অবশেষে সেই আবেদন মঞ্জুর হয়েছে। এই নির্দেশ কার্যকর থাকবে আগামী জুন মাসে আদালতের গ্রীষ্মাবকাশ শেষ হওয়া পর্যন্ত।

    স্কুলে ছুটি ঘোষণা

    একই সঙ্গে এই গরমের ফলে স্কুলগুলির ছুটি এগিয়ে আনা হয়েছে। সরকারি স্কুল সবই বন্ধ করে দেওয়ার সিদ্ধআন্ত নিয়ে শিক্ষা দফতর। বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার জন্য আবেদন করা হয়েছে। সেই মতো কলকাতা-সহ জেলার বিভিন্ন স্কুল হয় ছুটি দিয়েছে নতুবা স্কুল বন্ধ করে অনলাইন মোডে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: ডায়াবেটিক কেজরিওয়াল জেলে আম খাচ্ছেন! মেডিক্যাল গ্রাউন্ডে জামিন পেতে, দাবি ইডির

    Arvind Kejriwal: ডায়াবেটিক কেজরিওয়াল জেলে আম খাচ্ছেন! মেডিক্যাল গ্রাউন্ডে জামিন পেতে, দাবি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: আম আদমি পার্টির সুপ্রিমো (Arvind Kejriwal) জড়ালেন আম-বিতর্কে। ইডির দাবি, ডায়াবেটিক হওয়া সত্ত্বেও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে বসে আম খাচ্ছেন। ইচ্ছাকৃত রক্তে শর্করার মাত্রা বাড়াতে চাইছেন, যাতে মেডিক্যাল গ্রাউন্ডে জামিন পেতে পারেন। বৃহস্পতিবার সকালেই কেজরিওয়াল তাঁর চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলতে চেয়েছিলেন বলে জানা যায়। রাউস অ্যাভিনিউ কোর্টে তাঁর রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করানোর আবেদনও করেন গত ২১ মার্চ ইডির হাতে ধৃত কেজরিওয়াল (Arvind Kejriwal)।

    ইচ্ছাকৃতভাবে জেলে আম মিষ্টি খাচ্ছেন কেজরিওয়াল

    আদালতে ইডি জানায়, কেজরিওয়াল (Arvind Kejriwal) রোজ বাড়ি থেকে আনা আলু পুরি, আম, মিষ্টি খান। আর তাতে তাঁর রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি হবেই। ইডি দাবি করে, মেডিক্যাল গ্রাউন্ডে জামিন পেতে এই কৌশল নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিন আদালত তিহাড় সংশোধনাগারের কাছে কেজরীর ডায়েট চার্ট চায়। ১৯ এপ্রিল ফের এই মামলার শুনানি হবে।

    আরও পড়ুন: নৌসেনার পরবর্তী প্রধান ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি, নাম ঘোষণা কেন্দ্রের

    আপ নেত্রীর দাবি ও দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের মন্তব্য

    আপ নেত্রী আতিশী দাবি করেন, “সকলেই জানেন অরবিন্দ কেজরীবাল ৩০ বছর ধরে ডায়াবেটিক। প্রতিদিন ৫৪ ইউনিট ইনসুলিন নিতে হয় তাঁকে। যে কোনও ডাক্তারকে জিজ্ঞাসা করুন। আর সে কারণেই আদালত তাঁর বাড়ির খাবারের অনুমতি দিয়েছে। বাড়িতে রান্না করা খাবার খান তিনি। সব খাবারই ডাক্তারের প্রেসক্রাইব করা।” একইসঙ্গে ইডি কেজরীর আম খাওয়ার যে দাবি করেছেন, আতিশী তা উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, চায়ে যে মিষ্টি খান সেটাও ডাক্তারের মেপে দেওয়া। আপের এমন দাবির পরেই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা সমাজ মাধ্যমের পাতায় জানান, আপের এমন দাবির তদন্ত হওয়া উচিত। এর পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্য়ে জেল কর্তৃপক্ষের কাছে রিপোর্টও চেয়ে পাঠিয়েছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hindu In Bangladesh: রাম নবমীতেও হামলা, বাংলাদেশের মন্দিরে ভাঙচুর করা হল মূর্তি

    Hindu In Bangladesh: রাম নবমীতেও হামলা, বাংলাদেশের মন্দিরে ভাঙচুর করা হল মূর্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশের হিন্দুদের (Hindu In Bangladesh)মন্দিরগুলি নিরাপদ নয়। একের পর এক হিন্দু মন্দিরে হামলা এবং বিগ্রহ ভাঙচুরের ঘটনা ঘটেই চলেছে। গত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় একাধিক ঘটনা সামনে এসেছে। সম্প্রতি সে দেশের গাইবন্ধ জেলায় মূর্তি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত ১৭ এপ্রিল এই ঘটনাটি ঘটে গাইবন্ধ জেলার পলাশবাড়ী এলাকাতে। যেখানে রাতে দুষ্কৃতীরা হামলা করে মূর্তি ভাঙচুর করে।

    রাম নবমীতে হিন্দু মন্দিরে হামলা

    প্রসঙ্গত চলতি সপ্তাহেই শেষ হয়েছে চৈত্র নবরাত্রি। রাম নবমীর উদযাপনের মধ্য দিয়ে তা সমাপ্ত হয়েছে। বাসন্তী পুজোর রাম নবমীর দিনই এই হামলার ঘটনা ঘটে। জানা গিয়েছে, স্থানীয় হিন্দুরা বাসন্তী পূজার আয়োজন করে মন্দিরে। ধর্মীয় বিভিন্ন গান সেখানে মাইকে বাজানো হচ্ছিল। এতেই উগ্র মৌলবাদী ইসলামিক কিছু গোষ্ঠী আপত্তি জানায় (Hindu In Bangladesh)। তারা হুমকি দেয় যে মাইক বন্ধ করতে হবে। কিন্তু স্থানীয় হিন্দুরা তাদের কথায় সম্মতি জানায়নি। মাইকে চলতে থাকে ধর্মীয় গান। এতেই সে দেশের উগ্র ইসলামিক গোষ্ঠী লাউডস্পিকার এর মাধ্যমে স্থানীয় মসজিদ থেকে ঘোষণা করতে থাকে। তাদের সম্প্রদায়কে জমায়েত হওয়ার আহ্বান জানায়। কয়েক মিনিটের মধ্যে মুসলিম সম্প্রদায়ের একটি ভিড় এরপরেই মন্দিরে হামলা চালায়। বাসন্তী পূজায় দেবী দুর্গার মূর্তিকে ভাঙচুর করা হয়। মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা হিন্দুদের ওপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ।

    গতমাসেও হামলা চালানো হয়

    গত মাসেই বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় হিন্দু মন্দিরে (Hindu In Bangladesh) দুষ্কৃতীরা তান্ডব চালায়। রাতের অন্ধকারে হিন্দু মন্দির আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। গত মাসের ১৮ তারিখে এই ঘটনা ঘটে। তারপরে এক মাসের মাথায় ফের একবার রাম নবমীর দিনে  দেবী দুর্গার মূর্তি ভাঙার ঘটনা ঘটল। গত মাসের ঘটনায় মন্দিরের ভিতরে থাকা কালী মাতা এবং ভগবান শিবের প্রতিমাকে পুড়িয়ে দেওয়া হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • BrahMos Missiles: আরও চাপে চিন! ফিলিপিন্সে পোঁছল ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র

    BrahMos Missiles: আরও চাপে চিন! ফিলিপিন্সে পোঁছল ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: কূটনৈতিক এবং সামরিক ক্ষেত্রে বড় পদক্ষেপ করল ভারত। চিনকে চাপে রাখতে ইতিমধ্যেই ফিলিপিন্সের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির আওতায় শুক্রবার সকালেই ফিলিপিন্সে প্রথম দফায় পৌঁছল ব্রহ্মস ক্ষেপণাস্ত্র (BrahMos Missiles)। ইতিমধ্যেই চিনকে নিশানায় রেখে লাদাখ ও অরুণাচলে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বসিয়েছে ভারত। এবার এই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চলে গেল ফিলিপিন্সের নৌ বাহিনীর হাতেও।

    সর্ববৃহৎ সামরিক রফতানি চুক্তি 

    ফিলিপিন্সের সঙ্গে এখনও পর্যন্ত সর্ববৃহৎ সামরিক রফতানি চুক্তি স্বাক্ষর করেছে ভারত (India-Philippines Relations)। শুক্রবার ভোরেই ফিলিপিন্সে পৌঁছে যায় ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। ভারতীয় বায়ুসেনার (IAF C-17) বিমানে চাপিয়ে ফিলিপিন্সে ক্ষেপণাস্ত্র পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে নাগপুর থেকে রওনা দেয় বায়ুসেনার ওই বিমান। শুক্রবার ভোরে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পৌঁছয়। এর সঙ্গে ছিল তিনটি সাধারণ বিমানও। যাতে ছিল অন্যান্য সামরিক সরঞ্জাম এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সহায়ক যন্ত্রাংশ।

    কেন ফিলিপিন্সে ব্রহ্মস

    ফিলিপিন্সের উপকূলীয় নিরাপত্তার কাজে ভারতে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হবে। পশ্চিম ফিলিপিন্স সাগরে আধিপত্য নিয়ে চিনের সঙ্গে সংঘাত রয়েছে ফিলিপিন্সের। সেই আবহে ভারতের সঙ্গে ফিলিপিন্সের এই সামরিক চুক্তিতে চিনের উপর চাপ বাড়বে বলে মনে করছেন কূটনীতিকরা। ভারত ও রাশিয়ার মধ্যে যৌথ উদ্যোগে গঠিত ব্রহ্মস এরোস্পেস সংস্থায় তৈরি ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও দ্রুতগামী। স্থলভূমির পাশাপাশি ডুবোজাহাজ, জাহাজ, যুদ্ধবিমান থেকে ছোড়া সম্ভব। এই ক্ষেপণাস্ত্রই এবার শোভা পাবে ফিলিপিন্সের নৌ বাহিনীর সমর সম্ভারে। 

    কবে হয়েছিল চুক্তি

    ২০২২ সালের জানুয়ারি মাসে ফিলিপিন্সের সঙ্গে সামরিক চুক্তির ঘোষণা করে ভারত। চুক্তি যদিও ২০২১ সালের ৩১ ডিসেম্বরই স্বাক্ষরিত হয়।  বিদেশে সামরিক সরঞ্জাম রফতানির ক্ষেত্রে ফিলিপিন্সের সঙ্গে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম অন্য দেশের সঙ্গে সামরিক সরঞ্জাম রফতানির এত বড় চুক্তি স্বাক্ষর করেছিল ভারত।  যা শুক্রবার বাস্তব রূপ পেল। মোট ২,৭০০ কোটি টাকার বিনিময়ে ভারতের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর করেছে ফিলিপিন্স। ওই চুক্তির আওতায় ২৯০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র  প্রযুক্তি কিনছে তারা। ক্ষেপণাস্ত্রের তিনটি ব্যাটারিও তাদের বিক্রি করছে ভারত। গত বছর ফেব্রুয়ারি মাসে ফিলিপিন্স নৌসেনার ২১ সৈনিককে এ বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: মহম্মদ শামিকে ‘ভাই’ সম্বোধন, ভারতীয় পেসারের আরোগ্যও কামনা করলেন মোদি

    PM Modi: মহম্মদ শামিকে ‘ভাই’ সম্বোধন, ভারতীয় পেসারের আরোগ্যও কামনা করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের ১০২ কেন্দ্রে যখন চলছে লোকসভা নির্বাচন, তখন উত্তরপ্রদেশের আমরোহায় প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রচার চলাকালীন হঠাৎই তাঁর মুখে শোনা যায় ক্রিকেটার মহম্মদ শামির নাম। ওয়ার্ল্ড কাপের প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী বললেন, “কামাল পারফরমেন্স দেখিয়েছেন ভাই মহম্মদ শামি।”

    কী বললেন প্রধানমন্ত্রী? (PM Modi)

    বিজেপি আয়োজিত এই জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “আমরোহার ঢোলক জিআই ট্যাগ পেয়েছে। আর শামি বাজিয়ে দিয়েছেন দেশের ডঙ্কা। এই ঢোলকের শব্দ যেন বারংবার বলে দিচ্ছে কমলে ছাপ।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আমরোহা কেবল ঢোল নয়, দেশের ডঙ্কাও বাজিয়ে দেবে। ক্রিকেট বিশ্বকাপে ভাই মহম্মদ শামি যে কামাল দেখিয়েছিলেন, তা উপভোগ করেছিল তামাম বিশ্ব। দুর্দান্ত পারফরমেন্সের জন্য কেন্দ্র তাঁকে অর্জুন খেলরত্ন পুরস্কারে ভূষিত করেছে। যোগ আদিত্যনাথের সরকার তাঁর জেলায় একটি স্টেডিয়াম বানিয়ে দিয়েছে।”

    শামিকে জড়িয়ে ধরেছিলেন মোদি

    প্রধানমন্ত্রীর মুখে আগেও শোনা গিয়েছে শামির নাম। বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়েছিল ভারত। মুষড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। সেই সময় সটান ড্রেসিং রুমে চলে যান প্রধানমন্ত্রী। শামিকে বুকে টেনে নেন। তারপর আর চোখের জল ধরে রাখতে পারেননি এই বোলার। এদিনের সভায় ফের আরও বেশি করে জনতাকে মতদান করতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ নির্ভর করবে আপনাদের মূল্যবান ভোটের ওপর। অ-বিজেপি সরকারের আমলে আমরোহার তেমন উন্নতি হয়নি। তবে উত্তরপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ব্যাপক উন্নয়ন হয়েছে আমরোহায়।”

    আরও পড়ুুন: কোথাও তৃণমূলের বুথ দখল, কোথাও ছাপ্পা, হামলা! ভোটে অশান্ত উত্তরবঙ্গ

    প্রসঙ্গত, চলতি বছরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শামির হাতে তুলে দেন অর্জুন পুরস্কার। খ্যাতনামা এই পেসার চলতি বছরের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। গোড়ালিতে অস্ত্রোপচার হওয়ায় আপাতত সেপ্টেম্বরের আগে বাইশ গজে ফিরতে পারবেন না তিনি। গোড়ালিতে অস্ত্রোপচারের ছবি সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শামি। সেই ছবি দেখে প্রধানমন্ত্রী এই পেসারের উদ্দেশে লেখেন, “আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি। আমি আশাবাদী, আপনার এই চোট দ্রুত সেরে যাবে। সাহসের সঙ্গে আপনি এই সময়ের মোকাবিলা করবেন (PM Modi)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share