Tag: bangla news

bangla news

  • National Anthem Disrespect Case: মুখ পুড়েছে সিঙ্গল বেঞ্চে, জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় ডিভিশন বেঞ্চে রাজ্য

    National Anthem Disrespect Case: মুখ পুড়েছে সিঙ্গল বেঞ্চে, জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় ডিভিশন বেঞ্চে রাজ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি বিধায়কদের নাকাল করতে গিয়ে মুখ পুড়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। তার পরেও অবশ্য জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় (National Anthem Disrespect Case) হাল ছাড়তে নারাজ রাজ্য সরকার। আজ, বুধবার সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। সেখানে মিলেছে মামলা দায়ের করার অনুমতি। শুনানির সম্ভাবনা আগামী সপ্তাহে।

    বিচারপতি সেনগুপ্তের নির্দেশ

    প্রসঙ্গত, ৭ ডিসেম্বর বিচারপতি জয় সেনগুপ্ত বিধানসভায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় ১০ জানুয়ারির মধ্যে হলফনামা পেশ করতে বলেছিলেন  রাজ্য সরকারকে। ১৭ জানুয়ারি পর্যন্ত মামলাকারীদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছিল আদালত। কলকাতা পুলিশের সব তদন্তে স্থগিতাদেশও দিয়েছিলেন বিচারপতি সেনগুপ্ত। সেই (National Anthem Disrespect Case) নির্দেশের বিরুদ্ধেই এদিন প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে রাজ্য সরকার।

    জাতীয় সঙ্গীত অবমাননা মামলা

    ঘটনার সূত্রপাত গত বুধবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসেছিলেন শাসক দলের মন্ত্রী-বিধায়করা। ওই সময় মিটার পঞ্চাশেক দূরে বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ প্রদর্শন করছিলেন পদ্ম-বিধায়করা। সরকার বিরোধী স্লোগানও দিচ্ছিলেন। অভিযোগ, তৃণমূল বিধায়করা যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন, তখনও বিজেপি বিধায়করা স্লোগান দিচ্ছিলেন বলে অভিযোগ। এর পরেই ১২ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগপত্র পেশ করা হয় তৃণমূলের তরফে। এই ১২ জনের তালিকায় নাম ছিল আলিপুরদুয়ারের দলবদলু (পদ্ম প্রতীকে জিতে ভিড়েছেন ঘাসফুল শিবিরে) সুমন কাঞ্জিলালও। পরে অবশ্য তালিকা থেকে বাদ দেওয়া হয় তাঁর নাম।

    আরও পড়ুুন: সংসদে প্রশ্ন করছিলেন বাংলার বিজেপি সাংসদ, তখনই লাফ দিল ওরা! জানেন কারা তারা?

    স্পিকার এই ১১ জন বিধায়কের বিরুদ্ধে অভিযোগপত্র পাঠিয়ে দেন লালবাজারে। পরে তাঁদের নোটিশ পাঠায় কলকাতা পুলিশ। এর পরেই হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়করা। ওই মামলার শুনানিতে রাজ্য সরকারকে ভর্ৎসনা করে বিচারপতি সেনগুপ্ত বলেছিলেন, এটি একটি ছেলেমানুষি মামলা। তখনই তিনি জানিয়ে দিয়েছিলেন জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় (National Anthem Disrespect Case) এখনই কোনও পদক্ষেপ করা যাবে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Calcutta High Court: ভুয়ো আইএএস দেবাঞ্জনের নিরাপত্তার আবেদনে সাড়া দিল না হাইকোর্ট

    Calcutta High Court: ভুয়ো আইএএস দেবাঞ্জনের নিরাপত্তার আবেদনে সাড়া দিল না হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রধান অভিযুক্ত দেবাঞ্জন দেব। বুধবার দেবাঞ্জনের আবেদনে কর্ণপাত করল না কলকাতা হাইকোর্ট। দেবাঞ্জনকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি কেন্দ্র ও রাজ্য সরকারের উপর ছেড়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

    দেবাঞ্জনের দাবি

    বুধবার আদালতে দেবাঞ্জনের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, প্রভাবশালীরা এই ঘটনায় যুক্ত। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে রাজ্যের একাধিক প্রভাবশালী যুক্ত। তাঁদের বাঁচাতে তথ্যপ্রমাণ নষ্ট করছে কলকাতা পুলিশ। একই সঙ্গে, দেবাঞ্জনের আইনজীবী দাবি করেন, জামিনে মুক্তির পর তাঁর মক্কেলের নিরাপত্তাও প্রশ্নের মুখে। তাই তাঁকে কেন্দ্রীয় বাহিনীর পাহারা দেওয়া হোক। এই ২ দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দেবাঞ্জন দেব। তবে বিকাশবাবুর সওয়ালে কর্ণপাত করেনি আদালত। মামলার শুনানিতে বিচারপতি বলেন, ‘অভিযুক্ত কী করে তদন্তে হস্তান্তর চাইতে পারেন? এতদিন পর কেন এই কথা বলা হচ্ছে? মূল অভিযুক্তের অভিযোগকে কেন গুরুত্ব দেবে আদালত?’

    কী বলল আদালত

    প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে ভুয়ো প্রতিষেধক শিবির চালানোর অভিযোগে দেবাঞ্জনকে গ্রেফতার করেছিল কসবা থানার পুলিশ। তিনি সম্প্রতি বিস্ফোরক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। দেবাঞ্জনের অভিযোগ, কলকাতা পুলিশ এই ঘটনার মাথাদের আড়াল করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাশাপাশি, এই ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে দেওয়ার আবেদন জানিয়ে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দেবাঞ্জন। বুধবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তাতে বিচারপতির মন্তব্য, “দেবাঞ্জন দেব নিশ্চই প্রভাবশালী ছিলেন। সেই কারণেই তিনি ভ্যাকসিন দেওয়ার ক্যাম্প বা অন্য কর্মসূচি করতে পারতেন। কিন্তু তার মানে এই নয়, যে যাঁদের নামে অভিযোগ করছেন, তাঁদের প্রত্যক্ষ মদতে তিনি এসব কাজ করছেন।”

    আরও পড়ুন: এসএসসি-র অবস্থান স্পষ্ট নয়! কেন ৫ হাজার জনের চাকরি বাতিল? প্রশ্ন হাইকোর্টের

    এদিন সওয়াল জবাবের পর বিচারপতি সেনগুপ্ত বলেন, ‘এখনও তদন্ত হচ্ছে। এই নথি থেকে এখনও অন্য কারও যুক্ত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে না। আরও খতিয়ে দেখতে হবে।’ বিচারপতি সেনগুপ্তর নির্দেশ, ‘আদালত তাঁকে নিরাপত্তা দেওয়ার কোনও নির্দেশ দিচ্ছে না। তবে তিনি প্রয়োজন হলে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করতে পারবেন। রাজ্য ও কেন্দ্র দ্রুত তাঁর আবেদন বিবেচনা করবে।’ এই মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি দুপুর তিনটের সময়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ayodhya: অযোধ্যায় চলছে ১৭৮ প্রকল্প, বরাদ্দ সাড়ে ৩০ হাজার কোটি, সৌর শহর হিসেবে গড়ে উঠছে রামনগরী

    Ayodhya: অযোধ্যায় চলছে ১৭৮ প্রকল্প, বরাদ্দ সাড়ে ৩০ হাজার কোটি, সৌর শহর হিসেবে গড়ে উঠছে রামনগরী

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। এ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যে অযোধ্যাকে (Ayodhya) ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্যের যোগী সরকার এবং কেন্দ্রের মোদি সরকার। জানা গিয়েছে দুই সরকার মিলে এখনও পর্যন্ত সাড়ে ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। চলছে ১৭৮টি প্রকল্পের কাজ। পাশাপাশি বিদ্যুৎ খরচ কমাতে সৌরশক্তি ভিত্তিক নগর হিসেবেও গড়ে তোলা হচ্ছে অযোধ্যাকে। এক্ষেত্রে সরকার ৮টি নীতি নিয়েছে, সেগুলি হল সাংস্কৃতিক অযোধ্যা, সক্ষম অযোধ্যা, আধুনিক অযোধ্যা, সুগম্য অযোধ্যা, সুন্দর অযোধ্যা, আবেগপূর্ণ অযোধ্যা, স্বচ্ছ অযোধ্যা ও আয়ুষ্মান অযোধ্যা।

    নয়া অযোধ্যা নির্মাণে সরকারের ৮ নীতি

    সাংস্কৃতিক অযোধ্যা

    এই নীতির মাধ্যমে সারা ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসাবে অযোধ্যাকে গড়ে তুলতে চায় কেন্দ্র ও রাজ্য। মঠ, মন্দির, আশ্রম এই সমস্ত কিছুই বানানো হচ্ছে এই নীতির আওতায়।

    সক্ষম অযোধ্যা

    নরেন্দ্র মোদি সবসময় আত্মনির্ভরতার কথা বলেন। সক্ষম অযোধ্যা মানে হল আত্মনির্ভর অযোধ্যা (Ayodhya)। চাকরি, পর্যটন সমস্ত ক্ষেত্রে অযোধ্যা যেন আত্মনির্ভর হয়।

    আধুনিক অযোধ্যা

    এই নীতির মাধ্যমে অযোধ্যাকে (Ayodhya) বিশ্বমানের শহর হিসেবে গড়ে তুলতে চায় কেন্দ্র ও রাজ্য।

    সুগম্য অযোধ্যা

    এই নীতির মাধ্যমে অযোধ্যার যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে চায় কেন্দ্র ও রাজ্য সরকার। এর জন্য সেখানে তৈরি করা হচ্ছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর। এর পাশাপাশি সরযূ নদীর জলপথকেও ব্যবহার করা হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যম হিসেবে।

    সুন্দর অযোধ্যা

    এই নীতির মাধ্যমে অযোধ্যার সৌন্দর্যায়নে দৃষ্টি দিচ্ছে রাজ্য ও কেন্দ্র সরকার। পুকুর জলাশয়ের পাশে বাগান  তৈরি করা হচ্ছে।

    আবেগপূর্ণ অযোধ্যা

    এই নীতির মাধ্যমে অযোধ্যাকে কেন্দ্র করে সনাতন ধর্মের মানুষের আবেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

    স্বচ্ছ অযোধ্যা

    এই নীতির মাধ্যমে অযোধ্যাকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলা হচ্ছে অযোধ্যাকে।

    আয়ুষ্মান অযোধ্যা

    এই নীতির মাধ্যমে অযোধ্যার সার্বিক স্বাস্থ্য ব্যবস্থায় দৃষ্টি দেওয়া হয়েছে। শহরে নাগরিকদের প্রভূত উন্নতি করা হচ্ছে চিকিৎসা ব্যবস্থায়।

    অযোধ্যার উল্লেখ মেলে পুরাণেও

    অত্যন্ত পুরাতন নগর বলে পরিচিত অযোধ্যার কথা পাওয়া যায় পুরাণ থেকে শুরু করে বেদ সর্বত্র। ভগবান রামের জন্মস্থান হিসেবেও তা প্রসিদ্ধ। ২০১৪ সালে মোদি সরকার আসার পর থেকেই অযোধ্যার উপরে বিশেষ দৃষ্টি দেয় কেন্দ্র সরকার। পরবর্তীকালে ২০১৭-তে উত্তরপ্রদেশের ক্ষমতাতেও আসে বিজেপি সরকার। সেই সময় থেকেই কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে অযোধ্যার উন্নয়নে দৃষ্টি দেয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • SSC: এসএসসি-র অবস্থান স্পষ্ট নয়! কেন ৫ হাজার জনের চাকরি বাতিল? প্রশ্ন হাইকোর্টের

    SSC: এসএসসি-র অবস্থান স্পষ্ট নয়! কেন ৫ হাজার জনের চাকরি বাতিল? প্রশ্ন হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে পাঁচ হাজার চাকরি বাতিল নিয়ে এসএসসি-র অবস্থান স্পষ্ট নয়। হাইকোর্টের ঘাড়ে দায় চাপিয়ে নিজেদের অবস্থান ঠিক করতে পারল স্কুল সার্ভিস কমিশন। এমনই অভিমত আদালতের।  বুধবার ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। হলফনামায় আদালতের ঘাড়েই দায় চাপায় এসএসসি। এতেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি দেবাংশু বসাক। তাঁর নির্দেশ চাকরি বাতিলের ‘অবস্থান’ প্রসঙ্গে নিজেদের মত ১৮ ডিসেম্বর মধ্যে স্পষ্ট করতে হবে এসএসসিকে। 

    কী বলল আদালত

    এই প্রসঙ্গে হাইকোর্টে এসএসসি জানিয়েছিল, এই নিয়োগের ক্ষেত্রে অনিয়ম খুঁজে পাওয়া গিয়েছে। আর তাই বরখাস্ত করা হয়েছে তাঁদের। অন্যদিকে, আবার স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে জানায়, হাইকোর্ট নির্দেশ দেওয়ায় বরখাস্ত করতে হয়েছে এই পাঁচ হাজার জনকে। উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। আগামী ছয় মাসের মধ্যে যাতে শুনানি শেষ হয় সেই বিষয়টিও দেখার কথা কলকাতা হাইকোর্টকে জানিয়েছিল শীর্ষ আদালত। এদিন ডিভিশন বেঞ্চের নির্দেশ, বোর্ড মিটিং করে পাঁচ দিনের মধ্যে কমিশনকে তাঁদের  সুনির্দিষ্ট ‘অবস্থান’ জানাতে হবে। 

    আরও পড়ুন: মন্ত্রী জ্যোতিপ্রিয়র মদতেই বিপুল সাম্রাজ্য! ২ জেলাতেই ১০০-র বেশি সম্পত্তি বাকিবুরের

    চাকরি বাতিল নিয়ে এদিন এসএসসি-র আগের হলফনামাও ফিরিয়ে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চের বক্তব্য, হাইকোর্ট যার পক্ষেই রায় দিক, তার ফলে কেউ না কেউ প্রভাবিত হবে। চাকরিহারাদের মধ্যে অনেক প্রার্থী আইন অনুযায়ী চাকরি পেয়েছেন আবার অনেকে ভুয়ো প্রার্থীও আছেন। যাঁরা সঠিক তাঁরা কেন ফল ভুগবে? এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য জানতে চেয়েছিল আদালত। যদিও কমিশন জানিয়েছিল তাঁরা হাইকোর্টের নির্দেশেই চাকরি বাতিল করেছে। তবে এতে সন্তুষ্ট ছিল না ডিভিশন বেঞ্চ। এসএসসির নিজস্ব মত জানতে চায় আদালত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha: সংসদে প্রশ্ন করছিলেন বাংলার বিজেপি সাংসদ, তখনই লাফ দিল ওরা! জানেন কারা তারা?

    Lok Sabha: সংসদে প্রশ্ন করছিলেন বাংলার বিজেপি সাংসদ, তখনই লাফ দিল ওরা! জানেন কারা তারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: “লোকসভার (Lok Sabha) প্রশ্নোত্তর পর্বে স্পিকারের অনুমতি নিয়ে আমি প্রশ্ন উত্থাপন করছিলাম। তিরিশ সেকেন্ড মতো বলেছি, তখনই পিছনে আমার ডান দিকের গ্যালারি থেকে এক যুবক চেম্বারে ঝাঁপ দেন। আমি ঘাড় ঘুরিয়ে তাঁকে দেখি। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নপাঠ শেষ করতে হয় বলে প্রথমে থামিনি। ফের স্পিকারের দিকে তাকিয়ে প্রশ্ন পাঠ করতে থাকি। তখন দেখি আমার সামনে থাকা সাংসদরা হইহই করে ওই যুবককে ধরতে ছোটেন। এগিয়ে আসেন নিরাপত্তাকর্মীরাও। এর মধ্যে এক যুবতী গ্যালারি থেকে ঝাঁপ দেন। সবাই মিলে দুজনকে ধরে ফেলেন। তবে তাঁরা আগে থেকে জুতোয় রাখা কোনও রাসায়নিক কক্ষে ছড়িয়ে দিয়েছিলেন। যার জেরে অধিবেশন কক্ষ ধোঁয়ায় ভরে যায়। এর মধ্যেই অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার।” বুধবার লোকসভায় ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা শোনালেন মালদহ উত্তরের সাংসদ বিজেপির খগেন মুর্মু।

    হানাদারদের পরিচয়

    জানা গিয়েছে, এদিন জিরো আওয়ারে যারা দর্শক গ্যালারি থেকে লাফিয়ে পড়েছিলেন তাঁরা হলে মহারাষ্ট্রের অমল শিন্ডে ও হরিয়ানার নীলম সিংহ। লাফ দেওয়ার সময়ও তারা স্লোগান দিচ্ছিল ‘তানাশাহি নেহি চলেগা’। এদিনই ছিল সংসদ হানার বর্ষপূর্তি। থতমত খেয়ে যান সাংসদরা। সাহস করে তাদের ধরে ফেলেন লোকসভার দুই সাংসদ। একজন বহুজন সমাজবাদী পার্টির সাংসদ মালুক নাগর এবং অন্যজন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ হনুমান বেনিওয়াল। দিল্লি পুলিশের হাতে আটক হয়েছে সাগর শর্মা নামে আরও একজন।

    ভিজিটর পাস কোথায় পেলেন?

    সে-ই পুরো ঘটনায় নেতৃত্ব দিচ্ছিল বলে অভিযোগ। সাগর এক সংসদ সদস্যের কাছ থেকে ভিজিটর পাস জোগাড় করেছিল। তারই সঙ্গে নীলম কৌর নামেও একজন ঢোকার চেষ্টা করেছিল সংসদে। দুই দলের দুই সাংসদের হাতে ধরা পড়ার আগেই জুতোয় রাখা কোনও রাসায়নিক ছড়িয়ে দেয় হানাদারেরা। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় অধিবেশন কক্ষ (Lok Sabha)। অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। সাংসদ কংগ্রেসের কার্তি চিদম্বরম জানান, তিনি প্রথমে ভেবেছিলেন দর্শক গ্যালারি থেকে কেউ পড়ে গিয়েছেন। দ্বিতীয় ব্যক্তি লাফ দেওয়ার পর তিনি বুঝতে পারেন নিরাপত্তা লঙ্ঘন করে কেউ ঢুকে পড়েছে (Lok Sabha)।

    আরও পড়ুুন: আইসিইউ থেকে কার্ডিওলজি বিভাগে, ‘কাকু’র ‘নাগাল’ পেতে আইনি পরামর্শ নিচ্ছে ইডি!

    সভায় ছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। তিনি বলেন, “দুই যুবক গ্যালারি থেকে ঝাঁপ দিয়েছিলেন। তাঁরা এমন কিছু একটা ছুড়েছিলেন, যা থেকে গ্যাস নির্গত হচ্ছিল। আমাদের দুই সাংসদের হাতে ধরা পড়েন তাঁরা। পরে নিরাপত্তাকর্মীরা তাঁদের বের করে নিয়ে যান।” এদিনই ছিল সংসদে হামলার ২২ বছর পূর্তি। সেদিনই কীভাবে ওই দুই ব্যক্তি ‘স্মোক গ্রেনেড’ নিয়ে নিরাপত্তার বলয় পেরিয়ে ঢুকে পড়ল সংসদের অন্দরে, তা নিয়ে উঠছে প্রশ্ন। সাংসদদের নিরাপত্তায় যে ফোকর রয়েছে, তাও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সংসদের (Lok Sabha) এদিনের ঘটনা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: ‘‘রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলছে পুলিশই’’, বিদ্যুৎ চক্রবর্তী ইস্যুতে মন্তব্য আদালতের

    Calcutta High Court: ‘‘রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলছে পুলিশই’’, বিদ্যুৎ চক্রবর্তী ইস্যুতে মন্তব্য আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে করা মামলায় পুলিশের আচরণে বিরক্তি প্রকাশ করতে দেখা গেল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির জয় সেনগুপ্তকে। এর পাশাপাশি আদালতে বুধবার নির্দেশ দিয়েছে, প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করা যাবে না বলে জানিয়েছে আদালত। এদিন বিচারপতি আরও বলেন, ‘‘রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলছে পুলিশই।’’

    ঠিক কী অভিযোগ আনে পুলিশ

    প্রসঙ্গত, গত ৭ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লেখেন বিশ্বভারতীর প্রাক্ন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পী সত্ত্বা নিয়ে বিদ্যুৎ চক্রবর্তী নিজের মত প্রকাশ করেন। ওই চিঠিতে রবীন্দ্রনাথের লেখা নিয়ে দীর্ঘ আলোচনা করেন উপাচার্য। সে নিয়েই পুলিশ মামলা দায়ের করে। এবিষয়ে হাইকোর্ট (Calcutta High Court) প্রশ্ন তুলেছে বুধবার। বিচারপতি সেনগুপ্ত প্রশ্ন করেন, ‘‘এই চিঠি লেখায় অপরাধ কি আছে?’’ জবাবের রাজ্য সরকার আইনজীবী সেভাবে কোনও উত্তর দিতে পারেননি। শুধু বলেন, ‘‘তদন্ত করে দেখতে হবে।’’ রাজ্য সরকারের আইনজীবীর এমন উত্তর শুনে বিরক্ত হন প্রধান বিচারপতি। তখন তিনি  বলতে থাকেন, ‘‘এমন নয় যে উপাচার্যের এই চিঠি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি বেঁধে যেতে পারে।’’এরপরই তিনি বলেন, ‘‘ভাগ্যিস রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে নেই। থাকলে কী যে করতেন! তাঁকেও অভিযুক্ত করে দিতেন আপনারা!’’

    তাপস পালের প্রসঙ্গও উঠে আসে বুধবারের শুনানিতে

    অন্যদিকে, হোয়াটসঅ্যাপে দুর্গাপুজোর ইতিহাস ব্যাখ্যা করেন বিদ্যুৎ চক্রবর্তী। সে নিয়েও মামলা দায়ের করে পুলিশ। পুলিশের অভিযোগ, দুর্গাপুজো নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিদ্যুৎ চক্রবর্তী। এ নিয়ে বিদ্যুৎ চক্রবর্তীর আইনজীবী বলেন, ‘‘বাড়িতে দুর্গাপুজো হয় এখানে পুজোর ইতিহাস ব্যাখ্যা করা হয়েছে। এটা বিরূপ কেন হবে? এ প্রসঙ্গে উঠে আসে তাপস পালের কথাও। বিদ্যুৎ চক্রবর্তীর আইনজীবী (Calcutta High Court) বলতে থাকেন, ‘‘তাপস পালের একটি মামলায় আমি আইনজীবী ছিলাম, তাপস পাল তখন বলেছিলেন ‘ঘরে ছেলে ঢুকিয়ে দেব’। এই ঘটনায় পুলিশ কোনও এফআইআর করেনি। তবে এখানে পুলিশকে এফআইআর করতে দেখা গেছে।’’ এই মামলার পরবর্তী শুনানি হবে ১১ জানুয়ারি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kalighater Kaku: আইসিইউ থেকে কার্ডিওলজি বিভাগে, ‘কাকু’র ‘নাগাল’ পেতে আইনি পরামর্শ নিচ্ছে ইডি!

    Kalighater Kaku: আইসিইউ থেকে কার্ডিওলজি বিভাগে, ‘কাকু’র ‘নাগাল’ পেতে আইনি পরামর্শ নিচ্ছে ইডি!

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ এসএসকেএম হাসপাতালের আইসিইউ থেকে বের করা হল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে (Kalighater Kaku)। মঙ্গলবার রাতে তাঁকে সেখান থেকে বের করা হয়। তবে ‘কাকু’র এই সুস্থতা আশ্বস্ত করতে পারছে না ইডিকে। তাই ‘কাকু’কে কীভাবে এসএসকেএম থেকে বের করে আনা যায়, সে ব্যাপারে আইনজ্ঞের পরামর্শ নিচ্ছে ইডি।

    পথ খুঁজছে ইডি

    গ্রেফতার হওয়ার পর থেকে বারেবারেই ‘অসুস্থ’ হয়ে পড়ছেন ‘কাকু’। মঙ্গলবার আচমকা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে। সুস্থ হওয়ায় বুধবার তাঁকে বের করা হয় সেখান থেকে। তাই ‘কাকু’কে এসএসকেএমের ‘খপ্পর’ থেকে বের করার পথ খুঁজছে ইডি। সূত্রের খবর, এ ব্যাপারে আইনি পরামর্শ নিতে শুরু করেছেন ইডির আধিকারিকরা। কেননা, একমাত্র আদালতের অনুমতি মিললেই ‘কাকু’কে নিয়ে যাওয়া যেতে পারে অন্যত্র।

    কার্ডিওলজির কেবিনে কাকু

    এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে বৈঠকে বসে ‘কাকু’র চিকিৎসায় গঠিত তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড। সেখানে ‘কাকু’র অ্যাঞ্জিওগ্রাফি সহ আরও বেশ কিছু শারীরিক পরীক্ষার রিপোর্ট নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, এই বৈঠকেই স্থির হয় আইসিইউ থেকে বের করে ‘কাকু’কে কার্ডিওলজি বিভাগের কেবিনে স্থানান্তরিত করা হবে। সেই মতো রাতে স্থানান্তরিত করা হয় ‘কাকু’কে (Kalighater Kaku)।

    আরও পড়ুুন: আমেরিকাতেও ছড়িয়েছে গ্যাংস্টার-সন্ত্রাসবাদী আঁতাত, এফবিআইকে জানালো এনআইএ

    ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা পেতে চাইছে ইডি

    নিয়োগ কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই ‘কাকু’। অভিষেকের সংস্থায় তদন্ত করতে গিয়ে একটি কণ্ঠস্বরের হদিশ পায় ইডি। তদন্তকারীদের অনুমান, গলার স্বরটি ‘কাকু’রই। বিষয়টি কলকাতা হাইকোর্টের গোচরে আসার পরেই ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশ দেয় আদালত। সেই স্বরের নমুনা পেতেই হন্যে হচ্ছেন ইডির আধিকারিকরা। হাসপাতাল কর্তৃপক্ষ ‘কাকু’কে না ছাড়ায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাচ্ছে না। রাজনৈতিক মহলের সিংহভাগের মতে, কাকু মুখ খুললে জালে আটকে পড়বে অনেক রাঘব বোয়াল। তাই কাকুর স্বরের নমুনা যাতে কোনওভাবেই সংগ্রহ করা না যায়, তার ব্যবস্থা করতেই নাড়া হচ্ছে যাবতীয় কলকাঠি। যার জেরে মাস দুয়েকেরও বেশি সময় ধরে ‘কাকু’ (Kalighater Kaku) রয়েছেন এসএসকেএমের নিরাপদ ঘেরাটোপে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Ration Scam: মন্ত্রী জ্যোতিপ্রিয়র মদতেই বিপুল সাম্রাজ্য! ২ জেলাতেই ১০০-র বেশি সম্পত্তি বাকিবুরের

    Ration Scam: মন্ত্রী জ্যোতিপ্রিয়র মদতেই বিপুল সাম্রাজ্য! ২ জেলাতেই ১০০-র বেশি সম্পত্তি বাকিবুরের

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টনে দুর্নীতির (Ration Scam) টাকায় শুধুমাত্র ২ জেলাতেই শতাধিক সম্পত্তি করেছেন বাকিবুর রহমান। রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মদতেই কয়েক বছরে বিপুল সাম্রাজ্যের মালিক হয়ে উঠেছেন তিনি। নজর এড়াতে ‘দুর্নীতির টাকা’ বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। এমনই দাবি করেছে ইডি। রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর এবং মন্ত্রী জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে মঙ্গলবার চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    দুই জেলায় শতাধিক সম্পত্তি

    ইডি সূত্রে খবর, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় বাকিবুরের মোট  ১০১টি সম্পত্তির হদিশ মিলেছে। যার মূল্য ৯ কোটি ৭২ লক্ষ টাকা। ইডির দাবি, উত্তর ২৪ পরগনার দেগঙ্গা, বারাসত এবং বাদুড়িয়াতে বাকিবুরের সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। নদিয়ার বিভিন্ন গ্রামেও বাকিবুর এবং তাঁর কয়েক জন আত্মীয়ের প্রচুর সম্পত্তি মিলেছে। এ ছাড়াও কলকাতায় বাকিবুরের কোটি কোটি টাকার বাড়ি, আবাসন, রেস্তরাঁ, বারের হদিশ পেয়েছে ইডি। এমনকি দুবাইয়েও বাকিবুরের সম্পত্তি রয়েছে বলে জানা গিয়েছে ইডির তদন্তে।  

    জ্যোতিপ্রিয়র সক্রিয় যোগ

    চার্জশিটে ইডি দাবি করেছে, মন্ত্রীর আনুকূল্যেই সরকারি তহবিলের ৪৫০ কোটি টাকা গিয়েছে বাকিবুরের কাছে। বাকিবুরের সংস্থার অডিটরকেই উদ্ধৃত করে ইডি জানিয়েছিল, বাকিবুর তাঁর সংস্থার ৫০ কর্মীর নামে ভুয়ো কৃষক হিসেবে ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন। সেই অ্যাকাউন্টগুলিতে ধান কেনার নামে ৪৫০.৩১ কোটি টাকার ফান্ড রিলিজ করা হয়। ‘ওয়েস্ট বেঙ্গল এসেনসিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন লিমিটেড’ ওই ফান্ড দিয়েছিল। চার্জশিটে ইডি জানিয়েছে, এই সংস্থার মাথায় রয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয়ই। কিন্তু এত অর্থ নিয়ে কী করেছিলেন বাকিবুর। ইডির দাবি, সরকারি টাকা নয়ছয়ে মন্ত্রী বালুর সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন বাকিবুর।

    আরও পড়ুন: কনকনে কলকাতা! আজ মরশুমের শীতলতম দিন, রাজ্যজুড়ে নামছে তাপমাত্রা

    কীভাবে রাখা হতো দুর্নীতির টাকা

    কলকাতা নগর দায়রা আদালতে বাকিবুরদের বিরুদ্ধে চার্জশিটে ইডি জানিয়েছে বেআইনি ভাবে রেশনের (Ration Scam) চাল আটা খোলা বাজারে বিক্রি এবং কমদামে ভুয়ো চাষী সাজিয়ে খাদ্যশস্য কেনা-সহ বিভিন্ন উপায়ে বছরের পর বছর এই দুর্নীতি চালিয়েছেন ব্যবসায়ী বাকিবুর। আর তাতে প্রশ্রয় দিয়ে গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় ওরফে বালু যাঁদের যাঁদের কাছে টাকা পাঠাতেন, তাঁদের বেশ কয়েক জনকে চাকরি পাইয়ে দিয়েছেন বলে দাবি ইডির। এঁদের মধ্যে একজন বাকিবুর রহমানের শ্যালক অভিষেক বিশ্বাস। তাঁকে বন দফতরে চাকরি পাইয়ে দিয়েছেন জ্যোতিপ্রিয়। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Madhya Pradesh CM: প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মোহন যাদব

    Madhya Pradesh CM: প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মোহন যাদব

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী (Madhya Pradesh CM) হিসেবে বুধবারই শপথ নিলেন মোহন যাদব (Mohan Yadav)। এদিন তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, এদিন রাজধানী ভোপালের মতিলাল নেহরু স্টেডিয়ামে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি। মহারাষ্ট্রের শিবসেনার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও ছিলেন। এর পাশাপাশি হাজির ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করি।

    ১৯ তম মুখ্যমন্ত্রী হলেন মোহন

    প্রসঙ্গত, মধ্যপ্রদেশের (Madhya Pradesh CM) ১৯তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন যাদব (Mohan Yadav)। এর আগে শিবরাজ সিং চৌহান ছিলেন এই রাজ্যের চারবারের মুখ্যমন্ত্রী। ৫৮ বছর বয়সী মোহন যাদব শপথ নেওয়ার আগে ভোপালের একটি মন্দিরে গিয়ে পুজোও দেন এদিন। এর পাশাপাশি ভারতীয় জনতা পার্টির অন্যতম দুই স্থপতি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধাও জানান তিনি রাজ্য বিজেপির কার্যালয়ে গিয়ে। মোহন যাদবের সঙ্গে এদিন ডেপুটি উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজেন্দ্র শুক্লা এবং জগদীশ দেওরা।

    দলের ওবিসি মুখ মোহন

    মধ্যপ্রদেশের নবনির্বাচিত (Madhya Pradesh CM) মুখ্যমন্ত্রীকে এদিন শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল মাঙ্গু ভাই প্যাটেল। তবে এখনও পর্যন্ত মন্ত্রিসভা গঠন করা হয়নি। সূত্রের খবর, দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পরেই তৈরি হবে মন্ত্রিসভা। প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অত্যন্ত ঘনিষ্ঠ হলেন মোহন যাদব (Mohan Yadav)। তিনি ওবিসি সম্প্রদায়ের অন্তর্গত। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রদেশের ৪৮ শতাংশই মানুষ ওবিসি সম্প্রদায়ভুক্ত। মোহন যাদব প্রথমবার বিধায়ক হন ২০১৩ সালে। সেবার জেতেন উজ্জয়িনী দক্ষিণ কেন্দ্র থেকে। তারপরে টানা তিনবার তিনি জিতলেন। গত ১৭ নভেম্বর এক দফাতেই মধ্যপ্রদেশের সমস্ত আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ৩ ডিসেম্বর ফলাফল বের হতে দেখা যায় বিজেপির জয়জয়কার। ২৩০ টার মধ্যে ১৬৩ টি আসনে জেতে বিজেপি এবং কংগ্রেস জেতে ৬৬ আসনে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Parliament Security Breach: লোকসভায় তুলকালাম! গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে ‘স্মোক ক্যান’ খুলে হামলা, ধৃত ২

    Parliament Security Breach: লোকসভায় তুলকালাম! গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে ‘স্মোক ক্যান’ খুলে হামলা, ধৃত ২

    মাধ্যম নিউজ ডেস্ক: অধিবেশন চলাকালীন সংসদে তুলকালাম। ২২ বছর পর সংসদে ফিরল আতঙ্ক (22 Years of Parliament Attack)। সংসদ হামলার পূর্তির দিনেই বহিরাগতের হামলায় সাময়িক স্থগিত হয়ে গেল সংসদের কাজ (Parliament Security Breach)।

    ঝাঁপ দিয়েই এগনোর চেষ্টা

    ১৩ ডিসেম্বর। ২০০১ সালে এই দিনেই সংসদ ভবনে হয়েছিল সন্ত্রাসবাদী হামলা (22 Years of Parliament Attack)। ২২ বছর পর একই দিনে, ফের আতঙ্ক ছড়াল সংসদের অন্দরে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে গেল সাংসদদের মধ্যে। এদিন নির্ধারিত সূচি অনুযায়ী চলছিল সভার কাজ। আচমকা দর্শকাসন থেকে ঝাঁপ দিলেন ২ জন (Parliament Security Breach)। জুতোর ভেতর থেকে বের করলেন ‘স্মোক ক্যান’। সেই ক্যান থেকে নির্গত হতে থাকে হলুদ ধোঁয়া। লোকসভার ভেতর তখন চারদিকে ধোঁয়ায় ধোঁয়াক্কার অবস্থা।

    আতঙ্কিত হয়ে পড়েন সাংসদরা

    এই পরিস্থিতিতে স্তম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সাংসদরা। ভিডিওতে দেখা যায় এক বহিরাগত ব্যক্তি ঝাঁপ দিয়ে এগনোর চেষ্টা করছেন স্পিকারের দিকে। উপস্থিত সাংসদরা তাঁকে ঘিরে ধরেন। তাঁদের আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার করে পুলিশ (Parliament Security Breach)। একইভাবে, সংসদ ভবনের বাইরেও একজন বহিরাগত স্মোক ক্যান খুললে গোটা চত্বর ধোঁয়ায় ঢেকে যায়। 

    লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘‘দু’জন গ্যালারি থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়েন। তাঁদের হাতে কিছু ছিল। হলুদ রঙের গ্যাস বেরোচ্ছিল তা থেকে। সাংসদেরাই তাঁদের ধরে ফেলেন। পরে নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের ধরে বার করে আনেন।’’ এই ঘটনায় সভার কাজ দুপুর ২টো পর্যন্ত স্থগিত রাখা হয়।

    হুমকি দিয়ে রেখেছিলেন পান্নুন

    সংসদ হামলার বর্ষপূর্তির দিনই সংসদে হামলা চালানোর হুমকি সম্প্রতি দিয়ে রেখেছিলেন খালিস্তানি জঙ্গি নেতা গুরপাতবন্ত সিং পান্নুন। আর ঠিক এদিনই সংসদে হামলা হল (Parliament Security Breach)। গোটাটাই কি কাকতালীয়, নাকি এর সঙ্গে জড়িত খালিস্তানিরা? সব কিছু খতিয়ে দেখছে পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, এক মহিলা সব ২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share